Wednesday, April 27, 2016

‘সুলতান’-এর সেটে কাঁদলেন সালমান!

সালমান খান
ভারতের ‘হরিয়ানার গর্ব’ কুস্তিগির সুলতান আলী খান। আর সেই কুস্তিগিরের জীবন নিয়ে আলী আব্বাস জাফরের ছবি ‘সুলতান’। এ ছবিতে ‘সুলতান’ হচ্ছেন বলিউডের অভিনেতা সালমান খান। এই ছবির ‘জাগ ঘুমিয়া’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন সালমান। ছবির সেই গানটি রেকর্ডিংয়ের সময় নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন এই তারকা। গানটির কথা খুব আবেগনির্ভর। আর সালমান খানও যে মানুষ হিসেবে অত্যন্ত আবেগপ্রবণ, এর প্রমাণও বহুবারই মিলেছে। ‘সুলতান’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ‘জাগ ঘুমিয়া’ গানটির রেকর্ডিং করতে গিয়ে এমন ঘটনা ঘটে। রেকর্ডিং শেষে কিছুক্ষণের জন্য একেবারে নির্বাক হয়ে গিয়েছিলেন তিনি। কোনো এক চিন্তার জগতে যেন হারিয়ে গিয়েছিলেন। সালমান এর আগেও ‘কিক’ ও ‘হিরো’ ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে এবারের গানটি বিশেষ। অবশ্য সালমানের কণ্ঠে এই গান শোনার জন্য দর্শকদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। ‘সুলতান’ মুক্তি পাবে এবার ঈদে।

রজনীকান্তে মুগ্ধ রাধিকা

রজনীকান্ত ও রাধিকা আপ্তে
‘রজনীকান্তের সঙ্গে কাজ করে কে না মজা পাবে? আমি তো অনেক উপভোগ করেছি। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। তিনি একজন অসাধারণ মানুষ। তাঁর মতো আর কেউ নেই।’ কথাগুলো বলেছেন ‘অহল্যা’ তারকা রাধিকা আপ্তে আর তা বলেছেন ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের সম্পর্কে। ভারতের দক্ষিণের ছবির সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘কাবালি’ ছবিতে কাজ করছেন রাধিকা। তামিল এই ছবির মাধ্যমে এই প্রথম রজনীকান্তের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন তিনি। এখানে রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। এত বড় তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে যারপরনাই খুশি এই নায়িকা। ‘ফোবিয়া’ ছবির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এই নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।  তামিল ছবি ‘কাবালি’-র শুটিং শেষ। এখন ডাবিংয়ের কাজ চলছে। খুব শিগগির ছবিটি মুক্তি দেওয়া হবে। রাধিকা ও রজনীকান্তের রসায়ন কতটা জমেছে, সেটা তখনই জানা যাবে।

