Thursday, September 3, 2009

ফরাসি স্পাইডারম্যানের পেট্রোনাস টাওয়ার জয়

ফরাসি ‘স্পাইডারম্যান’ অ্যালেইন রবার্ট শেষমেশ ঠিকই মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের চূড়ায় আরোহণ করেছেন। গতকাল মঙ্গলবার ৮৮ তলার এ সুউচ্চ ভবন তিনি বেয়ে ওঠেন। এর আগেও দুইবার তিনি এ দুঃসাহসিক অভিযানে নেমেছিলেন। কিন্তু সফল হননি।
কুয়ালালামপুরের পুলিশ বিভাগের প্রধান মুহাম্মদ সাবতু ওসমান বলেন, গতকাল ভোরে পেট্রোনাস টুইন টাওয়ার বেয়ে উঠার অভিযানে নামেন অ্যালেইন রবার্ট এবং কেউ কিছু জানার আগেই তিনি সফলভাবে ভবনের চূড়ায় পৌঁছেন। কিন্তু এরপরই শুরু হয় বিপত্তি। ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা বিষয়টি জেনে যান। তাঁরা অ্যালেইন রবার্টকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হতে পারে।
রবার্ট ১৯৯৭ সালের ২০ মার্চ প্রথম পেট্রোনাস টাওয়ারে আরোহণের চেষ্টা করেন। এরপর ২০০৭ সালেও তিনি একই প্রচেষ্টা চালান। কিন্তু দুই বারই তিনি লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। এর আগে রবার্ট প্যারিসের আইফেল টাওয়ার ও সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে আরোহণ করেন। তার এ জন্য তাঁকে স্পাইডারম্যান নাম দেওয়া হয়েছে।

বিশ্বের শীতলতম স্থানের সন্ধানলাভ

বিশ্বের শীতলতম, শুষ্কতম ও শান্ততম স্থানের সন্ধান পাওয়ার দাবি করেছেন একদল গবেষক। অ্যান্টার্কটিকা মহাদেশে একটি মালভূমির ওপর ওই স্থানটি অবস্থিত। ভূ-পৃষ্ঠে মানমন্দির স্থাপনের জন্য সবচেয়ে ভালো স্থান খুঁজতে গিয়ে ওই স্থানটির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি দল উপগ্রহ থেকে পাওয়া ছবি, তথ্য ও জলবায়ুর মডেল পর্যালোচনা করে স্থানটি চিহ্নিত করেন। স্থানটি ‘রিজ-এ’ নামে পরিচিত। বিজ্ঞানীদের ধারণা, ওই স্থানে এখনো কোনো মানুষের পা পড়েনি।
গবেষকেরা জানান, পৃথিবীর তলদেশে (দক্ষিণে) অ্যান্টার্কটিক মালভূমির ১৩ হাজার ২৯৭ ফুট উচ্চতায় রিজ-এ অবস্থিত। সেখানকার গড় তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে পানির পরিমাণ খুবই কম। ওই এলাকায় বায়ুপ্রবাহ নেই বললেই চলে অর্থাত্ খুবই শান্ত আবহাওয়া। গত সোমবার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি প্রকাশনায় এসব তথ্য প্রকাশিত হয়।
গবেষক দলের প্রধান অস্ট্রেলিয়ার অ্যাংলো-অস্ট্রেলিয়ান মানমন্দিরের বিজ্ঞানী উইল সান্ডার্স বলেন, জায়গাটি খুবই শান্ত, সেখানে কোনো বাতাসের অস্তিত্ব নেই বললেই চলে। জায়গাটি মানমন্দির স্থাপনের জন্য খুবই উপযোগী। রিজ-এ থেকে মহাজাগতিক কোনো ছবি তোলা হলে তা বর্তমানে ব্যবহূত সবচেয়ে ভালো মানমন্দির থেকে তোলা ছবির তুলনায় তিনগুণ পরিষ্কার হওয়া উচিত। কারণ, সেখানকার আকাশ অনেক বেশি শুষ্ক ও অন্ধকার।

