Wednesday, March 16, 2011

মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৪৫ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ মে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৮ মার্চ।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মুনাফা ৪৬,৪২,৩০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ১০.০৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩২.০৮ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৫২.৮১ টাকা।

বাইব্যাকের পর দুই বছর মূলধন বৃদ্ধির ওপর বিধি-নিষেধ

কোনো প্রতিষ্ঠানের শেয়ার বাইব্যাক করার পর ওই প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির ওপর বিধি-নিষেধ আরোপ করার বিধান রাখা হচ্ছে প্রস্তাবিত বাইব্যাক আইনে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের অতিরিক্ত মূলধন অথবা সিকিউরিটির প্রিমিয়াম হিসাব ব্যবহারের মাধ্যমে শেয়ার বাইব্যাক করার প্রস্তাব রাখার সুপারিশ করা হবে। এ ছাড়া বাইব্যাক সম্পন্ন করার পরবর্তী সাত দিনের মধ্যে কোম্পানির ক্রয় করা সিকিউরিটিজ বাতিল এবং ধ্বংসের বিধান রাখা হয়েছে। আজ মঙ্গলবার স্টেক হোল্ডারদের নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আয়োজিত পর্যালোচনা কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট ফকর উদ্দিন আলী আহমেদ ও বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
এসইসি সূত্রে যায়, প্রস্তাবিত আইনে বাইব্যাক সম্পন্ন করার পরবর্তী দুই বছর সংশ্লিষ্ট কোম্পানির মূলধন বৃদ্ধির ওপর বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। বাইব্যাক আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ডের বিধান বাতিল করে আর্থিক দণ্ড দেওয়ার সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে ওই কোম্পানিকে সর্বনিম্ন এক লাখ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া বাইব্যাক সম্পন্ন হওয়ার পরবর্তী ২৪ মাসের মধ্যে বোনাস শেয়ার ব্যতীত অন্য কোনো ধরনের লভ্যাংশ ইস্যু করতে পারবে না।
এই সুপারিশ শিগগিরই এসইসি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানা গেছে। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে বাইব্যাক প্রথা চালু করার জন্য একটি বিল সংসদে উপস্থাপন করা হবে।
এ ব্যাপারে বাংলাদেশ পাবলিকলি লিস্টেড অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, কোনো কোম্পানি মূলধন কমাতে চাইলে সে সুবিধা দেওয়ার জন্য এই আইন করা প্রয়োজন। তবে কোম্পানির অতিরিক্ত মূলধন না থাকলে সে কোম্পানিকে বাইব্যাকের সুযোগ দেওয়া উচিত নয় বলে জানান তিনি। এ ছাড়া বাইব্যাকের পর কোম্পানির বোনাস ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বিনিয়োগকারীরা নগদ লভ্যাংশ চায় না। এ জন্য আমরা বাইব্যাকের পর কোম্পানি যাতে বোনাস ইস্যু করতে পারে সে জন্য প্রস্তাব রাখা হয়েছে।’

আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই-জামিন পেয়েই আসামির হুমকি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের জামিনে মুক্তির ঘটনাটি আইনি বিষয় হলেও তাঁদের সংবর্ধনা রাজনৈতিক এবং সেই অনুষ্ঠান থেকে হুমকি দেওয়ার বিষয়টি বেআইনি। স্বস্তির বিষয় হচ্ছে, আদালত বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট এ ব্যাপারে রুল জারি করেছেন।
সানাউল্লাহ নূর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১১ আসামির সবাই জামিনে মুক্তি পান গত বৃহস্পতিবার। হাইকোর্টের একটি বেঞ্চ নাটোরের মুখ্য বিচারিক হাকিমের সন্তুষ্টিসাপেক্ষে আসামিদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এরপর নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিননামা দাখিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। হাইকোর্টের আদেশে এটাও বলা হয়েছে, জামিনের কোনো ধরনের অপব্যবহার হলে আদালতের (বিচারিক) জামিন বাতিলের স্বাধীনতা রয়েছে। এসবই আইনি প্রক্রিয়া। কিন্তু সন্ধ্যা সাতটায় কারাগার থেকে বের হওয়ার পরই সরকারি দল আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এই আসামিদের নিয়ে হয়েছে মোটর শোভাযাত্রা, এরপর দেওয়া হয়েছে সংবর্ধনা। এ সময় সানাউল্লাহ নূর হত্যা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের জড়িত থাকার বিষয়টি প্রমাণে বনপাড়া বাজারের ব্যবসায়ীদের সাত দিনের সময় দিয়ে বলেন, ‘নইলে আমরা ব্যবসায়ীদের বিচার করব।’ বনপাড়ার ব্যবসায়ীদের ‘অপরাধ’, তাঁরা নূর হত্যাকাণ্ডের পর দোকান বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
এ ধরনের বক্তব্যের মাধ্যমে জাকির হোসেন স্পষ্টতই প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন এবং ব্যবসায়ীদের বিচার করার কথা বলে তিনি কার্যত আইন নিজের হাতে তুলে নিয়েছেন। এটি উদ্বেগজনক। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। হত্যা মামলার আসামিরা অপরাধী বা নির্দোষ কি না, সেটা আদালতে প্রমাণিত হবে। এর দায়িত্ব কোনোভাবেই বনপাড়ার ব্যবসায়ীরা নিতে পারেন না। কোনো হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ বা মানববন্ধন করা অপরাধ হতে পারে না।
প্রথম আলোয় এ নিয়ে প্রতিবেদন ছাপা হওয়ার পর হাইকোর্টের যে বেঞ্চ জামিন মঞ্জুর করেছিলেন, ওই একই বেঞ্চ জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন। রুলের ওপর শুনানির দিনও ধার্য হয়েছে আগামী ২৮ মার্চ।
আমরা চাই, আইন তার নিজস্ব গতিতে চলুক। আইনি বিষয়গুলো আইনিভাবেই সুরাহা হোক। কিন্তু কোনো আসামি জামিন পেয়ে প্রতিপক্ষকে হুমকি দেবেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই আসামিদের শক্তির উৎস কোথায়, তা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। যে আসামিদের সরকারি দলের সদস্যরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন, দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, তাঁরা যখন হুমকি দেন, তখন উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

