Showing posts with label দৈনিক আমার সংবাদ. Show all posts
Showing posts with label দৈনিক আমার সংবাদ. Show all posts

Monday, June 15, 2020

কালি-মাখা মেঘ ওপারে আঁধার by সুলাইমান সাদী

আষাঢ়ের প্রথম দিন। বৃষ্টি দিয়েই বর্ষাকে আমন্ত্রণ জানাল প্রকৃতি। ঝিরিঝিরি বৃষ্টির ছাটে বর্ষার প্রথম ভোরটি ছিল অপরূপ। আকাশ জুড়ে খেলেছে মেঘেরা। ফাঁকে ফাঁকে সোনালি সূর্য। শেষ গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের পর হঠাৎ প্রকৃতির এ শান্তিময় আয়োজন সত্যিই স্রষ্টাকে মনে করায়।

মনে পড়ে কবিগুরুর আষাঢ় কবিতাটিও— নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে...

কবিগুরু রবীন্দ্রণাথ ঠাকুরের অমোঘ এ ডাক কি সত্যিই বৃষ্টির দিনে ঘরে বসে থাকার আহবান? পাড়ার ছেলেরা কি তাই মনে করে? বর্ষার প্রথম বৃষ্টি কে না উপভোগ করতে চায়?

পাড়ার শিশু-কিশোর, ঘরের ষোড়শী যুবতী, নতুন বিয়ে করা জামাই-বউ, ষাটোর্ধ্ব দাদা-দাদু; সবার ভেতরেই আষাঢ়ের বর্ষা নামিয়ে দেয় প্রাণের চঞ্চল ধারা। সবাই কবিগুরুর ঘরের বাইরে যাওয়ার নিষেধের বেড়া ভেঙে মেতে উঠতে চায় রিনিঝিনি বর্ষার উচ্ছ্বাসে।

কবিগুরু কেন, কেউই কারো নিষেধ মানে না বর্ষার আগমনী উৎসবে মেতে উঠতে। ঋতু বদলের অশুভ লক্ষণের কথা জেনেও ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধায় অনেকে। জ্বরের ঘোরে টিনের চালের নিচে বৃষ্টির ঝুমঝুম বাজনা কতটা মধুর, যারা উপভোগ করেনি তাদের জীবনই বৃথা।

প্রতিবছরই বর্ষা এসে ধুয়ে মুছে দেয় আমাদের প্রকৃতি পরিবেশ। ধুয়ে দেয় আমাদের ভেতরে জমে থাকা বেদনার জঞ্জালও। বর্ষার বৃষ্টিমুখরতা জীবনে ফিরিয়ে আনে নতুন করে বাঁচার ভরসা। সজীব প্রকৃতিতে আরো সতেজ করে তোলে যাপনের উদ্যম।

বর্ষায় বিশেষ করে গ্রামের মানুষের কাজকর্ম কম থাকায় দিন কাটে বিভিন্ন ঘরোয়া খেলা, গল্পস্বল্প, পারিবারিক ঘনিষ্ঠতা বাড়ানোর আয়োজনে। আর এসব আয়োজনকে আরো জমিয়ে তোলে বর্ষার ফলেরা।

ফলের ঋতু গ্রীষ্ম হলেও বর্ষার ফলেরও বাহার কম নয়। জৈষ্ঠ্যের পাকা আম, কাঠাল আর লিচুর দাপট শেষ হতেই শুরু হয় ফলের মহড়া। পেয়ারা, লটকন, আমড়া, জাম্বুরা, জামরুল, ডেউয়া, কামরাঙা, কাউ ও গাবের মতো বিচিত্র স্বাদের ফলগুলো বর্ষার মাহাত্ম্য যেন আরো বাড়িয়ে তোলে। রূপবতী ঋতুরানী বর্ষা হয়ে ওঠে রসেরও রাজকুমারী।

বোশেখের ঝড়ে আম কুড়াতে যেমন সুখ, আষাঢ়ের বৃষ্টিতে জঙ্গলে জঙ্গলে ঘুরে জাম জাম্বুরা কুড়ানোর আনন্দও ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে আধা কাঁচা জাম্বুরা দিয়ে বৃষ্টিমুখর উঠোনে ফুটবল খেলার আনন্দ তো ধরে রাখার মতোই নয়।

ফলের পাশাপাশি ফুলের সাজও কম নয় বর্ষায়। বর্ষায় বিলের পদ্ম আর শাপলা ফুল না তুললে তো উৎসবই জমে না। এছাড়া ঘাসফুল, দোলনচাঁপা, সুখদর্শন, দোপাটি আর স্পাইডার লিলির মতো সুন্দর ফুলগুলো এ ঋতুর সেরা উপহার।

সবার আগে বর্ষার আগমনের জানান দেয় কদম ফুল। তাই বর্ষা এলেই এ ফুলের কথা উঠে আসে সবার আগে। গাছে গাছে ছেয়ে যায় সাদা কদম। ফুটে চালতা ফুলও। কবিরা এসব নিয়ে লিখেছেন কত ছন্দ।

বর্ষা ছড়া আর কবিতারও ঋতু। আবহমান বাংলার কবিকুল ছঋতুর মধ্যে সবচেয়ে বেশি ছড়া-কবিতা লিখেছেন বর্ষা নিয়ে। কবিগুরু রবীন্দ্রণাথ ঠাকুর আরো যেমন বলছেন—

বাদলের ধারা ঝরে ঝরঝর,/আউশের ক্ষেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ওপারে আঁধার/ঘনিছে দেখ্ চাহি রে।

ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন—

আজিও তেমনি করি/আষাঢ়ের মেঘ ঘনায়ে এসেছে/ভারত-ভাগ্য ভরি।

আকাশ ভাঙিয়া তেমনি বাদল/ঝরে সারাদিনমান।

দিন না ফুরাতে দিনের সূর্য/মেঘে হলো অবসান।

কবি ফররুখ আহমদের সেই মিষ্টি ছড়াটি তো এখনো লেগে আছে ঠোঁটে—

বৃষ্টি এল কাশবনে/জাগল সাড়া ঘাসবনে/বকের সারি কোথা রে/লুকিয়ে গেল বাঁশবনে।

নদীতে নাই খেয়া যে,/ডাকল দূরে দেয়া যে,/কোন সে বনের আড়ালে/ফুটল আবার কেয়া যে।

আড়ম্বরপূর্ণ এ ঋতুর বিড়ম্বনাও কিন্তু কম নয়। বর্ষা নিয়ে প্রায় সব কবিরই উচ্ছ্বাস আর প্রসংশা প্রশ্নাতীত হলেও একজন তরুণ কবিকে বর্ষা নিয়ে কবিতা রচনাকারী কবিদের সমালোচনা করতেও দেখেছিলাম। তার মতে বর্ষা নাকি মনমরা করে দেয় মানুষকে। থামিয়ে দেয় জীবনের গতি। আটকে ফেলে জনজীবনের স্রোত।

কথাগুলো খারাপ শোনালেও এর সত্যতা কোনো অংশে কম নয়। বিশেষ করে নাগরিক জীবন অচল হয়ে পড়ে প্রায় এ ঋতুতে। হাজার হাজার মানুষের চাকরি, ব্যবসা, কাজকর্মে মারাত্মক ব্যঘাত ঘটে বৃষ্টি-বিড়ম্বনায়।

নাগরিক জীবন এমনিতে যান্ত্রিক গতিতে চলার পরও অভাবের শেষ থাকে না, তার ওপর পুরো একটা মৌসুম যদি গাঁয়ের কৃষকদের মতো বসে শুয়ে কাটাতে হয় তাহলে তো অচলাবস্থা তৈরি হবেই।

শুধু তাই নয়, বর্ষার পানির সঙ্গে অনেক সময় নানা রোগ, জীবণু, মহামারি ইত্যাদিও হানা দেয়। প্রকৃতিতে একধরনের ভেজা ভেপসা ভাব ধরে যায়। এতে জ্বর, ঠাণ্ডা, কাশি, যক্ষ্মা ছাড়াও বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয় অনেকে।

