Friday, September 30, 2011

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে তহবিল গঠনের সিদ্ধান্ত

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন স্টেকহোল্ডারের সহযোগিতায় ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল’ নামে একটি মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের শেয়ার জোরপূর্বক বিক্রি না করার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো এবং গ্রাহকদের মার্জিন ঋণের সুদ আগামী দুই বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সম্মেলনকক্ষে সংগঠনটির সভাপতি এ কে আজাদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ কে আজাদ বলেন, শেয়ারবাজারে অব্যাহত দরপতনের কারণে একদিকে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছেন, অন্যদিকে গ্রাহকদের মার্জিন ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে। এতে একপর্যায়ে মার্চেন্ট ব্যাংকগুলো জোরপূর্বক শেয়ার বিক্রি করায় বিনিয়োগকারীরা পথে বসছেন। তিনি আরও বলেন, ‘বাজারের পতনশীল অবস্থা থেকে আস্থা ফিরিয়ে এনে বাজারের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
ব্রিফিংয়ে উপস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান বলেন, বাজার স্থিতিশীলকরণ তহবিলটি হবে একটি মেয়াদহীন মিউচুয়াল ফান্ড। আর ফান্ডে ৫০০ কোটি টাকা দেবেন ফান্ডটির উদ্যোক্তারা। এর স্পনসর হবেন বিভিন্ন স্টেকহোল্ডাররা। শিগগিরই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ফান্ডটির অনুমোদন চাওয়া হবে। এ ছাড়া একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের অনুমোদন চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সালমান আরও বলেন, যেসব বিনিয়োগকারী ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন, তাঁদের পোর্টফোলিওর ক্রয়মূল্যের সমান এবং এর সঙ্গে সমকালীন বাজারে পোর্টফোলিও মূল্যের ওপর একটি প্রিমিয়াম-সংবলিত মূল্যের তহবিল মিউচুয়াল ফান্ড থেকে ইউনিট ইস্যু করা হবে। তিনি বলেন, এই বদলের ফলে একটি বাস্কেটে অনেকগুলো শেয়ার চলে আসবে। ধীরে ধীরে এই ইউনিটের সম্পদমূল্য বাড়বে। এ ছাড়া বাজারে শেয়ার বিক্রির চাপ অনেক কমে যাবে, যা বাজার স্থিতিশীল হতে সাহায্য করবে।
তবে শুধু এই একটি উদ্যোগে বাজার স্থিতিশীল হয়ে যাবে এমনটি নয় বলে মন্তব্য করেন সালমান। তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা ফেরাতে এরই মধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বর্তমানে বাজারে আস্থা অনেক কমে গেছে। এটা পুনরুদ্ধার করতে পারলে বাজার স্থিতিশীল হবে বলে মনে করেন তিনি।

