Showing posts with label WikiInternational. Show all posts
Showing posts with label WikiInternational. Show all posts

Thursday, December 31, 2015

বন্ধুতার শুরু, নাকি স্রেফ চমক? by অ্যালেন ব্যারি ও সালমান মাসুদ

ব্যাপারটা শুরু হয়েছিল শুক্রবার সকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনের মধ্য দিয়ে। তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করে বললেন, শুভ জন্মদিন।
আর তার চার ঘণ্টা পরে দেখা গেল, নরেন্দ্র মোদি এক আকস্মিক সফরে পাকিস্তানের লাহোর শহরে পদার্পণ করলেন। ব্যাপারটা এত স্বল্প সময়ে ঘটেছে যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইসলামাবাদ থেকে লাহোরে আসতেই পারেননি।
গত ১২ বছরে এটাই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু অস্ত্রধর রাষ্ট্র। তাদের মধ্যকার উত্তেজনা মার্কিন নীতিপ্রণেতাদের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে বহুদিন আগেই। তাঁদের মনের ভয় হচ্ছে, দেশ দুটির মধ্যকার প্রক্সি যুদ্ধ যেকোনো সময়েই প্রকৃত যুদ্ধে পরিণত হতে পারে। ওদিকে মোদি আফগানিস্তানে ভারতের ভূমিকার ওপর জোর দিয়েছেন, যার মধ্যে সামরিক সহায়তার ব্যাপারটিও আছে। এ কারণে আবার পাকিস্তানি নেতারা ক্ষুব্ধও হতে পারেন।
এই সফরের মধ্য দিয়ে মোদি এক বার্তা দিলেন, সেটা হলো তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে দ্ব্যর্থক অবস্থান নিয়েছিলেন, সেটাতে পরিবর্তন এসেছে। অর্থাৎ এখন তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মিলনাত্মক অবস্থান নিয়েছেন, বিরোধাত্মক অবস্থান ত্যাগ করেছেন। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে মোদির প্রশাসন এই বার্তা দিয়ে যাচ্ছে। তারা সন্ত্রাসবাদ ও বাণিজ্য নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য রোডম্যাপ তৈরি করার কথা বলছে।
মোদি পাকিস্তানের ব্যাপারে মিশ্র বার্তা দিয়েছেন। তিনি গত বছর সবাইকে চমকে দিয়ে নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে নওয়াজকে আমন্ত্রণ জানান, কিন্তু এর তিন মাস পর পাকিস্তানি কূটনীতিকের কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি দেশ দুটির উচ্চ পর্যায়ের আলোচনা আচমকাই বাতিল করে দেন।
ভারতীয় এক সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বারদারাজন বলেছেন, ‘মোদি একভাবে জানিয়ে দিলেন, ভবিষ্যতে তাঁর আর উল্টো মোড় নেওয়ার আশঙ্কা নেই। তিনি এবার নিজের ব্যক্তিগত রাজনৈতিক ঢংয়ে কাজ শুরু করেছেন, ফলে সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাঁর জন্য আর সহজ হবে না।’
মোদির ওই দিনটা শুরু হয়েছিল আফগানিস্তানের নতুন সংসদ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে, যেটা বানাতে ভারত নয় কোটি ডলার সহায়তা দিয়েছে। এ ছাড়া তিনি আফগানিস্তানের কাছে তিনটি এমআই-২৫ হামলাকারী হেলিকপ্টার হস্তান্তর করেছেন, আর ‘আফগান নিরাপত্তা বাহিনীর শহীদ পরিবারের সন্তানদের মধ্যে’ ৫০০ জনকে বৃত্তি দিয়েছেন। ফলে পাকিস্তান আফগানিস্তানে ভারতের উপস্থিতির ব্যাপারে শঙ্কিত হতেই পারে। মোদি সেখানে সহযোগিতা ও বন্ধুত্বের বারতা নিয়ে গিয়েছিলেন।
মোদির এই সফরের কথা বাইরের লোক প্রথম জানতে পারে তাঁর টুইটার–বার্তা থেকে। তিনি একরকম রীতি-বিবর্জিতভাবে টুইটার বার্তায় লেখেন, ‘আজ দুপুরে লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি, দিল্লি যাওয়ার পথে আমি লাহোরে নামব।’
এরপর মোদি লাহোরের উপকণ্ঠে নওয়াজের ব্যক্তিগত বাসভবনে যান, ওখানে তখন নওয়াজের নাতনির বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে দুই নেতা প্রায় এক ঘণ্টা আলোচনা করেন, তঁাদের মধ্যে তখন বেশ হৃদ্যতা লক্ষ করা গেছে। তঁারা দেশ দুটির মধ্যে আলোচনা পুনরায় শুরু করার অঙ্গীকারও করেন। নয়াদিল্লি-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক অশোক মালিক বলেছেন, মোদির এই আচমকা পাকিস্তান সফরের কারণ হচ্ছে পাকিস্তান নতুন একজনকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। মালিক আরও বলেন, মোদি হয়তো সংবাদপত্রে আরও ‘ইতিবাচক শিরোনাম’ হওয়ার সুযোগ নিয়েছেন।
মালিক বলেন, পশ্চিম ও সৌদি আরবের চাপের কারণে মোদি বুঝতে পেরেছেন, তাঁকে এমন ভাব দেখাতে হবে, যাতে মনে হয় তিনি আলোচনা শুরুর ব্যাপারে আগ্রহী। ওদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত টি সি এ রাঘবন ইসলামাবাদ ত্যাগের আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন এমন পর্যায়ে আছে, যেখান থেকে আরও বড় ও গুরুত্বপূর্ণ কিছু ঘটার সুযোগ আছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী, তিনি ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চান। কিন্তু পাকিস্তানের শক্তিশালী সামরিক চক্র নওয়াজের আগ্রহের ব্যাপারে সন্দিহান। কারণ, তারা মনে করে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ভারত মদদ দিচ্ছে। আর তারা কাশ্মীর-বিষয়ক দীর্ঘদিনের বিবাদও মিটিয়ে ফেলতে চায়।
পাকিস্তানের অধিকাংশ বিরোধী নেতাই মোদির এই আকস্মিক সফরকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা করেছেন, এর ফলে দেশদুটির মধ্যকার সম্পর্ক বেশ দ্রুতই উন্নত হবে। আবার অনেকেই বলেছেন, পাকিস্তানের আরও সতর্ক হওয়া উচিত। বোস্টন বিশ্ববিদ্যালয়ের ফ্রেডরিখ এস পারদি স্কুল অব গ্লোবাল স্টাডিজের ডিন আদিল নাজাম বলেছেন, এই সফরকে অতিমূল্যায়ন করলে বিপদ হতে পারে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এটা খুবই ভালো পদক্ষেপ, তবে ক্ষুদ্র পদক্ষেপ। আর মিছে আশায় বুক বাঁধলে মানুষকে হতাশ হতে হয়।’
এর আগে শেষবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারি বাজপেয়ি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ২০০৪ সালে পাকিস্তানে গিয়েছিলেন, সেবার তিনি তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠক করেছিলেন। আবার ১৯৯৯ সালে বাজপেয়ি এক ঐতিহাসিক দ্বিপক্ষীয় সফরে পাকিস্তান গিয়েছিলেন, দুই দেশের মধ্যে বাস চলাচল শুরু হলে উদ্বোধনী বাসযাত্রায় তিনি পাকিস্তানে গিয়েছিলেন। তখন ভারতের বিরোধী দল কংগ্রেসের এক নেতা এই সফরকে ‘অঘোষিত, অভূতপূর্ব ও অরাষ্ট্রনায়কোচিত’ বলে আখ্যা দিয়েছিলেন।
আর এবারও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আনন্দ শর্মা বলেছেন, ‘গত ৬৭ বছরে কোনো প্রধানমন্ত্রী এভাবে অন্য কোনো দেশে যাননি। তো মোদি কি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীকে ভেঙে দিতে পারবেন বা ২০০৮ সালের মুম্বাই হামলায় অংশগ্রহণকারীদের শাস্তি নিশ্চিত করতে পারবেন?’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কী আশ্বাস নিয়ে আসছেন। এই প্রক্রিয়া কি পাকিস্তানের প্রকৃত ক্ষমতা চক্র— আইএসআই ও পাকিস্তান সেনাবাহিনী অনুমোদন করেছে? পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিগোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে।
ইসলামাবাদের এক টক শো উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক মঈন পীরজাদা বলেছেন, ‘পুতিনের সঙ্গে সাত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এবং আফগান গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার আশ্বাস দিয়ে মোদি পাকিস্তান সফর করে নিজের কঠোর ভাবমূর্তিকে একটু নরম করার চেষ্টা করলেন মাত্র।’ সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের অস্ত্র চুক্তি ও আফগানিস্তানে মোদির মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।
নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া
অনুবাদ: প্রতীক বর্ধন
অ্যালেন ব্যারি: মার্কিন সাংবাদিক।
সালমান মাসুদ: পাকিস্তানি সাংবাদিক।

Saturday, December 19, 2015

ডোনাল্ড ট্রাম্প ও আজকের আমেরিকা by হাসান ফেরদৌস

ডোনাল্ড ট্রাম্পকে হেন নাম নেই যে নামে ডাকা হয়নি। কেউ তাঁকে বলেছেন ফ্যাসিস্ট, কেউ বলেছেন হিটলার। উন্মাদ নামেও তাঁকে ডাকা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা ও জর্জ বুশ উভয়েই ট্রাম্পকে কষে গাল দিয়েছেন, কারণ তাঁর বক্তব্য ‘মার্কিন মূল্যবোধবিরোধী’। মার্কিন সিনেটে রিপাবলিকান দলের নেতা সিনেটর মিচ ম্যাককনেল কিঞ্চিৎ রুষ্ট হয়ে বলেছেন, না না এসব কথা বলা ঠিক নয়। আমরা যুদ্ধের ভেতর রয়েছি, এখন দেশের মানুষকে বিভক্ত করা ঠিক নয়। কংগ্রেসের রিপাবলিকান স্পিকার পল রায়ান বলেছেন, ট্রাম্প যা বলেছেন, সেসব আমাদের দলের নীতির বিরুদ্ধে যায়।
মজার ব্যাপার হলো, লোকে ট্রাম্পকে যত গালি দেয়, তাঁর জনপ্রিয়তা তত বাড়ে। কেউ যদি ভেবে থাকে লোকটা পাগল, তাহলে তারা ভুল করবে। ট্রাম্প অতি ঘাগু লোক, তিনি জানেন এ দেশের মানুষের কাছে কী চলবে, কী চলবে না। মুখে যত ভালো ভালো কথা বলা হোক না কেন, আমেরিকার একদল মানুষ ট্রাম্পকে মাথায় তুলে নাচছে, কারণ যে কথা তারা বিশ্বাস করে, কিন্তু মুখ ফুটে বলতে সাহস পায় না, ট্রাম্প সেই কাজটিই করেছেন। যেমন দক্ষিণপন্থী ভাষ্যকার লরা ইংগ্রাম বলেছেন, যে যা-ই বলুক, এই লোক আমেরিকার মানুষের ‘পালস’ জানে।
ট্রাম্প প্রস্তাব করেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে আমেরিকার চলতি যুদ্ধ মিটে না যাওয়া পর্যন্ত এ দেশে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না। মুসলমান মাত্রই সন্ত্রাসী—এই সন্দেহ থেকে ট্রাম্প আমেরিকার সব মুসলমানের নাম তালিকাভুক্ত করতে বলেছেন। মসজিদগুলো সন্ত্রাসীদের আখড়া, অতএব তাদের ওপর নজরদারি বাড়াতে হবে, দরকার পড়লে বন্ধ করে দিতে হবে। তাঁর এই বক্তব্য ‘মার্কিন মূল্যবোধের পরিপন্থী এবং শাসনতন্ত্রে স্বীকৃত অধিকারের লঙ্ঘন’, এমন কথা বলাতে ট্রাম্প গলার স্বর বিন্দুমাত্র না উঁচিয়ে জবাব দিয়েছেন, কেন, ঠিক সেই কাজ তো প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট করেছিলেন, পার্ল হারবারে জাপানি আক্রমণের পর এ দেশের সব জাপানিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়েছিলেন। কই, তাঁকে তো কেউ হিটলার বলে গাল দেয় না? সেটা যুদ্ধের সময় ছিল, এখনো তো একটা যুদ্ধের ভেতরে আমরা।
কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। রুজভেল্ট ১৯৪২ সালে এক নির্বাহী ঘোষণায় আমেরিকার সোয়া লাখ জাপানি নাগরিককে যার যার বাড়ি থেকে ধরে নিয়ে পাহারা দেওয়া ক্যাম্পে রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তকে আমেরিকার ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবেই বিবেচনা করা হয়। ১৯৮৮ সালে মার্কিন কংগ্রেস এক সিদ্ধান্তে আটককৃত প্রত্যেক জাপানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং তাদের প্রত্যেকের জন্য ২০ হাজার ডলার ক্ষতিপূরণ মঞ্জুর করে।
একসময় যে ভুল হয়েছিল, এত দিন পর আবার সেই ভুলেরই কেন পুনরাবৃত্তি করতে হবে?
একটা কথা এখানে আমাদের মাথায় রাখা দরকার। ট্রাম্প নামক এই আপদের আবির্ভাব ঠিক আকস্মিকভাবে হয়নি। একদম শূন্য থেকেও ট্রাম্প তাঁর মুসলমান ও অভিবাসীবিরোধী বক্তব্য দেননি। এক দশক ধরে এ দেশের রিপাবলিকান পার্টি খুব পরিকল্পিতভাবে অতি দক্ষিণপন্থী মনোভাব লালন করেছে। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের হোয়াইট হাউসে প্রবেশ ও আমেরিকার জনসংখ্যাগত পরিবর্তনের প্রতিক্রিয়াতেই তারা নিজেদের ‘বেইস’ সামলাতে এ পথে এগিয়েছে। মার্কিন জনসংখ্যায় হিস্পানিকদের অংশ ক্রমেই বাড়ছে, এতটা বাড়ছে যে ২০৪০ সালের মধ্যে আমেরিকার অধিকাংশ মানুষ হবে অ-শ্বেতাঙ্গ। এ কথার অর্থ, যে দেশটা এত দিন তাদের বলে রাজত্ব করেছে সাদা মানুষ, ক্ষমতার চাবির গোছা তাদের হাত থেকে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সে কারণে এ দেশের সাদা মানুষদের যত রাগ কালো ও বাদামিদের ওপর। বারাক ওবামা সেসব মানুষের একজন, তাঁর ওপর রাগের সেটাই বড় কারণ।
রিপাবলিকানদের ওবামাবিরোধী ও অভিবাসনবিরোধী এই অবস্থান কাজে লেগেছে, আমেরিকার নির্বাচনী ফলাফল থেকেই তা বোঝা যায়। গত এক দশকে এক প্রেসিডেন্ট পদ ছাড়া আমেরিকার কংগ্রেসের উভয় পরিষদ রিপাবলিকানদের দখলে চলে এসেছে। দেশের রাজ্য পর্যায়ে গভর্নর ও আইন পরিষদ, উভয় ক্ষেত্রেই রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য। বিচার বিভাগেও এখন রক্ষণশীলদের প্রাধান্য।
যারা হোয়াইট হাউসে একজন ডেমোক্র্যাট পরপর দুবার নির্বাচিত হওয়ায় দেশটাকে উদারনৈতিক ভাবে, তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আনে না। আমেরিকার রাজনৈতিক মানচিত্র এমন অদ্ভুত যে কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের অধিকাংশই আটলান্টিকের পূর্ব পাড়ে ও প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরঘেঁষা শহরপ্রধান রাজ্যগুলোতে বাস করে। ফলে গুটি কয়েক ছাড়া আমেরিকার অধিকাংশ রাজ্যেই ‘লাল’ রিপাবলিকানদের আধিপত্য। কোনো কোনো রাজ্য অভিবাসীদের আগমনের ফলে লাল থেকে পাটকেলে রং ধরতে শুরু করেছে, তবে তার ফল পেতে আরও আট-দশ বছর অপেক্ষা করতে হবে। ২০১৬ সালের নির্বাচনে এই লাল-নীল বিভক্তির বড় কোনো পরিবর্তন হবে না, এ কথা আগাম বলে দেওয়া যায়। তবে মোট ভোটের হিসাবে একা ‘লাল’ ভোটে প্রেসিডেন্ট হওয়া কঠিন, ফলে অনেকেই ধরে নিয়েছে ওবামার মতো আরও একজন ডেমোক্র্যাট এবারও প্রেসিডেন্ট হবেন।
ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে চলতি রিপাবলিকান নেতৃত্বের সব বাঘা বাঘা প্রতিনিধি আমেরিকার এই জনসংখ্যাগত পরিবর্তনের কথা জানেন। শুধু সাদা মানুষের ভোটে হোয়াইট হাউস দখলে আনা যাবে না, এ কথাও তাঁরা জানেন। তা সত্ত্বেও শুধু সাদা মানুষদের খুশি করা যায়, এমন নীতি তাঁরা অনুসরণ করে চলেছেন, যার মূলে রয়েছে সব রকম অশ্বেতাঙ্গদের ব্যাপারে ভীতি। এই অশ্বেতাঙ্গদের তালিকায় যেমন আফ্রিকান-আমেরিকান আছে, তেমনি আছে মেক্সিকান ও অন্যান্য বহিরাগত। এর সঙ্গে এখন যোগ করুন মুসলমানদের। অনুমান করি, রিপাবলিকান দল হিসাব করে দেখেছে, ভীতিভিত্তিক যে বর্ণ বিভাজন, তা যদি শ্বেতাঙ্গ মনের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যে ‘শ্বেত ঐক্য’ গড়ে উঠবে, শুধু তা দিয়েই হয়তো কোনো রিপাবলিকান প্রার্থী হোয়াইট হাউস ছিনিয়ে নেবেন।
আমি যে একদম গালগপ্প করছি না, তা বোঝার জন্য পাঁড় বর্ণবাদী ভাষ্যকার অ্যান কুলটার একটি মন্তব্য উদ্ধৃত করছি। ট্রাম্প মুসলমানদের নিষিদ্ধ করার যে প্রস্তাব করেছেন, তাকে সোল্লাসে সমর্থন করে কুলটার লিখেছেন, শুধু মুসলিম কেন, এর সঙ্গে তাবৎ ‘ইমিগ্রান্ট’দের যোগ করুন, তাতে খেলা জমবে ভালো। (‘অ্যাড ইন এভরি আদার কাইন্ড অব ইমিগ্রান্ট অ্যান্ড ইটস পারফেক্ট!)।
মনে রাখা ভালো, ট্রাম্প শুধু মুসলমানবিরোধী নন, তিনি কালো ও অশ্বেতাঙ্গ সব অভিবাসীকে একই তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে নিজের ক্রুসেড ঘোষণা করেছেন। নির্বাচনী প্রচারণার প্রথম পর্যায়ে তাঁর আক্রমণের এক নম্বর লক্ষ্যবস্তু ছিলেন প্রেসিডেন্ট ওবামা। এই লোকটা বিদেশি, তাঁর জন্ম বিদেশে, ধর্মেও কিনি খ্রিষ্টান নন—এমন কথা বলে তিনি প্রথম শ্বেতাঙ্গদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর মেক্সিকানসহ দক্ষিণ আমেরিকা থেকে আসা সব অভিবাসীকে তিনি এক কথায় ধর্ষক ও মাদক চোরাচালানকারী বলে রায় দিয়ে বসেন। আর তারপর টার্গেট করেন মুসলমানদের।
তাঁর কথা যে শ্বেতপ্রধান রিপাবলিকান সমর্থকদের মনে ধরেছে, সাম্প্রতিক জনমত জরিপ থেকেই তার প্রমাণ মিলেছে। এবিসি টেলিভিশন এবং নিউইয়র্ক টাইমস পত্রিকার সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে, এই দলের ৪২ শতাংশ মানুষ ট্রাম্পের মুসলিমবিরোধী ও অভিবাসীবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেন এমন রিপাবলিকান সদস্য মাত্র ৩২ শতাংশ। যাঁরা সরাসরি ট্রাম্পকে সমর্থন দিতে অনিচ্ছুক, তাঁদের অধিকাংশ বলছেন, ট্রাম্পের বক্তব্য অস্বস্তিকর, কিন্তু এ কথা তো ঠিক যে তিনি সত্যি কথাই বলেছেন। ট্রাম্প গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের নজর দিতে বাধ্য করেছেন, এমন কথা ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও কবুল করেছেন (যেমন সিনেটর টেড ক্রুজ)।
এই জনমত জরিপের তাৎপর্য ব্যাখ্যা করে নিউইয়র্ক টাইমস লিখেছে, সারা দুনিয়া ট্রাম্পকে ছি ছি করলে কী হবে, তিনি নিজে ঠিক ধরতে পেরেছেন যে তাঁর প্রস্তাবের ফলে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে তিনি পিছু হটার বদলে সামনেই এগোবেন।
ট্রাম্প আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন, এ কথা কেউ ভাবেন না। কিন্তু এই অতি চতুর ক্যাসিনো ব্যবসায়ী যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা যে অত্যন্ত বাস্তবসম্মত একটা ব্যাপার, এ কথা এই দলের নেতারাই মানতে শুরু করেছেন। এটি দলের জন্য ভয়াবহ হবে, এ কথাও তাঁরা মানেন, কিন্তু কেউই সে কথা মুখ ফুটে বলছেন না। ট্রাম্প নিজে বলেছেন, কোনো কারণে দলের কর্তাব্যক্তিদের ষড়যন্ত্রে তিনি যদি দলের মনোনয়ন না পান, তাহলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা তিনি বাতিল করতে পারেন না। সে ভয় থেকেই দলের সব কর্তা এখন বলছেন, রিপাবলিকান কনভেনশনে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, তাঁকেই তাঁরা সমর্থন জানাবেন।
সত্যি যদি তাই ঘটে, অর্থাৎ ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, তাহলে সে কথার অর্থ দাঁড়াবে এই যে একুশ শতকের শুরুতে এসে আমেরিকা এমন একজন লোককে তার প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নির্বাচন করবে, যিনি হবেন হিটলার ও মুসোলিনির যোগ্য উত্তরসূরি।
এই লজ্জা কী দিয়ে ঢাকবে আমেরিকা?
গত বুধবার আমেরিকার দাসপ্রথা অবসানের ১৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা প্রকারান্তরে সে কথাই তুলেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, আমাদের প্রত্যেকের মুক্তি ও স্বাধীনতা একে ওপরের মুক্তি ও স্বাধীনতার ওপর নির্ভরশীল—আমাদের গাত্রবর্ণ, জন্মস্থান বা ধর্ম যা-ই হোক না কেন। ভয় ও ঘৃণাকে জয় করতে দিলে আমেরিকা তার নিজের ইতিহাস ও মূল্যবোধই বিসর্জন দেবে।
ভয় হয়, আমেরিকা হয়তো সে পথেই এগোচ্ছে।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।

