Wednesday, May 25, 2011

চার দিন পর পুঁজিবাজারে সূচক বেড়েছে

টানা চার দিন পতনের পর দেশের পুঁজিবাজারে আজ সূচক বেড়েছে। এর পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম। তবে ডিএসইতে আজ লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৭.৯৮ পয়েন্ট বেড়ে ৫,৪৪৪.২৮ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন শুরুর সাত মিনিটের দিকে সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার গতি কিছুটা ধীর হয়ে পড়ে। প্রথম ঘণ্টা শেষে সূচক আবার বাড়লেও শেষ পর্যন্ত কিছুটা কমে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমআই সিমেন্ট, আফতাব অটো, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, বেক্সটেক্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, বিএসআরএম স্টিল ও গোল্ডেন সন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৭৯.৮৭ পয়েন্ট বেড়ে ১৫,২১১.৩৯ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৬টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয় দুই কোটি টাকা কম।

সিচুয়ান থেকে এক মাসে ৩০০ বৌদ্ধ ভিক্ষু আটক

চীনের সিচুয়ান প্রদেশের তিব্বতি অধ্যুষিত আবা এলাকা গত এক মাসে ৩০০ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে নির্বাসিত দুজন তিব্বতি এবং দেশটির প্রখ্যাত একজন লেখক এ তথ্য জানিয়ে বলেছেন, চীনা দমননীতির প্রতিবাদে আবা অঞ্চলের বিক্ষোভ দমনে এই ধরপাকড় চালানো হচ্ছে।
গত এপ্রিলে ৩০০ জন ভিক্ষুকে আটক করা হয়। একসঙ্গে এত ভিক্ষু আটকের ঘটনা এবারই প্রথম। আটক এসব ভিক্ষুকে কোথায় নেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাযনি।

প্রিন্সেস বিয়েত্রিসের সেই হ্যাট নিলামে ৮১ হাজার পাউন্ডে বিক্রি

ব্রিটিশ রাজপরিবারের গত মাসের বিয়েতে প্রিন্সেস বিয়েত্রিসের পরা জাঁকালো হ্যাটটি নিলামে ৮১ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হয়েছে। গত রোববার নিলামের ওয়েবসাইট ইবেতে ওই নিলাম ডাকা হয়।
নিলাম থেকে পাওয়া অর্থ জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ ও যুক্তরাজ্যের চিলড্রেন ইন ক্রাইসিসে দান করা হবে।
গত ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হয়। ওই দিন রানি দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুর বড় মেয়ে প্রিন্সেস বিয়েত্রিস (২২) অদ্ভুত নকশার একটি হ্যাট পরেন। হ্যাটটির নকশাকার আইরিশ হ্যাট প্রস্তুতকারী ফিলিপ ট্রিসি। সেদিন হ্যাটটি বিশ্বের প্রায় ২০০ কোটি টিভি দর্শকের নজর কেড়েছে বলে অনুমান করা হয়ে থাকে।
হ্যাটটি দেখার পর দর্শকদের একটি অংশ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে একটি পেজ খুলেছে। এ পর্যন্ত এক লাখ ৪৩ হাজারেও বেশি ব্যবহারকারী পেজটিতে ঢুঁ মেরেছে।

ইউরোপের অন্য দেশগুলো সতর্ক দৃষ্টি রাখছে

আইসল্যান্ডের গ্রিমসভেটেন আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইমেঘের কারণে গতকাল সোমবারও দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হয়। রোববার থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ইউরোপের অন্য দেশগুলো এই ছাইমেঘের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। আবহাওয়াবিদেরা এ কথা জানান।
আইসল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গ্রিমসভেটেন থেকে নির্গত ছাইমেঘ দেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়ে। গত দুই দিনে ওই আগ্নেয়গিরি থেকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ছাইমেঘ এখন যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে উড়ে যাচ্ছে। এতে এই ছাইমেঘ ইউরোপের মূল ভূখণ্ডে খুব শিগগির পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানবন্দরের মুখপাত্র জরডিস গাডমান্ডসডটির গতকাল বলেন, ‘দুপুর (স্থানীয় সময়) নাগাদ আমরা ছাইমেঘ পরিস্থিতি সম্পর্কে জানতে পারব।’ তবে প্রধান বিমানবন্দর কেফলাভিক খুব শিগগির খোলা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। গত বছর এয়াকিউয়াতলুয়োকুটল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নির্গত ছাইমেঘের কারণে গত বছর ইউরোপে বিমান চলাচলে যে বাধা সৃষ্টি হয়েছিল, গ্রিমসভেটেনের ছাইমেঘেও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞেরা।
ইউরোকন্ট্রোলের বিমান চলাচলবিষয়ক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাইমেঘ আজ মঙ্গলবার নাগাদ স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে পৌঁছাতে পারে। আগ্নেয়গিরি থেকে যদি ছাইমেঘ উদিগরণ একইভাবে হতে থাকে, তাহলে তা আগামী বৃহস্পতিবার নাগাদ ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় বিমানবন্দর ও স্পেনের উত্তরাঞ্চলীয় বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে।