সীমান্ত পারাপারে কড়াকড়ি তুলে নিয়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুরক্ষিত সীমান্ত পথে পারাপারের ওপর আরোপিত কড়া নিয়ন্ত্রণ তুলে নিয়েছে উত্তর কোরিয়া। দীর্ঘ কয়েক মাসের বৈরিতার পর উত্তর কোরিয়ার দিক থেকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো।
২০০৮ সালের ডিসেম্বর মাস থেকে সীমান্ত পারাপারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে পিয়ংইয়ং। এখন থেকে পারাপারের জন্য দৈনিক ২৩ বার সীমান্ত পথ খুলে দেওয়া হবে। আগে দৈনিক ছয়বার সীমান্তপথ খুলে দেওয়া হতো।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি জোং-জু বলেন, একটা সময় আসবে যখন সীমান্ত পারাপারের জন্য মানুষ ও গাড়ির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তিনি বলেন, উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরীয়দের যাতায়াত এখন থেকে স্বচ্ছন্দভাবে চলবে।
সীমান্তের পারাপারের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ফলে উত্তর কোরিয়ায় অবস্থিত কায়েসং শিল্পাঞ্চলে দক্ষিণ কোরীয়দের যাতায়াতে আর কোনো সমস্যা থাকল না। ওই শিল্পাঞ্চলে দক্ষিণ কোরিয়ার ১১০টি কারখানা রয়েছে, যেখানে কর্মরত রয়েছেন উত্তর কোরিয়ার প্রায় ৪০ হাজার শ্রমিক।
সাম্প্রতিক উত্তেজনার কারণে কায়েসং শিল্পাঞ্চলের কার্যক্রম ভেঙে পড়ার হুমকির মুখে পড়েছিল। কিন্তু চলতি মাসের গোড়ার দিকে হুন্দাই চেয়ারম্যানের উত্তর কোরিয়া সফরের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তসীমান্ত সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।

গাদ্দাফির ক্ষমতায় আরোহণের ৪০ বছর পূর্তি উদ্যাপন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতায় আরোহণের ৪০ বছর পূর্ণ হলো গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে রাজধানী ত্রিপোলিতে সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওই সময়ের শাসক কিং ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন কর্নেল গাদ্দাফি।
৪০ বছর পূর্তি উদ্যাপনের প্রাক্কালে গত সোমবার আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি সম্মেলনেরও আয়োজন করেন গাদ্দাফি। এ উপলক্ষে ত্রিপোলিতে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা সমবেত হন। লিবিয়া গত ফেব্রুয়ারিতে এইউর চেয়ারম্যান নির্বাচিত হয়।
বর্ষপূতি উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। আফ্রিকার নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ত্রিপোলির গ্রিন স্কয়ারে মূল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেখানে কয়েক হাজার লিবীয় নাগরিক অংশ নেয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজও লিবিয়া গেছেন। তবে সম্প্রতি লকারবি হামলার সাজাপ্রাপ্ত আসামি মেগরাহি মুক্তি পাওয়ার পর তাঁকে লিবিয়ায় বীরোচিত সম্মান জানানোর ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমা নেতারা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।
গাদ্দাফি ১৯৪২ সালে লিবিয়ার একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মিলিটারি একাডেমিতে ভর্তি হন। ১৯৬৫ সালে একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তাঁকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণের জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। ১৯৬৬ সালে গাদ্দাফি লিবীয় সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিমা বিশ্ব সমর্থিত রাজতন্ত্র উত্খাত করেন ২৭ বছরের তরুণ গাদ্দাফি। এরপর ৪০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে তিনি লিবিয়া শাসন করে আসছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ অনুষ্ঠান

