Saturday, August 7, 2010

মাতৃদুগ্ধ শিশুর জন্মগত অধিকার by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাতৃদুগ্ধ পান ও শিশুর জন্মগত অধিকার প্রতিষ্ঠায় ইসলামে গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং নবজাত শিশুর লালন-পালনের যাবতীয় ব্যবস্থা তিনিই করেছেন। আল্লাহ পাক মানুষের শরীর থেকে একটা মাত্র খাবারই তৈরি করে শিশুদের জন্য নিয়ামত হিসেবে উপহার দিয়েছেন। তাই মানবসন্তান জন্মের পর মায়ের দুধই প্রথম খাবার। যা হালকা, মিষ্টি ও উষ্ণ, তা শিশুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দয়াময় আল্লাহ তাআলা নবজাতককে মায়ের দুধ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ তাত্পর্যপূর্ণ পারিবারিক নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শিশু ও মায়ের জীবনে বিরাট কল্যাণ সাধিত হয়। আল্লাহ তাআলা একমাত্র তাঁর বিধিবিধান মেনে চলার মধ্যে ইহকাল ও পরকালে মানবজাতির সুখশান্তি ও সফলতা রেখেছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ১৫ বার মাতৃদুগ্ধসংক্রান্ত ও মায়ের দুধপানের কথা বলেছেন। ভূমিষ্ট হওয়ার পর মায়ের প্রথম দুধ অর্থাৎ শালদুধ শিশুদের পান করানো আবশ্যক। শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা। কেননা এতে শিশুদের জন্য প্রয়োজনীয় এমন মূল্যবান উপাদান রয়েছে, যা শিশুকে বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা করে থাকে। শালদুধ নবজাতকের পরিপূর্ণ পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজন। শালদুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আমিষ, শর্করা, স্নেহজাতীয় পদার্থ, খাদ্যপ্রাণ বা ভিটামিন এবং নবজাতকের শরীরে রোগপ্রতিরোধ-ক্ষমতা বৃদ্ধিকারক উপাদান। জন্মের পরপর শালদুধ খেলে শিশুর শরীরে রোগপ্রতিরোধ-শক্তি বাড়ে এবং একই সঙ্গে শিশু প্রয়োজনীয় পুষ্টিও লাভ করে। শিশুকে দুধ পান করানোর সময়সীমা সম্পর্কে পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, ‘মায়েরা তাদের সন্তানদের পুরো সময় পর্যন্ত দুগ্ধ পান করার ইচ্ছা রাখেন, তারা নিজেদের শিশুদের দুই বছর ধরে দুগ্ধ পান করাবে।’ (সূরা আল-বাকারা, আয়াত-২৩৩)
মায়ের যত্নের ওপর শিশুর সুস্বাস্থ্য নির্ভর করে। এ জন্য প্রতিটি শিশুর জন্য জন্মের পর ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ দিতে হবে। এতে মা ও শিশু উভয়ই সমান উপকৃত হবেন। বুকের দুধ একটি সুষম খাদ্য। এর কোনো বিকল্প নেই। পূর্ণ দুই বছর শিশুকে তার মা দুধ পান করাবেন। প্রয়োজনে আরও ছয় মাস সময় বাড়ানো যেতে পারে। শিশুকে বুকের দুধ দিলে মায়ের স্তনে ক্যানসার হয় না এবং সাধারণত গর্ভনিরোধ হয়। নবজাত সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ফলে মায়ের অল্প সময়ের মধ্যে গর্ভধারণ ঝুঁকি থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। এরপর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে।’ (সূরা লুকমান, আয়াত-১৪) অন্য একটি আয়াতে বলা হয়েছে, ‘তাকে গর্ভে ধারণ করতে ও দুধ ছাড়াতে লাগে ৩০ মাস।’ (সূরা আল-আহকাফ, আয়াত-২৫)
মায়ের বুকের দুধ শিশুর জন্য স্রষ্টার পক্ষ থেকে এক মহান নিয়ামত। মায়ের দুধ বিশ্বস্ত ও নিরাপদ এবং শিশু তা সহজেই হজম করতে পারে। স্তন্যপানে মা ও শিশুর মধ্যে একটি গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং শিশু নিজেকে অধিক নিরাপদ মনে করে। আর দুধের মাধ্যমে মায়ের আচার-আচরণ ও স্বভাবের আদান-প্রদান হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হজরত মূসা (আ.)-এর শৈশবকালীন অবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে ইরশাদ করেছেন, ‘মূসা-জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করলাম যে, তুমি শিশুটিকে দুগ্ধদান করতে থাকো।’ (সূরা আল-কাসাস, আয়াত-৭)
মায়ের দুধের মধ্যেই লুকিয়ে রয়েছে নবজাত শিশুর সুস্থ ও সবল হয়ে বেড়ে ওঠার বীজমন্ত্র। দুর্যোগ মোকাবিলায় মায়ের দুধ সর্বশ্রেষ্ঠ খাদ্য ও পানীয়। প্রথম ছয় মাস মায়ের দুধই শিশুর খাদ্য ও পানীয়ের চাহিদা মেটায়। মায়ের দুধের অমৃতস্বাদের মধ্য দিয়ে শিশুর শিরায় শিরায়, প্রতিটি রক্তবিন্দুতে যা সঞ্চারিত হয়ে যায়। মায়ের দুধ তখন নবজাতকের কাছে শুধুই খাদ্যপানীয় নয়; প্রাথমিক অবলম্বন, নিরাপত্তার প্রথম নিশ্চয়তা, বিশ্বসংসারের সঙ্গে প্রথম যোগসূত্রও। দিনে দিনে শিশু যখন বাড়তে থাকে, মাতৃদুগ্ধ তাকে দেয় পর্যাপ্ত জীবনীশক্তি, বৃদ্ধি ও মানসিক বিকাশ। মায়ের দুধ পানে শিশুদের স্মরণশক্তি, বুদ্ধিমত্তা, চোখের জ্যোতি, আচার-ব্যবহার, সামাজিকতা ও মানুষের প্রতি ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ হয়। যে নবজাতকের মা শিশুকে দুধ পান করান তার জন্য মাহে রমজানের রোজা পালন করার বাধ্যবাধকতা পর্যন্ত শিথিল করে দেওয়া হয়েছে। এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ মুসাফিরের ওপর থেকে চার রাকাতবিশিষ্ট নামাজের অর্ধেক রহিত করে দিয়েছেন এবং মুসাফির, স্তন্যদানকারিণী ও গর্ভবতী মহিলা থেকে রমজানের রোজা পালন করার বাধ্যবাধকতাও শিথিল করে দিয়েছেন।’ (তিরমিজি, আবু দাউদ ও নাসাঈ)
যেসব শিশু গুঁড়ো দুধ খায়, তারা প্রায়ই অসুস্থ হয় এবং তাদের মৃত্যুহারও বেশি। পক্ষান্তরে মায়ের দুধ খাওয়ালে শিশুমৃত্যু হার অনেক কমে যাবে। তবে এর সুফল পেতে মা ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সব গর্ভবতী মাকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বুকের দুধ দেওয়ার আগ্রহ ও পরিবেশ নিশ্চিত করা দরকার। গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে, যেন তার সন্তান পর্যাপ্ত পরিমাণ দুধ পায়। এ জন্য মায়ের মানসিক প্রস্তুতিও প্রয়োজন। চিকিত্সক ও পরিবার এ বিষয়ে মাকে সহযোগিতা করবেন। বুকের দুধ শিশুকে দিলে মাও সুস্থ থাকে। মাতৃদুগ্ধের গুরুত্বের প্রতি লক্ষ করলে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক (রা.)-এর শাসনামলের একটি ঘটনা উল্লেখযোগ্য। হজরত ওমর (রা.)-এর খিলাফতকালের প্রথম দিকে যেহেতু মাতৃদুগ্ধ পানরত শিশুরা রাষ্ট্রীয় কোষাগার থেকে আর্থিক অনুদান পেত না, সেহেতু মায়েরা শিশুদের জন্য অনুদান পাওয়ার আশায় তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিত। এ অবস্থা লক্ষ করে হজরত ওমর (রা.) শিশুদেরকে বুকের দুধ দানে মায়েদেরকে উত্সাহিত করার উদ্দেশ্যে জন্মের পর থেকে এ আর্থিক অনুদান চালু করেন।
ইসলামের দৃষ্টিতে মাতৃদুগ্ধ শিশুর জন্মগত অধিকার। সে অধিকার যাতে কোনো কারণে খর্ব না হয়, এ ব্যাপারে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেননা ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’। অভিভাবকের ওপর দায়িত্ব হচ্ছে মায়ের দুধ প্রদানকে সংরক্ষণ, উন্নয়ন ও সহায়তা করা। ভবিষ্যৎ কর্ণধার শিশুদের এ অধিকারের ব্যাপারে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। মাতৃদুগ্ধ যাতে শিশুরা নিয়মিত পায় সে জন্য মায়েদের সচেতন করতে হবে। সব গর্ভবতী মাকে বুকের দুধ খাওয়ানোর সুফল সম্পর্কে অবহিত করতে হবে। শিশুকে সঠিক পদ্ধতিতে দুধ খাওয়ানোর বিষয়ে মাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামসম্মত প্রাকৃতিক বিধান মেনে চললে মা ও শিশু উভয়ই নানা রকমের শারীরিক জটিলতা থেকে রক্ষা পাবে। তাই এ গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদনের ক্ষেত্রে কোনো অবহেলা নয়। মা যেন স্বাচ্ছন্দ্যে তার নবজাত সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারে এবং উপভোগ করে পরিপূর্ণ মাতৃত্বের সাধ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এ বিষয়ে দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: সহকারী অধ্যাপক, ইসলামিক একাডেমী, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। পরিচালক, ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.)।
dr.munimkhan@prothom-alo.info

