Thursday, February 3, 2011

কমিটি পুনর্গঠনে বিএনপির দাবি নাকচ করলেন ইব্রাহীম খালেদ

শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির ব্যাপারে বিএনপির সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ। আজ বুধবার কৃষি ব্যাংক ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান।
ইব্রাহীম খালেদ বলেন, ‘বিএনপি তদন্ত কমিটি পুনর্গঠনের যে কথা বলছে সেটা করা বা না করা সরকারের ব্যাপার। শেয়ারবাজারে অনভিজ্ঞতার ব্যাপারে তিনি বলেন, এ বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন দায়িত্ব দেওয়া হলে তারা কোনো পক্ষ নিতে পারতেন। যেহেতু শেয়ারবাজারের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, তাই এটাই আমার গ্রহণযোগ্যতার মূল কারণ। তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সততা ও দৃঢ়তার প্রয়োজন। কমিটির সবার মধ্যে তা আছে।
ইব্রাহীম খালেদ আরও বলেন, ‘আমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে, আমি আওয়ামীপন্থী। এ বিষয়টির আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।’ তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তথ্য সংগ্রহ করছি। এক মাসের মধ্যে তথ্য সংগ্রহ ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং ব্যক্তিগতভাবে অনেকে তথ্য দিতে চাচ্ছেন। আশা করি, আমরা সুন্দর ও গ্রহণযোগ্য একটি তদন্ত রিপোর্ট তৈরি করতে পারব।’

বিপির ক্ষতি ৪৯০ কোটি ডলার

বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) গত বছর ৪৯০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
যদিও ২০০৯ সালে কোম্পানিটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে। ওই বছর তাদের মুনাফা অর্জিত হয় এক হাজার ৩৯০ কোটি ডলার।এর আগে ১৯৯২ সালে বিপি প্রথমবারের মতো বার্ষিক ক্ষতির সম্মুখীন হয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে, গত বছর মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। এ জন্য তাদের প্রায় চার হাজার ৯০ কোটি ডলার খরচ হয়েছে।

ছয়টি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে পারেনি কমিটি

শেয়ারবাজারে সাম্প্রতিক অস্বাভাবিক উত্থানপতনে ছয়টি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার অভিযোগে গঠিত তদন্ত কমিটি আজ বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। আগামী রোববারের মধ্যে তারা এ প্রতিবেদন জমা দেবে বলে এসইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ২০ জানুয়ারি পাঁচ মিনিটের মধ্যে ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৫৮৭ পয়েন্ট নেমে যায়। এ সময় সূচকে সার্কিট ব্রেকার থাকলেও তা কাজ করেনি। এসইসি তাত্ক্ষণিকভাবে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করায় ছয় ব্রোকারেজ হাউসের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদেরও ৩০ দিন পর্যন্ত তাদের কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন।
এ ছাড়া পুঁজিবাজার-সংক্রান্ত আইন ভঙ্গ করায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তার কারণ জানাতে শুনানিতে হাজির হওয়ার জন্য ওই দিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় নোটিশ পাঠায় এসইসি।
চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে গত ২৬ জানুয়ারি এসইসি ছয়টি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে ছয়টি তদন্ত কমিটি গঠন করে। আইআইডিএফসি সিকিউরিটিজের অভিযোগ তদন্তে এসইসির উপপরিচালক আবুল হাসান ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম, এনসিসি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্তে এসইসির উপপরিচালক মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক সৈয়দ মো. গোলাম মওলাকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া পিএফআই সিকিউরিটিজের জন্য উপপরিচালক আবুল কালাম ও সহকারী পরিচালক মো. হোসেন খান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের জন্য উপপরিচালক মো. মনসুর রহমান ও সহকারী পরিচালক মো. ইউসুফ ভূঁইয়া, এলায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের জন্য এসইসির উপপরিচালক আবু রায়হান মো. মোত্তাসিম বিল্লাহ ও সহকারী পরিচালক অহিদুল ইসলাম, আল-আরাফা ইসলামী ব্যাংক সিকিউরিটিজের জন্য এসইসির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মো. ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
এই কমিটিগুলোর আজকের মধ্যে মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু আজ তাঁরা প্রতিবেদন জমা দিতে পারেননি।
এসইসির সদস্য ইয়াছিন আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবে।’

