Showing posts with label ফারুক ওয়াসিফ. Show all posts
Showing posts with label ফারুক ওয়াসিফ. Show all posts

Friday, February 22, 2019

নরকে পূর্বঘোষিত মৃত্যুর চকবাজার by ফারুক ওয়াসিফ

চকবাজার ছিল বারোয়ারি মালপত্রের আড়ত। এখন তা বারোয়ারি মৃত্যুর নরক। গোটা পুরান ঢাকাই মৃত্যুফাঁদ। গোটা ঢাকাতেই এখন বসেছে গণমৃত্যুর চকবাজার। পুরান ঢাকার পুরান গর্ব, খাদ্যের বাহার, তার প্রাণবান রসিক মানুষ, তার টগবগ করা জীবন—সব আজ পুড়ে গেছে।
কেমনে সইব? কার কাছে বিচার দেব? আর কত, আর কত, আর কত হে খোদা? আর কত সইবে হে সর্বংসহা জাতি?
বাতাসে মানুষ পোড়ার গন্ধ
নরকেই যদি বাস, তবে আগুনে কেন ভয়? আমাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়নি? আমরা কি অভ্যস্ত হয়ে যাইনি? তাজরীন ফ্যাশনস পোড়ার পর গিয়েছিলাম। পোড়া মানুষের চিহ্ন, গলে যাওয়া অ্যালুমিনিয়ামের টিফিন বাটি, মেশিন, পাখা, স্যান্ডেল দেখেছি। অজস্র আধপোড়া পরিচয়পত্র, ছবি নিয়ে এসেছিলাম। আমার টেবিলের ড্রয়ারে সেগুলো এখনো তালাবদ্ধ আছে। খুললেই পোড়া মাংসের ঘ্রাণ আসে। ঢাকার বাতাসে আজ মানুষ পোড়ার গন্ধ।
নন্দিত নরকে নরকবাসের প্রশিক্ষণ
সয়ে নিয়েছি তো! রানা প্লাজার নরকও তো দেখেছি। জীবনযন্ত্রণা সয়ে যাওয়া মানুষের বীভৎস মৃত্যুযন্ত্রণাও সয়ে যায়। চুপচাপ মরে যাব বলেই চুপচাপ থেকে যাই জীবনের পুরোটা সময়। মরলে তো সব কষ্টের শেষ।
অভ্যাস হয়ে যায়। নরকবাসের নিয়তি হলে, নিরুপায় হলে সয়ে যায়। খাঁচার মুরগিরা যেমন জবাই করতে নেওয়ার আগে পর্যন্ত কক কক করে, কামড়াকামড়ি করে, আমরাও তেমনই করে যাব। তারপর জীবনমৃত্যুর ম্যানেজারের বদখেয়ালে কিংবা ইচ্ছায় একসময় ভবলীলা সাঙ্গ হয়। নরকে এসব অভ্যাস রপ্ত করা জরুরি। সেটাই বাংলাদেশীয় টেকনিক। নরকবাসের ট্রেনিংটা লাগাতার রাখার জন্য ওপরতলার মহাজনদের তাই ধন্যবাদ জানাই।
ছয় বছর আগে এই পুরান ঢাকারই নিমতলীর কেমিক্যাল ডিপোতে আগুন লেগে শতাধিক মানুষের অঙ্গার হওয়ার পরও সত্যিকার প্রতিকার না করা হলো সেই ট্রেনিং। তাজরীনের মালিককে বিচারের নামে দিন গুজরান করার বন্দোবস্ত দেখে যাওয়া হলো সেই ট্রেনিং। রানা প্লাজার কেয়ামতের পরও কারখানাগুলোকে নিরাপদ না করা হলো ট্রেনিং। মহাজনেরা এভাবে আমাদের তৈরি করে আমাদেরই গণমৃত্যুর জন্য। আগুনে বা পানিতে, গাড়িতে বা বিমানে, ধসে বা পুড়িয়ে—সবভাবেই মরার জন্য আমাদের প্রস্তুত করা হয়েছে।
উন্নয়নে কী কাজ যদি জীবন না বাঁচে?
গত সপ্তাহেই সোহরাওয়ার্দী হাসপাতালে বিভীষিকাময় আগুন লাগল। গত রাতে পুড়ল পুরান ঢাকার চকবাজার। শতের নিচে আমরা মরি না। বিশ্বের মধ্যে উন্নয়নের কৃতিত্বের মতো নিয়মিতভাবে শত বা হাজারে মরার শিরোপাটাও আমাদেরই হোক।
এটা আগুনের মাস। আরও আগুন লাগবে। আরও মানুষ পুড়ে কাবাব হবে এবং হচ্ছে—ঢাকা কিংবা চট্টগ্রামে। ঘিঞ্জি খুপরির মতো ঘরবাড়িতে যারা পয়-পরিজন নিয়ে তিলে তিলে সংসার সাজিয়েছিল যারা, তাদের অনেকে আবারও পুড়ে কয়লা হবে। জীবন যেমন নারকীয়, তেমন নারকীয় মৃত্যুই আমাদের জন্য বরাদ্দ।
আমাদের জন্য বরাদ্দ অসীম যানজটের রাস্তা, যা দিয়ে জীবন বাঁচানোর অ্যাম্বুলেন্স, দমকল কিংবা সাহায্যকারী মানুষ—কিছুই সময়মতো পৌঁছতে পারবে না। আমাদের জন্য রয়েছে সরু গলি, শুকানো পুকুর; তাই দমকলের আধুনিক গাড়ি কোনো কাজেই আসবে না। কেনাকাটায় আমরা বড়ই সেয়ানা। অপ্রয়োজনীয় জিনিস আর বাহিনীতে ভরপুর থাকবে রাষ্ট্রটা। সবচেয়ে দামিটা সবচেয়ে বেশি দামে কিনে আমরা সাজিয়ে রাখব খেলনার মতো। তারপর এক দুর্ভাগ্যের প্রহরে যখন ঢাকার ঘনবসতি পুড়ে যাবে, তখন গাড়িগুলো, যন্ত্রগুলো আমাদের ভেংচি কাটবে। আমরা বিরাট বিরাট ভবন আর সেতু বানাব, কিন্তু নিরাপদ ও সভ্য নগর বানাতে কিছু তো করবই না, যতভাবে এই নগরের প্রাণ, প্রকৃতি ও নিরাপত্তা নষ্ট করা যায়, তাতে মদদ দেব। জীবন চলে না এখানে, জীবন জিয়ে না এভাবে। মৃত্যুই এখানে সবচেয়ে সুলভ, গতিশীল ও নিশ্চিত। জীবন এখানে সবচেয়ে সস্তা।
নৈরাষ্ট্রের নৈনাগরিকেরা
আমরা এক নৈরাষ্ট্রের নৈনাগরিকের জীবন পেয়েছি। আমরা কত ভাগ্যবান, জীবনে যে স্বীকৃতি পাই না, মরার পর তা পাই। পাই শোকবার্তা, কভারেজ ও প্রতিশ্রুতির হাওয়াই মিঠাই।
এভাবে চলতে পারে না বলবেন? চলছে তো। ঢাকা মহানগর যে এক গণবিধ্বংসী মৃত্যুফাঁদ তা কে জানত না? যাঁরা বহুকাল থেকে করি করি করছেন, তাঁরা এবারও বলবেন এবার একটা কিছু করতেই হইবে। এই ‘একটা কিছু’ সাগর-রুনি হত্যাকারীদের কায়দায় সোনার হরিণের মতো পালিয়ে বেড়াবে। প্রতিবার মানুষের হুতাশন ঠান্ডা করতে চমৎকার সব বিবেকের জ্বালানি সরবরাহ করা হয়। উদ্বেগ আর শোকে বাতাস ভারী হলেও লাশের লোবানের ঘ্রাণ চাপা পড়ে না। এই দেশে মানুষের চেয়ে মশা-মাছিরাই বেশি নিরাপদ ও নিশ্চিন্ত। ছয় বছর আগে নিমতলীর আগুনে ১১৭ জনেরও বেশি মানুষের গণমৃত্যুর পর লিখেছিলাম,
‘এমন মৃত্যু কি তাহলে আমাদের বোধোদয়ের টনিক? প্রতিটি বিপর্যয় কেবল পরের বিপর্যয়েরই পদধ্বনি। জীবনের মতো মৃত্যুও এখানে সুলভ, সহজ ও তুচ্ছ। আগুনে পুড়ে, নদীতে ডুবে, ভবন ধসে, বিষক্রিয়াসহ কত তুচ্ছ কারণেই না দফায় দফায় মানুষ মরে। মহিমাহীন এসব মৃত্যুতে কিছুই কি তবু বদলায়? বদলাবে? মৃত্যুর রাজত্বে জীবনের গান গাওয়ার অসম্ভব কসরতে আমরা জর্জরিত। তবু প্রতিদিনকার জীবনের পিছু ধাওয়া করতে করতে সম্ভাব্য সব বিপদের ভয়কে আমরা হজম করে ফেলি। ঢাকাবাসীর থেকে তাই সাহসী ও অদূরদর্শী আর কে আছে? কিন্তু “দিনে দিনে যত বাড়িয়াছে দেনা”, একদিন তার “শুধিতে হইবে ঋণ”…আগেকার যুগে ডুবন্ত জাহাজের ওজন কমাতে গরিব যাত্রী ও খালাসিদের সাগরে ফেলা হতো। সমস্যার ভারে ডুবতে থাকা ঢাকায় সবার আগে তেমনি খরচ হয়ে যায় ঝুঁকিতে থাকা স্বল্পবিত্ত মানুষেরা। বাকিরা মৃতের তালিকায় নিজেদের নাম না ওঠায় ভাবে, যাক আমি তো নিরাপদ! আমাদের শোকগুলো তাই মাছের মায়ের পুত্রশোকের মতো। বঙ্গজননীর তো ১৮ কোটি সন্তান। তার কটি বাঁচল আর কটি মরল তার হিসাব রেখে তাই কী লাভ?’ (ফারুক ওয়াসিফ, প্রথম আলো, মে, ২০১২)
সম্মিলিত বেকুবির শহীদ
রাষ্ট্র তো পাষাণ, তার মনন থাকতে নাই। পাথরে আঘাত করলেও প্রতিধ্বনি আসে, ফরিয়াদের কোনো জবাব আসে না। ওদিকে মৃত্যুর টালিখাতা হয়েছে সংবাদপত্র। আমাদের জাতীয় জীবন যেন এক লাইভ জানাজা। শোকে পাথর হলেও পাথরের মতো কঠিন সংকল্প জাগে না আমাদের। কপট আশ্বাস আর মিথ্যা আশায় বুঁদ হয়ে আমরা প্রশ্ন করতে ভুলে যাই, সরকার যদি থাকবে তবে মানুষ বারবার অকাতরে মরবে কেন? যা নিয়মিতভাবে হয়, তা দুর্ঘটনা নয়, তার দায় শোকের বন্যায় হালকা হওয়ার নয়। কবির সেই কথাই এখানে চিরসত্য: ‘সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু,/ অনলে পুড়িয়া গেল।/ অমিয় সাগরে সিনান করিতে,/ সকলই গরলই ভেল।’
এটা নির্দয় এক ব্যবস্থার কাঠামোগত হত্যাকাণ্ড। কেউ টাকা বানাতে আর কেউ টাকা বাঁচাতে চালিয়ে যাচ্ছে এমন সর্বনাশা কারবার। কে কাকে দোষ দেব? সাধারণ মানুষও অধিকার নিয়ে যেমন অসচেতন, দায়িত্ব নিয়েও তেমন। যা করা উচিত আর যা করা হয়, তার মধ্যে ব্যবধান আকাশ-পাতাল—কোথাও নিয়মনীতির বালাই নেই। সমস্ত মনোযোগ যার যার নাকের ডগায় রাখতে গিয়ে সামনের অতল খাদটি কেউ দেখছি না। যেমন জনগণ, তেমন সরকারই তারা পায়। আমরা যেমন, আমাদের সরকার তেমন এবং আমাদের এই সাধের ঢাকা শহর আমাদের দায়িত্বহীন মানসিকতারই দর্পণ।
মানুষের তৈরি এই বাস্তবতারই শিকার নিমতলী বা চকবাজার বা রানা প্লাজা বা বেগুনবাড়ি বা…। আমরা আমাদেরই সম্মিলিত বেকুবির শহীদ।
জতুগৃহের দিনরাত্রি
জতুগৃহ নামে একটা বাস চলত একসময় ঢাকা শহরে। এখন আর দেখি না। সম্ভবত আগুনে পুড়ে গেছে। ঢাকা মহানগর নিজেই এখন পৌরাণিক জতুগৃহ। মহাভারতের কাহিনিতে পঞ্চপাণ্ডবের বনবাসে জতুগৃহ নামে এক ঘরে আশ্রয় নেন। কিন্তু সেটা আসলে ছিল ফাঁদ। মেঝে থেকে চাল পর্যন্ত পুরোটা মোড়া ছিল দাহ্য বস্তু দিয়ে, যাতে ঘুমন্ত অবস্থায় সবাইকে নিমেষে পুড়িয়ে মারা যায়। পাণ্ডবকুলের পাঁচ ভাই সেই ষড়যন্ত্র বুঝে কয়েকজন আদিবাসীকে কৌশলে সেই ঘরে ঢুকিয়ে নিজেরা প্রাণে বাঁচেন। পুড়ে মরে সেই নিরীহ মানুষগুলো। ওরা জানত না জতুগৃহ বাঁচার আশ্রয় নয়, দহনের ফাঁদ। আজ উন্নতি আর সুখের স্বপ্নে ভিড় জমানো ঢাকাবাসীর সে রকম ফাঁদে পড়ার দশা হয়েছে।
মৃত্যুর সুশাসনে পূর্বঘোষিত মৃত্যুর দিনপঞ্জি
ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী আলেক্সেই ডি তকুইভিল বলেছিলেন, দীর্ঘদিন যন্ত্রণায় ভুগতে থাকা মানুষ বিকল্পের সন্ধান পাওয়া মাত্রই সমস্যাগুলোকে অসহনীয় মনে করতে থাকে এবং তাকে বদলানোর জন্য কোমর কষে নামে। আমাদের এখানে হয়েছে উল্টোটা, দীর্ঘদিন অসুবিধার মধ্যে থাকতে থাকতে, পরিবর্তনের আশা ধূলিসাৎ হতে দেখতে দেখতে আমরা এখন সব সওয়া মহাশয়ে পরিণত হয়েছি। আশার মৃত্যু হলে ব্যক্তিগত সুবিধাবাদ জন্ম নেয়। সার্বিক সমস্যা থেকে মন সরিয়ে আমরা অনেকেই যেভাবে একা একা সুখে থাকার ইঁদুরদৌড়ে নেমেছি, তাতে পতনই বরং ত্বরান্বিত হচ্ছে। ওদিকে বড় সাহেবেরা তো ভালোই আছেন। বিদেশে সাহেবপাড়া, বেগমপাড়ার বাসিন্দারা তো শাদ্দাদের বেহেশতে নিরাপদই আছেন।
এখনো ভাবুন কী করবেন। যাঁরা বিদেশে পালাতে পারবেন না, তাঁরা কোন মলমে নরকযন্ত্রণা ভুলবেন, ভুলবেন নেতা–নেত্রীদের কোন কোন গা-জ্বালানো কথায়। জীবন নয়, মৃত্যুই এখানে নিশ্চিত ও সুদক্ষ। মৃত্যুর সুশাসনে আমাদের জীবন এক পূর্বঘোষিত মৃত্যুর দিনপঞ্জি।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক
faruk.wasif@prothomalo.com