বায়ার্ন-আভিজাত্য আর রিয়াল-দাপট

বায়ার্ন মিউনিখ ফুটবল-বিশ্বকে একটি পুরোনো প্রবাদ আরেকবার মনে করিয়ে দিল—ঐতিহ্য আর আভিজাত্য অন্য ব্যাপার। চ্যাম্পিয়নস লিগে পরশু রাতে বায়ার্ন ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে ফুটবল আভিজাত্যেরই জয়গান গেয়েছে। আয়াক্স অবশ্য ম্যান সিটির গোত্রীয় নয়, অভিজাত দল। উজ্জ্বল তাদের অতীত। কিন্তু মাদ্রিদে গিয়ে ডাচ চ্যাম্পিয়নরা নয়বারের চ্যাম্পিয়নদের শিরোপা-ক্ষুধার কাছে হেরেছে ৩-০ গোলে।
অনেক হাঁকডাক দিয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত সিটি দ্বিতীয় ম্যাচেই হারল স্পষ্ট ব্যবধানে। ম্যানচেস্টার শহরের হতাশা এতেই শেষ হয়নি। সিটির বিখ্যাত নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ নিজেদের মাঠে হার এড়িয়েছে কোনোক্রমে। দুই গোলে এগিয়ে গিয়েও এফসি বাসেলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে।
রিয়ালের বড় জয়ে কাকার স্বরূপে ফেরা, বায়ার্ন-সিটি ম্যাচের উত্তেজনা, এসব ছাপিয়ে পরশু রাতে বড় হয়ে উঠেছে বাসেলের সঙ্গে ম্যানইউর নাটকীয় ড্র। চোটের কারণে ওয়েইন রুনি খেলতে না পারলেও রুনিবিহীন ম্যানইউর আক্রমণভাগ শুরুটা করেছিল দারুণ। ২০ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ১৭ মিনিটেই মধ্যে ২-০-তে এগিয়েও যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে বাসেল সমতায় ফেরার পর রুনির অভিজ্ঞতার অভাবটা ঠিকই অনুভব করেছে ম্যানইউ।
সুইজারল্যান্ডের দুই ফ্রেই—ফ্যাবিয়ান ও আলেক্সান্ডারের ২ মিনিটের (৫৮ ও ৬০) ২ গোলে সমতায় ফেরে সুইস ক্লাব বাসেল। ম্যাচ ২-২ হয়ে যাওয়ার পর ম্যানইউর যেখানে আরও ভয়ংকর হয়ে ওঠার কথা, উল্টো তারা হয়ে পড়ে দিশাহারা। প্যাট্রিস এভরা, রিও ফার্ডিনান্ড, ফিল জোন্স, ফ্যাবিও ডা সিলভা—ম্যানইউর চার ডিফেন্ডার যেন আগের চেয়েও নড়বড়ে হয়ে পড়েন। এটিরই সুযোগে ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করে আলেক্সান্ডার ফ্রেই বাসেলকে এগিয়েও দেন।
একটা সময় মনে হচ্ছিল নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে তৃতীয়বারের মতো হারতে চলেছে ম্যানইউ। কিন্তু নানির ক্রসে হেড করে দলকে বাঁচিয়ে দেন অ্যাশলি ইয়াং। চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করে অন্তিম মুহূর্তে ফেরান সমতা। স্বস্তি ফিরে পাওয়া ম্যানইউ কোচ ম্যাচ শেষে জানিয়েছেন নিজের অস্বস্তির কথা, ‘পুরো ম্যাচেই কেমন যেন অযত্নের ছাপ ছিল আমাদের খেলায়। আক্রমণভাগ দারুণ খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে। আর ওই সময়টায় (বাসেলের সমতায় ফেরার সময়) আমরা একটু ছন্নছাড়া ফুটবল খেলেছি, আমাদের আরেকটু মনোযোগী থাকা উচিত ছিল।’
ম্যান সিটি-বায়ার্ন ম্যাচটিকে দেখা হয়েছিল ইউরোপ-শ্রেষ্ঠত্বের প্রতীকী লড়াই হিসেবে। তবে উত্তেজনা ছড়ানো এ ম্যাচ শেষে হতাশই করেছে। শুরুর মিনিট কুড়ি বাদ দিলে একতরফা খেলে বায়ার্ন সিটিকে বুঝিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ কঠিন ঠাঁই, অভিজাতদের জায়গা। দুর্দান্ত ফর্মে থাকা মারিও গোমেজের প্রথমার্ধে করা দুই গোলেই জিতেছে বায়ার্ন।
তবে ম্যাচ শেষে কোচ ইয়াপ হেইঙ্কস প্রশংসায় ভাসিয়েছেন ফ্রাঙ্ক রিবেরি ও বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে, ‘রিবেরির তো ছিল বিশ্বমানের পারফরম্যান্স, শোয়েনস্টাইগারেরও তাই। শুরুতে একটু নার্ভাস ছিলাম আমরা। তবে প্রথমার্ধের মাঝামাঝিই সবকিছু আমরা পাল্টে দিয়েছি।’ বায়ার্নের চেয়েও অনায়াস জয় পেয়েছে রিয়াল। আয়াক্স শুরুর দিকে একটু চাপ তৈরির চেষ্টা করলেও প্রথমার্ধের মাঝামাঝি হারিয়ে যায় রিয়ালের দাপটে। স্বরূপে ফিরেছেন কাকা। ৩-০ গোলের জয়ে একটি গোল নিজে করেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমার করা গোল দুটিতে রেখেছেন অবদান। ২৫ মিনিটে রিয়াল প্রথম এগিয়ে যায় রোনালদোর গোলে। ৪১ মিনিটে কাকার গোলের ৮ মিনিট পরই বেনজেমার গোলে ভাগ্য নির্ধারিত হয় ম্যাচের।
গত মৌসুমের শেষে গুঞ্জন ছিল কাকা রিয়াল ছাড়ছেন। গুঞ্জন যে একেবারে উধাও, তা নয়। দলবদলের আগামী জানুয়ারি-সূচিতেও নাকি চলে যেতে পারেন। তবে পরশুর কাকাকে নিশ্চয়ই আর ছাড়তে চাইবে না রিয়াল। রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কার কথায় সেই আভাস, ‘সত্যিই ওর অনেক বাজে সময় গেছে। আমরা যারা কাকার ওপর বিশ্বাস রেখেছিলাম, তারা ওর হাসিমুখ দেখে খুব খুশি।’ আর কাকা নিজে কী বলেন? ব্রাজিলিয়ান প্লে-মেকার রিয়ালে ফিরে পাচ্ছেন খেলার আনন্দ, ‘আমি আবারও খেলাটা উপভোগ করছি, শারীরিকভাবে ভালো বোধ করছি। ক্রমেই ফিরে পাচ্ছি নিজের সেরাটা, ব্যক্তিগতভাবে আমার কাছে ম্যাচটা ছিল দারুণ।’ কাকার ফেরা মানে রিয়ালেরও নতুন করে জেগে ওঠা। তাহলে ‘দশমের’ ডাক শুনছে রিয়াল? কাকা কিন্তু তাঁর ইচ্ছেটা আবারও জানিয়ে দিয়েছেন, ‘এই দলের হয়ে আমি জিততে চাই।’

