Thursday, June 23, 2011

মোসাদের সাবেক প্রধানের পাসপোর্ট ফেরত চাওয়া হয়েছে

ইরানের পরমাণু স্থাপনার ওপর বিমান হামলার ব্যাপারে ইসরায়েলের কঠোর অবস্থানের কট্টর সমালোচনা করে সরকারের রোষানলে পড়েছেন মোসাদের সাবেক প্রধান মেইর দাগান। তাঁকে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত রোববার ইসরায়েলি টিভি চ্যানেল ‘চ্যানেল টু’তে প্রচারিত খবরে এ কথা জানানো হয়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান দাগান ইরানের পারমাণবিক স্থাপনায় তাঁর সরকারের বিমান হামলা চালানোর মতো অবস্থানের বিরুদ্ধে বিবৃতি দেন।

শ্রীলঙ্কায় ন্যানো ট্যাক্সিকে ‘না’

শ্রীলঙ্কার পরিবহনের বাজারে ভাড়ায় চালিত যান হিসেবে ভারতের টাটা ন্যানো গাড়ির অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে শত শত অটোরিকশাচালক। গতকাল মঙ্গলবার রাজধানী কলম্বোয় সড়ক অবরোধ করে তারা এ প্রতিবাদ জানায়। টাটার ন্যানোই এখন বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি বলে পরিচিত।
শ্রীলঙ্কার ফেডারেশন অব সেলফ-এমপ্লয়িজ (এফওএসই) জানায়, চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কায় ভাড়ায় চালিত যান হিসেবে ভারতের ন্যানো গাড়ি চালু করা হয়। ট্যাক্সি হিসেবে এসব গাড়ি যদি আরও বাড়ানো হয়, তাহলে বহু অটোরিকশাচালক বেকার হয়ে পড়বে। শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি ক্যাবগুলোর চেয়ে ন্যানো গাড়ির দাম তুলনামূলকভাবে কম। এ জন্য গাড়িটির চাহিদা ব্যাপক। এ ছাড়া তিন চাকার অটোরিকশা প্রায়ই রাস্তাঘাটে ভয়ংকর সব দুর্ঘটনা ঘটায় বলে নিরাপদ যান হিসেবেও ন্যানোর চাহিদা রয়েছে।

আবার জাতিসংঘের মহাসচিব হলেন মুন

জাতিসংঘের সাধারণ পরিষদ বান কি মুনকে দ্বিতীয়বারের মতো সংস্থার মহাসচিব হিসেবে নির্বাচন করেছে। প্রধান প্রধান বিশ্ব শক্তিগুলোর সমর্থনপুষ্ট বান কি মুন (৬৭) গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বেশ কিছু মানবাধিকার সংগঠন বান কি মুনের কঠোর সমালোচনা করলেও কয়েক মাস ধরেই বোঝা যাচ্ছিল, তিনি পুনরায় জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ আগে পদটিতে পুনরায় তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। এরপর গত শুক্রবার নিরাপত্তা পরিষদ তাঁকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ পরিষদের ১৯২ সদস্যের পূর্ণ সমর্থন নিয়েই বান কি মুন নির্বাচিত হন।
এদিকে মুন জানিয়েছেন, প্রথম দফায় মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে জলবায়ুর পরিবর্তন মোকাবিলাই যেমন সংস্থাটির লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে উঠেছিল, দ্বিতীয়বারেও তাই থাকবে। বৈশ্বিক উষ্ণতাবিরোধী লড়াই চালিয়ে যাওয়াই মানবজাতির জন্য এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে তিনি মত প্রকাশ করেন।

যুক্তরাজ্যে সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা বাতিল

অপরাধীদের সাজা অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাজ্য। বাজেট ঘাটতি কমাতে প্রস্তাবিত এ পরিকল্পনার আওতায় প্রাথমিক পর্যায়ে অপরাধীরা দোষ স্বীকার করলে প্রাপ্ত সাজা অর্ধেক করার কথা বলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ক্ষমতাসীনসহ বিভিন্ন দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। এর ফলে সরকার পরিকল্পনাটি বাতিল করে বলে গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়।
ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল থেকেই এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। আরও প্রতিবাদ করে অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্তরা। বিশেষ করে এই ভীতি সবচেয়ে বেশি কাজ করে যে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ধর্ষকেরা পার পেয়ে যাবে।
বাজেট ঘাটতি ২০ শতাংশ কমাতে গত বছর যুক্তরাজ্যের বিচারমন্ত্রী কেন ক্লার্ক এ পরিকল্পনাটি তুলে ধরেন। এর মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড ও ওয়েলসে কারাবন্দীর সংখ্যা তিন হাজার কমিয়ে আনা।