তাই বর্ষার আনন্দ ভালোভাবে উপভোগ করতে হলে এ মৌসুমে সবচেয়ে বেশি স্বাস্থ্যগত নিয়ম মেনে চলতে হবে। নিজের ঘরবাড়ি, আশপাশ সবসময় পরিস্কার পারিচ্ছন্ন রেখে মৌসুমটা কাটাতে পারলে আনন্দে কোনো রকমের ঘাটতি পড়ার কথা নয়। শুধু প্রয়োজন একটু সচেতনতার।

Thursday, December 19, 2019

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ মিল হলে যা হয়

ছবি-প্রতীকী
বিয়ের আগে সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে নেয়া। কিন্তু আমরা অধিকাংশ মানুষই এই বিষয়টার দিকে কোনও ধরনের নজর দেই না। এ বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক:

স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনও সমস্যা হয় কি? অনেকেই ভাবেন এর ফলে সন্তান সুস্থ হবে না ৷ কিন্তু চিকিত্‍সকদের মতে, এতে কোনও সমস্যাই হয় না। এশিয়াতে প্রায় ৪৬ ভাগ মানুষের রক্তের গ্রুপ ‘বি’। এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ৫ শতাংশ, সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় ১৫ শতাংশ। যেখানে উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ 'বি'। সেখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপের মিল হবে সেটাই স্বাভাবিক।

কিন্তু, যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হয়ে থাকে। সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম অ্যাবনরমালিটি থেকে হয়।

স্বামী পজিটিভ (+) স্ত্রী পজেটিভ (+) হলে সুস্থ সন্তান। স্বামী নেগেটিভ (-) স্ত্রী নেগেটিভ (-) হলে সুস্থ সন্তান ৷ স্বামী নেগেটিভ (-) স্ত্রী পজেটিভ (+) হলে সুস্থ সন্তান। স্বমী পজিটিভ (+) স্ত্রী নেগেটিভ (-) হলে প্রথম সন্তান সুস্থ, দ্বিতীয় থেকে সমস্যা হয়।

Monday, November 18, 2019

অণ্ডকোষ নিয়ে ভয়ংকর তথ্য, কার ছোট কার বড়?

অণ্ডকোষ নিয়ে গবেষণা চালিয়েছে বিদেশি একটি দল। যেখানে উঠে এসেছে ভয়ংকর কিছু তথ্য। যা শুনলে রীতিমত চমকে উঠবেন আপনিও।

অবশ্য কতটা সত্যতা আছে এর, আর কতটা মিথ্যা; সব আপনাদের হাতে ছেড়ে দিলাম। তবে সুদর্শন পুরুষ বনাম কুৎসিত পুরুষ ও বিভিন্ন সুন্দর-অসুন্দর প্রাণীদের মধ্যে চালানো হয়েছে এই গবেষণা। আর এর জন্য নেয়া হয়েছে একটি স্ট্যান্ডার্ড ফিগারও, যেখানে রাখা হয়েছে প্রায় ১০০ এর বেশি প্রাণী।

প্রাপ্তি ফলাফলে এমন একটি তথ্যও দেয়া হয়েছে, যেটাই মূলত অবাক করে দেবে আপনাদের। তাই দেরি না করে চলুন জেনে আসি কী ছিল তাদের এই গবেষণার ফলাফল-

যে সব পুরুষে নারীরা পাগল, তারা দেখতে যতটা আকর্ষণীয় হউক না কেন, তাদের অণ্ডকোষ সাইজে নাকি ছোট হয়, এমনটা জানিয়েছে প্রসিডিংস অব দ্যা রয়াল সোসাইটি বি জার্নাল।

তাদের প্রকাশিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, মানুষ হিসেবে আমাদের প্রজাতিটি ‘প্রাইমেট’ বর্গের অন্তর্ভুক্ত। (প্রাইমেট হল যে বর্গে আছে বিভিন্ন ধরনের বানর, গরিলা, হনুমান) ইত্যাদি।

তবে আকর্ষণীয় পুরুষরা এমন হবে কেন? তাদের এই ধরণের ঘাটতি থাকবেই বা কেন? তার উত্তর মিলেছে এই গবেষণায়। তথ্য বলছে, আসলে কিন্তু বিবর্তনের দিকে থেকেই এসেছে এ বৈশিষ্ট্যটি।

তার কারণ, যাদের অণ্ডকোষ বড়, তাদের যদি চেহারাটাও আকর্ষণীয় হয়; তাহলে সব দিক থেকে ফিট হয় সে পুরুষটি। তাই যে পুরুষ আকর্ষণীয়, তার অণ্ডকোষ ছোট হয়।

আবার যে পুরুষ আকর্ষণীয় নয়, তার অণ্ডকোষ বড় হয়। অর্থাৎ যাতে সব পুরুষদের নারীরা পাত্তা দেন, তাই নাকি এই ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া প্রসিডিংস অব দ্যা রয়াল সোসাইটি বি জার্নালের গবেষণায় আরো জানানো হয়েছে, প্রাইমেট বর্গের (বানর, গরিলা, হনুমান জাতের) প্রাণীদের মাঝে রয়েছে প্রচুর পরিমাণে ‘সেক্সুয়াল কম্পিটিশন’। আর এই কারণে বিবর্তনের ধারায় পুরুষ প্রাইমেটদের মাঝে শারীরিক বিভিন্ন ‘অর্নামেন্ট’ বা আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখা যায়।

যেমন, ওরাংওটাংয়ের মুখের কিছু বৈশিষ্ট্য, প্রোবোসিস মাংকির বড়সড় নাক, এমনকি তাদের দাড়ি—এ সবই নিজ প্রজাতির নারীকে আকর্ষণ করার জন্য এসেছে। আর এই কারণে রূপ না দেয়া হলেও অন্যান্য কিছু সৌন্দর্য তাদের দেয়া হয়েছে।

তবে এই গবেষকরা আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং অণ্ডকোষের আকৃতির মাঝে কোনো যোগসূত্র আছে কি না? তা খতিয়ে দেখার জন্য মানুষসহ আরো ১০৩টি প্রজাতির প্রাইমেটের তথ্য নেন। সেখানে দেখা যায়, যাদের শরীর বিশেষ করে মুখে আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে, তাদের অণ্ডকোষ ছোট হয়। অর্থাৎ যারা দেখতে সুন্দর, তাদের অণ্ডকোষ তুলনামূলক ছোট।

গবেষকরা আরো বলেছেন, যে সব প্রাইমেট পুরুষ দেখতে সুদর্শন, তারা এমনিতেই নারী সঙ্গী পেয়ে যায়। ফলে তাদের শুক্রাণু উৎপাদনে বেশি কষ্ট করতে হয় না, তাই তাদের অণ্ডকোষ ছোট হয়। আর অনায়াসে সব কিছু মিলে যায় বলে অণ্ডকোষের দিকে গুরুত্বই দেয় হয় না।

অন্যদিকে যেসব প্রাইমেট দেখতে আকর্ষণীয় নয়, তাদের বংশবিস্তারের সুযোগ বেশি থাকার জন্য একবারের বেশি পরিমাণে শুক্রাণু নিঃসরণ করার দরকার হয় এবং এ কারণেই তাদের অণ্ডকোষ বড় হতে দেখা যায়। অর্থাৎ তারা দেখতে সুদর্শন নয় বলে বংশ বিস্তারের সময় তাদের অনেক মনোযোগী হতে হয়। ফলে শুক্রাণু নিঃসরণ বেড়ে যাওয়ায় তাদের অণ্ডকোষ বড় হয়।

তবে এই নয় শুধু; গবেষণা করতে গিয়ে আরো দেখা গেছে, যেসব প্রাইমেট পুরুষের ক্যানাইন দাঁত বড় হয় (অর্থাৎ সে মারামারি করতে গিয়ে বেশি সুবিধা পায়) তার অণ্ডকোষও বড় হয়।

এই গবেষণার লেখক ছিলেন ইউনিভার্সিটি অব জুরিখের স্টেফান লুপোল্ড। তিনি পরিশেষে জানান, এককথায় বলতে গেলে সবচেয়ে আকর্ষণীয় পুরুষের অণ্ডকোষ ছোট হয়। আর অসুন্দর পুরুষেরটা বড় হয়।