বিল, বিমানবন্দর ও প্রতিবেশ-বিবাদ by পাভেল পার্থ

প্রতিবছর বাংলাদেশসহ রামসার-ঘোষণা স্বাক্ষরকারী দেশগুলোতে ২ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস। এ বছরের জলাভূমি দিবস হয়তো আড়িয়ল বিলের আহাজারিকে আড়াল করে রাষ্ট্রের উন্নয়ন-বাহাদুরিকেই স্পষ্ট করে তুলবে। সম্প্রতি মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার তিনটি উপজেলায় বিস্তৃত দেশের মধ্য অঞ্চলের আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ নিয়ে রাষ্ট্র বনাম বিলবাসীর লড়াই-সংঘর্ষকে আমরা জলাভূমি দিবসের প্রধান প্রতিবেশ-রাজনৈতিক প্রশ্ন হিসেবে পাঠ করতে চাই।
২৬ মাইল দৈর্ঘ্য এবং ১০ মাইল প্রস্থের এই প্রবীণ জলাভূমির আয়তন এক লাখ ৬৬ হাজার ৬০০ একর। আশপাশের ১১টি ইউনিয়নের প্রায় ৭০টি গ্রামের জীবনধারা নিয়েই ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে আড়িয়ল-সভ্যতা। শত বছর আগে ইতিহাসকার যতীন্দ্রমোহন রায় আড়িয়ল বিলের প্রশস্তি টেনে লিখেছিলেন, চলবিল ও আইরল (আড়িয়ল) বিলেই অতি প্রাচীনকালে ব্রহ্মপুত্রের সঙ্গম ঘটেছিল। পদ্মা থেকে একটি ছুটন্ত জলপ্রবাহ ‘শ্রীনগরের খাল’ নামে এই বিলের সঙ্গে মিশেছে, যা পরবর্তী সময়ে ধলেশ্বরীর সঙ্গে প্রবাহিত হয়েছে। এই বিলে এখনো প্রতিবছর ৪০ হাজার মেট্রিক টন ধান ফলে, ৭০০ মেট্রিক টন মাছের জোগান আসে। এখনো আড়িয়ল বিলবাসীর কাছাকাছি জন-উন্নয়নের সত্যিকারের ধারণা নিয়ে রাষ্ট্র যেতে পারেনি। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সোমবার ঢাকা-মাওয়া সড়কের সংঘর্ষে নিহত হয়েছেন পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক মতিউর রহমান। আহত ও নির্যাতিত হয়েছেন অনেকেই। বিমানবন্দর নির্মাণ-প্রশ্নে রাষ্ট্র ও জনগণের ভেতর বিশ্বাস ও প্রতিবেশীয় বন্ধুত্ব তৈরি করা জরুরি।
সারা দুনিয়ায় জল-জমি-জুম-জঙ্গলের ওপর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও উন্নয়ন-মারদাঙ্গার বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিরোধ চলমান আছে, আড়িয়ল বিলেও যার ব্যত্যয় ঘটবে না। এটিকে কেবল ‘সরকারপক্ষ’ বা ‘বিরোধী দলের’ রাজনৈতিক বাহাস দিয়ে পাঠ করা যায় না। এটি রাষ্ট্রীয় উন্নয়ন দর্শন ও রাজনৈতিক মনোজাগতিক অবস্থানের প্রশ্ন। সিলেটের বিমানবন্দর গড়ে তোলা হয়েছে আদিবাসী লালেং (পাত্র) বসত উচ্ছেদ করে (সূত্র: রতনলাল চক্রবর্তী প্রণীত সিলেটের নিঃস্ব আদিবাসী পাত্র)। ষাটের দশকে কর্ণফুলী জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য এক লাখ পাহাড়ি জনগণ উদ্বাস্তু হয়েছিল। সেনানিবাসসহ রাষ্ট্রের বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পসমূহ বরাবরই স্থানীয় জনগণের ভূমিজীবনের ঐতিহাসিকতা ও প্রতিবেশীয় সম্পর্ককে বিবেচনা করতে অসমর্থ হয়েছে। রেললাইন, মহাসড়ক, সেতু, খনি প্রকল্প, সামাজিক বনায়ন, রাবার বাগান কি চুক্তিবদ্ধ চাষ—এভাবেই স্থানীয় জনদর্শনের ওপর চালানো হয়েছে আঘাত। এটি কেবল পরিবেশ-প্রতিবেশ, অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন বা সামাজিক সংস্কৃতির প্রশ্ন নয়, এটি জনগণের যাপিত জীবনের সার্বভৌম অস্তিত্বের সঙ্গে জড়িত।
পাশাপাশি আমাদের স্মরণে রাখা জরুরি, আড়িয়ল বিলের প্রশ্নহীন পরিবর্তনশীলতা ও জনসম্পদ থেকে ব্যক্তিগত দখলের স্থানীয় রাজনীতিকেও। আড়িয়ল বিলের প্রাণ হলো ‘ডেঙ্গা’ বা ‘দাংগা’ মানে নিচু জলাধার। উঁচু জমিগুলো স্থানীয়ভাবে ‘ভিটি’ নামে পরিচিত। আউশ ও বোরো ধানের আবাদ হতো এই বিলভূমিতে। আড়িয়ল বিলের খইয়াবোরো ধানের মুড়ি প্রসিদ্ধ ছিল এ অঞ্চলে। ভিটি জমির ক্ষীরাই (ক্ষীরা), উইস্তা (করলা), বড় কুমড় (কুমড়া) ও সবজির চালান জোগান দিত গ্রাম ও শহরের অনেকটাই চাহিদা। আড়িয়ল বিলের সরপুঁটি, কই ও কালকিনি মাছের বেশ নামডাক ছিল এককালে। ষাটের দশকে প্রবর্তিত তথাকথিত সবুজ বিপ্লবের ধাক্কায় আড়িয়ল বিল বদলে যেতে বাধ্য হয়। প্রভাবশালীদের বিল দখল, ভরাট, বাণিজ্যিক মৎস্য খামার, রাসায়নিক কৃষির প্রসারে ভেঙে পড়ে বিল-বাস্তুসংস্থান। হারিয়ে যেতে থাকে বহু প্রজাতির মাছ। কাছিম-কাঠা থেকে শুরু করে বক, ডাহুক, কোড়া, চিল পাখিরাও নিশ্চিহ্ন হতে থাকে। গঙ্গা, মনসা, খোয়াজখিজির, নৌকাবাইচ মিলে আড়িয়ল বিলের সেই বিলসংস্কৃতি প্রায় নিশ্চিহ্ন। যে উন্নয়ন ধারাবাহিকতায় আড়িয়ল বিল তার চরিত্র হারাতে বাধ্য হয়েছে, সেই একই উন্নয়ন-প্রশ্ন নিয়েই আবারও আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের জন্য জোরদার হচ্ছে রাষ্ট্র।
জলাভূমিকে কোনো দেশের প্রাণ-আধার বলা হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীজুড়ে বর্তমান সময়ে জলাভূমির মোট পরিমাণ ৫৪ লাখ বর্গকিলোমিটার থেকে ৫৭ লাখ বর্গকিলোমিটার। ইরানের রামসার শহরে ১৯৭২ সালের ২ ফেব্রুয়ারি কনভেনশন অন ওয়েটল্যান্ডস অব ইন্টারন্যাশনাল ইম্পরট্যান্স ইস্পেশিয়ালি অ্যাজ ওয়াটারফল হ্যাবিটেট সম্মেলনে পৃথিবীর জলাভূমি বিষয়ে প্রথম আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়। এই সম্মেলন সনদের প্রথম শর্তই হচ্ছে, চুক্তিভুক্ত সদস্য রাষ্ট্রপক্ষ রামসার এলাকার মানুষ ও তার পরিবেশের আন্তসম্পর্ককে বিবেচনা করবে ও গুরুত্ব দেবে। রামসার সম্মেলনের পর জলাভূমি-সম্পর্কিত আন্তর্জাতিক মনোযোগ কিছুটা বাড়লেও আমরা এখন পর্যন্ত দেশের জলাভূমির পাশে রাষ্ট্রকে নিজস্ব জনদর্শন সঙ্গে নিয়ে দাঁড়াতে দেখিনি। দেশের হাওর-জলাভূমি ও বাঁওড় থেকে শুরু করে চলনবিল কি চান্দারবিল বা আড়িয়ল বিল—সব ক্ষেত্রেই একই উন্নয়ন জবরদস্তি বিরাজ করছে। মূলত ১৯৯৭ সাল থেকেই প্রতিবছরের ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়।
আড়িয়ল বিল ও বিমানবন্দর-সম্পর্কিত প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনসমূহ থেকে জানা যায়, এ প্রকল্প কোনো ধরনের প্রতিবেশগত ও পরিবেশগত সমীক্ষা ও যাচাই ছাড়াই ভূমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। কিন্তু যেকোনো ধরনের উন্নয়ন অবকাঠামোর পূর্বশর্ত হলো পরিবেশ-প্রতিবেশ ছাড়পত্র ও স্থানীয় জনগণের সম্মতি। স্থানীয় জনগণের পাশাপাশি উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহের নদীভাঙা ও কৃষি উদ্বাস্তু শ্রমিকদের এক বিশাল বসতি গড়ে উঠেছে আড়িয়ল বিলকে কেন্দ্র করে। বিমানবন্দরের ফলে এসব উদ্বাস্তু মানুষ আর কতবার উদ্বাস্তু হবে, এটিও বিবেচনা করা রাষ্ট্রের দায়িত্ব। নয়া উদারীকরণ অর্থনীতি ও করপোরেট বিশ্বায়িত দুনিয়ার উন্নয়ন-বাণিজ্য থেকে সরে এসে রাষ্ট্রকে জনজীবনের প্রতিবেশীয় ধারায় উন্নয়নকে বিবেচনা করতে হবে। আলোচনার মাধ্যমে আড়িয়ল বিলবাসীর সঙ্গে রাষ্ট্রকে বিমানবন্দর-প্রশ্নের ফয়সালা করতে হবে।
আড়িয়ল বিলের প্রবীণদের ভাষ্য, এ বিলের মাছেরা স্থানীয় মানুষের কথা শোনে। বর্ষাকালে ‘ডেঙ্গা/দাংগা’ অঞ্চল থেকে মাছ ভাসিয়ে দেওয়া হয় নতুন জলধারায়। সারা বর্ষা কাটিয়ে মাছ আবার নিজের বিলঘরে ফিরে আসে। স্থানীয়ভাবে এ মাছকে ‘দুই সনা’ মাছ বলে। আড়িয়ল বিলের মাছ কি পাখি, কৃষি, জলধারা ও স্থানীয় মানুষ বিলজীবনের যে প্রতিবেশীয় ইশতেহার বিরাজমান রেখেছে, সেসব জীবনশর্ত বিবেচনা করার ভেতর দিয়েই রাষ্ট্র জলাভূমি জীবনের ন্যায়বিচার প্রতিষ্ঠা করুক।
>>>পাভেল পার্থ: প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণবিষয়ক গবেষক।
animistbangla@gmail.com

