Thursday, April 13, 2017

কিমকে বাঁচাতে দেড় লাখ সৈন্য পাঠিয়েছে চীন

উত্তর কোরিয়ার সাথে সুহৃদ সম্পর্ক চীনের। পিয়ংইয়ংয়ের একমাত্র ভরসার কূটনৈতিক বন্ধু। এমন বন্ধুকে রক্ষায় তৎপর চীনা গণফৌজ সীমান্তে বিশেষ অবস্থান নিয়ে ফেলেছে। আন্তর্জাতিক মহলের ধারণা, উত্তর কোরিয়া বিপদে পড়লেই চীনা বাহিনী দ্রুত সাহায্যে এগিয়ে যাবে। যদিও উত্তর কোরিয়ার সীমান্তে বিশেষ সেনা মোতায়েনের সংবাদ অস্বীকার করেছে চীন।  কোরীয় উপদ্বীপ অঞ্চলের রাজনৈতিক উত্তাপ প্রবল। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নৌবাহিনী পাঠানোর পরই অতি তৎপরতা লক্ষ্য করা গেছে জাপানের।
তারাও মার্কিন প্রশাসনের পাশে এসেছে। অন্যদিকে তীব্র পরমাণু হামলার হুমকি দিয়েছেন উত্তর কোরিয় নেতা কিম জং উন। এরই মাঝে দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার পূর্ব সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করেছে চীন। যদিও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি উড়িয়ে দিয়েছে। কিমের হামলা রুখতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। সীমান্তে বিশাল ট্যাংক বাহিনী মোতায়েন করেছে সিওল। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিতে পারেন। পরিস্থিতি ঠাণ্ডা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং।

ঝালকাঠিতে শিক্ষকের উপর হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে সোহাগ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিনের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষক সমাজ। আজ বৃহস্পতিবার সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। গত ২ এপ্রিল কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল বারেক হাওলাদার ও তার সহযোগীরা হামলা চালিয়ে গিয়াস উদ্দিনকে আহত করে। মানববন্ধন চলাকালে রাজাপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এ কে আজাদ দ্রুততম সময়ের মধ্যে নির্যাতনকারী আব্দুল বারেক হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি মোহসীন উদ্দিন, শিক্ষক নেতা আফরোজা আক্তার, রিয়াজ হোসেন, লুৎফর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এ সময় শিক্ষকরা অভিযুক্ত আব্দুল বারেক হাওলাদার ও তার সহযোগীদের বিচারের দাবি জানিয়ে শ্লোগান দেন। পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরারবর ওই শিক্ষকের নিরাপত্তা ও অন্যত্র বদলীরা ব্যবস্থার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

শিবালয়ে বর্ষবরণে ব্যাপক প্রস্ততি

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান, শতদল সমাজিক-সাংস্কৃতিক সংগঠন ঘুড়ি উড়ানো,চিত্রাঙ্কন প্রতিযোগীতা, স্যার সাদত আলী মেমোরিয়াল ক্লাব ফানুস উড্ডয়ন ও আতশবাজি উৎসব, শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতি, নালী ক্রীড়া চক্র, আমরা নিহালপুর গ্রামবাসীসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য র‌্যালি বের ও বাউল গানের আয়োজন করেছে। নাঈমুর রহমান দুর্জয় এমপি এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, ভাইস-চেয়ারম্যান আলী আহসান মিঠু, তাহমিনা আক্তার লতা, মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, আ’লীগ উপজেলা সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বিএ, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর প্রমুখ বিশেষ অতিথি রয়েছেন। ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ সভাপতিত্ব করবেন। জানা গেছে, উপজেলা চত্বর টেপড়ায় সকালে মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, আলোচনা সভা ও শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। বিকেলে আরিচা ফেরি ট্রাক টারমিনালে গ্রামীণ মেলা, গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন ও ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও সন্ধায় মনোমুগদ্ধকর ফানুস উৎসব এবং নয়নাভিরাম আতশবাজির আয়োজন করা হয়েছে। এলজি-বাটারফ্লাই, ইউরো কোলাসহ বিভিন্ন কোম্পানী এ সকল অনুষ্ঠানে সহযোগীতা করছে। বিভিন্ন পয়েন্টে সুদৃশ্য তোড়ণ নির্মাণ করা হয়েছে। দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি, ধনাঢ্য ব্যবসায়ীরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা কার্ড বিতরণ করছে। অনেকে অসংখ্য ব্যানার-ফেসটুন টানিয়েছে।
ভিক্ষুকমুক্ত শিবালয় উপজেলা গড়ার কাজ চলছে
শিবালয় উপজেলার সাতটি ইউনিয়ন ভিক্ষুকমুক্ত করার কাজ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এ লক্ষ্যে নানা সমীক্ষা ও জরিপ চালাচ্ছে। জানা গেছে, শিবালয় উপজেলায় এ যাবৎ ১৪৯ জন ভিক্ষুকের নাম তালিকাভূক্ত হয়েছে। এতে, পুরুষ ভিক্ষুক ৫৩ ও ৯৬ জন নারী ভিক্ষুক রয়েছে। উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যালয় এ সমীক্ষা চালায়। তেওতা ইউনিয়নে ৪৩, উথলীত ১০, শিবালয় মডেল ইউনিয়ন ১৬, আরুয়া ১৭ উলাইলে ২৬ মহাদেবপুর ২২ ও শিমুলিয়া ইউনিয়নে ১৫ জন ভিক্ষুক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ জানান, বর্তমান সরকারের এক নম্বর লক্ষ্য হচ্ছে দারিদ্রতা দুঢ় করা। এ উপজেলা ভিক্ষুকমুক্ত করার জন্য কয়েক মাস আগে উদ্যোগ নেয়া হয়। বিকল্প কর্মসংস্থান, বাসস্থান ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করে অচিরেই ভিক্ষুকদের সাবলম্বী করা হবে।

ফুলবাড়ীয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ বিভ্রাট

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের বক্তব্য শুনতে পাননি ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আছিম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের ২নং ফিডারের এনায়েতপুরের আওতাধীন ৪টি স্পটের মানুষ। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে আসা মানুষসহ শিক্ষার্থীরা হতাশ হয়ে ফিরে গেছে। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ৪ হাজার ১৯ স্পটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় তৃণমূল মানুষদের সাথে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। ভিডিও কনফারেন্স শুরুর সাথে সাথে ফুলবাড়ীয়ার আছিম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের ২নং ফিডার বন্ধ করে দেয়া হয়। পল্লী বিদ্যুতের সাবস্টেশনে বার বার ফোন দিয়েও তারা বিদ্যুৎ পায়নি বলে ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে।
ভিডিও কনফারেন্স শেষ হওয়ার একটু আগে পুনরায় বিদ্যুৎ দেয়া হয়। কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় স্থানীয় পল্লী বিদ্যুতের সাব স্টেশনে জরুরী মোবাইল নাম্বারে ফোন দেয়ার পর ফোনটি বন্ধ পাওয়া যায়। আছিম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের আনোয়ার হোসেন জানান, সাব স্টেশনে ৪টি ফিডার রয়েছে। বিদ্যুতের অভারলোড থাকার কারণে ৪টির মধ্যে একটি বন্ধ করে বাকী তিনটি চালু রাখা হয়। ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে বিদ্যু না থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, উপজেলায় ৯৫টি স্পটে ভিডিও কনফারেন্স দেখার আয়োজন করা হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেসব স্পটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে পারেনি পরবর্তীতে রেকর্ড করা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘আগামী পাঁচ বছরের মধ্যে মিরসরাইয়ের চেহারা বদলে যাবে’

আগামী পাঁচ বছরের মধ্যে মিরসরাইয়ের চেহারা বদলে যাবে। সারাদেশে এক নামে পরিচিত হবে এ অঞ্চল। এখানে হবে ৫০ তলা বিল্ডিং, ৫টি কৃত্রিম লেক এবং মিনিমাম ১ লাখ লোকের কর্মসংস্থান। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বিদ্যুৎখাতে যেমন বিপ্লব ঘটেছে তেমনি ইকোনমি জোনও দেশের অর্থনীতিতে বিশাল একটি বিপ্লব ঘটাবে বলে জানান দেশের সবচেয়ে বৃহত্তর ইকোনমি জোনের প্রথম নকশাকারক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। গত ১২ এপ্রির দুবাইয়ে মিরসরাই সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকোনমি জোনের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু এফডিআই না বাংলাদেশের মধ্যেও যারা উদ্যোক্তা আছেন তারাও ইকোনমি জোনে বিনিয়োগ করতে যাবেন। বিনিয়োগ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে ইকোনমি জোন অথারিটি কর্তৃক এনআরবিদের জন্যে একটি ডেস্ক খোলা উচিত।
এতে প্রবাসীরা সরাসরি বিনিয়োগ না করলেও মেনুফেকচারিং ফান্ড নিয়ে যেতে পারে এবং সরকারের পক্ষ থেকে প্রবাসীদের এসব সুযোগ-সুবিধা দেয়া উচিত। মিরসরাই সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সালাহ উদ্দিন হেলালের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল হাশেম, জাফর উল্লাহ, আব্দুল কাইয়ুম, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, সাইফুল ইসলাম, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আবুল হাসেম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সহ-সাগঠনিক সম্পাদক মোর্শেদ আজম, নাজিম উদ্দিন, মেজবাউল আলম মেজবা উদ্দিন প্রমুখ। এসময় প্রবাসীদের স্বার্থ ও কাজের পরিবেশ নিশ্চিত করে এলাকার দুস্থ অসহায় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য এ সমিতি কাজ করে যাবেন বলে উল্লেখ করেন বক্তারা।

চাটখিলে বৈশাখী মেলায় সংঘর্ষের আশঙ্কা

চাটখিল উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই বৈশাখী মেলার আয়োজন করেছে চাটখিল পৌরসভা। এই অবৈধ মেলা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রায়হানুল হারুন জেলা প্রাশাসকের কাছে ১৩ এপ্রিল বৃহস্পতিবার চিঠি দিয়েছেন। এদিকে মেলাকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ১লা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী ১৮নং ক্রমিকে সিদ্ধান্ত হয়, সূর্যাস্তের পূর্বেই মেলার কার্যক্রম সমাপ্ত করতে হবে। কিন্তু পৌরসভা সিদ্ধান্ত অমান্য করে মেলার আয়োজন করে। এ ব্যাপারে পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারীর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, পৌরসভার ভিতরে মেলা করার অধিকার পৌরসভার আছে এবং মেলা ১ দিনের জন্যেই, সূর্যাস্তের পূর্বেই মেলা শেষ হয়ে যাবে।

হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আ'লীগ কর্মী নিহত

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই গ্রপের সংর্ঘষে নূর আলম (২৮) নামে দলটির এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার চর কিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নূর আলম ওই গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চেয়ারম্যানের সমর্থক ছিলেন। হাতিয়া থানা ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পিলখানা হত্যা মামলার রায় যেকোনো দিন

