Wednesday, February 16, 2011

শেয়ার কিনতে ৫ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সরকারি তহবিল

সরকার শেয়ার কেনার জন্য দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানকে তহবিল দিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এদেরকেই এই তহবিল দেওয়া হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কেনার জন্য সরকার আইসিবিকে ২০০ কোটি টাকা দেবে। সরকার বাকি চারটি প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নিদেশ দিয়েছে।

প্রাইম ইনস্যুরেন্স ও আইএলএফএসএলের লভ্যাংশ ঘোষণা

প্রাইম ইনস্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ইনস্যুরেন্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৮ এপ্রিল বেলা ১১টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইবিএম), ৬৩ নিউ ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১ মার্চ। এ ছাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.০৪ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ১৬.০৩ টাকা এবং শেয়ারপ্রতি নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬৫ পয়সা ঘোষণা করা হয়েছে।
অপর দিকে আইএলএফএসএলের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডারদের জন্য ৬০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে এজিএমে শেয়ার হোল্ডারদের এবং এসইসির অনুমোদন সাপেক্ষে ১:১ রাইট শেয়ার ছাড়ারও ঘোষণা করেছে পর্ষদ। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ বেলা ১১টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২ মার্চ। এ ছাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির নিট লাভ ৩৪,৩১,১০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৭.৩৯ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ২৪৮.৯৪ টাকা এবং শেয়ারপ্রতি নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬৩.৩৯ টাকা ঘোষণা করা হয়েছে।

সরকারের পদক্ষেপকে স্বাগত ডিএসই প্রেসিডেন্টের

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী। আজ মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডিএসই প্রেসিডেন্ট বলেন, অব্যাহত দরপতনে সরকারের পাশাপাশি অর্থমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তা বাজারের জন্য খুবই ইতিবাচক। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।
বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানিয়ে শাকিল রিজভী বলেন, বিনিয়োগের এখনই সময়, কেননা এ মুহূর্তে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম নিচে নেমে এসেছে। তাই এখন শেয়ার কিনলে ক্ষতির আশঙ্কা কম। এ ছাড়া বর্তমানে বাজারের পিই রেশিও অনেকটা সহায়ক। তিনি বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন করে বাজারে প্রবেশেরও আহ্বান জানান।
শাকিল রিজভী আরও জানান, অব্যাহত দরপতনে ভালো মৌল ভিত্তির শেয়ারের দাম কমার পেছনে কোনো কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সরকার রাষ্ট্রায়ত্ত পাঁচ প্রতিষ্ঠানকে শেয়ার কেনার জন্য তহবিল দেবে। এরই মধ্যে আইসিবিকে সরকার ২০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগ হবে আরও ২০০ কোটি টাকা

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী রোববার থেকে আরও ২০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন দেওয়া ১১টি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশের বিনিয়োগের মাধ্যমে এই টাকা জোগান দেওয়া হবে। আজ মঙ্গলবার এসইসি উদ্যোক্তা অংশের টাকা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার ক্রয়ে বিনিয়োগের অনুমতি দেয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সাইফুর রহমান জানান, তারল্য সংকট কাটিয়ে উঠতে এসইসি এই উদ্যোগ নিয়েছে। ইতিপূর্বে যেসব মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু তাদের শেয়ার এখনো বাজারে আসেনি, তারা আগামী রোববার থেকে উদ্যোক্তা অংশের টাকা দিয়ে শেয়ার কিনতে পারবে। অনুমোদন পাওয়া এসব মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসইসি বিনিয়োগের অনুমোদন দেয়।
এর ফলে শেয়ারবাজারের তারল্য প্রবাহ বাড়বে বলে আশা করছে এসইসি, যা শেয়ারের দামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সাইফুর রহমান জানান।
যেসব মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে শেয়ার ক্রয়ে বিনিয়োগ করবে, সেগুলো হচ্ছে সোনালি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ ২৫ কোটি টাকা, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এলআর গ্লোবাল ফার্স্ট ইসলামি মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা, এনসিসি ব্যাংক লিমিটেড প্রথম মিউচুয়াল ফান্ড ১৫ কোটি টাকা, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ কোটি টাকা, রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা ও ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচুয়াল ফান্ড ১৫ কোটি টাকা।
এ ছাড়া গতকাল সোমবার এসইসির অনুমোদন পাওয়া ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২০০ কোটি টাকার উদ্যোক্তা অংশ আজ থেকেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ শুরু করেছে।