অস্ট্রেলিয়ায় এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসি

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চল উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসি। এ অঞ্চলের পর্যটন শহর ও গ্রামীণ জনপদ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।
কর্মকর্তারা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসি সমুদ্র উপকূলের দিকে ধেয়ে আসায় কুইন্সল্যান্ডের খনি, রেললাইন ও কয়লার বন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আন্না ব্লিগ বলেন, ঝড় মারাত্মক রূপ নিতে পারে। কোরাল সাগর থেকে ধেয়ে আসার পথে এর গতি তীব্র থেকে তীব্রতর হবে। আজ বুধবার প্রবল বাতাসের আশঙ্কা করা হচ্ছে।
ইয়াসি হারিকেন ক্যাটরিনার মতো শক্তি নিয়ে ঘণ্টায় ২৮০ কিলোমিটার (১৭৫ মাইল) বেগে কাল বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। ২০০৫ সালে ইয়াসির আঘাতে নিউ অরলিন্স শহর লন্ডভন্ড হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার প্রধান পর্যটন শহর কেইর্নস, টাউনসভিল ও ম্যাকেসহ সাইক্লোনের গতিপথে চার লাখেরও বেশি মানুষের বাস।অস্ট্রেলিয়ার অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে কুইন্সল্যান্ডের অবস্থান পঞ্চম। চরম খরাকবলিত এই রাজ্যে উৎপাদিত ইস্পাত তৈরির কয়লার ৯০ শতাংশ রপ্তানি করে বছরে প্রায় ২০০ কোটি ডলার আয় হয়। এখানে গত কয়েক মাসের বন্যায় ৩৫ জন মারা গেছে।কর্তৃপক্ষ বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসি এ অঞ্চলে আঘাত হানলে তা হবে সবচেয়ে ধ্বংসাত্মক। তাঁরা আশা করছেন, সাইক্লোনটি ধীরগতিতে উপকূল অতিক্রম করে যাবে।
উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে সামরিক বিমানও ব্যবহার করা হয়েছে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় কেইর্নসের আরও নয় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলেছে।

ভারতে গর্ভ ভাড়া সংক্রান্ত নতুন আইন হচ্ছে

গর্ভ ভাড়াসংক্রান্ত জটিলতা নিরসনে ‘সহায়ক প্রজননপ্রযুক্তি নিয়ন্ত্রণ বিল-২০১০’ নামে একটি নতুন আইন করতে যাচ্ছে ভারত সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া আইন প্রণয়ন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর তা লোকসভায় পেশ করা হবে।
আইনে বলা হয়েছে, গর্ভ ভাড়া দানকারীর বয়স হতে হবে ২১ বছরের ওপর ও ৩৫ বছরের নিচে। একজন নারী পাঁচবারের বেশি গর্ভ ভাড়া দিতে পারবেন না। ওই নারী বিবাহিত হলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। সন্তান যদি খুঁত নিয়ে জন্ম নেয়, সেই সন্তানও গ্রহণ করতে হবে মা-বাবাকে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের কর্মকর্তা ভি এম কাটো জানিয়েছেন, বিলটি সত্যিই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানে গ্রেপ্তার মার্কিন নাগরিককে মুক্তি দিতে আদালতের না

