Thursday, August 4, 2011

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৪

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি অতিথিশালায় গতকাল মঙ্গলবার আত্মঘাতী হামলায় চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া এক পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ ১০ জন আহত হয়েছেন। তালেবান জঙ্গিরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
পুলিশ জানায়, তিন আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। যে অতিথিশালায় ওই হামলা চালানো হয়েছে, সেখানে মাঝেমধ্যে বিদেশিরা এসে অবস্থান করত। তবে হামলায় কোনো বিদেশি হতাহত হয়নি।

বেনজির হত্যা মামলার আসামির কৃতিত্বপূর্ণ ফলাফল

মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত আসামি আবদুল রশিদ আহমেদ ওরফে আবদুল রহিম তারবি। গত সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাধ্যমিক পরীক্ষায় মোট ১০৫০ নম্বরের মধ্যে ৮৪৮ নম্বর অর্জন করে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে রশিদ আহমেদ। রাওয়ালপিন্ডির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ওই পরীক্ষা গ্রহণ করে।
রাওয়ালপিন্ডি কারাগার থেকে পরীক্ষা দিয়েছিল রশিদ। বর্তমানে আদিয়ালা কারগারে একই মামলার অপর চার আসামির সঙ্গে তাকে বন্দী করে রাখা হয়েছে।
আদিয়ালা কারগারের পরিচালক মহসিন রফিক বলেন, পড়াশোনা শেষ করার ইচ্ছা প্রকাশ করার পর কারা প্রশাসন রশিদের জন্য কয়েকজন শিক্ষকসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।
রশিদের বাড়ি খাইবার-পাখতুন খাওয়া প্রদেশের একটি গ্রামে। সে আকোরা খাট্টাকের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ২০০৮ সালের জানুয়ারিতে পাঞ্জাবের কামরাতে একটি সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

থাই পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হলেন পুয়ে থাই নেতা

থাইল্যান্ডের পুয়ে থাই পার্টির সোমসাক কিয়াতসুরানন্দ দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে গতকাল মঙ্গলবার তাঁকে নির্বাচিত করা হয়।
উদ্বোধনী অধিবেশনের এক দিন পরই পার্লামেন্ট সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন সোমসাক। পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হওয়ায় হবু প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতা গ্রহণের পথ সুগম হলো। চলতি সপ্তাহের শেষ দিকে পার্লামেন্টে ভোটাভুটিতে ইংলাক প্রধানমন্ত্রী মনোনীত হবেন বলে আশা করা হচ্ছে। সোমসাক জানিয়েছেন, স্পিকার হিসেবে তাঁর মনোনয়নপত্রে রাজার স্বাক্ষরের পরপরই আগামী বৃহস্পতি বা শুক্রবার এই ভোট আহ্বান করবেন তিনি।
রাজনীতিতে নবাগত ইংলাক পুয়ে থাই নেতা স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। গত ৩ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইংলাকের নেতৃত্বে জয়ী হয় পুয়ে থাই দল। তিনি ছয়টি দলের একটি জোট গঠন করেছেন। থাই পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষের পাঁচ ভাগের তিন ভাগই নিয়ন্ত্রণ করছে এ জোট।

লিবিয়ার বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ বললেন চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ লিবিয়ার বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেছেন। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হুগো চাভেজ লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা ট্রানজিশনাল (ন্যাশনাল) কাউন্সিলকে শুধু স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছি, তা-ই নয়; আমরা বলছি যে ইউরোপিয়ান ও অন্যান্য দেশগুলো একদল সন্ত্রাসীকে স্বীকৃতি ও বৈধতা দিয়েছে।’
হুগো চাভেজ বলেন, এ ধরনের স্বীকৃতি ‘আন্তর্জাতিক আইনের ভিত্তিকে ধ্বংস করবে। কারণ, এটা অন্যান্য বিরোধীপক্ষের আত্মপ্রকাশের পথ প্রশস্ত করবে।’
চাভেজ এরপর তাঁর কাছে পাঠানো লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে সমর্থনের জন্য তিনি ভেনেজুয়েলার প্রশংসা করেন।
এদিকে কেমোথেরাপির কারণে চুল পড়ে যাচ্ছিল হুগো চাভেজের। এ কারণে তিনি মাথা ন্যাড়া করেছেন। আর এ ন্যাড়া মাথায় গতকাল ওই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি, যা টেলিভিশনে প্রচার করা হয়। ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
চাভেজ বলেন, কেমোথেরাপির কারণে তাঁর চুল পড়ে যাচ্ছিল। এ কারণে তিনি মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন।
গত জুনে কিউবায় অস্ত্রোপচারের মাধ্যমে চাভেজের শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। এরপর ক্ষতিকর কোষের পুনরাবির্ভাব ঠেকাতে গত মাসে তাঁকে প্রথম দফা কেমোথেরাপি দেওয়া হয়।