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৭০তম বার্ষিকীতে পোল্যান্ডে গতকাল মঙ্গলবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গদনস্কের কাছে ভেস্টারপ্লাটে উপদ্বীপে সূর্যোদয়ের সময় এক স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়। ১৯৩৯ সালে ভেস্টারপ্লাটে উপদ্বীপে একটি পোলিশ দুর্গ লক্ষ্য করে জার্মান যুদ্ধজাহাজ থেকে প্রথম গোলাটি ছোড়া হয়।
ওই দুর্গে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজনস্কি ও প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক।
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মান যুদ্ধজাহাজ শ্ললেসভিগ হোলস্টেইন থেকে পোলিশ দুর্গ লক্ষ্য করে গোলা ছোড়া হয়। একই সঙ্গে পোল্যান্ডের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিক থেকে সাঁড়াশি হামলা চালায় জার্মান বাহিনী।
সেদিন দুর্গটিতে ছিলেন ১৮২ জন পোলিশ সেনা। ধারণা করা হচ্ছিল, জার্মান হামলার মুখে তাঁরা ১২ ঘণ্টার বেশি টিকবেন না। কিন্তু আকাশ, নৌ ও স্থলপথে সাঁড়াশি আক্রমণ সত্ত্বেও তিন হাজারেরও বেশি জার্মান সেনার বিরুদ্ধে সাত দিন পর্যন্ত প্রতিরোধ বজায় রেখেছিলেন পোলিশ সেনারা।
গত সোমবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভেস্টারপ্লাটের প্রতিরোধকে পোলিশ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
স্মরণ অনুষ্ঠানে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজনস্কি বলেন, ‘ভেস্টারপ্লাটের বীরদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই বীর সৈনিকদের, যাঁরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নািসবাদ ও বলশেভিক-সমগ্রতাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।’
১৯৩৯ সালের ১৭ সেপ্টেম্বর রেড আর্মির পোল্যান্ডে হামলার দিকে ইঙ্গিত করে লেস কাজনস্কি বলেন, ‘সেপ্টেম্বরের ১৭ তারিখ... তখনো আমরা ওয়ারশকে রক্ষার জন্য লড়ছিলাম... সেদিন পোল্যান্ডের পিঠে ছোরা মারা হয়।’
অনুষ্ঠানটি শুরু হয় ভোর চারটা ৪৫ মিনিটে। ঠিক ওই সময়টাতেই প্রথম গোলাটি ছোড়া হয়েছিল। গতকাল দিনের শেষের দিকের গদনস্কের স্মরণ অনুষ্ঠানে জার্মান ও রুশ নেতাসহ ২০ দেশের নেতারা যোগ দেন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৭০তম বার্ষিকীতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জার্মান টেলিভিশনে বলেন, ‘জার্মানি পোল্যান্ডে হামলা চালিয়েছে, জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছে। আমরা বিশ্বের অন্তহীন দুর্ভোগের কারণ ছিলাম। যার ফলাফল ছিল ছয় কোটি মানুষের মৃত্যু।’

পাকিস্তানের হারপুন ক্ষেপণাস্ত্রের মানোন্নয়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

