Friday, October 30, 2026

যুক্তরাষ্ট্রের নাকের নিচ দিয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম এনেছে ইরান!

শিরোনাম পড়লে অবিশ্বাস্য মনে হতে পারে, তবে এ কাজটি আসলেই করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নাকের নিচ দিয়ে নিজেদের জন্য ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী ট্রাক আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের সময় হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেও নিজেদের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে ইরান। দেশটির সামরিক সরবরাহব্যবস্থা কীভাবে কাজ করছে, অনুসন্ধানী এ প্রতিবেদনে সেটির বিস্তারিত উঠে এসেছে।

রয়টার্স বলছে, ইরানের এই নেটওয়ার্কে জড়িত দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের সঙ্গে গোপনে আঁতাত রেখেছে দেশটির প্রভাবশালী অভিজাতদের নিয়ন্ত্রণাধীন ‘বুনিয়াদ’ নামে পরিচিত ব্যবসায়িক গোষ্ঠীগুলো। ২০১৬ সাল থেকে পণ্য খালাসের বিল ও অন্যান্য নৌ-পরিবহন নথিতেও এ নেটওয়ার্কের আর্থিক লেনদেনের চিহ্ন রয়েছে। সংস্থাগুলো পরিচিতি পায় একটি নম্বরের মাধ্যমে। ফলে এসব সংস্থার বিরুদ্ধে পশ্চিমা সরকারগুলো কখনো নিষেধাজ্ঞা দিতে পারেনি। রয়টার্স স্বাধীনভাবে যাচাই করে এমন কোনো প্রমাণও পায়নি।

যেভাবে কাজ করে গোপন নেটওয়ার্ক

‘গোপন’ এই নেটওয়ার্ক বর্তমানে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহ ও নিষেধাজ্ঞা এড়ানোর ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। রয়টার্স ও মার্কিন-ইসরায়েলি ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘২৪০ অ্যানালিটিকস’ও তাদের অনুসন্ধানে এই প্রথম এমন কোনো অস্তিত্বের সন্ধান পেয়েছে।

সংস্থাগুলোর নামের শুরুতে ইংরেজি ‘এমওডি’ অথবা ফারসি ‘ভিওডিজেএ’ অক্ষর থাকে। এরপর পাঁচ বা ছয় অঙ্কের একটি সংখ্যা দীর্ঘ শব্দে লেখা হয়। সব সংস্থার ঠিকানা হিসেবে তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠার তারিখ দেখানো হয়েছে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি; যেদিন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতা গ্রহণ করেন।

তবে করপোরেট নথিতে দেখা গেছে, এসব সংস্থার বেশির ভাগই প্রকৃতপক্ষে ২০১৩ সালে প্রতিষ্ঠিত। ওই সময় পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ইরানের তেল রপ্তানি ও মুদ্রাবাজার সংকটে পড়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারী ও বিদেশি ভুয়া কোম্পানির একটি জাল ব্যবহার করে সংস্থাগুলো লেনদেন পরিচালনা করে। এসব মধ্যস্থতাকারীকে সম্মিলিতভাবে ‘ট্রাস্টি’ বলা হয়। অবৈধভাবে বিক্রি করা তেলের আয় ব্যবহার করে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনরায় পূরণে সহায়তা করে।

এখানেও রয়েছে কৌশল। ইরান যেসব পণ্য বা সরঞ্জাম আমদানি করেছে, তার আনুমানিক ৯৭ শতাংশ লেনদেন নিষ্পত্তি হয়েছে মুদ্রা স্থানান্তর ছাড়াই। রয়টার্স বলছে, তাদের পর্যালোচনা করা কয়েকটি চালানে এমন কিছু তথ্য রয়েছে; যাতে বোঝা যায় সীমান্ত পেরিয়ে অর্থের সরাসরি লেনদেন খুব কম হয়েছে। এবং তা নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষের নজরে পড়ার ঝুঁকি কমাতে সহায়ক হয়েছিল।

তেহরানের আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে রকেটের জ্বালানি তৈরির উপাদান, বিভিন্ন যন্ত্রাংশ এবং ভারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান। এসব পণ্যের উৎস হিসেবে চীন, রাশিয়া ও জার্মানির নাম পাওয়া গেছে।

