Monday, October 5, 2026

তেল স্থাপনায় হামলায় স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হচ্ছে: আরামকো

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বিশ্বে তেলের মজুত ভীতিকরভাবে কমে গেছে বলে সতর্ক করেছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের। একই সঙ্গে স্যাটেলাইটের ছবি ও জাহাজ চলাচলের বিস্তারিত তথ্য তেল স্থাপনা ও ট্যাংকারে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (০৫ অক্টোবর) লন্ডনে অনুষ্ঠিত এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে নাসের বলেন, ‘তেল ব্যবস্থা ইতোমধ্যেই চাপে রয়েছে। আর বিশ্বের হাতে বিকল্প খুব কম থাকায় সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা বলয় ভীতিকরভাবে কমে গেছে।’

নাসের বলেন, স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য এখন ক্রমেই অবকাঠামো ও তেলবাহী ট্যাংকারে হামলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, ‘স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য ক্রমেই অবকাঠামো ও ট্যাংকারের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মনে রাখতে হবে, স্বচ্ছতার জন্য তৈরি প্রযুক্তির সরঞ্জামগুলো যেন আগ্রাসনের গোলাবারুদে পরিণত না হয়।’

প্রযুক্তির সুফলের পাশাপাশি এর গুরুতর ঝুঁকিও রয়েছে বলে মন্তব্য করেন নাসের। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ নিয়ে বিভিন্ন শিরোনামের দিকে তেলবাজার নজর রাখছে। এসব প্রতিবেদনের অনেকগুলোতেই স্যাটেলাইট চিত্র ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের তথ্য ব্যবহার করা হচ্ছে।

নাসেরের মতে, যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহৃত এসব উন্মুক্ত তথ্যই এখন জ্বালানি অবকাঠামো ও জাহাজকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি করছে।

এর কয়েক দিন আগে জি৭ভুক্ত দেশগুলো সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে নিজেদের তেলের মজুত থেকে আরও কিছু বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়।

নাসেরের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে জানা যায়, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ যুদ্ধ শুরুর আগের মাত্রাকেও ছাড়িয়ে গেছে। বাজারের জন্য এটি স্বস্তির খবর হলেও ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনী এবং ইরানের মিত্র হুথিদের মধ্যে তীব্র লড়াই নতুন উদ্বেগ তৈরি করেছে।

বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের এই সংঘাত চলছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ হিসেবে পরিচিত এই প্রণালিটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

সূত্র : সিবিএস নিউজ ও ডন

সৌদি আরবের শায়বাহর এম্পটি কোয়ার্টারে অবস্থিত আরামকোর তেলক্ষেত্র। ছবি : রয়টার্স
সৌদি আরবের শায়বাহর এম্পটি কোয়ার্টারে অবস্থিত আরামকোর তেলক্ষেত্র। ছবি : রয়টার্স

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, বন্ধ ৫০০ স্কুল

শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সংকটসহ বিভিন্ন দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার দেশটির প্রায় ৪০০ থেকে ৫০০টি উচ্চবিদ্যালয়ে পুরোপুরি বা আংশিকভাবে ক্লাস বন্ধ ছিল বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি।

শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানান, এই সংখ্যা ফ্রান্সের মোট প্রায় ৩ হাজার ৭০০টি উচ্চবিদ্যালয়ের ১০ থেকে ১৩ শতাংশ। বিক্ষোভের কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানান তিনি।

প্যারিস অঞ্চলে সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়া এই আন্দোলন গত সপ্তাহে আরও জোরালো হয়। শিক্ষার্থীরা শিক্ষা খাতে বাড়তি অর্থ বরাদ্দ, স্কুল ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং শিক্ষক-কর্মচারীর সংকট মোকাবিলায় পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন।

প্যারিস ঘিরে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সেখানে ১৬০টির বেশি উচ্চবিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল। এদিন প্যারিসে বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনাও ঘটে। রাজধানীর ভোকল্যাঁ উচ্চবিদ্যালয়ের প্রবেশপথের কাছে সকালে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম আগুনের খবর স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে পাওয়ার পর প্রধান শিক্ষক পুলিশকে জানান। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে যায় এবং শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে অবস্থান করতে বলা হয়। পরে প্রায় ১০০ শিক্ষার্থীকে স্কুলটি থেকে সরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, প্যারিসের তুরগো উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা সোমবার ভোরে আবর্জনার বাক্স, বেড়া ও বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে প্রবেশপথ অবরোধ করে।

স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর গ্রেপ্তার ও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রায় ৮৫ শতাংশই ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের অপ্রাপ্তবয়স্ক।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভে ২৪টি স্কুলে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ৭৮ কর্মী এবং প্রায় ৬০০ পুলিশ ও জেন্ডারম সদস্য আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর সংখ্যা ১৭০ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার তদন্তে ফ্রান্সের জাতীয় পুলিশের সাধারণ পরিদর্শক দপ্তর পাঁচটি তদন্তও শুরু করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পাঁচটি প্রস্তাব দিয়েছেন। অক্টোবরের শেষ নাগাদ সংকট নিরসনে সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে তার সরকার।