পাকিস্তানে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার এক মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টায় বাধা দিয়েছেন সে দেশের একটি আদালত। কূটনৈতিক রক্ষাকবচের কথা উল্লেখ করে ওই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
দুই মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার মার্কিন কনস্যুলারের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি পুলিশ ওই ব্যক্তিকে রেমন্ড ডেভিস হিসেবে শনাক্ত করেছে। বলা হচ্ছে, ওই দুই ব্যক্তি তাঁকে ছিনতাই করতে যাচ্ছেন, এমন আশঙ্কা থেকে ডেভিস আত্মরক্ষার্থে ওই কাজ করেছেন।
এ ঘটনায় আরও একজন পাকিস্তানি মারা যান। লাহোরে মার্কিন কনস্যুলেটের একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি প্রাণ হারান।
একজন জ্যেষ্ঠ পাকিস্তানি বিচারপতি গতকাল মঙ্গলবার ডেভিসকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে রুদ্ধ করে দেন। এ ছাড়া ওই ব্যক্তির নাম বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ইজাজ আহমেদ চৌধুরী বলেন, ডেভিসকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তিনি বাধা দিয়েছেন। তাঁর কূটনৈতিক রক্ষাকবচ আছে কি নেই, তা আদালত নির্ধারণ করবেন।

গোপন পরমাণু স্থাপনা আছে উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার কমপক্ষে একটি গোপন সামরিক পরমাণু স্থাপনা আছে। একটি বিশেষজ্ঞ দল জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ কথা জানিয়ে দেশটির ওপর অবরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। গত সোমবার কূটনীতিকেরা এ কথা জানান।
উত্তর কোরিয়ার ওই পরমাণু স্থাপনাটি সম্ভবত নব্বইয়ের দশকে চালু হয় বলে কূটনীতিকেরা জানান। এ বিষয়টি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে নিরাপত্তা পরিষদের অবরোধ আরোপ-বিষয়ক বিশেষ কমিটিতে আলোচনা হতে পারে।
মার্কিন বিজ্ঞানী সেইফ্রেড হেকার গত নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার ওই পরমাণু স্থাপনা পরিদর্শন করেন। তাঁর পর্যবেক্ষণের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
হেকার জানিয়েছেন, উত্তর কোরিয়ার ইয়ংবিয়োন পরমাণু স্থাপনায় তিনি শত শত সেন্ট্রিফিউজ দেখতে পেয়েছিলেন। তাঁর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই পরমাণু কার্যক্রম চালানোর ক্ষেত্রে উত্তর কোরিয়া অবশ্যই অন্য দেশ থেকে সহযোগিতা পাচ্ছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক ওই প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, ইয়ংবিয়নে যেসব সেন্ট্রিফিউজ ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে আগে অবশ্যই অন্য কোথাও কাজ করা হয়েছে এবং এরপরই সেগুলো সেখানে এসেছে।
ওই কূটনীতিক আরও বলেন, ওই স্থাপনার যন্ত্রপাতিগুলো সম্ভবত নব্বইয়ের দশক থেকে ব্যবহার করা হচ্ছে এবং এ ক্ষেত্রে তারা বাইরে থেকে সহযোগিতা পাচ্ছে।

২৬০ মার্কিন কূটনীতিককে ওয়াশিংটনে জরুরি তলব

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জরুরি তলব পেয়ে সারা বিশ্বে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের ২৬০টি দূতাবাস ও কনস্যুলেটে দায়িত্বরত কূটনীতিকেরা ওয়াশিংটনে জড়ো হয়েছেন। গত সোমবার ১৮০টি দেশে নিযুক্ত মার্কিন এই কূটনীতিকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার আবারও বৈঠক হবে। সেখানে ২৬০ মার্কিন দূতের সবাই হাজির থাকবেন বলে কথা রয়েছে। কর্মকর্তারা বলেছেন, সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কূটনীতিকদের নিয়ে এ ধরনের বৈঠক যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের ২০১১ সালের কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে হিলারি ক্লিনটন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। লক্ষ্য অর্জনে সবাইকে সতর্ক করা এ বৈঠকের অন্যতম উদ্দেশ্য। বিশ্লেষকেরা বলেছেন, উইকিলিকসের মার্কিন নথি ফাঁস করে দেওয়া, মিসরসহ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম এবং পাকিস্তান ও আফগানিস্তান পরিস্থিতি সামাল দেওয়াসহ নানা বিষয়ে তাঁদের সঙ্গে হিলারি মতবিনিময় করতে চান। এ ছাড়া তাঁদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়াও এ কার্যক্রমের উদ্দেশ্য।
কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ কূটনীতিককে পুরো সপ্তাহ ওয়াশিংটনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার যে বৈঠক হবে তাতে মার্কিন কূটনীতিকদের উদ্দেশে হিলারির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রধান প্রধান দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের সঙ্গে তিনি মুখোমুখি বৈঠক করবেন বলেও কথা রয়েছে।
বিশ্লেষকেরা বলেছেন, উইকিলিকসের হস্তগত নথি ধীরে ধীরে প্রকাশিত হওয়ায় তথ্য ফাঁসে যুক্তরাষ্ট্রের ক্ষতির মাত্রা এখনো নিরূপণ করা যাচ্ছে না। তবে ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি স্পষ্ট হয়েছে। কয়েক দিন আগে লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেনে ক্রেৎজ ত্রিপোলি থেকে ওয়াশিংটনে ফিরে এসেছেন। উইকিলিকসের ফাঁস করা তথ্যে লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফি সম্পর্কে ওই রাষ্ট্রদূত বিতর্কিত মন্তব্য করেছেন বলে লিবিয়া সরকার অভিযোগ করার পর তাঁকে ওয়াশিংটনে ফিরিয়ে আনা হয়।
মার্কিন কর্মকর্তারা মনে করছেন বিশ্বের অন্যান্য দেশে নিযুক্ত অনেক মার্কিন কূটনীতিকও এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এসব বিষয় ওই বৈঠকে গুরুত্ব পেতে পারে।
বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইরানে ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে সে দেশে যে ইসলামি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, মিসরে ওই ঘটনার পুনরাবৃত্তি হলে যুক্তরাষ্ট্রকে তার জন্য দোষারোপ করা হতে পারে। এ বিষয়টিও মার্কিন প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত সপ্তাহান্তে হিলারি ক্লিনটন এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র মিসরে ‘সত্যিকারের গণতন্ত্র’ দেখতে চায়। সেখানে ছয় মাস বা এক বছরের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আবার স্বৈরশাসন চালু হোক, যুক্তরাষ্ট্র তা চায় না। এ অবস্থায় মিসরে আবার অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

