Sunday, October 31, 2010

ফিচার- ‘বাইশ্যা নাচ' by মৃত্যুঞ্জয় রায়

সকাল ১০টার সূর্যও প্রখর তাপ ছড়াচ্ছে। আকাশে দলা দলা কালো-সাদা মেঘও জমছে। সেসব মেঘের মধ্যে সকালের সূর্যটা লুকোচুরি খেলছে।

বোশেখের এই মেঘ দেখে আমারও বুক কাঁপছে। আজই সেই বিশাল বিশাল সব নদী পেরিয়ে মনপুরা থেকে ঢাকায় ফিরতে হবে। ঝড়-বাতাস হলেই বিপদ। একবার লঞ্চ ডুবলে ভবলীলা সাঙ্গ হবে। তাই দ্রুত সোনারচর চৌধুরীর বাংলোবাড়ি থেকে বেরিয়ে পুবের রাস্তা ধরলাম। মোটরবাইকে খানিকটা গিয়েই একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের পাশে থামলাম।

আদিবাসী আলোচনা- 'বেদিয়া নাকি সাঁওতাল' by সালেক খোকন

পাকা রাস্তা থেকে পূর্বদিকে নেমে গেছে একটি মেঠোপথ। হেলে দুলে পথটি গিয়ে মিশেছে পিপল্লা গ্রামে। রাস্তার দুদিকে সবুজের হাতছানি।

এক পাশে গহীন শালবন আর অন্য পাশে বিস্তীর্ণ মাঠে চারা লাগানোর ধুম পড়েছে। আদিবাসী নারীরা একমনে বুনে দিচ্ছে আশীর্বাদের চারাগুলো।
দিনাজপুরের এ এলাকাটি নানা ভাষাভাষি আদিবাসীদের বাস। পিপল্লা মূলত একটি সাঁওতাল গ্রাম। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান দেখতেই যাচ্ছি আমরা। পিপল্লা কতদূর? প্রশ্ন করতেই এক বৃদ্ধ জানাল এক ঘণ্টার হাঁটার পথ। কোনো যান না চলায় হাঁটতে থাকি ধীরপায়ে।

আলোচনা- 'পর্যটন ও জীববৈচিত্র্য:প্রেক্ষাপট-বাংলাদেশ' by মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার

পর্যটন ও জীববৈচিত্র্য পরস্পর নির্ভরশীল। জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চল বা দেশ, নৈসর্গিক সৌন্দর্যের আঁধার হিসেবে, পর্যটকদের আকর্ষণ করে সহজেই।

বর্তমান বিশ্বে প্রকৃতিনির্ভর জীববৈচিত্র্যপূর্ণ আকর্ষণকে কেন্দ্র করে টেকসই পর্যটন উন্নয়ন জনপ্রিয়তা পাচ্ছে অতিদ্রুত গতিতে এবং একে পুঁজি করেই অর্থনৈতিক ক্রিয়াকলাপে গতি সঞ্চার করতে সক্ষম হচ্ছে সেসব পর্যটন আকর্ষণগুলো।
জীববৈচিত্র্য আমাদের এ সৌন্দর্যময় পৃথিবীর অমূল্য সম্পদ।

খবর- নাগোয়া সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় ঐতিহাসিক চুক্তি

তীব্র মতবিরোধের পর অবশেষে নাগোয়া সম্মেলনের একেবারে শেষ সময় এসে জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে মতৈক্যে পৌঁছায় বিশ্ব সম্প্রদায়। পৃথিবীব্যাপী বন ও প্রবালপ্রাচীরসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ জীববৈচিত্র্য রক্ষায় ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ১২ দিনব্যাপী জীববৈচিত্র্যবিষয়ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে গতকাল শনিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মানব জাতির জন্য অত্যাবশ্যকীয় প্রকৃতির ধ্বংস ঠেকাতে ধনী ও গরিব দেশগুলো ‘কার্যকর ও জরুরি’ পদক্ষেপ গ্রহণে রাজি হয়েছে। সম্মেলনে যোগ দেওয়া ১৯৩টি দেশ ১০ বছরব্যাপী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২০ সাল নাগাদ কার্বন-দূষণ বন্ধ, বন ও প্রবালপ্রাচীর রক্ষা, স্থল ও জলভাগের অংশবিশেষ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার করেছে রাষ্ট্রগুলো।

খবর- ছয় দশক পর দুই কোরিয়ার স্বজনদের পুনর্মিলন


‘কেমন আছ মা, কেমন আছ তুমি...তোমার সঙ্গে এই জীবনে দেখা হবে, এটা শুধু কল্পনাই করেছি আমি...’ বলতে বলতে ৯৬ বছর বয়সী মা কিম রায়ে জুং জড়িয়ে ধরেন ৭১ বছরের মেয়ে উ জং হাইকে। চোখ ভিজে যায় মা-মেয়ের। গতকাল শনিবার দুই কোরিয়ার সীমান্তের কাছে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলের মাউন্ট কুমগ্যাং রিসোর্টে স্বজনদের সঙ্গে পুনর্মিলনের এমন অনেক আবেগময় দৃশ্য দেখা যায়।

