Thursday, November 5, 2026

ফোনে খালেদা জিয়া বললেন, ‘ভাই, জিয়াকে ড্রয়িংরুমে আবদ্ধ করে রাখা হয়েছে’ by মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (অব.) বীরবিক্রম

দেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সাল সবচেয়ে ঝঞ্ঝাপূর্ণ বছরগুলোর একটি। এর মধ্যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বাঁকবদলের মাস ছিল পঁচাত্তরের নভেম্বর। এই অস্থির সময়, বিশেষ করে ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলি নিয়ে যত লেখালেখি হয়েছে, অন্য কোনো সময় নিয়ে তত হয়নি। ৩ নভেম্বরের অভ্যুত্থানের বিপরীতে ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল পাল্টা আরেকটি অভ্যুত্থান। এ সময়ের নানা স্মৃতি, দলিল ও মতামত নিয়ে থাকছে প্রথম আলোর এই বিশেষ আয়োজন।

মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (অব.) বীরবিক্রম, অভ্যুত্থানকারী ছিলেন না। আবার ঘটনাপ্রবাহের বাইরেও ছিলেন না। ফলে অনেক ঘটনার সাক্ষী তিনি। তিনি লিখেছেন সেই অস্থির সময়ের কথা। এখানে প্রকাশিত হলো তাঁর বই থেকে নেওয়া সংশ্লিষ্ট অংশটুকু।  

৭৫-এর উত্তপ্ত নভেম্বর

শেখ মুজিব হত্যার পর বাংলাদেশ সামরিক বাহিনী ছিল দ্বিধাগ্রস্ত এবং দেশ প্রতিদিন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। এদিকে খন্দকার মোশতাক ক্ষমতায় এসেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সর্বজনাব নজরুল ইসলাম তাজউদ্দীন আহমেদ, মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও আবদুস সামাদ আজাদকে আটক করেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখেন। বাতাসে প্রতিনিয়ত নানা গুজব উড়ছিল ও সাধারণ নাগরিকগণ ভয়ভীতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। সেনানিবাসেও অস্থিরতা বিরাজ করছিল এবং ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল যে, নিজেদের মধ্যে যে-কোনো সময়ে সংঘর্ষ বেঁধে যেতে পারে। এ পরিস্থিতিতে আর্মিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই জরুরি ছিল।

পদাতিক বাহিনীর মধ্যে, বিশেষ করে ঢাকা ব্রিগেডের ১ম, ২য় ও ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের অফিসারগণ মেজর ফারুক, রশিদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছিল এবং আর্মির চেইন অফ কমান্ড পুনঃস্থাপনের জন্য তৎকালীন ব্রিগেড অধিনায়ক কর্নেল শাফায়াত জামিলও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। কারণ তাঁর অধীনস্থ অফিসার ও সৈন্যগণই তাঁর সার্বিক কর্তৃত্ব উপেক্ষা করে শেখ মুজিব হত্যায় জড়িত ছিল। এ পরিস্থিতিতে সেনাসদরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফও সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের অনিয়ম ও আইনশৃঙ্খলার অবনতির কথা বলে উত্তেজিত করার চেষ্টায় লিপ্ত ছিলেন।

কেননা, তিনি নিজেও জেনারেল জিয়ার অধীনে তাঁর অবস্থান সম্পর্কে অনিশ্চয়তায় ভুগছিলেন। সামরিক বাহিনীর এই অস্থির অবস্থার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্নেল শাফায়াত জামিল ও ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাপ্রধান জিয়াকে দায়ী করতেন। সেনাপ্রধান জিয়া এবং সেনাবাহিনীর অন্য অফিসাররা যদিও এ সম্বন্ধে অবহিত ছিলেন কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে উদ্যোগী হননি। কেননা জিয়া একধরনের ভারসাম্য রক্ষা করে নিজের অবস্থান ঠিক রেখে আর্মির অধিনায়কত্ব করে চলছিলেন।

জিয়ার বন্দিত্ব

এরই মধ্যে চলে এল ১৯৭৫-এর ৩ নভেম্বর। আমি তখনো অসুস্থ এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করি। বাসায় আমার স্ত্রী ও দুই মাসের কন্যাসন্তান। ভোর সাড়ে চারটা হবে তখন হঠাৎ আমার বাসার টেলিফোন বেজে ওঠে এবং অন্য প্রান্ত থেকে একজন মহিলা বলে ওঠেন, ‘ভাই, এখানে কী হচ্ছে? অফিসার ও সৈনিকেরা আমার বেডরুম থেকে ‘‘ওকে’’ ধরে নিয়ে যাচ্ছে।’ এ বলেই তিনি ফোন রেখে দেন। আমি ঘুমের ঘোরে পুরো ব্যাপারটি আঁচ করতে পারিনি এবং বুঝতেও পারিনি তিনি কী বলতে চাচ্ছেন। একপর্যায়ে ভাবলাম, হয়তো বেগম রওশন এরশাদ, যিনি একাকী আমি হেডকোয়ার্টারের অফিসার মেসের পাশে থাকতেন, তিনিই হয়তো টেলিফোন করে থাকবেন কোনো ভীতির কারণে। কেননা তখন পর্যন্ত মেজর জেনারেল এরশাদ সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে ছিলেন।

ঠিক ওই মুহূর্তে আবার টেলিফোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে বলা হলো ‘ভাই, জিয়াকে বেডরুম থেকে ধরে নিয়ে ড্রয়িংরুমে আবদ্ধ করে রাখা হয়েছে।’ আমি তৎক্ষণাৎ সংবিৎ ফিরে পাই এবং অপর প্রান্তে বেগম খালেদা জিয়াকে বলি যে, ‘আমি আপনার বাড়িতে আসতে চেষ্টা করব।’ এ বলেই আমি ফোন রেখে দিলাম। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে সামরিক পোশাক পরে বাইরে আসি। ১৫ আগস্টের ঘটনার পর থেকে আমি ২য় ইস্ট বেঙ্গলের ১৫ জন বিশ্বস্ত নন-কমিশন্ড অফিসার ও সৈনিককে আমার বাড়ির পাহারায় নিয়োজিত করি।

১৯৬৪ সালে এই ২য় ইস্ট বেঙ্গলেই আমার সামরিক জীবনের শুরু। তারপর স্বাধীনতাযুদ্ধে এবং পরেও আমি এই ২য় বেঙ্গলেরই অধিনায়ক ছিলাম। বাইরে এসে আমার গার্ড কমান্ডার হাবিলদার জাকিরকে কী হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে বিস্তারিত জানায়। হাবিলদার জাকির পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছে। সেনাপ্রধানের বাড়ি পাহারায় নিযুক্ত ছিল ১ম বেঙ্গলের সৈনিকেরা। আর ওই ইউনিটেরই অফিসাররা তাঁর বাড়িতে প্রবেশ করেছে। সেনাপ্রধান জিয়াকে বাড়ির ভেতরে বন্দী করে রাখা হয়েছে বলে জাকিরকে তাঁর (জিয়ার) নিরাপত্তায় নিয়োজিত লোকজন জানিয়েছে। এ পরিস্থিতিতে সে আমাকে সেনাপ্রধানের বাড়িতে একাকী প্রবেশ করতে নিষেধ করে এবং প্রয়োজনে যেন তাদের নিয়েই প্রবেশ করি এমন অনুরোধ করে। আমি তাকে বলি, আমি একাই যাব এবং তারা যেন আমার বাড়ির ছাদ ও অন্যান্য স্থান থেকে পর্যবেক্ষণ করে।

ভোরের আলো তখন ফুটছিল। আমি লাঠিতে ভর করে সেনাপ্রধানের বাড়িতে প্রবেশ করি। হাবিলদার জাকির আমার সঙ্গে গেট পর্যন্ত এসে আমার বাড়িতে ফেরত যায়। আমি সেনাপ্রধানের বাড়ির সামনে গিয়ে দেখি ক্যাপ্টেন তাজ স্টেনগান হাতে পায়চারি করছে। আমাকে দেখে সে সেখান থেকে সরে যায়। বাড়ির গেটে তালা ঝোলানো ছিল এবং ১ম ইস্ট বেঙ্গলের একজন জেসিও দাঁড়িয়ে ছিল। এ ছাড়া সেনাপ্রধানের এডিসি ক্যাপ্টেন জিল্লুর (পরে ব্রিগেডিয়ার অব.) বেসামরিক পোশাক পরে বাইরের গার্ডরুমে বসে আছে। উল্লেখ্য, ক্যাপ্টেন তাজ, উক্ত জেসিও এবং ক্যাপ্টেন জিল্লুর এরা সবাই আমার অধীনে ছিল। এ ছাড়া স্বাধীনতা যুদ্ধের পরে আমি এদের ব্রিগেড অধিনায়ক ছিলাম। ব্যক্তিগতভাবে তারা সবাই আমাকে চেনে।

আমি অত্যন্ত রাগান্বিত হয়ে জেসিওকে গেট খুলতে আদেশ করি। সঙ্গে সঙ্গে সে গার্ডরুম থেকে চাবি এনে গেট খুলে দেয়। আমি বাড়িতে প্রবেশ করি এবং ঘরে ঢুকেই দেখি বামদিকে সেনাপ্রধানের বসার ঘরে ক্যাপ্টেন হাফিজউল্লা খুব সতর্কভাবে স্টেনগান হাতে দাঁড়িয়ে আছে। ভেতরে জেনারেল জিয়া ইউনিফর্ম পরে স্থির হয়ে সোফায় বসা। আমাকে বাসার ভেতরে দেখে হাফিজউল্লাহ আঁতকে ওঠে এবং জেনারেল জিয়াও হতভম্ব হয়ে যান। আমি কিছু না বলে পাশ কাটিয়ে জিয়ার শোয়ার ঘরে যাই। সেখানে গিয়ে দেখি খালেদা জিয়া তাঁর দুই ছেলে পিনো (তারেক) ও কোকোকে (আরাফাত) নিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন।

আমাকে দেখে তিনি অবাক হন। ফোন করলেও তিনি হয়তো ভেবেছিলেন, এ রকম পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আমি হয়তো তাঁর বাড়িতে যাব না। যা হোক আমি তাঁকে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য রেডি করতে অনুরোধ করি এবং বেডরুম থেকে চলে আসি। আমার উদ্দেশ্য ছিল, প্রথমেই জিয়ার দুই ছেলেকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া। আরেকটা উদ্দেশ্য ছিল, প্রহরীরা আমার এই কাজে বাধা দেয় কি না তা যাচাই করা।

ড্রয়িংরুমে এসে ক্যাপ্টেন হাফিজউল্লাকে একইভাবে দেখি এবং রাগান্বিত স্বরে বলি সে যেন ড্রয়িংরুম থেকে সরে গিয়ে দাঁড়ায়। আমার আদেশ অনুযায়ী সে ড্রয়িংরুম থেকে চলে যায়। এরপর আমি জেনারেল জিয়ার পাশে গিয়ে বসি। জেনারেল জিয়া আমার কাছে জানতে চাইলেন, কর্নেল শাফায়াত জামিল কোথায়? আমি কথা বলতে চাই। আমি তাঁকে বলি, কর্নেল শাফায়াত জামিলের আদেশেই তিনি এখন বন্দী এবং তাঁর সঙ্গে কথা বলে কী লাভ হবে। আমি প্রায় মিনিট দশেক তাঁর সঙ্গে আলাপ করি। এ পরিস্থিতিতে তাঁকে ধৈর্য ধরে এখানে থাকার জন্য বলি।