Wednesday, December 9, 2015

গাদ্দাফি ছিলেন আফ্রিকার ত্রাতা!

মুয়াম্মার গাদ্দাফি। ছবি: রয়টার্স
মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় শুরু হয় অস্থিরতা। হানাহানি, ঘাত-প্রতিঘাত ছড়িয়ে পড়ে সর্বত্র। চরম অরাজক পরিস্থিতিতে আফ্রিকার দেশ ঘানার অনেক প্রবাসী শ্রমিক লিবিয়া ছাড়তে বাধ্য হয়। একই সঙ্গে তাদের স্বপ্নেরও সমাপ্তি ঘটে। ওই শ্রমিকদের কাছে গাদ্দাফি ছিলেন আফ্রিকার ত্রাতা। লিবিয়ার প্রয়াত নেতার জন্য তাদের মন এখনো কাঁদে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
২০১১ সালের অক্টোবরে পশ্চিমাদের সহায়তায় লিবিয়ার চার দশকের শাসক গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করে দেশটির বিদ্রোহীরা। গাদ্দাফির পতনের সময় লিবিয়ায় উৎসবের দৃশ্য দেখা যায়। লিবিয়ার অধিবাসীরা ভেবেছিল, নির্দয় স্বৈরশাসক গাদ্দাফি উৎখাত ও নিহত হওয়ায় তাঁদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে। কিন্তু তাদের সেই আশা দুরাশায় পরিণত হয়। সেখানে শুরু হয় সহিংসতা ও রাজনৈতিক সংকট।
উদ্ভূত পরিস্থিতিতে লিবিয়া থেকে ঘানায় ফেরত যায় অনেক অভিবাসী শ্রমিক। কিন্তু তাদের মনে এখনো গাদ্দাফির স্মৃতি অমলিন। গাদ্দাফির জন্য তাদের মনে এখনো বেদনা জাগে।
গাদ্দাফির পতনের আগে তিন বছর লিবিয়ায় ছিলেন ঘানার অধিবাসী করিম মোহাম্মদ (৪৫)। লিবিয়ায় কাজ করে ভালো অর্থকড়ি করেন তিনি। তা দিয়ে বড়সড় বাড়িও তৈরি করেন। তাঁর চোখে গাদ্দাফি ছিলেন আফ্রিকার ত্রাতা।
লিবিয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে করিম বলেন, ‘লিবিয়ায় সবাই সুখী ছিল। আমেরিকার মতো দেশে মানুষ সেতুর নিচে ঘুমায়। কিন্তু লিবিয়ায় তেমনটা কখনো দেখিনি। সেখানে কোনো বৈষম্য ছিল না, ছিল না কোনো সমস্যা। ভালো কাজ ছিল, ছিল অর্থ। গাদ্দাফির কাছে আমি কৃতজ্ঞ। তিনি ছিলেন আফ্রিকার ত্রাতা।’
৩৫ বছর বয়সী নির্মাণশ্রমিক মুস্তাফা আবেদল মোমিন সাত বছর লিবিয়ায় কাজ করেছেন। গাদ্দাফি সম্পর্কে তাঁর মূল্যায়ন, গাদ্দাফি চমৎকার মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি। তিনি ছিলেন নিখুঁত। সবচেয়ে ভালো।
গাদ্দাফিকে হত্যার কোনো যুক্তি খুঁজে পান না স্থানীয় ইমাম ইলিয়াস ইয়াহ্ইয়া। তিনি বলেন, ‘সমস্যার সমাধানে কাউকে হত্যা করা হলো। কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাহলে গাদ্দাফিকে কেন হত্যা করা হলো?’
স্বৈরশাসক গাদ্দাফির বিরুদ্ধে দমন-পীড়নসহ ভূরি ভূরি অভিযোগ ছিল। এ কথাও সত্যি যে তাঁর আমলে লিবিয়ায় স্থিতিশীলতা ছিল। ছিল কর্মসংস্থান। আফ্রিকা তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের কাছে লিবিয়া ছিল লোভনীয় কর্মক্ষেত্র। দেশটিতে গিয়ে তারা বিপুল অর্থ আয় করেছে। জীবনমানের উন্নয়ন করেছে। অনেকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে এসেছে।
লিবিয়া-ফেরত ঘানার অভিবাসী শ্রমিকদের অভিজ্ঞতাও একই। তারা জানায়, গাদ্দাফি না থাকলে তাদের জীবনে পরিবর্তন আসত না। গাদ্দাফির পতন তাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছে। কারণ, এরপরই লিবিয়ায় অস্থিরতা শুরু হয়। প্রাণের ভয়ে অভিবাসী শ্রমিকেরা লিবিয়া ছাড়ে।
৩৬ বছর বয়সী আমাদু জানান, অনেক কষ্ট করে ২০১০ সালে লিবিয়ায় যান তিনি। অবৈধপথে সেখানে গিয়ে কাজও পান। ২০১১ সালে দেশটিতে গাদ্দাফিবিরোধী সংঘাত ছড়িয়ে পড়ে। পরে অর্থকড়ি ফেলেই কোনো মতে ঘানায় ফেরেন তিনি। এভাবেই তাঁর স্বপ্নের মৃত্যু হয়।
মুস্তাফা বলেন, ঘানায় তরুণদের জন্য কিছুই নেই। গাদ্দাফির পতনের পর তাঁরা পুরোপুরি সংকটে জর্জরিত। যুবদের বেকারত্ব আকাশসম। তাঁদের কোনো কাজ নেই। অনেকে অর্থের জন্য অপরাধে জড়িয়ে পড়ছে। অথবা ইউরোপে যাওয়া চেষ্টা করছে।
মুস্তাফার এমন কথায় অন্যদেরও সমর্থন পাওয়া গেল। স্বরটা উঁচু করে ইলিয়াস বলেন, ‘এখন তো চারদিকে সবাই ইউরোপ-ইউরোপ করছে। সামর্থ্য থাকলে কেউ কেউ অবশ্য ব্রাজিল যাচ্ছে। কিন্তু বাকি সবাই ইউরোপে যাচ্ছে।’
গাদ্দাফি তাঁর পতনের আগে আনুষ্ঠানিকভাবে ইউরোপকে সতর্ক করে বলেছিলেন, তাঁর শাসন ভেঙে পড়লে লাখো অভিবাসী ইউরোপের উপকূলে হাজির হবে। সৃষ্টি হবে অরাজকতা।
গাদ্দাফি আজ নেই। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে।
আশার কথা হলো, লিবিয়ার বিবদমান দুই পক্ষ এ মাসেই জানিয়েছে, দেশটিতে চলমান অচলাবস্থা নিরসনে তারা মতৈক্যে পৌঁছেছে।