মমতার বিরুদ্ধে মাওবাদীদের আন্দোলনের ডাক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে মাওবাদীরা। কলকাতার উপকণ্ঠ বেলঘরিয়া রেলস্টেশনে গত সোমবার মমতার সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে ৫০টির বেশি পোস্টার লাগানো হয়েছে। এর আগে মাওবাদীরা এভাবে মমতার বিরুদ্ধাচরণ করে কোনো পোস্টার লাগায়নি এই রাজ্যে।
পোস্টারে লেখা হয়েছে, ‘জনস্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের দোসর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেন্দ্রীয় সরকারের সব কালাকানুন বাতিল করতে হবে। মাওবাদী সন্দেহে ধৃত সবাইকে মুক্তি দিতে হবে। জঙ্গলমহলে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে।’ সোমবার রাতে ঘটনাটি পুলিশের নজরে এলে পুলিশ এসে সব পোস্টার ছিঁড়ে ফেলে।
এবারের বিধানসভা নির্বাচনের আগেই মাওবাদীরা পরোক্ষভাবে মমতাকে সমর্থন জানিয়েছিল। মমতাও ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় এলে তারা জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেবে। কিন্তু ক্ষমতা গ্রহণের আড়াই মাস কেটে গেলেও মমতা জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের ব্যবস্থা নেননি। এমনকি জেলে বন্দী মাওবাদী নেতা-কর্মীদের মুক্তিরও কোনো উদ্যোগ নেননি। এতে মাওবাদীরা ক্ষুব্ধ হয়ে পড়েছে মমতার ওপর।

করাচিতে ব্যাপক সহিংসতা, নিহত ৩৫

পাকিস্তানের করাচি নগরে ব্যাপক সহিংসতায় এক দিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ কথা জানান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, করাচিতে সন্ত্রাস ও রক্তপাত বর্তমানে স্থায়ী রূপ নিয়েছে।
করাচির রাস্তায় রাস্তায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাদেশিক সরকারের কর্মকর্তা শারফুদ্দিন মেমন বলেন, গত ২৪ ঘণ্টার সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই গতরাতের গোলাগুলিতে নিহত হয়।
সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় করাচির সুরজানি এলাকায়। এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা কয়েকটি বাড়ি ও দোকানের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এতে দুজন নিহত ও অসংখ্য লোক আহত হয়। পুলিশ জানায়, ওই সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ওরাঙ্গি, সুরজানি, পাক কলোনি, লান্ধি, গুলশান-ই ইকবাল, করাঙ্গিসহ কয়েকটি এলাকায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, করাচির আশপাশে সবচেয়ে গোলযোগপূর্ণ এলাকাগুলোয় জোরদার টহলের ব্যবস্থা করা হবে। হত্যাকারীদের চিহ্নিত করে নির্মূল করতে টহল বিমানের ব্যবস্থা করা হয়েছে।
গত এক মাসে পাকিস্তানের বৃহত্তম নগর করাচিতে রাজনৈতিক, জাতিগত ও সন্ত্রাসবাদী সহিংসতার বিভিন্ন ঘটনায় দুই শতাধিক লোক নিহত হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। উর্দুভাষীদের সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও পশতুভাষী অভিবাসীদের সংগঠন আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমর্থকদের বেশির ভাগ হাঙ্গামার জন্য দায়ী করা হচ্ছে।
এদিকে লন্ডনে অবস্থানকারী এমকিউএম নেতা আলতাফ হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশের সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তা না হলে তিনি ব্যাপক গণ-আন্দোলন শুরু করার হুমকি দেন।
এমকিউএমের আইনপ্রণেতা ওয়াসিম আহমেদ গত সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে বলেন, ‘আমরা কাউকে করাচির নিয়ন্ত্রণ নিতে দেব না।’

