Showing posts with label অনিম আরাফাত. Show all posts
Showing posts with label অনিম আরাফাত. Show all posts

Friday, November 15, 2019

৬২ বছরে মানবসভ্যতার গতি পাল্টে দেয়া স্পুটনিক-১ by অনিম আরাফাত

এখন থেকে ৬২ বছর পূর্বে মহাকাশে উৎক্ষেপিত হয় পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১। তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পাঠানো ওই কৃত্রিম উপগ্রহের মধ্য দিয়ে মহাকাশ জয়ে একধাপ এগিয়ে গিয়েছিলো মানবসভ্যতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামে তৎকালীন দুই সুপারপাওয়ার সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। গোটা দুনিয়ায় নিজেদের শক্তি প্রদর্শন শেষে মহাকাশেও নতুন এক প্রতিযোগিতায় নামে দেশদুটি। আর স্পুটনিক-১ পাঠানোর মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয় সোভিয়েন ইউনিয়ন।
১৯৫৭ সালের ৪ অক্টোবর মহাকাশে সফলভাবে স্পুটনিক-১ প্রেরণ করে সোভিয়েত বিজ্ঞানীরা। এটি ছিলো একটি গোল বলের মত দেখতে। ২৩ ইঞ্চি ব্যাসের এই ছোটো উপগ্রহটির ওজন ছিলো ৮৩ কেজি।
এটি পাঠানো হয়েছিলো পৃথিবীর বায়ুমন্ডলের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে। এই দিনটির আগে মানব ইতিহাসে কোনো বস্তুই অভিকর্ষ ছিন্ন করে মহাকাশে যেতে পারেনি। এটির সফলভাবে প্রেরণের মধ্য দিয়ে আমাদের কৃত্রিম উপগ্রহের সফল যাত্রাও শুরু হয়।
উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করতো অবিশ্বাস্য গতিতে। ঘন্টায় ২৯ হাজার কিলোমিটার গতিতে চলতে থাকা স্পুটনিক-১ এর পৃথিবীর চারদিকে একবার আবর্তন করতে সময় লাগতো মাত্র ৯৬ মিনিট। গোলাকৃতির এই উপগ্রহটির একদিকে ছিলো ৪টি এন্টেনা। এগুলো লম্বায় ছিলো ২৩ ইঞ্চি করে। এর নকশা করেছিলেন সের্গেই করালিওভ নামের এক বিজ্ঞানী। মহাকাশে পৃথিবীর চারদিকে এটি পরিভ্রমন করেছে ৩ মাস। এরপর এটিকে ধ্বংস করে দেয়া হয়। এর আগে প্রথম ২১ দিন লাগাতার তথ্য পাঠায় স্পুটনিক-১। এরপর এর কার্যক্ষমতা কমে যাওয়ায় তথ্য প্রেরণ বন্ধ করে দেয়। এটিই আমাদের প্রথম ধারণা দিয়েছিলো যে, মহাকাশে রেডিও তরঙ্গ কেমন কাজ কাজ করবে। একইসঙ্গে ভবিষ্যতে নভচারী প্রেরণ করলে তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারবে কিনা সেটিও এর মাধ্যমে জানা যায়। যাত্রাপথে পৃথিবী থেকে এটি ২১৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৯৩৯ কিলোমিটার দূরে অবস্থান করছিলো।
যুক্তরাষ্ট্র মনে করে সোভিয়েত ইউনিয়ন তারাহুরো করে স্পুটনিক-১ পাঠিয়েছিলো। নইলে যুক্তরাষ্ট্রই প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানোর কৃতিত্ব ছিনিয়ে নিতে পারতো। দাবিমতে, সোভিয়েত বিজ্ঞানীরা এর সঙ্গে তেমন কোনো যন্ত্রপাতি প্রেরণ করেননি। যত দ্রুত সম্ভব একটি অতি-সাধারণ কৃত্রিম উপগ্রহ হিসেবে স্পুটনিককে পাঠানো হয়েছিলো। এটি সোভিয়েত বিজ্ঞানিদের মাঝে অবজেক্ট ডি কোড নামে পরিচিত ছিলো।
যতদূর জানা যায়, স্পুটনিক-১ মিশনটি প্রায় ব্যর্থ হতে চলেছিলো। উপগ্রহটিকে একটি আর-৭ রকেটে করে মহাকাশে পাঠানো হয়। কিন্তু উৎক্ষেপণের পরপরই রকেটের ইঞ্জিন ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। অনেকটা ভাগ্যক্রমেই কিছুক্ষনের মধ্যেই এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। উৎক্ষেপণের পর অনেকেই দাবি করেছেন তারা পৃথিবী থেকেই স্পুটনিক-১ দেখতে পেয়েছেন। স্বাভাবিক অবস্থায় এটিকে সাধারণ দুরবীন দিয়েই দেখা যেতো। স্পুটনিকের ধ্বংসাবশেষ পরেছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে। লস এঞ্জেলসের এনকিনোতে এক ব্যাক্তি ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির পেছনে কিছু একটা জ্বলছে। ধারনা করা হয় এটি ছিলো স্পুটনিকের একটি অংশ।
যাইহোক, সোভিয়েত ইউনিয়নের এই সফলতাকে মানবজাতির জন্য এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হলেও খুশি হতে পারেনি যুক্তরাষ্ট্র। এই অগ্রগতিকে তারা নিজেদের ভবিষ্যতের জন্য বড় ধরণের হুমকি হিসেবে নেয়। ওই অবস্থাটি যুক্তরাষ্ট্রে স্পুটনিক ক্রাইসিস নামে পরিচিত। সোভিয়েতের ওই সফলতার পর মহাকাশ প্রতিযোগিতায় গতি সঞ্চারিত হয়। কৃত্রিম উপগ্রহ প্রেরণ করতে উঠেপরে লাগে যুক্তরাষ্ট্র। শীঘ্রই সফলও হয় তারা। ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার-১ পাঠায় যুক্তরাষ্ট্র।
তবে এর আগেই ১৯৫৭ সালের ২ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠায় স্পুটনিক-২। এই কৃত্রিম উপগ্রহেই ছিলো লাইকা নামের সেই বিখ্যাত কুকুরটি। মহাকাশে প্রথম প্রাণী পাঠানোর কৃতিত্বটাও নিয়ে নেয় মস্কো। এরপর ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের থেকে আরো একধাপ এগিয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। সে বছর পাঠানো ভস্তক মহাকাশযানে প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন। এছাড়া, প্রথম নারী মহাকাশচারী হিসেবে ভ্যালেন্তিনা তেরেশকোভাকে প্রেরণের রেকর্ডটিও সোভিয়েত ইউনিয়নেরই। তবে এতসব জয়যাত্রার সূচনা হয়েছিলো সেই স্পুটনিক-১ এর মধ্য দিয়েই। যেটি পাল্টে দিয়েছিলো মানব সভ্যতার গতিপথ।

Wednesday, September 18, 2019

আগুনে কি ইরানই ঘি ঢালছে? by অনিম আরাফাত

আরামকো’র দুটি তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলাকে বলা হচ্ছে সৌদি আরবের অভ্যন্তরে হওয়া ইতিহাসের সব থেকে বড় হামলাগুলোর একটি। এতে দেশটি যে বড় ধরনের ধাক্কা খেয়েছে তা ক্রমাগত সপষ্ট হতে শুরু করেছে। একদিনেই সৌদি আরবের তেল উৎপাদন মাত্রা অর্ধেকে নেমে এসেছে। যে তেলক্ষেত্রে হামলা হয়েছে সেটি শুধু সৌদি আরব নয়, সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে বড় তেল উৎপাদন কেন্দ্র। আর ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই গুরুতর যে সেখান থেকে পুনরায় তেল উৎপাদন স্বাভাবিক করতে দেশটির কয়েক মাস সময় লেগে যেতে পারে। ইতিমধ্যে ১৯৯১ সালের পর বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হামলার পর একদিনেই লাফিয়ে ২০ শতাংশ দাম বেড়ে গেছে তেলের। কিন্তু এখনো সপষ্ট নয় এত বড় একটি হামলার পর সৌদি আরবের প্রতিক্রিয়া ঠিক কী হতে চলেছে!
শনিবারের ওই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরানপন্থি সংগঠন হুতি। সশস্ত্র ওই সংগঠনটির বিরুদ্ধে গত ৪ বছর ধরে ইয়েমেনে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। দীর্ঘ এ সময় হুতিরা বারবার নিজেদের সামর্থ্য দিয়ে সৌদির শাসকদের বুকে ভয় ঢুকিয়ে দিতে চেয়েছে। তবে এ বছরের আগপর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা তারা পায়নি। কিন্তু সামপ্রতিক সময়ে দেখা যাচ্ছে প্রায়শই তারা সৌদি আরবের অভ্যন্তরে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা পরিচালনা করছে। সপষ্টতই তাদের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সংগঠনটির দাবি, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরবের নির্বিচারে বোমাবর্ষণের জবাবের অংশ হিসেবেই শনিবারের ওই ড্রোন হামলা চালানো হয়েছে।
হুতির দাবি অনুযায়ী, দশটি বোমাবাহী ড্রোনের মাধ্যমে ওই হামলা পরিচালনা করা হয়। কিন্তু এ দাবি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটি সপষ্টভাবেই বলছে, এ হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে। হুতির মতো সংগঠনের পক্ষে এ ধরনের হামলা চালানো সম্ভব নয়। হুতির দাবি, এ হামলা চালাতে তাদেরকে সাহায্য করেছে সৌদি আরবের মানুষই। তবে এ দাবিকে অসম্ভবই মনে করা হচ্ছে আপাতদৃষ্টিতে। অন্য যেটি হতে পারে তা হলো, অন্যান্যবারের মতো ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে হামলা পরিচালনা করা হয়েছে। এ জন্য তাদেরকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুল হামলা চালাতে হয়েছে। সৌদির এত অভ্যন্তরে হুতির এই মাত্রার হামলার সামর্থ্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সত্যিকার অর্থে হুতির এ হামলার পেছনে জড়িত থাকার সম্ভাবনা বেশ কম। ইরানের সহযোগিতায় ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন সাধন করা সত্যেও এত বড় পাল্লায় নির্ভুল হামলা হুতিরা চালাতে পারে না। সব থেকে বড় কথা হলো, হুতিকে হামলা চালাতে হলে সৌদি আরবের আধুনিকতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পার হয়ে ওই হামলা চালাতে হবে। ফলে সন্দেহ জোরালো হচ্ছে যে, ইরাকের দক্ষিণাঞ্চল থেকেই এ হামলা পরিচালিত হয়েছে। এটি হামলার শিকার তেলক্ষেত্রগুলো থেকে বেশ কাছেই। ইরাকের সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ ইরান সরকারসমর্থিত। এটি সৌদি সীমান্ত এলাকায় বেশি সক্রিয় থাকে। সমপ্রতি ওই অঞ্চলে থাকা ইরানি স্থাপনায় হামলা চালিয়েছিলো ইসরাইল। ধারণা করা হচ্ছে সেখান থেকেই শনিবারের হামলা চালানো হয়েছে। এ বছরের মে মাসে সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন হামলা শুরু হয়। হামলার পর এর দায় স্বীকার করে নেয় হুতি যোদ্ধারা। কিন্তু গত জুনে যুক্তরাষ্ট্র জানায়, এসব হামলা ইয়েমেন থেকে নয় বরং ইরাক থেকে পরিচালিত হচ্ছে। এবং এসব হামলা চালাচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ইরাকের ইরানপন্থি সামরিক বাহিনী। এ ছাড়া যেসব ড্রোন থেকে শনিবারের হামলাটি চালানো হয়েছে তা পরীক্ষার পর এ দাবি আরো জোরালো হয়েছে। এমন আধুনিক মানের ড্রোন ও বিস্ফোরক একটি বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে থাকা অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। হামলার একদিন পর রোববার মিডল ইস্ট আইকে ইরাকের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, ইরাকের অভ্যন্তর থেকেই ওই হামলা পরিচালনা করা হয়েছিলো। তবে ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি। নেদারল্যান্ডসের যুদ্ধ বিশেষজ্ঞ আরউইন ফন ভিন বলেন, হুতি হোক বা যেই হোক না কেনো এ হামলার সঙ্গে ইরান জড়িত ছিলই। যুক্তরাষ্ট্র ও সৌদি কর্তৃপক্ষও দাবি করে আসছে, ইরানের রেভ্যুলুশনারি বাহিনী সৌদির আরামকো’র তেলক্ষেত্রগুলোকে টার্গেট করে ক্রুজ মিসাইল হামলার পরিকল্পনা করছে। আর এ হামলা তারা ইরাকের অভ্যন্তর থেকে পরিচালনা করতে চলেছে বলেও আশংকা করেছিলেন দুই দেশের কর্মকর্তারা। ইতিহাসজুড়ে সৌদি আরব ও ইরানের মধ্যে ছিল বৈরী সমপর্ক। গত কয়েক বছরেও দেখা গেছে তার প্রকাশ। মধ্যপ্রাচ্যে দু’দেশের মধ্যেকার বৈরী ভাব প্রক্সি যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে সামপ্রতিক সময়ে তাতে ঘি ঢালতে শুরু করেছে ইরান। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও তার পশ্চিমা মিত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছে দেশটি। গত শনিবার সৌদি তেলক্ষেত্রে হামলায় ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা তারই অংশ। ফলে ওই আগুন থেকে একটি পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধের আশংকা ক্রমাগত জোরালো হচ্ছে।

Sunday, September 15, 2019

সৌদি আরবে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া by অনিম আরাফাত

সমপ্রতি সৌদি আরবে প্রচলিত প্রথার বিরুদ্ধে এক বিদ্রোহী হিসেবে বিশ্বে পরিচিত হয়ে উঠেছেন মাশায়েল আল-জালুদ নামের এক নারী। কট্টর রক্ষণশীল এই দেশটিতে নারীদের জন্য আবায়া বা বোরকা বাধ্যতামূলক। কিন্তু রাষ্ট্রের চাপিয়ে দেয়া এই আইন ভেঙে যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা পরেই বেরিয়ে আসেন সাহসী ওই নারী। এরপরই তার আবায়াহীন বেশকিছু ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।

বৃটিশ গণমাধ্যম মেট্রো ওই নারীকে বিদ্রোহী হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছে, দেশটিতে এখন অনেক নারীই প্রচলিত প্রথা ভেঙে বেরিয়ে আসতে শুরু করেছে। তারা বলছেন, আমি কী পরবো না পরবো সেটি চাপিয়ে দেয়ার অধিকার অন্য কারো নেই। তারা এখন দেশটির ধর্মীয় কট্টরপন্থিদের দ্বারা হুমকির শিকার হচ্ছেন কিন্তু এটি এখন সপষ্ট যে, ধীরে ধীরে হলেও সৌদি আরবে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। এর জন্য দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও বেশ অবদান রয়েছে।

গত বছর সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সৌদি আরবে পোশাক নিয়ে প্রচলিত আইন শিথিল করবেন তিনি। এ সময় তিনি বলেন, এই ধরনের বাধ্যবাধকতা ইসলামে নেই। তবে এ নিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে কোনো আইন পাশ হয়নি। তবুও এখন সেখানে অনেককেই দেখা যাচ্ছে যারা তাদের আবায়া বাসায় ফেলে বেরিয়ে আসতে শুরু করেছেন। কেউ কেউ আবার বোরকার আধুনিক সংস্করণ পরতে শুরু করেছেন। অন্ধকার কালো রঙ ছেড়ে কেউ রঙিন আবায়া পরছেন। 

৩৩ বছর বয়সী মাশায়েল আল-জালুদও আবায়া ছেড়ে সাধারণ পোশাকেই যাতায়াত শুরু করেছেন। কিন্তু সমপ্রতি রাজধানী রিয়াদের একটি শপিং মলে তার আবায়াহীন কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। এতে দেখা যায় উঁচু জুতা, সমপূর্ণ খোলা চুল ও পাশ্চাত্য ধাঁচের দৃষ্টিনন্দন পোশাকে দোকানে দোকানে ঘুরছেন তিনি। তাকে দেখে আশেপাশের সবাই মনে করেছিলেন তিনি হয়তো বড় কোনো তারকা হবেন। কিন্তু বাস্তবে জানা যায়, তিনি আসলে একজন সাধারণ সৌদি নারী। রিয়াদেই একটি প্রতিষ্ঠানে মানবসমপদ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

গত জুলাইতে তিনি একটি ভিডিও পোস্ট করেন টুইটারে। এতে তিনি জানান, সৌদি আরবে পোশাক নিয়ে কোনো সপষ্ট আইন নেই। আমি হয়তো ঝুঁকিতে আছি। ধর্মীয় কট্টরপন্থিরা আমাকে হুমকি দিচ্ছে কারণ আমি আবায়া পরছি না। কিন্তু এটি কোনো ধর্মীয় বিষয় নয়। কারণ তা হলে সৌদি নারীরা দেশের বাইরে গেলে আবায়া ছুড়ে ফেলতো না।
তবে শুধু মাশায়েলই নয় এখন অনেক সৌদি নারীই আবায়া ছাড়া বাইরে বেরুতে শুরু করেছেন। এরমধ্যে একজন হচ্ছেন মানাহেল আল-ওতাইবি। ২৫ বছর বয়স্ক এই যুবতী বলেন, গত ৪ মাস ধরে আমি রিয়াদে কোনো ধরনের আবায়া ছাড়াই আছি। আমি আমার মতো করে স্বাধীনভাবে বাঁচতে চাই। আমাকে কেউ এমন কিছুতে জোর করতে পারে না যেটা আমি চাই না।

সৌদি আরব যে অঞ্চলে অবস্থিত সেখানে কয়েক হাজার বছর থেকেই আবায়ার প্রচলন ছিল। কিন্তু এটি বাধ্যতামূলক হয় মাত্র কয়েক দশক পূর্বে। সেখানে যারা অমুসলিম রয়েছেন তাদের জন্যও এটি বাধ্যতামূলক। দেশটির ধর্মীয় পুলিশ এই পোশাকের বিধান নিয়ে অনেককেই হেনস্থা করে থাকে বলেও অভিযোগ রয়েছে। আবায়া না পরা নারীদের রাস্তাঘাটে ব্যাপক উত্ত্যক্তের শিকার হতে হয়। তবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের এমন অবস্থায় নাড়া দিতে চাচ্ছেন। কট্টরপন্থাকে ঝেড়ে ফেলে উদার রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য সৌদি আরবের অনেক বিষয়কেই সংস্কার করেছেন তিনি। দেশটিতে তিনি সিনেমা নিয়ে এসেছেন, একইসঙ্গে নির্মাণ করছেন সিনেমা হলও। নারী-পুরুষের জন্য একইসঙ্গে কনসার্টের আয়োজন করছেন এবং নারীদের অধিকতর স্বাধীনতা অনুমোদন করেছেন। দেশটিতে এখন বিশ্ববিখ্যাত শিল্পীদের কনসার্ট হচ্ছে।