পিলখানা হত্যা মামলায় ১৫২ জনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও দণ্ডাদেশের বিরুদ্ধে উভয়পক্ষের করা আপিলের ওপর যেকোনো দিন রায় দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার এসবের ওপর ৩৭০তম দিনের শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন- মো. আবু জাফর সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম তালুকদার। এর আগে গত ৬ এপ্রিল বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত বিডিআর বিদ্রোহের ভিডিও ফুটেজ হাইকোর্টে প্রদর্শিত হয়। তিন কার্যদিবস ধরে আদালতে এই ভিডিও প্রদর্শন করে রাষ্ট্রপক্ষ। একই দিন সর্বোচ্চ সাজা চেয়ে নিন্ম আদালতে এ মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং খালাসপ্রাপ্ত সব আসামির বিরুদ্ধে আরও তিনটি আপিল করে রাষ্ট্রপক্ষ। পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২০১৫ সালে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ওই বছরের জানুয়ারি মাসে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়। পরে মামলা দুটি স্থানান্তর হয় নিউমার্কেট থানায়। হত্যা মামলায় মোট আসামি ছিল ৮৫০ জন। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড, আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২৫৬ জনকে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৭ জন।

বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজশাহীর বাঘায় মাদকাসক্ত ছেলে সাকায়েত আলীকে (১৯) পুলিশের হাতে তুলে দিলেন বাবা। মাদক নেশার অত্যাচার সইতে না পেরে বৃহস্পতিবার সকালে উপজেলার চকনারায়নপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন। মাদকাসক্ত সাকায়েত আলীর বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলে দীর্ঘদিন যাবৎ হিরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সেবন করে আসছিল।
মাদক কেনার জন্য প্রতিনিয়ত টাকা দাবি করত। টাকা দিতে না চাইলে ঘরের আসবাবপত্র ভাংচুর ও অশ্লীল ভাষায় গালা-গালি করত। অবশেষে এই অত্যাচর সহ্য করতে না পেরে পুলিশের হাতে তুলে ধরিয়ে দিয়েছি। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, সাকায়েত আলীকে ৩৪(৬) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিক্ষার্থীকে থানায় নিয়ে গুলির হুমকি তদন্তের নির্দেশ

কুষ্টিয়ার দৌলতপুরে এক কলেজছাত্রকে মাদক ব্যবসায়ী বানিয়ে থানায় ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও অভিযুক্ত পুলিশের এসআই জাহিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী-২ (দৌলতপুর-ভেড়ামারা) আদালতের বিচারক এম এম মোর্শেদ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ প্রদান করেন। আদালত আদেশে জানতে চান, দৌলতপুরের ওই কলেজছাত্র আব্দুল্লাহ আল মামুনকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে কিনা এবং থানা হাজতে থাকাবস্থায় এসআই জাহিদ গুলি করে হত্যার হুমকি প্রদর্শন করেছেন কিনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ৬/১ ধারা লংঘন করে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি প্রদান করেছেন কিনা। কুষ্টিয়া সহকারী জজ দৌলতপুর আদালতের বিচারক ফয়সাল আল মামুনকে আগামী ৩১ মে ২০১৭ তারিখের মধ্যে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন আদালত। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দৌলতপুর থানার এসআই জাহিদের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য দুটি মোটরসাইকেলে সেখানে যান। পুলিশ সদস্যরা তার নাম-পরিচয় জানতে চান। তিনি বলার পর তাকে হাতকড়া পরিয়ে দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয়। রাতে তাকে হাজতে রাখা হয়। রাত আড়াইটার দিকে থানার এসআই জাহিদ হাজতখানায় ঢুকে বলেন, ‘মানসিকভাবে প্রস্তুতি নিন। ওপরের নির্দেশ আছে। আপনাকে গুলি করা হবে।’ এই বলে এসআই চলে যান। রাত তিনটার দিকে পুনরায় হাজতখানায় ঢুকে এসআই জাহিদ তার নাম-পরিচয়-ঠিকানা লিখে নেন। তখন মামুন এসআই জাহিদকে বলেন,
‘আমাকে বুকে গুলি করে মেরে ফেলেন। পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েন না।’ গত ৯ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় কলেজ ছাত্রকে গুলি করে হত্যার হুমকির প্রসঙ্গটি উত্থাপন করে পুলিশের ক্ষমতার অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কুষ্টিয়াসহ দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অবশ্য অভিযুক্ত দৌলতপুর থানার উপপরিদর্শক জাহিদ বিষয়টি অস্বীকার করে বলেন, ছেলেটি ভদ্র, তাকে ছেড়ে দেয়ার জন্য তিনি ওসিকে অনুরোধ করেছিলেন। অন্যদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি ছিল ছেলেটি মাদক ব্যবসায়ী। মামুনের বাবা ইসমাইল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য। পর পর চার বার তিনি ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইসমাইল হোসেন বলেন, ছেলেকে আটকের খবর পেয়ে চায়ের দোকানে ছুটে যান তিনি। পুলিশ সদস্যরা তাকে বলেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশ আছে মামুনকে ধরে থানায় নিতে হবে। কোনোভাবে সন্তানকে ছাড়াতে না পেরে ইসমাইল ছুটে যান স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরীর কাছে। তাকে দিয়ে সুপারিশ করিয়েও ছেলেকে ছাড়াতে পারেননি। স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ইসমাইল হোসেনের। জানতে চাওয়া হলে দৌলতপুরের ইউএনও তৌসিফুর রহমান জানান, পুলিশ ওই যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেছিল। পরে আদালত এক হাজার টাকা জরিমানা করেন।

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ২

নরসিংদীর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটপাড়া কদমতলা এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহতদের বাড়ি লালমনিরহাট জেলায়। তবে এখনো তাদের নাম পাওয়া যায়নি।
মাদবধী থানার ওসি মো. ইলিয়াস বলেন, সকাল ১০টার দিকে নরসিংদীর ঘোড়াশাল থেকে তিন মোটোরসাইকেল আরোহী পাঁচদোনা আসছিলেন। পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ভাটপাড়া কদমতলা এলাকায় পৌঁছলে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। গুরুতর আহত হয় আরো একজন। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুঘটনার পরই পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়কের ওপর থেকে মোটরসাইকেলটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।  তবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটি দুর্ঘটনায় পড়ে।

কিমের সন্দেহভাজন হত্যাকারীদের মালয়েশিয়ার আদালতে হাজির

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাইকে হত্যা করার দায়ে অভিযুক্ত দুই নারীর বিচার শুরুর আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার একটি আদালতে হাজির করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ পোশাক পরিয়ে তাদের আদালতে নেয়া হয়। এ মামলায় তাদের ফাঁসি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সিতি আসিয়া (২৫) এবং ভিয়েতনামের দোয়ান থি হুওঙকে (২৮) বিমানবন্দরের কাছের সেপাং ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি কিম জং-নামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।
প্রসিকিউটররা মামলাটি উচ্চ আদালতে স্থানান্তর করার জন্য আবেদন জানাবেন বলে ধারণা করা হচ্ছে। আবেদন মঞ্জুর হলে উচ্চ আদালতে এ দুই নারীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচার কাজ শুরু করা হবে। এতে দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। উল্লেখ্য, মালয়েশিয়ায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। পুলিশের অভিযোগ, এ দুই নারী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিমের মুখমণ্ডলে বিষাক্ত পদার্থ ছিটিয়ে তাকে হত্যা করে। এটি মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্বব্যাপী বিষাক্ত এ রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ রয়েছে।

ভেনিজুয়েলায় বিক্ষোভ : কিশোরসহ নিহত ২

রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে থাকা ভেনিজুয়েলায় বিক্ষোভ চলাকালে এক কিশোরসহ দু'জন নিহত হয়েছে। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। মঙ্গলবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী বারকুইসিমেতোয় ১৪ বছর বয়সী ওই কিশোর ও অপর এক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়। স্থানীয় সরকার এই ঘটনার জন্য বিক্ষোভকারীদের দায়ী করেছে। এদিকে গত সপ্তাহের বিক্ষোভে দুই ছাত্র প্রাণ হারিয়েছে।
দেশটিতে চলমান অর্থনৈতিক সঙ্কটের মাত্রা বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ছে। তিনি দেশটিতে স্বৈরতন্ত্র কায়েম করেছেন বলে সরকার বিরোধীরা অভিযোগ করছে। মঙ্গলবার ভোরে ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য বলিভারে তিনি একটি সামরিক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। শুক্রবার সর্বশেষ সরকার-বিরোধী বিক্ষোভ হয়। বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলেসকে ১৫ বছরের জন্য প্রকাশ্যে জনসভা করতে না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভটি হয়।

বিশেষ বাহিনীর অভিযান পর্যবেক্ষণ করেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বিশেষ বাহিনীর একটি কমান্ডো অভিযান পর্যবেক্ষণ করেছেন। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি প্রশ্নে ওয়াশিংটনের সাথে উত্তেজনা বেড়ে যাওয়ায় তিনি এ অভিযান পর্যবেক্ষণ করলেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তি প্রদর্শনের লক্ষে কোরীয় উপদ্বীপের দিকে তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি বহর পাঠিয়ে দিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে বলেন, ওয়াশিংটন প্রয়োজন হলে এককভাবেই পিয়ংইয়ংকে শায়েস্তা করবে। এদিকে উত্তর কোরিয়াও বারবার বলে আসছে, তারাও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এছাড়াও জল্পনা-কল্পনা চলছে যে, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার পিয়ংইয়ং পরমাণু অস্ত্র বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে।
দেশটি দীর্ঘদিন ধরে পরমাণু বোমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডে আঘাত হানতে সক্ষম দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে আসছে। এক্ষেত্রে এ পর্যন্ত তারা পাঁচটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে দুটির পরীক্ষা গত বছর চালায়। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তাদের বিশেষ বাহিনীর কমান্ডো অভিযান প্রত্যক্ষ করেন। বিশেষ বাহিনী হালকা পরিবহন বিমান থেকে বোমা মেরে শত্রু পক্ষের স্থাপনা গুঁড়িয়ে দেয়ার মহড়া প্রদর্শন করে। এ সময় কিমকে অনেক হাস্যেজ্জ্বল দেখাচ্ছিল। তবে কখন এ অভিযান চালানো হয় সে ব্যাপারে কেসিএনএ’র খবরে কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের লাশ মিললো নদীতে

যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের লাশ উদ্ধার করা হলো নদী থেকে। এর একদিন আগেই তার স্বামী পুলিশকে স্ত্রীর নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিলেন।৬৫ বছর বয়ষ্ক বিচারকের নাম শেইলা আব্দুস সালাম এবং তিনি নিউইয়র্কের সহযোগী বিচারক ছিলেন। তিনি আফ্রিকান আমেরিকানদের মধ্যেও প্রথম মহিলা যিনি বিচারক হয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তার লাশ কাপড়ে আবৃত ছিল এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পরে পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করে, তবে মৃত্যুর কারণ কি তা জানা যাবে ময়নাতদন্তের পর। বার্তা সংস্থা রয়টার্স নিউইয়ক পোস্টকে উদ্ধৃত করে জানায় যে বুধবার বাড়ি থেকেই নিখোঁজ হন শেইলা। এরপর অনেক খুঁজলেও তার আর সন্ধান পাওয়া যায়নি। বার্নার্ড কলেজ ও কলাম্বিয়া ল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি ইস্ট ব্রুকলিন লিগ্যাল সার্ভিসে তার ক্যারিয়ার শুরু করেন। নিউইয়ক স্টেট অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নিউইয়র্ক সিটির বিচারক হওয়ার পর তিনি বিচারবিভাগীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া এবং উত্তর কোরিয়ার নীতিকে কেন্দ্র করে বিশ্ববাসী তৃতীয় যুদ্ধের আশঙ্কা করছে। গুগলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নিয়ে সার্চ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া, ‘ট্রাম্প যুদ্ধ’ এবং ‘সিরিয়া যুদ্ধ’ নিয়ে সার্চেরও রেকর্ড হয়েছে। পাশাপাশি বাড়ছে ‘পরমাণু যুদ্ধ’ নিয়ে সার্চ। ইনফোওয়ারস নামের ওয়েবসাইট এ তথ্য দিয়েছে। কোরিয়া উপদ্বীপের দিকে বিমানবাহী রণতরী কার্ল ভেনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ ছুটে চলছে। এ গ্রুপের সাথে জাপানের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া করবে বলে ঘোষণা করেছে।
এ ছাড়া, চলতি মাসের ৭ তারিখে হামলার পরও মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার দিকে তাক করা আছে। আর এতে বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে, চীন উত্তর কোরিয়ার সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করছে বলে খবর প্রচারিত হয়েছে। অবশ্য বেইজিং এ খবরের সত্যতা অস্বীকার করেছে। ২০০৪ সালের পর এবারই প্রথম তৃতীয় মহাযুদ্ধ নিয়ে সার্চ গুগলে রেকর্ড সৃষ্টি করেছে। এ ছাড়া, ২০০৬ সালের পর এই প্রথম ‘যুদ্ধ’ সংক্রান্ত বিষয়ে সার্চে রেকর্ড সৃষ্টি হলো। ২০০৬ সালে উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর ‘যুদ্ধ’ নিয়ে ব্যাপক সার্চ করা হয়েছিল। সূত্র : ওয়েবসাইট

ইরানের সতর্কবার্তা



ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাস হয়েছিল তেহরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে তা লঙ্ঘন করেনি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে পরমাণু সমঝোতার কোনো সম্পর্ক নেই। পাশ্চাত্যের সাথে স্বাক্ষরিত ওই সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে কোনো কথা নেই।
এ ছাড়া, ওই সমঝোতা অনুমোদন করে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে যে ২২৩১ নম্বর প্রস্তাব অনুমোদিত হয়েছিল তাতেও ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোনো কথা বলা হয়নি। ইরান তার জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে যাবে বলেও সতর্ক করে দেন বাহরাম কাসেমি।

'আমি আমার দুই ভাইকে খুন করেছি'



দাভাও শহরের মেয়র ছিলেন ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যেমনটি তিনি করেছেন প্রেসিডেন্টের হওয়ার পরেও। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই বহু মানুষকে হত্যার অভিযোগ এনেছে। দাভাওয়ের সাবেক পুলিশ কর্মকর্তা অর্তুরো ল্যাসক্যানাস ছিলেন দুতের্তের ডেথ স্কোয়াডের একজন সদস্য। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ল্যাসক্যানাস বলছেন তিনি নিজেই দুই শ'র বেশি মানুষকে হত্যা করেছেন। "ডেথ স্কোয়াডের সদস্য হিসেবে আমি তখনকার দাভাও শহরের মেয়র রদ্রিগো দুতের্তের আদেশে কাজ করেছি।" তিনি বলেন, দুতের্তের নির্দেশ দিলো ব্যবস্থা নেয়ার। এরপর তারা পিস্তল ও মাদক রেখে দিতেন যাতে মনে করা হতো তাদের অ্যাকশনটা ঠিকই হয়েছে এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে তারা প্রতিরোধের চেষ্টা করেছিলো। "আমি নিজে পরোক্ষভাবে আমার দুই ভাইয়ের হত্যার জন্য দায়ী।" তিনি বলেন, "আমার দুই ভাই অবৈধ মাদক ব্যবসায়ের জড়িত ছিলো। আমার আপন দুই ভাই। অন্ধ আনুগত্য, অন্ধ বিশ্বাসের জন্য এটা করেছি।" 
দুতের্তে এখন ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর এ যুদ্ধে এর মধ্যেই প্রাণ হারিয়েছে হাজারের বেশি মানুষ। ল্যাসক্যানাস বলেন তাদের কোন ঈশ্বরের ভয় ছিল না। কিন্তু এখন মৃত্যু ভয় হচ্ছে। সরকার অবশ্য এসব অভিযোগকে অস্বীকার করছে এবং বলছে এসব কিছুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে রদ্রিগো দুতের্তেকে নিয়ে এসব বলার পর থেকে পালিয়ে আছেন ল্যাসক্যানাস, তাকে সুরক্ষা দিচ্ছে একটি ক্যাথোলিক চার্চ। একসময় হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে চুপ থেকে সমালোচিত হওয়া চার্চের বিশপও এখন সরব হয়েছেন। তিনি স্পষ্ট করেই বলছেন সমস্যা সমাধানের এটি কোন পথ হতে পারে না। তার এ বক্তব্যও ভালোভাবে নেননি প্রেসিডেন্ট দুতের্তে। সূত্র : বিবিসি

ট্রাম্প আমলে রুশ-মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ওয়াশিংটন-মস্কো সম্পর্ক আগের চেয়ে আরো খারাপ হয়েছে। তিনি বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, দুই দেশের মধ্যে বিশেষ করে সামরিক খাতে সহযোগিতার জন্য আস্থার জায়গাটি ট্রাম্প ক্ষমতায় আসার পর আগের চেয়ে খারাপ হয়েছে। সিরিয়ায় সাম্প্রতিক এক সন্দেহজনক রাসায়নিক হামলা এবং এর জের ধরে দেশটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে। আমেরিকা সিরিয়ার ইদলিব প্রদেশের রাসায়নিক হামলার জন্য বাশার আল-আসাদ সরকারকে দায়ী করছে।
অন্যদিকে দামেস্কের মিত্র রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে রাসায়নিক বিস্ফোরণের জন্য উগ্রবাদীদের দায়ী করছে। ওই রাসায়নিক হামলা সম্পর্কে পুতিন বলেন, হয় সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্রাগারে সিরিয়ার বিমান হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটেছে অথবা উগ্রবাদীরা আসাদ সরকারকে দায়ী করার জন্য নিজেরাই এই হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওই হামলা ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুতিন বলেন, রাসায়নিক হামলায় কারা জড়িত ছিল তা বের করার জন্য বিস্তারিত তদন্ত প্রয়োজন। এর বাইরে অন্য কোনো উপায় নেই।  রাশিয়া শুরু থেকেই এই প্রস্তাব দিয়ে এসেছে বলে প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন।

আসাদ কসাই : ট্রাম্প

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কশাই বলে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যখন আলোচনা শেষ করেছে তার পরপরই এমন মন্তব্য করলেন মিস্টার ট্রাম্প। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর সমর্থন প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সর্বনিন্ম পর্যায়ে রয়েছে। এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টার আলোচনায় বসেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন রাশিয়া সফরে। আলোচনা শেষে দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মন্তব্য করে টিলারসন বলেন, এই অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে।
পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিতি পাওয়া রেক্স টিলারসন যখন রাশিয়ায় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমাতে ব্যস্ত তখন মার্কিন প্রেসিডেন্ট আবারো সমালোচনা মুখর হলেন সিরিয়ার বাশার সরকারের। গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে বহু প্রাণহানির ঘটনায় বাশার আল আসাদকে দায়ী করে ট্রাম্প তাকে কসাই বলে আখ্যায়িত করেন। রাসায়নিক হামলার পরপরই সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র হামলার তীব্র সমালোচনা করে বরাবরের মতো বাশার সরকারকে সমর্থন দিয়ে আসা রাশিয়া। এদিকে, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত করার দাবি জানিয়ে প্রস্তাব রেখেছে এবং সেই তদন্তে যেন সিরিয়া সরকারই সহায়তা করে সেই দাবিও জানানো হয়। এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ফলে এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সূত্র : বিবিসি

নর্দমা খুঁড়তে বের হলো ১১টি মর্টার শেল

নগরীর দরগা মহল্লা এলাকায় নর্দমা খননকালে ১১টি মর্টার শেলের সন্ধান পেয়েছে ড্রেন খননকারী শ্রমিকরা। পরে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে কতোয়ালী থানা ওসি গৌছ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।
সূত্র জানায়, নগরীতে পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন খনন করে ড্রেনের গভীরতার কার্যক্রম চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। কার্যক্রমের অংশ হিসেবে দরগা মহল্লায় মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের নিকটে ড্রেন করার সময় কর্মরত শ্রমিকরা মর্টার শেলগুলো দেখতে পান।পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ধারণা করছে, মুক্তিযুদ্ধ চলাকালে মর্টার শেলগুলো সেখানে পুঁতে রাখা হয়েছিল। ওসি গৌছ জানান, মর্টার শেলগুলো পরীক্ষা করার জন্য র‌্যাবের বোম বিশেষজ্ঞ ইউনিটকে জানানো হয়েছে। তারা পরীক্ষা করে মর্টার শেলগুলোর অবস্থা জানাবেন।

নাফ নদীতে বিজিবির সঙ্গে গোলাগুলিতে নারী নিহত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির সঙ্গে সন্দেহভাজন ইয়াবা বিক্রেতাদের গোলাগুলির ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
বিজিবি ও হাসপাতাল সূত্রের ভাষ্য, গত রাতে নাফ নদীতে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় হয়। এতে এক নারী নিহত হন। আহত হন চারজন। তাঁদের মধ্য দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মাত্র ৪ জন