তিনি কর্নেল শাফায়াতকে ডেকে আনতে বললেন। আমি তাঁকে বললাম, আমি তো পুরো পরিস্থিতি সম্পর্কে জানি না। আপনার স্ত্রীর ফোন পেয়ে আমি সোজা আপনার বাসায় চলে এসেছি। তবে বাসায় ঢোকার সময় যা দেখলাম তাতে মনে হলো, কর্নেল শাফায়াতের ব্রিগেডের (৪৬ ব্রিগেড) অফিসার ও সৈন্যরা আপনাকে গৃহবন্দী করেছে। আপনি নিজেও ব্যাপারটা বুঝতে পারছেন।

তিনি আমার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন যার অর্থ হলো, এ পরিস্থিতিতে আমি কীভাবে তাঁর বাড়িতে ঢুকলাম। আমি তাঁকে বললাম, আপনার ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তিনি বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। এ সময় খালেদা জিয়া তাঁর ছেলেদের নিয়ে ডাইনিং রুমে আসেন। আমি তাঁদের নাশতা করতে বললাম এবং নাশতা শেষ হলে ড্রাইভারকে ডেকে তাদের স্কুলে নিয়ে যেতে বললাম। এ সময় আমাকে কেউ কোনো বাধা দেয়নি।

জিয়া আমাকে বললেন, তুমি কি একা এসেছ? আমি উত্তরে বললাম, হ্যাঁ। যদিও তিনি বেশ শান্ত ও ধীরস্থির ছিলেন, তবু তাঁর বাড়িতে আমার তৎপরতা দেখে তিনি বিস্মিত হন। এরপর আমি বাইরে চলে আসি। এ সময় । জিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়েছিল।

ঘরের বাইরে এসে দেখি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেখানে এসে উপস্থিত। সম্ভবত ক্যাপ্টেন তাজ আমাকে সেনাপ্রধানের বাড়িতে অনায়াসে প্রবেশ করতে দেখেই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অবহিত করেন। তিনি প্রথমে আমার পায়ের ক্ষত এবং অসুস্থতার খোঁজখবর নেন। তারপর বলেন, চেইন অফ কমান্ড ঠিক করার জন্য এই অভ্যুত্থান জরুরি ছিল। আকাশে তখন মিগ ও হেলিকপ্টার উড়ছিল এবং সেদিকে তাকিয়ে খালেদ মোশাররফ আমাকে বললেন, চেইন অফ কমান্ড ঠিক না করলে দেশ ও সেনাবাহিনী শেষ হয়ে যাবে, তাই এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আমি তখন উল্টো প্রশ্ন করলাম, চেইন অফ কমান্ড ভেঙে সেনাপ্রধানকে বন্দী করে কি চেইন অফ কমান্ড ঠিক করা যায়? তিনি উত্তরে কিছুই বললেন না।

আমরা দুজনেই সেনাসদরে পিএসও (প্রধান উপদেষ্টা)- তিনি সিজিএস আর আমি এজি। খালেদ মোশাররফ আমার এক র‍্যাংক সিনিয়র হলেও অ্যাপয়েন্টমেন্টের (পিএসও) দিক থেকে দুজনেই একই পর্যায়ের। জেসিও এবং অন্য সৈনিকগণ সেনাপ্রধান জিয়ার বাড়ির ভেতরে আমার কার্যকলাপে কোনো বাধা না দেওয়ায় তিনি চিন্তিত ছিলেন, যদিও তাদের ওপর নির্দেশ ছিল কাউকে ভেতরে প্রবেশ করতে অথবা বাড়ি থেকে বাইরে যেতে না দেওয়ার। কিন্তু তারা নির্বিবাদে আমার আদেশ পালন করেছে। এতে একটি বিষয় আমার কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সেনাপ্রধানের বাড়িতে নিয়োজিত এসব সৈনিক মনেপ্রাণে সেনাপ্রধানকে বন্দী করার পক্ষে ছিল না।

আমি সেনাপ্রধানের বাড়ি থেকে ধীরে ধীরে হেঁটে আমার নিজের বাড়িতে ফিরে আসি। এসে দেখি আমার বাড়ির সামরিক ও বেসামরিক টেলিফোন দুটোরই সংযোগ বিচ্ছিন্ন। এ হাঁটাচলায় আমার পায়ের ক্ষতে ব্যথা হচ্ছিল। একজন প্রহরীকে পাঠিয়ে গাড়ি আনি। প্রহরীরা আমাকে জানায়, তারা খোঁজখবর নিয়ে জেনেছে যে, অভ্যুত্থানকারীরা আমার বাড়ির সন্নিকটে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সমবেত হয়েছেন। আমি নাশতা সেরে ওইদিকে রওনা দিলাম। প্রহরীদের সতর্ক থাকতে বললাম। আমার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রহরীরা উত্তেজিত ছিল। তাদের আমি সান্ত্বনা দিই। আমার ভয় ছিল তারা যে কোনো সময়ে যে কোনো অঘটন ঘটাতে পারে। কারণ তারাও স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল।

৪র্থ ইস্ট বেঙ্গলে অভ্যুত্থানকারীদের তৎপরতা

আমি সেখানে গিয়ে দেখি, ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেনাসদরের ও ৪৬ ব্রিগেডের বেশ কয়েকজন অফিসার বাইরে দাঁড়িয়ে জটলা পাকাচ্ছে। তারা আলোচনায় রত। আমি পৌঁছার সঙ্গে সঙ্গে লে. কর্নেল মালেক আমার কাছে এসে বললেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাঁকে বলেছেন আমাকে জানানোর জন্য যে, আজ ভোরে সেনাপ্রধান জিয়ার সঙ্গে আমার যা যা আলাপ হয়েছে তা যেন কাউকে না বলি। আমি অত্যন্ত বিরক্ত হয়ে বলি, তিনি যেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অবহিত করেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কোনো আদেশ বা উপদেশ নিতে প্রস্তুত নই। তাঁকে আরও বললাম, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এখনো সেনাপ্রধান নন। আর যদি হয়েও থাকেন তাও আমার জানা নেই।

এর একটু পরেই আমি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসে অনাহূতের মতো প্রবেশ করি। সেখানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল শাফায়াত, মেজর হাফিজ, মেজর গাফ্ফার ও অন্যান্য অফিসার যাঁরা এ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাঁদের বিভিন্ন আলাপচারিতায় দেখি। আমি একটি চেয়ার নিয়ে নিজেও বসে পড়ি। তখন সেখানে নানাবিধ আলোচনা চলছিল। বিভিন্ন স্থানে টেলিফোন করা হচ্ছে এবং সবাই উত্তেজিত।

কিছুক্ষণ পর বঙ্গভবন থেকে মেজর শরীফুল হক (ডালিম), মেজর নুর দুজন এসে উপস্থিত হলো। তাদের উপস্থিতি দেখে আমি অবাক হলাম। পরে বুঝতে পারলাম, তারা মেজর রশিদ-ফারুকের বার্তা নিয়ে এখানে এসেছে দুপক্ষের মধ্যে এ বিরোধের একটা সন্তোষজনক মীমাংসার জন্য, যাতে করে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়। আলোচনায় বুঝতে পারলাম, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়াত জামিল মেজর ফারুক, রশিদ ও তাদের সহযোগীদের বিনা শর্তে আত্মসমর্পণ চায়।

এ বার্তা নিয়ে মেজর নূর ও শরীফুল হক (ডালিম) বঙ্গভবনে রওনা হয়। তাদের বলা হয়েছে, এই বার্তা রাষ্ট্রপতি মোশতাক, মেজর রশিদ ও ফারুককে দেওয়ার জন্য এবং এর উত্তর সত্ত্বর যেন দেওয়া হয়। তারা কিছুক্ষণ অপেক্ষা করবে। এরই মধ্যে জেনারেল ওসমানী বঙ্গভবন থেকে ফোন করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সঙ্গে কথা বলেন। তিনি হুঁশিয়ার করে দেন যেন কেউ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত না হয়। কারণ এ পরিস্থিতিতে দেশে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। কিন্তু ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাঁকে উত্তরে জানান, যদিও তিনি বর্তমানে সেনাপ্রধান নন তবুও একটা মীমাংসার চেষ্টা করবেন। তিনি মেজর ফারুক, রশিদকে বুঝিয়ে আত্মসমর্পণ করানোর জন্য ওসমানীকে অনুরোধ করেন।

এর মধ্যে নানারকম হইচই হচ্ছিল। যা হোক, শেষ পর্যন্ত ঠিক করা হলো মেজর জেনারেল জিয়াকে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করানো হবে এবং জেনারেল ওসমানী ও রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে জানানো হবে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে যেন সত্ত্বর সেনাপ্রধান করা হয়। কিন্তু সেনাপ্রধান জিয়ার কাছ থেকে ইস্তফাপত্র নেওয়ার জন্য কে সেখানে যাবেন তা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল এবং সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। এসব দেখে আমার বেশ কৌতূহল হলো। কারণ এসব আলোচনায় অভ্যুত্থানকারীরা বেশ সময় নষ্ট করছেন। এ থেকে বোঝা যায়, এ অভ্যুত্থানের কোনো বিশেষ পরিকল্পনা তাদের ছিল না এবং নেতৃত্বের সমস্যা ছিল। তাদের উদ্দেশ্য তাদের কাছেই পরিষ্কার ছিল না।

জিয়ার ইস্তফা আদায়

শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার রউফ (যিনি ১৫ আগস্ট পর্যন্ত ডিজিএফআই প্রধান ছিলেন এবং বর্তমানে প্রয়াত) ও লে. কর্নেল আনোয়ার (পরে মেজর জেনারেল ও প্রেসিডেন্ট এরশাদের আমলে ডিজি, এনএসআই এবং রাষ্ট্রদূত অব.) এ দুজনকে তাঁদের অনিচ্ছা সত্ত্বেও জিয়ার বাড়িতে পাঠানো হলো ইস্তফাপত্রে স্বাক্ষর আনার জন্য। তাঁরা সেনাপ্রধান জিয়ার বাড়িতে যান এবং ইস্তফাপত্রে স্বাক্ষর নিতে সক্ষম হন। এদিকে অনেক আলোচনার পর ঠিক করা হয়, মেজর রশিদ-ফারুকসহ অন্য যারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা রাতের বেলায় একটি বিশেষ বিমানযোগে তৃতীয় দেশের উদ্দেশে ব্যাংককের পথে ঢাকা ত্যাগ করবে।

বেলা বাড়ছিল। আমি সেখান থেকে আর্মি হেডকোয়ার্টারে আমার অফিসে চলে যাই। গিয়ে দেখি, অফিসে বিশেষ কোনো অফিসার নেই, শুধু সৈনিক ও স্টাফরা আছেন। আমার অফিসের টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন। আমি এতে অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম। সঙ্গে সঙ্গে পাশের কক্ষ থেকে কর্নেল শাফায়াতের সঙ্গে কথা বলি। তাঁকে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করি, এসব করা কি ঠিক হচ্ছে? আমার টেলিফোন সংযোগ কেন বিচ্ছিন্ন করা হলো? উত্তরে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে আমাকে জানান। তাঁর কথা আমি অবশ্য বিশ্বাস করেছি এ জন্য যে, এসব ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নির্দেশেই করা হয়েছিল।