জন্মদিনে কর্মস্থলেই ব্যস্ত ছিলেন প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী ও ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম গতকাল মঙ্গলবার তাঁর ২৯তম জন্মদিন অনাড়ম্বরভাবে উদ্যাপন করেছেন। যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) হেলিকপ্টারে একজন পাইলট হিসেবে দিনভর দায়িত্ব পালন করেন তিনি। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে কেট মিডলটনের সঙ্গে তাঁর বিয়েতে মহাধুমধাম হয়েছে।
প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছেলে উইলিয়ামের সরকারি বাসভবন ক্লেয়ারেন্স হাউসের একজন মুখপাত্র বলেন, আজকের দিনটি (গতকাল) অন্য সব স্বাভাবিক কর্মমুখর সপ্তাহের একটি দিনের মতোই কাটিয়েছেন উইলিয়াম। আগামী দিনগুলোতেও ঘটা করে জন্মদিন উদ্যাপনে তাঁর কোনো পরিকল্পনা নেই। এর চেয়ে বরং তিনি কানাডা ও ক্যালিফোর্নিয়ায় আসন্ন সফর নিয়ে ব্যস্ত।
প্রিন্স উইলিয়াম এখন উত্তর ওয়েলসের অ্যাংলেসিতে আরএএফের অনুসন্ধান ও উদ্ধারঘাঁটিতে কাজ করছেন। সেখানে উদ্ধারবিষয়ক জরুরি অভিযানের অপেক্ষায় থাকতে হয় তাঁকে। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর থেকে ওই ঘাঁটির কাছে কেটকে নিয়ে থাকছেন উইলিয়াম।
৩০ জুন উইলিয়াম ও কেট বিদেশ সফর শুরু করবেন। গত ২৯ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অস্ট্রেলিয়ায় ফের ফ্লাইট বাতিল, দুর্ভোগ চলছে

চিলির পুয়েহুয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে গতকাল মঙ্গলবার আবারও অস্ট্রেলিয়ার কয়েকটি বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে আটকেপড়া হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ানটাসের মুখপাত্র অলিভিয়া উয়িরথ জানান, গতকাল বিকেল থেকে সিডনি, মেলবোর্ন ও রাজধানী ক্যানবেরার বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রয়েছে। আজও ফ্লাইটগুলো বন্ধ থাকবে।
ভার্জিন অস্ট্রেলিয়া বিমান সংস্থা বলেছে, সিডনিসহ অন্যান্য প্রধান শহরের ফ্লাইটগুলো গতকাল বিকেল থেকে তারা বন্ধ রেখেছে। ছাইয়ের কারণে ১৭০টির মতো ফ্লাইট বাতিল হতে পারে। এতে প্রায় এক লাখ ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।
কোয়ানটাসের শাখা জেস্টারও অ্যাডিলেড ও সিডনির ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া টাইগার এয়ারওয়েজও তাদের সব ফ্লাইট বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ার সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটির মুখপাত্র পিটার গিবসন জানান, এসব ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে।
গত ৪ জুন থেকে চিলির পুয়েহুয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাই ছড়িয়ে পড়ে। এ ছাই বিমানের ইঞ্জিনের জন্য ক্ষতিকর হওয়ায় ১১ দিন আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশে বহু ফ্লাইট বাতিল করা হয়। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহায়।

