Wednesday, February 2, 2011

ওমানে গুপ্তচর চক্র উদ্ঘাটিত

ওমানের কর্তৃপক্ষ বলেছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পক্ষে কাজ করছে, এ ধরনের একটি গোয়েন্দা চক্র উদ্ঘাটন করেছে তারা। দেশটির সরকারি বার্তা সংস্থা এ কথা জানায়।
ইউএইর পক্ষে কাজ করা সন্দেহভাজন গুপ্তচরেরা বলেছেন, তাঁরা ওমানের সরকার ও সেনাবাহিনীর ওপর গোয়েন্দাগিরি করেছেন। কিন্তু এই ধরনের কোনো চক্রের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছে ইউএই সরকার। দেশটির বার্তা সংস্থা এ কথা জানায়।

মিয়ানমারে পার্লামেন্টের অধিবেশন শুরু

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে গতকাল সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা ৫৫ মিনিটে এ অধিবেশন শুরু হয়। কর্মকর্তারা এ কথা জানান। নবনির্বাচিত ও মনোনীত এক হাজারেরও বেশি পার্লামেন্ট সদস্য এ অধিবেশনে যোগ দিচ্ছেন। অধিবেশনে কোনো বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
১৯৬২ সালে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এই প্রথম পার্লামেন্টের অধিবেশন বসল। তবে ক্ষমতাসীন জান্তা নিয়ন্ত্রিত এ পার্লামেন্ট অধিবেশন নিয়ে জনগণের মধ্যে খুব একটা উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না।
বিরোধীদলীয় নেত্রী সু চির অনুপস্থিতিতে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জান্তা সরকার বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচনের আগেই এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়। এ ছাড়া সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এক হাজার ১৫৪ আসনের মধ্যে ৮৮২টিতেই জয়লাভ করে।

মার্কিন কূটনীতিকের মুক্তি দাবি নাকচ করল পাকিস্তান

যুক্তরাষ্ট্র তাদের এক কূটনীতিককে মুক্তি দেওয়ার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। লাহোরে এই কূটনীতিক পাকিস্তানের দুই যুবককে গুলি করে হত্যা করেন। এদিকে পাকিস্তান বলছে, তাদের দেশের আইন অনুসারে ব্যাপারটি মীমাংসা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, বিষয়টি ইতিমধ্যে আদালতে চলে গেছে। লাহোরে গত বৃহস্পতিবার গোলাগুলির যে ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। কাজেই এ ব্যাপারে জনসম্মুখে কথা বলা ঠিক তবে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার গত শনিবার এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেন। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

পাকিস্তান পরমাণু বোমার পরিমাণ দ্বিগুণ করেছে

পাকিস্তান তার পরমাণু বোমার মজুদ দ্বিগুণ করেছে। বর্তমানে দেশটির পরমাণু বোমার (ওয়ারহেড) সংখ্যা ১১০টি। এ ছাড়া বোমা তৈরির জন্য ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে দেশটি। ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
ইসলামাবাদের অস্ত্রভান্ডারে বর্তমানে ১১০টি পরমাণু বোমা রয়েছে। চার বছর আগে মনে করা হতো, পাকিস্তানের পরমাণু বোমার সংখ্যা ৩০ থেকে ৮০টি।
ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইটকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানায়, ‘পাকিস্তান তার পরমাণু বোমা তৈরির সক্ষমতা খুব দ্রুত বাড়িয়েছে।’ তিনি বলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারে ১১০টি পর্যন্ত অস্ত্র থাকতে পারে।
এই মার্কিন গবেষক বলেন, দুটি পরমাণু স্থাপনায় পাকিস্তান অস্ত্র-উৎপাদন মাত্রায় ইউরেনিয়ামের উৎপাদন অব্যাহত রাখতে প্লুটোনিয়ামের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এতে দেশটি আরও ছোট ওয়ারহেড বানানোর সামর্থ্য অর্জন করে। ইনস্টিটিউটের নতুন একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দেড় হাজার মাইল পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র শাহীন-২-এর উন্নতি সাধন করেছে।
পত্রিকাটিতে বলা হয়, পাকিস্তান বোমা তৈরির জন্য উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের উৎপাদন বাড়িয়েছে। একই সঙ্গে সেসব বোমা নিক্ষেপ করার জন্য নতুন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েক বছর ধরে অস্ত্র সমতার পর প্রতিপক্ষ ভারতের চেয়ে এগিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তান।
পত্রিকাটিতে বলা হয়, পাকিস্তান আরও পরমাণু বোমা তৈরি করেছে। অন্যদিকে ভবিষ্যতে অস্ত্র তৈরির জন্য ভারতের কাছে প্রয়োজনীয় উপাদানের বিশাল মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানকে বিশ্বের অন্যতম অস্থিতিশীল অঞ্চল হিসেবে অভিহিত করে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বলা হয়, দক্ষিণ এশিয়ায় পরমাণু বোমা প্রতিযোগিতা ওবামা প্রশাসনের জন্য উভয় সংকটের সৃষ্টি করবে।
পত্রিকাটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র চাইছে পরমাণু-অস্ত্র বিস্তার রোধ এবং তার আশঙ্কা পরমাণু অস্ত্রের উপাদান সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে। অন্যদিকে পাকিস্তানের সন্দেহ, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে পাকিস্তানের অস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণ কিংবা সীমিত করা এবং ভারতের প্রতি দেশটি আনুকূল্য দেখাচ্ছে।

