Thursday, May 6, 2010

‘গর্ডন ব্রাউন ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী’

নিজ দলের সদস্যদের কাছ থেকেই প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ক্ষমতাসীন লেবার পার্টির একজন প্রার্থী তাঁকে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেছেন।
টোরিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নরফোক নর্থ-ওয়েস্টে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মানিস সুদ স্থানীয় লিন নিউজ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনে এ পর্যন্ত যত প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তাঁর দৃষ্টিতে তাঁদের মধ্যে গর্ডন ব্রাউন সবচেয়ে খারাপ। ব্রাউনের সব নীতিই দেশে বিপর্যয় ডেকে এনেছে। অভিবাসীদের সংখ্যা দিনদিন বাড়ছে। তারা সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি করছে। এ জন্য ব্রাউনের উচিত ব্রিটেনের জনগণ ও রানির কাছে ক্ষমা চাওয়া।
গতকাল মঙ্গলবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়।

বিএনপির ঘেরাও কর্মসূচি

গণতন্ত্রে যেকোনো ব্যক্তি বা দলের মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। তাই বলে নিজের মত প্রকাশ করতে গিয়ে অন্যদের ঘরবন্দী করা কিংবা তাদের দুর্ভোগ বাড়ানোর এখতিয়ার কারও নেই। গত সোমবার বিএনপি নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের নামে যে মহানগরের কয়েকটি ব্যস্ততম সড়ক দখল করে রেখেছিল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভোলা উপনির্বাচনের ফলাফল বাতিল, পুনর্নির্বাচন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তারা সমাবেশ ও নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয়। এ কর্মসূচির ব্যাপারে তারা যে আন্তরিক ছিল না, সমাবেশে জ্যেষ্ঠ নেতাদের গরহাজিরই তা প্রমাণ করে। শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখী পদযাত্রাটি বাংলামোটরে সমাপ্তি ঘোষণা করা হলেও বিভিন্ন সড়কে যানজট ভয়াবহ রূপ নেয়। ঘরমুখী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ে। যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে যেতে বাধ্য হয়েছেন।
আমরা বরাবরই সড়ক বন্ধ ও সরকারি জায়গা দখল করে জনদুর্ভোগ বাড়িয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিরোধিতা করে আসছি। রাজনৈতিক দলগুলোকে এর বিকল্প সন্ধান করতে হবে। যে কর্মসূচি কোনো সুফল বয়ে আনে না, সেই কর্মসূচি দিয়ে কী লাভ? ভোলার নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু হয়েছে, সেই দাবি কেউ করবেন না। নির্বাচন কমিশনও কিছু কিছু অনিয়ম চিহ্নিত করে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে দিয়েছিল। এই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অকাট্য তথ্য-প্রমাণ থাকলে এবং তা যদি নির্বাচন বাতিল করার মতো হয়, তবে বিএনপির উচিত আদালতে প্রতিকার চাওয়া। কিন্তু সে পথে না গিয়ে তারা যে পথ বেছে নিয়েছে, তা জনগণের দুর্ভোগ বাড়াল।
আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো ক্ষমতায় থাকতে এক রকম, ক্ষমতার বাইরে গেলে অন্য রকম। দেশবাসীর উদ্বেগ-উৎকণ্ঠার কারণও তা-ই। এ নিয়ে ক্ষমতাসীনদেরও আত্মপ্রসাদ লাভের কোনো সুযোগ নেই। বিরোধী দলে থাকতে তারাও রাজপথ দখলের প্রতিযোগিতায় ছিল। এমনিতেই দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক। বিদ্যুৎ, পানির অভাবে নগরজীবন প্রায় বিপন্ন। তদুপরি রাজপথ দখল করে আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিলে জনজীবন অচল হয়ে পড়তে বাধ্য। সেটি কারও কাম্য নয়। রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, এমন কোনো কর্মসূচি নেওয়া ঠিক হবে না, যাতে জনগণের কষ্ট ও দুর্ভোগ বাড়ে, সংঘাত-সংঘর্ষের আশঙ্কা থাকে। যে জনগণের জন্য রাজনীতি, তাদের কষ্ট বাড়িয়ে কি কখনো দেশসেবার মহৎ দৃষ্টান্ত স্থাপন করা যাবে? এতে জনসমর্থনও বাড়বে না, রাজনৈতিক উদ্দেশ্যও হাসিল করা যাবে না।

প্রথম আসন ছিনিয়ে নিতে আশাবাদী গ্রিন পার্টি

ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো একটি আসনে বিজয় ছিনিয়ে নেওয়ার আশা করছে পরিবেশবাদী গ্রিন পার্টি। ছোট হলেও গ্রিন পার্টি যুক্তরাজ্যে একটি গুরুত্বপূর্ণ দল।
ব্রাইটন প্যাভিলিয়ন আসনে রক্ষণশীল দলের প্রার্থীর বিপরীতে লড়ছেন গ্রিন পার্টির ক্যারোলাইন লুকাস। এই আসনে জয়ের আশা করে গ্রিনপার্টি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় এক মুখপাত্র জানান, এই নির্বাচনী এলাকায় গত সপ্তাহান্তে তাঁদের শতাধিক কর্মী জোর প্রচারণা চালিয়েছে। ভোটারদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে

দলের পরাজয়ের পুরো ‘দায়দায়িত্ব’ নেবেন ব্রাউন

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল লেবার পার্টি জয়লাভে ব্যর্থ হলে তিনি এর পুরো ‘দায়দায়িত্ব’ নেবেন। গত সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জিএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গর্ডন ব্রাউন বলেন, ৬ মে ‘যাই ঘটুক’, তিনি এর দায়দায়িত্ব নেবেন। প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি যদি কোনো প্রার্থক্য গড়ে দিতে না পারেন, তাহলে তিনি সরে দাঁড়াবেন এবং অন্য কিছু করবেন।
ব্রাউনের প্রতি প্রশ্ন ছিল, যদি সাধারণত দলীয় কিংবা তাঁর ব্যক্তিগত কারণে জনগণ লেবার পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তিনি কী করবেন? জবাবে তিনি বলেন, ‘আমাকে দায়দায়িত্ব নিতে হবে। যাই ঘটুক না কেন, আমি পুরো দায়দায়িত্ব নেব।’ এ সময় স্ত্রী সারাহ ব্রাউন তাঁর সঙ্গে ছিলেন।
গর্ডন ব্রাউন বলেন, তবে হাজার হাজার ভোটার এখনো মনস্থির করেননি। তাঁরা যখন উপলব্ধি করবেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিদ্যালয় ও জাতীয় স্বাস্থ্য পরিষেবা রক্ষায় লেবার পার্টির সুনির্দিষ্ট কর্মপন্থা রয়েছে, তখন তাঁরা লেবার পার্টির দিকেই এগিয়ে আসবেন।
গর্ডন ব্রাউন আরও বলেন, কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটসের তুলনায় লেবার পার্টি ‘আন্তরিক দল’।
প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি সেবামূলক কাজ করবেন। ব্যবসা কিংবা অন্য কিছু করতে চান না বলেও তিনি উল্লেখ করেন।

ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে?

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ সময়ের বিভিন্ন জনমত জরিপ আভাস দিচ্ছে, এবার কোনো দলই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। রাজনৈতিক বিশ্লেষকেরাও তেমনটি মনে করছেন। ফলে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে একবার মাত্র ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হয়েছিল।
ঝুলন্ত পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন পায় না। অন্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়। ফলে সরকার পার্লামেন্টে কোনো আইন পাস করতে চাইলেও অন্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হয়। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৬৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ৩২৬টি আসনে জিততে হবে। কোনো দলই প্রয়োজনীয় আসন না পেলে অন্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। এটিই হবে ঝুলন্ত পার্লামেন্ট।
এবারের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টি গতবারের চেয়ে ২৪টি আসন কম পেলে একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে। আর একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিকে গতবারের চেয়ে কমপক্ষে ১১৬টি আসন বেশি পেতে হবে। এ দুটির কোনোটিই না হলে ঝুলন্ত পার্লামেন্টের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। নির্বাচনে লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টিই প্রথম কিংবা দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে ধরে নিয়েই এমনটা বলা হচ্ছে।
তবে নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠন করতে পারে। এ জন্য বড় দলটিকে ছোট ছোট কিছু দলের সঙ্গে জোট করে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন সংগ্রহ করতে হয়। সে ক্ষেত্রে অনেক সময় বৃহত্তম দলটিকে নীতির প্রশ্নে ছাড় দিতে হয় কিংবা মন্ত্রিপরিষদে ছোট দলটির নেতাদের স্থান দিতে হয়। জোট সরকার গঠনের পরও বড় দলটিকে ছোট দলগুলোর সঙ্গে চুক্তি করতে হয়—পার্লামেন্টে সরকার পতনের জন্য ভোটাভুটি হলে তারা যেন সরকারের পক্ষেই ভোট দেয়।
আবার বড় দলটি কোনো ছোট দলের সঙ্গে চুক্তি না করেও সরকার গঠন করতে পারে। সে ক্ষেত্রে পার্লামেন্টে অন্য দলগুলোর উত্থাপিত বিভিন্ন বিল পাস করবে সরকার, বিনিময়ে সরকারকে তারা সমর্থন দিয়ে যাবে।
তবে এসবের কোনোটিই সম্ভব না হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাবে। তখন আবার নির্বাচন হতে হবে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দুটি সাধারণ নির্বাচন জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একবারই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ১৯৭৪ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হ্যারল্ড উইলসনের নেতৃত্বে লেবার পার্টি ৩০১টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। এডওয়ার্ড হিথের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি পায় ২৯৭টি আসন। ঝুলন্ত পার্লামেন্ট গঠন করেন হ্যারল্ড উইলসন। কিন্তু সেই পার্লামেন্ট বেশি দিন স্থায়ী হয়নি। একই বছরের অক্টোবরে আবারও নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হ্যারল্ডের লেবার পার্টি।

জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিলেন ক্যামেরন

লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ বলেছেন, জোট সরকার গঠনের জন্য তিনি কোনো পূর্বশর্ত দেননি।
গতকাল মঙ্গলবার দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে ক্যামেরনকে আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এ ক্ষেত্রে লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর সময় ডেভিড ক্যামেরন ইঙ্গিত দেন—তিনি আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য লিবারেল ডেমোক্র্যাটসদের সমর্থনের প্রয়োজন হবে না।
গতকাল মঙ্গলবার নেতা নিক ক্লেগ বলেছেন, জোট গঠনের জন্য তিনি কোনো পূর্বশর্ত দেননি। জিএমটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ক্লেগ বলেন, আলোচনায় পূর্বশর্তের কথা তিনি কখনোই বলেননি। তিনি কথা বলেছেন পরিবর্তনের ব্যাপারে। যার জন্য তিনি লড়াই করতে চান।
সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া একটি নথিতে দেখা গেছে জোট সরকার গঠনের জন্য ক্লেগের দল বেশ কিছু শর্ত দিয়েছে।