জর্ডানে সরকার বরখাস্ত মারুফ বাখিত নতুন প্রধানমন্ত্রী

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী সামির রিফাইর সরকারকে বরখাস্ত করেছেন। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে মারুফ বাখিতের নাম ঘোষণা করেছেন। পরিবর্তনের দাবিতে বিরোধীদের কয়েক সপ্তাহের বিক্ষোভের পর এই ঘোষণা দেওয়া হলো।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, সামির রিফাইর সরকারের জায়গায় নতুন সরকার গঠনের জন্য মারুফ বাখিতকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন বাদশাহ আবদুল্লাহ।
বিবৃতিতে আরও বলা হয়, বাখিত সরকারের লক্ষ্য হবে সত্যিকারের রাজনৈতিক সংস্কার শুরু, জর্ডানের গণতান্ত্রিক যাত্রা জোরদার এবং দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও যথোপযুক্ত জীবনযাত্রা নিশ্চিতে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া।
এদিকে জর্ডানের ইসলামপন্থী বিরোধীরা গত সোমবার বলেছেন, তাঁরা ইতিমধ্যেই রাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করেছেন।
ইসলামিক অ্যাকশন ফ্রন্টের নির্বাহী পর্ষদের সদস্য জাকি বানি রশিদ বলেন, বিরোধীদের দাবির মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, নির্বাচনী আইনের সংশোধনী ও একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় মুক্তি সরকার গঠন।

বেন আলীর সম্পদ জব্দ করেছে ইইউ

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী ও তাঁর স্ত্রীর সব সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গত সোমবার এ পদক্ষেপ নেন।তীব্র জনরোষের মুখে গত মাসের ১৪ জানুয়ারি বেন আলী পদত্যাগ করে সপরিবারে সৌদি আরব পালিয়ে যান। বেন আলী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে বেন আলীর আরও অনেক সহযোগীর সম্পদও জব্দ করা হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন। বেন আলী, তাঁর স্ত্রী এবং সহযোগীরা দেশটির অর্থনীতির বেশির ভাগ নিয়ন্ত্রণ করতেন বলে ধারণা করা হয়।

ইউক্রেনে জাদুঘর হচ্ছে হিটলারের সেনা দপ্তরে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনে হিটলারের পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরকে জাদুঘর করা হচ্ছে। পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ওই জাদুঘর। ইউক্রেনের কর্তৃপক্ষ এ পরিকল্পনার কথা জানিয়েছে। আগামী ৯ মে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় দিবসের আগে ওই জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।
ভারউলভ নামের ওই সদর দপ্তরটি মধ্য ইউক্রেনের ভিননিৎসা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। সেখানে প্রায় ২০টি কাঠের কুটির ও ব্যারাক এবং তিনটি বাঙ্কার নির্মাণ করা হয়। ১৯৪১ সালের সেপ্টেম্বরে ওই সদর দপ্তরের নির্মাণকাজ শুরু হয়ে পরের বছরের এপ্রিলে শেষ হয়।
সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় ১০ হাজার ও স্থানীয় অন্তত এক হাজার যুদ্ধবন্দীকে দিয়ে তখন ওই সদর দপ্তরের নির্মাণকাজ করানো হয়। এ সময় নির্যাতনে অন্তত দুই হাজার ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া চার হাজার জনকে গুলি করে হত্যা করা হয়। ওই এলাকাটি ছেড়ে যাওয়ার সময় নাৎসিরা ধ্বংস করে দেয়। তবে মাটির নিচের অংশ পরে ইউক্রেনের কর্তৃপক্ষ সিলগালা করে দেয়।
ভিননিৎসা স্থানীয় প্রশাসনের প্রধান মাইকোলা ডিজিগা বলেছেন, ফ্যাসিবাদের নির্যাতনে নিহত ব্যক্তিদের স্মৃতিতে ওই এলাকায় জাদুঘর নির্মাণ করা এবং পর্যটককের আকর্ষণ করার এই তো আদর্শ সময়।
ওই জাদুঘর পর্যটকদের স্মরণ করিয়ে দেবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমাদের মানুষদের সেখানে নাৎসিরা নির্যাতন করে হত্যা করেছে। মানুষদের এই আত্মত্যাগের পাশাপাশি পরাজিত ফ্যাসিবাদী শত্রুদের বীভৎস মুখ আমাদের মনে পড়বে।

‘মোবারকের পদত্যাগ ছাড়া কোনো সমঝোতা নয়’

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার মিসরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করে। জনসমুদ্র হয়ে পড়ে রাজধানী কায়রো ও বন্দরনগর আলেকজান্দ্রিয়া। কায়রোতে দুই লাখের বেশি মানুষের সমাবেশ ঘটে। হোসনি মোবারকের ৩০ বছরের শাসনামলে সবচেয়ে বড় গণবিক্ষোভের ঘটনা এটি। এদিকে মিসরের বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি গতকাল ঘোষণা করেছে, হোসনি মোবারক পদত্যাগ না করা পর্যন্ত শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতায় বসতে রাজি না তারা। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছে, বিক্ষোভ দমনে বল প্রয়োগ করা হবে না। খবর বিবিসি, রয়টার্স, আলজাজিরা ও এএফপির।
মিসরের অন্যতম পুরোনো রাজনৈতিক দল ওয়াফদ গতকাল ঘোষণা করেছে, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুসংখ্যক বিরোধী দল ‘একটি জাতীয় ফ্রন্ট’ গঠনের ব্যাপারে একমত হয়েছে। এক বিবৃতিতে ওই দলের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট মোবারক তাঁর বৈধতা হারিয়েছেন।
সরকারবিরোধী এই আন্দোলনের অন্যতম নেতা হয়ে ওঠা মোহাম্মদ এলবারাদি স্থানীয় আল-অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেলকে বলেছেন, মোবারকের শুক্রবারের মধ্যেই পদত্যাগ করা উচিত। তাঁকে অবশ্যই দেশ ছাড়তে হবে। এর আগে সরকারের সঙ্গে বিরোধী পক্ষের কোনো সমঝোতা আলোচনায় বসা সম্ভব না। এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সরকারবিরোধী বিক্ষোভে ৩০০ জনের মৃত্যু হয়েছে। হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গত ২৫ জানুয়ারি মিসরের বিভিন্ন স্থানে গণবিক্ষোভ শুরু হয়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল মিসরের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
গত সোমবারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী গতকাল বিক্ষোভের অষ্টম দিনে কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে জড়ো হতে শুরু করে মোবারকবিরোধীরা। সকাল ১০টার মধ্যেই সেখানে ১০ হাজারের বেশি মানুষ সমবেত হয়। দিনভর মোবারক ও সরকারবিরোধী স্লোগানে জমজমাট থাকে সমাবেশস্থল। সেখানে অনেকটাই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মানুষ নানা ধরনের বাদ্য বাজিয়ে, চিৎকার করে স্বতঃস্ফূর্ত এই জমায়েতকে প্রাণবন্ত করে রাখে। তবে কায়রোতে প্রবেশে গতকাল কড়াকড়ি আরোপ করা হয়। শহরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়, যাতে বাইরে থেকে কেউ সমাবেশে যোগ দিতে না পারে। বিক্ষোভ দমনে বাস, ট্রেন ও অভ্যন্তরীণ বিমান চলাচলও সীমিত রাখা হয়। তারপরও বিভিন্ন স্থান থেকে দলে দলে মানুষ শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে থাকে।
দ্বিতীয় বৃহত্তম নগর আলেকজান্দ্রিয়াতেও বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়। শহরের এল-রামল স্টেশনের কাছে কায়েদ ইব্রাহিম মসজিদ প্রাঙ্গণে দুপুরের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষের জমায়েত হয়। বিক্ষোভকারীদের হাতে মোবারকের বিকৃত চেহারার ছবি, সরকারবিরোধী প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। তারা মিসরের পতাকা হাতে মোবারকের কুশপুত্তলিকা দাহ করেন। একটি অংশকে মোবারকের প্রতীকী কফিন বহন করতে দেখা গেছে।

