Showing posts with label খেলা ধুলা. Show all posts
Showing posts with label খেলা ধুলা. Show all posts

Saturday, March 26, 2016

জাতীয় মহিলা দাবা

আরলিন ডেভেলপার জাতীয় মহিলা দাবার দ্বিতীয় দিনেও জয় পেয়েছেন শামীমা আক্তার (লিজা)। কাল দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন জাকিয়া সুলতানাকে। ২ পয়েন্ট নিয়ে লিজার সঙ্গে শীর্ষে নাজরানা খান (ইভা) ও শারমিন সুলতানা (শিরিন)। নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল শামীমা জাকিয়া সুলতানাকে, নাজরানা দিলারা জাহানকে হারিয়েছেন। প্রথম রাউন্ডে হারের পর কাল প্রতিভা তালুকদারের সঙ্গে ড্র করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। তবে জয় পেয়েছেন শারমিন, জাহানারা হক ও মাহমুদা হক।

Wednesday, February 10, 2016

মার্শের আউটে তুমুল বিতর্ক

বোলার ম্যাট হেনরি সেভাবে আবেদন করেননি, ফিল্ডাররাও খুব একটা উৎসাহ দেখাননি। আম্পায়ারও তাই শুরুতে ব্যাপারটা এড়িয়েই গিয়েছিলেন। কিন্তু বাদ সাধলেন দর্শকেরা। বড় পর্দায় রিপ্লে দেখানোর পর সবাই আবিষ্কার করলেন, মিচেল মার্শের শটটা আসলে মাটিতে পড়ে হেনরির হাতে যায়নি, ক্যাচই হয়েছে। ব্যস, গ্যালারিতে তুমুল হইচই। সেটা শুনেই মাঠের আম্পায়ার ইয়ান গোল্ড শেষ পর্যন্ত সিদ্ধান্তটা পাঠালেন টেলিভিশন আম্পায়ারের কাছে। তাতে মার্শকে আউট ঘোষণা না করে উপায় ছিল না টেলিভিশন আম্পায়ারের।
ঘটনাটি গত পরশু চ্যাপেল-হ্যাডলি সিরিজের তৃতীয় ম্যাচের। যে আউট নিয়ে এখন তুমুল বিতর্ক। ম্যাচ শেষেই ‘জনতার আউটের’ বিপক্ষে স্মিথ নিজের অবস্থানটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ‘আমার মনে হয় না, সিদ্ধান্তটা এভাবে নেওয়া উচিত ছিল। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ওটা আউট ছিল বলে বিশ্বাস করেছে বলেও মনে হয় না। পরের বলটা হওয়ার আগে রিপ্লে দেখানোর দরকার ছিল না। পুরো ব্যাপারটা যেভাবে হয়েছে তাতে আমি হতাশ।’
নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম অবশ্য দাবি করেছেন, হেনরি বলটি ধরার সঙ্গে সঙ্গেই আবেদন করেছিলেন। আম্পায়াররাও নাকি ব্যাপারটা নিশ্চিত হয়েই রিভিউ করেছিলেন। কিন্তু ম্যাককালামের কি উচিত ছিল না, আবেদনটা প্রত্যাহার করা? গত বছর ক্রিকেটীয় চেতনার সবচেয়ে উজ্জ্বল প্রতিনিধি হিসেবে আইসিসি থেকে তো পুরস্কারও পেয়েছিলেন ম্যাককালাম। কিউই অধিনায়কের আত্মপক্ষ সমর্থন, ‘এটা বলা কঠিন, কারণ সিদ্ধান্তটা তো আমার নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আম্পায়ারদের। তারা স্বাভাবিকভাবেই রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ ম্যাককালামের মতে, আবেদন না করলেই বরং আম্পায়ারদের অবজ্ঞা করা হতো।

সিদ্দিকুরের নির্ভার থাকার মন্ত্র

বসন্ত এল বলে। অপেক্ষা আর মাত্র তিন দিনের। তার আগেই অবশ্য বসন্ত এসে গেল বাংলাদেশের গলফ অঙ্গনে। আজ শুরু দ্বিতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনকে ঘিরে নিজেকে রাঙিয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব। সব প্রস্তুতি সম্পন্ন, এবার এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে নেমে পড়ছেন বাংলাদেশসহ ৩০টিরও বেশি দেশের ১৩৮ গলফার। পাঁচজন অ্যামেচার গলফারসহ বাংলাদেশের প্রতিযোগী ৩১ জন।
গলফ কোর্সের বিস্তীর্ণ সবুজে চোখটা বেশি খুঁজবে ঘরের ছেলে সিদ্দিকুর রহমানকে। দুইবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর এবার আক্ষেপ ঘোচাবেন গতবারের ব্যর্থতার, ভক্তদের চাওয়া এটাই। তবে জিততেই হবে, এমন ভাবনা নিয়ে এবার আর খেলতে নামছেন না সিদ্দিকুর। গতবার শিরোপার লড়াইয়ে নেমে শেষ পর্যন্ত ৩৮তম হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই কিনা কাল সংবাদ সম্মেলনে জানালেন, ‘গতবার ভালো করতে পারিনি। চাপটা বোধ হয় একটু বেশিই নিয়ে ফেলেছিলাম। আমার সব ভাবনা ছিল টুর্নামেন্ট জেতা নিয়ে। এবার চেষ্টা করব নির্ভার থাকতে। আমি খেলাটা উপভোগ করতে চাই। এবার আবহাওয়াটাও ভালো, কোর্সও খুব ভালো অবস্থায় আছে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি।’
সিদ্দিকুর ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া সবচেয়ে পরিচিত মুখ থাবর্ন ভিরাতচান্ত। বাবার অসুস্থতার কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছেন বর্তমান চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের মারদান মামাত। কাল অবশ্য সংবাদ সম্মেলনে আসেননি এশিয়ান ট্যুরের রেকর্ড শিরোপাজয়ী ভিরাতচান্ত। তবে সিদ্দিকুরের সঙ্গে এসেছিলেন গত সপ্তাহে শেষ হওয়া মিয়ানমার ওপেনের শীর্ষ দশে থাকা দুই খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ক্যাসি ও’টুল ও দক্ষিণ কোরিয়ার ইকিউন চ্যাং। ২০১৫ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের অর্ডার অব মেরিট চ্যাম্পিয়ন ও’টুলের এশিয়ান ট্যুরে অভিষেক হয়েছিল বাংলাদেশ ওপেনেই। মার্কিন এই গলফার তো প্রেমেই পড়ে গেছেন কুর্মিটোলার, ‘এখানে আবার এসে খুব ভালো লাগছে। আমি এই গলফ কোর্সটাকে দারুণ পছন্দ করি।’
আজ সকাল ৬টা ৫০ মিনিটে শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। সিদ্দিকুর শুরু করবেন দুপুর ১২টা ২৫ মিনিটে এক নম্বর হোলে।