সূত্র: আনাদোলু এজেন্সি

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, বন্ধ ৫০০ স্কুল
ছবি: সংগৃহীত।

চাঁদে পারমাণবিক চুল্লি বানাতে প্রতিযোগিতায় ৩ দেশ

ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন ও মহাকাশে অভিযান পরিচালনার প্রস্তুতিতে পারমাণবিক চুল্লি নির্মাণে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। দেশগুলোর ধারণা, চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং দূরবর্তী মহাকাশ অভিযানে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে নাসার ঠিকাদারদের এমন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তুতি নিতে বলা হয়েছে, যা মহাকাশযাত্রা সহ্য করতে পারবে এবং চাঁদের দক্ষিণ মেরুর কাছে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই কাজ করতে পারবে। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে চুল্লিটি উৎক্ষেপণের উপযোগী করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

অন্যদিকে চীনের সঙ্গে গোপনীয় অংশীদারত্বের আওতায় ২০৩৬ সালের মধ্যে ‘সেলেনা’ নামে একটি চন্দ্র পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। চীনের নেতৃত্বে পরিচালিত চন্দ্রঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ করাই এই প্রকল্পের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চাঁদে পারমাণবিক চুল্লি কেন?

চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন করতে হলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। দিনের বেলায় সৌর প্যানেল বিদ্যুৎ উৎপাদন করতে পারলেও চাঁদের রাত পৃথিবীর হিসাবে দুই সপ্তাহেরও বেশি স্থায়ী হয়। ফলে শুধু সৌরশক্তির ওপর নির্ভর করা কঠিন।

পারমাণবিক চুল্লি সূর্যের আলো ছাড়াই কাজ করতে পারে এবং মানুষের সীমিত হস্তক্ষেপে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা রাখে। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও চীন সৌরশক্তি এবং রেডিওআইসোটোপ ব্যবস্থা ব্যবহার করে যন্ত্রপাতি উষ্ণ রাখা ও চন্দ্রযানের ব্যাটারি চার্জ দেওয়ার পরিকল্পনা করছে। তবে বড় আকারের চন্দ্রঘাঁটি গড়ে তুলতে আরও বেশি বিদ্যুতের প্রয়োজন হবে।

প্রতিবেদন অনুযায়ী, নাসার প্রস্তাবিত ‘লুনার রিঅ্যাক্টর ১’ নামের এই চুল্লি ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই পাঁচ বছর কাজ করার জন্য নকশা করা হচ্ছে। রাশিয়ার ‘সেলেনা’ চুল্লির উৎপাদনক্ষমতা ১০ কিলোওয়াট পর্যন্ত হবে এবং এটি এক দশক স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে বলে পরিকল্পনা করা হয়েছে।

মহাকাশে পারমাণবিক শক্তি নিয়ে নিরাপত্তা উদ্বেগ

তবে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের এই প্রতিযোগিতা নিয়ে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। দ্রুত চুল্লি নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিলে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। উৎক্ষেপণের সময় রকেট ব্যর্থ হলে পারমাণবিক চুল্লি দুর্ঘটনার শিকার হতে পারে এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, চাঁদে একটি পারমাণবিক চুল্লি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত কঠিন হবে। পৃথিবীর পারমাণবিক চুল্লির মতো সেখানে বড় ধরনের সুরক্ষা কাঠামো তৈরি করাও সহজ নয়। তাই নভোচারী ও যন্ত্রপাতিকে বিকিরণঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে চুল্লির আশপাশের এলাকা নিয়ন্ত্রিত বা সীমিত করা প্রয়োজন হতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া; দুই দেশই তাদের পারমাণবিক চুল্লি নিষ্ক্রিয় অবস্থায় চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। এতে পরিবহনের সময় কিছু ঝুঁকি কমবে। তবে নিরাপত্তা যাচাইয়ের পরও দুর্ঘটনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

চাঁদের মালিক কে?

চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতা চাঁদের বিভিন্ন অঞ্চল ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।

১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, কোনো দেশ চাঁদকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করতে পারে না। তবে কোনো দেশ চাঁদে ঘাঁটি স্থাপনের পর তার আশপাশের এলাকায় অন্যদের প্রবেশ সীমিত করতে পারবে কি না এবং সেখান থেকে উত্তোলন করা সম্পদের মালিকানা কার হবে; তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

চীন ও রাশিয়া যৌথভাবে নির্মিত কোনো পারমাণবিক চুল্লির চারপাশে নিরাপত্তার কারণে সীমিত প্রবেশাধিকার এলাকা তৈরি করতে পারে; এমন আশঙ্কায় নাসা তাদের পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মহাকাশ আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার কারণে এমন কোনো এলাকা তৈরি করা হলেও তা ‘আউটার স্পেস ট্রিটি’-তে থাকা মহাকাশে অবাধ প্রবেশাধিকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে কি না।

তবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কোনো দেশই এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, তাদের প্রস্তাবিত পারমাণবিক চুল্লি সফলভাবে চাঁদে স্থাপন ও পরিচালনা করা সম্ভব। প্রযুক্তিগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জের কারণে নির্ধারিত সময়সূচিও পরিবর্তিত হতে পারে।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

চন্দ্রাভিযানের সময় নাসার ওরিয়ন মহাকাশযান চাঁদের কাছ দিয়ে অতিক্রম করছে। ছবি : নাসা
চন্দ্রাভিযানের সময় নাসার ওরিয়ন মহাকাশযান চাঁদের কাছ দিয়ে অতিক্রম করছে। ছবি : নাসা

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হুমকির মুখে একটি তেলবাহী ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানি বাহিনী জাহাজটিকে পথ পরিবর্তন করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ না মানলে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও সতর্ক করা হয়।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ওমানের খাসাব থেকে প্রায় ২০ কিলোমিটার বা ১১ নটিক্যাল মাইল উত্তরে। ওই সময় ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করছিল।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, আইআরজিসির পক্ষ থেকে ট্যাংকারটির সঙ্গে যোগাযোগ করে সেটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ট্যাংকারটির ক্যাপ্টেন ইরানি বাহিনীর নির্দেশ মেনে নেন এবং জাহাজটি ফিরে যায়।

এ ঘটনার মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নতুন করে চাপের বিষয়টি সামনে এসেছে। বর্তমানে প্রণালিটি দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে। এর মধ্যে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনাও ঘটেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথটিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

তেহরান এরই মধ্যে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে এখন থেকে পারাপারের জন্য অর্থ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রণালিটির ভূমিকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই পথে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বাধা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আল জাজিরা

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার
ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান

জার্মান-ইহুদি গায়ক ও গীতিকার উলফ বিয়ারম্যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন যে, ইসরাইল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে। খবর আনাদোলুর।

আগামী মাসে ৯০ বছরে পা দিতে যাওয়া বিয়ারমান জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নেওয়ার আগে তিনি সাক্ষাৎকারটি দেন। বিয়ারম্যানের পরিবারের সদস্যরা হলোকাস্টের সময় নাৎসিদের হাতে নিহত হয়েছিলেন।

নেতানিয়াহুকে কটাক্ষ করে বিয়ারমান বলেন, ‘আহ, নেতানিয়াহু আর তার লেমুররা (প্রেতাত্মা বা শয়তানের অনুচর!’ এ সময় তিনি জার্মান সাহিত্যিক ইয়োহান ভলফগাং ফন গ্যোটের ‘ফাউস্ট’ নাটকে শয়তানের সহচরদের বোঝাতে ব্যবহৃত ‘লেমুর’ শব্দটি প্রয়োগ করেন।

তিনি বলেন, গাজা উপত্যকায় এখন যা ঘটছে তা অবশ্যই গণহত্যা নয়, তবে এটি একটি যুদ্ধাপরাধ। এ নিয়ে কোনো ‘কিন্তু’ বা সন্দেহের অবকাশ নেই। এটি বিশ্বজুড়ে অনেক মানুষকে ব্যথিত করছে। তবে আমার কাছে এটি দ্বিগুণ ও তিনগুণ বেশি যন্ত্রণাদায়ক।

জার্মানিতে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বেড়ে যাওয়া প্রসঙ্গে বিয়ারম্যান বলেন, এর জন্য নেতানিয়াহু এবং তার ডানপন্থী সরকারই অনেকাংশে দায়ী।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই প্রবণতাটি এত জোরালোভাবে ছড়িয়ে পড়ছে কারণ সবচেয়ে জঘন্য ও বিপজ্জনক ইহুদিবিদ্বেষীরা বর্তমানে ইসরাইলেই বাস করছে এবং তারা দেশটিকে একটি প্রতিক্রিয়াশীল, নৃশংস ও দমনমূলক রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়ায় লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন যে, একটি গণতান্ত্রিক ও মানবিক ইসরাইল গড়ে তোলার বিষয়ে তাঁর যে আশা ছিল, তা এখন বিলীন হয়ে গেছে।

আগামী বুধবার ফ্রাঙ্কফুর্ট বইমেলায় নিজের দিনলিপির নির্বাচিত অংশ পাঠ করবেন তিনি। ‘পেট্রল দিয়ে আগুন নেভাও’ শিরোনামে নিজের ডায়েরির কিছু অংশ পাঠ করার দিয়ে তার ৯০তম জন্মদিন উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠান শুরু হবে।

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান
ছবি: সংগৃহীত।

ইসরাইলি বিমানবন্দরে গিয়ে বিমানে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল পাইলট আল-হাম্মামির

ফ্লাইদুবাইয়ের ইসরাইলগামী বিমানের কো-পাইলট হামাম আল-হাম্মামির ইসরাইলের বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছিলেন বলে সাম্প্রতিক বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করাহয়েছে। তবে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। না হলে, অন্যরকম কিছু অভিজ্ঞতার সাক্ষী হতে পারত বিশ্ব।

ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে রয়েছেন। দেশটির কর্তৃপক্ষই ঘটনাটির তদন্ত করছে। ইসরাইলি সংবাদমাধ্যমে গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, তদন্তকারীদের কাছে হামাম তার পরিকল্পনার বিস্তারিত জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন, ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে হত্যা করে বিমানটি বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন।

হাম্মামির দাবি অনুযায়ী, প্রাথমিক লক্ষ্য ছিল ইসরাইলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। সেখানে পৌঁছে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারলে তার পরিকল্পনা সফল হতো। সেটি সম্ভব না হলে তেল আবিবের কোনো উঁচু ভবনে বিমানটি আছড়ে ফেলার পরিকল্পনাও করেছিলেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি জর্ডনের কাছাকাছি পৌঁছানোর পর হামাম পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা শুরু করেন। তার আগে পর্যন্ত তিনি কাউকে কিছু বুঝতে দেননি। ধীরে অত্যন্ত চৌকসভাবে একান্তভাবেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন। তদন্তে দাবি করা হয়েছে, জর্ডান হয়ে বিমানটি যখন ইসরাইলে প্রবেশ করে, তখনেই হামিম পরিকল্পনা অনুযায়ী ককপিটের ক্যাপ্টেন স্মিতকে আঘাত করেন।

স্মিতকে হত্যার পর বিমানটিকে স্বাভাবিকভাবে উড়িয়ে তেল আবিব পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এর মাধ্যমে অবতরণের প্রয়োজনীয় অনুমতি নেওয়ার বিষয়টি সহজ হবে বলে তিনি ভেবেছিলেন। বিমানবন্দরে অন্য কোনো বিমানের সঙ্গে সংঘর্ষ ঘটানো সম্ভব না হলে তেল আবিবের কোনো উঁচু ভবনে বিমানটি বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল। এমনকি জর্ডনে থাকা কোনো মার্কিন সামরিক ঘাঁটিকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখেছিলেন তিনি।

তবে আহত ক্যাপ্টেন স্মিত হামিমের পরিকল্পনা ভেস্তে দেন। স্মিথ যখন যে-কোনোভাবে ককপিটের দরজা খুলে দেন। এরপর কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে হাম্মামিকে আটক করেন। আর এ-সময় বিমানে থাকা অন্য দুই পাইলট তখন নিয়ন্ত্রণ নেন । তবে তারপরেও হামাম্মি শেষবারের মতো বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলে সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে। সর্বশেষ চেষ্টা হিসেবে হাম্মামি বিমানটি ক্রাশ করতে চেয়েছিলেন। তিনি অটোপাইলট বন্ধ করার পাশাপাশি দুই ইঞ্জিনও বন্ধ করে দেন। এতে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে ১৪ হাজার ফুট নিচে নেমে যায়। তবে বিমানে থাকা অন্য দুই পাইলট দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার কারণে বিমানটি আর ক্রাশ হয়নি।

তবে শেষ পর্যন্ত বিমানটি যদি হাম্মামির পরিকল্পনা অনুযায়ী যদি বেন গুরিয়ান বিমানবন্দর কিংবা অন্য কোনো ইসরাইলি ভবনে ক্রাশ করত, তবে ইতিহাস এমনকিছুর সাক্ষী হতো যা কেউ কল্পনাও করতে পারেনি।

সূত্র: আনন্দবাজার

ইসরাইলি বিমানবন্দরে গিয়ে বিমানে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল পাইলট আল-হাম্মামির
কো-পাইলট হামাম আল-হাম্মামি

হুতিদের লক্ষ্য করে ১১২২ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি বাহিনীর

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী হুতিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১২২টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এসব হামলায় হুতিদের ১ হাজার ৭৪৭ সদস্য নিহত বা অক্ষম হয়েছেন বলেও জানিয়েছে তারা।

সোমবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এসব তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং দেশের বিভিন্ন এলাকায় সরকারের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হওয়া ‘মুক্তির যুদ্ধের’ অংশ হিসেবে এসব অভিযান চালানো হচ্ছে।

আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সাদা, আল-জাওফ ও তাইজসহ বিভিন্ন এলাকায় এবং দেশটির পশ্চিম উপকূলজুড়ে এসব হামলা চালানো হয়েছে।

হামলায় হুতিদের কামান ও রকেট নিক্ষেপের অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা, সরবরাহ ও চলাচলের পথ, রসদ পৌঁছানোর পথ, সেনাদের অবস্থান এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করা হয়েছে।

অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার ও স্নাইপার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

ইয়েমেনি বাহিনী আরও দাবি করেছে, এসব অভিযানে সামরিক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত যানসহ ৩৬৪টি যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুতিদের নিয়ন্ত্রিত বাকি এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।

তিনি বলেন, এ অভিযান সানা, সাদা বা দেশের অন্য কোনো প্রদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।

সূত্র: শাফাক নিউজ

ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া
ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া

আপনাকে দেখেই কিন্তু শিখছে আপনার শিশু by সুমনা করিম

প্রথিতযশা নৃবিজ্ঞানী মার্গারেট মিডকে একবার শিক্ষার্থীরা জিজ্ঞাসা করেন, মানুষের সাংস্কৃতিকভাবে সভ্য হয়ে ওঠার প্রথম নিদর্শন কোনটি?