কনজারভেটিভ পার্টিকে গণমাধ্যমের সমর্থন

ক্ষমতাসীন দল লেবার পার্টির ওপর থেকে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যমগুলো সুদৃষ্টি উঠিয়ে নিয়েছে। ঢালাওভাবে তারা সমর্থন করে যাচ্ছে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিকে। দি সান, টাইমস, ইকোনমিস্ট-এর মতো পত্রিকাগুলো অনেক আগেই প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের দল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে দ্য ফাইনান্সিয়াল টাইমস। পত্রিকাটি গতকাল মঙ্গলবার প্রধান বিরোধী দলকে সমর্থন করে সম্পাদকীয় ছাপিয়েছে। এতে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টিই পারবে ব্রিটেনে সবচেয়ে ভালো ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে। পাশাপাশি ক্ষমতাসীন দলের অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ব্যর্থতার কড়া সমালোচনা করা হয়েছে। এতে বলা বলেছে, বিরোধী দলে গিয়ে দলকে গুছিয়ে নতুন করে পুনরুজ্জীবিত করাটাই হবে এখন লেবার পার্টির প্রধান কাজ।
ফাইনান্সিয়াল টাইমস বলেছে, সরকারে আসার জন্য ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি যোগ্যতর দল নয়। তবে তাদের দলীয় প্রজ্ঞা সমর্থনযোগ্য। তারাই পারবে মানুষের সম্পদ বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে।
পত্রিকাটি বলেছে, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে এবং বিদেশে শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরতে ব্রিটেনে এ মুহূর্তে সুস্থিত ও রীতিসিদ্ধ সরকার দরকার। এ জন্য কনজারভেটিভ পার্টিই সবচেয়ে উপযুক্ত দল। তবে পত্রিকাটি কনজারভেটিভ পার্টির ব্যাপারে কিছুটা সংশয়ও প্রকাশ করেছে। দলটির রক্ষণশীল মনোভাবের কারণে ইউরোপের বিরাগভাজনে পরিণত হওয়া এবং ক্যামেরনের রাজনৈতিক অনভিজ্ঞতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ব্রিটেনের সাধারণ নির্বাচন কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। লেবার পার্টির সামনে টানা চারবারের মতো ক্ষমতায় আসার সুযোগ এটি। কিন্তু দলটির এ বিজয়ের ব্যাপারে এখন পর্যন্ত কেউ আশার কথা শোনাতে পারেনি। নির্বাচনপূর্ব জনমত জরিপের বেশির ভাগ ক্ষেত্রে লেবার পার্টি পিছিয়ে আছে। তাদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। জরিপে দ্বিতীয় স্থানে আছে মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটস। আর তৃতীয় স্থানে লেবার পার্টি। এ অবস্থায় জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নাও করতে পারে। সে ক্ষেত্রে ক্ষমতায় জোট সরকারকে দেখা যেতে পারে।
ফাইনান্সিয়াল টাইমস আরও বলেছে, লেবার পার্টি জনসেবা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। জনসেবার মান উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে দলটি, যদিও সবসময়ই যে এ বিনিয়োগ জনকল্যাণে হয়েছে, তা নয়। মাঝেমধ্যে তা বেহাতও হয়েছে। এ অবস্থায় দলকে আবার ক্ষমতায় আনার মতো দক্ষতা ব্রাউনের নেই। তবে দেশের উন্নয়নে স্থপতিতুল্য হচ্ছেন ব্রাউন। দেশের ক্ষতি করার মতো লোক তিনি নন।
ব্রিটেনে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের সমর্থন আদায়ের বিষয়টি যেকোনো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত গণমাধ্যমগুলো যেদিকে যায়, ভোটারদের রায়ও সেদিকে। ১৯৮৭ সালের পর এই প্রথম কনজারভেটিভ পার্টিকে সমর্থন করল ফাইনান্সিয়াল টাইমস

ইতালিতে বোরকা পরায় জরিমানা

বোরকা পরায় এক মুসলমান নারীকে জরিমানা করেছে ইতালির পুলিশ প্রকাশ্য স্থানে মুখ ঢাকা নিষিদ্ধকারী আইন ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেওয়া হয়। উত্তরাঞ্চলীয় নোভারা শহরে এ ঘটনা ঘটে। বোরকা পরার কারণে কাউকে জরিমানা করার ঘটনা ইতালিতে এটাই প্রথম।
নোভারা মিউনিসিপ্যাল পুলিশের কর্মকর্তা মাউরো ফ্রানজিনেলি গতকাল মঙ্গলবার বলেন, নগর পুলিশ গত সোমবার রাতে তাঁকে ৫০০ ইউরো জরিমানা করেছে। ওই নারী চাইলে জরিমানা মওকুফ করার আবেদন করতে পারবেন।

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের কামা চিনেন গত রোববার মারা গেছেন। আর মাত্র এক সপ্তাহ পরই ছিল তাঁর ১১৫তম জন্মদিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গতকাল মঙ্গলবার এ কথা জানায়। খবর এএফপির।
কামা চিনেন তাঁর জীবনের শেষ সময়গুলো হুইল চেয়ারে বসে কাটালেও প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করতেন। উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের গারট্রুড বেইনেস মারা যাওয়ার পর কামা চিনেন ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী।
এদিকে তাঁর মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হলেন ফ্রান্সের ইউজিন ব্ল্যাশার্ড। তিনি ক্যারিবীয় দ্বীপের সেন্ট বার্থেলেমিতে বাস করছেন।