হতাশ করলেন মেজবাহ

এসএ গেমসের মঞ্চে নিজের সেরাটাও দেখাতে
পারলেন না মেজবাহ l প্রথম আলো
ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের মিক্সড জোনে তখন বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা অপেক্ষায়। বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ দৌড় শেষে সেই যে ঢুকলেন ড্রেসিং রুমে, স্বেচ্ছাসেবকদের অনুরোধেও বের হলেন না। সবাইকে মুখ দেখানোর মতো কিছুই যে করতে পারেননি বাগেরহাটের এ তরুণ! এসএ গেমসের ১০০ মিটারে অন্তত কোনো একটা পদক জিততে চেয়েছিলেন মেজবাহ। কিন্তু পদক দূরে থাক, নিজের সেরা টাইমিংটাও করতে পারেননি কাল। গেমসে ১০.৮২ সেকেন্ড দৌড়ে হয়েছেন চতুর্থ। এর আগে মেজবাহর সেরা টাইমিং ছিল ১০.৭৫ সেকেন্ড, গত বাংলাদেশ গেমসে দৌড়েছিলেন এই সময়ে। এবার আরও নিচে নেমেছে তাঁর পারফরম্যান্সের গ্রাফ।
দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব-মানবী দুজনই শ্রীলঙ্কার। ১৭ বছরের পুরোনো গেমস রেকর্ড ভেঙে দ্রুততম মানব হলেন হিমাশা এসান। তিনি সময় নেন ১০.২৮ সেকেন্ড। আগের রেকর্ডের মালিক ভারতের অনিল কুমার ১৯৯৯ কাঠমান্ডু গেমসে দৌড়েছিলেন ১০.৩৭ সেকেন্ডে। দ্রুততম মানবী আর কে রত্নায়েকে দৌড় শেষ করেছেন ১১.৭১ সেকেন্ডে। এই ইভেন্টে বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন ১২.৪৩ সেকেন্ড দৌড়ে হয়েছেন ষষ্ঠ। আরেক অ্যাথলেট সোহাগী আক্তার দৌড় শেষ করেছেন পঞ্চম হয়ে। ১২.৩৭ সেকেন্ড সময় নেওয়া সোহাগী ঘরোয়া প্রতিযোগিতায় ৪০০ মিটারে দৌড়ান। এবার আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকটা মন্দ হয়নি।
অ্যাথলেটিকসে হতাশা উপহার দিয়েছেন অন্যরাও। ছেলেদের হাইজাম্পে মাহফুজুর রহমান দুই মিটার লাফিয়ে চতুর্থ হয়েছেন।
আর্চারিতেও ছিল হতাশার দিন। শিলংয়ে জওহরলাল নেহরু ক্রীড়া কমপ্লেক্সের পোলো গ্রাউন্ডে রিকার্ভ বোয়ের মিশ্র দ্বৈতে ভারতের কাছে হেরে রুপা পেয়েছেন বাংলাদেশের শেখ সজীব ও বিউটি রায়। ভুটানকে হারিয়ে পুরুষ দল ব্রোঞ্জ জিতেছে রিকার্ভ বোয়ে। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভে আরেকটি ব্রোঞ্জ জিতেছেন বিউটি রায়। খো খো ফাইনালে পুরুষ ও মহিলা দুই দলই ভারতের কাছে হেরে পেয়েছে রুপা।
সাঁতারে কাল এসেছে তিনটি ব্রোঞ্জ। এর মধ্যে ২০০ মিটার বাটারফ্লাইয়ের পুরুষ বিভাগে জুয়েল আহমেদ, মেয়েদের বিভাগে সোনিয়া আক্তার ব্রোঞ্জ জেতেন। ৪x২০০ মিটার ফ্রি স্টাইল রিলের ব্রোঞ্জজয়ী দলে ছিলেন সাগর, অনিক, আসিফ ও জুয়েল।
শিলংয়ে মহিলা ফুটবলাররা জয়ের ধারাতেই আছেন। মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে কাল সাবিনারা পেয়েছেন টানা দ্বিতীয় জয়। গোল দুটি করেছেন মার্জিয়া এবং সাবিনা। নেপালকে হারিয়ে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) নিষেধাজ্ঞার কারণে এবার গেমসে থাকছে না বাস্কেটবল।