Saturday, December 5, 2015

মধ্যপ্রাচ্যের আগুন ছড়িয়ে পড়ছে বিশ্বে by আশরাফ হায়দার চৌধুরী

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা আর তুরস্কের আকাশে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার পর গোটা বিশ্ব যেন হঠাৎ করে যুদ্ধংদেহী হয়ে উঠেছে। প্যারিসে হামলার জন্য ফ্রান্স আইএসকে দায়ী করে এই ঘটনাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে মন্তব্য করেছে। অন্য দিকে তুরস্ক কর্তৃক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে রাশিয়া তাদের পিঠে ছুরিকাঘাত করার সমতুল্য বলে মন্তব্য করেছে। এই ঘটনার বদলা নিতে রাশিয়া তুরস্কে পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষপর্যায়ের রাজনীতিবিদ ভøাদিমির ঝিরিনোভস্কি। প্রয়োজনে তুরস্কের ইস্তাম্বুল শহরকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য তিনি পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। জবাবে রাশিয়াকে ‘আগুন নিয়ে না খেলার’ পরামর্শ দিয়েছে তুরস্ক। রাশিয়ার ডানপন্থী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ও সাবেক সামরিক কর্মকর্তা ঝিরিনোভস্কি এই মুহূর্তে তুরস্ককে রাশিয়ার এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করে বলেন, পারমাণবিক হামলা চালিয়ে খুব সহজেই ইস্তাম্বুল নিশ্চিহ্ন করে দেয়া যাবে। তার মতে, ইস্তাম্বুল প্রণালীতে একটি পারমাণবিক বোমা ফেললেই এমন বন্যার সৃষ্টি হবে, যাতে ৯০ লাখ মানুষের শহরটি নিশ্চিহ্ন হয়ে যাবে। ঝিরিনোভস্কি এমন এক সময়ে এ কথা বললেন, যখন দুই দেশের মধ্যে তুমুল বাগযুদ্ধ চলছে।
রাশিয়ার এতটা ‘অগ্নিশর্মা’ হওয়ার কারণ, এর আগে তাদের জঙ্গি বিমানগুলো বহুবার ন্যাটো দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করলেও কেউ সেগুলো ভূপাতিত করার সাহস দেখায়নি। তুরস্কই প্রথম এমনটা করল। এখন রাশিয়ার ‘রক্তচক্ষু’ দেখে ন্যাটোকে জরুরি বৈঠক ডাকতে বলেছে তুরস্ক। ন্যাটো সেক্রেটারি জেনারেল স্টোলেনবার্গ তুরস্ককে আশ্বস্ত করে বলেছেন, জোটের সব ক’টি দেশই তাদের পাশে আছে।
বিশ্লেষকেরা বলছেন, সিরিয়াকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। এতে মধ্যপ্রাচ্যের আগুন ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। আর এই অবস্থা খুব শিগগিরই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না; বরং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেই মনে হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই মূলত পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যায়। এর এক পক্ষের নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র, অন্য পক্ষে রাশিয়া। ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্বের একমাত্র ‘মোড়ল’ বনে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মোড়লিপনায় আবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতা এই অবস্থার সৃষ্টি করেছে। বিশেষ করে সিরিয়াকে ঘিরে এখন বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক ভাগের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। যাদের সাথে আছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ ন্যাটো জোট। অন্য দিকে রাশিয়া, ইরান। আরেক পরাশক্তি চীন এখন পর্যন্ত মধ্যপন্থায় আছে। তবে দক্ষিণ চীন সাগর নিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটছে, তাতে চীনের পক্ষে বেশি দিন মধ্যপন্থায় অবস্থান করা সম্ভব হবে না।
এমন পরিস্থিতিতে তুরস্কের আকাশে রুশ যুদ্ধবিমান ধ্বংস করার ঘটনা বিশ্বকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ দিকে ঠেলে দিচ্ছে বলে অনেকে মন্তব্য করা শুরু করেছেন। মূলত সিরিয়ায় আইএস দমনের নামে সেখানে একযোগে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া। এই হামলায় কোনো সমন্বয় নেই। ন্যাটো জোটভুক্তরা চাইছে সিরিয়ায় আসাদ সরকারের পতন। অন্য দিকে রাশিয়া ও ইরান কাজ করছে আসাদ সরকারের পক্ষে। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, তারা আইএস দমনের নামে আসাদ সরকারের বিরোধীদের ওপর বোমা ফেলছে। তবে যে পক্ষ যেখানেই বোমা ফেলুক হামলার সময় কিন্তু উভয় পক্ষের যুদ্ধ বিমানগুলোই কাছাকাছি এসে যাচ্ছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আর মধ্যপ্রাচ্যের আকাশে ওই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এর রেশ কিন্তু ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।
তুরস্কে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার চার দিনের মাথায় গত শনিবার (২৮ নভেম্বর) তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যে এসংক্রান্ত একটি সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। রাশিয়ার এই সিদ্ধান্ত তুরস্কের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে তুরস্কের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্কে আসা পর্যটকদের মধ্যে ৩০ লাখের বেশি ছিল রুশ পর্যটক।
দুই দেশের মধ্যে বর্তমানে চলতে থাকা তীব্র টানাপড়েনের মধ্যে প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে দুই নেতার মুখোমুখি হওয়ার কথা। তবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ক ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি এরদোগানের সাথে কোনো ধরনের কথা বলবেন না। অন্য দিকে রাশিয়ার ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, ‘ওই ঘটনায় তিনি ব্যথিত। এমনটা না ঘটলেই ভালো হতো।’
সন্ত্রাসবাদের বিস্তারে, অর্থনৈতিক মন্দা আর শরণার্থীর স্রোতে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা এখন এমনিতেই নাজুক। তার ওপর যদি নতুন করে যুদ্ধে জড়াতে হয় তাহলে অবস্থা কী দাঁড়াবে তা সহজেই অনুমেয়।
তবে রুশ বিমান ধ্বংস করা এবং প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিণাম যে বহুমুখী ও দীর্ঘমেয়াদি হবে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা, শরণার্থী সঙ্কট, সীমানাবিহীন ইউরোপ প্রতিষ্ঠার স্বপ্নÑ এসব প্রতিটি ক্ষেত্রেই ওই ঘটনাগুলোর প্রভাব পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট মোকাবেলায় হিমসিম খাচ্ছে ইউরোপ। এই অবস্থায় প্যারিসে হামলার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। শরণার্থীদের সাথে ‘আইএস জঙ্গীরা’ ইউরোপে প্রবেশ করতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করা শুরু করেছেন। প্যারিস হামলার পর ফ্রান্সসহ গোটা ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন বিশ্লেষকেরা। তাদের মতে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পর্যটন খাত। এ ছাড়া বড়দিনকে সামনে রেখে বিভিন্ন পণ্যের বাজারে মন্দাভাব দেখা দিতে পারে। আর সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব তো অর্থনীতিতে অবশ্যই পড়বে।
প্যারিসে হামলায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ‘নির্দয় যুদ্ধ’ শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। টুইন টাওয়ারে হামলার পরও একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। তারপরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ যুদ্ধের নামে ইরাক ও আফগানিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে তারা। কিন্তু এর বিনিময়ে কী পেয়েছে যুক্তরাষ্ট্র। সে সময়ের মিত্ররাই আজ বলছেÑ ইরাকে অভিযান চালানো ভুল ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধই সন্ত্রাসকে উসকে দিয়েছে, আইএসের উত্থানের জন্য দায়ী ইরাক অভিযানÑ ইত্যাদি ইত্যাদি। যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট একজন প্রার্থী বার্নি সেন্ডার্স বলেছেন, আইএসের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। ইরাকে আগ্রাসী হামলার ফলেই আলকায়েদা ও আইএসের সৃষ্টি হয়েছে।
এখন প্যারিসে হামলার বদলা নিতে ফ্রান্স যদি যুক্তরাষ্ট্রের মতো মাথা গরম করে আইএস নির্মূল অভিযানে নামে, তাহলে এর পরিণতি কী হবে তা ভেবে দেখতে হবে। ফ্রান্স ইতোমধ্যে আইএসকে বিনাশ করতে ‘বৈশ্বিক মহাজোট’ গঠনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনও একই কথা বলেছে। এ ক্ষেত্রে ফ্রান্সকে সব ধরনের সহায়তা দিতে নিজেদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে রাশিয়া। আর এ লড়াইয়ে সর্বাত্মক সামরিক সহযোগিতার বিষয়ে একমত প্রকাশ করেছে ইইউ। অর্থাৎ আইএস ও আলকায়েদার বিরুদ্ধে এবার আটঘাট বেঁধেই নামবে ইউরোপ। কিন্তু এতে কি বন্ধ হবে সন্ত্রাস? বিশ্বে কি শান্তি আসবে? পরাশক্তিগুলোকে বুঝতে হবে, আত্মঘাতী হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা যেমন অপরাধ, তেমনি ড্রোন হামলা চালিয়ে বাছবিচারহীন হত্যাও নিকৃষ্ট অপরাধ। প্রতিশোধ আর জিঘাংসা নতুন জিঘাংসা আর নৃশংসতার জন্ম দেয়। যুদ্ধের মাধ্যমে যুদ্ধ থামানো যায় না।

Friday, November 27, 2015

সিসিকে ক্ষমতা ছাড়তেই হবে by ডেভিড হার্স্ট

সিসি রাষ্ট্রক্ষমতায় থাকলে মিসর ধ্বংসের পথে ধাবিত হবে। এতে দেশটি বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যেতে পারে এবং দেশের মানুষ ব্যাপকভাবে অভিবাসন গ্রহণের জন্য ইউরোপে পাড়ি জমাতে পারে। মিসর ভ্রমণে আসা প্রত্যেক বিমান থেকে রুশ এবং ব্রিটিশ পর্যটকদের সরিয়ে নেয়া হলে পর্যটননগরী শারম আল শেখে আর্থিক বিপর্যয় নেমে আসবে। ২৫৩ ডলার নির্ধারিত বেতনের (মিসরের ন্যূনতম ৬৩ ডলার বেতনের বেশি) কর্মী থাটুর বলেন, ‘আমি জানি না ওই বিমানে কী ঘটেছিল। আমি মনে করি আমাদের ব্যবহার করা হয়েছে, আমি সে সম্পর্কে চিন্তা করতেই চাই না। আমি ভাবছি পশ্চিমারা যা চায় মিসরকে তা জোরপূর্বক করাতে চেষ্টা করছে। এই দুর্ঘটনা সে জন্য একটি সুবর্ণ সুযোগ এবং সে জন্য আমাদের বাধ্য করা হচ্ছে। আমাদেরকে আর্থিকভাবে অসহায় করা হচ্ছে।’ ডুবুরির প্রশিক্ষক থেকে ট্যাক্সিচালকের পেশা গ্রহণকারী আহমদ বলেন, ‘তারা আমাদেরকে হত্যা করতে চায়।’ আমি অন্য কোনো ব্যাখ্যা দেখছি না। এমনিতে কেবল ইংরেজ এবং রুশ পর্যটকেরা প্রধানত এখানে আসতো। তারা তাদের বাড়িতে চলে যাচ্ছে। সরকারপন্থী মিডিয়ায় ভাষার মারপ্যাঁচে সুনিপুণভাবে শারম আল শেখকে ধ্বংস করে দেয়ার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র আঁটে। একজন অসহায় ব্রিটিশ পর্যটক তার দেশের রাষ্ট্রদূতের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, রাষ্ট্রদূত জন কেসন সরকার সমর্থক আল আহরাম পত্রিকাকে বলেছেন, ‘আমরা আমাদের ছুটির দিন অব্যাহত রাখতে চাই এবং এখন আমরা শারম আল শেখ পর্যটননগরী ত্যাগ করতে চাই না।’ অথচ তিনি সত্যিকারভাবে যা বলেছিলেন ইউটিউব ক্লিপে তার দালিলিক প্রমাণ রয়েছে। তিনি বলেছিলেন, ‘সমস্যা কী? প্রকৃত সমস্যা কী? আমরা এখানে কেন?... এখানে আজ সকালে নিরাপত্তা সমস্যা দেখা গেছে এবং এখন আপনারা সমস্যা সমাধানের জন্য এখানে এসেছেন। তারপরও আমরা এখানে কেন? অবশিষ্ট সবাই যখন বাড়ি চলে গেছে তখন আমরা এখানে থাকব কেন?’
আলেক্সান্দ্রিয়ায়ও স্পষ্টত বৈদেশিক হস্তক্ষেপ কাজ করেছে। মিসরের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রচুর ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যার কারণে ১৭ জনের প্রাণহানি ও ২৮ জন লোক আহত হলেÑ এর জন্য দায়ী হিসেবে সরকার মুসলিম ব্রাদারহুডের ১৭ জন সদস্যকে গ্রেফতার করে। অথচ শহরের ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে প্রায়ই এ ধরনের সঙ্কট সৃষ্টি হয়ে থাকে। ব্রাদারহুড সদস্যদেরকে পয়ঃপ্রণালীর পাইপ বন্ধ করে দেয়ার জন্য দায়ী করা হয়। বিদ্যুতের ট্রান্সফর্মার ধ্বংসের অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়। অথচ রাষ্ট্রের ব্যর্থতার জন্য অন্য বলির পাঁঠা রয়েছে। সম্প্রতি সরকারি কৌঁসুলি মিসরের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী এবং তার ছেলে সালাহ এবং তওফিক দায়াবকে তিন রাত আটক রাখার পর ছয় হাজার ৩৮৫ ডলারের বিনিময়ে জামিনে মুক্তি দিয়েছে। এর আগে একটি ফৌজদারি আদালত দিয়্যাব, মোহাম্মদ আল গামাল এবং অন্য ১৬ জনের আর্থিক সম্পদ আটক করার সিদ্ধান্ত বাতিল করে দেয়। কেবল নিউ লিজা হাউজিং কম্পাউন্ড প্রজেক্টের সম্পদ এখনো আটক করে রাখা হয়েছে। জনাব দিয়্যাবকে রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখলের জন্য অভিযুক্ত করা হয়েছে। অথচ তারা হচ্ছেন মিসরের অত্যন্ত ধনী লোক এবং তারা ২০১৩ সালের অভ্যুত্থানের সমর্থক। দিয়্যাব মিসরের বৃহত্তম বেসরকারি মালিকানাধীন দৈনিক সংবাদপত্র আল মাশরি আল ইউমেব সহপ্রতিষ্ঠাতা। তার সহযোগী হিসাম কাশেম বলেন, আমি মনে করি পত্রিকার কাভারেজের জন্যই দিয়্যাবকে গ্রেফাতর করা হয়েছে। মোবারক আমলের ১৬ জন ব্যবসায়ীকে গ্রেফতার করাটা সরকারের পক্ষ থেকে একটি বার্তা। সিসিপন্থী ড্রিম টিভির সাংবাদিক ওয়াহেল আল ইবরাশিকে টিভি থেকে বের করে দেয়া হয়েছে।
বাদশাহ ফারুকের সময় থেকে মিসরের পাউন্ডের মান দ্রুত হ্রাস পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করে সুদের হার বাড়িয়ে এবং ব্যাংকের ডলারকে অনুপ্রাণিত করে পাউন্ডের প্রতি সমর্থন দেয়া হচ্ছে। কিন্তু এসব ব্যবস্থা নেয়ার পরও অবমূল্যায়ন বা মুদ্রাস্ফীতি থামানো যাচ্ছে না। বিশ্লেষকেরা আরো মুদ্রাস্ফীতি অবশ্যম্ভাবী বলে অভিমত প্রকাশ করেছেন। এরই মধ্যে মাত্র ১০ মাসে মিসরীয় পাউন্ড ১৪ শতাংশ মূল্য হারিয়েছে। মোহাম্মদ আয়েশ আল কুদস আল আরবিতে লিখেছেন, মুদ্রার পতন ও মূল্য হ্রাসের তিনটি কারণ রয়েছে। রাস্তায় সেনাবাহিনীকে মোতায়েন রাখার ব্যয়, পর্যটনের পতন যেটি মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ১১ শতাংশ জোগান দেয় এবং দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের পঞ্চম উৎস, সর্বশেষ হচ্ছে দুর্নীতি। মিসরকে অর্থ দিয়ে (যেখানে অর্থনীতির ৪০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী) আক্ষরিক অর্থে ওই অর্থ একটি কালো গর্তে ফেলানো হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশী মুদ্রা বর্তমানে প্রতি মাসে ১০০ কোটি ডলার করে কমে যাচ্ছে। মিসরের মুদ্রা সঙ্কটকে অবশ্য আর্থিক ব্যবস্থাপনার ব্যতিক্রমধর্মী অনিয়মের জন্য চিহ্নিত করতে হবে। মাত্র দুই বছর আগে আবদুল ফাত্তাহ আল সিসি ক্ষমতা দখল করার সময়ও উপসাগরীয় এলাকার সবচেয়ে ধনী দু’টি দেশের সমর্থন পেয়েছিলেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তেল ও গ্যাসের অধিকারী বহুজাতিক কোম্পানিগুলোর সমর্থন তিনি পেয়েছিলেন। একপর্যায়ে সিসি তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে যে কথাবার্তা বলেছেন তার নির্ভরযোগ্য টেপ ফাঁস হয়ে যায়। তাতে জানা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত মিসরকে নগদ তিন হাজার ৯৫০ কোটি ডলার দিয়েছে। (৯.৫ বিলিয়ন ডলার) ২০১৩ সালের অভ্যুত্থানের সময় তারা এই অর্থ প্রদান করে।
২০১৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও তারা অর্থ প্রদান করে। তখন থেকে কেউ কেউ হিসাব করেছেন এই অর্থের পরিমাণ ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারে গিয়ে পৌঁছবে। এত অর্থ কোথায় গেল? এখন একটা বিষয় নিশ্চিত মিসরে উপসাগরীয় দেশগুলো থেকে আর কোনো অর্থ সহায়তা যাবে না। বর্তমানে আপনি মিসরের যে দিকেই তাকান সে দিকেই নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখতে পাবেন। এর জন্য এক ব্যক্তি সিসি এবং একটি প্রতিষ্ঠান মিসরের সেনাবাহিনীর প্রতিই সবাই অঙ্গুলি নির্দেশ করছে। সিসি এবং সেনাবাহিনীÑ কোনো বিদেশী হাত দেশটির অস্থিতিশীলতার জন্য দায়ী নয়।
স্বৈরশাসকেরা রক্তপাত ঘটাতে পারে। তারা কোনো যুবককে গুলি করে হত্যা করতে কোনো দ্বিধা করে না। পিতা-মাতার দুঃখ কান্না তাদের দ্বিধাগ্রস্ত করতে পারে না। রাবা এবং তিয়ানানমেন স্কোয়ার বা আন্দিজানের মতো গণহত্যার মধ্যে তাদের কাছে কোনো পার্থক্য নেই। আটক বা জেলহাজতে মৃত্যু কারাগারে নির্যাতন, ক্যাঙারু আদালতের বিচার, গণহারে মৃত্যুদণ্ড প্রদান মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টের ব্যাপারে কোনো ছোট লাইব্রেরি এবং তাদের বিবৃতি বা বক্তব্যের প্রত্যক্ষদর্শীর বিবরণের মতো অপরাধের প্রমাণ যে রয়েছে তার তালিকা প্রস্তুত করলে দেখা যাবে এগুলো সবই সিসি অতিক্রম করেছেন।
সিসি ক্ষমতা দখলের পর থেকে অন্য যেকোনো সময়ের চেয়ে দোর্দণ্ড শাসক হয়েও এখন দুর্বল অবস্থায় পড়েছেন। তিনি সত্যিকার অর্থে এখন অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। রাষ্ট্র নিজেই এখন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এ ধরনের অবস্থায় উদগ্রীব হয়ে তিনি লন্ডন সফর করেন। তিনি অনেক আশা নিয়ে সেখানে গিয়েছিলেন যাতে সেটি তার প্রেসিডেন্সিতে টার্নিং পয়েন্ট প্রমাণিত হতে পারে। তিনিই চুক্তির প্রধান বাস্তবায়নকারী হতে চেয়েছিলেন, কিন্তু পারিপার্শি¦ক অবস্থার কারণে সেটি তিনি বাতিল করে দেন। সিসি সিনাই ও ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গ্রুপ তার নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে সপ্তাহব্যাপী লন্ডনে অবস্থান করেন। কম্পার্টমেন্টে বোমা স্থাপন করে রুশ বিমানকে ভূপাতিত করার বিষয়টি তিনি নিছক প্রচারণা বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি আইএসের বিরুদ্ধে যুদ্ধে নিজেকে দৃঢ় অবস্থানে প্রমাণ করে বাণিজ্য বৃদ্ধির সুবিধা আদায় করতে চেয়েছিলেন। কিন্তু শারম আল শেখে বিমান যোগাযোগ বাতিল করে দিয়ে ক্যামেরুন তার আশাবাদকে নিরাশায় পরিণত করে। পরে ডাচ, জার্মানি, আইরিশ ও রাশিয়া তাদের বিমান যোগাযোগ বাতিল করে দেয়। সিসি দেখতে পেলেন তার গোয়েন্দাদের বুদ্ধির রশি ছিঁড়ে গেছে। এটি কেবল সিনাইর ক্ষেত্রে নয় লিবিয়া ও সিরিয়ার ক্ষেত্রেও। আমেরিকান, ব্রিটিশ ও রুশরা একে অপরের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করছেÑ সিসির সাথে নয়। ব্রিটিশ-মিসর নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করার জন্য একটি সফরের আয়োজন করা হয়েছিল। মিসরের বৃহত্তম বিদেশী সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এবং বাণিজ্যচুক্তি করার লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছিল। কিন্তু মিসরের পর্যটন শিল্পে গোয়েন্দা বিপর্যয়ের পর সিসির পরিকল্পনা ব্যর্থ হয়।
টিকে থাকার যুদ্ধের অনেকগুলো ফ্রন্টে সিসি হেরে যাচ্ছেন। সর্বপ্রথম তিনি সিনাইয়ে হেরে গেছেন। ওয়ালিয়াত সিনাই নামে পরিচিত সিনাই প্রদেশে আইএস বিদ্রোহীরা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে ওঠেছে। ২০১২ এবং ২০১৫ এর মধ্যে তারা এবং তাদের পূর্বসূরিরা ৪০০-এর বেশি হামলা চালিয়ে মিসরের সাত শতাধিক সামরিক অফিসার ও সৈন্যকে হত্যা করেছে। এটা ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত গোটা দেশে বিদ্রোহের যত নিহত হয়েছিল তার চেয়েও বেশি। চলতি বছরের জুলাই মাসে সিনাই প্রদেশে সবচেয়ে দুর্ধর্ষ হামলা চালানো হয়। ওই সময় ১৫টি সামরিক ও নিরাপত্তা চৌকিকে টার্গেট করে দু’টিকে ধ্বংস করা হয়।
তিন শতাধিক লোক এই অভিযানে অংশ নেয়। তারা মিসরের সেনাবাহিনীতে আমেরিকার সরবরাহকৃত এপাসিকে ভূপাতিত করার জন্য বিমানবিধ্বংসী ইগলা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই অপারেশন ২০ ঘণ্টা স্থায়ী হয়। সিনাইয়ের বিদ্রোহ সামরিক অভ্যুত্থানের নজির সৃষ্টি করে। কিন্তু অভ্যুত্থান তার চরিত্র ও গুণাগুণ পরিবর্তন করেছে। তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসি যে সংখ্যার কথা বলেছে তাতে দেখা যায়, ২০১৩ সালের জুন মাসের আগে ২৩ মাসে ৭৮ বার হামলা চালানো হয়। গড়ে প্রতি মাসে ৩ দশমিক চারবার হামলা। অভ্যুত্থানের পর একই সময়ে ১২২৩ বার হামলা বা প্রতি মাসে ৫৩ দশমিক ২ বার হামলা করা হয়। অর্থাৎ হামলা ১৪৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিসি সব কিছুর জন্য উত্তর সিনাইয়ের জনসংখ্যার ওপর দোষ দিচ্ছেন। তিনি ১৩৪৭ জনকে বিচারবহির্ভূত হত্যা, ১১ হাজার ৯০৬ জনকে ডিটেনশন এবং ২২ হাজার ৯৯২ জনকে নির্বাসনে পাঠিয়েছেন। কমপক্ষে ৩,২৫৫টি ভবনকে ধ্বংস করেছেন। তার ইসরাইলি সমর্থকেরা এখন স্বীকার করছেন, সিসি বিদ্রোহ দমন করতে গিয়ে পদে পদে ভুল করেছেন। তিনি সিনাইকে দক্ষিণ সুদানে পরিণত করেছেন। অথচ তিনি মুরসির অধীনে কাজ করার সময় নিজেই সেনাকর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক করেছিলেন।
শারীরিকভাবে যুদ্ধ করার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিকভাবে যুদ্ধ করা। সিসি যেমন তার সমর্থকদের ব্যাপারে যতœবান নন তেমনি সাধারণভাবে মিসরের ব্যাপারেও সতর্ক নন। সিসি পোলিং বুথগুলোকে খালি করে দিয়েছেন। কথিত এই নির্বাচনে নাটকীয়ভাবে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। এই পার্লামেন্ট নির্বাচনের প্রথম দিন ভোটার উপস্থিতি ছিল ৩ শতাংশ। এ ব্যাপারে ইজিপশিয়ান ক্লাব ফর জাজেস-এর প্রধান আবদুল্লাহ ফাতি বলেন, ‘কোনো ভুল হয়নি, কোনো অনিয়ম হয়নি, কোনো হইচই বা চিৎকারের ঘটনা ঘটেনি এবং এমনকি কোনো ভোটারও ছিল না।’ এ কথা বলার পর তিনি হাসেন।
লায়লা সুয়েক এবং তার ছেলে ব্লগার ও সেকুলার বামদের হিরো আলা আবদ আল ফাত্তাহ উভয়ে সেনাবাহিনীকে রাবা এবং আন নাহদায় অবস্থান কর্মসূচি ভেঙে দিতে উৎসাহিত করেছিলেন। লায়লা বলেন, ‘বিশেষভাবে আন নাহদার প্রতিবাদ পুলিশ দিয়ে অবিলম্বে ছত্রভঙ্গ করে দেয়া উচিত।’ অন্য দিকে আলা বলেন, ‘এটি হচ্ছে সশস্ত্র প্রতিবাদ। এটির কোনো রাজনৈতিক সমাধান নেই। এটির নিরাপত্তা সমাধান প্রয়োজন। ‘বর্তমানে আলা জেলে আছেন। এখন ৪১ হাজার রাজবন্দী কারাগারে আটক আছেন। লায়লা কারাগারে অনশন ধর্মঘট পালন করছেন। লায়লা বলেন, ‘আমার বয়স এখন প্রায় ৬০ বছর। মিসরে আমার জীবনে সিসির মতো অত্যাচারী ও অপরাধী শাসক আর দেখিনি।’ তার কথাই সঠিক। মিসরের আধুনিক ইতিহাসে সিসিই হচ্ছে সবচেয়ে অত্যাচারী শাসক। তাকে যেতে হবে। যদি তিনি ক্ষমতা ছেড়ে না দেন তাহলে মিসর বিপর্যয়ের পথে ধাবিত হবে। এই বিপর্যয়ে পড়ে রাষ্ট্রটি খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে এবং ইউরোপের পথে গণ-অভিবাসন শুরু হবে। ওই ধরনের ঘটনা ঘটার আগে কাউকে না কাউকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। হয়তো অন্য কোনো সেনাকর্মকর্তা এই পদক্ষেপ নিতে পারেন। লেখক : ডেভিড হার্স্ট মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ও গার্ডিয়ানের ফরেইন লিডার রাইটার। লেখাটির ভাষান্তর করেছেন মুহাম্মদ খায়রুল বাশার