Sunday, June 18, 2017

সরকারি দল, বিরোধী দল ও মরার দল by ফারুক ওয়াসিফ

বিরোধী দল নারকেলগাছের মতো। সরকারি দল হলো পানের বরজ। আর জনগণ? আমরা তো পিপীলিকাসম। কীভাবে, সেটাই বলা যাক।
নারকেলগাছের ডাল সময়-সময় কেটে দিতে হয়, নাহলে ফল ধরে না, গাছ বাঁচে না। যত তাদের ওপর দমন-পীড়ন চলে, তত তারা জনমন থেকে সহানুভূতি পায়। সেটাই তো ক্ষমতাহীন অবস্থায় তাদের টিকে থাকবার পুষ্টি। পাহাড়ধসে শতাধিক মৃত্যুর চার দিন পর রাঙামাটির দুর্গত এলাকা পরিদর্শনে রওনা হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর যাত্রা শেষ হতে পারল না। পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাড়িবহরে হামলা হয়। পরের ঘটনা অনুমেয়। মির্জা ফখরুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা আহত হয়েছেন। গন্তব্যে পৌঁছতে না পেরে ফিরে এসেছেন চট্টগ্রামে। দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষিত হয়েছে। সরকারি অবহেলার কাঠামোগত হত্যাকাণ্ডের বিরুদ্ধে নয়, পাহাড় ধ্বংস করে বিপজ্জনক আবাসন চালাতে দেওয়ার জন্যও নয়, তাঁদের প্রতিবাদ দলের শীর্ষ নেতাদের ওপর হামলার বিরুদ্ধে।
রাঙামাটি যেতে না পারলেও তাঁরা ব্যর্থ নন। সরকার-সমর্থকদের বলপ্রয়োগের রাজনীতির গোমর আবার ফাঁস করা গেল। মির্জা ফখরুল হেরেও জিতে গেলেন। তাঁর প্রথম হার হয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে দৌড় প্রতিযোগিতায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও যোগাযোগমন্ত্রী ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তিনি মির্জা ফখরুলের আগেই হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শন করে এসেছেন। আওয়ামী লীগের আর কোনো বড় নেতার যাওয়ার খবর পত্রিকায় আসেনি। সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ কাছাকাছি এলাকার সাংসদ। তাঁর মন্ত্রী থাকাকালেই পার্বত্য এলাকার বন ও পাহাড় সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার অভিযোগ আছে। তিনিও যাননি। যা হোক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রাঙামাটিতে জবাবদিহি করতে হয়নি। সরকারের পরিবেশ-বিধ্বংসী কার্যকলাপের সমালোচনাও শুনতে হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের দায়টা তিনি সহজেই সেরে আসতে পেরেছেন।
কিন্তু তাঁর জন্য যা সহজ, বিরোধী দলের জন্য তেমনটা হওয়ার জো নেই। সোজা কাজটা বিরোধীদের জন্য কঠিন করে তোলাই তো সরকারি দলের ‘অবদান’। তাই হামলা-ভাঙচুর করে মির্জা ফখরুলের গাড়িবহর ফেরত পাঠানো হলো। বিএনপি যদি আরেকটু গতিশীল হতো, ঘটনার পরদিনই রাঙামাটির দিকে ছুটত। ত্রাণ ও উদ্ধারকাজে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ত। অন্তত দেশব্যাপী সে রকম আওয়াজ তোলার চেষ্টা করত। তাহলে সম্ভবত এ রকম হামলা তাঁরা এড়াতে পারতেন। বিরাট আকারে পাহাড় ধসের ঘটনার আকস্মিকতায় আওয়ামী লীগ দ্বিধাদ্বন্দ্বে থাকতো। দেড় শ মানুষের মর্মান্তিক মৃত্যু, গণমাধ্যমের সমালোচনা, আন্তর্জাতিক নজর, প্রধানমন্ত্রীর বিদেশ সফর মিলিয়ে পাহাড়ধসের প্রথম ২-৩ দিনে তাঁদের আচরণ তেমনটাই ছিল। ও রকম অবস্থায় ঝটিকা সফর করলে বিএনপি দৌড়ে ও মিডিয়া চমকে এগিয়েই থাকত।
তাতে কী পেত? এক দিনের মিডিয়া কভারেজ। সম্ভবত তাদের চাওয়া ছিল আরও বেশি কিছু। তাই তারা রয়ে সয়ে মাঠে নেমেছেন। যে বিরোধী দলকে সংসদ ও রাজপথে গায়ের জোরে ‘নাই’ করে দেওয়া গেছে, তাদের পাঁচটি গাড়ির বহর রাঙামাটি শহরে ঢুকলে তা তেমন কোনো ‘ঘটনা’ হতে পারত না। এসব সফর আসলে রুটিন কাজের বেশি কিছু না। বিএনপিকে রুটিন পালন করতে দিলে তাই সরকারের কোনো ক্ষতিই হতো না। কিন্তু বিএনপির এখন দরকার ছিল একটি বড় ‘ঘটনা’। একটা হামলা, বাধা দেওয়া, নেতাদের আহত হওয়ার চাইতে নাটকীয় আর কী হতে পারে? আমাদের রাজনীতি এক চলমান মেগাসিরিয়াল। সেই সিরিয়ালের প্রতিটি পর্বে যে পক্ষ বেশি মনোযোগ কাড়তে পারবে, অনলাইন-ফেসবুকে তারা তত এগিয়ে থাকবে। রাজনীতি তো এখন এতটুকুতেই সীমাবদ্ধ তাই না? সে রকম এক করুণ নাটক বিএনপি পেয়ে গেছে।
বিএনপির কোনো নেতা ১৯৭০ সালে দক্ষিণের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা থেকে ফিরে মাওলানা ভাসানীর মতো পল্টনে জনসভা ডেকে জলদগম্ভীর কণ্ঠে বলতে পারতেন, ‘ওরা কেউ আসেনি!’ প্রধানমন্ত্রী তখন সুইডেন সফরে রওনা হয়ে গেছেন। বেগম খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুলের তরফে তাই অভিযোগ ওঠানোর সুযোগ ছিল। কিন্তু তাতে খুব বেশি লাভ হতো কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, জগতে যোগ্য লোক আছে কিন্তু তাকে দেখাবার যোগ্য মঞ্চ সব সময় পাওয়া যায় না। মির্জা ফখরুল নিশ্চয়ই বড় নেতা, অনেক নির্যাতনও তাঁকে সইতে হয়েছে। কিন্তু তাঁর দলের মঞ্চটা এখন বড্ডই ছোট। সে রকম মঞ্চ থেকে হুংকার দেওয়া যায় না, অনুযোগ-অভিযোগ করা যায় কেবল। ফলে সেটাই করেছেন, অভিযোগ করেছেন সরকারকে আর ফরিয়াদ জানিয়েছেন জনগণের প্রতি।
অগুরুত্বপূর্ণ একটি সফরকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানাতে পারে বিএনপি। রোজার মৌসুমে সহানুভূতি আদায়ের বড় একটা সুযোগ পাওয়া গেল। এই বা কম কী? বিএনপি এখন বোঝাতে পারবে, ‘দ্যাখো, সরকার আমাদের দুর্গতদের পাশে দাঁড়াতে দিল না!’
দৃশ্যত রাঙামাটি সফরের ঘটনায় আওয়ামী লীগ ঝামেলায় পড়েছে। হামলাটা অবশ্যই নিন্দনীয়। সেই নিন্দা মোকাবিলা করতে আওয়ামী লীগের কম গুরুত্বপূর্ণ নেতারা সাফাই গাওয়া শুরু করে দিয়েছেন। এলাকাটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের। তাঁর লোকজনই এ হামলা করেছে। হাছান মাহমুদের উত্তর, ‘ঘটনাটি শুনেছি। বিএনপি নেতাদের গাড়িবহর দুজন পথচারীকে ধাক্কা দেয়। এরপর সেখানে উত্তেজিত লোকজন কিছু একটা করেছে।’
ফেসবুক-ভিডিওর যুগে হামলাকারীদের পরিচয় পাওয়া কঠিন না। কিন্তু সেই যে, সহজ কাজটা সরকারি ক্ষমতায় কঠিন হয়ে যাবে। কারো টিকিটি ছোঁয়া হবে না। দেশের রাজনৈতিক মেগাসিরিয়ালে এটাই তো চলে আসছে। সেই সিরিয়ালের পর্বে পর্বে অকাতরে মানুষ মরছে। নারী-পুরুষ-শিশু, হিন্দু-মুসলিম, বাঙালি, অবাঙালি। কে বিপন্ন নয় বাংলাদেশে? রাষ্ট্রীয় অবহেলা, বিভিন্ন স্বার্থগোষ্ঠীর অন্যায়ে অজস্র মানুষের মৃত্যু এখন স্বাভাবিক। জনগণ হলো মহাশয়, যাদের সবই সয়ে যায়। রাষ্ট্রীয় সুরক্ষা বলয়ের বাইরে পড়ে থাকা মানুষেরা ভোগে ও মরে। আমাদের রক্ষার কোনো বাঁধ, আশ্রয় নেই।
সরকারি দল হলো পানের বরজের মতো। চারদিকে বেড়া, মাচা, খুঁটি-লাঠির আশ্রয়ে পানের লতা বড় হয়। বেশি রোদে সমস্যা, বেশি বৃষ্টিতে সমস্যা; এতই নাজুক। সরকারি দলের যে প্রতাপ রাঙামাটিতে দেখা গেল, তা ওই মাচার গুণ। মাস্তানের লাঠি, বাহিনীর বন্দুক, প্রশাসনের মাচা আর টাকার ছাতায় তারা সুরক্ষিত। এতটাই সুরক্ষিত যে শত শত মানুষের লাশের ভার ঝেড়ে ফেলে তাঁরা নেমে পড়লেন বিরোধী দল পেটাতে।
আর জনগণ? জনগণ হলো পিঁপড়ার মতো, নিজের চেয়ে দশ গুণ ওজন বহন করতে পারে বলেই দেশটা টিকে আছে। স্বজন হারানোর অমানুষিক শোক বহন করেও তারা জীবন চালিয়ে যায়। তাজরীনের পর, রানা প্লাজার পর, রাঙামাটির পরও তারা জীবন চালিয়ে যাবে। তারা বাঁচে যে যার মতো, মরে দলে দলে। সরকারি দল ও বিরোধী দলের বাইরে এই আমাদের আরেক দল, মরার দল। এই দলের সদস্যসংখ্যাই এখন সবচেয়ে বেশি।

Tuesday, March 14, 2017

উন্নয়নের শহীদ বনাম ‘আমিই রাষ্ট্র’ হওয়ার বিপদ by ফারুক ওয়াসিফ

এক টুকরা উন্নয়ন ভেঙে পড়েছে, তাতে এক চিলতে এক মানুষ মারা গেছেন। বড় কেউ নন। একজন মামুলি কাঠমিস্ত্রি। বাড়তি টাকার জন্য রাতে উড়ালসড়কের কাজ করছিলেন। নির্মাণাধীন সেই সড়কের একটা গার্ডার ক্রেন দিয়ে তুলতে গেলে পড়ে যায়। আর পড়বি তো পড় দুর্ভাগা ওই কাঠমিস্ত্রিসহ আরও দুজনের ঘাড়ে। ২০১২ সালে চট্টগ্রামে উন্নয়নের আরও বড় টুকরা ভেঙে পড়েছিল। উড়ালসড়কের ধসে সেবার মারা যান ১২ জন। গত বছরের মার্চ মাসে এই মগবাজারেই মারা যান এক শ্রমিক। এ ধরনের মৃত্যু ঘটছেই। তাঁদের আমরা কী বলব, উন্নয়নের শহীদ?
অবহেলাজনিত এ অপমৃত্যুর জন্য দায়ী নির্মাতা প্রতিষ্ঠানের জবাবদিহি চাওয়া উচিত। ৯৮ টন ওজনের এই জিনিস যদি দিনের বেলার জনাকীর্ণ রাস্তায় পড়ত! এই অঘটন তদন্তে একটা কমিটি করা হয়েছে। আমরা আশা করব, কমিটি একজনের মৃত্যু এবং দুজনের একটি করে পা হারানোর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করবে। নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসহ আইন মোতাবেক ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করবে। কিন্তু তদন্তকাজের আওতাটা কি আরেকটু বাড়াবেন তাঁরা? ভুক্তভোগী মানুষ হিসেবে আমাদের কিছু কথা তাঁদের শুনতে হবে।
এ সড়ক বানানোর চুক্তিতে মেয়াদ ধরা হয়েছিল ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর। ব্যয় ধরা হয়েছিল ৭৬০ কোটি টাকা। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি টাকার বেশি। আর সময়ের হিসাব? এখন ২০১৭ সালের মার্চ মাস গেলেও আগামী জুনেও কাজ শেষ হবে বলা যাচ্ছে না। এ সময়ে ওই এলাকা দিয়ে চলাচল করা লাখো মানুষ প্রতিদিন চলাচলে যে অমানুষিক কষ্ট ভোগ করেছে, তার আর্থিক মূল্য কে ধরবে? কারও প্রাণ গেল, আর কত কত লোক কত কষ্ট ভোগ করল, তার বিচার কী হবে? কেউ কি ব্যাখ্যা করবে, কেন এশিয়ার মধ্যে বাংলাদেশেই উড়ালসড়ক নির্মাণের ব্যয় সবচেয়ে বেশি?
জনগণের জীবন, শান্তি, প্রাণ আর করের টাকার এত বড় নয়ছয় কেন মেনে নিতে হবে?
ঘটনা অন্য রকমও আছে। বাংলাদেশে ব্যয় দফায় দফায় বাড়ে। আর দিল্লিতে ব্যয় কমে। পার্থক্যটা ঘটান একজন ব্যক্তি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তত্ত্বাবধানে আট লেনের একটি উড়ালসড়ক নির্মাণ শেষ হওয়ার পর দেখা গেল খরচ বেঁচে গেছে ২০ কোটি রুপি। আর কাজটি তাঁরা শেষ করেছেন মাত্র আট মাসে!
দুই.
বাংলাদেশের উন্নয়ন এক সরকার বা এক দশকের অবদান নয়। ১৯৭২ সাল থেকেই ভালোমন্দের দোলায় দুলতে দুলতে আমরা এত দূর এসেছি। আমার বিশ্বাস, এ দেশে সচেতনভাবে কেউ উন্নয়নবিরোধী নয়। উন্নয়নবিরোধী কিছু যদি থেকে থাকে, তা হলো দুর্নীতিতন্ত্র ও সংঘাতের রাজনীতি। শুধু একটি উড়ালসড়ক নির্মাণে যে অপচয় ঘটল, তা কি দুর্নীতি ছাড়া হতে পারত? দুর্নীতির চেয়েও বড় বিপদ আছে। দুর্নীতিতে ক্ষতি হয় ২০ থেকে ৩০ শতাংশ। কিন্তু ভুল নীতির জন্য গচ্চা যায় পুরোটাই। উড়ালসড়কের উদাহরণটাই দেখা যাক। ঢাকায় অনেক উড়ালসড়ক হলো। কিন্তু যানজট কি কিছুমাত্র কমেছে?
তাহলে হাজার হাজার কোটি টাকায় নির্মিত উড়ালসড়ক কত শতাংশ মানুষের জন্য বানানো হচ্ছে? ঢাকার মোট চলাচলের মাত্র সাড়ে ৩ শতাংশের হয় প্রাইভেট গাড়ি দিয়ে, যদিও তা দখল করে রাখে সড়কের ৪০ শতাংশ জায়গা। বাস আর রিকশা যথাক্রমে ৭ ও ৪১ শতাংশ জায়গা নিয়ে ঘটায় ২৮ ও ৫৩ শতাংশ চলাচল (ডিইউটিপি ২০০৫)। উড়ালসড়কের সম্পূর্ণ সুবিধা পাবে এসব ব্যক্তিগত গাড়ি, যা আসলে ঢাকার যানজটের জন্য দায়ী। রিকশা ও লোকাল বাসযাত্রীদের বড় অংশকে বহন করলেও তাদের অবস্থা হবে আরও করুণ। উড়ালসড়কের থামগুলোর জন্য জায়গা দিতে, ওঠানামার জায়গা ছেড়ে দিতে নিচের রাস্তাগুলো হয়ে পড়ছে আরও সরু, বাধাযুক্ত। ঢাকার সিংহভাগ মানুষেরই ব্যক্তিগত গাড়ি নেই। ভগ্নাংশের চলাচল সমস্যার সমাধানকে সবার সমাধান হিসেবে গিলিয়ে দেওয়াই কি উন্নয়ন? যে সুবিধা প্রায় ৯০ ভাগ মানুষের মাথার ওপরের সড়ক দিয়ে চলে যাবে, তা কেমন উন্নয়ন, কার উন্নয়ন?
এর উত্তরও দুর্নীতির বিশ্লেষণের মধ্যে পাওয়া যাবে। ঢাকার যানজট সমস্যার সমাধান হিসেবে ‘স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ফর ঢাকা’ প্রণয়ন করা হয়। এই পরিকল্পনা উড়ালসড়ক সমর্থন করে না (ডেইলি স্টার, ১৪-১১-০৯)। মগবাজার উড়ালসড়ক বানানো হচ্ছে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে তিন গুণ বেশি দিয়ে। এককথায়, এ ধরনের প্রকল্প হলো রাষ্ট্রীয় তহবিলকে কায়েমি গোষ্ঠীর হাতে পাচারের নিয়মতান্ত্রিক পদ্ধতি। এভাবে অবিশ্বাস্য বেশি ব্যয় ধরার মাধ্যমে রাষ্ট্রীয় তহবিল ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীর কাছে চালান দেওয়ার বন্দোবস্ত হলো আমাদের উন্নয়নের কাফ্ফারা। এমন দুর্নীতিভরা, অদক্ষতা ও গাফিলতির শিকার হয়ে মানুষের মৃত্যু হলে তাকে কি আর দুর্ঘটনা ভেবে সান্ত্বনা পাওয়া যায়?
তিন.
জাটকা ধরার জাল ধ্বংসে বরাদ্দ ধরা হয়েছে ৯০০ কোটি টাকা! এটাও উন্নয়নের মডেল। অথচ যারা অভাবের তাড়নায় নিষিদ্ধ মৌসুমে জাটকা ধরে, এ পরিমাণ টাকা দিয়ে তাদের বিকল্প জীবিকা দিলে কিছু পোড়াতেও হয় না, নিম্নমধ্যবিত্ত রাষ্ট্রের এতগুলো টাকা আগুন জ্বালাতেও খরচ হয় না। উন্নয়ন মানে গ্যাসের দাম বাড়ার চেয়ে মানুষের দাম বাড়া, ৯০ ভাগ জনগোষ্ঠীর আয় বাড়া। উন্নয়ন হলো কর্মক্ষম চার কোটি বেকার, যাঁদের উল্লেখযোগ্য অংশই শিক্ষিত, তাঁদের কাজ দেওয়ার বন্দোবস্ত করা। উন্নয়নের প্রতীক সাবমেরিন নয়, উন্নয়নের প্রতীক সুশিক্ষিত, স্বাস্থ্যবান ও মর্যাদার অধিকার পাওয়া এক মানবসমাজ।
চার.
বলা হয়, ফরাসি সম্রাট ষোড়শ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’ (Im the State)। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শীর্ষ নেতা-নেত্রীরা যা কিছু ভালো অর্জন, তা তাঁদেরই অবদান হিসেবে তুলে ধরতে চান। তাঁরা না থাকলে কোনো ভালোই নাকি হতো না। রাষ্ট্র তাঁদের হাতে অপার ক্ষমতা দিয়েছে। সব ক্ষমতা হাতে নিয়ে, সবার জীবন-মরণের মালিক হয়ে, সব জবাবদিহির বাইরে থেকে কার্যত তাঁরা ব্যক্তিগতভাবে ‘রাষ্ট্র’ হয়ে ওঠেন। মুখে না বললেও প্রচারে-ব্যবহারে, পোস্টারে-স্লোগানে, কাজে ও আচরণে তাঁরা সেটা হাড়ে-হাড়ে বুঝিয়েও দেন। জবাবে আমাদের এটুকুই বলার থাকে, আসুন, দেখে যান, ‘রাষ্ট্র’ কেমন রেখেছে আমাদের!
কিন্তু যত ভালো ও দক্ষই একজন হন, রাষ্ট্র কয়েকজনের বিষয় না। রাজনীতি ও প্রশাসনের স্তরে স্তরে দক্ষতা ও সততা না থাকলে পুরোটাই নৈরাজ্যে নিপতিত হবে। যত বড় প্রকল্প আমরা নিচ্ছি, ততটা দক্ষতা ও নিষ্ঠা আমাদের আছে কি? দলীয়করণ, স্বজনপ্রীতি আর অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সবাইকে দূরে ঠেলার পরিণতি ভালো হয় না।
সেই খারাপটা আপাতত জনগণই আগে টের পাচ্ছে। ‘আই অ্যাম দ্য স্টেট’-এর বিপরীতে তাদের দেখাবার বিষয়: ‘দ্য স্টেট উই আর ইন’,৥অর্থাৎ যে অবস্থায় আমরা বেঁচে আছি!
এই যেমন উড়ালসড়কের নিচে ঘন যানজটে বসে বসে ঘামছি আর ভাবছি, ভেঙে পড়বে না তো? রডের বদলে বাঁশ দিইনি তো?