যুক্তরাষ্ট্রের তৈরি জাহাজবিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের মানোন্নয়ন করেছে পাকিস্তান। ফলে হারপুন ক্ষেপণাস্ত্র এখন স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে পারবে। দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
এদিকে এ খবরে দারুণ ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। হারপুনের মান উন্নয়নকে ওয়াশিংটন বেআইনি ঘোষণা করেছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
জনসংযোগ-বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রাউলি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। বিষয়টি নিয়ে আমরা পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে যৌথভাবে তদন্তের জন্য পাকিস্তান রাজি হয়েছে।’
পত্রিকাটির ওই প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে ক্রাউলি পিটিআইকে এ কথা বলেন।
গত ৩০ আগস্ট দ্য নিউইয়র্ক টাইমস একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে পাকিস্তান অবৈধভাবে হারপুন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে একে স্থলভাগের লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতাসম্পন্ন করেছে, যা তার প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য একটি সম্ভাব্য হুমকি। পত্রিকাটি বলেছে, পাকিস্তান গত ২৩ এপ্রিল কোনো ঘোষণা ছাড়াই সন্দেহজনক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর পরই ইসলামাবাদের আইন ভঙ্গের বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) নজরে আসে। ওই সময় পাকিস্তানের বিরুদ্ধে নতুন ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষার অভিযোগ আনা হলে ইসলামাবাদ তা নাকচ করে দেয়।
যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান প্রশাসন ১৯৮৫ থেকে ৮৮ সাল পর্যন্ত চার বছরে ১৬৫টি হারপুন ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে সরবরাহ করেছিল।
ক্রাউলি বলেন, ‘পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উন্নয়নের খবরে আমরা উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে আমরা পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে। আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ আছে কি না তা দেখতে তদন্তের ফলাফলের অপেক্ষা করছি।’
পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি স্থল-লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ‘পি-৩সি’ বিমানেরও উন্নয়ন করার অভিযোগ রয়েছে। এ দুটি বিষয়ই যুক্তরাষ্ট্রের আইন ও অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন।
ক্রাউলি আরও বলেন, ‘আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অস্ত্র রপ্তানি চুক্তি সব সময় গুরুত্বপূর্ণ, সেটা যে দেশের সঙ্গেই হোক না কেন। আমরা যার কাছেই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করি না কেন, তা রপ্তানি চুক্তির অধীনেই করে থাকি। অস্ত্রের ব্যবহার নিয়ে যখনই কোনো উদ্বেগ দেখা দেয়, তখনই আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করি।’
এ বছরের শুরুতে ওবামা প্রশাসন পাকিস্তানকে বেসামরিক সাহায্য তিন গুণ করা এবং সামরিক সাহায্য বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করার পর থেকে কয়েকজন মার্কিন আইনপ্রণেতাও পাকিস্তানের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছিলেন। তাঁরা পাকিস্তানে সামরিক সাহায্য দেওয়ার ব্যাপারে শর্ত জুড়ে দেওয়ার ওপরও জোর দেন।
পাকিস্তানে ৭৫০ কোটি ডলার বেসামরিক সাহায্য দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে ঝুলে আছে। এ ব্যাপারে নিউইয়র্ক টাইমস বলেছে, অস্ত্র রপ্তানি চুক্তি ভঙ্গের অভিযোগে পাকিস্তানের জন্য প্রস্তাবিত এ সাহায্য প্রস্তাব এখন আটকে যেতে পারে।
সীমান্তে তিনটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় গতকাল মঙ্গলবার সেনাবাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের তিনটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এ অভিযানে ২০ জঙ্গি নিহত হয়েছে। দেশটির সামরিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সহিংসতাপূর্ণ খাইবার অঞ্চলে এ অভিযান চালানো হয়। সেখানে কয়েক দিন আগে গতকাল ভোরে এ অভিযান চালানো হয়। এখানে কয়েক দিন আগে আত্মঘাতী বোমা হামলায় ২২ নিরাপত্তাকর্মী নিহত হন। এ অভিযানে নিহত ২০ জনের মধ্যে দুজন জঙ্গি কমান্ডার রয়েছেন। এ সময় আরও ২৫ জন সন্দেহভাজন জঙ্গি আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি খাইবার অঞ্চলে তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সেনা কর্মকর্তাদের ধারণা, সীমান্ত এলাকায় আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতারা তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। তালেবানের বিরুদ্ধে এ অঞ্চলে পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আফগান জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

ঢাকা ডাইংয়ের ১০% লভ্যাংশ ঘোষণা

ঢাকার গুলশানের একটি হোটেলে সম্প্রতি দি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য শতকরা ১০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালউদ্দিন কাদের চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, পরিচালক মিনা পারভীন কাদের চৌধুরী ও মো. আমিরুল ইসলাম।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদন, ২০০৮-০৯ অর্থবছরের আর্থিক বিবরণী এবং অডিট রিপোর্ট গৃহীত হয়।