পাকিস্তানে এক পুলিশ কমান্ডো অভিযুক্ত

পাকিস্তানের একটি আদালত গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যার ঘটনায় মুমতাজ কাদরি (২৬) নামে এক পুলিশ কমান্ডোকে অভিযুক্ত করেছেন।
কাদরির আইনজীবী রফিক খানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘বিচারক মামলার নথি পরীক্ষা করে জানিয়েছেন, আপাতদৃষ্টিতে মনে হয় কাদরিই হত্যা ও সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছেন।’ রফিক খান বলেন, ‘বিচারক অভিযোগপত্র পড়ে শুনিয়েছেন এবং কাদরিকে অভিযুক্ত করেছেন। এ ছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তানের ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষে কথা বলায় গত মাসে রাজধানী ইসলামাবাদে সালমান তাসির খুন হন। এ সময় কাদরি তাঁর দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার পর কাদরি তাসিরকে গুলি করার কথা স্বীকার করেন।

নামের পদবি ধরে রাখতে জাপানে নারীদের মামলা

জাপানের একদল নারী নামের পদবিবিষয়ক প্রচলিত একটি আইনকে চ্যালেঞ্জ করে গতকাল সোমবার আদালতে মামলা করেছে। উনিশ শতকে পাস হওয়া ওই আইন অনুযায়ী সব জাপানি নারীকে বিয়ের পর মা-বাবার পারিবারিক নামের পদবি বাদ দিয়ে স্বামীর নামের পদবি গ্রহণ করতে হয়।
টোকিওর ডিস্ট্রিক্ট কোর্টে করা এ মামলাকে নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এ মামলার বাদী হয়েছেন চার নারী ও তাঁদের একজনের স্বামী।
জাপানের বেসামরিক বিধির শর্ত অনুসারে প্রত্যক বিবাহিত দম্পতির একজনকে অপরজনের নামের পদবি গ্রহণ করতে হয়। তবে নামের পদবি গ্রহণের চর্চাটা সর্বদা নারীরাই করে থাকে। তবে কিছু পুরুষও স্ত্রীর নামের পদবি গ্রহণ থাকে।
মামলার একজন বাদীর নাম কিয়োকো সুকামোতো (৭৫)। তিনি বলেন, ‘আমি কিয়োকো সুকামোতো নাম নিয়েই মরতে চাই।’ যদিও সরকারি কাগজপত্রে তাঁর পদবি কোজিমা (স্বামীর নামের পদবি)। তবে তিনি বেসরকারিভাবে কিয়োকো সুকামোতো নামটিই ব্যবহার করে থাকেন।