গোপনীয়তা মামলায় জিতলেন ব্রিটেনের ছয় সন্দেহভাজন সন্ত্রাসী

সন্ত্রাসের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দায়ের করা ক্ষতিপূরণ মামলায় নিজের পক্ষ সমর্থনে ব্রিটিশ সরকারের গোপন সাক্ষ্যপ্রমাণ ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছেন সে দেশের আপিল আদালত।
গুয়ানতানামো বে বন্দিশিবিরে আটক থাকা ছয় সন্দেহভাজন সন্ত্রাসীকে এর আগে বলা হয়েছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবহূত ব্রিটিশ গোয়েন্দা বিভাগের সাক্ষ্যপ্রমাণের কিছু অংশ গোপন রাখা যাবে।
যুক্তরাষ্ট্র কর্তৃক তাঁদের আটক করার বিষয়টি ঠেকানো যেত এই দাবি করে উল্লিখিত ছয় ব্যক্তি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। বিভিন্ন দেশের কারাগার ও গুয়ানতানামো বন্দিশিবির হয়ে যুক্তরাজ্যের উদ্যোগে তাঁরা সে দেশে ফেরত আসেন।
মঙ্গলবার ব্রিটিশ আপিল আদালত এক রায়ে বলেছেন, ওই গোপন সাক্ষ্যপ্রমাণ ব্যবহার সাধারণ আইনের (কমন ল) সবচেয়ে মৌলিক নীতিমালার পরিপন্থী। কঠোর ভাষার রায়ে আপিল আদালতের প্রধান বিচারক বলেন, গোপনে ক্ষতিপূরণ মামলার শুনানি সম্ভব নয়, কারণ বাদীর কাছ থেকে সাক্ষ্যপ্রমাণ গোপন রাখার ক্ষমতা পার্লামেন্ট কোনো আদালতকে দেয়নি।
গোপনীয় দলিলপত্র উন্মুক্ত আদালতের বাইরে রাখার জন্য ব্রিটিশ সরকারের চেষ্টার ওপর এই রায়টি দ্বিতীয় বড় আঘাত। কিছুদিন আগে আদালত মামলার অন্যতম বাদীর ওপর গুয়ানতানামো বে-তে নির্যাতনের বিষয়ে ব্রিটিশ গোয়েন্দাদের কাছে যে তথ্য ছিল, তার সারসংক্ষেপ প্রকাশ করেন।

চীনে প্রথমবারের মতো অফিস খুলেছে তাইওয়ান

তাইওয়ান প্রথমবারের মতো চীনে তার একটি অফিস খুলেছে। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর দুই পক্ষ পৃথক হয়ে যাওয়ার পর এই প্রথম তাইওয়ান মূল ভূখণ্ডে কোনো অফিস খুলল।
পর্যটনসেবা-বিষয়ক অফিসটির নাম ‘তাইওয়ান স্ট্রেইট ট্যুরিজম অ্যাসোসিয়েশনস বেইজিং অফিস’। এ ঘটনাকে উভয়ের মধ্যে সম্পর্ক উন্নয়নের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এ সপ্তাহেই চীন তাইপেতে তাদের অফিস খুলবে।
মনে করা হচ্ছে, এই অফিস খোলার ফলে চীনা পর্যটকেরা তাইওয়ান ভ্রমণে আরও বেশি উৎসাহী হবে। এখন প্রতিদিন প্রায় তিন হাজার চীনা পর্যটক তাইওয়ান ভ্রমণে যেতে পারে। চীনা পর্যটকদের জন্য প্রেসিডেন্ট মা ইং জিউ তাইওয়ান ভ্রমণ উন্মুক্ত করার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক তাইওয়ান সফরে গেছে।
মা ইং জিউ ২০০৮ সালে তাইওয়ানের ক্ষমতায় আসার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিদ্যমান বৈরী সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে তিনি চীনা পর্যটকদের জন্য তাইওয়ান ভ্রমণের সুযোগ উন্মুক্ত করে দেন।

ধর্মঘটের তৃতীয় দিনেও নেপাল অচল

নেপালে মাওবাদীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবারও দেশটির জীবনযাত্রা ব্যাহত হয়েছে। মাওবাদীরা জানিয়েছে, তাঁদের রসদ মজুদ আছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
২ মে থেকে চলছে এই ধর্মঘট। গতকাল ছিল এর তৃতীয় দিন। রাজধানী কাঠমান্ডুসহ দেশের অন্যান্য শহরগুলোয় গতকালও কলকারখানা দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি। কাজ হয়নি অফিসে। সারা দেশে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে গণমাধ্যম, অ্যাম্বুলেন্স, ময়লা সংগ্রহের গাড়ি ও কূটনৈতিক সংস্থার গাড়িগুলোকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।
মাওবাদীরা জানিয়েছে, সারা দেশে কর্মীদের খাবার ও পানিসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে। এক নাগাড়ে ১৫ দিন ধর্মঘট অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় রসদ তাদের মজুদ আছে। প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালকে পদত্যাগ করতেই হবে। এর আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই।
এক সমাবেশে মাওবাদী জ্যেষ্ঠ নেতা অগ্নি সাপকতা বলেন, ‘আমরা বিজয়ের দিকে যাচ্ছি। চূড়ান্ত বিজয় না নিয়ে আমরা ঘরে ফিরব না।’ তিনি বলেন, ‘আশা করি সেই দিন বেশি দূরে নয়। শিগগিরই বিজয় পাব। আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই দেশবাসী তাদের আর চায় না। দুদিন আগে হোক আর পরে, সরকারকে বিদায় নিতেই হবে। যদিও সরকার এখনো জনগণের দাবি আমলে নিচ্ছে না।’