পঞ্চগড় চিনিকলের আখ রোপণ মৌসুম শুরু হয়েছে

পঞ্চগড় চিনিকলের আওতায় ১০ হাজার একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি ২০০৯-১০ রোপণ মৌসুম শুরু হয়েছে।
পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উল আলম গতকাল মঙ্গলবার সদর উপজেলার আহম্মদনগর গ্রামের আব্দুল আলা, খারুয়াপাড়ার ফজলুল হক, আবু বক্কর ছিদ্দিক, পাহাড়বাড়ির আব্দুল মান্নান, অমরখানা গ্রামের ওবায়দুর রহমান ও আবু তাহেরের জমিতে আখ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুল করিম, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) কাজী মাহমুদুল হক, চিনিকল সিবিএ সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, আখচাষি সমিতির ফজলে হক, আখচাষি তাজিমউদ্দিন আহাম্মদ বক্তৃতা করেন।
আখ রোপণ মৌসুমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উল আলম চাষিদের এই শিল্পের প্রাণ আখ্যায়িত করে বলেন, ‘আপনারাই পারেন মিলটি বাঁচিয়ে রাখতে।’ তিনি চাষিদের দাবি-দাওয়া আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।
সমাবেশে আখচাষিরা আখের দাম মণপ্রতি ১০০ টাকায় নির্ধারণ, বিনা মূল্যে সার বিতরণ, রোপা আখচাষের ভর্তুকির টাকা বাড়ানো এবং আখ বিক্রির সঙ্গে সঙ্গে তাঁদের মূল্য পরিশোধ করার দাবি জানান।
এই চিনিকলের আওতায় এবারের মৌসুমে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ এবং তা থেকে সাড়ে আট হাজার মেট্রিক টন চিনি উত্পন্ন হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

সিএসডির বিনিয়োগকারী তাইওয়ানের কোম্পানিকে সিইপিজেডে প্লট বরাদ্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে বেপজা সিএসডির বিনিয়োগকারী কোম্পানিগুলোকে কর্ণফুলী ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্লট পুনঃবরাদ্দ দিচ্ছে। এরই ধারাবাহিকতায় তাইওয়ানের কসমস সুজ ইন্টারন্যাশনালকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিদেশি এই কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ১৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। এ ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও কসমস সুজ ইন্টারন্যাশনালের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (প্রকৌশল) এম মাহবুব উল আলম এবং কসমস সুজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান চুয়াং ফেং জিয়ুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অবশেষে টেকনাফ স্থলবন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যবিদায়ী আগস্ট মাসে প্রায় সাত কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি টাকা বেশি।
জানা গেছে, টেকনাফ স্থলবন্দরে গত মে, জুন ও জুলাই এই তিন মাসের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে চলতি ২০০৯-২০১০ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে এসে ১৯৮টি বিল অব এন্ট্রির মাধ্যমে ছয় কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ৯৩৮ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই মাসের জন্য এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল পাঁচ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকা। অর্থাত্ এ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে এক কোটি এক লাখ ৭৮ হাজার ৯৩৮ টাকা।
অন্যদিকে ৪০টি বিল অব এন্ট্রির মাধ্যমে বাংলাদেশ থেকে মিয়ানমারে ৫০ লাখ ২৭ হাজার ৯৭৫ টাকার পণ্য রপ্তানি হয়েছে।
টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, দুই-তিন মাস ধরে রাজস্ব আদায় সম্ভব না হলে আগস্ট মাসে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী আমদানি হওয়ায় মূলত লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুদ বলেন, ‘কয়েক মাস ধরে মাসিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও আগস্ট মাসে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের আন্তরিক প্রচেষ্টায় এনবিআর কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে আমরা সক্ষম হয়েছি।’ এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলে তিনি প্রথম আলোকে জানান।

আগামী ৩০ নভেম্বর থেকে জেনেভায় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন বাংলাদেশের করণীয় নির্ধারণে আট সদস্যের কমিটি গঠন

আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেবে।
তিন দিনের এ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে আট সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় সুপারিশমালা-সংবলিত একটি প্রতিবেদন জমা দেবে বাণিজ্য মন্ত্রণালয়ে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডব্লিউটিও সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির এক বৈঠক শেষে ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী সাংবাদিকদের এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে এ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে।
বৈঠকে বাণিজ্যসচিব ফিরোজ আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফা মহিউদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ফারুক সোবহান, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ও প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ, বিকেএমইএর সহসভাপতি এম এ বাসেত, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অমিতাভ চক্রবর্তী আরও জানান, মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার আগে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর আফ্রিকার তানজানিয়ায় অনুষ্ঠেয় স্বল্পোন্নত (এলডিসি) দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়েরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে সেই বৈঠকেও যোগ দেবে একটি প্রতিনিধি দল। উভয় বৈঠকে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে দেশীয় অবস্থান তুলে ধরা ও করণীয় নির্ধারণের কাজ করবে সদ্যগঠিত এ কমিটি।
ডব্লিউটিওর শর্ত অনুযায়ী স্বল্পোন্নত দেশের ৯৭ শতাংশ পণ্য উন্নত দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার কথা। জানা গেছে, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো যাতে অন্যায়ের শিকার না হয়, সে জন্য তানজানিয়া ও জেনেভার সম্মেলনে দরকষাকষি করতে হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। শুল্কমুক্ত সুবিধা পাওয়ার দিক থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে বলেও আলোচনা হয় বৈঠকে।
কোর কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান, ডব্লিউটিও সেলের উপপরিচালক নেসার আহমেদ, ডব্লিউটিও সেলের উপপরিচালক শরীফা খানম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) একজন প্রতিনিধি।

রেফারিদের আনন্দময় এক দিন

তাঁদের হাতে সবুজ রঙের একটা কার্ড। লেখা—‘শেয়ার দ্য গ্রিন কার্ড অন অ্যান্ড অফ দ্য ফিল্ড’। সাদা জার্সি পরা রেফারিদের বিশাল র্যালি আস্তে আস্তে বেরিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। গন্তব্য—বঙ্গবন্ধু স্টেডিয়াম।
কোনো ম্যাচ পরিচালনা করতে নয়, স্টেডিয়ামে এসে নিজেরাই খেলতে নামলেন। কাল ছিল ‘এশিয়ান রেফারিস ডে’, বাংলাদেশের রেফারিরা দিনটা পালন করলেন নানা কর্মসূচিতে। আলোচনা সভা ছিল বাফুফে ভবনে, তারপর বাফুফে ভবন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম পর্যন্ত র্যালি, সবশেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ফুটবল। যাতে অংশ নিয়েছে ‘রেফারি একাদশ’ ও ‘বাফুফে একাদশ’। নুরুল হকের একমাত্র গোলে বাফুফে একাদশ জয় পেলেও ম্যাচটা রেফারিদের কাছে ছিল উপভোগ্যই। হাসি-ঠাট্টা-কৌতুক... মজা করেই সময়টা পার করেছেন তাঁরা।
এএফসির এলিট প্যানেলে ঢুকে পড়েছেন বাংলাদেশের রেফারিরা, সারা বছরই ব্যস্ত সময় কাটে কয়েকজনের। অনেকেই বলেন, এখন রেফারিদের সুসময়। সত্তরের দশকের রেফারি মুনীর হোসেন বললেন, ‘বাংলাদেশে রেফারিং অনেকটা এগিয়ে গেছে। অনেকেই এশীয় অঞ্চলে দাপটের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। তবে আমাদের রেফারিং আরও এগিয়ে যাওয়া উচিত ছিল।’

