মার্চে গর্বের চূড়ান্ত পর্ব

পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘বিজিএমইএ গর্ব ২০১২’-এর চূড়ান্ত পর্ব (গ্র্যান্ড ফিনালে) হবে আগামী মার্চ মাসে। আয়োজক প্রতিষ্ঠান বিজিএমইএ ও মাত্রার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ‘গর্ব’ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান তৈরির কাজ শেষ হয়েছে।
বাকি আছে শুধু চূড়ান্ত অনুষ্ঠান। আর সেদিন সেরা শিল্পীর শিরোপার জন্য লড়বেন চারজন প্রতিযোগী। এদিকে এই প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিশেষ অতিথি হিসেবে এসেছেন রাজ্জাক, নাসির উদ্দীন ইউসুফ, শাম্মী আখতার, রিজিয়া পারভীন, ডলি সায়ন্তনী, অনন্ত, বর্ষা ও দিনাত জাহান। গর্বের মূল বিচারক সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী ও কনকচাঁপা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আব্দুন নূর তুষার। তাঁকে সহযোগিতা করছেন চৈতি ও রাজু। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করছেন আফজাল হোসেন এবং পরিচালনা করছেন হাসান আবিদুর রেজা। চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রবি, মঙ্গল ও বুধবার রাত নয়টা ৩৫ মিনিটে।