খুব স্বাভাবিকভাবেই উত্তর হিসেবে শিক্ষার্থীরা আসবাব বা শিকারের যন্ত্রপাতি অথবা অন্য কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা ভাবছিলেন।

কিন্তু শিক্ষার্থীদের অবাক করে দিয়ে মিড জানান, সাংস্কৃতিক সভ্যতার প্রথম নিদর্শন আসলে সুস্থ হয়ে ওঠা একটি ঊরুর হাড়।

কোমর থেকে হাঁটু অবধি মানব শরীরের সবচেয়ে বড় হাড়টি একবার কোনো কারণে ভাঙলে প্রাকৃতিকভাবে সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগে।

প্রাচীন সমাজে একবার এই হাড় ভেঙে যাওয়ার মানে ছিল চলাচলের ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলা; আর শিকারি কোনো প্রাণীর শিকার হওয়ার জন্য অপেক্ষা করা।

নৃবিজ্ঞানী মিড শিক্ষার্থীদের বলেন, ‘আজ থেকে প্রায় ১৫ হাজার বছর আগে পাওয়া সুস্থ হয়ে ওঠা ঊরুর হাড়টি থেকে আমরা বুঝতে পারি, কেউ একজন এই অসুস্থ সঙ্গীকে বন্য প্রাণীর শিকার হওয়ার জন্য পেছনে ফেলে যায়নি। বরং তার সঙ্গে থেকে নিরাপত্তা দিয়েছে; তার জন্য আশ্রয়, খাবার ও পানির ব্যবস্থা করেছে এবং কোথাও যাওয়ার প্রয়োজন হলে তাকে সঙ্গে বহন করে নিয়ে গেছে।’

পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার এই সম্পর্কই মানবজাতিকে প্রাচীন সমাজের বিপৎসংকুল পরিবেশে টিকে থাকতে সহায়তা করেছে। আর আধুনিক মানবসভ্যতা গড়ে ওঠার ভিত্তিই হচ্ছে মানবিক এই মূল্যবোধ।

পাশাপাশি এটাও স্বীকার করে নিতে হবে যে মানবিক মূল্যবোধের সবকিছুই মানবশিশু জন্ম থেকে নিয়ে আসে না। এর অনেক কিছুই সময়ের সঙ্গে সঙ্গে শিখে নিতে হয়। আর শিশুর শিক্ষাগ্রহণ যেহেতু পরিবার থেকে শুরু হয়, তাই পরিবারই হচ্ছে শিশুর মূল্যবোধ তৈরির প্রথম জায়গা।

আমাদের শিশুরা অনুকরণপ্রিয়। এ কারণে পরিবারের বড়রা যা বলেন, যা করেন, তা-ই দেখে দেখে সেই অনুযায়ী শেখে তারা। তাই পরিবারের সদস্যদের ইতিবাচক কোনো কথা, কাজ, আচরণ বা অভ্যাস শিশুদের মধ্যে মূল্যবোধ হিসেবে খুব ছোটবেলাতেই বিকশিত হতে পারে।

টিস্যু বা চিপসের প্যাকেট রাস্তায় না ফেলে জায়গামতো ফেলা, বড়দের সম্মান করা, ভালো কথা বা কাজকে যথার্থভাবে মূল্যায়ন করা অথবা কারও কাছ থেকে সহায়তা পেলে তাকে ধন্যবাদ জানানোর মতো ছোটখাটো কিন্তু সুদূরপ্রসারী বিষয় শৈশবে খুব সহজেই শিখিয়ে ফেলা যায়। আর ছোটবেলায় একবার অভ্যাস হয়ে গেলে বড় হওয়ার পরও এসব মূল্যবোধ তাদের মধ্যে বজায় থাকে।

শিশুদের মূল্যবোধের বিকাশে পরিবারের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষক। তিনি একজন শিশুর ভাবনার জগৎকে আলোড়িত করতে পারেন, কোনো তথ্য মুখস্থ না করিয়ে নতুন নতুন বিষয় শেখার প্রতি আগ্রহী করে তুলতে পারেন, প্রতিদিন কীভাবে নতুন চিন্তাভাবনা ও অভিজ্ঞতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, তা শেখাতে পারেন।

শিক্ষকেরা একদিকে পাঠ্যক্রমের ভেতরে থাকা সাহিত্য, বিজ্ঞান বা ইতিহাসের মতো বিষয়গুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। আবার অন্যদিকে খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন, আবৃত্তি বা অভিনয়ের মতো পাঠ্যক্রমবহির্ভূত নানান কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী মূল্যবোধ তৈরি করতে পারেন।

একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে বিকশিত করতে হলে তার মধ্যে সব ধরনের মূল্যবোধ নিশ্চিত করতে হয়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত ও শারীরিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মানসিক ও আবেগীয় মূল্যবোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ। একজন শিক্ষার্থী তার জীবনের কোনো না কোনো সময় এসব মূল্যবোধের অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়। একজন শিক্ষক শৈশবেই একজন শিক্ষার্থীর মধ্যে সহযোগিতা, একতাবোধ, উদারতা, মমত্ববোধ, নেতৃত্ব ও সহানুভূতির মতো ইতিবাচক গুণাবলির বিকাশ ঘটাতে পারেন।

শিক্ষার্থীদের সামাজিক ও আবেগীয় উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের বেশ কিছু স্কুলে ইতিমধ্যে এসইএল (সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং) চালু করা হয়েছে। এতে করে নিয়মিত ক্লাসের বাইরেও শিক্ষার্থীরা মানসিক ও নৈতিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে।

পারস্পরিক সহযোগিতা ও নির্ভরতার ওপর ভিত্তি করেই মানুষের সমাজ পরিচালিত হয়। আর আজকের শিশুই ভবিষ্যতে সমাজে নানাভাবে অবদান রাখবে। তাই শৈশবেই তাদের মধ্যে মূল্যবোধ বিকশিত করার সুযোগ তৈরি করা, সমাজের টিকে থাকা ও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জরুরি।

* সুমনা করিম, ভাইস প্রিন্সিপাল, ডিপিএস (দিল্লি পাবলিক স্কুল) এসটিএস জুনিয়র স্কুল

আপনাকে দেখেই কিন্তু শিখছে আপনার শিশু

৯/১১ স্টাইলে হামলার ডাক আল কায়দার, টার্গেট যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

দুবাইগামী ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টার প্রশংসা করে মার্কিন ও ইসরায়েলি যাত্রীবাহী উড়োজাহাজে ৯/১১-এর অনুকরণে হামলা চালানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা। সংগঠনটির সমর্থকদের প্রকাশিত সাপ্তাহিক সাময়িকী আল বায়ানের সর্বশেষ সংখ্যায় এই প্রাণঘাতী হুমকির তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

সাময়িকীটির আরবি ভাষার নিবন্ধে বলা হয়েছে, যুদ্ধ এখনো শেষ হয়নি। ইসরায়েলি, আমেরিকান ও তার মিত্রদের বহনকারী বিমানগুলো আকাশে উড়ছে। সেগুলোকে ১১ ও ৩০ সেপ্টেম্বরের মতো লক্ষ্যবস্তু বানানো সম্ভব। এতে আরও সতর্ক করে বলা হয়, আমেরিকা ও ইসরায়েলের শত্রু সংখ্যা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

ঘটনার সূত্রপাত ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের ককপিট দখলের চেষ্টার মধ্য দিয়ে। ওই ফ্লাইটের অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আল হামামিকে আটকের প্রায় ৯ ঘণ্টা পর তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে একাধিক পোস্ট দেখা যায়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিওতে ককপিটের ভেতরের দৃশ্য ফুটে ওঠে, যেখানে পাশে থাকা একটি ইসরায়েলি বিমানের ওপর ক্যামেরা জুম করা হচ্ছিল। এরপরই স্ক্রিনে ভেসে ওঠে আল কায়দার প্রয়াত শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি এবং ২০০৯ সালে সিআইএ কর্মকর্তাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হুমাম খলিল আল বালাউইর ছবি। এ ছাড়া তার অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি মক্কা, মদিনা ও জেরুজালেমের সংযোগকারী একটি ছবিও পোস্ট করা হয়।

অভিযুক্ত পাইলট পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কীভাবে এই পোস্টগুলো প্রকাশিত হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পোস্টগুলো আগে থেকে সিডিউল করা ছিল নাকি অন্য কেউ পোস্টগুলো করেছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো। ইতোমধ্যে মার্কিন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বাণিজ্যিক বিমান চলাচলে নতুন করে নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট
সাপ্তাহিক সাময়িকী আল বায়ানে আল কায়দার হুমকি ও  ফ্লাইদুবাইয়ের কো-পাইলট হামাম আল হামামি। ছবি: নিউইয়র্ক পোস্ট
সাপ্তাহিক সাময়িকী আল বায়ানে আল কায়দার হুমকি ও ফ্লাইদুবাইয়ের কো-পাইলট হামাম আল হামামি। ছবি: নিউইয়র্ক পোস্ট

গোলান সীমান্তে ইসরায়েলের ‘সুফা ৫৩’ প্রকল্পের নিন্দা সিরিয়ার

দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশে গোলান মালভূমির কাছে বিচ্ছিন্নীকরণ রেখা বরাবর ইসরায়েলের খনন ও সামরিক অবকাঠামো নির্মাণকাজের নিন্দা জানিয়েছে সিরিয়া। দামেস্কের দাবি, ইসরায়েলের ‘সুফা ৫৩’ প্রকল্প ১৯৭৪ সালের ইসরায়েল-সিরিয়া বিচ্ছিন্নীকরণ চুক্তি লঙ্ঘন করছে।

রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও চেয়েছে তারা।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলের এ ধরনের সামরিক তৎপরতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। একই সঙ্গে নিজেদের ভূখণ্ডের ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার সিরিয়ার রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কুনেইত্রা প্রদেশের আশার পশ্চিমে ইসরায়েলি বাহিনী নতুন করে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে। এই কাজ ‘সুফা ৫৩’ প্রকল্পের অংশ। প্রকল্পের আওতায় সীমান্তের বিচ্ছিন্নীকরণ রেখা বরাবর একটি সড়ক নির্মাণ করা হচ্ছে।

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা গত কয়েক দিন ধরে আরও বেড়েছে বলেও জানিয়েছে সিরিয়ার গণমাধ্যম। কুনেইত্রা ও দারা প্রদেশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রবেশ, মাটি সরানো, প্রতিরক্ষা স্থাপনা নির্মাণ এবং নতুন সামরিক অবস্থান তৈরির খবর পাওয়া গেছে।

‘গ্রেট স্টর্ম’ নামেও পরিচিত সুফা ৫৩ প্রকল্পের কাজ কুনেইত্রার বিচ্ছিন্নীকরণ অঞ্চলে ২০২২ সালের মাঝামাঝি সময়ে ধীরে ধীরে শুরু হয়। বাশার আল-আসাদের সরকার পতনের আগে প্রকল্পটির কাজ শুরু হলেও ২০২৪ সালের শেষ দিক থেকে এর গতি বাড়ে।

প্রকল্পটির আওতায় প্রায় ৮ মিটার প্রশস্ত একটি সামরিক সড়ক নির্মাণের পাশাপাশি প্রায় ৫ মিটার উঁচু মাটির বাঁধ, পরিখা ও পর্যবেক্ষণ চৌকি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ার সিজিল সেন্টার। প্রকল্পটি উত্তর কুনেইত্রার হাদের এলাকার কাছ থেকে শুরু হয়ে জাবাতা আল-খাশাব, হামিদিয়া, কাহতানিয়া, রুয়াইহিনা, বির আজাম ও বারিকাহ হয়ে আশার এবং দক্ষিণের সীমান্ত এলাকার দিকে গেছে বলে জানিয়েছে কেন্দ্রটি।

সিরিয়ার ওই পর্যবেক্ষণ কেন্দ্রের দাবি, প্রকল্পের কিছু অংশে ইসরায়েলি বাহিনী বিচ্ছিন্নীকরণ অঞ্চলের ভেতরে প্রায় ৩০০ থেকে ১ হাজার মিটার পর্যন্ত এগিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা কৃষিজমির বড় অংশ দখলে নেওয়ার অভিযোগও করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েল জানিয়েছিল, দক্ষিণ সিরিয়ায় তাদের সামরিক তৎপরতা সীমান্তের নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকি ঠেকানোর প্রয়োজন থেকেই পরিচালিত হচ্ছে।

সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ১৯৭৪ সালের ৩১ মে বিচ্ছিন্নীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে দুই দেশের সেনাদের অবস্থানের মধ্যে একটি বাফার বা নিরপেক্ষ এলাকা তৈরি করা হয়। জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ) ওই এলাকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও চুক্তি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে।

সূত্র: শাফাক নিউজ

ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া
ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া

পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ আর কী আছে ভেতরে

বিশ্বের অন্যতম সুরক্ষিত নেতা হিসেবে পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার দুটি প্রতীক ছাড়া খুব কমই ভ্রমণ করেন। একটি হচ্ছে তাঁর বর্মসজ্জিত লিমুজিন ‘অরাস সেনাট’ এবং অন্যটি হচ্ছে তাঁর জন্য বিশেষভাবে তৈরি প্রেসিডেন্টের উড়োজাহাজ ইলিউশিন আইএল–৯৬–৩০০ পিইউ। এটি আবার ‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘উড়ন্ত ক্রেমলিন’ নামে পরিচিত।

‘উড়ন্ত ক্রেমলিন’ সম্পর্কে যা জানা যায়

ভ্লাদিমির পুতিনের উড়োজাহাজটি হলো ইলিউশিন আইএল-৯৬-৩০০-এর একটি বিশেষ পরিবর্তিত সংস্করণ। এটি হলো ১৯৮০-এর দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরোর তৈরি দূরপাল্লার, চার ইঞ্জিনবিশিষ্ট রুশ এয়ারলাইনার। এটি প্রথম ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর আকাশে উড়েছিল এবং ১৯৯০-এর দশকের প্রথম দিকে পরিষেবা শুরু করে।

আইএল-৯৬-৩০০পিইউ দূরপাল্লার আইএল-৯৬ প্ল্যাটফর্মে তৈরি, যার দৈর্ঘ্য ৫৫ দশমিক ৩৫ মিটার এবং ডানা বা উইংস্প্যান ৬০ দশমিক ১২ মিটার। এটি চারটি অ্যাভিয়াদভিগাটেল পিএস-৯০এ টার্বোফ্যান ইঞ্জিনের মাধ্যমে চালিত। জ্বালানি না ভরে এই উড়োজাহাজ প্রায় ১১ হাজার কিলোমিটার টানা উড়তে পারে, যা এটিকে দীর্ঘ আন্তর্জাতিক রুট উড্ডয়নের সক্ষমতা দেয়।