মিউনিখে তেভেজ-কাণ্ড

ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। অথচ কোচ রবার্তো মানচিনি কিনা ফরোয়ার্ড এডিন জেকোকে উঠিয়ে নামালেন ডিফেন্সিভ মিডফিল্ডার নাইজেল ডি ইয়ংকে! টিভি পর্দায় দেখা গেল, ডাগ-আউটে সিটির কোচিং স্টাফের একজন কার্লোস তেভেজকে কী যেন বলছেন, আর তেভেজ সমানে মাথা নাড়ছেন। তখনই বোঝা যাচ্ছিল, ঝামেলা কিছু একটা হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বোমাটা ফাটালেন মানচিনি, ‘তেভেজ মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে!’
তেভেজ অবশ্য দাবি করেছেন তিনি মোটেও অস্বীকৃতি জানাননি, বরং মাঠে নামতে প্রস্তুতই ছিলেন। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড যতই অস্বীকার করুন, ক্ষুব্ধ মানচিনি জানিয়ে দিয়েছেন তেভেজের সিটি অধ্যায় শেষ, ‘ও ওয়ার্মআপ করতে অস্বীকৃতি জানিয়েছে, পরে মাঠে নামতেও অস্বীকৃতি জানিয়েছে। ম্যানচেস্টার সিটিতে খেলে কেউ যদি এত অর্থ আয় করে কিন্তু খেলতে অস্বীকৃতি জানায়, আমার কাছে সে শেষ। কার্লোসকে আমি কী বলেছি, সেটা আমার, কার্লোস আর দলের মাঝেই আছে। কিন্তু দল হিসেবে যদি আমরা উন্নতি করতে চাই, কার্লোস আমাদের সঙ্গে খেলতে পারবে না।’
তেভেজ এমনটা করেছেন বলেই বেশি হতাশ মানচিনি, ‘সে গত বছর চলে যেতে চেয়েছিল। দুই বছর ধরে আমি ওকে প্রতিটি মুহূর্তে সাহায্য করেছি। কিন্তু খেলতে অস্বীকৃতি জানাল। কার্লোস বলেই আমি ভীষণ হতাশ। বায়ার্ন মিউনিখ, মিলান বা ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় এমন করছে, চিন্তা করতে পারেন? কোনো একজন সতীর্থদের সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছে, শীর্ষ একটা ক্লাবে এটা হতে পারে না।’
অ্যালিয়াঞ্জ অ্যারেনা ছাড়ার সময় তেভেজকে খুব একটা উত্তেজিত বা অস্থির মনে হয়নি। পরে প্রতিক্রিয়ায়ও উড়িয়ে দিয়েছেন কোচের সব অভিযোগ, ‘আমি ওয়ার্মআপ করেছিলাম, মাঠে নামার জন্য প্রস্তুতও ছিলাম। কেন এমনটা হয়েছে, সেসব বিস্তারিত জানানোর সঠিক সময় এখন নয়। তবে এটুকু বলতে পারি, আমি কখনোই খেলতে অস্বীকৃতি জানাইনি। এটা ঠিক, গত মৌসুমে আমি চলে যেতে চেয়েছিলাম পারিবারিক কারণে, কিন্তু সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’ ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের বিশ্বাস, সমর্থকেরা অন্তত তাঁকে বুঝতে পারবেন, ‘মিউনিখে ভুল বোঝাবুঝি যা হয়েছে, সেজন্য আমি ম্যানচেস্টার সিটির সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি। তাদের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই উষ্ণ, তারা জানে মাঠে আমি সব সময় নিজেকে উজাড় করে দিই। সাইড বেঞ্চে কিছু বিভ্রান্তি হয়েছে, আমার মনে হয় আমাকে সবাই ভুল বুঝছে। সামনে যেকোনো সময় আমি মাঠে নেমে নিজের দায়িত্ব পালনে প্রস্তুত আছি।’
মানচিনি-তেভেজের দাবি দুই রকম। তবে প্রকৃত ঘটনার কিছুটা বোঝা যেতে পারে সিটির সহকারী কোচ ডেভিড প্ল্যাটের প্রতিক্রিয়া থেকে, ‘সাইড বেঞ্চে যা-ই ঘটুক, যত তর্কবিতর্কই হোক না কেন, কোনো খেলোয়াড় যদি ওয়ার্মআপ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে ক্ষমা করা যায় না।’
তেভেজের পুরো ইংল্যান্ড অধ্যায়টাই অবশ্য ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ২০০৬ সালে করিন্থিয়ানস থেকে ওয়েস্টহামে আসার সময় বড়সড় ঝামেলা হয়েছিল, কারণ, তাঁর স্বত্ব ছিল তৃতীয় আরেকটি পক্ষের। মাসের পর মাস চলে এই ঝামেলা, পরে ৯০ লাখ ডলার জরিমানাও গুনতে হয় ওয়েস্টহামকে। এক বছর পরই আবার ওয়েস্টহাম ছেড়ে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। রেড ডেভিলদের হয়ে চ্যাম্পিয়নস লিগও জেতেন। কিন্তু দ্বিতীয় মৌসুমেই আবার সম্পর্কের টানাপোড়েন। এরপর ৩২ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি আর সাপ্তাহিক ৩ লাখ ১৪ হাজার ডলার বেতনে আসেন সিটিতে। সেখানে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হন। কিন্তু মৌসুম শেষে এই ক্লাবও ছাড়তে ব্যাকুল হয়ে ওঠেন, কারণ ম্যানেচেস্টার শহর তাঁর ভালো লাগে না, মন পড়ে থাকে পরিবারের কাছে!’
ভিন্ন পথে হলেও তেভেজের ইচ্ছেই মনে হয় পূরণ হচ্ছে। মানচিনি জানিয়েছেন, চেয়ারম্যান খালদুন আল মুবারকের সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যেই তেভেজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পেসমেকারের আবিষ্কারক উইলসন চলে গেলেন

হূদেরাগীদের হূৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক রাখতে বিশেষ সহায়তা করছে কৃত্রিম পেসমেকার যন্ত্র। তবে এ যন্ত্রের আবিষ্কারকের জীবনের স্পন্দন থেমে গেছে। পেসমেকারের আবিষ্কারক উইলসন গ্রেটব্যাচ আর নেই।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে উইলিয়ামসভিলে নিজ বাসভবনে ৯২ বছর বয়সে মৃত্যু হয়েছে উইলসনের। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর মেয়েজামাই ল্যারি ম্যাসিয়ারিয়েলো সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
আবিষ্কার ছিল উইলসনের আজীবনের নেশা। ১৫০টির বেশি পেটেন্ট রয়েছে তাঁর। গত ৫০ বছরে যে ১০টি গুরুত্বপূর্ণ যন্ত্র সমাজে বিশাল ভূমিকা রাখছে, পেসমেকার এর মধ্যে অন্যতম। ১৯৬০ সালে প্রথমবারের মতো মানবদেহে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। বর্তমানে প্রতিবছর বিশ্বের লক্ষাধিক মানুষের শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হচ্ছে। হূদেরাগসহ নানা কারণে হূৎপিণ্ড স্বাভাবিক গতিতে স্পন্দিত না হলে পেসমেকার স্থাপন জরুরি হয়ে পড়ে।