Monday, November 16, 2015

প্যারিসে সন্ত্রাসী হামলা: ইউরোপের ভেতরের যুদ্ধ? by মশিউল আলম

শুক্রবার সন্ধ্যার পরে প্যারিসে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল ফরাসি ও জার্মান জাতীয় ফুটবল দলের মধ্যে। দর্শকদের সারিতে পাশাপাশি বসে খেলা উপভোগ করছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমাইয়ার। হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দে হতচকিত হয়ে উঠে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁর দেহরক্ষী দল ছুটে এসে তাঁকে তড়িঘড়ি সেখান থেকে বের করে নিয়ে চলে গেল।
এর কিছু সময় পরে প্রেসিডেন্ট ওলাঁদকে দেখা গেল টেলিভিশনের পর্দায়। জাতির উদ্দেশে তিনি বললেন, ‘যে মুহূর্তে আমি আপনাদের উদ্দেশে কথা বলছি, তখন অভূতপূর্ব মাত্রার একাধিক সন্ত্রাসী হামলা চলছে প্যারিসের বিভিন্ন জায়গায়।...কয়েক ডজন লোক নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। এটা একটা বিভীষিকা।’
ওই রাতে সন্ত্রাসী হামলা হয়েছে প্যারিস নগরের ছয়টি জায়গায়; নিহত হয়েছে অন্তত ১২৭ জন। আহত হয়েছে প্রায় ২০০ জন, তাদের মধ্যে অন্তত ৮০ জনের অবস্থা গুরুতর। প্যারিসের পুলিশ কর্তৃপক্ষের বরাতে কিছু কম-বেশি এ রকম তথ্যই জানা গেল বার্তা সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইর্য়ক টাইমস, যুক্তরাজ্যের গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট, রুশ দৈনিক ইজভেস্তিয়ার অনলাইন সংস্করণসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম থেকে।
শনিবার বিকেলে ইসলামি স্টেট (আইএস) হামলাগুলোর দায়িত্ব স্বীকার করার আগেই নিউইয়র্ক টাইমস লিখেছে, হামলার পরপরই মাইক্রোব্লগের জনপ্রিয় সাইট টুইটারে ইসলামিক স্টেটের সমর্থকদের অ্যাকাউন্টগুলো উল্লাসে ভরে গেছে। পত্রিকাটি আরও লিখেছে, প্যারিসের বাতাক্লোঁ কনসার্ট হলে কনসার্ট চলার সময় সন্ত্রাসী হামলার সময় এক প্রত্যক্ষদর্শী ফ্রান্সের বিএফএম টিভি চ্যানেলকে বলেছেন, তিনি একজন হামলাকারীকে গুলি করতে করতে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে দেখেছেন। রুশ দৈনিক ইজভেস্তিয়া লিখেছে, ইতালির লা রিপুবলিকা পত্রিকা বাতাক্লোঁর প্রবেশপথে একটা সাইনবোর্ডের ছবি প্রকাশ করেছে, যেখানে শার্লি এবদো পত্রিকার অফিসে আল-কায়েদা জঙ্গিদের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি সমর্থন জানিয়ে লেখা রয়েছে Je Suis Charlie (আমি শার্লি এবদো)। স্মরণ করা যেতে পারে, মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ইসলামি জঙ্গিরা ১৭ জন সাংবাদিককে হত্যা করেছিল।
অবশ্য প্রেসিডেন্ট ওলাঁদ শুক্রবার রাতে তাঁর টিভি ভাষণে কোনো গ্রুপের নাম উল্লেখ না করে বলেন, ‘আমরা জানি, এসব হামলা কারা চালাচ্ছে।’ তাঁর ইঙ্গিতও ছিল ইসলামিক স্টেটের জঙ্গিদের প্রতিই। পরে তিনি সেটা স্পষ্ট করেই বলেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবল স্পষ্ট করে বলেন, ‘এই হামলগুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিদের সংশ্লিষ্টতার সব লক্ষণ আছে।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বা ন্যাটোর মহাসচিব—কেউই আইএসএর নাম উল্লেখ করেননি। কিন্তু আইএস দায় স্বীকার করার আগে থেকেই ‘টেরোরিস্ট’, ‘ডেভিল’ এবং বাকি যেসব তীব্র নেতিবাচক বিশেষণের সঙ্গে হামলাকারীদের নিন্দা জানানো হচ্ছিল, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে ‘গণতন্ত্রের’ বিজয়ের আশাবাদ ব্যক্ত করা হচ্ছিল, তাতে এটা বুঝতে মোটেও কষ্ট হচ্ছিল না যে গোড়া থেকেই সবার আঙুল ছিল ইসলামি জঙ্গিবাদীদের দিকেই।
কিন্তু প্যারিস হামলার দায় স্বীকারকারী এই ‘আইএস’ও আমাদের দেশের ‘আইএস’ বা ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর মতো ভারচুয়াল কি না, কে জানে। এক বন্ধু টেলিফোনে আমাকে জিজ্ঞেস করলেন, প্যারিস, ঢাকা, রংপুরের কাউনিয়া, ঈশ্বরদী একই সূত্রে গাঁথা কি না। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। কারণ এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। অবশ্য জল্পনা-কল্পনা ও ‘ষড়যন্ত্র’ আছে অনেক। আমাদের সরকার বলছে, পশ্চিমা শক্তিগুলো আমাদের দিয়ে স্বীকার করিয়ে নিতে চায় যে এ দেশে আইএস আছে। তাহলে তাদের এ দেশের ওপর ‘হামলে পড়তে’ সুবিধা হবে।
কিন্তু প্যারিসে শুক্রবারের হত্যাযজ্ঞগুলোর ফলে কার কী সুবিধা হবে? এসব হামলা যদি সত্যিই আইএসের কাজ হয়ে থাকে, তাহলে খোদ ইউরোপীয় ভূখণ্ডের ভেতরে একের পর এক এগুলো তারা চালাতে পারছে কীভাবে? একই সঙ্গে এই প্রশ্নও চলে আসে, আইএস বা আইসিস বা দায়েশ আসলে কী? তাদের এমন ধ্বংসক্ষমতার উৎস কোথায়?
পশ্চিমা সংবাদমাধ্যমের একটা অংশ অনেক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছে, আইসিস আমেরিকা ও তার মিত্রদের তৈরি করা এক ভয়াবহ সশস্ত্র গোষ্ঠী, যাদের ব্যবহার করে বৈশ্বিক রাজনীতির একটা বড় অংশের কলকাঠি নাড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য, সৌদি আরব, কুয়েত ও কাতারের সরকারি গোয়েন্দা সংস্থাগুলো অর্থ, অস্ত্র ও পরামর্শ দিয়ে আইএসকে পরিপুষ্ট করেছে, এমন বক্তব্য–বিশ্লেষণসহ প্রচুর লেখা ইন্টারনেটে খুঁজলে পাওয়া যায়। এমন বক্তব্যও পাওয়া যায় যে আইএস আমেরিকা ও তার মিত্রদের জন্য এখন একটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে। অর্থাৎ, এই ভয়াবহ দানব এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই।
এ রকম ধারণা কিছুটা সত্য হতেও পারে। এবং এমন সংশয়ও পুরোপুরি অমূলক হবে না, ইসলাম ধর্মের ঝান্ডাধারী সশস্ত্র কিছু গোষ্ঠীকে সম্ভবত ইউরোপীয় ভূখণ্ডের ভেতরের শ্বেতাঙ্গ বর্ণবাদী, উগ্র জাতীয়তাবাদী বিভিন্ন গোষ্ঠী ব্যবহার করছে। এই গোষ্ঠীগুলো রাজনৈতিক ক্ষমতা পেতে চায়, নিজ নিজ দেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। সেই লক্ষ্য হাসিলের উপায় একটাই, নির্বাচনে জয়ী হওয়া। কিন্তু আধুনিক ইউরোপে বহুত্বকামী মানুষ এখনো সংখ্যাগরিষ্ঠ; পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী নাগরিকদের সমান নাগরিক ও রাজনৈতিক অধিকারের ব্যাপারে তাদের আপত্তি নেই। এই বহুত্ববাদী, উদার গণতান্ত্রিক ইউরোপের বিপরীতে বিশুদ্ধ জাতীয়তাবাদী ইউরোপের স্বপ্নে উজ্জীবিত গোষ্ঠীগুলো পশ্চিম ইউরোপের প্রায় সব দেশেই ক্রমশ আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। আইএস কি এখন তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? এ রকম একটার পর একটা হামলার মধ্য দিয়ে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো কি উদারপন্থী ইউরোপীয়দের মনে মুসলিম-বিদ্বেষ, অভিবাসী-বিদ্বেষ, বর্ণবাদী-বিদ্বেষ জাগিয়ে তোলার চেষ্টা করছে?
প্যারিসে শুক্রবারের হামলাগুলো যারা চালিয়েছে, এ পর্যন্ত জানা খবরে তাদের মোট সংখ্যা ছিল আট। সাতজনই নির্বিচার গুলিতে সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানোর একপর্যায়ে নিজেদের বুকে ও কোমরে বাঁধা আত্মঘাতী বোমা ফাটিয়ে মারা গেছে। অবশিষ্ট একজন মারা গেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এটা একটা কৌতূহলোদ্দীপক বিষয়: হামলাকারীরা শেতাঙ্গ না ভিন্ন বর্ণের? ফ্রান্সের নাগরিক, নাকি বিদেশ থেকে আসা? ফ্রান্সের নাগরিক হলে ইউরোপীয় বংশোদ্ভূত, নাকি পাকিস্তান-আফগানিস্তান-বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অভিবাসীদের সন্তান? সবাই মুসলমান কি না? এক প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গেল, একজন হামলাকারীকে তাঁর মনে হয়েছে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ‘কমব্যাট সোলজার’।
ফরাসি পুলিশ সম্ভবত নিহত সব হামলাকারীর পরিচয় আদ্যোপান্ত উদ্ধার করে ফেলবে। আমরা তা জানতে পারব কি না, তা অবশ্য বলা যায় না। এ ধরনের হামলায় কখনো কেন একজন হামলাকারীকেও জীবন্ত ধরা সম্ভব হয় না, এমন প্রশ্নও আছে।
যাই হোক, আমাদের মনে যত প্রশ্ন জাগে, উত্তর জানার ততো উপায় আমাদের নেই। আমরা পশ্চিমা সংবাদমাধ্যমের ওপর নিরুপায়রূপে নির্ভরশীল এবং নানা ধরনের জল্পনা-কল্পনা ও ‘ষড়যন্ত্রতত্ত্ব’ আমাদের ভাবনাগুলো এলোমেলো করে দিতে পারে।
পশ্চিমাদের দেওয়া আরও কিছু তথ্য এখানে তুলে ধরা যাক: গার্ডিয়ান লিখেছে, এ বছরের এপ্রিল মাসে ফ্রান্সের সিনেট ইন্টেলিজেন্স সার্ভিসের প্রকাশ করা হিসাব অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশ থেকে তিন হাজারের বেশি ‘জিহাদি’ তরুণ-তরুণী সিরিয়া ও ইরাকে গিয়ে ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৪৩০ জনই ফরাসি নাগরিক। এ বছরের আরও আগের দিকে বার্তা সংস্থা এএফপি লিখেছিল, ফ্রান্সে বসবাসরত ১ হাজার ৫৭০ জন ফরাসি নাগরিক সিরিয়ার জিহাদিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে। তারা আরও ধারণা করছে, প্রায় সাত হাজার ফরাসি নাগরিক আইএসের সঙ্গে যোগ দিতে সিরিয়া-ইরাকে যেতে পারেন। ফরাসি পুলিশ কর্তৃপক্ষের হিসাবে, বর্তমানে দেশটিতে ১৫০ জন ফরাসি নাগরিক ‘জিহাদি’ কর্মকাণ্ডের অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন এবং আরও ২০০ জন মুক্তভাবে চলাফেরা করছেন, যাঁরা সিরিয়া ও ইরাকের আইএস-নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ঘুরে এসেছেন।
এসব তথ্যের সঙ্গে প্রেসিডেন্ট ওলাঁদের ‘আমরা জানি, এসব হামলা কারা চালাচ্ছে’ উক্তিটা যোগ করলে প্রতীয়মান হয়, আইএস সম্ভবত এখন ফ্রান্সের ভেতরেরও বাস্তবতা। আরেকটু বড় অর্থে, এটা ইউরোপের অভ্যন্তরীণ যুদ্ধ।
আধুনিক, বহুত্ববাদী, উদার গণতান্ত্রিক ও মানবতাবাদী ইউরোপ এই যুদ্ধ কীভাবে মোকাবিলা করবে, সেটাই এখন দেখার বিষয়।
মশিউল আলম: সাংবাদিক
mashiul.alam@gmail.com