নিজেদের দাবিই শোনাল দু’পক্ষ

পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যার যার দাবিই বড় করে তুলে ধরল দু’পক্ষ। ইসলামাবাদের দাবি, আগে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে নয়াদিল্লি পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্মূলের আহ্বান জানায়। মঙ্গলবার নয়াদিল্লিতে কিছুটা অনানুষ্ঠানিকভাবেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী ও ভারতের পররাষ্ট্র সচিব এস জয় শঙ্করের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যান পাক পররাষ্ট্র সচিব। টাইমস অব ইন্ডিয়া জানায়, সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আইজাজ আহমেদ চৌধুরীকে স্বাগত জানান পাক হাইকমিশনার আবদুল বসিত।
‘সিনিয়র অফিসিয়ালস মিটিং অব দ্য হার্ট অব এশিয়া-ইস্তাম্বুল প্রসেস’ সম্মেলনে যোগ দিতে ভারতে যান আইজাজ। সম্মেলনের ফাঁকে এস জয় শঙ্করের সঙ্গে স্বল্প সময়ের এক বৈঠক হয়। এতে পাঠানকোট হামলার তদন্তের প্রসঙ্গটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্র সচিব। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের পররাষ্ট্র সচিব বৈঠকে কাশ্মীর প্রসঙ্গটি তুলেছেন। আইজাজ বলেছেন, ‘দ্বিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে কাশ্মীরই প্রধান ইস্যু এবং জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরী জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সমস্যার সমাধান করতে হবে।’ ভারতের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়, দুই পররাষ্ট্র সচিবের মধ্যে কথাবার্তা হয়েছে খুবই সৌহার্দ্যমূলক পরিবেশে। খোলাখুলি। কথা বলতে বলতে দু’জনকে অল্প-স্বল্প হাসতেও দেখা গেছে। দু’জনেই তাদের অভিমত প্রকাশ করেছেন স্পষ্টভাবে। এতে আরও বলা হয়, পাকিস্তানকে সন্ত্রাসবাদ সম্পর্কে সাবধান করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভারতের তরফে পাঁচটি বিষয় স্পষ্ট করে দেয়া হয়েছে। এক. পঠানকোট ঘটনার তদন্তে কোনো ঢিলেমি বরদাশত করা হবে না। আর সেই তদন্ত যে সত্যি সত্যিই হচ্ছে, আর তা ঠিক পথে এগোচ্ছে, ভারতকে সে ব্যাপারে সুনিশ্চিত করতে হবে। দুই. পাকিস্তানে মুম্বাই হামলার শুনানি দ্রুত সেরে ফেলতে হবে। ওই মামলাকে অহেতুক ঝুলিয়ে রাখা যাবে না। তিন. সন্ত্রাসবাদ যে দ্বিপাক্ষিক সম্পর্ককে সহজতর করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সে কথা ইসলামাবাদের অস্বীকার করা চলবে না।
চার. পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলো যাতে ভারতে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেটা সুনিশ্চিত করতে ইসলামাবাদকে উদ্যোগ নিতে হবে। এবং পাঁচ. পাকিস্তানে অপহৃত সাবেক ভারতীয় নৌসেনা কর্তা কুলভূষণ যাদবের সঙ্গে যাতে ভারতীয় দূতাবাস যোগাযোগ রেখে চলতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। এ ছাড়া দু’দেশের মধ্যে থমকে যাওয়া সার্বিক দ্বিপক্ষীয় আলোচনা প্রক্রিয়া (সিবিডি) এগিয়ে নিয়ে যাওয়ার পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। গত জানুয়ারিতে পাঠানকোটে হামলার পর প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাওয়ার পর এই প্রথম সরকারিভাবে মুখোমুখি হলেন দু’দেশের পররাষ্ট্র সচিব। ভারত জানায়, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের জঙ্গিরা এ হামলা চালিয়েছে। বৈঠকের জন্য গত ১৫ জানুয়ারি ইসলামাবাদে যাওয়ার কথা ছিল জয় শঙ্করের। কিন্তু পারস্পরিক সহমতের ভিত্তিতে দু’দেশই আলোচনা আপাতত স্থগিত রাখার ঘোষণা করেছিল। ভারত বরাবরই বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ বজায় রাখা হয়েছে। একই সঙ্গে সাফ জানিয়ে দিয়েছে, আলোচনা শুরু হওয়ার আগে সন্ত্রাসবাদী ও পাঠানকোট হামলার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। এর আগে গত মার্চে নেপালের পোখারাতে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ঘরোয়া কথাবার্তা হয়েছিল।