আর্মি হেডকোয়ার্টারে কিছুক্ষণ ঘোরাফেরা করে আলাপ-আলোচনায় বুঝতে পারলাম জুনিয়র কমিশন্ড অফিসার, নন-কমিশন্ড অফিসার ও সৈনিকগণ সেনাপ্রধান জিয়াকে বন্দী করার ঘোর বিরোধী ও মনঃক্ষুণ্ন। এ অভ্যুত্থানে তাদের মোটেও সায় নেই। আমি দুপুরের দিকে বাড়িতে ফিরি।

পথিমধ্যে কর্নেল শাফায়াতের সঙ্গে দেখা। আমি তাঁকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, এ অভ্যুত্থানে কি বিভিন্ন পদবির সৈনিকগণের সমর্থন আছে? উত্তরে তিনি হ্যাঁ-সূচক জবাব দেন। আমি আর কিছু না বলে বাড়িতে চলে গেলাম।

খালেদ মোশাররফ সেনাপ্রধান

এদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ জেনারেল জিয়ার ইস্তফার কারণে নতুন সেনাপ্রধান হলেন। তিনি রংপুরের ব্রিগেড কমান্ডার কর্নেল হুদাকে (আগরতলা মামলার আসামি এবং স্বাধীনতাযুদ্ধের সময় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) এবং কর্নেল নওয়াজীশের অধীন ১০ ইস্ট বেঙ্গল যা তাঁর অধীনে স্বাধীনতাযুদ্ধের সময়ে গঠিত হয়েছিল তাদের ঢাকায় নিয়ে আসেন। কর্নেল হুদাকে ঢাকায় আনা হয়েছিল সম্ভবত আমার স্থলাভিষিক্ত করার জন্য। কারণ আমি এসব অনাকাঙ্ক্ষিত উচ্ছৃঙ্খল ঘটনার বিরোধিতা করে আসছি। তাই খালেদ মোশাররফ আমার কার্যকলাপে বেশ অস্বস্তিতে ছিলেন।

এদিকে ৪ তারিখ সকালবেলায় খবরে জানা যায়, ৩ তারিখ রাতেই জেলে আটককৃত সর্বজনাব নজরুল ইসলাম, তাজউদ্দীন, মনসুর আলী ও কামারুজ্জামান-এ চার নেতাকে রাষ্ট্রপতি মোশতাক, মেজর রশিদ ও ফারুকের আদেশে জেলের ভেতরেই নৃশংসভাবে ১ম বেঙ্গল ল্যান্সারের ট্যাংক রেজিমেন্টের কজন সৈনিক হত্যা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে, জেলখানায় সংঘটিত এ হত্যাকাণ্ডের খবর ৩০ ঘণ্টা পর বাইরের লোকজনের কাছে প্রকাশ পায়। রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ও ফারুক-রশিদরা যখন ৩ তারিখের অভ্যুত্থানের খবর পায় এবং তাদের বিরুদ্ধে আক্রমণের আশঙ্কা দেখা দেয় তখনই এদের ধারণা জন্মে যে, এ অভ্যুত্থানের মাধ্যমে জেলে আটককৃত চার নেতাকে বের করে এনে রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে সরিয়ে নতুন সরকার গঠনের ব্যবস্থা নেওয়া হবে। জেলখানায় ওই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশিত হওয়ার পর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ অবস্থা আরও অনিশ্চিত হয়ে পড়ে ও শৃঙ্খলার দ্রুত অবনতি ঘটে।

নতুন সেনাপ্রধান হওয়ার পর মেজর জেনারেল খালেদ মোশাররফ ৫ তারিখে আর্মি হেডকোয়ার্টারে আর্মির সিনিয়র অফিসারদের একটি সভা আহ্বান করেন। সভায় তেমন কোনো আলোচনা হয়নি। মূলত কোনো সমস্যারই তিনি সঠিক সমাধান করতে পারছিলেন না। বলা যায়, তিনি সমস্যার ভেতর ঘুরপাক খাচ্ছিলেন। তাই আমার মনে হতে লাগল, তাঁর এ সেনাপ্রধানের চাকরি বোধ হয় খুবই ক্ষণস্থায়ী হবে। এর মধ্যে শহরে এবং সেনানিবাসে জোর গুজব ছড়িয়ে পড়ল যে, খালেদ মোশাররফ আওয়ামী লীগ ও ভারতের ইঙ্গিতে ও পরোক্ষ সহায়তায় ৩ তারিখের এ অভ্যুত্থান সংঘটিত করেছেন। অর্থাৎ অভ্যুত্থানটি ভারতপন্থী। এর একটি সম্ভাব্য কারণ, আওয়ামী লীগ ৪ তারিখে এই অভ্যুত্থানের পক্ষে ঢাকায় একটি মিছিল বের করে যেখানে অন্যদের মধ্যে সেনাপ্রধান খালেদ মোশাররফের মাও অংশ নেন। এ ছাড়া মেজর জেনারেল খালেদ মোশাররফ সম্পর্কে সেনানিবাসে রটনা ছিল যে, তিনি ভারত ঘেঁষা।

এটা উল্লেখ করতে হয় যে, আমার জানামতে, এ অভ্যুত্থানে ভারতের কোনো ভূমিকা ছিল না। অভ্যুত্থানকারী অফিসারগণ মোটেই ভারতপন্থী ছিলেন না এবং এই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও তাঁদের কোনো বিশেষ যোগাযোগ ছিল না। আমি ব্যক্তিগতভাবে অভ্যুত্থানকারী সিনিয়র অফিসারদের চিন্তাধারা সম্পর্কে সম্যক অবগত ছিলাম। এটা নিছক কাকতালীয় এবং সম্পূর্ণভাবে আর্মির অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ব্যাপার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেনাবাহিনীতে ও দেশের সাধারণ জনগণের মধ্যে ধারণা জন্মে যে, এটা ছিল আওয়ামী লীগ ও ভারতের পক্ষে অভ্যুত্থান। আর এটাই পরে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।

বিচারপতি সায়েম নতুন রাষ্ট্রপতি

এদিকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতাকে জেলখানায় বন্দী অবস্থায় হত্যার পর ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপতি মোশতাক এ ঘটনা চেপে রাখেন যতক্ষণ মেজর ফারুক-রশিদ ও তাদের সহযোগীরা সরকারের পৃষ্ঠপোষকতায় দেশত্যাগ না করেন। ফলে যখন এ ঘটনা প্রকাশ পায়, তখন জনগণ ও আর্মি এ নৃশংস হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রপতি মোশতাক ও মেজর ফারুক-রশিদকে সম্পূর্ণভাবে দায়ী করে। তাই এ ঘটনার পর খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকার প্রশ্নই ওঠে না। ফলে অভ্যুত্থানকারী অফিসারগণ প্রধান বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ করেন। তাঁদের অনুরোধের প্রেক্ষাপটে তিনি ৬ নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সে শপথগ্রহণ অনুষ্ঠানে সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আমিও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম।

আমার মনে হচ্ছিল, সবকিছুই কেমন যেন 'অ্যাডহক' ভিত্তিতে হচ্ছিল। সবকিছুই ঘোলাটে মনে হচ্ছিল। তখন পর্যন্ত সেনাবাহিনীতে খালেদ মোশাররফের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়নি। তিনি বঙ্গভবন আর সেনাসদরের মধ্যেই দেন-দরবারে ব্যস্ত ছিলেন। তিনি রেডিও-টিভিতে জাতির উদ্দেশে বা সেনাবাহিনীর উদ্দেশে কোনো বক্তব্য প্রচার করেননি। অথচ অভ্যুত্থানের ৭২ ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে। ফলে অভ্যুত্থানের উদ্দেশ্য এবং অভ্যুত্থানকারীদের পরবর্তী অবস্থা সম্পর্কে কারওই পরিষ্কার ধারণা ছিল না।

বিশেষ করে ভারতপন্থী বলে অভ্যুত্থান বিষয়ে যে গুজব ছড়িয়েছিল তার সঠিক কোনো প্রত্যুত্তর তার বা তাদের পক্ষ থেকে ছিল না। আর এই সুযোগে একের পর এক গুজব পুরো সেনানিবাসকে গ্রাস করে।

৭ নভেম্বরের অভ্যুত্থান

রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি সায়েমের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে আমি তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে চলে আসি। সেখানে এসে আমি আমার অধীনস্থ অফিসারদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করি। বস্তুতপক্ষে ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না বললেই চলে। আর্মিতেও দৈনন্দিন কোনো কাজকর্ম চলছিল না। আর্মি হেডকোয়ার্টারে অচলাবস্থা বিরাজ করছিল। পুরো সেনানিবাসের পরিবেশ ছিল অস্বাভাবিক ও থমথমে। কেউ কোনো কাজকর্ম করছিল না। সবাই এখানে-সেখানে জটলা পাকিয়ে আলাপ-আলোচনা করেই সময় কাটায়।

আলোচনা-শেষে অফিস থেকে সবাই চলে যাওয়ার পর আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী সুবেদার আলিমুদ্দিন আমাকে একটা বাংলা প্রচারপত্র দেখান। ওই প্রচারপত্র সেনানিবাসে প্রচুর পরিমাণে বিলি করা হয়েছে বলেও আমাকে জানান। প্রচারপত্রটি ‘বিপ্লবী সৈনিক সংস্থা’র নামে ছাপানো হয় এবং উত্তেজক ভাষায় বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল, সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না। কেননা অফিসারগণ সৈনিকদের তাদের নিজ ক্ষমতালাভের প্রয়াসে ব্যবহার করে। এ ছাড়া অফিসারদের জন্য ‘ব্যাটমেন’ প্রথা বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। এ প্রচারপত্রটি অবসরপ্রাপ্ত সৈনিকেরা বিলি করছে বলে আমাকে জানানো হয়।

জিয়ার মুক্তি

বিকেলে আমি বাসায় ফিরে আসি। শারীরিক দুর্বলতা ও ক্লান্তিবশত আমি আর বাড়ি থেকে বের হইনি। হঠাৎ মধ্যরাতের পর চারদিকে গোলাগুলির আওয়াজ শুনি। গোলাগুলি প্রথমে শুরু হয় বর্তমান এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত অর্ডন্যান্স ডিপো থেকে, এরপর গ্যারিসন মসজিদের পাশে অবস্থিত সিগনাল ইউনিট থেকে।

আমি উঠে ইউনিফর্ম পরি এবং বাইরে যেতে চাইলে আমার গার্ডরা আমাকে রাতের অন্ধকারে গোলাগুলির মধ্যে বাইরে যেতে নিষেধ করে এবং বাসাতেই থাকতে অনুরোধ করে। এর মধ্যে হঠাৎ করে আমার বাসার টেলিফোন বেজে ওঠে যা গত কয়েক দিন যাবৎ বিচ্ছিন্ন ছিল। সিগনাল সেন্টার থেকে ফোন করে আমাকে জানানো হয় যে, খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান আরম্ভ হয়েছে। এরপর আমি বাড়ির বারান্দা থেকে দেখতে পেলাম কিছু কালো পোশাক, কিছু খাকি এবং বেসামরিক পোশাকে সজ্জিত শ’খানিকের মতো লোক ওপরের দিকে গুলি ছুড়তে ছুড়তে জিয়াউর রহমান জিন্দাবাদ ধ্বনি দিয়ে জেনারেল জিয়ার বাড়িতে ঢুকছে। জিয়াকে তাঁর বাড়ির বন্দিদশা থেকে উদ্ধার করে পাশেই দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে নিয়ে যেতেও দেখলাম। জিয়া তখন সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত ছিলেন।