এই উড়োজাহাজ ভোরোনেজ এয়ারক্রাফ্ট প্রোডাকশন অ্যাসোসিয়েশনের (ভিএএসও) তৈরি। এটি রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের মাধ্যমে পরিচালিত হয়, যারা রুশ প্রেসিডেন্টের সব ভ্রমণের ব্যবস্থা করে থাকে।

প্রেসিডেনশিয়াল ভ্যারিয়েন্টটিকে আইএল-৯৬-৩০০পিইউ হিসেবে মনোনীত করা হয়েছে। রুশ ভাষায় ‘পিইউ’-এর পূর্ণ অর্থ হলো পুনক্ট উপরাভলেনিয়া, যার অর্থ দাঁড়ায় ‘কমান্ড পয়েন্ট’ বা ‘কমান্ড পোস্ট’।

পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’–এর বিশেষত্ব

আইএল-৯৬-৩০০পিইউ জাতীয় জরুরি অবস্থার সময় সম্পূর্ণ একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই উড়োজাহাজে এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা রয়েছে, যা সারা বিশ্বের সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কগুলোর সঙ্গে সুরক্ষিত যোগাযোগ স্থাপন করতে সক্ষম।

উড়োজাহাজটি নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সুরক্ষিত স্যাটেলাইট লিংক এবং সুরক্ষিত রেডিও ও ডেটা চ্যানেল ব্যবহার করে থাকে। এর ককপিটে ছয়টি মাল্টিফাংশন এলসিডি ডিসপ্লে রয়েছে।

উন্নত হ্যান্ডলিং ও নিরাপদ ফ্লাইট পরিচালনার জন্য জেটটিতে ‘ফ্লাই-বাই-ওয়্যার’ নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করা হয়েছে। উড়োজাহাজটিতে ইলেকট্রনিক কাউন্টারমেজার এবং রাডার-জ্যামিং প্রযুক্তিসহ উন্নত প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে।

যেকোনো ধরনের হুমকি মোকাবিলার জন্য ইনফ্রারেড ডিকয় লঞ্চার (ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করার কৌশল) এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার মাধ্যমে এই উড়োজাহাজ সুরক্ষিত।

প্রতিবেদন অনুসারে, উড়োজাহাজটিকে ইলেকট্রনিকস ইলেকট্রোম্যাগনেটিক পালসের (ইএমপি) আক্রমণ থেকে সুরক্ষিত।

জানা যায়, আইএল-৯৬-৩০০পিইউ জরুরি কমান্ড ফাংশনকে সহায়তা করতে পারে। এখান থেকে প্রেসিডেন্ট আকাশ থেকে সামরিক আদেশ জারি করার সুবিধা পান।

ধারণা করা হয়, এই উড়োজাহাজে একটি পারমাণবিক কমান্ড ইন্টারফেস অন্তর্ভুক্ত করা রয়েছে। শুধু চরম পরিস্থিতিতে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে।

পুতিনের উড়োজাহাজে সুযোগ-সুবিধা

আইএল-৯৬-৩০০পিইউ ভেতরে চলমান ক্রেমলিন বাসভবন হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিবেদন ও সরকারি তথ্য অনুসারে, এটিকে সরকারি উড়োজাহাজের চেয়ে আকাশে একটি বিলাসবহুল প্রাসাদ হিসেবে বর্ণনা করা হয়।

বিমানটির ভেতরের সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে শয়নকক্ষসহ প্রেসিডেন্টের ব্যক্তিগত স্যুট, বোর্ডরুমে বসার ব্যবস্থাসহ বড় কনফারেন্স রুম, প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিস ও কাজের জায়গা, কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তিদের জন্য গেস্ট লাউঞ্জ, বিলাসবহুল বাথরুম, যাতে গোসলেরও ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

এ ছাড়া রান্নাঘর ও খাবারের জন্য নির্দিষ্ট এলাকা, চিকিৎসাসুবিধা বা চিকিৎসা কক্ষ, দীর্ঘ ফ্লাইটে ব্যায়ামের জন্য ফিটনেস বা জিম স্পেস ইত্যাদি।

উড়োজাহাজের অভ্যন্তরীণ সাজসজ্জাও বেশ চোখে পড়ার মতো। যেমন এতে রয়েছে সোনার প্লেট বসানো ফিটিংস, দামি কাঠের কাজ, নিওক্ল্যাসিক্যাল আসবাব, ট্যাপেস্ট্রি ও শিল্পকর্ম, প্রিমিয়াম চামড়া ও গৃহসজ্জার সামগ্রী।

অন্যান্য অনেক বিশ্বনেতা বোয়িং বা এয়ারবাসের পরিবর্তিত জেট ব্যবহার করলেও পুতিনের উড়োজাহাজটি পুরোপুরি রাশিয়ায় তৈরি।

ভ্লাদিমির পুতিন এই উড়োজাহাজে চড়েন
ভ্লাদিমির পুতিন এই উড়োজাহাজে চড়েন। ছবি এক্স থেকে নেওয়া