‘বেওয়াচ’ ছবিতে পামেলা

ডোয়েন জনসনের সঙ্গে পামেলা অ্যান্ডারসন
মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন পামেলা অ্যান্ডারসন। টানা পাঁচ বছর তিনি ছিলেন ‘বেওয়াচ’ সিরিজের সঙ্গে। পরবর্তী সময়ে ‘বেওয়াচ’-এর কাহিনি নিয়ে ছবি বানানোর তোড়জোড় শুরু হলে অনেকেই ভেবেছিলেন এ ছবিতে নিশ্চয় পামেলাও থাকবেন। কিন্তু পামেলা সে সময় ছবিতে না থাকার বিষয়টাই আকারে-ইঙ্গিতে সবাইকে জানিয়েছিলেন। যা হোক, শেষ পর্যন্ত ‘বেওয়াচ’-এর মায়া কাটাতে পারেননি এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি জানা গেছে, ‘বেওয়াচ’ ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন পামেলা। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিও স্বাক্ষর করেছেন পামেলা। এ বিষয়কে অনেকেই বলছেন, এ যেন পামেলার নিজের ঘরে ফেরা। নব্বইয়ের সাড়া জাগানো টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর কল্যাণে জনপ্রিয় তারকা হয়ে উঠেছিলেন পামেলা। সে সময় ‘বেওয়াচ’-এ তাঁর সঙ্গে অভিনয় করে আরও একজন তারকাও জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি ডেভিড হ্যাসেলহফ। এবারের ‘বেওয়াচ’ ছবিতে ডেভিডও অংশ নিচ্ছেন। অবশ্য এ ছবিতে তাঁর অভিনয়ের বিষয়টা নিশ্চিত হয়েছে পামেলারও বেশ আগে। বেওয়াচ’ ছবিতে পামেলা অ্যান্ডারসনের অন্তর্ভুক্তির বিষয়টা যে নতুন করে এ ছবির টিমকে অনুপ্রাণিত করছে, তা বলাই বাহুল্য। এ ছবির অভিনেতা ‘রক’খ্যাত তারকা ডোয়েন জনসন ইনস্টাগ্রামে পামেলা অ্যান্ডারসনকে স্বাগত জানিয়ে চমৎকার এক বার্তা পাঠিয়েছেন। ডোয়েন জনসন পামেলার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বকে যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন সি জে পার্কারের সঙ্গে, একটি প্রজন্মের যিনি আইকনে পরিণত হয়েছিলেন, সেই চিরকালীন আভিজাত্যের প্রতিমূর্তি পামেলা অ্যান্ডারসনকে আমাদের “বেওয়াচ” ছবির পরিবারে স্বাগত জানাচ্ছি।’ অবশ্য এই ‘বেওয়াচ’-এ পামেলার সেই নব্বইয়ের ‘বেওয়াচ’ সিরিজের ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করা সম্ভব হচ্ছে না। তাঁর জন্য একটি বিশেষ চরিত্র ভাবা হয়েছে। যেমনটি হয়েছে ডেভিড হ্যাসেলহফের ক্ষেত্রেও। ছবিতে ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করছেন কেলি রোরবাখ। আর ‘ভিক্টোরিয়া লিডস’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

শেখ জামালের প্রথম জয়

এএফসি কাপে এর আগে জয় দূরে থাক, ড্রও করতে পারেনি শেখ জামাল। এবার ভাগ্যের শিঁকে ছিঁড়েছে। অবশেষে জয়ের স্বাদ পেলেন কোচ শফিকুল ইসলাম মানিক। রেফারি ইয়াকুব সাইদ আবদুল্লাহ শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের তেম্পাইন্স রোভার্সের ডাগআউটের দিকে হেঁটে যান মানিক ও মোশাররফ বাদল। হাত বাড়িয়ে দেন দলটির কোচ সুন্দরম মুর্তির দিকে। ওয়েডসন আনসেলমিসহ দলের খেলোয়াড়দের বুকে টেনে নেন। অধরা
জয়টা এবার ধরা দেয়ায় উল্লসিত পুরো শেখ জামাল দলই। নিজেদের মাটিতে ভিন্ন এক শেখ জামালকে দেখা গেল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেম্পাইন্স রোভার্সকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল। তবে এ জয় তাদের কোনো কাজে আসবে না পরিসংখ্যান সমৃদ্ধ করা ছাড়া। ই-গ্র“পে ফিলিপাইনের কেরেস লা সালে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে এবং সিঙ্গাপুরের তেম্পাইন্স রোভার ও মালয়েশিয়ার সেলেঙ্গর এফসি সাত পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আর পাঁচ ম্যাচে শেখ জামালের পয়েন্ট তিন।