যেভাবে শনাক্ত হলো নেটওয়ার্ক

২৪০ অ্যানালিটিকসের অর্থনীতিবিদ নোয়াম বিনস্টক ২০২৫ সালের জুনে প্রথম এ নেটওয়ার্কের ধরন শনাক্ত করেন। তিনি ইরানের আইআরজিসির সদস্যদের বেতন-ভাতা পরিচালনাকারী ব্যাংক ‘সেপাহ’র ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করতে গিয়ে বিষয়টি খুঁজে পান। ওই নথিগুলো টেলিগ্রাম ও উইকিইরান ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছিল।

নথিতে দেখা যায়, ২০২৪ সালের শেষ দিকে ৩৬টি সংস্থার কাছে বৈদেশিক মুদ্রায় ১২০ কোটি ডলার ছিল। অন্য সংস্থাগুলোর কাছে স্থানীয় মুদ্রায় ছিল প্রায় ১৮০ কোটি ডলার।

পরবর্তী অনুসন্ধানে বিনস্টক দেখতে পান, এসব সংস্থা তেল বিক্রির আয় গ্রহণ করছে এবং দ্বৈত ব্যবহারের উপযোগী সরঞ্জাম কিনছে। প্রতিটি সংস্থার আলাদা ১১ অঙ্কের পরিচিতি নম্বর রয়েছে, যা পণ্য পরিবহনের নথি, চালান ও ব্যাংক হিসাবেও ব্যবহৃত হয়েছে। ফলে ভুয়া কোম্পানির আড়ালে থেকেও নেটওয়ার্কটি শনাক্ত করা সম্ভব হয়।

রয়টার্স প্রায় ১৯ হাজার আমদানি নথির একটি অংশের সঙ্গে নৌ-পরিবহনসংক্রান্ত কাগজপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও, স্যাটেলাইট চিত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মিলিয়ে দেখেছে।

সবচেয়ে বড় আমদানিকারক সংস্থা এমওডি ৩৪৬৪২৮

ইরানের গোপন এই নেটওয়ার্কের সবচেয়ে বড় সংস্থা এমওডি ৩৪৬৪২৮। ২০২৩ সালের মার্চে শেষ হওয়া এক বছরে সংস্থাটির আমদানি ছিল ৪৪ কোটি ২০ লাখ ডলার। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৯৮ কোটি ৮০ লাখ ডলারে। এতে ইরানের শীর্ষ ১০ আমদানিকারকের তালিকায় জায়গা করে নেয় সংস্থাটি। ফলে সংস্থাটি বিশেষভাবে নজরে এসেছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২৩০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে এমওডি ৩৪৬৪২৮। রয়টার্সের দাবি, এসব আমদানির মধ্যে রয়েছে- রকেটের জ্বালানি তৈরির উপাদান, বিস্ফোরক ও অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ।

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে চীন থেকে ৮৮৬ টন রাসায়নিক পদার্থ আমদানি করে সংস্থাটি। এসব পণ্যের মধ্যে ছিল- সোডিয়াম ক্লোরেট ও বিভিন্ন পারক্লোরেট, যা কঠিন জ্বালানিচালিত রকেট তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। পণ্যগুলো আনা হয় বন্দর আব্বাস দিয়ে।

রয়টার্সের সূত্রগুলোর দাবি, ২০২৫ সালের ২৬ এপ্রিল দক্ষিণ ইরানের শহিদ রাজায়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পেছনে এসব চালানের একটি থেকে আসা সোডিয়াম পারক্লোরেটের ভূমিকা ছিল। বন্দরের কনটেইনারে থাকা রাসায়নিকটিতে আগুন ধরে এ বিস্ফোরণ ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, রাসায়নিকগুলো সংরক্ষণ করেছিল সিনা পোর্ট অ্যান্ড মেরিন সার্ভিসেস ডেভেলপমেন্ট কোম্পানি। প্রতিষ্ঠানটি কয়েকশ কোটি ডলারের সম্পদের মালিক বুনিয়াদ মোস্তাজাফানের নিয়ন্ত্রণাধীন। এই ফাউন্ডেশন সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে রয়েছে। ওই বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত এবং এক হাজার ২০০ জনের বেশি আহত হন।