গ্রামের বাড়িতে নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা অপ্রত্যাশিত এক সফরে তাঁর গ্রামের বাড়িতে গেছেন। গত জানুয়ারিতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম জোহানেসবার্গের বাড়ির বাইরে ভ্রমণে গেলেন অসুস্থ ম্যান্ডেলা। গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ খবর জানানো হয়।
দক্ষিন আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘আমরা আনন্দিত যে তিনি এখন ভ্রমণ করার মতো সুস্থ রয়েছেন।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৯২ বছর বয়সী ম্যান্ডেলাকে এখন বাড়িতেই সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি তাঁর পরিবারের সদস্যদের কাছে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছার কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট এখন তাঁর জন্মস্থান ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানানো হয়।
গত জানুয়ারিতে শ্বাসনালীর সংক্রমণের জন্য হাসপাতালে দুই দিনের চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়িতে বসেই বিশেষ ব্যবস্থায় স্থানীয় নির্বাচনে ভোট দেন। ম্যান্ডেলা ১৯৯৪ সালে বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নেন।

পাকিস্তানে আবার ড্রোন হামলা সাত জঙ্গি নিহত

পাকিস্তানে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র আবার ড্রোন (মানববিহীন বিমান) হামলা চালিয়েছে। আল-কায়েদা ও তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত আফগান সীমান্তসংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানে চালানো এ হামলায় সাত জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে মির আলী শহরতলিতে ড্রোন হামলায় একটি গাড়ি ধ্বংস হয়। তিনি আরও জানান, ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে সাত জঙ্গি নিহত হয়।
মিরানশাহের অপর একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, দুটি ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তিনি বলেন, ‘আমি জানি না, তাদের এই হামলার পেছনে বড় ধরনের কোনো লক্ষ্যবস্তু ছিল কি না। তবে জেনেছি যে ওই হামলায় গাড়ির আরোহী যারা নিহত হয়েছে, তারা সবাই বিদেশি।’
২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর গতকাল অষ্টমবারের মতো ড্রোন হামলা চালানো হয়।

সাড়ে ৪০০ কোটি টাকায় বিক্রি হলো চীনা শিল্পকর্ম

চীনের বিশ শতকের বিখ্যাত চিত্রশিল্পী ছি পাইশির আঁকা একটি চিত্রকর্ম গত রোববার নিলামে ৪২ কোটি ৫৫ ইউয়ানে (সাড়ে ৪০০ কোটি টাকার বেশি) বিক্রি হয়েছে। চীনে এ পর্যন্ত নিলামে ওঠা সমকালীন শিল্পকর্মের জন্য এটিই সর্বোচ্চ দাম। আর এ যাবৎকালে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্মের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ।
১৯৪৬ সালে আঁকা ছবিটির শিরোনাম ‘এ লং লাইফ, এ পিসফুল ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যাচ্ছে পাইনগাছের ডালে বসা একটি ইগল। এ দৃশ্যের দুই পাশে রয়েছে চীনের ঐতিহ্যবাহী ক্যালিওগ্রাফি। চিত্রকর্মটির দৈর্ঘ্য ৮ দশমিক ৫ ফুট ও প্রস্থ তিন ফুট।
বেইজিংভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান চায়না গার্ডিয়ান রোববার এ নিলামের আয়োজন করে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গতকাল এ তথ্য জানিয়েছে। তবে তারা এর ক্রেতার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
শিল্পী ছি পাইশি ১৯৫৭ সালে মারা যান। তিনি ছিলেন স্বশিক্ষিত শিল্পী। প্রকৃতির প্রতি দরদ ছিল তাঁর। তাঁর বহু চিত্রকর্মের বিষয় ছিল গাছ, মাছ, পাখি বা পোকামাকড়।
অর্থনৈতিক রমরমা অবস্থার সঙ্গে তাল মিলিয়ে চীনে সাম্প্রতিক সময়ে শিল্পকর্মের দাম অনেক বেড়েছে। নিলামে সবচেয়ে বেশি দামে শিল্পকর্ম বিক্রির দিক থেকে ২০১০ সালে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে স্থান করে নেয়।