পাশ্চাত্যের অবরোধ আরোপের প্রস্তাবে নমনীয়তা আনা হয়েছে

সিরিয়ার ওপর অবিলম্বে অবরোধ আরোপের বিষয়ে পাঁচটি পশ্চিমা দেশ নমনীয় অবস্থান নিয়েছে। বর্তমান প্রস্তাব অনুযায়ী, বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার সরকারি বাহিনীর দমন-পীড়ন অব্যাহত থাকলেই কেবল অবরোধ আরোপ করা হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নিষেধাজ্ঞার বিরোধী চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের লক্ষ্যেই প্রস্তাবটি নমনীয় করা হয়।
পশ্চিমা কূটনীতিকেরা জানান, চলতি সপ্তাহের শেষে তাঁরা এ ব্যাপারে একটি ভোটের পরিকল্পনা করছেন। সংবাদমাধ্যমের সংগৃহীত নমুনায় দেখা গেছে, ওই খসড়া প্রস্তাবে ‘অবিলম্বে সব ধরনের সহিংসতার অবসান’ দাবি করা হয়েছে। সিরিয়ার কর্তৃপক্ষ যদি ওই দাবিকে গুরুত্ব না দেয়, তাহলে দেশটির ওপর অবরোধ আরোপসহ শাস্তিমূলক অন্যান্য ব্যবস্থা নেবে নিরাপত্তা পরিষদ।
গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে অবরোধ আরোপসংক্রান্ত একটি প্রস্তাব দেয় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল। এ প্রস্তাবে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া ও চীন এর বিরোধিতা করে ভেটো দেওয়ার হুমকি দেয়। সিরিয়ার ওপর অবরোধ আরোপের প্রস্তাবে বিরোধিতাকারী অন্য দেশগুলো হলো: ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল।
পশ্চিমা কূটনীতিকেরা মনে করেন, বর্তমান প্রস্তাবটি অধিকতর গ্রহণযোগ্য হবে। ইউরোপীয় একজন কূটনীতিক বলেন, আসাদের প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রতি যেন উদাসীন থাকতে না পারে, তা নিশ্চিত করতে তাঁরা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দিতে চান।
নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত: মানবাধিকার সংগঠনগুলো জানায়, সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। লন্ডনভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর মতে, গত মঙ্গলবার এক অভিযানে সরকারি বাহিনী বেসামরিক অন্তত ছয়জন নাগরিককে হত্যা করে। বায়াদার হোমস এলাকায় সেনা অভিযানে বেসামরিক তিনজন ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়। সরকারি বাহিনী ছেড়ে চলে আসা সেনা সদস্যরা ওই এলাকায় একটি ট্যাংক পুড়িয়ে দেওয়ার পর ওই হামলা চালানো হয়। এদিকে উত্তরাঞ্চলীয় জাবাল আল-জাউইয়া শহরে অভিযান চালিয়ে সরকারি বাহিনী বেসামরিক দুজন ব্যক্তিকে হত্যা করে। এ ছাড়া দক্ষিণের দারা প্রদেশে মঙ্গলবার ভোরে পরিচালিত এক অভিযানে বেসামরিক এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়। গত মার্চে ওই প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
এদিকে কেন্দ্রীয় হোমস প্রদেশের রাস্তান, তালবিশেহ ও তিরমালা এলাকায় অভিযানে শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ২০ জন আহত হয়, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। সেনারা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভারী আগ্নেয়াস্ত্র ও ট্যাংক নিয়ে এসব এলাকায় আক্রমণ চালায়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরুতে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত দুই হাজার ৭০০ লোক নিহত হয়েছে। সিরিয়ার সরকার বলছে, বিদেশি শক্তির মদদপ্রাপ্ত ‘সশস্ত্র গোষ্ঠীর’ বিরুদ্ধে তাদের লড়াই চলছে।

ইয়েমেনে যুদ্ধবিমান ভূপাতিত

ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত সেনাদের সঙ্গে লড়াইরত উপজাতীয় যোদ্ধারা গতকাল বুধবার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রত্যক্ষদর্শী ও উপজাতীয় সূত্রে এ খবর জানা যায়।
গতকাল রাজধানী সানার ৪০ কিলোমিটার উত্তরে আরহাব শহরের কাছে উপজাতীয় যোদ্ধারা বিমানবিধ্বংসী আগ্নেয়াস্ত্র থেকে গোলা ছুড়ে সেনাদের ওই যুদ্ধবিমানকে ভূপাতিত করে। ওই শহরে সালেহর ছেলে আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিজাত সেনাবাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যদের সঙ্গে বিদ্রোহীরা লড়ছে।

তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি

তিব্বতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে গতকাল বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। যুক্তরাষ্ট্র তিব্বতের মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানানোর পর চীন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ধর্মীয় স্বাধীনতার দাবিতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের আবা কাউন্টির একটি মঠে দুই বৌদ্ধ সন্ন্যাসী নিজেদের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির চেষ্টা করেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিব্বতিদের অধিকারকে সম্মান করার জন্য গত মঙ্গলবার চীনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া ঘটনাটি পর্যবেক্ষণের জন্য সাংবাদিক ও কূটনীতিকদের অনুমতি দেওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
চীনের সামাজিক স্থিতিশীলতা ও নৃতাত্ত্বিক ঐক্য বিনষ্ট করার উদ্দেশ্যে তিব্বত প্রসঙ্গ নিয়ে কোনো দেশ বা ব্যক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই। তিনি বলেন, নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের আইনি অধিকার ও স্বার্থ রক্ষার ব্যাপারে চীন সরকার সচেতন।

পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন।
গতকাল বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ২৫ সেপ্টেম্বর নির্বাচন হয়।
নির্বাচনে মমতা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায়কে ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে মমতা পান ৭৩ হাজার ৬৩৫ ভোট। নন্দিনী পান ১৯ হাজার ৪২২ ভোট।
মমতা দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম বিধানসভার একটি আসনে লড়লেন। তবে তিনি লোকসভার আসনে সাতবার লড়েছেন।
মমতার এই আসনে গত এপ্রিল-মে মাসে সর্বশেষ বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মন্ত্রী সুব্রত বকসী জয়ী হয়েছিলেন। তিনি জিতেছিলেন ৪৯ হাজার ৯৩৬ ভোটের ব্যবধানে। প্রার্থী ছিলেন সিপিএমের নারায়ণ জৈন। আর এবার মমতা জিতলেন ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে।
অন্যদিকে বসিরহাট উত্তর আসনে তৃণমূলের প্রার্থী এ টি এম আবদুল্লাহ সিপিএমের প্রার্থী সুবিদ আলী গাজীকে হারিয়েছেন। এই আসনটি ছিল সিপিএমের।
গত নির্বাচনে এই আসনে সিপিএমের প্রার্থী মোস্তফা বিন কাসেম জিতেছিলেন। মোস্তফা বিন কাসেম গত মে মাসে আত্মহত্যা করলে আসনটি শূন্য হয়।