আদালতে হাজির হতে মার্কিন নারীকে ইরানের তলব

আদালতে হাজির হওয়ার জন্য সারাহ শোর্ড নামের যুক্তরাষ্ট্রের এক নারীকে তলব করেছে ইরান। সারাহসহ তিন মার্কিন নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ৬ ফেব্রুয়ারি ওই মামলার বিচারের দিন ধার্য করা হয়েছে। ওই সময় আদালতে উপস্থিত হওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছে। গত সোমবার বিচার বিভাগের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আইআরএনএ এ কথা জানায়।
একই অভিযোগে সারাহর বাগদত্তা শেন বাওয়ার ও তাঁর বন্ধু জোশ ফ্যাটাল এখনো ইরানে বন্দী রয়েছেন। ২০০৯ সালের ৩১ জুলাই ওই তিন মার্কিন নাগরিক ইরাক সীমান্ত থেকে ইরানে প্রবেশ করায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
অভিযোগ অস্বীকার করে ওই তিন ব্যক্তি জানান, সীমান্তে হাঁটাহাঁটি করার সময় অসাবধানবশত তাঁরা ইরানের সীমান্তে ঢুকে পড়েন। গত বছরের সেপ্টেম্বরে সারাহ জামিনে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে যান। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।

রিয়ালের চোখ এখন কাপে

দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছেন হোসে মরিনহো। লা লিগার গত ম্যাচে ওসাসুনা-ক্ষত ঢাকতে প্রলেপ হিসেবে বেছে নিচ্ছেন কিংস কাপ। আজ কিংস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্নাব্যুতে সেভিয়ার মুখোমুখি হচ্ছে রিয়াল। এ ম্যাচে ড্র করলেও ফাইনালে উঠে যাবে মরিনহোর দল। সুযোগ আসবে ১৯৯৩ সালের পর প্রথম কাপ শিরোপা জয়ের। রিয়ালের ফাইনালে উত্তরণ কিছুটা চাপ কমিয়ে দেবে মরিনহোর ওপর থেকে।
প্রথম ম্যাচে রিয়াল জিতেছে ১-০ গোলে। সেভিয়া কিংস কাপের বর্তমান চ্যাম্পিয়নও। তা ছাড়া লিগে পয়েন্ট টেবিলের তলানির দল ওসাসুনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রিয়ালের সাদা জার্সিটাকে ভয় পাওয়ার কিছুই নেই। চাপমুক্ত হওয়ার ম্যাচটাতে এক আকাশ চাপ মাথায় নিয়েই মাঠে নামছে রিয়াল। আর বার্সেলোনা হয়তো দ্বিতীয় সারির দলই নামিয়ে দেবে। সেমিফাইনালের প্রথম লেগে আলমেরিয়াকে যে তারা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।
দুশ্চিন্তা রিয়ালও না করলেই পারে। এই মৌসুমে নিজেদের মাঠে কোনো ম্যাচেই তারা হারেনি। সব মিলিয়ে কিংস কাপের ফাইনালে রিয়াল বনাম বার্সার ‘এল ক্লাসিকো’ দেখার অপেক্ষায় সবাই। আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও, ‘স্পেনের দুটো সেরা দলই ফাইনালে ওঠার যোগ্য। অবশ্য ফাইনালে বার্সার দেখা যদি আমরা পাইও, তার মানে সেটি কিন্তু আমাদের জন্য প্রতিশোধের ম্যাচ হবে না।’
প্রতিশোধের প্রসঙ্গ আসছে লিগের গত এল ক্লাসিকোতে বার্সার কাছে রিয়াল ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ায়। সত্যি বলতে কি, ওই ম্যাচের পর থেকেই ক্ষণে ক্ষণে খোঁড়াচ্ছে রিয়াল। দলের অনেকের লড়াকু মনোভাবেও ঘাটতি দেখা যাচ্ছে। অধিনায়ক ইকার ক্যাসিয়াস তাই এই বলে সতর্ক করছেন সতীর্থদের, ‘আমরা কিন্তু ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে। এখন তাই নিজেদের চাঙা করে তুলতে হবেই।’
এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনাও ছড়াচ্ছে। গত ম্যাচে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। সেভিয়া দর্শকদের কেউ পানির বোতল ছুড়েছিল ক্যাসিয়াসকে লক্ষ্য করে। রোনালদো যেটি বলেছেন, ‘ইকারের মাথা ফাটিয়ে ফেলার অপচেষ্টা।’ আজ তাই মাঠের সামান্য উত্তেজনা উসকে দিতে পারে গ্যালারিকেও।
সবচেয়ে আশঙ্কার কথা, আগের ম্যাচের পরাজয়ের পর রিয়াল সমর্থকদের সিংহ ভাগই লিগ শিরোপা জেতার আশা ছেড়ে দিয়ে বসে আছে। স্পেনের সংবাদমাধ্যম, ফুটবল-বোদ্ধাদের বেশির ভাগই বলছেন, রিয়ালের আর লিগ জেতার আশা নেই। মার্কা লিখেছে, সাত পয়েন্টের ঘাটতি পুষিয়ে রিয়াল কখনোই শিরোপা জেতেনি।
তবে শিরোপা জিতেই গেছি—বার্সা যেন এমনটা ভেবে আলস্যের মেদ শরীরে না জমায়, সে জন্য সতর্ক ইয়োহান ক্রুইফ। বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ বলছেন, ‘লিগের শিরোপা নির্ধারিত হয়েই গেছে, এমনটা আমি বলব না। কারণ, সেটি আসলেই হয়নি। মাদ্রিদকে কবর দেওয়ার আগে সাবধান!

