Thursday, September 17, 2026

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

গত ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও একটি ক্রীড়া স্থাপনায় চালানো দুটি সামরিক হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার জোড়ালো প্রমাণ ‘যৌক্তিক ভিত্তি’ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন। এসব হামলা যুদ্ধাপরাধের শামিল বলেও জানিয়েছে মিশনটি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধানী মিশনের নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড এবং ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশব্যাপি বিক্ষোভের বিরুদ্ধে ইরান সরকারের দমনপীড়ন এই দুই বিষয়ই তদন্ত করেছে মিশনটি।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, তারা ‘যৌক্তিক ভিত্তি’ পেয়েছেন যে মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী। ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে প্রায় ১২০ জনই ছিল স্কুলশিক্ষার্থী।

মিশনের সদস্যরা জানান, বিদ্যালয়টি একটি সুস্পষ্টভাবে চিহ্নিত বেসামরিক স্থাপনা ছিল। এটি কোনো সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল—এমন কোনো প্রমাণও তারা পাননি।

লামের্দ শহরের একটি ক্রীড়া কেন্দ্রে চালানো হামলার ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

অন্যদিকে, দেশব্যাপি সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও জানিয়েছে জাতিসংঘের অনুসন্ধানী মিশন।

সূত্র: ডন

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পরিবেশ বা পরিস্থিতি সুপরিকল্পিতভাবে ‘ধ্বংস’ করার চেষ্টা করছে ইসরাইল। সাম্প্রতিক প্রতিবেদনে এমনটি দাবি করেছে মানবাধিকার সংগঠন বি’তসেলেম।

সংগঠনটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের ধারাবাহিক হামলা ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তোলার লক্ষ্যে সরকারের মদতপুষ্ট একটি সামগ্রিক পরিকল্পনারই অংশ।

‘দ্য এলিমিনেশন প্রজেক্ট’ শিরোনামের প্রতিবেদনে বি’তসেলেম বলেছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসরাইল তাদের হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে—কাজে যাওয়া, সন্তানদের স্কুল বা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া, চিকিৎসা বা পৌর সেবা গ্রহণ, পরিবার ও বন্ধুদের সাথে দেখা করা, জমিতে চাষাবাদ করা কিংবা অবকাশ যাপনের মতো মানুষের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য সব কার্যক্রম।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতিকে কোনো সাময়িক সংকট কিংবা বিচ্ছিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হিসেবে দেখা যায় না।

বি’তসেলেমের এর মতে, এটি চলমান বিলোপ বা উচ্ছেদ প্রক্রিয়ার ত্বরান্বিত করার একটি সুস্পষ্ট পর্যায়। এই প্রক্রিয়াটি ইসরাইলি বর্ণবাদী শাসনব্যবস্থার (অ্যাপার্থেইড) অধীনে পরিচালিত হচ্ছে এবং এটি মূলত বসতি-উপনিবেশবাদী সেই দর্শনের দ্বারা চালিত—যার লক্ষ্য হলো ফিলিস্তিনিদের অধিকার ও সম্পদ থেকে বঞ্চিত করা, তাদের বাস্তুচ্যুত করা এবং ইহুদি-ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা।

সূত্র: মিডল ইস্ট আই

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম
ছবি: সংগৃহীত।

হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ

স্থল ও আকাশপথে একযোগ সৌদি আরবে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব হামলার মুখে ক্রমেই কঠিন পরিস্থিতিতে পড়ছে সৌদি আরব । সৌদি আরব এখন একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি।

ইয়েমেনে তাদের মিত্ররা হুথিদের অগ্রযাত্রা রুখে দেওয়ার চেষ্টা করছে, একই সময়ে সৌদি আরবের অভ্যন্তরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে হচ্ছে। সেই সঙ্গে সৌদি বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধকও সীমিত হয়ে আসছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সৌদি আরব যে মার্কিন নিরাপত্তাবলয়ের ওপর নির্ভর করে আসছিল, সেই যুক্তরাষ্ট্র এখন এ বিষয়ে অনেকটা নিষ্ক্রিয় বা উদাসীন।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না।’ বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ওমানের মধ্যস্থতায় হুথি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের ফলে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরব তার প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের মতোই সৌদি আরবের নতুন মিত্ররাও হুথিদের সঙ্গে সংঘাতে জড়াতে কোনো আগ্রহ দেখায়নি।

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের নতুন যৌথ প্রতিরক্ষা অংশীদার হিসেবে তুরস্ক ও পাকিস্তানের নাম থাকলেও বাস্তবে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