রাশিয়ায় বিমান বিধ্বস্ত ৪৪ আরোহীর মৃত্যু

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪৪ জন আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও আট আরোহী গুরুতর আহত হয়েছে। কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ কথা জানান।
রাশিয়ার জরুরি অবস্থাবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ওকসানা সেমিওনোভা জানান, গত সোমবার রাতে রুশ এয়ারের ওই বিমানটি ৪৩ জন আরোহী ও নয়জন ক্রু নিয়ে রাজধানী মস্কো থেকে রাশিয়ার কারেলিয়া অঞ্চলের পেত্রোজভোদস্ক শহরে যাচ্ছিল। তিনি জানান, খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি পেত্রোজভোদস্কের বিমানবন্দরের রানওয়েতে অবতরণের চেষ্টা করে। কিন্তু এটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি সড়কে ছিটকে পড়ে। এ সময় ভেঙে গিয়ে বিমানটিতে আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে, অবতরণের সময় বিমানটির সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লাগে। এতে বিমানবন্দরের রানওয়ের সব সড়কবাতি নিভে যায়। অন্ধকারে অবতরণ করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।
ওকসানা সেমিওনোভা জানান, আহত লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আন্তন তেরেখিন নামে নয় বছরের এক বালক এবং তার বোন আনাস্তাসিয়া তেরেখিনাও রয়েছে। তবে দুর্ঘটনায় তাদের মায়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া আরোহীদের মধ্যে সুইজারল্যান্ডের একজন, নেদারল্যান্ডসের একজন ও ইউক্রেনের দুজন নাগরিক রয়েছে।
জরুরি অবস্থাবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানের খণ্ডিত অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলের কাছেই রয়েছে একটি জনবসতিপূর্ণ এলাকা। তদন্ত কর্মকর্তারা জানান, বিমানের ধ্বংসাবশেষ আশপাশের ৩০০ মিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
কারেলিয়া প্রদেশের প্রধান আন্দ্রেই নেলিদভ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

আত্মঘাতী হামলার জন্য স্কুলছাত্রীকে অপহরণ!

তার নাম সোহানা জাওয়েদ। বয়স মাত্র নয় বছর। তৃতীয় শ্রেণীর ছাত্রী। কয়েক দিন আগে পাকিস্তানের পেশোয়ার থেকে জঙ্গিরা এই ছোট্ট মেয়েটিকেই অপহরণ করেছিল আত্মঘাতী হামলা চালানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি অপহরণকারীদের কবল থেকে পালাতে সক্ষম হয় এবং পুলিশ তাকে উদ্ধার করে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের লোয়ার দির এলাকার পুলিশ এ কথা জানায়।
পুলিশ জানায়, অপহরণের পর মেয়েটিকে বিস্ফোরক-বাঁধা পোশাক পরানো হয়। তারপর আত্মঘাতী হামলা চালাতে তাকে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকির দিকে নিয়ে যাওয়া হয়। মেয়েটিকে তল্লাশি চৌকির কাছে নিয়ে যাওয়ার সময় সে শরীর থেকে আত্মঘাতী পোশাক খুলে ফেলে এবং চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর গত সোমবার লোয়ার দিরে পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোহানা জানায়, তাকে অপহরণ করে আফগান সীমান্তবর্তী একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। স্কুলে যাওয়ার পথে দুজন নারী তাকে জোর করে একটি গাড়িতে তোলেন। এ সময় গাড়িতে দুজন পুরুষও ছিলেন। একজন অপহরণকারী তার মুখের ওপর একটি রুমাল ধরলে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে কান্নাকাটি শুরু করে। তখন এক নারী তাকে কয়েকটি বিস্কুট খেতে দেয়। বিস্কুট খাওয়ার পর সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে।
সোহানা জানায়, জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি বাড়িতে দেখতে পায়। সন্ধ্যার দিকে অপহরণকারীরা তাকে আবারও বিস্কুট খেতে দেয়। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর অপহরণকারীরা তার শরীরে বিস্ফোরক-বাঁধা পোশাক পরিয়ে দেয়।
লোয়ার দিরের পুলিশ কর্মকর্তা সেলিম মারওয়াত বলেন, মেয়েটির শরীরে বেঁধে দেওয়া পোশাকে নয় কেজি বিস্ফোরক বাঁধা ছিল।

সন্তানদের রক্ষার জন্য মা-বাবাদের আবেদন

তেজস্ক্রিয়ার প্রভাব থেকে তাঁদের সন্তানদের রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাপানি মা-বাবারা। গতকাল মঙ্গলবার জাপানের ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বসবাসকারী মা-বাবারা সরকারের প্রতি এক ‘জরুরি আবেদনের’ মাধ্যমে এ দাবি জানান।
যেসব স্থানে তেজস্ক্রিয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, সেখান থেকে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক ও পরিবেশবাদী ছয়টি সংগঠন। এ ছাড়া পর্যবেক্ষণ আরও জোরদার এবং নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছে ওই সংগঠনগুলো।
আবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যেখানে তেজস্ক্রিয়ার প্রভাব তুলনামূলকভাবে কম, লোকজনকে দ্রুত সেখানে সরিয়ে নেওয়া উচিত। এ ক্ষেত্রে অবশ্যই নবজাতক, শিশু ও সন্তানসম্ভবা মায়েদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

১৮ বছর পর...