দাবি মানলেও ঘরে ফিরতে নারাজ ‘লালশার্ট’রা

থাইল্যান্ডের সরকারবিরোধী ‘লালশার্ট’ পরা বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার প্রস্তাবিত রোডম্যাপ মেনে নিলেও ঘরে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁরা প্রধানমন্ত্রীর মীমাংসা প্রস্তাব মেনে নেন। এতে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সংকট অবসানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু এখন প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা দাবি করছেন ‘লালশার্ট’রা।
লালশার্ট বিক্ষোভকারীরা বলছেন, রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে চলমান সমাবেশের সমাপ্তি টানবেন না তাঁরা। নির্বাচনের জন্য কখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে ও সেনাবাহিনী প্রত্যাহার করা হবে—তা পরিষ্কার করার জন্য প্রধানমন্ত্রী ভেজ্জাজিভার প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের নেতা ভিরা মুশিকাপোং সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা দেন—আরও প্রাণহানি এড়াতে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত মীমাংসা রোডম্যাপে যোগ দিতে ও রোডম্যাপকে স্বাগত জানাতে সর্বসম্মতভাবে রাজি হয়েছেন লালশার্ট নেতারা।
গত সোমবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা বলেন, সবগুলো দল তাঁর মীমাংসা পরিকল্পনা মেনে নিলে, মধ্য নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি প্রস্তুত। তবে বিক্ষোভকারীরা বলছেন, নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে।
বিক্ষোভকারীদের নেতা জাতুপর্ন প্রোমপান সাংবাদিকদের বলেন, কখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে—প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা এ বিষয়টি পরিষ্কার না করা পর্যন্ত সমাবেশ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই তাঁরা পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসবেন।
বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় এক হাজার।
এদিকে নিজেদের মধ্যকার প্রার্থক্যগুলো মিটমাট করে নেওয়ার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিরোধী পুয়েয়া থাই পার্টির এক বৈঠকে টেলিফোনে তিনি বলেন, ‘মীমাংসা সবার জন্যই ভালো। আজকে অতীত নিয়ে ভাববেন না, তার চেয়ে বরং সামনের দিকে তাকান।

পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন গ্রেপ্তার by ইব্রাহীম চৌধুরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলার চেষ্টার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত সোমবার মধ্যরাতে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইগামী একটি বিমানে চড়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার চেষ্টা করছিলেন তিনি।
কর্মকর্তারা জানান, শনিবার টাইমস স্কয়ারে বোমাবাহী গাড়ি রেখে আসার সন্দেহে পাকিস্তানে জন্ম নেওয়া মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
খবরে বলা হয়, শাহজাদের বসবাস কানেটিকাট অঙ্গরাজ্যে। সম্প্রতি তিনি পাকিস্তান থেকে ঘুরে আসেন। পাঁচ মাসের পাকিস্তান সফরে পেশোয়ারে গিয়েছিলেন ফয়সাল। পেশোয়ারকে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে বিবেচনা করে থাকেন অনেকে।
এ দিকে পাকিস্তান সরকার বলেছে, গ্রেপ্তারকৃত শাহজাদের ব্যাপারে তারা যে কোনো তথ্য যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, ‘গুরুত্বপূর্ণ প্রমাণাদি’ জোগাড় করা হয়েছে। এ ছাড়া ‘বিদেশি’ সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে তথ্য জোগাড়েরও চেষ্টা করছেন তদন্তকারীরা।
আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, ১ মে সন্ধ্যায় টাইমস স্কয়ারে বোমাবাহী গাড়ি রেখে আসার সন্দেহে সোমবার রাত পৌনে ১২টার দিকে ফয়সাল শাহজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি কর্মকর্তারা। মধ্যরাতের পর ওয়াশিংটনে তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে এরিক হোল্ডার বলেন, মার্কিন নাগরিক শাহজাদকে জেএফকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তিনি দুবাইগামী একটি বিমানে ওঠার চেষ্টা করছিলেন।
নিউইয়র্কের পুলিশ কমিশনার কেলি বলেন, ওই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এবিসি টেলিভিশনে বলা হয়, টাইমস স্কয়ারে ফেলে যাওয়া নিশান পাথফাইন্ডার গাড়ি ও অবিস্ফোরিত বোমার সূত্র ধরে শাহজাদকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বোমা হামলার চেষ্টার এক সপ্তাহ আগে গাড়িটি কিনেছিলেন শাহজাদ।
নিউইয়র্ক পুলিশ জানায়, ঘটনার সময় টাইমস স্কয়ার এলাকায় কমপক্ষে ৮০টি পর্যবেক্ষণ ক্যামেরা সচল ছিল। এসব ক্যামেরায় ধারণ করা সব ছবি পরীক্ষা করে দেখা হয়েছে। ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, জামা দিয়ে মুখ ঢেকে এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন।
কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান পিটার কিং বলেছেন, টাইমস স্কয়ারে নাশকতার চেষ্টার সঙ্গে আন্তর্জাতিক সংশ্লিষ্টতার প্রমাণ আসতে শুরু করেছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের জঙ্গি গোষ্ঠীগুলোরও সম্পৃক্ততা থাকতে পারে।

ইরানে ভিক্ষুকের আয় নিম্ন বেতনভোগী কর্মকর্তার পাঁচ গুণ!

