Friday, June 14, 2013

ইস্তাম্বুলের বিপণিকেন্দ্রের প্রকল্প স্থগিত ঘোষণা

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল শুক্রবার ইস্তাম্বুলে পার্ক ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণের বিতর্কিত প্রকল্প স্থগিত করার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীরা তাঁর এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ বলে স্বাগত জানিয়েছে। দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্ক ধ্বংস করে ওই বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। পুলিশ কঠোরভাবে বিক্ষোভকারীদের মোকাবিলা করে এবং একপর্যায়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয়। গতকালও প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে এর কয়েক ঘণ্টা পরই তিনি বিক্ষোভের নেতৃত্বে থাকা তাকসিম সলিডারিটি গ্রুপের সঙ্গে জরুরি বৈঠক করেন। চার ঘণ্টার বৈঠকে এরদোয়ান সরকারের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হন। তাকসিম সলিডারিটি গ্রুপের মুখপাত্র তেইফুন কাহরামান বলেন, ‘আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী প্রকল্পটি স্থগিত রাখার বিষয়ে রাজি হয়েছেন। এটা খুবই ইতিবাচক পদক্ষেপ।’ বৈঠকের পর উপপ্রধানমন্ত্রী হুসেইন সেলিক সাংবাদিকদের বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকার প্রকল্প স্থগিত রাখবে। একই সঙ্গে পার্কের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে সরকার গণভোটের ওপর জোর দিয়েছে। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত আসতে কয়েক মাস লেগে যাওয়ার কথা। বিক্ষোভকারীদের হটাতে গিয়ে পুলিশ বাড়াবাড়ি করেছে কি না, তা খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। কঠোর হাতে বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পশ্চিমা দেশগুলো তুরস্কের সমালোচনা করেছে। তারা সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানায়। গত ৩১ মে ইস্তাম্বুলের গেজি পার্কের ৬০০ গাছ কেটে সেখানে বিপণিকেন্দ্র নির্মাণের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ক্রমে রাজধানী আঙ্কারাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী এরদোয়ান ও তাঁর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করে। বৃহস্পতিবার একেপির ডেপুটি চেয়ারম্যান হুসেইন সেলিক বলেছেন, গেজি পার্ক ধ্বংস করে ওই বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিষয়ে গণভোট হলে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটবে এবং বিক্ষোভকারীরাও ঘরে ফিরে যাবেন। এএফপি।

বিচার বিভাগের হাতে প্রথম ধাক্কা খেল নওয়াজ সরকার

পাকিস্তানে সদ্য ক্ষমতাসীন নওয়াজ সরকার বিচার বিভাগের হাতে প্রথম ধাক্কা খেল। বাজেট আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার আগেই পেট্রোলিয়াম-সামগ্রীর ওপর কর বাড়ানো নিয়ে সরকার ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। নওয়াজের অর্থমন্ত্রী ইশহাক দার পার্লামেন্টে তাঁর বাজেট বক্তৃতায় পেট্রোলিয়াম সামগ্রীর ওপরকর বাড়ানোর ঘোষণা দেন। তবে বাজেট অনুমোদিত হওয়ার আগেই অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নতুন হারে করারোপ শুরু হয়। এতে পেট্রোলিয়াম সামগ্রীর দাম বেড়ে গেছে। এর প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট স্বেচ্ছাপ্রণোদিত হয়ে (সুয়ো মোটো) নোটিশ জারি করেন। এতে পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের (এফবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে গতকাল শুক্রবার এ বিষয়ে শুনানি শুরু হয়। শুনানিতে হাজির হয়ে এফবিআরের চেয়ারম্যান আনসার জাভেদ আদালতকে বলেন, পেট্রোলিয়াম সামগ্রীর ওপর নতুন কর বাস্তবায়ন বা দাম বাড়ানোর বিষয়ে বোর্ড কোনো প্রজ্ঞাপন জারি করেনি। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতেই এসবের দাম বেড়েছে। বাজেট পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার আগেই কর বাড়ানোর নতুন সিদ্ধান্ত কীভাবে কার্যকর করা হলো, প্রধান বিচারপতি তা জানতে চান। জবাবে অ্যাটর্নি জেনারেল মুনির এ মালিক যুক্তি দেন, ১৯৩১ সালের কর আইন অনুসারে সরকার বাজেট অনুমোদনের আগে কর বাড়াতে পারে। পাল্টা যুক্তিতে প্রধান বিচারপতি বলেন, ওই আইন দেশের সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কেননা, ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে, পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো ধরনের করারোপ করা যাবে না।
তিনি প্রশ্ন রাখেন, ‘এমনকি সরকার যদি এখন কর প্রত্যাহার করেও নেয়, এ পর্যন্ত যে অর্থ আদায় করা হয়েছে, সেগুলো জনগণকে ফেরত দেবে কে?’ আদালতের কার্যক্রম আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। পাকিস্তানের বিচার বিভাগ কয়েক বছর ধরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বেশ সচেষ্ট হয়ে উঠেছে। সরকারের নির্বাহী বিভাগের সঙ্গে এ নিয়ে তাদের প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। ডন।

