Wednesday, August 3, 2011

সৌদি আরবে ‘আল-কায়েদা লেডি’র বিচার শুরু

সৌদি আরবের আদালতে ‘আল-কায়েদা লেডি’ নামে পরিচিত এক নারীর বিচার শুরু হয়েছে। তিনি হলেন সৌদি আরবের প্রথম নারী, যাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার সৌদি আরবের গণমাধ্যমে এ কথা বলা হয়।
আল-মদিনা পত্রিকায় বলা হয়, গত রোববার একটি বিশেষ ফৌজদারি আদালতে ওই নারীর বিচারকাজ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে আল-কায়েদায় যোগ দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়া ও আল-কায়েদার সন্ত্রাসী চক্রের জন্য লোক নিয়োগ করার অভিযোগ আনা হয়েছে।
পত্রিকাটি আরও জানায়, ওই নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য অর্থায়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র রাখার অভিযোগও রয়েছে।
অভিযুক্ত এ নারীর নাম প্রকাশ করা হয়নি। তাঁকে শুধু ‘আল-কায়েদা লেডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
দৈনিকওকাজ পত্রিকা জানায়, ৪৫ বছর বয়সী ওই নারীকে গত বছর গ্রেপ্তার করা হয়। ওই নারীর পরিবারের অনুরোধে গণমাধ্যমের উপস্থিতি ছাড়া একান্তে এ বিচারকাজ চলছে।

লিবীয় শরণার্থীদের নৌযান থেকে ২৫ মৃতদেহ উদ্ধার

ইতালির কোস্টগার্ডের সদস্যরা দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেদুসা দ্বীপ থেকে লিবীয় শরণার্থীদের একটি নৌযান থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। নৌযানটি ২৭১ জন যাত্রী নিয়ে ইতালি যাচ্ছিল। গতকাল সোমবার স্থানীয় বন্দর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
তবে তা ৎক্ষণিকভাবে শরণার্থীদের মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের সবাই পুরুষ।
শরণার্থীরা তাদের নৌযান থেকে কোস্টগার্ডের জাহাজে ওঠার সময় ওই মৃতদেহগুলো পাওয়া যায়। মৃতদেহগুলো ওই দ্বীপের একটি হিমাগারে রাখা হয়েছে। জীবিত শরণার্থীদের মধ্যে ৩৬ জন নারী ও ২১ জন শিশু রয়েছে।
গত কয়েক সপ্তাহে লিবিয়া থেকে হাজার হাজার শরণার্থী পালিয়ে ছোট্ট ল্যাম্পেদুসা দ্বীপে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসী শ্রমিক।
লিবিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার জন্য কখনো কখনো ভাঙাচোরা মাছধরা নৌকাগুলোকে ব্যবহার করা হয়। ইতিমধ্যে ঝড়ের কারণে বেশ কয়েকটি নৌদুর্ঘটনায় শত শত শরণার্থী ডুবে গেছে।

সীমান্তে ইসরায়েল ও লেবাননের সেনাদের গুলিবিনিময়

ইসরায়েল ও লেবাননের সেনারা গতকাল সোমবার ভোরে তাঁদের সীমান্ত এলাকায় গুলিবিনিময় করেছেন। এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের সঙ্গে জাতিসংঘ নির্ধারিত সীমান্তরেখা ব্লু লাইনের ইসরায়েলি অংশে তাদের সেনারা কাজ করছিল। এ সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। তবে লেবাননের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি সেনারা সীমান্তরেখা অতিক্রম করায় তাঁদের ওপর গুলিবর্ষণ করা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘গতকাল ভোরে ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের ভূখণ্ডে তাঁদের সেনারা নিয়মিত কাজের অংশ হিসেবে প্রহরা দিচ্ছিলেন। এ সময় লেবাননের পক্ষ থেকে তাঁদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় তাঁদের সেনারাও পাল্টা গুলি ছোড়েন।’
ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, ইসরায়েলের দান কিব্বু ৎজ নামক জায়গায় ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনারা সীমান্তে বেড়া নির্মাণের কাজ করছিলেন।
লেবাননের ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি সেনারা ওয়াজ্জানি নামক এলাকায় ব্লু লাইন অতিক্রম করে ৩০ মিটার ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাঁদের সেনারা ঘটনাস্থলে গিয়ে সতর্কতামূলক গুলি ছোড়েন। তবে এ ঘটনায় লেবাননের কোনো সেনা আহত হননি।

