Tuesday, November 14, 2017

মহিউদ্দিনের জন্য মসজিদ-মন্দির-গীর্জায় প্রার্থনা!

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় মসজিদ-মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা চলছে। নগরীর ওয়াডসহ বিভিন্নস্থানেও দোয়া মহাফিল করছে অনুসারী দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হন চট্টগ্রামের এই বর্ষীয়ান নেতা। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। রবিবার বিকেলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের চিকিৎসক জহির উদ্দিন চৌধুরী উন্নত চিকিৎসার জন্য এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুর অথবা ভারতের চেন্নাই নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
চিকিৎসক জহির উদ্দিন চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর দুটি কিডনিতেই সমস্যা। পা দুটো দুর্বল। শরীর উপরের দিকে ভারি এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। অনেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তবুও অনেকটা মনের জোরেই চলছিলেন এ নেতা।
তিনি জানান, শনিবার রাতে গুরুতর অসুস্থাবস্থায় এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে আইসিইউতে রাখা হয়। এর বিকেলে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, স্কয়ার হাসপাতালে বাবার শরীরের কিডনি ডায়ালাইসিস করা হয়। সেখান থেকে আজ মঙ্গলবার বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চাইছি।
এর আগে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তির খবর পেয়ে ছুটে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। ওই সময় মহিউদ্দিন চৌধুরীর পাশে আধা ঘন্টা সময় কাটান। এমনকি তাঁর সেবা-শুশ্রুষাও করেন। এ সময় তিনি মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় আল্লাহর নিকট প্রার্থনা ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
এছাড়া আজ মঙ্গলবার থেকে নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় তিনি মিলাদ-মাহফিল কর্মসূচির ঘোষনা দেন। তার ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের সবকটি মসজিদে দোয়া মাহফিল হয়েছে।
এছাড়া গীর্জা ও মন্দিরসমূহে মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এমনকি নগরীর প্রতিটি মোড়ে মোড়ে ও মহল্লায় দলীয় নেতাকর্মী, অনুসারী ও সাধারণ মানুষ মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল করেছে।
নগরীর মুসাফিরখানা মসজিদে মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলে চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, আমাদের প্রিয় নেতা মহিউদ্দিন ভাই সুচিকিৎসা নিয়ে অচিরেই যেন আমাদের মাঝে, জনগণের মাঝে ফিরে আসে সেই প্রার্থনাই করছি।

৮ কোটি বছর আগের রাক্ষুসে হাঙ্গর!

পৃথিবী থেকে বহু বছর আগে হারিয়ে গেছে ডাইনোসররা। কিন্তু রয়ে গেছে সঙ্গী রাক্ষুসে হাঙররা।
কিভাবে যেনো শুধু তাদেরই ফেলে রেখে গিয়েছিল টিরানোসরাস রেক্স ও ট্রাইসেরাটপস প্রজাতির ডাইনোসররা। সেটিও আবার আট কোটি বছরের বেশি আগের। খবর আনন্দবাজার পত্রিকার।
তারপর কতো কোটি কোটি বছর কেটে গেছে। গ্রহাণু, ধূমকেতুর ধাক্কা কত শত বার সইতে হয়েছে পৃথিবীকে। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, জলোচ্ছ্বাস, প্রলয়ে কত বার আলোড়িত হয়েছে আমাদের গ্রহ। তবু অতলান্ত মহাসাগরের তলায় থাকা সেই রাক্ষুসে হাঙরের চুলও কেউ স্পর্শ করতে পারেনি! ৮ কোটি বছরেরও বেশি সময় ধরে তারা প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে সাড়ে ৫ হাজার ফুট গভীরতায় সাঁতার কেটে বেড়িয়েছে।
বাণিজ্যের লোভে বেধড়ক মাছ ধরা বন্ধ করার অভিযানে নেমে পর্তুগালে আটলান্টিক মহাসাগরের একটি সৈকতে ডাইনোসর যুগের সেই হাঙ্গর খুঁজে পেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গবেষকরা। বিজ্ঞানের পরিভাষায় এই 'ফ্রিলড শার্ক'দের বলে কিয়ামাইডোসেলাকাস অ্যাঙ্গুইনাস। বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতির হাঙ্গররাই পৃথিবীর প্রাচীনতম ও বিরলতম প্রাণীদের অন্যতম।
এদের মাথা ঠিক সাপের মতো। দাঁতের সংখ্যা ৩০০। ধারালো সেই দাঁতগুলো সাজানো রয়েছে ২৫টি সারিতে। এদের কানকোগুলো ব্লাডারের মতো ফোলানো। লম্বায় এরা ছয় ফুটেরও বেশি হতে পারে।
মূলত জাপান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় মহাসাগরের অনেক গভীরেই এদের বসবাস। কোনোভাবে তা চলে এসেছিল পর্তুগালে। আটলান্টিক মহাসাগরের একটি সৈকতে।
তবে কিভাবে ডাইনোসর যুগের এই প্রাণীরা এতো দিন ধরে টিকে আছে পৃথিবীর বুকে, সেটির কারণ এখনো জানতে পারেননি বিজ্ঞানীরা।

মিয়ানমার সেনাবাহিনীর তদন্ত ‘চোখে ধুলো দেওয়া’র প্রচেষ্টা : অ্যামনেস্টি

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনকে 'চোখে ধুলো দেওয়া'র প্রচেষ্টা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর জাতিসংঘ বলেছে 'হোয়াইটওয়াশ'।  
সোমবার সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং তার ফেসবুক পেজে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।
সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞ-যৌন নিপীড়ন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠলে মিয়ানমার সেনাবাহিনী তদন্ত শুরু করে।  
তবে তদন্ত প্রতিবেদনকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের গ্রামে গুলি চালিয়ে মানুষ হত্যা, ধর্ষণ বা বন্দিদের নির্যাতনের যেসব অভিযোগ করা হচ্ছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রোহিঙ্গাদের গ্রামে আগুন দেওয়া ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগেরও অভিযোগ অস্বীকার করা হয় তাতে।
প্রতিবেদনে হত্যাযজ্ঞ যৌন নিপীড়ন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো দোষ চাপিয়েছে 'বাঙালি সন্ত্রাসী'দের ওপর।
গেলো ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর ৩০টি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নির্বিচার নিধনযজ্ঞ থেকে বাঁচতে এখন পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই নিপীড়নকে 'জাতিগত নিধনের প্রকৃষ্ট উদাহরণ' বলেছে জাতিসংঘ।
বাংলাদেশে আসা রোহিঙ্গারা নির্মম হত্যাযজ্ঞ, ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার বিবরণ দিয়েছেন। নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহল থেকে অং সাং সু চি সরকারের ওপর অব্যাহত চাপ থাকলেও দেশটির সেনাবাহিনী নিজেদের নির্দোষ দাবি করে আসছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত



বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (মঙ্গলবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য 'সকল গর্ভধারণ হোক পরিকল্পিত'।

দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বজুড়েই ডায়াবেটিস এক নীরব মহামারি। এটি রোধ করা না গেলে এ রোগ আমাদের মতো উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে উঠতে পারে। 

এবারের প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি দেশের গণমাধ্যমসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দরিদ্র মানুষকে বিনামূল্যে ৩০ পদের ওষুধ দেয়া হচ্ছে। সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। সারাদেশে গর্ভকালীন নারীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বল্পমূল্যে সেবা দিতে ডায়াবেটিক সমিতির সেবাকেন্দ্রগুলো কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।