প্রিয় ছাত্রকে উপহার হিসেবে দুটি বই দিয়েছিলেন ইংরেজির শিক্ষক। ছাত্র বই দুটি খুলেও দেখেনি। রেখে দিয়েছিল তাকে। ভেতরে যে শিশুমনের পরম আকাঙ্ক্ষার কিছু থাকতে পারে, তা মাথায় খেলেনি। ১৮ বছর পর যখন ওই ছাত্রের স্ত্রী তাক গোছাতে গেলেন, বই খুললেন, অমনি চক্ষুস্থির! বইয়ের ভেতর শিক্ষকের হূদয়-নিংড়ানো স্নেহ হিসেবে সাজানো রয়েছে ছয়টি চকলেট বার।
যুক্তরাজ্যের সারে এলাকায় ঘটনাটি ঘটে। সম্প্রতি বিবিসির অ্যান্টিকস রোড শো চলাকালে সেই ছাত্র মার্ক জেমসের (৫৫) স্ত্রী আলেক্সান্ড্রা (৫৩) সবার সামনে বইয়ের ভেতর সাজানো বহু বছর আগের চকলেটগুলো তুলে ধরেন।
মার্ক জেমস তখন ১১ বছরের শিশু। সারের ফার্নহামে এজবরা প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন। সেখানে ইংরেজির শিক্ষক ছিলেন স্টিভেন বেইনস। প্রিয় ছাত্র জেমসকে তিনি ‘দ্য আইল্যান্ড সিক্রেট’ ও ‘মার্ট অব নেশন’ নামের দুটি বই উপহার দেন। বই দুটি এমনভাবে বাঁধা ছিল যে ভেতরের পাতাগুলো সরিয়ে বিভিন্ন ধরন ও স্বাদের ছয়টি চকলেট বার রয়েছে, তা বোঝার উপায় ছিল না। বই দুটি তেমন আকর্ষণীয় মনে না হওয়ায় সেগুলো একটি তাকের ওপর রেখে দেন তিনি। তারপর কেটে গেছে বহু বছর।
এরই মধ্যে জেমস বড় হয়েছেন, বিয়ে করে সংসার পেতেছেন। পেরিয়ে গেছে ১৮ বছর। বই রয়ে গেছে বইয়ের জায়গায়। ১৯৮৫ সালের দিকে জেমসের স্ত্রী বইয়ের ভেতর চকলেট আবিষ্কার করেন। কিন্তু পরে বইটি কোথায় রাখেন, সে জায়গার কথা বেমালুম ভুলে যান। গত বছর অন্য বাড়িতে জিনিস সরিয়ে নেওয়ার সময় চকলেটসহ বইয়ের দেখা মেলে।
ডেইলি এক্সপ্রেস পত্রিকাকে আলেক্সান্ড্রা বলেন, তিনি ঠিকানা খুঁজে ওই শিক্ষকের সঙ্গে দেখা করেন। চকলেটসহ বইগুলো দেখালে তিনি পুরোনো দিনের স্মৃতি আওড়ে বলেন, ‘চকলেট পেয়ে ও আমাকে ধন্যবাদ জানাবে, এ জন্য অনেক অপেক্ষা করেছি। এখন বুঝতে পারছি কেন ও আমাকে ধন্যবাদ জানায়নি।