নয়টি প্রতিষ্ঠানের লভ্যাংশ ও একটির রাইট শেয়ার ঘোষণা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠান গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ (শেয়ার ও নগদ) ঘোষণা করেছে। এ ছাড়া আরেকটি প্রতিষ্ঠান ঘোষণা করেছে রাইট শেয়ার। গত বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—বিডিকম অনলাইন, ইমাম বাটন, ম্যাকসন স্পিনিং মিলস, প্রাইম টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ফার্মা এইডস, ফাইন ফুডস লিমিটেড, মুন্নু জুটেক্স ও মুন্নু সিরামিক। এ ছাড়া রাইট শেয়ার ঘোষণা করা প্রতিষ্ঠানটি হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডিকম অনলাইন লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১৩ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ২২ নভেম্বর।
ইমাম বাটন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে ৪৯/এ ফৌজদারহাট ভারী শিল্প এলাকা, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৩ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১১.৫৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ১০০.০১ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬.৪৪ টাকা ঘোষণা করেছে।
ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার, হাউস নম্বর-১৯, রোড নম্বর-৭, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১১ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.০৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ২৫.৯৭ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৭.৯৮ টাকা ঘোষণা করেছে।
প্রাইম টেক্সটাইল জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের আকার ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা এবং মার্কেট লট ৫০টি থেকে ২৫০ করার সিদ্ধান্ত নিয়েছে, যা পরবর্তী বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের এবং রেগুলেটরি অথরিটির অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৬ ডিসেম্বর বেলা ১১টায় ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) একই দিন বেলা সাড়ে ১১টায় কারখানা প্রাঙ্গণ, নন্দলাপুর সড়ক, পাগলা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। ইজিএম ও এজিএমের রেকর্ড ডেট ৯ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৬.০৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ৭০৮.১২ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২.৮৭ টাকা ঘোষণা করেছে।
দেশ গার্মেন্টস জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় হোটেল রাজমনি ঈসাখাঁ ইন্টারন্যাশনাল, ৮৯/৩, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১১ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.২৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ১১৫.৬৯ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১২১.৮৯ টাকা ঘোষণা করেছে।
ফার্মা এইডস জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে (একটি সাধারণ শেয়ারের বিপরীতে ৫টি বোনাস শেয়ার)। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন, ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২২ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৬.০৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ১২৮৩.১৩ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৫৭.৮৫ টাকা ঘোষণা করেছে।
ফাইন ফুডস লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টায় হোটেল হোয়াইট হাউস, ১৫৫, শান্তিনগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৯ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.১১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ১৪.২৬ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২.৩৫ টাকা ঘোষণা করেছে।
মুন্নু জুটেক্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল, ১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১১ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার কর-পরবর্তী নিট লাভ ৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮.৯৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) এক হাজার ৯৩৬ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১১৯.১৬ টাকা ঘোষণা করেছে।
মুন্নু সিরামিক জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল নয়টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার, ব্লক-জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১১ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার কর-পরবর্তী নিট লাভ ৩৮ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৮৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ২০৮.৫৬ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১০.০৩ টাকা ঘোষণা করেছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে একটি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে ৫০টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য হবে ১৫০ টাকা। বিষয়টি পরবর্তী ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন ও রেগুলেটরি অথরিটির অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৯ নভেম্বর। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোনের পর প্রস্তাবিত রাইট শেয়ারের রেকর্ড ডেট জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ইজিএমের ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ডিএসই: এক সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৩২২ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে গত এক সপ্তাহে চাঙাভাব লক্ষ করা গেছে। গত সপ্তাহে প্রতিদিনই সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক চার দশমিক ২২ পয়েন্ট বা ৩২২ পয়েন্ট বেড়ে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৭৬১৫ দশমিক ৩৭ পয়েন্ট। যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৭৯৩৭ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে।
একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ২৮ দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ৬২০ কোটি টাকা করে হয়েছে।
এ ছাড়া সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল তিন লাখ ২৮ হাজার ৭৯২ কোটি টাকা। যা সপ্তাহ শেষে দুই দশমিক ৭৩ শতাংশ বেড়ে তিন লাখ ৩৭ হাজার ৭৮৪ কোটি টাকায় দাঁড়ায়।
এ ছাড়া গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দামও বেড়েছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৪টি প্রতিষ্ঠানের, কমেছে ৯২টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস, প্রাইম ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—মিথুন নিটিং, ফার্মা এইডস, মুন্নু সিরামিকস, ফিনিক্স ইনস্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, কোহিনূর কেমিকেল, ডেল্টা-ব্র্যাক হাউজিং, সায়হাম টেক্সটাইল ও আইপিডিসি।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—এক্সিম ব্যাংক, মেট্রো স্পিনিং, ঢাকা ডাইং, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং, মালেক স্পিনিং মিলস, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১ ও বিজিআইসি।
এদিকে শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারই অতি মূল্যায়িত বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা। তাঁরা মনে করেন, আপাতদৃষ্টিতে যেকোনো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লে বিনিয়োগকারীরা লাভবান হলেও, অতি মূল্যায়িত শেয়ারবাজারকে ক্ষতিগ্রস্ত করে। ভবিষ্যতে এর ফলে সাধারণ বিনিয়োগকারীদেরও সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তাঁরা মনে করেন।