পাবনার সাঁথিয়া উপজেলার স্বাহ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এতে উপজেলার প্রায় ৪ লাখের বেশি মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন অনেক রোগীকেই চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যেতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে খাতা কলমে আছেন ৯ জন। কর্মক্ষেত্রে উপস্থিত রয়েছেন মাত্র ৫ জন চিকিৎসক। এদের মধ্যে এক জন হোমিওপ্যাথিক ও এক জন ডেন্টাল। বাকি তিন জনের মধ্যে এক জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাকে প্রশাসনিক কাজের পাশাপাশি রোগী দেখতে হয়। দুই জন মেডিক্যাল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এছাড়া ১২ জন সহকারী মেডিক্যাল অফিসার (সেকমো) রয়েছে। অনুপস্থিত ৪ জনের মধ্যে ২ জনকে ডেপুটেশনে পাঠানো হয়েছে। ডাঃ সোহেলী সোবাহান ও জুনিয়র কনসালটেন্ট (শিশু) খোরশেদ আলম সাঁথিয়া হাসপাতালে যোগদানের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তারা এখন কোথায় কর্মরত আছেন, হাসপাতালের কেউ তা জানেন না। ওই ডাক্তারদের ব্যাপারে মন্ত্রনালয় সবই জানে। তাদেরকে মন্ত্রনালয় থেকে বেশ কয়েকবার শোকজ করা হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। সরেজমিন জানা যায়, সাঁথিয়া উপজেলার ৪ লাখের বেশী মানুষের মৌলিক চাহিদা চিকিৎসাসেবার জন্য উপজেলা সদরে একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। হাসপাতালের অভ্যন্তরীন অবস্থা সেই গ্রামীন প্রবাদের মতো “ কাজীর গরু খাতা কলমে আছে গোয়ালে নেই।
চিকিৎসক না থাকায় স্বাস্থ্য সেবা চরম ভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করছেন। ডাক্তার সংকটে চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। শহরের দিকে। অনেক গরীব রোগী যাদের শহরে চিকিৎসা করানো সামর্থ নেই, তাদেরকে সীমাহিন দুর্ভোগপোহাতে হয়। সিজারের ডাক্তার না থাকায় গ্রাম থেকে আসা অনেক রোগীকে পাবনা রিফার্ড করে দেয়া হয়। এমনকি পাবনা যাওয়ার পথে রাস্তাতেই ডেলিভারীর ঘটনা ঘটেছে। আগে এই হাসপাতালেই সিজার করা হতো। ৫০ শয্যা উন্নীত হওয়ার পর এখানে কোন সিজারের ডাক্তার নেই। নেই কোন অজ্ঞানের ডাক্তার। পদশুন্য রয়েছে সহকারী সার্জন, জুনিয়র কনসালটেন্ট শিশু, অর্থপেডিক, কার্ডি, চক্ষু, ইএনটি। নার্স,ওয়ার্ডবয়, এমএল,এস, নৈশ প্রহরীর পদ শুন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাফ্ফর হোসেন বলেন, চিকিৎসক সঙ্কটে আমরা খুবই কষ্টে আছি। একজন চিকিৎসককে ডে-নাইট ডিউটি করাতে হচ্ছে। হাসপাতালে যে সংখ্যক ডাক্তারের পদ অনুমোদন আছে, সেই সংখ্যক জনবল থাকলে কোন সমস্য হতো না। এ ব্যাপরে পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ তাজ্জেল হোসেন জানান, সাঁথিয়া হাসপাতাল ৫০ শয্যায় উন্নিত হলেও জনবল পাইনি। ডেপুটেশনের বিষয়ে তিনি জানান, উর্ধ¦তন কর্তৃপক্ষ যেখানে একেবারেই চিকিৎসক নেই, সেখানেই ডেপুটেশনে পাঠিয়েছেন। এ ব্যাপারে আমরা বলার কিছু নেই।

আত্রাইয়ে দিগন্ত জুড়ে এখন সবুজের সমারহ

নওগাঁর আত্রাই উপজেলার ৮ ইউনিয়নের প্রতিটি মাঠের বুকে এখন সবুজের সমারহ। দিগন্ত জুড়ে যে দিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। ইরি বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ইরি বোরো মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ১৮ হাজার ৩৩৫ হেক্টর জমিতে ইরি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গতবারে শ্রমিক সংকটের কারণে এবারও ইরি বোরো চাষ নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্তের শিকার হন। তথ্যমতে এবারে উপজেলার ৮টি ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে ইরি বোরো চাষ একটু কম হলেও ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আত্রাই এলাকা বন্যাদুর্গত এলাকা হিসাবে এ অঞ্চলের কৃষকেরা এবার বোরো চাষ কে সৌভাগ্য হিসাবে মনে করছেন। এদিকে উপজেলার ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমান তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশস্ত হয়েছে। নওগাঁ জেলার খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে আত্রাই উপজেলা। উপজেলার শাহাগোলা গ্রামের কৃষক মোঃ আজাদ সরদার বলেন, অন্যান্য বারের তুলনায় এবারে আমরা অধিকহারে বোরো ধান চাষ করেছি। আশা করছি এবার বোরো ধানে বাম্পার ফলন হবে।
উপজেলার নওদুলি গ্রামের রফিকুল ইসলাম জানান, ধান গাছে সময়মত পানি পাওয়ায এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারহ। যেদিকে তাঁকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরণের ঝর বা শিলা বৃষ্টি না হলে বরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে আমরা অনেক উপকৃত হবো এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, ইরি-বোরো ধান চাষে কৃষকেরা যাতে-. লাভবান হতে পারে এবং কৃষকরা যেন বোরো চাষে কোন প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্য সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বিশেষ করে অধিক ফলেন জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার আত্রাই এলাকার কোথাও মাঝড়া পোকার আক্রমণ নেই। ফলে আমরা আশা করছি এবার রেকর্ড পরিমান জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ট্রলি শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি শ্রমিক ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত পৌনে ৮টার দিকে শহরের বাইপাস মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড়ের ম্যাচ ফাক্টরীর সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাস টার্মিনালগামী বালু ভর্তি একটি ট্রলি ওই স্থানে পৌছালে ট্রলির শ্রমিক জাহিদুল হঠাৎ চলন্ত ট্রলি থেকে পড়ে গিয়ে ওই ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহত জাহিদুল ইসলাম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকার ভুল্লীপাড়ার মৃত মনসুর আলীর পুত্র বলে জানা গেছে। সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জাহিদুল ইসলাম ঘটনা স্থলে মারা যায়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাবিতে মারাত্মক অব্যবস্থাপনায় চলছে শিক্ষাকার্যক্রম

বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শ্রেণিকক্ষ সঙ্কট বর্তমানে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি অপরিকল্পিতভাবে একের পর এক বিভাগ বৃদ্ধি, শ্রেণিকক্ষ বণ্টনে কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাব এবং বিশ্ববিদ্যালয়ের অসম নীতি এ সঙ্কটের মূল কারণ বলে দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। এ কারণে চরম অব্যবস্থাপনার মধ্যেই চলছে ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম। এতে ভোগান্তির অন্ত নেই শিক্ষার্থীদের। সেই সাথে কাস নিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র শ্রেণিকক্ষ নিয়ে চালু করা হয়েছে নতুন বিভাগ। এ ছাড়াও শ্রেণিকক্ষের অভাবে একই রুমে গাদাগাদি করে কাস করেন শিক্ষার্থীরা। এতে বিঘিœত হচ্ছে শিক্ষার পরিবেশ। মানসম্মত শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা। অপরিকল্পিতভাবে বিভাগের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরিকল্লিতভাবে কক্ষ বণ্টন না করায় দিন দিন এ সঙ্কট আরো জটিল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ঢাবিতে শ্রেণিকক্ষের সবচেয়ে বেশি সঙ্কট কলা অনুষদে। ১৯২১ সালে ঢাবি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত যতগুলো বিভাগ আছে তার অন্যতম কলা অনুষদভুক্ত দর্শন বিভাগ। বিভাগটিতে শ্রেণিকক্ষ সঙ্কটের মাত্র চরম আকার ধারণ করেছে। শ্রেণিকক্ষের অভাবে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করা সম্ভব হয় না। গত ৪ এপ্রিল মঙ্গলবার দুপুর আড়াইটায় কলাভবনের ১০২২ নম্বর রুমে দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাস নিচ্ছিলেন কোর্স শিক্ষিক মন্দিরা চৌধুরী। একটু পরেই অন্য একটি বর্ষের শিক্ষার্থীদের নির্ধারিত কাসের সময় হওয়ায় পাঠদান সম্পন্ন করার আগেই তাদের শ্রেণিকক্ষ ছেড়ে দিতে হয়।
পরে অন্য একটি শ্রেণিকক্ষে কাসের বাকি অর্ধেক শেষ করতে হয় তাকে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এ বিভাগের প্রতিটি বর্ষে দুই শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হলেও শ্রেণিকক্ষের সঙ্কটে তারা শিক্ষার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। মাত্র একটি কাসরুম নিয়ে অ্যাকাডেমিক পাঠদান কার্যক্রম পরিচালনা করছে ঐতিহ্যবাহী এই বিভাগটি। বিভাগের একমাত্র শ্রেণিকক্ষ লেকচার থিয়েটার ভবনের ৩১০ নম্বর কক্ষটি। পরবর্তীতে বিভাগের সেমিনার কক্ষকে (কলা ভবনের ২০২৮ নম্বর) শ্রেণিকক্ষ বানিয়ে সেখানে পাঠদানের ব্যবস্থা করা হলেও শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তা যথেষ্ট নয়। ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন এ শ্রেণিকক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর কাস করা সম্ভব হয় না। কেউ কেউ খুব গাদাগাদি করে বসতে পারলেও কাসের বাইরে দাঁড়িয়ে থাকেন অনেকে। ফলে তারা বঞ্চিত হচ্ছে শিক্ষার যথার্থ সুযোগ থেকে। রুমটিতে শিক্ষকের মঞ্চের চারপাশে গোল হয়ে বসতে হয় অনেককে। কাসের বাইরে ও দরজায় পাশে দাঁড়িয়ে থাকেন অনেকে। লেকচার থিয়েটার ভবনের ৩১০ নম্বর রুমের আকার অপেক্ষাকৃত বড় হলেও সেখানে সাউন্ড সিস্টেম ছাড়া কাস নেয়া সম্ভব হয় না। কাসের অতি মান্দাতার আমলের স্পিকারগুলো শিক্ষকের কথার ভার বহন করতে অপারগ। তাই প্রায় সময়ই স্পিকার ছাড়া শিক্ষকের কণ্ঠের জোরে কাস চালিয়ে যেতে হয়। কিন্তু তাতে পেছনের সারির বেশির ভাগ শিক্ষার্থীই লেকচার শুনতে পান না। বিভাগটিতে সম্প্রতি সেকশন চালু করা হলেও নানা রকম প্রতিবন্ধকতায় শিক্ষকদের পক্ষে আলাদা কাস নেয়া সম্ভব হয় না। তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন বলেন, বিভাগে সেকশন করা হলেও সময় সঙ্কীর্ণতার কারণে এবং একই বিভাগের দু’টি সেকশনে ভিন্ন ভিন্ন কাস নিতে শিক্ষকদের সমস্যা হওয়ায় সেকশনের কার্যকারিতা হারাচ্ছে। ঢাবির প্রতিষ্ঠাকালীন বিভাগের অন্যতম হলো- আরবি বিভাগ। শিক্ষার্থীবহুল ঐতিহ্যবাহী এই বিভাগের আছে মাত্র দু’টি শ্রেণিকক্ষ : কলাভবনের ৪০০১ ও ৪০৪৬ নম্বর কক্ষ। জানা যায়, কক্ষ সঙ্কটের কারণে বিভাগে কোনো কম্পিউটার ল্যাব নেই। নামমাত্র একটি সেমিনার রুমে পড়ালেখার পর্যাপ্ত সুযোগ নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষ সঙ্কটের কারণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাস দুপুরের পরে শুরু হয়। শ্রেণিকক্ষ ফাঁকা না পাওয়ায় মাঝে মধ্যে অন্য বিভাগের কক্ষে কাস করতে হয়। শ্রেণিকক্ষের সঙ্কটের বিষয়ে বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন,
একই সময়ে একই রুমে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কাস থাকায় অনেক সময় ছাত্রছাত্রীদের কথাকাটাকাটি করতে দেখা যায়। ফলে তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের সমস্যাও প্রায় একই সূত্রে গাঁথা। দু’টি কাসরুম নিয়ে এ বিভাগের কার্যক্রম পরিচালিত হয় বলে বিভাগীয় সূত্রে জানা যায়। প্রতিটি বর্ষে দুই শতাধিক শিক্ষার্থীর এই বিভাগে সেকশন করে কাস নেয়া হলেও অনেক সময়ই কাস নেয়ার জন্য শ্রেণিকক্ষ নির্দিষ্ট থাকে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ আহমেদ নুরুল্লাহ জামী বলেন, কাস রুটিনে স্থান নির্দিষ্ট না থাকায় কাস করার জন্য প্রায় সময়ই ঘুরতে হয় কলাভবনের এদিক-ওদিক। কখনো লোকপ্রশাসন, ইসলামিক স্টাডিজ, ইংরেজি বিভাগের কাসরুমে দৌড়াতে হয়। এভাবে অনেক সময় কাস মিস হয়ে যায়। শুধু দর্শন, আরবি ও ইসলামের ইতিহাস বিভাগেই নয়, কলা অনুষদভুক্ত প্রায় বিভাগেই শ্রেণিকক্ষের সঙ্কট প্রবল আকার ধারণ করেছে। সঙ্কটের কারণে মাত্র একটি করে শ্রেণিকক্ষ নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে নৃত্যকলা ও যোগাযোগ বৈকল্য বিভাগ। নৃত্যকলা বিভাগের একমাত্র শ্রেণিকক্ষটি হলো কলাভবনের ১০৩৩ এবং যোগাযোগ বেকল্যের ২০৮৯ নম্বর কক্ষ। বছরান্তে নতুন শিার্থী ভর্তি করায় বিভাগগুলোতে শ্রেণিকক্ষের সঙ্কট আরো বাড়বে। এ বছরের ফেব্রুয়ারি মাসে যাত্র শুরু করলেও কাস করার জন্য নির্দিষ্ট কোনো শ্রেণিকক্ষ পাচ্ছে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স স্টাডিজ বিভাগ। বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, মিডটার্ম পরীক্ষা শুরু হলেও এখন পর্যন্ত শ্রেণিকক্ষ বরাদ্দ পাওয়া যায়নি। বিভিন্ন রুমে গিয়ে শর্তসাপেক্ষে কাস করতে হয় তাদের। দিনের পর দিন ডিন অফিসে জানিয়েও তার কোনো সমাধান হয়নি। ফলে কখনো কলাভবনের যখন যেটায় ফাঁকা থাকে সেটাতেই কাস করতে হয়।
কলা অনুষদ সূত্রে জানা যায়, কলাভবনে শ্রেণিকক্ষ সঙ্কটের মূল কারণ হলো অন্যান্য অনুষদভুক্ত বিভাগগুলোর কার্যালয়সহ অ্যাকাডেমিক কার্যক্রম এখানেই পরিচালিত হচ্ছে। কিছু কিছু বিভাগ কলাভবন থেকে চলে গেলেও তাদের কক্ষগুলো তারা এখনো ছেড়ে যায়নি। নিজেদের অ্যাকাডেমিক ভবন থাকা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ১৫টি বিভাগের ছয়টি এখনো কলাভবনে। কলাভবন থেকে কার্যালয় স্থানান্তর করলেও সুযোগ-সুবিধা ত্যাগ করেনি রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এ ছাড়া সম্প্রতি চালু হওয়া সমাজবিজ্ঞান অনুষদভুক্ত যোগাযোগ বৈকল্য বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগের অফিস ও কাস কার্যক্রম চলে কলাভবনেই। বিশ্ববিদ্যালয়ের অসম নীতির কারণে কলা অনুষদে শ্রেণিকক্ষের সঙ্কট প্রবল হলেও বিজনেস স্টাডিজ অনুষদে তা নেই। সেখানে বাড়তি শ্রেণিকক্ষ অন্যান্য বিভাগের কাস নেয়া যেতে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিভাগগুলোর মধ্যে সমন্বয় করে যথাযথ বণ্টনের মাধ্যমে শ্রেণিকক্ষ সঙ্কট কাটিয়ে ওটা সম্ভব বলে মনে করেন ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। শ্রেণিকক্ষের সঙ্কটকে সব বিশ্ববিদ্যালয়ের সঙ্কট উল্লেখ করে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে মারাত্মক একটা শ্রেণিকক্ষ সঙ্কট চলছে। বিশেষ করে কলাভবনের কথা বলতে পারি।
বিজ্ঞান অনুষদেও এ সমস্যা রয়েছে। তিনি বলেন, বছরান্তে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন বিভাগ প্রতিষ্ঠা করায় তাদের জন্য শ্রেণিকক্ষের সঙ্কুলান করা সম্ভব হচ্ছে না। ফলে তা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বিশাল প্রতিবন্ধক। তবে শ্রেণিকক্ষের সঙ্কট নিরসনের জন্য সব বিভাগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস নেয়া, বড় আকারের অ্যাকাডেমিক বিল্ডিং তৈরি এবং বিভাগগুলোর মধ্যে শ্রেণিকক্ষ সমন্বয় করে কাস নেয়ার পরামর্শ দেন তিনি। এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা অনেক পুরনো সমস্যা। বিশ্ববিদ্যালযের দালান-কোঠা তৈরির সময় এ বিষয়গুলো ধারণা করা হয়নি। শিক্ষার্থীদের এ দুরাবস্থা থেকে মুক্ত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সঙ্কটের কথা স্বীকার করে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শ্রেণিকক্ষের সঙ্কট কাটিয়ে ওঠার জন্য কলাভবনের সংস্কার কাজ চলছে। এতে কিছুটা হলেও সঙ্কট কাটিয়ে ওঠা যাবে।

বিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন

বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় নিম্ন আদালতের দেয়ার রায়ের বিরুদ্ধে দেয়া ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ শুনানি নিয়ে মামলটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে এই মামলায় ১৫১ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স ও আরও কয়েক শ' আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের ওপর ৩৭০ কার্যদিবস শুনানি অনুষ্ঠিত হয়।

‘প্রধানমন্ত্রীর ফলপ্রসু ভারত সফর বিএনপি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা দেখেছি, জাতীয় মান-মর্যাদার সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক মহাসম্মেলন আইপিইউ নিয়ে বিএনপি নানা ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। একই কায়দায় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ ‘ভারত সফর’-কে প্রশ্নবিদ্ধ করতে এখন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিরর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৭ থেকে ১০ এপ্রিল ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী’র আমন্ত্রণে ভারত সফর করেছেন। যে কোন মানদন্ডে এই সফর ছিল অত্যন্ত কার্যকরী, ফলপ্রসূ ও সমগ্র জাতির জন্য মর্যাদাপূর্ণ।
কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফর সম্পর্কে গতানুগতিক মিথ্যাচার ও অন্তঃসার শূন্য এক বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেন, আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্ত সৃষ্টির অপপ্রয়াসে বিএনপির এই ধরনের অসত্য, বানোয়াট ও দূরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিএনপি নেত্রীকে কোন কিছু না জেনে, না বুঝে ‘অন্ধকারে ঢিল ছুড়ে মারার’ অপরাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে কতিপয় অর্বাচিন ব্যক্তি ও দল সময়ে সময়ে এক ধরনের ‘ভারতীয় জুজু’-কে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালায়। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার এই নোংরা খেলা নতুন নয়। বাংলাদেশের রাজনীতিতে ‘ভারত বিরোধিতার রাজনীতি’-র কৌশল বহুবার ব্যবহৃত হয়েছে। কিন্তু বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক জনগণ বিএনপির ভারতবিরোধীতার বহুল প্রচারিত এই ভাঙা রেকর্ড বারবার প্রত্যাখ্যান করেছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরো ৪ মামলা স্থগিত

বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আরো ৪ মামলা স্থগিত করেছেন হাইকোর্টে। মামলাগুলোর মধ্যে দারুস সালাম থানায় দুইটি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলা রয়েছে।   আজ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহ সমন্বয় গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এই মামলাগুলো কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। খালেদার পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যরিষ্টার বদরুদ্দোজা বাদল।

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালার রুল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না মর্মে হাইকোর্টের জারি করা রুল কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। পর্যবেক্ষণে কী বলা হয়েছে তা দুদিন পর লিখিত রায়ে জানা যাবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল বুধবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন একই বেঞ্চ। এর আগে গত বছরের ২৮ আগস্ট বিচারক নিয়োগের নীতিমালার ওপর জারি করা রুলের ওপর শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন হাসান এম এস আজিম। এ সময় রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।
গত বছরের ১০ মে বিচারক নিয়োগের নীতিমালার ওপর হাইকোর্টের জারি করা রুলের শুনানি শুরু হয়। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী এ রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে ২০১০ সালের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না, তা জানাতে রুল জারি করেন। ওই সময় হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেছিলেন, ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে সকলে অংশ নিতে পারেন। পরে রিট মামলাটি শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে ছিল। ওই বেঞ্চ সাতজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। তারা হলেন, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ।

জিয়া চ্যারিট্যাবল মামলার পরবর্তী শুনানি ১৮ মে

জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায়ও বিচারক আবু আহমেদ জমাদারেরর প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। তবে তা নাকজ করে দিয়ে বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ মে দিন ধার্য করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর এ বিষয়ে আবু আহমেদ জমাদারের আদালতে শুনানি শুরু হয়। শুনানির শুরুতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এরই মধ্যে বিচারক পরিবর্তন করতে হাইকোর্ট আদেশ দিয়েছেন। দুটি মামলা একই ধরনের। তাই এ মামলাও পরিবর্তন প্রয়োজন।
খালেদা জিয়া আপনার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই চ্যারিট্যাবল ট্রাস্ট মামলা পরিবর্তনের আদেশ দেন। পরে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই মুহূর্তে এ মামলা পরিবর্তনের সুযোগ নেই। মামলা শুনানি শুরু করা হোক। শুনানি শেষে বিচারক বলেন, আমি মামলা পরিবর্তনের আদেশ দিতে পারব না। আপনারা উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে আসেন।  এরপরই বিচারক মামলা ১৮ মে পর্যন্ত মুলতবি করেন। এর আগে জিয়া চ্যারেটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে সকাল ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে পৌঁছান তিনি।