আবারও সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল মঙ্গলবার সরকারবিরোধীদের প্রতি নতুন করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বর্তমান সংকট সমাধানে ‘জাতীয় সংলাপের’ প্রস্তাব দেওয়ার এক দিন পর সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তিনি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় নতুন এই সাধারণ ক্ষমা ঘোষণার কথা প্রচার করা হয়। ঘোষণায় বলা হয়, ‘প্রেসিডেন্ট আসাদ গত ২০ জুনের আগে ঘটা সব অপরাধের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে অধ্যাদেশ জারি করেছেন।’ তবে সাধারণ ক্ষমা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ৩১ মে সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট আসাদ। এতে মুসলিম ব্রাদারহুডসহ সব রাজনৈতিক বন্দীকে ক্ষমা করা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে, ওই ক্ষমা ঘোষণার আওতায় শত শত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়।
গত সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট আসাদ বলেন, সাধারণ ক্ষমাই যথেষ্ট নয়। তাই দেশের নিরাপত্তা নিশ্চিত রেখে আরও যা করা সম্ভব, তা করতে যাচ্ছি আমরা।
প্রেসিডেন্ট আসাদের সমর্থনে গতকাল মঙ্গলবার রাজধানী দামেস্কে হাজার হাজার জনতা সমাবেশ করেছে। দামেস্কর কেন্দ্রস্থলে ওমেইয়েডস স্কয়ারে বিশাল ওই সমাবেশে প্রেসিডেন্ট আসাদের পক্ষে ‘প্রেসিডেন্টের জন্য আমরা জীবন দেব’ বলে স্লোগান দেওয়া হয়। তারা সিরিয়ার পতাকা ও প্রেসিডেন্ট আসাদের বড় বড় ছবি বহন করে। রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, হোমস শহরেও প্রেসিডেন্ট আসাদের পক্ষে বিশাল সমাবেশ হয়েছে।
বর্তমান সংকট সমাধানে গত সোমবার ‘জাতীয় সংলাপের’ আহ্বান জানান প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে সিরিয়ার বর্তমান সংবিধান পরিবর্তন করা যেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংস্কার সম্ভব নয়। তিনি স্বীকার করেন, সিরিয়া এক ‘ক্রান্তিলগ্নে’ পৌঁছেছে।
প্রেসিডেন্টের সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। তারা প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিপ্লবের আহ্বান জানায়। একই সঙ্গে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
আসাদের এই ভাষণের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘কথা নয়, কাজ করার’ জন্য তাঁর প্রতি আহ্বান জানায়। ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন। কেউ কেউ তাঁকে সংস্কার বা পদত্যাগ করার আহ্বান জানান।
সিরিয়ায় গত মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত অন্তত এক হাজার ৪০০ ব্যক্তি নিহত হয়েছে। আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ১০ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তানে সেনা কর্মকর্তা গ্রেপ্তার

পাকিস্তান গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে, তারা নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। গত এক দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত উচ্চ পদমর্যাদার একজন কর্মকর্তা গ্রেপ্তার হলেন।
অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিল লাদেন নিহত হওয়ার সাত সপ্তাহ পর পাকিস্তান এই গ্রেপ্তারের কথা ঘোষণা করল। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস গতকাল ইসলামাবাদে জানান, ব্রিগেডিয়ার আলী খানকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মাসে আটক করা হয়। তিনি প্রশাসনকি একটি পদে ছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার আগে গত দুই বছর রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে নিয়োজিত ছিলেন। হিজবুত তাহ্রীরের সঙ্গে ব্রিগেডিয়ার আলীর যোগাযোগ ছিল। তবে আলীর স্ত্রী আঞ্জুম তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন।
অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনীতে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল সন্দেহভাজন কর্মকর্তাদের খুঁজে বের করা নিয়ে ইসলামাবাদের ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপের প্রেক্ষাপটে জেনারেল আলী গ্রেপ্তার হলেন।
ওসামা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীরই কোনো না কোনো সদস্যের সহায়তায় লুকিয়ে ছিলেন বলে দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
আতহার আব্বাস বলেন, ‘আমরা সেনাবাহিনীতে এ ধরনের কর্মকাণ্ড সহ্য না করার নীতি নিয়েছি। আর সে কারণেই এদের খুঁজে বের করার আশু ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ওদিকে নাম প্রকাশে অনচ্ছুিক এক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার আলীর কোনো রকম চক্রান্তে জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ দলটির সঙ্গে তাঁর (আলী খান) যোগাযোগ থাকলেও তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। তিনি বলেন, ‘সব জেনারেলই ব্রিগেডিয়ার আলী খানকে চেনেন। এমনকি সেনাপ্রদান জেনারেল আশফাক কায়ানিও তাঁকে চেনেন।’

পোর্তো ছেড়ে চেলসিতে বোয়াস?