Friday, March 4, 2016

‘শিশুটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ!’ by ফারুক ওয়াসিফ

‘শিশুটি মরে গেছে’ বলে শিল্পী আজম খান চিৎকার করে উঠেছিলেন ‘হায় আমার বাংলাদেশ’ বলে। আমরা এখন কাকে ডাকব? লাগাতার শিশুহত্যার লানতের মুখে সমাধান নেই, হা–হুতাশ আছে। চিৎকার নেই, পরিসংখ্যান আছে। গত চার বছরে ১ হাজার ৮৫ জন শিশু হত্যার শিকার, আর এ বছরের প্রথম দুই মাসেই ৪৯ জন! এ যোগফল কেবল থানায় আসা ঘটনার। মধ্যবিত্তের নিচের ও ওপরের অনেক ঘটনাই পরিসংখ্যানের বাইরে থেকে যায়। তাহলেও এ নিষ্পাপ জীবনগুলো এভাবে সংখ্যা হয়ে যেতে পারে না। প্রতিটি মুখ, প্রতিটি নাম একেকটা করে ভােলাবাসার সিন্দুক, একেকটা স্মৃতির ঝলক। মাহমুদুল হকের একটি ছোট গল্পের নাম ‘প্রতিদিন একটি রুমাল’! প্রতিদিন প্রায় একটি করে শিশুহত্যা হচ্ছে দেশে!
এখনই ভাবার দরকার আছে, সমাজের গভীর গভীরতর অসুখের কারণটা কী? রাজধানীর বনশ্রীতে দুটি শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, এ ঘটনায় বাবা-মাসহ কেউ সন্দেহের বাইরে নন। ডিসেম্বর মাসে নীলফামারীর এক মা দুই শিশুকন্যাকে হত্যা করে নিজেকেও শেষ করেছেন। ভোরবেলা স্বামী বাইরে থেকে এসে দেখেন, দুটি শিশুকন্যা মেঝেয় নিথর শুয়ে আর মা ঝুলছে কড়িকাঠ থেকে। তার কিছুদিন পরই কুষ্টিয়ায় এক যুবক প্রতিবেশী কলেজছাত্রকে হত্যা করে নিজের প্রাণও নিয়েছেন। অপরকে শিকার করে এঁরা নিজেদেরও রেহাই দিতে পারেননি। তাহলে বিচার হবে কার? ১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলি রোডের একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতককে ফেলে দেয় শিশুটির মা গৃহকর্মী বিউটি। ২৪ দিন লড়াই করে সে-ও চলে গেছে জীবনের পরপারে।
সমাজ সমতলে কিছু একটা ঘটছে যা জীবনবিরোধী, যা সুস্থ নয়। যখন মা বা বাবা কিংবা নিকটাত্মীয়রা শিশুসন্তানকে হত্যা করে তার ব্যাখ্যা সরল চিন্তা দিয়ে হওয়ার নয়। প্রতিকার বের করা তো আরও পরের কথা। ঘটনাগুলোর ধরন বলে, এগুলো গড়পড়তা অপরাধমূলক হত্যা নয়। অনেক সময় ঘাতক ও নিহত উভয়ই জীবন দিয়ে কোনো না কোনো দুঃসহ যন্ত্রণার ইতি টানছেন। হিংসা, অসহায়ত্ব, হঠাৎ জেগে ওঠা রাগ এবং স্বার্থ থেকে হত্যা হচ্ছে। এগুলো একধরনের সামাজিক হত্যাকাণ্ড, যার কার্যকারণ ও প্রকাশ হয়তো বিচিত্র। কিন্তু এগুলোর মধ্যে আমাদের সময়ের গনগনে সামাজিক সহিংসতার আঁচ পাওয়া যায়।
কখন দুর্দশায় থাকা দুজন মানুষের মধ্যে পরস্পরকে হত্যার ইচ্ছা জেগে ওঠে, তা নিয়ে কাজ করেছিলেন আলজেরীয় বিপ্লবী ও তাত্ত্বিক ফ্রান্জ ফ্যানো। তিনি ছিলেন একই সঙ্গে দার্শনিক ও মনস্তত্ত্ববিদ। সামাজিক পরিস্থিতির সঙ্গে মানসিক গন্ডগোলের সম্পর্ক দেখানোয় তাঁর অবদান অসামান্য। তিনি ছিলেন আলজেরিয়ার একটি হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান। আলজেরিয়ায় তখন চলছে ফ্রান্সের ঔপনিবেশিক দুঃশাসন। তাঁর কাছে চিকিৎসার জন্য আসা ব্যক্তিদের ওপর গবেষণা থেকে তিনি একটি বই লেখেন, ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক (১৯৫২)। তাঁর বিখ্যাত রেচেড অব দ্য আর্থ বইতেও (১৯৬১ সালে প্রকাশিত বইটির বাংলা অনুবাদ পাওয়া যায়) প্রসঙ্গটা এসেছে। সেটা হলো দীর্ঘদিন চাপ, অবদমন, অসম্মান ও নির্যাতনের পরিবেশে থাকলে কোনো সমাজে পারস্পরিক হিংসা বেড়ে যায় বলে তিনি দেখিয়েছেন।
তারই একটা উদাহরণ: শ্রমিক হয়তো ১৬ ঘণ্টার হাড়ভাঙা খাটুনি খেটে ঘরে এসে কেবল শুয়েছে, অমনি বেড়ার অপর পাশ থেকে একটি শিশু এমন কান্না শুরু করল আর ক্লান্তিতে ভেঙে পড়া লোকটা ধৈর্য হারিয়ে ফেলল। অথবা কর্মস্থলে গালি খেয়ে, রাস্তায় ছিনতাই হয়ে এক যুবক পাড়ার দোকানে বাকিতে চাল কিনতে গেলে দোকানদারের অপমানকর কথা শুনল। কিংবা রাজনৈতিক স্বাধীনতাহীন দেশে ভয়ের আবহে রাস্তার যানজটে কিংবা নিঃসঙ্গতা কিংবা মাস্তানের নির্যাতনে বিপর্যস্ত কোনো লোকের কথা ভাবুন। কিংবা ভাবুন আর্থসামাজিক কারণে হতাশ এক প্রজন্মের কথা—বেকারত্ব, হতাশা ও নিঃসঙ্গতায় মাদকই যাদের ‘দুদণ্ড শান্তি’। রাজনীতি, অর্থনীতি, ক্ষমতার চাপে যখন কোনো সমাজে দমবন্ধ অবস্থা তৈরি হয়, তখন ব্যাপক সহিংসতার আশঙ্কা দেখা দেয়। আরও সরাসরি বললে, যখন অবস্থা আর সহ্য হচ্ছে না কিন্তু তাকে বদলানোর পথও পাওয়া যাচ্ছে না, তখন মানুষের ক্ষোভ-প্রতিবাদ ক্ষমতার দেয়ালে বাধা পেয়ে নিজেদের দিকেই ফিরে আসে।
ফ্যানো দেখিয়েছেন, যখন মনে হচ্ছে ঔপনিবেশিক শাসনে আলজেরিয়া তুলনামূলক শান্ত, তখন জনসাধারণের মধ্যে ব্যাপক অপরাধপ্রবণতা দেখা দিচ্ছে। আবার যখন স্বাধীনতাযুদ্ধ এগিয়ে যাচ্ছে, তখন কমে যাচ্ছে সামাজিক অপরাধ। সমাজ মনস্ততত্ত্বের ভাষায় একে বলা যায় ট্রান্সফারড অ্যাগ্রেশন বা স্থানান্তরিত ক্রোধ। এটা এমন এক মানসিক দশা, যখন আপনি সমস্যার মূল কারণে হাত দিতে না পেরে বা তা খুঁজে না পেয়ে চারপাশের ওপর আক্রোশ বোধ করবেন। সাধারণত বিড়ালদের মধ্যে এমনটা দেখা যায়। হয়তো বাড়িতে অন্য কোনো বিড়াল আসায় সে ক্ষুব্ধ, কিন্তু দেখা গেল বাড়ির বিড়ালটা রেগেমেগে আঁচড়ে দিচ্ছে খোদ তার মালিককেই। মানুষের মধ্যেও এমন লক্ষণ দেখা যায়। সেগুলো এ রকম: বিনা কারণে বা ছোট কারণে রেগে যাওয়া, বন্ধুকে শত্রু ভাবা, ব্যক্তিত্ব ভেঙে পড়া, মনের মধ্যে ঘৃণা পুষে রাখা ইত্যাদি।
আমাদের প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, পারস্পরিক আস্থা তথা সামাজিক পুঁজি নিম্নমুখী, পারিবারিক ও সামাজিক সম্পর্কে নীরব ধস চলছে। তা ছাড়া কোনো সমাজের অনেক মানুষ যদি রাজনৈতিক অথবা অন্যান্য বাস্তব কারণে দীর্ঘদিন অবদমিত অবস্থায় থাকে, তখন সেই সমাজে বিচ্ছিন্নতা চলে আসে। সেটা হতে পারে মানুষে মানুষে ও মানুষের সঙ্গে প্রতিষ্ঠানের মধ্যে। এ অবস্থায় সেই সমাজ হয়ে ওঠে ক্ষোভ ও হিংসার মাইনফিল্ড। তখন কোথায় কার মধ্যে ক্রোধের বিস্ফোরণ ঘটবে এবং কে তার শিকার হবে, তা আগাম বলার কোনো উপায় থাকে না। এ ধরনের সামাজিক হিংসার পরিস্থিতিকে দারোগার চোখ দিয়ে দেখে বোঝা যাবে না। একে বুঝতে হলে গভীর দরদি সমাজ-মনস্তাত্ত্বিক ও রাজনীতিমনস্ক মন চাই।
বাংলাদেশ একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। সমাজ ও রাষ্ট্র দুখানেই। পাশাপাশি যে ধরনের বাছবিচারহীন ‘উন্নয়ন’ চলছে, যেভাবে একদিকে লোভ অন্যদিকে বৈষম্য বাড়ছে, যেভাবে জনগণের স্বাধীন জীবন ও চিন্তার অধিকার সংকুচিত হচ্ছে, যেভাবে পরিবার-বন্ধুত্বে ফাটল জাগছে, এসবের নিশ্চয়ই খারাপ প্রতিক্রিয়া আছে। উন্নতি নামক মরীচিকার পেছনে ছুটছি সবাই। উন্নতির বাসনায় শিশুদের ওপর বাড়ানো হচ্ছে পড়ালেখার চাপ। অথচ মেলামেশা ও আনন্দ-বিনোদনের সুস্থ সুযোগ কত কম। প্রায়ই ঢাকার পথেঘাটে একা একা কথা বলা, অদৃশ্য কারও সঙ্গে ঝগড়া করতে থাকা মানুষ দেখি। বেশভূষায় শিক্ষিত মধ্যবিত্তই হবেন তাঁরা। এগুলো সমাজ-মনস্তত্ত্বে অস্থিরতার প্রকাশ নয়? দেশে মনের অসুখে ভুগতে থাকা লোকের সংখ্যাও ধাঁইধাঁই করে বাড়ছে।
মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মায়া ও শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। নিঃসঙ্গ মাকড়সার মতো যার যার জালে আমরা একা বসে থাকি। ঢাকা তো এখন ব্যয়বহুল এক খোলা ছাদের কারাগার। এ অবস্থায় মানুষে মানুষে সম্পর্কের বয়ন ফেঁসে যায়, কেউ সেই সামাজিক জালের ফোকর দিয়ে পড়েও যায়। তাদেরই কেউ কেউ খুনি, ধর্ষক, নির্যাতক কিংবা পেশাদার অপরাধী হয়ে ওঠে। এদের সংখ্যা যত কমই হোক, একেকটি সামাজিক হত্যাকাণ্ড গোটা সমাজকেই চমকে দেয়। টনক যদি কারও থেকে থাকে, তাহলে এসবের প্রতিক্রিয়ায় তার জাগরণ ঘটা উচিত।
মুক্তিযুদ্ধের সময়ে আবেগ উথলানো সেই গানটা মনে আছে? সেই যে,
‘...যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি।’
সমাজে শান্তির শিবির বাঁচাতে আমাদের এখন খতিয়ে দেখা দরকার, যেভাবে সব চলছে সেভাবে চলতে পারে কি না!
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Tuesday, March 1, 2016