নারীর জন্য জনপরিসর নিরাপদ হবে কবে by জোবাইদা নাসরীন

তাঁরা বাঁচতে পারলেন না। সচেতন নাগরিক হিসেবে, শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়েই তাঁদের জীবন দিতে হলো। তাঁদের মৃত্যু আমাদের লজ্জিত করেছে। অপরাধবোধে আক্রান্ত করেছে। এ দেশে কারা বেঁচে থাকবে, সে প্রশ্নটিকে সামনে এনেছে। কিন্তু যাদের লজ্জিত হওয়ার কথা, তারা হয়নি; যাদের অপরাধবোধে মাথা নুইয়ে পড়ার কথা, তারা উল্টো আঘাত করেছে। বখাটেপনার বিরুদ্ধে লড়তে গিয়ে আক্রমণের শিকার হয়ে কয়েক দিন ধরেই আলোচনায় কলেজশিক্ষক মিজানুর রহমান। এরপর লাশ হলেন চাঁপা রানী ভৌমিক। শিক্ষক মিজানুর রহমানের শোক না যেতেই আবারও ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা হত্যা করেছে এক অভিভাবককে।
মিজানের ছোট্ট মেয়েটি খুঁজছে তার বাবাকে, কাঁদছে গ্রামবাসী, শোকাচ্ছন্ন দেশবাসী। দেশের বিভিন্ন স্থানে এই মৃত্যুর প্রতিবাদ জানিয়ে হয়েছে মানববন্ধন, বিক্ষোভ। উড়ছে শোকের কালো পতাকা। আর তাঁর প্রিয় ছাত্রীরা তাদের শিক্ষকের মতো একজোট হয়ে বখাটেদের বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ হতে আহ্বান জানিয়েছে। বখাটেদের মোটরসাইকেলের চাপায় নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুরের মৃত্যু নিয়ে দেশজুড়ে যখন প্রতিবাদ-মানববন্ধন চলছিল, তার মধ্যেই ফরিদপুরের মধুখালীতে একই রকম নৃশংস ঘটনা ঘটল। তাঁদের মৃত্যুর মধ্য দিয়ে আবারও মানুষ নতুন করে শপথ নিচ্ছে এই দুঃসহ ব্যাধি সমাজ থেকে দূর করার। বখাটেদের দ্বারা চাঁপা রানীকে হত্যার পর সেখানকার জনগণ ‘মধুপুরের জনতা গড়ে তোলো একতা, ইভ টিজারদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এক সাথে’ স্লোগান তোলে বখাটের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করে (প্রথম আলোয় ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন)।
একজন সচেতন নাগরিক হিসেবে, একজন অভিভাবক হিসেবে প্রতিবাদ করেছিলেন মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিক। কিন্তু তাঁদের চলে যেতে হলো এ পৃথিবী ছেড়ে। তাঁদের অপরাধ, তাঁরা সেই বখাটেদের কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে, স্কুল কর্তৃপক্ষকে, আর স্থানীয় জনপ্রতিনিধিদের (উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে)। তাঁরা চেয়েছেন, তাঁদের ছাত্রীরা, সন্তানেরা যেন আর বখাটেদের দ্বারা উত্ত্যক্ত না হয়। কিন্তু দেখা গেল প্রতিবাদে লাভ হয়নি, বরং তাঁদের ওপরই এসেছে আঘাত। তার মানে কি এ দেশে নির্যাতনের শিকার এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকারী কেউই টিকে থাকতে পারবে না? এ দেশে টিকে থাকবে শুধু সন্ত্রাসী, বখাটে মাস্তানেরা? কখনো যৌন হয়রানি বন্ধ হবে না? কবে সেই সময় আসবে, যখন নারীরা নির্বিঘ্নে যেতে পারবে স্কুল-কলেজে।
খবরের কাগজগুলোর পাতায় ক্রমবর্ধমান হারে যেভাবে জায়গা করে নিচ্ছে কিশোরী ও নারীদের বিরুদ্ধে পুরুষতান্ত্রিক সন্ত্রাসের এই ধরনটি, তাতে দেশের বিভিন্ন এলাকায় এর বিস্তৃতি সম্পর্কে ধারণা করা যায়। সরকার এখন পর্যন্ত এ বিষয়ে বড় ধরনের কোনো প্রতিকারের ব্যবস্থা না করতে পারলেও সোচ্চার হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। ইভ টিজিংকে শুধু নারীর বিষয় হিসেবে দেখা হচ্ছে না। এটি সবার কাছেই সমস্যা হিসেবে উপনীত হয়েছে। ফলে পাবলিক ও প্রাইভেট পরিসরে নারী যেমন নির্যাতিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ মিলেই এর বিরুদ্ধে প্রতিবাদও করেছে। এই দেশের মানুষের ইতিহাস বড় বেশি লড়াইয়ের ইতিহাস। ১৯৯৫ সালের ২৪ আগস্ট দুই পুলিশ কনস্টেবল যখন কিশোরী ইয়াসমীনকে ধর্ষণ করে হত্যা করল, তখনো প্রতিবাদে ফুঁসে উঠেছিল দিনাজপুর। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ গুলি চালালে প্রাণ দিয়েছিলেন সাতজন মানুষ। আবারও সেই একই ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের মতো মানুষকে। সেই ১৯৯৫ থেকে ১৫ বছর পার হলেও এ দেশের নারীরা এখনো ততটাই নিরাপত্তাহীন। সেই সঙ্গে যাঁরা এই ধরনের নির্যাতনের প্রতিবাদ করছেন, তাঁদেরও নিরাপত্তাহীনতা কাটেনি।
মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিক বখাটেদের সঙ্গে লড়ে হয়ে গেলেন প্রতিবাদের স্মারক। তাঁরা প্রমাণ করে গেলেন এ দেশে সবাই নির্যাতন নীরবে মেনে নেয় না। প্রতিবাদী হয়ে ওঠার, মানুষের মর্যাদা রক্ষায় লড়াই করে যাওয়ার মানুষ আমাদের কম নয়।
সাম্প্রতিককালে কিশোরী-নারীকে উত্ত্যক্ত করার মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে। নারী নির্যাতনের প্রচলিত ধারণার সঙ্গে এ দিকটিকেও গভীর মনোযোগ দিয়ে দেখা আবশ্যক হয়ে উঠেছে। এই নির্যাতনের শিকার হয়ে উল্লেখযোগ্যসংখ্যক কিশোরী ও নারী আত্মহত্যা করেছে। শুধু বখাটেদের উৎপাতের কারণে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কিশোরী-নারীর লেখাপড়া। বাড়ছে বাল্যবিবাহ। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় এই ধরনের অপরাধপ্রবণতা পরোক্ষভাবে এখনো সামাজিক ও রাষ্ট্রীয় প্রশ্রয় পাচ্ছে—এ কথা বলা যায়। নারীদের উত্ত্যক্ত করা প্রতিরাধে শিক্ষা মন্ত্রণালয়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি কাজ করেছে। কিন্তু এই অপরাধপ্রবণতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি দেখা যায়নি। কারণ আসল কাজটি এখনো হয়নি। দফায় দফায় বৈঠক, আলোচনা, খসড়া প্রস্তাব, হাইকোর্টের নির্দেশনা এবং সরকারের পক্ষ থেকে বার কয়েক আইন প্রণয়নের এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা শোনা গেলেও এখন পর্যন্ত আইন প্রণয়নের বিষয়টি কত দূর এগিয়েছে এবং কবে আলোর মুখ দেখবে, তা বলা কঠিন।
সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি থাকলেও মানুষের প্রতিবাদ, প্রতিরোধ থেমে থাকেনি, থাকবেও না। মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের মতো অনেকের একক প্রতিবাদগুলো পথ দেখাবে সম্মিলিত প্রতিরোধের। তাঁদের মৃত্যু নতুন করে মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে, এলাকায় এলাকায় চলছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। ইভ টিজিং যে একটি যৌন হয়রানিমূলক অপরাধ, এ বিষয়ে মানুষের সচেতনতা বাড়ছে। এ সম্পর্কে জনমনে বিদ্যমান অস্পষ্টতা দূর করে এবং নারীর জন্য পাবলিক পরিসরকে নিরাপদ করার লক্ষ্যে অতিসত্বর যৌন হয়রানি নিরোধ আইন প্রণয়ন করা প্রয়োজন।
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
zobaidanasreen@gmail.com

ভারত ও চীনের সম্পর্ক উন্নয়নে যথেষ্ট সুযোগ আছে: জিয়াবাও

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলেছেন, দুই দেশের সম্পর্ক বিকাশের জন্য যথেষ্ট সুযোগ বর্তমান বিশ্বে রয়েছে। হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগদানকারী দুই নেতা আলাদাভাবে বৈঠক করেছেন।
ওয়েন জিয়াবাও বলেন, চলতি বছরের মধ্যেই ভারত সফরে তাঁর যাওয়ার পরিকল্পনা রয়েছে। চীন ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার কথা বললেও বিশ্লেষকদের মতে, দুই দেশই পারস্পরিক সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতার দিকেই বেশি ঝুঁকছে।

ফনসেকার আবেদন নাকচ করেছেন সুপ্রিম কোর্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পুনর্নির্বাচনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন গতকাল শুক্রবার নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজিত প্রার্থী কারাবন্দী সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল।
আদালতের একজন কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ গতকাল ওই আবেদন নাকচ করে দেন। আদালত বলেন, ওই আবেদনে যেসব বিষয় তুলে ধরা হয়েছে তাতে বিচার চালিয়ে যাওয়ার মতো যুক্তি নেই।
গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন ফনসেকা। পরে তিনি ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। নির্বাচনের দুই সপ্তাহ পর গ্রেপ্তার হন ফনসেকা। গত মাসে সামরিক আদালত ফনসেকার আড়াই বছরের কারাদণ্ড দেন।
গত বছর মে মাসে তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ে সরকারের বিজয়ে নেতৃত্ব দেন ফনসেকা। নভেম্বরে সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এপ্রিলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একটি আসনে জয়লাভ করেন সাবেক সেনাপ্রধান ফনসেকা।

মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এখনো দেরি হয়ে যায়নি

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, মিয়ানমারে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। গতকাল শুক্রবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দক্ষিণ-পূর্ব এশীয় (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দীর্ঘ দুই দশক পর আগামী ৭ নভেম্বর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে বাইরে রেখে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর মাধ্যমে জান্তার মুখে কেবল বেসামরিক মুখোশ পরিয়ে দেওয়া হবে বলে তাদের ধারণা।
জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমারের নির্বাচন-পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে।
এদিকে গৃহবন্দিত্বের বিরুদ্ধে সু চির তৃতীয় আবেদনের শুনানি হয়েছে গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি আদালতে। আদালতে ঢোকার আগে আইনজীবীরা বলেন, পাঁচজন বিচারকের এই প্যানেলের মাধ্যমে সু চি খালাস পেলে দেশের আইনের শাসনের জন্য সেটি হবে একটি চমৎকার দৃষ্টান্ত।

ভারতের প্রথম শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে চালু হচ্ছে ভারতের প্রথম শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন। গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।
জানা গেছে, দীপাবলির আগেই হাওড়া থেকে ধানবাদের মধ্যে ট্রেনটি চালু হবে। গত বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি হাওড়া স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটির বগি তৈরি হয়েছে পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ কারখানায়। সাতটি বগি রয়েছে ট্রেনে। ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে।

নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

রাশিয়া নতুন করে একটি আন্তমহাদেশীয় বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা আরআইএর এক খবরে এ কথা বলা হয়। মস্কো আশা করছে, তাদের এই সফল পরীক্ষা হবে ভবিষ্যতে পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল ভিত্তি।
ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত এলাকার কাছে একটি ডুবোজাহাজ থেকে ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু রাশিয়ার দূরপ্রাচ্যের কামছাটকা উপদ্বীপ এলাকায় আঘাত হানতে সক্ষম হয়েছে।
সেনা বিশ্লেষকেরা বুলাভা পরীক্ষাকে রুশ সেনাবাহিনীর জন্য একটি বিরাট পরীক্ষা হিসেবে দেখছিলেন। কারণ বুলাভা পরীক্ষা আবার ব্যর্থ হলে ব্যয়বহুল এই প্রকল্পে দ্রুত মৌলিক পরীক্ষা আনা লাগত। এর আগে বুলাভা ক্ষেপণাস্ত্রের ১৩ দফা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতবারই বিফল হয়েছে।

জার্মানিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র আরও ১২ বছর থাকবে

জার্মানির পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো আরও ১২ বছর থাকবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে গতকাল শুক্রবার ৩০৮-২৮৯ ভোটে পাস হয়েছে। পার্লামেন্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সে দেশের পরিবেশবাদীরা।
জার্মানিতে ১৭টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র আছে। এগুলোর আয়ুষ্কাল শেষ হয়ে গেলেও পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে গতকাল পার্লামেন্ট সেগুলোর মেয়াদ আরও এক যুগ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ করেছে দেশটির পরিবেশবাদীরা। এ সময় তারা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের কার্যালয়ে বিশাল ব্যানার টানিয়ে দেয়। মানববন্ধন রচনা করে পার্লামেন্টের নিম্নকক্ষের সামনে। এর আগে গত সেপ্টেম্বর মাসেও বার্লিনে হাজার হাজার লোক ওই কেন্দ্রগুলো বন্ধের দাবিতে বিক্ষোভ করে।
পরিবেশবাদীরা বলছে, পরমাণু শক্তি ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। কারণ, এটি বিদ্যুৎ বা জ্বালানি সমস্যার স্থায়ী কোনো সমাধান নয়। এ ছাড়া এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোতে সন্ত্রাসী হামলারও আশঙ্কা আছে। তাই পরমাণু শক্তির বদলে সৌর ও বায়ু শক্তির দিকে গুরুত্ব দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানায়।

১০ নভেম্বরের পর পরমাণু আলোচনায় রাজি ইরান

ইরান আগামী ১০ নভেম্বরের পর তার পরমাণু কর্মসূচি নিয়ে শক্তিধর ছয়টি দেশের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে রাজি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে অ্যাস্টোন জানান, তিনি ইরানের পরমাণুবিষয়ক প্রধান মধ্যস্থতাকারী সাইদ জালিলির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এতে তিনি উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নির্ধারিত যেকোনো স্থানে পরমাণু আলোচনায় বসতে রাজি বলে উল্লেখ করেছেন। এ আলোচনা ১০ নভেম্বরের পর শুরু করার অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে অ্যাস্টোন জালিলিকে লেখা এক চিঠিতে ভিয়েনায় ১৫ থেকে ১৭ নভেম্বর বৈঠকের প্রস্তাব করেছিলেন।
অ্যাস্টোন সাংবাদিকদের বলেন, ইরান বিশ্বের শক্তিধর ছয়টি দেশের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার যে ইচ্ছা প্রকাশ করেছে, তা খুব গুরুত্বপূর্ণ ।