Thursday, November 24, 2011

হকির নতুন কমিটি নিয়েও আপত্তি

সাধারণ সম্পাদক এবং দুই যুগ্ম সম্পাদকের কক্ষের বাইরের নামফলক তুলে ফেলা হয়েছে। নতুন নাম বসবে সেখানে। চলছে ধোয়া-মোছাও। পরশু ঘোষিত নতুন কমিটিকে বরণ করে নেওয়ার অপেক্ষায় হকি ফেডারেশন। কিন্তু নতুন কমিটি কি পারবে মৃতপ্রায় বাংলাদেশের হকিকে জাগিয়ে তুলতে?
শুরুতেই সংশয় দেখা দিয়েছে। নতুন কমিটির সবাই কোথায় কাঁধে কাঁধ মিলিয়ে হকির সুদিন ফিরিয়ে আনার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, উল্টো শোনা যাচ্ছে অনৈক্যের সুর। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী আগের নির্বাচিত কমিটিতে ছিলেন, আছেন ক্রীড়া পরিষদ মনোনীত নতুন কমিটিতেও। তিনিও কমিটি নিয়ে খুশি নন, ‘আগের কমিটির পদত্যাগের পর আলোচনার ভিত্তিতে শক্তিশালী কমিটির প্রত্যাশা ছিল। সেটি হয়নি। কমিটিতে সাদেক ভাইকে ৪ নম্বর সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। এটা কোনোভাবেই ঠিক হয়নি। ৫ নম্বর সহসভাপতি আহসান কবীরসহ আরও কয়েকজনকে তো চিনিই না। তাই নতুন কমিটির সাফল্য নিয়ে যথেষ্ট সংশয় আছে আমার।’
কমিটির পাঁচ সহসভাপতির ১ থেকে ৫ নম্বর পর্যন্ত ক্রম আছে। প্রথম চারজন হলেন খোন্দকার জামিলউদ্দিন, কে এম আর মঞ্জুর, সাজেদ আদেল ও আবদুস সাদেক। হকি অঙ্গনের প্রায় সবাই অভিন্ন সুরে বলছেন, ১ নম্বর সহসভাপতি করা উচিত ছিল বাংলাদেশের হকির বড় তারকা আবদুস সাদেককে।
হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক আবদুস সাদেক অবশ্য কমিটিতে থাকতেই আগ্রহী নন, ‘২৫ বছর আগেই হকি ফেডারেশন ছেড়ে স্বেচ্ছায় চলে এসেছি। আর যেতে ইচ্ছুক নই। গেলেও অস্বস্তিতে থাকব। কমিটিটা আরও সুন্দর হতে পারত। তবে আমি চাই, খেলাটা মাঠে ফিরে আসুক।’
সাবেক সাধারণ সম্পাদক সাজেদ আদেলেরও আপত্তি আছে, ‘অন্তত প্রিমিয়ারের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে কমিটি করলে ভালো হতো। তা ছাড়া সাদেক ভাইয়ের মতো ব্যক্তিত্ব ৪ নম্বর সহসভাপতি হতে পারেন না। আগের কমিটি অযোগ্য হলে সেই কমিটির ১৪-১৫ জনকে কমিটিতে রাখা কেন? তাঁদের তো পুরস্কৃতই করা হলো। আশা করি, দ্রুত নির্বাচন দেওয়া হবে।’
তবে খোন্দকার জামিলউদ্দিন তাঁর কমিটির ১৪-১৫ জনকে নতুন কমিটিতে দেখে বলছেন, ‘আমরা যোগ্য ছিলাম এবং কাজ করেছি, এই কমিটিতে স্থান পাওয়ার মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।’
সদ্য গঠিত কমিটির সদস্য আবদুর রশিদ বিস্মিত এই ভেবে, ‘হকির মূল সমস্যা অনৈক্য। তাই আলাপ-আলোচনার খুব দরকার ছিল। সেটি না হওয়া হতাশার। ঢাকার বাইরে হকি চর্চার অন্যতম পীঠস্থান রাজশাহীর কেউ নেই এই কমিটিতে। এটা কেমন কমিটি হলো?’
জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন চাকলাদার তবু আশায় থাকতে চান, ‘নতুন কমিটিকে অভিনন্দন জানাতে হয়। কিন্তু সহসভাপতির তালিকা দেখে ভালো লাগেনি। সাধারণ সম্পাদক হিসেবে রহমতউল্লার প্রতি শুভকামনা থাকবে। তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন কিছু করতে। তবে ক্লাবগুলোকে কতটা ম্যানেজ করতে পারবেন, জানি না। পাশাপাশি ঐক্যের অভাবও কমিটির সামনে বড় বাধা।’

তামিমের সমস্যা গুরুতর কিছু নয়

হাঁটুতে সামান্য একটু সমস্যা দেখা গেলেও বিসিবির চিকিৎসক মনিরুল আমিনের ভাষায় সেটা ‘গুরুতর কিছু নয়’। কাল এমআরআই রিপোর্ট দেখে তামিম ইকবালকে তাই সুসংবাদই শুনিয়েছেন চিকিৎসকেরা।
‘তামিমের হাঁটুতে তেমন কোনো সমস্যা নেই। পাকিস্তান সিরিজে তাঁর খেলা নিয়েও কোনো সংশয় নেই’—এমআরআই রিপোর্ট দেখার পর বলেছেন বিসিবির চিকিৎসক। তবে এই সামান্য সমস্যা নিয়েও তামিম কিছুটা অস্বস্তিতে আছেন। সে জন্য পেয়েছেন তিন-চার দিনের বিশ্রাম। সমস্যা সম্পর্কে নিশ্চিত হতে করানো হচ্ছে আরও কিছু পরীক্ষাও।
চট্টগ্রামে অনুশীলন শিবিরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করায় পরশু রাতে ঢাকায় চলে এসেছেন তামিম। চট্টগ্রামে ক্যাম্প শেষ করে দলের বাকিরাও চলে আসবেন আগামীকাল। তামিম তাই আর আপাতত চট্টগ্রাম যাচ্ছেন না। আশা করা হচ্ছে, ২৬ নভেম্বর থেকে ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

নাদালকে উড়িয়ে দিলেন ফেদেরার

বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে রজার ফেদেরার চতুর্থ স্থানে নেমে গেছেন বটে কিন্তু খেলা ভুলে যাননি সুইস এই টেনিস তারকা। ১৬ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার গতকাল বৃহষ্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে ৬-৩, ৬-০ তে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উঠে গেছেন।
লন্ডনের ও-টু অ্যারেনায় অনুষ্ঠিত এই খেলায় নাদাল পাত্তাই পাননি ফেদেরারের কাছে। মাত্র এক ঘন্টায় খেলার নিষ্পত্তি হয়ে যায়।
ফেদেরার সর্বশেষ নাদালকে হারিয়েছিলেন গতবছরের এটিপি ফাইনালে; কিন্তু কালকের লড়াইয়ে নাদালকে ফেদেরারের সামনে খুব অসহায়ই মনে হয়েছে। খেলার পর, অনেকেই সাম্প্রতিক সময়ে একে ফেদেরারের সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন।
কালকের পরাজয়ের পর নাদালের জন্য এটিপি ট্যুর খানিকটা কঠিনই হয়ে গেল। বৃহস্পতিবার ফরাসি তারকা সোঙ্গাকে হারালেই কেবল নাদাল খেলতে পারবেন এই প্রতিযোগিতার সেমিফাইনালে।
সাম্প্রতিক লড়াইয়ে নাদাল ফেদেরারের চেয়ে এগিয়ে থাকতে পারেন, কিন্তু হার্ডকোর্টে ফেদেরারের সামনে নাদাল সবসময়ই একটু নড়বড়ে। কালও এর ব্যত্যয় ঘটেনি।
ফেদেরার এটিপি ট্যুর খেলতে এসেছেন সর্বশেষ ১৩টি ম্যাচে জিতে। এবারের এটিপি ট্যুর জিতলে ষষ্ঠবারের মতো কোনো ট্যুর প্রতিযোগিতা জিতবেন ফেদেরার।
ম্যাচে প্রথম থেকেই নাদালকে চেপে ধরেন ফেদেরার। বেশ কয়েকটি ক্রস কোর্ট শটে নাদালকে তিনি ঠেলে দেন ব্যাকফুটে। পুরো প্রথম সেটেই ফেদেরার নাদালকে পুরো কোর্টে নাচাতে থাকেন। এই সেটেই তিনি জিতে নেন তিনটি ব্রেক পয়েন্ট।
ও-টু অ্যারেনার দর্শকদের সবচেয়ে আনন্দ দিয়েছে ফেদেরারের গ্রাউন্ড স্ট্রোকগুলো। এগুলোর উত্তর সত্যিই জানা ছিল না নাদালের।