অল্প বয়সে কোচ হয়েছেন, পোর্তোতে এসে প্রথম মৌসুমেই পেয়েছেন সাফল্য; হোসে মরিনহোর সঙ্গে আন্দ্রে ভিলাস-বোয়াসের অনেক মিল। ‘নতুন মরিনহো’ বিশেষণও এরই মধ্যে পেয়ে গেছেন ভিলাস-বোয়াস।
‘নতুন মরিনহো’ নামটা আরও সার্থক হয়ে উঠছে তাঁর। মরিনহোর সঙ্গে উঠে আসার পথটাও যে মিলে যেতে বসেছে এই পর্তুগিজ কোচের! দুটি ক্লাবে অল্প সময়ের জন্য কাটিয়ে পরে পোর্তোর কোচ হয়েছিলেন মরিনহো। ভিলাস-বোয়াসেরও তা-ই। বেশ কিছু দিন মরিনহোর সহকারী হিসেবে কাজ করার পর নিজের শহরের ক্লাব পোর্তোর কোচ হয়েছেন। পরের পদক্ষেপটাও পড়তে যাচ্ছে মরিনহোর ছাপ ফেলে যাওয়া পথেই। চেলসির কোচ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন ভিলাস-বোয়াস।
কাল পোর্তোর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত মৌসুমে ট্রেবল জেতানো ভিলাস-বোয়াসের সঙ্গে নতুন চুক্তি করেছিল পোর্তো। চুক্তি ভঙ্গ করায় পোর্তোকে নিয়ম অনুযায়ী ১৫ মিলিয়ন ইউরো দেবেন ভিলাস-বোয়াস। তবে পদত্যাগপত্র হাতে পেলেও টাকাটা এখনো পায়নি পোর্তো কর্তৃপক্ষ। ভিলাস-বোয়াসের পদত্যাগ করার বিষয়টি জানানো বিবৃতিতে তাই এটাও বলা হয়েছে, ‘পাওনা টাকা পেলেই তাঁর সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাবে।’
এতদিন ‘পোর্তো ছেড়ে যাব না’ বললেও বোয়াস যে আসলে চেলসিতে যাওয়ার জন্যই পদত্যাগ করেছেন; ফুটবলবিশ্বে এখন এ নিয়েই আলোচনা। চেলসিও ভিলাস-বোয়াসকে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। শেষ পর্যন্ত যদি বোয়াস চেলসির কোচ হন, তাহলে একদিক দিয়ে মরিনহোকেও ছাড়িয়ে যাবেন। মরিনহো চেলসির কোচ হয়েছিলেন ৪১ বছর বয়সে, ভিলাস-বোয়াস হবেন ৩৩ বছর বয়সে।