এনডিএ ছাড়ার আভাস দিলেন নীতিশ কুমার

ভারতের প্রধান বিরোধীদলীয় জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) থেকে বেরিয়ে যাওয়ার স্পষ্ট আভাস দিয়েছে অন্যতম শরিক জনতা দল (সংযুক্ত)। গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতীয় জনতা দলের (বিজেপি) নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান করা নিয়ে বিবাদের জের ধরে জনতা দল এ সিদ্ধান্ত নিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।বিহারের মুখ্যমন্ত্রী জনতা দলের (সংযুক্ত) নেতা নীতিশ কুমার গতকাল শুক্রবার কাটিহারে অনুষ্ঠিত দুই দিনের ‘সেবা যাত্রা’ শেষে বলেন, মোদিকে এনডিএর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থী করা নিয়ে বিজেপির সঙ্গে তাঁদের সমস্যা রয়েই গেছে। নীতিশের ভাষায়, পরিস্থিতি এখনো ‘জটিল’ পর্যায়ে।এনডিএ জোটে থাকা না-থাকা নিয়ে আলোচনা করতেই জনতা দলের (সংযুক্ত) নেতারা কাটিহারে ‘সেবা যাত্রা’ শীর্ষক দুই দিনের বৈঠকে বসেন। গতকাল বৈঠক শেষে পাটনায় ফেরার পর সাংবাদিকেরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে জোটে থাকছেন কি না, তা জিজ্ঞাসা করেন।জবাবে নীতিশ বলেন, পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে জোটে থাকতে তাঁদের বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি বিজেপি নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাঁরা বাঁচানোর জন্য দোয়া করে ওষুধ দিচ্ছেন মারার। জোটে থাকার ক্ষেত্রে জনতা দলের (সংযুক্ত) এটাই মূল সমস্যা।’নীতিশ বলেন, বিজেপির সঙ্গে সম্পর্ক থাকার ব্যাপারে দলের মধ্যে মিশ্র মনোভাব আছে। দলের কেউ কেউ বলছেন, ১৭ বছরের পুরোনো মিত্র বিজেপির সঙ্গে ছাড়াছাড়ি হওয়া উচিত হবে না। কেউ বলছেন, জোটে থাকার পরিস্থিতি অনেক জটিল হয়ে পড়েছে। নীতিশ জানান, বিষয়টি নিয়ে তাঁরা দু-এক দিনের মধ্যেই বসবেন। আলোচনায় সবার মত নিয়ে বিজেপির সঙ্গে থাকা না-থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।জনতা দলের (সংযুক্ত) প্রধান শারদ যাদব এর আগে বিজেপির সঙ্গে জোটবদ্ধ থাকার ব্যাপারে আশা প্রকাশ করলেও তাঁর দলের একটি সূত্র বলেছে, জোট থেকে বেরিয়ে আসার ব্যাপারে ‘পিছু হটার পরিস্থিতি’ এখন আর নেই।দলের সাধারণ সম্পাদক শিবানন্দ তিওয়ারি বলেছেন, নরেন্দ্র মোদীকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থীর আসনে বসিয়ে বিজেপি জনতা দলকে এনডিএ থেকে জোর করে বের করে দিচ্ছে। তিনি বলেন, ‘বিজেপির নেতারা এনডিএ ভাঙনের দায় জনতা দলের ওপর চাপানোর চেষ্টা করছেন। অনেক আগেই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। মোদির ব্যাপারে আমাদের বক্তব্য সর্বজনবিদিত। বিহারের কোনো নির্বাচনে এনডিএর পক্ষে প্রচারণা চালাতে আমরা মোদিকে ডাকিনি।’ এদিকে বিজেপির মুখপাত্র নির্মলা সীতারমণ বলেছেন, বিজেপি নীতিশ কুমারকে কোনো দিন এই প্রতিশ্রুতি দেয়নি যে মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হবে না। নির্মলা বলেন, বিজেপির প্রচারণা কমিটির প্রধান কে হবেন, তা বিজেপিই ঠিক করবে। এ কারণে মোদিকে এই দায়িত্ব দেওয়ার জের ধরে এনডিএ থেকে জনতা দলের (সংযুক্ত) বেরিয়ে যাওয়া ন্যায্য হবে না। পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া।