Friday, November 13, 2015

গণতন্ত্র ছাড়া এগোনো যায় না by এম হুমায়ুন কবির

গণতন্ত্রের জয় সব সময়ই আনন্দের, মিয়ানমারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। ৫০ বছর পর মিয়ানমারের জনগণ স্বাধীনভাবে গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিল, ফলে দিনটি তাদের জাতীয় জীবনের খুবই স্মরণীয় একটি দিন।
মিয়ানমারের এই নির্বাচনের কিন্তু একটা পরিপ্রেক্ষিত আছে, এই নির্বাচনের প্রক্রিয়াটা চার-পাঁচ বছর ধরেই চলছিল। ২০১১ সালে মিয়ানমারের তৎকালীন সরকারের উপলব্ধি হয়, অং সান সু চিকে বাইরে রেখে সরকার পরিচালনায় দেশের অগ্রগতি সম্ভব নয়। সে কারণে তখন থেকেই তারা সু চির সঙ্গে আলোচনা শুরু করে। মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল, সেখানে ১৫টি বিভিন্ন ভাষাভাষী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। ফলে সেই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য তাদের একটা চেষ্টা ছিল। সে লক্ষ্যেই মিয়ানমারের ক্ষমতাসীন সরকার কিছুদিন আগে সাতটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে।
ওদিকে দারিদ্র্য আরেকটি বড় ব্যাপার। মিয়ানমারের সরকার বুঝতে পেরেছিল, দারিদ্র্য থেকে বের হয়ে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া বেশি দূর এগোনো যাবে না। এসব কারণের সম্মিলিত ফলাফল হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
আমরা দেখলাম, এই নির্বাচনে মিয়ানমারের ৯০টি দল ও ৬ হাজার প্রার্থী ১ হাজার ৭০০ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন। বিপুলসংখ্যক মানুষ নির্বাচনে ভোটও দিল। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ১৯৯০ সালের নির্বাচনেও সু চির দল এনএলডি বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। কিন্তু সামরিক বাহিনী সেবার নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে কঠোর পদক্ষেপ নেয়। তারা সু চিকে গৃহবন্দী করে। তখন থেকেই শুরু হয় সু চির সংগ্রাম।
তবে একটি ব্যাপার লক্ষণীয়। মিয়ানমারের সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। গণতন্ত্রের পথে এটা এক বড় প্রতিবন্ধকতাই বটে। এখন দেখার বিষয় হচ্ছে, তারা কীভাবে এই প্রতিবন্ধকতা মোকাবিলা করে।
আরেকটি ব্যাপার হচ্ছে, নির্বাচনের প্রচারণার সময় মুসলিম বিদ্বেষ ছড়ানো হয়েছে। কট্টরপন্থী বৌদ্ধদের সংগঠন মাপাথা নির্বাচনের আগে ইয়াঙ্গুনে মিছিল করে সু চির দল এনএলডিকে মুসলিম পার্টি হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলেছে, সু চির এনএলডি ক্ষমতায় এলে মিয়ানমার মুসলমানে ছেয়ে যাবে। এরপর আমরা দেখলাম, ১০০ মুসলমান প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, নির্বাচনে রোহিঙ্গাদের ভোটই দিতে দেওয়া হলো না। এটা অত্যন্ত নেতিবাচক। কারণ, আর যা-ই হোক, একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো গণতন্ত্রের সঙ্গে যায় না। ফলে নতুন সরকারকে ভেবে দেখতে হবে, কীভাবে এর সুরাহা করা যায়। মাপাথার মতো কট্টরপন্থী সংগঠন তো আছেই, তারা এনএলডিকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে।
মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ, যাকে বলে একদম পাশের বাড়ির প্রতিবেশী। ফলে সেখানকার ঘটনাপ্রবাহ আমাদের রাষ্ট্রীয় জীবনেও প্রভাব ফেলে, সে কারণেই আমরা তাদের ব্যাপারে আগ্রহী।
আমাদের প্রথম ও প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে, রোহিঙ্গা সমস্যার সমাধান। এমনিতেই বিপুলসংখ্যক রোহিঙ্গা কক্সবাজার ও টেকনাফে বসবাস করে। তারপর গত বছর মিয়ানমারে রোহিঙ্গারা হামলার শিকার হয়ে দলে দলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশ তাদের গ্রহণ করেনি। ফলে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়। রোহিঙ্গারা যেহেতু বাংলাদেশেও আসে, সেহেতু আমাদের এ ব্যাপারে সচেষ্ট হতে হবে। আবার এই রোহিঙ্গাদের আমরা মাসের পর মাস ধরে সাগরে মানবেতর অবস্থায় ভেসে থাকতে দেখেছি, ফলে মানবিক কারণেও আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি করা উচিত।
চীনের সঙ্গে যোগাযোগের জন্য মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ। বস্তুত মিয়ানমারের ওপর দিয়েই চীনের সঙ্গে আমাদের সড়ক যোগাযোগ স্থাপন করতে হবে। ফলে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে চীনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিয়ানমারের গুরুত্ব অপরিসীম। আর দেশটি গণতান্ত্রিক ধারায় পরিচালিত হলে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও বড় হবেই বলে আমরা ধারণা করতে পারি।
গুরুত্বের বিষয় হলো, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিয়ানমার আমাদের জানালার মতো। ফলে ভূরাজনীতির স্বার্থে মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে।
এম হুমায়ুন কবির: সাবেক রাষ্ট্রদূত।