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাই বড় কাজ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাই এখন বড় কাজ। তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিনে রাজ্য সচিবালয়ের নিজের দপ্তরে কাজে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন।
মমতা বলেন, বেআইনি অস্ত্রের খবর পেলে পুলিশকে জানান। নিজেরা অস্ত্র উদ্ধার করবেন না। পুলিশ এসে অস্ত্র উদ্ধার করবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি বলেন, নির্বাচনোত্তর কোথাও কোনো রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে না, যা হচ্ছে তা দু-একটি বিচ্ছিন্ন ঘটনা। এখন মিথ্যা খবর রটানো হচ্ছে। একটি সংবাদপত্র এ ব্যাপারে বেশি সোচ্চার। মমতা বলেন, ‘বেআইনি এই অস্ত্র উদ্ধারের জন্য আমি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে দীর্ঘদিন ধরে অনুরোধ করেছি। কিন্তু রাজ্য সরকার রাজনৈতিক কারণে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য কোনো উদ্যোগ নেয়নি।’
গতকাল বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠক করেন বিকেল তিনটায়। বিধানসভার নওশাদ আলি মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে তৃণমূলের ১৮৩ জন বিধায়কসহ তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রীরা যোগ দেন।
বৈঠকে মমতা বিধায়কদের কীভাবে আগামী দিনে চলতে হবে, তার রূপরেখা তুলে ধরেন। একই সঙ্গে রাজ্যের মন্ত্রীদের আগামী এক বছরে অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজ করা হবে, এর একটি তালিকা প্রস্তুত করারও নির্দেশ দেন।
এদিকে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়েছে। শপথ গ্রহণ করাচ্ছেন প্রোটেম স্পিকার জ্ঞানসিং সোহনপাল। বৃহস্পতিবার পর্যন্ত এ শপথ গ্রহণ চলবে। আগামী ১২ জুন বসবে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন।

এবার বাশার আল-আসাদের ওপর ইইউর নিষেধাজ্ঞা

বিরোধীদের ওপর দমনপীড়ন চালানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় থাকবে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা। আসাদের কয়েকজন ঘনিষ্ঠ সহ-যোগীও নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন।
ব্রাসেলসে বৈঠকে ইইউভুক্ত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইতিমধ্যেই কার্যকর এক কালো তালিকার মধ্যে প্রেসিডেন্ট আসাদ ও তাঁর সহযোগীদের অন্তর্ভুক্ত করতে একমত হন।
বৈঠকে ঢোকার সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, সিরিয়ায় নিপীড়ন অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত হওয়া, রাজবন্দীদের মুক্তি পাওয়া এবং নিপীড়ন পরিহার করে সংস্কারের পথ সুগম করাটা জরুরি।
চলতি মাসের শুরুর দিকেই ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট বাশারের ভাই এবং সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা ও তাঁদের সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। তখন সতর্ক করে দিয়ে বলা হয়েছিল, এরপর বাশারের ওপর নিষেধাজ্ঞা আসবে। তবে বাশার গণতান্ত্রিক সংস্কারের পথে উদ্যোগী হবেন—এ প্রত্যাশায় তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপে দেরি করা হয়।