ট্রাক ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান আমদানি

৪৩৫টি আইভেকো ট্রাকও আমদানি করেছে এমওডি ৩৪৬৪২৮। সামরিক বাহিনী এসব ট্রাককে ছদ্মবেশী চলমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান হিসেবে ব্যবহার করে থাকে। ২০২২ সালে একই ধরনের ছয়টি ট্রাক কেনার পর সেগুলো শেষ পর্যন্ত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান সাহারা থান্ডারের কাছে পৌঁছেছিল। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের অভিযোগে ২০২৪ সালে প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ ছাড়া হাজার হাজার টয়োটা হাইলাক্স ও ল্যান্ড ক্রুজার পিকআপ আমদানি করেছে সংস্থাটি। আইআরজিসি এসব গাড়িতে পরিবর্তন এনে ভারী মেশিনগান স্থাপন করে। আইভেকো জানিয়েছে, ইরানে তাদের কোনো গাড়ি ব্যবহৃত হয়ে থাকলে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে টয়োটা বলেছে, ইরানে তাদের কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই।

যুদ্ধ শুরুর পরও আমদানি অব্যাহত

রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছর ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরও ইরানে সামরিক সরঞ্জাম ও কাঁচামাল সরবরাহ অব্যাহত ছিল। যুদ্ধ শুরুর আগের কয়েক সপ্তাহে দেশটি চীন থেকে ৯৩ টন টাইটানিয়াম আমদানি করে। উচ্চ শক্তিসম্পন্ন এ ধাতু ক্ষেপণাস্ত্রের কাঠামো ও রকেটের ইঞ্জিনের আবরণ তৈরিতে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন অস্ত্র ও নিষেধাজ্ঞাবিষয়ক বিশেষজ্ঞরা।

এ ছাড়া চীন থেকে ২৬৮ টন নাইট্রোসেলুলোজ এবং আরও ২৭৬ টন রাসায়নিক পদার্থ আমদানি করা হয়। এসব পণ্যের মধ্যে রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরির উপাদান রয়েছে। যুদ্ধ শুরুর পর মার্চে মাসিক আমদানির পরিমাণ ৪৭ শতাংশ কমে ৫ কোটি ৪০ লাখ ডলারে নেমে আসে। তবে মে মাসে তা আবার বেড়ে ৭ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়ায়।

রাশিয়া থেকে ৭৬ লাখ ডলারের বিস্ফোরক সক্রিয় করার যন্ত্র পাঁচটি চালানে ইরানে পৌঁছায়। এর সর্বশেষ চালানটি আসে জুনে। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে বলে নথিতে উল্লেখ থাকা ২ কোটি ৭০ লাখ ডলারের পণ্যও ইরানে পৌঁছেছে। এর সর্বশেষ চালানটি আসে জুনে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নৌ অবরোধ স্থগিত করার কয়েক দিন পর।

এ ছাড়া কম্পিউটারনিয়ন্ত্রিত লেদ মেশিন ও ইলেকট্রন-বিম ফার্নেসের মতো নিখুঁত যন্ত্রপাতিও কিনেছে ইরান। এসব সরঞ্জাম ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কাঠামো তৈরিতে ব্যবহার করা সম্ভব।

অনুসন্ধানের তথ্য পর্যালোচনা করা বিশেষজ্ঞরা একে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠনকে ‘শিল্পপর্যায়ের উদ্যোগ’ বলে আখ্যা দিয়েছেন। তবে তারা এও সতর্ক করেছেন, আমদানি করা অনেক উপাদানই দ্বৈত ব্যবহারের উপযোগী। অর্থাৎ সামরিক কাজের পাশাপাশি বেসামরিক উদ্দেশ্যেও সেগুলো ব্যবহার করা সম্ভব।

সূত্র : রয়টার্স

আইআরজিসির স্বাক্ষরিত সিলমোহর, তেহরানে অবস্থিত কাস্টমস লটে আইভেকো ট্রাক, সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার স্যাটেলাইট চিত্র ও কুচকাওয়াজে আইভেকো ট্রাক প্রদর্শন। ছবি: রয়টার্স
আইআরজিসির স্বাক্ষরিত সিলমোহর, তেহরানে অবস্থিত কাস্টমস লটে আইভেকো ট্রাক, সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার স্যাটেলাইট চিত্র ও কুচকাওয়াজে আইভেকো ট্রাক প্রদর্শন। ছবি: রয়টার্স

নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না: ইয়ার লাপিদ

ইসরায়েলের নির্বাচনে সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী জোটকে বিজয়ী বলে দাবি করেছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তবে নতুন সরকার গঠনের পথ যে সহজ নয়, তা স্বীকার করে এ প্রক্রিয়ায় জনসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, সরকার গঠনের আলোচনা চলছে নীরবে, ক্যামেরার আড়ালে। তবে নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবারের নির্বাচনে নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ১২০ আসনের মধ্যে ৬৭টি পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার মতো স্পষ্ট কোনো পথ এখনো নেই কোনো পক্ষেরই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, বিরোধীরা নির্বাচনে স্পষ্ট ও তাৎক্ষণিক জয় চেয়েছিল, যে জয় নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া যায়। কিন্তু ফলাফল তেমন হয়নি। তবু কয়েকটি দিক থেকে বিরোধী জোট জয়ী হয়েছে।