একটু পর আবার আমার টেলিফোন বেজে ওঠে। এবার চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও লে. কর্নেল আমিনুল হক আমাকে জানান, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে। ৩ নভেম্বরের ক্যুর পর আমিনুল হককে চতুর্থ বেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরিয়ে নিয়ে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচ করা হয়।
এদিকে অভ্যুত্থানের গতি-প্রকৃতি ভালোভাবে বুঝতে পারছিলাম না। কোথায় কী ঘটছে তাও জানা সম্ভব না।

ভোরবেলায় বাড়িতে তিন/চারজন লোক প্রবেশ করতে চেষ্টা করে। প্রহরীরা তাদের গেটে বাধা দেয়। তাঁরা বলেন, জিয়ার বাড়িসংলগ্ন দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে আমাকে যাওয়ার জন্য জেনারেল জিয়া খবর পাঠিয়েছেন। এরপর বেসামরিক পোশাকে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মুনীর (মরহুম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের জামাতা) আমার তথ্য জানায় এবং আমাকে বলে, জিয়া সত্ত্বর দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে যাওয়ার জন্য বলেছেন। সে আরও জানায়, ব্রিগেডিয়ার মীর শওকত আলীকে নিয়ে আসার জন্য আর্মি ভিআইপি রুমেও লোক পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার শওকত যশোর থেকে ঢাকায় এসেছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ সম্প্রতি যে সভা আহ্বান করেছিলেন তাতে অংশ নেওয়ার জন্য।

পরে শুনেছি মীর শওকত যে ভিআইপি রুমে ছিলেন সেখানেও সৈনিকেরা গুলি চালায়। তিনি সেখান থেকে বের হয়ে পাশেই তৎকালীন মেজর জেনারেল এরশাদের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে মেজর মহিউদ্দীন (মুজিব হত্যায় দণ্ডপ্রাপ্ত) তাঁকে নিয়ে আসে।

রেডিও স্টেশনে যাওয়ার জন্য তাহেরের অনুরোধ

আমি ইউনিফর্ম পরে লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে পৌঁছাই। দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ছিল আমার ও জিয়ার বাসা থেকে শ’দুয়েক গজ দূরে, বর্তমান শহীদ সরণির পাশে। সেখানে গিয়ে দেখি হুলুস্থুল অবস্থা। অফিসের ছোট একটি কামরায় জিয়া বসে ছিলেন। কর্নেল আমিনুল হক ও দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটের সুবেদার মেজর আনিস ও কয়েকজন অফিসার সেখানে ছিলেন।

একটু পরে একটি বেসামরিক জিপে করে দুই/তিনজন লোকসহ অবসরপ্রাপ্ত লে. কর্নেল তাহের সেখানে এসে উপস্থিত হন। লে. কর্নেল তাহের মঞ্জুর ও জিয়াউদ্দিনের সঙ্গে আগস্ট মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতাযুদ্ধে জিয়ার অধীনে যোগদান করেন। পরে তিনি সেক্টর কমান্ডার হন এবং একপর্যায়ে যুদ্ধে আহত হন। দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন আর্মিতে ছিলেন এবং অবসর নেওয়ার পর ওই সময় অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় চাকরি করতেন। এসেই তিনি জিয়াকে রেডিও স্টেশনে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমরা জিয়াকে রেডিও স্টেশনে যেতে বারণ করি। এ সময় লে. কর্নেল আমিনুল হক ও তাহেরের সঙ্গে ঝগড়া বেঁধে যায়। একপর্যায়ে আমিনুল হক তাহেরকে বলে বসেন, ‘আপনারা (জাসদ) তো ভারতের বি টিম’। ফলে তাহের রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যান।

পরে রেডিওতে প্রচারের জন্য জিয়ার ছোট একটা বক্তৃতা টেপ করে পাঠানো হয়। তখনো সেখানে ইউনিফর্ম ছাড়া বেসামরিক পোশাকে কিছু অফিসার উপস্থিত ছিলেন। এঁদের অনেককেই বিপ্লবী সৈনিক সংস্থার লোকজন বাড়ি থেকে ধরে এখানে নিয়ে আসে।

খালেদ মোশাররফ, হুদা ও হায়দারকে হত্যা

সকালেই খবর আসে মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং লে. কর্নেল হায়দারকে শেরে বাংলা নগরে অবস্থিত ১০ বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয়েছে। লে. কর্নেল হায়দার (১৯৭১ সালে ক্যাপ্টেন) স্বাধীনতাযুদ্ধের সময় খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করেন। ৩ তারিখের অভ্যুত্থানের পর তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন। মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হায়দার এবং কর্নেল হুদা প্রমুখ ৭ নভেম্বর বঙ্গভবনে ছিলেন এবং পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে শুনে সেখান থেকে বেরিয়ে যান।

পথিমধ্যে তাঁরা কোথাও ইউনিফর্ম বদল করে বেসামরিক পোশাকে শেরে বাংলা নগরে অবস্থিত ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উপস্থিত হন। এই রেজিমেন্ট কর্নেল হুদার অধীনে রংপুরে ছিল এবং ৩ নভেম্বর অভ্যুত্থানের পরপর খালেদ মোশাররফ এই ইউনিটটিকে ঢাকায় নিয়ে আসেন। তখন পর্যন্ত ঢাকা ব্রিগেডের কমান্ডার কর্নেল শাফায়াত জামিলের খবর পাওয়া যায়নি। পরে অবশ্য খবর আসে, কর্নেল জামিল বঙ্গভবনের দেয়াল টপকানোর সময় পায়ে ব্যথা পান এবং আহত অবস্থায় ঢাকার অদূরে আত্মগোপন করে আছেন।

এ খবরের পর আমি তাঁর সঠিক অবস্থান নির্ণয় করে নিরাপত্তার ব্যবস্থাদি দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। এর মধ্যে খবর আসে যে, শহরে আরও কয়েকজন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে।

অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ


দ্বিতীয় ফিল্ড আর্টিলারি থেকে বেরিয়ে জেনারেল জিয়া, আমি এবং ব্রিগেডিয়ার মীর শওকত আর্মি হেডকোয়ার্টারে যাই। আর্মি হেডকোয়ার্টারে আলাপ-আলোচনায় ঠিক করা হয়, অভ্যুত্থানকারীদের উদ্দেশে সেনাপ্রধান বক্তব্য রাখবেন। তবে সিদ্ধান্ত নেওয়া হয়, সেনাপ্রধান বক্তব্য রাখার পূর্বে অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে। এ পর্যায়ে সেনাপ্রধান এবং ব্রিগেডিয়ার মীর শওকত আমাকে বললেন, যেহেতু আমি অনেক দিন থেকে ঢাকায় আছি এবং ঢাকা ব্রিগেডের কমান্ডার ছিলাম এবং বর্তমানে অ্যাডজুট্যান্ট জেনারেল সেহেতু এ দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে তাদের সংগঠিত করার কাজে।

তাদের সংগঠিত করার ব্যাপারে আমার মধ্যে অনেক সংশয় ও অনিশ্চয়তা ছিল। কারণ তারা হয়তো অনেক দাবি উত্থাপন করবে এবং তাদের বুঝিয়ে শান্ত করা কষ্টকর হবে।
যা হোক, আমি দ্বিতীয় ফিল্ড আর্টিলারি, আর্মি এমপি ইউনিট ও আর্মি হেডকোয়ার্টারের সুবেদার মেজরদের খবর দিলাম যে, অপরাহ্ণে সেনা মিলনায়তনে (বর্তমান গ্যারিসন সিনেমা হল) আমি সৈনিকদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখব। সে অনুযায়ী বিভিন্ন ইউনিটের জেসিও এবং এনসিওসহ তাদের প্রতিনিধিদের সেনা মিলনায়তনে উপস্থিত থাকার ব্যবস্থা করতে বলি। তবে তখন বেশির ভাগ অফিসার সিপাহিদের অভ্যুত্থানের কারণে আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন না।

পরে মিলিটারি পুলিশ ইউনিটের ক্যাপ্টেন মোসাদ্দেক যিনি একজন উদ্যোগী ও কর্তব্যপরায়ণ অফিসার, তাঁকে নিয়ে আমি সেনা মিলনায়তনে যাই। সেখানে গিয়ে দেখি কিছু সৈন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিলনায়তনে উপস্থিত হয়েছে। আমি তাদের অস্ত্র বাইরে রেখে আসতে নির্দেশ দিই। এই নির্দেশের মাধ্যমে আমি মূলত তাদের পরীক্ষা করছিলাম যে, তারা আমার কথা আদৌ শুনবে কি না। জিয়া আমাকে সেখানে পাঠিয়েছেন তাদের মানসিক অবস্থা যাচাই ও শান্ত করার জন্য, যাতে পরে তিনি এসে বক্তৃতা দিতে পারেন। যা হোক, তারা অস্ত্র ও গোলাবারুদ বাইরে রেখে আসার পর আমি আমার বক্তব্য শুরু করি।

বিপ্লবীরা তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করে। আমি তাদের জানাই, আর্মি শৃঙ্খলা, নিয়মকানুন ইত্যাদি তড়িঘড়ি করে বদলানো সম্ভব নয়। আমি আরও বলি, উচ্ছৃঙ্খলতার জন্য দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। যা হোক, আলোচনা শেষে আমি তাদের জানাই, কিছুক্ষণ পর সেনাপ্রধান জিয়া এসে তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

এখানে একটি বিষয় উল্লেখ করতে হয়, ৭ নভেম্বর সৈনিকদের সঙ্গে বেসামরিক প্রশাসনের তৃতীয়-চতুর্থ শ্রেণির কিছু সরকারি কর্মচারীও যোগাযোগ করার চেষ্টা করে। তারাও বেসামরিক প্রশাসনে তাদের ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করছিল। ফলে কিছু কর্মরত এবং অবসরপ্রাপ্ত সৈনিক তাদের সঙ্গে সেনানিবাসের বাইরে চলেও গিয়েছিল। কিন্তু সেনানিবাসের পরিস্থিতি আয়ত্তে আসায় পরে বাইরে তারা আর তেমন কোনো উচ্ছৃঙ্খলতা করার সাহস পায়নি। আজও ভাবলে গা শিউরে ওঠে যে, ঢাকা সেনানিবাসের সৈনিকদের যদি সেদিন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে সারা দেশে সামরিক-বেসামরিক পর্যায়ে একটা ‘নেতৃত্বহীন ভয়াবহ উচ্ছৃঙ্খল শ্রেণি-সংগ্রাম’ শুরু হয়ে যেত। সৈনিকদের সেদিনের স্লোগানই ছিল ‘সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই। সিপাহি জনতা ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’।

যা হোক, আর্মি হেডকোয়ার্টারে আমি খবর পাঠানোর পর জেনারেল জিয়া এসে উপস্থিত হন। তখনো পরিস্থিতি কিছুটা অশান্ত ছিল। জিয়া তাদের শান্ত করতে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে তাঁর কোমরের আর্মি বেল্ট খুলে মাটিতে ছুড়ে দেন এবং বলেন, এত দাবিদাওয়া ওঠালে আমি আর এ আর্মি চিফ থাকতে চাই না। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বক্তৃতা শেষে আমরা সবাই আর্মির হেডকোয়ার্টারে ফেরত যাই। এরপর ঠিক করা হয়, ঢাকার বাইরে থেকে কিছু পদাতিক সৈন্য এনে ঢাকা সেনানিবাসে উচ্ছৃঙ্খল সৈন্যদের আয়ত্তে আনা ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সে অনুযায়ী যশোর থেকে কিছু পদাতিক সৈন্য এনে বিভিন্ন স্থানে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়।