Sunday, September 25, 2011

‘অসাধারণ এক অধ্যায়ের সমাপ্তি’

একবার তিনি বলেছিলেন, ‘আমার এক চোখ দৃষ্টি হারিয়েছে, কিন্তু আমার লক্ষ্য কখনো দৃষ্টি হারায়নি।’ এক চোখে আলো হারিয়েও তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা। ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছিল তাঁর হাত ধরে। মনসুর আলী খান পতৌদির মৃত্যুতে তাই ভারতের সীমানা ছাড়িয়ে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট-বিশ্বেই। ভারতের প্রধানমন্ত্রী, আইসিসি সভাপতি থেকে শুরু করে বর্তমান-সাবেক অসংখ্য ক্রিকেটার শোকবার্তায় শ্রদ্ধা জানিয়েছেন ‘টাইগার’কে।
ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতি আছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শোকবার্তায়, ‘তিনি ছিলেন রোমাঞ্চপ্রিয় ও দুঃসাহসী একজন অধিনায়ক, ভারতীয় ক্রিকেটে যিনি এনেছিলেন নতুন আত্মবিশ্বাস। খেলা ছাড়ার পরও ছিলেন আদর্শ, শিষ্টতা ও নিষ্ঠার মূর্ত প্রতীক।’ আইসিসি সভাপতি শারদ পাওয়ারের প্রতিক্রিয়ায় উঠে এসেছে পতৌদির বিশালত্ব, ‘শুধু ভারত নয়, বিশ্বজুড়ে লাখ লাখ ক্রিকেটারের আদর্শ ছিলেন তিনি। তাঁর সঙ্গে পরিচয় ছিল, এটাই তো দারুণ সম্মানের।’
‘টাইগার’ নামটি পেয়েছিলেন ক্ষিপ্রগতির ফিল্ডিংয়ের জন্য। তবে এক চোখ নিয়েও যিনি ৬টি সেঞ্চুরিসহ ৩৪.৯১ গড়ে ২৭৯৩ টেস্ট রান করতে পারেন, তাঁর নাম তো হওয়া উচিত ছিল ‘সুপারম্যান!’ সুনীল গাভাস্কারের শোকবাণীতে উঠে এল এটাই, ‘টাইগার পতৌদি ছিলেন তাঁর প্রজন্মের সবচেয়ে ক্যারিশমাটিক ক্রিকেটার। এক চোখে না দেখেও প্রায় ৩ হাজার রান এবং আধডজন টেস্ট সেঞ্চুরি করাই বলে দেয় তিনি কত বড় জিনিয়াস ছিলেন।’
ভারতের বিখ্যাত ‘স্পিন কোয়ার্টেট’ জন্ম তাঁর হাত ধরেই। সেই চার স্পিনারের মধ্যে সফলতম বিষেন সিং বেদি ফিরে গেলেন ওই সময়টাতে, ‘স্পিনারদের প্রতি তাঁর আস্থা ছিল অবিচল, আমরা সবাই তাঁর নেতৃত্বে প্রস্ফুটিত হয়েছি। খুব শান্ত ও স্থিরভাবে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। তাঁর মতো একজন আমরা আর দীর্ঘ, দীর্ঘ সময়েও পাব না। ভারতীয় ক্রিকেটের অসাধারণ এক অধ্যায়ের সমাপ্তি হলো।’
স্পিন কোয়ার্টেটে বেদির সঙ্গী ভগব ৎ চন্দ্রশেখরের প্রতিক্রিয়া, ‘এখনো তো তাঁর যাওয়ার সময় হয়নি...মাত্র ৭০ বছর। অসাধারণ একজন অধিনায়ক, সব সময়ই ছিলেন আক্রমণাত্মক।’ শচীন টেন্ডুলকারের কণ্ঠে ছিল একজন ‘নায়কের’ মৃত্যুতে শোক, ‘কয়েকবার তাঁর সঙ্গে দেখা করার সম্মান আমার হয়েছে। বিশ্ব ক্রিকেট তাঁর মতো একজন নায়কের অভাব বোধ করবে।’