ধ্বংসস্তূপে এখনো আটকে আছে অনেক মানুষ

জাপানে প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে এখনো অনেক মানুষ। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হলেও আশঙ্কা করা হচ্ছে, সেখানে হয়তো কেউ বেঁচে নেই।
নানা প্রতিবন্ধকতার মধ্যেও উদ্ধার তৎপরতা জোরেশোরে চলছে। উদ্ধারকারীদের একটি দল গতকাল সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় নাতোরি শহরের বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে সক্ষম হয়। এদিকে বিভিন্ন এলাকায় টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে গতকাল উত্তরাঞ্চলীয় জরুরি সহায়তা কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
মিয়াগি উপকূলীয় অঞ্চল থেকে সুনামির টানে ভেসে যাওয়া মৃতদেহ আবারও কূলে ভিড়তে শুরু করেছে। পুলিশ এ রকম অন্তত ৭০০ লাশ উদ্ধার করেছে। মৎস্যবন্দর মিনামিসানরিকুর পরিস্থিতিও ভয়াবহ। সেখানের অধিকাংশ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের ওপর কাদার স্তর পড়ে এই বন্দর এলাকার কত মানুষ যে সুনামির সময় সাগরে ভেসে গেছে, তার সঠিক হিসাব কারও জানা নেই। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ১০ হাজারের কম নয়।
উপকূলীয় মিয়াগি ও সেন্দাই শহরে জরুরি সহায়তা কেন্দ্রগুলোতে গতকাল স্বজনহারাদের ভিড় ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেখানে সমুদ্রসৈকতে ইতিমধ্যে অন্তত দুই হাজার মৃতদেহ পাওয়া গেছে। গত শুক্রবার এসব এলাকায় অন্তত ৩৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে। ৫০০ কিলোমিটার বেগে সুনামি বয়ে যায়। এ সময় পথে যা পায় সবই গুঁড়িয়ে দিয়ে যায়।
জাতিসংঘ জানিয়েছে, জাপানের ক্ষতিগ্রস্ত এলাকার অন্তত ২৬ লাখ ঘরবাড়ি গতকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। গ্যাস-সুবিধাবঞ্চিত রয়েছে ৩২ লাখ মানুষ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটে জাপান: কান

ভয়াবহ ভূমিকম্পের পরপরই সুনামির তাণ্ডব। বিশাল ক্ষয়ক্ষতি আর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকিতে এখন জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম চরম সংকটে পড়েছে দেশটি, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান। গত রোববার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত শুক্রবার দেশটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে।
ভূমিকম্প ও সুনামির এক দিন পর জাপানের ফুকুশিমা-১ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকিতে এখন দেশটি। ওই এলাকার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানান কান।
কান বলেন, ফুকুশিমা ও অন্যান্য বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে সীমিত আকারে। জাপানে ইতিমধ্যেই বিদ্যুৎহীন অবস্থায় লাখ লাখ মানুষ। তিনি বলেন, ভূমিকম্প, সুনামি ও পরমাণু প্রকল্প নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৬৫ বছরের মধ্যে এ সময়ই সবচেয়ে চরম সংকটে পড়েছে জাপান।
কান বলেন, ‘আমরা এ সংকট জয় করতে পারব কি না, তা আমাদের প্রত্যেকের ওপরই নির্ভর করছে।’ তিনি বলেন, ‘আমরা সবাই মিলে একযোগে কাজ করলে এ সংকট কাটাতে পারব বলেই আমার দৃঢ় বিশ্বাস।’

চীনে রাজনৈতিক সংস্কারের আহ্বান জিয়াবাওয়ের

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সে দেশে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন ছাড়া গত ৩০ বছরের অর্থনৈতিক অর্জন হারিয়ে যেতে পারে।
কর্মসংস্থান সৃষ্টি ও মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে হিমশিম খাচ্ছে চীন। সংবাদ সম্মেলনে এ কথা উল্লেখ করেন জিয়াবাও। তবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আকস্মিক রাজনৈতিক পট পরিবর্তন চীনের সরকারকে ঝুঁকির মধ্যে ফেলছে, এমন কথা তিনি অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী খোলাসা করে বলেননি যে ঠিক কী ধরনের সংস্কার প্রয়োজন। তবে পর্যায়ক্রমে এই সংস্কারের কথা জানানো হবে বলে তিনি জানান।
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে জিয়াবাও বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন ছাড়া সফল হওয়া যাবে না। অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন না করা হলে, এ পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা হারিয়ে যেতে পারে।’ তিনি বলেন, এই পরিবর্তন হতে হবে ধাপে ধাপে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। সে দেশে ৬০ বছরের বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় রয়েছে।
জিয়াবাওয়ের এই বক্তব্যের সঙ্গে চীনের অপর জ্যেষ্ঠ নেতা উ বাঙ্গুর বক্তব্যের বেশ অমিল রয়েছে। গত সপ্তাহে বাঙ্গু চীনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার বিষয়টি নাকচ করেন।

বামফ্রন্টে অর্ধেকের বেশি নতুন মুখ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বামফ্রন্ট ১৪৯ জন নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রার্থীও বাড়ানো হয়েছে।
গত রোববার বিকেলে কলকাতায় সিপিএমের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন মুখ এসেছে ১৪৯টি। এর মধ্যে সিপিএম এনেছে ১১৪টি নতুন মুখ। এ ছাড়া ৪৬ জন নারী ও মুসলিম সম্প্রদায়ের ৫৭ জনকে প্রার্থী করা হয়েছে।
আগামী ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শুরু হবে। ছয় দফার এই নির্বাচন শেষ হবে ১০ মে। ১৩ মে ফলাফল প্রকাশিত হবে।
কংগ্রেসে যোগদান: প্রবীণ কংগ্রেস নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বড় ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ক্রাউলির পদত্যাগ

প্রশাসনের সমালোচনা করার জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি পদত্যাগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত রোববার বিকেলে তাঁর পদত্যাগপত্র গ্রহণের কথা নিশ্চিত করেছেন।
তথ্য ফাঁসের সাড়া জাগানো প্রতিষ্ঠান উইকিলিকসের কারণেই পি জে ক্রাউলিকে পদত্যাগ করতে হয়েছে। উইকিলিকসের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা ব্রাডলি ম্যানিংকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রীয় গোপন সামরিক তথ্য পাচারের জন্য ম্যানিংয়ের বিচারও শুরু হয়েছে। ম্যানিংয়ের আইনজীবী অভিযোগ করেছেন, তাঁর মক্কেলকে গ্রেপ্তারের পর পেন্টাগন কর্তৃপক্ষ ব্যাপক নির্যাতন চালিয়েছে। সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে ম্যানিংকে দিনের পর দিন পুরোপুরি নগ্ন করে রাখা হয়েছে। এসব অভিযোগের পর মার্কিন মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। মার্কিন উদারনৈতিক মহল থেকেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা শুরু হয়।

লিবিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল হাতছাড়া হয়ে যাচ্ছে

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর বেপরোয়া বিমান হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছে। সেখানে দ্রুত নো ফ্লাই জোন আরোপের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো মতৈক্যে পৌঁছাতে পারেনি।
গাদ্দাফি বাহিনীর বেপরোয়া বিমান হামলা থেকে নিরীহ মানুষকে রক্ষায় দেশটির ওপর নো ফ্লাই জোন আরোপে মতৈক্যে পৌঁছাতে কার্যত ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। নো ফ্লাই জোন আরোপে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে ফ্র্যান্স ও ব্রিটেন তোড়জোড় শুরু করলেও তাতে তেমন সায় দিচ্ছে না ইতালি ও জার্মানি।
জার্মানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, উত্তর আফ্রিকার গৃহযদ্ধে তারা নিজেদের জড়াতে চায় না। বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ারও মনোমালিন্য দেখা দিয়েছে।
প্যারিসে জি-৮ নেতারা গতকাল লিবিয়া নিয়ে যে বৈঠক শুরু করেছেন, তাতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের একটা বিরোধ দেখা দিয়েছে। রাশিয়া শিগগিরই সেখানে নো ফ্লাই জোন আরোপের ঝুঁকি নিতে চাইছে না।
এদিকে ঘরে-বাইরে চাপ থাকা সত্ত্বেও জাতিসংঘের অনুমোদন ছাড়া লিবিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে না যুক্তরাষ্ট্র। তবে লিবিয়ার এমন পরিস্থিতিতে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য গতকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। দুই দিনের এ সফরে হিলারি লিবিয়ার সরকারবিরোধীদের সঙ্গেও বৈঠকে বসবেন।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হারম্যান ভন রমপাই বলেছেন, ‘আমরা লিবিয়ায় কোনো সামরিক হস্তক্ষেপ চাই না। কেননা, আমরা এখন ঔপনিবেশিক যুগে বাস করি না যে যা খুশি তাই করব।’
এদিকে লিবিয়ায় যেকোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছে ইউরোপীয় কাউন্সিল। দেশটির চলমান সংকট নিরসনে সহায়তার জন্য আফ্রিকান ইউনিয়ন একটি প্যানেল গঠনের যে ঘোষণা দিয়েছে, লিবিয়া কর্তৃপক্ষ সেটাকে স্বাগত জানিয়েছে। নো ফ্লাই জোন আরোপে আরব লিগের আহ্বানেরও নিন্দা করেছে দেশটি।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারি বাহিনীর ধরপাকড় ও গুম করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনীর বেপরোয়া বিমান হামলায় রণাঙ্গনে টিকে থাকতে পারছে না বিদ্রোহীরা। একের পর এক পতন ঘটছে তাদের নিয়ন্ত্রিত শহরগুলো। গত রোববার ব্যাপক বোমা বর্ষণের পর অভিযান চালিয়ে বিদ্রোহীদের কাছ থেকে সরকারি সেনারা ব্রেগা শহরটি দখল করে নিয়েছে।
বিদ্রোহীরা ট্রাকের পর ট্রাক বোঝাই বিমানবিধ্বংসী কামান ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে আজদাবিয়া শহরে চলে গেছে। এ শহরটিকে বলা হয় বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বেনগাজির প্রবেশদ্বার। এর আগে সরকারি সেনারা তেলসমৃদ্ধ রাস লানুফসহ কয়েকটি শহর দখল করে নেয়।
রাজধানী ত্রিপোলিতে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মিলাদ হোসাইন বলেছেন, তাঁদের অভিযানের মুখে বিদ্রোহীরা এখন পালিয়ে যাচ্ছে। তাঁরা জাবিয়া, উজালা, রাস লানুফ ও ব্রেগা মুক্ত করেছেন। সেনাবাহিনী এখন অবশিষ্ট এলাকা মুক্ত করার জন্য অগ্রসর হচ্ছে। আরেক খবরে বলা হয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাত শহরটি গাদ্দাফি বাহিনী ঘিরে রেখেছে।

আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা জোরদার

জাপানের ভূমিকম্প ও সুনামি-বিধ্বস্ত শহরগুলোতে উদ্ধার-তৎপরতা জোরদার করা হয়েছে। গতকাল সোমবার শহরগুলোতে উদ্ধার অভিযান চালিয়েছেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।
সংহতির নিদর্শন হিসেবে ইতিমধ্যে প্রায় ৭০টি দেশ জাপানকে সহায়তার প্রস্তাব দিয়েছে। শুধু মিত্র দেশ যুক্তরাষ্ট্র নয়, চীন থেকেও সহায়তা এসেছে। সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে আফগানিস্তান থেকেও।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেন, যে সহায়তার প্রয়োজন হোক না কেন, তাঁরা জাপানকে সেই সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, সুনামিতে বিধ্বস্ত বাড়িঘরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে দুটি অনুসন্ধান ও উদ্ধার দল গতকাল সোমবার ভোরের আলো ফোটার পর থেকে কাজ শুরু করে দিয়েছে। ওই দল দুটিতে রয়েছেন ১৪৪ জন উদ্ধারকর্মী। দল দুটিতে ১২টি কুকুরও রয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ১৫ সদস্যের চীনা উদ্ধার দল কাজ শুরু করেছে। গত রোববার বিশেষ বিমানে করে তাঁরা টোকিও গিয়ে পৌঁছান।
দক্ষিণ কোরিয়া জানায়, বিমানবাহিনীর তিনটি সি-১৩০ হেলিকপ্টারযোগে ১০২ সদস্যের একটি উদ্ধার দল জাপানের উদ্দেশে কোরিয়া ত্যাগ করেছে। দেশটির একটি অগ্রগামী দল গত শনিবার থেকে জাপানে অবস্থান করছে। ওই দলে রয়েছেন পাঁচজন উদ্ধারকর্মী। তাঁদের সঙ্গে রয়েছে দুটি তল্লাশি কুকুর।
ইন্দোনেশিয়া বলেছে, তারা জাপানে সহায়তা পাঠানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুসুমা হাবির বলেন, ‘আমরা সাহায্যের জন্য প্রস্তুত। এই মুহূর্তে জাপানের কী দরকার এবং তা কীভাবে পাঠানো যায়, সে সম্পর্কে আলোচনা করছি।’
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জাপানের ‘ভাই ও বোনদের’ জন্য ৫০ হাজার ডলার সহায়তা দেওয়া হবে।
ব্রিটেন ফায়ার ব্রিগেডের তল্লাশি ও উদ্ধার বিশেষজ্ঞদের পাঠিয়েছে। ভারী বস্তু উত্তোলন ও কাটার যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাঠিয়েছে দেশটি। ব্রিটেন বলেছে, অনুরোধ করা হলে তারা জাপানে পরমাণু পদার্থবিজ্ঞানী পাঠাবে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজ চালানোর জন্য গত রোববার সুনামি ক্ষতিগ্রস্ত এলাকায় ৭৫ জন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
ডক্টর উইদাউট বর্ডাসের কয়েকটি দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পৌঁছেছে। সংস্থাটি বলেছে, চিকিৎসা-ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে বলে তাদের কাছে মনে হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সামান্য। সেখানে পানির সরবরাহ নেই। লোকজনের খাবার, কম্বল ও পানির দরকার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ২০ লাখ বাড়িতে এখন বিদ্যুৎ নেই।