Sunday, November 8, 2015

মিয়ানমারের নির্বাচনে জিতবে কে—গণতন্ত্র না জবরদস্তি? by সোহরাব হাসান

সামরিক শাসনে রেকর্ড সৃষ্টিকারী মিয়ানমারে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। দেশটির তিন কোটি ভোটার ৪৪০ আসনের নিম্ন পরিষদে ৩৩০ আসনের জন্য ভোট দিলেও বাকি আসনগুলো পূরণ করবেন সেনাবাহিনীর প্রধান সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে। ২২৪ সদস্যের উচ্চকক্ষের ১৬৮টি আসনেও একই দিনে ভোট হতে যাচ্ছে। সেখানেও বাকি আসনগুলো পূরণ করবেন সেনাবাহিনীর সদস্যরা। এই নির্বাচনে ৯১টি তালিকাভুক্ত রাজনৈতিক দলের ছয় শতাধিক প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ইউনাইটেড সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মধ্যে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে এনএলডি জয়ী হবে।
কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনটি সুষ্ঠু হবে কি না। কিংবা নির্বাচনে সু চির দল জয়ী হলেও প্রকৃত ক্ষমতা তাঁর হাতে দেওয়া হবে কি না। ১৯৯০ সালেও মিয়ানমারের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচনে জনগণ এনএলডির পক্ষে রায় দিলেও সেনাবাহিনী সেই নির্বাচনী ফল নাকচ করে দেয় এবং জনগণের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখে। তবে পর্যবেক্ষকেরা এ-ও মনে করেন যে সেই সময়ে যত সহজে নির্বাচনী ফলাফল নস্যাৎ করা গেছে, এখন সেটি তত সহজ হবে না। সেনাবাহিনীকে ইচ্ছায় হোক কিংবা বাইরের চাপেই হোক, বিরোধী দলের সঙ্গে কিছুটা আপসরফায় আসতে হয়েছে। ২০০৮ সালে প্রণীত সংবিধানে সেনাবাহিনীর কর্তৃত্ব বহাল রাখতে জাতীয় সংসদ থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে সেনাবাহিনীর জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষিত করা হয়, যাঁদের সেনাপ্রধানই মনোনীত করে থাকেন। সেই সংবিধানের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের নির্বাচন বর্জন করে এনএলডি; যদিও দলের কিছু লোককে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছিল সেনা-নিয়ন্ত্রিত সরকার। কিন্তু সেই নির্বাচনে মিয়ানমারে রাজনৈতিক পরিস্থিতির ইতরবিশেষ পরিবর্তন হয়নি। আগের সরকারের প্রধানমন্ত্রী থেইন সেইনই নতুন প্রেসিডেন্ট পদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। বেসামরিক প্রশাসনের মতো সামরিক প্রশাসনেও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে ৩০ সদস্য নিয়ে গঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সেনাসদস্যদের হাতেই রয়েছে।
রোহিঙ্গাদের একাত্মতায় ভোট দেবে না স্বীকৃত মুসলিমরাও
৭ নভেম্বর, ২০১৫: পরিবর্তন ডটকম
রোহিঙ্গা সম্প্রদায়ের মুসলিমদের মিয়ানমারে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া না হলেও দেশটির নাগরিক হিসেবে পূর্ণ অধিকার পেয়েছেন কামান মুসলিমরা। কিন্তু তাও রাষ্ট্রীয়ভাবে নিপীড়িত রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানিয়ে মিয়ানমারের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কামানরা।
মিয়ানমারে রোববারের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণা দিয়েছেন কামান মুসলিমরা। রোহিঙ্গাদের মতই কামানরাও আরাকানের বাসিন্দা এবং সেখানকার আদিবাসী হিসেবে স্বীকৃত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ধর্মীয় বিশ্বাসের কারণে তারাও কম নির্যাতিত হননি। রোহিঙ্গাদের মতই ২০১২ সালে কামানরাও একই ধরনের বর্বর নির্যাতনের শিকার হয়েছিল, হত্যা করা হয়েছিল কয়েকশ’ কামান মুসলিমকে।
বার্মা টাইমস জানিয়েছে, তখন থেকে রোহিঙ্গা শরণার্থীদের মতই শরণার্থী শিবিরে থাকতে বাধ্য করা হয়েছে কিছু কামান মুসলিমকে। রোহিঙ্গাদের মতই তাদের ওপরেও রয়েছে নানা নিষেধাজ্ঞা। কিন্তু কামান মুসলিমদের ভোট দেয়ার অধিকার রয়েছে এবং তাহলেও বুদ্ধ জাতীয়তাবাদীদের গণআন্দোলনের কারণে রোহিঙ্গা মুসলিমদের ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ হিসেবে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন অধিকাংশ কামান মুসলিম। মিয়ানমারের নির্বাচনে দেশটি জুড়ে মুসলিম প্রার্থীদের প্রতি বৈষম্যে হতাশাও প্রকাশ করেছেন কামানরা।
এদিকে, বৃহস্পতিবার থেকেই রোহিঙ্গা গ্রামগুলোকে অবরুদ্ধ করতে শুরু করেছে সশস্ত্র রাখাইনরা। ২০১২ সালের মতই গণহত্যার হুমকি দেয়া হচ্ছে রোহিঙ্গাদের। মুসলিম ও তাদের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণাও দেয়া হচ্ছে। হুমকির কারণে নির্ঘুম রাত কাটাচ্ছেন সেনাবাহিনীর সাহায্যপ্রার্থী রোহিঙ্গারা। প্রায় সবদিক থেকে অবরোধের কারণে গ্রাম থেকে পালাতেও পারছেন না তারা। রোহিঙ্গাদের সাহায্যে সেনাবাহিনীর টহল তো নেইই, এমনকি অনেক গ্রামেই খোদ পুলিশেরই ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ। রোহিঙ্গাদের বাড়িঘরে লুটপাট চালিয়ে পুলিশ ও বিজিপি স্মার্টফোন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং অসংখ্য নারী-পুরুষকে ধরে ধরে পেটাচ্ছে। মুসলিম বিশ্বে মিয়ানমারের বিরুদ্ধে প্রচার চালাতে স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে স্মার্টফোন নিয়ে যাচ্ছে সৈনিকরা।
এদিকে, শান্তিপূর্ণ আন্দোলন কর্মীদের কারাদণ্ড, বাকস্বাধীনতা হরণ, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও রাজনৈতিক দণ্ডাজ্ঞা- অর্থাৎ রোহিঙ্গাদের ওপর নির্যাতন- সবমিলিয়ে বার্মায় নির্বাচনের সপ্তাহটিতে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রোববার ভোটদান সামনে রেখে এক বিবৃতিতে একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির ব্রিটেন শাখা।
এদিকে, নির্বাচনে জয়প্রত্যাশী শান্তিকামী নেতা অং সান সু কি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পর্যায়ে চলমান নির্যাতনের বিষয়টি অত্যুক্তি বলে মন্তব্য করেছেন। রোহিঙ্গাদের সংকটের বিষয়টি নিয়ে অতি মাতামাতি না করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, মার্কিন পত্রিকা হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, খুব বেশি দেরি হওয়ার আগেই রোহিঙ্গাদের সংকট দূর করতে না পারলে জাতিটি নির্মূল হয়ে গেলেও অবাক হওয়ার তেমন কিছু থাকবে না।
জেনারেল থেইন সেইন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বিরোধী দল এনএলডির সঙ্গে সমঝোতায় আসার উদ্যোগ নেন; যার পরিপ্রেক্ষিতে ২০১১ সালে অং সান সু চির ১৫ বছরের অন্তরীণ অবস্থার অবসান হয় এবং পরের বছর ৪৫টি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নিয়ে এনএলডির ৪৩ জন সদস্য জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসেন। অং সান সু চি হন বিরোধী দলের নেত্রী।
এখানে উল্লেখ্য, ১৯৮৮ সালে মিয়ানমারে তৎকালীন নেউইন সরকারের বিরুদ্ধে যে প্রবল ছাত্র গণ-আন্দোলনের সৃষ্টি হয়, অসুস্থ মাকে দেখতে এসে অং সান সু চি তাতে জড়িয়ে পড়েন এবং একসময় তাঁর হাতেই নেতৃত্বের ভার পড়ে। এরপর তিনি বাবা মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতা অং সানের সহযোদ্ধা ও তরুণ নেতাদের সমন্বয়ে এনএলডি গড়ে তোলেন। এই দলটি ১৯৯০ সালে নির্বাচনে ৮৫ শতাংশ আসনে জয়ী হলেও সামরিক শাসকেরা সেই ফল মেনে নেননি। অং সান সু চিকে কখনো অন্তরীণ, কখনো নির্জন কারাবাসে কাটাতে হয়। তাঁর অধিকাংশ রাজনৈতিক সহযোদ্ধার ঠিকানাও হয় জেলখানা। আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও মিয়ানমার প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশের অর্থনৈতিক অবস্থা দ্রুত নাজুক হতে থাকে।
গত তিন বছরে অং সান সু চি ও তাঁর দল একাধিকবার সংবিধানে পরিবর্তন আনার উদ্যোগ নিয়ে ব্যর্থ হন। কেননা, তিন-চতুর্থাংশের সমর্থন ছাড়া সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। ২০০৮ সালে প্রণীত সংবিধানের ৫৯ (এফ) ধারা অনুযায়ী কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা তাঁর সন্তান অন্য দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে বিবেচিত হবেন। এই আইনটি করা হয়েছিল সু চিকে লক্ষ্য রেখেই। এ ছাড়া সংবিধানে সাংবিধানিক প্রতিষ্ঠানে সেনাবাহিনীর জন্য যে ২৫ শতাংশ আসন সংরক্ষিত আছে, সেটি পরিবর্তন করতে না পারলে মূল ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থেকে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
গণতন্ত্রের নেত্রী হিসেবে আন্তর্জাতিক মহলে নন্দিত অং সান সু চি এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী। ইয়াঙ্গুনের বিখ্যাত শোয়েডন প্যাগোডার সামনে আয়োজিত জনসভায় তিনি বলেছেন, নির্বাচনে তাঁর দলই জয়ী হবে। যারা বলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এটি নয়, তারা আসলে এনএলডির হাতে ক্ষমতা দিতে ভয় পায়। দেশি-বিদেশি পর্যবেক্ষকদেরও ধারণা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে অং সান সু চিরই জয়ের সম্ভাবনা বেশি। আর সু চির জয়ের অর্থ হবে সেনা নেতৃত্বের পরাজয়।
প্রেসিডেন্ট থেইন সেইন এই বলে ভোটারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে বিরোধী দল জয়ী হলে মিয়ানমারে আরব বসন্ত দেখা দেবে, যা দেশকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেবে। তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন। নির্বাচিনী প্রচারের শুরু থেকে সু চির দল যাতে জয়ী হতে না পারে, সে জন্য সেনাবাহিনী ও তাদের সমর্থক গোষ্ঠীগুলো নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
এখানে কৌতূহলোদ্দীপক হলো, আশির দশকের শেষার্ধে এবং নব্বইয়ের দশকজুড়ে যে বৌদ্ধ মংরা সেনাশাসনের বিরুদ্ধে চালিত আন্দোলনে সু চিকে সমর্থন করেছেন, তাঁেদর অধিকাংশ এখন তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শান্তির প্রতীক গৈরিক বসনধারীরা এখন ধর্মকে উগ্রপন্থার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাঁরা প্রচার চালাচ্ছেন যে সু চি জয়ী হলে ভবিষ্যতে দেশটিতে মুসলমানেরাই সংখ্যাগরিষ্ঠ হবে এবং বৌদ্ধরা সাগরে নিক্ষিপ্ত হবে। যদিও এ ধরনের প্রচারের কোনো ভিত্তি নেই। বরং দেশটির জনসংখ্যার পাঁচ ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও নিয়ত তারা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। গত কয়েক বছরে রাখাইন প্রদেশের বাইরেও একাধিকবার মুসলিমবিরোধী দাঙ্গা হয়েছে। আর মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের তো নাগরিক হিসেবে স্বীকৃতিই দেয়নি, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। অনেকে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। সম্প্রতি রাখাইনে নির্বাচনী জনসভায় অং সান সু চি বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে আইন অনুযায়ী রোহিঙ্গাসহ সব সমস্যার সমাধান হবে।
মুসলিমবিরোধী রাজনীতি সেখানে এতটাই তুঙ্গে যে ক্ষমতাসীন ইউএসডিপি ও বিরোধী এনএলডি কোনো মুসলমানকে প্রার্থী করেনি। যদিও বর্তমান সেনা প্রভাবিত সংসদেও বেশ কয়েকজন মুসলমান সদস্য আছেন। গত জানুয়ারিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যখন মিয়ানমারে যাই, তখনই সু চি-বিরোধী ব্যাপক তৎপরতা লক্ষ করি। সেখানে বসবাসরত একজন বাংলাদেশি বন্ধু আমাকে একটি ওয়েবসাইট দেখালেন, যাতে হিজাব পরিহিত অবস্থায় সু চিকে একজন মুসলমান নেতার সঙ্গে আলোচনা করতে দেখা যায়। ছবিটি ছিল ইমপোজ করা। সু চিকে রোহিঙ্গা তোষণকারী হিসেবে চিহ্নিত করলেও বাস্তবতা হচ্ছে, উগ্রপন্থী বৌদ্ধদের ভয়ে তিনি রোহিঙ্গা ও মুসলিমদের ওপর অব্যাহত হামলার বিষয়েও একপ্রকার নীরবতা অবলম্বন করে চলেছেন। এ কারণে বহির্বিশ্বে সু চিকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এমনকি ২০০৭ সালে সরকার-সমর্থকেরা সু চির গাড়িবহরে হামলা চালালে অন্যান্যের মধ্যে এনএলডির একজন মুসলিম নেত্রীও গুরুতর আহত হন, যিনি ছিলেন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী। কিন্তু শেষ পর্যন্ত সু চি তাঁকে মনোনয়ন দিতে সাহস পাননি।
অং সান সু চি সর্বশেষ নির্বাচনী সভায় দেওয়া ভাষণে বলেছেন, জনগণের রায়ে তাঁর দলই জয়ী হবে এবং সে ক্ষেত্রে তাঁর অবস্থান প্রেসিডেন্টের ওপরে হবে। এখানেই আশঙ্কা যে সেই জয়কে ক্ষমতাসীনেরা মেনে নেবে কি না। যদি মেনে না নেয়, তাহলে কি ১৯৯০ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে? আর যদি মেনে নেয়, তাহলে কি সামরিক জান্তা সংবিধান সংশোধন করে সু চির প্রেসিডেন্ট হওয়ার পথ উন্মুক্ত করবে?
তবে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন, বর্তমান বাস্তবতায় নব্বইয়ের পুনরাবৃত্তি হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে দেশটির অর্থনৈতিক উন্নতি ও আন্তর্জাতিক জনমত। সেই সময়ে মিয়ানমার নিজেকে বিচ্ছিন্ন রাখার ঝুঁকি নিলেও এখন নিতে সাহস পাবে না। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ ও সাহায্যের সুফল কেবল সাধারণ মানুষই পাচ্ছে না, তার সুবিধা আদায় করে নিচ্ছেন সেনা শাসকেরাও। অন্যান্য উন্নয়নকামী দেশের মতো মিয়ানমারের ব্যবসা-বাণিজ্য ও ঠিকাদারির বড় অংশীদার বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা। ফলে খুলে দেওয়া অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের দরজা ফের বন্ধ করা তাঁদের পক্ষে কঠিন হবে।
সে ক্ষেত্রে সু চির দল জয়ী হলে সেনা কর্তৃপক্ষ তাঁর সঙ্গে একটি আপসরফা বা ক্ষমতা ভাগাভাগিতে আসতে পারে বলে পশ্চিমা বিশ্লেষকেরা মনে করেন। সু চিও এ ব্যাপারে নমনীয় বলে ধারণা করা যাচ্ছে। ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন, এনএলডি জয়ী হলে ‘সমঝোতার সরকার’ গঠনে প্রস্তুত আছে। সমঝোতার অর্থ ক্ষমতা ভাগাভাগি।
এখন প্রশ্ন হলো, দীর্ঘদিন ধরে এককভাবে ক্ষমতা ভোগকারী সেনাবাহিনী সেই ভাগাভাগিতে রাজি হবে কি না। তাই নির্বাচনের চেয়েও পর্যবেক্ষকের দৃষ্টি এখন নির্বাচন-পরবর্তী পরিস্থিতির দিকে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrabhassan55@gmail.com

Wednesday, November 4, 2015

সিরিয়ার সেনাবাহিনীর কথা ভুললে চলবে না by রবার্ট ফিস্ক

সিরিয়ার কমান্ডাররা এখন রাশিয়ার
প্রতিটি বিমান হামলা সমন্বয় করছে
মধ্যপ্রাচ্যে রাশিয়ার দুঃসাহসী অভিযান নিয়ে পৃথিবী এখনো রাগে গরগর করছে। রাশিয়া সিরিয়ায় হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রকে একটি ব্যাপারে নাক গলানো থেকে বঞ্চিত করেছে, কোন একনায়ক বেঁচে থাকবে আর কোন জন মারা যাবে। কিন্তু এই ডামাডোলের মধ্যে আমরা একটি প্রতিষ্ঠানের কথা ভুলে যাচ্ছি। সেটি হলো এমন একটি প্রতিষ্ঠান, যা সেই রাষ্ট্রের মধ্যে ক্রিয়াশীল আছে, রাষ্ট্রটিকে রক্ষা করার চেষ্টা করছে, যে রাষ্ট্রকে আবার মস্কো রক্ষা করতে চায়। সেই প্রতিষ্ঠানটি হলো সিরিয়ার সেনাবাহিনী। রাশিয়া নিজের ক্ষেপণাস্ত্রের প্রচারণা দিচ্ছে, আর সিরিয়ার সেনাবাহিনী মাস কয়েক আগেও লোক ও অস্ত্রবলে কমজোর থাকলেও হঠাৎ করেই গা-ঝাড়া দিয়ে উঠে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। আমরা মনে করতে পারি, এ বছরের শুরুর দিকে এই সেনাবাহিনী প্রায় অকেজো হয়ে গিয়েছিল, বাশার আল-আসাদের সরকার নিজের শেষ দেখে ফেলেছিল।
ক্ষমতার পালাবদল ঘটানোর জন্য আমরা ঘুণে ধরা সেনাবাহিনীকে নামিয়েছিলাম। সিরিয়ার সেনাবাহিনী জিসর আল-সুগুর ও পালমিরায় হারছিল। ফলে আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম, বাশারের রাষ্ট্র এমন জায়গায় চলে গিয়েছিল, যেখানে আর সামান্য কিছু হলেই তার পতন হতে পারে।
এরপর ভ্লাদিমির পুতিন তাঁর বিমান ও ক্ষেপণাস্ত্র বহর নিয়ে হাজির হলেন, আর পুরো পরিস্থিতি বদলে গেল। আমরা যখন গোঁৎ গোঁৎ করছিলাম যে রাশিয়া মধ্যপন্থী বিদ্রোহীদের ওপর বোমাবর্ষণ করছে, তখন আলেপ্পো ও ওরোন্তসের উপত্যকার আশপাশে সিরিয়ার সেনাবাহিনী নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, সেদিকে আমরা নজর দিইনি। অথচ মার্কিন জেনারেলরা বলেছিলেন, মধ্যপন্থীদের অস্তিত্ব নেই।
সিরিয়ার কমান্ডাররা এখন রাশিয়ার প্রতিটি বিমান হামলা সমন্বয় করছে। তারা প্রতি রাতে ২০০ থেকে ৪০০টি হামলা সমন্বয় করছে। এখন সে সংখ্যাটা প্রায়ই ৮০০-তে চলে যাচ্ছে। না, রুশরা যে মানচিত্রের প্রতিটি রেফারেন্স অনুসারেই হামলা করছে, ব্যাপারটা তা নয়। সিরিয়া দেখেছে, রুশরা ঘনবসতিপূর্ণ স্থানে হামলা করতে চায় না, তারা আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের কাছে সিরিয়ার জ্বলন্ত হাসপাতাল ও মৃত বরযাত্রীদের রেখে যেতে চায়। তবে নীতির পরিবর্তন যেকোনো সময় হতে পারে। বিমানবাহিনীর বোমাবর্ষণে বেসামরিক মানুষ নিহত হবে না, তা হতে পারে না। আর সেটা করতে হলে অন্য দেশের সীমানাও অতিক্রম করতে হয়।
যৌক্তিক পরম্পরায় রুশরা তুর্কিদের বলেছে, এই যুদ্ধ সমন্বয়ের তথ্যটা মার্কিনদের হাতে যাওয়া উচিত। আরও উল্লেখযোগ্য খবর হচ্ছে, সিরিয়ার ভূমধ্যসাগর উপকূলে রুশদের ঘাঁটির সঙ্গে তেল আবিবের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে হটলাইন যোগাযোগ চালু হয়েছে। আরও অবিশ্বাস্য খবর হচ্ছে, ইসরায়েলের বিমানবাহিনী একসময় গোলান উপত্যকায় সিরিয়া ও ইরানের বেসামরিক মানুষের ওপর বোমা হামলা চালালেও হঠাৎ করেই তারা আকাশ থেকে উধাও হয়ে গেছে। অন্য কথায় বললে, রাশিয়া এক বড় অভিযানে নেমেছে, সিরিয়ায় তারা এক মাসের জন্য ঘুরতে আসেনি। এটা অনেক দিন ধরে চলবে বলেই মনে হয়।
সিরিয়া আসলে পালমিরা পুনর্দখলের ব্যাপারে উদ্বিগ্ন ছিল, আইএস গত মে মাসে সেটি দখল করেছিল। কিন্তু রুশরা আলেপ্পো অঞ্চলের ব্যাপারেই বেশি আগ্রহ দেখিয়েছে, এর আংশিক কারণ হচ্ছে তারা মনে করে, লাতাকিয়া উপকূলের আশপাশে তাদের ঘাঁটি দুর্বল। নুসরা ফ্রন্ট লাতাকিয়া ও তারতুসের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর মস্কো চায় না যে তার বিমানবাহিনী ভূমিতেই অন্য কারও লক্ষ্যবস্তু হোক। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ চারটি ইউনিট মোতায়েন করেছে, তারা এখন তুরস্ক সীমান্তের দিকে এগোচ্ছে: প্রথম ও চতুর্থ ডিভিশন, রিপাবলিকান গার্ড ও স্পেশাল ফোর্সেস।
আইএসের রাজধানী রাকায় রাশিয়ার বিমান হামলায় আইএস আক্রান্ত হতেও পারে আবার নাও হতে পারে, যদিও সিরিয়া এ কথা বলে বুক ফোলায় যে ওই শহর থেকে তারা অনেক গোয়েন্দা তথ্য পাচ্ছে। ব্যাপারটা সত্য হলে তা বেশ কৌতূহলোদ্দীপক হবে, কারণ আইএস ‘সরকারের চরদের’ নির্যাতন করে মেরে ফেলার ব্যাপারে ওস্তাদ। ফলে যে-ই দামেস্কে তথ্য পাঠাক না কেন, তাকে অনেক সাহসী হতে হবে। তারপরও ভ্রমণকারীদের কথা সত্য হতে পারে। রাকা থেকে দামেস্ক পর্যন্ত একটি নিয়মিত বেসামরিক যাত্রীবাহী বাস চলাচল করে, এ এক অদ্ভুত ব্যাপার, কারণ বেসামরিক বাস সাধারণত যুদ্ধরেখা অতিক্রম করে থাকে। আর যাত্রীরা সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও বাড়ি পৌঁছে তারা নিজেদের অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেয়।
হ্যাঁ, এসবই পুতিনের অভিযানের শুরু মাত্র। ইদানীং তিনি মধ্যপ্রাচ্যে বেশ যাতায়াতও শুরু করেছেন। এই অঞ্চলের আরেক স্তম্ভ মিসরের ফিল্ড মার্শাল প্রেসিডেন্টের সঙ্গে তিনি বন্ধুত্ব পাতিয়েছেন, যিনি নির্বাচনে ৯৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন, যিনি এখন মিসর শাসন করেন। কিন্তু মিসরীয় সেনাবাহিনী সিনাইয়ে ছোট একটি যুদ্ধে লিপ্ত হলেও বড় যুদ্ধের কৌশলগত অভিজ্ঞতা তার নেই। আবার সৌদি আরব, আমিরাত ও জর্ডানের বর্তমান সামরিক বাহিনী ইয়েমেন, লিবিয়া, সিরিয়া ও সুযোগমতো অন্যান্য লক্ষ্যবস্তুতে আকাশ থেকে ছেলেখেলা প্রকৃতির হামলা চালালেও একটি প্রকৃত যুদ্ধ কীভাবে লড়তে হয়, সে অভিজ্ঞতা কি তাদের আছে? লিবিয়ার সেনাবাহিনী ভঙ্গুর অবস্থায় রয়েছে। ওদিকে ইরাকের সেনাবাহিনী ইসলামপন্থীদের বিরুদ্ধে কৃতিত্বপূর্ণ লড়াই করতে পারেনি।
কিন্তু একটি তথ্য এড়িয়ে যাওয়া যাবে না।
সিরিয়ার সেনাবাহিনী যদি এই যুদ্ধে জেতে, নিজেদের ধরে রাখতে পারে, সেনাসংখ্যা বজায় রাখতে পারে, তাহলে তারাই হবে এ অঞ্চলের সবচেয়ে সমর-প্রশিক্ষিত, নির্মম ও সমর-অভিজ্ঞ সেনাবাহিনী। এ মুহূর্তে তাদের লোক ও অস্ত্রবল দুটোই কম। সিরিয়ায় প্রতিবেশীরা যদি এ কথা ভুলে যায়, তাহলে তাদের কপালে দুঃখ আছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।