সেই জাদুকরী বার্সেলোনাই

স্প্যানিশ লিগের প্রথম দিনটা আলোয় ভরিয়ে দিয়েছিল রিয়ালের নক্ষত্রপুঞ্জ। আর পরশু বার্সেলোনা প্রথম ম্যাচে গত মৌসুমের মতোই জাদুকরী ফুটবল উপহার দিয়ে স্পোর্টিং গিজনকে হারাল ৩-০ গোলে। বোজান কিরকিচ আর সেইডু কেইটার সঙ্গে গোল পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচও।
স্প্যানিশ লিগে ইব্রাহিমোভিচের অভিষেক ম্যাচ বলে পাদপ্রদীপের আলো ছিল তাঁর ওপরই। গোল করে উপলক্ষটা স্মরণীয়ও করে রেখেছেন তিনি। তবে রাতটি ছিল আসলে তিন দিন আগে উনিশে পা রাখা বোজান কিরকিচের। গত মৌসুমে বার্সেলোনা যে অসাধারণ ফুটবল খেলেছে, তাতে বড় অবদান ছিল লিওনেল মেসির। পরশু মেসি ছিলেন না। ছিলেন না গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের আরেক নায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও। মেসি ৫ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য আর্জেন্টিনা গেছেন। আর ইনিয়েস্তার চোট এখনো সেরে ওঠেনি। এ দুজনের অনুপস্থিতিতে মাঠে আলো ছড়ালেন কিরকিচ। তবে তাঁর জন্য হরিষে বিষাদে পরিণত হয়েছে ম্যাচটি। ঊরুর পেশিতে চোট পেয়ে ৮০ মিনিটে মাঠ ছেড়েছেন, পরে জানা গেছে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
ব্রাজিলীয় ডিফেন্ডার দানি আলভেজের কথাও বলতে হয়। কিরকিচের ১৭ মিনিটের গোলটির উত্স ছিল জাভির কর্নার। বাকি দুটি গোলই আলভেজের দারুণ ক্রস থেকে। ৪২ মিনিটে কেইটার মাথা খুঁজে পেয়েছে তাঁর ক্রস এবং ৮২ মিনিটে বার্সার ৬৯ মিলিয়ন ইউরোর খেলোয়াড় ইব্রাহিমোভিচের গোলটিও হেড থেকেই।

ম্যারাডোনা বলছেন, বলছেন ব্রাজিলীয়রাও

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে—আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা এ ঘোষণা আগেও দিয়েছেন, আবারও দিলেন। অথচ আর্জেন্টিনা দলে ইনজুরির থাবা। হুয়ান সেবাস্তিয়ান ভেরন, সেবাস্তিয়ান বাত্তাগলিয়া খেলতে পারবেন কি না ঠিক নেই। সন্দেহ আছে জোনাস গুতিয়েরেজকে নিয়েও। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পারফরম্যান্সও ভালো নয়। এর পরও ম্যারাডোনা এমন ঘোষণা কীভাবে দেন? উত্তরটা তাঁর মুখ থেকেই শুনুন, ‘ব্রাজিলের বিপক্ষে অন্য সব ম্যাচের মতো এটাও অনেক কঠিন হবে। তবে অনুপ্রেরণার কারণে আমরা ওদের হারিয়ে দিতে পারব।’
ম্যারাডোনার এই অনুপ্রেরণাটা আসলে কী? বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে চারটি দল। পঞ্চম স্থানে থাকা দলটিকে প্লে-অফ ম্যাচ খেলে পেতে হবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হেরে গেলে প্লে-অফ খেলার শঙ্কা থাকছে আর্জেন্টিনার। কারণ ওপরের দিকের পাঁচটি দল গায়ে গা ঘেঁষেই এগোচ্ছে।
পাঁচটি দলকে বিচ্ছিন্ন করেছে মাত্র ৭ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা চিলির পয়েন্ট ২৬। আর তৃতীয় স্থানে প্যারাগুয়ে (২৪)। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার পরেই আছে ইকুয়েডর (২২)। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ’৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য হোর্হে অলগুইন বলেছেন, এ ম্যাচে আর্জেন্টিনাই চাপে থাকবে। তাঁর বাজিটাও ব্রাজিলের পক্ষেই। ম্যারাডোনা অবশ্য এটিকেই প্রেরণা উল্লেখ করে ক্যানাল সেভেনকে বলেছেন, ‘আমরা তাদের হারাতে পারলেই বিশ্বকাপে চলে যাব।’
লুসিও ডিফেন্ডার। আক্রমণ সামলানোই কাজ তাঁর। মাঠেও ব্রাজিলীয় অধিনায়ক সব সময়ই ঠান্ডা মাথার লোক। মাঠের বাইরে ম্যারাডোনার কথার আক্রমণটাও ভালোই রক্ষণ করেছেন তিনি, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উসকানি থাকবেই। কে কী কাজ করেছে, তা মাঠেই দেখাতে হবে আপনাকে।’
আর্জেন্টিনার বিপক্ষে জিতলে দক্ষিণ আফ্রিকার টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলেরও। দলীয় এই অর্জনের সঙ্গে ব্যক্তিগত কিছু হিসাব মেলানোরও আছে ব্রাজিল খেলোয়াড়দের। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা প্রায় পাঁচ মাস পর আবার আদ্রিয়ানোকে দলে নিয়েছেন। এ ম্যাচটাতে ভালো করতে উন্মুখ হয়ে আছেন বর্তমানে ফ্লামেঙ্গোতে খেলা সাবেক ইন্টার মিলান স্ট্রাইকার, ‘এ ম্যাচটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, আমার দায়িত্ব কী।’
ম্যারাডোনাকে সবচেয়ে ভালো জবাবটা অবশ্য দিয়েছেন ব্রাজিলীয় গোলরক্ষক হুলিও সিজার, ‘ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে যত ভালো ছিলেন, কোচ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) ততটা ভালো বলে প্রমাণিত হবেন না!’