ফের মাওবাদী হামলা

ভারতের বিহারে গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে পুলিশের এক সদস্যকে হত্যা করেছে সন্দেহভাজন মাওবাদীরা। তাদের গুলিতে ছয়জন যাত্রীও আহত হয়েছেন। গতকাল দুপুরে জামুই স্টেশনের কাছে ধানবাদ-পাটনা আন্তনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয় মাওবাদীরা। তারপর গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। টাইমস অব ইন্ডিয়া ও আইএএনএস।

সিরিয়ায় মৃতের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে চলতি বছরের এপ্রিল পর্যন্ত কমপক্ষে ৯৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে রয়েছে অন্তত সাড়ে ছয় হাজার শিশু। জাতিসংঘের এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতা মারাত্মকভাবে বেড়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই বলেন, ‘এই প্রতিবেদনে সম্ভবত প্রাণহানির সর্বনিম্ন সংখ্যাই উল্লেখ করা হয়েছে। বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি। ব্যাপারটি দুর্ভাগ্যজনক।’ নাভি পিল্লাই বলেন, শিশুদের ওপর নির্যাতন এবং কোনো কোনো পরিবারের সবাইকে হত্যা করার মতো ঘটনা মনে করিয়ে দেয় চলমান লড়াই কতটা ভয়াবহ। মাসের পর মাস ধরে সেখানে মানুষ হত্যার হার চরম মাত্রায় পৌঁছেছে। মানবাধিকারবিষয়ক প্রধান জানান, কেবল গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সিরিয়ায় নিহতের সংখ্যা ২৭ হাজার। বড় বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বেসামরিক মানুষের ওপর বোমা ও আগ্নেয়াস্ত্র সহযোগে হামলা চালানো হচ্ছে। প্রতিবেদনে জাতিসংঘ জানায়, সিরিয়ায় গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত প্রতি মাসে গড়ে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি ও রয়টার্স।