উইকিলিকস বন্ধের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের নেই: অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, উইকিলিকস বন্ধ করে দেওয়ার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের হাতে নেই। এটি বন্ধ করার যেকোনো উদ্যোগ ব্যর্থ হবে। উচ্চপ্রযুক্তির সহজলভ্যতার সুবাদে বর্তমানে কমপক্ষে এক লাখ মানুষের কাছে গোপন সব তথ্য আলাদাভাবে সংরক্ষিত রয়েছে।
গত রোববার সিবিএস নিউজের একটি জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ এসব কথা বলেছেন। সাক্ষাৎকার নেন মার্কিন সাংবাদিক স্টিভ ক্রফট। অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকসের বেশ কিছু কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া কিংবা হত্যা করা হলেও গোপন তথ্য প্রকাশ অব্যাহত থাকবে।
সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অ্যাসাঞ্জ। উল্লেখ্য, জো বাইডেন জুলিয়ান অ্যাসাঞ্জকে উচ্চপ্রযুক্তির সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। আর উইকিলিকসকে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করেছেন রিপাবলিকান নেত্রী সারাহ পলিন।
সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, ‘আমাদের অভিযান কোনো বিশেষ দেশ বা সংগঠনের বিরুদ্ধে নয়। তথ্য প্রকাশের প্রতিশ্রুতি থেকেই আমরা সত্য প্রকাশ করছি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে তথ্য প্রকাশের এই স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা আছে। তথ্য প্রকাশের অভিযোগে গত ৫০ বছরে কোথাও কোনো প্রকাশকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মোবারককে পদত্যাগের আহ্বান ওমর শরিফের

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আরব বংশোদ্ভূত প্রখ্যাত অভিনেতা ওমর শরিফ। গত শতাব্দীর ষাটের দশকের চলচ্চিত্র লরেন্স অব অ্যারাবিয়ায় একজন আরব সংস্কারক ও বিপ্লবীর ভূমিকায় তাঁকে দেখা গেছে।
৭৮ বছর বয়সী অভিনেতা শরিফ এক বেতার সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত। তিনি ৩০ বছর ধরে ক্ষমতায় আছেন। যথেষ্ট হয়েছে। মিসরের জনগণ আর তাঁকে চায় না।’
ওমর শরিফ বলেন, প্রেসিডেন্ট মিসরীয়দের জীবনমানের তেমন কোনো উন্নতি করতে পারেনি। বড়জোর এক শতাংশ মানুষ ধনী। বাকি সবাই গরিব। তাঁরা খাদ্যের সংস্থানের চেষ্টা করছেন। দেশটির কর্তৃপক্ষ ইসলামপন্থী বিরোধী দল মুসলিম ব্রাদারহুডকে দীর্ঘদিন ধরে কোণঠাসা করে রেখেছে।