Monday, August 12, 2019

বৃষ্টিভেজা নামাজগুলো by রোকন রাইয়ান

অফিসে থাকলে জুমা পড়ি বাফুফে মাঠে। কংক্রিটের মতিঝিল। উ‍ঁচু উঁচু দালান। মাঝখানে একপুচ্ছ সবুজ মাঠ। সেটি ঢেকে আছে নানারকম গাছে। এক শুক্রবার রুকু সেজদায় মশলার ঘ্রাণ পেলাম। নামাজ শেষে দেখি পাশের গাছটি তেজপাতার। বৃষ্টিতে ভিজে মৌ মৌ ঘ্রাণ ছড়াচ্ছে। সেই নামাজের অনুভূতি ছিল সত্যিই ‘শিহরিত’।

আজকের জুমার দিনট‍া সকাল থেকেই ভেজা। বৃষ্টি হচ্ছে তো ছাড়ছে। ছাড়ছে তো ধরছে। অফিসে এলাম টুপ টুপ বৃষ্টি মাথায়। ১ টায় যখন বেরুচ্ছি তখনও হালকা বৃষ্টি। কোনোমতে দৌড়ে মাঠে পৌঁছলাম। স্যাঁতস্যাঁতে ঘাস। একটা গাছের নিচে দাঁড়িয়ে গেলাম। খুতবা শুরুর আগে ইমাম ঘোষণা দিলেন বাইরে বৃষ্টি- সবাইকে চেষ্টা করি ভেতরে জায়গা দেয়ার।

বাফুফের সামনের মসজিদটা ছোট। আবার এক তলা। মুসল্লি আসার আগেই মসজিদ ভরে যায় এই হাল। তাই ইমাম সাহেব ঘোষণা করলেও অবস্থা তথৈবচ। তবে খুতবা শেষ হলে বৃষ্টির ছিটে কমলো। আধোভেজা চটে দাঁড়াতে শুরু করলেন মুসল্লিরা। অনেকেই বগলে রাখা জায়নামাজ ফেলতে লাগলেন কাদাযুক্ত রাস্তায়।

সপ্তাহের বাকি দিনে যারা নামাজের ধারে কাছেও যান না তাদেরও টার্গেট থাকে জুমা যেন মিস না হয়। অনন্য ফজিলতের নামাজ বলে কথা। যাকে বলা হয়েছে গরিবের ঈদ। যে কারণে শহরের মসজিদগুলোতে দেখা মেলে অনন্য চিত্র। মসজিদ উপচে পড়ে মুসল্লিতে। রাস্তায় ছড়িয়ে যায় কাতারে কাতার।

বছর দুয়েক আগের কথা। তখন মদিনাবাগ মসজিদে জুমা পড়তাম। অফিস থাকায় একটু দেরিতেই আসতাম আমরা। তাই গাড়ি ফেল করা মানুষের মতো রাস্তাই ছিল আমাদের ভরসা। সেবার বৃষ্টির মৌসুমেও প্রচণ্ড গরম ছিল। জুমার দিন রোদ ছিল আকাশে। তবে একখণ্ড কালো মেঘ ঘুরছিল মাথার উপর।

খুতবা শুরু হলে রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেলাম। তখনও কালো একখণ্ড মেঘ ছাড়া বাকি সব পরিস্কার। তবে ইমাম সাহেব রুকুতে যেতেই শুরু হলো বৃষ্টি। কিন্তু সামান্য বৃষ্টির জন্য তো মহান হুকুম নামাজ ছাড়া যায় না। সবাই ধুম বৃষ্টিতেই নামাজ সারলেন। কাপড় চোপড় তো ভিজলই সাথে মোবাইল মানিব্যাগও ভিজে একাকার।

তবে আশপাশে তাকিয়ে দেখি কারো মুখে বিরক্তির ছাপ নেই। যেন অসীম তৃপ্তি দিয়েছে বৃষ্টিভেজা এ নামাজ। পরোক্ষ পূন্যের পাশাপাশি যেন বাহ্যিক বৃষ্টিতে ধুয়ে গেছে শরীর। তখনকার অনুভূতিটা কেমন ছিল? বলার ভাষা নেই। শিহরিত’র চেয়েও আসলে বেশি কিছু।

ছোটবেলায় একবার ঈদের নাম‍াজ ভেসে যেতে দেখেছি বৃষ্টিতে। নানা মাওলানা মুসলেম উদ্দিন ঈদের নামাজ পড়াতেন। তার হাত ধরে আমিও গেলাম মাঠে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি ছিল। তবে ততটা গায়ে মাখার মতো ছিল না বলে মানুষ জন আসতে শুরু করেছে মাঠে।

বিপত্তি বাঁধলো নামাজ শুরুর আগে। তুমুল বৃষ্টি বলতে হয় এমন ফোটা শুরু হলো। আমরা কোনোমতে মিম্বারের চাদোয়ার নিচে দাঁড়িয়ে আছি। দুয়েকজন পাশ থেকে ছাতা ধরেছেন। সেই বৃষ্টি টানা আধঘণ্টর মতো চললো। মাঠ ভিজে একাকার। আটকে গেছে পানিও। নামাজ পড়ার উপক্রম নেই। যে কয়জন মুসল্লি ছিলেন সব‍াই পাশের মসজিদে চলে গেলেন। নানার হাত ধরে আমিও গেলাম।

নামাজ শেষ হলো। কিন্তু আমার মনে হলো ঈদের আমেজ যেন আগেই শেষ হয়েছে। ঈদের নামাজও আজ পড়া হয়নি। পড়েছি জোহর নামাজ।

কাঠফাটা গরমে যখন হাহুতাশ করে মানুষ। কণ্ঠ শুকিয়ে কাঠ হয়। তখন বৃষ্টির অপেক্ষায় চাতক পাখি হই আমরা। আল্লাহ তায়ালা রহমতের বারি ঢেলে দেন। বৃষ্টি তার অপার সৌন্দর্যের লীলা দেখায়। আমরা তৃষিত হৃদয় সজীব করি। এই বৃষ্টি নামাজেও আনে তৃপ্তি। তাই কবি আহ্বান করেন- আজ বৃষ্টির জায়নামাজে/ আয় না মুমিন আয় নামাজে।

Sunday, August 11, 2019

কারাগারে খালেদা জিয়ার দেড় বছর by আবদুর রহিম

বছর পেরিয়ে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দিজীবন। ৮ আগস্ট পূর্ণ হলো দেড় বছর। দিন-ক্ষণে ৫৪৪ দিন! এরই মধ্যে বদলে গেছে তার জীবনধারা। রাত জাগার পুরনো অভ্যাস ত্যাগ করেছেন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় কক্ষের বাতি রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই নিভে যেত। এরপর আদালতের নির্দেশে চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেও ঠিক সময়মতো তাকে ঘুমিয়ে যেতে হচ্ছে।

অতীতে রাজনীতিতে মুক্ত সময়ে নানা কাজে ব্যস্ত থাকলেও এখন বন্দি অবস্থায় কারারক্ষীদের সঙ্গে আড্ডা দিয়ে, চিকিৎসকের সঙ্গে কথা বলে আর গৃহপরিচারিকা ফাতেমার সঙ্গে খুনসুঁটিতে কাটছে দিবা-নিশি।

তবে হাসপাতালে অধিকাংশ সময় চুপচাপই থাকেন খালেদা জিয়া। সময় কাটে ইবাদত-বন্দেগি আর বই ও পত্রিকা পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারই প্রথম কারাজীবন নয় খালেদা জিয়ার। এর আগে ১৯৮২ সালের ৩ জানুয়ারি রাজনীতিতে যোগ দেয়ার পর তিনি মোট চারবার গ্রেপ্তার হন।

এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর তিনি গ্রেপ্তার হন।

তবে তখন তাকে বেশি দিন আটক থাকতে হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ৩৭২ দিন জাতীয় সংসদ ভবন এলাকার স্থাপিত বিশেষ সাব জেলে এক বছরেরও বেশি সময় ছিলেন তিনি।

সর্বশেষ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতের রায়ে পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাগারে ঢুকেন খালেদা জিয়া। ওই দিন থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে শুরু হয় তার কারাজীবন।

এরপর অসুস্থকার কারণে আদালতের নির্দেশে এখন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার বিরুদ্ধে ৩৫ মামলার মধ্যে একটিতে জামিন হলে, অন্য মামলা সামনে আসছে। এভাবেই চলছে জামিনের সংগ্রাম।

সর্বশেষ গত সপ্তাহে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদার জামিন আবেদন সরাসরি নাকচ হয়ে যায়। দলে জামিনের আশা সৃষ্টি হলেও তাও ফের বন্ধ হয়ে যায়।