আশ্রয়ের আবেদন উপেক্ষা করেছে ভারত: অ্যাসাঞ্জ

মার্কিন গোপন কূটনৈতিক ও সামরিক নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন, ভারত তাঁকে আশ্রয় দেওয়ার আবেদন উপেক্ষা করেছে। বুধবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ এই দাবি করেন।বিশ্বব্যাপী বহু মানুষের ফোনালাপের রেকর্ড এবং তাঁদের অনলাইন যোগাযোগের তথ্য সংগ্রহে মার্কিন সরকারের তৎপরতা ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন অ্যাসাঞ্জ।গত বছরের ১৯ জুন থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেন, যেসব দেশের কাছে প্রথম তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন, ভারত তাদের একটি। টেলিফোন সাক্ষাৎকারে উইকিলিকস প্রতিষ্ঠাতা আক্ষেপ করে বলেন, ‘মানবাধিকার সমুন্নত রাখার জন্য পরিচিত দেশ ভারতের কাছে আমাকে আশ্রয় দিতে কয়েকবার অনুরোধ জানানো সত্ত্বেও সাড়া না পেয়ে আমি হতাশ ও মর্মাহত হয়েছি। ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে আমি দেশটির পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। আমি তাদের চিঠি লিখেছি। কিন্তু তারা সাড়া দেয়নি।’ টাইমস অব ইন্ডিয়া বলেছে, যোগাযোগ করলে ভারতের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, অ্যাসাঞ্জের আশ্রয় চাওয়ার ব্যাপারে কোনো দলিলপত্র তাঁদের কাছে নেই। অ্যাসাঞ্জ বলেন, ‘ইকুয়েডরের মতো একটা ছোট দেশ যদি তাঁকে আশ্রয় দেওয়ার সাহস দেখায় তবে শত কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের স্নোডেনকে আশ্রয় দিতে ভয় পাওয়া ঠিক নয়। প্রস্তাব পেলে আমি এখনো ভারতে আশ্রয় নিতে ইচ্ছুক।’ টাইমস অব ইন্ডিয়া।

ম্যান্ডেলার শরীর চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে

দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার শরীর ‘চিকিৎসায় ভালো সাড়া’ দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। প্রিটোরিয়ার একটি হাসপাতালে ছয় দিন ধরে শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসা হচ্ছে বর্ণবাদবিরোধী আন্দোলনের এ অবিসংবাদিত নেতার। দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনা করে বলেছে, তারা আনন্দিত যে, তাঁর শরীর ‘চিকিৎসায় ভালো সাড়া’ দিচ্ছে। এর আগে মঙ্গলবার পর্যন্ত ম্যান্ডেলার শারীরিক অবস্থার কোনো পরিবর্তনের খবর পাওয়া যায়নি। কয়েক দিনের প্রতীক্ষার পর অবশেষে বুধবার রাতে প্রথম প্রেসিডেন্ট জ্যাকব জুমা পার্লামেন্টে জানান, ম্যান্ডেলার অবস্থা উন্নতির দিকে। এই নিয়ে চতুর্থবারের মতো গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বুধবার প্রেসিডেন্ট জুমা বলেন, ‘আমি সত্যি খুব খুশি যে গত কয়েক দিনের কঠিন অবস্থার পর মাদিবা এখন সুস্থতার পথে।’ এর আগ পর্যন্ত সরকার বলে আসছিল, ম্যান্ডেলার অবস্থা ‘গুরুতর কিন্তু স্থিতিশীল’। এএফপি।

পাকিস্তানে যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট

আয়েশা ফারুক পাকিস্তানে যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট। তাঁর হেলমেটের ভেতর থেকে উঁকি দেয় জলপাই রঙের হিজাব।পাকিস্তানে গত এক দশকে বিমানবাহিনীতে মাত্র ১৯ জন নারী পাইলট হয়েছেন। তবে আয়েশা যুদ্ধবিমানের পাইলট। আরও পাঁচজন নারী রয়েছেন যুদ্ধবিমানের পাইলট হওয়ার তালিকায়। তবে এখনো চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হননি তাঁরা। উত্তর পাকিস্তানের মুশাফ বিমানঘাঁটিতে মৃদুভাষী আয়েশা (২৪) তাঁর পুরুষ সহকর্মীদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এ ক্ষেত্রে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা সবাই একই কাজ করি। নির্ভুলভাবে বোমবর্ষণ করি।’ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে সাম্প্রতিক বছরগুলোতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। ছিপছিপে গড়নের আয়েশার বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে। তাঁর বাবা বেঁচে নেই। প্রায় সাত বছর আগে বিমানবাহিনীতে যোগ দিতে চাইলে অশিক্ষিত মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। কিন্তু দমে যাননি আয়েশা। রয়টার্স।