রুডি গিলিয়ানির মেয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার

একটি প্রসাধনীর দোকান থেকে পণ্য চুরির অভিযোগে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিলিয়ানির মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। দোকানের নিরাপত্তা ভিডিও দেখে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিউইয়র্কের পুলিশ বিভাগ জানায়, ২০ বছরের তরুণী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যারোলিন গিলিয়ানিকে গত বুধবার সেফোরা স্কিনকেয়ার অ্যান্ড মেকআপ স্টোর থেকে কিছু জিনিস চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের মুখপাত্র পল ব্রাউনি জানান, ক্যারোলিন ওই দোকান থেকে ১০০ ডলারেরও বেশি দামের পাঁচটি জিনিস চুরি করেছেন, যা নিরাপত্তা ভিডিওতে রেকর্ড আছে।

কাস্ত্রো ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন কাল

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো (৮৩) আগামীকাল শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ওই অধিবেশনে বক্তব্য দেবেন কাস্ত্রো।
অসুস্থ হয়ে পড়ায় ২০০৬ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন কাস্ত্রো। গত চার বছরে এই প্রথমবার আগামীকাল তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন। তিনি বলেন, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। গত কয়েক মাসে অনেকবার জনসমক্ষে এসেছেন। সেই সুবাদে যা দেখেছেন, তাঁর সাম্প্রতিক বক্তব্যগুলোতে এর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও উত্তর কোরিয়াকে ঘিরে পরমাণুযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন।