ইরানের রাজধানী তেহরানের ভিক্ষুকেরা মাসে এক হাজার ৫০০ ডলার আয় করেন। তাঁদের এই আয় ইরানের নিম্ন বেতনভোগী কর্মকর্তাদের পাঁচ গুণ। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘মেহের’ গতকাল মঙ্গলবার এ কথা জানায়।
তেহরান পৌরসভার সমাজসেবা কর্মকর্তা সাদেগ আভভালির উদ্ধৃতি দিয়ে মেহের জানায়, তেহরানের ভিক্ষুকেরা দিনে কমপক্ষে ৫০ ডলার বা মাসে এক হাজার ৫০০ ডলার আয় করেন। এসব ভিক্ষুকেরা গ্রাম বা দূরের কোনো শহর থেকে আসেন। নারী ও শিশুসহ অন্য ভিক্ষুকেরা তেহরান এবং অন্য বড় শহরগুলোয় নিয়মিত ভিক্ষা করেন

পরমাণু অস্ত্রভান্ডারের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মজুদ পরমাণু অস্ত্রভান্ডারের তথ্য প্রকাশ করা হয়েছে। গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য প্রকাশ করে। পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে মোট পাঁচ হাজার ১১৩টি পরমাণু অস্ত্র মজুদ আছে। যেসব পরমাণু অস্ত্র ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং যেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে, তা এই হিসাবে ধরা হয়নি। ১৯৬৭ সালে এর সংখ্যা ছিল ৩১ হাজার ২৫৫টি। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ধ্বংসের পর এ সংখ্যা ছিল ২২ হাজার ২১৭টি।
পেন্টাগনের এক জ্যেষ্ঠ মুখপাত্র সাংবাদিকদের জানান, ১৯৯৪ সাল থেকে ২০০৯ সালের মধ্যে আট হাজার ৭৪৮টি পরমাণু অস্ত্র ধ্বংস করা হয়। ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডারের তথ্য এর আগে ১৯৬১ সালেও প্রকাশ করা হয়ে। আমরা এ সংক্রান্ত তথ্য ২০০৯ সালে হালনাগাদ করি। এখন সে তথ্যই প্রকাশ করা হলো।
পেন্টাগনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কংগ্রেসম্যান জিম লংইভিন বলেন, রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের উচিত নিজ নিজ দেশে মজুদ পরমাণু অস্ত্রসংক্রান্ত তথ্য প্রকাশ করা।
পেন্টাগনের প্রকাশ করা এই তথ্য স্বাধীনভাবে তদন্তের দাবি রাখে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রহিম মেহমানপারাস্ত। গতকাল মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব তথ্য যাচাই-বাছাই করা দরকার। তিনি আরও বলেন, পাঁচ সহস্রাধিক পরমাণু মজুদ রয়েছে এমন কোনো দেশ বিশ্ব শান্তির জন্য হুমকি।
এর আগে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, হাজার হাজার পরমাণু অস্ত্র থাকা কোনো দেশের জন্য গর্বের ব্যাপার হতে পারে না। বরং এটি বিরক্তি উদ্রেককারী ও লজ্জার ব্যাপার। যুক্তরাষ্ট্রের মতো যেসব দেশ পরমাণু অস্ত্র হামলার হুমকি দেয়, সেসব দেশকে শাস্তি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান আহমাদিনেজাদ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে অব্যাহত পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে পরমাণু অস্ত্র হামলা চালানো কিংবা হামলার হুমকি দেওয়া বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার শামিল। হুমকিদাতা দেশগুলোর শাস্তি জাতিসংঘকে দিতে হবে।
একই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর বক্তব্যে বলেন, ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি অব্যাহত রেখে এনপিটি চুক্তি ভঙ্গ করেছে। আহমাদিনেজাদের বক্তব্য একঘেয়ে, মিথ্যা ও মাঝেমধ্যে বুনো অভিযোগে ভরা বলে মন্তব্য করেন হিলারি।

হকি মাঠে অনেক কিছু...