ইস্তাম্বুলের পার্ক নিয়ে ক্ষমতাসীন দলের গণভোটের প্রস্তাব

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিষয়ে গণভোটের প্রস্তাব দিয়েছে। তবে এ প্রস্তাব উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার ভোরেও সেখানে কয়েক শ মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেন। একেপির ডেপুটি চেয়ারম্যান হুসেইন সেলিক বলেছেন, গেজি পার্ক ধ্বংস করে ওই বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিষয়ে গণভোট হলে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটবে এবং বিক্ষোভকারীরাও ঘরে ফিরে যাবেন। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি বিক্ষোভে উসকানি দেয় এবং পার্কে অবস্থান করে, তাহলে তাদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে। মঙ্গলবার রাতে তাকসিম স্কয়ারে সাঁড়াশি অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। এর পর থেকে সেখানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে এরদোয়ান সরকার কঠোর অবস্থান নেওয়ায় ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন বলেছেন, অস্থিরতার মধ্য দিয়ে ‘গুরুত্বপূর্ণ সময়’ পার করছে তুরস্ক। ইউরোপের মূল্যবোধের প্রতি আঙ্কারার যে অঙ্গীকার রয়েছে, তা নবায়ন করার এখনই উপযুক্ত সময়। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এরদোয়ান গেজি পার্কের পরিস্থিতি নিয়ে শিল্পী, স্থপতি, গণমাধ্যম বিশেষজ্ঞসহ ১১ জনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে কুতলুগ আতামান নামের একজন চলচ্চিত্রকার বলেন, এরদোয়ান বলেছেন, ক্ষমতাসীন একেপির নীতিনির্ধারণী কমিটির বৈঠকে তিনি গণভোটের বিষয়টি প্রস্তাব করবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বিক্ষোভ-কারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর পর সেখানে পুলিশি অভিযান চালানো হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে।বিবিসি ও রয়টার্স।

নজরদারির কারণেই সন্ত্রাসী হামলা নস্যাৎ করা গেছে

মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) প্রধান জেনারেল কিথ আলেকজান্ডার নজরদারির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, এই তৎপরতার কারণেই বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। তবে তিনি এই তৎপরতা চালানোর ক্ষেত্রে আইনগত বিষয়গুলো যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেন। সম্প্রতি জনগণের ফোন রেকর্ড ও অনলাইন তৎপরতার ওপর মার্কিন প্রশাসনের ব্যাপক নজরদারির খবর ফাঁস হওয়ার পর এর কঠোর সমালোচনা শুরু হয়। মার্কিন একটি নাগরিক সংগঠন প্রশাসনের এই তৎপরতার বিরুদ্ধে মামলাও করেছে। এরপর নজরদারির পক্ষে এ সাফাই গাইলেন জেনারেল আলেকজান্ডার। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন প্রশাসনের এই গোপন নজরদারির কথা ফাঁস করেন। এনএসএর প্রধান আলেকজান্ডার গত বুধবার সিনেটে এক শুনানিতে বলেন, ‘নজরদারির বিষয়টি গোপন ছিল। কিন্তু এই নজরদারির মাধ্যমে বেশ কিছু হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে।’ তিনি বলেন, ‘নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না।’
আলেকজান্ডার দাবি করেন, এনএসএ ও মার্কিন সাইবার কমান্ড ‘সংশ্লিষ্ট আইন ও ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ’। তথ্য ফাঁস করায় স্নোডেনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে আলেকজান্ডার বলেন, তিনি মার্কিন জনগণকে রক্ষার একটি ব্যবস্থার কথা ফাঁস করে দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বুধবার জানান, তথ্য ফাঁস হওয়ার কয়েক দিন আগে থেকেই স্নোডেনকে খুঁজছিলেন তদন্তকারীরা। ‘চীনা কম্পিউটার হ্যাক করেছে এনএসএ’: হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট -এ গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, ২০০৯ সাল থেকে চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের কম্পিউটার হ্যাক করছে এনএসএ। হ্যাকিংয়ের শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংও আছে বলে তিনি উল্লেখ করেন। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সম্প্রতি হ্যাকিংয়ের ব্যাপক অভিযোগ করেছে। দুই দেশের মধ্যে সম্পর্কে তা বেশ অস্বস্তির সৃষ্টি করেছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুয়িং বলেছেন, হংকংয়ে অবস্থান নেওয়া মার্কিন নাগরিক স্নোডেন-সংক্রান্ত কোনো প্রস্তাব চীন পায়নি। যুক্তরাষ্ট্র স্নোডেনকে ফেরত চাইলে চীন বা হংকংয়ের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে চুয়িং বলেন, চীন দৃঢ়ভাবে সাইবার নিরাপত্তার পক্ষে। রয়টার্স, এএফপি।