তারপরেও এখনো সেখানে জীবন নারীদের জন্য সহজ নয়। যারা প্রচলিত প্রথাকে চ্যালেঞ্জ করতে শুরু করেছেন তাদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতার সামনে পড়তে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সৌদি নারীরা প্রতিবাদও জানাতে শুরু করেছেন। দেশটির নারীরা দিন দিন নিজেদের অধিকার ও আত্মমর্যাদার প্রশ্নে সচেষ্ট হয়ে উঠছেন। ফলে সেখানে থাকা পুরুষ অভিভাবকত্ব আইনও কিছু কিছু ক্ষেত্রে শিথিল হতে শুরু করেছে। সব মিলিয়ে সৌদি আরবে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া।

Saturday, September 7, 2019

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস by অনিম আরাফাত

মোদি সরকারের ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনীতি। ব্যাপক আন্দোলনের আশঙ্কায় কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে গোটা কাশ্মীর অঞ্চল। পুলিশের সঙ্গে কাশ্মীরিদের দফায় দফায় সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। গত তিন দশকের পুঞ্জীভূত ক্ষোভে কাশ্মীর এখন ফুটছে। ৩৭০ ধারা বাতিলের পূর্বেও রাষ্ট্রীয় মদতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিন দশকে কাশ্মীরে ঘটা জোরপূর্বক গুম, নির্যাতন, ধর্ষণ ও বাকস্বাধীনতা সমপূর্ণরূপে হরণ সব সময়ই ছিল আলোচনার বিষয়। এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও স্থানীয় বেশ কয়েকটি পাকিস্তানপন্থি গোষ্ঠী। এরমধ্যে ভারতীয় রাষ্ট্রীয় বাহিনীগুলো দ্বারা সংঘটিত অপরাধের মাত্রা ছিল আকাশ ছোঁয়া।
বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার হিসাবে- ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত লক্ষাধিক কাশ্মীরিকে হত্যা করা হয়েছে। ভারত সরকারের হিসাব অনুযায়ীও এ সংখ্যা ৫০ হাজারের অধিক। এদের বেশিরভাগই ভারতের সেনাবাহিনীর হাতেই নিহত হয়েছে। তবে ভারত প্রথম থেকেই জম্মু ও কাশ্মীরে যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে। নয়াদিল্লির দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানিরা যে হামলা চালায় তাতে ব্যাপক সংখ্যক কাশ্মীরি নিহত হয়। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ।
বিশেষজ্ঞরা বলে থাকেন, ভারত কাশ্মীরে যা করেছে তা গণহত্যা ছাড়া আর কিছুই না। ১৯৯৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে কাশ্মীরের সাধারণ মানুষকে হত্যা করছে। ওই প্রতিবেদনে জানানো হয়, ভারত সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় জঙ্গিদের টার্গেটও হয় সাধারণ মানুষই। নয়াদিল্লিভিত্তিক কাশ্মীর বিষয়ক পণ্ডিত সীমা কাজির মতে, এখানে রাষ্ট্র কাশ্মীরিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ২০১০ সালে প্রকাশিত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনেও একই বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়, ভারতীয় সেনারা জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষ ও সন্ত্রাসী উভয়কেই বিচারবহির্ভূত উপায়ে হত্যা করছে।
হাজার হাজার কাশ্মীরিকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে হত্যার অভিযোগ রয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়া কাশ্মীরিদের মধ্যে রয়েছে ব্যাপক সংখ্যক নারী ও শিশু। এ নিয়ে জাতিসংঘ বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। হেফাজতে এত ব্যাপক সংখ্যক মৃত্যুর নিন্দাও জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, ভারতীয় নিরাপত্তা বাহিনী কোনো বিচার ছাড়াই কাশ্মীরিদের বন্দি করে রাখছে। ২০১০ সালে এ ধরনের নানা অপরাধের জন্য ১০৪ সেনাসদস্যকে শাস্তি দেয়া হয়। এরমধ্যে ৩৯ সেনা কর্মকর্তাও ছিলেন। তবে প্রকৃত অপরাধের তুলনায় এ শাস্তি একেবারেই নগণ্য। 
আলোচিত হত্যাকাণ্ড
১৯৯০ সালের ২১শে জানুয়ারি সিআরপিএফ সদস্যরা গাওকাদাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের হাতে নিহত হয় ৫১ বেসামরিক মানুষ। অভিযানের সময় সেনাদের হাতে যৌন নিপীড়নের শিকার হন অনেক কাশ্মীরি নারী। ওই একই বছর সংঘটিত হয় হান্ডওয়ারা হত্যাকাণ্ড। গাওকাদালে অভিযানের ৪ দিন পর অর্থাৎ ২৫শে জানুয়ারি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হান্ডওয়ারায় এক শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন এ হত্যাকাণ্ড চালায়। এতে নিহত হয় ২৫ আন্দোলনকারী। এ ঘটনায় আহত হয়েছিল আরো কয়েক ডজন মানুষ। ১৯৯০ সালের ১লা মার্চ জাকুরা ও টেঙপোরা এলাকায় বিক্ষোভ মিছিলে গুলি করে ৩৩ বিক্ষোভকারীকে হত্যা করে। এতে আহত হয় ৪৭ জন। এ ঘটনায় কারো বিচার হয়নি।
১৯৯০ সালের সব থেকে আলোচিত হত্যাকাণ্ড হিসেবে পরিচিত হাওয়াল হত্যাকাণ্ড। এদিন মিরওয়াইজ মুহাম্মদ ফারুকের শেষকৃত্যে ভারতীয় আধা সামরিক বাহিনী গুলি চালায়। এতে নিহত হয় ৬০ বেসামরিক কাশ্মীরি ও আহত হয় আরো শতাধিক। ১৯৯৩ সালের ৬ই জানুয়ারি সোপোরে শহরে অভিযান চালানোর সময় ভারতীয় সেনাদের হাতে নিহত হয় ৫৫ বেসামরিক মানুষ। এসময় তারা ওই শহরের অনেক বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বিজবেহারা হত্যাকাণ্ড ও কুপওয়ারা হত্যাকাণ্ডে যথাক্রমে ৫১ ও ২৭ বেসামরিক কাশ্মীরি নিহত হয়েছিল।
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদ কার্যক্রম আরম্ভের পর  থেকেই ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কাশ্মীরি জনগণের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই সংঘাত চলাকালে হাজার হাজার নারী ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়েছেন। রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয় পাকিস্তানপন্থি সশস্ত্র বাহিনীগুলোও ব্যাপক ধর্ষণের সঙ্গে যুক্ত।
কাশ্মীরিদের ওপর দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে নির্যাতন চালিয়ে আসছে ভারতীয় সেনারা। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রই প্রথম এ নিয়ে উদ্বেগ জানিয়েছিল। দেশটি এর পক্ষে নানা প্রমাণও ভারতীয় কূটনীতিকদের কাছে পাঠিয়েছিল। ২০১২ সালে মানবাধিকারের পক্ষে কাজ করা আইনজীবী পারভেজ ইমরোজ ও তার মাঠকর্মীরা নির্যাতন নিয়ে গবেষণা শুরু করে। তাদের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের মানুষ জাতিগতভাবে নির্যাতিত হচ্ছে এবং তাদের ওপর চালানো নির্যাতন পুরোপুরি পরিকল্পিত। এতে বলা হয়, প্রতি ৬ কাশ্মীরির মধ্যে ১ জন কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার।

Wednesday, September 4, 2019

আসামের নাগরিক তালিকায় বাদ পড়াদের সামনে কঠিন আর জটিল পথ by অনিম আরাফাত

গত শনিবার ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৩ কোটি ১১ লাখ মানুষ ঠাঁই পেলেও তালিকা থেকে বাদ গেছেন ১৯ লাখেরও বেশি মানুষ। কার্যত এই বিশাল সংখ্যক মানুষ এখন রাষ্ট্রহীন হওয়ার পথে। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, সব আইনি বিকল্প সমপন্ন না হওয়া   পর্যন্ত কাউকেই বিদেশি হিসেবে আখ্যায়িত করা যাবে না। তবে তালিকা প্রকাশের পর এখন এই ১৯ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেরাই অন্ধকারে আছেন। হতাশ হয়ে পড়ছেন প্রায় সবাই। এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে আসামের বাংলাভাষীদের মধ্যে।
নিয়ম অনুযায়ী যাদের নাম চূড়ান্ত তালিকায় আসেনি তাদের মোট ৪ মাস বা ১২০ দিন সময় দেয়া হবে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণের জন্য। এর আগে এই সময় ৬০ দিন ছিল।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের নাম এই চূড়ান্ত তালিকায় আসেনি তাদের যুক্তি শোনা হবে। পর্যায়ক্রমে এ জন্য ১ হাজার ট্রাইব্যুনাল গঠন করা হবে আসামজুড়ে। ইতিমধ্যে ১০০ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই আরো ২০০ গঠন করা হবে। তবে সেখানেও যদি কেউ হেরে যায় তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। তারা চাইলে আদালতে ও এরপর সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন।
কিন্তু এতে আশান্বিত হতে পারছেন না বাদ পড়া নাগরিকরা। নিজেদের ভারতীয় প্রমাণ করতে তাদের পাড়ি দিতে হবে দীর্ঘ ও অনিশ্চিত আইনি পথ। এই দীর্ঘ, জটিল ও ব্যয়বহুল পদ্ধতিতে কতজন নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন উঠছে। ধারণা করা হচ্ছে পুরো প্রক্রিয়ার জন্য খরচ হবে আনুমানিক ৪০ হাজার ভারতীয় রুপি। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ালে এ খরচ আরো বৃদ্ধি পাবে। তালিকায় নাম না আসা অনেকেই বলেছেন তাদের কাছে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আছে। ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের তালিকাভুক্ত করার বিষয়ে তারা আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন।
তবে ট্রাইব্যুনাল যেভাবে কাজ করে তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। বলা হচ্ছে, সেখানে গিয়ে সুবিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। তাদের থেকে ইচ্ছেমতো সাক্ষ্য আদায় করে নেয়া হচ্ছে। বাদ পড়া মানুষদের বেশির ভাগ গরিব হওয়ায় ছোটখাটো ধমকিতেই ঘাবড়ে যান তারা। ফলে তাদের ভবিষ্যৎ কী হবে তা সরকারকেই নির্ধারণ করতে হবে। এ ছাড়া যে আপিল আবেদনের সুযোগ রাখা হয়েছে তাতেও খুব বেশি সুবিধা পাবেন না এইসব মানুষ। সরকার বলছে, তাদের পর্যাপ্ত আইনি সমর্থন দেয়া হবে। কিন্তু দিনশেষে নিজের নাগরিকত্ব প্রমাণের কাজটি তাকেই করতে হবে। এই পুরো বিষয়টি এই সংকটকে জটিল করে তুলতে পারে। কারণ, সেখানে নাম, বয়স বা ঠিকানার ছোটখাটো ভুলেও কারো আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবার দুইজনের সামান্য পরসপরবিরোধী বক্তব্যও কারো নাগরিকত্ব প্রমাণের পথে বাধা হতে পারে। তাছাড়া বাদ পড়া অনেকে জানেনই না কীভাবে এই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। খোদ গুয়াহাটিতেই অনেকে ট্রাইব্যুনালে আবেদনের বিষয়ে অন্ধকারে আছেন।
ধারণা করা হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে বাদ পড়া এই মানুষের সংখ্যা কমে আসবে। অনেক পরিবারেই দেখা গেছে, বাবা-মা’র নাম এলেও সন্তানের নাম আসেনি। এসব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত যারা নিজেদের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হবেন তাদের পরিণতি কী হবে তা এখনো কেউ সপষ্ট করে বলছে না। আগামী ১২০ দিনের মধ্যে নিজের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে তাদের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হতে পারে। যাদের নাম বাদ পড়েছে তাদের বেশির ভাগই দরিদ্র মুসলিম বাংলাভাষী। তাদেরকে বিদেশি ঘোষণার পর বাংলাদেশে পাঠানো ভারতের জন্য কঠিন হবে। তাই ধারণা করা হচ্ছে, তখন হয়তো তাদের বিতাড়িত না করে বন্দিশিবিরে রাখা হবে। মৌলিক অধিকারের পাশাপাশি হয়তো কাজ করার সুযোগ পাবেন। কিন্তু নাগরিকত্ব না থাকায় তারা কোনো নির্বাচনে ভোট দিতে পারবেন না। এ ছাড়া তাদের বর্তমানে যে সমপদ আছে সেটির দখল নিয়েও নানা প্রশ্ন উঠছে। সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন আসামের লাখ লাখ মানুষ।

Monday, August 26, 2019

পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ: প্রথম দিনেই উত্তাপ ছড়াচ্ছে জি-৭ সম্মেলন by অনিম আরাফাত

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন সম্মেলন উপলক্ষে ফ্রান্সে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক একে আখ্যায়িত করেছেন একতা ও সংহতির এক কঠিন পরীক্ষা হিসেবে। ইতিমধ্যে ৩ দিনের এ আয়োজনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, ইতালি, বৃটেন ও স্বাগতিক ফ্রান্সের নেতারা। এ নিয়ে সমগ্র বিশ্ব এখন তাকিয়ে আছে এই সম্মেলনের দিকে।  সম্মেলনে সবথেকে প্রাধান্য পাচ্ছে জলবায়ু ইস্যু, আমাজনে আগুন ও বাণিজ্য যুদ্ধ। সম্মেলন নিয়ে যেমন আছে আশাবাদ তেমনি আছে সংহতির পথে ব্যর্থ হওয়ার শঙ্কাও।

শনিবার ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর বিয়ারিতজে শুরু হয় জি-সেভেন সম্মেলন। বলা হচ্ছে এটি ইতিহাসের সবথেকে বেশি মতভিন্নতা নিয়ে শুরু হওয়া জি-৭ এর শীর্ষ সম্মেলন। এ সম্মেলন যখন চলছে তখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ, ব্রেক্সিট, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং আমাজন বনে আগুন নিয়ে।
এরইমধ্যে এসব ইস্যুতে উত্তাপ ছড়াতে শুরু করেছে এবারের সম্মেলন।

সম্মেলন শুরুর পূর্বে বিশ্ব নেতাদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছেন ডনাল্ড টাস্ক। তিনি বলেন, দিন দিন আমাদের এক ভাষায় কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। বিশ্বের এখন আমাদের একতা প্রয়োজন। এটিই রাজনৈতিক একতায় পৌঁছানোর জন্য বিশ্বের সর্বশেষ সুযোগ। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, তিনি চান জি সেভেনভুক্ত দেশগুলো গণতন্ত্র, লিঙ্গ সমতা, শিক্ষা ও পরিবেশের ওপর জোর দিক। একইসঙ্গে তিনি এসব ইস্যুতে চাপ প্রয়োগ করতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নেতাদের তাদের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান।
ডয়েচে ভেলে জানিয়েছে, এর আগে ফ্রান্সে জি-সেভেন সম্মেলনে যোগ দিতে বিমানে ওঠার ঠিক আগেই ফ্রান্সকে রীতিমতো হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প? মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ডিজিটাল কর বসানোর পালটা প্রতিক্রিয়ায় ফরাসি ওয়াইনের ওপর নতুন কর বসানোর হুমকি দিয়েছেন তিনি। তবে ডনাল্ড টাস্ক এর দ্রুত পাল্টা জবাবে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট তার ‘হুমকি বাস্তবায়ন করল্থে ইইউ একই ধরনের পাল্টা জবাব দিতে প্রস্তুত।

শনিবার বিকালে স্ত্রী মেলানিয়াকে নিয়ে ফ্রান্সে পৌঁছান ডনাল্ড ট্রাম্প। পৌঁছানোর পর তার জন্য অঘোষিত ভূরিভোজের আয়োজন করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোন। এতে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেন দুই নেতা। এরপর সাংবাদিকদের ট্রাম্প বলেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। এ সপ্তাহে আমরা এ নিয়ে অনেক আলোচনা করবো এবং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

এ ছাড়া, লাতিন আমেরিকায় জ্বলতে থাকা পৃথিবীর ফুসফুস্থ খ্যাত আমাজনে আগুন নিয়ে ব্রাজিল সরকারকে হুমকি দিয়েছেন ম্যাক্রোন। তিনি বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো আমাজন নিয়ে কার্যকরি পদক্ষেপ না নিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা দেশটির চুক্তি বাতিল করা হবে। আগুন থামাতে ও পুনরায় সেখানে বনায়নে ফ্রান্স শুধু আহ্বানই জানাবে না অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে সর্বশক্তি প্রয়োগ করবে। তার এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও। এক ভিডিও বার্তায় জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, আমরা সব ধরনের সহায়তার চেষ্টা করবো, স্পষ্ট বার্তা জানাবো যে রেইনফরেস্টটিকে বাঁচাতে সাধ্যের সবকিছুই করতে হবে।

বিশ্ব রাজনীতিতে এখন সবথেকে আলোচিত ইস্যু চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। ফলে জি-সেভেন সম্মেলনে এ বিষয়টি প্রাধান্য পাচ্ছে। তবে এশিয়ার যেসব নেতারা জি-সেভেন সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন তার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিয়ের নাম নেই। শনিবার চীন যুক্তরাষ্ট্রের নতুন করারোপের তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে একে যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপ আখ্যা দিয়ে এর জবাব দেয়ার হুমকি দিয়েছে দেশটি। প্রথমবারের মতো জি-সেভেন সম্মেলনে যোগ দিচ্ছেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফ্রান্সে এসে তিনি জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধ, ব্রেক্সিট হবে এ সম্মেলনের সবথেকে আলোচিত ইস্যু।

পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ
বরাবরের মতো এবারো জি-সেভেন সম্মেলনকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্সে। বিয়ারিতজের পার্শ্ববর্তী শহর হেন্দায়িতে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। এতে যোগ দিচ্ছেন জি-সেভেন বিরোধিতাকারীরা। বিক্ষোভ থেকে তারা বিভিন্ন ইস্যুতে ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের দায় মাথায় নেয়ার দাবি জানিয়েছেন। এরমধ্যে রয়েছে সমকামীদের অধিকার, ফিলিস্তিনিদের অধিকার, জলবায়ু পরিবর্তন রোধ, বিশ্বায়নের প্রভাব ও স্পেনের কাছে বাস্কের স্বাধীনতা ইস্যুতে বিশ্ব নেতাদের ব্যর্থতা।

এ আন্দোলনে যোগ দিয়েছেন ফ্রান্সের বিখ্যাত ইয়েলো ভেস্ট আন্দোলনের নেতারাও। হলুদ ভেস্ট পরে আসা একজন জানিয়েছেন, এখানে বিশ্বের প্রধান পুঁজিবাদী নেতারা আছেন। আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। ধনীরা আরো ধনী হচ্ছে কিন্তু গরিবদের জন্য কিছু নেই। আমরা দেখছি আমাজন জ্বলছে, মেরুতে বরফ গলছে। এই নেতাদের আমাদের কথা শুনতে হবে।

আন্দোলন ছড়িয়ে পড়েছে ফ্রান্সের অন্য শহরগুলোতেও। দেশটির বেয়োনি শহরে পুঁজিবাদ বিরোধী প্রায় ৪০০ বিক্ষোভকারীর ওপর জল কামান ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। শনিবার বিকালে বিক্ষুব্ধদের পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায়। তবে অন্য শহরগুলোতে আন্দোলন ছিল বেশ শান্তিপূর্ণ। সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ১৩ হাজার পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়েছে ফ্রান্স।

জ্বলছে পৃথিবীর ফুসফুস আমাজন অভিযোগের তীর সরকারের দিকে by অনিম আরাফাত

গত দুই সপ্তাহজুড়ে জ্বলছে পৃথিবীর সবথেকে বড় রেইনফরেস্ট আমাজন। পুড়ে ছাই হয়ে যাচ্ছে শত শত কিলোমিটার বনভূমি। প্রতি মিনিটে হারিয়ে যাচ্ছে একটি ফুটবল মাঠের সমান বনাঞ্চল। অথচ পৃথিবীর ফুসফুস খ্যাত এই বনাঞ্চলকে বাঁচাতে যে উদ্যোগ দেখা গেছে তা অতি সামান্য। এখনো দেখা যায়নি বড় ধরনের কোনো আন্তর্জাতিক প্রচেষ্টা। ব্রাজিল সরকারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

এ বছরের আগস্ট মাস পর্যন্ত আমাজনে কমপক্ষে ৭৩ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে পুরো ২০১৮ জুড়ে এ সংখ্যা ছিল ৪০ হাজারের কম।
এই একই সময়ের হিসেবে গত বছরের তুলনায় এবার আমাজনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৮৩ শতাংশেরও বেশি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। কিন্তু তিনি উলটো দাবি করছেন, তার ভাবমূর্তি খারাপ করতে প্রতিপক্ষ আমাজনে এ আগুন লাগিয়েছে। বলসোনারো বলেন, এই আগুন ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে। সমগ্র আমাজন জুড়ে এই অবস্থা। এটা কীভাবে সম্ভব? সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, সেখানে মানুষ যাচ্ছে এবং আগুন লাগিয়ে তার ভিডিও তৈরি করছে। আমার মন এখন এটাই বলছে।

তবে আসল অভিযোগের তীর বলসোনারোর দিকেই। আমাজন নিয়ে তার ব্যবসাকেন্দ্রিক চিন্তাভাবনা প্রকাশ্যেই তিনি বলেছেন বেশ কয়েকবার। নির্বাচনী প্রচারণার সময়েও তিনি আমাজনকে মাইনিং ও কৃষিকাজের জন্য ব্যবহারের কথা বলেন। এ ছাড়াও তিনি প্রচণ্ড মাত্রায় আদিবাসীবিরোধী একজন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। বর্তমানে আমাজনের এই অবস্থার জন্য স্থানীয়রা মনে করেন বলসোনারোই এর পেছনে দায়ী। রনডোনিয়া প্রদেশের পরিবেশ ও আদিবাসীদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন কানিন্দে এসোসিয়েশন। তার এক সদস্য ইভানেইদে বানদেইরা বলেন, এখানকার অবস্থা ভাষায় প্রকাশের অযোগ্য। বন ও আদিবাসীদের ভূমিতে আগুন লাগানোর জন্য আমি এই সরকারকেই দোষারোপ করছি। এখানকার আকাশ সমপূর্ণ কালো হয়ে আছে। হাসপাতালগুলো অসুস্থ মানুষে ভরে যাচ্ছে। আমাজনে থাকা সব আদিবাসী এলাকায়ই আগুনের প্রভাব পরেছে। তিনি আরো জানান, রাতের বেলা তিনি নিজেও নিঃশ্বাস নিতে না পেরে ঘুম থেকে ওঠে গেছেন। তার ভাষায়, এখন আমাজনে যা হচ্ছে তা পূর্বের অগ্নিকাণ্ডগুলোর থেকে হাজারগুণ বেশি ভয়াবহ। কোনো কিছুর সঙ্গেই এর তুলনা হতে পারে না। যে সন্ত্রাসীরা এই আগুন লাগাচ্ছে তারা সবাই সরকারের আশ্রয়ে থাকে। সরকার আমাজনকে পোড়াচ্ছে, বনাঞ্চল ধ্বংস করছে। অপরদিকে আমাজন রক্ষায় যারা কাজ করছে তাদেরকে দুর্বল করে দেয়া হচ্ছে।

লাতিন আমেরিকার সবথেকে বড় শহরগুলোর একটি ব্রাজিলের সাও পাওলো। আমাজনের আগুনের ধোঁয়ায় এ শহরের দিন রাত এখন আলাদা করা কঠিন হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাজনের জন্য প্রার্থনার দাবিতে ভেসে যাচ্ছে কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসছে না।  ইতিমধ্যে যে পরিমাণ বনাঞ্চল পুড়ে গেছে তা গত দুই বছরে ঘটা লক্ষাধিক অগ্নিকাণ্ডের থেকেও বেশি। 

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর আমাজনের প্রায় ৭৫০০ কিলোমিটার বনাঞ্চল হারিয়ে গেছে, যা ২০১৭ সালের তুলনায় ৬৫ শতাংশ বেশি। ২০১৯ সালের আপাত পরিসংখ্যান থেকে ধারণা করা হচ্ছে যে, আমাজন বনাঞ্চল উজাড় হওয়ার এই হার প্রেসিডেন্ট বলসোনারো গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর তিনগুণ হয়ে গেছে। বিবিসি জানিয়েছে, শুধুমাত্র গত মাসেই ২২০০ কিলোমিটার বনাঞ্চল খালি করা হয়েছে, যা গত বছরের জুলাই মাসের তুলনায় ২৮০ শতাংশ হারে বেশি। এ নিয়ে কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত বলসোনারো প্রকাশ্যে এসব তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে এজেন্সির পরিচালক রিকার্ডো গ্যালভাওকে বরখাস্ত করে বিতর্ক আরো চাঙ্গা করেছেন।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, আমাজনের কমপক্ষে ৯৫০০ স্থানে আগুন জ্বলছে। অর্থাৎ, মানুষ যা ভাবছে অবস্থা তার থেকেও অনেক বেশি ভয়াবহ। সবথেকে খারাপ অবস্থা ব্রাজিলের উত্তরাঞ্চলীয় প্রদেশ রোরাইমার। এর বেশিরভাগ এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে। এর রাজধানী মানাউসে এ  নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ছাড়া, পেরু সীমান্তেও জারি রয়েছে পরিবেশগত উচ্চ সতর্কতা।

প্রায় ২.১২ মিলিয়ন বর্গ মাইলের রেইনফরেস্ট এই আমাজন পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। ব্রাজিল, কলোম্বিয়া, পেরু ও অন্য বেশ কয়েকটি দেশজুড়ে  অবস্থিত এই বন। পৃথিবীর চার ভাগের একভাগ কার্বন ডাই অক্সাইড আমাজনই গ্রহণ করে থাকে। এখন এটি এমন এক হুমকির মুখে পড়েছে যা এর আগে কখনো ছিল না। গবেষকরা বলছেন, এর পরিণতি হবে ভয়াবহ। পারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরিবেশ বিজ্ঞানী ভিটোর গোমেজ বলেন, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আমার আর জানা নেই। শুধুমাত্র প্রাকৃতিক কারণে এত বড় আগুন একেবারেই অসম্ভব। এটা কোনো শুষ্ক মৌসুমও না। প্রেসিডেন্ট বলসোনারো ব্রাজিলের অর্থনীতি চাঙ্গা করার আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু আমাজন নিয়ে তার যে অবস্থান তা আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ রক্ষার আন্দোলনে ব্রাজিলের ভাবমূর্তি সমপূর্ণ নষ্ট করে দিচ্ছে।

Monday, April 8, 2019

চৌকিদারের ম্যাজিক, না নবীনবরণ? by অনিম আরাফাত

ভারতের লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। নির্বাচনী প্রচারণায় ছড়িয়েছে উত্তাপ। চলছে তরজা। দেশজুড়ে শুরু হয়ে গেছে ভোটের দামামা। দিল্লি দখলের আসল লড়াইটা বিজেপি আর কংগ্রেসের মধ্যেই হবে। ভোটে কে জিততে চলেছে তা নিয়ে চলছে হাজারো হিসাব-নিকেশ। ভারতের জনগণ কি আবারো মোদি ম্যাজিকে বস হবে, নাকি লোকসভা নির্বাচনের মধ্যদিয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীদের নবীন বরণ হতে চলেছে?
ভারতকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তাই দেশটির নির্বাচনের দিকে আলাদা নজর রয়েছে সবার।
১১ই এপ্রিল থেকে শুরু হতে চলা এ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রায় ৯০ কোটি ভারতীয় যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৩ গুণ। ১৮ বছর পেরুলেই দেশটিতে ভোট দেয়ার উপযুক্ত হিসেবে গণ্য হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রায় ৮৩ কোটি মানুষ ভোটের উপযুক্ত ছিলেন। সে নির্বাচনে ভোট দিয়েছিলেন প্রায় ৫৫ কোটি মানুষ। এতে ভূমিধস জয় পেয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও পুনরায় জয়ের জন্য লড়ছে দলটি।
বিজেপির প্রধান জাতীয় প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে থাকা কংগ্রেস। ভারতীয় রাজনীতির সব থেকে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য তিনি। তার পিতা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী। তার দাদি ইন্দিরা গান্ধী ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীনতা পরবর্তী সময়ে সব থেকে বেশি দিন দেশের নিয়ন্ত্রণ ছিল কংগ্রেসের হাতেই। তাই চারদিকে নরেন্দ্র মোদির জয়জয়কারের মধ্যেও কংগ্রেসকে ছোট করে দেখার উপায় নেই। দেশটির রাজনীতিতে দলটির প্রভাব উপেক্ষা করা অসম্ভব।
তবে ভারতের এবারের নির্বাচনে কে জিততে চলেছে তা নিয়ে হওয়া সব জরিপেই অনেক এগিয়ে আছেন নরেন্দ্র মোদি। মোদি ম্যাজিকে ভারতীয়রা এতটাই মুগ্ধ যে তাকে হারাতে কার্যত সকল বিরোধী দল এখন একজোট হতে বাধ্য হয়েছে। তাই আসন্ন নির্বাচনটা আসলে মোদি বনাম সকলের। লোকসভায় মোট আসন ৫৪৩টি যার প্রায় সব আসনেই বিভিন্ন দলের প্রার্থীদের বিরুদ্ধে একাই লড়ছে বিজেপি। এরকম একজনের বিরুদ্ধে সকলে মিলে লড়াই এর আগে ভারত কখনো দেখেনি। খুব অল্প সময়েই সর্বভারতীয় দল হয়ে উঠেছে বিজেপি। তাই তাকে থামাতে প্রয়োজন আরেক সর্বভারতীয় দল কংগ্রেসের। কিন্তু দলটির বর্তমান অবস্থাকে অতীতের তুলনায় নাজুকই বলতে হবে। গত নির্বাচনে কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসনে! তাদের অবস্থা এতই করুণ হয়েছিল যে লোকসভার বিরোধী নেতার আনুষ্ঠানিক মর্যাদাটুকু তাদেরকে হারাতে হয়েছিল।
এত সবের পরেও বিজেপির কাঁধে নানা অনিশ্চয়তা ভর করেছে। গত নির্বাচনে জয় লাভ করা ৯টি আসনের উপনির্বাচনে হারতে হয়েছে তাদের। বিধানসভার উপনির্বাচনের ১৬টিতে বিজেপির জয় মাত্র ২টিতে। যে দুটিতে জিতেছে তাতেও ব্যবধান অতি সামান্য। আর কংগ্রেসের মনে শক্তি যোগাচ্ছে এই ফলই। বিজেপির বিরুদ্ধে রয়েছে গুরুতর সব অভিযোগও। বেকারত্ব বৃদ্ধি, কৃষক আন্দোলন, সামপ্রদায়িকতা মাথা চাড়া দিয়ে ওঠা, শিল্পে স্থবিরতার মতো শত শত ব্যর্থতার জন্য মোদি সরকারকে অভিযুক্ত করেছে কংগ্রেস। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও মোদিবিরোধী মনোভাব জোরদার হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিলের কারণে আদিবাসী অধ্যুষিত এ রাজ্যগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল। ইতিমধ্যে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা হরণের চেষ্টায় উদ্বিগ্ন দেশটির সুশীল সমাজের একাংশ। সব মিলে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা স্রোত সৃষ্টির সম্ভাবনা দেখছে বিরোধীরা।
তাই ৭ ধাপে সম্পন্ন হতে চলা এই নির্বাচনে জিততে মোদি ব্যবহার করছেন তার সেরা অস্ত্রটিকে। এবারও হিন্দুত্ববাদকে সামনে রেখে এগিয়ে চলতে চাইছে বিজেপি। সঙ্গে রয়েছে দেশে পাকিস্তানবিরোধী রব তোলা। কট্টর জাতীয়তাবাদকে ব্যবহার করে বিজেপি বিরোধীদের আখ্যা দেয়া হচ্ছে পাকিস্তানপন্থী হিসেবে। বিজেপিকে তুলে ধরা হচ্ছে ভারতের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে। ইতিমধ্যে নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতারা নিজেদের নামের আগে চৌকিদার যুক্ত করেছেন। দেশের বিভিন্ন স্থানে গিয়ে জনসভা করে পাকিস্তানের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখছেন মোদি। কথায় কথায় লড়াইয়ের আভাস তার। কথা একটাই, পাকিস্তানকে দমাতে বিজেপির বিকল্প নেই।
অপরদিকে রাহুল গান্ধীকে নিয়ে বলা হচ্ছে নির্বাচনী যুদ্ধ শুরুর আগেই হেরে গেছেন তিনি। প্রশ্ন উঠছে মোদিকে হঠাতে তার যোগ্যতা নিয়েও। মোদি যেমন সর্বভারতীয় নেতা হয়ে উঠেছেন সেক্ষেত্রে রাহুল গান্ধী অনেকটাই ব্যর্থ। নির্বাচনে তিনি লড়ছেন কেরালার একটি আসন থেকে। এটি এমন একটি আসন যেখানে বিজেপি সাংগঠনিকভাবেই দুর্বল। নির্বাচনের আগেই তিনি নিরাপদে থাকতে চাইছেন। সমালোচকরা বলছেন, যেখানে রাহুল গান্ধী নিজেই বিজেপির মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, সেখানে তার দল কংগ্রেস কীভাবে বিজেপির এই জয়জয়কার থামাবে?
মোদি বিরোধীদের জন্য বিশাল এক ভোট ব্যাংক হচ্ছেন দেশটির মুসলমান ভোটাররা। এর আগে ভারতে মুসলিমরা কংগ্রেসকে ভোট দিলেও এবার এক তরফা মুসলিম ভোট পাচ্ছে না কংগ্রেস। তবে সে ভোট হিন্দুত্ববাদী বিজেপিরও পাওয়ার সম্ভাবনা নেই। দেশটির মুসলিম ভোটাররা অবশ্যই বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। মোদ্দা কথা হলো, নিজেদের আসনে যেই বিজেপির বিরুদ্ধে দাঁড়াবে, সে যে দলেরই হোক না, মুসলিমরা তাকেই ভোট দেবে। মুসলিমদের প্রভাবশালী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ ও দিল্লি শাহী মসজিদের ইমাম কেউই এখন পর্যন্ত আসন্ন নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। তবে মোদির বিরুদ্ধে নিজেদের অবস্থানটা ঘুরিয়ে ফিরিয়ে তারা প্রকাশ করছেনই। ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, এবারের নির্বাচনে সংবিধানের ধর্মনিরপেক্ষতা রক্ষার্থেই লড়াই করবেন তারা। দেশটিতে সামপ্রদায়িক বিভেদ সৃষ্টি করেছে কারা সেটি স্পষ্ট। আঙুল সরাসরি বিজেপির দিকেই। মুসলিমদের ভোট তাই বিজেপির পক্ষে না গেলেও সেই ভোট কার্যত ভাগ হয়ে একেক দলে পড়বে বলেই মনে করেন বিশ্লেষকরা।
সব মিলে দিল্লি দখলের লড়াইয়ে কে সফল হচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে ২৩শে মে পর্যন্ত। ১১ এপ্রিল থেকে শুরু হতে চলা নির্বাচন ৭ ধাপে চলবে ১৯শে মে পর্যন্ত। আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে ২৩শে মে। সেদিনই জানা যাবে মোদি ম্যাজিকে কি এখনো মুগ্ধ ভারতীয়রা, নাকি তারা এই সাম্প্রদায়িক শক্তিকে ছুড়ে ফেলে রাহুল গান্ধীকে বরণের জন্য প্রস্তুত। মোদির ভাষায়, টাইটানিক জাহাজের মতো ডুবে যাচ্ছে কংগ্রেস। তাই প্রশ্ন উঠেছে, গত নির্বাচনের লজ্জা কাটিয়ে কি কংগ্রেসের আবার উত্থান হবে, নাকি মোদির ভাষ্যমতে দলটির ভরাডুবি আসন্ন? সকল প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে ২৩শে মে পর্যন্ত।

