Monday, March 21, 2016

সাইবার দস্যুতা ও জাতীয় নিরাপত্তা by জাভেদ ইকবাল

জুন ১৯৮৩ সাল। যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সুপারহিট সিনেমা ওয়ার গেমস। সিনেমার কাহিনি হচ্ছে, এক স্কুলছাত্র ভুলক্রমে আমেরিকান এয়ারফোর্সের মূল নিয়ন্ত্রণ কম্পিউটারে ঢুকে যায় এবং তার মনে হয়, এটা নতুন কোনো ভিডিও গেম। সে গেম খেলে যাচ্ছে, আর তার দেওয়া আদেশে আকাশে উড়ছে যুদ্ধবিমান—ছুটে যাচ্ছে সোভিয়েত ইউনিয়নের দিকে। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। প্রেসিডেন্ট রিগ্যান সিনেমাটা দেখে আমেরিকান সামরিক বাহিনীর প্রধানকে জিজ্ঞেস করেন, ‘এ রকম কি হতে পারে? আসলেই কি কেউ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটারে ঢুকে যেতে পারে?’ জেনারেল এক সপ্তাহ সময় চান এবং তারপর এসে রিপোর্ট দেন যে বাস্তবতা সিনেমার চেয়েও ভয়াবহ। সেই বিশ্লেষণের ফল হিসেবে ১৫ মাস পরে আসে ‘জাতীয় টেলিকমিউনিকেশন এবং স্বয়ংক্রিয় তথ্যব্যবস্থা নিরাপত্তা নীতি’। তবে এত আগে থেকে প্রস্তুতি নেওয়ার পরও যুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটার আক্রান্ত হচ্ছে।
আরও অতীতে যাই আমরা। ৭ ডিসেম্বর, ১৯৪১ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের বাইরে। তাদের ধারণা, দূরত্বের জন্য কেউ তাদের ছুঁতেও পারবে না। এমন সময় জাপানিরা শয়ে শয়ে যুদ্ধবিমান পাঠিয়ে আক্রমণ করে হাওয়াই অঙ্গরাজ্যে, পার্ল হারবার নৌঘাঁটিতে। ডুবে যায় অনেক রণতরি, নিহত হন অনেক নাবিক। তারপর থেকে অচিন্তনীয়, প্রাণঘাতী আঘাত আর পার্ল হারবার সমার্থক হয়ে গিয়েছে। সেই ধারাক্রমে যুক্তরাষ্ট্রের কম্পিউটার বা নেটওয়ার্কের ওপর প্রাণঘাতী কোনো আঘাতকে ‘সাইবার পার্ল হারবার’ বলা হয়। যুক্তরাষ্ট্র ‘সাইবার পার্ল হারবার’ নিয়ে চিন্তিত। বাংলাদেশেও কি তা হতে পারে?
যারা সাইবার আক্রমণ করে, সেই সাইবার অপরাধীরা কয়েক গোত্রের হতে পারে:
১. সুযোগসন্ধানী সাইবার দস্যু—নিজেরা কোনো ভাইরাস বা আক্রমণ উদ্ভাবন করতে পারে না, এরা অন্যের তৈরি করা আক্রমণ ব্যবহার করে। এদের মূল উদ্দেশ্য মাস্তানি বা বাজারে নাম কেনা। এরা সুযোগ পেলে বাহাদুরি করে, কিন্তু কোনো বড় ক্ষতি করার ক্ষমতা এদের নেই।
২. আদর্শের জন্য সংগ্রামরত সাইবার দস্যু (হ্যাকটিভিস্ট), যারা কোনো আদর্শে উদ্বুদ্ধ হয়ে আক্রমণ করে।
৩. অন্তর্ঘাতক সাইবার দস্যু, যারা কোনো কারণে ক্ষুব্ধ হয়ে নিজের দপ্তরকে আক্রমণ করে।
৪. সংগঠিত অপরাধী সাইবার দস্যু (অর্গানাইজড ক্রিমিনাল হ্যাকার), অপরাধ যাদের পেশা এবং যারা এখন তথ্যদস্যুতার মাধ্যমে টাকা বানাচ্ছে।
৫. বিদেশি রাষ্ট্রীয় সাইবার দস্যু (নেশন স্টেট অ্যাক্টর), যখন একটি বিদেশি সরকার এ কাজে লিপ্ত হয়।
আমরা যখন দেখি, একটি ওয়েবসাইট (বাংলাদেশ পুলিশ, র্যাব, সেনাবাহিনী ইত্যাদি) বদলে দিচ্ছে আক্রমণকারীরা, এরা সম্ভবত সুযোগসন্ধানী বা আদর্শিক সাইবার দস্যু। আবার যখন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির কম্পিউটার থেকে রায় বা তাঁর স্কাইপ কথোপকথন রেকর্ড করে ফাঁস করা হচ্ছে, সেটা আদর্শিক সাইবার দস্যুতা—এরা ভুল আদর্শের জন্য বিচার বানচাল করতে চায়। আবার এতে ভিন্ন দেশের রাষ্ট্রীয় সাইবার দস্যুদের ভূমিকাও থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চুরি করেছে সংগঠিত অপরাধী সাইবার দস্যুরা। এরাই ক্রেডিট কার্ড চুরি করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এটিএম থেকে চুরিও সংগঠিত অপরাধী সাইবার দস্যুদের কাজ। এবার দেখা যাক সরকারি সাইবার দস্যুতার কিছু নমুনা:
১. যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের আণবিক বোমা প্রকল্পের ক্ষতি করেছে স্টাক্সনেট নামে একটি ভাইরাস দিয়ে। চার বছর ধরে তারা তিল তিল করে ইরানের সবচেয়ে গোপন নেটওয়ার্কে ঢুকেছে, একটু একটু করে শিখেছে সেখানে কোথায় কী আছে, তারপর একটি বিশেষায়িত ভাইরাস দিয়ে গুরুত্বপূর্ণ কিছু যন্ত্র নষ্ট করে দিয়েছে।
২. ইরানের সরকারি সাইবার বাহিনী আমেরিকান এয়ারফোর্সের ৬০ লাখ ডলার দামের একটি ড্রোনকে ভুল সংকেত পাঠিয়ে ইরানে অবতরণ করিয়েছে। ড্রোনের দামের চেয়েও সেটা থেকে পাওয়া তথ্যের দাম ছিল বেশি এবং ইরানিরা সেই ড্রোনকে কপি করে এখন নিজেরাও ড্রোন বানিয়ে ফেলেছে।
৩. যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টে (ওপিএম) চায়নিজ সাইবার দস্যুরা ১৮ মাস ধরে সব সরকারি কর্মচারীর তথ্য চুরি করেছে।
এ রকম আরও কয়েক শ উদাহরণ আছে। এই লেখা সুযোগসন্ধানী, আদর্শিক বা অন্তর্ঘাতক সাইবার দস্যুদের নিয়ে নয়। এমনকি সংগঠিত অপরাধী সাইবার দস্যুরাও এই লেখার মূল উদ্দেশ্য নয়। এই লেখার মূল উদ্দেশ্য রাষ্ট্রীয় সাইবার দস্যুতা এবং বাংলাদেশের সাইবার অবকাঠামোর ঝুঁকি আর নিরাপত্তা নিয়ে।
বাংলাদেশের মতো ছোট দেশের রাষ্ট্রীয় সাইবার দস্যুদের নিয়ে ভয় পাওয়ার কিছু আছে কী? হয়তো অবাক হবেন, কিন্তু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রীয় সাইবার দস্যুরা অনেক আগেই হানা দিয়েছে। ২০০৯ সালে ঘোস্টনেট নামের একটি ভাইরাস পাওয়া গেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটারে। এ ছাড়া ২০১২ আর ২০১৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল কিছু আদর্শিক সাইবার দস্যু।
আমেরিকা, রাশিয়া, চীন ও বড় সব দেশের সামরিক বাহিনীতে এখন সাইবার যুদ্ধের জন্য আলাদা বাহিনী আছে। কারণটা খুব সহজ, এই সাইবার মাধ্যমে অনেক কম খরচে, গোপনে অনেক বেশি ক্ষতি করা যায় শত্রুপক্ষের। একটা উদাহরণ দিই। একটা এফ-১৬ যুদ্ধবিমানের দাম দুই হাজার কোটি টাকা। সেটা দিয়ে দ্রুত আক্রমণ করা যায় ঠিকই, কিন্তু যদি শত্রু সেটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে এত দামি যুদ্ধবিমান আর একজন পাইলটের প্রাণ, যেটার দাম পরিমাপ করা সম্ভব না, তা নিঃশেষ হয়ে যাবে। ইরানের আণবিক বোমার গবেষণাগার মাটির এক হাজার ফুট নিচে—বিমান থেকে ফেলা বোমা দিয়ে সেটা ধ্বংস করা সম্ভব নয় এবং বোমা মারলে সরাসরি যুদ্ধ বেধে যাবে। কিন্তু মাত্র কয়েক মিলিয়ন ডলার খরচ করে বানানো স্টাক্সনেট ভাইরাস দিয়ে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম আলাদা করার সেন্ট্রিফিউজ যন্ত্র ভেঙে দিয়ে ইরানের আণবিক গবেষণা কয়েক বছর পিছিয়ে দিয়েছিল।
কীভাবে স্টাক্সনেট এই গোপন গবেষণাগারে ঢুকল, জানেন? একজন মার্কিন চর একটা পার্কিং লটে কিছু ইউএসবি বা পেনড্রাইভ ফেলে এসেছিল, যাতে ছিল একটা সম্পূর্ণ নতুন ভাইরাস, যা কোনো অ্যান্টিভাইরাস আটকাতে পারে না। গবেষণাগারের একজন কর্মচারী একটা পেনড্রাইভ তুলে নিয়ে নিজের অফিসের কম্পিউটারে লাগান এবং তারপর বাকিটুকু ইতিহাস।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা নষ্ট করে দিলে বাংলাদেশের জানমালের বিশাল ক্ষতি হতে পারে। কিছুদিন আগেই আমরা দেখেছি গ্রিড বিপর্যয় কত ক্ষতিকর হতে পারে। ভাইরাস পাঠিয়ে জেনারেটর ধ্বংস করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা, সুতরাং এটি শুধু সিনেমার প্লট নয়, এটা বাস্তব।