আলোচনা করেই খাদ্য সুরক্ষা বিল পাস করার সিদ্ধান্ত by সৌম্য বন্দ্যোপাধ্যায়

অর্ডিন্যান্সের পথে না গিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করেই আলোচিত খাদ্য সুরক্ষা বিল পাস করার সিদ্ধান্ত নিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এ জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিং এই সিদ্ধান্ত নিয়ে বলেন, সরকার যেকোনো সময়েই অর্ডিন্যান্স জারি করতে পারে। কিন্তু বিরোধীদের আরও একবার সুযোগ দিতে চান তিনি। তারা সরকারকে সহযোগিতা করলে আগামী মাসেই সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই বিল সরকার পাস করবে। তা সম্ভব না হলেই কেবল অর্ডিন্যান্স। দেশের ৬৭ শতাংশ দরিদ্র মানুষকে প্রায় বিনা মূল্যে বছরভর খাদ্য সরবরাহ করাই খাদ্য সুরক্ষা বিলের লক্ষ্য। খাদ্য সুরক্ষা বিলের পরিকল্পনাটা কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর। ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামের এই বিলকে হাতিয়ার করেই তিনি নির্বাচনী বৈতরণি পার হতে চাইছেন। তিনি মনে করেন, ইন্দিরা গান্ধীর ‘গরিবি হটাও’ স্লোগান কিংবা ১০০ দিনের কাজের প্রকল্পের মতো এই আইনও জনপ্রিয় ও কার্যকর হবে। প্রস্তাবিত বিলে ৭৫ শতাংশ গ্রামীণ ও ৫০ শতাংশ শহুরে দরিদ্র মানুষকে রেশনে মাসে মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হবে নামমাত্র (তিন রুপিতে কেজি চাল, দুই রুপিতে কেজি গম ও এক রুপিতে কেজি বাজরা) মূল্যে। এ জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে বছরে এক লাখ ২৫ হাজার কোটি রুপি। কেউ কেউ অবশ্য মনে করেন, এই বিল কার্যকর করতে গেলে যে বিপুল অর্থের প্রয়োজন, তার জোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। তা ছাড়া, বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে হতদরিদ্রদের প্রায় বিনা মূল্যে মাসে ৩৫ কেজি করে খাদ্য দেওয়া হয়। কেন্দ্রীয় প্রকল্পটি খরচের বোঝা বাড়াবে, খাদ্যের অপচয়ও বেড়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানান, লোকসভার নেতা সুশীল কুমার সিন্ধে, সংসদীয় মন্ত্রী কমলনাথ ও খাদ্যমন্ত্রী কে ভি টমাস বিরোধীদের সঙ্গে কথা বলবেন। বিরোধীরা একমত হয়ে সহযোগিতা করলে যথাশিগগির সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে বিলটি পাস করতে।