হাবিয়ারিমানাকে স্বদেশে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করল ফ্রান্স

রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানার স্ত্রী আগাথ হাবিয়ারিমানাকে স্বদেশে পাঠানোর আবেদন গতকাল বুধবার ফ্রান্সের একটি আদালত খারিজ করে দিয়েছেন।
১৯৯৪ সালে রুয়ান্ডায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর ফরাসি সেনারা আগাথকে উদ্ধার করে ফ্রান্সে নিয়ে যায়। এর পর থেকে তিনি ফ্রান্সে বসবাস করছেন।
১৯৯৪ সালের ৬ এপ্রিল গুলি করে বিমান ভূপাতিত করলে তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল নিহত হন। তিনি ছিলেন হুতু সম্প্রদায়ের। হুতু বিদ্রোহীদের অভিযোগ, তুতসিরা এ হত্যাকাণ্ড ঘটায়। এর জেরে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী থেকে সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তুতসি ও উদারপন্থী হুতু সম্প্রদায়ের আট লাখেরও বেশি সদস্য নিহত হয়।
রুয়ান্ডার কর্তৃপক্ষের অভিযোগ, আগাথ ওই গণহত্যার পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখেন। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আগাথ।

বিন লাদেনের শেষ ছবি গোপন থাকবে

ওসামা বিন লাদেনকে হত্যার সময় তোলা ছবি ও ভিডিওচিত্র গোপন রাখতে চায় যুক্তরাষ্ট্র।
দেশটি এ-সংক্রান্ত গোপন ছবি প্রকাশ করবে না। কারণ এসব ছবি প্রকাশ করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এবং মার্কিনদের ওপর হামলার আশঙ্কা বাড়বে বলে মনে করছেন সে দেশের কর্মকর্তারা। এ কথাই মার্কিন আদালতকে জানিয়েছে ওবামা প্রশাসন।

জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক মারের বিচার শুরু

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিচারকাজ শুরু হয়েছে। ওই চিকিৎসকের অবহেলায় সংগীততারকা মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী আইনজীবীদের মতে, দায়িত্ব পালনে কনরাড মারের ‘বড় ধরনের অবহেলা’ ছিল। স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমনের জন্য তিনি মাইকেল জ্যাকসনকে প্রাণঘাতী ওষুধ দিয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, জ্যাকসন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন।
৫৮ বছর বয়সী চিকিৎসক মারে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর চার বছরের কারাদণ্ড এবং চিকিৎসক পেশায় কাজের অনুমতি বাতিল হয়ে যেতে পারে।
ডেভিড ওয়ালগ্রেন অভিযোগ করেন, চিকিৎসক হিসেবে মারের বোঝা উচিত ছিল, অতিরিক্ত ওষুধ সেবন করা মাইকেলের ঠিক হচ্ছে না। তিনি পপতারকার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন ছিলেন না। পাঁচ সপ্তাহের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

আটলান্টিকের তলদেশে রুপাভর্তি জাহাজ!

উদ্ধারকাজে নিয়োজিত মার্কিন কোম্পানি ওডিসি এক্সপ্লোরেশন গত সোমবার বলেছে, আটলান্টিক মহাসাগরে তারা একটি ব্রিটিশ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। জাহাজটি রুপায় ভরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালের ১৭ ফেব্রুয়ারি জার্মানির ইউ-বোট থেকে ছোড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। ৪১২ ফুট (১২৫ মিটার) লম্বা জাহাজটি ব্রিটেনের যুদ্ধ-সংক্রান্ত পরিবহন মন্ত্রণালয়ের জন্য মালামাল বহন করছিল।
আয়ারল্যান্ড উপকূল থেকে ৩০০ মাইল (৪৮০ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক নৌসীমায় ১৫ হাজার ৫১০ ফুট (চার হাজার ৭০০ মিটার) গভীরে এসএস গায়েরসোপ্পা নামের ওই জাহাজটির সন্ধান পাওয়া গেছে।
মার্কিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, জাহাজে অন্য মালামালের মধ্যে ৭০ লাখ আউন্স রুপা পাওয়া গেছে, যা সমুদ্রে সন্ধান পাওয়া দামি ধাতুর মধ্যে এযাবৎকালে সবচেয়ে বড় ঘটনা।
জাহাজটি উদ্ধারে ব্রিটিশ সরকার ২০১০ সালে ওডিসি মেরিন কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করে। চুক্তির আওতায় কোম্পানিটি জাহাজ থেকে উদ্ধার করা মালামালের ৮০ শতাংশ পাবে।

ইসরায়েলে হঠাৎ জনপ্রিয়তা বেড়ে গেছে ওবামার

ইসরায়েলে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা বেড়ে গেছে। জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ও পূর্ণ সদস্যপদের দাবির বিরোধিতা করে ওবামা দৃঢ় অবস্থান নেওয়ায় ওই দেশে তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়।
গতকাল বুধবার জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ ইহুদি ধর্মাবলম্বী ইসরায়েলি মনে করে, ওবামার নীতি ইসরায়েলের পক্ষে। শতকরা ১৯ ভাগের ধারণা, তাঁর নীতি ফিলিস্তিনপন্থী। অথচ গত মে মাসে এক জরিপে দেখা গেছে, মাত্র ১২ শতাংশ ইহুদি ধারণা করত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ইসরায়েলপন্থী।
অন্যদিকে ৪০ শতাংশ মনে করত, মার্কিন পররাষ্ট্রনীতি ফিলিস্তিনপন্থী।
২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে দেওয়া ভাষণে ওবামা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি প্রত্যাখ্যান করেন।
এ ছাড়া ইতিহাসের প্রেক্ষাপটে ইহুদিদের যন্ত্রণাভোগের বিস্তারিত তুলে ধরেন। ইসরায়েলি রাজনীতিবিদেরা ওবামার ওই ভাষণকে স্বাগত জানান।
ফিলিস্তিনিদের অভিযোগ, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে দশকের পর দশক লড়াই করা ফিলিস্তিনিদের প্রাণের দাবি উপেক্ষা করেছেন ওবামা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট পার্টির প্রতি অনুরক্ত ইহুদি ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা কমেছে। রিপাবলিকান পার্টির ইহুদি ভোটারদের অভিযোগ, ওবামা ইসরায়েলবিরোধী।
২০০৮ সালের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ইহুদি ভোটারের সমর্থন পেয়েছিলেন ওবামা।