থাইল্যান্ডে নতুন পার্লামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

থাইল্যান্ডে নতুন পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সে দেশের যুবরাজ মাহা ভাজিরালোংকর্নের সভাপতিত্বে রাজধানী ব্যাংককে উদ্বোধনী অনুষ্ঠান হয়। আজ মঙ্গলবার থেকে পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষ কার্যক্রম শুরু করবে।
বিশ্লেষকেরা মনে করছেন, পাঁচ বছর ধরে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তা কাটিয়ে উঠে দেশটিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়াই এখন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণে যুবরাজ এমপিদের উদ্দেশে বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে নেতৃত্ব দেওয়া এমপি হিসেবে আপনাদের প্রত্যক্ষ ও প্রধান দায়িত্ব।’
গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে পুয়ে থাই পার্টির বড় ধরনের বিজয়ের পর ওই দলের নেত্রী ইংলাক সিনাওয়াত্রাকে কয়েক দিনের মধ্যে এমপিরা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।
ইংলাক দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। দুর্নীতির মামলায় হওয়া কারাদণ্ড এড়াতে থাকসিন বর্তমানে নির্বাসিত জীবন যাপন করছেন। ভাই সিনাওয়াত্রার অনানুষ্ঠানিক রাজনৈতিক প্রতিনিধি হিসেবে ইংলাক দলের নেতৃত্ব দিচ্ছেন বলে অনেকেই ধারণা করে আসছেন।
সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথইস্ট এশিয়ান স্টাডিজের শিক্ষাবিদ ও রাজনৈতিক ধারাভাষ্যকার পাভিন চাচাভালপোংপাম এএফপিকে বলেছেন, ইংলাক নির্বাচনের পর থেকেই বিস্ময়কর বিচক্ষণতা দেখিয়েছেন। পাভিন মনে করেন, ইংলাক ‘খুব শক্তিধর যোগ্য প্রধানমন্ত্রী’ হিসেবে নিজেকে প্রমাণ করবেন। তবে তাঁকে ভয়ানক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
পাভিন বলেন, ‘আমি মনে করি, ইংলাকের রাজনৈতিক মধুচন্দ্রিমার সময়কাল হবে খুবই সংক্ষিপ্ত। তাঁর সামনে বহু বাধা।’
‘লাল শার্ট’ হিসেবে পরিচিত থাকসিন-সমর্থকদের যে বিশাল অংশ বর্তমানে কারাগারে রয়েছেন, তাঁদের মুক্তির দাবিই সবচেয়ে বড় চাপ হিসেবে ইংলাকের সামনে আসবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে থাকসিনবিরোধীদের ক্ষোভ প্রশমন ইস্যুতেও নতুন প্রধানমন্ত্রীকে সতর্ক হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সিয়াওবোর মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ

শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্নমতাবলম্বী লিউ সিয়াওবোকে কারাবন্দী ও তাঁর স্ত্রীকে গৃহবন্দী রাখার ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘের একটি প্যানেল এসব কথা বলেছে। সেই সঙ্গে এ দম্পতিকে শিগগির মুক্তি দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে প্যানেল।
সিয়াওবোকে বিচারের মুখোমুখি না করে আটকের সমালোচনা করে অযৌক্তিক আটকবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, ২০০৯ সালে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করার আগে সিয়াওবোকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়। তাঁকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।
লিউ সিয়াওবো (৫৫) চীনে চার্টার-৮ নামের একটি সনদের সহলেখক। ওই সনদে চীনের রাজনৈতিক সংস্কারের দাবি জানানো হয়।
পাঁচটি দেশের মানবাধিকার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জাতিসংঘের ওই প্যানেল লিউয়ের মুক্তিসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায়। সেই সঙ্গে লিউর স্ত্রী লিউ জিয়াকে গৃহবন্দী রাখার সমালোচনা করে প্যানেল বলেছে, তাঁকে যেন সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হয়।
আইন অধিকারবিষয়ক গ্রুপ ফ্রিডম নাউয়ের এক লিখিত বক্তব্যে বলা হয়, লিউ সিয়াওবোর রাজনৈতিক বাকস্বাধীনতার ওপর চীনের সরকার হস্তক্ষেপ করেছে। দুই ঘণ্টার শুনানির সময় আত্মপক্ষ সমর্থনের জন্য লিউকে মাত্র ১৪ মিনিট সময় দেওয়া হয়। এ ঘটনার মধ্য দিয়ে বেইজিং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