রিয়াজের প্রেমে দুই বোন

চিত্রনায়ক রিয়াজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুই বোন। তাকে পাওয়ার জন্য উভয়ের মধ্যে চলছে প্রতিযোগিতা। কীভাবে রিয়াজকে নিজের করে পাওয়া যায় এ জন্য নানা ধরনের পরিকল্পনা আঁটতে থাকেন তারা। তবে এ দুই বোনের প্রেমে পড়ার গল্প কিন্তু বাস্তবে নয়, নাটকের দৃশ্যে। সম্প্রতি নায়ক রিয়াজ ছোট পর্দার দুই অভিনেত্রী প্রভা ও প্রসূন আজাদের সঙ্গে জুটি হয়ে ‘টু সিস্টারস’ নামের নতুন একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। শাহ মোহাম্মদ নাঈমুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটির গল্পে দেখা যাবে প্রভা ও প্রসূন দুই বোন।
শহরে তাদের নিজেদের বাড়ি। সেই বাড়িতেই ভাড়াটিয়া হিসেবে ওঠেন রিয়াজ। প্রথম দিকে রিয়াজকে প্রভা ও প্রসূনসহ ওই বাসার কেউ মেনে নিতে পারেন না। কিন্তু নানা কারণে অবশেষে দুই বোনই প্রেমে পড়েন রিয়াজের। তারপর উভয়ই রিয়াজকে পাওয়ার স্বপ্ন দেখতে থাকেন। ফলে নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প। নাটকটি প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘নাটকটিতে দর্শকদের হাসানোর সব উপাদানই রাখা হয়েছে। এতে বাড়ির দারোয়ান থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্রই মজার করে দর্শকের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করি নাটকটি দেখে দর্শকরা আলাদা আনন্দ পাবেন।’ প্রভা বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে দারুণ একটি কমিডি নাটকে অভিনয় করলাম। যা দেখে দর্শকরা পূর্ণ আনন্দ পাবেন।’ নাটকটি প্রসঙ্গে প্রসূন বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে জুটি হয়ে এটি আমার প্রথম নাটক আশা করি দর্শকদের সাড়া পাব। আগামী ঈদুল ফিতরে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে বিপাকে শাহরুখ!

শাহরুখ খান
এবারের ঈদেই মুক্তি দেওয়ার কথা ছিল শাহরুখ অভিনীত ছবি ‘রইস’। এ দিকে সালমান খানের ‘সুলতান’ ছবিটিও মুক্তি পাচ্ছে এই ঈদেই। একই সময় দুই খানের ছবি মুক্তি নিয়ে আলোচনা চলছিল বেশ। কেউ কেউ ভেবেছিলেন, খানে খানে লড়াইটা এবার ভালোই জমবে। একই দিনে ছবি মুক্তি নিয়ে অনেকে আবার চিন্তায় পড়ে গিয়েছিলেন যে এর ফলে না আবার দুই খানের পুরোনো বিবাদ শুরু হয়ে যায়। তবে শাহরুখের সম্ভবত টনক নড়েছে এবার। ‘সুলতান’ ছবির ব্যাপক প্রচার ও সালমান খানকে নিয়ে বিস্তর আলোচনা বোধ হয় শাহরুখকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে। আর হয়তো এ কারণেই ‘রইস’-এর মুক্তির দিন পিছিয়ে দিতে চাইছেন ‘বলিউড বাদশা’। কোনো বিশেষ দিনে ছবি মুক্তি মানেই বক্স অফিসে রমরমা ব্যবসা। আর তাই উৎসব বা ছুটির দিনে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল শাহরুখের। দিওয়ালির সময় মুক্তি দেওয়ার ইচ্ছা থাকলেও সে সময় কোনো নির্দিষ্ট দিন পাননি এই ছবি মুক্তির জন্য। বড়দিনে যে ছবি মুক্তি দেবেন! তারও উপায় নেই। কারণ, ওই সময় মুক্তি পাবে আমির খানের ‘দঙ্গল’।  তাহলে কি ‘কিং খান’ তাঁর ছবি মুক্তির জন্য পছন্দসই কোনো দিন পাবেন না? শেষমেশ কি বাধ্য হয়ে ২০১৭ সালেই বড় পর্দায় আসবে ‘রইস’? সময়ই কথা বলবে। দেখা যাক, কী হয়!