তার দেখাশোনার জন্য প্রথম দিন থেকে স্বেচ্ছায় কারাগারে রয়েছেন গৃহপরিচারিকা ফাতেমা। এ নিয়ে শুরু থেকেই ছিলো বিতর্কও।

পরে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খালেদা জিয়াকে দেখাশোনার জন্য ফাতেমাকে কারাগারে রাখার নির্দেশ দেন।

সূত্র জানায়, কারাগারে খালেদা জিয়া শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, হার্ট, চোখ ও হাঁটুর সমস্যায় ভুগছেন। সেই সঙ্গে ডায়াবেটিসের কারণে তার চোখের সমস্যা হচ্ছে।

গত বছরের ৫ জুন কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করাতে সরকারের কাছে একাধিকবার দাবিও জানায় বিএনপি। কিন্তু সে দাবি পূরণ হয়নি।

অন্যদিকে, ধীরে ধীরে খালেদা জিয়ার সঙ্গে পরিবার ও দলের নেতাদের দেখা পাওয়ার অনুমতি কমে আসে। বিএনপির অভিযোগ, বন্দিদের আইনসম্মত অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন তিনি।

৫ সেপ্টেম্বর কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়া বলেন, আপনাদের যত দিন ইচ্ছা, যত ইচ্ছা সাজা দেন। আমি বারবার আদালতে আসতে পারব না। আমি অসুস্থ। আমি পা নাড়াতে পারি না। ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছেন।

খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডায়াবেটিস কখনো ১৮ থেকে ২০ এর নিচে নামেনি। তিনি হাঁটতে পারেন না। খেতে পারেন না। এখন তার ডায়াবেটিস ২০-এর নিচে নামছেই না। তিনি পা সোজা করতে পারছেন না। হাঁটতে তো পারেনই না।

হুইল চেয়ার ছাড়া তিনি চলতেই পারেন না। তাকে হুইল চেয়ারে করেই ওয়াস রুমে, শাওয়ার নিতে অথবা বিছানায় নিতে হয়। অথচ সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের লোকেরা বলে বেড়াচ্ছে, আমরা তার (খালেদা জিয়া) স্বাস্থ্য নিয়ে প্রতিদিন বলে বেড়াচ্ছি। তার স্বাস্থ্য নিয়ে তার পরিবার, আমরা, দেশবাসী সবাই চরম উদ্বিগ্ন।

ডা. জাহিদ আরো বলেন, তার এখন বয়স ৭৫। এই বয়সে তার যে শারীরিক অবস্থা, তা একজন চিকিৎসক হিসেবে আমাদের কাছে খুব ঝুঁকিপূর্ণ।

যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। পরিণতি মারাত্মক রূপ নিতে পারে। আমরা চিকিৎসক হিসেবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মারাত্মক উদ্বিগ্ন।

শক্তিশালী আন্দোলন ছাড়া শুধু আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে শিগগিরই খালেদা জিয়াকে কারামুক্ত করার কোনো আশা দেখছেন না বিএনপির সিনিয়র নেতা ও খালেদার আইনজীবীরা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি এবং এর নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করতে খালেদা জিয়াকে মুক্তির একক ইস্যুতে আন্দোলনের দিকে দলটির মনোনিবেশ করা উচিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া কারাগার থেকে বের হবেন এবং এ দেশের মানুষ তাকে বের করবে, সংগ্রামের মধ্যে দিয়েই বের করবে। আমরা বারবার এ সংকটে পড়েছি, বিপদে পড়েছি।

Saturday, August 10, 2019

মশার ওষুধে টালমাটাল অবস্থা by ফারুক আলম

সর্বত্রই এখন ডেঙ্গু আক্রান্তে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় ঢাকা দুই সিটি কর্পোরেশন মশার ওষুধ আমদানিতে টালমাটাল অবস্থা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, ওষুধ আমদানিতে সিন্ডিকেট ভাঙা হয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন ওষুধের নমুনা পরীক্ষা করতেই কয়েকদিন সময় লাগিয়েছে। এখনো চূড়ান্ত কোনো প্রতিবেদন দিতে পারেনি। মশার ওষুধের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিকনিদের্শনা দিতে পারছে না।

গতকাল বুধবার এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) দ্বিতীয় ধাপের মশার ওষুধ মাঠপর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নতুন ওষুধটির উৎপাদনকারী ট্র্যাগরোজ নামে ভারতীয় একটি কোম্পানি।

নগরভবনের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, মাঠপর্যায়ে মশার ওষুধের পরীক্ষা সন্তুষ্টজনক। এখন ল্যাব টেস্ট এবং সর্বশেষ প্ল্যান্ট প্রটেকশন টেস্ট করা হবে।

ডিএসসিসির ৭ তলার ৬১৯ কক্ষে সিলগালা করে রাখা তিন ধরনের ওষুধের তিনটি করে নয়টি খাঁচা ও দুটিতে ওষুধ প্রয়োগ ছাড়াই মোট ১১টি পরীক্ষার খাঁচা বের করা হয়। এরপর নুরুজ্জামান বলেন, ভারত থেকে সংগৃহীত নমুনা ওষুধের ফিল্ড টেস্ট রিপোর্ট পর্যালোচনায় ওষুধ শতভাগ কার্যকর। সংগৃহীত নমুনার ম্যালাথিউন ৫% ও ডেলটাম্যাথরিন ১.২৫% নামের দুটি ওষুধ ১০০ ভাগ কাজ করেছে। এই নমুনা ওষুধকে মাঠপর্যায়ে শতভাগ উত্তীর্ণ।

এ সময় কৃষি অধিদপ্তরের প্ল্যান্ট প্রটেকশন উইংয়ের যুগ্ম পরিচালক ড. আমিনুর ইসলাম বলেন, এটি মাঠপর্যায়ে ওষুধ পরীক্ষা হয়েছে। এতে ২৪ ঘণ্টায় ৮০ শতাংশ মশা মরলেই ওষুধ কার্যকর ধরা হয়। এখন তিনটি ওষুধই গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হবে।

সেখানে প্রতিটি ওষুধের উপাদান উত্তীর্ণ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্ল্যান্ট প্রটেকশন উইংয়ে মশার ওষুধের গবেষণা করতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগবে। তিনি আরও বলেন, ফগার মেশিনের ওষুধের গুণগতমান নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু লার্ভাসাইটের ওষুধ নিয়ে কোনো প্রশ্ন উঠেনি।

আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মিনতি সাহা বলেন, মশার ওষুধ টেস্ট করতে ১৫-২০ মিনিট সময় লাগবে। এখন সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে পরীক্ষা করছে। এসব ওষুধ তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণের পর চূড়ান্ত হবে।

ডিএসসিসির মশার ওষুধসহ আরও দুটি নতুন ওষুধ পরীক্ষা করে। সেখানে সিটি কর্পোরেশন বর্তমানে যে ওষুধ ব্যবহার করছে সেটিতে ৯৯ শতাংশের বেশি মশা মারা গেছে। আর নতুন দুটি ওষুধের একটি ১০০ ভাগ অন্যটিতে ৯৯.৩৩% মশা মারা গেছে।

এ ব্যাপারে নুরুজ্জামান বলেন, যে ওষুধে ৮০ শতাংশ মশা মরে সেটি কার্যকর ধরা হয়ে থাকে। মাঠপর্যায়ে ওষুধ উত্তীর্ণ হয়েছে। ওষুধের চূড়ান্ত রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করি দুই-তিন দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে ওষুধের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে।

জানা যায়, দুই দিনের ব্যবধানে দুইবার মশার ওষুধ পরীক্ষা চালানো হয়েছে। প্রথম ধাপের ওষুধ মাঠপর্যায়ের পরীক্ষায় অকার্যকর হওয়ায় দ্বিতীয় ধাপে পরীক্ষা চালায়। এতে দ্বিতীয় ধাপের ওষুধ মাঠপর্যায়ে উত্তীর্ণ হয়েছে। প্রথম ধাপের মশার ওষুধ পরীক্ষায় ৩০ মিনেটের ব্যবধানে সর্বোচ্চ ২৬ শতাংশ মশা ভূপাতিত হয়।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় ২০ মিনেটে ৮০ শতাংশ মশা ভূপাতিত হয়েছে। প্রথম ধাপের পরীক্ষার ওষুধ অকার্যকর। দ্বিতীয় ধাপের পরীক্ষার মশার মাঠপর্যায়ে কার্যকর ও সন্তোষজনক। তবে ল্যাবে পরীক্ষার পরেই নতুন মশার ওষুধ সিটি কর্পোরেশন আমদানি করবে।