লিবিয়ায় গাদ্দাফির ৬৩ অনুসারী আটক

লিবিয়ার বিদ্রোহীরা গত রোববার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অভিযান চালিয়ে সে দেশের নেতা মুয়াম্মার গাদ্দাফির অন্তত ৬৩ জন অনুসারীকে আটক করেছে। বেনগাজিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং গাদ্দাফির অনুসারীদের উ ৎখাতের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
বিদ্রোহীদের নেতা মুস্তাফা আল-সাগাজলি বলেছেন, ‘রোববার সকালে প্রথমে ৩৮ জন এবং পরে আরও ২৫ জনকে আমরা আটক করেছি।’ তিনি বলেন, ‘এই অভিযানে আমাদের চারজন যোদ্ধা নিহত হয়েছে।’
বেনগাজির মহাসড়কের পাশে একটি কারখানায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে গাদ্দাফির অনুসারীদের আটক করা হয়েছে। এ ব্যাপারে বিদ্রোহীরা বলছে, একটি সশস্ত্র গোষ্ঠী কারখানাটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল। গাদ্দাফি বাহিনীর নির্দেশমতো তারা কাজ করত। বিদ্রোহীদের সামরিক শাখার প্রধান তাদের হাতেই নিহত হয়েছে বলে বিদ্রোহীদের সন্দেহ।
এদিকে রমজান মাস উপলক্ষে বেনগাজির যানবাহন চলাচল-ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রাস্তায় রাতব্যাপী টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী।
সাগাজলি বলেন, শনিবার রাতে সবকিছু ছিল স্থিতিশীল। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি জানান, গাদ্দাফির অনুসারীদের কেউ কেউ শহর ছেড়ে পালিয়েছে। অন্যদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

সিরিয়ায় সেনা অভিযানে নিহতের সংখ্যা ১৩৬

সিরিয়ায় গত রোববারের সেনা অভিযানে গত রোববার ১৩৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার কর্মীরা। তাঁরা বলছেন, শুধু হামা নগরেই অন্তত ১০০ জনকে হত্যা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সেনা অভিযানের নিন্দা জানিয়েছেন।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বারাক ওবামা বলেন, নিজ জনগণের বিরুদ্ধে সিরিয়া সরকারের সহিংসতা ও নৃশংসতায় তিনি মর্মাহত। তিনি ‘সাহসী’ বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানান।
ওবামা বলেন, সামনের দিনগুলোতেও যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারের ওপর চাপ বৃদ্ধি অব্যাহত রাখবে। সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে এবং আসাদ সরকারকে বিচ্ছিন্ন করতে অন্যদের সঙ্গে কাজ করবে তাঁর দেশ। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবারও দেখিয়েছেন যে তিনি অযোগ্য এবং সিরিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছেন।
ইউরোপীয় নেতারাও সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের নিন্দা জানিয়েছেন। জার্মানি ও ইতালি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়াকে নিয়ে তিক্ত বিভক্তির সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। বিরোধীদের ওপর সিরিয়া সরকারের দমন-পীড়নে বিবৃতির ব্যাপারে এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া ও চীন।
এরই মধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল সিরিয়ার ওপর ‘আরও জোরালো আন্তর্জাতিক চাপ’ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তবে তিনি সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করে দেন।
মানবাধিকারকর্মীরা বলেন, প্রেসিডেন্ট আসাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি রক্তাক্ত দিনগুলোর একটি ছিল গত রোববার। গণতান্ত্রিক সংস্কারের দাবিতে গত ১৫ মার্চ প্রথম রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, বিক্ষোভ শুরু হওয়ার পর গত রোববার সবচেয়েপ্রাণহানির ঘটনা ঘটেছে।
মানবাধিকার কর্মীরা বলেন, গত রোববার সিরিয়াজুড়ে ১৩৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটসের প্রধান আবদেল করিম রিহাভি বলেন, রোববার নিরাপত্তা বাহিনীরগুলোতে হামা নগরে ১০০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তিনি আরও বলেন, মধ্যাঞ্চলীয় শহর হোমসে পাঁচজন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদিবে তিনজন নিহত হয়েছে।
হামা নগরের একটি হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে রামি আবদেল রহমান বলেন, আহতের সংখ্যা প্রচুর। নগরের হাসপাতালগুলো পরিস্থিতি সামাল দিতে পারছে না। দ্য ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের প্রধান আম্মার কোরাবি বলেন, দেইর এজ্জরে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। তিনি বলেন, দেইর এজ্জরে যারা প্রাণ হারিয়েছে, তাদের বেশির ভাগকেই মাথা ও ঘাড়ে গুলি করে হত্যা করেছে গুপ্তঘাতকেরা।