এখন ভারতে চোখ স্ট্রাউসের

বাংলাদেশ জেতা হয়েছে, পাকিস্তান জেতা হয়েছে; শ্রীলঙ্কাও। বাকি রইল উপমহাদেশের আর একটি দেশই—ভারত। এবার ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ জিততে চায় ইংল্যান্ড। অ্যান্ড্রু স্ট্রাউস তাই মুখিয়ে আছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে।
শেষ পর্যন্ত কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে সাউদাম্পটন টেস্টটা ড্র করতে পেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড চেয়েছিল, ম্যাচটা জিতেই ভারতের কাছে একটা বার্তা পাঠাতে—সাবধান! সেটা হলো না। কিন্তু টেস্টের এক নম্বর দলটিকে তার পরও একটা বার্তা পাঠাতে পারল তিন নম্বর দলটি। এ নিয়ে টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতল স্ট্রাউসের দল। বাংলাদেশের বিপক্ষে দুটি; পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে।
টানা সিরিজ জয়ের ধারা ইংল্যান্ড ধরে রাখতে চায় পরবর্তী সিরিজেও। জুলাইয়ের ২১ তারিখ নিজেদের মাঠে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথমটি। সেই সিরিজে চোখ রেখে স্ট্রাউস বলছেন, ‘ভারতের মুখোমুখি হওয়া একটা চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত। ওরা বিশ্বের এক নম্বর দল। কিন্তু আমরা ওদের জন্য কঠিন লড়াই ছুড়ে দিতে পারব বলে আশা করি।’ অ্যাশেজজয়ী অধিনায়কের ভবিষ্যদ্বাণী, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজই হতে চলেছে। ভারত খুবই আত্মবিশ্বাসী একটা দল। ওরা জিততে অভ্যস্ত। কিন্তু আমরা নিজেদের কন্ডিশনে খেলব। ওদের হারানোর শক্তি আমাদের আছে। এটা তাই কঠিন একটা সিরিজই হবে। সিরিজের ফলাফল গড়ে দেবে সুনির্দিষ্ট কিছু মুহূর্ত আর সেশন। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন সেই সুযোগগুলো মুঠোয় পুরে ফেলতে পারি।’
খেলোয়াড় স্ট্রাউসের জন্যও সিরিজটা হবে খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা একদমই ভালো যায়নি। চার ইনিংস মিলে করেছেন মাত্র ২৭ রান। গড় ৬.৭৫! চারবারের মধ্যে তিনবারই আউট হয়েছেন বাঁহাতি পেসার চানাকা ভেলেগেদারার বলে। ওদিকে ভারতও নিয়ে আসবে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে থাকা জহির খানকে। জহিরও বাঁহাতি। কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্ট্রাউসের জন্যও।
মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি আর পাঁচটি ওয়ানডে থাকলেও স্ট্রাউস এখনই ভারতকে নিয়ে ভাবতে শুরু করে দিচ্ছেন। সময় দিতে পারছেন, কারণ ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছেন আগেই। ফলে ২৫ জুন একমাত্র টি-টোয়েন্টির পর ২৮ তারিখ থেকে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না স্ট্রাউস।
ইংল্যান্ডের তিন অধিনায়কের আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়ে যাচ্ছে। ২৫ জুন অধিনায়ক হিসেবে অভিষেক হবে স্টুয়ার্ট ব্রডের, ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হবে অ্যালিস্টার কুকেরও। কুকের দলের জন্য ওয়ানডে সিরিজটা প্রতিশোধের মিশন। শ্রীলঙ্কার কাছে হেরেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড।
টেস্ট সিরিজে হেরে যাওয়ার কথা মাথা থেকে সরিয়ে শ্রীলঙ্কাকেও এখন নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে। ভারপ্রাপ্ত অধিনায়ক সাঙ্গাকারা জানালেন, শেষ পর্যন্ত কার্ডিফ টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যাওয়াটাই একমাত্র আফসোস হয়ে থাকছে তাঁদের জন্য, ‘সেটা সম্ভবত এই সফরে আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস।’ ওই ইনিংসে এমন ধসে না পড়লে টেস্ট সিরিজটা ড্রই করে ফেলতে পারত শ্রীলঙ্কা।
এই সিরিজে মুত্তিয়া মুরালিধরনের অনুপস্থিতিও ভীষণভাবে অনুভব করেছে বলে জানিয়েছেন সাঙ্গাকারা। বলেছেন, মুরালি, চামিন্ডা ভাস আর লাসিথ মালিঙ্গাকে ছাড়াই কীভাবে টেস্ট জেতা যায়, সেই পথই এখন খুঁজে বার করতে হবে।

বিয়ের আগাম উপহার টেলরের

আগামী শনিবার বিয়ের সানাই বাজবে। বিয়ের অনুষ্ঠানের জন্য গান বাছাই করছিলেন রস টেলর। ঠিক এই মুহূর্তে বেজে উঠেছিল মোবাইল ফোন। কিন্তু লাউড স্পিকারের শব্দের কারণে টেলর প্রথমে তা শুনতেই পাননি। পরে যখন খবরটা পেলেন, টেলর মহা আনন্দিত। বিয়ের আনন্দের সময়টাতেই টেলর পেলেন দারুণ এক সুসংবাদ, নিউজিল্যান্ডের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ওয়েবসাইট।
ড্যানিয়েল ভেট্টোরির উত্তরসূরি হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) ঘোষণা করেছে তাঁর নাম। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ঘরানার ক্রিকেটের জন্যই অধিনায়ক করা হয়েছে ২৭ বছর বয়সীকে। টেলরের ডেপুটি নির্বাচন করা হবে আগামী সেপ্টেম্বরে।
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সময়ই ভেট্টোরি জানিয়ে দেন বিশ্বকাপের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এনজেডসিও তাই নতুন অধিনায়কের খোঁজে নামে বিশ্বকাপের আগেই। ভেট্টোরির সহ-অধিনায়ক হিসেবে টেলর এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। টেলর নাকি ম্যাককালাম—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এনজেডসি গঠন করে তিন সদস্যের প্যানেল। কোচ জন রাইট, ক্রিকেট পরিচালক জন বুকানন ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচক ব্যবস্থাপক মার্ক গ্রেটবাচের সমন্বয়ে গঠিত প্যানেলটি বেছে নিল ৩০টি টেস্ট আর ১০৭টি ওয়ানডে খেলা টেলরকেই।
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রাপ্ত সাফল্যই টেলরকে এগিয়ে দিয়েছে। ১৪টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ছয়টি জয় উপহার দিয়েছেন টেলর। বিপরীতে ম্যাককালাম ৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পান মাত্র ২টিতে। এই দুটি জয় আবার টি-টোয়েন্টিতে। তা ছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ব্যাট হাতেও সফল ছিলেন টেলর। ওয়ানডেতে ক্যারিয়ার গড় ৩৬.৮০ হলেও অধিনায়কত্বের সময়টায় টেলরের গড় ৪৬.৪৫! ম্যাককালামের ক্যারিয়ার গড় ২৮.৮৩ হলেও অধিনায়ক হিসেবে গড় ২৬.২২। এনজেডসির আশা, অধিনায়ক টেলরও ভেট্টোরির মতোই দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন।