সিন্ডিকেটে জিম্মি হয়ে আছে মশার ওষুধ আমদানি। হাতেগোনা কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে মশার ওষুধ। লিমিট অ্যাগ্রো প্রোডাক্ট এবং নোকন- এ দুই কোম্পানি ওষুধ সরবরাহ করছে সিটি কর্পোরেশনগুলোয়।

এর মধ্যে দীর্ঘদিন মশক নিধনে ভেজাল ওষুধ সরবরাহের অভিযোগে লিমিট অ্যাগ্রো প্রোডাক্ট কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ফলে প্রয়োজনেই আর একটি কোম্পানির কাছ থেকে ওষুধ নিতে হচ্ছে।

এ ব্যাপারে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ১৭ কোটি মানুষের দেশে দুটি কোম্পানি ওষুধ আনবে, বাকিরা কেন পারবে না? একটি বা দুটি কোম্পানির সিন্ডিকেটের কারণে আজ পুরো জাতির কাছে আমরা প্রশ্নবিদ্ধ। আমদানিকারক থাকলেও তারা ওষুধ আমদানি করতে পারছে না। দুটি কোম্পানি পুরো সিস্টেমকে ম্যানেজ করে রেখেছে। এটা চলতে পারে না।

জানা যায়, ২০১৫ সালের ৫ অক্টোবর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশে ওষুধ আমদানির বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পেস্টিসাইড কারিগরি উপদেষ্টা কমিটি (পিটাক) সভার সিদ্ধান্ত মোতাবেক কৃষিকাজে ব্যবহার্য ও জনস্বাস্থ্যে ব্যবহার্য বালাইনাশক দ্রব্যাদির নতুন রেজিস্ট্রেশনের জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়।

এখানে প্রোডাক্টের তথ্য-উপাত্ত, কারিগরি মূল্যায়ন, মিশ্রণের পরিমাণ এবং মূল্যায়ন, ভ্যাট সার্টিফিকেট, কোম্পানি মালিকের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের সচ্ছলতা সনদ, এনওসি, প্রোডাক্ট নমুনা মূল্যায়ন এবং বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) নতুন নিবন্ধন থাকা বাধ্যতামূলক করা হয়।

কিন্তু এই বিজ্ঞপ্তিকে বিধিমালা হিসেবে প্রচার করে সিন্ডিকেটে জিম্মি করে ফেলা হয়েছে দেশের কীটনাশক আমদানি খাতকে। তিন-চারটি কোম্পানির হাতে রয়েছে এই আমদানির চাবিকাঠি। নতুন কোনো কোম্পানিকে এই ধাপগুলো পার করে ওষুধ আমদানির সুযোগ দেয় না এই সিন্ডিকেট।

দীর্ঘদিন ধরে এসব মশার ওষুধ অকার্যকর প্রমাণিত হলেও সিন্ডিকেটের কারণে নতুন ওষুধ কিনতে পারছে না সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর গবেষণায় এসব ওষুধ অকার্যকর প্রমাণিত হলেও তাদের কাছ থেকেই ওষুধ কিনতে হচ্ছে।

দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে- সেগুলো আইসিডিডিআর,বি ঘোষিত অকার্যকর ওষুধ। নতুন ওষুধ কেনার আগ পর্যন্ত এগুলো ব্যবহার করা হবে।

এ মুহূর্তে কোনো বিকল্প না থাকায় সংশ্লিষ্টরা ওষুধগুলোকে কার্যকর প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত কোনো পরীক্ষায় এ ওষুধ কার্যকর বা মানসম্পন্ন প্রমাণিত হয়নি। তবে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মাঠপর্যায়ের পরীক্ষায় সিটি কর্পোরেশনের ব্যবহূত মশার ওষুধকে কার্যকর বলা হয়েছে।

ছুটছেন সিন্ডি রোলিং!

প্রবাসী হলেও সিনেমার টানে প্রতি বছর বাংলাদেশে ছুটে আসেন সিন্ডি রোলিং।

তার প্রত্যাশা তিনি দর্শকদের নিয়মিত ভালো চলচ্চিত্র উপহার দেবেন।

তারই ধারাবাহিকতায় বর্তমানে ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘লিভ ফর লাইফ’ শিরোনামের চলচ্চিত্রের গানের ভিডিওতে নতুন রূপে দেখা যাবে সিন্ডি রোলিংকে। এই ভিডিওতে সাদা শাড়ি ও লাল টিপ পরিহিত সিন্ডিকে দেখা যাবে নদীর ধারে রাধা রমনের গানের চিত্রায়নে।

সিন্ডি জানান, এই চলচ্চিত্রের জন্য তিনি প্রায় ৬ মাস ভ্রু প্লাক ও কোন মেকআপ ব্যবহার করেননি। এছাড়া নিজের ওজনেরও পরিবর্তন করেছেন। সব মিলিয়ে কঠোর অনুশীলন করেছেন তিনি।

ভার্সেটাইল ক্যারেক্টারে নিজেকে খাপ খাওয়ানো তার পুরাতন অভ্যাস। চ্যালেঞ্জিং সব ক্যারেক্টারে আগে তিনি শাকিব খানের বিপরীতে ‘সুপার হিরো’, আরেফিন শুভর সঙ্গে ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’ এবং রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রেও অভিনয় করেন।

ছাড়া ‘কমন জেন্ডার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে দর্শক সমালোচকরেও নজর কেড়েছেন এই অভিনেত্রী।

আইটেম গান দিয়ে যাত্রা শুরু করে অ্যাকশন লেডি, ভিলেন ও স্টাইল আইকন হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রকাশ করেছেন।

Friday, August 9, 2019

সম্পূর্ণ আলাদা ধাঁচের ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’

আজহা উপলক্ষে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী জুটির নবম ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। মুক্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আমার সংবাদের সঙ্গে কথা বলেছেন শবনম বুবলী
নতুন ছবি প্রসঙ্গে—
‘মনের মতো মানুষ পাইলাম না’ খুব সুন্দর গল্পের ছবি। গুণী নির্মাতা জাকির হোসেন রাজু এটি নির্মাণ করেছেন। গত ঈদে আমাদের ‘পাসওয়ার্ড’ যেমন ধাঁচের ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা ধাঁচের ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। আমাদের বর্তমান অনেক সমসাময়িক বিষয় তুলে ধরা হয়েছে গল্পে। আমার মনে হয়, এ ছবির গল্প আমাদের প্রত্যেকের মনের কথা। সত্যিকার অর্থেই ছবিটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।
আপনার চরিত্রটি নিয়ে বলুন—
চরিত্রের ধরন নিয়ে এখন আর কিছু বলতে চাইছি না। এখন তো অল্প সময় বাকি আছে। আমি আশা করব দর্শক হলে গিয়েই ছবিটি উপভোগ করবেন। এরমধ্যে ছবির গান এবং ট্রেলার প্রকাশ হয়েছে। এ ছবিটি দেশপ্রেমের গল্প, পারিবারিক বন্ধনের গল্প, সবকিছু মিলিয়ে অনেক এ ছবিতে অনেক উপাদান পাবেন। আর শাকিব-ববুলী জুটিকে সম্পূর্ণ ভিন্নভাবেই দেখবেন দর্শক।
শাকিব-বুবলী জুটির নবম ছবি এটি—
খুব ভিন্ন গল্পের ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করা হচ্ছে। সহশিল্পী হিসেবে উনি অনেক হেল্পফুল এটা আমি বরাবরই বলে আসছি। শুধুমাত্র সহকর্মী না, উনি সেটে থাকলে খুটিনাটি অনেক বিষয় দেখাশোনা করেন। যেটা একজন অভিনয় শিল্পীর জন্য বড় কিছু। এখন পর্যন্ত উনার সঙ্গে কাজ করে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। কারণ, প্রতিটি ছবিতে ভিন্ন চরিত্র, ভিন্ন গল্প নিয়ে কাজ করা হচ্ছে। সব মিলিয়ে জার্নিটা চমৎকার।
এবার পশুর নাম কি?
গতবারের আগেরবার আমাদের কোরবানির গরুর নাম ছিল ‘পঙ্খীরাজ’। গতবার ছিল ‘যুবরাজ’। এবারের নাম এখনো ঠিক করা হয়নি। দুই একদিনের মধ্যে হয়ে যাবে আশা করি। কোরবানির পশু কিন্তু এক সময় আমাদের আপন হয়ে যায়, তাই কোরবানির সময় আমাদের কষ্ট লাগে। আর পশু যখন হাট থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু একধরনের মায়া কাজ করে। সেই মায়া থেকেই আমরা আমাদের পশু নামকরণ করি। সবাই খুব আনন্দ করেই ঈদটা কাটাব আশা করি।
অন্যান্য ব্যস্ততা—
এখন আপাতত ‘মনের মতো মানুষ পাইলাম’ ছবিটি নিয়েই আছি। ঈদের পর থেকে ‘বীর’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবির কাজও প্রায় শেষের দিকে। শিগগিরই ডাবিং ও বাকি শুটিং হয়ে যাবে বলে আশা করছি।
দর্শকের উদ্দেশ্যে বলুন—
সবাইকে অগ্রিম ঈদে শুভেচ্ছা। ঈদে আনন্দ করার পাশাপাশি সবাই হলে গিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেখুন। আমার মনে হয় এ ছবিটি দর্শকদের প্রশান্তি দিবে। বাকিটা দর্শক ছবিটি দেখেই বলবেন।