ভারত বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ

চীনকে পেছনে ফেলে ভারত বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে। সুইডেনের একটি গবেষণা প্রতিষ্ঠান গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউট নামের ওই প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, ২০০৬-২০১০ সালে ভারত বিশ্বের মোট রপ্তানির ৯ শতাংশ অস্ত্র আমদানি করেছে। এ সময় চীন আমদানি করে বিশ্বের মোট রপ্তানির ৬ শতাংশ অস্ত্র। প্রতিষ্ঠানটির তথ্য অনুসারে, বিশ্বে এখনো অস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে যক্তরাষ্ট্র। এর পরই রাশিয়া ও জার্মানির অবস্থান। সুইডেনের ওই গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ভারত যে শুধু বর্তমানে বিশ্বের এক নম্বর অস্ত্র আমদানিকারক দেশ তা নয়, ভবিষ্যতেও দেশটির এ ধারা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে।
ভারতের প্রতিরক্ষা বাজেটের পরিমাণ তিন হাজার ২৫০ কোটি মার্কিন ডলার। এ অর্থের প্রায় ৭০ শতাংশই দেশটি ব্যয় করে অস্ত্র আমদানি খাতে।
ভারত তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য আগামী পাঁচ বছরে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার খরচ করার পরিকল্পনা করছে। এর মধ্যে এক হাজার কোটি মার্কিন ডলার দিয়ে ১২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, চীনের ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবেশী পাকিস্তানের কারণে ভারত নানাভাবে উদ্বিগ্ন। আর সে কারণেই ভারত অস্ত্র আমদানিকে এতটা গুরুত্ব দিচ্ছে।
দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদী মনে করছেন, ভারতের ইচ্ছা হচ্ছে, প্রথমে মহাদেশভিত্তিক এবং পরে অঞ্চলভিত্তিক মহাশক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করা। তাঁর মতে, ‘বিগ বয়’ হতে হলে শক্তি অর্জন করতেই হবে। আরেকজন বিশ্লেষক সিমন ওয়েজিম্যান মনে করছেন, ভারত যেসব অস্ত্রের ফরমায়েশ দিয়ে রেখেছে, তাতে দেশটি আগামী কয়েক বছরেও বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে বহাল থাকবে।
গত বছর ভারত ঘোষণা দেয়, তারা আগামী ১০ বছরে রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের ২৫০ থেকে ৩০০টি স্টিলথ জঙ্গি বিমান কিনবে। এ জন্য দেশটির খরচ হবে তিন হাজার কোটি মার্কিন ডলার। এ ছাড়া ফ্রান্সের কাছ থেকে আধুনিক মিরেজ জঙ্গি বিমান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমানবাহী রণতরী, ৬০০টি আধুনিক হেলিকপ্টারসহ বিভিন্ন যুদ্ধসামগ্রী কেনার পরিকল্পনা আছে ভারতের।

জাপানের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রেও

জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের কারণে সৃষ্ট তেজস্ক্রিয়তা জাপান ছাড়িয়ে খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। এক মার্কিন পরমাণু বিশেষজ্ঞ গতকাল সোমবার এ আশঙ্কা প্রকাশ করেছেন।
সুনামি ও ভূমিকম্পের ফলে জাপানের ফুকুশিমায় অবস্থিত দাইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্র দুটির শীতলীকরণ ব্যবস্থা ভেঙে যায়। এতে করে কেন্দ্র দুটিতে প্রচণ্ড তাপ ও চাপের সৃষ্টি হয়। এ কারণে গত রোববার দাইচি পারমাণবিক কেন্দ্রের ১ নম্বর চুল্লিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। পরদিন সোমবার ওই কেন্দ্রের ৩ নম্বর চুল্লিতেও বিস্ফোরণ ঘটে।
গতকাল ফক্স নিউজ সানডের টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়টি নিয়ে আলোচনার সময় মার্কিন পরমাণু বিশেষজ্ঞ জোসেফ সারনিয়ন বলেন, জাপানের পরমাণু সংকট এখন একটা জটিল পর্যায়ে আছে। দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুল্লিই এখন বিপজ্জনক ।
জোসেফ জানান, সবচেয়ে বিপজ্জনক হলো জ্বালানি রডগুলো পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে সেখানে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপে চুল্লিগুলো পুরোপুরি গলে যেতে পারে। এটি হলে সেখান থেকে সৃষ্ট তেজস্ক্রিয়তা মাটি, পানি ও বায়ুর সাহায্যে জাপান ছাড়িয়ে পুরো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এমনকি এ তেজস্ক্রিয়তা খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে।
ওয়াশিংটনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইচিরো ফুজিসাকাইও তেজস্ক্রিয়তার বিপদের কথা স্বীকার করেছেন। তবে তিনি জানান, চুল্লিগুলো খুব শিগগিরই গলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তিনি আরও বলেন, এটা সত্য যে, চুল্লিগুলোর কিছু জ্বালানি রড হয় অকার্যকর হয়ে গেছে, না হয় গলে গেছে। তবে পুরো চুল্লিগুলো গলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি।
এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাষ্ট্রের পারমাণবিক জ্বালানি সংস্থার প্রধান মারভিন ফাটেল উপস্থিত ছিলেন। তিনি পরমাণু সংকট মোকাবিলায় জাপানি বিশেষজ্ঞদের দক্ষতার প্রশংসা করেন।
সংকট মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি কমিটির বৈঠক: এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ঘটনায় সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় চারটি পার্লামেন্টারি কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী সিউলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিস্ফোরণের ঘটনায় তেজস্ক্রিয়তার প্রভাব নিয়ে আলোচনা করে বিজ্ঞানবিষয়ক একটি কমিটি। ফুকুশিমার ওই পারমাণবিক কেন্দ্রটি কোরীয় উপদ্বীপ থেকে এক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। গতকাল দক্ষিণ কোরিয়া ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সেফটির এক কর্মকর্তা জানান, বায়ু এখনো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হলেও কোরীয় উপদ্বীপে খুব বেশি প্রভাব পড়বে না।
দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্যমতে, দেশটিতে বর্তমানে ২১টি পারমাণবিক চুল্লি রয়েছে। ২০২৪ সাল নাগাদ আরও ১৪টি চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
অপর তিনটি কমিটি সাহায্য, স্থানীয় পারমাণবিক শক্তি কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে জাপানের ভূমিকম্প ও সুনামির ঘটনার নেতিবাচক প্রভাব হ্রাস করতে কী করণীয়, তা নিয়ে আলোচনা করে।