Sunday, March 24, 2019

লিডার অব দ্য ওয়ার্ল্ড by সাজেদুল হক ও অনিম আরাফাত

খবরটা ততক্ষণে চাউর হয়ে গেছে। টিভি পর্দায় কোটি কোটি মানুষের চোখ। সংবাদ সম্মেলনে এলেন এক ভদ্রমহিলা। সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিবিসি, আল জাজিরায়। যারা চিনেন না তারা হয়তো বুঝতে পারেননি, তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন। পাশে কোনো চেলা, চামুণ্ডা নেই। একা একাই দীর্ঘক্ষণ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে  গেলেন। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন, আজকের দিনটি নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন।
আক্রান্ত মুসলিম সম্প্রদায়কে অভয় দিলেন, তোমরাই আমরা। জাসিনদা আরডেনের সাদাসিধে চলাফেরা সেদিনই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। পশ্চিমা দুনিয়ার শাসকদের জন্য এটা অবশ্য ব্যতিক্রম কোনো ঘটনা নয়। কিন্তু গত এক সপ্তায় যা যা হলো তাতে নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত আফসোস করেছে, আমেরিকার যদি একজন আরডেন থাকতো।
পৃথিবীটা এমনিতেই খুব খারাপ একটা সময় অতিক্রম করছে। দেশে দেশে ডনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদিদের উত্থান। ভোটের বাজিতে উত্‌রাতে উস্কে দেয়া হচ্ছে ঘৃণা। আকাশে বোমারু বিমান। এ যেন সেই সময় যে সময়ের বয়ান দিতে গিয়ে আল মাহমুদ লিখেছেন, ‘ভাবো, ইতিহাসের গতিরুদ্ধ। মানুষের আর কোনো ইতিহাস থাকবে না। পুঁজি থাকবে, সাম্রাজ্যবাদী বিশ্ববিচরণশীল লুণ্ঠন থাকবে, কিন্তু না বলার মতো কোনো দেশ থাকবে না। কেবল মহাকাশব্যাপী ঈগলখচিত বোমারু বিমানগুলো উড়বে- কিন্তু মাটি, পাহাড় বা সাগর থাকবে না।’
সেই সময়ে দাঁড়িয়ে দুনিয়াতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন আরডেন। ৩৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী উত্‌রে গেলেন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়। এমন পরীক্ষার টেবিলে নিউজিল্যান্ডের আগের কোনো প্রধানমন্ত্রীকে বসতে হয়নি। এমনিতে নিউজিল্যান্ড শান্তির দেশ হিসেবে পরিচিত। খুন-খারাবি নেই বললেই চলে। সেখানে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী চরম ঘৃণা নিয়ে হামলা চালালেন মসজিদে। হত্যা করলেন ৫০ মুসল্লিকে। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে তোলপাড় তৈরি হয় সারা দুনিয়াতেই। তবে ঘটনাটি যে হঠাৎ করেই ঘটেনি তা বহু পর্যবেক্ষকই স্বীকার করেন। পশ্চিমা রাজনীতিবিদ ও গণমাধ্যমের একটি অংশ দীর্ঘদিন ধরে এ ঘৃণা ছড়িয়ে আসছে। ইসলামভীতি তৈরিতে নিরন্তর চেষ্টা চালিয়ে আসছেন তারা।
কিন্তু নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা এটা আবার সামনে নিয়ে আসে যে সন্ত্রাসের কোনো ধর্ম নেই, জাত নেই। নিউজিল্যান্ড, এ দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী তামাম দুনিয়ার সামনে নজির হাজির করেন- কেবলমাত্র ভালোবাসা দিয়েই পরাজিত করা সম্ভব ঘৃণাকে। তারা একযোগে মুসলমানদের পাশে এসে দাঁড়ান। তাদের অভয় দেন। সংহতি প্রকাশ করেন। হিজাব পরে আরডেন এবং তার দেশের নারীরা বার্তা দেন মুসলিম নারীদের। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- সেই চিরায়ত উচ্চারণ দীপ্তকণ্ঠে ফিরে আসে আরডেনের মুখে।
মুহূর্তেই সারা দুনিয়ার মানুষের মন জয় করে নেন তিনি। আক্রান্ত নূর মসজিদের ইমাম যখন বলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যেভাবে এই ঘটনার নিন্দা করেছেন, শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তা গোটা বিশ্বে একটি দৃষ্টান্ত। এটা শুধু নূর মসজিদের ইমামের কথাই নয়, এটা যেন এখন সারা পৃথিবীরই কথা। মুক্ত দুনিয়ার মানুষ, রাজনীতিবিদরা আকুণ্ঠ প্রশংসায় মেতেছেন আরডেনের। বিশ্ব সংবাদ মাধ্যমও যোগ দিয়েছে এ দৌড়ে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান থেকে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে এক প্রশংসিত নাম আরডেন। সবারই প্রশ্ন এমনও হয় নাকি। আরডেনের প্রশংসা করে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছে, আতঙ্ক কীভাবে সামাল দিতে হয় তা আরডেনের কাছ থেকে শেখা উচিত বিশ্বের। অন্যদিকে, গার্ডিয়ানে লেখা হয়েছে সত্যিকারের নেতা।
আরডেনকে নোবেল দেয়ার পিটিশন:
এই পরিস্থিতিতে জাসিনদা আরডেনকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার দাবি উঠেছে। এরই মধ্যে দুটি পিটিশন করা হয়েছে। একটি পিটিশন করা হয়েছে চেঞ্জ ডট অর্গ (ঈযধহমব.ড়ৎম)-এ। আরেকটি করা হয়েছে ফরাসি ওয়েবসাইট আভাজ ডট অর্গ (অঠঅঅত.ড়ৎম)-এ। অনলাইনে এ দুটি পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছেন কয়েক হাজার মানুষ। এ খবর দিয়েছে অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ড। ফরাসি সাইটে লেখা হয়েছে, ক্রাইস্টচার্চে বিয়োগান্তক ঘটনার পর উপযুক্ত, উন্মুক্ত ও শান্তিপূর্ণভাবে যে পদক্ষেপ নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন, আমরা আশা করি আগামীতে শান্তিতে নোবেল পুরস্কার তার হাতে তুলে দেয়া হবে। ধারণা করা হচ্ছে, ফরাসি সাইটে এই আবেদনটির উদ্যোক্তা ফরাসি কবি ড. খাল তোরাবুলি।
নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, গত সপ্তাহের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার জন্য সারা বিশ্ব তার প্রশংসা করেছে। তার এ কাজের স্বীকৃতি হিসেবে দুবাইয়ের বুর্জ খলিফায় তাকে ফুটিয়ে তোলা হয়েছে। তাতে একজন মুসলিম নারীকে তিনি আলিঙ্গন করছেন- এমন একটি ছবি ব্যবহার করা হয়েছে। মুসলিমদের প্রতি তিনি যে আন্তরিক সহানুভূতি ও সমর্থন দেখিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ। বলেছেন, এর মধ্য দিয়ে বিশ্বের ১৫০ কোটি মুসলিমের শ্রদ্ধা অর্জন করেছেন জাসিনদা।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে আমিরাতের ‘সালাম’: বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় ফুটিয়ে তোলা হলো আরডেনকে। এতে দেখানো হয়েছে, তিনি ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত মুসলিমদের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন। হামলার পর মুসলিমদের প্রতি তিনি যে সমর্থন, সম্মান দেখিয়েছেন তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় তাকে এভাবে ফুটিয়ে তোলা হয়। সিডনি মর্নিং হেরাল্ডকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ৮২৯ মিটার উঁচু বুর্জ খলিফার চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই টাওয়ার। এর উপরেই ফুটিয়ে তোলা হয়েছে আরডেনকে। তিনি মাথায় স্কার্ফ পরা। মসজিদে হামলায় নিহতদের এক নারী স্বজনকে জড়িয়ে ধরে আছেন তিনি। তার মাথার একটু উপরে আরবিতে লেখা ‘সালাম’ যার অর্থ শান্তি। বুর্জ খলিফার এমন ছবি টুইট করেছেন সংযুুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ।
শেখ  মোহাম্মদ শুক্রবার টুইটে লিখেছেন, মসজিদে হামলায় শহীদদের সম্মানে নিউজিল্যান্ড নীরব আজ (শুক্রবার)। সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে এক হতাশার সৃষ্টি হয়েছে। তারপর নিউজিল্যান্ড  ও এ দেশের প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন যে আন্তরিক সহানুভূতি ও সমর্থন দিয়েছেন তাতে ১৫০ কোটি মুসলিমের শ্রদ্ধা পেয়েছেন তিনি।
কে এই আরডেন
নিউজিল্যান্ডের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন জাসিনদা আরডেন। ১৯৮০ সালের ২৬শে জুলাই নিউজিল্যান্ডের হ্যামিল্টনে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। মা একটি স্কুলের খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন। জাসিনদা মরিন্সভিল্লে কলেজে পড়াশোনা করেছেন। ২০০১ সালে তিনি ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর তিনি দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের অফিসে গবেষণা কাজে নিয়োজিত হন। এ ছাড়া তিনি বৃটেনে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। রাজনীতির সঙ্গে এভাবেই যুক্ত হন তিনি। তবে তার ফুপি ম্যারি আরডেন লেবার পার্টির সঙ্গে সংযুক্ত থাকায় কিশোরী বয়সেই রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে উঠেন তিনি।
২০০৮ সালে সমাজতান্ত্রিক তরুণদের আন্তর্জাতিক সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাসিনদা আরডেন। সে বছরই তিনি প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বাম ঘরানার দল লেবার পার্টির একজন এমপি নির্বাচিত হন। এর ঠিক দশ বছরের মধ্যেই তিনি নিজেকে লেবার পার্টির সব থেকে যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ২০১৭ সালের ১লা মার্চ তিনি লেবার পার্টির ডেপুটি প্রধান নির্বাচিত হন। ওই বছরের ১লা আগস্ট তিনি লেবার পার্টির প্রধান নেতা নির্বাচিত হন। সেপ্টেম্বরের নির্বাচনে তিনি জোট গঠনের মাধ্যমে ক্ষমতায় আসতে সক্ষম হন। জাসিন্দা আরডেন পার্টির প্রধান হওয়ার আগে আন্ড্রু লিটল ছিলেন এ পদে। তার সময়ে লেবার পার্টির জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে। ফলে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। দলের কঠিন সময়ে এর হাল ধরে তাকে পুনরায় জনপ্রিয় করে তোলেন জাসিনদা আরডেন।
রাজনৈতিক নানা সমীকরণ মিলিয়ে ২০১৭ সালের ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। ক্ষমতায় বসেই তিনি ঘোষণা দেন, তার সরকার হবে শক্তিশালী ও সংবেদনশীল। ক্ষমতায় বসার কিছুদিন পরেই গর্ভবতী হন জাসিনদা। তবে এ জন্য তিনি দায়িত্বে গাফিলতি করেন নি। গর্ভবতী অবস্থায়ই তিনি ইউরোপ সফর করেছেন, রাষ্ট্রনায়কের দায়িত্বও পালন করেছেন সফলভাবে। শেষদিকে মাত্র ৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন আরডেন। ২০১৮ সালে ‘ফোর্বসের পাওয়ার উইমেনের’ তালিকায় জায়গা করে নেন তিনি। আছেন টাইম ম্যাগাজিনে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাতেও। জলবায়ু পরিবর্তন, শিশু দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করছেন তিনি। নিজ দেশে প্রতিষ্ঠিত করেছেন একট সহানুভূতিশীল সরকার।

Saturday, March 23, 2019

বিশ্ব নেতৃত্বের আদর্শ জেসিন্দা আরডেন by অনিম আরাফাত

বিশ্বের সবথেকে কম বয়সী নারী প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের জেসিন্দা আরডেন। মতাদর্শিকভাবে নিজেকে সোশ্যাল ডেমোক্রেট দাবি করা এই নেতা মাত্র ৩৮ বছর বয়সেই তিনি নিজ দল ও দেশের মধ্যে হয়ে উঠেছেন সবথেকে জনপ্রিয় ব্যক্তি। সামপ্রতিক সময়ে বিরোধী দলের কাছ থেকেও কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। কিন্তু তিনি সমগ্র বিশ্বে আলোচিত ও প্রশংসিত হয়েছেন গত সপ্তাহে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর। নিউজিল্যান্ডের মতো শান্তিপূর্ণ ও পৃথিবীর অন্যতম নিরাপদ রাষ্ট্রে যখন বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিরীহ মানুষ নিহত হলো তারপর প্রধানমন্ত্রী হিসেবে যে ভূমিকা জেসিন্দা আরডেন রেখেছেন তা সকল রাষ্ট্রপ্রধানের জন্য অনুকরণীয়। হামলার শিকার শরণার্থী মুসলিমদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি, জরিয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। স্পষ্ট করে এই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন। সঙ্গে নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড বৈচিত্র্যতায় বিশ্বাসী, অভিবাসীরা সেদেশে নিজেদেরই মানুষ।
হামলার এক সপ্তাহের মধ্যে কোনো ধরনের কড়া বাক্য উচ্চারণ ছাড়াই সে এই ঘৃণার বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন। দেশটির অস্ত্র আইন পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন যা এখন বাস্তবায়নের পথে। মুসলিমদেরকে আরো কাছে টেনে নিয়েছেন। তাদের জুমার নামাজ সরাসরি সমপ্রচার করা হয়েছে নিউজিল্যান্ডের টিভি চ্যানেলগুলোতে। নিউজিল্যান্ডের হাজার হাজার অধিবাসীকে উদ্বুদ্ধ করেছেন শরণার্থীদের পাশে দাঁড়াতে। স্থাপন করেছেন অনন্য এক নজির। নিউজিল্যান্ডের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন জেসিন্দা আরডেন। ১৯৮০ সালের ২৬শে শুলাই নিউজিল্যান্ডের হ্যামিল্টনে জন্মগ্রহণ করেছেন মহান এই নেতা। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা ও তার মা একটি স্কুলের খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন। জেসিন্দা মরিন্সভিল্লে কলেজে পড়াশুনা করেছেন। ২০০১ সালে তিনি ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর তিনি দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের অফিসে গবেষণা কাজে নিয়োজিত হন। এছাড়া তিনি বৃটেনে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। রাজনীতির সঙ্গে এভাবেই যুক্ত হন তিনি। তবে তার ফুপি ম্যারি আরডেন লেবার পার্টির সঙ্গে সংযুক্ত থাকায় কিশোরী বয়সেই রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে উঠেন তিনি।
২০০৮ সালে সমাজতান্ত্রিক তরুণদের আন্তর্জাতিক সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেসিন্দা আরডেন। সে বছরই তিনি প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বাম ঘরানার দল লেবার পার্টির একজন এমপি নির্বাচিত হন। এর ঠিক দশ বছরের মধ্যেই তিনি নিজেকে লেবার পার্টির সবথেকে যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ২০১৭ সালের ১লা মার্চ তিনি লেবার পার্টির ডেপুটি প্রধান নির্বাচিত হন। ওই বছরের ১লা আগস্ট তিনি লেবার পার্টির প্রধান নেতা নির্বাচিত হন। সেপ্টেম্বরের নির্বাচনে তিনি জোট গঠনের মাধ্যমে ক্ষমতায় আসতে সক্ষম হন। এখানে উল্লেখ্য যে, জেসিন্দা আরডেন পার্টির প্রধান হওয়ার আগে আন্ড্রু লিটল ছিলেন এ পদের অধিকারী। তার সময়ে লেবার পার্টির জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে ফলে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। দলের কঠিন সময়ে এর হাল ধরে তাকে পুনরায় জনপ্রিয় করে তোলেন জেসিন্দা আরডেন। রাজনৈতিক নানা সমীকরণ মিলিয়ে ২০১৭ সালের ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আরডেন। ক্ষমতায় বসেই তিনি ঘোষণা দেন, তার সরকার হবে শক্তিশালী ও সংবেদনশীল। ক্ষমতায় বসার কিছুদিন পরেই গর্ভবতী হন জেসিন্দা আরডেন। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডকে। তবে এজন্য তিনি দায়িত্বে গাফিলতি দেননি। গর্ভবতী অবস্থায়ই তিনি ইউরোপ সফর করেছেন, রাষ্ট্র নায়কের দায়িত্বও পালন করেছেন সফলভাবে। শেষদিনে মাত্র ৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন আরডেন। ২০১৮ সালে ‘ফোর্বসের পাওয়ার উইমেনের’ তালিকায় জায়গা করে নেন তিনি। আছেন টাইম ম্যাগাজিনে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাতেও। জেসিন্দা আরডেন সমকামী বিবাহের সমর্থক। সমকামীদের অধিকারের পক্ষে কথা বলেছেন তিনি। জলবায়ু পরিবর্তন, শিশু দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করছেন। নিজ দেশে প্রতিষ্ঠিত করেছেন একট সহানুভূতিশীল সরকার। ক্রাইস্টচার্চে হামলার পর তিনি যেভাবে ছুটে গিয়েছেন তাতে আমরা এর প্রমাণ পেয়েছি। একজন প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে যা যা করা দরকার তেমন করেই তিনি সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আর এভাবেই নিজেকে বিশ্ব নেতৃত্বের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জেসিন্দা আরডেন।