চ্যাথাম হাউসের উপসাগরীয় অঞ্চলবিষয়ক বিশেষজ্ঞ নীল কুইলিয়াম মিডল ইস্ট আইকে বলেছেন, ‘সৌদি আরব এখন চরম সংকটে এবং তারা অনেকটাই একা। যুক্তরাষ্ট্র পাশে নেই, মক্কা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোও এগিয়ে আসেনি। তাদের হাতে এখন খুব কমই বিকল্প বা কৌশল অবশিষ্ট আছে।’

ইরাকভিত্তিক ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়ার ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথিরা সৌদি শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে তেল রপ্তানি ও দেশটির অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীগুলোর অবস্থাও দুর্বল। হুথিরা লোহিত সাগরের উপকূলীয় এলাকায় দ্রুত অগ্রসর হয়ে বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তাইজ ও মারিবের দিকে এগোচ্ছে। একদিকে ইয়েমেনে স্থলসেনা পাঠাতে অনিচ্ছুক সৌদি আরব, অন্যদিকে কার্যকর স্থানীয় মিত্রের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সৌদি-সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সও হুথিদের অগ্রযাত্রার মুখে ভেঙে পড়েছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) তুলনামূলকভাবে কার্যকর যোদ্ধাশক্তি হলেও তাদের সমর্থক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সৌদি আরবের মতপার্থক্য রয়েছে।

রিয়াদ আবারও দীর্ঘস্থায়ী ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। ২০২২ সালের যুদ্ধবিরতির পর সৌদি আরব সংঘাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। এখন সম্ভাব্য কৌশল হিসেবে সীমিত বিমান হামলা, হুথিদের ওপর সামরিক চাপ বৃদ্ধি এবং একই সঙ্গে কূটনৈতিক সমঝোতার পথ খোলা রাখার কথা বলা হচ্ছে।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর ও বিমানবন্দর অবাধে পরিচালনার সুযোগ দিতে হবে। তাদের সঙ্গে সমঝোতা করলে সৌদি আরবের জন্য তা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে; আবার সামরিক সংঘাত বাড়ালেও দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ মিত্ররা কতটা সহযোগিতা করতে প্রস্তুত তার ওপর। সম্ভাব্য পথগুলোর মধ্যে সীমিত বিমান অভিযান এবং বাব আল-মান্দেবকে আন্তর্জাতিক নিরাপত্তার আওতায় আনার উদ্যোগও রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বড় শক্তি হিসেবে ইরানের উত্থান অপ্রতিরোধ্য

ডনের নিবন্ধঃ ইরানে মার্কিন ও ইসরাইলি সামরিক আগ্রাসন সফল হয়নি। ইরান এই হামলা প্রতিরোধ করার পাশাপাশি আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেছে। দেশটির রেজিম ক্ষমতা ধরে রেখেছে। এতে উপসাগরীয় অঞ্চলে বড় পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান ঘটছে বলে মনে করেন অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক বিশ্লেষক খুররম হুসাইন। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে যুদ্ধ শুরু করেছিলেন, তা কার্যকরভাবে শেষ হয়ে গেছে এবং বর্তমানে সংঘাত হরমুজ প্রণালির অচলাবস্থায় রূপ নিয়েছে।

খুররমের মতে, কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা ও যুদ্ধের হুমকির মুখে থাকা ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেই দীর্ঘদিনের নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে দেশটি এখন আঞ্চলিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। এই পরিস্থিতিকে তিনি ঐতিহাসিক দেঁতাত বা সমঝোতার মাধ্যমে চীনের বিশ্বমঞ্চে ফিরে আসার সঙ্গে তুলনা করেছেন। তবে ইরানের পুনরুত্থান চীনের চেয়ে অনেক বেশি অগোছালো ও সংঘাতময় হতে পারে। কারণ দেশটিকে দীর্ঘ বিচ্ছিন্নতা থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে।

তিনি জানান, ইরানের ভেতরে বর্তমানে দুটি শক্তিশালী ধারা বিদ্যমান। এক পক্ষ যুদ্ধ থামিয়ে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় মনোযোগ দিতে চায়। অন্য পক্ষ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে এমন পরাজয়ের মুখোমুখি করতে চায়, যেমনটি আফগানিস্তানে তালেবানের হাতে ঘটেছিল। বিশ্লেষকের দাবি, মার্কিন বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর ইরানের মূল দৃষ্টি যাবে উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলোর দিকে। যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ হিসেবে তেহরান ইতোমধ্যেই ২৭০ থেকে ৩০০ বিলিয়ন ডলারের দাবি উত্থাপন করেছে, যা পরবর্তীতে ওই উপসাগরীয় দেশগুলোকেই পরিশোধ করতে হতে পারে। তেহরানের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের এই আত্মপ্রকাশ ঠেকানো সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