Thursday, August 8, 2019

কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর, বদলানো হবে ১০ জিলহজ

গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসের কাছে কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর করেছেন। এসময় কাবার প্রধান তত্ত্বাবধায়ক শায়খ সালেহ বিন যাইনুল আবিদিন আশ শিবলিসহ মসজিদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাবা শরিফে নতুন গিলাফটি পরানো হবে ১০ জিলহজ সকালে। ওই মক্কায় ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। অন্যদিকে হজপালনকারীরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে থাকবেন মিনায়। মিনা থেকে ফিরে হাজিরা নতুন গিলাফ দেখতে পাবেন।

এর আগে ২৪ জুলাই মসজিদে হারামের তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা তৈরিকৃত নতুন গিলাফ কারখানায় গিয়ে দেখে আসেন। এসময় কাবার প্রধান তত্ত্বাবধায়ক শায়খ সালেহ বিন যাইনুল আবিদিন আশ শিবলিসহ মসজিদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাবা শরিফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়। গিলাফের মোট পাঁচটি টুকরো বানানো হয়। চারটি টুকরো চারদিকে এবং পঞ্চম টুকরোটি দরজায় লাগানো হয়। টুকরোগুলো পরস্পর সেলাইযুক্ত।

কাবার শরিফের গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় ৬৭০ কেজি রেশম, ১৫০ কেজি সোনা ও রুপার চিকন তার। ৪৭ থান সিল্কের কাপড় দিয়ে তৈরি করা হয় এই গিলাফ। এর মোট আয়তন ৬৫৮ বর্গমিটার। প্রতিটি থান এক মিটার লম্বা, ৯৫ সেন্টিমিটার চওড়া। এগুলো পরস্পরের সঙ্গে সেলাই করা।

প্রতিবছর দুটি করে (একটি সতর্কতামূলক) গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে আট থেকে নয় মাস। অন্যটি মেশিনে মাত্র এক মাসে তৈরি করা হয়।

Saturday, August 3, 2019

কাজ কমলেও বাড়ছে ব্যয় by জাহাঙ্গীর আলম

সাড়ে চার বছর চলে গেলেও কাজে নেই গতি। মে পর্যন্ত আর্থিক অগ্রগতি মাত্র ৩৩ শতাংশ। কচ্ছপগতিতে চলছে কাজ। সাইক্লোন সেন্টার নির্মাণসহ বিভিন্ন অঙ্গে অসঙ্গতির মধ্য দিয়েই এসব কাজ হচ্ছে। অপরদিকে, সাইক্লোন সেন্টার সংযোগকারী সড়ক ও ব্রিজ নির্মাণ কমলেও বাড়ছে ব্যয়।

এর অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

এটি যেনতেন কোনো প্রকল্প নয়, ফণী, সিডর, আইলার মতো বিভিন্ন দুর্যোগের সময়ে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় আশ্রয় নেয়ার জন্য বাস্তবায়নাধীন ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প’র বাস্তব চিত্র। প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এলজিইডি মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ শুরু হলে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বেও আলোচনার ঝড় উঠে।

সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাসের হাত থেকে জনগণকে রক্ষা এবং তাদের সম্পত্তিসহ গৃহপালিত জীব-জন্তুর নিরাপদ আশ্রয় দেয়ার উদ্যোগ নেয় সরকার।

একই সঙ্গে যাতে দুর্যোগপ্রবণ এলাকায় ব্যাপকভাবে শিক্ষা এবং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়।

এরই অংশ হিসেবে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পটির অনুমোদন দেয় সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ২ হাজার ৯২৫ কোটি টাকা।

প্রকল্পটি ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২১ সালে বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়।

প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতি অর্থবছরেই সরকার অনেক অর্থও বরাদ্দ দেয়। তারপরও কাজে নেই গতি। প্রকল্পগুলোর মধ্যে বরিশাল বিভাগের আওতাভুক্ত জেলাগুলো হচ্ছে- বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর জেলা।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা। প্রকল্পের প্রধান কাজ ধরা হয় ৯ জেলার ৭৪টি উপজেলার জন্য নতুন আশ্রয়কেন্দ্র ৫৫৬টি। এর মধ্যে বরিশালে ৫৮টি, ভোলায় ৪২, কক্সবাজারে ৬২, লক্ষ্মীপুরে ৩৪ এবং নোয়াখালীতে ৩৫টি।

এসব নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয় ১ হাজার ৭৩৫ কোটি টাকা।

এছাড়া বিভিন্ন জেলায় ৪৫০টি বিদ্যমান আশ্রয়কেন্দ্র সংস্কারে ব্যয় ধরা হয় ৩১৬ কোটি টাকা। দুর্যোগপ্রবণ মানুষের জন্য ৫৫০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৫৫৮ কোটি টাকা।

এছাড়া যানবাহন, যন্ত্রপাতি ও অফিস ইকুইপমেন্ট বাবদ ব্যয় ধরা হয় প্রায় ২৫ কোটি টাকা, ডিজাইন ও সুপারভিশনে ব্যয় ধরা হয় ১২৪ কোটি টাকা, ব্যক্তি পরামর্শকের জন্য ব্যয় ধরা হয় আট কোটি টাকা।

এছাড়া অন্যান্য অঙ্গ ব্যয়ের জন্যও অনুমোদন দেয় সরকার। দুর্যোগের সময় ওই এলাকার জনগণ খুবই অসহায় হয়ে যায়।

তাই ২০১৪-১৫ অর্থবছরে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। প্রকল্পটি যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য প্রতি অর্থবছরে বেশি করে অর্থও বরাদ্দ দেয় সরকার। চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৬২১ কোটি টাকা। তারপরও কিন্তু গত পাঁচ বছরে গতি আসেনি উন্নয়ন কাজে।

ডিপিপি অনুযায়ী লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ৬৪৪ কোটি ৭৩ লাখ টাকা বা ৫৬ শতাংশ। তাই উন্নয়ন প্রকল্প প্রস্তাব- ডিপিপি থেকে অগ্রগতি পিছিয়ে আছে ৩০ শতাংশ। লক্ষ্যমাত্রার ধারেকাছেই নেই।

মে মাস পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৯৮০ কোটি ৫০ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪১ শতাংশ। বাস্তব অগ্রগতি ৩৯ দশমিক ১০ শতাংশ। নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ হয়েছে অর্ধেকেরও কম, মাত্র ২৫০টি। বিদ্যমান আশ্রয়কেন্দ্র সংস্কার হয়েছে মাত্র ২৭০টি। আর সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে মাত্র ২৫ কিলোমিটার।

সূত্র আরও জানায়, পাঁচ বছর পার হয়ে গেলেও কাজের বাস্তব চিত্র কি তা জানতে সম্প্রতি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে।