রিয়ালকে কাছে আনল বার্সা

শুরুর দিকে গায়ে গা ঘেঁষেই ছিল দুই দল। লিগে প্রথম এল ক্লাসিকোর পর একটু দূরে সরে যায় রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে দূরত্ব বেড়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান হয় ৭ পয়েন্টের। পরশু দূরে থাকা রিয়ালকে কাছে নিয়ে এল বার্সেলোনা। প্রথমে এগিয়ে গিয়েও সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। এই ড্রয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ৫। ২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট শীর্ষে থাকা বার্সার। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০।
সেভিয়ার মাঠে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন বোজান কিরকিচ। কিন্তু ৪৯ মিনিটে সেভিয়া সমতায় ফেরে জেসাস নাভাসের গোলে।
তবে ম্যাচের ৪ মিনিটে মেসির ফ্রি-কিক জালে ঢুকে যাওয়ার পরও গোল বাতিল না করলে এবং ন্যায্য পেনাল্টি থেকে বোজানকে বঞ্চিত না করলে ফলটা অন্য রকমই হতে পারত। ধারাভাষ্যকারসহ আরও অনেকেই এ নিয়ে সমালোচনাও করেছেন। যদিও বার্সা কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘রেফারি নিয়ে কথা বলতে চাই না আমি।’

বায়ার্নের প্রতিশোধের ম্যাচ?

ইউরোপের ফুটবলে আজ আবার চ্যাম্পিয়নস লিগের রাত। শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের পাশাপাশি মাঠে নামছে সাবেক তিন চ্যাম্পিয়ন। তিনবারের ইউরোপ-সেরা ম্যানচেস্টার ইউনাইটেড যাচ্ছে ’৯৩ চ্যাম্পিয়ন মার্শেইয়ের মাঠে। চারবারের সেরা বর্তমান রানার্সআপ বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে খেলবে ইন্টারের বিপক্ষে।
ইন্টারের বিপক্ষে ম্যাচটি বায়ার্নের জন্য প্রতিশোধের। গত মৌসুমে ফাইনালে ইতালির এ দলটির কাছে হেরেই শিরোপা-স্বপ্ন বিসর্জন গিয়েছিল বায়ার্নের। সেই প্রতিশোধ সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে জিতে নিয়ে এলেও কি মনের জ্বালা জুড়িয়েছে জার্মানির সেরা ক্লাবটির! যতটুকু বাকি আছে, সেটুকু মনে হয় এবার মেটাতে চাইবে তারা। হিসাব বলছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়েও আছে বায়ার্নই। নিজেদের মাঠে ড্র করলেও যে শেষ আটে জায়গা হয়ে যাবে।
মার্শেইয়ের সঙ্গে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে বলে হিসাব-টিসাব তেমন কিছু নেই ম্যানইউর। অবশ্য এবার খেলাটা ম্যানইউর মাঠে হওয়ায় ন্যূনতম ১-১ গোলের ড্র করতে পারলেও অ্যাওয়ে গোলের হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে মার্শেই।

পাকিস্তানও শেষ আটে

পাল্লেকেলেতে কাল কত খেলা যে হলো! প্রথমে খেললেন শহীদ আফ্রিদি। আগের দিন সংবাদ সম্মেলনে স্পষ্ট বললেন, উমর আকমল ফিট, দলে পরিবর্তনের সম্ভাবনাও নেই। দল ঘোষণার পর দেখা গেল, সেই উমর তো নেই-ই, সঙ্গে শোয়েব আখতারও নেই। বলেছিলেন ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবেন না। কিন্তু রান তাড়ার সময় নিজেই উঠে এলেন চারে। ২৫তম জন্মদিনে টস জিতে জুয়া খেললেন এলটন চিগুম্বুরা। গোমড়া আকাশের নিচে পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়া জুয়া নয় তো কী!
আসল খেলাটা খেলল প্রকৃতি। দুই দফা বৃষ্টি, জিম্বাবুয়ে ইনিংসের ২৭.২ ওভার পর প্রথমবার। খেলা বন্ধ থাকল পৌনে দুই ঘণ্টা। ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বৃষ্টিতে আরেক দফা বন্ধ ৩৯.৪ ওভার পর। জিম্বাবুয়ের রান তখন ৭ উইকেটে ১৫১। এবার বন্ধ থাকল এক ঘণ্টা পাঁচ মিনিট, অনেক দিন পর ব্যাটের হাতটা খুঁজে পাওয়া চিগুম্বুরা আর ব্যাটিংয়েই নামতে পারলেন না। এই বিশ্বকাপে তাই প্রথমবার প্রয়োজন হলো ডাকওয়ার্থ-লুইস সাহেবদের আইনটার। লক্ষ্য ৩৮ ওভারে ১৬২, পাকিস্তান জিতেছে ৭ উইকেটে। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পর ‘এ’ গ্রুপ থেকে পাকিস্তানও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। ১৯৯৯ বিশ্বকাপের পর এই প্রথম পার হলো গ্রুপ পর্ব।
সপ্তম ওয়ানডেতে এসে শিঙ্গিরাই মাসাকাদজার প্রথম মেডেন ওভার দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানের রান তাড়া। দারুণ দুটো চারের পর আহমেদ শেহজাদের হঠাৎ খেয়াল হলো বলকে পাল্লেকেলে থেকে ক্যান্ডি শহরে পাঠানোর। চোখ-মুখ বুজে খেলা শট ব্যাটেই লাগল না, স্টাম্পিং। সম্ভাব্য শেষ সুযোগটাও হয়তো হারালেন শেহজাদ। আসাদ শফিক যেমন খেললেন, ছোটো আকমল ফিরলে শেহজাদের বাদ পড়া অনেকটা নিশ্চিতই বলা যায়। হাফিজের সঙ্গে দ্বিতীয় উইকেটে শফিকের ৮২ রানের জুটিতেই দূর হয়ে যায় অঘটনের শঙ্কা। হাফিজ ১ রানের জন্য না পারলেও বিশ্বকাপ অভিষেকে ফিফটি তুলে নিয়েছেন শফিক। ইউনুস খানকে নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন দলের জয়কে সঙ্গী করেই।
এক ম্যাচের ‘রেহমান-পরীক্ষা’ শেষে কাল আবার নতুন বল পেয়ে বিপজ্জনক ব্রেন্ডন টেলকে প্রথম ওভারে ফিরিয়েছেন রাজ্জাক। উমর গুলের সুইং-বাউন্সে থিতু হওয়ার সুযোগ পাননি রেজিস চাকাভা ও শন উইলিয়ামসের চোটের সুযোগে দলে আসা ভুসিমুজি সিবান্দা। ৩ উইকেটে ১৩—চিগুম্বুরার চ্যালেঞ্জিং স্কোর গড়ার আশা ওখানেই শেষ।
লড়াইটা করতে পারলেন আসলে দুজন—ক্রেইগ আরভিন আর চিগুম্বুরা নিজে। বেশ কিছু দৃষ্টিনন্দন ড্রাইভ খেলে আরভিন তুলে নিয়েছেন বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি। তবে সতীর্থদের অনুসরণ করেই দৃষ্টিকটুভাবে আউট হলেন ফিফটি করেই। সাবেক অধিনায়ক প্রসপার উতসেয়াকে নিয়ে এরপর ইনিংসটাকে ধরে রেখেছিলেন চিগুম্বুরা। উতসেয়াকে আউট করে গুল এই জুটি ভাঙার সঙ্গে সঙ্গেই বৃষ্টি, জিম্বাবুয়ে ইনিংসও শেষ। ৩২ রানে অপরাজিত ছিলেন চিগুম্বুরা, ৩০ রানের একটা ইনিংস সর্বশেষ খেলেছিলেন ১১ ইনিংস আগে!