মধ্যপ্রাচ্যে বড় শক্তি হিসেবে ইরানের উত্থান অপ্রতিরোধ্য

সুন্দরবনের গল্প নিয়ে আসছেন শ্বেতা

প্রকাশ ০১ ডিসেম্বর ২০২৫ঃ ১০ বছর আগে নীরজ ঘেওয়ানের ‘মাসান’ দিয়ে পরিচিতি পান শ্বেতা ত্রিপাঠি। পরের এক দশকে তাঁকে দেখা গেছে ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘মেড ইন হেভেন’, কালকূট’ ইত্যাদি আলোচিত সিরিজে। প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। ‘মুঝে জান না কহো মেরি জান’-এর পর শ্বেতার প্রযোজনা সংস্থা বান্দরফুল ফিল্মসের ব্যানারে এবার তৈরি হবে নতুন ছবি ‘নাভা’।

সুন্দরবনকে ঘিরে রহস্য-ভয়ের গল্প
আকাশ মাহিমির চিত্রনাট্যে ‘নাভা’র গল্প আবর্তিত হয়েছে সুন্দরবনের জলাভূমিকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র তারা, যিনি বহু বছর পর ফিরছেন নিজের পূর্বপুরুষের বাড়িতে। ফেরার পরই তিনি জড়িয়ে পড়েন বহু প্রজন্মজুড়ে চলা এক রহস্যে; যেখানে আছে নদী দেবতার উপাখ্যান, গোপন পারিবারিক অতীত আর মিথ।

লোককথা ও হররের আবহে দর্শকদের রোমাঞ্চকর এক গল্প উপহার দিতে চান শ্বেতা। তাঁর ভাষ্যে, ‘আমি বৈচিত্র্যময় গল্প উপহার দিতে চাই। আগের ছবি ভালোবাসার গল্প বলেছিল, এবার সম্পূর্ণ ভিন্ন আবেগের জগতে ঢুকতে চেয়েছি। লোককথায় বোনা হরর মানুষের মনে দাগ কাটতে পারে। সুন্দরবন এখানে শুধু পটভূমি নয়; মূল চরিত্র, যে রক্ষা করে আবার ভয়ও দেখায়।’

শ্বেতা জানান, চিত্রনাট্য শুনেই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন তিনি। ‘প্রযোজক হিসেবে এমন গল্প বেছে নিতে চাই, যা দর্শককে ঝাঁকুনি দেবে। শেষ হওয়ার পরও মনে গভীর ছাপ রেখে যাবে,’ বলেন তিনি।

প্রযোজনায় নতুন দিগন্ত
আগে একটি ছবি প্রযোজনা করলেও ‘নাভা’ দিয়েই পুরোদস্তুর প্রযোজক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন শ্বেতা। ‘প্রথম সিনেমাটি ছিল নিরীক্ষাধর্মী প্রকল্প, প্রযোজক হিসেবে আমার জন্য শিক্ষাসফরের মতো। এখন থেকে নিয়মিত প্রযোজনা করব,’ বলেন তিনি।

শ্বেতার লক্ষ্য এমন ভারতীয় গল্প তুলে ধরা, যা চরিত্রনির্ভর ও প্রচলিত ধারার বাইরে গিয়ে মাটির গল্প বলে। তিনি বলেন, ‘এমন গল্পই বেছে নিতে চাই, যা আমার হৃদয় থেকে সরাসরি দর্শকের হৃদয়ে পৌঁছাবে। আলাদা সংস্কৃতি আর আলাদা দেশের মানুষের মনেও যেন ছুঁয়ে যেতে পারে আমার কাজ, সেটাই লক্ষ্য থাকবে।’

বলিউড হাঙ্গামা অবলম্বনে

শ্বেতা ত্রিপাঠি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শ্বেতা ত্রিপাঠি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পুকুরে ডুব দিয়ে সহশিল্পীর মূল্যবান আংটি উদ্ধার, আবেগে ভাসলেন সবাই

ডুবুরির চরিত্রে এর আগে অভিনয় করেননি খায়রুল বাসার। ৬ বছরের অভিনয়জীবনে এবারই প্রথম এমন একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি বরিশালের শায়েস্তাবাদে ‘জলকৌড়ি’ নাটকের শুটিং হয়েছে। টানা চার দিন শুটিংয়ের মধ্য দিয়ে এই নাটকের কাজ শেষ করেন বাসার। এমন একটি গল্পে কাজ করতে পেরে রোমাঞ্চিত বাসার।