জামাইয়ের আদর চলুক, শাস্তি হোক সাংবাদিকের by ফারুক ওয়াসিফ

হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে সাংসদপুত্র
বখতিয়ারকে নিয়ে ​যাওয়া হয় আদালতে।
নারায়ণগঞ্জের সাত খুনের আসামি তারেক সাঈদ পথ দেখিয়েছেন। সেই পথে হাসপাতালের ভিআইপি কেবিনে পৌঁছে গেছেন ইস্কাটনের জোড়া খুনের আসামি সাংসদপুত্র রনি। ‘ঘোড়া দেখে খোঁড়া’ পুরোনো দিনের প্রবাদ। নতুন প্রবাদ হবে, ‘জেলে গেলে রোগী’। অথবা ঢাকাই সিনেমার ঢঙে বলা যায়, ভিআইপি কেন আসামি? মানুষের মুখ আছে, মানুষ নানান কথা বলবে। কিন্তু মানী লোকের মান রাখাও তো কর্তৃপক্ষের কর্তব্য। সম্মানী লোকের আরাম-আয়েশ দরকার। তাই রনি কারাগারের বদলে হাসপাতালে। যদ্দেশে যদাচার—যেখানে যেমন চলে আর কি।
গত বছরের ১৩ এপ্রিল নেশাগ্রস্ত রনির এলোপাতাড়ি গুলিতে যাঁরা মারা গেছেন, তাঁরা মামুলি লোক। একজন চালান রিকশা, আরেকজন অটো। আর নারায়ণগঞ্জের যে সাত হতভাগ্যের মৃত্যুর জন্য তারেক সাঈদের বিচার হওয়ার কথা, তাঁরাও কেউকেটা কেউ নন। সবাইকে সমান চোখে দেখা ঠিক না। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তিকে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা যেতে পারে। মারাত্মক অসুস্থ বলে তাঁর পরিবার হা-হুতাশ করলেও কুছ পরোয়া নেহি। হাসপাতাল তাঁর জন্য নয়। হাতের পাঁচ আঙুল যদি এক সমান না হয়, তাহলে যে হাতে খুন করা হয় আর যে হাতে কলম ধরা হয়, তা কেমন করে সমান হবে? সব আসামিরই তো আর মেরুদণ্ডে সমস্যা নেই।
কী সুন্দর মিল তারেক আর রনি সাহেবের। দুজনেই মেরুদণ্ডের ব্যথার দোহাই দিয়ে হাসপাতালস্থ হয়েছেন। অবশ্য বাংলাদেশে এখন মেরুদণ্ড থাকাটাই এক বিরাট সমস্যা। ব্যথা না হলে কি করে আমরা জানতাম যে তারেক ও রনিরও মেরুদণ্ড আছে এবং সেখানে ব্যথা হয়।
কিন্তু চিন্তার কারণটা অন্য জায়গায়। আসামিদ্বয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন ক্ষমতাশালী এক রাজনৈতিক নেতার জামাই, অন্যজন সাংসদের পুত্র। দফায় দফায় তাঁরা সরকারি হাসপাতালে এসে থাকছেন, ঘুমাচ্ছেন। তাহলেও তাঁদের আসল অসুখটাই এখনো শনাক্ত করতে পারছেন না ডাক্তাররা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. নেছার আলম প্রথম আলোকে বলেন, অর্থোপেডিক সমস্যার কারণে বখতিয়ার রনিকে গত ৩১ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অথচ তিনি কিনা ভর্তি আছেন মেডিসিন বিভাগের অধীনে। ওদিকে তাঁর তত্ত্বাবধানকারী মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম হাফিজ বলছেন, বখতিয়ারের সমস্যা আসলে কিডনিতে। সেটাই সই, কিডনির চিকিৎসাই হোক! তা না, তাঁকে দেওয়া হচ্ছে সাইকোথেরাপি। মুনের সুখের জন্য সাইকোথেরাপি খারাপ না। তবে বিচার শুরু হওয়ার আগে আগেই তাঁকে মানসিক রোগী বানানোর কৌশলটা দারুণ। এখন ডাক্তাররা যদি সার্টিফিকেট দিয়ে দেন, রনি মানসিকভাবে অসুস্থ, তাহলেই তো কেল্লা ফতে। পাগলের গুলিতে জোড়া হত্যার মামলা তাহলে হালকা হয়ে যায়। রনির আইনজীবীরা ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে বলতে পারবেন, রনি সুস্থ মস্তিষ্কে গুলি করেননি! এই বেলা রনির পথ ধরতে পারেন তারেক সাঈদের মতো অভিযুক্তরা। তাঁরও উচিত কোমর বা নাক-টাকের অসুখের কাহিনি না সাজিয়ে সরাসরি ‘পাগল’ সেজে থাকা। পাগল বলেই তো ‘ভিআইপি কেবিনের সামনে খোশগল্প করতে করতে রনি বলে ফেলেন, ‘আমার মা পিনু খান এমপি ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। বাবাও এমপি ছিলেন। আমিও একজন সিআইপি। আমার নাম বখতিয়ার আলম রনি, আওয়ামী লীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও একটি ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক। অথচ ডিবি পুলিশ আমাকে ইস্কাটনের জোড়া খুনের মামলায় ফাঁসিয়ে দিল। শিগগিরই আমার জামিন হবে।’ (প্রথম আলো , ২৭ ফেব্রুয়ারি) পাগল বটে, ক্ষমতার পাগল।
গত বছরের অক্টোবরে গুলশানের রাস্তায় বেপরোয়া রেসিং কারের ধাক্কায় রিকশাযাত্রী মায়ের কোলে থাকা এক কচি শিশু মরে যায়। ঘটনার আট দিন পর উচ্চ আদালতের নির্দেশে পুলিশ একটা মামলা করে বটে। পরে জানা যায়, নিহত শিশুর পরিবার মামলাটি তুলে নেয়। কেন তুলে নেয়, কিসের বিনিময়ে তুলে নেয়, তা আর জানা যায় না। যা-হোক, আইনগতভাবে বিষয়টির মীমাংসা হয়ে যাওয়ার পর আমরা বলতে পারি, আসলে রেসিং কারটি কেউ চালাচ্ছিল না, আর ওটার আঘাতে সেদিন কেউই খুন হয়নি। আশা করি, অচিরেই আমরা জানতে পারব, তারেক ও রনিও পাগলামির বশে অপরাধ করে ফেলেছেন। তাঁরা কারও মৃত্যুর জন্য সরাসরি দায়ী নন। যাঁরা মরেছেন, তাঁদেরই আসলে কপাল খারাপ। আসলে ওই তিনটি ঘটনায় নিহত ব্যক্তিরা মৃত বটে, তবে হত্যার শিকার নন। কেউ তাঁদের হত্যা করেনি! পত্রিকাগুলো সব মিথ্যা লিখেছে! এ জন্য সাংবাদিকদের শাস্তি হোক আর আসামিদের রাখা হোক জামাই-আদরে।
সর্বশেষ, আদালতে তারেক সাঈদ, র‍্যাবের আরও দুই কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণের সময় এজলাসকক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে’। আমাদের মনে হয়, দেখে শুনে চুপিয়া যাওয়াই ভালো। তার পরও চলচ্চিত্রকার ঋতিক ঘটকের সুবর্ণরেখার সেই খ্যাপাটে চরিত্রের কথা মনে আসে, ঘুলঘুলি দিয়ে মুখ বাড়িয়ে যে বলেছিল, ‘আমি কিন্তু সব দ্যাখতাছি’।

Monday, February 29, 2016

আততায়ী, কর্তৃপক্ষ ও রাষ্ট্রকে খুঁজছি by ফারুক ওয়াসিফ

দেশে অনেক শিশু হত্যার শিকার হচ্ছে এবং অনেক বন্দুকযুদ্ধও হচ্ছে। হত্যাকারীরা খালি হাতে বা লাঠি বা দা দিয়ে শিশুদের হত্যা করে লুকিয়ে রাখে। যেমন ঘটেছিল ঢাকার কেরানীগঞ্জে ও সিলেটের বাহুবলে। তারপর সেই সন্দেহভাজন হত্যাকারীদের কেউ কেউ পালাতে গিয়ে র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে মারাও পড়ে। যেমনটা ঘটেছে কেরানীগঞ্জ ও বাহুবলের শিশুহত্যার সন্দেহভাজনদের বেলায়। সর্বশেষ, বাহুবলের চার শিশু হত্যার আসামিদের একজন বাচ্চু মিয়া (৩৩) র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
যা-ই হোক, খবরগুলো পড়ার পর থেকে নারায়ণগঞ্জের নিহত কিশোর ত্বকী ও তার বাবার কথা ভাবছি। ত্বকীকে নিষ্ঠুর কায়দায় হত্যা করে নারায়ণগঞ্জেরই শীতলক্ষ্যা নদীর সোঁতায় ফেলে রাখা হয়েছিল। সেই থেকে ত্বকীর বাবা রাফিউর রাব্বী বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। রাফিউর রাব্বী সেই শহরের একজন ব্যবসায়ী ও সাংস্কৃতিক আন্দোলনের পরিচিত নেতা। তাঁর কিংবা ত্বকীর মায়ের শোকের পরিমাপ করা সম্ভব নয় আমাদের পক্ষে। কিন্তু এই তিন বছরে কখনো তাঁদের বলতে শুনিনি, তাঁরা প্রিয়তম পুত্রের হত্যাকারীদের ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে মৃত্যু চান। তাঁরা বরং বিচার চেয়ে এসেছেন। বিচার বলতে বুঝিয়েছেন আদালতের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আইনিভাবে খুনি অথবা খুনিদের শাস্তির ব্যবস্থা করা। বিচারের মাধ্যমে শাস্তি আর বন্দুকযুদ্ধে হত্যার মধ্যে পার্থক্য আছে। প্রতিটি বিচারের ঘটনায় সমাজে আইনের শাসন শক্তিশালী হয়, আততায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র সজাগ—এই ধারণা প্রতিষ্ঠিত হয়, জনগণের মধ্যে নিরাপত্তার ভরসা নবায়িত হয় এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের শক্তি নিজেদের জোরদার করার সুযোগ পায়।
গত বছরের আলোচিত ঘটনাগুলোর অন্যতম ছিল শিশু রাজন ও সামিউলকে পিটিয়ে হত্যার ঘটনা। শিশু দুটির পরিবারও বিচার চেয়েছিল এবং আদালতের মাধ্যমে সেই বিচার নিশ্চিত করা হয়েছিল। তা দেখে অনেকের মতো আমরাও আশাবাদী হয়েছিলাম যে পুলিশ সঠিক তদন্ত করলে, ক্ষমতাশালী রাজনৈতিক কর্তৃপক্ষ বাধা না দিলে অল্প সময়ের মধ্যে ন্যায্য বিচার করা সম্ভব। এই দুটি ঘটনায় দেশজোড়া আলোড়নের চাপে পুলিশ ও কর্তৃপক্ষ যা করা উচিত, সেটাই করেছিল। আসামিদের একজনকে সৌদি আরব থেকে ধরে এনে কাঠগড়ায় তোলা হয়েছিল। ত্বকীর খুনের ঘটনায় কেন এ ধননের তৎপরতা দেখা গেল না?
শিশুহত্যার ঘটনায় আমরা তিন ধরনের ‘বিচার’ দেখতে পেলাম: আদালতের মাধ্যমে দ্রুত বিচার (সামিউল ও রাজনের বেলায়), বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ‘বিচার’ (সাম্প্রতিক কেরানীগঞ্জ ও বাহুবলের শিশু হত্যার বেলায়) এবং করব করব করেও বিচার না করার অবিচার (ত্বকী হত্যার মতো ঘটনায়)!
কারও বেলায় অতিবিচার হয় আর কারও বেলায় হয় এর উল্টো। ২০০৪ সালে নাটোরের বিএনপি নেতা গামা হত্যাকারীদের ২০ জনই ফাঁসির দণ্ডাদেশ থেকে ২০১০ সালে রাষ্ট্রপতির ক্ষমা পান। ২০১১ সালে নাটোরেরই বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১১ আসামির সবাই জামিনে মুক্তি পেয়ে এখনো ধরাছোঁয়ার বাইরে। সরকার ও পুলিশ যখন এ রকম এক চোখে দুরবিন আর আরেক চোখে ঠুলি পরে থাকে, তখন সমাজে নৈরাজ্য উপস্থিত হয়। নৈরাজ্য মানে নাগরিকের অধিকার ও নিরাপত্তা যখন নাজুক, যখন যা হওয়ার কথা নয়, তা-ই হয় এবং যা হওয়া খুবই প্রয়োজন, তা হয় না। শিশুহত্যার এমন ব্যাপকতা কোনোভাবেই হওয়া উচিত ছিল না। কিন্তু হচ্ছে। পুলিশ ওয়েবসাইটের হিসাব দেখায়, ২০১৫ সালে থানায় নথিবদ্ধ হওয়া খুনের সংখ্যা ৪ হাজার ১৫। শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, একই বছরে ২৯২ শিশু হত্যার শিকার হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, ওই বছর বাংলাদেশে ১৮৩ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই সংখ্যা আগের বছরের চেয়ে ৫৫ জন বেশি। বাস্তবত, সব ঘটনা থানায় নথিবদ্ধ হয় না, সব খবর পত্রিকা পর্যন্ত আসে না। তারপরও এ পরিসংখ্যান অকাট্যভাবে প্রমাণ করে, বিচারবহির্ভূত হত্যা ও অপরাধমূলক হত্যা একসঙ্গেই বাড়ছে বাংলাদেশে।
আমাদের প্রশ্নটা বরং অন্য জায়গায়। একটা দেশে কেন ও কখন এত হত্যা-প্রতিহিংসা বেড়ে যায়? দেশ মানে সমাজ। আমরা ইংরেজ আমল থেকে কেবলই রাষ্ট্র রাষ্ট্র করছি। রাষ্ট্রকে কার্যকর করা, রাষ্ট্রকে শক্তিশালী করা, রাষ্ট্রকে মানবিক করার কথা আমরা বলে থাকি। কিন্তু সমাজের কী হবে? সিরিয়াল কিলার ও ধর্ষক রসু খাঁ তৈরি হয় সমাজে, মা-বাবাকে হত্যাকারী ঐশীও বেড়ে ওঠে সমাজে-পরিবারে। শিশুর ঘাতকেরাও এই সমাজেরই আরও কারও বাবা-স্বামী-ভাই হয়েই আছে। ঐশীর বেলায় আদালত দৃশ্যত খুনের বিচার করেছে, কিন্তু যে পরিবেশ খুনি বানিয়ে তোলে, সেটাকে শায়েস্তা করা হবে কোন কায়দায়? সব দায়ের বিচার তো ফৌজদারি বিধিতে হওয়ার কথাও নয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে নির্বিচার গুলিতে ১৪ জন নিহত হওয়ার পরে সিএনএন শিরোনাম দিয়েছিল ‘সোশ্যাল কিলিং!’ সামাজিক ক্রসফায়ারই বলি আর বলি সোশ্যাল কিলিং, এগুলোর কি প্রতিকার নেই? সরাসরি যে খুনি, তার শাস্তি দিলেই এসব ঘটনা ঘটা বন্ধ হয় না। বিভিন্ন জায়গায় নোটিশ টাঙানো থাকে, কর্তৃপক্ষ দায়ী নয়। এসব ক্ষেত্রে কি কর্তৃপক্ষের দায় নেই? সাধারণ মানুষের দ্বারা সাধারণ মানুষের খুন, বড়দের ওপর রাগের জন্য নিরীহ নিষ্পাপ ছোটদের হত্যা করা আসল অসুখ নয়, এগুলো রোগলক্ষণ বা সিম্পটম। আমাদের সমাজ যে ভয়ানকভাবে হিংসাত্মক হয়ে উঠছে, এগুলো তারই প্রকাশ।
অপরাধের ঘটনায় দারোগা খুঁজবে অপরাধীকে, রাজনীতিবিদেরা বেশির ভাগ ক্ষেত্রেই হয় দায় এড়াবেন, অথবা প্রতিপক্ষকে ফাঁসানোর ফন্দি করবেন। কিন্তু সমাজবিজ্ঞানীকে খুঁজতে হবে সমাজের গভীর অসুখের কারণ। কোনো সমাজে বড়সংখ্যক মানুষের মনে কেন নিষ্ঠুরতা ও হিংসা-প্রতিহিংসা দানা বাঁধে, তার কার্যকারণ জানতে না পারলে এই সামাজিক বিপর্যয় ঠেকানো যাবে না। সারানো সম্ভব হবে না সমাজের এই ব্যাধি।
ইংরেজ আমল থেকে আমরা মোটামুটি তিনটি রাষ্ট্রের অভিজ্ঞতা লাভ করেছি। রাষ্ট্র বদলেছে, সমাজও বদলেছে। কিন্তু সমাজকে সবার জন্য নিরাপদ করার বা সংস্কারের ডাক কি কখনো জোরেশোরে দেওয়া হয়েছে? বড় রাজনীতিবিদদের কথা বলে লাভ নেই। বিদ্যাচর্চায় জড়িত ব্যক্তি কিংবা অপরাধ বিশেষজ্ঞ ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের কাছে কি আসলেই কোনো ব্যাখ্যা বা সমাধান আছে?
ছোটবেলায় পত্রিকার পাতায় মাঝেমধ্যেই ‘আততায়ীর হাতে নিহত’, ‘কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানে না’ কিংবা ‘রাষ্ট্র নির্বিকার’ কথাগুলো পড়ে ভাবতাম, আততায়ী, কর্তৃপক্ষ ও রাষ্ট্র বোধ হয় কোনো ব্যক্তির নাম। ভয়ে ভয়ে আততায়ী নামক খারাপ লোকটাকে খুঁজতাম, কর্তৃপক্ষ নামক মানুষটা কেন এত চুপ, সেটা ভাবতাম আর রাষ্ট্র কোথায় থাকে, সেই প্রশ্নে পেরেশান হয়ে যেতাম। আজকের করুণ, কঠিন বাস্তবতার সামনে সে রকমই পেরেশান লাগে, যখন ‘আততায়ী’র সঠিক বিচার হয় না বা তাকে খুঁজে পাওয়া যায় না এবং ‘কর্তৃপক্ষ দায়ী নয়’ মনোভাব নিয়ে চলে এবং রাষ্ট্রকে পাষাণের মতো নির্বিকার থাকতে দেখি।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Monday, February 15, 2016