Saturday, September 24, 2011

ওয়ানডে দলে নেই গেইল-সারওয়ান-ব্রাভো

বাংলাদেশের জন্য স্বস্তির খবর, সফরের প্রথম ভাগে অন্তত বাংলাদেশে থাকছেন না ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান ও ডোয়াইন ব্রাভো। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে নেই এই তিন তারকা। ১৫ সদস্যের দলে একমাত্র নতুন মুখ কার্লোস ব্রাফেট। ২৩ বছর বয়সী বার্বাডিয়ান অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটেও এখনো কোনো ওয়ানডে খেলেননি, টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটি। তবে এ বছরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে ৮ ম্যাচে করেছেন ২৬৫ রান, মিডিয়াম ফাস্ট বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট।
আজ ও আগামী পরশু ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলতে গেইল এখন ভারতে। গত এপ্রিলে একটি রেডিও সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) ও জাতীয় দলের কোচ ওটিস গিবসনকে তুলাধোনা করেছিলেন গেইল। বোর্ডের সঙ্গে ঝামেলার শুরু সেই সূত্রেই। জুনে সমস্যা সমাধানের সভায় আরও জটিল হয় সমস্যা। গত ২৫ জুন গেইল একা গিয়ে দেখা করেছেন ডব্লুআইসিবির প্রধান আর্নেস্ট হিলাইরের সঙ্গে। কিন্তু এতেও যে অগ্রগতি খুব বেশি হয়নি, প্রমাণ বাংলাদেশ সফরের দলই।
সারওয়ানের অবশ্য দলে থাকার কথা ছিল। কিন্তু পিঠের পুরোনো চোট মাথাচাড়া দেওয়ায় তাঁর জায়গায় নেওয়া হয়েছে ওপেনার কাইরান পাওয়েলকে। এই পিঠের চোটই বছর খানেক মাঠের বাইরে রেখেছিল সারওয়ানকে। ক্রিকেটে মনোযোগ ফিরিয়ে আনার জন্য ভারত সিরিজের মাঝখানে ‘সাময়িক বিরতি’ নিয়েছিলেন ‘বড়’ ব্রাভো। এ জন্যই বিবেচনা করা হয়নি তাঁকে। তবে প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক দিনেশ রামদিন।
গেইল-ব্রাভোরা না থাকায় অভিজ্ঞতার ঘাটতি হয়তো কিছুটা থাকছে। তাই বলে বাংলাদেশের জন্য খুব সহজ হবে না সিরিজটা। স্যামুয়েলস-স্যামি-পোলার্ড-রাসেল-হায়াত—সীমিত ওভারের ক্রিকেটে কার্যকর অনেক অলরাউন্ডার আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। আছেন দুজন লেগ স্পিনার—আইসিসির বর্ষসেরা উঠতি ক্রিকেটার দেবেন্দ্র বিশু ও ‘কিপটে’ অ্যান্থনি মার্টিন।
বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকে বাদ পড়া শিবনারায়ণ চন্দরপল উপেক্ষিতই থেকে গেছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নেওয়া ফিদেল এডওয়ার্ডসকে ওয়ানডে দলে রাখা হয়নি চোট থেকে বাঁচাতে। তবে টেস্ট দলে নিশ্চিতভাবেই থাকবেন দুজন। গেইল-সারওয়ানরাও কি থাকবেন? উত্তর মিলবে সময়েই।

Friday, September 23, 2011

প্রিমিয়ার কাবাডি

প্রিমিয়ার কাবাডি লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেল যাত্রাবাড়ী ফারুক স্মৃতি সংসদ। কাল রানার কাবাডি লিগে মোজাফফর স্মৃতি সংসদের কাছে ৩৬-৪১ পয়েন্টে হেরে গেছে তারা। জুরাইন জনতা ৫৫-৪৪ পয়েন্টে মোজাফফর স্মৃতি সংসদকে, দিলকুশা স্পোর্টিং ৫৬-১৭ পয়েন্টে যাত্রাবাড়ী ফারুক স্মৃতি সংসদকে হারায়।

Thursday, September 22, 2011

উত্তরসূরির কাছে মাসুদের চাওয়া

আমাদের কিন্তু অনেক মিল। দুজনই উইকেটকিপার, ব্যাটিংটা উপভোগ করি, দুজনই রাজশাহী বিভাগের, রাজশাহীকে নেতৃত্ব দিয়েছি, জাতীয় দলের অধিনায়কও...’—যে জন্য তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া, দুজনের মধ্যকার মিলের কথাগুলো খালেদ মাসুদ নিজেই চটপট বলে দিলেন।
তবে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট অধিনায়কের সঙ্গে অষ্টম টেস্ট অধিনায়কের সম্পর্কের শেষ নয় এখানেই। ক্রিকেটার মুশফিকুর রহিমকে কাছ থেকে বেড়ে উঠতে দেখেছেন মাসুদ। একসময় দুজন হয়ে উঠেছেন প্রতিদ্বন্দ্বী, সময়ের বাস্তবতায় একসময় মুশফিককে জায়গাও ছেড়ে দিতে হয়েছে। মাঠের বাইরে আবার দুজনের খুব হূদ্যতা।
ক্রিকেটার মুশফিকুরের গুণমুগ্ধ মাসুদ নিজেও। তাঁর মতে, এ মুহূর্তে সম্ভাব্য সেরা পছন্দকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। উত্তরসূরির প্রতি ভালোবাসায় নয়, ব্যাখ্যা দিলেন যুক্তি দিয়েই, ‘অধিনায়কত্বটা এই মুহূর্তে ওরই সবচেয়ে প্রাপ্য ছিল। অনেক আগে থেকেই কিন্তু ওকে অধিনায়ক হিসেবে গড়ে তোলা হয়েছে। বিকেএসপিতে অধিনায়কত্ব করেছে, অনূর্ধ্ব-১৯ দলে করেছে। ও জন্মগতভাবেই নেতা।’
জাতীয় দলে, বিভাগীয় দলে মুশফিককে কাছ থেকে দেখেছেন। মুশফিকের মাঝে সহজাত নেতৃত্বগুণের কোন ব্যাপারটা চোখে পড়েছে? মাসুদের উত্তরটাই বলে দেবে, মুশফিককে জানেন বেশ ভালোভাবেই, ‘ও খুবই ডিসিপ্লিনড, সময় মেনে চলে। নিজেও ছিমছাম, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। সবকিছুই খুব গোছানো। সবকিছুর জন্য আলাদা সময় করে রাখে, সেই সময়ের এদিক-ওদিক হয় না। এই ব্যাপারগুলো হয়তো বেশির ভাগই মাঠের বাইরের, কিন্তু মাঠেও কিন্তু এসব সাহায্য করে।’
যাঁকে বেড়ে উঠতে দেখেছেন, ছিল কাছের ‘ছোট ভাই’, একসময় সেই হয়ে দাঁড়াল প্রতিদ্বন্দ্বী। শুধু ব্যাটসম্যান হিসেবেই দুটি টেস্ট খেলেছেন মুশফিক। ২০০৭ সালের শ্রীলঙ্কা সফরে উইকেটের পেছনেও দাঁড়ালেন মাসুদের জায়গায়। এই লড়াই কিন্তু দুজনের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি বলেই জানালেন মাসুদ, ‘মাঠ-মাঠের বাইরের জগৎটাকে আমি সব সময় আলাদা রাখি। মাঠের ভেতরে সবাই পেশাদার, ব্যক্তিগত সম্পর্কের জায়গা নেই। কিন্তু বাইরে আমাদের সম্পর্ক খুবই ভালো।’
উইকেটকিপাররা ভালো অধিনায়ক হন না—ক্রিকেটের সবচেয়ে প্রচলিত কথাগুলোর একটি। প্রতিটি বলে নিজেকে মনোযোগ দিতে হয়, দল নিয়ে এত ভাবার সময় কোথায়! কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই এই ধারণাকে উড়িয়ে দিলেন মাসুদ, ‘আমি বরং বলি এর উল্টো। উইকেটকিপাররা সবকিছু ভালোভাবে দেখে, পরিস্থিতি বোঝে। ধোনিকে দেখেন, ও কি ভালো অধিনায়ক নয়? তবে বাংলাদেশের অধিনায়কত্ব করা ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। দল বেশির ভাগ সময়ই হারে, অনেক সমালোচনা শুনতে হয়। অনেক সময় এসব নিজের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এ ক্ষেত্রেই যেমন আমি বলব, সাকিব দারুণ করেছে। আশা করি, মুশফিক ওকে অনুসরণ করবে, ঠান্ডা মাথায় কাজ করে যাবে।’
পরামর্শ তো হলো, এবার উত্তরসূরির কাছে প্রত্যাশা? ‘আশা করি, দলটাকে গুছিয়ে টিম বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। শুধুু ক্রিকেট দলের নয়, মানুষের অধিনায়ক হবে। মানুষ অনুভব করবে, মুশফিক আমাদের অধিনায়ক।’