ওবামার ইউরোপ সফর শুরু

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রায় এক সপ্তাহের ইউরোপ সফরের প্রথম দিনে গতকাল সোমবার আয়ারল্যান্ডে পৌঁছেছেন। ফার্স্টলেডি মিশেল ওবামা প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।
ইউরোপ সফরে ওবামা লিবিয়ার ন্যাটো অভিযান, আফগান যুদ্ধ, ফিলিস্তিন প্রসঙ্গ এবং ইউরোপীয় অর্থনীতির সংকট নিয়ে আলোচনা করবেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দর থেকে ওবামা দম্পতি কড়া নিরাপত্তার মধ্যে সরাসরি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মেরি ম্যাকআলিসের প্রাসাদ ফিনিক্স পার্কে যান। সেখানে প্রেসিডেন্ট ম্যাকআলিস তাঁকে স্বাগত জানান। ম্যাকআলিসের সঙ্গে বৈঠক করার পর ওবামা ও মিশেল আয়ারল্যান্ডের সরকারি অতিথি ভবনে ওঠেন। গত সপ্তাহে আয়ারল্যান্ড সফরে এসে এ ভবনে উঠেছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী ডিউক অব এডিনবরা।
অতিথি ভবনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এনডা কেনির সঙ্গে বৈঠক করার পর ওবামা তাঁর পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত একটি গ্রামে যাওয়ার কথা। রাজধানীর বাইরে অবস্থিত মানিগাল নামের ওই গ্রামে ওবামা তাঁর পূর্বপুরুষের ভিটে পরিদর্শন করবেন। এ গ্রামেই ওবামার নানার দাদা ফলমাউথ কেয়ার্নির জন্ম হয়েছিল। ১৬০ বছর আগে ভাগ্যান্বেষণে তিনি নিউইয়র্কে পাড়ি জমান।
পূর্বপুরুষের ভিটে পরিদর্শন শেষে ডাবলিনে ফিরে কলেজ গ্রিনে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে ওবামার ভাষণ দেওয়ার কথা। আয়ারল্যান্ড সফর শেষে আজ মঙ্গলবার ওবামা যুক্তরাজ্যে যাবেন। লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ওবামার বৈঠক করার কথা রয়েছে।
ওই বৈঠকে ’৬৭-পূর্ব সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং লিবিয়ায় ন্যাটো বাহিনীর অভিযানের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্য সফর শেষ করে আগামী বৃহস্পতিবার জি-৮ সম্মেলনে যোগ দিতে ওবামা ফ্রান্সে যাবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে তিনি বৈঠক করবেন।
শুক্রবার ফ্রান্স থেকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা পোল্যান্ডে যাবেন। সেখানে ইউরোপে প্রতিস্থাপিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে পূর্ব ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে সেখান থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন।

রজনীকান্তের অবস্থা উন্নতির দিকে

ভারতীয় চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের অবস্থা উন্নতির দিকে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে।
চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, রজনীকান্তের অবস্থা এখন ভালোর দিকে। টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে সময় কাটাচ্ছেন তিনি।
৬১ বছর বয়সী এই তামিল অভিনেতাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে গত রোববার সন্ধ্যায় সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। শ্বাসকষ্টজনিত সমস্যায় তিন দিন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
রজনীকান্ত গত মাস থেকে শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিলের শেষদিকে তাঁর নতুন ছবি ‘রানা’র শুটিং শুরুর প্রথম দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে দু’দফা হাসপাতালে ভর্তি করতে হয়।
১৩ মে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

স্পেনে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি

স্পেনের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির। ৯১ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ক্ষমতাসীন দলের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছে মধ্য ডানপন্থী দল পপুলার পার্টি (পিপি)।
গত রোববার এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো নির্বাচনে পরাজয় মেনে নিলেও আগামী জাতীয় নির্বাচন এগিয়ে আনতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি এই পরাজয়ের জন্য স্পেনে তিন বছর ধরে চলতে থাকা অর্থনৈতিক সংকটকে দায়ী করেছেন।
জাপাতেরো বলেছেন, ‘অর্থনৈতিক সংকটের কারণে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। এটা এমন একটা সংকট, যা মানুষের মনোবলকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি জানি, স্পেনের বহু মানুষ কষ্টের মধ্যে আছে। ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। কোনো সন্দেহ নেই যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের অসন্তোষ প্রকাশ করেছে।