ভ্যালেন্টাইন এরশাদ by ফারুক ওয়াসিফ

আজ ভ্যালেন্টাইনস দিবস, তথা ভালোবাসা দিবস। আজ দিন এরশাদের। তেত্রিশ বছর আগেও যেমন, তেত্রিশ বছর পরেও তেমন। তেত্রিশ বছর আগে এই দিনে এরশাদের স্বৈরশাসন রুখতে গিয়ে ছাত্ররা প্রাণ দিয়েছিলেন। এবং ‘তেত্রিশ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি’—সেই শহীদেরা বিস্মৃতপ্রায়, কিন্তু দারুণ জাগ্রত ভালোবাসা। আর সেই ভালোবাসা এমনই রঙিন, কেবলই এরশাদের কথা মনে আসে। প্রেমিকের ভাবমূর্তি নিয়ে তিনি আজও ‘বর্তমান’।
সোয়া বছর আগেও তাঁর প্রেমিক হৃদয় বলে উঠেছিল, ‘এখন আর প্রেম-ভালোবাসা নেই। সমাজ থেকে প্রেম-ভালোবাসা উঠে গেছে’ (আমাদের সময়, ৯ ডিসেম্বর ২০১৪)। এরশাদ যে প্রেমিক, এ তাঁর অতি বড় শত্রুও অস্বীকার করবে না। আমাদের আশির দশক এরশাদের প্রেমের দশক। আর সেই প্রেমের ইতিহাস প্রতারণারও ইতিহাস। এক প্রেমিকাকে তিনি দলের সংরক্ষিত কোটায় সাংসদ বানিয়েছিলেন, পরে ছুড়ে ফেলেছিলেন। আরেক নারী যুক্তরাজ্যে গিয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন। তাঁর আরেক স্ত্রী বিদিশাকে তো একরকম নির্যাতিত ও অপমানিত হয়ে বিদায় নিতে হয়েছিল। এরশাদের প্রেমঘটিত কাহিনিগুলো তাঁর পতনের পরে দেশের জাতীয় দৈনিকগুলোয় প্রকাশিত হয়।
অনেকের কাছে এসব এখনো মজাদার গল্প। কিন্তু এই মজার আড়ালে চাপা পড়ে যায় এরশাদ আমলের রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো। ১৪ ফেব্রুয়ারির ভ্যালেন্টাইনস দিবসের রমরমার তলায় চাপা পড়ে গেছে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাস। এরশাদের শাসন আর তাঁর শিক্ষামন্ত্রী মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আত্মাহুতি দিয়েছিলেন। ঢাকার হাইকোর্টের সামনের রাস্তায় পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিলেন জাফর, জয়নাল, দীপালি সাহা, আইয়ুব, ফারুক, কাঞ্চন প্রমুখ। ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকার স্বীকার করে মাত্র একজনের মৃত্যুর কথা। পরদিন চট্টগ্রামে নিহত হন মোজাম্মেলসহ আরও কয়েকজন। সেই থেকে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস।
কিন্তু এ এমন এক যুগ, যখন ইতিহাস ও স্মৃতির বাছাই চলছে। যে ইতিহাস ও স্মৃতির পক্ষে ক্ষমতা ও ব্যবসা আছে, সেটাই কেবল জীবন্ত হয়। সেই স্মৃতিই পুষে রাখা হয়, যা নাকি ক্ষমতাবানদের জন্য নিরাপদ। বাকিদের পাঠানো হয় বিস্মৃতির হিমঘরে। ভালোবাসা দিবস তাই যত জাগ্রত, তত জাগ্রত নয় ১৪ ফেব্রুয়ারির শহীদদের আত্মদানের রক্ত-অশ্রু-দ্রোহের কথা। একটি নিলে আরেকটিকে ভুলে যেতে হবে, এমন ছোট হবে কেন প্রেমিকের মন, এমন খাটো হবে কেন তাদের স্মৃতি?
কিন্তু ভালোবাসার সঙ্গে বিদ্রোহ-বিপ্লবের তো কোনো বিরোধ থাকতে পারে না। রণাঙ্গন থেকে কিংবা জেলখানা থেকেই তো যুগে যুগে লেখা হয়েছিল হৃদয় নিংড়ানো প্রেমের কবিতা। এরশাদবিরোধী আন্দোলনে প্রেম, বিদ্রোহ ও কবিতা পাশাপাশি হেঁটেছিল তরুণদের মিছিলে, মঞ্চের বক্তৃতা ও কবিতার আবৃত্তিতে। নব্বইয়ের এক ছাত্রনেতার মুখে শুনেছি, এরশাদের পতনের খবর শুনে নাকি আবেগে ছেলেমেয়েরা পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন। পরে গণতান্ত্রিক সরকারের আমলে শামসুন্নাহার হলে ন্যক্কারজনক পুলিশি অভিযানের সময়ে যে তীব্র আন্দোলন তৈরি হয়েছিল, তার সোনালি মুহূর্তটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর পদত্যাগ। কেন্দ্রীয় শহীদ মিনারে তখন আমরণ অনশন চলছিল শিক্ষার্থীদের। পুলিশের নির্মম মার, ছাত্রদলের হুমকি, বিভিন্ন পক্ষের ষড়যন্ত্রের মধ্যে দিনরাত শত শত ছেলেমেয়ের জমায়েত চলছিল শহীদ মিনারের বেদিতে। বিজয়ের খবরে ছেলেমেয়েরা হাত ধরাধরি করে গোল হয়ে নেচেছিলেন আর গাইছিলেন প্রাণভরে। বন্ধুত্ব, ভালোবাসা ও সংগ্রামের আবেগ তাঁদের এক করেছিল। ভালোবাসা দিবসে এই সব সংগ্রামী ভালোবাসারও স্থান থাকুক, সেই শহীদদের জন্যও নিবেদিত হোক না কিছু কবিতা ও কিছু লাল গোলাপ।
সৌন্দর্য ঘাতক ও সমালোচককে একসঙ্গে যে মুগ্ধ করতে পারে, তার প্রমাণ এরশাদ ও তাঁর ঘোরতর সমালোচক সাংবাদিক-লেখক শফিক রেহমান। উভয়েরই প্রিয় ফুল লাল গোলাপ, উভয়ই প্রেম ও কবিতার আশিক। এরশাদের আমলের মধ্যসময়ে তিনি যায়যায়দিন নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা শুরু করেন। সেখানেও প্রেম ও প্রতিবাদ একসঙ্গেই চলেছিল। ওই পত্রিকায় নিয়মিত ছাপা হতো মিলা ও মঈন নামের দুই কল্পিত চরিত্রের প্রেমালাপ। তাদের সেই আলাপের বড় অংশজুড়েই থাকত রাজনৈতিক ঘটনাবলি এবং অবধারিতভাবে উঠত এরশাদের সমালোচনা। এমন সব লেখার জন্য শফিক রেহমানকে দেশছাড়া হতেও হয়েছিল কিছুদিনের জন্য। আর শফিক রেহমানই তাঁর ‘লাল গোলাপ’ নামের টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারির ভ্যালেন্টাইনস দিবসের প্রচার শুরু করেন। সেই অনুষ্ঠানে তিনি লাল গোলাপ হাতে আসেন, অতিথিদের তা উপহারও দেন। ইতিহাস এ রকমই পরিহাসময়। একসময়ের এক তীব্র এরশাদবিরোধীর মাধ্যমেই এরশাদ আমলের এক বিয়োগান্ত অধ্যায় আড়ালে পড়ে যেতে শুরু করে। ক্ষমতার মতোই প্রেমও সময়ে সময়ে অন্ধ বটে। আজকের প্রেমান্ধরা কি স্বৈরাচারীর অপরাধ দেখবেন না? আর ক্ষমতান্ধরা কি চিরকালের মতো প্রেমের পথে বাধাই হয়ে থাকবেন?
১৪ ফেব্রুয়ারিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস আর ভালোবাসা দিবস একসঙ্গেই চলতে পারত হাত ধরাধরি করে। তা যে হলো না, কারণ ভালোবাসা-বাসির সঙ্গে জড়িত সব পণ্যের বাজার বড়ই চাঙা। কারণ, স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনা খুবই দুর্বল। গণতন্ত্র দাবি করতে যে সাহস লাগে, যে সংগ্রাম ও সততা লাগে, তাও যেন কমে আসছে আজকের তরুণদের মধ্যে।
পরাজয়ের স্মৃতি মানুষ ভুলে যেতে চায়। নব্বইয়ে এরশাদের পতন হলেও গণতন্ত্রের জয় টেকসই হয়নি। এককালের গণতন্ত্রের প্রহরীরা এখন এরশাদের প্রতিই ভালোবাসার হাত বাড়িয়ে আছেন। বাংলাদেশের রাজনীতির পিতৃপুরুষ এরশাদই, সবাই যেন তাঁর মতো একচেটিয়া ক্ষমতা ভোগ করতে চায়। সেই পথে যেতে যেতে তাঁরা মাড়িয়ে চলেন ১৪ ফেব্রুয়ারিসহ আশির দশকের সব
শহীদ তরুণ-তরুণীদের অবদান। হয়তো ভবিষ্যতের অন্য কোনো তরুণেরা প্রেম ও বিদ্রোহের নামে আবার তাদের আত্মদানের স্মৃতিকে জাগিয়ে তুলবে। সে সময় পর্যন্ত কি এরশাদের মতো মানুষদের মেকি হাসি মেকি কান্না আমাদের দেখে যেতে হবে?
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Friday, February 5, 2016

নিহত ও নিখোঁজ হাজারো আয়লানের দায় by ফারুক ওয়াসিফ

তুরস্কের উপকূলে ভেসে আসা সিরীয় শরণার্থী শিশু
আয়লান কুর্দির লাশ এক মানবিক প্রশ্ন
বিক্রি হবে, শিশুর জুতা, সম্পূর্ণ আনকোরা। কেনা হয়েছিল, কিন্তু পরানোর আগেই মরে গেছে, এমন এক শিশুর শোকে থরথর ছয়টি শব্দ: For sale, Baby shoes, Never worn! লেখক আর্নেস্ট হেমিংওয়ে। সিরীয় যুদ্ধে এ পর্যন্ত নিহত ১০ হাজার শিশু। শরণার্থী হতে গিয়ে হারিয়ে গেছে আরও ১০ হাজার। এই ট্র্যাজেডি ভাষায় বর্ণনা করা সম্ভব?
তুরস্কের সমুদ্রতীরে সিরীয় শিশু আয়লানের মৃতদেহ পড়ে থাকার দৃশ্য মনে আছে? ওর পায়েও ছিল এক জোড়া কালো জুতা। সেগুলোও কি পুরোনো জিনিসের দোকানে বিক্রির জন্য উঠেছিল? এক যুদ্ধেই নিহত ১০ হাজার, নিখোঁজ ১০ হাজার শিশুর দায় কেমন করে শোধ করবে পৃথিবী? আরও যুদ্ধ চালাবে, নাকি যুদ্ধবাজদের ছুড়ে ফেলবে সেই সাগরে, যেখানে শিশুরা ডুবে মরছে প্রতিনিয়ত। আয়লানের পরেও আরও আরও শিশুর লাশ ভেসে আসছে তুরস্কের সাগরতীরে। গত শনিবারও ডুবে মারা গেছে ৩৯ জন। আবারও সৈকতে পড়ে থেকেছে শিশুর লাশ, আর তাদের খেলনা পুতুল। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি লিখে সাড়া জাগিয়েছিলেন মার্কিন সাহিত্যিক হেমিংওয়ে। এক নিঃসঙ্গ বৃদ্ধ জেলের পরাজিত না হওয়ার জেদের গল্প উজ্জীবিত করেছিল পাঠকদের। বেঁচে থাকলে তিনি হয়তো লিখতেন আরেক উপন্যাস, যার নাম হতো ‘চিলড্রেন অ্যান্ড দ্য সি অব টাইরানি’: ‘নির্মমতার সমুদ্র ও শিশুরা’। সম্প্রতি চীনা শিল্পী আই ওয়েইওয়েই আয়লান যেখানে নিথর পড়ে ছিল, সেখানেও ওর মতো শুয়ে থেকে প্রতিবাদ করেছেন।
তুরস্কের সমুদ্র সৈকতে ভেসে উঠেছিল সিরিয়ার শরণার্থী শিশু আইলান
জাতিসংঘ জানাচ্ছে, সিরীয় যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছে, যাদের ১০ হাজারই শিশু। ওদিকে আরও আরও বোমা, বিমান, সৈন্য নামছে যুদ্ধের ময়দানে। খুব, খুব ব্যবসা হচ্ছে অস্ত্র কোম্পানির। ‘সভ্যতা’ নামক রূপকথায় বিশ্বাস টলে যাচ্ছে। শরণার্থীরা সীমান্তে সীমান্তে আশ্রয়ের তালাশ করছে। কেউ আশ্রয় পাচ্ছে, কেউ আটক হচ্ছে কারাগারে। সেভ দ্য চিলড্রেনের হিসাবে গত বছর ২৭ হাজার শিশু অভিভাবকহীন অবস্থায় ইউরোপে আসে। যুদ্ধে তারা অভিভাবক হারিয়েছে অথবা তাদের যুদ্ধভূমির বাইরে পাঠিয়ে আশ্বস্ত থাকতে চেয়েছে তাদেরই নিরুপায় পিতামাতা। এদের মধ্যে অন্তত ১০ হাজার জনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপোল। তাদের আশঙ্কা, ইউরোপের পাচার চক্র এদের অনেককেই দাস ও যৌনপণ্য হিসেবে বিক্রি করে দিচ্ছে।
শরণার্থীদের আসা শুরু হলো আর সক্রিয় হয়ে উঠল আন্তর্জাতিক মানব পাচার চক্র। পাচারের জন্য বিশাল অবকাঠামো ও লোকবল খাড়া হয়ে গেল। অনেক লাভ এই ব্যবসায়। বলকান যুদ্ধের পরও পূর্ব ইউরোপের হাজার হাজার শিশু ও তরুণী শরণার্থীকে পতিতাবৃত্তি ও দাসত্বের জালে আটকানো হয়েছিল। ইরাক যুদ্ধের পরও এই সর্বনাশা জাল হাজার হাজার নারী ও শিশুকে বাগে পেয়ে আটকে ফেলে। সেই চক্রই এখন টার্গেট করছে মধ্যপ্রাচ্যের নারী ও শিশুদের।
যুদ্ধে কারও সর্বনাশ কারও পৌষ মাস। কানাডীয় রাজনৈতিক তাত্ত্বিক নওমি ক্লেইন তাঁর দ্য শক ডকট্রিন: দ্য রাইজ অব ডিজাস্টার ক্যাপিটালিজম (২০০৭) বইয়ে এই করুণ কঠিন বাস্তবতা উদোম করে দিয়েছেন। তাঁর অভিযোগ, নিওলিবারেল মুক্তবাজার অর্থনীতি যেকোনো সংকটকেই কাজে লাগায়। প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামরিক বিপর্যয়কে ব্যবহার করে তারা সম্পদ ও ক্ষমতার আরও কেন্দ্রীভবন ঘটায়। ইরাক যুদ্ধ এর নিকটতম উদাহরণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাশ্চাত্যের মূল ভূমিতে কোনো যুদ্ধ না হলেও বাকি দুনিয়ার প্রায় সব যুদ্ধ ও গণহত্যায় তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। বাংলাদেশেও মার্কিন-সমর্থিত পাকিস্তানি গণহত্যা হয়েছিল। কত শিশু সে সময় নিহত, নিখোঁজ ও পঙ্গু হয়েছিল দেশের ভেতরে ও শরণার্থীশিবিরে, সেই হিসাব কি জাতিসংঘ কোনো দিন করবে? কত হাজার যুদ্ধশিশু মৃত্যু অথবা পাচারের শিকার হয়েছিল, তার খোঁজ কি আমরাই রাখি? আমরা সভ্যতার সেই পারের বাসিন্দা, যেখানে সবই কম। আমরা বড় কেবল পরিসংখ্যানে: শিশুমৃত্যুর পরিসংখ্যান, না খাওয়া ও রোগে ভোগা জীবনের টলায়মানতার পরিসংখ্যান। এ রকম শুকনো পরিসংখ্যানের মধ্যেই হারিয়ে গেছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার লাখো শিশু। মধ্যযুগেও কি এত শিশুর অপমৃত্যু ঘটেছিল?
সিরীয় যুদ্ধের দায় অবশ্যই প্রথমত সে দেশের রাজনীতিকদের। তাঁদের বোঝা উচিত ছিল, অগণতান্ত্রিক শাসন বাইরের শক্তির হস্তক্ষেপ ডেকে আনে। ইরানে একধরনের গণতন্ত্র আছে বলে সে দেশে যুদ্ধ ও গৃহবিবাদ চাপিয়ে দেওয়া কঠিন। দ্বিতীয়ত, এই দায় পরাশক্তিগুলোর, ভূরাজনৈতিক প্রতিযোগিতার মরণখেলার। পাশাপাশি এটাও বলতে হবে, পাশ্চাত্য একমুখী নয়। গ্রিক দেবতা জানুসের মতো তার এক মুখে আলো, অন্য মুখে অন্ধকার। যখন সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো সিরিয়া ও ইয়েমেনে শরণার্থী সৃষ্টি করছে, তখন কিন্তু তুরস্ক ও জার্মানি এগিয়ে এসেছে তাদের আশ্রয় দিতে। নিখোঁজ ১০ হাজার শিশুর খোঁজার দায়িত্বও তো তারাই নিতে চাইছে। গত সপ্তাহে ব্রিটেনের সরকার সিরিয়া ও অন্য সংঘাত-অঞ্চলের আরও একাকী শিশুদের আশ্রয় দেওয়ার অঙ্গীকার করেছে। সুইডেনের মতো দেশ মুখ ফেরাচ্ছে যখন, তখন গ্রিস এখনো হাত বাড়িয়ে আছে। তাই সঠিকভাবেই এবারের শান্তির নোবেল পুরস্কার তাদের দেওয়ার দাবি উঠেছে।
যেকোনো সংঘাত শেষ পর্যন্ত শিশুদের আঘাত করে। জীবন যদিওবা বাঁচে, তারা হারায় তাদের নিষ্পাপ শৈশব, হারায় স্বজন। এ এমন এক দুনিয়া, যখন নাকি শিশু-কিশোরদেরই যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। পাকিস্তানের মালালার কথা আমরা জানি। সে দেশেরই আরেক কিশোরী নাবিলা। মার্কিন ড্রোন হামলায় স্বজন হারানোর ক্ষতি সে ভুলতে পারেনি। বিচার চাইতে সে এমনকি মার্কিন সিনেটের সামনেও হাজির হয়েছে। নাবিলার মতো আরও এক মেয়ে ছিল। জাপানের হিরোশিমার কিশোরী সাদাকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার পারমাণবিক বোমায় তার শহর ধ্বংস হয়ে গেল। ধুঁকে ধুঁকে সে বেঁচে ছিল আরও কিছুদিন। হাসপাতালে শুয়ে থাকতে থাকতে সে চাইল সহস্র কাগজের সারস বানাতে। ওর বিশ্বাস, তা হলে বুঝি তার মনের শুদ্ধ এক ইচ্ছা পূরণ হবে। সাদাকো চেয়েছিল, পৃথিবীর আর কোনো শিশুর অপমৃত্যু যেন না হয়। কিন্তু হাজার পূর্ণ হওয়ার আগেই সাদাকো চিরতরে ঘুমিয়ে পড়ে। আর তার গল্প জাগিয়ে দেয় জাপানের শিশুদের। তারা হাজার হাজার কাগজের সারস বানাল, গান রচিত হলো সাদাকোকে নিয়ে। সেই থেকে সাদা সারস শান্তির প্রতীক। সাদাকোর অন্তিম ইচ্ছা যে পূরণ হয়নি, দুনিয়ার নিখোঁজ, নিহত ও নির্যাতিত শিশুরাই তা জানিয়ে যাচ্ছে।
আমাদের দেশে যুদ্ধ নেই বহু বছর। কিন্তু শিশুহত্যা কি থেমেছে? এই সপ্তাহেও শিশুদের অপহরণ করে হত্যার কতগুলো সংবাদ এসেছে পত্রিকায়! কবি আবুল হাসানের কথাই কি তবে সত্য হবে? ‘আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম/ আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়!/ ভ্রূণহত্যা! সেতো আরও সাংঘাতিক, আমি জানতাম হে অর্জুন/ মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব!’
মানুষের সন্তানের অপমৃত্যুই সত্য হতে পারে না! সাদাকোর গান আমাদের সেটাই বলে যায়:
‘আমি এসে দাঁড়াই প্রতিটি দরজায়
আমার নীরব হেঁটে চলা শোনে না কেউ
করাঘাত করি আমি দোরে দোরে, শোনে না কেউ
ওগো আমি যে মৃত, আমি যে মৃত!’
গানটি বলে এমন এক শিশুর কথা, যার আর চকলেট দরকার নেই, দরকার নেই খেলনা বা দুধের—কারণ সে মৃত। সে ডেকে যায়:
‘যাতে সারা পৃথিবীর শিশুরা
ছুটোছুটি করে, গান গায় আর হাসে।’
আমরাও গেেয় যাচ্ছি মুক্তিযুদ্ধের গান: ‘যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে’; সেই বিশ্ব কি ভুলে থাকবে তার অসহায় শিশুদের?
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Monday, January 18, 2016