নিউজিল্যান্ডের সর্বোচ্চ চূড়া এডমুন্ড হিলারির নামে করার প্রস্তাব

রথম এভারেস্টজয়ী এডমুন্ড হিলারির নামে তাঁর দেশ নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সাউথ রিজের নাম রাখার প্রস্তাব করেছে নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ড। স্যার হিলারির প্রতি সম্মান জানাতেই এই প্রস্তাব করা হয়েছে। হিলারির পরিবারও নতুন এই নামকরণকে সমর্থন করেছে। তবে নামকরণের ক্ষেত্রে জনমত যাচাইয়ের জন্য তিন মাস সময় প্রয়োজন।
নিউজিল্যান্ডের আওরাকি (বর্তমানে মাউন্ট কুক নামে পরিচিত) পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাউথ রিজের উচ্চতা ১২ হাজার ৩০০ ফুট বা তিন হাজার ৭৫৪ মিটার। ১৯১৯ সালের ২০ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম নেওয়া হিলারির নামে এই প্রথম দেশটির কোনো পর্বতের নামকরণ হচ্ছে।
নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ডের চেয়ারম্যান ডন গ্রান্ট গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা সাউথ রিজের নতুন নামকরণের দায়িত্ব পেয়েছেন। হিলারির নামে নামকরণের ক্ষেত্রে তাঁরা সাতটি স্থানকে বিবেচনা করছেন। এর মধ্যে সাউথ রিজকে সবচেয়ে যথার্থ বলে মনে হচ্ছে।
রেডিও নিউজিল্যান্ড জানিয়েছে, নামকরণের জন্য দ্য নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ড শিগগিরই জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং এই বছরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এডমুন্ড হিলারি ১৯৪৮ সালে সাউথ রিজে আরোহণ করেন। ১৯৫৩ সালের ২৯ মে হিলারি ও শেরপা তেনজিং নরগে সবার আগে এভারেস্ট জয় করেন

পাঞ্জাব-সিন্ধুতেও বন্যার ছোবল

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বন্যা এবার মধ্য ও দক্ষিণাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে। বন্যায় নতুন করে এখানে ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। সিন্ধু প্রদেশে বড় ধরনের বন্যার আশঙ্কায় নদী-তীরবর্তী পাঁচ হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
আকস্মিক বন্যায় সংরক্ষিত খাদ্যের ৮০ শতাংশ নষ্ট হওয়ায় এবং জমির উঠতি ফসল তলিয়ে যাওয়ায় পাকিস্তানে বড় ধরনের খাদ্যসংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আরও সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেড় হাজার লোকের প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই এবার বন্যা শুরু হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে। পাঞ্জাবের কোট আদ্দু এলাকায় ভারী বর্ষণের কারণে বন্যার পানি দ্রুতগতিতে বাড়ছে। লোকজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে।
সিন্ধু প্রদেশেও বড় ধরনের বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। উর্বর ভূমিসমৃদ্ধ এ অঞ্চলে আগামী শনি ও রোববার নাগাদ এ বন্যা শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বন্যার আশঙ্কায় ইতিমধ্যে নিচু ও নদী-তীরবর্তী এলাকার পাঁচ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২ লাখ পাকিস্তানিকে কীভাবে সাহায্য করা যায়, তা খতিয়ে দেখতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে পাঠিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পাকিস্তানের বন্যায় যুক্তরাষ্ট্র দ্রুত সাড়া দেবে। গত বুধবার পররাষ্ট্র দফতরে সাংবাদিকদের তিনি জানান, পাকিস্তানের লাখ লাখ লোকের এখন জরুরি ভিত্তিতে সাহায্য দরকার। তাঁরা সামনের দিনগুলোতে পাকিস্তানিদের সাহায্য করে যাবেন। পাকিস্তানের এ দুর্দিনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সাড়া দেওয়ার জন্য আহ্বান জানান হিলারি।
এদিকে পাকিস্তানের দুর্গত এলাকায় খাদ্যের জন্য রীতিমতো হাহাকার চলছে। দেখা দিয়েছে ওষুধের সংকট।
করাচিতে সহিংসতায় নিহত ১৭: পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী ও সবচেয়ে বড় শহর করাচিতে গতকাল বৃহস্পতিবার সহিংসতায় ১৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ৮০ জনে। এতে বহু লোক আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গত সোমবার স্থানীয় এমকিউএম দলের নেতা রেজা হায়দার গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকে সেখানে সহিংসতা শুরু হয়। সিন্ধু রাজ্যসভার সদস্য রেজা হায়দার সিটি সেন্টারের কাছে একটি মসজিদে অজু করার সময় চার বন্দুকধারী গুলি চালালে তিনি নিহত হন। এতে তাঁর দেহরক্ষীও নিহত হন

পাকিস্তানের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত। তবে ধাপে ধাপে এই আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নোত্তর পর্বে কৃষ্ণা এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ভয়ের কিছু নেই। ভারত সবকিছু নিয়েই আলোচনা করতে প্রস্তুত। পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো ধাপে ধাপে সমাধান করতে চাই আমরা। তবে আন্তসীমান্ত উত্তেজনা অবশ্যই শিথিল করতে হবে।’
স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাইয়ের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে কৃষ্ণা বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে আটক মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলির দেওয়া তথ্যের প্রতিফলন ছিল পিল্লাইয়ের বক্তব্যে।’
সম্প্রতি কৃষ্ণার ইসলামাবাদ সফরের সময় পিল্লাই বলেছিলেন, মুম্বাই হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে। ২০০৮ সালের ওই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়। পাকিস্তান বরাবরই ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরান তিন স্তরের রকেট বানাচ্ছে

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তাঁরা এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহাশূন্যে স্যাটেলাইট বহন করে নিতে সক্ষম তিন স্তরবিশিষ্ট রকেট তৈরির জন্য কাজ করছেন।
আহমাদিনেজাদ বলেছেন, ২০১২ সালে তাঁরা ওই রকেট উেক্ষপণ করতে সক্ষম হবেন। হামেদান শহরে একটি স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
আহমাদিনেজাদ বলেন, ‘দেশের (ইরানের) বিজ্ঞানীরা তিন স্তরবিশিষ্ট রকেট বানানোর কাজ করছেন। এটি আমাদের এক হাজার কিলোমিটার উচ্চতায় নিয়ে যাবে।’
ইরান ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো মহাশূন্যে ওমিদ নামের একটি স্যাটেলাইট পাঠায়।
আহমাদিনেজাদ বলেন, তাঁরা এখন যে রকেটটি বানানোর কাজ করছেন, সেটির অভিঘাত (পেছন থেকে ধাক্কা) সক্ষমতা ওমিদকে বহনকারী রকেটের চেয়ে চারগুণ বেশি। নতুন এই রকেটের অভিঘাত সক্ষমতা হবে ১২০ থেকে ১৪০ টনের মধ্যে।
আহমাদিনেজাদ বলেন, ‘সর্বশেষ আমরা যে স্যাটেলাইট পাঠিয়েছি সেটির দূরত্ব ছিল ২৫০ কিলোমিটার। আগামী বছর এর দূরত্ব ৭০০ এবং তার পরের বছর এক হাজার কিলোমিটারে উন্নীত করা হবে।’

ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে চায় চীন

ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের পক্ষে মত দিয়েছে চীন। দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা মেনে চলতে বেইজিংয়ের প্রতি এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার আহ্বানের পর চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
তেহরানের জ্বালানি খাতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে চীন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক বিশেষ উপদেষ্টা রবার্ট এইনহর্ন এ কারণে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তাঁর এই আহ্বানের পর গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশিত হয়। তাতে বলা হয়, ইরানের সঙ্গে চীনের ব্যবসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে অন্য দেশের স্বার্থ বিশেষত আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো ক্ষতি হবে না। মুখপাত্র জিয়াং উর উদ্ধৃতি দিয়ে চায়না ডেইলি এ কথা জানায়। জিয়াং উ বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন সব সময় পরিষদের সিদ্ধান্ত মেনে চলেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর জুন মাসে চতুর্থবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে। পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো প্রয়োগের অধিকারী চীন ইরানের ওপর আর কোনো নিষেধাজ্ঞা আরোপ না করে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
সিউল সফরকালে উপদেষ্টা রবার্ট এইনহর্ন বলেন, ‘আমরা চাই চীন দায়িত্বশীল আচরণ করবে। তার মানে হলো, দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করবে।

দাবানল ঠেকাতে ব্যর্থদের ছাঁটাই করলেন মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবানল ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। দুর্যোগ মোকাবিলায় ব্যর্থতার জন্য তিনি নৌবাহিনী প্রধান ভ্লাদিমির ভয়সটস্কি ও তাঁর সহকারী আলেক্সান্দার টারিনভের কড়া সমালোচনা করেছেন।
সপ্তাহব্যাপী ভয়াবহ এ দাবানলের ঘটনায় অন্তত ৫০ জন মারা গেছে। এ দিকে নতুন করে গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে দাবানলের সূত্রপাত হয়েছে।
গত সপ্তাহে রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কলোমনায় দাবানলের ঘটনায় সেখানকার একটি নৌঘাঁটি মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলে ওই নৌঘাঁটির বেশ কয়েকটি ভবন ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
টেলিভিশন ভবনে দেওয়া এক ভাষণে দিমিত্রি মেদভেদেভ বলেছেন, দাবানলের সময় অব্যবস্থাপনা ও বিধি লঙ্ঘন করায় দায়ী কর্মকর্তাদের বরখাস্ত করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যেসব কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তাঁরা হলেন: নৌবাহিনীর সরঞ্জাম বিভাগের সারজেই সারজিইয়েভ ও নৌবাহিনীর বিমান কর্মকর্তা নিকোলাই কুকলেভ।
মেদভেদেভ বলেন, একই ধরনের ঘটনা যদি অন্য কোথাও বা অন্য কোনো বিভাগে ঘটে সে ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বেসামরিক লোকজনকে রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না।
সারোভ শহরে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তারা জোরালো পদক্ষেপ নিয়েছেন। সেখানকার গোপন পরমাণু গবেষণা কেন্দ্রের কয়েক কিলোমিটারের মধ্যে দাবানলের সৃষ্টি হয়েছে। বিদেশিদের জন্য নিষিদ্ধ এ শহরের পরমাণু কেন্দ্রটি থেকে ইতিমধ্যে বিপজ্জনক যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। দুই হাজারেরও বেশি জরুরি সাহায্যকর্মীর একটি দল সেখানে পাঠানো হয়েছে।

তেল নিঃসরণ বন্ধে ‘স্ট্যাটিক কিল’ পদ্ধতি সফল হয়েছে: বিপি

মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলক্ষেত্রের ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে তেল নিঃসরণ স্থায়ীভাবে বন্ধে ‘স্ট্যাটিক কিল’ প্রক্রিয়া সফল হয়েছে বলে দাবি করেছে ওই তেলক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। গত বুধবার বিপির এক বিবৃতিতে এই দাবি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিপির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, আট ঘণ্টা কাজ করে স্ট্যাটিক কিল প্রক্রিয়া সফল করতে সক্ষম হন তাঁরা। এই প্রক্রিয়ায় সিমেন্ট ও কাদামাটি ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়, স্ট্যাটিক কিল পদ্ধতি সফল হলেও বিপি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
বিপির ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এর মাধ্যমে তেল নিঃসরণ বন্ধের দীর্ঘ যুদ্ধ শেষ হতে যাচ্ছে। আমরা খুশি।’
দুর্ঘটনা পর্যবেক্ষণে সরকারের প্রতিনিধি থাড অ্যালেন বলেন, কিছু দিনের মধ্যে সাগরে হারিকেন মৌসুম শুরু হবে। এর আগেই তেলক্ষেত্রের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরের ওই তেলক্ষেত্রে গত ২০ এপ্রিল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক মাইল দীর্ঘ পাইপ দিয়ে প্রতিদিন ৩৫ থেকে ৬২ হাজার ব্যারেল তেল সাগরে মিশতে থাকে।
বিপির অবহেলায় এই দুর্ঘটনা হয়ে থাকলে কোম্পানিটি এক হাজার ৭৬০ কোটি ডলার জরিমানার মুখে পড়বে।