ফিলিস্তিনে মন্ত্রিসভার পদত্যাগ, শিগগিরই নতুন সরকার

নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের লক্ষ্যে গতকাল সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদসহ তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করেছে। পরে সালাম ফায়েদকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ এবং তাঁকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কর্মকর্তারা এ কথা জানান।
গতকাল সকালে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন মন্ত্রিসভার বৈঠক চলাকালে পদত্যাগের এই ঘোষণা দেওয়া হয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই ঘোষণার পরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ফায়েদ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে যান। জনতার বিক্ষোভের মুখে প্রতিবেশী দেশ মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর ফিলিস্তিনে সরকার পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলো।
মন্ত্রিসভার পদত্যাগের কিছুক্ষণ পর প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, আব্বাস আবারও ফায়েদকে প্রধানমন্ত্রী নিয়োগ করে তাঁকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার সালাম ফায়েদকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও পৌর নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই নতুন সরকার। এর আগে শনিবার মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, তারা সেপ্টেম্বরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন করতে চায়। এদিকে গাজার নিয়ন্ত্রণকারী হামাস তাৎক্ষণিকভাবে নির্বাচনের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, মাহমুদ আব্বাসের কোনো বৈধতা নেই।
পরিকল্পনামন্ত্রী আলী জারবাবি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ (সোমবার) মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।’
পিএলওর ইয়াসের আবেদ রাব্বো সাংবাদিকদের বলেন, সামনের মাসগুলোতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি। তিনি বলেন, নির্বাচন সেপ্টেম্বরের মধ্যেই হবে।
এদিকে হামাস বলছে, আল-জাজিরার নথি ফাঁসের ঘটনা থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিতে নির্বাচনের ডাক দেওয়া হয়েছে। ফাঁস করা নথিপত্রে দেখানো হয়, ২০০৮ সালের শান্তি আলোচনার সময় ইসরায়েলকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট আব্বাসের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু ক্ষমতার শূন্যতা এড়াতে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানো হয়। হামাস ও ফাতাহর মধ্যে মতানৈক্যের কারণে ২০১০ সালের জানুয়ারি মাসে পরিকল্পিত নির্বাচন স্থগিত করা হয়।

কাবুলে বিপণিকেন্দ্রে বোমা হামলায় নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিপণিকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালেবান জঙ্গিদের এক আত্মঘাতী সদস্য কাবুল সিটি সেন্টার নামের ওই বিপণিকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। প্রবেশমুখে নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধা দিলে একপর্যায়ে তিনি বোমার বিস্ফোরণ ঘটান। এতে দুই নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন, অপর দুজন আহত হন।
এর আগে কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির বার্তা সংস্থা এএফপিকে জানান, কাবুল সিটি সেন্টারের প্রবেশমুখে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে পৌঁছার পথে গুলির শব্দও শুনতে পান। বিপণিকেন্দ্রের ভেতরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
বহুতল ভবনের ওই বিপণিকেন্দ্র আফগানিস্তানের প্রথম আধুনিক ধাঁচের বিপণিকেন্দ্র। বিপণিকেন্দ্রের ষষ্ঠ তলায় আবাসিক হোটেল রয়েছে। সেখানে প্রায়ই পশ্চিমা নাগরিকেরা ওঠে।
ধারণা করা হচ্ছে, ওই পশ্চিমা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল তালেবান জঙ্গিরা।

রাজধানীর আকার ছোট করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া রাজধানীর আকার ছোট করেছে। দক্ষিণ কোরিয়া সরকারের এক প্রতিবেদনে গতকাল সোমবার এ কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পিয়ংইয়ংসংলগ্ন দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোকে রাজধানী থেকে বাদ দিয়েছে।

কয়েক দিনের মধ্যে জরুরি অবস্থা তুলে নিচ্ছে আলজেরিয়া

আলজেরিয়ায় আগামী কয়েক দিনের মধ্যে ১৯ বছরের জরুরি অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুরাদ মেদেলসি গতকাল সোমবার এ কথা জানান।
১৯৯২ সাল থেকে আলজেরিয়ায় জরুরি অবস্থা বিদ্যমান। জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য বিরোধীদের পক্ষ থেকে চাপের মধ্যে ছিল সে দেশের সরকার। সম্প্রতি মিসর ও তিউনিসিয়ার ঘটনা থেকে উৎসাহিত হয়ে বিরোধীরা সরকারকে এই চাপ দিচ্ছিল।
কয়েক শ বিক্ষোভকারী গত শনিবার রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ করে। বিরোধী গোষ্ঠীগুলো জানায়, সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা প্রতি সপ্তাহের শেষের দিকে বিক্ষোভ করবে। ফ্রেঞ্চ রেডিও স্টেশন ইউরোপ-ওয়ানের এক সাক্ষাৎকারে মুরাদ মেদেলসি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা রাষ্ট্রের জরুরি অবস্থা নিয়ে আলোচনা করব।’