থাকার দেশ না টাকার দেশ বাংলাদেশ? by ফারুক ওয়াসিফ

ভূমিকম্পে মাটি কাঁপে কিন্তু ব্যবস্থা কাঁপে না,
বাসযোগ্যতা বাড়ে না দেশের
ধানমন্ডিবাসী খুবই অসন্তুষ্ট, এলাকাটি আর আবাসিক থাকছে না। একই অসন্তোষ হবিগঞ্জের চুনারুঘাটের ১৬ হাজার চা-শ্রমিকের। শতবর্ষ পুরোনো আবাদি জমি আর তাঁদের থাকবে না, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে যাবে। প্রশ্নটা কিন্তু আরও বড়, ঢাকা শহর মায় বাংলাদেশটাই কি আবাসিক থাকছে? অভিজাতপাড়ার দুঃখটা সমগ্র ঢাকারও। ঢাকা বাসযোগ্য নেই, বৈশ্বিক জরিপ চোখে আঙুল দিচ্ছে। আমরা চোখটাই ঢাকছি, সমস্যাটা দেখছি না।
বসবাসের জায়গা আর কারবারের জায়গা আলাদা থাকছে না বাংলাদেশে। সব দেশে ও নগরে ভাগ করা থাকে এবং থাকার ও অর্থনৈতিক কারবারের জন্য ভিন্ন ভিন্ন পরিবেশ ও পরিসর সৃষ্টি করা থাকে। আমাদের এমন পরিকল্পনা থাকলেও এখন কাগজের সঙ্গে বাস্তবের দারুণ অমিল। ঢাকার পরিকল্পিত আবাসিক এলাকার মধ্যে ধানমন্ডি পুরোনো। এর বাইরে গুলশান-বনানী-মোহাম্মদপুর ও উত্তরাকে আবাসিক রাখার কথা ছিল। কিন্ত কথা রাখা হচ্ছে না। বৃহত্তর ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে আগে আবাসিক এলাকায় পোশাক কারখানা চলত, এখন কারখানার মাঝে মাঝে আবাসিক এলাকা। এই মডেলই ছড়িয়ে যাচ্ছে দেশময়। এই পরিবেশ জীবনযাপনের বিপক্ষে যাচ্ছে। সামাজিক মেলামেশা ও অন্তরঙ্গতার সুযোগ কমছে। ফ্ল্যাট-রাস্তা-বাজার-টিভি ছাড়া করার কিছু থাকছে না। নির্ভার নির্মল বিচরণের জায়গাগুলোর দখল নিচ্ছে বাজারি কারবার। বাণিজ্যের শক্তির চাপে প্রতিদিন পিছু হটছে সামাজিক সমবায়।
প্রাণ ও প্রকৃতির স্পর্শহীন যে জীবন, সে জীবন সুস্থ থাকতে পারে না। মানুষের মধ্যে অস্থিরতা, হতাশা, নিঃসঙ্গতা আর হিংস্রতা বাড়ছে। অনেককেই তাই বলতে শুনি, ‘দেশটা আর দেশ নাই’। দেশের আরেক অর্থ ঘর। ইংরেজিতে বলে ‘অ্যাট হোম ফিল’ করা। যদি নিজ নিবাসে আপনি ঘরোয়া শান্তি না পান, তাহলে দেশে আছেন বলা যাবে না।
দেশ মানে আপন পরিবেশে শান্তিতে থাকার জায়গা। কে থাকবে? থাকবে আপন সন্তান-পরিজন, থাকবে যে জনগোষ্ঠীর অংশ আমরা, তারা। অর্থ থাকলে পৃথিবীর যেকোনো জায়গাতেই এই নিরাপত্তা ও শান্তি কিনে থাকা সম্ভব। কিন্তু কোনো আবাসিক জায়গাকে দেশ বানাতে কয়েক প্রজন্মের বসবাসের দরকার হয়। দেশের ধারণা তাই অনেক বড়। দেশ মানে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত আপন প্রকৃতি ও মানুষের মধ্যে হুমকিহীন বসবাসের ভরসা। দেশ মানে চারপাশের সঙ্গে সুন্দর-সাবলীল সম্পর্ক। প্রকৃতি ও মানুষের সঙ্গে বন্ধনের সম্পর্ক ছাড়া তাই দেশ ও ঘর কোনোটাই হয় না। জায়গা বদলানো যত সহজ, দেশ বদলানো ততই কঠিন। দেশ তাই এমন এক আশ্বাস, ভবিষ্যতেও তা যাতে থাকে তার ব্যবস্থা থাকতে হবে।
ইতিহাস দেখায়, যেই শাসন করেছে, দেশটাকে বাসযোগ্য রাখার চিন্তা করেনি। ইংরেজরা আড়াই শ বছর থেকেও ভারতভূমিকে দেশ ভাবতে পারেনি। জমিদার ও পাঞ্জাবিরা কলকাতা–করাচি গড়েছে, বাংলাদেশ গড়েনি। অথচ কয়েক প্রজন্ম বিদেশে থেকেও নাড়ির টান টনটন করে প্রবাসী বাংলাদেশিদের মনে। জীবনের অনেকটা সময় বিদেশে পার করে শেষ বয়সে দেশে চলে আসেন অনেকেই। জনগণের ৯৯ শতাংশেরও জন্মভূমিতে থাকার ইচ্ছা ও সম্ভাবনা প্রবল। সুতরাং, দেশকে দেশের মতো রাখার ও তেমন করে গড়বার প্রয়োজনই হওয়া উচিত উন্নয়নের লক্ষ্য। তার জন্য এমনভাবে উন্নয়ন ও বাণিজ্য হতে হবে, যাতে দেশের আবাসিকতা এবং পরিবেশগত ও সামাজিক নিরাপত্তা ঠিক থাকে। তা না হলে থাকার জায়গাকে দেশ বলব কীভাবে?
এ কারণেই ধানমন্ডিবাসীর উদ্বেগটা বৈধ। যেমন বৈধ নদী-জলাশয়, অরণ্য-পাহাড় বাঁচানোর দাবি। নদী বাঁচছে না, অরণ্য-পাহাড় ধ্বংসের গতি থামছে না। নদী ছাড়া, অরণ্যের দান সজীব জলবায়ু ছাড়া দেশের বাসযোগ্যতা রাখা যাবে—এমন চিন্তা অযৌক্তিক, অবৈজ্ঞানিক ও অমানবিক। কাজেই আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর করার বিরুদ্ধে আন্দোলন, ওসমানী উদ্যান বাঁচাও আন্দোলন বৈধ ছিল। এ কারণেই ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করা, সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্র করা, হবিগঞ্জের চুনারুঘাটসহ কৃষিজমিতে বাণিজ্যিক কারবার বসানো ঠিক না।
কিন্তু দেশের মানুষের রুটি-রুজি মর্যাদার উন্নতিও তো দরকার। উন্নয়ন শব্দটা বিতর্কিত, উন্নতিই সবকিছুর আসল কথা। মূলত পরাধীনতার কারণে পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে আনার দোহাইয়ে উন্নয়ন ধারণার জন্ম হয়। এই ধারণার রূপায়ণ ও বাস্তবায়নের সর্দার তাঁরাই হন, যাঁরা নাকি কিছুদিন আগেও এসব দেশকে ঔপনিবেশিক কায়দায় শোষণ-শাসন করেছেন।
একসময় তাঁদের ধ্যানধারণা স্থানীয় শাসকেরাও গ্রহণ করেন। কারণ, এমন ধারার উন্নয়নে একটি-দুটি শ্রেণিকে খুশি করে অধিকাংশ জনগণকে দাবিয়ে রাখা যায়। উন্নয়ন তাই হয়ে দাঁড়ায় অল্প কিছু মানুষের উন্নতির মন্ত্র। বাংলাদেশটা যা এগিয়েছে তা দেশে ও প্রবাসে খাটুনি করা শ্রমিকদের দ্বারা এবং বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের কারণে।
জাপান ও জার্মানির মতো উন্নত দেশ আবাসিক এলাকার কাছে ঝুঁকিপূর্ণ উন্নয়ন প্রকল্প রাখছে না। ঘনতম বসতির দেশে আমরা রূপপুর বা রামপালের মেতা ঝুঁকিপূর্ণ প্রকল্প গ্রহণের সাহস করছি কেন? বাড়তি ভয় ভূমিকম্পের। ভূমিকম্পসহ আবাসন নিরাপদ আবাসনের শর্ত। অথচ মাটি-ভবন কাঁপল আমাদের নীতিনির্ধারকেরা অকম্পিতভাবে বলে চললেন, ঢাকার কোনো ক্ষতি হবে না!
উন্নতি কার না দরকার? শিল্পায়ন লাগবে, বিদ্যুৎ লাগবে। এর জন্য কিছু কিছু অঞ্চলের মানুষকে জমি ছাড়তে হবেও। তার মানে, আজ এখানে, কাল ওখানে খাবলা দিয়ে উচ্ছেদ করা নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এসব করতে হবে। সেই পরিকল্পনায় আবাসিকতা আর উন্নয়নের মধ্যে ভারসাম্য মানতে হবে। সবার স্বার্থে উন্নয়নের নীতি ও পরিকল্পনা কী হবে তা-ই হওয়া উচিত মূল প্রশ্ন। সারা দেশে প্রায়ই যে উন্নয়নের পরিকল্পনার সঙ্গে স্থানীয় জনগণের স্বার্থের বিরোধ হয়, তা কি ওই সব পরিকল্পনারও দোষ নয়? নীতি-কৌশল আর বাস্তবতার মধ্যে এসব সংঘাত পরিকল্পনার দুর্বলতাই দেখায়। যেমন হাতিরঝিল প্রকল্পের কথা বলা যায়। সুন্দর প্রকল্প। কিন্তু প্রতিদিন একে সচল ও পরিষ্কার রাখার ব্যবস্থাপনা দুর্বল। অন্যদিকে আশপাশের সড়ক, পানি, পয়োব্যবস্থা ঠিক না হলে এখানে আলাদা করে সুন্দর টিকবে না।
সামষ্টিক উন্নয়ন পরিকল্পনার বাধা দুটি: অ্যাডহকইজম বা অস্থায়ী পদক্ষেপ এবং ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ। উদ্ভূত কোনো সমস্যা মেটাতে আগপাছ চিন্তা না করে অস্থায়ীভিত্তিক সমাধান করতে গেলে তা বুমেরাং হয়। দ্বিতীয়ত, রাষ্ট্রের কাছাকাছি থাকা ব্যক্তিবর্গ ও গোষ্ঠীর দিকে পরিকল্পনাকে বাঁক নেওয়ানো যাবে না। শিল্পায়নের জমির সমস্যা মিটে যায়, যদি প্রতাপশালী দখলদারদের উচ্ছেদ করা যায়। খাসজমিগুলোকে উদ্ধার করা যায়। তা না করে খাদ্য জোগান দেওয়া জমি নষ্ট করা কেন? কেন গরিব মানুষের আশ্রয় কেড়ে নেওয়ার বন্দোবস্ত?
অনুমতি ছাড়াই যে কেউ যেকোনো জায়গায় যেকোনো কায়দার বাড়ি-দোকান-দপ্তর স্থাপন করতে পারে না। অজস্র ক্ষুদ্র দোকান-কারখানা-ওয়ার্কশপ ও ভবনই বলে দেয় পরিকল্পনাহীন নৈরাজ্যের কথা। এসবের সম্মিলিত অবদান হলো দেশের বাস-অযোগ্যতা। এভাবেই চলছে, চলবে? সুবিধাভোগীরা হয়তো দেশটাকে তাঁদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসভূমি মনে করেন না। তাঁদের বিদেশমুখিতাও আর লুকোছাপা নেই। বাংলাদেশ থেকে ২০১৩ সালে পাচার হওয়া অর্থের পরিমাণ ২০১৪-১৫ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয়ের সমান। ভাবা যায়? এক বছরের জাতীয় উন্নয়ন ব্যয়ের সমান অর্থ বিদেশেই চলে গেছে। এই তথ্যই প্রমাণ করে, উন্নয়নের কান্ডারিদের অনেকেরই পরিবার ও সম্পদের ঠিকানা বিদেশ। দেশটা তাঁদের থাকার জায়গা নয়, টাকা বানানোর খনি।
বাণিজ্যের শক্তি আর আবাসনের শক্তির এই বিরোধ বাংলাদেশের মৌলিক বিরোধগুলোর একটি। দেশটাকে আবাসভূমি হিসেবে টিকিয়ে রাখতে গেলে সমাজশক্তিকে ব্যবসাশক্তির ওপরে স্থান দিতে হবে। এটা আপনাআপনি হওয়ার নয়। দেশটাকে সবার বাসযোগ্য রাখতে হলে সমাজকেই দাবি নিয়ে দাঁড়াতে হবে। নিরাপদ সুস্থ আবাসনের দাবি জনপ্রিয় হলেও, বড় দলগুলো এ নিয়ে ভাবিত না। চাইলেই শহরগুলোতে ‘নিরাপদ আবাসন, দেশবাসীর উন্নয়ন’ স্লোগান জনপ্রিয় করা যায়। এটুকু উন্নতির জন্য বিপ্লবী হওয়ার দরকার নেই, সুষম-বৈজ্ঞানিক ও দূরদর্শী গণতান্ত্রিক নীতি ও তা বাস্তবায়নের কর্তৃপক্ষই কেবল প্রয়োজন।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Sunday, January 17, 2016