Wednesday, March 20, 2019

কষ্টার্জিত এ জয় কবে উদ্‌যাপন করবেন আসাদ? by অনিম আরাফাত

সিরিয়া যুদ্ধের গত ৮ বছরে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার সকল শত্রুকেই পরাজিত করেছেন। রাশিয়া ও ইরান অকৃত্রিম বন্ধুত্বের পরিচয় দিয়ে আসাদকে শক্তপোক্তভাবে টিকিয়ে রেখেছে। সিরিয়া এখন তার নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু এরপরেও তিনি এ অর্জন উদযাপন করছেন না। গত মাসে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভুলভাবে চিন্তা করলে চলবে না। আমরা মনে করছি যে, গত বছর যুদ্ধ শেষ হয়ে গেছে। শুধু নাগরিকরাই নয়, সরকারি কর্মকর্তারাও তাই ভাবছেন। এরপরই আসাদ বলেন, এই ধরনের সুন্দর চিন্তা আমাদের মাথায় আসছে, মনে হচ্ছে জয় তো পেয়েছিই! কিন্তু না, যুদ্ধ এখনো বাকি আছে।
এখনো সিরিয়ার কিছু অংশে বিদেশি সেনারা অবস্থান করছে, তাদের হটাতে হবে। এর আগে আসাদ এই বাহিনীকে সিরিয়া থেকে হটানোকে যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন।
সিরিয়ার শহরগুলোতে গোলাগুলি হয়েছে সেই দিনগুলো এক বছরেরও অধিক সময় আগেই চলে গেছে। সিরিয়ানরা এখন স্বাধীনভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরেছেন। রাস্তাঘাটে কাজে বেরুচ্ছেন নারী-পুরুষ। সিরিয়ার চিরচেনা উদার পরিবেশ ফিরে আসছে। কিন্তু এর মধ্যেও পশ্চিমা রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞায় নানা সমস্যায় পড়ছে দামেস্ক। দেশটির অর্থনীতি ধ্বংসের এ চেষ্টা পুরোপুরি সফল না হলেও এর প্রভাব এড়াতে পারছেন না সিরিয়ানরা।
যুদ্ধে বাশার আল-আসাদের সব থেকে কাছের বন্ধু হিসেবে সব সময় পাশে ছিল ইরান ও রাশিয়া। দেশ দুটির সেনাবাহিনী নিজের রক্ত দিয়ে আসাদকে রক্ষা করেছে। প্রয়োজনে অর্থ সহযোগিতা করেছে। ধ্বংস হওয়া শহরগুলো পুনর্নির্মানে সহযোগিতা করছে। অপরদিকে আসাদকে সরাতে ব্যর্থ হওয়া পশ্চিমা রাষ্ট্রগুলো সিরিয়ার পাশে দাঁড়াবে না সেটাই স্বাভাবিক। আসাদের দৃষ্টিও এখন বাইরের দেশের সেনাদের সিরিয়া থেকে হটানো। আর এ জন্য তিনি আবারো পাশে পাচ্ছেন রাশিয়াকে।
রুশ সেনাদের সহযোগিতায় ২০১৮ সালে সিরিয়ায় গুরুত্বপূর্ণ বিজয় পেয়েছেন বাশার আল-আসাদ। দামেস্কের কাছেই অবস্থিত গৌতা নিয়ন্ত্রণে এনেছেন। এর আগে কুনেইত্রা পুনরুদ্ধারও তার গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এখনো উত্তর-পশ্চিমাঞ্চলে রয়েছে তুরস্কের সেনারা। আবার উত্তর-পূর্বে রয়েছে মার্কিন সেনারা। এটিই আসাদের এখন প্রধান মাথা ব্যথার কারণ। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামপ ঘোষণা দিয়েছিলেন যে তিনি সিরিয়ায় অবস্থিত সকল মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একে স্বাগত জানিয়েছেন। ফলে আসাদের সামনে সুযোগ সৃষ্টি হয়েছিল কুর্দি নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারের। কিন্তু পরবর্তীতে কিছু মার্কিন সেনা অবস্থান করবে বলে জানায় যুক্তরাষ্ট্র। এতে করে এ অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে আসাদের সামনে।
এদিকে আরব রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে সিরিয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে। সমপ্রতি কিছু রাষ্ট্র পুনরায় সম্পর্কোন্নয়নের চেষ্টা করলে তাদের পড়তে হয়েছে মার্কিন রোষানলে। ফলে সিরিয়ার আরব লীগে ফেরার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তাতে আবারো ভাটা পড়েছে।
সত্যিই বাশার আল-আসাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। তার ক্ষমতা এখন আর কোনো ঝুঁকির মধ্যে নেই। তবে এখনো তার সামনে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাসহ অসংখ্য চ্যালেঞ্জ।
বাশার আল-আসাদকে প্রধানত ৪টি যুদ্ধ করতে হবে। প্রথমটি হলো সামরিক সংঘাত, যেটি সবাই জানে। দ্বিতীয়টি হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার। তৃতীয়টি হচ্ছে অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মতো সিরিয়ায় থাকা প্রচণ্ড দুর্নীতি। আর সর্বশেষ হচ্ছে তার বিরুদ্ধে চলা বিশ্বব্যাপী নানা প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করা। আসাদ ভালো করেই জানেন, এরকম একটি যুদ্ধের মধ্যে তার দেশের ওপর যে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে সেখান থেকে পশ্চিমা দেশগুলো তাকে সহজে বের হতে দেবে না। আসাদ এ বিষয়ে বলেন, আমরা যদিও জয়লাভ করেছি কিন্তু আগ্রাসী রাষ্ট্রগুলো নিত্যনতুন কৌশল গ্রহণ করবে। তাই এখনই যুদ্ধের জয় পরাজয় নির্ধারণের সময় আসেনি। যেদিন সত্যিকার অর্থেই এসব যুদ্ধে জয়ী হবেন, সেদিনই এ জয় উদযাপন করবেন বাশার আল-আসাদ।

Monday, March 18, 2019

ঘৃণা দিয়ে ঘৃণার বিরুদ্ধে লড়াই নয় by অনিম আরাফাত

ব্রেনটন টেরেন্ট নামের এক সন্ত্রাসী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে ৫০ জনকে। স্বঘোষিত শেতাঙ্গ আধিপত্যবাদী এই টেরেন্ট ঘৃণা করত মুসলিমদের, অভিবাসীদের। তাকে যখন আদালতে তোলা হল তখনও সে হাসছে। এ হামলার জন্য তার কোনো অনুশোচনা নেই। কারণ তার বিশ্বাসটিই ছিল এমন। আমরা এর আগেও দেখেছি কোনো একজনের ভুল বিশ্বাসের কারণে শেষ হয়ে গেছে হাজার হাজার প্রাণ।
যে সন্ত্রাসী ক্রাইস্টচার্চে হামলা চালিয়ে নিরিহ মুসলমানদের হত্যা করেছে আর আইএসের যে সদস্য ইউরোপের রাস্তায় গাড়ি চালিয়ে নিরিহ শিশুকে হত্যা করেছে তাদের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। দুজনই কট্টোরপন্থী এবং তারা মনে করে তারা যাদের হত্যা করেছে এটাই তাদের প্রাপ্য।
ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী নিজের কর্মকান্ডকে ইউরোপে ইসলামপন্থী জঙ্গিদের হামলার প্রতিশোধ হিসেবে উপস্থাপন করেছে। অথচ ইউরোপে আইএস জঙ্গিরা যেমন কিছু নিরিহ মানুষকেই হত্যা করেছে, সে নিজেও নামাজরত কিছু নিরিহ মুসলমানকে হত্যা করল। এরপর যদি এই হামলায় স্বজন হারানো কেউ প্রতিশোধ নিতে আরো কয়েকজন নিরিহ মানুষ হত্যা করতে শুরু করে তাহলে এই পৃথিবীর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে?
ঘৃণা দিয়ে ঘৃণার বিরুদ্ধে জয়ী হওয়া যায় না। এমনটাই বলছেন ম্যানচেস্টার বোমা হামলায় বেচে যাওয়া একজন রুথ মুরেল। সেখানে এক ধর্মান্ধ মুসলিম বোমা হামলা চালিয়ে হত্যা করেছিল কমপক্ষে ২৩ জনকে। সেই হামলা থেকে বেচে যাওয়া রুথ ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার পর বলেছেন, এ ঘটনা শুনে আমি বারবার সেই ম্যানচেস্টার বোমা হামলার সময়ে ফিরে যাচ্ছি। তিনি এই দুটি হামলাকেই একইভাবে দেখেন। ম্যানচেস্টার হামলার পর রুথ মুরেল সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্বরব ছিলেন সবসময়। ক্রাইস্টচার্চে হামলার পর তিনি টেরন্টসহ পৃথিবীর সকল উগ্রবাদীদের জন্য একটি বার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, তোমরা কখনো জয়ী হতে পারবে না। ওই হামলায় নিহত তিন বছরের শিশু মুসাদ ইব্রাহিমের বিষয়ে তিনি বলেন, নিরিহ শিশু হত্যা করা অসভ্যতা। ইব্রাহিমের জন্য হলেও আমাদেরকে ওই উগ্রদের কখনো জয়ী হতে দেয়া যাবে না।
তাই কোনো নির্দিষ্ট আদর্শ নয়, লড়াই করতে হবে সকল উগ্রবাদের বিরুদ্ধে। টেরেন্ট হামলার সময় যে বন্দুক ব্যবহার করেছিল তাতে লেখা ছিল, ‘রদারহ্যামে নির্যাতিত শিশুদের জন্য’। স্যামি উডহাউজ একজন যিনি রদারহ্যামে পাকিস্তানি যৌন নিপিরকদের হাত থেকে বেচে গিয়েছিলেন। ক্রাইস্টচার্চে তারপক্ষে হামলার পরেও তিনি হামলাকারীর প্রতি ঘৃণা দেখাতে পিছপা হননি। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হত্যাজজ্ঞ আমার নামে হতে পারে না, এটি একটি পৈশাচিক কাজ। এছাড়া ওয়েস্টমিনিস্টারে জিহাদি হামলার শিকার হওয়া কেইথ চ্যাপম্যানও মুসলিমদের বিরুদ্ধে হওয়া হামলার বিরোধিতা করেন। তিনি সকল সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে এক হওয়ার আহবান জানান বিশ্ববাসীর প্রতি।
মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মানবিকতা। যার মধ্যে মানবিকতাই নেই সে মানুষ কি করে হয়? সে পশুর সমতুল্য। তাই বিশ্বজুড়ে যারা ধর্মের নামে অমানবিক কর্মকান্ডে লিপ্ত তাদের সকলের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। তাদের কর্মকান্ডের কোনো ব্যাখ্যা হতে পারে না। সে কৃষ্ণাঙ্গ হোক, শেতাঙ্গ হোক, মুসলমান হোক বা খ্রিস্টান হোক, একজন সন্ত্রাসী সকলের কাছেই ঘৃণ্য। আমরা যদি আজ সকল প্রকার উগ্রবাদের বিরুদ্ধে এক হতে না পারি তাহলে অচিরেই ধ্বংস হয়ে যাবে এ সভ্যতা। এ দেশে যখন লেখক-ব্লগারদের ওপর হামলা হয়েছিল তখনও দেখা গেছে অসংখ্য মানুষ এই উগ্রবাদী কর্মকান্ডকে সমর্থন দিয়েছে। একজন মানবগুণ সম্পন্ন মানুষ সব ধরনের উগ্রতাকে ঘৃণা করবে। তাই যারা কোনো ধরনের উগ্রবাদকে সমর্থন করে তাদেরকেও বর্জন করতে হবে। আর আমরা যদি সকল উগ্রবাদীদের বিরুদ্ধে সে যে মতাদর্শেরই হোক না কেনো এক হতে না পারি তাহলে এ ধরনের বহু টুইটটাওয়ার হামলা, ক্রাইস্টচার্চ ট্রাজেডি কিংবা ব্লগার হত্যার মত উগ্রবাদী কর্মকান্ড চলতেই থাকবে। একইসঙ্গে, আমরা যে বৈষম্যহীন মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি তা ধূলিসাৎ হয়ে যাবে।

Friday, March 15, 2019

নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না, রাজনৈতিক কারণে গ্রেপ্তার, বিরোধী দলকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, বাক স্বাধীনতায় বাধা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার by মিজানুর রহমান ও অনিম আরাফাত

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় ২০১৮ সালে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিশ্বের দেশগুলোতে ঘটা সহিংসতা, দমন-পীড়ন ও নিষ্ঠুরতার বিষয় উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশে ঘটা নানা মানবাধিকার লঙ্ঘনের কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে সরকারের সংসদীয় কাঠামোর কথা উল্লেখ থাকলেও বেশিরভাগ ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ একাধারে তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছে। কিন্তু এই নির্বাচন কোন বিবেচনাতেই অবাধ ও সুষ্ঠু ছিল না। একইসঙ্গে ভোটার ও বিরোধীদলকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মত নানা অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। নির্বাচনের প্রচারণার সময় বিশ্বস্থ কিছু সূত্র থেকে হয়রানি, হুমকি, গ্রেপ্তার ও সহিংসতার খবর পাওয়া গেছে যা বিরোধী দল ও তার সমর্থকদের স্বাধীনভাবে প্রচারণা ও সমাবেশে বাধা সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সঠিক সময়ে বাংলাদেশে প্রবেশের ভিসা পায়নি। শুধুমাত্র ২২ টি সংস্থা আভ্যন্তরীণভাবে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে।
রাজনৈতিক কারণে গ্রেপ্তার ও কারাদ- দেয়ার কথাও বলা হয়েছে এ প্রতিবেদনে। এতে বলা হয়, রাজনৈতিক পরিচয়ও অনেক সময় গ্রেপ্তারের কারণ হিসেবে দেখানো হয়। বিএনপি দাবি করেছে গত বছর তাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে ৫ বছরের কারাদ- দেয়া হয়। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন তাকে অভিযুক্ত করার জন্য প্রমাণের অভাব ছিল। তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেয়া হয় বলে জানান তারা। এরপর তাকে আরো একটি অভিযোগে অভিযুক্ত করা হয়। রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়ার রায়ের সময় প্রায় ১৭৮৬ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির একজন মুখপাত্র হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে, তাদের ও জামায়াতে ইসলামীর হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যুক্তরাষ্ট্র সময় সকাল ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ রিপোর্ট প্রকাশ করেন।
বাংলাদেশে বাক স্বাধীনতায় বাধা দেয়ার কথা বলা হয়েছে এ রিপোর্টে। সেখানে বলা হয়, সাংবাদিকরা হয়রানির ভয়ে সেলফ-সেন্সরশিপের দিকে ঝুঁকছে। আইনে বলা আছে ঘৃনামূলক বক্তব্য অপরাধ হিসেবে বিবেচিত হবে কিন্তু এ দ্বারা কী বোঝানো হয়েছে তা ¯পষ্ট করা হয়নি। যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করে থাকে তারা নানাভাবে সরকারের নেতিবাচক চাপের মুখে পরে। এছাড়া সাংবাদিকদের আক্রান্ত হওয়ার কথাও বলা হয় প্রতিবেদনে। রিপোর্টার উইদাউট বর্ডারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে হওয়া আন্দোলনের সময় ২৩ জন সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন।
কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর কার্যকরী নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে। মানবাধিকার রক্ষায় রয়েছে নানা ব্যর্থতা। এরমধ্যে রয়েছে, হত্যা, জোরপূর্বক গুম, নির্যাতন, সরকারকর্তৃক অযথা গ্রেপ্তার, আইনবহির্ভূতভাবে ব্যক্তিগত তথ্যে প্রবেশ, বাক স্বাধীনতা হরণ, সমকামীদের বিরুদ্ধে সহিংসতা।
বছরজুড়েই আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্ত্রাসবাদ থামাতে নানা অভিযান পরিচালনা করেছে। কিছু কিছু অভিযানে সন্দেহভাজনরা নিহত ও গ্রেপ্তার হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রায়ই এ ধরনের মৃত্যুর কারণ হিসেবে সন্দেহভাজনকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার কথা বলে থাকে। যেখানে তার সতীর্থদের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্ত নিহত হন। সরকার এই ঘটনাগুলোকে বন্দুকযুদ্ধ বা এনকাউন্টার বলে আখ্যায়িত করে থাকে। গণমাধ্যমও প্রায়ই একই আঙ্গীকেই খবর প্রকাশ করে থাকে। মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমগুলো দাবি করেছে যে, বন্দুকযুদ্ধের অনেক ঘটনা আসলেই বিচারবহির্ভূত হত্যাকান্ড। দেশের আভ্যন্তরীণ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটি জানিয়েছে, গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪০০ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। অধিকার নামে আরেকটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে মোট ৪১৫টি বন্দুকযুদ্ধ হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, এর আগের বছরের তুলনায় বিচারবহির্ভূত হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রায় ২৩০ জন মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরো ১৭০০০ জনকে। মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজ বিচারবহির্ভূত হত্যা ও গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, এদের মধ্যে অনেকেই নিরপরাধ।
মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের দেয়া তথ্যমতে গুম ও অপহরণের ঘটনা নিয়মিত ঘটছে। এর বেশিরভাগের সঙ্গেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জড়িত। এসব ঘটনা রোধ ও তদন্তে সরকারি উদ্যোগ তেমন ছিল না। অধিকার জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৮৩টি গুমের ঘটনা ঘটেছে। বাংলাদেশের সংবিধান সকল প্রকার নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ বা শাস্তিকে বে-আইনি ঘোষণা করেছে। তারপরেও গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাধারণত সন্ত্রাসী ও বিরোধী দলের কর্মীদের থেকে তথ্য পাওয়ার জন্য নির্যাতন করে থাকে। অধিকার জানিয়েছে, গত বছরের প্রথম ১০ মাসে অন্তত ৫ জন নিরাপত্তা বাহিনীর নির্যাতনে মারা গেছে। এ ছাড়া ফটোগ্রাফার শহিদুল আলমকে গ্রেপ্তার ও আটকের বিষয়টি উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের কারাগারের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে। বলা হয়েছে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত আসামী রাখা হয়েছে, এগুলোতে সুযোগ সুবিধার নিশ্চয়তা নেই ও শৌচাগার সুবিধারও ব্যাপক ঘাটতি রয়েছে। এ ধরনের পরিবেশে প্রায়ই মৃত্যুর মুখে পতিত হচ্ছে কয়েদিরা। এই পরিবেশের কারণে গত বছর মোট ৭৪ কয়েদি মারা গেছে।
১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী কর্তৃপক্ষ চাইলেই কোনো ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। প্রায়ই আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের গ্রেপ্তারের পেছনে এ আইন দেখিয়ে থাকে। সংবিধান অনুযায়ী আটক কেউ তাকে গ্রেপ্তারের কারণের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু সরকার সাধারণত এ ধরনের সুবিধা নিশ্চিত করে না। সুশীল সমাজ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমগুলো সরকারকে শুধুমাত্র সন্ত্রাসী নয় এমনকি সুশীল সমাজ ও বিরোধী নেতাদের জোরপূর্বক গুমের দায়ে অভিযুক্ত করেছে।
রাজনৈতিক কারণে গ্রেপ্তার ও কারাদ- দেয়ার দাবিও করা হয়েছে এ প্রতিবেদনে। এতে বলা হয়, রাজনৈতিক পরিচয়ও অনেক সময় গ্রেপ্তারের কারণ হিসেবে দেখানো হয়। বিএনপি দাবি করেছে গত বছর তাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে ৫ বছরের কারাদ- দেয়া হয়। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন তাকে অভিযুক্ত করার জন্য প্রমাণের অভাব ছিল। তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেয়া হয় বলে জানান তারা। এরপর তাকে আরো একটি অভিযোগে অভিযুক্ত করা হয়। রিপোর্টে বলা হয়, খালেদা জিয়ার রায়ের সময় প্রায় ১৭৮৬ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির একজন মুখপাত্র হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে, তাদের ও জামায়াতে ইসলামীর হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে বাক স্বাধীনতায় বাধা দেয়ার কথা বলা হয়েছে মার্কিন রিপোর্টে। সেখানে বলা হয়, সাংবাদিকরা হয়রানির ভয়ে সেল-সেন্সরশীপের দিকে ঝুঁকছে। আইনে বলা আছে ঘৃণামূলক বক্তব্য অপরাধ হিসেবে বিবেচিত হবে কিন্তু এ দ্বারা কী বোঝানো হয়েছে তা ¯পষ্ট করা হয়নি। যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করে থাকে তারা নানা ভাবে সরকারের নেতিবাচক চাপের মুখে পরে। এছাড়া সাংবাদিকদের আক্রান্ত হওয়ার কথাও বলা হয় প্রতিবেদনে। রিপোর্টার উইদাউট বর্ডারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে হওয়া আন্দোলনের সময় ২৩ জন সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা এখনো দুর্নীতি। ২০১৮ সালে টিআইবির জরিপ থেকে জানা যায়, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোই বাংলাদেশের সব থেকে দুর্নীতিগ্রস্থ সংস্থা।
যৌতুকের বলি ৩৫ নারী, বাল্যবিবাহ নিয়ে পাল্টাপাল্টি
মার্কিন রিপোর্টের সেকশন সিক্স এ বঞ্চনা, সামাজিক অপব্যাহার এবং মানবপাচারের বিষয়টি ওঠে এসেছে। তাতে বলা হয়েছে এসব ক্ষেত্রে নারীরাই সবচেয়ে বেশী ভিকটিম হচ্ছেন। ২০১৭ সালের আগস্টে শেরপুর জেলার একটি ধর্ষণের ঘটনার বিস্তারিত উল্লেখ করে রিপোর্টে বলা হয়Ñ ধর্ষণ মামলায় আটক হওয়ার ৪ ঘন্টার মাথায় পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে গেছেন অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আল-হেলাল। তিনি ওই অভিযুক্ত থেকে মুক্তি পেতে ভিকটিমের পরিবারকে ১৮ হাজার টাকা যা ২১১ মার্কিন ডলারের সমপরিমাণ দিতে চেয়েছিলেন। ভিকটিম থানায় তার বিরুদ্ধে মামলাটি পর্যন্ত দায়ের করতে পারেনি পুলিশের দায়িত্বপ্রাপ্ত ওসির অসযোগিতার কারণে। তিনি মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য আদালতে অভিযোগ দায়ের হয় এবং হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে উল্লেখ করে বলা হয়, অনেক ক্ষেত্রে ভিকটিম তার ঘটনাটিই প্রকাশ করেন না পরবর্তী হয়রানী এবং ঝামেলার ভয়ে।
তাছাড়া সামাজিক প্রতিবন্ধকতা এবং আইনী প্রক্রিয়ায় প্রবেশাধিকারের বাধা-বিপত্তি তো আছেই। তবে আশার দিক হচ্ছে, ২০১৫ সালের একটি মামলার প্রেক্ষিতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ধর্ষণ মামলা পরিচালনার ক্ষেত্রে পুলিশ এবং অন্যদের ১৬ দফা নির্দেশনা জারি করেছে। বাংলাদেশের যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনাগুলোর ভয়াবহতা মার্কিন রিপোর্টে স্থান পেয়েছে। বলা হয়েছে সামাজিক ওই ব্যাধিকে ‘হার্মফুল ট্রাডিশনাল প্র্যাকটিস’ হিসাবে উল্লেখ করে বলা হয়েছে, গত বছরে ৩৫জন নারীকে যৌতুকের জন্য প্রাণ দিতে হয়েছে। তাছাড়া গুরুতর আহত হওয়ার ৪১টি কেস রেকর্ড হয়েছে। যৌন নির্যাতনের বিষয়ে রিপোর্টে বলা হয়েছেÑ বাংলাদেশে এ বিষয়ে কঠোর আইন ও আদালদের কড়া নির্দেশনা রয়েছে। কিন্তু আইনের প্রায়োগিক দুর্বলতার কারণে ঘটনাগুলো ঘটেই চলেছে। কিছু ঘটনা এমনও আছে যে, এটির কারণে কিশোরীরা স্কুলে এবং কাজে যাওয়া ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। নারীদের পদে পদে বঞ্চনার অনেক ঘটনাও রিপোর্টে তুলে ধরা হয়েছে। শিশুদের জন্ম নিবন্ধন, শিক্ষা, তাদের নির্যাতন এবং অনুপযুক্ত কাজে ব্যবহারের (অপব্যবহার) বিভিন্ন ঘটনার বর্ননা যা গত বছরের রেকর্ডভুক্ত হয়েছ তা তুলে ধরা হয়েছে। তবে এসব ক্ষেত্রে বাংলাদেশের আইন এবং আদালতের নির্দেশনা এবং সরকারের তৎপতার বিষয়গুলো সেখানে স্থান পেয়েছে। বাল্য বিবাহ এবং জোরপূর্বক বিয়ের ঘটনাগুলোও রিপোর্টে স্থান পেয়েছে। সেখানে ইউনিসেফের মূল্যায়ন এবং সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের পাল্টাপাল্টি অবস্থানও তুলে ধরা হয়েছে।