মার্কিন কংগ্রেসে ঋণসীমা বিল অনুমোদন

ঋণসীমা বাড়ানো এবং ব্যয় কাটছাঁট নিয়ে বিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। বিলটি গত সোমবার প্রতিনিধি পরিষদে ২৬৯-১৬১ ভোটে অনুমোদন করা হয়। পরে গতকাল মঙ্গলবার সিনেট তা অনুমোদন করে। সিনেটে বিলটি ৭৪-২৬ ভোটে পাস হয়। গতকালই বিলটি অনুমোদনের জন্য সিনেটে উপস্থাপন করা হয়।
কংগ্রেসের উভয় কক্ষে বিলটি অনুমোদিত হওয়ার পর এখন প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে সই করবেন। এ বিল পাসের ফলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়াল যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঋণখেলাপি হওয়া নিয়ে সম্প্রতি যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, তার অবসান হয়েছে। বিল অনুযায়ী, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের ঋণসীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাড়ানো হবে। সেই সঙ্গে ব্যয় সংকোচন করা হবে ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
বিলটি প্রথমে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়ার পর কংগ্রেসম্যানরা উল্লাস প্রকাশ করেন। গত জানুয়ারিতে টুসনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফর্ডস সোমবার প্রথমবারের মতো ক্যাপিটল হিলে হাজির হন। আনন্দে তিনি চুমো ছুড়ে দিয়ে বলেন, ‘ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ।’
প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হলেও ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা এ নিয়ে বিভক্ত হয়ে পড়েন। বিলটির পক্ষে ৯৫ জন ভোট দিলেও বাকি ৯৫ জন বিরোধিতা করেছেন। অন্যদিকে ১৭৪ জন রিপাবলিকান বিলের পক্ষে ভোট দিয়েছেন। ভেটো প্রদান করেছেন মাত্র ৬৬ জন।
গতকাল ২ আগস্ট ছিল মার্কিন ঋণসীমা বাড়ানোর শেষ দিন। বিলটি গতকালের মধ্যে চূড়ান্তভাবে অনুমোদন করা না গেলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ত যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র সরকার বছরে যে পরিমাণ ঋণ নিতে পারে, তা গত মে মাসেই শেষ করে ফেলেছে ওবামা প্রশাসন। দেশটির ঋণসীমা এর আগে বিভিন্ন সময়ে বাড়ানো হলেও এবারের মতো সংকট আর তৈরি হয়নি। চলতি বছর আর্থিক বিষয়ে রক্ষণশীল কিছু নেতা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসায় তাঁরা এতে বাগড়া দিচ্ছেন।
বিশ্লেষকেরা বলছেন, মধ্যমেয়াদি নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোনো প্রস্তাবই সহজে মেনে নিচ্ছেন না কট্টর টি-পার্টি রিপাবলিকানরা।
যুক্তরাষ্ট্র সরকারের এবারের বাজেট ঘাটতি ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং জাতীয় ঋণের পরিমাণ ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। সংকট মোকাবিলায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড আগামী ১০ বছরে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ব্যয় কাটছাঁট ও ঋণসীমা ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেট ঘাটতি মোকাবিলায় আরও কাটছাঁটের প্রস্তাব দিতে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। আগামী নভেম্বরের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
ব্যয় সংকোচন ও ঋণসীমা বাড়ানো নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কয়েক মাস ধরে অচলাবস্থা বিরাজ করছিল। এমনকি ডেমোক্র্যাটদের মধ্যেও ছিল বিভক্তি।

সিরিয়ায় সরকারি দমন অভিযান চলছেই

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনে অব্যাহত সেনা অভিযানের ফলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত সোমবার পবিত্র রমজান মাসের প্রথম দিনে সেনারা ট্যাংক নিয়ে হামা শহরে গোলাবর্ষণ করেছে। মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, এদিন সিরিয়াজুড়ে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ায় সরকারি দমন অভিযানের বিষয়ে গত সোমবার জরুরি বৈঠক করেছে। সরকারি দমন অভিযানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার লক্ষ্যে পশ্চিমা শক্তিগুলো ওই রুদ্ধদ্বার বৈঠক করে। তবে বৈঠক চলাকালে রাশিয়া ওই নিন্দা প্রস্তাবের বিরোধিতা করেছে।
বৈঠকে জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, গত রোববার সেনাবাহিনীর অভিযানে ১৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে তিন হাজার মানুষ নিখোঁজ হয়েছে এবং ১২ হাজার মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, সোমবার রাতে তারাবি নামাজের পর সিরিয়ার কয়েকটি শহরে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ১০ জন নিহত ও আরও কয়েকজন আহত হন। তিনি আরও বলেন, ওই ১০ জনসহ এদিন সিরিয়ায় ২৪ জনের প্রাণহানি হয়। তবে এসব প্রাণহানির বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
সিরিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটসের প্রধান আবদুল করিম রিহাওয়ি বলেন, সোমবার রাতে হামা শহরজুড়ে প্রচণ্ড গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। সরকারি বার্তা সংস্থা সানা জানায়, হামা শহরে সেনারা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সেখানে সেনারা শহরের প্রবেশমুখে প্রতিবন্ধকতা সরানোর কাজ করছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি ও পিকআপে মেশিনগান নিয়ে দামেস্কের ইরবিন এলাকার মূল চত্বরে জড়ো হন। এরপর তাঁরা সেখানকার বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়েন এবং মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সেখানে বহু লোক আহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে সোমবার সিরিয়ায় সেনাবাহিনী দিবস উদ্যাপন করা হয়েছে। এদিন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সেনাদের কর্মকাণ্ডের ব্যাপক প্রশংসা করেন।
প্রেসিডেন্ট বাশার বলেন, সেনাবাহিনী জনগণের প্রতি আনুগত্যের প্রমাণ দিয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীর কর্মপ্রচেষ্টা ও উৎসর্গ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাদের উৎসর্গ দেশের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার পদক্ষেপ নস্যাৎ করতে সফল হয়েছে।