মুফতি হান্নান-বিপুল ও রিপনের দাফন সম্পন্ন

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় ফাঁসি কার্যকর শেষে উগ্রবাদী তিন নেতার দাফন সম্পন্ন হয়েছে। এরা হলেন মুফতি হান্নান, তাঁর সহযোগী শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। ফাঁসির রায় কার্যকরের পর প্রত্যেকের গ্রামের বাড়িতে তাঁদের লাশ দাফন করা হয়। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে মুফতি হান্নানকে গোপালগঞ্জে, ভোর ৪টা ৩৫ মিনিটে শাহেদুল আলম বিপুলকে চাঁদপুরে এবং বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দেলোয়ার হোসেন রিপনকে মৌলভীবাজারে দাফন করা হয়েছে।  এর আগে গাজীপুর ও সিলেট কারাগার থেকে তাদের লাশ বুঝে নেন তাদের স্বজনরা।
পরে কঠোর নিরাপত্তার মধ্যে লাশগুলো গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।   কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোর সোয়া ৫টার দিকে মুফতি হান্নানের লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। লাশ বাড়িতে পৌঁছানোর পর মুফতি হান্নানের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বড় ভাই মাওলানা আলিউজ্জামান লাশ বুঝে নেন। এরপর ৫টা ৩৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে শাহেদুল আলম বিপুলের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর দুটি গাড়ি চাঁদপুর সদর উপজেলার মেশাদী ইউনিয়নের বকশি গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়। কারারক্ষীদের কাছ থেকে বিপুলের বাবা হেমায়েত উদ্দিন পাটওয়ারী লাশ বুঝে নেন। পুলিশি প্রহরায় ভোর ৪টা ৩৫ মিনিটে বিপুলের জানাজা অনুষ্ঠিত হয়।  ফাঁসি কার্যকরের পর রাতেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের বাড়িতে দেলোয়ার হোসেন রিপনের দাফন সম্পন্ন হয়েছে।

আইপিএলে জনপ্রিয়তার সেরা পাঁচে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেট দুনিয়ার সেরা সেরা খেলোয়াড়রা অংশ নেন। আইপিএলের দশম আসরে অংশ নেয়া ক্রিকেটারদের ফেসবুকে কার জনপ্রিয়তা কেমন বা কার অনুসারী সংখ্যা কেমন এর উপর ভিত্তি করে ফেসবুক একটি জরিপ চালিয়েছে। সেই তালিকায় জনপ্রিয়তার দিক থেকে সেরা পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আইপিএলের দশম আসরে খেলতে বর্তমান ভারতে অবস্থান করছেন সাকিব।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিগত ছয় বছরের মতো এবারো দেখা যাবে সাকিবকে। ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত সাকিব থাকাকালীন দুইটি শিরোপা ঘরে তুলেছে শাহরুখ খানের দলটি। তিন ফরম্যাটের নাম্বার ওয়ান অল-রাউন্ডার সাকিবের জনপ্রিয়তা যে শুধু বাংলাদেশের গন্ডিতেই আটকে নেই, তা বলার অবকাশ রাখে না। আইপিএলের আসরেও অনেক জনপ্রিয় সাকিব। এক নজরে দেখুন ফেসবুকে আইপিএলের সেরা দশ খেলোয়াড়ের তালিকা-
১. বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
২. মহেন্দ্র সিং ধোনি (রাইজিং পুনে সুপারজায়েন্ট)
৩. যুবরাজ সিং (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৪. রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)
৫. সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)
৬. ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
৭. শিখর ধাওয়ান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৮. গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
৯. হরভজন সিং (মুম্বাই ইন্ডিয়ান্স)
১০. গ্লেন ম্যাক্সওয়েল ( কিংস ইলেভেন পাঞ্জাব)

সিদ্ধান্ত পাল্টালেন টেইলর

টেস্টে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরম টেইলর। বৃহস্পতিবার তিনি এই সংক্রান্ত ঘোষণা দেন। গত বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরকে সামনে রেখে ৩২ বছর বয়সী টেইলর টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আগামী ২১ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে নিজের ফিরে আসার আশাবাদ ব্যক্ত করে টেইলর ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তে কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে টেইলরকে বিবেচনা করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গত সেপ্টেম্বরে আবু ধাবীতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছিলেন টেইলর।
এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি এখনো আমার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে এবং টেস্ট অঙ্গনে এখনো ওয়েস্ট ইন্ডিজকে অনেক কিছু দেয়ার ক্ষমতাও আমার রয়েছে। যদি নির্বাচিত হই তবে দলের জন্য সেরাটাই দেয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছেন। আমি বিশ্বাস করি নিজের অভিজ্ঞতা দিয়ে তাদের সহযোগিতা করতে পারবো।’ ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্যান কার্টনি ব্রাউন টেইলরের এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় টেস্ট দলে ফিরে আসার যে ঘোষণা টেইলর দিয়েছে তাতে আমি খুশি। তার মত একজন খেলোয়াড়ের অভিজ্ঞতা ও দক্ষতা অবশ্যই আমাদের কাজে আসবে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত ৪৬টি টেস্টে ১৩০ উইকেট দখল করেছেন টেইলর। এক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তিনি সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।

আজ মাঠে নামছেন সাকিব!

আইপিএলে দলের সাথে শুরু থেকেই ছিলেন সাকিব আল হাসান। তবে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। সব ঠিক থাকলে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই মাঠে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারে কলকাতা। তাই এ ম্যাচে সাকিবের একাদশে ফেরার সম্ভাবনা জোরালো। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন পেসার উমেশ যাদব। তবে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ‘হার্ডহিটার’ ক্রিস লিনকে হারিয়ে বড় এক ধাক্কাই খেয়েছে কেকেআর। পাঞ্জাব শিবিরে কোনো ইনজুরি উদ্বেগ নেই। মোহিত শর্মার জায়গায় ইশান্ত শর্মা বিবেচনায় আসতে পারেন। কিন্তু, নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচই জেতায় আগের একাদশ অপরিবর্তিত থাকতে পারে।
কলকাতা একাদশ (সম্ভাব্য) : গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সুরিয়াকুমার যাদাব, ক্রিস উকস, সুনীল নারিন, কুলদিপ যাদব, উমেশ যাদব/ পিয়ুস চাওলা, ট্রেন্ট বোল্ট।
পাঞ্জাব একাদশ (সম্ভাব্য) : হাশিম আমলা, মানান ভোহরা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মার্কাস স্টয়নিস, আক্সার প্যাটেল, মোহিত শর্মা, সন্দীপ শর্মা, বরুন অ্যারন, থাঙ্গারাসু নাতারাজন।

'ভারত দুর্বল হলে, বাংলাদেশও দুর্বল হবে'

‘বিগ থ্রি’ থেকে বের হয়ে টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রাজস্ব অর্থ সমবন্টনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব টেস্ট খেলুড়ে দেশগুলো প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে একমত হলেও দ্বিমত ছিল ভারতের। তবে এর পিছনে শক্তিশালী কারণ ছিল তাদের। ক্রিকেটে সবচেয়ে বেশি বিনিয়োগ করে ভারত। তাই, স্বভাবতই অর্থ সমবন্টনে তারা খুশি হবে না। এদিকে আইসিসির এমন প্রস্তাবকে আরো গোছানোর কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার আইসিসির ওয়ার্কিং কমিটির একজন সদস্য হিসেবে বিসিসিআইয়ে প্রধান অ্যাডমিনিস্টেটর ভিনোদ রায়ের সাথে সাক্ষাৎ করেন নাজমুল হাসান পাপন। আসন্ন মে মাসে আইসিসির সভায় বিবেচ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা শেষে আইসিসির রাজস্ব অর্থ সমবন্টনের বিষয়টি নিয়ে কথা বলেন পাপন। তিনি মনে করেন, আইসিসির এমন সিদ্ধান্তে ভারত দুর্বল হবে, আর তারা দুর্বল হলে বাংলাদেশও দুর্বল হবে! রাজস্ব অর্থ সমবন্টন নিয়ে পাপন বলেন, “আইসিসির রাজস্বের ব্যাপারে সমাধানের জন্য সবাই চেষ্টা করছে। আমি চাই না কোনো সদস্য দেশের ক্ষতি হোক। বিশেষ করে ভারত, যারা আমাদের সমর্থনে সব সময় কাজ করেছে। ফলে যদি ভারত দুর্বল হয়, তবে আমরাও দুর্বল হবো।”

আইপিএলে ফিরছেন কোহলি

দুই দিন আগে বিরাট কোহলি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামছেন তিনি। বৃহস্পতিবার বিষয়টায় সরকারি সিলমোহর পড়ে গেল। বিসিসিআই জানিয়ে দিল, কোহলি ফিট। আগামিকাল মাঠে নামছেন তিনি। গত আইপিএলে রাজত্ব করেছেন বিরাট কোহলি। চারটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরিতে তিনি ৯৭৩ রান করেন। বেঙ্গালুরুকে রানার্সও করেছিলেন তিনি।
কিন্তু এই মৌসুমে কাঁধের চোটের জন্য মাঠেই নামা হয়নি বেঙ্গালুরুর অধিনায়কের। বর্ডার-গাভাস্কর ট্রফিতে রাঁচি টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি। তারপর থেকেই রিহ্যাবে রয়েছেন কোহলি। গতকাল বেঙ্গালুরুর নেটে ব্যাট করেননি তিনি। কিন্তু ফিল্ডিং করেছেন। ড্রিল সেশনেও অংশ নিয়েছেন। কোহলির ব্যাপারে বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ‘‘বিরাট ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছে। আরসিবি-র পরের ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার জন্য সে তৈরি। ডান কাঁধে চোট লাগার পর বিরাট রিহ্যাবে ছিল। ও পুরোপুরি সেরে উঠেছে। এখন আইপিএলে অংশ নিতে প্রস্তুত।’’