তাতে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। গত বছরের ১১ জানুয়ারি প্রকল্পের বিভিন্ন আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করে আইএমইডি। তাতেও বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে।

সংশোধনের জন্য প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হলে তা যাচাই-বাছাই করতে সম্প্রতি প্রকল্প মূল্যায়ন কমিটি- পিইসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয় সাইক্লোন সেন্টার নির্মাণ, বিদ্যমান সেল্টারসমূহের উন্নয়ন ঠিক রাখা হলেও সাইক্লোন সেল্টার সংযোগকারী সড়ক ও ব্রিজ নির্মাণ ও পুনঃনির্মাণ ৫৫০ কিলোমিটার থেকে কমিয়ে ধরা হয়েছে ১৮২ কিলোমিটার।

এ অঙ্গেই ব্যয় কমছে ৩২৯ কোটি টাকা। তারপরও ব্যয় ২ হাজার ৯২৫ কোটি টাকা থেকে ৩ হাজার ১৮৭ কোটি টাকায় বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এতে মোট ব্যয় বাড়ছে ২৫২ কোটি টাকা বা প্রায় ৯ শতাংশ।

তবে বাস্তবায়নকাল সময় ২০২১ সাল ঠিক রাখা হয়েছে। সভায় কিছু ব্যাপারে আপত্তি করে তা সংশোধন করতে বলা হয়েছে। তা সংশোধন করে ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হলে বাকি কাজ শেষ করে শিগগিরই একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে সূত্র জানায়।

সার্বিক ব্যাপারে জানতে প্রকল্প পরিচালক জাবেদ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার সংবাদকে বলেন, প্রকিউওরমেন্টের কাজ ২০১৮ সালে শেষ করার কথা ছিলো, কিন্তু তা হয়নি। তাই কাজে একটু দেরি হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫৫৬টি নতুন আশ্রয়কেন্দ্রের মধ্যে ২৫০টির কাজ চলছে। ৬টি হ্যান্ডওভার করা হয়েছে। বাকি কাজ শেষ করে নির্দিষ্ট সময়েই অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

Friday, July 26, 2019

২৬২ খ্রিস্টানকে বাঁচানো সেই ইমামকে যুক্তরাষ্ট্রের পুরস্কার

জীবনের ঝুঁকি নিয়ে ২৬২ খ্রিস্টানকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সেই ইমাম আবদুল্লাহ আবু বকর যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যাওয়ার্ড জিতেছেন। খবর সিএনএনের

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রথম আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা পুরস্কার লাভ করলেন তিনি। এছাড়াও সুদান, ব্রাজিল, ইরাক ও সাইপ্রাসের চার ধর্মীয় নেতাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গত বছরের ২৩ জুনে আফ্রিকার গৃহযুদ্ধের সময় নাইজেরিয়ার এই ইমাম নিজ বাড়ি ও মসজিদে ২৬২ খ্রিস্টানকে লুকিয়ে রেখে আশ্রয় দেন। ওই দিন প্লেটো রাজ্যের বারকিন লাদি অঞ্চলের ১০ গ্রামে উগ্রপন্থীরা অতর্কিত হামলা চালিয়েছিল।

জানা যায়, ওই হামলার সময় নিজের জীবন বাজি রেখে এগিয়ে আসেন স্থানীয় মসজিদের ইমাম আবদুল্লাহ আবু বকর। তিনি হামলাকারীদের তোপের মুখে খ্রিস্টান কৃষকদের নিরাপত্তা দেন। তবে বিষয়টি জেনে যায় হামলাকারীরা। তারা আবদুল্লাহ আবু বকরের বাড়িতে এলে তিনি ইসলামের দৃষ্টিতে তাদের ভুল ধরিয়ে দেন। এসব খ্রিস্টান কৃষকের জীবন রক্ষায় তাদের কাছে অনুরোধ করেন। একসময় তাদের জীবন রক্ষায় বিনিময়ের প্রস্তাবও করেন। একপর্যায়ে হামলাকারীরা ইমামের বাড়িতে আশ্রয় নেয়া ২৬২ খ্রিস্টানকে ছেড়ে চলে যায়।

সেদিন আবদুল্লাহি আবু বকরের মানবতা, ভ্রাতৃত্ববোধ, নিঃস্বার্থ ভালোবাসা ও ইসলামের বাণীর কাছে মাথানত করেছিল উগ্রবাদীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির সে অনন্য নজির গড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার জন্য মসজিদের ইমাম আবদুল্লাহি আবু বকরকে সম্মাননা দিল।

এ স্বীকৃতি লাভ ও সম্মানার জন্য আবদুল্লাহি আবু বকরকে অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।

তিনি বলেন, ভ্রাতৃত্ব বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে দেশের সম্মান সুমহান করেছেন আবু বকর। তিনি বার্তা দিয়েছেন, প্রকৃত মুসলমান কখনও সন্ত্রাস ও হত্যাজজ্ঞ সমর্থন করে না।

Wednesday, July 24, 2019

ছেলেধরা গুজবে বাড়ছে মৃত্যুর মিছিল by নুর মোহাম্মদ মিঠু

মিথ্যা আর কুসংস্কারের এক অভিনব সমন্বয়ে সৃষ্ট গুজব— কখনো মিথ্যা, কখনো আংশিক সত্য, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করার এক অভিনব কৌশল।

তবে সত্য-মিথ্যা আর প্রতিহিংসা— গুজবে কার ভূমিকা কতটুকু তার সঠিক হিসাব মেলানো কঠিন। সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির মোক্ষম হাতিয়ার গুজব বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। বঙ্গবন্ধু থেকে পদ্মা সেতু।

এর মাঝেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে মাথা কাটার গুজব। যে গুজবের সত্যতা যাচাই না করে চিলের পিছে ছুটে চলা মানুষেরা শঙ্কিত হয়ে পড়ে। যার দরুণ যেখানে সেখানে আইন নিজের হাতে তুলে নেয়ায় ঘটছে ফৌজদারি অপরাধ।

গুজবের পেছনে স্বার্থান্বেষী কোনো একটি গ্রুপ থাকে। আরেক গ্রুপ থাকে, যারা এই গুজবকে কাজে লাগায়। বঙ্গবন্ধু সেতু নির্মাণ ও পদ্মা সেতুতে অভিন্ন রূপে উত্তীর্ণ হয়েছে দেশের মানুষ। এ যেন বিনাবিচারে মানুষ হত্যার উন্মাদ আচরণ!

চলমান গুজবের মধ্যেই নেত্রকোনায় এক মাদকাসক্তের কাছে শিশুর কাটা মাথা পাওয়া যায়। ওই ব্যক্তিকেও গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। অথচ গণপিটুনিতে প্রাণ হারানোর কারণে জানা যায়নি শিশুটির মাথা কাটার কারণ।

এরপর কক্সবাজার, ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির খবর পাওয়া গেছে। যা প্রতিনিয়তই ঘটছে। কিন্তু কক্সবাজারের ঘটনায় আহত রোহিঙ্গা তরুণী ধর্ষণ থেকে রক্ষা পেতে সাহায্য করতে ডেকেছিলেন শিশুকে। অথচ ছেলেধরা মনে করে লোকজন তাকে গণপিটুনি দেয়।

ভাগ্যক্রমে ওই তরুণীকে পুলিশে দেয়ায় এ যাত্রার তিনি প্রাণে বাঁচলেও বাঁচতে পারেননি রাজধানীর বাড্ডায় ছেলেকে স্কুলে ভর্তি করাবেন বলে তথ্য জানতে আসা নারী তাসলিমা বেগম রেনু। তিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে বসে কথা বলছিলেন, অথচ গুজবের বশে উত্তেজিত জনতা তাকে টেনেহিঁচড়ে বের করে এনে গণপিটুনি দিয়ে হত্যা করেছে।

কিন্তু কারো ভাবনায় একবারের জন্যও আসেনি— তিনি আদৌ ছেলেধরা কি না! নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানেও গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। কিন্তু কেউই নিশ্চিতভাবে জানেন না, ওই যুবক আসলেই ছেলেধরা ছিলেন কি না। কিন্তু সেসব বিবেচনার আগেই তার জীবন শেষ।