এগিয়ে পাকিস্তান, সমতায় মিসবাহ

পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়কত্বের লড়াইয়ে কি যোগ হলো নতুন মাত্রা? মনে হচ্ছিল তৃতীয় ম্যাচের পারফরম্যান্স শহীদ আফ্রিদির অধিনায়কত্ব নিশ্চিত করে দিয়েছে। কাল অসাধারণ এক ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দিলেন ‘আফ্রিদির প্রতিদ্বন্দ্বী’ মিসবাহ-উল হক। ৪ ফেব্রুয়ারি জানানো হবে অধিনায়কের নাম, পাকিস্তানের ক্রিকেট-কর্তাদের ভাবনায় নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে মিসবাহর এই ইনিংস।
১৮তম ওভারে উইকেটে গিয়েছিলেন মিসবাহ। পরিস্থিতির দাবি মেনে শুরুতে খেলেছেন দেখেশুনে, সময়মতো হাত খুলেছেন। ইউনুস খানের সঙ্গে ৮৯ রানের জুটিটার পর আরেক পাশে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে, কিন্তু অবিচলিত মিসবাহ ফিরেছেন দলকে ২-১ ব্যবধানে এগিয়ে। অপূর্ণতা শুধু একটাই—খুব কাছে গিয়েও পাওয়া হলো না প্রথম ওয়ানডে সেঞ্চুরি। পেতে দিলেন না আসলে সোহেল তানভির। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩। সাউদির করা ৪৯তম ওভারেই তিনটি চার মেরে দলকে জিতিয়ে দিলেন তানভির। ৯১ বলে ৯৩ করে অপরাজিত থেকে গেলেন মিসবাহ।
মিডল অর্ডারে একই সঙ্গে মিসবাহ ও ইউনুসকে খেলানো উচিত কি না, এ নিয়ে প্রশ্ন উঠছিল। দুজনই একই ধরনের ব্যাটসম্যান, থিতু হতে অনেকটা সময় নেন—বর্তমান সময়ের ওয়ানডের সঙ্গে যা মানানসই নন। দুজনই কাল প্রমাণ করলেন এভাবে খেলেও কার্যকরী হওয়া যায়। ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দল জয়ের পথে ফেরে এই দুজনের জুটিতে। উইকেটে পড়ে গিয়ে ইউনুসের রান আউটে তাঁদের জুটি যখন ভাঙল, পাকিস্তানের প্রয়োজন ছিল ৭৮ বলে ৯০। তবে তৈরি মঞ্চেও ঠিক জ্বলে উঠতে পারেননি উমর-রাজ্জাক-আফ্রিদিরা। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম তিন বলের মধ্যেই উমর আকমল ও আফ্রিদিকে আউট করেন ভেট্টোরি। ১৮ বলে ২৩ রান করে ফিরে যান রাজ্জাকও। তবে কাল যে ছিল মিসবাহর দিন! ৬২ বলে ফিফটির পর ৪১ রান করেছেন ২৯ বলে।
ম্যাচ শেষে আরও ৩০-৪০ রানের জন্য আফসোস ঝরেছে ভেট্টোরির কণ্ঠে। তবে লোয়ার-মিডল অর্ডার দুর্দান্ত না খেললে এই রানটাও হয় না নিউজিল্যান্ডের। প্রথম পাঁচ ব্যাটসম্যান ‘নাই’ হয়ে গিয়েছিলেন ৭৯ রানের মধ্যে। ষষ্ঠ উইকেটে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন শেষ মুহূর্তে দলে ঢোকা জেমস ফ্রাঙ্কলিন। বাঁহাতি অলরাউন্ডার পরে নাথান ম্যাককালামের সঙ্গে জুটি গড়ে তোলেন ৬৪ রান। বড় ম্যাককালাম পরে পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি, অষ্টম উইকেটে ভেট্টোরির সঙ্গে তাঁর ৩৯ বলে ৫৭ রানের জুটি দলকে এনে দেয় লড়ার মতো রান। তথ্যসূত্র: নিও ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৬২/৭ (গাপটিল ২১, হাউ ১৩, টেলর ৪, স্টাইরিস ১১, উইলিয়ামসন ১৫, ফ্রাঙ্কলিন ৬২, ব্রেন্ডন ম্যাককালাম ৩৭, নাথান ম্যাককালাম ৫৩*, ভেট্টোরি ১৩*; ওয়াহাব ৩/৫১, রাজ্জাক ১/১৬, হাফিজ ১/২৫, আফ্রিদি ১/৪২। পাকিস্তান: ৪৯ ওভারে ২৬৪/৮ (হাফিজ ১২, শেহজাদ ৪২, কামরান ২০, ইউনুস ৪২, মিসবাহ ৯৩*, উমর ১০, আফ্রিদি ৪, রাজ্জাক ২৩, ওয়াহাব ০, তানভির ১৪*; স্টাইরিস ৩/৪০, বেনেট ২/৪৮, ভেট্টোরি ২/৪৮)। ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিসবাহ-উল হক।