৭ নভেম্বরের অভ্যুত্থানে আর্টিলারি, ল্যানসার, আর্মার, সিগনাল, অর্ডন্যান্স ও সাপ্লাই কোরের বেশির ভাগ সৈনিক জড়িত ছিল। ঢাকায় অবস্থিত পদাতিক বাহিনীর সৈন্যরা এ অভ্যুত্থানে তেমন সাড়া দেয়নি। আবার প্রতিরোধও করেনি। এর কারণ ৩ নভেম্বরের অভ্যুত্থানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল জামিল ঢাকা ব্রিগেডের পদাতিক বাহিনীকে ব্যবহার করেন। কিন্তু সে অভ্যুত্থানে সৈনিকদের তেমন সমর্থন ছিল না। শুধু আদেশের কারণে বাধ্য হয়ে হয়তো তারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল যা আমি আগেও বর্ণনা করেছি। এখানে আরেকটি কথা বলতে হয়, অভ্যুত্থানের পরপরই রেডিওতে জিয়ার একটি রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়। এ ছাড়া তিনি কয়েকজন অফিসারকে নিয়ে সাহসের সঙ্গে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সূত্র: এক জেনারেলর নীরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক, মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (অব.), বীরবিক্রম, মাওলা ব্রাদার্স

ফোনে খালেদা জিয়া বললেন, ‘ভাই, জিয়াকে ড্রয়িংরুমে আবদ্ধ করে রাখা হয়েছে’

গাজা মিশনের চিকিৎসক যখন মার্কিন কংগ্রেসে, রক্তক্ষরণ বন্ধের অঙ্গীকার

একসময় তিনি গাজার মানুষদের চিকিৎসা দিতেন। এখন তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেস নির্বাচনে জয়ী হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন আদম হামাওয়ি। যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্রেটদের বিজয়ের ঢেউয়ে শামিল হয়ে ইতিহাস গড়েছেন তিনি। নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও মিশরীয়-আমেরিকান প্রতিনিধি হিসেবে কংগ্রেসে যাচ্ছেন হামাওয়ি। মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেয়া ভাষণে গাজার মানুষের উদ্দেশে সরাসরি কথা বলেন তিনি। হামাওয়ি বলেন, গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি- তোমাদের হাসি আমাকে আরও ভালো একটি পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।

তাকে নিয়ে অনলাইন মিডলইস্ট আই এক প্রতিবেদনে আরও লিখেছে, এর আগে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ছিল রিপাবলিকানদের। তাদের আসন ছিল ২১৮টি, ডেমোক্রেটদের ২১৪টি। তবে আগামী জানুয়ারিতে হামাওয়িসহ নির্বাচনে জয়ী প্রতিনিধিদের মাধ্যমে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। নিউ জার্সির প্রিন্সটনে হামাওয়ির নির্বাচনী বিজয় উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিল মিডল ইস্ট আই। সেখানে বিজয়ী ভাষণে তিনি বলেন, কাজ শুরু করতে প্রস্তুত তিনি। একই সঙ্গে ডনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন। হামাওয়ি বলেন, আমি একজন সার্জন। আপনাদের বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করতে যাচ্ছি। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে শাসন করা প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর হাতে যারা পিছিয়ে পড়েছেন, সেই প্রত্যেক মার্কিনির জন্য আমরা লড়ব।

অনুষ্ঠানে ছিল ব্যাপক সংহতির আবহ। কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান হামাওয়িকে বিজয়ী ভাষণ দেয়ার জন্য মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং তাকে আলিঙ্গন করেন। জিউস ভয়েস ফর পিসের সদস্যরা ‘হামাওয়ির পক্ষে ইহুদিরা’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। তবে সংহতির এই দৃশ্যের সঙ্গে হামাওয়ির নির্বাচনী প্রচারণার সময়কার বাস্তবতার ছিল তীব্র বৈপরীত্য। তিনি বলেন, আমি কখনোই ইসলামবিদ্বেষী ঘৃণা এতটা প্রকাশ্য, এতটা উচ্চকণ্ঠ এবং এতটা গ্রহণযোগ্য হতে দেখিনি, যেমনটি এখন দেখা যাচ্ছে। শুধু নিউ জার্সিতে নয়, গোটা দেশেই। এসব সবসময়ই ছিল, কিন্তু এখন তা প্রকাশ্যে, অনুমোদিত এবং ভয়াবহ রূপ নিয়েছে। আমার পরিবার, সহকর্মী ও বন্ধুদের লক্ষ্য করে এসব করা হয়েছে। আমার আনুগত্য ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিজয় উদযাপনের অনুষ্ঠানে কেফিয়াহ পরা এবং মার্কিন পতাকা হাতে বহু ভোটার হামাওয়িকে সমর্থন জানাতে এসেছিলেন। নিউ জার্সির ভোটার ইয়োশি বলেন, ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে হামাওয়ির প্রতি তার সমর্থন তৈরি হয়েছে। ইয়োশি বলেন, তিনি যখন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, তখন দেখেছিলাম তিনি ‘বোমা নয়, স্বাস্থ্যসেবা’- এই বার্তা সামনে আনছেন। এটি আমার মনে গভীরভাবে সাড়া জাগিয়েছিল। হামাওয়ির নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ইয়োশি। তার মতে, ফিলিস্তিনপন্থী সম্প্রদায়ের তৃণমূল পর্যায়ের সংগঠিত প্রচেষ্টাই হামাওয়ির বিজয়ের মূল কারণ। মিডল ইস্ট আইকে তিনি বলেন, সংগঠিত মানুষ সত্যিই সংগঠিত অর্থকে পরাজিত করতে পারে। যাদের সঙ্গে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, তাদের অনেকেই ‘আনকমিটেড নিউ জার্সি’ প্রচারণার সময়ও সংগঠিত হয়েছিলেন।

ইয়োশি ও অন্যদের কাছে ফিলিস্তিন ইস্যুই রাজনৈতিক অবস্থান যাচাইয়ের মাপকাঠি। যেসব রাজনীতিক এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তারাই তাদের ভোট পান। ইয়োশি বলেন, আমাদের কাজ শেষ হয়নি। ডক্টর আদম হামাওয়ি এই নির্বাচনে জয়ের পরদিন থেকেই কাজ শুরু হবে। কারণ, এখনো গাজা অবরুদ্ধ। গাজায় এখনো বোমা হামলা হচ্ছে। আমরা আর চাই না আমাদের করদাতাদের অর্থ যুদ্ধ ও গণহত্যায় ব্যয় করা হোক। তবে হামাওয়ির এসব অবস্থানের কারণেই নির্বাচনী প্রচারণার সময় ইসরাইলপন্থী ও ডানপন্থী বিভিন্ন মহলের আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু হামাওয়ি এসব আক্রমণকে পাত্তা দেননি।

প্রাইমারি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে হামাওয়ি বলেছিলেন, রাজনৈতিক প্রচারণা চালানোর চেয়ে আমি আরও কঠিন কাজ করেছি। তিনি বলেন, তারা সবচেয়ে খারাপ কী করতে পারে? আমাকে কিছু নামে ডাকবে, আক্রমণ করবে? আমি এর চেয়েও অনেক খারাপ পরিস্থিতি দেখেছি। মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল একটি মতামত নিবন্ধ প্রকাশ করে। সেখানে হামাওয়ির মূল্যবোধের সঙ্গে দণ্ডিত মুসলিম ধর্মীয় নেতা ওমর আবদেল রহমানের মূল্যবোধের যোগসূত্র তুলে ধরা হয়। ওমর আবদেল রহমান ‘ব্লাইন্ড শেখ’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসবাদবিষয়ক বিচার হিসেবে বিবেচিত ওই মামলায় ১৯৯৫ সালে আবদেল রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। জাতিসংঘ সদর দপ্তরে সফরের সময় মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে হত্যার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে বিচার হয়। আবদেল রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৭ সালে কারাগারেই তার মৃত্যু হয়। ওই বিচারে সাক্ষ্য দেয়া ২০০ জনের মধ্যে হামাওয়িও ছিলেন। তিনি জুরিদের বলেছিলেন, ওই ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব প্রকাশ করলেও কীভাবে হত্যা করা হবে, তা স্পষ্ট করে বলেননি। তবে নিউ জার্সি এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য ন্যান্সি সেডলাক মিডল ইস্ট আইকে বলেন, হামাওয়ির বিজয় মার্কিন রাজনীতির প্রতি তার বিশ্বাস নতুন করে ফিরিয়ে দিয়েছে। নির্বাচনী প্রচারণায় যে বিদ্বেষপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার বিপরীতে এই জয় তাকে আশাবাদী করেছে।

গাজায় চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক আদম হামাওয়ির জয়, নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য
চিকিৎসক ড. আদম হামাওয়ি। ছবি: আমার দেশ

জায়েদের কাছে সব খুলে বললেন মাহি

প্রকাশ ০৯ ডিসেম্বর ২০২৫ঃ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান ও মাহিয়া মাহি—দুজনই এখন দেশের বাইরে। চিত্রনায়ক জায়েদ খান এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর চিত্রনায়িকা মাহিয়া মাহি আছেন সেখানেই, ভিন্ন বাস্তবতা ও ভিন্ন সময়ের অভিজ্ঞতা নিয়ে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত দেখা গেছে জায়েদ খানকে। একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো জায়েদ খান সম্প্রতি আবারও আলোচনায় এলেন। তবে এবার অভিনেতা হিসেবে নয়, উপস্থাপক পরিচয়ে।

সম্প্রতি ‘ঠিকানা নিউজ’ নামে একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে জায়েদ খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানের একাধিক ভিডিও। সেখানে অতিথি হিসেবে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ও দেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা। তাঁদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী কনা, উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা, সংগীতশিল্পী আসিফ আকবর এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ পর্বে মাহিকেই প্রধান অতিথি হিসেবে দেখা গেছে।
অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও পেশাগত যাত্রা নিয়ে খোলামেলাভাবে কথা বলেন মাহিয়া মাহি।

জায়েদ খানের প্রশ্নের উত্তরে সিনেমা নিয়ে নিজের অপূর্ণ আক্ষেপের কথাও তুলে ধরেন এই নায়িকা। মাহি বলেন, মানুষের চাওয়ার তো শেষ নেই। তাঁর মতে, এখনো অনেক গল্প, অনেক চরিত্র পর্দায় তুলে ধরার সুযোগ পাননি তিনি।

এ প্রসঙ্গে বিশেষভাবে টানেন কিংবদন্তি চিত্রনায়িকা শাবনূরের উদাহরণ। মাহির ভাষায়, শাবনূরের করা প্রতিটি চরিত্রই তাঁকে গভীরভাবে টানে। ‘শাবনূর ম্যাডামের সব চরিত্রই আমার খুব পছন্দ। তাঁকে আমি ভীষণ ভালোবাসি। তিনি আমার আইডল। সুযোগ পেলে এমন কোনো চরিত্র করতে চাই, যেগুলো তিনি একসময় করেছেন,’ বলেন মাহি।
দেশের কথা উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন মাহিয়া মাহি। দেশে কাকে সবচেয়ে বেশি মিস করেন—এ  প্রশ্নে সরাসরি উত্তর দেন, ‘আমার মা আর আমার ছেলে।’