Friday, September 16, 2011

নিষিদ্ধ কারভালহো

অবসর নিয়েও শাস্তি এড়াতে পারলেন না রিকার্ডো কারভালহো! কোনো কারণ উল্লেখ না করেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে আসার অপরাধে জাতীয় দলে এই ডিফেন্ডারকে এক বছরের জন্য নিষিদ্ধ করল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সঙ্গে ২০১২ ইউরোর সম্ভাব্য চূড়ান্ত পর্বের জন্যও তাঁকে অযোগ্য ঘোষণা করেছে এফপিএফ। মানে, বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে গেলেও রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার পোল্যান্ড-ইউক্রেন ইউরো চ্যাম্পিয়নশিপে গর্তুগালের হয়ে খেলতে পারবেন না।
২০১২ ইউরোতে তাঁর খেলার প্রশ্ন আসছেও না; কারণ, এই নিষেধাজ্ঞার আগেই ৩৩ বছর বয়সী কারভালহো জাতীয় দলকে ‘বিদায়’ জানিয়ে দিয়েছেন। বাছাইপর্বে সাইপ্রাসের বিপক্ষে তাঁকে দলে না নেওয়াতেই যে অসম্মানিত ও ব্যথিত বোধ করেছেন, সেটি জানিয়েই গত ৩১ আগস্ট জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসেন গর্তুগালের হয়ে ৭৫টি ম্যাচ খেলা কারভালহো। পরে জানিয়ে দেন অবসর নেওয়ার কথা।
অপরাধ বিবেচনায় নিষিদ্ধ হওয়ার কথা ২৪ মাসের জন্য। কিন্তু কারভালহোর অতীত অবদানের কথা বিবেচনা করে শাস্তিটা কমিয়ে এক বছর করেছে এফপিএফ।
অবসরের পর নিষেধাজ্ঞার খড়্গ, কারভালহোর আন্তর্জাতিক ক্যারিয়ারের দুয়ারে মজবুত তালাই ঝুলে গেল! প্রথমে পোর্তো, পরে চেলসি আর এখন রিয়াল মাদ্রিদে খেলা এই ডিফেন্ডারের জাতীয় দলে অভিষেক ঘটে ২০০৩ সালে, ব্রাজিলীয় কোচ লুইস ফেলিপে স্কলারির অধীনে। পর্তুগালের হয়ে খেলেছেন দুটি ইউরো (২০০৪ ও ২০০৮) এবং দুটি বিশ্বকাপ (২০০৬ ও ২০১০)।

মুনীরের থাপড় প্রতিরোধ ভাবনা

১৪টি দল নিয়ে আজ ঢাকার কাবাডি স্টেডিয়ামে শুরু হবে রানার গ্রুপ ১৩তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ। দলগুলোকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে সুপার লিগ। সর্বনিম্ন চারটি দল খেলবে অবনমন বিভাগে।
প্রতিটি দলকে প্রতি ম্যাচে এক হাজার টাকা করে দেওয়া হবে, ফেডারেশনের ভাষায় যেটি ‘অনুদান’। এই টাকা দিয়েই ফেডারেশন বেশ খুশি।
গতকাল এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কাবাডি ফেডারেশন, যাতে লিগ আয়োজনের চেয়ে গত এশিয়াডের ব্যর্থতা নিয়েই বেশি কথা হয়েছে। এই প্রথম বাংলাদেশ কাবাডি দল এশিয়াড থেকে ফিরছে শূন্য হাতে। এত দিন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন বলে এসেছেন, প্রস্তুতির ঘাটতি এবং পাইপলাইনে খেলোয়াড় না থাকায় এশিয়াডে ভরাডুবি ছিল।
কাল দিলেন নতুন তথ্য, ‘বিডিআরে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক খেলোয়াড় পাওয়া যায়নি। এই জন্যই আমরা এশিয়াডে থাপড় খেয়ে এসেছি। এই থাপড় যাতে আর না খেতে হয়, তার জন্য স্কুল টুর্নামেন্ট এবং বিভিন্ন বিকল্প দল তৈরি করে রাখছি।’

Wednesday, September 14, 2011

যেভাবে মিলবে বিশ্বকাপের টিকিট

প্রবল বিতর্কের মুখে ১০ দলের বিশ্বকাপ থেকে সরে এসেছিল আইসিসি। গত জুনে হংকংয়ে আইসিসির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ বিশ্বকাপে চারটি সহযোগী দেশকেও সুযোগ দেওয়া হবে। এবার ঘোষণা করা হলো চার দল বাছাইয়ের প্রক্রিয়া। আগের মতো একটি নয়, দু-দুটি টুর্নামেন্ট থেকে বাছাই করা হবে চার দল!
শুরুতে আট দল নিয়ে একটা টুর্নামেন্ট হবে। এতে থাকবে ‘ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২’-এর শীর্ষ দুই দল। এই টুর্নামেন্টের শীর্ষ দুই দল জায়গা পাবে বিশ্বকাপে। বাকি ছয় দল খেলবে আরেকটি টুর্নামেন্টে, যেখানে থাকবে ‘ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২’-এর তৃতীয় ও চতুর্থ হওয়া দল। এই টুর্নামেন্টের শীর্ষ দুই দল পাবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টিকিট। দলগুলোকে দ্বিতীয় সুযোগ দেওয়া এবং সেরা চারটি দলকে বাছাই করতেই দুটি টুর্নামেন্ট করা হচ্ছে, জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। টুর্নামেন্ট দুটির সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো।
১০ দলের বিশ্বকাপ নিয়ে সংবাদ মাধ্যমে সবচেয়ে সোচ্চার ছিলেন যিনি, সেই সাবেক আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টন জানিয়েছেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘আইসিসি এবার একদম ঠিক করেছে। নতুন এই ফরম্যাটে সেরা দলগুলোই বিশ্বকাপ খেলার যোগ্যতা পাবে।’