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এক পাশে রেকর্ড প্লেয়ারে বাজছে—‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে।’ গানের তালে নাচছে একদল কিশোরী। অন্য পাশে বিমানবাহিনীর বাদকদল সুর তোলায় ব্যস্ত—‘পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল।’
এ যেন এক বিয়েবাড়ি। আগামী পরশু শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাইপর্ব, আর এ নিয়ে উত্তেজনায় কাঁপছে গোটা হকি স্টেডিয়াম। তারই মাঝে পাওয়া গেল হংকং হকি দলকে। সবার আগে ঢাকায় পৌঁছানো এই দলটি কাল এসেই অনুশীলন করতে এল স্টেডিয়ামে। কিসের অনুশীলন, মাঠের মধ্যেই কেউ কেউ শুয়ে পড়লেন, কারও চোখ বুজে এল। একটু ঘুমিয়ে নেওয়া আর কি! কেউ হাই তুলছেন। ক্লান্ত দলের এটাই হলো ‘আসল অনুশীলন’! হংকংয়ের ম্যানেজার কুলদ্বীপ সিং হাসতে হাসতে বললেন, ‘একটু ক্লান্তই তো ওরা...।’
হংকং হকি দলটিতে স্থানীয় খেলোয়াড় মাত্র ৫ জন। ভারত ও ইংল্যান্ডের ২ জন করে। পাকিস্তানের তিনজন। ওই তিন পাকিস্তানি আবার তিন ভাই। আশকার আলী, আরিফ আলী ও আকবর আলী। আশকার জানালেন, ‘প্রায় ৪০ বছর আগে পাকিস্তান ছেড়ে হংকংয়ে পাড়ি জমান আমাদের বাবা-মা।’
টুর্নামেন্টের কোনো দলকেই হালকাভাবে নিচ্ছেন না হংকং কোচ জগদেব শিভ, ‘কোনো দলকেই খাটো করে দেখছি না আমরা।’ ওদিকে বাংলাদেশ দলকে সবার ওপরে রাখছেন ম্যানেজার কুলদ্বীপ, ‘বাংলাদেশের খেলোয়াড়েরা ইউরোপ সফর করে এসেছে গত এসএ গেমসের আগে। এই দলে ভালো খেলোয়াড় আছে বেশ কয়েকজন। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই।

শেষ রাউন্ডে শিরোপা নির্ধারণ

গত বছর রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু আরলিন ডেভলপার জাতীয় মহিলা দাবার এবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দারুণভাবে টিকে রয়েছেন শামীমা আক্তার (লিজা)। আর মাত্র এক রাউন্ড বাকি, সাড়ে নয় পয়েন্ট করে নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন শারমিন সুলতানার (শিরিন) সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছেন শামীমা।
আজ শেষ রাউন্ডে শামীমা পাচ্ছেন তুলনামূলক দুর্বল প্রতিভা তালুকদারকে। শারমিনের প্রতিদ্বন্দ্বী বেশ কঠিন—নাজরানা খান (ইভা)। দুজনই জিতে গেলে প্লে-অফে নির্ধারণ হবে চ্যাম্পিয়নশিপ। কাল নবম রাউন্ডে শামীমা ইয়ন সরকারকে, শারমিন দিলারা জাহানকে হারিয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ হারিয়েছেন মাসুদা বেগমকে।

এবার ব্ল্যাকবার্নের কাছে হারল আর্সেনাল

শেষে এসে কী যে হলো আর্সেনালের! শিরোপা লড়াইয়ে ছিল যে দলটি, সেই আর্সেনাল মৌসুমের শেষে এসে খাচ্ছে একের পর হোঁচট। আর্সেন ওয়েঙ্গারের দল সর্বশেষ হোঁচটটা খেল পরশু। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে হেরে গেল তারা। প্রথমে এগিয়ে যাওয়ার পরও ১-২ গোলে হেরেছে ‘গানার’রা।
১৩ মিনিটে দারুণ এক গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন রবিন ফন পার্সি। প্রথমার্ধের শেষ দিকে এসে সেই গোল শোধ দেন গ্রেল্লা। ৬৮ মিনিটে আর্সেনালের হূদয় ভেঙে দিয়ে জয়সূচক গোলটি করেন সাম্বা। এই পরাজয়ের জন্য সরাসরি গোলরক্ষককেই দায়ী করেছেন কোচ ওয়েঙ্গার, ‘ওদের (ব্ল্যাকবার্ন খেলোয়াড়দের) আসল উদ্দেশ্যই ছিল গোলরক্ষককে থামানো, বলের পেছন ছোটা নয়। তারা সফল হয়েছে, দুটি গোলই এভাবে করেছে তারা।’
শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে বলে আর্সেনাল এই ম্যাচটি জিতলেও কোনো লাভ হতো না। তেমনি এই ম্যাচে হেরে গিয়েও তেমন কোনো ক্ষতি হয়নি। ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। পরের ম্যাচটি জিতলে তো কথাই নেই, না জিতলেও চ্যাম্পিয়নস লিগে জায়গা তাদের নিশ্চিত। যেমন নিশ্চিত চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের জায়গাও।
চতুর্থ দল হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে কারা যাচ্ছে, সেই নামটিও জানা যেতে পারে আজই। ম্যানচেস্টার সিটি আর টটেনহাম মুখোমুখি হচ্ছে আজ। এ ম্যাচে জিতলে টটেনহামই চলে যাবে ইউরোপ-সেরার টুর্নামেন্টে। ৩৬ ম্যাচে টটেনহাম ৬৭ এবং সিটি ৬৬ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।

রিয়ালের সমালোচনায় রোনালদো

রিয়াল মাদ্রিদ জিতল, শিরোপা-স্বপ্নও বেঁচে থাকল। কিন্তু এই বেঁচে থাকাটা যেভাবে হলো সেটা ঠিক পছন্দ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। গত রোববার ওসাসুনার বিপক্ষে ড্র করতে করতে ৮৯ মিনিটে জয়সূচক গোলের দেখা পেয়েছে রিয়াল। একের জায়গায় পুরো তিন পয়েন্ট এনে দিয়ে বার্সেলোনাকে নাগালের মধ্যে রেখেছেন যিনি, রিয়াল মাদ্রিদের ত্রাতারূপে আবির্ভূত হওয়া সেই রোনালদো সমালোচনায় মুখর হয়েছেন গোটা দলের।
‘পুরো দলই খুব খারাপ খেলেছে’—রাখঢাক না রেখেই বলে দিলেন ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করা রোনালদো। তাঁর শেষ মুহূর্তের গোলেই জয়ের দেখা পেয়েছে রিয়াল। বাকিটা সময় ধরে ড্রয়ের আতঙ্কে ভুগতে থাকার জন্য রক্ষণভাগকে দায়ী করেছিলেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। রোনালদাও বেশি দায় চাপালেন ওই রক্ষণের ওপরই, ‘ওসাসুনাকে এভাবে গোল করতে দেওয়া ঠিক হয়নি আমাদের।