পাকিস্তানের ভরসা এখন চীন-সৌদি আরব?

জঙ্গিদের নিয়ে পাকিস্তান দ্বৈত খেলা খেলছে বলে যুক্তরাষ্ট্র যে দোষারোপ করে আসছে, তা বন্ধ করতে হবে। গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গিলানি চীনকে ‘সব সময়ের বন্ধু’ অভিহিত করে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে এই প্রতিবেশী দেশকে সর্বোচ্চ সহায়তা দেবে তারা। সম্পর্কের অবনতির জের ধরে যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর অর্থনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে—এই আশঙ্কায় এখন পাকিস্তান কেবল চীন নয়, সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক জোরদারে তৎপর।
সাক্ষাৎকারে গিলানি বলেন, হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিদের দমনে পাকিস্তানের ভেতর যুক্তরাষ্ট্রের একতরফা সেনা অভিযান হবে তাঁর দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের বিদায়ী চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ‘সত্যিকারের শাখা’।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের নেতিবাচক বার্তা আমাদের জনগণের শান্তি নষ্ট করছে।’ তিনি আরও বলেন, ‘যদি এমন কোনো বার্তা পাঠানো হয়, যা আমাদের বন্ধুত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়, তাহলে এ ব্যাপারে আমার জনগণকে মানানো খুব কঠিন। কাজেই বন্ধুত্বের স্বার্থে তাদের ইতিবাচক বার্তা পাঠাতে হবে।’
যুক্তরাষ্ট্র হঠাৎ করে পাকিস্তানের সমালোচনায় এমন মুখর হলো কেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গিলানি বলেন, এটি হচ্ছে আফগানযুদ্ধ নিয়ে ওয়াশিংটনের হতাশার বহিঃপ্রকাশ। ২০১৪ সালে এ দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। কাজেই তারা আরও বেশি সাফল্য আশা করছে সেখানে। কিন্তু বাস্তবে তা আসছে না।
মুলেনের মন্তব্যের পর মুখ খোলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। শুরু হয় কূটনৈতিক পর্যায়ে পাল্টা আক্রমণ। পাকিস্তানের কর্মকর্তারা প্রকাশ্যে চীনের ব্যাপক প্রশংসা শুরু করেন। এর মধ্যে ইসলামাবাদে আসেন চীনের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মেং জিয়ানঝু।
পাকিস্তানের প্রতি চীনের ‘দ্বিধাহীন সমর্থনের’ জন্য চীনা মন্ত্রীকে ধন্যবাদ জানান সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি।
পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ প্রশমনের জন্য পাকিস্তান কূটনৈতিক প্রয়াস চালাচ্ছে। পাকিস্তান আশা করছে, এ সংকট মোকাবিলায় চীন তাঁদের সাহায্য করবে।
জঙ্গিদের ব্যাপারে পাকিস্তানের নীতিকে প্রভাবিত করতে না পারায় যুক্তরাষ্ট্র খুব হতাশ। তাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচাইয়ের সঙ্গে বৈঠকের সময় হিলারি ক্লিনটন পাকিস্তান নিয়ে আলোচনার জন্য অনুরোধ করেন।
বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের জনপ্রিয়তা অনেক বেশি। যেখানে পাকিস্তানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, সেখানে পাকিস্তানের শাসকদের মুখে চীনের প্রশংসা ঝরে পড়ছে।
প্রধানমন্ত্রী গিলানি বলেন, ‘পাকিস্তান তীব্র বিদ্যুৎ-সংকটে ভুগছে। এ জন্য সহিংস ঘটনা ঘটছে। বিরোধীরা পার্লামেন্ট গরম করে ফেলছে। অথচ যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিতে রাজি হচ্ছে না। এদিকে ঠিকই ভারতের সঙ্গে একই চুক্তি করছে। তাহলে আমি কীভাবে দেশের মানুষকে বোঝাব, ওরা আমাদের বন্ধু, ভারতের নয়। বিবেচনা বলে একটা কথা তো আছে।’
আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে চীন ঠিকই বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দ্বিতীয় পারমাণবিক চুল্লি বসাচ্ছে পাকিস্তানে। গভীর সমুদ্রবন্দর নির্মাণেও বন্ধু পাকিস্তানকে সব ধরনের সাহায্য করছে চীন।
গিলানি বলেন, পাকিস্তান ও চীন প্রকৃত বন্ধু। কাজেই চীনের শত্রু মানে পাকিস্তানের শত্রু। নিরাপত্তার বিষয়ে চীনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাঁরা। এদিকে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব সে দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের ইসলামাবাদে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ক্রমে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

ফিরে দেখা তিন বছর by মাহবুবা নাসরীন

নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ নারী উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। যেমন_ বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিভিন্ন নীতিনির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছে, বাজেটেও তার প্রতিফলন ঘটছে। গঠন করা হয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। বেসরকারি উন্নয়ন সংস্থা ও জেলাগুলোতেও নারী উন্নয়ন কার্যপদ্ধতির সঙ্গে যুক্ত করা হয়েছে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভিশন ২০২১ তাদের সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। একটি প্রগতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকারের মাধ্যমে তারা পেয়েছিল জনগণের ম্যান্ডেট। পাশাপাশি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার জনগণের বিশাল অংশকে অনুপ্রাণিত করেছিল। তিন বছর পর পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও কিছু বিষয় বিশ্লেষণ করে যে উপসংহারে আসা যায়, বর্তমান প্রবন্ধটি সেই বিষয়ের মধ্যে আবর্তিত।