অনুষ্ঠানের এক পর্যায়ে উঠে আসে মাহির চলচ্চিত্রে আসার শুরুর গল্প। স্মৃতিচারণা করে তিনি বলেন, তাঁর জীবনের প্রথম অডিশনটি নিয়েছিলেন জায়েদ খান নিজেই। সময়টা ২০১১ সালের মাঝামাঝি। তখন খুব শুকনা হওয়ার কারণে তাঁকে ওই অডিশনে বাদ দেওয়া হয়েছিল। যদিও অনুষ্ঠানে জায়েদ খান জানান, সে ঘটনা তাঁর স্পষ্ট মনে নেই।

অডিশনের পর এক ফটোশুটে অংশ নেন মাহিয়া মাহি। সেই ছবিগুলো দেখে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেও শর্ত ছিল—এক সপ্তাহের মধ্যে ওজন বাড়িয়ে আসতে হবে। মাহির কথায়, সেই সাত দিন প্রাণপণে চেষ্টা করেও এক কেজি ওজনও বাড়াতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মোটা দেখায়—এমন পোশাক পরেই সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেই চলচ্চিত্রের নাম ছিল ‘ভালোবাসার রঙ’।

নিজের এ যাত্রার গল্প বলতে গিয়ে মাহি যেন আবার ফিরিয়ে নিলেন ঢাকাই চলচ্চিত্রে তাঁর শুরুর দিনগুলোর সংগ্রাম, স্বপ্ন আর না-পাওয়ার স্মৃতিগুলো।

মাহিয়া মাহি
মাহিয়া মাহি। প্রথম আলো

ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, নির্বাচনে দলটির পরাজয়ের আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আর তা হলো, ইরান যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদের ওপর বড় ধরনের অনাস্থা হিসেবেই দেখা হচ্ছে এই নির্বাচনের ফলাফলকে। খবর দ্য গার্ডিয়ানের।

ভ্যান্সের এ বক্তব্যকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে তার দূরত্ব তৈরির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একসময় তেহরানের সঙ্গে সমঝোতার উদ্যোগে ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। তবে অজনপ্রিয় এই সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

এক্সে দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তার আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি ইরান যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি যুক্তি দিতে চান যে এই যুদ্ধের মূল্য হিসেবে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক ছিল, তাহলে তিনি তা করতে পারেন। কেন এই মূল্য দেওয়া সার্থক ছিল, সেই যুক্তি তুলে ধরুন। একমত হোন বা দ্বিমত, অন্তত সেটি হবে সৎ আলোচনা।’

ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তা সবাই জানেন। এখন থেকে আমাদের করণীয় নিয়ে যে কোনো সৎ আলোচনা শুরু হতে হবে এই বাস্তবতা থেকেই।’

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় ভ্যান্স শুরু থেকেই এ সংঘাত নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের মুখে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালকেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইরানও এর একটি অংশ ছিল।’

তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান ট্রাম্প। তার মতে, ‘আমি এটা নিয়ে ভাবি না। আমি সঠিক কাজটিই করেছি। আবারও এমন কিছু হলে একই কাজ করতাম।’

সূত্র : দ্য গার্ডিয়ান

ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টায় নিজের ক্ষমতা দুর্বল করে ফেললেন ট্রাম্প

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে যুদ্ধে জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরু থেকে বিভিন্ন সময়ে ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থাকে কটাক্ষ করেছেন তিনি; কখনো শাসকগোষ্ঠীর পতনের ইঙ্গিত দিয়েছেন, কখনো ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন। কিন্তু ইরানে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনতে না পারলেও যুদ্ধের আট মাসের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তার নিজের রাজনৈতিক অবস্থান।

যুদ্ধবিরোধী মনোভাব এবং জ্বালানির চড়া দামে ক্ষুব্ধ ভোটারদের রায়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে তার দল রিপাবলিকান পার্টি। ফলে ইরানকে ঘিরে যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে এখন নিজেই কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে ট্রাম্প।

ইরানের রাজধানী তেহরান এবং দেশটির মিত্ররা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলকে যুদ্ধের বিরুদ্ধে জনরায়ের প্রতিফলন হিসেবে দেখছে। অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা ভাবছেন, এই পরিস্থিতিতে ট্রাম্প কোন পথে এগোবেন।

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় এক মিত্র দেশের ঘনিষ্ঠ এক সূত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘ইরান যুক্তরাষ্ট্রে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে।’ মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ে উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা বিস্মিত হয়ে পড়েছিলেন বলে জানান ওই সূত্র।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধের কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে।

উপসাগরীয় সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের মতে, দুর্বল হয়ে পড়া ট্রাম্পের সামনে এখন এমন একটি কংগ্রেস রয়েছে, যারা তার সামরিক পদক্ষেপের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এ পরিস্থিতিতে সমঝোতায় পৌঁছানোর তাগিদ ট্রাম্পের বেড়েছে। তাদের ধারণা, ইরানে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর সম্ভাবনা এখন কম। তবে পারমাণবিক স্থাপনায় সীমিত আকারে আরও হামলা চালিয়ে নিজেদের লক্ষ্য অর্জনের দাবি করে যুদ্ধের ইতি টানার পথ খুঁজতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে সংঘাতের অবসানে সমঝোতা করাতে চীনের তৎপরতাও বাড়ছে।

তবে উপসাগরীয় অঞ্চলের বিশ্লেষকদের আশঙ্কা, এমন কোনো সমঝোতা যদি ইরানকে স্পষ্ট বিজয় দাবি করার সুযোগ দেয় এবং ট্রাম্পকে পরাজিত হিসেবে তুলে ধরে, তাহলে সংযমের বদলে আরও বেপরোয়া পদক্ষেপ নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

মার্কিন ভোটারদের এই রায় এসেছে যুদ্ধের আরেক নেপথ্য কারিগর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কার এক সপ্তাহ পর। গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনে তার ডানপন্থি জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টি পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে আটটি আসন কম পাওয়ায় ক্ষমতা ধরে রাখতে লড়তে হচ্ছে তাকে।

রাজনৈতিকভাবে চাপে থাকা এই দুই নেতা নিজেদের ভবিষ্যৎকে ক্রমেই যুদ্ধের ফলাফলের সঙ্গে জড়িয়ে ফেলেছেন। ফলে রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার পথ হিসেবে তারা সংঘাত আরও বাড়ানোর কথা ভাবতে পারেন। এমন হিসাব অযৌক্তিক হলেও তা কম বিপজ্জনক নয়।

ভুল হিসাবের ঝুঁকি

আবুধাবিভিত্তিক এমিরেটস পলিসি সেন্টারের প্রেসিডেন্ট ইবতেসাম আল-কেতবি বলেন, ‘মার্কিন নির্বাচনের ফল ট্রাম্পের জন্য সমঝোতার প্রয়োজনীয়তা আরও বাড়িয়েছে, তবে ইরানের জন্য তা সহজ করেনি।’

তার মতে, পরিস্থিতিকে তেহরান কীভাবে ব্যাখ্যা করছে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেন, ‘তেহরান যদি বুঝতে পারে যে ট্রাম্পের একটি সমঝোতা প্রয়োজন, তবে যেকোনো ধরনের সমঝোতা নয়, বরং প্রকৃত সমাধান। তাহলে যুদ্ধ শেষ করার একটি বাস্তব সুযোগ তৈরি হতে পারে। কিন্তু তারা যদি নির্বাচনের ফলকে যুক্তরাষ্ট্রের দৃঢ়তা কমে যাওয়ার প্রমাণ হিসেবে দেখে, তাহলে তা ট্রাম্পকে নতুন করে সামরিক উত্তেজনা বাড়াতে উৎসাহিত করতে পারে।’

আল-কেতবি বলেন, উপসাগরীয় দেশগুলো চায়, এই নির্বাচন যুদ্ধের অবসানের পথ খুলে দিক। তবে যেকোনো মূল্যে নয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা উপেক্ষা করে, ইরানকে জাহাজ চলাচলে টোল বা রাজনৈতিক শর্ত আরোপের সুযোগ দিয়ে কিংবা উপসাগরীয় দেশগুলোকে সামরিক হুমকির মুখে রেখে কোনো সমঝোতা হলে তা হবে সাময়িক ব্যবস্থা। এতে ভবিষ্যতে আরেকটি সংকটের ভিত্তি তৈরি হবে।

তেহরানে ট্রাম্পের রাজনৈতিক বিপর্যয়কে স্বাগত জানালেও সতর্কতা কমায়নি ইরানের নেতৃত্ব। দেশটির প্রধান আলোচক এই ফলকে ‘যুদ্ধ নয়’ বার্তা হিসেবে অভিহিত করেছেন।

ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নির্বাচনে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে সামরিক হামলা চালাতে পারেন, এমন আশঙ্কায় তেহরান এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামান্যতম নতি স্বীকারের প্রবণতার বিরুদ্ধেও সতর্ক করেছেন। এতে স্পষ্ট, হরমুজ প্রণালি নিয়ে নিজেদের দাবিতে ছাড় দেওয়ার কোনো ইচ্ছা ইরানের নেই।

তদন্তের আশঙ্কায় উদ্বেগ

সৌদি আরবভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আবদুল আজিজ সাগের সতর্ক করে বলেছেন, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের হামলার প্রবণতা কমার বদলে বাড়তেও পারে। মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ায় এবং তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় তাকে সংযত রাখার নির্বাচনী বিবেচনাগুলোও আর আগের মতো কার্যকর থাকবে না। ফলে হারানোর ঝুঁকি কম মনে করে নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিশ্চিত করতে চাইতে পারেন তিনি।

সাগেরের মতে, ক্ষমতা ছাড়ার আগে ইরানের সঙ্গে সংঘাতকে ‘কাজ শেষ করার’ সুযোগ হিসেবে দেখতে পারেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান যদি প্রতিরোধ অব্যাহত রাখে এবং নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরে, তাহলে ট্রাম্প হয়তো এমন পরিণতি ঠেকাতে এবং নিজের প্রেসিডেন্সির জন্য স্পষ্ট সাফল্য দাবি করতে পদক্ষেপ নিতে বাধ্য বোধ করবেন।’

লেবাননের রাজনৈতিক ভাষ্যকার সারকিস নাউম বলেন, নির্বাচনে পরাজয়ের ফলে ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের অবস্থান দুর্বল হয়েছে। এতে দর-কষাকষির ক্ষমতা কমেছে এবং সমঝোতায় পৌঁছানোর বিকল্পও সীমিত হয়েছে।

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেছেন, নির্বাচনের পর যুদ্ধের আশঙ্কা যে কমে গেছে, তা নিশ্চিত নয়। এখনো ‘বেপরোয়া পদক্ষেপের’ সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সংঘাত বাড়া ও কমার সম্ভাবনা প্রায় সমান।’

আগামী জানুয়ারিতে কংগ্রেসের অধিবেশনে আসন গ্রহণের পর ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসন, তার পরিবার ও ঘনিষ্ঠ মিত্রদের কর্মকাণ্ড তদন্তে নিজেদের ক্ষমতা ব্যবহার করতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন পাসের ক্ষেত্রে সরকারের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করবে তারা।