ইমরুলের গ্রামে উচ্ছ্বাস

কদিন ধরেই মেহেরপুর যেন ‘উৎসবপুর’। যেন উৎসব-উচ্ছ্বাসের মেলা বসেছে পুরো জেলায়। এই মেহেরপুরের সন্তান ইমরুল কায়েস যে টানা দুই ম্যাচে হলেন ম্যান অব দ্য ম্যাচ। মেহেরপুরবাসীর গর্বের তাই শেষ নেই। এই বাঁহাতি ওপেনারের নিজের গ্রাম উজলপুরে প্রায় প্রতিদিনই হচ্ছে আনন্দ মিছিল।
গতকালও খেলা শেষের পরপরই মেহেরপুরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলের স্লোগান ছিল ‘শাবাশ বাংলাদেশ’, ‘শাবাশ ইমরুল কায়েস’। শুধু সাধারণ সমর্থকেরাই নয়; এই আনন্দ মিছিলে নেমে পড়েছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিরাও।
পুরো জেলার মধ্যে উজলপুরেই যে উৎসবটা উছলে পড়া, সেটি না বললেও চলে। কাল ইমরুলের ছবি, বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েছিল এখানকার মানুষ। অনেকেই ইমরুলের গ্রামের বাড়িতে ভিড় করে। তাঁর মা-বাবা ও দাদিকে অভিনন্দন জানানো হয়। এই সময় আবেগাপ্লুত হয়ে ইমরুলের মা-বাবা ও দাদি কেঁদে ফেলেন। ইমরুলের ডাকনামে গড়া ‘সাগর ক্রিকেট ক্লাবের’ সদস্যদেরও আনন্দের সীমা ছিল না।

প্রোটিয়ারা আজ সাকিবদের মিত্র

অদ্ভুত এক সমীকরণের সামনে দাঁড়িয়েছে বিশ্বকাপ। এখানে কে কার শত্রু, কে কার মিত্র; তার কিছু সুনির্দিষ্ট নয়। বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকেও যেমন এখন ভাবা হচ্ছে মিত্র। শেষ ম্যাচে যে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ; অন্তত পরের ম্যাচের জন্য মিত্র তারাও!
আজ বাংলাদেশ যেমন প্রার্থনা করবে আয়ারল্যান্ড যেন কোনো অঘটন না ঘটায়। দক্ষিণ আফ্রিকাকে আইরিশরা হারিয়ে দিলে আবারও জট পাকিয়ে যাবে। আয়ারল্যান্ডের পয়েন্ট হয়ে যাবে ৪। সে ক্ষেত্রে ১৮ মার্চ হল্যান্ডের বিপক্ষে জিতলে তাদের পয়েন্টও হবে ৬। বাংলাদেশের তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে দিলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে না।
আজ ১৬ কোটি বাংলাদেশির প্রার্থনার সঙ্গে তাই মিলে যাক পশ্চিমবঙ্গের ৯ কোটির সুর। ২৫ কোটির সম্মিলিত প্রার্থনা হোক, আইরিশরা যেন আজ কোনো রূপকথার জন্ম দিতে না পারে। আজকের ম্যাচটা যে ইডেন গার্ডেনে। এ ম্যাচ দিয়েই কলকাতায় বিশ্বকাপ ফিরল।
এই ইডেনে ম্যাচ হওয়া না-হওয়া নিয়ে কত নাটক। ভারত-ইংল্যান্ড ম্যাচ হওয়ার কথা ছিল এখানেই। স্টেডিয়ামটি সময়মতো প্রস্তুত না হওয়ায় সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে। যে ম্যাচটা নাটকীয় উত্তেজনায় শেষ হয় টাই-এ। ইডেনের এটি নিয়ে মোট তিনটি ম্যাচ আছে। কিন্তু একটিতেও ভারত নেই। ফলে ৯০ হাজার থেকে আসনসংখ্যা কমে ৬৫ হাজারে নেমে এলেও গ্যালারি খাঁ খাঁ করারই কথা। আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড অবশ্য বলছেন, তাঁর কাছে লর্ডসে খেলার মতোই রোমাঞ্চ জাগাচ্ছে।
এই রোমাঞ্চ নিয়েই মাঠে নামবে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো খেলছে আইরিশরাই। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া, ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়, ভারতের ঘাম ছোটানোর পর গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকেও স্বস্তি না দেওয়া। পোর্টারফিল্ড বলছেন, ‘আমাদের হারানোর কিছুই নেই। ফলে আমরা খেলব চাপমুক্ত হয়ে। দক্ষিণ আফ্রিকা তো শিরোপারই দাবিদার। গত ম্যাচে ওরা ভারতকেও হারিয়েছে। আমরা তাই নির্ভার হয়ে খেলতে পারব।’
নির্ভার হয়ে খেলতে পারবে দক্ষিণ আফ্রিকাও। আসলেই ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়টি চাপ সরিয়ে দিয়েছে তাদের ওপর থেকে। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ ভারতেরই এক পত্রিকায় তাঁর কলামে লিখেছেন, ‘শনিবারের জয়টি আমাদের জন্য আত্মবিশ্বাসের দিক দিয়ে বড় একটা ধাপ পেরিয়ে যাওয়া। এখন আমরা একটু নির্ভার হয়ে খেলতে পারব। তবে তার মানে এই নয়, আমরা ধরেই নিচ্ছি মঙ্গলবার আয়ারল্যান্ডকে এমনিতেই হারিয়ে দেব। আয়ারল্যান্ডের অনেকেই কাউন্টিতে খেলে। পুরো দল হিসেবে তারা বিচক্ষণ। যেকোনো সময় ওরা ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই ওদের হালকা করে নেওয়ার সুযোগ নেই।’
নেই বলেই পুরো শক্তির দলও খেলার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। অবশ্য দারুণ ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স নাও খেলতে পারেন। ভারতের ম্যাচেই চোট পাওয়া ডি ভিলিয়ার্সের বাঁ ঊরুতে স্ক্যান করানো হয়েছে। শেষ পর্যন্ত বিশ্রামে থাকতে পারেন চার ম্যাচে ১০৬ গড়ে ৩১৮ রান করা এই ডানহাতি। চোটের কারণে গত ম্যাচ না খেলা ইমরান তাহিরও ফিরবেন কি না, নিশ্চিত নয়। চোট আছে আইরিশ শিবিরেও। ট্রেন্ট জনস্টন আর আন্দ্রে বোথাকে আজ হয়তো পাবে না আয়ারল্যান্ড।