তত্ত্বাবধায়কঃ সাবেক রায় বহাল হোক by আতাউস সামাদ

মরা মনে করি, আওয়ামী লীগের উচিত হবে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকার ব্যবস্থা ফেরত আনা। তাহলেও দেশে রাজনৈতিক উত্তাপ কমবে। আর শাসক দলের আরও উচিত হবে, দেশের জনসাধারণের শান্তির স্বার্থে লুটপাট, দুর্নীতি ও অন্যায় কাজকর্ম করা থেকে বিরত থাকা আমাদের দেশে নতুন করে প্রাকৃতিক গ্যাসের খোঁজ পাওয়া যাচ্ছে। গত সোমবার সংবাদ সম্মেলন করে এই সুখবর জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর। দেশের নিজস্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা সংক্ষেপে বাপেক্স ত্রিমাসিক জরিপ চালিয়ে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে রশিদপুর, হরিপুর ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র থেকে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বুড়িগঙ্গা টেমস হলো না কেন? by আইরিন সুলতানা

ভাবতে অবাক লাগে, নদীমাতৃক এ দেশে নদীর কদর হলো না! এখনকার প্রজন্ম নির্মল নদীর বুকে দাপিয়ে সাঁতার কাটার নিটোল আনন্দ থেকে বঞ্চিত! নৌকাবাইচ ঐহিত্য হারিয়ে গেল আমাদের অজান্তেই। যমুনার বুকে নাকি নৌকা চলে না আর। বদলে ধানের চারা রোপণ হয়। শাকসবজি বপন হয় ধরুন, বুড়িগঙ্গার সঙ্গে কর্ণফুলীর দেখা হলো একদিন। বুড়িগঙ্গা কর্ণফুলীকে কী বলল জানেন? ওরে, কর্ণফুলীরে! সাক্ষী রাখিলাম তোরে! অভাগিনীর দুঃখের কথা কবি বন্ধুরে! ভাবছেন, বুড়িগঙ্গার দুঃখ! হ্যাঁ, যে নদীমাতৃক দেশের রাজধানীর গল্পটা শুরুই হয়েছিল বুড়িগঙ্গার তীর থেকে, সেই বুড়িগঙ্গা ধুঁকে ধুঁকে মৃতপ্রায়। বর্জ্য পরিবেষ্টিত হয়ে বুড়িগঙ্গা হারিয়েছে প্রবাহ। দখলদারদের আধিপত্যে ক্রমে ক্রমে বেদখল হওয়া পাড় কবে না বুড়িগঙ্গাকে একটা অপাঙ্ক্তেয় খাল বানিয়ে ছাড়ে!

গণিতের জন্য... by এম শামসুর রহমান

জ ২৯ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক শহীদুল্লার প্রথম মৃত্যুবার্ষিকী। আমার অগ্রজপ্রতিম গণিত অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক শহীদুল্লা গত বছর এই দিনে তার ঢাকার হাতিরপুল সেন্ট্রাল রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের (২০০৩ সাল) পর ক্রমেই তার শারীরিক ও মানসিক ক্ষয়িষ্ণুতা বেড়ে চলে এবং দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে এই সুন্দর ভুবনের মায়া কাটিয়ে পরপারে চলে গেলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। স্ত্রী অধ্যাপিকা যোবেদা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ থেকে অবসর গ্রহণ করেছেন।

প্রাথমিক শিক্ষাঃ কতজন ঝরে পড়ছে by মাহফুজুর রহমান মানিক

শিক্ষামন্ত্রীসহ সরকারের কর্তাব্যক্তিরা সাম্প্রতিক সময়ে প্রায়ই বলে আসছেন, দেশে প্রাথমিকে ঝরে পড়ার হার ৪০ ভাগের ওপরে। অবশ্য এটাও তারা কোন গবেষণা থেকে পেয়েছেন জানি না সল্ফপ্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন তার মন্ত্রণালয়ের ২০১১-১২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রাথমিক শিক্ষাসংক্রান্ত অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, তার মধ্যে ঝরে পড়া বা ড্রপ আউট অন্যতম। মাননীয় মন্ত্রী বিষয়টা নিয়ে এক নতুন অশ্চর্যজনক তথ্য দিয়েছেন_ প্র্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ২১ শতাংশ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনঃ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা ও সাংঘর্ষিক সম্পর্কের নানা বৃত্তান্ত এ দেশে সকলের জানা। এমন প্রেক্ষাপটে কোনো দলীয় সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি-না তা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় তর্ক। তবে এ তর্ক অলীক বা কল্পনাপ্রসূত নয়_ অতীতে প্রশাসন ও সরকারের প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করার বহু উদাহরণ সৃষ্টি হয়েছে। অতীত অভিজ্ঞতা থেকেই দলীয় সরকারের অধীনে সংঘটিত যে কোনো নির্বাচনকেই নাগরিকরা বিশেষ নজরদারিতে রাখেন, স্বাভাবিক সন্দেহও পোষণ করেন। এমন নজরদারি ও সন্দেহ থাকা সত্ত্বেও বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন যত নির্বাচন আয়োজন করেছে তা নিয়ে বড় ধরনের সংশয় এ যাবৎ দেখা দেয়নি।

চার চিকিৎসক বরখাস্তঃ অনুপস্থিতদের জন্য সতর্কবার্তা

মাঠপর্যায়ে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে চারজন চিকিৎসককে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার। তাদের তিনজন উপজেলা স্বাস্থ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন, অন্যজন স্বাস্থ্য অধিদফতরে ছিলেন ওএসডি হিসেবে। শেষোক্তজনের পদবি প্রকৃতপক্ষে ছিল অফিসার অন স্পেশাল ডিউটি, যার সংক্ষিপ্ত রূপ ওএসডি। এ পদবিধারীদের প্রকৃতপক্ষে কোনো কাজ বা দায়িত্ব পালন করতে হয় না, তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয়।