দার্জিলিংয়ে জনমুক্তি মোর্চার আমরণ অনশন কর্মসূচি শুরু

পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে গতকাল সোমবার থেকে আন্দোলনকারী জনমুক্তি মোর্চা আমরণ অনশন শুরু করেছে। অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জনমুক্তি মোর্চার পাঁচজন কর্মী।
একই সঙ্গে পাহাড়জুড়ে চলছে অনির্দিষ্টকালের বন্ধ্। গত মঙ্গলবার ডুয়ার্সের সিবচুতে পুলিশের গুলিতে জনমুক্তি মোর্চার তিন সমর্থকের মৃত্যুর প্রতিবাদে ওই দিন থেকে গোটা দার্জিলিংয়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বন্ধ্। এই বনেধর জেরে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।

প্লাস্টিকের হাঁস উদ্ধারে ২৫ কর্মীর জীবনবাজি

জার্মানির দক্ষিণাঞ্চলের শহর স্টবিংয়ের ঘটনা এটি। বরফে আচ্ছাদিত এক পুকুরে একটি হাঁস দেখে চমকে ওঠেন কয়েকজন পথচারী। ছোট্ট ওই প্রাণীটির জীবন সংকটাপন্ন ভেবে তাঁরা ৯৯৯ নম্বরে দমকলকর্মীদের কাছে ফোন করেন। ফোন পাওয়ামাত্র তড়িঘড়ি করে দমকলকর্মীরাও ছুটে আসেন।
২৫ জন উদ্ধারকর্মীর দলটি রীতিমতো জীবনবাজি রেখে বরফের পুকুরে নেমে হাঁসটিকে উদ্ধার করে আনার পর তাঁদের চোখ ছানাবড়া! এ কী? এটা তো প্লাস্টিকের হাঁস!
একজন উদ্ধারকর্মী বলেন, ‘আমরা যে খবরটি পেয়েছিলাম, তা অসম্পূর্ণ ছিল। খুঁজতে খুঁজতে আমরা হাঁসটিকে পুকুরের মাঝখানে পাই। বরফের স্তর খুব পুরু ছিল না। তাই উদ্ধারকাজটি ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। হাঁসটি উদ্ধারের পর বুঝতে পারি এটি আসল নয়, প্লাস্টিকের তৈরি একটি হাঁস। পাখিরা যেন শোঁ করে উড়ে এসে মাছ খেয়ে যেতে না পারে, সে জন্য এই প্লাস্টিকের হাঁস পুকুরে রেখে দেওয়া হয়েছে।’
উদ্ধারকর্মীরা জানান, এই অভিযানে কেউ হতাহত হননি।