পীতসাগরে দ. কোরিয়ার নজিরবিহীন মহড়া শুরু

দক্ষিণ কোরিয়া গতকাল বৃহস্পতিবার থেকে পীতসাগরে উত্তর কোরিয়ার জলসীমা-সংলগ্ন এলাকায় নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে। সিউল বলেছে, তাদের সামরিক ইতিহাসে এত বড় মহড়া এর আগে কখনো হয়নি। সেনা, নৌ, বিমান ও ডুবুরি বাহিনীর প্রায় সাড়ে চার হাজার সেনা এতে অংশ নিয়েছে। পরীক্ষামূলকভাবে সেখানে গোলা ছোড়া হচ্ছে। গত মার্চে পীতসাগরে দক্ষিণ কোরিয়ার একটি সাবমেরিন প্রতিপক্ষের টর্পেডোর আঘাতে ডুবে ৪৬ জন মেরিন সেনা মারা যায়। এ জন্য দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দায়ী করলেও উত্তর কোরিয়া দায় অস্বীকার করে। ওই ঘটনার জের ধরে দক্ষিণ কোরিয়া এখন শক্তি প্রদর্শন করছে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাঁচ দিন ধরে তারা পীতসাগরে মহড়া দেবে। এ সময় উত্তর কোরিয়া কোনো ধরনের উসকানি দিলে তারা তা বরদাশত করবে না। এর আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, দক্ষিণ কোরিয়া উসকানিমূলক কোনো ধরনের তত্পরতা চালালে পিয়ংইয়ং তার পাল্টা জবাব দেবে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) একজন মুখপাত্র গতকাল এএফপিকে বলেন, তাদের সামরিক ইতিহাসের মধ্যে এটিই সবচেয়ে বড় অ্যান্টি-সাবমেরিন মহড়া। একটি সাবমেরিন ও একটি ডেসট্রয়ারসহ (সাবমেরিন-বিধ্বংসী জাহাজ) মোট ২৯টি যুদ্ধজাহাজ এবং ৫০টি যুদ্ধবিমান নিয়ে মোট সাড়ে চার হাজার সেনা এ মহড়ায় যোগ দিয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালানোর আট দিন পর পীতসাগরে সিউল এ বিশাল মহড়া দেওয়া শুরু করে।
জেসিএসের ওই মুখপাত্র বলেন, তারা যে মহড়া চালাচ্ছে, সেটি প্রতিরোধমূলক মহড়া। শত্রুপক্ষ থেকে নৌ অথবা আকাশপথে হামলা এলে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে, তারা সে বিষয়ে পরীক্ষা চালাচ্ছে। দক্ষিণ কোরিয়ার জলসীমাভুক্ত একটি দ্বীপে মেরিন সেনারা অবস্থান নিয়েছে। সেখান থেকে তারা গুলি ছুড়ছে। তবে তারা উত্তর দিকে নয় দক্ষিণ-পূর্বদিকে বন্দুক তাক করে গুলি করছে।
জেসিএস মুখপাত্র বলেন, ‘উত্তর কোরিয়া মাঝে মাঝে উসকানিমূলক তত্পরতা চালালেও আমরা সীমান্ত লক্ষ্য করে গুলি চালাচ্ছি না।’
অন্য একজন জেসিএস মুখপাত্র বলেছেন, নৌ মহড়ায় সাবমেরিন বিধ্বংসের প্রশিক্ষণ হিসেবে টর্পেডো ছোড়া হচ্ছে। মহড়ায় ৪৪০০ টন ওজনের একটি ডেস্ট্রয়ার কল্পিত শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান শনাক্ত করে। এর পরই একটি হেলিকপ্টার থেকে টর্পেডো ছোড়া হয়।
এ মহড়া সম্পর্কে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, এটি এক অর্থে সরাসরি সামরিক অভিযান। পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া যদি সীমা লঙ্ঘন করে মহড়া চালাতে থাকে, তাহলে উত্তর কোরিয়া তার সমুচিত জবাব দেবে। গতকাল বৃহস্পতিবারও উত্তর কোরিয়া উসকানির বিরুদ্ধে জবাব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে।

প্রবাসী-আয় বাড়াতে দক্ষ শ্রমশক্তি পাঠাতে হবে

বর্তমানে দেশের প্রায় এক কোটি লোক বিশ্বের ১৩০টি দেশে কর্মরত। তাঁরা এখন বছরে প্রায় এক হাজার কোটি ডলার পাঠান। আর ২০১৫ সালের মধ্যে প্রবাসী-আয়ের পরিমাণ তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
কিন্তু মধ্যপ্রাচ্যসহ প্রচলিত বাজার সীমিত হয়ে পড়ায় লক্ষ্যমাত্রা পূরণ করতে অন্যান্য দেশে অধিক পরিমাণে দক্ষ লোক পাঠানো ছাড়া এ পরিমাণ আয় আসবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল বৃহস্পতিবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘মানবসম্পদ রপ্তানির সম্ভাবনা এবং নতুন শ্রমবাজারের সন্ধান’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী।
নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. জাফর ও জনশক্তি ব্যুরোর মহাপরিচালক খুরশিদ আলম চৌধুরী।
খন্দকার মোশাররফ বলেন, মধ্যপ্রাচ্যসহ প্রচলিত শ্রমবাজারগুলোতে বাংলাদেশের অধিক পরিমাণে শ্রমিক কাজ করায় বাজার সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রবাসী আয় বাড়াতে হলে এসব প্রচলিত বাজারের পরিবর্তে দক্ষ শ্রমিকের নতুন বাজার খুঁজে বের করতে হবে।
মোশাররফ আরও বলেন, সরকার দক্ষ শ্রমিক তৈরি করতে দেশের সব জেলায় একটি করে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করবে। ইতিমধ্যে ৩৮টি প্রশিক্ষণকেন্দ্র নির্মিত হয়েছে। আগামী দুই বছরে আরও ৩১টি স্থাপন করা হবে। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে প্রশিক্ষিত সেবিকা পাঠানোর জন্য নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমানে সরকারি হিসাবে বিদেশে প্রায় ৭০ লাখ লোক কাজ করেন। কিন্তু অবৈধভাবে আরও প্রায় ৩০ লাখ মানুষ বিদেশে কর্মরত। অথচ তাঁদের জন্য সরকারের ব্যয় সামান্য। তিনি বলেন, বায়রার অসহযোগিতার কারণে বিদেশে লোক পাঠানোর ব্যয় কমানো যাচ্ছে না।
জাফর আহমেদ খান বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যেতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি অর্থ ব্যয় হয়, যা কমানো প্রয়োজন। তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক চালু হলে বিদেশগামীদের উপকার হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৫ সালের মধ্যে জনসংখ্যা রপ্তানি খাতে তিন হাজার ১০০ কোটি ডলার আয় নির্ধারণ করা হয়েছে। কিন্তু দক্ষ লোক না পাঠালে লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে। তিনি প্রবাসী-আয় বাড়ানোর জন্য অধিক পরিমাণে দক্ষ শ্রমিক পাঠানোর পাশাপাশি বিদেশ যাওয়ার ব্যয় কমানোর তাগিদ দেন।
মুক্ত আলোচনায় অংশ নেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, ঢাকা চেম্বারের সাবেক সহসভাপতি এম এস সেকিল চৌধুরী, বিসিআইয়ের সাবেক সভাপতি শরীফ এম আফজাল হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আখতারুজ্জামান মঞ্জু, এফবিসিসিআইয়ের পরিচালক নজিবুর রহমান, নাগিবুল ইসলাম দীপু, মনোয়ারা হাকিম আলী, উইমেন চেম্বারের পরিচালক আঞ্জুমান সালাউদ্দিন প্রমুখ।