গ্যাস বা বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন—এগুলো নিয়ন্ত্রণ এবং তথ্য জোগাড় করা হয় স্ক্যাডা নামের একটি প্রণালি দিয়ে। ওপরে বর্ণিত স্টাক্সনেট স্ক্যাডা যন্ত্রপাতিকে আক্রমণ করেছিল। যেসব ভাইরাস দিয়ে এ রকম অবকাঠামো সহজে ধ্বংস করে দেওয়া যায়, সেগুলো যেকোনো মারণাস্ত্রের চেয়েও ভায়াবহ।
সাইবার দস্যুরা আপনার ফোন থেকে আপনার অবস্থান জানতে পারে। কিছু সফটওয়্যার দিয়ে সাইবার দস্যুরা ফোনের কথা শুনতে পারে, খুদে বার্তা চুরি করতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান যদি শত্রুরা জানতে পারে, তাদের সব কথা শুনতে পারে, তা বাংলাদেশের জন্য ভীষণ বিপজ্জনক। তেলের কূপের কন্ট্রাক্ট সরকার কত দামে ছেড়ে দেবে অথবা আগামী বাজেটে কোন পণ্যের ওপর নতুন কর আসছে, সেটা জেনে দেশের অর্থনৈতিক ক্ষতি করা যায়। একজন বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মামলার রায় সম্পর্কে কী ভাবছেন, সেটা জেনে নিয়ে দেশের ভাবমূর্তির ক্ষতি করা সম্ভব।
আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন নই। বাংলাদেশ ব্যাংকের ওপর সাম্প্রতিক আক্রমণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি ভাইরাস, বিচারপতির রায়ের খসড়া চুরি—এগুলো প্রমাণ করে যে দেশি ও বিদেশি শত্রুরা বাংলাদেশের ক্ষতি করতে প্রস্তুত। এই শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এই লেখা শেষ করছি একটি ইংরেজি প্রবাদ দিয়ে। প্রথমবার ঠকলে ঠগের দোষ। দ্বিতীয়বার ঠকলে যে ঠকে, তার দোষ। কারণ সে প্রথম ঠকা থেকে শিক্ষা নেয়নি। এই অপবাদ যেন আমাদের কেউ না দেয় যে আমরা ঠেকেও শিখিনি।
একটি পরিপূর্ণ প্রতিরক্ষা পরিকল্পনা এই লেখার পরিসরের বাইরে, তবে একটি কাজ খুব সহজেই করা যেতে পারে, যা থেকে দীর্ঘমেয়াদি সুফল আসবে। বাংলাদেশ ব্যাংকের ওপর এই আক্রমণের পর দেশে প্রশিক্ষিত, অভিজ্ঞ তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের অভাব খুব প্রকটভাবে চোখে পড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সাইবার নিরাপত্তার ওপর শিক্ষাক্রম শুরু করতে হবে, যাতে আমাদের দেশেই দক্ষ সাইবার নিরাপত্তা জনশক্তি গড়ে ওঠে। তাতে আমাদের সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা আরও মজবুত হবে এবং বিদেশি মুদ্রা অর্জনের আরেকটি পথ হবে।
জাভেদ ইকবাল: তথ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক অবকাঠামো প্রতিরক্ষা বিশেষজ্ঞ। বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত।

তিন মাসের জন্য নিষিদ্ধ রকিবুল

দুপুরে জেমি সিডন্স বলেছিলেন, ইংল্যান্ড সফরের দলেই রকিবুল হাসানকে আশা করছেন তিনি। রাতেই জানা গেল অন্তত টেস্ট সিরিজে পূরণ হচ্ছে না বাংলাদেশ কোচের আশা। শৃঙ্খলাভঙ্গের জন্য রকিবুল হাসানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই সঙ্গে আগামী তিন মাস জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না তাঁকে। বোর্ডের টেকনিক্যাল কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে রাতের বোর্ড সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