কেবল সন্দেহের বশে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা গুরুতর ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুলিশ সদর দপ্তর দেশের মানুষকে আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ করে। কেবল কিছু ব্যতিক্রম বাদে কোনো অবস্থায়ই আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। যারা কেবল সন্দেহের বশে এমন গর্হিত কাজ করেছেন, তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার মধ্যে বাড্ডার ঘটনায় ইতোমধ্যে ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। দেশে ইমারজেন্সি সার্ভিস ৯৯৯ রয়েছে। পুলিশ অ্যাপসে সারাদেশের পুলিশের নম্বর আছে।

যেকোনো বিষয়ে কারো সন্দেহ থাকলে পুলিশকে সেটি জানানোর ব্যবস্থাও রয়েছে। কিন্তু চিলে কান নিয়ে গেছে ভেবে চিলের পেছনে ছোটা এ জাতি তার নাগালে থাকা সকল আইনি সুবিধা গ্রহণ না করেই চলমান গুজবে ফৌজদারি অপরাধের জড়াচ্ছে।

এ বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান এসপি তবারক উল্লাহ বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এ নিয়ে বিশেষ নির্দেশনা রয়েছে আমাদের প্রতি। তবে দুঃখজনক হলেও সত্য— ছেলেধরা সন্দেহে যেসব বিচ্ছিন ঘটনা ঘটছে, সেগুলো ঘটার পরই আমরা জানতি পারছি। কিন্তু ঘটনার আগে কেউই জাতীয় জরুরি সেবায় ফোন করে ছেলেধরা সন্দেহে আটক ব্যক্তিদের বিষয়ে বলছেন না। তার আগেই তারা এসব ঘটনা ঘটাচ্ছেন।

এদিকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমে বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানোকে কেন্দ্র করে সমপ্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটানো ফৌজদারি অপরাধ।

তিনি আরও বলেন, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকুন। কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজবিজ্ঞানী ড. এ এইচ এম আমান উল্লাহ বলেন, পশ্চাৎপদ দেশেও গুজবের সংস্কৃতি রয়েছে। ভারত, আফ্রিকাসহ উন্নত দেশেও গুজবের সংস্কৃতি আছে।

আফ্রিকায়ও অনেক মানুষ গুজবের কারণে মৃত্যুবরণ করতে দেখা যায়। তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এটা বেশিই হচ্ছে। আমাদের দেশে গুজব তৈরি করা হয়। যেটা করছে— কোনো একটি স্বার্থান্বেষী মহল।

এটা নিজে নিজে কখনোই তৈরি হয় না। এ গুজব কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে এবং গুজব তৈরিতে জড়িতদের আইনের আওতায় এনে তার রহস্য জানতে হবে। শাস্তির মুখোমুখি করতে হবে।

বিচারের আওতায় না আনলে এসবের কারণ অজানাই থেকে যাবে। তিনি বলেন, সমাজকে ডিস্টিবিলাইজড করা, সমাজের দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে দেয়া, রাষ্ট্রের মোড় ঘুরিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্যই কোনো একটি মহল গুজব সৃষ্টি করে।

মূলত গুজব সৃষ্টির করে তারা অন্য কাজ করছে। গুজবের আড়ালে তাদের স্বার্থ হাসিলের কাজকে লোকচক্ষুর আড়াল করতেই সমাজ কিংবা রাষ্ট্রকে গুজবে বিভোর করছে স্বার্থন্বেষী মহল। এ মহল দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে অশিক্ষিত বেশি এবং কুসংস্কার বেশি। রাষ্ট্রকেই এসব নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সক্ষমতা দেখাতে হবে। তবে সেটা আইনের মধ্য থেকেই করতে হবে— ক্রসফায়ারের মাধ্যমে নয়।

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারী নিহতের ঘটনায় ৪০০ জনকে আসামি করে মামলা দেয়ার বিষয়ে তিনি বলেন, এভাবে সঠিক সমাধান হবে না, ঢালাওভাবে মামলা করে ঘুষ-বাণিজ্য ছাড়া কিছুই হয় না।

এসব ঘটনায় স্থানীয়ভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত করার মধ্য দিয়েই বিচারের আওতায় আনতে হবে।

এদিকে গত রোববার পর্যন্ত ছেলেধরা সন্দেহে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ছয়জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছেন ২১ জন।

২১ জুলাই ময়মনসিংহের ভালুকার ধামশুর এলাকার একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় আয়ার কাজ করা পাঁচগাঁও গ্রামের গৃহবধূ মালেকা খাতুনকে বাড়িতে ঢুকে পানি চাওয়ায় ছেলেধরা সন্দেহ হাত-পা বেঁধে গণপিটুনি দেয় বাড়ির মালিক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লালমনিরহাটে শনিবার রাতে একইভাবে মানিসক প্রতিবন্ধী আরেক নারীকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

এ ঘটনায় ওই নারীকে উদ্ধার করতে গেলে পুলিশের এক কর্মকর্তাকেও আহত করে তারা। কুমিল্লায় সরদ উপজেলার আমড়াতলী এলাকায়ও ছেলেধরা সন্দেহে নারীসহ তিনজনকে গণপিটুনি দেয়া হয়। নওগাতেও ছেলেধরা সন্দেহে ছয় জেলেকে গণপিটুনি দেয় জনতা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২১ জুলাই ছেলেধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। পাবনার ভাঙ্গুড়ায় ছেলেধরা সন্দেহে খুশিয়ারা (৩০) নামে এক গৃহবধূকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বান্দরবানে ছেলেধরা সন্দেহে রোকেয়া আক্তার (১৮) নামে এক রোহিঙ্গ্যা নারীকেও গণপিটুনি দিয়েছে জনতা। এ ছাড়া পাবনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির হাতে থেকে এক নারীসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জহুরুল (৩০) ও জিয়া উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তি এবং সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা গ্রাম থেকে সোনিয়া (২৩) নামে এক নারীকে উদ্ধর করে পুলিশ।

গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও এক নারী। যাকে সাভার মডেল থানা এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় জনতা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলাও হয়েছে বলে জানা গেছে।

বাড্ডায় নিহত নারী ছেলেধরা ছিলেন না, ৪০০ জনের বিরুদ্ধে হত্যামামলা সন্তানকে স্কুলে ভর্তির জন্য স্কুলে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক হতভাগ্য মা। তার নাম তাসলিমা বেগম রেনু (৪০)।

শনিবার সকালে রাজধানীর বাড্ডায় এ ঘটনা ঘটলেও এই হতভাগ্য মায়ের পরিচয় মিলে রাতে। নিহত তাসলিমা বেগম রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ সনাক্ত করেন। নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

সৈয়দ নাসির উদ্দিন টিটু ঢামেক হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, নিহত হওয়া ওই নারী তার খালা তাসলিমা বেগম রেনু। বয়স আনুমানিক ৪০ বছর।

তিনি মহাখালীর ৩৩/৩ জিপি জ ওয়ারলেস গেইটে থাকতেন। তার দুই ছেলে। এর আগে তিনি স্কুলের পাশে আলী মোড় এলাকায় স্বামী তসলিম হোসেনের সাথে পরিবার নিয়ে থাকতেন।

দুবছর আগে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালীতে বাসা ভাড়া করে থাকতেন।

তিনি ছেলেধরা ছিলেন না। তিনি আরও বলেন, নিহত রেনু শনিবার সকালে উত্তর বাড্ডায় ওই স্কুলে গিয়েছিলেন সন্তানকে ভর্তি করানোর জন্য খোঁজখবর নিতে।

সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন থাকতে ওই এলাকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করায় ক্ষোভ প্রকাশ করে এর বিচার দাবি করেন তিনি। নিহত রেনু লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার সোনাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।

তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় বাড্ডা থানায় ৪০০-৫০০ জনের বিরুদ্ধে একটি হত্যামামলা দায়ের হয়েছে। মামলাটি বাদি হয়ে দায়ের করেন নিহত রেনুর ভাগ্নে নাসির উদ্দিন টিটো। মামলা নম্বর- ৩০।

বাড্ডা থানার ওসি (অপারেশন) ইয়াসিন গাজী বলেন, নিহত হওয়া নারীর ভাগিনাসহ স্বজনরা লাশ প্রাথমিকভাবে শনাক্ত করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।