বাজ্জোর সঙ্গে সাচ্চিও

আর কোনো গুঞ্জন নয়। দীর্ঘদিন ডুবে থাকার পর আবার ইতালিয়ান ফুটবলে নিজেকে জড়িয়ে ফেললেন রবার্তো বাজ্জো। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল পরিচালক হিসেবে কাজ করবেন নব্বইয়ের দশকের সেই বিখ্যাত ‘ডিভাইন পনিটেল’ (স্বর্গীয় ঝুঁটি) ফুটবলার রবার্তো বাজ্জো। গত সোমবার হঠাত্ করেই জানা গেল ইতালিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে যাচ্ছেন বাজ্জো। দ্বিপক্ষীয় আলোচনা শেষেই ঘোষণাটি দিয়েছে ফেডারেশন। তাঁর কাজে যোগ দেওয়াটা এখন সময়ের ব্যাপার। ১৯৯৪ বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নিয়ে যাওয়া বাজ্জোর সঙ্গে ফিরছেন সেই সময়ের কোচ আরিগো সাচ্চিও। বাজ্জোর গুরু সাচ্চির নিয়োগ ইতালির যুব দলের (অনূর্ধ্ব-২১ পর্যায়ে) সমন্বয়কারী হিসেবে। প্রথম ইউরোপিয়ান বর্ষসেরা ইতালিয়ান ফুটবলার জিয়ান্নি রিভেরাকে করা হয়েছে যুব একাডেমির প্রধান। ২০১০ বিশ্বকাপ-ব্যর্থতা ভালোই ধাক্কা দিয়েছে ইতালিকে।

ইউসুফকে নিয়ে পাকিস্তানের দোলাচল

যাঁকে ‘ত্রাতা’ ভেবে অবসর থেকে ফিরিয়ে আনা হলো, কয়েকটা দিন ধরে সেই মোহাম্মদ ইউসুফকে নিয়েই ছিল উত্কণ্ঠা। দলে তাঁকে কীভাবে গ্রহণ করা হবে, নতুন অধিনায়ক সালমান বাট ব্যাপারটাকে কীভাবে নেবেন, এসব নিয়ে গুঞ্জন শেষ না হতেই জানা গেল ভিসা জটিলতায় দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড যাওয়াই হচ্ছে না ইউসুফের! ভিসা জটিলতা মিটল গত বুধবার। কাল বার্মিংহাম উড়েও গেলেন, কিন্তু ধরতে পারেননি দলের অনুশীলন। মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টে আজ ‘ত্রাতা’কে একাদশে খেলানো নিয়েই তাই দোলাচলে পাকিস্তান।
নিজ শহর লাহোরের ক্লাব ক্রিকেটে খেলা ছাড়া অবসরের পর থেকে আর কোনো ধরনের ক্রিকেটের সংস্পর্শে নেই ইউসুফ। কাল অনুশীলনও মিস করলেন। তবে ব্যাটিং দুর্বলতা ঢাকতে পাকিস্তান এতটাই মরিয়া যে আজ ইউসুফকে একাদশে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইউসুফের ব্যাপারে সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে, তবে ব্যাটিং লাইনআপে একটা পরিবর্তন নিশ্চিত। উমর আমিন বা আজহার আলীর জায়গায় ফিরছেন ২০০৭ সালের ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ইয়াসির হামিদ। পরিবর্তন নিশ্চিত আরও একটি, দানিশ কানেরিয়ার জায়গায় ফিরছেন অফ স্পিনার সাঈদ আজমল।
শেষ মুহূর্তে কোনো চোট সমস্যা না থাকলে প্রথম টেস্টে বিশাল জয় পাওয়া ইংল্যান্ড দলে পরিবর্তন হচ্ছে না নিশ্চিত। কাগজে-কলমে এবং মাঠের পারফরম্যান্সেও দুদলের ব্যবধান এতটাই যে স্বাগতিকদের বলা যায় পরিষ্কার ফেবারিট। তবে পাকিস্তানের ম্যাচে ক্রিকেটীয় যুক্তি-তর্ক অনেক সময়ই খাটে না। আগের সিরিজেই অস্ট্রেলিয়ার কাছে বড় হারের পর তারা ফিরে এসেছে দারুণভাবে। ট্রেন্টব্রিজে ৩৫৪ রানের পরাজয়ের পর সালমান বাট মনে করিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের কথাই। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও বলেছিলেন, ‘ভুলে যাবেন না সিরিজটা চার ম্যাচের, পাকিস্তান ফিরতে পারে যেকোনো সময়ই।’
উইকেট-কন্ডিশন সব মিলিয়ে ট্রেন্টব্রিজের মতো এজবাস্টনেও দেখা যেতে পারে বোলারদের রাজত্ব। গত কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে বার্মিংহামে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, একই অবস্থা থাকবে এই টেস্ট চলাকালীনও। দুদলের পেসাররাই তাই পেয়ে যেতে পারেন সুইং বোলিংয়ের আদর্শ পরিবেশ। পেস বোলিংটা দুদলেরই শক্তির জায়গা। গত টেস্টেই ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন জেমস অ্যান্ডারসন, দিন কয়েক আগে কাউন্টির এক ম্যাচে এই মাঠেই ৮ উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। আর পাকিস্তানের পেসত্রয়ীর সামর্থ্য তো প্রমাণিতই। গত টেস্টে ব্যবধান গড়ে দিয়েছিল এউইন মরগান ও ম্যাট প্রিয়রের সেঞ্চুরি। বোলিং-বান্ধব কন্ডিশনে এবারও ব্যবধানটা গড়ে দিতে পারেন কোনো ব্যাটসম্যান।