গত ১০ মার্চ চট্টগ্রাম টেস্ট শুরুর দুই দিন আগে হুট করেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন রকিবুল। কদিন পরই অবশ্য ফেরার ইচ্ছা জানান। সেই ইচ্ছাকে স্বাগত জানিয়েছে বোর্ড। তবে রকিবুলের আচরণ বাংলাদেশ দলের প্রস্তুতিতে ক্ষতিকর প্রভাব ফেলেছে বলে শাস্তিও পেতে হচ্ছে তাঁকে। নিষেধাজ্ঞার মেয়াদকাল ১৯ মার্চ থেকে ১৯ জুন, যার অর্থ খুব বেশি ক্রিকেট রকিবুল মিস করছেন না। ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলেই ছিলেন না। মে-জুনে ইংল্যান্ডে দুই টেস্টের সিরিজটাই শুধু মিস করবেন। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ শুরু ৮ জুলাই, নির্বাচকেরা চাইলে রকিবুল খেলতে পারেন সেই সিরিজ থেকেই। তবে নিষেধাজ্ঞার সময়টা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তিনি।
বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনো ক্রিকেটার এ ধরনের কাজ করলে তাঁকে বড় শাস্তির মুখোমুখি হতে হবে।

মমতাকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না

মমতা বন্দ্যোপাধ্যায়, দীপা দাশমুন্সি
ভারতের পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকারের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী এবং সাবেক সাংসদ দীপা দাশমুন্সি। গতকাল রোববার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপা বলেন, এবার মমতাকে তিনি ‘ফাঁকা মাঠে গোল’ দিতে দেবেন না। দীপা এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে সিপিএম-তৃণমূল জোটের প্রার্থী হয়েছেন মমতার বিরুদ্ধে। সেখানে শুধু দীপা নন, আরেক শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখে পড়েছেন মমতা। তিনি হলেন বিজেপির প্রার্থী চন্দ্রকুমার বসু। চন্দ্রকুমার নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি। ২০১১ সালের উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতেছিলেন মমতা। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনের প্রার্থী ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মমতা তখন সাংসদ। নির্বাচনে জয়লাভ করার পর সুব্রত বক্সী এই আসন ছেড়ে দেন মমতার জন্য।
এরপরই এই আসনে উপনির্বাচনে প্রার্থী হয়ে জেতেন মমতা। হন মুখ্যমন্ত্রী। মমতা এ আসনে সিপিএমের প্রার্থী নারায়ণ প্রসাদ জৈনকে হারিয়েছিলেন বিপুল ভোটে। এবারও ভবানীপুরেই দাঁড়াচ্ছেন মমতা। গতকাল সকালে প্রথম আলোকে দীপা বলেছেন, চ্যালেঞ্জ করাটা তিনি শিখেছেন তাঁর স্বামী প্রিয়রঞ্জন দাশমুন্সির কাছেই। তিনি বলেন, ‘বিনা চ্যালেঞ্জে এই আসন ছেড়ে দেব না। আমার স্বামী বলতেন, রাজনীতিতে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছাড়া প্রতিষ্ঠা পাওয়া যায় না। এই চ্যালেঞ্জ নিতে পারলেই বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়।’ দীপা বলেন, ‘এবার আমরা মাঠে নেমেছি “তৃণমূল হটাও, বাংলা বাঁচাও” স্লোগানকে অস্ত্র করে। নিশ্চয়ই আমরা এবার আর ফাঁকা মাঠে গোল দিতে দেব না।’ দীপা দাশমুন্সি এ কথাও বলেন, প্রতিপক্ষকে তিনি কোনো সময় দুর্বল মনে করেন না। তিনি বলেন, ‘খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই সত্যিই এক কঠিন কাজ। তবুও আমি এই লড়াইকে গ্রহণ করেছি। এই রাজ্যের মানুষ যে স্বপ্ন নিয়ে তৃণমূলকে গদিতে বসিয়েছিলেন সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। রাজ্যে এখন প্রতিকূল অবস্থা বিরাজ করছে। আমার লড়াই হবে প্রতিকূল অবস্থা থেকে এই রাজ্যকে অনুকূল অবস্থায় ফিরিয়ে আনা।’ দীপা দাশমুন্সি এর আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রার্থী হয়ে সাংসদ হয়েছিলেন। এবার তিনি ফিরে এসেছেন তাঁর জন্মভিটের আসন ভবানীপুরে। এই ভবানীপুরের রাণী ভবানী রোডের বাড়িতেই তাঁর জন্ম।