ঋণসীমা নিয়ে সমঝোতায় পৌঁছেছেন মার্কিন নেতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ঋণসীমা বাড়ানো এবং ব্যয় কাটছাঁট নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা সমঝোতায় পৌঁছেছেন। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, মার্কিন ঋণসীমা ২৪০ কোটি ডলার বাড়ানো হবে। পাশাপাশি কংগ্রেস আগামী ১০ বছরে সমান পরিমাণ ঘাটতি কমাতে রাজি হয়েছে। এ ছাড়া বাজেট ঘাটতি মোকাবিলায় আরও কাটছাঁটের প্রস্তাব দিতে একটি কমিটি করা হবে। আগামী নভেম্বরের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
মার্কিন কংগ্রেসে এখন এই সমঝোতা চুক্তি অনুমোদন করতে হবে। কংগ্রেসের উভয় কক্ষে গতকাল সোমবার এ চুক্তির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে বিবিসির সাংবাদিক জেইন ও’ব্রায়েন বলেছেন, প্রস্তাবটি অনুমোদন হতে এখনো কঠিন পথ পাড়ি দিতে হবে। কেননা, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের কেউ কেউ এখনো নানা কারণে এ প্রস্তাবের বিরোধিতা করছেন।
আজ মঙ্গলবারের মধ্যে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব পাস না হলে মার্কিন সরকারের ব্যয় নির্বাহ ও ঋণের কিস্তি পরিশোধ অসম্ভব হয়ে পড়বে। আজকের মধ্যে ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঋণসীমা বাড়ানো না হলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপির ঝুঁকিতে পড়বে।
ওবামা বলেন, ‘আমি ঘোষণা করতে চাই, কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা ব্যয় কাটছাঁট ও ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর ক্ষেত্রে সমঝোতায় পৌঁছেছেন। ঋণ পরিশোধ করতে না পারলে তা আমাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।’ তবে তিনি বলেন, প্রস্তাবটি তাঁর মনের মতো না হলেও এ সমঝোতা মার্কিন ঋণসংকটের পরিস্থিতি উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার পর বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। টোকিওতে শেয়ারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ইয়েনের বিপরীতে ডলারের মূল্য ৭৬ দশমিক ৭ থেকে বেড়ে হয়েছে ৭৮। হংকংয়ে শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।
মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান-দলীয় নেতা স্পিকার জন বোয়েনার বলেছেন, সমঝোতা পরিকল্পনাটি পাস করার ব্যাপারে তিনি কংগ্রেসের ভোটাভুটিতে ‘যত দ্রুত সম্ভব’ সহযোগিতা করবেন।
সরকারের ঋণসীমা বাড়ানো মার্কিন কংগ্রেসের একটি গ ৎবাঁধা কাজ ছিল। কিন্তু এ বছর আর্থিক বিষয়ে রক্ষণশীল কিছু রিপাবলিকান নেতা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসায় তাঁরা এতে বাগড়া দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র সরকারের এবারের বাজেট ঘাটতি ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং জাতীয় ঋণ ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড আগামী ১০ বছরে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ব্যয় কাটছাঁট ও ঋণসীমা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
এই ব্যয়সংকোচন ও ঋণসীমা বাড়ানো নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে অচলাবস্থা বিরাজ করছিল। এমনকি ডেমোক্র্যাটদেরও কেউ কেউ এতে নারাজি ছিলেন।

ক্যামেরনকে ওয়েটার চেনেননি বলে...