ট্রটের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ইংলিশদের

ওয়ানডে সিরিজে হারটা নিশ্চিতই হয়ে গেছে ইংল্যান্ডের। এখন লড়াই কিছুটা মাথা উঁচু করে দেশে ফেরার। সঙ্গে সিরিজের বাকি ম্যাচগুলো জিতে বিশ্বকাপের জন্য একটা ভালো অবস্থানও তৈরি করাটাও লক্ষ্য। আজ ষষ্ঠ ওয়ানডেতে ব্যাট হাতে সেই কাজটা বেশ ভালোমতোই করতে পেরেছে ইংল্যান্ড। জনাথন ট্রটের সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ছুঁড়ে দিয়েছে ৩৩৪ রানের এক কঠিন লক্ষ্য।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই অসি বোলারদের উপর চড়াও হয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউসরা। দলীয় ৪১ রানের মাথায় ম্যাট প্রিয়র, জনসনের শিকারে পরিণত হলেও দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন স্ট্রাউস আর ট্রট। ৬৩ রানের চমত্কার এক অধিনায়কোচিত ইনিংস খেলেছেন স্ট্রাউস। কেভিন পিটারসন এবারও খুব বেশি আশা জাগানিয়া ইনিংস খেলতে পারেন নি। ফিরে গেছেন ২৯ রানের মাথায়। চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ট্রট আর ইয়ান বেল। এই ১০৪ রান তারা তুলেছিলেন মাত্র ১১.৪ ওভারে। শেষপর্যন্ত ট্রটের ঝলমলে ইনিংসটা শেষ হয় ১৩৭ রানে। আর ইয়ান বেল খেলেছেন ৩২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস।

লড়াইয়ে ফিরছে চেলসি, জিতেই চলেছে ম্যান ইউ

আবারও প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে চেলসি। লিগের মাঝপথে এসে যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল, সেটা অনেকখানিই সামলে নিয়েছে গতবারের শিরোপাজয়ীরা। ২৪ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকলেও পয়েন্ট ব্যবধান অনেকখানিই কমিয়ে এনেছে তারা। গতকাল সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর চেলসির পয়েন্ট এখন ৪৪। এভারটনকে ২-১ গোলে হারিয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। অন্যদিকে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটা এখনো শক্তভাবে ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকালও রুনির জোড়া গোলের সুবাদে অ্যাস্টন ভিলাকে তারা হারিয়েছে ৩-১ গোলে। এবারের মৌসুমে এখনো পর্যন্ত একবারও হারের মুখ দেখে নি ফার্গুসনের শিষ্যরা।
গতকাল নিজেদের মাঠে খেলা শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই অ্যাস্টন ভিলার জালে বল জড়িয়ে দিয়েছিলেন রুনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে আরো একটা গোল করে ম্যান ইউয়ের জয়টা অনেকখানিই নিশ্চিত করে ফেলেন এই ইংলিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করার সুযোগ পান ভিলা স্ট্রাইকার ড্যারেন বেন্ট। কিন্তু কিছুক্ষণ পরেই আবার ব্যবধান বাড়িয়ে ফেলে রেড ডেভিলরা। এবার গোলটি আসে ডিফেন্ডার নেমাঞ্জা ভিদিকের পা থেকে।
সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির ম্যাচের প্রথমার্ধটা ছিল টানটান উত্তেজনায় ভরপুর। খেলার চার মিনিটের মাথায় সান্ডারল্যান্ড এগিয়ে যায় ফিলিপ বার্ডসলির গোল থেকে। ১৫ মিনিটে সেই গোলটা শোধ করেন ল্যাম্পার্ড। ২৩ মিনিটে সলোমন কালু চেলসিকে বসান চালকের আসনে। কিন্তু তিন মিনিট পরেই আবারও ২-২ করে ফেলেন সান্ডারল্যান্ড মিডফিল্ডার কিরান রিচার্ডসন। দ্বিতীয়ার্থে সান্ডারল্যান্ডকে আর কোন সুযোগ দেয় নি ব্লুরা। ৬০ ও ৯০ মিনিটে দুইটি গোল করে চেলসির জয় নিশ্চিত করেন জন টেরি ও নিকোলাস আনেলকা। গতকালের এই জয়টার পর আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছেন চেলসি কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘এখন আমরা আরো অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ অবস্থায় যেতে পেরেছি। এটা খুবই ভালো ব্যাপার।

টপঅর্ডারের ব্যাটিং ‘অগ্রহণযোগ্য’: ভেট্টোরি

নেপিয়ারে চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ৮০ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল কিউইরা। পরে, ম্যাককালাম ভাতৃদ্বয় ও জেমস ফ্র্যাঙ্কলিনের কল্যাণে কোনোমতে সংগ্রহটাকে ভদ্রোচিত করতে পেরেছে নিউজিল্যান্ড। তারপরেও, মিসবাহ-উল-হকের কল্যাণে শেষপর্যন্ত আরো একটি পরাজয়ই সঙ্গী হয় গত কয়েকমাস ধরে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা, এককালের লড়াকু নিউজিল্যান্ড দলের।পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টপ অর্ডারের ব্যাটিংয়ে দারুণ বিরক্ত কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। সমালোচনাতেও কোনো রাখ-ঢাক না রেখেই বলেছেন, চতুর্থ ওয়ানডেতে দলের টপ অর্ডারের ব্যাটিং সত্যিই ‘অগ্রহণযোগ্য।’‘ভাগ্য ভালো যে জেমস ফ্রাঙ্কলিন ও নাথান এবং ব্র্যান্ডন ম্যাককালামের ইনিংসগুলো আমাদের মান বাঁচিয়েছে। তবে, ইনিংসের এক পর্যায়ে মাত্র ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে বসাটা কোনো দলের জন্যই ভালো নয়।’ ভেট্টোরির ক্ষেদোক্তি।নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য স্বর্গতুল্য ছিল বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এমধ্যেই বোলারদের লড়াইটা আলাদা করেই চোখে পড়েছে সকলের। ভেট্টোরিও বলেছেন, বোলিংয়ের কল্যাণেই ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল দল। এক্ষেত্রে বোলারদের কৃতিত্ব দিতেই হবে।
এদিকে, হ্যামিল্টনের পঞ্চম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে আক্রান্ত হয়ে নিজের খেলাটা অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিয়েছেন ভেট্টোরি। কোজ জন রাইটও ভেট্টোরির ব্যাপারে আশাবাদ জানাতে ব্যর্থ হয়েছেন। ছয় ম্যাচের সিরিজে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর বাকি তিনটি ম্যাচে নিউজিল্যান্ড একটিতে জয় পাওয়ায় পঞ্চম ম্যাচটি সিরিজ বাঁচানোর জন্য অগ্নিলড়াইয়ে পরিণত হয়েছে তাঁদের জন্য। সে ম্যাচে দলের সবচেয়ে বড় ভরসা ভেট্টোরি না খেললে, তা হবে কিউইদের জন্য বিরাট এক আঘাত।