কী বার্তা দিয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া? by ফারুক ওয়াসিফ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের রাগের ধ্বংস-ছবি দেখে প্রায় সবাই হতভম্ব। কিন্তু এমন ঘটনা কি নতুন? মাত্র কয়েক মাস আগে টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভের এমন বিস্ফোরণ কি ঘটেনি? তবে থানা বা সরকারি স্থাপনায় আগুন স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ দেয় না সাধারণত। এর জন্য দলের বা উদ্দেশ্যবাদী লোকের হাত ও উসকানি লাগে। ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলার সময় মাদ্রাসাছাত্রদের সঙ্গে এ রকম কিছু বহিরাগত জিনস-শার্ট পরা যুবককে দেখা গেছে বলে বিভিন্ন সূত্রের খবর। বিক্ষোভের মানুষ মুখ লুকায় না। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসাছাত্রদের মধ্যে বহিরাগতরা কারা ছিল, তদন্তকারীরা তা খুঁজে দেখতে পারেন।
হত্যার চেয়ে শোকের আর ঘৃণার আর কী হয়? এক ছাত্রের মৃত্যুর শোক আর ক্রোধ আশপাশের মাদ্রাসাছাত্রদেরও খেপিয়ে তুলল। তাতে মাদ্রাসার শিক্ষকনেতাদের পরোক্ষ সমর্থন থাকাও অসম্ভব নয়। পাড়ার ছেলেরাও যোগ দেওয়ায় তারা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। পরদিন সকাল থেকে তারা শয়ে শয়ে বেরিয়ে পড়ল; শহরজুড়ে তাণ্ডব চালাল। এরই একপর্যায়ে আবির্ভাব ঘটল বহিরাগত কিছু যুবকের। পোড়ানো হলো উপমহাদেশের পরম শ্রদ্ধেয় সংগীতসাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত অনেক সামগ্রী। রেলস্টেশনসহ অন্যান্য ক্ষতিও কম নয়। তাহলেও যারা হত্যা নিয়ে নীরব, তারা সংস্কৃতির ক্ষতি নিয়ে সরব। যারা হত্যার প্রতিবাদ করেছেন, তাঁরা লাগামছাড়া বিক্ষোভের সমালোচনা কম করছেন। জীবন ও সংস্কৃতির মূল্যের তুলনায় যাব না। ভাষার জন্য যে দেশের মানুষ জীবন দেয়, সে দেশে জীবন, সংস্কৃতি ও অধিকার মোটেই আলাদা ব্যাপার নয়। তাই হত্যা ও ধ্বংসের প্রতিবাদ একসঙ্গেই করতে হবে। বলতে হবে, আমাদের নামে আর হত্যা ও ঐতিহ্য ধ্বংস নয়। আমাদের এখন এমন চেতনা ও রাজনীতি দরকার, যা জীবন আর সংস্কৃতিকে এক করে দেখবে ও বাঁচাবে। মানুষই সংস্কৃতির জন্ম দেয়, সংস্কৃতিরই দায় মানুষের পক্ষে থাকবার।
প্রাণের চেয়ে বড় ক্ষতি নেই। বিগত জীবন আর ফিরে আসে না। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের স্মৃতিচিহ্নগুলোও ফিরে আসবে না। মাদ্রাসাছাত্রের প্রাণও প্রাণ, সে-ও বাংলাদেশের নাগরিক এবং তার মৃত্যু হয়েছে হামলার শিকার হয়ে। অভিযোগ আছে, ছাত্রাবাসে পুলিশ ও বহিরাগতদের যৌথ অভিযানে তার মৃত্যু হয়। হত্যা হিসেবেই একে দেখতে হবে। পাশাপাশি শহরজুড়ে রেললাইন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সরকারি, রাজনৈতিক ও এনজিওর দপ্তর ভাঙাকে নৈরাজ্যই বলতে হবে। দুই ঘটনারই বিচার দরকার।
এ ঘটনা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সতর্কসংকেত। যেকোনো জায়গায় তিল পরিমাণ সংঘর্ষ থেকে দাবানল লেগে যেতে পারে। পরিস্থিতি অনেকটা মাইনফিল্ডের মতো, কখন কোথায় অসতর্ক পা ফেলেছ তো দুম করে বিস্ফোরণ!
বিক্ষিপ্ত সংঘর্ষ দিয়েই ঘটনাটা শেষ হয়ে যেতে পারত, যদি পুলিশ এবং ছাত্রলীগ বাহাদুরির লোভ সামলাত। প্রথম দফা সংঘর্ষের পর মীমাংসার উদ্যোগ নেওয়ার বদলে তারা রাতের অন্ধকারে ছাত্রাবাসের ফটক ভেঙে ঘুমন্ত ছাত্রদের ওপর হামলে পড়ল। জামিয়া ইউনুছিয়া নামের ওই মাদ্রাসার প্রিন্সিপালের অভিযোগ, ওই সময় মাসুদুর রহমান নামের এক ছাত্রকে লাথি দিয়ে ভবনের ওপর থেকে ফেলে দিলে তার মৃত্যু হয়। ঘটনাক্রমে ছাত্রটি মাদ্রাসার হাফেজ।
এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। এমন ঘটনা কেমন করে ঘটে, তার সূত্রটা কিন্তু ধরা দিল না। শহরবাসীর অবাক হওয়াটা বোঝা যায়। একটা সাধারণ শান্তিপূর্ণ দিন হঠাৎ দুমড়ে-মুচড়ে গেল ক্ষোভের বিস্ফোরণে। পুলিশ-ছাত্রলীগ বনাম মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে সরকার ও প্রশাসনের বিপক্ষে। দুই পর্বে দুই দিন সহিংসতা চলল। নিহত হলো এক ছাত্র, আহত অনেক। ছাত্র-তরুণদের সহিংস বিক্ষোভ ও জ্বালাও-পোড়াও বাংলাদেশ অতীতেও দেখেছে। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করে কিছু আদায় করা যায়নি কখনো। যে আন্দোলন ভয় ছড়ায়, সেই আন্দোলনে মানুষ আসে না।
এই হতভম্বকর পরিস্থিতির দায় সরকারেরও। যে কেউ যে কাউকে খুন করতে পারবে না, করলেও পার পাবে না। এ জন্যই পুলিশ-প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি ভরসা রাখা হয় এবং তাদের নির্দেশ মানা হয়। স্বাভাবিক পরিস্থিতি হঠাৎ দাঙ্গার ত্রাসে ডুবে যায় কীভাবে? সরকারি সংস্থাগুলো তখনই পরিস্থিতি পরিমাপ করতে পারে না, যখন তারা বিচ্ছিন্ন হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার ওই দুটি দিন প্রশাসন কী করেছিল? তাদের যদি জনগণের ওপর, পুলিশের ওপর, সরকারি দলের কর্মীদের ওপর নিয়ন্ত্রণই না থাকে, তাহলে কীভাবে আওতার বাইরের মাদ্রাসা ছাত্রদের তারা সামলাবে? সারা দেশের গ্রাম-মহল্লা কি শহর-মফস্বলে হঠাৎ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়া ঠেকাতে কী প্রস্তুতি আছে প্রশাসনের? গত কয়েক বছরে বারেবারেই তো এমন সহিংস ঘটনা ঘটেছে। কোনো ক্ষেত্রেই তো দেখা যায়নি যে, ক্ষয়ক্ষতির আগেই ঘটনার রাশ ধরা গেছে। জনবিচ্ছিন্ন প্রশাসন ও গজদন্ত মিনারবাসী রাজনীতি ছাড়া নৈরাজ্য বিস্তৃত হতে পারে না।
বলপ্রয়োগের পথ ছাড়া উত্তেজনা মোকাবিলার আর কোনো পথ তাদের জানা নেই। প্রতিষ্ঠিত আইন-রাজনীতি ও নৈতিকতা যখন মানুষের অসন্তোষ মেটাতে পারে না, তখনই প্রান্তিক জনসাধারণ ওই সভ্যতা ও নৈতিকতা ত্যাগ করে। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা এটাই দেখেছি। মাদ্রাসা শিক্ষার্থীরা যদি আদব ও নৈতিকতায় নিজেদের উন্নত ভাবেন, তাহলে কী করে ছাত্রলীগ-ছাত্রদলের মতো ভাঙচুরের পথে যান? ব্রাহ্মণবাড়িয়া বারেবারেই এ ধরনের সহিংসতার কবলে পড়েছে, বারেবারেই মাদ্রাসাছাত্ররা সেখানে সহিংসতার হাতিয়ার ও শিকার দুটোই হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতা এই, এখানে বলপ্রয়োগ বা পাল্টা সহিংসতা ছাড়া আর কোনো রাজনৈতিকতা, শাসনতরিকা বা প্রতিবাদের উপায় কারও জানা নেই। সমাজে ও রাজনীতিতে তাই আদিম হিংসার নৃত্য দেখা যাচ্ছে। এই আদিমতা আসলে ক্ষমতা দেখানোর আদিম অভ্যাসেরই আয়না-ছবি। ক্ষমতা যখন মানুষকে অসহায় করে তোলে, তখন সেই সব মানুষ নির্ভয় ও নির্লজ্জ হয়ে পাল্টা ক্ষমতা জাহির করে। অথবা পুলিশের হাতে নির্যাতিত ব্যাংক কর্মকর্তা রাব্বীর মতো ভয়ে ‘অস্বাভাবিক’ রকম গুটিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সহিংসতার বিচার আদালত করবেন, কিন্তু যে হিংসার তেজস্ক্রিয়তা সমাজে ছড়িয়ে পড়ছে, তার চিকিৎসা করা রাজনীতির কাজ।
এমন সহিংসতার উৎস যাঁরা খোঁজেন, তাঁদের জন্য একটি গল্প। এক শ্রমিককে চোর বলে সন্দেহ করে ম্যানেজার। প্রতি সন্ধ্যায় কারখানা ছাড়ার সময় তার ট্রলিটি ভালো করে তল্লাশি চালানো হয়। কিন্তু কিছুই মেলে না। একদিন তারা অবাক হয়ে আবিষ্কার করে, শ্রমিকটা ট্রলিতে করে কিছু নিচ্ছে না বটে, সে আসলে ট্রলিটাই চুরি করছে! আমাদের সমাজ ওই ট্রলির মতো। সহিংসতার বীজ সমাজের কোনো একক গোষ্ঠীর মধ্যে খুঁজে লাভ নেই, পুরো সমাজ-রাজনীতিই সহিংস হয়ে উঠছে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Friday, October 23, 2015

ইসরায়েলের চরম খেলা by ফারুক ওয়াসিফ

নেতৃত্বহীন হলেও ফিলিস্তিনি তরুণদের বিক্ষোভ ক্রমেই ছড়াচ্ছে
ইসরায়েল মাত্র দুই সময়ে আরব হত্যা করে: শান্তিতে ও যুদ্ধে। গাধা যখন বোঝা বয় তখনো সে গাধা, বোঝা নামিয়ে রাখলেও সে গাধাই থাকে। শান্তি ও যুদ্ধে একই ভাষা ইসরায়েলের: চুক্তিভঙ্গ এবং দখল ও হত্যা। যুদ্ধ ঘোষণা ছাড়াই এই দফায় তারা হত্যা করেছে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনিকে। হামাসের রকেট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ। তৃতীয় ইন্তিফাদা শুরুর আলামত দেখতে পাচ্ছে বিশ্ব গণমাধ্যম। ইন্তিফাদা মানে সর্বাত্মক গণ-অভ্যুত্থান। প্রথম ইন্তিফাদার অর্জন ছিল স্বায়ত্তশাসিত ফিলিস্তিন, দ্বিতীয়টি নিষ্ফলা। তৃতীয় ইন্তিফাদার ফল যা-ই হোক, ফিলিস্তিনিদের সামলাতে পারছে না ইসরায়েল। পরিস্থিতির নিয়ন্ত্রণ কারও হাতে নেই। ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম বেহাত। এরই মধ্যে জনতার জান্তব জেদ আর ইসরায়েলি যুদ্ধমেশিন মুখোমুখি।
ইসরায়েল সুনির্দিষ্ট সীমানাহীন এক চলমান রাষ্ট্র। সুতরাং তার সেনাবাহিনীকেও চলমান থাকতে হবে। আলেকজান্ডার, হিটলার ও ইসরায়েলের ইতিহাসের মিল এখানেই। এই দফায় তারা জেরুজালেমের আল–আকসা মসজিদ চত্বরে ইহুদি সিনেগগ বানানোর লক্ষ্যে ফিলিস্তিনি বিতাড়ন শুরু করেছে। ইসরায়েলের আবাসনমন্ত্রী আল–আকসা চত্বরে সিনেগগ বানানোর ঘোষণা দিয়েছেন (http://bit.ly/1Ad3T9f) । অথচ ঐতিহাসিক কাল থেকেই জেরুজালেম তিন একেশ্বরবাদী আরব ধর্মেরই তীর্থকেন্দ্র। কিন্তু ইসরায়েল এর পুরোটাকেই ইহুদীকরণ করতে চায়। তাই পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা অবরুদ্ধ ও নির্যাতিত হচ্ছে প্রতিদিন। জেরুজালেমের পূর্ণ দখল উদ্দেশ্য হলেও জায়নবাদীরা ছলাকলায় দুর্দান্ত। তারা চায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতটা ধর্মযুদ্ধের চেহারা নিক। যেন ফিলিস্তিনের স্বাধীনতাসংগ্রাম ইসরায়েলের মতোই ধর্মীয় ও সাম্প্রদায়িক হয়ে পড়ে। আর তা হলে ইসরায়েলের বর্ণবাদী দখলদারি স্বার্থ ও তার মুখটা ইহুদি বনাম মুসলিম ধর্মযুদ্ধের মুখোশে ঢাকা থাকবে। আর আরামসে বাজানো যাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বহুব্যবহৃত দামামা। এতে ইহুদি ও মুসলিম হিংসাবাদীদেরই সুবিধা হবে। এভাবেই ইয়াসির আরাফাতের উদার অসাম্প্রদায়িক ফিলিস্তিনি জাতীয়তাবাদী লড়াইকে মডারেট আর ইসলামিস্ট ভাগে বিভক্ত করা গেছে। মনে রাখা দরকার, ফিলিস্তিনের মুক্তি আরবের মুক্তির প্রথম শর্ত।
কয়েক যুগ ধরে ফিলিস্তিনিদের উচ্ছেদ, হত্যা, নির্যাতনের পরও ইসরায়েলের ‘আত্মরক্ষার’ যুদ্ধ আর শেষ হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার শিকার ইহুদিরা তাদের অস্তিত্ব নিয়ে দারুণ ভীত। ইয়াসির আরাফাত থেকে শুরু করে হামাস নেতৃত্ব পর্যন্ত সবাই আজ জবরদখলি পদ্ধতিতে প্রতিষ্ঠিত ইসরায়েলকে মেনে নিয়েছে। ম্যান্ডেলা যেমন বর্ণবাদী শ্বেতাঙ্গ প্রভুদের ক্ষমা করে তাদের নিয়ে দেশ গড়েছেন। আরাফাতও তেমনি অসলো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের বিরাট অংশ দখলকারী ইসরায়েলকে মেনে নিয়ে শান্তি আনতে চেয়েছেন। আরাফাতের এই অহিংসা ও উদারতা বাস্তবতার শিক্ষা যেমন, তেমনি মহান ত্যাগও বটে! তারপরও ম্যান্ডেলা পান ভালোবাসা, অথচ আরাফাত আজও পশ্চিমাদের অনেকের কাছে সন্ত্রাসী মুসলিম!
ইসরায়েেলর মনস্তত্ত্ব বুঝতে এই গল্পটাই যথেষ্ট: এক ইহুদি তরুণ যুদ্ধে যাচ্ছে। তো তার মা ছেলেকে বোঝাচ্ছে: বাবা, বেশি খাটবি না। একটা করে আরব মারবি আর জিরিয়ে নিবি।
ছেলে: কিন্তু ওরা যদি আমাকে মারে?
মা: তোকে মারবে কেন, তুই তাদের কী ক্ষতি করেছিস?
এই যাদের মানসিকতা, তারা অপরিণামদর্শী হবেই। ইসরায়েলের ভিতে চতুর্দিক থেকে ধস নামছে। ১. ফিলিস্তিন এখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং পোপস্বীকৃত বৈধ রাষ্ট্র। সুতরাং আন্তর্জাতিক আইনে ইসরায়েল দখলদার ও যুদ্ধাপরাধী রাষ্ট্র হওয়ার যোগ্য। ওদিকে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি হতে পারাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ইসরায়েলি লবির ক্ষমতা কমেছে। পরম বন্ধু সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং চতুর তুরস্ক ব্যস্ত সিরিয়ায় রাশিয়াকে সামলাতে।
২. ইসরায়েলের বর্ণবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত আগের থেকে জোরদার। বেশ কিছু কোম্পানি, দেশ ও বিশ্ববিদ্যালয় ইসরায়েলকে বয়কট করছে। পশ্চিমা লেখক-অধ্যাপক-শিল্পীরা ইসরায়েলকে এড়াচ্ছেন। ইউরোপের রাজধানীগুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ বাড়ছে। সম্প্রতি বিখ্যাত গায়ক রজার ওয়াটার্স আরেক বিখ্যাত গায়ক বন জোভিকে ইসরায়েলে গান না গাওয়ার অনুরোধ করেছেন। নেদারল্যান্ডসের কোম্পানি পিজিজিএম ইসরায়েলের পাঁচটি বৃহত্তম ব্যাংক থেকে সব ধরনের বিনিয়োগ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্কের ডান্স্কে ব্যাংকও একই পথ ধরেছে। ঘটনা আরও আছে। ইউরোপ হলো ইসরায়েলি উচ্চ প্রযুক্তিপণ্যের প্রধান বাজার। ইসরায়েলি অর্থমন্ত্রী ইয়াইর লাপিদও স্বীকার করেছেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে মীমাংসা না হলে প্রত্যেক ইসরায়েলির পকেটে টান পড়বে।’ তাঁর হিসাবে ‘সীমিত মাত্রার বয়কটে বছরে ক্ষতি হবে পাঁচ বিলিয়ন ডলার এবং চাকরি হারাবে লাখো ইহুদি।’
৩. ইসরায়েল অনেক ইহুদির চোখেও আর বাইবেলে প্রতিশ্রুত পবিত্র ভূমি থাকছে না। সেখানে ইহুদিদের অভিবাসন কমে গেছে। অন্যদিকে গত দুই দশকে প্রায় ১০ লাখ অর্থাৎ প্রতি সাতজনে একজন ইসরায়েলি দেশ ছেড়েছে। ৬০ শতাংশ ইসরায়েলি বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টায় জড়িত বা তাতে ইচ্ছুক (ফরেন পলিসি, ২০১১)।
৪. তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্লোমো স্যান্ড নিজেকে আর ইহুদি ও ইসরায়েলি ভাবতে নারাজ। তাঁর দ্য ইনভেনশন অব জুয়িশ পিপল বইটি বেশ কয়েক মাস ইসরায়েলে বেস্ট সেলার ছিল। তিনি ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক প্রমাণের জোরে দাবি করেছেন, ৭০ খ্রিষ্টাব্দে ইহুদিদের জেরুজালেম থেকে বিতাড়নের ঘটনা অসত্য। তাঁর দাবি, আদি ইসরায়েলি হিব্রু জাতির বর্তমান বংশধর খোদ ফিলিস্তিনি মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়। মানে দাঁড়াল, ইউরোপীয় ইহুদিদের দিয়ে আরব ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠার কোনো ঐতিহাসিক ও যৌক্তিক ভিত্তি নেই। এটা সম্পূর্ণতই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজেতা পরাশক্তিদের ভূরাজনৈতিক প্রকল্প। ক্রমেই এই চিন্তার জনপ্রিয়তা বাড়ছে।
এই চারটি কারণে ইসরায়েল নৈতিকভাবে আক্রান্ত বোধ করছে। অস্থিরতা পেয়ে বসছে এর নেতাদের। ইসরায়েলি শান্তিবাদী লেখক ইউরি আভনেরির ভাষায় ইসরায়েলিরা অস্থির এবং অপরিণামদর্শী আর আরবরা সহনশীল। উট আরবদের প্রিয় প্রাণী। উটের আছে কষ্ট সহ্যের ক্ষমতা এবং আরবদের আছে ধৈর্য এমনকি ভুল করার ব্যাপারেও। ২০১৪ সালের গাজা আগ্রাসন এবং তার আগের লেবাননে হামলার ঘটনাতেই ইসরায়েলি নেতাদের অপরিণামদর্শিতা বোঝা গেছে। গাজায় তারা হারিয়েছে নৈতিক অবস্থান আর লেবাননে পরাজিত হয়েছে সামরিকভাবে।
ইতিহাস বড় লীলাময়। ইহুদি কিশোর ডেভিড ফিলিস্তিনি বীর গোলিয়াথকে হারিয়েছিলেন। আজ ফিলিস্তিনি কিশোর-তরুণেরাই যেন ডেভিডের ভূমিকায়। আর ইসরায়েল নিজেই আধুনিক গোলিয়াথ। ইতিহাসও তাদের বিপক্ষে। খ্রিষ্টধর্মের প্রবক্তা যিশুর জন্ম ফিলিস্তিনের বেথলেহেমে, এবং তিনি যে ভাষায় কথা বলতেন তা সে সময়কার ফিলিস্তিনি ও সিরীয়রাও বলত। এ কারণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অনেকেই যিশুকেও একজন শহীদ ফিলিস্তিনি মনে করেন। গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোপের সামনে দাবি করে বসেন যে যিশু হিব্রু ভাষায় কথা বলতেন। পোপ ফ্রান্সিস বাধা দিয়ে বলেন, ‘না, তাঁর ভাষা ছিল আর্মাইক’ (সূত্র: রয়টার্স, মে, ২৬, ২০১৪)। আর্মাইক ভাষার সঙ্গে আরবি ভাষার সম্পর্ক ভাইবোনের। নতুন পোপ যিশুর জন্মভূমিতে মানব-হত্যা দেখতে চান না।
মানবতার কান্না সবার আগে কবিই কাঁদেন। চার শ বছর আগে এক মহাকবি লিখেছিলেন, ‘আমি একজন ফিলিস্তিনি। একজন ফিলিস্তিনির কী চোখ নেই? নেই হাত, অঙ্গ, ভাব, অনুভূতি, বোধ ও ভালোবাসা? তুমি-আমি একই খাবার খাই, আহত হই একই আঘাতে। একই অসুখে আমরা ভুগি এবং সেরে উঠি একই ওষুধে। ইহুদিদের মতোই একই শীত ও গ্রীষ্ম আমাদেরও ওম দেয় আর ঠান্ডায় কাঁপায়। তুমি যদি খোঁচাও, আমার কি রক্ত ঝরে না? তুমি যদি কৌতুক করো, আমি কি হাসি না? এবং তুমি যদি অন্যায় করো, আমি কি তার প্রতিশোধ নেব না? সবকিছুতেই যদি আমরা তোমাদের মতোই হই, তাহলে তুমি যা আমার প্রতি করছ; আমিও তা-ই করব। হয়তো তা হবে তোমার থেকেও কঠিন, কারণ আমি তো তোমার কাছ থেকেই শিখছি!’
কথাগুলো আসলে শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস নাটকের ইহুদি চরিত্র শাইলকের সংলাপ। এর ‘ইহুদি’ শব্দের জায়গায় ‘ফিলিস্তিনি’ শব্দ বসালেই তা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের ফরিয়াদ। ইসরায়েল এক হাতলহীন তলোয়ার, একে নিরস্ত করা সমগ্র মানবতার দায়। মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান শর্ত আরব-ইসরায়েল মৈত্রী। তার জন্য ওই এলাকায় আরাফাতের মতো, ম্যান্ডেলার মতো নেতা চাই। সেই নেতা আসবেন জনগণের ভেতর থেকে। কেননা, অমানবিকতার বোঝাটা জনগণকেই সবচেয়ে বেশি সইতে হয়।
সিরীয় যুদ্ধ এবং তৃতীয় ইন্তিফাদা ঘনিয়ে ওঠার মুখে মধ্যপ্রাচ্য আবার এসে দাঁড়িয়েছে শূন্য সময়ের শূন্য ডিগ্রিতে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com