মেসি-জাদুতে জিতল আর্জেন্টিনা

ফুটবলবিশ্বে অখ্যাত প্রতিপক্ষ আলবেনিয়ার বিপক্ষে পরাশক্তি আর্জেন্টিনার হেলেদুলে বড় ব্যবধানেই জেতার কথা। পরশু কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে মেসি, তেভেজ, লাভেজ্জি ও আগুয়েরোর গোলে আর্জেন্টিনার আলবেনিয়াকে ৪-০-তে উড়িয়ে দেওয়া তাই কোনো বিস্ময় নয়।
তবে কদিন আগেই নামে আলবেনিয়ার চেয়ে খানিক এগিয়ে থাকা নাইজেরিয়া ও পোল্যান্ডের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। আলবেনিয়ার বিপক্ষে জয়টা তাই ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া কোপার আগে আর্জেন্টিনা দলে নিয়ে এসেছে একরাশ স্বস্তির বাতাস।
ওই দুটি পরাজয়ের পর দুই সপ্তাহ যেতে না যেতেই আর্জেন্টিনার এভাবে ঘুরে দাঁড়ানোর মন্ত্র একটাই—লিওনেল মেসি যে খেলেছেন এ ম্যাচে! মেসিবিহীন আর মেসির আর্জেন্টিনার পার্থক্য যে অনেক, আরেকবার প্রমাণিত হলো তা।
আলবেনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪ গোলের তিনটিতেই মেসির অবদান। একটি করেছেন নিজে, দুটি করিয়েছেন সতীর্থদের দিয়ে। বার্সেলোনার ফর্ম বয়ে এনেছেন আর্জেন্টিনা দলে। আর্জেন্টিনাকে দেশের মাটির কোপা আমেরিকা জেতানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। সেই প্রতিশ্রুতি পূরণে নিজেকে যে উজাড় করে দেবেন, পরশু সেই ইঙ্গিতই দিয়েছেন মেসি।
মেসির সঙ্গে ছিলেন কার্লোস তেভেজও, তবে আর্জেন্টিনার প্রথম গোলটি এই দুজনের কারোরই নয়। ৫ মিনিটে দলকে প্রথম এগিয়ে দিয়েছেন এজেকুয়েল লাভেজ্জি। মাঝমাঠ থেকে বল নিয়ে মেসি ঢুকে গিয়েছিলেন আলবেনিয়ার পেনাল্টি বক্সে। বাঁ দিক থেকে দারুণ এক পাস দেন পাহারাহীন দাঁড়িয়ে থাকা লাভেজ্জিকে। লাভেজ্জিও সহজেই বল পৌঁছে দেন জালে।
দ্বিতীয় গোলটি মেসির নিজের, লাভেজ্জি যেন দেনা শোধ করলেন মেসিকে দারুণ এক পাস দিয়ে। ৭৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেছেন লাভেজ্জির বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরো। ডিয়েগো ম্যারাডোনার জামাইয়ের করা গোলেও অবদান মেসির। আর ম্যাচের অন্তিম মুহূর্তে স্কোরলাইন ৪-০ করা গোলটি তেভেজের একক নৈপুণ্যে।
প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলতে পারেন। কিন্তু গোলরক্ষক সার্জিও রোমেরো অনুশীলনের একদমই সুযোগ পাননি! মেসি-তেভেজ-আগুয়েরো—এই ত্রিমূর্তির আক্রমণ ঠেকাতে গিয়ে আলবেনিয়া পুরো ম্যাচে কোনো আক্রমণই করতে পারেনি। ৯০ মিনিটে আর্জেন্টিনা গোলরক্ষককে মাত্র একটি শটই থামাতে হয়েছে।