দুহাত ভরিয়ে দিল চট্টগ্রাম

৯৯ দিনের দুঃসহ জিম্মি দশা থেকে মুক্তির পর পরই বেলা সাড়ে ১২টার দিকে জাহান মণির কনিষ্ঠতম নাবিক ক্যাডেট শাহরিয়ার রাব্বির ফোন আসে মায়ের কাছে। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাব্বি জানতে চান বাংলাদেশ ক্রিকেট দলের খবর। মা বিলকিস রহমান তাঁকে আশ্বস্ত করেন, চট্টগ্রামে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিততে চলেছে। রাব্বি রাতেই হয়তো জেনে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবও তাঁদের মুক্তিতে স্বস্তি পেয়েছেন।
চট্টগ্রামে হল্যান্ডের বিপক্ষে জয়ের পর সাকিব বলেন, ‘জাহান মণির ২৬ নাবিকের মুক্তি দারুণ একটা খবর।’
অসম্ভব এক সমীকরণ নিয়ে চট্টগ্রামে আসা সাকিব বাহিনী শতভাগ সাফল্য নিয়ে আজ ঢাকায় ফিরবেন। সপ্তাহ খানেকের মধ্যে ফিরবেন জাহান মণির মুক্ত নাবিকেরাও। নাবিক সদস্যদের পরিবারের মতো সাকিবও এখন অনেকটা নির্ভার ও স্বস্তিতে।
ঢাকায় ৫৮-র দুঃস্বপ্নের পর চট্টগ্রামে উষ্ণ সংবর্ধনা কিংবা মেয়রের দেওয়া নগরের চাবিটাই হয়তো তাঁদের অন্য রকম প্রেরণার উৎস হয়ে থাকবে।
ঢাকার তিন ম্যাচে জয় যেখানে মাত্র একটি, সেখানে চট্টগ্রামে সাফল্য শতভাগ। অথচ এই মাঠে বিশ্বকাপের ম্যাচ না-ও হতে পারত। বিশ্বকাপ সূচি হওয়ার আগে শোনা গিয়েছিল চট্টগ্রাম ম্যাচ না-ও পেতে পারে। তারপর শুরু হলো চাটগাঁবাসীর আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
অভিষেক ম্যাচটি ছিল ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে ২ উইকেটে জয়ের পর সাকিবরা ফিরে পেলেন নিজেদের। কাঁটায় ক্ষতবিক্ষত করে দেওয়া সেই সমর্থকেরাই জানাল ফুলেল সম্ভাষণ।
গতকাল এই ভেন্যুর শেষ ম্যাচটি শেষ হওয়ার ঘণ্টা খানেক আগেই স্টেডিয়ামে সমর্থকদের মিছিল চলল, ‘জিতিব রে জিতিব বাংলাদেশ জিতিব, জয় বাংলা’ ইত্যাদি। জয় শেষে সেই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। খেলা দেখে বেরিয়ে যাওয়ার পথে কলেজছাত্রী শারমিন বললেন, ‘চট্টগ্রাম আসলেই লাকি গ্রাউন্ড। আমরা দুটি জয় উপহার দিলাম।’ শুধু দুটিই বা কেন, এখানে ১২ ফেব্রুয়ারি কানাডার সঙ্গে অনুশীলন ম্যাচেও জিতেছে বাংলাদেশ!
টুর্নামেন্টে চট্টগ্রামের উপহার দেওয়া এই দুটি জয়েই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল সম্ভাবনাটা পেয়েছে বাস্তবভিত্তি।
আরেকটু পেছনে তাকান। ২০০৫ সালে এই চট্টগ্রামে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় নুরুল আবেদীন নোবেল সেই স্মৃতির জের টেনে বললেন, ‘চট্টগ্রাম বাংলাদেশ দলের জন্য সৌভাগ্যই বয়ে এনেছে। আমার মনে হয়, এখান থেকে জয়ের ধারায় ফিরেই কোয়ার্টার ফাইনালে যাবে তারা।’
যে চট্টগ্রাম বাংলাদেশ দলকে দুহাত ভরিয়ে দিল, কাল শেষ বিকেল থেকেই সেখানে একধরনের শূন্যতা এসে ভিড় করেছে। সহ-আয়োজক বলে দেশে বিশ্বকাপের বাঁশি বাজবে ২ এপ্রিল ফাইনাল পর্যন্ত। সরাসরি উৎসবের রেশ থাকবে ২৫ মার্চ তৃতীয় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। কিন্তু সেই উৎসব তো হবে ঢাকায়। তাই চট্টগ্রামে বিশ্বকাপের মেলা ভেঙে গেল কাল বিকেলেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে সতর্ক দক্ষিণ আফ্রিকা