Tuesday, June 2, 2015

সম্পর্ককে কাঁটাতারের বাইরে নিতে হবে : এম হুমায়ুন কবির by ফারুক ওয়াসিফ

হুমায়ুন কবির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সামনে রেখে প্রথম আলো মুখোমুখি হয় বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ
প্রথম আলো :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন। গণমাধ্যমে এটা এমনভাবে উপস্থিত, যেন বিষয়টি দুই নেতা ও দুই দলের।
হুমায়ুন কবির : আসলে সম্পর্কটা হয় দুই দেশ ও দুই জনগণের মধ্যে। সরকার এখানে মাধ্যম। সরকার বদলায়, কিন্তু জনগণ থাকে এবং দেশের প্রধান শক্তি হচ্ছে জনগণ। তাই সরকার পরিবর্তন হলেও দ্বিপক্ষীয় সম্পর্কটা থাকে। তাই সম্পর্কটা দুই দেশের সরকার ও জনগণের মধ্যে হতে হবে। সেই ভিত্তিতেই একাত্তর সালে দুই দেশ ও জনগণের মধ্যে সম্পর্ক হয়েছিল। কিন্তু পরে সমস্যা হওয়ার কারণ, সম্পর্কটা শুধু সরকারি পর্যায়ে বা দলীয় স্তরে চলে গেলে অ্যালিয়েনেশন বা দূরত্ব তৈরি হয়।
প্রথম আলো : ভারতের নিরাপত্তা নীতিতে প্রায়ই বাংলাদেশ সমস্যা হিসেবে হাজির হয়; অন্যদিকে বাংলাদেশ কিছু বকেয়া সমস্যা সমাধানে আগ্রহী। একদিকে স্থলসীমান্ত চুক্তি, আরেক দিকে কাঁটাতারের বেড়া। একদিকে অনুকূল বাংলাদেশ, অন্যদিকে ভারতে বাংলাদেশি নাগরিক ও পণ্য চলাচলে বাধা। এই দ্বিধা কাটানোর উপায় কী?
হুমায়ুন কবির : কোনো দুই রাষ্ট্রের স্বার্থ একই হবে, তা মনে করার কারণ নেই। ভারত বড় দেশ, তার নিজস্ব স্বার্থ, অভিপ্রায় ও লক্ষ্য আছে। বাংলাদেশেরও তেমনটাই আছে। তবে প্রতিযোগিতা ও ভিন্নতা যেমন থাকতে পারে, তেমনি সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগও বিস্তর। ভারত অনেকগুলো বিষয়ে বাংলাদেশের ওপর নির্ভরশীল। যেমন নিরাপত্তা প্রশ্নে। এ ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট ইতিবাচকভাবে হাত বাড়িয়েছে। স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থিত হওয়ায় আরও একটা বড় সমস্যা কমল। দ্বিতীয় বিষয়টা বিশ্বাসের। ভারতকে উপলব্ধি করতে হবে যে কাঁটাতার বন্ধুত্বের ভালো নিদর্শন নয়। কাজেই বাংলাদেশকে যদি ভারত বিশ্বাসভাজন বন্ধু বা অংশীদার ভাবে, তাহলে কাঁটাতারের বেড়ার কী প্রয়োজন? আমরা এখন পরস্পরের আস্থা অর্জনে সচেষ্ট আছি, সুতরাং সম্পর্ককে কাঁটাতারের বাইরে নিতে হবে। তৃতীয়ত, পরস্পরের জনশক্তিকে কাজে লাগানোর সুযোগ বাড়াতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতের অন্যতম বিদেশ থেকে অর্থ প্রেরণকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এর কারণ, অনেক ভারতীয় বাংলাদেশে কাজ করে।
প্রথম আলো : বাংলাদেশিরাও কি একইভাবে আইনি প্রক্রিয়ায় পারমিটের মাধ্যমে ভারতে কাজে যেতে পারে না?
হুমায়ুন কবির : কাঁটাতারের বাইরে সম্পর্ককে নিতে হলে এই দিকে ভাবতে হবে। ভারতের অনেক জায়গাতেই বাইরের শ্রমিকের কাজের সুযোগ তৈরি হচ্ছে। ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি বলেছিলেন, বাংলাদেশের কেউ আগ্রহী হলে ভারতে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পেতে পারে। মোদি এ ব্যাপারে উদ্যোগী হতে পারেন। ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা তাহলে আরও ইতিবাচক ও স্বচ্ছ হবে এবং ভারত যে আমাদের ইতিবাচক অংশীদার, সেটাও মানুষের কাছে প্রমাণ করা সম্ভব হবে।
প্রথম আলো : গত সাত-আট বছরের অভিজ্ঞতায় বাংলাদেশে ভারতের সেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে কি?
হুমায়ুন কবির : খানিকটা প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে গত নির্বাচনের প্রেক্ষাপটে এটা অস্বীকার করার উপায় নেই। ভারত-বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করায় উভয় দেশেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ শর্ত। সে ক্ষেত্রে বাংলাদেশে শক্তিশালী, অংশগ্রহণমূলক ও কার্যকর গণতন্ত্র ভারতের সঙ্গে সম্পর্ককে শক্তিশালীই করবে। শেষ বিচারে, মানুষই কিন্তু নীতির সমর্থক বা প্রতিবন্ধক। যেহেতু আমরা প্রতিবেশী, যেহেতু আমাদের ভাগ্য প্রায় একে অপরের সঙ্গে জড়িত, যেহেতু আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোও একই সূত্রে গাঁথা, সেই বিবেচনায় আগামী দিনের প্রেক্ষাপটে মানুষের অংশগ্রহণ ও ব্যাপক জনসমর্থনই কিন্তু দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতার রক্ষাকবচ।
প্রথম আলো : বর্তমানে দুই দেশের যান চলাচল নিয়ে যে কথা হচ্ছে, সেটা কি আগের একমুখী ট্রানজিট সম্পূর্ণ করার অংশ? নাকি তার মধ্যে বাংলাদেশের চাহিদা মেটানোরও শর্ত আছে। নেপাল-ভুটান কিংবা আরও দূরবর্তী দেশের সঙ্গে যোগাযোগের প্রয়োজন তো বাংলাদেশেরও আছে।
হুমায়ুন কবির : অসম্পূর্ণ ট্রানজিটের প্রক্রিয়া সম্পূর্ণ করাও যেমন আছে, আরও কয়েকটি স্তরও আছে। নীতিগত দিক থেকে বাংলাদেশেরও তার প্রতিবেশীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দরকার আছে। বিশ্বায়িত পৃথিবীতে আমরা যদি আমাদের কাজ, বিনিয়োগ, রপ্তানি এবং মানুষে–মানুষে যোগাযোগের জন্য যদি বাইরের পৃথিবীর সঙ্গে নিবিড় যোগাযোগ চাইতে পারি, তাহলে প্রতিবেশীদের সঙ্গেও তা হওয়া প্রয়োজন। সেই বিবেচনাতেই আঞ্চলিক যোগাযোগের বিষয়টা গুরুত্বপূর্ণ। এবারেও এ ব্যাপারে বেশ কিছু চুক্তিও প্রধানমন্ত্রী মোদির সফরের সময় সম্পন্ন হতে যাচ্ছে। ভারত তার স্বার্থে সুবিধা চাইবে, এটা দোষের কিছু না। তবে আমাদের চাওয়াকে কীভাবে ব্যাখ্যা করব এবং মানুষের সামনে তুলে ধরব? এটা স্তরে স্তরে হওয়া উচিত। যেমন: ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চায়। এতে বাংলাদেশের সহযোগী হওয়া উচিত। পরের স্তরে নেপাল-ভুটানকে নিয়ে সড়ক-রেল যোগাযোগের যে কথা উঠছে, সেটাও ইতিবাচক। মনে রাখতে হবে, আরও বিস্তৃত প্রেক্ষাপটে আমরা তিনটি শক্তিকে উত্থানের মুখে দেখতে পাচ্ছি: চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্মিলিত সংস্থা তথা আসিয়ানভুক্ত দেশগুলো। ভারতের সঙ্গে যে কানেকটিভিটির কাজ আমরা করছি, তা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তরে যেতে হলে বাংলাদেশকে আসিয়ানের সঙ্গে কানেকটিভিটি তৈরি করতে হবে, তৃতীয় স্তরে করতে হবে চীনের সঙ্গে। ভারতের হয়তো এ ব্যাপারে স্পর্শকাতরতা আছে। আমি মনে করি, ভারতের সঙ্গে যাদের প্রতিযোগিতা আছে তাদের হয়ে নয়, বরং সবার মধ্যে সেতুবন্ধ রচনার সুযোগটা বাংলাদেশের জন্য রাখতে হবে এবং বাংলাদেশেরও যথাযথভাবে এই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরতে হবে।
প্রথম আলো : জাতীয় স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে আমাদের কোথায় কোথায় সহযোগিতা হতে পারে, সে বিষয়ে যথেষ্ট গবেষণা আমাদের কি আছে?
হুমায়ুন কবির : ভারতের সঙ্গেই আমাদের থাকতে হবে যেহেতু, সেহেতু তাকে তো বুঝতে হবে। ভারতে গত ৩০ বছরে যেভাবে পরিবর্তন হয়েছে, তার যথাযথ মূল্যায়ন ও উপলব্ধি থাকতে হবে। এই পরিপ্রেক্ষিত থেকে ভারতকে বোঝায় আমাদের ঘাটতি আছে।
প্রথম আলো :ইদানীং দেখা যাচ্ছে, ভারতের নেতারা যখন আমাদের দেশে আসেন, তার সঙ্গে বা আগে-পিছে তাঁদের নায়ক-নায়িকা ও শিল্পী-সাহিত্যিকেরাও আসেন। একে কোন ধরনের কূটনীতি বলবেন?
হুমায়ুন কবির : ভারত তার রাষ্ট্রশক্তি তথা হার্ড পাওয়ারের পাশাপাশি সাংস্কৃতিক শক্তি তথা সফট পাওয়ারকেও আমাদের সামনে প্রদর্শন করছে। তাদের টেলিভিশন, সিনেমা এবং সাংস্কৃতিক আয়োজন নিয়েই তারা বাংলাদেশে উপস্থাপিত হয়। এবং ভারত এটা করে দলীয় চিন্তার বাইরে। বিপরীতে আমরা আমাদের যে সাংস্কৃতিক শক্তি ও রসদ আছে, অর্থনৈতিক ক্ষেত্রে চমৎকার সব আইডিয়া আছে—যা আমাদের যথেষ্টভাবেই আছে—সেগুলোকেও দলনিরপেক্ষভাবে উপস্থাপন করা চাই। আমরা দলীয়করণ ও রাজনৈতিকীকরণের মাধ্যমে এই সাংস্কৃতিক শক্তিকে দুর্বল করে রাখছি। ভারত কিন্তু সেটা করে না। ভারতের এই সার্থকতা থেকে আমাদেরও শিখতে হবে যে, কীভাবে আমরা আমাদের সাংস্কৃতিক সক্ষমতাকে কাজে লাগাব।
প্রথম আলো : সম্প্রতি দেখা যাচ্ছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপে ভারত ও চীনের রেষারেষিতে অস্থিতিশীলতা আসছে। বাংলাদেশেও কি অনুরূপ প্রতিক্রিয়া পড়ছে?
হুমায়ুন কবির : ভারতকে এটা চিন্তায় আনতে হবে, ভারত-চীনের লড়াই প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতার প্রতি কোনো হুমকি যেন না হয়। অন্যদিকে ভারত-চীনের লড়াইয়ের পাশাপাশি সহযোগিতাও তো আছে। এই সহযোগিতার ক্ষেত্রে প্রবেশ করে আমরা সবার জন্যই অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারি এবং প্রতিবেশীরাও তাতে উপকৃত হতে পারে। এই ইতিবাচক ধারণাকাঠামোকে আমাদের প্রাধান্যের মধ্যেও নিয়ে আসতে হবে। যাতে ভয় থেকে বেরিয়ে এসে সহযোগিতার মাত্রা বাড়াতে পারি। অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ হিসেবে আমাদের এ বক্তব্য সামনে আনা উচিত। সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ, সবার সঙ্গে বন্ধুত্ব নিয়ে চলা বাংলাদেশ শুধু ভারতের জন্যই নয়, উপমহাদেশের জন্যও বিরাট অবদান রাখতে পারে।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
হুমায়ুন কবির  ধন্যবাদ।