ভারত ও চীন ভবিষ্যতে বিশ্বের নেতৃত্বে থাকবে

চীন ও ভারত আগামী দিনে গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। উভয় দেশের প্রধানমন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনে আলাদাভাবে বৈঠককালে এ আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিককালে দুই দেশের শীতল সম্পর্কের কারণে মনমোহন ও জিয়াবাও বৈঠক করবেন কি না, এ নিয়ে উদ্বেগ ছিল কূটনৈতিক মহলে। কিন্তু তাঁরা শেষ পর্যন্ত বৈঠকে পরস্পরের প্রতি যে বন্ধুত্বসুলভ মনোভাব প্রদর্শন করেছেন, তাতে কূটনীতিকেরা সন্তোষ প্রকাশ করেছেন। এমনকি চীনা প্রধানমন্ত্রী ডিসেম্বরে ভারত সফর করার আগ্রহও প্রকাশ করেছেন।
ওয়েন জিয়াবাও বলেন, চলতি বছরের মধ্যেই ভারত সফরে তাঁর যাওয়ার পরিকল্পনা রয়েছে।
চীন ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার কথা বললেও বিশ্লেষকদের মতে, দুই দেশই পারস্পরিক সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতার দিকেই বেশি ঝুঁকছে।
বর্তমান বিশ্বে চীন ও ভারত দুই আলোচিত শক্তি। দেশ দুটি ভবিষ্যতে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে—এমন বিশ্বাস খোদ যুক্তরাষ্ট্রেরও। গতকাল দুই প্রধানমন্ত্রী তাঁদের বৈঠকেও এমন আশা ব্যক্ত করেন। গত জুলাই থেকে জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য স্ট্যাপল্ড ভিসা ইস্যু নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিরক্ষা বিনিময় চুক্তি স্থগিত হয়ে যায়। ওই ঘটনার পর এটাই দুই দেশের শীর্ষনেতার প্রথম মুখোমুখি সাক্ষাত্।
সূত্র জানায়, গতকাল দুই প্রধানমন্ত্রী যখন মুখোমুখি হন তখন তাঁদের মধ্যে গভীর আন্তরিকতা দেখা গেছে। তাঁরা প্রথমে করমর্দন ও পরস্পরকে বুকে জড়িয়ে আলিঙ্গন করেন। প্রথমেই চীনা প্রধানমন্ত্রী মনমোহনকে বলেন, ‘আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত্। বিশ্বের নেতৃত্বে যাওয়ার সুযোগ। তবে এই লক্ষ্য অর্জনে পরস্পরের সহায়তা প্রয়োজন।’ মনমোহনও জিয়াবাওয়ের কথার সঙ্গ একমত পোষণ করেন। আগামী ৬ ডিসেম্বর চীনা প্রধানমন্ত্রী ভারত করবেন বলে জানা গেছে।

সত্যিই বড় হচ্ছে বিগ ব্যাশ

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘বিগ ব্যাশ’ এবার সত্যিকারের ‘বিগ’ হতে যাচ্ছে। টুর্নামেন্টটির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একে আইপিএলের মতো বিশ্বজনীন রূপ দিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্টের দল ৬টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৮টি। আগের মতো রাজ্যকেন্দ্রিক না হয়ে দলগুলো হবে শহরকেন্দ্রিক ও ফ্র্যাঞ্চাইজভিত্তিক। মূল মালিকানা আগের মতোই রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে থাকবে, তবে লঘিষ্ঠ মালিকানা থাকতে পারবে ব্যক্তিগত বিনিয়োগকারীদের। ধারণা করা হচ্ছে, এর পরিমাণটা হবে শতাংশ বা তার কাছাকাছি। বিগ ব্যাশের ‘বিগ শো’ দেখা যাবে ২০১১-১২ মৌসুম থেকে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এটিকে বড় এক পালাবদল হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ডে শুরু ক্রিকেটের নবতম সংস্করণটিকে শুরুতে খুব একটা পাত্তা দেয়নি সিএ। অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটেও টি-টোয়েন্টি শুরু হয়েছে বেশ পরে। চালুর পর থেকে অস্ট্রেলিয়ায় চক্রবৃদ্ধি হারে বাড়ছে টি-টোয়েন্টির জনপ্রিয়তা, গত মৌসুমের চেয়ে এ মৌসুমে বিগ ব্যাশের দর্শক বেড়েছে ৮০ শতাংশ। জনপ্রিয়তার পাশাপাশি আছে অর্থের হাতছানি। আইপিএলে অর্থের ছড়াছড়ির উদাহরণ তো চোখের সামনে আছেই। এই হাতছানিকে তাই আর উপেক্ষা করতে পারেনি সিএ। ওয়েবসাইট।
শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজগুলোয় বিনিয়োগকারীদের একটা বড় অংশ আসছে ভারত থেকে। ভারতের বড় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের নাম শোনা যাচ্ছে, যাদের মধ্যে অন্যতম নির্মাণপ্রতিষ্ঠান আদানি গ্রুপ। শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মালিকদের একজন জয় মেহতা ও বহিষ্কৃত আইপিএল কমিশনার লোলিত মোদির ঘনিষ্ঠ একজনের কথাও। কোনোটিরই অবশ্য সত্যতা পাওয়া যায়নি।
সিএ যদিও স্বীকার করেনি, তবে বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয় যে তারা অনুসরণ করছে আইপিএলের মডেলকেই। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড অবশ্য বলেছেন আইপিএল থেকে অনেক কিছু শিখেছেন তাঁরা। এ জন্যই দলগুলোর মালিকানা নিয়ে আইপিএলের সাম্প্রতিক ঝামেলার মতো কিছু যাতে না হয়, এ ব্যাপারে তারা সতর্ক। এই টুর্নামেন্টের জন্য জানুয়ারিতে একটা ‘উইন্ডো’ রাখতে যাচ্ছে তারা, যাতে পাওয়া যায় শীর্ষ সব ক্রিকেটারকেই। প্রাথমিকভাবে অবশ্য আইপিএলের মতো ক্রিকেটার কেনাবেচার ব্যাপার থাকছে না, ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হবে বেতনভিত্তিক। বর্তমানে যে ছয় রাজ্য দল খেলছে, তাদের ৬টি শহর স্বয়ংক্রিয়ভাবেই থাকছে। ধারণা করা হয়েছিল, বাড়তি দুটি দল আসবে বড় দুই রাজ্য নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া থেকে। সাদারল্যান্ড অবশ্য কাল জানিয়ে দিয়েছেন, দলগুলো ঠিক হবে আগামী ফেব্রুয়ারিতে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটের এই পালাবদলের মধ্যে অনেকে আবার দেখছেন ভবিষ্যতের ছবি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের বদলে ৪০ ওভারের ক্রিকেট চালু হয়েছে আগেই। অস্ট্রেলিয়াতেও এ মৌসুম থেকে শুরু হয়েছে দুই ইনিংসের ওয়ানডে। শীর্ষ দেশগুলো যেভাবে টি-টোয়েন্টির দিকে ঝুুঁকছে, ওয়ানডে ক্রিকেটের মৃত্যু কি তবে আসন্ন?

দুবাইতে বাট-আমির

আজ তাঁদের সংযুক্ত আরব আমিরাতেই থাকার কথা ছিল। কদিন আগেও দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন দুজন। কিন্তু নিয়তির ধাক্কায় কিংবা নিজেদের কৃতকর্মের দোষে আজ তাঁদের পথ আলাদা। কাল আবুধাবিতে যখন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান, মাত্র ১১৯ কিলোমিটার দূরে দুবাইতে তখন চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন সালমান বাট ও মোহাম্মদ আমির। সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাঁদের বহুল আলোচিত আপিলের শুনানি হবে আজ ও আগামীকাল। শুনানি পরিচালনা করবেন ব্রিটিশ ব্যারিস্টার মাইকেল বিলোফ কিউসি।
দুজনের সঙ্গেই আছেন তাঁদের আইনজীবীরা। কাল দেশ ছাড়ার সময় লাহোর বিমানবন্দরে সালমান বাট বলেছেন, অনেক আশা নিয়ে দুবাই যাচ্ছেন তিনি। ছোট্ট প্রতিক্রিয়ায় আমিরের কণ্ঠেও ছিল একই আশাবাদ। অভিযুক্ত আরেকজন মোহাম্মদ আসিফ কদিন আগেই প্রত্যাহার করে নিয়েছেন তাঁর আপিল।

ব্রাজিল দলে রোনালদিনহো

বয়স মাত্রই তিরিশ, তবু রোনালদিনহোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সর্বশেষ ব্রাজিল দলে খেলেছেন যে দেড় বছর আগে! দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে আবার দেখা যাবে ব্রাজিলের হলুদ জার্সিতে।
ক্লাব ফুটবলে পারফরম্যান্সটা আহামরি কিছু নয়, তার পরও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রোনালদিনহোকে রেখেছেন ব্রাজিল কোচ মানো মেনেজেস। ১৭ নভেম্বর কাতারের দোহায় হবে ম্যাচটি। রোনালদিনহো সর্বশেষ ব্রাজিল দলে খেলেছেন ২০০৯ সালের এপ্রিলে, পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

সেরা বিশে আছেন সিদ্দিকুর

শিরোনামটা হতে পারত—সেরা দশে সিদ্দিকুর। ১৮ হোলের খেলায় ১৭ হোল পর্যন্ত দুর্দান্ত অবস্থায় ছিলেন কাল সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ হোলে এসে পারের চেয়ে এক শট বেশি খেলার ফলে দ্বিতীয় রাউন্ড শেষেও সেই সেরা বিশেই রইলেন বাংলাদেশি গলফার।
মালয়েশিয়ায় চলমান পিজিএ ট্যুর স্বীকৃত টুর্নামেন্ট এশিয়া প্যাসিফিক ক্লাসিকে কাল ৬৮ শটে রাউন্ড শেষ করে স্কোরের দিক থেকে পঞ্চম স্থানে আছেন সিদ্দিকুর। কাল ৬৫ শটে রাউন্ড শেষ করে প্রথম স্থানে উঠে এসেছেন পারিয়া জুনহাসাভাসদিকুল। এই পারিয়ার কাছে টাইব্রেকারে তাইওয়ানের মারকিউরিস ওপেনের শিরোপা হারিয়েছিলেন সিদ্দিকুর।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে পারিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের বেন ক্রেন। টুর্নামেন্টের অন্যতম বড় তারকা যুক্তরাষ্ট্রের আর্নে এলস পারের চেয়ে ৭ শট কম খেলে আছেন সেরা দশে।
পারের চেয়ে দুই রান্ড মিলিয়ে ৫ শট কম খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্সে মোটামুটি খুশিই। মালয়েশিয়া থেকে সিদ্দিকুরের পৃষ্ঠপোষক, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন কর্মকর্তার মাধ্যমে পাঠানো মন্তব্যে সিদ্দিকুর বলছেন, এই টুর্নামেন্ট থেকে তাঁর এখন পর্যন্ত বড় প্রাপ্তি অভিজ্ঞতা।
কাল দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুর অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কটের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। স্কটের সঙ্গে খেলতে খেলতে বলা কথাগুলোকেই বড় প্রাপ্তি বলছেন বাংলাদেশের প্রথম এশিয়ান ট্যুরজয়ী গলফার, ‘পিজিএ ট্যুরের এই খেলোয়াড়দের কাছ থেকে প্রতিদিন অনেক কিছু শিখছি। প্রথম দিন টিম ক্লার্কের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে এবং আজ (কাল) স্কটের সঙ্গে জুটি করে খেললাম। ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি।’

দুই কোচের লড়াইও

একজন কথা বলেন খুব আস্তে। নিজেও অনেক সময় শুনতে পান কি না সন্দেহ। অন্যজনের মুখে কথার খই না ফুটবলেও বেশ বাকপটু। শান্ত আলী আকবর পোরমুসলিমির সঙ্গে চটপটে জোরান কার্লেভিচের মিল তেমন নেই।
কিন্তু আজ একটা জায়গায় দুজন মিলে যাচ্ছেন। দুজনই ফেডারেশন কাপের শিরোপা উপহার দিতে চান নিজ নিজ ক্লাবকে।
ইরানি আলী আকবরের হাত ধরে আবাহনী চায় ২০০০ সালের পর হারানো ফেডারেশন কাপ শিরোপা পুনরুদ্ধার করতে। নতুন রূপে যাত্রা করা তারকাবহুল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে প্রথম টুর্নামেন্টেই শিরোপা দিতে চান সার্বিয়ান কার্লেভিচ। ফেডারেশন কাপের আজকের ফাইনাল তাই দুই বিদেশি কোচেরও লড়াই।
এএফসির কোচিং ইনস্ট্রাক্টর আলী আকবরের কোচিংয়ের মূল সূত্র হলো, ‘চেঞ্জ পজিশন মেন্টালি’। কাল অনুশীলন শেষে ব্যাপারটা ব্যাখ্যা করলেন আবাহনীর কোচ, ‘যখন খেলোয়াড়েরা আক্রমণে যায়, তখন তাদের মনে রাখা উচিত রক্ষণও করতে হবে আমাকে। কিন্তু বাংলাদেশের ফুটবলাররা আক্রমণে উঠে রক্ষণের ব্যাপারটা ভুলে যায়। এটা ঠিক নয়।’
প্রায় নতুন একটা দলকে অল্প কয়েক দিনেই শক্ত একটা ভিত্তি দিয়েছেন। আবাহনীর খেলায়ও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। আলী আকবর জোর দেন রানিংয়ের ওপর। সঙ্গে পাওয়ার। আবাহনী অধিনায়ক প্রাণতোষ বলছেন, ‘খুব তাড়াতাড়িই আমরা গোছানো একটা দল হয়ে উঠেছি। নতুন কোচ ডিফেন্স ঠিক রেখে আক্রমণে যাওয়ার ওপর জোর দেন। বল নিজেদের পায়ে রাখা এবং পজিশনাল প্লে বেশি চান।’
‘ওয়ান টাচ’ খেলা বেশি পছন্দ কার্লেভিচের। কাল শেখ জামালের অনুশীলন শেষে বললেন, ‘আমি খেলোয়াড়দের সব সময়ই বলি, প্লে সিম্পল। চতুর ফুটবলার চাই দলে। ফেডারেশন কাপ নিয়ে খেলোয়াড়দের একটা কথাই বলেছি, সুযোগটা নাও।’
অবিভক্ত যুগোস্লাভিয়ার বিখ্যাত ক্লাব পার্টিজান বেলগ্রেডে খেলেছেন। এই দলের সহকারী কোচও ছিলেন। ইউরোপীয় ফুটবল তাঁর নখদর্পণে। ‘এই ম্যাচ ৫০-৫০’, ‘ম্যাচের আগে সবাই সমান’—কৌশলী এই উত্তর তাঁর ঠোঁটেই থাকে। আবাহনী কোচও প্রতিপক্ষের ওপর রাখেন অগাধ শ্রদ্ধা। শেখ জামাল সম্পর্কে বললেন, ‘ওরা খুবই সংগঠিত একটা দল।’
উয়েফা প্রো-লাইসেন্সধারী তরুণ কোচ কার্লেভিচ সাধারণত ৪-২-৩-১ ফর্মেশন অনুসরণ করেন। আজও ব্যতিক্রম হবে না। বাজে ফর্মে থাকা স্ট্রাইকার এমিলিকে বাঁ প্রান্তে এনে আজ মূল স্ট্রাইকার হিসেবে খেলাতে পারেন আবদুল বাতেন কমলকে। আবাহনী কোচ ৪-৪-২ ফর্মেশনেই বেশি সাজান তাঁর দল। তবে তাঁর একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম।
আলী আকবরের আবাহনী বহু ফাইনাল খেলায় অভিজ্ঞতাসম্পন্ন এক দল। কার্লেভিচের হাত ধরে এই প্রথম ফাইনালের স্বাদ নিতে যাচ্ছে শেখ জামাল। ‘অভিজ্ঞ’ ও ‘নবীনের’ লড়াইয়ে দু দলের বড় শক্তি দুই কোচ।