এবারের বিশ্বকাপের মূল উত্তাপটা ছড়াচ্ছে মূলত ‘বি’ গ্রুপ থেকেই। ইতিমধ্যেই শ্বাসরুদ্ধকর বেশ কয়েকটি ম্যাচ উপহার দিয়ে ফেলেছে এই গ্রুপের দলগুলো। আর গ্রুপ পর্বের শেষ কয়েক দিনে অনেক জটিল হয়ে উঠেছে শেষ আটে যাওয়ার হিসাব-নিকাশ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের মধ্যে। ছেড়ে কথা বলছে না আয়ারল্যান্ডও। একমাত্র হল্যান্ড ছাড়া এ মুহূর্তে বাকি ছয়টা দলেরই কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে ভালোভাবেই। অন্তত কাগজে-কলমে তো বটেই।
আয়ারল্যান্ডকে অবশ্য এ মুহূর্তে হিসেবের বাইরেই রাখতে চাইবেন অনেকে। কিন্তু আইরিশদের সাম্প্রতিক পারফরমেন্স বিচারে কিন্তু কোনো ধরনের অঘটনের আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না। আজ কলকাতার ইডেন গার্ডেনে তারা মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। ফেভারিট ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন কেভিন ও’ব্রায়েনরা যেভাবে ঘুরিয়ে দিয়েছেন তাতে আরেকটা অঘটনের স্বপ্ন তো আইরিশরা দেখতেই পারে। তার ওপরে আজ তারা হয়তো পাশে পাবে ইডেনের হাজার হাজার সমর্থককে। কারণ, প্রোটিয়াদের কাছে ভারতের শেষ মুহূর্তের হারের প্রতিশোধটা হয়তো ভারতের মানুষ আয়ারল্যান্ডকে সমর্থন জুগিয়েই নিতে চাইবে। সব মিলিয়ে আয়ারল্যান্ডকে একেবারেই হিসেবের বাইরে রাখাটা হয়তো খুব বেশি যুক্তিসংগত না-ও হতে পারে।
দক্ষিণ আফ্রিকার কোচ কুরি ভন জিলও কোনো ধরনের অঘটনের আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। সে জন্য তিনি আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ সতর্কই থাকতে পরামর্শ দিয়েছেন গ্রায়েম স্মিথদের। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত তাদের পারফরমেন্স খুবই ভালো। তারা শুধু আমাদেরই না, সবাইকেই নিজেদের সামর্থ্য সম্পর্কে নতুন করে ভাবিয়েছে। তাই আমরা জানি কাল আমাদের লড়াইটা মোটেই সহজ হবে না।’
আজ মাঠে নামার আগে দুই শিবিরেই ভর করেছে ইনজুরি দুশ্চিন্তা। দক্ষিণ আফ্রিকার স্পিন ভরসা ইমরান তাহির বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেননি। আজ আয়ারল্যান্ডের বিপক্ষেও তিনি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত না। প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও কলকাতায় নেমেই ছুটে গিয়েছিলেন চিকিত্সকের কাছে। হ্যামস্ট্রিং ইনজুরির আশঙ্কায় ভুগছেন এ ডানহাতি ব্যাটসম্যান। অন্যদিকে আয়ারল্যান্ড বোলিং আক্রমণের দুই প্রধান অস্ত্র আন্দ্রে বোথা ও ট্রেন্ট জন্সটনেরও আছে ইনজুরি সমস্যা। তবে এতে কোনো দলই খুব বেশি চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন তাঁরা।

পন্টিংয়ের ‘স্পিন-দুশ্চিন্তা’

টানা তিনবারের বিশ্বকাপজয়ী হলেও অস্ট্রেলিয়ার সেই মহা পরাক্রমশালী দাপুটে চেহারাটা এখন অনেকটাই বদলে গেছে। ইংল্যান্ডের কাছে অ্যাশেজ বিসর্জন দিয়ে অনেক কড়া সমালোচনার তীর হজম করতে করতে বিশ্বকাপ খেলতে এসেছে তারা। কিন্তু এখনো ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিকে নিজেদের ‘অপরাজিত’ তকমাটা ঠিকই গায়ে সেঁটে রেখেছে অসিরা। গ্রুপ পর্বের চারটি খেলায় তিনটিতেই জিতেছে তারা। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
তবে এর পরও নিজেদের পারফরমেন্সে খুব বেশি খুশি হতে পারছেন না অসি অধিনায়ক রিকি পন্টিং। কেনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬০ রানের সহজ জয় পেলেও বোলিং আক্রমণ নিয়ে এই মুহূর্তে কিছুটা চিন্তিতই হয়ে পড়েছেন তিনি। কেনিয়ার বিপক্ষে ব্যাটসম্যানরা ৩২৪ রান তুলে জয়ের ভিত্তি গড়ে দিলেও বল হাতে খুব বেশি সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে সাতজন বোলার ব্যবহার করে মাত্র ৬টি উইকেট নিতে পেরেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে আবার তিনটিই এসেছে রানআউট থেকে। রিকি পন্টিং বলেছেন, ‘আমরা আরও বেশি উইকেট নিতে পারলে আমি অনেক বেশি খুশি হতাম। এটা ঠিক। কিন্তু তার জন্য আমি হতাশ হইনি। আমরা পুরো ১০০ ওভার যেভাবে খেলেছি, সেটা আমাদের জন্য খুবই ইতিবাচক ব্যাপার।’
কেনিয়ার বিপক্ষে ম্যাচে দুটি উইকেট পেয়েছেন শন টেইট। একটি পেয়েছেন ব্রেট লি। উপমহাদেশের স্পিনারবান্ধব উইকেটে অসি স্পিনাররা খুব বেশি ধারালো বোলিং করতে পারছেন না। এই ব্যাপারটা কিছুটা ভাবিয়েই তুলেছে পন্টিংকে। দলের স্পিন আক্রমণ সম্পর্কে তিনি বলেছেন, ‘কেনিয়ার বিপক্ষে আমি কয়েকজন স্পিনারকে ব্যবহার করেছি। স্মিথকে পাওয়ার প্লের সময় বোলিংয়ে এনেছি, সে ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে কিনা, এটা দেখার জন্য। জ্যাসন ক্রেজা অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার বল অনেক টার্নও করছিল। কিন্তু তারা উইকেটের পতন ঘটাতে পারলেই আমি অনেক বেশি খুশি হতাম।