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মিসৌরি ৮৯ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জপলিন শহরে গত রোববার টর্নেডোর আঘাতে অন্তত ৮৯ জন নিহত হয়েছে। টর্নেডো শহরে সরাসরি আঘাত হেনেছে। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সিটি ম্যানেজার মার্ক রোহর এক বিবৃতিতে নিশ্চিত করেন, ঘূর্ণিঝড়ের কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। জপলিন গ্লোব সংবাদপত্রের স্কট মিকার বার্তা সংস্থাকে বলেন, এটি এখন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মতো। মেমোরিয়াল হল হাসপাতালে শত শত আহত মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু হাসপাতালে জায়গাসংকুলান না হওয়ায় এখন স্থানীয় একটি বিদ্যালয়ে চিকিৎসাশিবির করা হয়েছে।
মিসৌরির গভর্নর জে নিক্সন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আরও ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
গত মাসে আলাবামা ও দক্ষিণাঞ্চলীয় ছয়টি অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ের আঘাতে অন্তত ৩৫০ ব্যক্তি প্রাণ হারায়।
ফ্রিল্যান্স আলোকচিত্রী জন মিলার জপলিন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘হোম ডিপো মাটির সঙ্গে মিশে গেছে। ওয়ালমার্ট বিধ্বস্ত হয়েছে। সর্বত্র ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসের চিত্র দেখতে পাচ্ছি আমি।’
মিলার আরও বলেন, হোম ডিপোর সামনে একটি গাড়ি থেকে অগ্নিনির্বাপণকর্মী ও প্যারামেডিকসরা এক তরুণীকে বের করে আনেন। ভবনের অংশবিশেষ ভেঙে ওই গাড়ির ওপর গিয়ে পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক মানুষ ওয়ালমার্ট স্টোরের ভেতর আটকা পড়েছে। ওয়ালমার্টের সামনের রাস্তায় অনেক অ্যাম্বুলেন্সকে লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে।
জপলিনের সেন্ট জোনস হাসপাতালের কর্মকর্তারা বলেন, ঝড়ে হাসপাতাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের জানালা উড়ে গেছে। হাসপাতালের ৪৫ মাইল দূরে বসবাসকারী এক ব্যক্তি বলেন, এক্স-রেসহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম ও হাসপাতালের বিভিন্ন ধ্বংসাবশেষ তাঁর বাড়ির আঙিনায় উড়ে এসে পড়েছে।
অনেক জায়গায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে উদ্ধারকর্মীদের খালি হাতে কাজ করতে হয়েছে। রেডক্রসের মুখপাত্র জোয়ানে মুইর বলেন, গৃহহীন মানুষের জন্য তাঁরা জপলিনের একটি বিশ্ববিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্র খুলেছেন। দুর্গত লোকজনের জন্য কম্বল, কোট, পানি, খাবারসহ বিভিন্ন ধরনের সহায়তা পাঠানো হয়েছে।