অনেক ‘প্রতীক্ষার’ ফাইনাল

অনুশীলন শেষে রুমে ফিরেছেন। নাশতার প্লেট সামনে। সতীর্থ কয়েকজনের চোখ টিভির পর্দায়। আলফাজ আহমেদ সেদিকে তাকাচ্ছেন না। আজ তাঁর মাঠে নামা হবে কি না সেটা জানা নেই। কিন্তু মনের ভেতরে একটা উজ্জীবনী শক্তি অনুভব করছেন।
‘মনে হচ্ছে দীর্ঘ একটা খরার পর এক পশলা বৃষ্টি এসেছে। এমন একটা ফাইনাল কত দিন হয় না! দীর্ঘ একটা প্রতীক্ষার ফাইনাল মনে হচ্ছে এই ম্যাচটিকে’—আবাহনী স্ট্রাইকার বলে যান এক নিঃশ্বাসে।
‘এমন একটা ফাইনাল’ বলতে আজকের আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফাইনাল। ২২তম ফেডারেশন কাপের চূড়ান্ত লড়াইটা অনেক দিনের প্রতীক্ষার ফাইনাল কীভাবে হয়? ধানমন্ডি ক্লাব তো এবারই প্রথম খেলছে মৌসুম সূচক টুর্নামেন্টের ফাইনালে।
কথা ঠিক। সেই ষাটের দশকের ধানমন্ডি ক্লাব শেখ জামাল নাম নিয়ে এই প্রথম ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে নামছে। দেশের ১৫-১৬ জন জাতীয় দলের খেলোয়াড় দলভুক্ত করার পর কাগজে-কলমে সেরা দলের তকমা পাওয়া দলটির ফাইনালে ওঠা ছিল ‘অবশ্যপালনীয়’ কর্তব্য। সেই দলকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে রাখার একটা চ্যালেঞ্জ শুরু থেকেই দেখে আসছে পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। আলফাজের মুখে ‘প্রতীক্ষার ফাইনাল’ কথাটা এ কারণেই যথার্থ মনে হয়।
কিন্তু ফাইনালের সেই আমেজ কি আছে? আবাহনীর অনুশীলন শেষে অধিনায়ক প্রাণতোষ বললেন, ‘আবাহনী-মোহামেডান ফাইনালের মতো টেনশন নেই। দুই প্রধানের যেকোনো ম্যাচেই আমরা চাপে থাকি। এই চাপটা ঠিক সেভাবে নিজেদের মধ্যে দেখছি না।’
আবাহনীর এই ফাইনালে না জিতলে টানা তিনটি ফেডারেশন কাপের রানার্সআপ হবে তারা। গত দুটি ফেডারেশন কাপের ফাইনালে হেরেছে মোহামেডানের কাছে। দুটিই টাইব্রেকারে। তার চেয়েও বড় তথ্য, আবাহনী সর্বশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০০০ সালে। বছরের হিসাবে ১০ বছর, মাঝে ফেডারেশন কাপ হয়েছে অবশ্য মাত্র চারটি। সেটা মনে করে উইঙ্গার মেহেদি হাসান (উজ্জ্বল) ক্লাব-বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আলো-আঁধারীতে প্রতিজ্ঞার সুরে বলে যান, ‘দশ বছর হয়ে গেল। এবার ফেডারেশন কাপ চাই-ই চাই আমাদের।’
শেখ জামালের হিসাব একটাই, ‘গোল করো এবং চ্যাম্পিয়ন হও।’ তারকাবহুল দল হলেও শেখ জামালের সবচেয়ে বড় সমস্যা গোল-খরা। তাই কাল বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে শেষ বেলার অনুশীলনে শ্যুটিং অনুশীলনই বেশি হলো। ছাড়পত্র চলে আসায় আজ বদলি হিসেবে খেলানো হতে পারে সার্বিয়ান স্ট্রাইকার আলেকজান্ডারকে। তাঁর পায়ের শট দেখে সাইড বেঞ্চে বসা শেখ জামাল সভাপতি মনজুর কাদের বেশ উৎফুল্ল—‘গুড শট’, ‘ব্রিলিয়ান্ট শট!’
ম্যাচে গোল করলেই অর্থ পুরস্কার দিয়ে আসছে শেখ জামাল। আগের ম্যাচগুলোয় প্রতি গোলের জন্য দলকে ৫০ হাজার টাকা দিয়েছেন ক্লাব সভাপতি। ফাইনালে অঙ্কটা এক লাখ। বলা বাহুল্য, এটা খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য। এর প্রতিদান দেওয়ার জন্য তৈরি সেমিফাইনালে দারুণ গোলকিপিং করে দলকে ফাইনালে তোলা অধিনায়ক আমিনুল, ‘ক্লাব খেলোয়াড়দের অনেক দিয়েছে। কাল (আজ) খেলোয়াড়দের প্রতিদান দেওয়ার পালা। ফাইনাল জিতে ক্লাবের উৎসাহ আরও বাড়াতে চাই।’
লক্ষ্য পূরণ কতটা সম্ভব, কমলাপুর স্টেডিয়ামে তারই পরীক্ষা শুরু আজ বিকেল পাঁচটায়। এর আগে গ্রুপ পর্বে আবাহনীর বিপক্ষে ম্রিয়মাণ ছিল শেখ জামাল। দুই পরাশক্তির গোলশূন্য লড়াইয়ে আবাহনীই ভালো খেলেছে। তবে এটি নতুন ম্যাচ। জিততে পারে যে কেউ। ফাইনাল বলে জয়ের তৃষ্ণাটা তাই সমানভাবেই ছড়িয়ে আছে দুই দলে।