Sunday, January 13, 2019

নয়া সুপার পাওয়ার? by অনিম আরাফাত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে শুধু তিনটি বিশ্বশক্তিকেই সুপার পাওয়ার বা পরাশক্তি হিসেবে গণ্য করা হতো। দেশগুলো হচ্ছে- সোভিয়েত ইউনিয়ন, বৃটিশ সাম্রাজ্য ও যুক্তরাষ্ট্র। এদের মধ্যে প্রথম দেশ দুটি কোনো না কোনোভাবে তাদের এই শ্রেষ্ঠত্ব হারিয়েছে। যুক্তরাষ্ট্রই এখন সত্যিকার অর্থে বিশ্বের একমাত্র পরাশক্তি। কী কী বৈশিষ্ট্য থাকলে একটা রাষ্ট্রকে সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হবে তার কোনো ধরা-বাঁধা নিয়ম নেই। তবে ধরে নেয়া হয় যে, পরাশক্তি হয়ে উঠতে হলে একটি রাষ্ট্রকে অবশ্যই অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে সেরা হয়ে উঠতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এরকম একটি রাষ্ট্রের একটি শক্তিশালী সেনাবাহিনী থাকতে হবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের সামরিক বাহিনীর বিচরণ থাকতে হবে। ১৯৮০ সালে বিশ্বাস করা হতো জাপানই হতে চলেছে বিশ্বের পরবর্তী পরাশক্তি।
কিন্তু নানা কারণে সেটা কখনোই আর সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এ মুহূর্তে বিশ্বে আরেকটি রাষ্ট্রের পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে রয়েছে। খুব বেশি দ্বিমত ছাড়াই সকলেই মেনে নেবে রাষ্ট্রটি হচ্ছে চীন।
কিন্তু পরাশক্তি হয়ে ওঠা কী এতই সহজ? যুক্তরাষ্ট্রই সব থেকে ভালো করে জানবে পরাশক্তি হওয়ার জন্য অতিরিক্ত কত কিছু করতে হয়। একটা বিশাল সেনাবাহিনীর ব্যয় বহন, আধুনিকতম অস্ত্র উৎপাদন ও ক্রয়, বিশ্বজুড়ে কূটনৈতিক মিশন পরিচালনা ও বিদেশি বিভিন্ন রাষ্ট্রকে সাহায্য প্রেরণসহ ব্যাপক অতিরিক্ত খরচ বহন করতে হয় একটি পরাশক্তিকে। তাই পরাশক্তি হওয়ার যুদ্ধে নামার আগে চীনের মনে রাখা উচিত আড়াই হাজার বছর আগে চৈনিক জেনারেল সান জুর লেখা বিখ্যাত দ্য আর্ট অব ওয়্যার বইয়ের কথা। সেখানে যুদ্ধের বিষয়ে বলা হয়েছে, প্রথমেই খরচ সম্পর্কে ভাব। অর্থাৎ পরাশক্তি হিসেবে আত্ম প্রকাশের পূর্বে চীনের কমিউনিস্ট সরকারকে মিলাতে হবে অনেক হিসাব- নিকাশ।
সব থেকে বড় প্রশ্ন হলো চীন আসলে কোন ধরনের পরাশক্তি হতে চায়। নিশ্চিতভাবেই চীন সবার আগে এশিয়া মহাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে। এটি চীনের জন্য সহজ ও তারা সেপথে খুব দ্রুততার সঙ্গেই এগিয়ে যাচ্ছে। কিন্তু আঞ্চলিক পরাশক্তি আর বৈশ্বিক পরাশক্তির মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। যেটা বৃটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্র করতে পেরেছে সেই অর্থে চীনের এখনো অনেক দূর যাওয়ার বাকি। পরাশক্তি হতে হলে তার বিশ্বের যে কোনো স্থানে প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকতে হবে। এ জন্য বিশ্বজুড়ে একটি দেশের অর্থনৈতিক বিনিয়োগ, সামরিক ঘাঁটি, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব থাকা জরুরি। চীন এসব ক্ষেত্রে কতখানি এগিয়েছে?
ঝাং উইনিং একজন চীনা ব্যবসায়ী ও প্রফেসর। কিন্তু তিনি তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। তিনি বলেন, আমি যখন চীন যাই সেখানকার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কথা শোনার চেষ্টা করি। তাদের আলোচনার বিষয়গুলো হলো- প্রযুক্তি, ব্যবসার মডেল। কিন্তু যখন আমি টেক্সাসে ফিরে আসি, সেখানকার আলোচনাগুলো হয় অনেক ভিন্ন। যুক্তরাষ্ট্রের নাগরিকরা সরকার, আইন ও নানা রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত থাকে। প্রফেসর ঝাং বলেন, চীনের মানুষ শুধু চিন্তা করে কীভাবে আরো বেশি ধনী হওয়া যাবে। তারা নতুন নতুন ব্যবসায় আগ্রহী, নতুন প্রযুক্তিতে আগ্রহী। যখন কেউ শুধু রাজনীতি নিয়ে মাথা ঘামায় সেটা তার জীবনে কোনো কাজে আসে না। এর জন্য কেউ তাকে টাকা দিচ্ছে না। চীনের সরকার কাজের মাধ্যমে এগিয়ে যাওয়াটাকেই উৎসাহিত করছে।
আর এসব কারণে অর্থনৈতিক দিক থেকে নিশ্চিতভাবেই চীন ইতিমধ্যে পরাশক্তিতে পরিণত হয়েছে। দেশটির অর্থনীতি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। তাদের ক্রয়-সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। চীনের মানুষ প্রতি দিন আগের দিন থেকে ধনী হয়ে উঠছে। এ শতাব্দীর প্রথম দিক থেকে চীনাদের মাথাপিছু আয় দ্রুত বাড়তে শুরু করে। গত ২০ বছরে দেশটির মাথাপিছু আয় বেড়েছে ৮ গুনেরও বেশি! পাশাপাশি দেশটিতে দীর্ঘদিন এক সন্তান নীতি থাকায় চীনের জনসংখ্যা এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০২৩ সালের পর থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এ সফলতা চীনকে পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশে সাহায্য করবে।
পরাশক্তি হয়ে ওঠার আরেক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্রের তুলনায় এ দিক থেকে চীন এখনো অনেক পেছনে রয়েছে। কিন্তু সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চীন বদ্ধপরিকর। ইতিমধ্যে দেশটি তার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হয় রাশিয়াকে। চীনের প্রতিরক্ষা বাজেট রাশিয়ার তিন গুনেরও বেশি। ১৯৮৯ সালে যেখানে চীনের প্রতিরক্ষা বাজেট ছিল মাত্র ১৯ বিলিয়ন ডলার ২০১৬-তে এসে এটি বেড়ে দাঁড়ায় ২২৮ বিলিয়ন ডলারে। প্রতি বছর এই বাজেট বেড়েই চলেছে। একবিংশ শতাব্দীর আধুনিকতম সমরাস্ত্র কিনে নিজের সেনাবাহিনীকে যেকোনো দেশের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত করছে দেশটি। চীন সর্বশেষ যুদ্ধ করেছিল ১৯৭৯ সালে, প্রতিবেশী রাষ্ট্র ভিয়েতনামের সঙ্গে। কিন্তু এরপর দেশটির সেনাবাহিনীকে পৃথিবীর অন্যতম সেরা করে তোলা হয়েছে। চীন নিজেই তার প্রয়োজনের ৮৫ ভাগেরও বেশি অস্ত্র উৎপাদনে সক্ষম। দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব বিস্তার তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। চীনের নৌবাহিনীও এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সাবমেরিন ও ক্ষেপণাস্ত্রের দিক থেকে দেশটি এ অঞ্চলে সেরা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের থেকে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যায় পিছিয়ে থাকলেও থেমে নেই চীন। বিশ্বজয়ের জন্য সবার আগে শক্তিশালী নৌবাহিনী দরকার, সেটি মাথায় রেখেই নিজ দেশে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে চীন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে চীন যেদিকে বেশি পিছিয়ে আছে সেটি হলো পরমাণু বোমা। যেখানে রাশিয়ার ও যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা যথাক্রমে ৭৮০০ ও ৭৫০০, সেখানে চীনের পরমাণু বোমা মাত্র সাড়ে চারশর মতো। দেশটি মূলত নতুন ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগে বেশি আগ্রহী। এর মধ্যে রয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা।
পৃথিবীর ৪২ দেশে কমপক্ষে ৫১৬টি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পরাশক্তি হয়ে উঠতে যা অনেক বেশি সাহায্য করেছে। সেই একই পথে হাঁটতে থাকা চীনও প্রথমবারের মতো জিবুতিতে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। দক্ষিণ চীন সাগরে দেশটি নিজ এলাকা থেকেই প্রভাব বিস্তারে সক্ষম। পাশাপাশি, ভারতীয় মহাসাগরেও নিজের প্রভাব বাড়িয়ে তুলেছে চীন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীনের প্রভাব এখন আর অস্বীকার করার উপায় নেই। দেশগুলো নানা কারণে বেইজিংয়ের দিকে ঝুঁকছে। এশিয়া ছাড়িয়ে আফ্রিকা এমনকি লাতিন আমেরিকাতেও চীনের প্রভাব বেড়ে চলেছে। পরাশক্তিতে পরিণত হতে যেসব দিকে নজর দেয়া দরকার, তার সবগুলোতেই এগিয়ে যাচ্ছে চীন। প্রতিবন্ধকতা ও সমস্যাগুলোকে যেভাবে জয় করে এসেছে এবং এখনো লড়াই করে চলেছে, দেশটি তাতে অদূর ভবিষ্যতেই নিজ লক্ষ্যে পৌঁছে যাবে। নিশ্চিতভাবেই বিশ্বের আরেকটি শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে চীন।

Tuesday, November 27, 2018

নতুন সূর্য উদয়ের অপেক্ষায় কিউবা: সমাজতন্ত্র নির্মাণই সংবিধান পরিবর্তনের লক্ষ্য by অনিম আরাফাত