রোনাল্ডোর সেঞ্চুরিতে স্বপ্ন-যাত্রা রিয়ালের

উয়েফা ক্লাব প্রতিযোগিতায় ইতিহাস লিখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ফের একবার বুঝিয়ে দিলেন সবুজ গালিচার চলমান কিংবদন্তি তিনি৷ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম লেগে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ৷ প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও বায়ার্নের ঘরের মাঠ অ্যালায়েঞ্জ এরিনা থেকে ২-১ জয় ছিনিয়ে আনল রিয়াল৷ সৌজন্যে সিআর সেভেন৷ জোড়া গোল করে ইতিহাস লিখলেন তিনি৷ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে ১০০টি গোল করা হয়ে গেল তার৷ রোনাল্ডোই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়লেন৷ রিয়ালের এই জয় সেমিফাইনালের দিকে তাদের এক ধাপ এগিয়ে রাখল৷
ম্যাচের ২৫ মিনিটে আর্তুরো ভিদালের গোলে অ্যালায়েঞ্জ এরিনা সেলিব্রশনে মেতে ওঠে৷ এরপর অবধারিত আরও এক গোল পেতে পারত বায়ার্ন৷কিন্তু ভিদাল পেনাল্টি মিস করে৷ প্রথমার্ধের বায়ার্নের যাবতীয় অ্যাকশন দ্বিতীয়ার্ধে একা দায়িত্ব নিয়ে থামিয়ে দিলেন সিআর সেভেন৷ শুধু বায়ার্নের জার্সিতে ফের একজন নিজের জাত চেনালেন৷দুর্দান্ত কিছু সেভ করে ম্যানুয়েল নয়্যার বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন৷ ম্যাচের ৪৭ মিনিটে ড্যানি কার্ভাহালের কাট ব্যাক ধরে সিআর সেভেন ফটো ফিনিশ গোল করলেন৷ ম্যানুয়েল নয়্যারের কিছু করার থাকল না৷ম্যাচের ৭৭ মিনিটে বায়ার্নের হৃদস্পন্দন বন্ধ করে দিলেন সিআর সেভেন। মার্কো আসেনসিওর ক্রসে পা বাড়িয়ে বুটের তলা দিয়ে বল জালে পাঠিয়ে তুলে নেন চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ৯৭তম গোল। আর উয়েফার ক্লাব প্রতিযোগিতার হিসেবে সব মিলিয়ে পূর্ণ হল গোলের শতক৷আর পুরোটাই রিজার্ভ বেঞ্চে বসে দেখলেন রোনাল্ডোর প্রাক্তন গুরু কার্লো অ্যানসেলোত্তি৷ কারণ সিআর সেভেন কী ধাতু দিয়ে গড়া সেটা তার খুব ভালোভাবেই জানা আছে৷ টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা ফের একবার ট্রফির স্বপ্ন দেখাতে শুরু করে দিল৷

দিনটি ছিলো না মুস্তাফিজের

আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে চার উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে হায়দরাবাদের করা ১৫৮ রান ৮ বল বাকি থাকতেই টপকে গেছে রোহিত শর্মার দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই রানের চাকা সচল রাখে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। হায়দরাবাদের বোলাদের বেশির ভাগই ছিলেন অসহায়। দ্বিতীয়বারের মত আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানেরও ভালো যায়নি আজকের দিনটি। প্রথম ওভারে ১৯ রান দেয়ার পর দ্বিতীয় ওভারে দিয়েছেন এগারো। সব মিলে ২ দশমিক চার ওভারে দিয়েছেন ৩৪ রান। এছাড়া আশিষ নেহরা, দিপক হুদা, বেন কাটিংও ছিলেন খরুচে। পেসার ভূবনেশ্বর কুমার ও আফগান লেগ স্পিনার রশিদ খান যা একটু দেখেশুনে খেলতে বাধ্য করেছেন মুম্বাইয়ের ব্যাটসম্যনাদের। ভূবনেশ্বর ২১ রানে ৩টি ও রশিদ ১৯ রানে ১টি উইকেট নিয়েছেন।
মুম্বাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার পার্থিব প্যাটেল ২৪ বলে ৩৯, নিতিশ রানা ৩৬ বলে ৪৫ ও ক্রুনাল পান্ডিয়া ২০ বলে ৩৭ রান করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার আর শেখর ধাওয়ানের ঝড়ো সূচনার পরও নিজেদের তৃতীয় ম্যাচে বড় স্কোর পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা এদিন রীতিমত ধসিয়ে দিয়েছে ওয়ার্নারের দলের মিডল অর্ডার। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৮১ রান তুলে ডেভিড ওয়ার্নার আউট হওয়ার সময়ও হায়দরাবাদের স্কোর দুইশো পার হবে বলেই মনে হয়েছিল কিন্তু মিডল অর্ডারে বেন কাটিং(২০) ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌছতে পারেনি। নির্ধারিত ২০ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের পক্ষে জাশপ্রিত বুমরাহ ৩টি ও হরভজন সিং ২টি উইকেট নিয়েছেন।

কানাডার নাগরিকত্ব পেলেন মালালা

পাকিস্তানের শিক্ষা আন্দোলনের নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে। বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মালালার হাতে এই সনদ তুলে দেন। সনদ হস্তান্তর উপলক্ষে টরেন্টোর পিচ টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ নিয়ে মালালা ছয়টি দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন। তিনিই হচ্ছেন সর্বকনিষ্ঠ কেউ যিনি কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেলেন।
সনদ গ্রহণের পর মালালা বলেন, 'এটি শুধু সম্মানসূচক নাগরিকত্বই নয়, এটি অঅমার জন্য অনেক সন্মানের। আমি আন্তরিকতার সঙ্গে এটি গ্রহণ করেছি।' তিনি বলেন, 'আমি কানাডাকে ধন্যবাদ জানাই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য। মানবতা, শরণার্থী, নারীদের জন্য কানাডার যে অবস্থান তা, অবশ্যই প্রশংসার দাবিদার।' অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মালালার কার্যক্রম, বেড়ে ওঠার গল্পকে উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন। তিনি বলেন, তালেবানদের সহিংস বাঁধার পরেও মালালা দমে যায়নি, যেভাবে অন্যরা হারিয়ে যায়। বরং তিনি আরও শক্তিশালী হয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার আগ্রহ তার আরও তীব্র হয়েছে।

নববর্ষে অ্যাম্পিথিয়েটার-ওয়াটার ফাউন্টেন উপহার প্রধানমন্ত্রীর

বাংলা নববর্ষের প্রক্কালে বিনোদন পিপাসু দেশবাসীকে অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে এ দু’টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর হাতিরঝিলে নির্মিত হলো এই অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন।
প্রধানমন্ত্রী বিনোদন স্থাপনা দুটি উদ্বোধনের পর দেশবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনা বলেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম। তিনি বলেন, দেশবাসীর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর জীবনটাকে সহজ করার চেষ্টা করছে বর্তমান সরকার। প্রধামন্ত্রী বলেন, হাতিরঝিলের দৃষ্টিনন্দিত স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ দেবে। হাতিরঝিলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পর্যবেক্ষণসহ বিচারক নিয়োগের রিট নিষ্পত্তি

উচ্চ আদালতে বিচারক নিয়োগে দিকনির্দেশনা তৈরির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত রায়ের সংক্ষিপ্তসারে পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন। পূর্ণাঙ্গ রায় পেলে আদালতের পর্যবেক্ষণ জানা যাবে বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন। রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৮ আগস্ট বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন আদালত।
রায়ের জন্য আজ আদালতের কার্যতালিকায় আসে। আদালত রায়ে সংক্ষিপ্তসার জানিয়ে দেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী হাসান এম এস আজীম। ২০১০ সালের ৩০ মে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন। রুলে সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগে বাছাই-প্রক্রিয়ায় 'স্বচ্ছতা ও প্রতিযোগিতা' আনতে কেন সুনির্দিষ্ট দিকনির্দেশনা তৈরি করা হবে না এবং নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, তা জানতে চাওয়া হয়।

বেনাপোলে ৯ হাজার ইয়াবাসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে ৯ হাজার ইয়াবাসহ জাহাঙ্গীর মোড়ল (১৯) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যরা। আটক জাহাঙ্গীর মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ২ নম্বর ঘিবা গ্রামের মুজিবর মোড়লের ছেলে। বুধবার গভীররাতে উপজেলা সীমান্ত এলাকার ঘিবা গ্রাম থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান র‌্যাব-৬-এর যশোর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাব্বি হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ঘিবা গ্রামে ওই মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৯ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। বুধবার রাত ১১টার দিকে ইয়াবাসহ তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, আটক মাদক বিক্রেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সাত খুন: নুরের ম্যানেজারের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জামাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। জামাল উদ্দিন এই মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের ম্যানেজার ছিলেন।
সাত খুনের ঘটনায় মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম যুগান্তরকে জানান, গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। মৃত্যুদণ্ড পাওয়া জামাল উদ্দিন তাদের একজন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহরণের শিকার হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে উঠে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

বেনাপোলে শিশু ধর্ষণচেষ্টা, আটক ১

যশোরের বেনাপোলে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাকিল (১৮) নামে একজনকে আটক করছে পুলিশ। বুধবার রাতে বেনাপোলের শাখারীপোতা বাজার থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে। আটক শাকিল ওই গ্রামের কবির হোসেনের ছেলে। তার মা শাখারীপোতা ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য। ওই শিশুর দাদা জানান, তার ছেলে ও ছেলের বৌ দু'জনেই ভারতে থাকে। নাতনি তার কাছে থেকে লেখাপড়া করে। মঙ্গলবার সকালে সে স্কুল শেষে বাড়ি ফেরার পথে বখাটে শাকিল রাস্তা থেকে মুখ চেপে পাশের ধানক্ষেতে নিয়ে যায়।
পরে তার মুখ ও হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় পাশ থেকে এক মহিলা দেখে ফেললে শাকিল তাকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুটিকে ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, অভিযোগ পেয়ে ধর্ষণ চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

খালেদার আরও ৪ মামলা স্থগিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের নাশকতার আরও চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওইসব মামলার অভিযোগপত্র আমলে নেয়া কেন বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের জানান, রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা ৩টি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা পুলিশের একটি নাশকতার মামলা স্থগিত করেছেন আদালত। আদালতের দেয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের মনিরুজ্জামান কবীর। এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরও তিনটি নাশকতার মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি মামলা রয়েছে। গত বছর এসব মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

হঠাৎ পানির তেষ্টা বাড়ে কেন?