Tuesday, September 13, 2011

আবারও ব্লেকের ৯.৮২

এখন সময় ইয়োহান ব্লেকের। দেগুতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেশ না কাটতেই গত বৃহস্পতিবার জুরিখ ডায়মন্ড লিগ মিটে ১০০ মিটার জেতেন ক্যারিয়ার-সেরা ৯.৮২ সেকেন্ড সময় করে। গত পরশুই আবার বার্লিনে আইএসটিএএফ বিশ্ব চ্যালেঞ্জ মিটে ব্লেক ১০০ মিটার জিতলেন, সময় ওই ৯.৮২ সেকেন্ডই।
তবে সময় এক হলেও বার্লিনে ব্লেকের খুশির কারণ, স্বদেশি আসাফা পাওয়েল আর কিংবদন্তি অ্যাথলেট মরিস গ্রিনের রেকর্ড ভেঙেছেন। বার্লিনের আইএসটিএএফ বিশ্ব চ্যালেঞ্জ মিটে পাওয়েল আর গ্রিনের রেকর্ডটি ৯.৮৬ সেকেন্ডের।
গ্রিন-পাওয়েলের রেকর্ডটা ভাঙতে পারবেন—এটা নাকি ব্লেক আগেই জানতেন, ‘আমি দেখেছিলাম রেকর্ডটা ছিল ৯.৮৬ সেকেন্ডের এবং আমি জানতাম এটা ভেঙে দেওয়ার মতো ভালো অবস্থায় আছি আমি। তাই আমি স্রেফ দারুণ একটা শুরু করতে চেয়েছিলাম। তিন দিনের ব্যবধানে দুবার ৯.৮২ সেকেন্ডে দৌড়ানোর অনুভূতিটা চম ৎ কার।’
বোল্ট-পাওয়েল এমনকি দেগুতে রুপাজয়ী যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ডিক্সও না থাকায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেককে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ ছিল না। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কিম কলিন্স মৌসুমে ব্যক্তিগত সেরা সময় (১০.০১ সেকেন্ড) করে হয়েছেন দ্বিতীয়। ১০.০৮ সেকেন্ড সময় করে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রিচার্ড থম্পসন তৃতীয়।
এই জ্যামাইকানের চোখ এখন আগামী বছরের লন্ডন অলিম্পিকে। কিন্তু সেজন্য তাঁকে সতর্ক হতে হচ্ছে অলিম্পিক ও বিশ্ব রেকর্ডের মালিক বোল্টের কারণে। নিজেই বলেছেন বোল্ট, দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিসকোয়ালিফায়েড হওয়ার জ্বালা জুড়োবেন লন্ডনে!

বানিকের পাঠশালায় ইয়ামিনরা

মাঠে খেলা নেই। খেলোয়াড়েরা ব্যস্ত নিজেদের ব্যবসা-বানিজ্য আর বিদেশে লিগ খেলা নিয়ে। কিন্তু হকি ফেডারেশনের এখন গুরুত্ব পাচ্ছে কোচদের প্রশিক্ষণ। কোচদের প্রশিক্ষণ দিতেই এখন ঢাকায় নেদারল্যান্ডের হকি কোচ ড. বার্ট বানিক।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্বাবধানে ঢাকায় এসে বানিক কাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩৫ জন সাবেক খেলোয়াড় ও কোচ নিয়ে চালাচ্ছেন প্রশিক্ষণ কর্মসূচি। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৬-১৯ সেপ্টেম্বর দেশের ২০টি জেলায় চলমান উন্নয়ন কর্মসূচি ঘুরে দেখবেন বানিক।
এত অল্প সময়ের কোচেস কোর্সে সন্তুষ্ট নন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইয়ামিন, ‘ খুবই ভালো মানের কোচ বানিক। অল্প সময়ের মধ্যেই অনেক কিছু শিখিয়েছেন আমাদের। তবে আরেকটু বেশি সময় নিয়ে কোর্সটা শেষ করলে ভালো হতো। আমাদের সবার শেখার আগ্রহ অনেক।’ বানিক নিজেও খুশি নন অল্প সময়ের কোর্সে, ‘ আমি জানি এত অল্প সময়ে সব কিছু শেখানো যায় না। সবার ধারণক্ষমতাও সমান নয়। পুরোদিন প্রশিক্ষণ করার পর অনেকেই দুর্বল হয়ে পড়ে। আমি চাইলেও এখন বাংলাদেশে বেশিদিন কাজ করতে পারব না। তবে আগামীতে সুযোগ পেলে আবার আসব।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই কদিনের কর্মসূচির জন্য ৩০ হাজার ডলার দিচ্ছে হকি ফেডারেশনকে। হকি কোচ নিয়ে সঙ্কটে ফেডারেশন। কোচ হওয়ার প্রস্তাব পেলে কি আসবেন? হেসে বললেন, ‘ওরা আমাকে কোনো প্রস্তাব দেয়নি। তবে দিলেও হয়তো এখানে আসব না।’

