Showing posts with label মামলা. Show all posts
Showing posts with label মামলা. Show all posts

Wednesday, December 24, 2014

তারেকের বিরুদ্ধে ৪৪ মামলা

বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ই ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মামলা দায়ের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। এরমধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল দেশের বিভিন্ন জেলায় তারেক রহমানের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। ২২শে ডিসেম্বর ১৮টি, ২১শে ডিসেম্বর ১২টি এবং ১৮ই ডিসেম্বর দায়ের করা হয় ৫টি মামলা। গত ১৫ই জানুয়ারি লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে বক্তব্য দেন তারেক রহমান। এরপর দেশে তার বিরুদ্ধে সিরিজ মামলা শুরু করেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া তারেক রহমানের শাস্তির দাবি করে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করছেন তারা। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গত সোমবার পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলাই মিথ্যা ও ভিত্তিহীন।
পটুয়াখালীতে ৫০৭ কোটি টাকার মানহানির দু’টি মামলা
পটুয়াখালী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে পটুয়াখালীতে দুটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে আগামী বছরের ২৫শে ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত হতে সমন জারি করেছেন। গতকাল সকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদ খান পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন।
ফেনীতে ১০০০ কোটি টাকার মানহানি মামলা
ফেনী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ফেনীর আদালতে ১০০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে মামলাটি দায়ের করেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক গাজী তারেক আজিজ।
রংপুরে  রাষ্ট্রদ্রোহ মামলায় পরোয়ানা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় রংপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বঙ্গবন্ধুকে কটূক্তি করায় গতকাল দুুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও নারী নির্যাতন কোর্টের এপিপি আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন মামলা দায়ের করেন। এরপর বিচারক মনসুর আহমদ  ওই মামলায় পরোয়ানা জারির আদেশ দেন।  মামলার পরপরই আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মিছিলটি কাচারি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালীতে ৩ মামলা, গ্রেপ্তারি পরোয়ানা
স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানিসহ তিনটি মামলায়  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালত। গতকাল মাইজদী শহর যুবলীগের আহবায়ক একরামুল হক বিপ্লব বাদী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এদিকে মাইজদী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও বেগমগঞ্জের কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপুর্ণ এবং সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সদর আদালতে দু’টি মানহানি মামলা করেন। এই দু’টি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
কুষ্টিয়ায় সমন জারি
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলায় সমন জারি করেছে আদালত। গতকাল দুপুরে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগটি দায়ের করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মানিক কুমার ঘোষ।  ওই মামলায়ও তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
ব্রাহ্মণবাড়িয়ায় তারেকের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বঙ্গবন্ধুকে  কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল দুপুরে জেলা ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় বিএনপি নেতা রিজভী আহমেদ ও মীর নাছিরকেও আসামি করা হয়। আদালতে মামলাটি দায়ের করার পর শুনানি হয়। বিচারক পরে আদেশ দেবেন বলে জানান।
চট্টগ্রামে তারেকের বিরুদ্ধে  ৩ মামলা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে মোট ৩টি মামলা দায়ের হলো তার বিরুদ্ধে। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে এই মামলাটি দায়ের করেন ছাত্রলীগ নেতা নুরুল আলম। তিনি রাঙ্গুনিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক।  এর আগে তারেক জিয়ার বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের করা হয়। এর একটি হয় ২১শে ডিসেম্বর। গত ১৮ই ডিসেম্বর চট্টগ্রামে তারেক জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে মহানগর ছাত্রলীগ।
হবিগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা খারিজ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তারেক রহমানের গ্রেপ্তার দাবিতে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশীদ আহমেদ মিলন রাষ্ট্রীয় পূর্বানুমতি না থাকায় মামলাটি খারিজ করে দেন। ১৫ই ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম ১০০ কোটি টাকা মানহানির অভিযোগ এনে ২০৩ ধারায় এ মামলাটি করেন।

Tuesday, December 23, 2014

কায়সারের মামলার রায় পড়া শুরু

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা শুরু হয়েছে। বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম। সকালে সৈয়দ মোহাম্মদ কায়সারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। চলতি বছরের ২০শে আগস্ট রাষ্ট্র ও আসামি উভয় পক্ষে মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় যে কোনদিন ঘোষণা করা হবে  মর্মে তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।  একই সঙ্গে ওই দিন জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। জাতীয় পার্টির নেতা কায়সারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগসহ ১৬টি অভিযোগ আনা হয়েছে।