Friday, October 30, 2015

সিরিয়া সঙ্কট সমাধানে পাঁচ জাতি পরিকল্পনা by জিমি কার্টার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আমি চিনি যখন তিনি লন্ডনে কলেজের ছাত্র তখন থেকে। ক্ষমতায় আসার পরও তার সাথে আমি ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছি। মূলত যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধেই তার কাছে গিয়েছি আমি। ওই সময় কূটনৈতিক বিরোধের জন্য দামেস্ক (সিরিয়ার রাজধানী) থেকে আমাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়া হয়।
বাশার এবং তার বাবা হাফিজ আল আসাদ (সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট) ওই সময় একটি নীতি মেনে চলতেন, তারা আমেরিকান দূতাবাসের কোনো কর্মকর্তার সাথে কথা বলতেন না। তবে আমার সাথে আলোচনা করতেন। আমি লক্ষ করেছি, বাশার কখনোই তার কোনো অধস্তনের কাছ থেকে পরামর্শ বা তথ্য চাইতেন না। চরিত্রগতভাবেই তিনি অত্যন্ত জেদি। মানসিকভাবে তার পক্ষে নিজের মধ্যে পরিবর্তন আনা প্রায় অসম্ভব। বিশেষ করে যখন তিনি চাপের মধ্যে থাকেন।
২০১১ সালের মার্চ মাসে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার আগে নানা জাতিগোষ্ঠী আর ধর্মের মানুষের পাশাপাশি হৃদ্যতাপূর্ণ পরিবেশে বাস করার একটি চমৎকার নজির তৈরি করেছিল সিরিয়া। দেশটিতে যেমন আরব, কুর্দি, গ্রিক, আরমেনীয় ও আসিরীয়রা বাস করেন তেমনি থাকেন খ্রিষ্টান, ইহুদি, শিয়া, সুন্নি ও আলাওয়াতিরা। ১৯৭০ সাল থেকেই আসাদ পরিবার দেশটির ক্ষমতায় রয়েছে। বিভিন্ন ধর্ম-গোত্রের এই শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে একসময় তারা রীতিমতো গর্ব বোধ করতেন।
সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের দাবিতে যখন আন্দোলন শুরু হয়, গোড়ার দিকে প্রেসিডেন্ট বাশারের মনে হয়েছিল তার ‘বৈধ’ সরকারকে উৎখাত করতেই এই অবৈধ বিপ্লব। তিনি অপ্রয়োজনীয়ভাবে শক্তি প্রয়োগ করে এই আন্দোলন স্তব্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন। নানা জটিল সমীকরণের কারণে তিনি সেনাবাহিনী, খ্রিষ্টান, ইহুদি ও শিয়া মুসলমানদের সমর্থনও পেয়ে যান। এই গোষ্ঠীগুলোর মূল আশঙ্কা ছিল, বাশারকে সরালে কট্টরপন্থী সুন্নি মুসলমানেরা ক্ষমতা দখল করবে। ফলে বাশারকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা সীমিত হয়ে পড়ে।
আশির দশকের গোড়া থেকেই কার্টার সেন্টার সিরিয়ার সাথে গভীরভাবে সম্পৃক্ত। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের সাথেও এ নিয়ে নিয়মিত তথ্য আদান-প্রদান হয় আমাদের। কার্টার সেন্টার বরাবরই এই দ্রুত বাড়তে থাকা সঙ্ঘাতের (সিরিয়ার গৃহযুদ্ধ) একটি রাজনৈতিক সমাধান চেয়েছে।
আর যুক্তরাষ্ট্র সমাধান চেয়েছে বাশারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার মাধ্যমে। কার্টার সেন্টারও তখন থেকেই এর বিরোধিতা করেছে। যদিও তা ছিল গোপনে। গত চার বছরে বাশারকে সরিয়ে দেয়ার মতো সে রকম কিছু ঘটেনি। বরং পুরো বিষয়টি আরো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনান এবং আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লাখদার ব্রাহিমিকে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি হিসেবে সিরিয়া সঙ্কট সমাধানের দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট বাশার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্য দেশগুলোর বিপরীতমুখী অবস্থানের পরিপ্রেক্ষিতে তাদের প্রচেষ্টা ফলপ্রসূ না হয়ে পরিত্যক্ত হয়।
এ বছরের মে মাসে ‘মুরব্বি’ হিসেবে পরিচিত বিশ্ব নেতৃবৃন্দের একটি দল মস্কো সফর করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, সাবেক প্রধানমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভ, পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ এবং নানা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি সিরিয়া সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কারনেজিয়া সেন্টারের মস্কো শাখার বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় রাশিয়ার সাথে আসাদ সরকারের দীর্ঘ দিনের সুসম্পর্কের বিষয়টি উঠে আসে। একই সাথে বলা হয়, রাশিয়ার মোট জনসংখ্যার ১৪ শতাংশ হলো সুন্নি মুসলমান। ফলে দেশটিতে ইসলামিক স্টেটের (সুন্নিপন্থী জঙ্গি গোষ্ঠী) উত্থানের সমূহ আশঙ্কা রয়েছে। পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে আমি তার প্রেসিডেন্ট বাশারকে সমর্থনের কারণ জানতে চাই। পাশাপাশি এ বছরই সিরিয়ার দুইটি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধির সাথে তার আলোচনার বিষয়েও জানতে চাই। তিনি জানান, অগ্রগতি খুব সামান্যই। তার মতে, এই সঙ্কটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে ইরান, তুরস্ক ও সৌদি আরবকেও সম্পৃক্ত করতে হবে। এই দেশগুলো মিলে একটি সমন্বিত শান্তি পরিকল্পনা তৈরি করবে। তার বিশ্বাস, ইসলামিক স্টেট বাদ দিয়ে সিরিয়ার বাকি পক্ষগুলো এই পরিকল্পনা মেনে নেবে। প্রসঙ্গত ইরান ও রাশিয়া প্রেসিডেন্ট বাশারের সমর্থক। অন্য দিকে বাকি তিনটি দেশ বিরোধীদের সমর্থন করে। এ ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের অনুমোদন পাওয়ার পর আমি বিষয়টি ওয়াশিংটনকে জানাই।
তিন বছর ধরে কার্টার সেন্টার সিরিয়ার রাজনৈতিকভাবে বিভক্ত নানা গোষ্ঠী, সশস্ত্র বিরোধী গ্রুপগুলোর নেতৃবৃন্দ, জাতিসঙ্ঘের কূটনীতিক এবং ইউরোপের সাথে এই সঙ্কটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে গবেষণা চালাচ্ছে কার্টার সেন্টার। এ গবেষণায় বিভিন্ন বিরোধী গোষ্ঠীর অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই গবেষণা থেকে এটা স্পষ্ট যে, সিরিয়ার কোনো পক্ষই সামরিকভাবে এই সমস্যার ইতি টানতে সক্ষম নয়।
সম্প্রতি রাশিয়া বাশার সরকারের পক্ষে বিরোধী সশস্ত্র পক্ষগুলোর ওপর বিমান হামলা চালায়। অন্য সামরিক শক্তিগুলোও তাদের লড়াই জোরদার করেছে। ফলে সঙ্ঘাত বেড়েছে। একই সাথে বেড়েছে প্রতিবেশী দেশ এবং ইউরোপমুখী শরণার্থীদের ঢল। পরিস্থিতি দুইটি পথ স্পষ্ট করে দিয়েছে। প্রথমত, সঙ্কট থেকে উত্তরণের জন্য বাশার সরকারকে রাজনৈতিকভাবে আরো সুযোগ দিতে হবে। আর নয়তো ইসলামিক স্টেট আরো শক্তিশালী হয়ে উঠবে যা বিশ্বশান্তির পক্ষে হুমকিস্বরূপ। এসব বিকল্প মাথায় রেখেই পাঁচ দেশকে ঐকমত্যের ভিত্তিতে একটি প্রস্তাব তৈরি করতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে মতপার্থক্যও বিস্তর।
[জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন। কার্টার সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি। ২০০২ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।]
অনুবাদ : তানজিলা কাওকাব

Monday, October 19, 2015

ফিলিস্তিনে ইন্তিফাদা : বান্টুস্তানের বিরুদ্ধে লড়াই by জামাল জুমা

তরুণেরাই হলো এ বিদ্রোহের নায়ক। প্রতিবাদের প্রতিটি ঢেউ তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধের নতুন ভিত তৈরি করছে। গত কয়েক দিনে ফিলিস্তিনজুড়ে প্রথম ইন্তিফাদার (গণঅভ্যুত্থান) চেতনা প্রতিধ্বনিত হয়েছে। তরুণেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, ফিলিস্তিনের স্কার্ফ গায়ে জড়িয়ে পাথর নিক্ষেপ করছে। আর ইসরাইলি সৈন্যরা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং তাজা গুলি ছুড়ে এসব তরুণকে মোকাবেলা করছে। সমগ্র ফিলিস্তিন আজ অবরুদ্ধ। গ্রিনলাইনের উভয় পাশে জেরুসালেম এবং ফিলিস্তিন এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সঙ্ঘাত।
বর্তমান এ প্রতিরোধ সংগ্রামের মূলে রয়েছে সেই চিরাচরিত একই কারণ। ইসরাইলি দখলদারিত্ব, জাতিগত বিদ্বেষ এবং উপনিবেশবাদ ফিলিস্তিনিদের জীবনকে অসহনীয় করে তুলেছে। ফিলিস্তিনি এলাকায় বসতি স্থাপনকারী ইসরাইলিরা সশস্ত্র, সংগঠিত এবং জঙ্গি আদর্শে বিশ্বাসী। তারা ফিলিস্তিনিদের গ্রামে প্রবেশ করে এমনকি ঘরে ঢুকে পর্যন্ত হামলা করছে। গত বছর তরুণ মুহম্মদ আবু খিদিরকে জীবন্ত পুড়িয়ে হত্যার পর থেকে সম্প্রতি দিমায় দাওয়াব শাহের বাড়িতে আগুন দিয়ে তার মা-বাবা এবং ছোট্ট একটি শিশুকে পুড়িয়ে মারা পর্যন্ত নিয়মিতভাবে ইসরাইলি বসতি স্থাপনকারীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরাইলি বর্বর দখলদারিত্ব এবং নিষ্পেষণ বজায় রাখার জন্য ইসরাইলি সৈন্যরা বসতি স্থাপনীকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করে যাচ্ছে পশ্চিমতীরে।
ফিলিস্তিনিদের বান্টুস্তানে ঠেলে দেয়া
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিমতীরে বেশির ভাগ ফিলিস্তিনি এলাকা পুনরায় দখল করাসহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণায় উৎসাহিত হয়েছে বসতি স্থাপনীকারী সন্ত্রাসীরা। অসলো চুক্তি অনুসারে পশ্চিমতীরে ‘এ’ এলাকার বেশির ভাগ জায়গা পুনর্দখলের ঘোষণা দেন নেতানিয়াহু। ‘এ’ এরিয়ায় ব্যাপকভাবে ইসরাইলি সেনা মোতায়েন সেখানকার বসতি স্থাপনকারী বা ইসরাইলি অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে করা হয়নি। তাদের সবার লক্ষ্য একটি আর তা হলো জেরুসালেম এবং পশ্চিমতীর থেকে যত বেশি সম্ভব ফিলিস্তিনিদের বহিষ্কার করে ইসরাইল সৃষ্ট প্রাচীরঘেরা বান্টুস্তানে (দক্ষিণ আফ্রিকার কালোদের পাঠানোর জন্য তৈরি অচ্ছুত এলাকা) ঠেলে দেয়া। ফিলিস্তিনজুড়ে ইসরাইলি দখলদারিত্ব প্রতিরোধে প্রথম ইন্তিফাদা গড়ে উঠেছিল। আর এখন পশ্চিমতীরে ফিলিস্তিনিদের সব অবকাঠামো ধ্বংস এবং দখলদারিত্বের বিরুদ্ধে আরেক ইন্তিফাদা গড়ে উঠেছে।
একই দখলদারিত্বের লক্ষ্যে তারা গাজায়ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এর আগে। পশ্চিমতীরে জাতিবিদ্বেষী দেয়াল নির্মাণ, বাড়িঘর ধ্বংস, পানির অধিকার থেকে বঞ্চিত করাসহ নানাবিধ বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইলিরা।
নির্ভয় তারুণ্য
জাতিগত নিধনের ইসরাইলি এ চক্রান্ত প্রভাবিত করেছে ফিলিস্তিনি তরুণদের। বর্তমানে তাদের যে প্রতিরোধ লড়াই চলছে তার মূলে রয়েছে ইসরাইলি এ জাতিগত নিধনের ষড়যন্ত্র। অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘর ধ্বংসের ইসরাইলি নীতির বিরুদ্ধে জেরুসালেমের তরুণেরা তাদের মিশন ‘শেকিং অফ’ চালিয়ে যাচ্ছে। এরা কোনো কিছুর ভয়ে ভীত নয়। ধরে নিয়ে গুলি করে হত্যা করা অথবা পাথর ছোড়ার বিরুদ্ধে ২০ বছরের সাজার নতুন আইন কোনো কিছুর ভয়ে ভীত নয় তারা। মুহম্মদ আবু খিদিরকে পুড়িয়ে হত্যার পর থেকে জেরুসালেমে ইন্তিফাদা চলমান রয়েছে। পশ্চিমতীরের বাকি এলাকায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে।
গত সপ্তাহে সাতজন তরুণ নিহত হয়েছেন এবং আট শতাধিক আহত হয়েছে। গ্রিনলাইনের মধ্যে ফিলিস্তিনিরা সঙ্ঘবদ্ধ হয়ে বিভিন্ন শহরে প্রতিবাদ আন্দোলন করে যাচ্ছে। তারা ইসরাইল কর্তৃক চূড়ান্ত বর্ণবাদ, প্রাতিষ্ঠানিক জাতিবিদ্বেষ, জাতিগত নিধনের শিকার। পশ্চিমতীরে ‘এ’ এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের স্বাধীনভাবে চলাচলেরও কোনো অধিকার নেই। তারা রাজনৈতিক নেতৃত্বশূন্য। ইসরাইলি জাতিবিনাশী নীতির বিরুদ্ধে সেখানে তাদের ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ (পিএনএ) বা কোনো রাজনৈতিক দল কোনো দিকনির্দেশনা দিতে পারছে না। ইসরাইল সৃষ্ট কলোনিতে বসবাসকারী এসব ফিলিস্তিনির আত্মনিয়ন্ত্রণ বা প্রত্যাবর্তন এবং বর্ণবাদের হাত থেকে রক্ষায় তারা কিছুই করতে পারছে না।
ইসরাইল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ
ফিলিস্তিনি তরুণদের বর্তমান এ ইন্তিফাদা শুধু ইসরাইলের বিরুদ্ধে নয় বরং ইসরাইলি নিষ্পেষণ থেকে রক্ষায় ব্যর্থ ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধেও। ফিলিস্তিন অথরিটিও এ জনরোষ বিষয়ে অবহিত । মাহমুদ আব্বাস জাতিসঙ্ঘের সাম্প্রতিক ভাষণেও এ বিষয়টি তুলে ধরেছেন। বান্টুস্তানে ফিলিস্তিনি অথরিটির কর্তৃত্ব এবং অস্তিত্ব বিলীন না করার বিষয়ে তিনি এক ধরনের অনুরোধ জানিয়েছেন ইসরাইল ও তার সমর্থকদের প্রতি। তার ধারণা, ফিলিস্তিনিরা মনে করবে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের জাতিগত নিধন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ফিলিস্তিন ন্যাশনাল অথরিটি বা পিএনএ।
বান্টুস্তানের ‘এ’ এলাকায় সংহতি স্থাপনের জন্য ইসরাইল এবং পিএনএ’র মধ্যে যে ক্ষমতার ভাগাভাগি হয়েছে তা শেষ পর্যন্ত টিকবে না। ফিলিস্তিনিদের মাঝে পিএনএকে ন্যূনতম একটি বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে হবে। ইসরাইলি বন্দিদশা থেকে মুক্ত করে ফিলিস্তিনিদের রক্ষা এবং স্বাধীনতার জন্য একটি আন্দোলন গড়ে তোলা, ইসরাইলের সাথে অর্থনৈতিক চুক্তি বাতিল করা, ইসরাইলকে পুরোপুরি বয়কট এবং অবরোধের ডাক দিতে হবে। যদি এ ন্যূনতম কাজগুলো পিএনএ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভ্যুত্থান ঘটবে। ফিলিস্তিনের সব রাজনৈতিক, আর্থ-সামাজিক প্রেক্ষাপট এখন এই অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে আছে। টু স্টেট সল্যুশনের বিষয়ে যারা আশাবাদী ছিলেন, তারা এখন হতাশ। তরুণদের বেকারত্ব এবং হতাশা চূড়ান্ত আকার ধারণ করেছে। তারা মর্যাদা চান। স্বাধীনভাবে বাঁচতে চান।
ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ বর্তমান এ অভ্যুত্থান থামাতে পারে কি না তা দেখার অপেক্ষায় রয়েছে অনেকে। ইসরাইল-ফিলিস্তিন নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার বিষয়ে একমত হয়েছে। নেতানিয়াহু এবং মাহমুদ আব্বাস সঙ্ঘাত বন্ধের আহবান জানিয়েছেন উভয় পক্ষকে। কিন্তু এ আহ্বানের পর পশ্চিমতীরে নতুন করে যে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে তা ছিল আগের চেয়ে অনেক ব্যাপক। তা ছাড়া আবারো ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
তৃতীয় আরেকটি ইন্তিফাদা ঘটবে কি না সেটা আসল প্রশ্ন নয় বরং প্রশ্ন হলো, কখন এটা ঘটতে যাচ্ছে? মূল বিষয় হলো ইসরাইলের বসতি স্থাপনকারী কলোনি প্রকল্প। এমনকি যদি ফিলিস্তিনি নেতৃত্ব নাও থাকে এবং ইসরাইলি বসতি স্থাপনকারীরা এভাবে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ অব্যাহত রাখে তাহলে আজ হোক কাল হোক অভ্যুত্থান হবেই।
অনুবাদ : মেহেদি হাসান
লেখক: জামাল জুমা জেরুসালেমে জন্মগ্রহণকারী একজন ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক

ভারতের হাতছাড়া হচ্ছে নেপাল by ট্রেইল ওকিয়া আর অ্যারিয়েল

নেপালের নতুন সংবিধানের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার সাথে পিপলস রিপাবলিক অব চীন গঠনের ব্যাপারে আমেরিকার প্রতিক্রিয়ার মিল রয়েছে।
চেয়ারম্যান মাও জে দংয়ের নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি যখন চীনের গৃহযুদ্ধে জয়লাভ করে ১৯৪৯ সালে পিপলস রিপাবলিক অব চায়না গঠন করে, তখন আমেরিকানরা বিষয়টিকে ‘চীনকে হারানো’ হিসেবে দেখে। আমেরিকান কূটনীতিক ও রাজনীতিবিদেরা কমিউনিজমের কাছে চীনকে হারানোর জন্য একে অপরকে দোষারোপ করেন। যুক্তরাষ্ট্র এই নবগঠিত পিপলস রিপাবলিকের সাথে সব সম্পর্ক ছিন্ন করে। তবুও চীনা কমিউনিস্টরা যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সব পথ খোলা রাখে।
এ ছাড়াও, চীনের হাতে যাওয়ার পর পণ্ডিত ব্যক্তি ও অন্যরা কমিউনিস্ট হয়ে গেছেন, অথবা কমিউনিস্টদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছেন বলে আমেরিকানরা সন্দেহ পোষণ করেন। আমেরিকা ১৯৭০ দশকের প্রথমার্ধ পর্যন্ত তাইওয়ানে জিয়াং জিশির ‘পরাজিত’ সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে। রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জার যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, যুক্তরাষ্ট্র তখন চীনের সাথে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলে। চীনও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন বোধ করে।
২০১৫ সালে নেপালের নতুন সংবিধান ঘোষণার পর ভারত যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার সাথে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠার সময় আমেরিকা যে প্রতিক্রিয়া দেখিয়েছিল তার সাথে মিল পাওয়া যায়। ভারতীয়দের কারণে নেপাল চীন এবং খ্রিশ্চিয়ানিটির কাছাকাছি চলে গেছে। কিন্তু কী কারণে নেপাল হাতছাড়া হয়ে গেছে, তা খুঁজে বের করা এবং নিজেদের ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করার পরিবর্তে ভারত সরকার নেপালের প্রতি অসঙ্গত আচরণ করছে। নেপাল এখন সেসব খেলোয়াড়দের কাছে চলে গেছে যাদের কাছে ভারত হারতে চায়নি। এ জন্য ভারতের নিজেকেই দোষারোপ করতে হবে।
যুক্তরাষ্ট্র যেমন কমিউনিজমের কারণে চীনকে হারিয়েছিল। জেনারেল জর্জ সি মার্শালের ভুল হিসাব নিকাশ এবং চীনের সাথে আচরণের ব্যাপারে পররাষ্ট্র দফতর ও প্রতিরক্ষা বিভাগের মধ্যে মতপার্থক্য থাকায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গত দেড় দশকে ভারত নেপালকে নিয়ে একের পর এক কৌশলগত ভুল হিসাব করেছেÑ যার কারণে উভয় দেশ পরস্পর মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নেপালের গোয়েন্দা কর্মকর্তাদের নির্বাসনে পাঠানÑ যা ছিল একটি মারাত্মক কৌশলগত ভুল। গোয়েন্দাদের নেপালে ভারতের স্বার্থকে সমুন্নত রাখার জন্য প্রশিক্ষণ দেয়া হয়। যত দ্রুত সম্ভব ভারতের স্বার্থ হাসিলের জন্য এই কৌশল নেয়া হয়। এ জন্য প্রথমে নেপালে ভারতের আজ্ঞাবাহ একটি পুতুল সরকারকে ক্ষমতায় বসানো হয়। ওই নির্দেশনা অনুসারে ভারত মাওবাদীদের প্রতি সমর্থন দেয়। প্রথমে একদল থেকে অন্য দলে পরিবর্তিতভাবে এবং পরবর্তী সময়ে প্রকাশ্যে এই সমর্থন দেয়া হয়। ভারতীয় গোয়েন্দারা উপলব্ধি করতে পারেননি, মাওবাদী পার্টি একটি একক দল নয়। অথবা যদি তারা এটা জানত তাহলে তারা এই গুরুত্বপূর্ণ সত্যটির ব্যাপারে এত বেশি গুরুত্ব দিত না। মাওবাদী দলে বহু উপদল রয়েছে এবং প্রত্যেক উপদলের নেতারা তাদের নিজেদের স্বার্থে পরিচালিত হন। নেপালের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা ও কূটনীতিকেরা অন্যান্য স্থানের কমিউনিস্ট বিপ্লবের ইতিহাস কি পড়েছেন? তারা বুঝতে পারবেন সফল বিপ্লবের পর কোনো কমিউনিস্ট পার্টিই আর অবিভক্ত থাকেনি। কমিউনিস্ট পার্টির শীর্ষপর্যায়ে ভাঙন একটি নিয়মে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে নেপালও ব্যতিক্রম নয়। ভারতীয় পক্ষ মনে করেছিল এরা যেহেতু বিদ্রোহীদের সমর্থন দিয়েছে এবং বিদ্রোহী গ্রুপ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ১২ দফা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে যেহেতু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেহেতু নেপালে এরা বড় ধরনের ভূমিকা পালন করবে। কিন্তু শিগগির ভারতীয়দের এই আশা বর্থতায় পর্যবসিত হয়। এ ছাড়াও, ব্যক্তিগত ট্রেইটস এবং আমাদের কমিউনিস্ট নেতৃবৃন্দের প্রেরণাদায়ক বিষয় পড়তে ব্যর্থ হয়ে ভারতীয় গোয়েন্দারা ও
কূটনীতিকেরা এটা বুঝতে ব্যর্থ হয়েছেন যে, মাওবাদী পার্টিতে অন্যান্য শক্তি থেকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, অথবা উপদলগুলো নিজেরাই অন্যদের কাছে চলে গেছেÑ খুব সম্ভবত এরা চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন ধর্মীয় স্বার্থের সাথে জড়িয়ে পড়েছে। মাওবাদী এবং অন্যান্য দল সম্পূর্ণভাবে নৈতিকভাবে, অথবা বস্তুগত সমর্থনের ওপর নির্ভরশীল নয়।
আবার, নেপালে ভারতের আধিপত্যের ব্যাপারে মুখে অনর্গল বলে গেলেও তাদেরকে ভারতের সাথে আচরণের ক্ষেত্রে বিভ্রান্তিকর নিরপেক্ষতা বজায় রাখতে হয়। কাঠমান্ডুতে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে ব্রাজেন হস্তক্ষেপ করেন। মাওবাদী দল অথবা অন্য যেকোনো দল থেকে আমাদের যেসব নেতা তৈরি করা হয় তারা জনগণের কাছে উচ্চ জাতীয়তাবাদী হিসেবে উপস্থিত হন। নেপাল বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারতীয়রা ‘ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে’ বলে আবারো ব্যাখ্যা করা হয়।
আমাদের নেতৃবৃন্দও তাদের পছন্দের বিষয়ে স্পষ্টভাবে কথা বলেন। কেউ কেউ চীনপন্থী, কেউ কেউ ভারতপন্থী এবং কেউ কেউ অন্য কোনো পন্থী। এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলগুলোর পছন্দের বিষয় সুস্পষ্ট। ভারত সরকার এসব নেতার সাথে গঠনমূলকভাবে সম্পৃক্ত হয় না। চীনপন্থী একজন প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানায়নি। নতুন প্রধানমন্ত্রী খোলামেলাভাবে ভারতের প্রতি তাকে আমন্ত্রণ জানানোর আহ্বান জানানো সত্ত্বেও নয়াদিল্লি সে আমন্ত্রণ জানায়নি। একই ইনস্টিটিউশনÑ যারা অতীতে ভুল হিসাব করেছে তারাও নেপালের সাথে চুক্তি স্বাক্ষর করতে গেছে।
২০১৪ সালে বিজেপির নেতৃত্বে ভারত একটি নতুন সরকার পেয়েছে। বিজেপি দক্ষিণ এশিয়া ও নেপালের সাথে পূর্বসূরির ভুুল শুধরে নেয়ার চেষ্টা করেছে। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই নেপাল সফর করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেন। মোদির আন্তরিকতার ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু তিনিও নেপালে ব্যষ্টিক পর্যায়ের সম্পর্ক বজায় রাখা না রাখার আহ্বান প্রতিরোধ করতে পারেননি। মোদি ভারতের ইতিহাসে অন্যান্য প্রধানমন্ত্রীর মতো নন। মোদি নেপালের হিন্দু-ইজমকে উচ্চকিত করতে চাওয়ার একাধিক কারণ রয়েছে।
ক্ষমতাসীন বিজেপি প্রধানত হিন্দুদের সমর্থনের ওপর নির্ভরশীল। ধর্মের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট। নেপালের নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান ভারত সমর্থন না করার এটা একটা কারণ হতে পারে। সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকাগুলো গুজব ছড়ায়Ñ ভারত নেপালের নতুন সংবিধানে দেশটি একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা চায়। ভারত এ ব্যাপারে অনড় অবস্থান নেয়। নেপাল ভারতের বিশেষ দূত এস জয়শঙ্করের সাথে যখন শীতল আচরণ করে, তখনই স্পষ্ট হয়ে যায় যে ভারত নেপালকে হারাচ্ছে এবং অন্যরা এর সুযোগ নিচ্ছে।
বিজেপির মতো একটি দলের জন্য ধর্মনিরপেক্ষ নেপাল মানে বিরোধী দলগুলো ভবিষ্যতে সেখানে একটি ক্ষেত্র খুঁজে পাবে এবং ভারতের জাতীয় নির্বাচনের জন্যও এটা গুরুত্বপূর্ণ। বিজেপি হাস্যা স্পদ হতে যাচ্ছেÑ কারণ কেবল হিন্দু রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য নয়। সাথে সাথে নেপালকে অন্যদের কাছে হারানোর জন্য। তাই নেপালকে তার নিয়ন্ত্রণে রাখতে না পেরে ভারত হতাশ ও ক্ষুব্ধ। এ জন্য ভারত কিছু করতেও পারছে না। ক্ষুব্ধ ভারত সরকার একটি বড় ধরনের ভুলের পুনরাবৃত্তি করেছে। ভারত সত্যিকার অর্থে নেপালকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাইলে নেপালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে সেখানকার হিন্দুপন্থী ও রাজতন্ত্রপন্থী গ্রুপগুলোকে ভারতের সহায়তা ও সমর্থন দেয়া উচিত ছিল।
নেপালের নতুন সংবিধানকে একটি ক্ষতি হিসেবে দেখার পরিবর্তে বিজেপির উচিত ছিল নেপালের সাথে নতুনভাবে সম্পর্ক শুরুর জন্য এটাকে একটা সুযোগ হিসেবে নেয়া। ভারত হিন্দু রাষ্ট্র ও রাজতন্ত্রের ব্যাপারে সিরিয়াস হলে তাদের উচিত ছিল হিন্দুপন্থী ও রাজতন্ত্রপন্থী গ্রুপগুলোকে আর্থিক ও নৈতিক সহায়তা ও উৎসাহ দেয়াÑ যাতে এরা সাধারণ নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেপালে পরিবর্তন আনতে সক্ষম হয়। নেপালের সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু রাষ্ট্র চাইলেÑ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের বিরাট সুযোগ ও সম্ভাবনা আছে। দুর্ভাগ্যজনকভাবে অবশ্য রাজনৈতিক দলগুলো এই সুযোগকে বিদায় করে দিয়েছে। কেন এরা এটা করেছে, তা এরাই ভালোভাবে বলতে পারবেন।
গণতন্ত্রকে তার স্বাভাবিক গতিতে চলতে দিলে জনগণ চাইলে অবশ্যই ভবিষ্যতে নেপাল হিন্দু রাষ্ট্র হওয়ার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর জন্য এবং সাউথ ব্লকের জন্য খারাপ দৃশ্যপট হচ্ছে, নেপালের রাজনীতিতে এরা নতুন খেলোয়াড় সৃষ্টি করতে পারবেন না। এমনকি অধিকতর প্রভাব বিস্তারের মাধ্যমেও সে ধরনের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। নেপাল ভারতের স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দিতে বা এ নিয়ে সমঝোতায় আগ্রহী নয়।
অনুবাদ : মুহাম্মদ খায়রুল বাশার