ব্রিটিশ প্রধানমন্ত্রীডেভিড ক্যামেরনকে সম্প্রতি ইতালির তুসকানির একটি ক্যাফেতে নিজের কফি নিজেকেই আনতে হয়েছে। কারণ ওয়েটার তাঁকে চেনেননি।
ঘটনা হলো, গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সপরিবারে তুসকানি যান ক্যামেরন।স্ত্রী সামান্থাকে নিয়ে ওই ক্যাফেতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ডাউনিং স্ট্রিটের একজন সহযোগী। ক্যামেরন তাঁদের তিনজনের জন্য তিন কাপ কফির ফরমায়েশ দেন। পরে কফির কাপগুলো টেবিলে আনার জন্য ক্যাফের এক নারী ওয়েটারকে নির্দেশ দেন। কিন্তু ওই ওয়েটার সঙ্গে সঙ্গে ‘না’ করে বলেন, তিনি পারবেন না। তিনি খুবই ব্যস্ত। চমকে ওঠেন ডেভিড ক্যামেরন। কী বলে হতচ্ছাড়া ওয়েটার! নিজেরই কফি এনে খেতে হবে!
আসলে ওই কর্মী ক্যামেরন দম্পতিকে চিনতে না পেরে এ কাণ্ড ঘটিয়েছেন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ২৭ বছর বয়সী ওই ওয়েটার ফ্রান্সেসকা অ্যারিয়ানি বলেন, ‘ঘটনার পরপরই আমাকে ক্যামেরন দম্পতি সম্পর্কে বলা হয়েছে। আমি এ ঘটনায় বিব্রতবোধ করছি।’ তিনি বলেন, ‘আমি আসলেই খুব ব্যস্ত ছিলাম। ছোটাছুটি করছিলাম চারদিকে। এ কারণে তিনি (ক্যামেরন) আমাকে কফির কাপগুলো নিয়ে যেতে বললে আমি বলি, আপনি নিজেই গিয়ে নিয়ে আসুন।’
যেমন কর্ম তেমন ফল। কোনো বকশিশ পাননি অ্যারিয়ানি। ক্যামেরন শুধু কফির দাম দিয়েছেন। অ্যারিয়ানি বলেন, ‘ক্যামেরন বকশিশ না দেওয়ায় আমি কিছুটা বিস্মিত হয়েছি। কেননা আমাকে যতদূর বলা হয়েছে তাতে তিনি (ক্যামেরন) বেশ সম্পদশালীই বলে মনে হয়েছে।

ব্রেসনান-ঝড়ে উড়ে গেল ভারত

ট্রেন্টব্রিজ টেস্ট শুরুর আগের দিন। গত কিছুদিনে দলের অপরিহার্য অংশ হয়ে ওঠা ক্রিস ট্রেমলেটের খেলা অনিশ্চয়তার দোলাচলে। সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে অ্যান্ড্রু স্ট্রাউস বললেন, ‘ও খেললে ভালো, না খেললেও সমস্যা নেই। ব্রেসনান আছে না!’ সেই ব্রেসনান এভাবে জ্বলে উঠবেন, এতটা কি স্ট্রাউস নিজেও ভাবতে পেরেছিলেন!
প্রথম ইনিংসে দুটি উইকেট পেয়েছিলেন। উইকেট দুটি দেখুন—সেঞ্চুরিয়ান রাহুল দ্রাবিড় ও ৫৪ করা ভিভিএস লক্ষ্মণ। কাল তো ব্যাটে-বলে এক ব্রেসনানের কাছেই নাকাল টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথমে যন্ত্রণা দিলেন ভারতীয় বোলারদের। অল্পের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরিটা ফসকে যাওয়ার জ্বালা জুড়ালেন ভারতীয় ব্যাটসম্যানদের কচুকাটা করে। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেটা হয়নি, তবে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ট্রেমলেট ফিট হলে আগামী টেস্টের দল নির্বাচনে মধুর সমস্যাতেই পড়তে হবে ইংলিশদের!
ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কিছুটা লড়াই করেছেন কেবল শচীন টেন্ডুলকার। একদিকে উইকেট পড়ছে, আরেক দিকে তিনি খেলেছেন দৃষ্টিনন্দন কিছু শট। তুলে নিয়েছেন সিরিজের প্রথম ফিফটি। বহু প্রত্যাশিত শততম সেঞ্চুরিটা হলে হয়তো সান্ত্বনার কিছু একটা পেত ভারত। কিন্তু আরও একবার জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সে আশাতেও গুড়ে বালি। টেন্ডুলকারের বিদায়ের পর পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায় ভারতের। দেখার ছিল ম্যাচটিকে সফরকারীরা পঞ্চম দিনে নিতে পারেন কি না। কিন্তু সেটাও পারেনি ধোনির দল। দ্বিতীয় ইনিংসে ১৫৮ রানে অলআউট হয়ে চতুর্থ দিনেই ৩১৯ রানে ম্যাচ হেরেছে ভারত। তাদের এই পরাজয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের কাঙ্ক্ষিত এক নম্বরের আরও কাছে এগোল ইংল্যান্ড।
প্রথম দুই ওভারে চারটি চার মেরে কাল শুরু হয়েছিল ইংলিশদের ইনিংস। ৬৪ রান নিয়ে দিন শুরু করা প্রায়র এরপর ফিরে গেছেন দ্রুতই। কিন্তু ব্রেসনানের ব্যাটে তখন ঝোড়ো হাওয়া। আর স্টুয়ার্ট ব্রড তো যেন অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়েই নেমেছেন এই সিরিজে। ভারতীয় বোলারদের রীতিমতো দিশেহারা করে ৮২ রানের জুটি গড়লেন মাত্র ১৩ ওভারে। দুজন আউট হয়েছেন পরপর দুই বলে। অতিরিক্ত ঋদ্ধিমান সাহার থ্রোতে রানআউট ব্রড, পরের বলেই প্রাভিন কুমারের বাড়তি বাউন্সের শিকার ব্রেসনান। ৮ টেস্টের ক্যারিয়ারে দুটি ফিফটি হলো, দুবারই সেঞ্চুরির সুবাস পেয়েও ফিরলেন হতাশ হয়ে। গত বছর বাংলাদেশের বিপক্ষে মিরপুরে স্টাম্পড হয়েছিলেন ৯১ রানে। সব মিলিয়ে কাল সকালে ১৯.২ ওভারে ১০৩ রান তোলে ইংল্যান্ড। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ ওভারে ৪৭৮।
লাঞ্চের আগে ৫ ওভারের মাঝেই সবচেয়ে বড় ভরসাকে হারায় ভারত, ‘দ্য ওয়াল’ ভেঙে ফেলেন স্টুয়ার্ট ব্রড। লাঞ্চের পর ইংলিশ পেসারদের সুইং-বাউন্সের যুগলবন্দীতে নাকাল ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম বলে ক্যাচ দিয়েও ‘কিং পেয়ার’ পাওয়া থেকে বেঁচে যাওয়া মুকুন্দ শিকার হয়েছেন ব্রেসনানের বাউন্সারে। বাউন্সেই ফিরে গেছেন রায়না-যুবরাজ। আর অ্যান্ডারসনের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বাতাসে ডিগবাজি খেয়েছে লক্ষ্মণের স্টাম্প। ওয়েবসাইট।