ম্যারাডোনাকে চান মেসি

দলবদলের বাজার আপাতত বন্ধ হয়ে গেছে। কিন্তু সেস ফ্যাব্রিগাসকে ন্যু ক্যাম্পে আনার স্বপ্ন দেখাটা এখনো বন্ধ করছে না বার্সেলোনো। ক্লাবের কথা কী বলবেন, বার্সেলোনা খেলোয়াড়েরাই তো সাবেক সতীর্থ ফ্যাব্রিগাসের নামে রীতিমতো কীর্তন করছেন। আর্সেনাল অধিনায়কের যুবদল সতীর্থ লিওনেল মেসি চীন সফরে গিয়েও বললেন, একদিন না একদিন আবার ফ্যাব্রিগাসের সঙ্গে তিনি খেলবেন।
দুজন একসঙ্গে বেড়ে উঠেছেন বার্সেলোনার যুব প্রকল্পে। সেই বার্সেলোনার হয়ে এশিয়া সফরের অংশ হিসেবে এখন চীনে আছেন মেসি। অলিম্পিক স্টেডিয়াম ‘বার্ডস নেস্টে’ স্থানীয় বেইজিং গুয়ান দলের সঙ্গে খেলার আগে সংবাদ সম্মেলনে মেসির কণ্ঠে ফিরে এল ফ্যাব্রিগাসের প্রসঙ্গ, ‘সেস ফ্যাব্রিগাসের সঙ্গে আবার একই দলে খেলার জন্য খুব উন্মুখ হয়ে আছি আমি।’
বার্সেলোনা প্রসঙ্গে মেসির কথা শোনার আগ্রহ তো আছেই। বেশি আগ্রহ আর্জেন্টিনা, বিশেষ করে ডিয়েগো ম্যারাডোনা প্রসঙ্গে তাঁর কাছ থেকে কিছু শোনার। মেসি কিছুদিন ধরে যেমন বলছিলেন, তেমনই আরেকবার কোচ ম্যারাডোনার প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেছেন।
কোচ ম্যারাডোনা আর্জেন্টিনার জন্য ইতিবাচক কিছু করতে পেরেছেন কি না, তা নিয়ে তর্ক চলতে পারে। কিন্তু আর্জেন্টিনাকে তিনি যে নতুন এক মেসি উপহার দিয়েছেন, তাতে সন্দেহ নেই। মেসিকে নিয়ে অভিযোগ ছিল, তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারেন না। বিশ্বকাপে একটি গোলও করতে পারেননি, কিন্তু তাঁকে যে চেহারায় দেখতে চায় আর্জেন্টিনার মানুষ, সেই বিধ্বংসী চেহারাতেই মেসিকে রূপান্তরিত করতে পেরেছিলেন ম্যারাডোনা।
মেসি শুধু ম্যারাডোনাকে কোচ হিসেবে চাইছেন, তা-ই নয়; আগে-পরে ম্যারাডোনা যা বলেছেন, সবই তিনি বিশ্বাসও করেছেন, ‘আমি অবশ্যই চাইনি যে, ম্যারাডোনা চলে যান। উনি যা বলেছেন, সবই আমি বিশ্বাস করেছি। এটাই সম্ভবত ফুটবল।’
মেসির আকাঙ্ক্ষা যা-ই থাকুক না কেন, পরের বিশ্বকাপে তাঁদের হয়তো নতুন কোচের অধীনেই খেলতে হবে ব্রাজিলে। ব্রাজিলে কেমন করবে আর্জেন্টিনা? এত আগে আগে মন্তব্য করতে চান না মেসি, ‘এখনো চার বছর সময় আছে। অনেক কাজ করতে হবে। এখনই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কথা বলাটা একটু বেশি আগে আগে হয়ে যায়।’

সিনিয়র ডিভিশন ফুটবল

সিনিয়র ডিভিশন ফুটবলে কাল পূর্বাচল পরিষদ ২-১ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। জয়ী দলের কামাল ও জহুিরুল গোল করেছেন। অগ্রণী ব্যাংকের গোলটি ডেভিডের। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ও মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাবের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলদাতা উত্তর বারিধারার দুলাল ও মতিঝিলের নাদিম।