ইফতারও জুটছে না তাদের

ফাদুমা আদেন একজন ধর্মপ্রাণ মুসলিম। গত সোমবার রমজান মাসের প্রথম দিন রোজা রেখেছেন সোমালিয়ার এ নারী। কিন্তু সন্ধ্যায় ইফতার করার জন্যতিনি কোনো খাবার পাননি। শুধু তিনি নন, এ বছর সোমালিয়ার বেশির ভাগ মানুষেরই অবস্থা তাঁর মতো।
নিজের দেশ সোমালিয়ায় দুর্ভিক্ষের কারণে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ কেনিয়ার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ফাদুমা আদেন। তিন সন্তানের এ জননী বলেন, ‘রোজা রাখাটা আমার জন্য কষ্টের। তবু আল্লাহর ভয়ে রোজা রেখেছি।’
খরার কারণে হর্ন অব আফ্রিকার দেশগুলোতে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। উপদ্রুত দেশগুলোর মধ্যে রয়েছে কেনিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া।
এ অঞ্চলের প্রায় এক কোটি মানুষ খরাকবলিত। দক্ষিণ সোমালিয়ার দুটি এলাকাকে দুর্ভিক্ষকবলিত ঘোষণা করেছে জাতিসংঘ। ওই এলাকার ৩০ শতাংশ শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে। প্রতিদিন প্রতি ১০ হাজার শিশুর মধ্যে চারটি শিশু মারা যাচ্ছে।
ইফতার করার মতো খাবার নেই আরেক শরণার্থী মোহাম্মদ আবদুল্লাহরও। তাঁর প্রশ্ন, ‘ইফতার করার মতো কিছুই যখন নেই, তখন আমি কীভাবে রোজা রাখব?’ আবদুল্লাহ বলেন, ‘আমার পরিবারের সবাই ক্ষুধার্ত। তাঁদের মুখে তুলে দেওয়ার মতো কিছুই নেই।’ স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দিতে না পেরে নিজেকে অপরাধী মনে করছেন তিনি।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি শরণার্থী শিবিরে আছেন আরেক উদ্বাস্তু নুর আহমেদ। ছয় সন্তানের এই জনক বলেছেন, ‘সেহির-ইফতার করার মতো কিছু না থাকায় রোজা রাখতে পারছি না।’
মোগাদিসুর একটি মসজিদের ইমাম উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা উদ্বেগের বিষয় যে সোমালিয়ার অনেক মানুষ রোজা রাখতে পারছেন না। কারণ, ক্ষুধার কারণে তাঁরা এমনিতেই দুর্বল হয়ে পড়েছেন। ইফতার করার মতো খাবার নেই তাঁদের কাছে। তিনি বলেন, ‘ক্ষুধায় যারা মারা যাচ্ছে, তাদের সাহায্যার্থে আমরা সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই পরিস্থিতিতে মুসলমানদের নীরব থাকা উচিত নয়।’
কেনিয়ার দাবাব শহরের শরণার্থী শিবিরে রেড ক্রস পরিচালনা করছে একটি হাসপাতাল। সেই হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ হোসেন বলেন, ‘আপনি নিজে ক্ষুধার্ত থাকলে আপনার মধ্যে সহানুভূতির জন্ম হবে। আপনি নিজে ক্ষুধার্ত হলে আরেকজন ক্ষুধার্তের যন্ত্রণা অনুভব করতে পারবেন।’ তিনি বলেন, লোকজন হাঁটার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে।
জাতিসংঘ বলেছে, সোমালিয়ায় এক কোটি ১০ লাখেরও বেশি লোকের খাদ্যসাহায্য দরকার। এক হিসেবে দেখা গেছে, খাদ্যের সন্ধানে প্রতিদিন প্রায় এক হাজার ৩০০ সোমালীয় দেশ ছাড়ছে।

মিশেল মনে করে, আমি এখনো সুন্দর: ওবামা

কাল বৃহস্পতিবার ৫০ বছরে পা দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অর্ধশত বছর পূর্তি উপলক্ষে তিনি বলেছেন, যদিও তাঁর মাথার চুল কিছুটা পেকেছে, এর পরও ফার্স্টলেডি মিশেল ওবামা তাঁকে সুন্দর মনে করেন। গতকাল মঙ্গলবার ‘ন্যাশনাল পাবলিক রেডিও’তে প্রচারিত ওবামার সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত খবরে এ কথা বলা হয়।
সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার চুল কিছুটা পেকেছে। এ ছাড়া আমি খুব ভালো আছি।’ স্ত্রী মিশেলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ও তো মনে করে, আমি এখনো খুব সুন্দর।’
১৯৬১ সালে ওবামার জন্ম। ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক শিশু জন্মে। এর মধ্যে ওবামার জন্মের বছরও পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ওবামার সঙ্গে ৪৫ লাখের বেশি ব্যক্তি ৫০ বছরে পা দেবেন।
বয়স হিসাবে এটি ওবামার জন্য মাঝবয়স। তবে তাঁর কপালের কাছে কিছু চুল সাদা হওয়া ছাড়া চেহারায় এর ছাপ পড়েনি। তিনি বলেন, তাঁর দুই মেয়ে মালিয়া ও সাশা বলেছে, চুল পাকার বিষয়টি তাঁর চেহারায় বিশেষত্ব এনে দিয়েছে। মিশেল অবশ্য এ কথাও বলেছেন যে এতে কিছুটা বয়সের ছাপ পড়েছে তাঁর মধ্যে। এ ছাড়া উদ্বেগের কারণে মুখের ত্বকে ভাঁজ পড়া নিয়েও মিশেল কিছুটা উদ্বিগ্ন।

ভিয়ার মনে প্রতিশোধের আগুন

স্প্যানিশ ক্লাব ফুটবলের শুরুটা এর চেয়ে ভালো আর হতেই পারত না। এবার মৌসুমের উদ্বোধনই হচ্ছে ‘এল ক্লাসিকো’ দিয়ে। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার পরম প্রার্থিত দ্বৈরথ। গত মৌসুমের শেষ দিকে মাত্র ১৮ দিনের ব্যবধানেই হয়েছিল চারটি ‘এল ক্লাসিকো’। এবার মৌসুম শুরুর স্প্যানিশ সুপার কাপেও মুখোমুখি রিয়াল-বার্সা।
লিগ চ্যাম্পিয়ন এবং স্প্যানিশ কাপ (কোপা দেল রে) বিজয়ী দল দুটিই মুখোমুখি হয় এই মৌসুমের সূচনাসূচক সুপার কাপে। গত মৌসুমে বার্সাকে হারিয়েই কোপা দেল রে জিতেছিল রিয়াল। লিগ এবং চ্যাম্পিয়নস লিগ জিতলেও তাই বার্সা শিবিরে একটা আক্ষেপ রয়েই গেছে। সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের পেয়ে যাওয়ায় কাতালান শিবিরে তাই প্রতিশোধের আগুন। ওয়েবসাইট।
ডেভিড ভিয়া যেমন বলেই ফেলেছেন, রিয়ালকে হারিয়ে নিতে চান প্রতিশোধ, ‘আমরা সব কটি শিরোপাই আবার জিততে চাই, গত মৌসুমে যা জিতেছি। এবং সম্ভব হলে জিততে চাই আরও বেশি কিছু। গত বছর কোপা দেল রের ফাইনালে হারটা ছিল সত্যিই বাজে অভিজ্ঞতা।’
দুই লেগের সুপারকোপা ডি এস্পানার প্রথম লেগ ম্যাচটি ১৪ আগস্ট, রিয়ালের মাঠ বার্নাব্যুতে। ১৭ আগস্ট দ্বিতীয় ম্যাচটি ন্যু ক্যাম্পে। এটা তো আছেই, এর নয় দিন পর বার্সেলোনার সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ। চ্যাম্পিয়নস লিগ জয়ী হিসেবে পেপ গার্দিওলার দল ইউরোপা লিগ জয়ী এফসি পোর্তোর মুখোমুখি হবে উয়েফা সুপার কাপে। নিরপেক্ষ ভেন্যু মোনাকোতে ম্যাচটি হবে ২৬ আগস্ট।

ব্রাজিলের জয় আর্জেন্টিনার ড্র

দুই দিন আগে শুরুর হতাশা মুছে ফেলে ঠিকই জয়ের ধারায় ফিরল ব্রাজিল। গত শুক্রবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল পরশু অস্ট্রিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। ঠিক উল্টো অবস্থা আর্জেন্টিনার। শুক্রবার মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু করা আর্জেন্টিনা গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ডের সঙ্গে। মিসর পানামাকে ১-০ গোলে এবং মেক্সিকো ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে।
ড্রয়ের পরও স্বস্তিতেই আছে আর্জেন্টিনা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এককভাবেই তারা তালিকার শীর্ষে। নকআউট পর্বে পৌঁছাতে সম্ভবত এই ৪ পয়েন্টই যথেষ্ট। কারণ, ৩ পয়েন্ট নিয়ে মেক্সিকো আছে ২ নম্বরে। তিনে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২। এই অবস্থায় আগামী পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবার মুখোমুখি হবে মেক্সিকো-ইংল্যান্ড। আর্জেন্টিনার প্রতিপক্ষ দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া উত্তর কোরিয়া।
আর্জেন্টিনার মতো ব্রাজিলও ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে। তবে তাদের সমান ৪ পয়েন্ট মিসরেরও। গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে।
পরশু ব্রাজিলের জয়ের নায়ক প্লে-মেকার ফিলিপ কওতিনহো। দলের তিনটি গোলেই অবদান তাঁর। নিজে একটি করেছেন, বাকি দুটি সতীর্থদের বানিয়ে দিয়েছেন। ৩৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন হেনরিক। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কওতিনহো। ৬৩ মিনিটে তৃতীয় গোলটি উইলিয়ানের।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। কিন্তু ১০ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়ে যায় অস্ট্রিয়া। তবে ফাঁকায় দাঁড়িয়েও আন্দ্রেস ওয়েমান ব্রাজিলের গোলরক্ষক গ্যাব্রিয়েলকে ফাঁকি দিতে পারেননি। ২০ মিনিটে কওদিনহোর দুরূহ কোণ থেকে নেওয়া দুর্দান্ত শট ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক স্যামুয়েল র‌্যাডলিঙ্গার। ২৪ মিনিটে ওয়েমানের হেড যায় ক্রসবারের ওপর দিয়ে।

এজবাস্টনে জিতলেই শীর্ষে ইংল্যান্ড

প্রথম দিনের চা-বিরতির কথা কি মনে পড়ছে মহেন্দ্র সিং ধোনির? পেসারদের জন্য স্বপ্নের কন্ডিশনে টানা দ্বিতীয় টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। ৮ উইকেটে ১২৪ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। ইংলিশদের ১৪০-১৫০ রানে গুটিয়ে দিতে পারলে হয়তো প্রথম দিনেই ভারত ম্যাচ জয় নিশ্চিত করে ফেলতে পারত। কিন্তু স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত ইনিংসে ২২১ তুলল ইংল্যান্ড। এরপর দুর্দান্ত বোলিং-ব্যাটিংয়ে চার দিনেই জিতে গেল ভারতকে ৩১৯ রানের লজ্জায় ডুবিয়ে।
আর তাতে আরেকটা ধাপ এগিয়ে গেল স্বপ্নের ১ নম্বরের দিকেও। এজবাস্টনে আগামী বুধবার শুরু সিরিজের তৃতীয় টেস্টটা জিতলেই ভারতকে হটিয়ে নিশ্চিত হয়ে যাবে প্রথমবারের মতো ইংল্যান্ডের শীর্ষস্থান। সে ক্ষেত্রে সিরিজের শেষ টেস্টটা হারলেও ক্ষতি নেই। কারণ, শীর্ষে উঠতে দুই ম্যাচের ব্যবধানে সিরিজ জয়ই যথেষ্ট।
ইংলিশদের বাগে পেয়েও কাবু করতে না পারার ব্যর্থতা ম্যাচ শেষে স্বীকার করলেন ধোনি, ‘৮ উইকেটে ১২৪ থেকে ওরা ২২০ ছাড়াল, আমার মনে হয় ওই বাড়তি ১০০ রান ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে। এরপর ব্যাটিংয়েও আমরা প্রয়োজনের সময় ভালো করতে পারিনি। আমাদের উচিত ছিল দ্বিতীয় নতুন বলটা কোনো রকমে পার করে দেওয়া, কিন্তু আমরা পারিনি।’
প্রথম ইনিংসে একসময় ভারতের রান ছিল ৪ উইকেটে ২৬৭। সেখান থেকে তারা গুটিয়ে যায় ২৮৮ রানে। দ্বিতীয় নতুন বলে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে ভারতকে বিধ্বস্ত করেন ব্রড। এর পরও অবশ্য ৬৭ রানের লিড ছিল ভারতের। কিন্তু বেল-ব্রেসনানদের দুর্দান্ত ব্যাটিং আর ভারতের ধারহীন বোলিংয়ে রান পাহাড়ে চড়ে ইংল্যান্ড। সেই পাহাড়ে চাপা পড়ে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৫৮ রানে।
নিজেরা ৮ উইকেটে ১২৪ আর ভারত ৪ উইকেটে ২৬৭—দুবার ম্যাচের লাগাম ছুটে গিয়েছিল। কিন্তু দল যেভাবে আবার লাগাম নিয়েছে, অধিনায়ক স্ট্রাউসের কণ্ঠে ছিল সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা, ‘দুবার আমরা একেবারে খাদের কিনারায় চলে গিয়েছিলাম, কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। অসাধারণ কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিল। দলের পারফরম্যান্সে আমি ভীষণ গর্বিত।’
হ্যাটট্রিকসহ ৮ উইকেট ও ১০৮ রান করে ম্যাচ-সেরা ব্রড। সব মিলিয়ে ২ ম্যাচে ১৫ উইকেট, ব্যাট হাতে ৬০.৬৬ গড়ে ১৮২ রান—স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন জুনিয়র ব্রড। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে বেশি উচ্ছ্বসিত তিনি দলের সাফল্যে, ‘দলের প্রয়োজনের সময় রান-উইকেট পাওয়াটা অবশ্যই সন্তুষ্টির। কিন্তু দলের জয়ের চেয়ে বেশি সন্তুষ্টির কিছু আর নেই। ২-০-তে এগিয়ে আছি আমরা, অসাধারণ দুটো টেস্ট ম্যাচ গেল!’
‘বিশ্বসেরা’ ব্যাটিং-লাইন আপের দল ভারত এখনো সিরিজে ৩০০ করতে পারেনি। ধোনির কপালে চিন্তার রেখা, ‘বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু ব্যাটিং ঠিক হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজে শুরু থেকেই এমনটা হচ্ছে, আমরা যথেষ্ট রান পাচ্ছি না। শেবাগ-গম্ভীরের না থাকা, ব্যাটসম্যানদের জায়গা ওলট-পালট হওয়াতে অবশ্য কাজটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল।’
সমস্যা একটা আছে স্ট্রাউসেরও। তবে এই সমস্যাটায় সবাই-ই পড়তে চাইবে, কাকে রেখে কাকে খেলাবেন! ইংলিশ অধিনায়ক অবশ্য এখনই ভাবাভাবিতে যেতে চাইছেন না। ১ নম্বরের সুবাস পেতে শুরু করেছেন। কণ্ঠে চাপা উচ্ছ্বাস থাকলেও প্রতিক্রিয়া ছিল সতর্ক, ‘জিতলেই শীর্ষে উঠে যাব, আগামী টেস্টের আগে এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে! তবে আমাদের মূল লক্ষ্য একের পর এক টেস্ট জয়। জিতলে কী হবে, সেসব না হয় অন্যরাই ভাবুক!’