প্রিয় শিকার
এই নিয়ে ৮ টেস্টে ৭ বার টেন্ডুলকারকে আউট করলেন অ্যান্ডারসন!

ম্যানইউতে যেতেই পারেন স্নাইডার!

দলবদলের গুঞ্জন ঠিক ছোট গল্পের মতো—শেষ হইয়াও হইল না শেষ! ওয়েসলি স্নাইডারকে নিয়ে গুঞ্জনটাও তেমন। ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, এই গ্রীষ্মে আর খেলোয়াড় কিনছেন না। সবাই মনে করেছিল স্নাইডারের ইন্টার মিলান ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চাওয়ার বিষয়টিও চাপা পড়ে গেছে। আসলে তা নয়। আবার তা সজীব হয়ে উঠেছে।
স্নাইডারের কারণেই এটা হয়েছে। ‘কিছু ঘটার সম্ভাবনা সব সময়ই থাকে, দেখি কী হয়’—পরশু ম্যানচেস্টার সিটির কাছে ডাবলিন সুপার কাপে ০-৩ গোলে হারের পর বলেছেন ইন্টার মিলানের স্নাইডার। এমন কথায় গুঞ্জনের গোড়ায় পানিই তো ঢালা হয়! এএফপি।
এই কথা বলে ২০০৯ সালে ইন্টারে নাম লেখানো স্নাইডার ইন্টার ছেড়ে যাওয়ার ইচ্ছাটা প্রকাশ্যেই জানিয়ে দিলেন। তবে ইন্টার মিলান কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি বিষয়টিকে দেখছেন একটু বাঁকা চোখে, ‘আমার ভালো লাগছে, ওর (স্নাইডার) এমন একটি প্রস্তাব আছে। তবে আলোচনাটা আগে ইন্টারের সঙ্গেই তো হতে হবে।’
সবকিছু মিলিয়ে গুঞ্জন যদি গুঞ্জনই থেকে যায়, স্নাইডারের ম্যানইউতে যাওয়া না হয়; তাহলেও কোনো সমস্যা নেই ডাচ প্লে-মেকারের। কারণ ইন্টার মিলানে তিনি ভালোই আছেন। ‘কী হয় দেখি। আমি এখানে ভালোই আছি। প্রত্যেক বছরেই কিছু রটনা হয়। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আমি ১০ বছর ধরে আছি এবং প্রতিবছরেই গুঞ্জন হয়েছে। কিন্তু আমি এখনো এখানেই আছি’—বলেছেন স্নাইডার।