নিউজিল্যান্ডের ২৬২ রানের লড়িয়ে পুঁজি

দলে কয়েকজন অলরাউন্ডার রাখার সুবিধাটা বেশ ভালোমতোই টের পাচ্ছে নিউজিল্যান্ড। আজ পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দলের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান না আসলেও জেমস ফ্রাঙ্কলিন আর নাথান ম্যাককালামের অর্ধশতকের সুবাদে ২৬২ রানের লড়িয়ে পুঁজি জমা করেছে কিউইরা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয় নি স্বাগতিকদের। ওয়াহাব রিয়াজ, আব্দুর রাজ্জাকের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৭৯ রানেই পাঁচটি উইকেট খুইয়ে চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। কিউই ব্যাটিং লাইন আপের প্রথান ভরসা গাপটিল, জেমি হাউ, টেলর, স্টাইরিস, উইলিয়ামসন কেউই খুব বেশিক্ষণ থাকতে পারেন নি উইকেটে। এঁদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করে ফিরে গেছেন গাপটিল। ষষ্ঠ উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ব্রেন্ডন ম্যাককালাম ও জেমস ফ্রাঙ্কলিন। ৩৭ রান করে ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাককালাম। এবার নাথান ম্যাককালামের সঙ্গে জুটি গড়েন ফ্রাঙ্কলিন। দুজনে যোগ করেন ৬৪ রান। ৭৫ বলে ৬২ রানের লড়াকু এক ইনিংস খেলে বিদায় নেন ফ্রাঙ্কলিন। শেষপর্যন্ত নাথান ম্যাককালামের অপরাজিত ৫৩ ও ভেট্টরির ১৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬২ রান যোগ হয় কিউই স্কোরবোর্ডে।

জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার

মিসরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম ব্যারেলপ্রতি গতকাল সোমবার ১০০ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ব্যবসায়ীরা মিসরের সহিংস ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে এখন ধস নামছে। ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার দ্রুত পতনের পর তার প্রভাব পড়ছে অন্যত্র। তবে শেয়ারবাজারে ধস দেখা দিলেও তেল ও সোনার দাম বাড়ছে।
টোকিও নিক্কির সূচক ১ দশমিক ১৮ শতাংশ বা ১২২ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০২৩৭ দশমিক ৯২ এবং সিডনি এস অ্যান্ড পি/এএসএক্স ২০০-এর সূচক দশমিক ৪৪ বা ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৫৩ দশমিক ৯।
হংকং হাং শেং সূচক কমেছে ১ দশমিক ১২ শতাংশ ও মুম্বাইয়ের কমেছে দশমিক ৯ শতাংশ। কিন্তু সাংহাই কমপোজিট ইনডেক্স বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ। এদিকে মিসরের অস্থিতিশীলতার মধ্যেও তেলের দাম বাড়ছে।