কথা হয় বাসারের সঙ্গে। জানালেন, ‘জলকৌড়ি’ নাটকে তাঁর চরিত্রের নাম বাতেন ডুবুরি। এটি তার পারিবারিক পেশা। বংশপরম্পরায় এই পেশা ধরে রাখতে বাতেন ডুবুরিও মনের আনন্দে কাজটি করেন। এমন একটি চরিত্র তাঁর অভিনয়জীবনে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করেন এই অভিনয়শিল্পী।

বাসার বললেন, ‘টানা চার দিন শুটিং করেছি। চারটি পুকুরে বেশির ভাগ দৃশ্যের শুটিং করেছি। ডুবুরির চরিত্রে অভিনয় করতে গিয়ে চার পুকুরে শ দেড়েক ডুব দিতে হয়েছে। একেকবার ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে হয়। পানির নিচের জগৎটাও এবার অন্যভাবে দেখা হলো। এমন কয়েকটি সংলাপ ছিল, যা আমাকে পানির নিচের জগৎ সম্পর্কে ভাবিয়েছে।’

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাসার জানালেন, ‘জলকৌড়ি’ নাটকের শুটিংয়ে সময় সহশিল্পী দেবাশীষ চক্রবর্তীর একটি আংটি পুকুরে হারিয়ে যায়। এসএসসি পরীক্ষায় ভালো ফলের জন্য ৬ আনা ওজনের এই আংটি দেবাশীষ তাঁর বাবার কাছ থেকে উপহার পেয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। বাসার বললেন, ‘দৃশ্যটি ছিল, পুকুরের নিচ থেকে আংটি তুলে আনতে হবে। তখন দেবাশীষ স্যারের সেই আংটি ছুড়ে দেওয়া হয়, ধরতে না পারায় পুকুরের পানিতে পড়ে যায়। মুহূর্তেই মন খারাপ হয়। আংটি হারিয়ে গেছে বলে নয়, এটা তাঁর বাবার কাছ থেকে পাওয়া অমূল্য উপহার, তাই। বাবা মারা গেছেন, কিন্তু এই আংটি তাঁর সঙ্গে স্মৃতি হয়ে আছে। এ নিয়ে আমারও খারাপ লাগে। অনেকে আংটি খুঁজে আনার চেষ্টা করে। ঘণ্টা দুয়েক চেষ্টার পর কেউ না পেলে আমি বললাম, শেষ চেষ্টা করে দেখি। স্যারসহ সবাই আমাকে বারবার না করেন। বাদ দিতে বলেন। কিন্তু আমার কাছে তাঁর আবেগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তাই সবার নিষেধ সত্ত্বেও ডুব দিয়ে চেষ্টা করি। একটা সময় সত্যি সত্যি আংটিটা পেয়ে যাই। সবার সে কী আনন্দ, স্যারের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, যেন রাজ্য জয়ের হাসি। সত্যি বলতে, এই খুশিটাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার বেশি ভালো লেগেছে।’

কথা প্রসঙ্গে বাসার জানালেন, গ্রামেগঞ্জে ডুবুরিদের পুকুর থেকে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার তুলে আনার দৃশ্যটা একটা সময় প্রায় দেখা যেত। অনেকের কাছে এই কাজটা পেশা ছিল। এখন এই পেশাটা দেখা যায় না। অনেকের বাবা-দাদারাও এই পেশায় ছিল। দেশের বেশির ভাগ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এই নাটকের মাধ্যমে ঐতিহ্যের বিষয়টি মনে করিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল।

সুব্রত কুমার সঞ্জীবের পরিচালনায় ‘জলকৌড়ি’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। নাটকটি প্রসঙ্গে পরিচালক বললেন, ‘আমরা সততার সঙ্গে কাজটা করেছি। ছোটবেলায় আমার এলাকার পুকুরে ডুবুরিদের স্বর্ণ তুলে আনাটা দেখতাম। সেই গল্প নাটকে তুলে এনেছি। এই গল্পের জন্য খায়রুল বাসার এত পরিশ্রম করেছে, যা আমাকে মুগ্ধ করেছে। সবার আন্তরিকতায় কাজটাও দুর্দান্ত হয়েছে। আমি যে একেবারে বাড়িয়ে বলছি না, তা নাটকটি প্রচারের পর অন্যরাও বলবেন।’

‘জলকৌড়ি’ নাটকের শুটিংয়ে খায়রুল বাসার
‘জলকৌড়ি’ নাটকের শুটিংয়ে খায়রুল বাসার। ছবি : পরিচালকের সৌজন্যে