Thursday, November 20, 2014

ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দেয়ার আশংকা বাবার

ডা. শামারুখ মাহজাবীন সুমী হত্যাকাণ্ডের ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দেয়ার আশংকা করছেন তার বাবা। ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দিতে সাবেক এমপি খান টিপু সুলতানের পরিবার নানাভাবে চাপ দিচ্ছে বলে বুধবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ডা. সুমীর বাবা প্রকৌশলী নুরুল ইসলাম।
বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন, একজন সাবেক এমপি যে এমন নরপিশাচ, লোভী, ছোটলোক, রক্তচোষা, নির্লজ্জ বেহায়া হতে পারে সেটা আমার এবং আমার মেয়ের কাছে ছিল অবিশ্বাস্য। আমার মেয়েকে ওরা (টিপু পরিবার) হত্যা করেছে। ওরা বিভিন্ন সময়ে নির্যাতন করেছে আমার মেয়েকে। ১২ নভেম্বর আমার মেয়ে মোবাইল ফোনে নির্যাতনের কথা জানিয়েছিল। ওরা (টিপু পরিবার) আমার মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাত। কৌশলে কাজের বুয়াকে বাদ দিয়ে মেয়েকে দিয়ে ঘর মোছা, থালাবাসন, হাঁড়ি-পাতিল ধোয়া ও টয়লেট পরিষ্কারের কাজ করাত। ঠিকমতো খেতে দিত না। আমার মেয়ে লোকলজ্জায় অত্যাচারের কথা বলেনি।
মেয়ে খুন হওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে নুরুল ইসলাম বলেন, ফোনে মেয়ে আমাকে বলেছিল আব্বু আমার আর একটা জরুরি কথা আছে, আমার হাতে আমার শ্বশুরের ভয়ংকর কিছু দুর্নীতির ডকুমেন্টস এসেছে। আমি সেগুলো পড়েছি, আমি বলি, আমাকে বলা যাবে না? মেয়ে বলে এসব কথা ফোনে বলা উচিত নয়। সেগুলো আমার স্যুটকেসে তালা দেয়া আছে। আমার মেয়ে বলে দুর্নীতির বিষয়টি আমি জেনেছি তা আমার শ্বশুর বুঝতে পেরেছে। উনি আমাকে ছাড়বেন না। বিষয়টি জানতে পেরে ঠাণ্ডা মাথার খুনি টিপু সুলতান আমার মেয়েকে হত্যা করেছে। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, খান টিপু সুলতান একজন খুনি। তার ফাঁসি চাই। আপনি স্বজন হারানোর বেদনা বোঝেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মেয়ের উচ্চশিক্ষা গ্রহণে বাধা, যৌতুক আদায় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. শামারুখের ভাই শাহানুর শরীফ, আইডিইবি জেলা শাখার সভাপতি আবুল হোসেন, বিএএফ শাহীন কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ।
ডা. শামারুখের বাবাকে টিপু সুলতানের লোকজনের হুমকি : ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকালে ধানমণ্ডির বাসায় খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরাকে শামারুখ হত্যা মামলা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে ওই তথ্য বলা যাচ্ছে না। ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করবে পুলিশ। তিনি জানান, স্ত্রী ডা. শামারুখ হত্যা মামলায় রিমান্ডে থাকা হুমায়ুন সুলতান সাদাবকে আজ আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার এসআই কাজী শরিফুল ইসলাম বলেন, সোমবার তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছিল। বুধবার খান টিপু সুলতানের ধানমণ্ডির বাসায় শামারুখের মালামাল জব্দ করার কথা ছিল। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা বলেন, বাদীপক্ষ একটি তালিকা দেয়ার কথা। সেটি দেয়নি। মামলার বাদীকে নিয়ে যেকোনো দিন আবার ওই বাসায় যাওয়া হবে।
ডা. শামারুখের বাবা নুরুল ইসলাম অভিযোগ করেছেন, টিপু সুলতানের লোকজন তাকে হুমকি দিচ্ছে। যশোর বিমানবন্দর সড়কের আরোপুরে তার বাসার সামনে দিনে ও রাতে টিপু সুলতানের ক্যাডাররা মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে যাচ্ছে। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকেও ১০-১২ জন মোটরসাইকেলে করে মহড়া দিয়ে যায়। কয়েকবার তারা আসে বাসার সামনে। এ সময় গালাগালিও করে তারা।
মানববন্ধন : ডা. শামারুখ মাহজাবীন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। বক্তারা বলেন, প্রভাবশালী মহল যেন ডা. শামারুখ হত্যা মামলার তদন্ত প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যতদিন হত্যার বিচার না হবে ততদিন আন্দোলন চলবে।

Monday, November 17, 2014

দুদকে আইনমন্ত্রীর অস্বাভাবিক বিল

পদ্মা সেতু দুর্নীতি মামলার অবসান ঘটলেও আটকে আছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাকালের দেনা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সাড়ে ২১ লাখ টাকার ভ্রমণ বিল এখনও পরিশোধ করা হয়নি। অডিট বিভাগের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় বিলটি আটকে দেয়া হয়েছে। আইনমন্ত্রী ওই সময় দুদকের প্রধান কৌঁসুলি ছিলেন। একই রুটে প্রথমবার ভ্রমণে তিনি যে বিল জমা দিয়েছেন, দ্বিতীয়বার তার চেয়েও কম দিন থেকে তিনগুণেরও বেশি টাকার বিল জমা দিয়েছেন।
দুদকের প্রশাসন সূত্র জানায়, আনিসুল হকের দাবিকৃত ভ্রমণ-ভাতা অস্বাভাবিক মনে হওয়ায় গত অর্থবছরেই বিলটি নিয়ে আপত্তি তোলে অডিট বিভাগ। আনিসুল হকও এ আপত্তির ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি। দুদক তাই বিলও পরিশোধ করেনি।
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১৭ ডিসেম্বর সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দেড় বছরেরও বেশি সময় তদন্তের পর চলতি বছর ১৭ সেপ্টেম্বর দুদক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত মামলার সব আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলার। সূত্র জানায়, মামলার তদন্তকালে রমেশের ডায়েরিসহ তথ্য-উপাত্ত সংগ্রহে দুবার কানাডা সফর করেন দুদকের তৎকালীন প্রধান আইনজীবী আনিসুল হক। প্রথম দফা সফর করেন ২০১৩ সালের ১৯ থেকে ২৪ মে পর্যন্ত। দ্বিতীয় দফা সফর করেন একই বছরের ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর। দুই ভ্রমণ মিলিয়ে তিনি ২১ লাখ ৬৫ হাজার ৩৫৬ টাকার বিল করেন।
অডিট বিভাগ কেন আপত্তি দিয়েছে- কারণ খুঁজতে গিয়ে জানা যায়, আনিসুল হক দুবারই কানাডা সফর করেছেন একই রুটে। প্রথমবার বিজনেস ক্লাসের বিমান ভাড়া ধরা হয়েছে (যাওয়া-আসা) ