Showing posts with label কুয়েত. Show all posts
Showing posts with label কুয়েত. Show all posts

Thursday, October 22, 2026

হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

টাইমস অব ইন্ডিয়াঃ মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে একটি কুয়েতি পতাকাবাহী তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের ট্যাংকারটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন।

এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজে থাকা সব নাবিকই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বুধবার (২১ অক্টোবর) ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে ট্যাংকারটিতে। ওমানের বুখা থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে ঘটনাটি ঘটেছে বলে ট্র্যাক করে যুক্তরাজ্যের সামরিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

কুয়েতি সংবাদমাধ্যম ‘টাইমস কুয়েত’-এর বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই ট্যাংকারটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে দ্রুত উদ্যোগ নিয়ে জাহাজের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর থেকে জাহাজটি ওই স্থানেই অবস্থান করছে এবং ক্রুদের সবাই নিরাপদে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের নৌমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ‘২১ অক্টোবর ২১ জন ভারতীয় নাবিককে বহনকারী কুয়েতি পতাকাবাহী তেল ট্যাংকার এমটি আল দাসমা হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা আক্রান্ত হয়। আমাদের ২১ জন ভারতীয় ক্রু সদস্যসহ জাহাজে থাকা অন্য সব ক্রুই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।’

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা আন্তর্জাতিক নৌ চলাচলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

Thursday, May 7, 2026

প্রজেক্ট ফ্রিডম: মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত

সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ পাহারার পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহার কিংবা সৌদি আরবের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান ওড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, গত রোববার ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার সিদ্ধান্তে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেও ওই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।

সৌদি আরবের এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ‘সমস্যা হলো, সবকিছু খুব দ্রুত ঘটছে।’ তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন যে, আঞ্চলিক মিত্রদের আগে থেকেই এ অভিযান সম্পর্কে জানানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক জানান, ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার পর শুধু ওমানের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্র।

এই কূটনীতিক বলেন, ‘যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দিয়েছে, পরে আমাদের সঙ্গে সমন্বয় করেছে। তবে এতে আমরা ক্ষুব্ধ নই।’

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ঘোষণা সৌদি আরবের নেতৃত্বকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এর পরপরই দেশটি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে, তারা এ পরিকল্পনায় সমর্থন দেবে না।

ইতিমধ্যে, মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সৌদি আরবের পাশাপাশি কুয়েতও তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ও আকাশসীমা ওই অভিযানে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়।

ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার এক দিন পরই ইরানও এ ইস্যুতে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা বৃহস্পতিবার জানায়, হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে তারা কারিগরি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত।

ইরান জানিয়েছে, তাদের জলসীমার কাছে থাকা জাহাজগুলো প্রয়োজন অনুযায়ী জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সহায়তা নিতে পারবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই ও গালফ নিউজ

সুয়েজ খাল অতিক্রম করছে ফ্রান্সের রণতরি শার্ল দ্য গল। হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করার সম্ভাব্য অভিযানে অংশ নিতে রণতরিটিকে লোহিত সাগরের দক্ষিণে মোতায়েন করা হচ্ছে। ৬ মে ছবিটি প্রকাশ করে ফরাসি নৌবাহিনী
সুয়েজ খাল অতিক্রম করছে ফ্রান্সের রণতরি শার্ল দ্য গল। হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করার সম্ভাব্য অভিযানে অংশ নিতে রণতরিটিকে লোহিত সাগরের দক্ষিণে মোতায়েন করা হচ্ছে। ৬ মে ছবিটি প্রকাশ করে ফরাসি নৌবাহিনী। ছবি: এএফপি

Friday, March 6, 2026

কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে প্রবাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিরাপদে সম্ভব হলে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকেরা বাণিজ্যিক বা অন্য কোনো উপায়ে দ্রুত দেশ (কুয়েত) ত্যাগ করুন। যারা দেশ (কুয়েত) ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’

সূত্র: বিবিসি

কুয়েতের বয়ান এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশপাশে হামলার পর ধোঁয়া উড়ছে। রয়টার্সের সংগ্রহ করা ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র। ২ মার্চ, ২০২৬
কুয়েতের বয়ান এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশপাশে হামলার পর ধোঁয়া উড়ছে। রয়টার্সের সংগ্রহ করা ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র। ২ মার্চ, ২০২৬

Tuesday, January 20, 2026

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে এক বিয়ে, ৭৫ মিনিটে এক বিচ্ছেদ

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি বিবাহবিচ্ছেদ বা তালাক হচ্ছে।

দেশটির শরিয়া নোটারাইজেশন বিভাগের ২০২৫ সালের নভেম্বর মাসের তথ্যের ভিত্তিতে কুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা দপ্তর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বর মাসে কুয়েত শরিয়া নোটারাইজেশন সেবার চাহিদা খুব বেড়ে যায়। নির্দিষ্ট ওই মাসে বিয়ে, বিয়ের সত্যায়ন, তালাক, পুনর্মিলন, সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, উল্লিখিত মাসে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত মোট ১ হাজার ২৫২টি লেনদেন নিবন্ধিত হয়েছে। গড়ে প্রতিদিন ৪২টি লেনদেন অর্থাৎ প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে।

ওই মাসেই আবার ৫৯৫টি বিবাহবিচ্ছেদ বা তালাক নথিভুক্ত করা হয়েছে। গড়ে প্রতিদিন ২০টি তালাক, অর্থাৎ প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাকের ঘটনা ঘটেছে।

তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি, গড়ে প্রতিদিন ৩৮টি চুক্তি।

বিয়ের ক্ষেত্রে ৭৩ শতাংশের বেশি ছিল কুয়েতের নাগরিকদের। দেশটির নাগরিক নন এমন ব্যক্তি ছিলেন ১৬ শতাংশের বেশি।

এ ছাড়া কুয়েতি পুরুষ ও কুয়েতি নন, এমন নারীর মধ্যে বিয়ে ছিল ৮ দশমিক ২ শতাংশ। আর কুয়েতি নন এমন পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ে ছিল ২ দশমিক ৩ শতাংশ।

১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নিবন্ধিত হয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন ৩ দশমিক ৬টি চুক্তি হয়েছে। এসব চুক্তির মধ্যে কুয়েতি স্বামী ও কুয়েতি নন এমন স্ত্রীর মধ্যে চুক্তিই সর্বাধিক, যার হার প্রায় ৫৪ শতাংশ। তবে কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়নি।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, বিয়েসংক্রান্ত লেনদেনের প্রায় ৭৪ শতাংশ আদালতের রায় অনুযায়ী পরিচালিত হয়েছে। এ ছাড়া তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির প্রায় ৮২ শতাংশ বিদেশে নথিভুক্ত হয়েছে, যেখানে শরিয়া নোটারাইজেশন বিভাগের মাধ্যমে ছিল প্রায় ১৮ শতাংশ।

অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসে ৫৯৫টি তালাকের মামলা নথিভুক্ত হয়েছে। কুয়েতি দম্পতিদের মধ্যে তালাকের হার ৫৮ দশমিক ৭ শতাংশ।

৯২টি পুনর্মিলন মামলা নথিভুক্ত হয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন প্রায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশ মামলা পুনর্মিলন সনদপত্রের মাধ্যমে নথিভুক্ত হয়েছে।

সরকারি মাধ্যম এবং ইসলাম গ্রহণ সম্পর্কিত লেনদেনের ক্ষেত্রে ৫২ হাজার ৩৫৯টি লেনদেন সম্পন্ন হয়েছে, যা গড়ে প্রতিদিন ১ হাজার ৭৪৫টি।

এর মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশ লেনদেন সরকারি মাধ্যমে সম্পন্ন হয়েছে, অনলাইনে মাত্র ৫৮টি ইসলাম ধর্ম গ্রহণের ঘটনার কার্যক্রম পরিচালিত হয়েছে।

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2022-06%2Faef7db2f-5c0b-438a-b4f6-24d88ada8128%2FDivorce.jpeg?rect=0%2C0%2C1280%2C853&w=622&auto=format%2Ccompress&fmt=avif
প্রতীকী ছবি

Monday, March 10, 2025

বাংলাদেশে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও আগামী ৭ থেকে ৯ই এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে দেশটির বিনিয়োগকারীদের অংশ নেয়ার আমন্ত্রণ জানান তিনি। গতকাল ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এসময় কুয়েতি রাষ্ট্রদূতকে ড. ইউনূস বলেন, বিনিয়োগ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ। সাক্ষাৎকালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর গুরুত্ব আরোপ করে কূটনৈতিক, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরও সহযোগিতার আহ্বান জানান। ড. ইউনূস বলেন, কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু।

এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য শিল্প একটি সম্ভাবনাময় খাত। হালাল খাদ্যের বৈশ্বিক বাজার অনেক বড়। আমি আপনাকে এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছি। রাষ্ট্রদূত হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। উভয় পক্ষ বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানো নিয়ে আলোচনা করেন, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে একটি যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান এবং উপসাগরীয় তেল-সমৃদ্ধ দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার সুযোগ অনুসন্ধানের পরামর্শ দেন। তিনি কুয়েতে বাংলাদেশি শ্রমিক বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন। উভয় পক্ষ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা বাণিজ্য, জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সমপ্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

mzamin

Sunday, September 15, 2024

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহ আর নেই (ইন্নালিল্লাহে....রাজেউন)। শনিবার ৮২ বছর বয়সে তিনি মারা গেছেন বলে খবর দিয়েছে গালফ নিউজ। এতে বলা হয়, ১৯৪২ সালে জন্ম নেয়া শেখ জাবের সরকারি চাকরির মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। আমিরি দিওয়ান-এর কন্ট্রোলার অব এডমিনিস্ট্রেটিভ এবং অর্থ খাত দেখাশোনা করতেন তিনি। পরবর্তীতে তার পদমর্যাদা বাড়তে থাকে। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে আছে প্রশাসনিক ও আর্থিক বিষয়ক পরিচালক, সহকারী আন্ডারসেক্রেটারি। পরে তিনি হাওয়ালি এবং আহমাদি অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। তিনি সামাজিক সম্পর্ক ও শ্রম সহ তথ্য মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি আমিরের অফিসের উপদেষ্টা হন। ২০০১ সালে তাকে কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করা হয়। প্রথম উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০০৬ সালে তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। ২০১১ সাল পর্যন্ত পর্যায়ক্রমিক প্রশাসনগুলোতে তিনি এসব পদে পুনঃনিয়োগ পেয়েছেন। ২০১১ সালের নভেম্বরে তাকে কুয়েতের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। এই পদে ছিলেন ২০১৯ সাল পর্যন্ত। তারপর পদত্যাগ করেন।
mzamin