সানজামুলের বোলিংয়ে বিসিবির বড় জয়

সানজামুল ইসলামের স্পিনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। কাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তাদের ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিপি-বিসিবি একাডেমি।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩২৮ রান তোলে জিপি-বিসিবি। সর্বোচ্চ ৮৭ রান করেছেন মোহাম্মদ মিঠুন। আসিফ করেছেন ৭৯, নাসির অপরাজিত ছিলেন ৫২ রানে। জবাবে ১৩১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা একাডেমি। সর্বোচ্চ ২৪ রান করেছেন ইয়াসিন ভ্যালি। ৯.৩ ওভারে ১ মেডেনসহ ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন সানজামুল। শুভাশিষ ৩টি ও নাসির ১টি উইকেট পেয়েছেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে সানজামুলের হাতে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি একই ভেন্যুতে, আগামীকাল।

বেঁচে আছে নিস্টলরয়ের আশা

তাহলে রুড ফন নিস্টলরয়ের বিশ্বকাপ শেষ? অনুশীলন শিবিরের জন্য নেদারল্যান্ডের প্রাথমিক দলে ডাক না পাওয়ায় এমন একটা প্রশ্নই উঠে গিয়েছিল। তবে নেদারল্যান্ডের কোচ বার্ত ফন মারউইক আশার কথাই শোনালেন এই স্ট্রাইকারকে। জানালেন, এই বিশ্বকাপ পরিকল্পনায় আছেন জাতীয় দলের হয়ে ৬৪ ম্যাচে ৩৩ গোল করা নিস্টলরয়।
আসলে দরজা পুরোপুরি বন্ধ না করে একটা সুযোগ দিতে চাইছেন কোচ। ১১ মে দল ঘোষণার আগে নিস্টলরয় যদি দুর্দান্ত কোনো কিছু করে দেখাতে পারেন, দলের দরজা খুলে যাবে তাঁর জন্য। ‘রুডের ব্যাপারে ১১ মে সিদ্ধান্ত নেব আমি। সেদিন যদি সে আমাকে আস্থা দিতে পারে যে সে বিশ্বকাপ খেলার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছে, আমি অবশ্যই ওকে দলে নেব’—বলেছেন কোচ।
বিশ্বকাপকে সামনে রেখে ১০-১৪ মে হোয়েনডারলোতে শুরু হবে ডাচ দলের প্রথম অনুশীলন শিবির। দ্বিতীয় প্রস্তুতি ক্যাম্প ১৯-৩১ মে, অস্ট্রিয়ায়।
একে একে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করছে সবাই। কাল যেমন করলেন প্যারাগুয়ে কোচ জেরার্ডো মার্টিনো। অনেক বিতর্কের পরও আর্জেন্টিনায় জন্ম নেওয়া লুকাস ব্যারিয়সকেও ডেকেছেন ৩০ জনের দলে। দুর্দান্ত ফর্মে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের এই ২৫ বছর বয়সী হবেন প্যারাগুয়ে দলে খেলা চতুর্থ আর্জেন্টাইন।

মেসির ৪৪, বার্সার জয়

ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা...ক্রিস্টিয়ানো রোনালদোর সব মুকুটই কেড়ে নিয়েছিলেন গত মৌসুমে। তার পরও একটা জায়গায় পিছিয়ে ছিলেন লিওনেল মেসি। ২০০৭-০৮ ক্লাব মৌসুমে রোনালদো গোল করেছিলেন ৪২টি, গতবার মেসির গোল ছিল ৩৮টি। এবার ঠিকই রোনালদোকে পেরিয়ে গেলেন। কাল করলেন এই মৌসুমে তাঁর ৪৩ আর ৪৪তম গোল। টেনেরিফের বিপক্ষে বার্সেলোনা জিতল ৪-১ ব্যবধানে।
১৭ মিনিটে মেসির গোলেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে ৩৯ মিনিটে গোল শোধ করে দেন রোমান। ড্রয়ের শঙ্কায় কাঁপতে থাকা সমর্থকদের ৬৩ মিনিটে নির্ভার করেন বোজান কিরকিচ। মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে তৃতীয় গোলটি পেদ্রোর। খেলা শেষের বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে মেসির আরও একটি গোল। লিগে ৩৩ ম্যাচে ৩১ গোল তাঁর!
এক রোনালদোকে পেরিয়ে আরেক রোনালদোর সামনে গিয়ে পৌঁছেছেন আর্জেন্টাইন জাদুকর। ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোল করেছিলেন ব্রাজিল তারকা। তাঁকে টপকে যাওয়ার জন্য আরও দুটো ম্যাচ অবশ্য পাচ্ছেন মেসি।
এই জয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। আজ আবার ব্যবধান কমাতে মাঠে নামবে রিয়াল, মায়োর্কার বিপক্ষে। এই ম্যাচের আগে ৩৬ ম্যাচে বার্সার পয়েন্ট ছিল ৯৩, এক ম্যাচ কম খেলা রিয়ালের ৮৯।