ম্যারাডোনার ফেরা বিষয়ে আরেক প্রস্থ

ইলাস্টিক-লম্বা ভারতীয় ধারাবাহিকগুলোও যেন হার মেনে যাচ্ছে। শেষ হয়েও কিছুতেই শেষ হচ্ছে না ডিয়েগো ম্যারাডোনার কাহিনি। কোচ থাকবেন কি থাকবেন না, সেটি নিয়ে বিশ্বকাপের পর নানা খবরে কাটল মাসখানেক। ভাবা গেল, ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) অসমঝোতায় এ অধ্যায় শেষ হয়েছে। এএফপি, রয়টার্স।
কিসের কী! এবার শুরু ম্যারাডোনার ফেরার গুঞ্জন। কদিন ধরে সংবাদমাধ্যমের খবর, কোচ পদে পুনর্বহাল হতে যাচ্ছেন আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুরু হয়েছিল কার্লোস বিলার্দোর কথা দিয়ে। এরপর এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনাও হাওয়া দিয়েছিলেন গুঞ্জনে। এবার এএফএর মুখপাত্র আর্নেস্তো চার্কিস বিয়ালো বললেন, ম্যারাডোনার ফেরা বিষয়ে আলোচনা শেষ হয়ে যায়নি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দায়িত্ব পালন করা সহকারীদের রাখা না-রাখা নিয়ে মতানৈক্যের জের ধরে ম্যারাডোনার সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করেনি এএফএ। এএফএর সঙ্গে বৈঠক শেষেই গ্রন্দোনাকে ‘মিথ্যাবাদী’ এবং দলের মহাব্যবস্থাপক ও নিজের সাবেক কোচ বিলার্দোকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন ম্যারাডোনা। সেই বিলার্দোই প্রথম বলেছিলেন, ম্যারাডোনার জন্য তাঁরা দরজা খোলা রেখেছেন। কদিন পর গ্রন্দোনাও বললেন, ম্যারাডোনার দরজা বন্ধ হয়ে যায়নি।
এবার বিয়ালো বললেন, ‘ডিয়েগো মোটেও আমাদের ছেড়ে চলে যাননি। ঘুরেফিরেই আসছেন তিনি। কারও নামই ভুলে যাইনি আমরা। আবার কারোরই কোনো নিশ্চয়তা নেই।’
ম্যারাডোনা নিজে ফিরে এলে তো আলাদা কথা। নইলে কে পরবর্তী কোচ হচ্ছেন, তা নিয়েও অনুমানের শেষ নেই। তবে এএফএর ওয়েবসাইটে জানানো হয়েছে, অক্টোবরের আগে নতুন কোচ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে নতুন কোচ হিসেবে যাঁদের নাম সংবাদমাধ্যমে আসছে, সেগুলোকেও কল্পিত বলে জানিয়ে দিয়েছে এএফএ।

তিন মাসের দায়িত্ব চান না নির্বাচকেরা

নির্বাচক কমিটির মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্তে খুশি নন নির্বাচকেরা। তাঁরা চান বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব। গতকাল রাতে তিন নির্বাচকের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনের।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচক রফিকুল আলম তিন মাসের জন্য দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। তিনি চান বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব। আরেক নির্বাচক আকরাম খানেরও একই ইচ্ছা বলে জানা গেছে। বোর্ড তাঁদের প্রস্তাবে রাজি না হলে এ দুই নির্বাচক দায়িত্ব ছেড়ে দিতে পারেন বলেও গুঞ্জন আছে। যদিও এ ব্যাপারে আকরাম খান কোনো মন্তব্য করতে রাজি হননি। আর রফিকুল আলম ফোনই ধরেননি।
ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত অবশ্য জানিয়েছেন, নির্বাচকদের সঙ্গে বোর্ড সভাপতির আলোচনাটি অনানুষ্ঠানিক। তবে তিনি বলেছেন, ‘আমাকে নির্বাচকদের কেউ লিখিতভাবে বা মৌখিকভাবেও জানাননি যে তাঁরা তিন মাসের জন্য দায়িত্ব পালনে রাজি নন। তবে তাঁরা বলেছেন, তাঁরা বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনে আগ্রহী।’
বোর্ড সভাপতির সঙ্গে নির্বাচকদের সভায় জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা।

অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে নাখোশ ওয়ার্ন

ইংল্যান্ডে এসে গত বছর অ্যাশেজ খোয়াতে হয়েছে, হারাতে হয়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও। প্রায় দুই যুগ পর দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হার এড়াতে হলে কোথায় কোমর বেঁধে প্রস্তুতি নিতে হবে, তা নয় অস্ট্রেলিয়ার প্রস্তুতি নাকি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে! স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের দাবি, যথাযথ হচ্ছে না অস্ট্রেলিয়ার অ্যাশেজ প্রস্তুতি। ২৫ নভেম্বরে ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ।
‘সত্যি বলতে আমার ধারণা, প্রস্তুতিটা মোটেও ভালো হচ্ছে না এবং ক্রিকেটারদের প্রতি এতে অন্যায় করা হচ্ছে, কারণ খুব গুরুত্বপূর্ণ এমন একটা সিরিজের আগে ভালো প্রস্তুতিটা জরুরি’—কাল হেরাল্ড সানকে বলেছেন ওয়ার্ন। ৭০৮ টেস্ট উইকেটের মালিকের মূল শঙ্কাটা ম্যাচ প্র্যাকটিস কম হওয়া নিয়ে, ‘এখন পর্যন্ত যে সূচি আছে, তাতে অ্যাশেজের আগে আমাদের মাত্র দুটি টেস্ট আছে, ভারতের বিপক্ষে অক্টোবরে। সীমিত ম্যাচ প্র্যাকটিস দিয়ে হয়তো পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার পাওয়া সম্ভব। কিন্তু দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচ প্র্যাকটিস দিয়ে চলবে না।’
আইসিসির এফটিপিতে আসলে অ্যাশেজের আগে কোনো টেস্টই ছিল না। অক্টোবরে ভারতের বিপক্ষে সাত ওয়ানডের সিরিজটি পরে দুই বোর্ডের উদ্যোগে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজে রূপান্তরিত করা হয়। অন্যদিকে ইংল্যান্ড এখন চার টেস্টের সিরিজ খেলছে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় গিয়েও তারা তিন দিনের ম্যাচ খেলবে দুটি, চার দিনের ম্যাচ একটি। শুধু ম্যাচ প্রাকটিসের অভাবই নয়, ওয়ার্নের ধারণা অস্ট্রেলিয়া এখনো দলের সমন্বয়ই ঠিক করতে পারেনি। অ্যাশেজ জিততে হলে তাই নিজেদের উজাড় করে খেলতে হবে রিকি পন্টিংদের, ‘আমার ধারণা, অস্ট্রেলিয়ার নির্বাচকেরা দলের সেরা ব্যাটিং ও বোলিং লাইনআপ ঠিক করা নিয়েই এখনো দ্বিধান্বিত। অন্যদিকে ইংল্যান্ড দলটা অনেকটাই থিতু এবং ওরা সঠিক সময়ে জ্বলে উঠছে। ইংল্যান্ডকে হারাতে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, কারণ এখন আর ওরা আমাদের ভয় পায় না বা জড়সড় হয়ে থাকে না।’