ম্যানচেস্টারে উৎসবের রং

গত সপ্তাহে ব্ল্যাকবার্নের সঙ্গে ম্যাচটা ড্র করেই ইংলিশ প্রিমিয়ার লিগের মুকুট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরশু বহুকাঙ্ক্ষিত সেই মুকুটটা মাথায় পরল ‘রেড ডেভিল’রা। পরশু লিগের শেষ ম্যাচে ব্ল্যাকপুলকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি হাতে তুলল তারা। ট্রফি জয়ের উৎসবে গোটা ম্যানচেস্টারই হয়ে উঠল রঙিন।
লিগ শেষে লড়াইয়ের রোমাঞ্চের কথা জানিয়েছেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন, ‘দারুণ একটা মৌসুম গেছে। অতীতের বছরগুলোর দিকে তাকিয়ে আমার মনে হয়েছে, এমন নাটকীয় মৌসুম এর আগে আর আসেনি।’ সব নাটক শেষ হয়ে গেছে। ওল্ড ট্রাফোর্ডের সবুজ চত্বরে সোনালি ট্রফি নিয়ে চলেছে ম্যানইউ খেলোয়াড়দের আনন্দ-উৎসব। সেই উৎসবে আলো ছড়িয়েছেন ওয়েইন রুনির ছেলে কাই রুনি আর রায়ান গিগসের ছেলেমেয়েরা।
আসলে শিরোপা উৎসব শুরু হয়ে গিয়েছিল আরও আগেই। শুরু হয়েছে সেটা গ্যালারি থেকে। ম্যানইউর সমর্থকেরা সুর করে গাইছিল আনন্দগীতি। ওল্ড ট্রাফোর্ড প্রাঙ্গণ ক্ষণে ক্ষণে মুখর হচ্ছিল ‘১৯তম চ্যাম্পিয়ন’ ধ্বনিতে। কখনো হর্ষধ্বনিতে রুনি-গিগসদের বীরত্বকে শ্রদ্ধা জানিয়েছে, কখনো আবার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে খেলোয়াড়দের দিয়েছে সম্মান।
ম্যানইউ কোচও তাঁর খেলোয়াড়দের ভাসিয়েছেন প্রশংসায়, ‘খেলোয়াড়েরা দারুণ খেলেছে। শাবাশ, সব উত্তেজনা ও শেষ মুহূর্তের গোলগুলোর জন্য...। আমি জানি না কীভাবে সব সম্ভব হয়েছে!’ পরে অবশ্য কীভাবে সম্ভব হয়েছে, দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘আমাদের ক্লাবের চরিত্রই এ রকম। আমরা এভাবেই সবকিছু করি। আমি সব সময়ই অতীতের দিকে তাকিয়ে শেষ মুহূর্তের গোলগুলো দেখি এবং এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের চেতনাকে তুলে ধরে।’
ট্রফি হাতে উঠেছে, রেকর্ড ১৯ বার ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার উৎসব হয়েছে। তবে উৎসবের রঙে ভেসে যেতে চান না ফার্গুসন। রংটাকে বরং আরও চড়া করতে চান তিনি। তাই ওল্ড ট্রাফোর্ডে যাবতীয় উৎসবের মধ্যেও সবাইকে মনে করিয়ে দিয়েছেন—এখনো একটা কাজ বাকি আছে। সেটি চ্যাম্পিয়নস লিগ। উৎসবমঞ্চ থেকেই ব্যক্ত করেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রত্যয়।
উৎসবে রঙিন ম্যানচেস্টারের আরেকটি পাশও। শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটি বোল্টনকে ২-০ গোলে হারিয়ে সরাসরি জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। চেলসির সমান ৭১ পয়েন্ট নিয়ে লিগ শেষে করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যান সিটি হয়েছে তৃতীয়। চতুর্থ আর্সেনাল খেলবে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে। পঞ্চম হয়ে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করেছে টটেনহাম। এদিকে অ্যানফিল্ডে শুধুই হতাশা। ১১ বছর পর এই প্রথম ইউরোপিয়ান মঞ্চে অনুপস্থিত থাকছে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি।
ইতালিতে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি এএস রোমা। ইউরোপা লিগে খেলবে ফ্রান্সেসকো টট্টির দল। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন এসি মিলান, রানার্সআপ ইন্টার মিলান ও তৃতীয় হওয়া নাপোলি সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে। প্লে-অফ খেলবে চতুর্থ উদিনেসে, পরশু মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।