গত আগস্ট থেকে ক্যারিবীয় অঞ্চলের কমিউনিস্ট রাষ্ট্র কিউবাতে দেখা যাচ্ছে নতুন এক চিত্র। দেশটির অধিবাসীরা একটি বিষয় নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণে মেতে আছেন। দ্বীপরাষ্ট্রটির সর্বত্রই সরকার আয়োজিত সভায় জোগ দিচ্ছে সাধারণ মানুষ। হাসপাতাল, স্কুল ও পার্কগুলোতে সংবিধানের নতুন খসড়া সমপর্কে আলোচনা করতে জড়ো হচ্ছেন তারা। ধারণা করা হচ্ছে, এ সংবিধানটি পাস হলে দেশটির রাজনৈতিক ইতিহাসের গত ৪ দশকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে এটি। নতুন এ খসড়ায় যা রয়েছে তার মধ্যে সব থেকে আলোচিত হচ্ছে, সমলিঙ্গের বিয়ের বৈধতা, ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি ও সাম্যবাদী দেশ গঠনের ধারণা বর্জন। ইতিমধ্যে জনমতামত নেয়ার পর্যায়টি শেষ হয়েছে। একই সঙ্গে সংবিধান পরিবর্তনে কাজ শুরু হয়েছে জাতীয় পরিষদে।
এখন প্রশ্ন হচ্ছে, কিউবার জন্য সামনে কী অপেক্ষা করছে?
কি ধরনের পরিবর্তন আসতে চলেছে?
কয়েক দশক ধরে চলা অর্থনৈতিক সংকট ও বিশ্ব রাজনীতির পরিবর্তন কিউবাকে বাধ্য করেছে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা থেকে কিছুটা বের হয়ে পৃথিবীর অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলাতে। কিউবার বর্তমান সংবিধানটি সোভিয়েত আমলে প্রণয়ন করা হয়েছিল। গত জুলাই মাসে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তনের অনুমোদন দেয় এবং এর খসড়া তৈরি করে। তারপর থেকে একে দেশের জনগণের রায়ের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। খসড়া অনুমোদনের সময় কিউবার বর্তমান প্রেসিডেন্ট ডিয়াজ-ক্যানেল বলেন, কিউবার প্রত্যেক নাগরিক তাদের মত প্রকাশ করতে পারবে। এই সংবিধানই আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে রচনা করবে। ইতিমধ্যে দেশটির কর্মকর্তারা সমগ্র দেশ থেকে মানুষের মতামত হস্তলিখিত নোট আকারে সংগ্রহ করেছে। এখন আইনপ্রণেতারা এই জনরায়ের ভিত্তিতে সংবিধান পরিবর্তন সমপর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
নতুন এ সংবিধান সংশোধনের ফলে এখন থেকে কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুইবার নির্বাচিত হতে পারবেন। এরমধ্যে, প্রথমবার নির্বাচিত হওয়ার সময় তাকে অবশ্যই ৬০ বছরের কম বয়স্ক হতে হবে। আন্তর্জাতিক সমপ্রদায়ের সবথেকে বেশি নজর কেড়েছে, নতুন এ সংবিধান প্রনয়নের মাধ্যমে মূলত একটি সাম্যবাদী সমাজ তথা কমিউনিজম প্রতিষ্ঠার স্বপ্নকে ত্যাগ করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ সংবিধান এক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আনতে পারবে না। প্রথমত ব্যাপক সংস্কার সত্ত্বেও সমাজতন্ত্রের কথা ফেলে না দিয়ে বরং নতুন করে সাজানোর বিষয়টি উঠে এসেছে এখানে। একইসঙ্গে কিউবা পূর্বের মতোই শুধু কমিউনিস্ট পার্টি অব কিউবার শাসনেই থাকছে। একদলীয় রাষ্ট্র হিসেবে কিউবার পরিচয় রাতারাতি মুছে যাচ্ছে না। স্বাভাবিকভাবেই কমিউনিস্ট পার্টিই রাষ্ট্রটির রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। জাতীয় পরিষদের সভাপতি ইস্তেবান লাজো হারনান্দেজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, কিউবার নেতৃত্ব সবসময়ই সমাজতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা, উন্নয়ন ও টেকসই অর্থনীতির লক্ষ্যে কাজ করে যাবে।
যুক্তরাষ্ট্র-কিউবা দ্বন্দ্বের সমাপ্তি হবে?
কিন্তু নতুন এই পরিবর্তন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সমপর্ক উন্নয়নে সাহায্য করবে? ১৯৫৯ সাল থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির অহি-নকুল সমপর্ক। বিপ্লবী কিংবদন্তি ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবায় কমিউনিস্টরা ক্ষমতায় বসার পর থেকেই এই দ্বন্দ্বের শুরু। যুক্তরাষ্ট্র সমর্থিত বাতিস্তা সরকারকে উৎখাত করে নাকের ডগায় সোভিয়েতপন্থি এ রাষ্ট্রটি তখন মার্কিনিদের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। কিউবার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে সমপর্ক তলানিতে পৌঁছায় ১৯৬১ সালের সিআইএ পরিচালিত বে অব পিগস অপারেশনের পর। সে বছর প্রায় ১৫০০ অত্যন্ত দক্ষ সিআইএ সেনা এই অপারেশনে অংশ নিয়েছিল। এ অভিযানের উদ্দেশ্য ছিল ফিদেল ক্যাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করে কিউবার সমাজতান্ত্রিক সরকারের পতন ঘটানো। সে অভিযানে অংশ নেয়া সিআইএ এজেন্টরা কিউবার সেনাদের হাতে ধরা পড়ে এবং পরে তাদেরকে হত্যা করা হয়। একে ধরা হয়, পৃথিবীর ইতিহাসের সবথেকে ব্যর্থ গোয়েন্দা অভিযান হিসেবে। এক অভিযানে যুক্তরাষ্ট্রের দেড় হাজারেরও বেশি এজেন্ট নিহত হওয়ার ক্ষতি এখনো পুষিয়ে নিতে পারেনি দেশটি। এরপর ১৯৬২ সালে কিউবার মিসাইল সংকটের সময়ও দেশদু’টির সমপর্কে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
দীর্ঘকাল এমন বৈরী সমপর্ক থাকার পর ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টায় কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমপর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু ডনাল্ড ট্রামপ প্রেসিডেন্ট হওয়ার পর এ সমপর্ক পুনরায় খারাপ হতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন, কিউবার এ সংবিধান পরিবর্তন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমপর্ক স্থাপনে যথেষ্ট হবে না। কিউবায় এখনো কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে একদলীয় শাসন ব্যবস্থাই থেকে যাবে। তাই যুক্তরাষ্ট্র নিজেও সমপর্ক উন্নয়নে আগ্রহী হবে না।
কিউবার অর্থনীতিতে কী প্রভাব ফেলবে?
১৯৯১ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবার অর্থনীতি ধাক্কা খায়। দেশটি ব্যাপক মাত্রায় সোভিয়েত ইউনিয়নের দেয়া মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্যের উপর নির্ভর করতো। কিন্তু সোভিয়েত পতনের পর এ সাহায্য বন্ধ হয়ে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লাগাতার অর্থনৈতিক অবরোধও কিউবার অর্থনীতির ব্যাপক ক্ষতি সাধন করে। ২০০৬ সালে ফিদেল ক্যাস্ত্রো তার ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দেন। রাউল ক্যাস্ত্রো তখন দেশটিতে ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন সাধন করেন। এর ফলে দেশটিতে স্বল্প মাত্রায় বিদেশি বিনিয়োগ ও ব্যক্তিগত সমপত্তির সুযোগ সৃষ্টি হয়। মুক্ত বাজার ও ব্যক্তিগত সমপত্তির ধারণাগুলো এর আগে কিউবার কমিউনিস্ট নেতাদের দ্বারা ব্যাপক সমালোচনার শিকার হলেও এখন এই ধারনাগুলোকেই জনপ্রিয় করে তোলা হচ্ছে দেশটিতে। তবে এর উদ্দেশ্য সেই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠাই বলে জানানো হচ্ছে। তবে শুধু অর্থনৈতিক পরিবর্তনই নয়, চীন ও ভিয়েতনামের মতো সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো নিজের আধুনিকায়নের চেষ্টাও করবে। তবে কিউবার নেতারা এখনো ব্যক্তিগত সমপত্তি ও বৈষম্যমূলক সমাজের বিষয়ে চিন্তিত। তাই প্রাথমিক পর্যায়ে এ সকল পদক্ষেপ পরীক্ষামূলকভাবে চালু করা হবে। একই সঙ্গে দেশটি পৃথিবীর অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর সঙ্গেও বাণিজ্যিক সমপর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে এ মাসে প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওস সফর করেন। এ দেশগুলোকে কিউবায় বিনিয়োগে আগ্রহী করে তোলাই এ সফরের প্রধান উদ্দেশ্য ছিল। এছাড়াও রয়েছে দেশটির মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন। সব মিলিয়ে কিউবায় আগামীতে কতখানি পরিবর্তন আসতে চলেছে- তা সময়ই বলে দেবে।

Tuesday, October 9, 2018

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সমাচার by অনিম আরাফাত

সমপ্রতি রাশিয়ার ভস্তক-২০১৮ সামরিক মহড়াটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এটি ছিল গত ৩০ বছরের মধ্যে দেশটির সব থেকে বড় সামরিক মহড়া। একে তুলনা করা হচ্ছে ১৯৮১ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন আয়োজিত জাপদ-১৯৮১ সামরিক মহড়ার সঙ্গে। ভস্তক-২০১৮তে প্রায় তিন লক্ষাধিক রাশিয়ান সেনা অংশ নেয়। রাশিয়ার আমন্ত্রণে সারা দিয়ে চীন ও মঙ্গোলিয়ার সেনারাও এই মহড়ায় যোগ দিয়েছিল। তবে, পূর্ব সাইবেরিয়ায় অনুষ্ঠিত এ মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো। জোটটির দাবি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি হিসেবেই রাশিয়া তার অস্ত্রশস্ত্র শানিয়ে নিচ্ছে। কিন্তু বিশ্লেষকরা একে শুধু একটি সামরিক মহড়া থেকেও বড় কিছু ভাবছেন। এই মহড়াকে রাশিয়া বিশ্বের কাছে নিজের আধুনিক সব সমরাস্ত্র প্রদর্শনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে।
ভস্তক-২০১৮ মহড়া চলাকালীন রাশিয়া পৃথিবীর আধুনিকতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ প্রদর্শন করে। গত কয়েক বছরের হিসেবে রাশিয়ার সমরাস্ত্রগুলোর মধ্যে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদাই সর্বাধিক। এটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিক রূপ। যেকোনো যুদ্ধে এর সক্ষমতার কারণে সৌদি আরব, চীন, ভারত, তুরস্ক ও কাতারের মতো বেশ কয়েকটি দেশ এস-৪০০ কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, যে দেশই রাশিয়ার এ অস্ত্র ক্রয়ে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেসব দেশকে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকি দিচ্ছে। পশ্চিমা রাষ্ট্রগুলো সরবরাহ করতে পারে এ রকম যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকে এস-৪০০ অনেক বেশি আধুনিক।
এটির রাডার ও অন্যান্য সেন্সরগুলো অবিশ্বাস্য রকমের। এটি ৬শ’ কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রু বিমান, মিসাইল, ড্রোন বা যেকোনো হুমকি শনাক্ত করতে পারে। এর ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৪শ’ কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম। এর সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এস-৪০০ একইসঙ্গে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে এবং একইসঙ্গে প্রায় ৩৬টি টার্গেট ধ্বংস করতে সক্ষম। এমনকি স্টিলথ যুদ্ধবিমান ধ্বংসেও ব্যাপক কার্যকরি এস-৪০০। এ ছাড়া এটি সহজেই পরিবহন করা যায়। অর্থাৎ প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই হামলা চালিয়ে এটিকে সরিয়ে নেয়া সম্ভব। দূরের লক্ষ্যবস্তুর পাশাপাশি কাছের লক্ষ্যবস্তুতে হামলাতেও এস-৪০০ বেশ কার্যকর।
এর বৈশিষ্ট্যগুলোর কারণেই অনেক দেশ যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও এস-৪০০ ক্রয়ে আগ্রহী হয়ে উঠেছে। এমনকি ন্যাটো সদস্য তুরস্কও এ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে। আগস্টে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আঙ্কারা যত দ্রুত সম্ভব এস-৪০০ কিনতে চায়। তবে, রাশিয়া জানিয়েছে এর জন্য তুরস্ককে অন্তত ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ে তুরস্কের এ আগ্রহ রাজনৈতিক দিক থেকে দেশটির পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে, এর বাইরেও দেশগুলো আশঙ্কা করছে এর পেছনে রাশিয়ার অশুভ উদ্দেশ্য রয়েছে। তুরস্কে এস-৪০০ স্থাপন করলে দেশটিতে থাকা ন্যাটোর সার্বিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এর রক্ষণাবেক্ষণের জন্য স্বাভাবিকভাবেই রুশ পার্সোনালের দরকার পড়বে। রাশিয়ার পক্ষে তখন ন্যাটোর তথ্যভাণ্ডারে পৌঁছানো সহজ হয়ে যাবে। তবে, তুরস্কের দিক থেকে দেখলে, দেশটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে বোঝাতে চাইছে তুরস্ক কারো কথায় উঠবস করবে না।
কিন্তু ভারত, সৌদি আরব ও কাতার ন্যাটো সদস্য নয়। তারপরেও এস-৪০০ কেনার চেষ্টা চালাতেই যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকির মুখে পড়তে হয় দেশগুলোকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, রাশিয়া থেকে বড় অর্থের কোনো অস্ত্র ক্রয় করলে সে দেশকে অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে হবে। এস-৪০০ ক্রয়ের পর চীনকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। সমপ্রতি ভারতকেও অর্থনৈতিক অবরোধের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। তারপরেও দেশটি এস-৪০০ ক্রয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যেকার সমপর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এস-৪০০ ক্রয়ে রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের চুক্তি সাক্ষর করেছে ভারত। বিশ্লেষকরা মনে করছেন ভারত যুক্তরাষ্ট্রের হুমকিকে নিয়ে ভাবছে না।
সৌদি আরব ও ভারতের মতো রাষ্ট্রগুলো বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন তাই এখনি এসব দেশের সঙ্গে সমপর্ক খারাপে ইচ্ছুক হবে না। তবে, সমরাস্ত্র বিক্রি থেকে রাশিয়ার বৈদেশিক আয় কমাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সবকিছুই করবে। তাই হয়তো অন্যান্য দেশগুলোকে সাবধান করতে ভারতের উপর আংশিক অবরোধ আরোপ করতে পারে দেশটি।
কথা হচ্ছে, ভারতের মতো একটি রাষ্ট্র কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমপর্কের ক্ষেত্রে এ ঝুঁকি নিচ্ছে? অর্থনৈতিকভাবে দুর্বল হলেও ভারতের রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী। সমরাস্ত্রের ক্ষেত্রে দেশটি পুরোপুরি আমদানি নির্ভর। কিন্তু ভারত কখনো নির্দিষ্ট কোনো দেশ থেকে অস্ত্র ক্রয় করে না। রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রই ভারতের কাছে অস্ত্র বিক্রি করে। এ ক্ষেত্রে দেশটি একটি ভারসাম্য বজায় রাখে। তবে, ভারতের রয়েছে রাশিয়ার থেকে অস্ত্র কেনার কয়েক যুগের অভিজ্ঞতা। তাই রুশ প্রযুক্তির প্রতি দেশটির এক ধরনের দুর্বলতা রয়েছে। পাশাপাশি রাশিয়া কিছুক্ষেত্রে ভারতের সঙ্গে প্রযুক্তি বিনিময় করে।
এটিও রাশিয়া থেকে এস-৪০০ কেনার অন্যতম কারণ। তারপরেও সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব এখানে সপষ্ট। পৃথিবীজুড়ে রুশ অস্ত্রের চাহিদা দিনদিন বেড়ে চলেছে। তেলের পর অস্ত্র বিক্রি থেকেই দেশটি সব থেকে বেশি বৈদেশিক আয় করে থাকে। তাই যুক্তরাষ্ট্রও রাশিয়ার অস্ত্র বিক্রির গতি টেনে ধরতে নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এস-৪০০ ব্যবস্থার বিশ্বজুড়ে সৃষ্ট বাজার ও এ অস্ত্র পেতে দেশগুলোর ব্যাপক আগ্রহই প্রমাণ করে যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে ব্যর্থ হতে চলেছে।

Tuesday, October 2, 2018

চীনা ঋণ নিয়ে উদ্বিগ্ন ইমরান খান by অনিম আরাফাত

চীনের প্রস্তাবিত সিল্ক রোড প্রকল্পের জন্য দেশটির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে পাকিস্তান। নতুন প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যে চীনা ঋণের বিষয়ে নিজের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। ঔপনিবেশিক আমলের আরব সাগর থেকে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত দীর্ঘ রেল লাইনকে পুনরায় ঢেলে সাজানোর জন্য প্রায় ১০.৬ বিলিয়ন মার্কিন ডলারের মেগা প্রজেক্ট হাতে নিয়েছে দেশটি। প্রজেক্টের একটা বড় অংশ দেয়ার ঘোষণা দিয়েছিল চীন। কিন্তু চীনের ঋণের ফাঁদে আটকে যাওয়ার আশঙ্কায় পিছু হটতে শুরু করেছে পাকিস্তান।
এ রেল যোগাযোগ মেগাপ্রজেক্ট পাকিস্তানের বন্দর নগর করাচি ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারকে যুক্ত করবে। এটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রজেক্টের অংশ। কিন্তু ইসলামাবাদ এ প্রজেক্টের ব্যয় ও অর্থায়নগত বিষয়ে আটকা পরে রয়েছে।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার পাকিস্তানকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে কাজ করছেন বলেই এখন পর্যন্ত বিশ্বাস করেন বিশ্লেষকরা। তিনি চীনের ঋণের বিষয়ে মুখ খুলেছেন এবং পাকিস্তানের জন্য এ ঋণ যে ফাঁদ হতে পারে সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ইমরান খান বলেছেন, পাকিস্তানকে অবশ্যই বৈদেশিক ঋণের বোঝা থেকে মুক্ত হতে হবে। দেশটির পরিকল্পনামন্ত্রী খুশরো বখতিয়ার বলেন, আমরা পাকিস্তানকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি। তাই নতুন কোনো পদক্ষেপ নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।
দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে চীনা ঋণের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলোর নানা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে চীন এবং আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চলেছে। এ নিয়ে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও মালদ্বীপের মতো দেশগুলোর নতুন ক্ষমতা পাওয়া সরকারগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। ইতিমধ্যে চীনের সিল্ক রোড প্রকল্প থেকে বেরিয়ে এসেছে মাহাথির মোহাম্মদের নতুন মালয়েশিয়া সরকার। মাহাথির বলেছেন, তার দেশ বড় প্রকল্পগুলোতে সমপ্রতি দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। এগুলো যাচাই বাছাই ছাড়া তার সরকার নতুন কোনো প্রজেক্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।
এ বিষয়ে ইমরান খানের নতুন সরকারের মধ্যেও উদ্বিগ্নতা দেখা গেছে। ইতিমধ্যে পাকিস্তান জানিয়েছে, তারা বিআরআই প্রকল্পের সব কন্টাক্ট পুনঃবিবেচনা করে দেখতে চায়। দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, চুক্তিগুলো করার সময় নিজ স্বার্থ নিশ্চিত করে দর কষাকষি হয়নি। একইসঙ্গে তারা বলছে, প্রকল্পটি পাকিস্তানের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও এ থেকে চীন একতরফা সুবিধা পাবে। তবে, ভিন্নমত রয়েছে পাকিস্তানের বর্তমান সরকারের মধ্যেও। দেশটির একজন মন্ত্রী বলেছেন, আমাদের সীমাবদ্ধতাও রয়েছে। চীন ছাড়া অন্য কোনো রাষ্ট্র পাকিস্তানে বিনিয়োগে আগ্রহী না। আমরা এখন কী করতে পারি? পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিআরআই প্রজেক্ট নিয়ে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
চীন অবশ্যই পাকিস্তানের নতুন সরকারের চাহিদাগুলো পূরণ করবে। পারসপারিক আলোচনার মাধ্যমেই এ প্রজেক্টের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে ২০১৭ সালে পাকিস্তান চীনের প্রস্তাবিত একটি বড় বাঁধ প্রকল্প বাতিল করে দিয়েছিল। হিমালয়ে একটি বাঁধ নির্মাণে ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয় চীন। কিন্তু প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ পাকিস্তানকে উদ্বিগ্ন করেছিল। দেশটির ধারণা ছিল এ ধরনের মেগা প্রজেক্টের ব্যয় বহনের ক্ষমতা পাকিস্তানের নেই।
আশঙ্কা ছিল, যদি যথাসময় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে হয়ত শ্রীলঙ্কার বন্দরের মতো পাকিস্তানও একটি জাতীয় সমপদ হারাবে। বর্তমান সরকারও চীনের ঋণকে ফাঁদ মনে করছেন। চীনের ঋণ পরিশোধে পাকিস্তানের সক্ষমতা নিয়ে সন্দিহান ইমরান খান। তিনি দাবি করেছেন, তার পূর্বসূরি নওয়াজ শরিফ দেশের মাথায় ব্যাপক ঋণের বোঝা চাপিয়ে গিয়েছেন। তাই চীনের প্রস্তাবিত প্রকল্পে অনুদান নিয়ে তার সরকার কোনো ধরনের ঝুঁকি নিতে আগ্রহী নয়।
(রয়টার্সে প্রকাশিত সাংবাদিক ড্রাজেন জরজিকের বিশ্লেষণ অনুসারে)