তিনি লেখেন, নেতানিয়াহু পেয়েছেন ৫৩টি আসন, যা তার জন্য চরম বিপর্যয়। এর মধ্যে ১৩টি আসন এমন দুটি দলের, যারা নিজেদের জায়নবাদবিরোধী বলে মনে করে। দল দুটি হলো ইহুদিদের ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টি। নির্বাচনে দল দুটি যথাক্রমে সাত ও ছয়টি আসন পেয়েছে।

লাপিদের হিসাব অনুযায়ী, এ দুটি দলের আসন বাদ দিলে নেতানিয়াহুর হাতে থাকে ৪০টি আসন। তিনি বলেন, ‘এটাই তার হাতে আছে। তিনি যা-ই করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার নেই।’

এরপরই লাপিদ বলেন, ‘তাহলে আমরা জিতেছি। এটি নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। কিন্তু পয়েন্টও গুরুত্বপূর্ণ। জয় তো জয়ই।’

নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। লাপিদ জানান, সরকার গঠনের জন্য জোটটি নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। তবে কাজটি কঠিন হবে এবং শেষ পর্যন্ত সফলতা আসবে কি না, তা নিশ্চিত নয়।

এ কারণে তিনি ইসরায়েলিদের কাছে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েলিদের কাছে এমন একটি বিষয় চাওয়া কঠিন, তবু আমাকে ধৈর্য ধরতে বলতে হচ্ছে।’

লাপিদের মতে, সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনি প্রচারণার সম্পূর্ণ বিপরীত। এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে সম্পন্ন হয়।

তিনি বলেন, মানুষ অনিশ্চয়তা অপছন্দ করে, আর আমি তা জানি। তবে শুধু শিরোনাম কিংবা কোনো তথ্য ফাঁসের জন্য যদি এক মাস পর দেখা যায় যে কৌশলগতভাবে, নীরবে ও নিখুঁতভাবে কাজ করতে না পারায় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, সেটি আরও হতাশাজনক হবে।

লাপিদ আরও বলেন, ‘আপনারা যদি জানতে চান, বর্তমানে যে নীরবতা শুনতে পাচ্ছেন, তার আড়ালে কিছু ঘটছে কি না; তাহলে উত্তর হলো, হ্যাঁ।’

নেতানিয়াহুবিরোধী জোটের সম্মিলিত ৬৭টি আসন থাকলেও সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে। ইহুদি-নেতৃত্বাধীন চারটি দলের মধ্যে ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরায়েল বেইতেনু প্রধানত আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট এবং রা’আমের সঙ্গে জোট সরকারে না বসার অবস্থান জানিয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠ আসন থাকা সত্ত্বেও বিরোধী জোটের সরকার গঠনের পথ অনিশ্চিত।

অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে এককভাবে নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছে। তবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো সমর্থন তার জোটেরও নেই।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়ার লাপিদ। ছবি: রয়টার্স
বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়ার লাপিদ। ছবি: রয়টার্স

ইরানের নিরাপত্তাপ্রধানকে চিঠি দিয়ে যা চাইলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে তেহরানের সঙ্গে আলোচনার পথ খুঁজছে ওয়াশিংটন। এ লক্ষ্যে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চিঠিতে দুই দেশের মতপার্থক্য কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার প্রস্তাব দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স চিঠিতে দ্রুত দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার আগ্রহও জানিয়েছেন তিনি। তবে আলোচনার শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন ভ্যান্স। ইরান রাজি হলে আগামী সপ্তাহেই কাতার অথবা তুরস্কে বৈঠক হতে পারে।

চিঠিটি এখনো প্রকাশ করা হয়নি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এতে নির্দিষ্ট কোনো শান্তিচুক্তির শর্ত দেওয়া হয়নি। বরং আলোচনার একটি কাঠামো তৈরির প্রস্তাব রয়েছে। দুই দেশের মধ্যে কতটা সমঝোতার সুযোগ আছে, তা যাচাই করাই এর উদ্দেশ্য। এর মধ্য দিয়ে ইরানে নতুন করে হামলার চূড়ান্ত নির্দেশ দেওয়া থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার পথ খুঁজছে ওয়াশিংটন।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা রোববার রেজায়িয়ের কাছে চিঠিটি পৌঁছে দেন।

ইরানের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, প্রস্তাবটি দেশটির নেতারা ইতিবাচকভাবে নিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে রেজাইয়ের আনুষ্ঠানিক জবাব দেওয়ার কথা ছিল।

তবে ইরান সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার বলেছেন, তেহরান কূটনীতিকে সফল করার সুযোগ দিতে চায়। একই সঙ্গে দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ট্রাম্প অবশ্য চিঠির উদ্দেশ্য নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে চিকিৎসাসামগ্রী পৌঁছাতে সহায়তার বিষয়েই মূলত চিঠিটি লেখা হয়েছে। তবে ভ্যান্সের এই উদ্যোগে তার অনুমোদন ছিল বলেও জানিয়েছেন তিনি।

ভ্যান্সকে কেন বেছে নিল যুক্তরাষ্ট্র

ইরানের নিরাপত্তাপ্রধান রেজাইকে চিঠি পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা সংস্থার (আইসিজি) বিশ্লেষক হামিদরেজা আজিজির মতে, রেজাইকে বেছে নেওয়ার মধ্য দিয়ে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো সম্পর্কে ওয়াশিংটনের ধারণার প্রতিফলন ঘটেছে। দেশটির কঠোর অবস্থানের পক্ষের নেতাদের ওপর রেজাইয়ের প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

ভ্যান্সকে ট্রাম্প প্রশাসনের অন্য অনেকের তুলনায় যুদ্ধ নিয়ে বেশি সতর্ক বলে মনে করেন বিশ্লেষকেরা। গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগ দেওয়ার আগে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর বিষয়ে তার ব্যক্তিগত আপত্তিও ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক আলি ভায়েজ মনে করেন, তেহরানের কাছে ভ্যান্স এমন একজন ব্যক্তি, যার সঙ্গে কথা বললে তা ট্রাম্পের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে। যুদ্ধের উত্তেজনা বাড়লে কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়েও ভ্যান্সের ধারণা আছে। তবে আলোচনার মাধ্যমে দুই দেশের মূল মতপার্থক্য দূর করা তার জন্য সহজ হবে না।

বিশ্লেষক রুজবেহ পারসি ভ্যান্সকে ট্রাম্প প্রশাসনের ‘বিবেকবান কণ্ঠ’ হিসেবে দেখেন। তার মতে, অন্যদের তুলনায় ভ্যান্স কম অস্থির এবং কূটনীতির পক্ষে। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্ত বদলানোর মতো প্রভাব তার আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইরানও ভ্যান্সের কথাকে যথেষ্ট গুরুত্ব দেবে না, যতক্ষণ না তিনি বাস্তবে ট্রাম্পকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে পারেন।

আজিজি বলেন, ভ্যান্সের আপত্তি সত্ত্বেও এক বছরেরও কম সময়ে ইরান দুই দফা যুদ্ধে জড়িয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে তেহরানের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। ট্রাম্পই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন এবং তার অবস্থান কতটা বদলাবে, তা অনুমান করা কঠিন।

উপসাগরীয় দেশগুলোকে প্রস্তুত থাকতে বললেন ট্রাম্প

আলোচনার উদ্যোগের পাশাপাশি ইরানে নতুন করে হামলার প্রস্তুতির কথাও সামনে আসছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প। তিনি সম্ভাব্য আরেকটি অভিযানের প্রসঙ্গে ‘আরেকটি ছোট এপিক ফিউরি’ বলেও উল্লেখ করেছেন।

নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা হলে পাল্টা আঘাতের হুমকি দিয়ে আসছে তেহরান। ইরান বলেছে, এবার তারা উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবল, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট স্থাপনাতেও হামলা চালাতে পারে।

গত ২১ অক্টোবর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মদি এক বিবৃতিতে বলেন, তাদের কৌশলে ‘কোনো লাল রেখা নেই’।

এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন সৌদি আরব ও কাতারের কূটনীতিকেরা। পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারাও ওই তৎপরতায় যুক্ত ছিলেন।

মধ্যবর্তী নির্বাচনের পর হামলার আশঙ্কা

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার আশঙ্কা বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। আলি ভায়েজের ভাষায়, ঝুঁকি ‘বিপজ্জনকভাবে বেশি’।