আনচেলত্তির বিদায়

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে এভারটনের কাছে চেলসি ১-০ গোলে হেরে যাওয়ার পরই বলাবলি শুরু হয়েছিল, কখন? কোচ কার্লো আনচেলত্তিকে ছাঁটাই করতে বেশি দেরি করেনি চেলসি। চেলসির ওয়েবসাইটের বিবৃতিতে জানানো হয়েছে—কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করা হয়েছে।
দুই ঘণ্টাও পেরোয়নি। এভারটনের কাছে হারের পর চেলসি খেলোয়াড়েরা তখনো লকার রুম ছেড়ে টিম বাসে ওঠেননি। এর মধ্যেই আনচেলত্তি-অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন মালিক রোমান আব্রামোভিচ। ক্লাবের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাব জানিয়ে দিচ্ছে, কার্লো আনচেলত্তিকে আজ বরখাস্ত করা হয়েছে।’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পরই ফুটবল মহলের ধারণাটা জন্মে, ২০০৯ সালে চেলসির দায়িত্ব নেওয়া আনচেলত্তির তিন বছরের চুক্তির শেষ বছরটা আর কাটানো হচ্ছে না। শেষ পর্যন্ত তাই হলো। ২০০৩ সালে চেলসিকে কিনে নেওয়ার পর ষষ্ঠ কোচ হিসেবে আনচেলত্তিকে ছাঁটাই করলেন রুশ ধনকুবের আব্রামোভিচ। চেলসির মালিক হওয়ার পর প্রথম যে কোচকে আব্রামোভিচ বরখাস্ত করেছিলেন, তিনিও একজন ইতালিয়ান—ক্লদিও রানিয়েরি। আনচেলত্তি আব্রামোভিচের ষষ্ঠ ছাটাই।
সাফল্যবুভুক্ষু মালিকের মনেই থাকল না, দায়িত্বের প্রথম মৌসুমেই আনচেলত্তি ডাবল জিতিয়েছেন চেলসিকে। তবে আনচেলত্তির ব্যর্থতার কথা লেখার পাশাপাশি বরখাস্তের বিবৃতিতে তাঁর অবদানের কথাও লেখা আছে, ‘মালিক এবং পর্ষদ কার্লোকে (আনচেলত্তি) তাঁর অবদান আর অর্জনের জন্য ধন্যবাদ জানাচ্ছে।’ নতুন কোচ খোঁজার কথাও বলেছে চেলসি।
বাজারে গুঞ্জন, চেলসি নতুন কোচ হিসেবে ভাবছে গাস হিডিঙ্ক আর আন্দ্রে ভিলাস বোয়াসের কথা। রাশিয়ার সাবেক কোচ হিডিঙ্ক হোসে মরিনহো চলে যাওয়ার পর আপৎকালীন কোচ হিসেবে চেলসিতে কিছুদিন কাজ করে গেছেন। তিন মাসের দায়িত্বে চেলসিকে এফএ কাপ জিতিয়েছেন হিডিঙ্ক। আর ভিলাস বোয়াস সদ্যই পোর্তোকে জিতিয়েছেন ট্রেবল।

ফার্গির সমস্যা, মেসির সমীহ

বেশ সমস্যাতেই পড়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তার পরও খুশি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। সমস্যাটা যে মধুর! সমস্যাটার মূলে তাঁর শিষ্যরাই। গত সপ্তাহে ব্ল্যাকবার্নের বিপক্ষে খেলানো একাদশে নয়টি পরিবর্তন এনে দল নামিয়েছিলেন পরশু প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে। এই দলটাও ব্ল্যাকপুলকে হারিয়েছে ৪-২ গোলে। ফার্গুসন এখন বুঝতে পারছেন না, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাকে রেখে কাকে নামাবেন। ইউনাইটেডের সামর্থ্যকে আবার সম্মান জানিয়েছেন লিওনেল মেসি, শিরোপার পথে যিনি হতে পারেন ফার্গির সবচেয়ে বড় বাধা।
পরশুর জয়ে নিজেদের মাটিতে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ইউনাইটেড। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফার্গুসনের প্রতিক্রিয়া, ‘আমার তো মনে হয়, পরের সপ্তাহের জন্য (চ্যাম্পিয়নস লিগ ফাইনাল) আমি চার-পাঁচটি দল নামাতে পারব এবং কোনো দলই আমাকে হতাশ করবে না। এই ম্যানচেস্টার ইউনাইটেড দলটা গ্রেট নয়, এমন অনেক ফালতু কথা হচ্ছে। কিন্তু এই অর্জন অসাধারণ। খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, এই সাফল্য দলের প্রাপ্য। অসাধারণ কিছু পারফরম্যান্স আছে আমাদের। চেলসি, আর্সেনাল, লিভারপুল ও টটেনহামকে হারিয়েছি আমরা, হারিয়েছি সব শীর্ষ দলকে।’
ইউনাইটেড যে দুর্দান্ত ফর্মে আছে, সেটা মেসিও জানেন। ফাইনালের প্রতিপক্ষের জন্য তাই যথেষ্টই সমীহ বার্সেলোনা তারকার, ‘ওরা যেভাবে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছে, সেটা হুট করে হয়নি। ওদের জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। ইংল্যান্ডের মাটিতে খেলাটাও ওদের একটা বাড়তি সুবিধা। খেলাটা ওল্ড ট্রাফোর্ডে হয়তো নয়, কিন্তু ওয়েম্বলিতেও ওরা ঘরের মাঠে খেলার স্বাদ পাবে।’
শুধু ইউরোপ-সেরার লড়াই নয়, ওয়েম্বলির ফাইনাল একদিক থেকে ব্যক্তিগত সেরার লড়াইও। ফাইনালে দুটি মাইলফলকের হাতছানি মেসির সামনে। একটি গোল করলে ছুঁয়ে ফেলবেন চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ গোল করা রুড ফন নিস্টলরয়ের রেকর্ড (১২)। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোও মেসির চেয়ে এগিয়ে আছেন এক গোলে। তবে ব্যক্তিগত অর্জন মোটেও ভাবাচ্ছে না মেসিকে, ‘গোল তখনই গুরুত্বপূর্ণ যখন সেটা দলকে জেতায়। আমি গোল পাই আর না পাই, বার্সেলোনার জয়টাই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করা বা অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি গোল করার চিন্তা আমার নেই। এটা যদি হওয়ার থাকে তো হবে। আমার লক্ষ্য দলীয় সাফল্য, ব্যক্তিগত অর্জন নয়।’