জিম্বাবুয়ের টেস্ট দলে ওঁরা ৮ জন

১৯৯২ সালে জিম্বাবুয়ের অভিষেক টেস্টে খেলেছিলেন। উত্তেজনায় টেস্ট ম্যাচ শুরুর আগের রাত কেটেছিল বিছানায় এপাশ-ওপাশ করে। সেই স্মৃতি এখনো রোমাঞ্চ জাগায় অ্যালিস্টার ক্যাম্পবেলের মনে। তখন তাঁর ১৯ বছর।
ঠিক ১৯ বছর পর আবারও যেন সেই রোমাঞ্চের সঙ্গে পরিচয় হলো ক্যাম্পবেলের। নতুন ভূমিকায় যে ‘টেস্ট অভিষেক’ হলো তাঁর। প্রধান নির্বাচক হিসেবে প্রথম টেস্ট দল ঘোষণা করলেন কাল দুপুরে।
ছয় বছরের নির্বাসন কাটিয়ে আবার টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। উপলক্ষটা অনেক বড় বলেই দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের সঙ্গে জিম্বাবুয়ে দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজারও উপস্থিত। সেখানে এক সুরে সবাই অতীত ভুলে শুধুই সামনের দিকে তাকানোর কথা বললেন।
জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত ঘোষণা করে কোচ অ্যালান বুচার বললেন, ‘এক বছর আগেও টেস্ট দল করতে হলে ৯টি নাম লিখে বাকি দুজন কে ভেবে আমাদের গলদঘর্ম হতে হতো। কিন্তু এখন এই ১৪ জনের বাইরেও ৪-৫ জন আছে, যারা অনায়াসেই দলে আসতে পারত।’
শেষ পর্যন্ত যে ১৪ জন, তাঁদের মধ্যে ৮ জনের কাছে টেস্ট ক্রিকেটটা নতুন কিছু নয়। সবচেয়ে বেশি ২৪টি টেস্ট খেলেছেন উইকেটকিপার টাটেন্ডা টাইবু। বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইস ১৮টি। অধিনায়ক ব্রেন্ডন টেলর ১০টি। টেস্ট ক্রিকেটের সঙ্গে পরিচয় আছে আর পাঁচজনের—মাসাকাদজা, সিবান্দা, পোফু, চিগুম্বুরা ও উ ৎসেয়া।
বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট সিরিজে অধিনায়ক ছিলেন টাটেন্ডা টাইবু। প্রস্তুতি ম্যাচেও স্বাগতিক দলের অধিনায়ক। টেস্ট অভিষেকের সময় জিম্বাবুয়ে দলের তরুণতম খেলোয়াড় হাসতে হাসতে বললেন, ‘দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আমি, ভাবতে ভালোই লাগছে। আবার খারাপও লাগছে যে, মাত্র ২৪টি টেস্ট খেলেই আমি কি না দলের অভিজ্ঞতম খেলোয়াড়।’
১৪ জনের দলে টেস্ট অভিজ্ঞতাহীন ৬ জন। অভিজ্ঞতায় বাংলাদেশ অবশ্যই এগিয়ে। তবে ৫৫টি টেস্ট খেলা মোহাম্মদ আশরাফুলকে বাদ দিলে মোট টেস্ট সংখ্যায় বাংলাদেশের খেলোয়াড়েরা বোধ হয় খুব বেশি এগিয়ে নেই।
হারারেতে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী পরশু বৃহস্পতিবার।
জিম্বাবুয়ের টেস্ট দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রেগিস চাকাবা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, হ্যামিল্টন মাসাকাদজা, টিনোটেন্ডা মায়োয়ো, কিগান মেথ, ক্রিস্টোফার পোফু, রেমন্ড প্রাইস, ভুসিমুজি সিবান্দা, টাটেন্ডা টাইবু, প্রসপার উ ৎসেয়া ও ব্রায়ান ভিত্তরি।