‘পিংক’ ছবির কাজ কঠিন ঠেকছে ‘বিগ বি’র!

অমিতাভ বচ্চন
প্রায় দীর্ঘ চার দশক ধরে চলচ্চিত্র জগতে আছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। বলিউডের অসংখ্য ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় এই তারকা অভিনেতার কাছে ‘বা হাতের খেলা’—ভক্তদের এমন মনে হতেই পারে! কিন্তু বাস্তবতা হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে এই গুণী অভিনেতাকেও মাঝেমধ্যে কিছুটা বেগ পেতে হয়েছে। ‘বিগ বি’ এখন অভিনয় করছেন থ্রিলার ছবি ‘পিংক’-এ। এ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে। অমিতাভ জানিয়েছেন, এখানে কাজ করাটা তাঁর কাছে নাকি কিছুটা কঠিনই ঠেকছে। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন লিখেছেন, ‘“পিংক” ছবির কাজ আসলেই কঠিন হতে যাচ্ছে। দৃশ্য এবং মুহূর্ত...সামনের দিনগুলো শঙ্কার।’ একই দিনে শুটিং শেষে আরেকটি টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, ‘কাজ শেষ করে ফিরলাম। কিছু অংশের কাজ শেষ হয়েছে। আগামীকাল আরও কাজ হবে। সাউন্ডের কিছু জটিলতা ছিল...তাই।’ শুটিংয়ের সময় কারিগরি ত্রুটি, নাকি চরিত্রে রূপদান, ঠিক কোন বিষয়টা অমিতাভের কাছে কঠিন লাগছে, তা অবশ্য স্পষ্ট নয়। ‘পিংক’ পরিচালনা করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এটি চলতি বছর ১৬ সেপ্টেম্বর মুক্তি দেওয়ার কথা।

ক্যানবেরার অনুষ্ঠানে অর্পিতা সোম

অর্পিতা সোম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যানবেরা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ৭ মে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় থিয়ো নোটারাস মাল্টিকালচারাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন নৃত্যশিল্পী অর্পিতা সোম। ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’ ও ‘চণ্ডালিকা’—তিন-তিনটি নৃত্যনাট্য পরিবেশিত হবে সেই অনুষ্ঠানে। এখানে রবীন্দ্রনৃত্যনাট্যের তিনটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র পরিবেশনা করবেন অর্পিতা। আর এই তিনটি চরিত্রের বর্ণনা দেবেন ড. রতন কণ্ডু।অর্পিতা সোম এখন অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী হয়েছেন। ভরতনাট্যমের ওপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এই নৃত্যশিল্পী। ঢাকার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক ছিলেন অর্পিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়াপ্রবাসী হওয়ার আগে তিনি ছায়ানটে শিক্ষকতা করতেন।

আবারও ফিরছে ‘থ্রি ইডিয়টস’

‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, শারমান যোশি ও আর. মাধবন
এ বছরের শুরুতে তারকা অভিনেতা ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান ইঙ্গিত দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর নতুন ছবি নির্মাণের সম্ভাবনার বিষয়ে। কিন্তু তিনি সে সময় বিষয়টিকে চূড়ান্ত ধরে না নেওয়ার কথাও জানিয়েছিলেন। সম্প্রতি এ ছবির আরেক অভিনেতা শারমান যোশি নিশ্চিত করেই জানিয়েছেন, আবারও ফিরছে ‘থ্রি ইডিয়টস’। এ প্রসঙ্গে শারমান জানিয়েছেন, তাঁদের তিনজনের সঙ্গে এরই মধ্যে এই ছবির সিক্যুয়েল বানানোর বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা রাজকুমার হিরানি।  শারমান আরও জানান, হিরানির কাছ থেকে এই খবর পাওয়ার পর থেকে তাঁর আর তর সইছে না। শারমান রীতিমতো অধীর হয়ে আছেন, কখন থেকে এই ছবির সিক্যুয়েলের কাজ শুরু করতে পারবেন তিনি। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে সে সময় ব্যবসা করেছিল ৪০০ কোটি রুপি। ২০১৩ সালে আমিরের ‘ধুম থ্রি’ সেই রেকর্ড ভেঙে দিয়েছিল। ২০১৪ সালে ‘পিকে’ ছবিটি দিয়ে সেই রেকর্ডটি পুনরুদ্ধার করেছিলেন রাজকুমার হিরানি। এ ছবি আয় করেছিল ৭৩৫ কোটি রুপি। নতুন করে ‘থ্রি ইডিয়টস’-এর কাহিনি নিয়ে ভাবছেন হিরানি। রেকর্ড ভাঙার কথাটিও নিশ্চয়ই মাথায় রেখেছেন এই নির্মাতা। স্পটবয়ডটকম।

‘প্রথম আমিই অফার করেছি’

বর সাফায়াত আলীর সঙ্গে নাদিয়া মিম
আর দুদিন বাদেই বিবাহোত্তর সংবর্ধনা লাক্স চ্যানেল আই সুপারস্টার নাদিয়া মিমের। এরই মধ্যে অবশ্য সংবাদমাধ্যমের কল্যাণে কমবেশি সবাই জেনে গেছেন পাত্র বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলী। ডাকনাম চয়ন। যদিও বিয়ের কাজটা বছর খানেক আগেই সেরেছেন নাদিয়া ও চয়ন। প্রথম আলোকে নাদিয়া মিম জানিয়েছেন, লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার সময়ই তাঁর সঙ্গে পরিচয় হয়েছে সাফায়াতের। কিন্তু ঘনিষ্ঠতা বা প্রেম হয়েছে প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর। এ প্রসঙ্গে নাদিয়া মিম বলেন, ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর বিভিন্ন কারণে আয়োজক প্রতিষ্ঠানের অফিসে যাতায়াত করতে হয়েছে। টিভিসিসহ বেশ কিছু কাজও করতে হয়েছে। কাজের সূত্রেই তার সঙ্গে জড়িয়ে যাই। তারপর তো সবকিছু জানেনই।’ কে আগে প্রেমের প্রস্তাব দিয়েছিল? এ প্রশ্নে উত্তরে হাসতে হাসতে নাদিয়া মিম বলেন, ‘আমিই দিয়েছি। কারণ, আমার কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাকে বোঝে। আমরা একসঙ্গে সারা জীবন কাটাতে পারব। তখনই অফার করেছি।’ নাদিয়া মিম আরও বলেন, ‘জানেন, বিয়ের ব্যাপারটি কিন্তু আমারই পরিকল্পনা। এটা বলে আমি কিন্তু ক্রেডিট নিই।’ নাদিয়া মিম জানিয়েছেন, বিয়ের পরেও তিনি নিয়মিত অভিনয় করবেন। তিনি জানান, শ্বশুরবাড়ি আর তাঁর পরিবারের সবারই চাওয়া, তিনি যেন অভিনয়ে নিয়মিত থাকেন। এর সঙ্গে আছে মিমের নিজের ইচ্ছেও। সবদিক সামলে অভিনয়ে নিয়মিতই থাকবেন তিনি। ৩০ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা নাদিয়া ও চয়নের। এই দুজন তাঁদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

‘বসগিরি’তে থাকছেন না অপু

অপু বিশ্বাস
প্রায় দেড় মাস আড়ালে থাকার পর সামনে এলেন অপু বিশ্বাস। লম্বা সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছিল না। অবশেষে অপু দিলেন নতুন খবর। জানালেন, বসগিরি ছবিতে অভিনয় করছেন না তিনি। এই ছবিতে চরিত্রের প্রয়োজনে যে নতুনরূপে আসতে চেয়েছিলেন, অল্প সময়ের মধ্যে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেননি তিনি। তাই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন এই অভিনেত্রী। আগামী ৫ মে থেকে শামীম আহমেদ রনির বসগিরি ছবির শুটিং শুরুর কথা। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু—এমন কথাই ছিল। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার অপু নীরবতা ভেঙে মুঠোফোনে প্রথম আলোকে বললেন, ‘সত্যিকার অর্থে আমি দর্শকদের ধোঁকা দিতে চাইনি। চরিত্রটির জন্য শরীরের ওজন আরও কমাতে হবে। সব দিক দিয়ে নিজেকে প্রস্তুত করতে আরও দু-তিন মাস সময় লাগবে। ছবির শুটিংয়ের সবকিছু এখন প্রস্তুত। শুধু আমার জন্য এত দীর্ঘ সময় শুটিং পিছিয়ে যাক, আমি তা চাইনি। তাই নিজ থেকেই সরে দাঁড়াচ্ছি।’ এ ব্যাপারে রনি বলেন, ‘অপুর এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের চলচ্চিত্রে এ ধরনের চর্চা নেই।’ নতুন নায়িকার ব্যাপারে জানতে চাইলে পরিচালক বলেন, শিগগিরই নায়িকার নাম ঘোষণা করা হবে।