তৌফিকের পর মিসবাহ

হেলমেটটা প্রথমে ধীরে ধীরে খুললেন। এরপর হেডব্যান্ড। মুখে হাসি নেই। অধিনায়ক এসে জড়িয়ে ধরার পর অবশ্য হাসির মতো একটা ভঙ্গি করলেন। তবে দীর্ঘশ্বাসটা স্পষ্ট বোঝা গেল, আনন্দের চেয়েও অনেক বেশি যেন স্বস্তি। মনে মনে হয়তো বলছিলেন, অবশেষে!
তৌফিক উমর হেলমেট খুললেন পঞ্চম টেস্ট সেঞ্চুরির পর। দীর্ঘশ্বাসের কারণ, চতুর্থ আর পঞ্চমের মাঝে পেরিয়ে গেছে সাড়ে সাত বছর! ৯৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন, রান আউট হওয়ার আগে ছুঁয়েছেন টেস্ট-সর্বোচ্চ ১৩৫। কালকের আগে সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০০৩ সালের অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে। ফর্মহীনতা, চোট আর আইসিএল-অধ্যায় মিলিয়ে এই কয়েক বছরে অবশ্য টেস্টই খেলতে পেরেছেন মাত্র ১৪টি।
তৌফিকের মতো নয়, তবে অপেক্ষাটা কম দীর্ঘ ছিল না মিসবাহ-উল-হকেরও। টেস্টে দুটো সেঞ্চুরি ছিল, দুটোই ভারতে ২০০৭ সালে। এরপর ১০ বার ৫০ পেরিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি। পারলেন গতকাল। ১৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন, ব্যাটিং করেছেন পরিস্থিতির দাবি মিটিয়ে। ১৪১ বলে অপরাজিত ১০২, স্ট্রাইক রেট ৭২.৩৫। অধিনায়ক হিসেবে ৬ টেস্টে তাঁর এখন ৭ ফিফটি, ১ সেঞ্চুরি!
দুই ব্যাটসম্যানের অপেক্ষার অবসানে হঠাৎ করে যেন বদলে গেছে পাকিস্তানের ব্যাটিংও। প্রথম টেস্টে ২০০ করতে পারেনি যে দল, এই টেস্টের প্রথম ইনিংসে তা পেরিয়েছে শেষ জুটির সৌজন্যে, সেই দলটাই কিনা শেষ ইনিংসে ইনিংস ঘোষণার বিলাসিতা দেখাতে পারল! ৬ উইকেটে ৩৭৭, প্রথম ইনিংসে ৪৯ রানের লিড মিলিয়ে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৪২৭। বড় এই লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংস শুরু করে চা বিরতির আগে স্বাগতিকেরা ব্রাফেটকে (০) হারিয়ে তুলেছে ৫৪ রান। সিমন্স ২১ এবং ব্রাভো ২৩ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানি ব্যাটিংয়ের জেগে ওঠায় অবশ্য বড় ভূমিকা আছে প্রতিপক্ষেরও। ‘অতিথিসেবায়’ কোনো কমতি রাখেননি ক্যারিবিয়ান ফিল্ডাররা। এক তৌফিকই ‘জীবন’ পেয়েছেন চারবার, আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ তিনবার। এই সুযোগে দুজন গড়েছেন ৮২ রানের উদ্বোধনী জুটি, দ্বিতীয় উইকেটে আজহার-তৌফিকের জুটি ৭৬ রানের। এরপর তৌফিক-মিসবাহ গড়েছেন সিরিজের প্রথম সেঞ্চুরি জুটি, ১২৯!