চাঁদে পানির অস্তিত্ব আবিষ্কার করেছে ভারতের নভোযান

চন্দ্রাভিযানে একটি বড় ধরনের সাফল্যের ভাগীদার হয়েছে ভারত। মহাকাশ পর্যবেক্ষণের অন্যতম শক্তিশালী যন্ত্র হাবল স্পেস টেলিস্কোপের (এইচএসটি) মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে, চন্দ্রযান-১-এর মাধ্যমে চাঁদে পানি থাকার বিষয়টি আবিষ্কৃত হয়েছে। গত শনিবার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) ভারতের এই সাফল্যের কথা ঘোষণা করে।
চন্দ্রযান-১ চাঁদে পাঠানো ভারতের প্রথম মানবহীন নভোযান। ২০০৮ সালের অক্টোবরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এই নভোযান পাঠায়।
এইচএসটির মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১৪ নভেম্বর রাতে চন্দ্র অলটিচিউডুনাল এক্সপ্লোরার (চেস) চাঁদে পানির অস্তিত্ব খুঁজে পায়। এটি চন্দ্রযান-১ থেকে চাঁদে পাঠানো অনুসন্ধান যন্ত্র মুন ইমপ্যাক্ট প্রোবের (এমআইপি) একটি অংশ।
নাসা ১৯৯০ সালে মহাকাশ যান ডিসকভারির মাধ্যমে এইচএসটিকে মহাশূন্যে পাঠায়। এএএসের এই ঘোষণার কথা উল্লেখ করে চেসের প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানী তীর্থ প্রতিম দাস ভয়েজ সাময়িকীতে উল্লেখ করেন, চন্দ্রযান-১-এর মাধ্যমে ভারত চাঁদে যে অভিযান চালায়, এতে এমআইপির ভেতর চেসের পরীক্ষায় ওই উপগ্রহে পানির অস্তিত্ব ধরা পড়ে। তীর্থ দাস বলেন, যন্ত্রটি যে তথ্য-উপাত্ত দিয়েছে, সে অনুযায়ী চাঁদে উল্লেখযোগ্য পরিমাণ পানি রয়েছে।

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্পদ সরিয়ে নিয়েছেন মোবারক

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তাঁর পারিবারিক সম্পদ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে সরিয়ে নিয়েছেন। বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সুইস কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়ার পর তিনি এসব সম্পদ ইউরোপের ব্যাংক থেকে সরিয়ে নেন।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘সম্পদ রক্ষার উপায় সম্পর্কে মোবারকের পরিবারের সদস্যদের মধ্যে জরুরি কিছু কথোপকথনের ব্যাপারে আমরা সজাগ আছি।’
ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেস টিভি জানায়, মিসরের সদ্য ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টের পারিবারিক উপদেষ্টা কিছু অর্থ বিদেশে সরিয়ে থাকতে পারেন।
ওই কর্মকর্তা বলেন, মোবারক তাঁর সম্পদের একটি অংশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বন্ধুপ্রতিম আরব দেশগুলোতে স্থানান্তর করেছেন।
হোসনি মোবারকের সম্পদের পরিমাণ নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ বলছেন, তাঁর সাত হাজার কোটি ডলারের সম্পদ আছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাঁর পারিবারিক সম্পদের পরিমাণ ২০০ থেকে ৩০০ কোটি ডলার।
নিউইয়র্কটাইমসের খবরে বলা হয়, শুক্রবার মোবারকের পদত্যাগের একটু পরই সুইস কর্মকর্তারা সুইজারল্যান্ডের সব ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটি নোটিশ পাঠান। নোটিশে তাঁরা পরিবারের সদস্যসহ মোবারক ও তাঁর সহযোগীদের সম্পদ খুঁজে বের করে তা জব্দ করার নির্দেশ দেন।
হোসনি মোবারকের পতনের পরপরই তাঁর সম্পদের হিসাব চেয়ে দাবি উঠতে শুরু করে। বিরোধী জোট ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চেঞ্জের প্রধান জর্জ ইসহাক বলেন, ‘আমরা এখন সব ফাইল খুলে দেখব। সবকিছুর বিচার-বিশ্লেষণ করব। প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী ও তাঁদের পরিবারের কারও সম্পদের হিসাব বাদ যাবে না।’
সমালোচকেরা বলছেন, গত শতাব্দীর নব্বইয়ের দশকে বেসরকারীকরণের ধারাবাহিকতায় মোবারক ও অন্য রাজপরিবারগুলোর সদস্যরা নতুন ব্যবসা শুরু করেন।
কায়রোতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটির রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক সামের সোলাইমান বলেন, মোবারকের পরিবারের সদস্যরা বার্ষিক বাজেট থেকে চুরি করেননি। তাঁরা রাজনৈতিক খাতে বরাদ্দ অর্থ ব্যক্তিগত খাতে স্থানান্তর করেছেন।