গল্প- জিঞ্জির ফেরা by দিলওয়ার হাসান

জিজ দারোগা
ক্যারা ওই পুলা খাড়াইয়া রইচে পতের কিনারে? ম্যালা অস্থির নাগবার লাগতাছে উয়ারে—পতের ধিরে চাইয়া আটাআটি করতাছে? কার লিগা খাড়াইয়া আচে এই বেহান বেলা? পিন্দনে রসুলের সুন্নত কল্লিদার কুর্তা, মাতায় কিস্তিটুপি, মুহে রাজা-বাদশা গো লাহান চাপদাড়ি। এই ডিস্টারবেঞ্চের টাইমে ঘর থিকা বাইর অইতে হিয়াল-কুত্তায় ডয়ার—না কুনসুম আবার মেলেটারিতে দইরা নইয়া যায়। আর এই জুয়াইন মর্দ পুলা এই বেহান বেলা সদর রাস্তার উপরে মেলেটারি গো যাওন-আসনের পতে খাড়াইয়া রইচে। কত্তো সাহস দেহ ছাওয়ালের! মনে তো অয় মুসুল্লি মানুষ, গাড়ি দইরা কুটুমবাড়ি যাইব। মুক্তি নাতো আবার?

দুষ্প্রাপ্য গ্রন্থরাজি- দুর্লভ সময়ের হলফনামা by বিনায়ক সেন

বোর্হেস বলেছিলেন, বেহেশত্ নিশ্চয়ই হবে এক বিশাল গ্রন্থাগার।আমার চুম্বনগুলো পৌঁছে দাও বইটি হাতে পেয়ে স্বাক্ষরপত্রে কিছু লিখতে অনুরোধ করায় কবি শহীদ কাদরী লিখেছিলেন, ‘এই নশ্বর গ্রহ থেকে এক দিন সব স্বাক্ষরই মুছে যাবে—মনে রেখো।’ তাই গ্রন্থরাজি নিয়ে সান্ত্বনার কিছু নেই। তার পরও এই লেখা। ‘কুঝনেস্কি মস্ত’ (কুঝনেস্কি সেতু) মস্কোর প্রাচীনতম মেট্রো স্টেশনের একটি। মেট্রো থেকে বের হয়ে হাতের ডান দিকে এগোলে দু-তিনটি দোকানের পরই একটি পুরোনো বইয়ের স্বর্গরাজ্য। সেখানে হঠাৎই পেয়ে যাই একদিন হিলফেরডিংয়ের লেখা ফাইন্যান্স ক্যাপিটাল বইটি। জর্মন থেকে রুশ ভাষায় অনুবাদ। প্রকাশনার তারিখ ১৯২৪—লেনিন সে বছর মারা গেলেন।

সাক্ষাৎকার- ইচ্ছা ছিল কবি হওয়ার by আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

বুল কালাম মোহাম্মদ যাকারিয়া প্রত্নসম্পদ অনুসন্ধান ও আবিষ্কারে তুলনারহিত। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে শৌখিন পুরাতত্ত্ব, গবেষণা, প্রাচীন পুঁথি সংগ্রহ এবং প্রত্নবস্তু সংগঠনে সংযোজন করে চলেছেন নতুন ইতিহাস। এখন তাঁর বয়স ৯৩, কিন্তু এখনো তিনি কর্মব্যস্ত।
বর্ণাঢ্য এক জীবনের অধিকারী আপনি, চেনা ও জানার জগতের মতোই আপনার দেখার পরিধিও নিশ্চয়ই বিস্তর ও ব্যাপক। এমন কোনো ব্যক্তিত্বের কথা বলবেন কি, যাঁদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ আপনার হয়েছে?