তার মতে, নির্বাচনের পর ট্রাম্পের রাজনৈতিক সংযমের বাধা কমে যেতে পারে। অন্যদিকে সামরিক প্রস্তুতি এগোচ্ছে এবং কূটনৈতিক সমাধানের সময় দ্রুত ফুরিয়ে আসছে।

বিশ্লেষক মারজিয়েহ কুহি এসফাহানি মনে করেন, নতুন করে সংঘাতের আশঙ্কা যথেষ্ট বেশি। দুই পক্ষই যুদ্ধ ও শান্তির মাঝামাঝি বর্তমান অচলাবস্থা থেকে বের হতে চায়। তবে শান্তির চেয়ে যুদ্ধের সম্ভাবনাই বেশি বলে মনে করেন তিনি।

রুজবেহ পারসির মতে, দুই পক্ষই নিজেদের অবস্থান প্রমাণের চাপে রয়েছে। এ কারণে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা আগের চেয়ে বেশি ভয়াবহ হতে পারে। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা নিয়ে যা বললেন ভ্যান্স
ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা নিয়ে যা বললেন ভ্যান্স >> ইরানে দীর্ঘস্থায়ী বা অনির্দিষ্টকালের যুদ্ধের সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জন করবেন বলে তিনি আত্মবিশ্বাসী। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এখনো অনেক কাজ বাকি রয়েছে। তবে যারা আরেকটি অন্তহীন যুদ্ধের আশঙ্কা করছেন, তাদের বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প কখনোই এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না।’ তিনি বলেন, বিদেশে সামরিক অভিযানের সমালোচনা করা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কখনোই ব্যবহার করা যাবে না—এমন অবস্থান নেওয়া এক বিষয় নয়; দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ভ্যান্স আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) লক্ষ্য অর্জন করবেন। এরপর আমরা আমাদের অন্যান্য কাজের দিকে মনোযোগ দেব।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরুর পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই হামলার জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে যায়। বিশ্বের জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে বিরোধ দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি, সূত্র: আনাদোলু

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে ভোটগণনা শেষ হতেই বড় ধাক্কা খেলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ছেড়ে বিরোধী শিবিরের সহযোগী হওয়ার আগ্রহ প্রকাশ করল রক্ষণশীল হেরাডি ইহুদিদের দল হিসেবে পরিচিত ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)।

নেসেটের মোট আসনসংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। কোনো দল বা জোটই এতোগুলো আসন পায়নি। লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসকজোট ৫৩টি এবং বিরোধী নেতা গাদি আইজ়েনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টিতে জয় পেয়েছে। ১৯টি আসন পেয়েছে আরব মসুলিমদের দু’টি সংগঠন। নেতানিয়াহু শিবিরের ৫৩টি আসনের মধ্যে এককভাবে লিকুদ পার্টি জিতেছে ২৭টিতে, ইউটিজে ৭টিতে। ফলে তারা দূরে সরে গেলে প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব।

অ্যাসকেনেজ়ি (ইউরোপ থেকে আগত) ইহুদি সম্প্রদায়ের নেতা নেতানিয়াহুর সহযোগী অন্য দলগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী তথা মিজরাহি (পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাবাসী) ইহুদি জনগোষ্ঠীর নেতা ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, ‘শেফার্ডিক’ ইহুদি জনগোষ্ঠীর নেতা তথা সাবেক উপপ্রধানমন্ত্রী আরিয়ে দেরদিহর দল ‘শাস’ ৬টি এবং অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোত্রিচের দল ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ (আরজেডপি) ৬টি আসন পেয়েছে। আইজ়েনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে তার দল ইয়াশার এককভাবে ২১টি আসন পেয়েছে। ওই জোটের বি’ইয়াসাদ ১২টি, বামপন্থি দল ‘দ্য ডেমোক্র্যাটস’ ৮টি এবং রুশভাষী ইহুদিদের দল ইয়াসরাইল বেইতেনু ৭টি আসনে জিতেছে। কয়েকটি আরব দলের জোট জয়েন্ট লিস্ট ১২টি এবং আরবীয় মুসলিম নেতা মনসুর আব্বাসের দল রা’আম ৮টি আসনে জয়ী হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল
ছবি: সংগৃহীত

আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ

ইসরাইলের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের হার্জলিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন সমর্থকেরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বিক্ষোভে ‘অংশীদারত্ব ছাড়া পরিবর্তন সম্ভব নয়’ স্লোগান দেন অংশগ্রহণকারীরা । প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুনরায় সরকার গঠন থেকে ঠেকাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার আহ্বান জানান তারা। বিক্ষোভে তেল আবিব-ইয়াফোর উপমেয়র আমির বদরানও অংশ নেন।

নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে প্রধান চারটি বিরোধী দল পেয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে উভয় পক্ষই পিছিয়ে রয়েছে। আইজেনকটের দল ইয়াশার ২১টি আসন পেয়ে বিরোধী শিবিরের বৃহত্তম দলে পরিণত হয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন।

সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো

নির্বাচনের ফলে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে আরব দলগুলো। জয়েন্ট লিস্ট ১১টি এবং মানসুর আব্বাসের রা’আম পার্টি আটটি আসন পেয়েছে। দুই দলের সম্মিলিত আসনসংখ্যা ১৯।

নেতানিয়াহুবিরোধী সরকার গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে আইজেনকোট ও তার মিত্রদের আরব দলগুলোর অন্তত একটির সমর্থন প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে সরাসরি জোটে অংশগ্রহণ কিংবা বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তবে এ উদ্যোগে বড় বাধা হয়ে উঠতে পারেন ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। তার দল সাতটি আসন পেয়েছে। আরব দলগুলোর সঙ্গে জোট কিংবা তাদের সমর্থননির্ভর সংখ্যালঘু সরকার—দুই প্রস্তাবই তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

বিরোধী নেতাদের মধ্যে আলোচনা শুরু

নির্বাচনের ফল চূড়ান্ত হওয়ার পর নতুন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার আইজেনকোট বিয়াখাদ পার্টির নেতা নাফতালি বেনেট এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানের সঙ্গে বৈঠক করেন। একই দিন গোলান রা’আম পার্টির প্রধান মানসুর আব্বাসের সঙ্গেও আলোচনা করেন।

নেতানিয়াহুবিরোধী সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার পক্ষে অবস্থান নেওয়া গোলান বৈঠকে রাজনৈতিক অংশীদারত্ব ও বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তবে বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য কাটিয়ে ৬১ আসনের সমর্থন নিশ্চিত করাই এখন নতুন সরকার গঠনের প্রধান চ্যালেঞ্জ।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ
ছবি: দ্য জেরুজালেম পোস্ট

ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সব ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) চূড়ান্ত ফল প্রকাশ করে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চূড়ান্ত ফল অনুযায়ী, লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ইয়াশার পার্টি ২১টি, বি'ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং রা’আম ৮টি আসন পেয়েছে।

এ ছাড়া ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইয়েহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়োনিজম ৬টি আসন পেয়েছে।

নির্বাচনে ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ২ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা অতিক্রম করতে পারেনি। একইভাবে ওফের উইন্টারের পিপল অব ইসরায়েল পার্টি পেয়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ ভোট। অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত দ্য চ্যারেডি পাবলিক পার্টি পেয়েছে মাত্র ০.২ শতাংশ ভোট।

চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুর সমর্থক জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিদায়ী নেসেটে বর্তমান সরকারপন্থি দলগুলোর আসন ছিল ৬৮টি। নতুন নির্বাচনে তা কমে ৫৩টিতে নেমে এসেছে। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ভুল বা অভিযোগসংক্রান্ত চূড়ান্ত যাচাই-বাছাই শেষ হওয়ার পর আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করা হবে।

এরপর প্রেসিডেন্ট দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। নতুন সরকার গঠনের জন্য কোন নেতাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে দলগুলোর সুপারিশ শুনবেন তিনি। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের পথ নির্ধারিত হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুদামে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যালট পেপার প্রদর্শিত হচ্ছে। ছবি: টাইমস অব ইসরায়েল
কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুদামে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যালট পেপার প্রদর্শিত হচ্ছে। ছবি: টাইমস অব ইসরায়েল