নেপোলিতে ম্যারাডোনার জন্মোৎসব

ইতালির একটি ছোট্ট ক্লাব নেপোলি। আশির দশকে ডিয়েগো ম্যারাডোনা এই অখ্যাত ক্লাবটিকেই নিজের অসাধারণ নৈপুণ্যে সাফল্যের শিখরে তুলে দিয়েছিলেন। ১৯৮৪ সালে ম্যারাডোনা নেপোলিতে খেলতে আসার পর ক্লাবটি দুবার ইতালীয় সিরি ‘আ’র শিরোপা, একবার ইতালিয়ান কাপ ও উয়েফা কাপ জিতেছিল। নেপোলিতে ম্যারাডোনা তাই এখনো ঈশ্বরতুল্য। ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ৫০তম জন্মদিনটিও তাই বেশ সাড়ম্বরেই উদযাপিত হচ্ছে সেখানে।
ম্যারাডোনা নিজেও তাঁর ৫০তম জন্মদিনটি কাটাতে চেয়েছিলেন স্মৃতিময় এই নেপোলিতে। তবে করসংক্রান্ত আইনি জটিলতা ম্যারাডোনার সেই ইচ্ছাকে বাস্তবরূপ নিতে দেয়নি। তাই বলে থেমে ছিলেন না নেপোলির ক্লাব কর্তা ও অগণিত ভক্ত-সমর্থকেরা। আজ শনিবার সকাল থেকেই নেপোলির মানুষ নানা আনুষ্ঠানিকতায় জাঁকজমকের সঙ্গেই পালন করবে ফুটবলের এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন।
নেপোলিতে আয়োজিত ম্যারাডোনার জন্মজয়ন্তীতে থাকবে নানা আনুষ্ঠানিকতা। ’৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা ম্যারাডোনার সেই বিখ্যাত ‘ঈশ্বরের হাত’ গোলের আদলে তৈরি করা হয়েছে একটি ভাস্কর্য। আজ জন্মদিনের উত্সবের শুরুতেই উদ্বোধন করা হবে সেটি। শুধু ঈশ্বরের হাতই নয়, সেই ম্যাচেই প্রতিভার সর্বোচ্চ বিস্ফোরণ ঘটিয়ে ছয়জনকে কাটিয়ে করা ‘শতাব্দীর সেরা’ গোলটিও স্মরণ করা হবে শ্রদ্ধাভরে। ক্রীড়া লেখক মাউরিজিও ডি জিওভান্নি শোনাবেন সেই গোলটি নিয়ে তাঁর বিশেষ লেখা ‘দুনিয়ার সবচেয়ে সুন্দর গোলের কাহিনি’। সন্ধ্যার পর ম্যারাডোনার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে সিনেমা হলগুলোতে। শহরজুড়ে এমন গুজবও ছড়িয়ে পড়েছে, এ সময় ম্যারাডোনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবেন সমর্থকেরা। এ ছাড়া রাতে ‘ডিয়েগো সেট’ অনুষ্ঠানে নাচ-গানের মধ্য দিয়ে ম্যারাডোনার ৫০তম জন্মবার্ষিকী পালন করবে ম্যারাডোনার ভক্তরা। শুধু ম্যারাডোনাই থাকবেন না সেখানে!

ব্যাটিং কোচের সন্ধানে পাকিস্তান

অনেক দিন ধরেই একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের সন্ধানে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাঝে স্পট ফিক্সিং বিতর্কের ডামাডোলে অনেকটাই চাপা পড়ে গিয়েছিল ব্যাটিং কোচ প্রসঙ্গ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান দলের ব্যাটিং দীনতা পিসিবিকে নতুন করে ব্যাটিং কোচের ব্যাপারে ভাবতে বাধ্য করেছে।
পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে আছেন ওয়াকার ইউনিস। সহকারী কোচের দায়িত্বেও আছেন সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে, দুই কোচের কারোরই ব্যাটিংয়ের ভালো অতীত না থাকায়, দলের ব্যাটসম্যানরা নিজেদের ভুলগুলো কোনো বিশেষজ্ঞ পরামর্শে শুধরে নিতে পারছেন না। যার সম্পূর্ণ প্রভাব পড়ছে দলের ব্যাটিংয়ে।
পাকিস্তান দলে অবশ্য সার্বক্ষণিক ব্যাটিং কোচ কখনোই ছিল না। সাবেক ইংলিশ ওপেনার জিওফ্রে বয়কট কিছুদিনের জন্য পাকিস্তানের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানের দুর্বল ব্যাটিং প্রদর্শনীতে খুব দ্রুতই একজন ব্যাটিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এ মুহূর্তে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহী দেশটির অনেক সাবেক ক্রিকেটারই। এ তালিকায় রয়েছে কিংবদন্তিতুল্য সব নাম। জহির আব্বাস থেকে শুরু করে জাভেদ মিয়াঁদাদ ও সাঈদ আনোয়ার প্রকাশ করেছেন নিজেদের ইচ্ছার কথা। তবে এখন পর্যন্ত পিসিবি সভাপতি ইজাজ বাট বিদেশি কাউকেই বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিতে আগ্রহী।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের বরাত দিয়ে ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী বিশ্বকাপে দলের ব্যাটিং লাইনআপ নিয়ে কাজ করার জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ বা তাঁর ভাই মার্ক ওয়াহকে আনার কথা ভাবছে পিসিবি। তবে পিসিবির সঙ্গে ওয়াহ ভাতৃদ্বয়ের কথা-বার্তা কতটুকু এগিয়েছে, তা অবশ্য জানা যায়নি

গল্প- 'স্বপ্ন' by আলমগীর হোসেন ফারুক


এক.
আজানের ধ্বনি কর্ণে ভেসে আসতেই ঘুম ভেঙে যায় রাহাতের। তাড়াতাড়ি উঠে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য চলে যায় বাথরুমে। কাজ সেরে দ্রুত পায়ে রওনা হয় মসজিদ পানে।
জিকির করতে করতে চলতে থাকে তার পথচলা। আল্লাহু, আল্লাহু…। হঠাৎ কেউ ডেকে উঠে এই রাহাত শুন, শুন।
শব্দটা আরও দীর্ঘতর হতে থাকে কিন্তু রাহাতের সেদিকে কোন দৃষ্টি নেই। চলতে থাকে; আর আপন মনে ডেকে যায় আল্লাহু আল্লাহু…।