গত কয়েক দিন থেকে বারবার চেষ্টা পাচ্ছে। দিনে ৩-৪ লিটার পানি পানের পরও তেষ্টা যেন মিটছেই না। শরীরে লবণ এবং পানির ভারসাম্য নষ্ট হয়ে গেলেই সাধারণত এমন সমস্যা দেখা দেয়। কিন্তু মিনিটে মিনিটে তেষ্টা লাগাটা মোটেও ভালো নয়। এমনটা হওয়া কোনো জটিল রোগের লক্ষণও হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেক সময় ডিহাইড্রেশনের কারণেও শরীরে পানিরশূন্যতা দেখা দেয়। তাছাড়া মাত্রাতিরিক্ত শরীরচর্চা, ডায়ারিয়া, বারংবার বমি হওয়া, ঘাম প্রভৃতি কারণেও পানির তেষ্টা বেড়ে যেতে পারে।
তবে বোল্ডস্কাইয়ের বিশেষজ্ঞদের মতে, হঠাৎ পানি তেষ্টা বেড়ে যাওয়া আর কী কী রোগে লক্ষণ তা নিম্নে আলোচনা করা হল; ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে কিডনির ওপর প্রবল চাপ পড়ে। ফলে বারংবার প্রস্রাব হতে শুরু করে। আর এমনটা হলেই শরীরে পানির স্বাভাবিক মাত্রা কমে যায় এবং বারবার তেষ্টা পেতে থাকে। পিরিয়ডের সময়: মাসের এ সময়ে মেয়েদের পানি তেষ্টা খুব বেড়ে যায়। কারণ এ সময় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন মাত্রাতিরিক্ত সক্রিয় হয়ে যায়। যার কারণে শরীরে পানির মাত্রা কমতে শুরু করে। ফলে মিনিটে মিনিটে তেষ্টা পেতে থাকে। মুখ শুকিয়ে গেলে: মুখ গহ্বর শুকিয়ে যাওয়ায় অনেকের পানির তেষ্টা বেড়ে যায়। তবে অনেক কারণে মুখ শুকিয়ে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঠোঁটের মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যাওয়ার কারণেই মুখ গহ্বর শুকিয়ে যায়। 
অ্যানিমিয়া: শরীরে রক্তের অভাব দেখা দিলে অনেক সময় পানি তেষ্টা খুব বেড়ে যায়। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে শরীর, কমে যাওয়া রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা করে। যে কারণে শরীরে পানির অভাব দেখা দেয় এবং তেষ্টা বেড়ে যায়।
রক্তচাপ: রক্তচাপ কমে গেলে মাথা ঘোরা, অবসাদ, অ্যাংজাইটি এবং মাত্রাতিরিক্ত পানি তেষ্টা পাওয়ার মতো লক্ষণগুলো দেখা দেয়।
ডায়াবেটিস ইনসাইপিডাস: এটি খুবই বিরল রোগ। এক্ষেত্রে শরীরে হরমোনের ক্ষরণ ঠিক মতো না হওয়ার কারণে শরীর দ্বারা পানির শোষণ ঠিক মতো হয় না। সেই সঙ্গে বেশি মাত্রায় প্রস্রাব হওয়ার কারণেও শরীরে পানির ঘাটতি দেখা দেয়। ফলে তেষ্টা বেড়ে যায়।

চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১৮ মে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত এ দিন ধার্য করেন। এই মামলায় আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের ধার্য দিন ছিল। খালেদা জিয়া উপস্থিত হয়ে আদালত পরিবর্তনের জন্য সময় বৃদ্ধির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১৮ মে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এর আগে সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বেলা ১১টা ৮ মিনিটে আদালতে পৌঁছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দুটির কার্যক্রম যথাক্রমে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত-৩ ও সিনিয়র স্পেশাল জজ মো.কামরুল হোসেন মোল্লার আদালতে চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।
এই মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এই মামলায়ও ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ২৭ এপ্রিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ মো.কামরুল হোসেন মোল্লার বিশেষ আদালত এ দিন ধার্য করেন। এই মামলায় আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের ধার্য দিন ছিল। খালেদা জিয়া উপস্থিত হয়ে আদালত সময় বৃদ্ধির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ২৭ এপ্রিল শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এর আগে সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বেলা ১১টা ৮ মিনিটে আদালতে পৌঁছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দুটির কার্যক্রম যথাক্রমে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত-৩ ও সিনিয়র স্পেশাল জজ মো.কামরুল হোসেন মোল্লার আদালতে চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। এই মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক),
হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এই মামলায়ও ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

হেফাজতের সঙ্গে কোনো আপস হয়নি: ওবায়দুল

হেফাজতে ইসলাম বা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আওয়ামী লীগ কখনও আপস করবে না বলে সাফ  জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ নিয়ে আলোচনার মধ্যে ওবায়দুল কাদের এ বক্তব্য দিলেন। তিনি বলেন, 'আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি করে না। হেফাজত বা আলেমদের সঙ্গে কোনো জোটও করেনি। আলেমদের সঙ্গে আলোচনায় শুধু কওমী মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দেয়া হয়েছে, কোনো বিষয়ে আপস হয়নি।' প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'যেকোনো মানদণ্ডে প্রধানমন্ত্রীর ভারত সফর ছিল অত্যন্ত কার্যকরি, ফলপ্রসূ ও সমগ্র জাতির জন্য মর্যাদাপূর্ণ। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সফর সম্পর্কে গতানুগতিক মিথ্যাচার ও অন্তঃসার শূন্য বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন।' জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপির এ ধরনের অসত্য, বানোয়াট ও দূরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা এবং বিএনপি নেত্রীকে কোনো কিছু না জেনে, না বুঝে ‘অন্ধকারে ঢিল ছুড়ে মারার’ অপরাজনীতি থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে কতিপয় অর্বাচীন ব্যক্তি ও দল সময়ে সময়ে এক ধরনের ‘ভারতীয় জুজু’কে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালান। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার এই নোংরা খেলা নতুন কিছু নয়। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ‘ভারত বিরোধিতার রাজনীতি’র কৌশল বহুবার ব্যবহৃত হয়েছে। কিন্তু বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক জনগণ বিএনপির ভারতবিরোধিতার বহুল প্রচারিত এই ভাঙা রেকর্ড বারবার প্রত্যাখ্যান করেছে। এ সময় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে খালেদা জিয়া ও বিএনপির গাত্রদাহের নিগূঢ় রহস্য তার কাছে আছে বলে দাবি করেন।

ড্রাগনের রক্তে নতুন এন্টিবায়েটিক

কোমোডো ড্রাগনের রক্ত থেকে সংক্রমিত ক্ষত সারানোর এক নতুন সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন, ড্রাগনের রক্তে একটি গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে, যা দিয়ে এন্টিবায়েটিক তৈরি করে সংক্রমিত ক্ষত সারানো সম্ভব। কমোডো ড্রাগনের লালার মধ্যে বহু প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এতে কোনোভাবেই আক্রান্ত হয় না এই সরীসৃপ প্রাণীটি। খবর বিবিসির।
মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ড্রাগনের রক্তের কোষগুলো থেকে একটি কৃত্রিম অণু তৈরি করেছেন, যার দ্বারা ইঁদুরের সংক্রমিত ক্ষত নিরাময় সম্ভব হয়েছে। বায়োফিল্মস অ্যান্ড মাইক্রোবায়োমেস সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আবিষ্কৃত এ বিশেষ ধরনে প্রোটিন ভবিষ্যতে এন্টিবায়োটিকে উন্নত করা যেতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, বর্তমানে যেভাবে সংক্রমিত ব্যাধি ছড়িয়ে পড়ছে, তাতে আবিষ্কৃত এ নতুন অ্যান্টিবায়োটিক মাল্টিড্রাগ হিসেবে কাজ করবে। ইন্দোনেশিয়ার পাঁচটি দ্বীপে কমোডো ড্রাগন দেখা যায়। এদের মুখে ৮০টিরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। কয়েকটির রক্ত বিষাক্ত বা পচন সৃষ্টি করার মতো ভয়ংকর হতে পারে।

নাফ নদীতে বিজিবির সঙ্গে গোলাগুলি, নারী নিহত

কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকার জলসীমায় বিজিবি ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ে এক নারী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম (৪২) মিয়ানমারের নাগরিক। আর আহত গুলিবিদ্ধরা হলেন- রশিদা বেগম (২৮), মনজুমা বেগম (৪৩), মুহাম্মদ শফিক (২৯) ও মুহাম্মদ কাশেম (৫০)। বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রকিবুল হক এসব তথ্য দেন।
তিনি বলেন, রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে বাংলাদেশী জলসীমা অতিক্রম করছিল একটি নৌকা। সেটিকে চ্যালেঞ্জ করলে বিজিবিকে লক্ষ্য করে নৌকা থেকে গুলি ছুড়া হয়। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালালে তিন নারী ও দুই পুরুষ গুলিবিদ্ধ হন। পরে নৌকাটি থেকে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক জাহেদা বেগমকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নৌকায় করে হতাহতরা ইয়াবা পাচার করছিল। তাদের সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী বিচারক শিলা আবদুস সালামের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ম্যানহাটনের হাডসন নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। শিলা আবদুস সালাম আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন। বুধবার সকালে হার্লিনের নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। পরে দুপুরে নদীতে তার লাশ পাওয়া যায়। নিউইয়র্ক পুলিশের হার্বার ইউনিট জানায়, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের লাশ পাওয়া যায়। পরে তার স্বামী আবদুস সালাম লাশ শনাক্ত করেন। শিলার দেহে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
এরপরও বিচারক শিলা আবদুস সালাম কীভাবে নদীতে গেলেন, পুলিশ তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে আবদুস সালামই প্রথম ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বেই ছিলেন। এর আগে শিলা ১৫ বছর ম্যানহাটন সুপ্রিমকোর্টের বিচারক ছিলেন। ইন্সটিটিউট অব মুসলিম আমেরিকান স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক জাকিয়া মুহাম্মদ জানান, শিলা আবদুস সালাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী বিচারক। তিনি ১৯৯৪ সাল থেকে আইন পেশায় নিয়োজিত ছিলেন। ওয়াশিংটনে দরিদ্র পরিবারের সাত সন্তানের একজন হিসেবে শিলা বেড়ে ওঠেন। ১৯৭৭ সালে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি নেন।

মেলানিয়াকে যৌনকর্মী বলায় ক্ষতিপূরণ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে প্রতিবেদনে যৌনকর্মী হিসেবে উল্লেখ করায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে। গত বছর মার্কিন নির্বাচনের প্রচারণার সময় ডেইলি মেইল মেলানিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ডেইলি মেইলের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেলানিয়া ট্রাম্প একসময় যৌনকর্মীর কাজ করতেন। পরে অবশ্য ওই সংবাদটি প্রত্যাহার করে নেয় ডেইলি মেইল। খবর বিবিসি। এ ঘটনায় গত ফেব্রুয়ারিতে ১৫ কোটি ডলার (১৫০ মিলিয়ন) ক্ষতিপূরণ চেয়ে ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা করেন মেলানিয়া। একই সঙ্গে ডেইলি মেইলকে ক্ষমা চাওয়ারও আবেদন জানানো হয়। বুধবার লন্ডনের হাইকোর্ট মেলানিয়ার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে ডেইলি মেইলকে নির্দেশ দিয়েছেন।
মেলানিয়া ট্রাম্প ক্ষতিপূরণ নিয়েছেন এবং পত্রিকাটিকে ক্ষমা করে দিয়েছেন। তবে কী পরিমাণ ক্ষতিপূরণ তিনি পেয়েছেন, তা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, সম্ভবত ক্ষতিপূরণ ও আইনি খরচসহ ডেইলি মেইল মেলানিয়া ট্রাম্পকে প্রায় ৩০ লাখ ডলার দিয়েছে। আর ক্ষমা চেয়ে ডেইলি মেইল বলেছে, ‘আমরা স্বীকার করে নিচ্ছি যে মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।’ উল্লেখ্য, কৈশোরে মডেলিংয়ের জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া মেলানিয়া বিভিন্ন বিজ্ঞাপনের প্রচারণার জন্য ইউরোপ ও আমেরিকায় যাতায়াত করতেন। ১৯৯৮ সালে নিউইয়র্ক ফ্যাশন উইকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হয় তার। সে সময় তার বয়স ছিল ২৮ বছর। এর সাত বছর পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিয়ে হয়।