এক অস্ট্রেলীয়র যুক্তরাষ্ট্র জয়

অস্ট্রেলিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে। ভয়াল ৯/১১-এর এক দশক পূর্তির দিনে সেই নিউইয়র্কে আবারও মার্কিনদের হতাশায় ডুবিয়ে ইউএস ওপেন জিতলেন সামান্থা স্টোসুর। ফিরিয়ে আনলেন হারিয়ে যাওয়া একটি ছবি। সেই ১৯৮০ সালে সর্বশেষ কোনো অস্ট্রেলীয় মেয়ে মাথার ওপর উঁচিয়ে ধরেছিলেন গ্র্যান্ড স্লাম ট্রফি। ইভোনি গুলাগংয়ের উইম্বলডন জয়ের পর ৩১ বছর অপেক্ষায় কাটিয়েছে অস্ট্রেলিয়া। স্টোসুর ঘোচালেন সেই অপেক্ষা। কোনো অস্ট্রেলীয় মেয়ের ইউএস ওপেন জয়ের ঘটনা তো আরও পুরোনো। ১৯৭৩ সালে মার্গারেট কোর্ট সর্বশেষ জয় করেছিলেন ফ্ল্যাশিং মিডো।
পরশু রাতে ২৭ বছর বয়সী স্টোসুর খুব সহজেই ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে। অথচ ম্যাচের আগে নিরঙ্কুশ ফেবারিট ছিলেন সেরেনাই। ফাইনালের আগে একটি সেটও না হারা সেরেনা ফাইনালের পথে হারিয়ে এসেছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিসহ ভিক্টোরিয়া আজারেঙ্কো, আনা ইভানোভিচ, আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাদের। এই মৌসুমে হার্ডকোর্টেও অজেয় ছিলেন এই মার্কিন।
কিন্তু ফাইনালে সেই সেরেনাকে খুঁজে পাওয়া যায়নি। স্টোসুরের সার্ভ ও ফোরহ্যান্ডের কাছে অসহায় লাগছিল তাঁকে। দ্বিতীয় সেটের শুরুতে চেয়ার আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান হতাশ সেরেনা। নীতিমালা ভঙ্গ করায় চেয়ার আম্পায়ার স্টোসুরকে একটি পয়েন্ট দেওয়ায় আরও খেপে যান তিনি। অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন আম্পায়ার ইভা আসদেরাকিকে। এ জন্য বড় শাস্তিও পেতে পারেন। ২০০৯ সালেও একই কাণ্ড করেছিলেন সেরেনা।
প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্টোসুর ম্যাচ শেষে বলেছেন, ‘আমার খেলা শুরু করার সময় থেকেই এখানে (বিজয় মঞ্চে) আসার স্বপ্ন দেখে এসেছি। আমি সত্যিই ঠিক জানি না, কী বলতে হবে। তবে আমি যেভাবে খেলেছি, সেটা সত্যিই অবিশ্বাস্য।’
এর পর সেরেনাকে উদ্দেশ করে বলেছেন, ‘সেরেনা, আপনি একজন দারুণ খেলোয়াড়, বড় চ্যাম্পিয়ন এবং আমাদের খেলাটার জন্য বিস্ময়কর অনেক কিছুই করেছেন।’
পরাজিত সেরেনা বলেছেন অসুস্থ হয়ে মাঠের বাইরে কাটানো সময়টার কথা, ‘ছয় মাস আগে হাসপাতালে আমি দাঁড়াতেও পারিনি। তবে মা-বাবা, বোনরা ও যাদের কারণে আজ আমি এখানে তাঁদের ধন্যবাদ। আমি কিছুটা আবেগতাড়িত, কেঁদেও ফেলতে পারি। এখানে আসতে পেরে আমি খুশি, এটা সত্যিই দারুণ।’
খুশির জোয়ার বইছে অস্ট্রেলিয়াজুড়ে। স্টোসুরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও ইভোনি গুলাগং। দুজনই স্টোসুরের জয়কে বলেছেন, ‘অসাধারণ’। প্রধানমন্ত্রীর বিশ্বাস, এই জয় নতুন প্রজন্মকে টেনিসে টানবে এবং অস্ট্রেলিয়ার টেনিসকে আবারও উঁচুতে নিয়ে যাবে।

Monday, September 12, 2011

উশুর ভ্রমণ পরিকল্পনা

খেলার ফল যা-ই হোক দল বেঁধে বিদেশ ভ্রমণে যাওয়ার সংস্কৃতি থেকে বিচ্যুত নয় বাংলাদেশ। তেমনি এক বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুত হচ্ছে উশু অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। দলের বহরে খেলোয়াড়ের চেয়ে কর্মকর্তাই বেশি।
আগামী ৬-১৫ অক্টোবর তুরস্কের আঙ্কারায় হবে ১১তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় খেলতে তুরস্ক যাচ্ছেন এসএ গেমসে সোনাজয়ী খেলোয়াড় মেজবাহউদ্দিন ও জাতীয় চ্যাম্পিয়ন মোতাহার হোসেন। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এস এম শহীদুল হক ভূঁইয়া, কোচ খোদ সাধারণ সম্পাদক আবদুল মতিন আজাদ। পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গী হচ্ছেন মহানগর উশু অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম খান।
সাধারণ সম্পাদক আবদুল মতিন আজাদ জানান, ‘এমন একটা টুর্নামেন্টে যাব, কিন্তু সরকারি-বেসরকারি কোনো আর্থিক সহযোগিতা এখনো পাচ্ছি না। তাই বুঝতে পারছি না আদৌ যাওয়া হবে কি না।’ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী এফ আর সিদ্দিকী নেপাল সফরে রয়েছেন। সেখান থেকে ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান তিনি।

ডিসেম্বরে আসছে পাকিস্তান

আগামী ডিসেম্বরে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসা অনেকটা নিশ্চিতই ছিল। তবে এর আগে বার দুয়েক সিরিজটা বাতিল হওয়ায় একটু শঙ্কাও যে ছিল না, তা নয়। পিটিআইয়ের খবর, এবার পাকিস্তান আসছেই। বিসিবির পাঠানো সম্ভাব্য সফরসূচিতে সম্মতিও জানিয়েছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো ওই সিরিজেও তিন ওয়ানডে ও দুই টেস্টের পাশাপাশি থাকছে একটি টি-টোয়েন্টি। সিরিজটি আসলে হওয়ার কথা ছিল ২০০৯ সালে। কিন্তু বিডিআর বিদ্রোহের কারণে সফরটা হয়নি। গত বছর আবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি, কিন্তু অপারগতা জানায় পিসিবি। অবশেষে এবার হচ্ছে সিরিজটা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

২০০৬ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু বাংলাদেশের। এরপর আরও ১৫ ম্যাচ খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি। বাংলাদেশের দর্শকেরা আবার মাঠে গিয়ে টি-টোয়েন্টি দেখতে পারবে আগামী ১১ অক্টোবর। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচনাই হবে টি-টোয়েন্টি দিয়ে। এর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি এখনো। টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। চট্টগ্রামে ১ম টেস্টের পর শেষ টেস্ট ঢাকায়। এক মাসের সফরে ড্যারেন স্যামির দল ঢাকা আসবে ৪ অক্টোবর।