মুসলমানদের মধ্যে জঙ্গিবাদের উত্থান নিয়ে শুনানি হবে কংগ্রেসে

যুক্তরাষ্ট্রে মুসলমানদের মধ্যে জঙ্গিবাদের উত্থান নিয়ে কংগ্রেসে শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান পিটার কিং বিতর্কিত এই শুনানির উদ্যোগ নিয়েছেন। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় এই শুনানি নিয়ে এর মধ্যে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের শুনানির প্রতিবাদ জানিয়েছে।
নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্রে মুসলমানদের মধ্যে নীরবে জঙ্গিবাদের উত্থান ঘটছে। জঙ্গিবাদী তৎপরতা রোধে যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা আশানুরূপ সহযোগিতা করছেন না। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মুসলমানদের জন্য মধ্যপ্রাচ্য থেকে অর্থ আসছে, যা সন্দেহজনক।
যুক্তরাষ্ট্রের উদারনৈতিক মহলের মতে, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসে এই শুনানির পরিণাম ভালো হবে না। জঙ্গিবাদের সঙ্গে ঢালাওভাবে মুসলমানদের সম্পৃক্ত করে কংগ্রেসে উন্মুক্ত আলোচনা পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে।
বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, নাগরিক অধিকার ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এই শুনানি বাতিলের দাবি জানানো হয়েছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্পিকার ও ডেমোক্র্যাট দলের নেতার কাছে দেওয়া প্রতিবাদপত্রে বলা হযেছে, জঙ্গিবাদ বিষয়ে শুনানি করতে হলে সব ধরনের জঙ্গিবাদ অন্তর্ভুক্ত করা হোক। শুধু মুসলমানদের নিয়ে এ ধরনের শুনানি না করার দাবি জানানো হয়েছে প্রতিবাদপত্রে।
মুসলিম অ্যাডভোকেটস নামের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো জনগোষ্ঠীকে পৃথক করার চেষ্টা ভ্রান্তি ও বিভক্তির জন্ম দেবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারফেইথ অ্যালায়েন্সসহ আরও কয়েকটি সংগঠন মুসলিম ও জঙ্গিবাদ নিয়ে কংগ্রেসে শুনানির প্রতিবাদ জানিয়েছে।

ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে গতকাল সোমবারও ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়।
এএফপির এক সাংবাদিক জানান, তিন হাজারের মতো বিক্ষোভকারী সানা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে তাহরির স্কয়ারে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহরির স্কয়ারের কাছে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়। এ সময় দাঙ্গা পুলিশ, সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মকর্তা ও সালেহর সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের অধিকাংশই শিক্ষার্থী এবং সুশীল সমাজের নাগরিক। তবে গত সপ্তাহ থেকে প্রেসিডেন্ট সালেহর সমর্থকেরা তাহরির স্কয়ারে অবস্থান নিয়েছে।
এ ছাড়া দেশটির দক্ষিণের শহর তায়েজেও কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে আট ব্যক্তি আহত হয়।
সালেহর পদত্যাগের দাবিতে গত রোববারও রাজধানী সানায় দুই হাজারের মতো মানুষ বিক্ষোভ করে। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা করে। এ সময় ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার গণবিক্ষোভের মুখে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনেও সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবদুল্লাহ সালেহ ৩২ বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় রয়েছেন।
এর আগে ইয়েমেনের সরকার ও পার্লামেন্টের বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগও বিক্ষোভ থামাতে ব্যর্থ হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানোয় গতকাল ইয়েমেন সরকারের সমালোচনা করেছে। এইচআরডব্লিউয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক পরিচালক সারাহ লেহ হুয়িটসন বলেন, ‘কোনো উসকানি ছাড়াই সানার রাস্তায় নিরাপত্তা বাহিনী নির্মমভাবে বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে।’ এ ঘটনার পুরো দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে তিনি মন্তব্যকরেন।