আর্থিক প্রাপ্তির চেয়ে আত্মিক তৃপ্তিই গুরুত্বপূর্ণ

শামীম আরা নীপা
আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে শিল্পকলা একাডেমিতে আজ বুধবার শুরু হচ্ছে ‘নৃত্যাঞ্চল উৎসব’। তিন দিনের এই উৎসবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিবলী মহম্মদের পরিচালনায় থাকবে কত্থক নাচ। আগামীকাল সৃষ্টি কালচারাল সেন্টারের প্রযোজনায় নৃত্যনাট্য বাঁদী-বান্দার রূপকথা। নৃত্য দিবসের এই উৎসব ও পরিবেশনা নিয়ে কথা বললেন নৃত্যাঞ্চলের অন্যতম পরিচালক ও শিল্পী শামীম আরা নীপা।
নাচ নিয়ে আমাদের উদ্যোগগুলোতে আপনি আশাবাদী?
হ্যাঁ, উদ্যোগগুলোকে সাধুবাদ জানাতেই হয়। সারা দেশে নাচ নিয়ে কাজ হচ্ছে, এটা ইতিবাচক। তবে এখন দরকার আরও মানসম্মত ও সুন্দর কিছু কাজ। কাজের পরিমাণের থেকে মানটা জরুরি। তা না হলে দর্শকেরা হতাশ হবেন। আমাদের নাচ একটা সুন্দর জায়গায় পৌঁছেছে। এ জন্য আগের প্রজন্মকে শ্রদ্ধা জানাই। নৃত্যশিল্পী সংস্থার কাজটা উল্লেখযোগ্য। নতুন প্রজন্মের অনেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। নৃত্যাঞ্চল উৎসবের আকর্ষণীয় নৃত্যনাট্যটি নিয়ে বলবেন?
বাঁদী-বান্দার রূপকথা নৃত্যনাট্যটি ‘আলীবাবা চল্লিশ চোর’ গল্প থেকে তৈরি। এতে দর্শক সহজে যুক্ত হতে পারেন। এর নৃত্যভাবনা ও পরিচালনা সুকল্যাণ ভট্টাচার্যের, প্রযোজনা সৃষ্টি কালচারাল সেন্টারের।
উৎসবে বিশেষ শিশুদের অংশ রাখলেন কেন? এটা করা হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে। তাদের শিক্ষার সুযোগ নেই, হয়তো নিয়মিত খেতেও পায় না। কিন্তু তাদের শৈল্পিক তৃষ্ণা আছে। এদের মধ্যে যারা ভালো করবে, আমাদের দলের নিয়মিত শিল্পী হিসেবে তাদের নিয়ে নেব। নাচ শুধু আর্থিকভাবে স্বাবলম্বীদের জন্য নয়। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে নাচ করবে সুবিধাবঞ্চিত ও বিশেষ (প্রতিবন্ধী) শিশুরা। এদের মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের দলটি লালমনিরহাটের। শুধু নৃত্যপ্রীতি কি এই শিল্পকে এগিয়ে নিতে পারবে?
‘নৃত্যের ছন্দে জীবন স্পন্দিত হোক সত্যের সন্ধানে’—এই উপলব্ধিটাই পথচলাকে সহজ করে। শিল্পীরা পথ চলছেন নিজেদের পাগলামি আর ভালো লাগা থেকে। মানুষের উৎসাহ পেলে তাঁদের কাজের আগ্রহ বাড়ে। আর্থিক প্রাপ্তির চেয়ে তাঁরা আত্মিক তৃপ্তিকেই বেশি গুরুত্ব দেন।

দারুণ শুরু বাংলাদেশের কিশোরীদের

ভারতের জালে আরও একটি গোল। উল্লাসে আরও একবার
মেতে ওঠা বাংলাদেশের কিশোরীদের। ইনসেটে তহুরা ও
মারিয়া; যাদের গোলে এসেছে এই জয়
প্রতিপক্ষ ভারত বলেই খানিকটা দুশ্চিন্তায় ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। ঢাকা ছাড়ার আগে শুধু বলেছিলেন, ‘গ্রুপে ভারতকে নিয়েই যা একটু ভয় আছে আমাদের।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা কোচকে বিস্ময়ই উপহার দিয়েছে কাল। তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের (মধ্য ও দক্ষিণ) আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ভারতকে হারিয়েছে ৩-১ গোলে। ৩৪ মিনিটে ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কলসিন্দুরেরই আরেক ফুটবলার মারিয়া। ৪৭ মিনিটে জয় নিশ্চিত গোলটিও তহুরার। ৪৯ মিনিটে ভারতের সুস্মিতার গোল শুধু হারের ব্যবধান কমিয়েছে। গত বছর নেপালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। মেয়েদের ফুটবলে ভারতের সঙ্গে যেকোনো পর্যায়ে এটি বাংলাদেশের প্রথম জয়। যে জয়ে সেমিফাইনালের পথেও অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। ২৮ এপ্রিল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ড্র করলেই চলবে। ম্যাচ শেষে ফুটবল ফেডারেশনকে পাঠানো ছোট্ট ভিডিও ক্লিপিংসে উচ্ছ্বসিত তহুরা বলছিল, ‘আমরা ভারতের সঙ্গে তিন গোল করেছি। খুবই ভালো লাগছে আমাদের। আপনারা দোয়া করবেন, যেন আরও ভালো খেলতে পারি।’ দুই বছর আগে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল জর্ডানকে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জেতে ৬-০ গোলে। মহিলা ফুটবলের সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেই যেন গত বছর নেপালের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে শিরোপা জেতে বাংলাদেশ।