ওয়াশিংটনের এই রাজনৈতিক পরিবর্তন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য শুধু যুদ্ধের বাইরেও নানা ঝুঁকি তৈরি করেছে। সরকার সংশ্লিষ্ট চিন্তাভাবনার সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ট্রাম্প পরিবারের সঙ্গে তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সম্পর্ক নিয়ে সম্ভাব্য তদন্তের আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন।

সূত্র : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: গেটি ইমেজেস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: গেটি ইমেজেস

ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ- কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে দুই বছর রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা ওয়াশিংটনে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, বিশেষ করে সামরিক অভিযান ও ব্যয়ের ওপর এবার কঠোর নজরদারি চালাতে পারে ডেমোক্র্যাটরা।

নির্বাচনী প্রচারে ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, রিপাবলিকানরা যুদ্ধ পরিচালনা ও সরকারি ব্যয়ের বিষয়ে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ট্রাম্প প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছে। এখন কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় এসব ক্ষমতা ব্যবহারে ট্রাম্পকে চাপে রাখার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেসের কারণে ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।

১. ইরান যুদ্ধ নিয়ে চাপ বাড়বে

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। যুদ্ধ বন্ধে কংগ্রেসের অনুমোদন নেওয়ার দাবি জানিয়ে ডেমোক্র্যাটরা একাধিকবার প্রস্তাব এনেছেন। এর মধ্যে একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই পাস হয়। কয়েকজন রিপাবলিকানও এতে সমর্থন দেন। তবে ট্রাম্প প্রশাসন সেই প্রস্তাব কার্যকর করেনি।

এবার কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানো কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগ আটকে দিয়ে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার দাবিও তুলতে পারেন তারা। পাশাপাশি যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে প্রশাসনকে আইনপ্রণেতা ও সাধারণ মানুষের কাছে নিয়মিত তথ্য দিতে বাধ্য করার উদ্যোগ নেওয়া হতে পারে।

২. ইউক্রেনের জন্য নতুন সহায়তার সুযোগ

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনকে সরাসরি সামরিক ও আর্থিক সহায়তা অনেকটাই বন্ধ রেখেছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের অনেক আইনপ্রণেতাই যুক্তরাষ্ট্রের এই সহায়তার পক্ষে।

সম্প্রতি রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করায় কংগ্রেসের অনেক সদস্য, এমনকি রিপাবলিকানদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। আগামী জানুয়ারি থেকে দুই কক্ষের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর কোন প্রস্তাব নিয়ে কখন ভোট হবে, তা নির্ধারণ করতে পারবে ডেমোক্র্যাটরা। এর ফলে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদনের উদ্যোগ নিতে পারে তারা।

ট্রাম্প কোনো সহায়তা প্রস্তাবে ভেটো দিলেও কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলে তা অগ্রাহ্য করা সম্ভব। ইউক্রেনকে সহায়তার প্রশ্নে দুই দলের অনেক আইনপ্রণেতার সমর্থন থাকায় এমন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩. ইসরায়েলকে সামরিক সহায়তা কমানো

গাজা যুদ্ধ, পশ্চিম তীরে সহিংসতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রিপাবলিকানদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমেছে।

ইসরায়েলকে বছরে নিয়মিত ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি অভিযানের সময় এর বাইরে আরও কয়েক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হয়েছে।

এবার ডেমোক্র্যাটরা এই সহায়তা সীমিত বা বন্ধ করার উদ্যোগ নিতে পারেন। চলতি বছরের গ্রীষ্মে প্রতিনিধি পরিষদের প্রায় অর্ধেক ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। অন্যদিকে, কয়েকজন ডেমোক্র্যাট ভারী বোমার মতো অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন।

৪. সামরিক ব্যয় কমানো ও বিদেশি সহায়তা পুনর্বহাল

সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করতে পারে ডেমোক্র্যাটরা। এ বছর সামরিক বাজেট ৬৭ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা না করা এবং সামাজিক কর্মসূচিতে বড় ধরনের বরাদ্দ কমানোর প্রতিবাদে সিনেটে ডেমোক্র্যাটরা এতে বাধা দেন।

এ ছাড়া কংগ্রেস অনুমোদিত কয়েক বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা আটকে দিয়েছেন বা বাতিল করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা এসব অর্থ ছাড়ের উদ্যোগ নিতে পারেন। অতীতে ট্রাম্পের প্রথম মেয়াদেও বিদেশি সহায়তার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলেরই ব্যাপক সমর্থন ছিল।

৫. লাতিন আমেরিকায় মার্কিন নীতি নিয়ে বাড়বে নজরদারি

সাম্প্রতিক সময়ের অন্য প্রেসিডেন্টদের তুলনায় পশ্চিম গোলার্ধে অনেক বেশি কঠোর নীতি অনুসরণ করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা এবং দেশটির উপকূলে নৌযান লক্ষ্য করে এক বছরের বেশি সময় ধরে চালানো প্রাণঘাতী হামলা নিয়ে প্রশ্ন উঠেছে।

কিউবার কমিউনিস্ট সরকারকে চাপে রাখতে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এ ছাড়া হন্ডুরাস, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ব্রাজিলের নির্বাচনেও মার্কিন প্রশাসন প্রভাব বিস্তারের চেষ্টা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের এসব পদক্ষেপ নিয়ে তদন্ত ও শুনানির দাবি জানিয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট। কিউবার সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলা নিষেধাজ্ঞার সমালোচনা করে কেউ কেউ দেশটির নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আইনসভা। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের আইনসভা। ফাইল ছবি

মার্কিন ব্যালটে নতুন মোড় বিশ্ব রাজনীতির

আমেরিকার রাজনৈতিক লড়াই কেবল তাদের সীমান্তেই সীমাবদ্ধ থাকে না, তা কমবেশি সবাই জানে। যুক্তরাষ্ট্রের ভোটারদের একটি ছোট সিদ্ধান্তও পৃথিবীর অন্য প্রান্তের মানুষের জীবনে প্রভাব ফেলে। তাই দেশটির মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে যে তুমুল চর্চা হয়, তাতে অবাক হওয়ার কিছু নেই।

তবে মূল নাটকটি কিন্তু ঘটছে খোদ আমেরিকার ভেতরেই। অভিবাসন, বিশ্ব বাণিজ্য কিংবা আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন; বাইরে থেকে এগুলোকে বিশ্ব রাজনীতির অংশ মনে হলেও এর পেছনের আসল কারিগর হলো আমেরিকার ভেতরের গভীর সামাজিক ও রাজনৈতিক বিভাজন। আজকের পৃথিবীর একটি অদ্ভুত বৈপরীত্য হলো, ঘরের ভেতরের রাজনীতি আর বাইরের পররাষ্ট্রনীতির মধ্যকার সীমানা প্রাচীরটি দিন দিন ভেঙে পড়ছে।

একসময় ভাবা হতো, বড় বড় দেশগুলো হয়তো বাইরের কোনো রাজনৈতিক ঝড় থেকে নিজেদের সামলে নিতে পারবে। কিন্তু উদারনৈতিক বিশ্বায়নের যুগে তা আর সম্ভব নয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আশির দশক থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত ধারণা করা হতো, পুরো পৃথিবী হয়তো একটা সর্বজনীন আদর্শ, মূল্যবোধ ও বাজার অর্থনীতির পতাকাতলে এক হয়ে যাবে।

পশ্চিমা গণতন্ত্রকেই মনে করা হতো শাসন ব্যবস্থার একমাত্র শেষ কথা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিশ্বকে এক সুতোয় বাঁধার বদলে প্রতিটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন বিশ্বজুড়ে আরও বৈচিত্র্য ও বিভাজন তৈরি করছে।

এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় আমেরিকা এবং ইউরোপের বর্তমান সম্পর্কের দিকে তাকালে। স্নায়ুযুদ্ধের সময় যে দুটি পক্ষ অভিন্ন আদর্শ নিয়ে একজোট হয়ে লড়েছিল, আজ তাদের সম্পর্কেই ফাটল ধরেছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা এখন প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের সমর্থন দিচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প ও তার সমর্থকরাও ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনে প্রভাব খাটাতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না। একসময় যে সম্পর্ককে বলা হতো ‘অটুট অংশীদারত্ব’, আজ তা যার যার নিজ নিজ রাজনৈতিক স্বার্থের ঘরে বন্দি হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে সর্বজনীন মানবাধিকার কিংবা বিশ্বগ্রামের কথা বলতে গিয়ে পশ্চিমা বিশ্ব তাদের নিজেদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শেকড়গুলোকে একপ্রকার ভুলতেই বসেছিল। কিন্তু বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের সেই অধ্যায় শেষে এখন আবার নিজেদের পরিচয়ের প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে।

সমাজগুলো এখন নতুন করে নিজেদের জিজ্ঞেস করছে, আমাদের মূল সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচিতি কী বা কোন ঐতিহ্যগুলোকে আমরা টিকিয়ে রাখতে চাই?

আজকের দিনে যে কোনো দেশের নির্বাচন মূলত কেবল ক্ষমতা দখলের লড়াই নয়; বরং তা হয়ে উঠেছে নিজেদের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

বিশ্ব রাজনীতির এই উত্তাল ঢেউয়ের মাঝে সমাজগুলো কীভাবে নিজেদের টিকিয়ে রাখবে? এর উত্তর কিন্তু কোনো বাঁধাধরা নীতিমালায় পাওয়া যাবে না। এর উত্তর লুকিয়ে আছে প্রতিটি দেশের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয়ের ভেতরে। সামরিক শক্তি কিংবা ভূরাজনৈতিক প্যাঁচের চেয়েও এই মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলোই আগামী দিনের বিশ্বব্যবস্থাকে পরিচালনা করবে।

আমরা এখন এমন এক নতুন যুগে পা দিয়েছি, যেখানে পৃথিবীর দেশগুলো আগের চেয়ে অনেক বেশি একে অপরের ওপর নির্ভরশীল, আবার একই সঙ্গে নিজ নিজ স্বার্থ ও পরিচয় রক্ষায় আরও বেশি অনড়। এই টানাপোড়েনই আজকের আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা।

তাই দূরের কোনো দেশেও যখন ভোটের লড়াই জমে ওঠে, আমরা চোখ না রেখে পারি না, কারণ বিশ্ব রাজনীতির এই নাটক এখন আমাদের সবার জীবনকেই কোনো না কোনোভাবে স্পর্শ করছে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনে ভরাডুবির পর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদে রাখা উচিত কি না, তা নিয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে জানতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, হোয়াইট হাউসের ভেতরে ও ফোনে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় হেগসেথের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তবে তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের দায় কিছুটা বর্তাতে পারে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ওপর। ইরান যুদ্ধ পরিচালনার দিকনির্দেশনা তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তবে অন্য সূত্রগুলো বলছে, হেগসেথকে সরানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগেই ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর চেষ্টা করছিল। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা তৈরি হওয়ায় সেই উদ্যোগ আরও জোরালো হতে পারে।

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য যুদ্ধকেই দায়ী করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ।’

হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের নামও আলোচনায় এসেছে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন একটি সূত্র। ওই সূত্রের মতে, গভর্নর হিসেবে ডিস্যান্টিসের মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হবে। এর আগে কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলাকালে সিনেটের অনুমোদন নিয়ে তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া সম্ভব হতে পারে।

সূত্র : সিবিএস নিউজ

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দিকে তাকিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দিকে তাকিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল

মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি দেশে এবং ইসরায়েলে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফল কূটনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে ইসরায়েলকে। এতে দেশটির আন্তর্জাতিক অবস্থান জটিল হয়েছে, ওয়াশিংটনে ইসরায়েলবিষয়ক আলোচনা ও সমালোচনা বেড়েছে। একই সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। বুধবার (০৪ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণে এমন চিত্র তুলে ধরেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ধাক্কাগুলোর শুরু গত ২৫ অক্টোবর সার্বিয়ায়। ওই দিন আগাম পার্লামেন্ট নির্বাচনে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আলেকসান্দার ভুচিচের নেতৃত্বাধীন জোট পরাজিত হয়। দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা শিক্ষার্থীদের সমর্থিত একটি জোট নির্বাচনে জয় পায়।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়া ইসরায়েলকে গোলাবারুদ সরবরাহ করেছে। ২০২৫ সালের আগস্টে ইসরায়েলের কাছ থেকে ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা কিনতে ১৬০ কোটি ডলারের চুক্তিও করে দেশটি। তবে নির্বাচনে জয়ী শিক্ষার্থী-সমর্থিত জোটটি যুদ্ধক্ষেত্রে অস্ত্র রপ্তানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির আওতায় ইসরায়েলও পড়বে কি না, তা এখনো স্পষ্ট নয়।

নির্বাচনী ইশতেহারে জোটটি বলেছে, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণকে পরিকল্পিতভাবে ধ্বংস করার যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে, তাতে আমরা সহযোগী হব না।’

ব্রাজিলেও ইসরায়েলের প্রত্যাশায় ধাক্কা লেগেছে। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে পুনর্নির্বাচিত হওয়ায় ব্রাসিলিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ইসরায়েলি আশা পূরণ হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। লুলার শাসনামলে ব্রাজিল ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার মামলাকে সমর্থন করে দেশটি।

এরপর গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনেও কোনো পক্ষ এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টি পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে আটটি আসন কম পাওয়ায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে পার্লামেন্টের দলগুলোর সঙ্গে পরামর্শ শুরু করেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

যুক্তরাষ্ট্রেও মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদের অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে। ইসরায়েল নিয়ে তার দৃষ্টিভঙ্গি সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি নিয়ে ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিতর্কে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যমটি।

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের সদস্যরা শপথ নেবেন। জেরুজালেম পোস্টের আশঙ্কা, ইসরায়েলের রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠনের চেষ্টা চালাবে, তখনই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হতে পারে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করা ভোটারদের একটি জরিপে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পরিবর্তনের বিষয়টি ছিল চারটি প্রধান প্রতিক্রিয়ার একটি। ভ্যান্স আরও লেখেন, ‘আমরা যে কারণে হেরেছি, তা হলো ইরান যুদ্ধ।’

এদিকে মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন। তার দাবি, যুক্তরাষ্ট্র বছরে প্রায় ৪০০ কোটি ডলার সহায়তা দেয় ইসরায়েলকে। কয়েক মাস আগে নেতানিয়াহুর সঙ্গে এ সহায়তা বন্ধের বিষয়ে তার সমঝোতা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : জেরুজালেম পোস্ট

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা এল-সাইয়েদের

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন ৪২ বছর বয়সী এই রাজনীতিক। মিশিগানে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে স্থানীয় সময় বুধবার (০৪ নভেম্বর) ভোরে ডেট্রয়েটে সমর্থকদের সামনে দেওয়া বিজয়ী ভাষণে প্রতিপক্ষের নির্বাচনি আক্রমণের জবাব দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ব্যঙ্গ করতেও ছাড়েননি।

ভাষণের শুরুতেই নির্বাচনের ফল নিয়ে কথা বলার সময় বারবার বলা নিজের একটি শব্দের প্রসঙ্গ তোলেন এল-সাইয়েদ। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহ চাইলে’, বলে তিনি নির্বাচনের ফলের কথা বলতেন। এখন সেই ‘ইনশাআল্লাহ’কে ‘আলহামদুলিল্লাহ’তে বদলে দেওয়ার সময় এসেছে। ‘আলহামদুলিল্লাহ’ অর্থ ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য’।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এল-সাইয়েদের এই জয় যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার পথ তৈরি করেছে। মধ্যবর্তী নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেন।

বিজয়ী ভাষণে এল-সাইয়েদ বলেন, আমার প্রতিপক্ষরা আমার নাম ও ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে প্রচারণা চালিয়েছে। শেষ পর্যন্ত খারাপ লোকেরা হেরেছে। প্রতিপক্ষরা এমন এক আমেরিকা চায়, যেখানে তাদের ধারণায় কিছু মানুষের জায়গা নেই। অথচ মিশিগান ঘৃণার বদলে আশাকে বেছে নিয়েছে।

রিপাবলিকান প্রার্থী রজার্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার অবসরজীবন উপভোগ করুন।’

বিজয়ী ভাষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আরবি শব্দ ‘হাবিবি’ বলে সম্বোধন করেন এল-সাইয়েদ। শব্দটির অর্থ প্রিয়জন বা প্রিয় বন্ধু। ভ্যান্সের উদ্দেশে তিনি বলেন, আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তাকেই নতুন সিনেটর হিসেবে এল-সাইয়েদকে শপথ পড়াতে হবে। আর এর চেয়ে মধুর পরিহাস আর কী হতে পারে!

তিনি আরও বলেন, ‘আপনাকে আমাকে শপথ পড়াতে হবে, এতে একধরনের চমৎকার পরিহাস রয়েছে।’ এরপর কৌতুক করে বলেন, ‘উলভারিন এক, বাকাই শূন্য।’ মিশিগান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচিতি ‘উলভারিন’ এবং ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের ‘বাকাই’ নামের প্রতিদ্বন্দ্বিতাকে ইঙ্গিত করে কথাটি বলেন তিনি। ভ্যান্স ওহাইও অঙ্গরাজ্যের রাজনীতিক।

ট্রাম্পের উদ্দেশেও খোঁচা দেন এল-সাইয়েদ। নির্বাচনি প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার তার নাম সঠিকভাবে উচ্চারণ করতে সমস্যায় পড়েছিলেন। সে প্রসঙ্গ টেনে এল-সাইয়েদ বলেন, ‘আমি জানি, আমার নাম উচ্চারণ করতে আপনার সমস্যা হয়েছে। শপথ নেওয়ার পর আপনি আমাকে শুধু সিনেটর বলেই ডাকতে পারেন।’

নির্বাচনের আগে ট্রাম্প ও রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এল-সাইয়েদকে ‘জিহাদি’ এবং মুসলিম ব্রাদারহুডের সদস্য বলে আখ্যা দিয়েছিলেন বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এল-সাইয়েদ বরাবরই মুসলিম ব্রাদারহুডের সদস্য থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

বিজয়ী ভাষণে তিনি বলেন, প্রতিপক্ষরা আমার নাম ও ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণ করার পর জীবদ্দশায় দেখা সবচেয়ে কুৎসিত প্রচারণাগুলোর একটি চালিয়েছে। এসব আক্রমণ সত্ত্বেও ভোটাররা ঘৃণার বদলে আশাকে বেছে নিয়েছেন।

নির্বাচনে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) ভূমিকারও সমালোচনা করেন এল-সাইয়েদ। তার দাবি, তাকে পরাজিত করতে সংগঠনটি ৪ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছে। তিনি বলেন, ‘আমাকে দুবার হারানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ প্রাথমিক ও চূড়ান্ত নির্বাচন দুই পর্যায়ের প্রচারণার প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।

সিনেটের একটি আসনে জয়ী হওয়াই তার চূড়ান্ত লক্ষ্য ছিল না বলে জানান এল-সাইয়েদ। তিনি বলেন, ‘লক্ষ্য ছিল এই আসন ব্যবহার করে আমাদের রাজনীতিকে বদলে দেওয়া।’

ভাষণের শেষ দিকে রাজনীতি থেকে অর্থের প্রভাব কমানো, সাধারণ মানুষের হাতে বেশি অর্থ পৌঁছে দেওয়া এবং সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে বিদায়ী সিনেটর গ্যারি পিটার্সের আসনটি ডেমোক্র্যাটদের দখলেই রাখেন এল-সাইয়েদ।

মিশিগানের স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা এল-সাইয়েদ সবার জন্য স্বাস্থ্যসেবা, নির্বাচনে করপোরেট অর্থের প্রভাব কমানো, বৈষম্য দূরীকরণ, বৈদেশিক যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে প্রচার চালিয়েছিলেন।

সূত্র : সিবিএস নিউজ

ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস
ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস

বাথটাবের ছবিতে ভাইরাল, প্রশংসা–কটাক্ষ দুটোই মিলছে শ্রাবন্তীর

প্রকাশ ০৯ ডিসেম্বর ২০২৫ঃ টালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়—কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও যাঁকে ঘিরে চর্চার কমতি নেই। এবার আলোচনা তৈরি করেছে তাঁর নতুন একটি ইনস্টাগ্রাম পোস্ট। বাথটাবে তোলা সেই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশংসা যেমন, তেমনি কটাক্ষও।

৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শ্রাবন্তী। ছবিতে দেখা যায়, সাবানের ফেনায় ঢাকা বাথটাবে বসে আছেন তিনি। চোখ বুজে পরিচিত মৃদু হাসিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। পরনে সোনালি রঙের বিকিনি। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজেকে সিক্ত রাখতে থাকুন।’

ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘর ভরে ওঠে। অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘দারুণ চোখের ভাষা’, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে তাঁর লুকের প্রশংসা করেছেন। তবে নেট–দুনিয়ায় সমালোচনাও এসেছে। একজন মন্তব্য করেন, ‘ঠান্ডায় এত স্নান কেন দেখাচ্ছেন?’ আরেকজন কটাক্ষ করে লেখেন, ‘বুড়ি হয়ে আর কত…’।

এর আগেও শ্রাবন্তী নানা কারণে ট্রলের মুখে পড়েছেন। ব্যক্তিজীবনের সিদ্ধান্ত থেকে শুরু করে পোশাক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট—প্রায় সবকিছুতেই প্রশ্ন উঠে আসে তাঁকে ঘিরে। তিনটি বিয়ে ভেঙে যাওয়ার গল্পও বহুবার আলোচনায় এসেছে। কিন্তু সমালোচনা সত্ত্বেও নিজের কাজ ও ব্যক্তিজীবনকে আলাদা রেখে এগিয়ে চলেছেন তিনি।

অল্প বয়সেই সিনেমায় পথচলা শুরু শ্রাবন্তীর। স্কুলে পড়ার সময় ‘চ্যাম্পিয়ন’ ছবির মধ্য দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেই ছবির সাফল্যে রাতারাতি জনপ্রিয়তা পান। ব্যক্তিজীবনের টানাপোড়েনের মধ্যেও ছেলেকে একা হাতে বড় করেছেন এই অভিনেত্রী। একসময় সন্তানের জন্য কাজ থেকেও বিরতি নিয়েছিলেন।
ক্যারিয়ারের দিক থেকে শ্রাবন্তী এখনো সক্রিয়।

চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তাঁর আলোচিত ছবি ‘দেবী চৌধুরানী’। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দা ও সব্যসাচী চক্রবর্তী। নানা চড়াই–উতরাই পেরিয়েও শ্রাবন্তী যে নিজের ছন্দেই পথ চলছেন, সেটাই যেন বারবার চোখে পড়ছে।

বাথটাবে তোলা সেই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশংসা যেমন, তেমনি কটাক্ষও
বাথটাবে তোলা সেই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশংসা যেমন, তেমনি কটাক্ষও