কোচ হয়ে শ্যুটিংয়ে থাকছেন রিংকি

শ্যুটিং আর না করারই ইচ্ছা তাঁর, তাই বলে শ্যুটিং জগেক একেবারেই বিদায় বলতে চান না সাইফুল আলম রিংকি। সম্প্রতি সাফ শ্যুটিংয়ে খেলেছেন ‘দেশের ডাকে’, এরপর কোচ হওয়ার আবেদন জানিয়েছেন শ্যুটিং ফেডারেশনের কাছে। সেই আবেদনের ফাইল চাপা পড়ে আছে, কোচ নিয়োগ-সংক্রান্ত কমিটির সুপারিশ না পাওয়ায় ফেডারেশন নাকি তাঁকে নিয়োগ দিতে পারছে না! রিংকি ও বাংলাদেশের শ্যুটিংয়ের জন্য জন্য ভালো খবরই বলতে হবে, তাঁকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে এ-সংক্রান্ত কমিটির সামনে থাকা বাধাটা নাকি দূর হয়েছে।
দুই সাবেক শ্যুটার আতিকুর রহমান ও কাজী শাহানা পারভীনকে কীভাবে কোচিংয়ের সঙ্গে রাখা হবে, সে সিদ্ধান্ত ঝুলে থাকাই ছিল ওই বাধা। অন্তত কর্মকর্তাদের দাবি এমনই। এক কর্মকর্তা জানিয়েছেন, আতিক-শাহানাকে কিছুদিন আগে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর নির্বাহী কমিটিতে তাঁদের সদস্যপদ নিয়ে প্রশ্ন ওঠে। কমিটির সদস্য থাকলে কোচ হওয়া যায় না, এটাই গঠনতন্ত্রের নিয়ম। পরে দুজনই নির্বাহী কমিটিতে থাকতেই বেশি আগ্রহ দেখান। শেষ পর্যন্ত দুই কূলই রক্ষা হচ্ছে, আতিক-শাহানাকে কোচ থেকে ‘কোচিং উপদেষ্টা’ করার সিদ্ধান্ত হয়েছে পরশু অনুষ্ঠিত শ্যুটিং ফেডারেশনের নির্বাহী কমিটির সভায়। দুজনকেই মাসিক সম্মানী দেওয়া হবে, ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যপদও থাকবে। গতকাল থেকেই নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এ দুজন। ঈদের আগেই একজন দক্ষিণ কোরিয়ান কোচও চলে আসছেন।
বাইরে থেকে এসব দেখে হতাশই হয়ে পড়েছেন রিংকি। বিকেএসপিতে শ্যুটারদের ক্যাম্পে খেলোয়াড় হিসেবে ফিরে যাওয়ার ইচ্ছা নেই তাঁর। ‘আলোচনা সাপেক্ষে কোচ হিসেবে নিয়োগ পেলে শ্যুটিংয়ে থাকা হবে, নইলে আর যাব না ওখানে’—কাল নিজ বাড়ি কুষ্টিয়া থেকে ফোনে বললেন দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে ৫টি সোনাজয়ী রিংকি। কোচ নিয়োগ কমিটির প্রধান আবদুল করিম জানালেন, ‘আতিক-শাহানার ব্যাপারটা সুরাহা হওয়ায় এখন রিংকির ব্যাপারে সুপারিশ করা হবে নির্বাহী কমিটিকে।’