বেশি শুনতে হয় গোপনে কার সঙ্গে প্রেম-ডেট করছেন

প্রকাশ ২৭ সেপ্টেম্বর ২০২৫ঃ ২০২৫ বছরটা যেন অভিনেত্রী জেনা ওর্তেগার। একসঙ্গে হরর সিনেমা ‘স্ক্রিম’ ও ‘ওয়েনসডে’ সিরিজ দিয়ে তিনি তুমুল আলোচিত হয়েছেন। এ বছর তিনি হলিউডের শীর্ষ তারকাদের তালিকায় জায়গাও পেয়েছিলেন। ২৭ সেপ্টেম্বর এই অভিনেত্রীর জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর জানা-অজানা কথাগুলো।
https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-09-27%2Fu7p1esgv%2Fjennaortega_1725174731_3447337965992970026_295930574.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif
শৈশব থেকেই তিনি অভিনয় করেন। একবার ভেবেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কারণ, তাঁর প্রবল অ্যাজমার সমস্যা রয়েছে। যা মাঝেমধ্যেই শুটিংয়ে তাঁকে বিপদে ফেলে। তবে অ্যাজমা নিয়ে তিনি এখন সবচেয়ে বেশি সচেতন। গত আগস্টে হঠাৎ করেই রটে যায় তিনি গুরুতর অসুস্থ, আপাতত শুটিং করতে পারবেন না। পরে অবশ্য এই নায়িকা জানান, তাঁর অসুস্থ হওয়ার খবর সত্য নয়। তাঁর বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই। ভক্তরা তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চান, এই অভিনেত্রী কার সঙ্গে ডেট করছেন, কার সঙ্গে গোপনে প্রেমে মজেছেন? তবে এই নিয়ে কখনোই সরাসরি কোনো কথা প্রকাশ্যে আনেন না। প্রেম, ডেট নিয়ে তিনি আলোচনায় আসতে চান না। তবে এর আগে অভিনেতা জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপের সাবেক প্রেমিক জ্যাকসন হোয়াইট ও জনপ্রিয় অভিনেতা পিট ডেভিডসনের সঙ্গে নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল। এসব নিয়ে তিনি বলেছিলেন, ‘প্রেমে জড়ানোর মতো সময় তাঁর নেই। ওর্তেগা ব্যক্তিগত জীবনে অন্তর্মুখী। অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা নিয়ে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খ্যাতির কারণে তিনি চাপে থাকেন। যে কারণে তেমন একটা বাইরে বের হন না। পরিবারের সঙ্গে সময় কাটান। সময় পেলে পড়তে ভালোবাসেন। নিজে অভিনয়ের পাশাপাশি বইও লেখেন। শৈশব থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার নারীর অধিকার, মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। এসব নিয়ে তিনি নিয়মিত বই লিখতে চান। ২৩ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম ২০০২ সালের ২৭ সেপ্টেম্বর। ১০ বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে ‘রব’ টিভি সিরিজ দিয়ে অভিনয় ক্যারিয়ারে পা রাখেন। ছবি: ইনস্টাগ্রাম

একই রকম ট্যাটু, জাংকুক–উইন্টারের প্রেমের গুঞ্জন

প্রকাশ ০৮ ডিসেম্বর ২০২৫ঃ হাতের একই জায়গায় একই রকম ট্যাটু করেছেন বিটিএস তারকা জাংকুক ও আসপা তারকা উইন্টার। ৫ ডিসেম্বর ২০২৫ দুজনের ট্যাটুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কেউ কেউ বলছেন, এটি একধরনের ‘কাপল ট্যাটু’। ট্যাটুতে তিনটি কুকুরের ছানার মুখাকৃতি দেখা গেছে।

জোড়া ট্যাটুকে কেন্দ্র করে জাংকুক ও উইন্টারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, চুপিসারে প্রেম করছেন তাঁরা। দাবির পেছনে বেশ কিছু ‘প্রমাণ’ তুলে ধরছেন অনেকে।

ট্যাটুর বাইরে দুজনের ইনস্টাগ্রামের ইউজার নেমকেও সামনে আনছেন কেউ কেউ, দুজনের ইউজার নেমের ধরন প্রায় একই।

উইন্টারের ইউজার নেম ‘আই অ্যাম উইন্টার’, অন্য দিকে জাংকুকের ইউজার নেম ‘আই অ্যাম জাংকুকু’ (এখন বদলে ফেলেছেন)।

পাশাপাশি তাঁরা মঞ্চে একই ডিজাইনের ইন ইয়ার মনিটর ব্যবহার করেন।
তবে বিষয়টি নিয়ে জাংকুকের সংস্থা বিগহিট মিউজিক বা উইন্টারের সংস্থা এসএম এন্টারটেইনমেন্ট কেউই কোনো বিবৃতি দেয়নি। দুই এজেন্সির নীরবতা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

ইয়োনহ্যাপ অবলম্বনে

জাংকুক ও উইন্টার
জাংকুক ও উইন্টার। কোলাজ