লিভারপুলের তোরেস এখন চেলসির

শেষ অবধি তোরেসকে জয় করে নিল চেলসিই। বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ এই স্ট্রাইকারকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি আর লিভারপুলের মধ্যে রশি টানাটানি চলছিল। লিভারপুল নিজেদের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে একেবারেই ছাড়তে চাচ্ছিল না, অন্যদিকে শিরোপা লড়াইয়ে ধুঁকতে থাকা চেলসিও যেকোনো মূল্যে তোরেসকে পেতে ছিল মরিয়া। অবশেষে অনেক দর কাষাকষির পর জয় হল চেলসিরই। গতকাল ৫০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে ফার্নান্দো তোরেসকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসতে পেরেছে গতবারের লিগ শিরোপা বিজয়ীরাই।
তোরেসের অভাব পূরণের জন্য লিভারপুল দলে ভিড়িয়েছে নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোলকে। ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্যারোলকে দলে টেনে ট্রান্সফার ফির নতুন রেকর্ড করেছিল লিভারপুল। কিন্তু গতকাল দলবদলের শেষ দিনে কিছুক্ষণ পরই তোরেসকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়ে সেই রেকর্ডটা ভেঙে দেয় চেলসি। তোরেসের সঙ্গে সাড়ে পাঁচ বছরের নতুন চুক্তি করা হয়েছে বলে চেলসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
নতুন চুক্তি স্বাক্ষরের পর চেলসির ওয়েবসাইটে তোরেস বলেছেন, ‘চেলসিতে আসতে পেরে খুবই ভালো লাগছে। এ মৌসুম তো বটেই, সামনের কয়েকটি মৌসুমেও আমি আমার সতীর্থদের নিয়ে নতুন ভাবনা ভাবতে চাই, নতুন করে সবকিছু শুরু করতে চাই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করার পর অনেকবারই আমি চেলসির বিপক্ষে মাঠে নেমেছি। আমি জানি, এই দলটিতে অনেক ভালো মানের স্ট্রাইকার রয়েছে। আশা করছি, চেলসির জার্সি গায়ে আমি অনেক গোল করতে পারব।’
তোরেসের সঙ্গে এ চুক্তি যুদ্ধ-জয়ের আনন্দই দিয়েছে চেলসির সভাপতি ব্রুস বাককে। দলের কিছুটা সংকটের সময় বিশ্বকাপ জয়ী স্পেন দলের অন্যতম সদস্য তোরেসকে দলে ভেড়ানোর পর তিনি বলেছেন, ‘চেলসির জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন। এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড়টিকে দলে পাওয়াটা খুবই ভালো একটা ব্যাপার। আর সে এখন ক্যারিয়ারের সুবর্ণ সময়টা কাটাচ্ছে।’
তোরেসকে দলে পাওয়াটা চেলসির সাম্প্রতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে বলে আশাবাদী চেলসি সমর্থকেরা। এখন তোরেস কী করতে পারবেন, সেটাই দেখার বিষয়।

পাকিস্তানের সেমিতে পৌঁছানো কঠিন হবে: জহির আব্বাস

পাকিস্তানের দলীয় কোন্দল, অব্যবস্থাপনার চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল সর্বশেষ দুই বিশ্বকাপেই। দুবারই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল ’৯২-এর বিশ্বকাপ জয়ীদের। আরও একবার ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরটার আগে সেই একই ঘটনার পুনরাবৃত্তিই দেখা যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের বাইরে চলে গেছেন দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। বিশ্বকাপের চূড়ান্ত দলের অধিনায়ক কাকে করা হবে সেই সিদ্ধান্তও এখন পর্যন্ত জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে শিরোপা জয় তো দূরের কথা, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোটাই পাকিস্তানের জন্য অনেক কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক জহির আব্বাস।
পাকিস্তানি দৈনিক ডেইলি টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে জহির আব্বাস বলেছেন, ‘গত এক বছরে পাকিস্তান ক্রিকেট যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে, তাতে বিশ্বকাপের শেষ চারে যাওয়াটা তাদের জন্য খুব কঠিনই হয়ে যাবে। পাকিস্তান যদি ওই পর্যন্ত যেতে চায়, তাহলে তাদেরকে ধারাবাহিকভাবে খুবই ভালো পারফরমেন্স দেখাতে হবে। কারণ, আমার দৃষ্টিতে এবারে বিশ্বকাপের ফেভারিট চারটা দল হচ্ছে—ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা।’ পাকিস্তানের তরুণ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আশাবাদী হলেও বিশ্বকাপে পাকিস্তানের ওপর খুব বেশি প্রত্যাশা করাটা কঠিন বলে স্বীকার করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান।
বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বের প্রশ্নে এর আগে মিসবাহ-উল হককেই সমর্থন দিয়েছিলেন জহির। তবে বিশ্বকাপের এত কাছাকাছি এসে অধিনায়ক পরিবর্তন করাটা খুব বেশি কাজের কিছু হবে না বলে মন্তব্য করেছেন তিনি। আর পিসিবি যেভাবে ব্যাপারটা ঝুলিয়ে রেখেছে তাতে কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। এ অবস্থায় অধিনায়ক পরিবর্তন করাটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। নিউজিল্যান্ড সফরে আফ্রিদিই পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বকাপেও তাকেই অধিনায়ক করা উচিত।’ বিশ্বকাপে অংশ নেওয়ার আগে কিছুটা আত্মবিশ্বাস সঞ্চয় করে নেওয়ার জন্য নিউজিল্যান্ড সফরের শেষ তিনটি ওয়ানডে জেতার ওপর জোর দিয়েছেন জহির আব্বাস।