বিদ্যুৎ লাইন পেতে মন্ত্রী এমপিদের দৌড়ঝাপ by নাজমুল ইমাম

নিজ সংসদীয় এলাকায় বিদ্যুতের লাইন পেতে মন্ত্রী-এমপিরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক এমপির কাছে ডিও লেটার (চাহিদাপত্র) পাঠিয়েছেন অনেকেই। তার মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান এমপি একজন। চিঠিতে তিনি ৫০০ বর্গকিলোমিটার এলাকা ঘিরে তার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের অনুরোধ জানিয়েছেন। শুধু পানিসম্পদ প্রতিমন্ত্রী নন, তার মতো শতাধিক মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধির ডিও লেটার জমা পড়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দফতরে। নির্বাচনী ওয়াদা পূরণ অথবা এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তারা এসব ডিও লেটার পাঠিয়েছেন। নতুন লাইন নির্মাণের পাশাপাশি নতুন সংযোগের জন্যও মন্ত্রী-এমপিদের ডিও লেটার জমা পড়ছে হাজার হাজার।

গান্ধী পরম্পরা টিকবে তো?

খুব বেশি ব্যতিক্রম না হলে রাহুল গান্ধী এক সময় ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। কংগ্রেস পার্টির উত্তরাধিকার রাজনীতির কল্যাণে এ নিয়ে কোনো সংশয় নেই। রাহুল গান্ধীও নিজেকে সেভাবে প্রস্তুত করছেন। তিনি ক্ষমতাসীন এ দলটির সাধারণ সম্পাদক। একজন পার্লামেন্ট মেম্বার। সরকারের বড় পদ না নিয়ে বেছে নিয়েছেন দলের যুব শাখাকে গড়ে তোলার দায়িত্ব। তৃণমূল থেকে নিজেকে গড়ে তোলারই প্রচেষ্টা এটি।

রাতের বিমানবন্দরে লাগামহীন হয়রানি by এস এম আজাদ ও রাব্বী রহমান

বুধবার রাত সাড়ে ১২টা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকা অনেকটাই ফাঁকা। ২ নম্বর আগমনী টার্মিনালের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন যুবক। টার্মিনাল থেকে লাগেজ-ট্রলি ঠেলে কোনো যাত্রী বের হলেই একসঙ্গে ছুটে গিয়ে তাঁকে ঘিরে ধরছেন সবাই। 'গাড়ি লাগব? এখানকার গাড়ি। টিকিটও দিমু। কই যাইবেন? আরে, আমার বাড়িও ওই এলাকায়...।' প্রায় একই রকম কথা শোনা যাচ্ছিল সবার মুখ থেকে। এক যাত্রী যাবেন কুমিল্লার দাউদকান্দি। দরাদরি করে এক মাইক্রোবাস চালক গাড়িতে তুললেন তাঁকে। মোহাম্মদ সেলিম নামে ওই যাত্রী জানান, ১২০০ টাকা ভাড়া ঠিক হয়েছে। তবে গাড়িটি কোন এলাকার তা জানেন না সেলিম। মাইক্রোবাসের চালক আবদুর রহিম বলেন, 'আমরা এইখানকারই। তয়, রিসিট লাগে না আমাগো!' কথা শেষ করার আগেই গাড়ি চালু করেন তিনি।

চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান

ন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। সর্বদলীয় নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে গিলানির আহ্বানে গতকাল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এ সভা বসে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা অংশ নেন। সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসে ও ন্যাটোর সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতাকে দায়ী করে।

বিনিয়োগকারীদের শেয়ার কিনতে ৫০০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড

মার্জিন ঋণসহ বিনিয়োগকারীদের পোর্টফোলিও কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। এ জন্য বাজার স্থিতিকরণ তহবিল (মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বা এমএসএফ) নামের একটি মিউচ্যুয়াল ফান্ড গঠন করবে তারা। মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকার প্রতিষ্ঠান থেকে মার্জিন ঋণ নিয়ে কেনা শেয়ারের বিনিময়ে সাধারণ বিনিয়োগকারীরা এই তহবিলের ইউনিট গ্রহণ করবেন। এসব বিনিয়োগকারীর নেওয়া মার্জিন ঋণের জন্য নতুন করে কোনো রকম সুদ গ্রহণ করা হবে না। একই সঙ্গে এসব ঋণের শ্রেণীকরণপ্রক্রিয়া দুই বছরের জন্য মুলতবি রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হবে।

কর দিতেই হচ্ছে মন্ত্রী-এমপিদের by ফারুক মেহেদী

লতি অর্থবছরের ঘোষিত বাজেট ও অর্থ বিল অনুযায়ীই সব মন্ত্রী ও এমপিকে কর দিতে হবে। বাজেটে পাস হলেও আইন সংশোধন না হওয়ায় চলতি অর্থবছরে তাঁদের কাছ থেকে কর আদায় করা হবে না মর্মে গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংসদ সচিবালয়ে যে চিঠি দিয়েছিল গতকাল বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়েছে। এনবিআর ওই চিঠি প্রত্যাহার করায় অর্থ বিল অনুযায়ী মন্ত্রী-এমপিদের ওপর কর প্রযোজ্য হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন সংশোধনের অপেক্ষা না করে এরই মধ্যে তাঁর আয়কর রিটার্ন এবং প্রযোজ্য কর জমা দিয়েছেন। এদিকে, আগামী রবিবার ব্যক্তি করদাতার রিটার্ন জমার সময়সীমা শেষ হলেও বিশেষ অসুবিধা থাকলে আবেদন করে সময় বাড়িয়ে নিতে পারবেন করদাতারা। এনবিআর সূত্র এ তথ্য জানিয়েছে।