ইরানের নির্বাচনে লড়াই হবে কট্টরপন্থীদের মধ্যেই

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত দিন মূল প্রতিদ্বন্দ্বিতা কট্টরপন্থী তিন নেতার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হলেও শেষ মুহূর্তে উদারপন্থী একজন নেতার উত্থান অনেককেই চমকে দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা হলেন: কট্টরপন্থী বলে পরিচিত সাইদ জলিলি, বাঘের ঘালিবাফ, আলী আকবর বেলায়েতি, মোহসিন রেজাই এবং উদারপন্থী বলে পরিচিত হাসান রুহানি ও মোহাম্মদ ঘারাজি। পর পর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকায় সংবিধান অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। নির্বাচনে জলিলি, ঘালিবাফ ও বেলায়েতির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এত দিন মনে করা হচ্ছিল। কিন্তু তেহরানভিত্তিক একটি সংবাদ সংস্থার সর্বশেষ জরিপে উদারপন্থী প্রার্থী রুহানির উত্থানে অনেকেই চমকে গেছে। জরিপে দেখা যায়, রুহানির প্রতি ১৪ দশমিক ৬ শতাংশের সমর্থন রয়েছে এবং তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৭ দশমিক ৮ শতাংশের সমর্থন পেয়ে শীর্ষে আছেন কট্টরপন্থী ঘালিবাফ। আরেক কট্টরপন্থী প্রার্থী জলিলি ৯ দশমিক ৮ শতাংশের সমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। এই জরিপে ১০ হাজার ভোটার অংশ নেন। জরিপের মতো চূড়ান্ত লড়াইয়েও রুহানি চমক দেখাতে পারেন বলে অনেকে মনে করছেন। এদিকে গুগল অভিযোগ করেছে, ইরানের ভেতর থেকেই কেউ দেশটির হাজার হাজার নাগরিকের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। অনেকের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনকে উদ্দেশ করে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিতভাবে এটা করা হয়েছে বলে মনে করছে গুগল কর্তৃপক্ষ। আল-জাজিরা ও এএফপি।

বুগতি হত্যা মামলা-গ্রেপ্তার দেখানোর পর মোশাররফকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে বেলুচ নেতা আকবর খান বুগতি হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তান পুলিশের একটি দল তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

বিহারে ট্রেনে মাওবাদী হামলা, নিহত ৩

ভারতে বিহার রাজ্যে একটি আন্তনগর ট্রেনে মাওবাদীদের হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। মুঙ্গার জেলার জামুই স্টেশনের কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ হামলা হয়।

সিআইয়ের উচ্চপদে প্রথম নারী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) শীর্ষস্থানীয় পদে প্রথমবারের মতো কোনো নারী নিয়োগ পাচ্ছেন। তাঁর নাম আভরিল হাইনেস। তিনি হোয়াইট হাউসের একজন আইনজীবী। সিআইয়ের উপপরিচালক মাইকেল মরেলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

৪৭ বছর পর হাইতিতে যুক্তরাজ্যের দূতাবাস

প্রায় অর্ধশতাব্দী পর হাইতিতে ফের দূতাবাস চালু করেছে যুক্তরাজ্য। পশ্চিম গোলার্ধের দেশগুলোতে কূটনৈতিক ও বাণিজ্য উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তারা। হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে দূতাবাস উদ্বোধন করেন যুক্তরাজ্যের বিদেশ দপ্তর মন্ত্রী হুগো সোয়্যার।

'ম্যান্ডেলার অবস্থা 'ভালোর দিকে'

টানা ষষ্ঠ দিন হাসপাতালে কাটালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা। তবে তাঁর অবস্থা এখন ভালোর দিকে। চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি।