Wednesday, August 22, 2018

তুরস্কের কি সত্যিই পশ্চিমের বিকল্প আছে? by অনিম আরাফাত

সম্প্রতি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। গত কয়েক দশকে দেশ দু’টির মধ্যে কখনো এত বেশি তিক্ত সম্পর্ক বিরাজ করেনি। মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দায়ে দণ্ডিত করাসহ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি ইস্যু নিয়ে বিবাদ চলছে তুরস্কের। অবস্থা যখন এই তখন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান যুক্তরাষ্ট্রকে সাবধান করে বলেছেন, প্রয়োজনে তার দেশ নতুন মিত্র খুঁজবে।
চলমান এ সংকট শুরুর পর থেকে প্রেসিডেন্ট এরদোগান যুক্তরাষ্ট্রকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন। তিনি বলেছেন, তুরস্ক ইরান থেকে রাশিয়া, চীন কিংবা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্য থেকে নতুন মিত্র খুঁজে বের করবে। একইসঙ্গে তিনি তুরস্ককে ব্রিকস ব্লকে যুক্ত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রকে এরকম হুমকি দেয়ার মধ্যেই ১৩ই আগস্ট তুরস্ক সফর করে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ৭ই সেপ্টেম্বর ইস্তাম্বুলে রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও তুরস্কের নেতারা বৈঠকে বসবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।
সের্গেই ল্যাভরভের তুরস্ক সফরে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীই নিজেদের মধ্যে পারসপরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছেন। বর্তমান বিশ্ব রাজনীতির অবস্থার দিকে তাকালে এটি খুব বেশি আশ্চর্যজনক মনে হবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া ও তুরস্কের এখন প্রায় একইরকম স্বার্থ রয়েছে। ইউক্রেন সংকটের জেরে রাশিয়ার প্রধান রাজনৈতিক ও বাণিজ্য সহযোগী  ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্ক বর্তমানে তলানিতে অবস্থান করছে। একইসঙ্গে, ২০১৪ সালের পর রাশিয়ার উপরে আরোপ করা অবরোধের কারণে দেশটির মুদ্রা রুবলের মান প্রায় অর্ধেক কমে গেছে এবং পরবর্তী বছরগুলোতে রাশিয়ার বাজেটে অর্থ ঘাটতি ছিল লক্ষণীয়।
একই অবস্থা এখন তুরস্কের সঙ্গেও ঘটছে। রাশিয়ার পরিণতির দিকে আস্তে আস্তে ঠেলে দেয়া হচ্ছে দেশটিকে। কিন্তু তুরস্ক তার জন্য আগে থেকেই প্রস্তুত। পশ্চিমের মিত্রদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক দিন দিন খারাপ হয়েই চলেছে। পশ্চিমের সঙ্গে চলমান সংকটের কারণে তুরস্কের অর্থনীতি ক্রমাগত অস্থিতিশীল হয়ে উঠেছে। যার প্রভাব পরেছে দেশটির মুদ্রা লিরার মানেও। সম্প্রতি ডলারের বিপরীতে লিরার মানের রেকর্ড পতন তুরস্কের সামনে ভয়াবহ অর্থনৈতিক সংকটের আভাস দিচ্ছে। তাই একই শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়া ও তুরস্ক এখন নিজেদের একই কাতারে বিবেচনা করছে। এটিই হয়তো দেশ দুটির মধ্যকার দীর্ঘকালের বৈরী সম্পর্ক ভুলে পরস্পরের মধ্যে মিত্রতা স্থাপনের কারণ হতে চলেছে।
রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্পর্কের উত্থান পতনও লক্ষণীয়। ২০১৪ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে বাণিজ্যের ঘনত্ব ছিল প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের। এরপরের বছরের নভেম্বরে সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান ধ্বংস করে তুরস্ক। এরপরই দেশ দুটির মধ্যে নতুন করে সংকট সৃষ্টি হয়। সে সংকটের পরে তুরস্কের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক ঘনত্ব কমতে শুরু করে। এরপর বিশ্ব রাজনীতির নতুন পালাবদলে পুনরায় দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এখনো ২০১৪ সালের থেকে অনেক দূরেই রয়েছে দেশদুটির মধ্যকার বাণিজ্যের অবস্থা। ২০১৭ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে প্রায় ২২ বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পন্ন হয়।
২০১৫-তে রাশিয়ার বিমান ধ্বংসের ঘটনার পর উভয়পক্ষ বেশ কয়েকবার পরসপরের বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার অঙ্গীকার করে। কিন্তু সত্যিকার অর্থে কোনো পক্ষই এ লক্ষ্যে এগিয়ে আসেনি। উল্টো নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনাও ঘটেছে। উদাহরণস্বরূপ বলা যায়, গত বছরের মে মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান উভয় দেশের মধ্যে আরোপ করা সকল অবরোধ তুলে নেয়ার বিষয়ে সম্মত হন। কিন্তু এরপরেও তুরস্ক রাশিয়ার গম আমদানির উপরে দুইবার নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়াও তুরস্কের টমেটো রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দেয়। তবে একইসঙ্গে দেশ দুটি আরো কিছু ইস্যুতে সহযোগিতাপূর্ণ আচরণও করেছে।
কিন্তু তুরস্কের কি সত্যিই পশ্চিমের বিকল্প আছে? তুরস্কের নতুন মিত্র খোঁজার প্রচেষ্টাগুলোকে স্বাভাবিকভাবেই কৃত্রিম মনে হয়েছে। তার পেছনে যথেষ্ট কারণও আছে। জোহানসবার্গে গত ব্রিকস সম্মেলন চলাকালীন এরদোগান আভাস দিলেন, তুরস্ক এই ব্লোকে যুক্ত হতে চলেছে। কিন্তু এরপর তুরস্ক কিংবা ব্রিকস ব্লোকের কোনো সদস্য রাষ্ট্র এ বিষয়ে কোনো আগ্রহই প্রকাশ করেনি। সম্মেলন চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, বর্তমান সদস্যদের নতুন করে কোনো দেশকে যুক্ত করার ইচ্ছে নেই। পাশাপাশি ব্রিকসে ঢোকার জন্য তুরস্কের কোনো মিত্র রাষ্ট্র নেই। সাউথ আফ্রিকার ঢোকার জন্য ব্রাজিল ও ভারতের প্রচুর তদবির করতে হয়েছিল। কিন্তু তুরস্কের আমদানি পণ্যের মাত্র ৪.২ শতাংশ আসে ব্রিকসভুক্ত দেশগুলো থেকে। আমদানির ক্ষেত্রে দেশটি পুরোপুরি যুক্তরাষ্ট্র ও বৃটেনের উপরে নির্ভরশীল। তাই ব্রিকসভুক্ত দেশগুলোর তুরস্কের জন্য তদবির করতে আগ্রহী হয়ে ওঠার সম্ভাবনা নেই। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)তে যুক্ত হওয়ার ক্ষেত্রেও তুরস্ক  একই সমস্যার মুখোমুখি হবে।
যাই হোক, তুরস্কের এ ধরনের নতুন জোট ও মিত্র খোঁজার উদ্যোগ শুধু পশ্চিমকে ধাক্কা দেয়ার জন্যই নেয়া। সত্যিকার অর্থে নতুন মিত্ররাষ্ট্র খুঁজে বের করার কোনো ইচ্ছেই নেই তুরস্কের। দেশটি রাশিয়া ও তার মিত্রদের দিকে হাত বাড়িয়েছে ওয়াশিংটনকে চাপে ফেলার উদ্দেশ্যে। তুরস্ক ওয়াশিংটনকে বোঝাতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে তারা একটি গুরুত্বপূর্ণ মিত্র ও বাণিজ্য সহযোগী রাষ্ট্রকে হারাতে চলেছে। এখন শুধু সময়ই বলে দেবে আঙ্কারার এ পরিকল্পনা সফল হবে কিনা!

Sunday, July 15, 2018

কেন ফিরেছেন নওয়াজ? by অনিম আরাফাত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কি শুধু জেলে যেতেই দেশে ফিরেছেন? তিনি জানতেন পাকিস্তান ফেরামাত্রই তাকে এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হবে। তিনি চাইলেই পাকিস্তানি অনেক নেতার মতো বিদেশে পালিয়ে থাকতে পারতেন। তারপরেও তিনি পাকিস্তানে কেন ফিরে এলেন? এ নিয়ে ভারত উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক নানা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। পাকিস্তানে আগামী ২৫শে জুলাই জাতীয় নির্বাচন। তার আগে নওয়াজ শরীফের এভাবে ফিরে আসাকে অনেকেই দেখছেন রাজনৈতিক জুয়া খেলা হিসেবে। কারণ, এ খেলায় তার রাজনৈতিক ক্যারিয়ার হয় টিকে থাকবে, না হয় শেষ হয়ে যাবে। তাই, এমন জুয়ায় নেমেছেন নওয়াজ শরীফ।
দ্বিতীয়ত, পাকিস্তানে বর্তমানে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং রাজনৈতিকভাবে চাপে রয়েছেন। সেখানে, নওয়াজ শরীফ দেশে থেকে তাদের শক্তি জোগানের চেষ্টা চালাবেন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, নিজের দলকে সংঘবদ্ধ রাখতেই জেলের ভয় না পেয়ে দেশে ফিরেছেন নওয়াজ। তাছাড়া, তিনি ব্যতীত তার দল পিএমএলএন সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। নির্বাচনকে সামনে রেখে তাই এই গুরুত্বপূর্ণ সময়ে দলের নির্বাচনী প্রচারণা জোরদার করবেন তিনি।
একইসঙ্গে, রাজনৈতিক বিরোধী পক্ষের মুখ বন্ধ রাখতেও নওয়াজ এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা ভুল প্রমাণ করার একমাত্র উপায় হচ্ছে দেশে ফিরে আদালতে লড়াই করা। তাছাড়া, জেল এড়াতে তিনি যদি লন্ডন বা বিদেশে অবস্থান করতেন তাহলে বিরোধী দলগুলো দুর্নীতির দায়ে তার সমালোচনা করার সুযোগ পেত। সেখানে, নওয়াজ শরীফ দেশে ফিরে সবাইকে জানিয়ে দিতে চেয়েছেন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ মোকাবিলা করতে ভয় পান না। পাকিস্তানে ফিরে আসার মাধ্যমে নওয়াজ শরীফ একইসঙ্গে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান। সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে সবাইকে এক ধরনের শক্তির জোগান দেয়াই তার উদ্দেশ্য। সেনাবাহিনী যেখানে বার বার পাকিস্তানের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে সেখানে তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠতে চাইছেন। পাশাপাশি, জেলে আটক অবস্থায় তার প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধি পাবে, নির্বাচনে যা ফল ঘুরিয়ে দিতেও সক্ষম। এর আগে ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পরে তার দল ‘সিম্প্যাথি ভোট’ এর মাধ্যমে ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিল।
নওয়াজ শরীফের ফিরে আসার আরেকটা কারণ হচ্ছে, তিনি মনে করছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শক্তিশালী নয়। নিরপেক্ষ বিচার হলে তিনি সহজেই মুক্তি পেয়ে যাবেন। আদালতে যদি তিনি নিজেকে মুক্ত করে আনতে পারেন তাহলে তা হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক অসাধারণ সময়। তাই বিদেশে পালিয়ে না থেকে বাজি খেলতে চাইছেন নওয়াজ শরীফ।
এর আগে, লন্ডনে অর্থপাচার ও অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে যথাক্রমে ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। শুক্রবার রাতে লন্ডন থেকে পাকিস্তানে ফেরার পর লাহোর বিমানবন্দরে তাদেরকে আটক করে জেলে পাঠানো হয়। বর্তমানে তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বি-শ্রেণির সুবিধা নিয়ে অবস্থান করছেন।

Wednesday, July 11, 2018

সর্বময় ক্ষমতা নিয়ে আবারো তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান by অনিম আরাফাত

আবারো তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। তবে এবার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন পূর্বের চেয়ে আরো ক্ষমতাধর হয়ে। এখন থেকে দেশের পার্লামেন্ট ভেঙে দেয়া, জরুরি অবস্থা জারিসহ গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন তিনি। সোমবার আঙ্কারার পার্লামেন্ট ভবনে দেশের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে পর পর দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এ দেশনায়ক। শপথ নেয়ার পর দেয়া এক ভাষণে এরদোগান আধুনিক তুরস্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র, জনগণের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে তার নতুন সরকার।
মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে এরদোগানকে শপথ পড়ান পার্লামেন্টের স্পিকার। তার অভিষেক অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানিসহ প্রায় ২২টি দেশের রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তুরস্ক নতুন সংসদীয় ব্যবস্থার যুগে প্রবেশ করলো।
গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত এক গণভোটের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা বৃদ্ধি করা হয়। নতুন সরকার ব্যবস্থায় প্রেসিডেন্টের ওপর দেশ পরিচালনার সর্বময় কর্তৃত্ব অর্পণ করা হয়। প্রেসিডেন্ট সংসদের অনুমতি ছাড়াই মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, প্রধান বিচারপতিসহ নতুন সংযুক্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট পদে যে কাউকে নিয়োগ এবং বরখাস্ত করতে পারবেন। এ ছাড়াও, তিনি যেকোনো মুহূর্তে আইন সভা ভেঙে দেয়া, নির্বাহী আদেশ জারি ও জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। নতুন এই পদ্ধতিতে দেশটিতে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করা হয়।
নতুন প্রেসিডেন্ট হিসেবে ৬৪ বছর বয়স্ক এরদোগান দেশ পরিচালনার সর্বময় কর্তৃত্ব ভোগ করবেন। সোমবার তিনি একইসঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের নামও ঘোষণা করেছেন। পূর্বের সরকারের উপ-প্রধানমন্ত্রী মেহমেক সিমসেক নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুলসি আকার। নিজের জামাতা বেরাত আলবায়রাককে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এরদোগান। এছাড়া, মেভলুত সাভুসলগুকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল রাখা হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুলেমান সয়লু। আর সাবেক উপদেষ্টা ফুয়াত ওক্টায়কে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।
এর আগে এরদোগান বলেছেন, নতুন মন্ত্রিসভায় তার দল একে পার্টি থেকে কেউ থাকছে না। সাবেক রাজনীতিবিদ ও আমলাদের নিয়ে মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দেন তিনি। ২৪শে জুন অনুষ্ঠিত হওয়া তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২.৫ শতাংশ ভোট পেয়ে আরো ৫ বছরের জন্য ক্ষমতা সংহত করেন এরদোগান। নির্বাচনে একে পার্টি ৪২.৫ শতাংশ ভোট পায়। কিন্তু তা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। পরবর্তীতে ১১.১ শতাংশ ভোট পাওয়া ন্যাশনাল মুভমেন্ট পার্টির সঙ্গে জোট গঠনের মাধ্যমে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।
একটানা ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এরদোগান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। প্রেসিডেন্ট শাসিত নতুন সরকারব্যবস্থার প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে সোমবার এরদোগান বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি তুরস্কের শক্তিশালী ভবিষ্যতের জন্য সহায়ক হবে। তিনি আরো বলেন, ‘নতুন শুরু হতে যাওয়া এ যুগে তুরস্ক গণতন্ত্র, স্বাধীনতা, মৌলিক অধিকার, অর্থনীতি ও বড় বিনিয়োগসহ সকল ক্ষেত্রে উন্নত হবে’। তবে তুরস্কের পশ্চিমা মিত্ররাষ্ট্র, বিরোধী দল ও সমালোচকরা বলছেন, নতুন এ পদ্ধতি দেশটির গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তারা এই পদ্ধতিকে ‘এক ব্যক্তির শাসন’ বলে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, তুরস্কে সম্প্রতি ব্যাংক সুদহার ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে কমে গেছে লিরার মান। ক্ষমতা গ্রহণের মাধ্যমে তাই নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেন এরদোগান। অর্থনীতিবিদ ও কলাম লেখক টানের বারকসয় বলেন, নতুন সরকারকে অবশ্যই সুদের হার কমানোর দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। তিনি বলেন, ‘বর্তমানে যে সুদের হার চলছে তা দেশের মুদ্রাস্ফীতি হ্রাসের জন্য যথেষ্ট নয়। কীভাবে নতুন মন্ত্রিসভা এ সমস্যার সমাধান করে তা দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি’। যদিও রাষ্ট্রপতির অভিষেক পরবর্তী সময়ে তুরস্কের অর্থনীতি ধীরে ধীরে জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। কিন্তু তা নির্ভর করছে নতুন সরকার কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় কতখানি পরিবর্তন আনতে পারবে তার উপরে। নির্বাচনী প্রচারণার সময় এরদোগান দাবি করেছিলেন, যদি তিনি পুনরায় নির্বাচিত হন তাহলে তুরস্কের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবেন। নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন নিজের জামাতা বেরাত আলবায়রাককে। এর আগে তুরস্কের জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এরদোগানের নির্বাচনী প্রচারণার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তুরস্কে চলমান জরুরি অবস্থার অবসান ঘটানো। ২০১৬ সালের জুলাইতে সেনাবাহিনীর সরকারবিরোধী ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তুরস্কে জরুরি অবস্থা চলছে। ঐ ঘটনার পর সরকার এখন পর্যন্ত লাখো মানুষকে গ্রেপ্তার ও সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে। এরমধ্যে, গত রোববার পুলিশ, সেনাবাহিনী, শিক্ষাবিদসহ একসঙ্গে প্রায় ১৮৫০০ জন চাকরিচ্যুত হয়েছেন। আঙ্কারা জানিয়েছে, অভ্যুত্থানের জন্য দায়ী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে সমর্থন করার দায়ে তাদেরকে চাকরিচ্যুত এবং যেকোনো সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। ওই অভ্যুত্থানে প্রায় ১০০ জন নিহত হয়েছিল। যদিও স্বেচ্ছা নির্বাসনে থাকা গুলেন এই অভ্যুত্থানের সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন। পাশাপাশি, চাকরিচ্যুত ও গ্রেপ্তারের কারণ হিসেবে আঙ্কারা যে দাবি করছে তাকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ভিন্নমতাবলন্বী নিপীড়নের অজুহাত হিসেবে চিহ্নিত করেছে।