আমার গ্রন্থাগার by ওরহান পামুক

মার গ্রন্থাগারের অন্তঃস্থলে আমার পিতার গ্রন্থাগার। আমার বয়স যখন সবে ১৭ কি ১৮, তখন বেশির ভাগ সময় পড়ায় নিমগ্ন থাকতাম। আবার ইস্তাম্বুলের বইয়ের দোকানে যেসব বই মিলত, তা সবই পড়তাম। বাবার সংগ্রহের যে বই পড়ে ভালো লাগত, সেটিই নিয়ে যেতাম আমার ঘরে। আমার বইয়ের সঙ্গে রেখে দিতাম। ছেলে বই পড়ছে দেখে বাবার ভালো লাগত। তাঁর কোনো পুরোনো বই আমার বইয়ের তাকে দেখলেই টিপ্পনী কেটে বলতেন, ‘হু, বইটার পদোন্নতি ঘটেছে দেখছি।’

সোনার কমলার খোঁজে by আশরাফুল আলম

নিজের অগোচরেই কখন কিভাবে যে বইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়ে গেল ভাবলে এখন আর কোন কুল কিনারা পাই না। আর কি যে কঠিন এই গাঁটছড়া, হাজার চেষ্টায়ও গত ৪৩ বছরে ছিঁড়তে পারিনি। অথচ বইয়ের কারণে সইতে হয়েছে কত বিড়ম্বনা কত অপমান, কতবার কতরকম বিব্রতকর অবস্থায় যে পড়েছি তা না হয় না-ই বললাম। কিন্তু বহুকাঙ্ক্ষিত, বহু মূল্যবান বইটি হাতে পাওয়ার পর—সে যে আনন্দ, পুরনো বইয়ের সেই গন্ধ—এর সঙ্গে আর কোনো প্রাপ্তিরই বোধকরি তুলনা চলে না। তখন সমস্ত বিড়ম্বনা, অপমান মুহূর্তে সব যেন অকিঞ্চিৎকর হয়ে যায়। তাই তো এত বছর হয়ে গেল, এখনো বইয়ের নেশায় সময় নেই অসময় নেই, কোনো কিছুই তোয়াক্কা না করে ঘুর ঘুর করি বইয়ের দোকানে।

রূপবান ঢাকার রক্তক্ষরণ by জাফরিন গুলশান

যেসব ঢাকাবাসী মানুষ সুউচ্চ অট্টালিকা ভেদ করে বিস্তৃত নীলাকাশ দেখতে চেষ্টা করে, সবুজ দেখলেই যাদের মায়াময় কোনো গাছের কথা মনে পড়ে মন শীতলতা ও শিথিলতা চায়, তারা হয়তো কখনো প্রেমিকের মতো ভালোবাসা নিয়ে ‘ঢাকা’ শহরকে আগলে রাখতে চায় কিংবা এর নির্মম বাস্তবতাকে উপেক্ষা করে রোমান্টিক হয়ে ওঠে। হাত ধরে টেনে নিয়ে যেতে চায় নিঃসঙ্গতার সুন্দরে কিংবা কখনো অন্য সবাইকে আহ্বান করে এই প্রেমে আর দায়িত্বে, হয়তো ব্যবহার করে বিবিধ ভাষা।

নারী জীবনের অচলায়তন by মিনাজ মুর

বীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে যৌতুক প্রসঙ্গ—সংকলন: মালেকা বেগম \ ঐতিহ্য \ ফেব্রুয়ারি ২০১১, মূল্য: ২৭০ টাকা। যৌতুক বা পণপ্রথা একটি সুপ্রাচীন সামাজিক ব্যাধি। এর ফলে প্রবহমান নারীজীবন হয়েছে বিপর্যস্ত, ব্যাহত ও সীমাহীন পশ্চাৎপদ। নারীজীবনের এ পশ্চাৎপদতার মূলে আছে জেন্ডার বৈষম্য। পিতৃতান্ত্রিক, পুরুষ-নিয়ন্ত্রিত সমাজ কখনোই নারীদের পারিবারিক শৃঙ্খলের জগদ্দল থেকে মুক্ত করার আকাঙ্ক্ষা করেনি। বরং বারবার সামাজিক ও অপসংস্কৃতির দোহাই দিয়ে নারীদের জীবনকে করেছে দুর্বিষহ ও ক্ষতিগ্রস্ত।