বৈরিতা ভুলে ওবামাকে বরণ করছে কিউবা

বারাক ওবামা
যুদ্ধজাহাজে চড়ে ১৯২৮ সালে কিউবা সফরে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ। এর দীর্ঘ ৮৮ বছর পর যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক সফরে কিউবায় যাচ্ছেন বারাক ওবামা। বাংলাদেশ সময় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁর কিউবার মাটিতে পা রাখার কথা। বৈরিতা ভুলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত কমিউনিস্ট রাষ্ট্রটি। ৪৮ ঘণ্টার এ সফর ঘিরে কিউবার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ২০১৪ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো তাঁদের দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে সম্মত হন। এর আগ পর্যন্ত ওবামার এই সফর অনুষ্ঠানের বিষয়টি ছিল অকল্পনীয়। ১৯৫৯ সালে কিউবায় সংঘটিত বিপ্লবে সে দেশে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের পতন হলে এ বৈরিতার শুরু। ওবামার সফর উপলক্ষে সাদাপোশাকের পুলিশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে রাজধানী হাভানাকে। রাজধানীর সড়কগুলোর জৌলুশ বাড়াতে পিচঢালার কাজে ব্যস্ত ছিলেন গণপূর্ত বিভাগের কর্মীরা। রাউল কাস্ত্রোর পাশাপাশি বারাক ওবামার ছবি-সংবলিত বিভিন্ন স্বাগত চিহ্ন শোভা পাচ্ছে ওল্ড হাভানার এখানে-সেখানে।
গতকাল বিকেলে হাভানায় পৌঁছানোর পরপরই এ এলাকায় ওবামার যাওয়ার কথা। ওবামার এ সফরের মধ্য দিয়ে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধকালীন বৈরিতার জেরে এক শতাব্দীর বেশি সময় দেশটির সঙ্গে কিউবার সম্পর্ক অস্থির ছিল। সফরে বারাক ওবামার সঙ্গে থাকছেন স্ত্রী মিশেল ওবামা এবং দুই মেয়ে শাসা ও মালিয়া। ওবামা বৈঠক করবেন রাউল কাস্ত্রোর সঙ্গে। তবে রাউলের বড় ভাই ও সাবেক কিউবান নেতা বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গে তাঁর বৈঠক হচ্ছে না। জীবনভর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো কিউবার নাগরিকদের সঙ্গেও সফরে সরাসরি কথা বলবেন ওবামা। স্বদেশে বিরোধীসহ অনেককে সন্তুষ্ট করতে কমিউনিস্ট দেশটিকে তাগিদ দেবেন মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের ব্যাপারেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো তাঁর এ সফরের অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের চেয়ে কখনো কখনো শত্রুদের সঙ্গেই সমঝোতায় বেশি সফল হতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে। যেমন, বিতর্কিত পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরানের সঙ্গে সাম্প্রতিক ঐতিহাসিক চুক্তি সইয়ের বিষয়টি উল্লেখ করা যায়। এ প্রেক্ষাপটে কিউবায় ওবামার এ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। পর্দার অন্তরালে প্রায় দেড় বছর ধরে চলা সমঝোতার ফল হিসেবে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে গত আগস্টে পাঁচ দশক পর আবার কূটনৈতিক সম্পর্ক চালু হয়। ওবামার এ সফর ওই সমঝোতার এক চূড়ান্ত রূপ বলে মনে করা হচ্ছে।