ধোনিদের প্রশংসায় ক্রিকেট-বিশ্ব

দর্শকদের দুয়োধ্বনির মাঝে তৃতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল ভারতীয় দল। বিরতির পর মাঠে ফেরার সময় সেই দলটাই পেল অযুত করতালি। মহেন্দ্র সিং ধোনির দলকে দাঁড়িয়ে অভিবাদন জানাল ট্রেন্টব্রিজের গ্যালারি। নির্মম পেশাদারির এই যুগে স্পোর্টসম্যানশিপের অনন্য এক দৃষ্টান্ত গড়েছে ভারত। ধোনিদের প্রশংসায় ভাসিয়েছে পুরো ক্রিকেট-বিশ্বই।
পরশু চা-বিরতির ঠিক আগের বলে ইশান্ত শর্মাকে ফ্লিক করেছিলেন এউইন মরগান। মিড উইকেট সীমানায় কোনো রকমে বলটি ফেরান প্রাভিন কুমার। চার হয়ে গেছে ভেবে বলটি ফেরত পাঠান অলস ভঙ্গিতে। চার হয়ে গেছে এবং সেই সঙ্গে চা-বিরতি হয়ে গেছে ভেবে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন বেল। কিন্তু আম্পায়াররা তখনো চা-বিরতির সংকেত দেননি। ফিরতি বল ধরে বেল ফেলে দেন অভিনব মুকুন্দ। টিভি রিপ্লে নিশ্চিত করে, বলটি চার ছিল না। ভারতীয়রা রানআউটের আবেদন করেন। আউট দেওয়া ছাড়া উপায় ছিল না আম্পায়ারের। ফেরার পথে আম্পায়াররা ধোনিকে জিজ্ঞাসা করেন, নৈতিক দিক বিবেচনা করে আবেদন প্রত্যাহার করা হবে কি না? ধোনি সরাসরি জানিয়ে দেন ‘না’।
চা-বিরতির সময় অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যান্ডি ফ্লাওয়ার ভারতের ড্রেসিংরুমে গিয়ে আবেদন প্রত্যাহারের অনুরোধ জানান। সবার সঙ্গে আলোচনার জন্য একটু সময় চেয়ে নেন ধোনি। চা-বিরতি শেষ হওয়ার মিনিট খানেক আগে ইংল্যান্ডের ড্রেসিংরুমে গিয়ে জানানো হয়, আবেদন তুলে নেওয়া হয়েছে। ১৩৭ রানে অপ্রত্যাশিত জীবন পাওয়া বেল পরে আউট হন ১৫৯ রানে।
বেল স্বীকার করেছেন, কাজটি খুব ‘কাঁচা’ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত স্বস্তিই পেয়েছেন তিনি, ‘আইন অনুযায়ী আমি আউট ছিলাম। তবে আমার দিক থেকে আমি স ৎ, বল ডেড হয়ে গেছে ভেবেই চা-বিরতিতে চলে যাচ্ছিলাম। ক্রিকেটের স্পিরিট মানলে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এর আগে কোনো একটা ওয়ানডেতে আমরাও এমন পরিস্থিতিতে পড়েছিলাম, তখন আমাদের সিদ্ধান্তটি ভুল ছিল।’ ২০০৮ সালে ওভালের ওয়ানডেতে রায়ান সাইডবটমের সঙ্গে ধাক্কায় পড়ে গিয়ে রানআউট হন নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়ট। সেবার আম্পায়াররা জিজ্ঞাসা করার পর আবেদন প্রত্যাহার করেননি ইংলিশ অধিনায়ক পল কলিংউড।
রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছেন, স্ট্রাউস-ফ্লাওয়ার অনুরোধ করার আগেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। ক্রিকেটের স্পিরিটের কথা ভেবেই আবেদন তুলে নেওয়া হয়, ‘আমরা জানতাম, নিয়ম অনুযায়ী বেল আউট। কিন্তু সবার মনেই একটা দ্বিধা ছিল। ড্রেসিংরুমে এ নিয়ে কথাও হচ্ছিল। রিপ্লে দেখার পর আমাদের মনে হয়, কিছু একটা ভুল হয়ে গেছে, যেটা সংশোধন করা উচিত। ওয়েস্ট ইন্ডিজে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতার প্রসঙ্গও উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই চেয়েছি আবেদন তুলে নিতে।’ ওয়েস্ট ইন্ডিজে অন্যমনস্কভাবে ক্রিজের বাইরে চলে আসায় চন্দরপলের বলে স্টাম্পড হয়েছিলেন লক্ষ্মণ। দ্রাবিড়ের ইঙ্গিত সেদিকেই।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ইসিবির প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ধোনি ও ভারতের। ভ্যাসলিন ও হটস্পট বিতর্কে মেতে থাকা ব্রিটিশ মিডিয়াতেও ছিল প্রশংসার বন্যা। সাবেকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। মাইকেল আথারটন, শেন ওয়ার্ন, মাইকেল ভনরা ধোনির প্রশংসার পাশাপাশি বলেছেন, অসাবধানী বেলের শিক্ষা হবে এ ঘটনায়। তবে ইয়ান বোথামের ভাবনা অন্য রকম, ‘আম্পায়ারদের সিদ্ধান্তই ঠিক। এসব ঘটনা থেকেই মানুষ শেখে। বেল আউট ছিল এবং আউট থাকাই উচিত ছিল।’ সঞ্জয় মাঞ্জেরেকার ও নাসের হুসেইনই একমত বোথামের সঙ্গে।