জাতিসংঘের প্রতিবেদনসিরিয়া সংঘাতে প্রাণ গেছে ৯৩ হাজার মানুষের

সিরিয়ায় চলমান সংঘাতে এ পর্যন্ত ৯৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। তাদের মধ্যে সাড়ে ছয় হাজার শিশু রয়েছে। ২০১১ সালের মার্চ থেকে সরকার ও বিদ্রোহীদের মধ্যে এ সংঘাত শুরু হয়।

'চীনের কম্পিউটারেও ঢুঁ মেরেছে যুক্তরাষ্ট্র'

ইন্টারনেটের ওপর নজরদারি ও টেলিফোনে আড়িপাতাসংক্রান্ত যুক্তরাষ্ট্রের গোপন কর্মসূচি 'প্রিজম'-এর কথা ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেন দাবি করেছেন, ২০০৯ সাল থেকে চীনের 'শত শত সরকারি কর্মকর্তা,

বিক্ষোভ বন্ধে গণভোটের কথা ভাবছেন এরদোয়ান

তুরস্কের ইস্তাম্বুলে গেজি পার্কে বিতর্কিত বিপণিবিতান নির্মাণের সরকারি পরিকল্পনার বিষয়ে গণভোট হতে পারে। গত বুধবার বিক্ষোভকারীদের একাংশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান এ কথা জানান।

'টরেটক্কায়' দাঁড়ি টানছে ভারত

মোবাইল ফোন, ই-মেইল, এসএমএস, ইন্টারনেটে চ্যাটিং- এসব এখন হাতের মুঠোয়। বোতাম চাপলে মুহূর্তেই পৃথিবীর এক প্রান্তের খবর পৌঁছে যাচ্ছে আরেক প্রান্তে। টেলিগ্রাম নামে কিছু আছে- এ কথা মানুষ ভুলতে বসেছে।

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন আজ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে আজ শুক্রবার ভোট নেওয়া হবে। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উত্তরসূরী হিসেবে ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ধারণের দিন আজ। তবে এবার শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৈশ্বিক শান্তিসূচক-বাংলাদেশের সুপরিবর্তন কাম্য

সারা বিশ্বেই শান্তিসূচক কমেছে ৫ শতাংশ। গত এক বছরে বাংলাদেশ পিছিয়েছে ১৪ ধাপ। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটা অনাকাঙ্ক্ষিত। সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস

রানা প্লাজা ধসক্ষতিপূরণ প্রক্রিয়া দ্রুততর করা হোক

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পর দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এ ঘটনায় মারা গেছেন এক হাজার ১২৭ জন। আহত হয়েছিলেন আরো বেশি। শ্রম আইন অনুযায়ী নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার কথা।

অনলাইন থেকে-জাপানের ঈর্ষা

ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচারিত একটি চীনা নিবন্ধে বলা হয়েছে, গত সপ্তাহে ওবামা এবং শি জিংপিংয়ের মধ্যে আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঈর্ষান্বিত হয়েছেন।

অগ্রাধিকার পাবে জলাবদ্ধতা by আহসান হাবিব কামাল

কালের কণ্ঠ : বরিশাল সিটি করপোরেশনের আপনি প্রথম মেয়র ছিলেন। এর আগে আপনি বহু বছর এখানকার পৌর চেয়ারম্যান ও প্রশাসক ছিলেন। এবার আবার মেয়র পদে লড়ছেন, বিজয়ী হলে আপনি সবার আগে নগরী বা নগরবাসীর কোন ব্যাপারে অগ্রাধিকার দেবেন?

বর্ধিত এলাকা উন্নয়নে অগ্রাধিকার by শওকত হোসেন হিরন

বিশেষ সাক্ষাৎকার : দুই মেয়র পদপ্রার্থী
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন
১৫ জুন হতে যাচ্ছে চার সিটি করপোরেশনের নির্বাচন।

উত্তাপ থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে by ড. বদিউল আলম মজুমদার

কাল শনিবার একযোগে দেশের চারটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন। এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দিষ্ট সময়ে হচ্ছে এ জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয়।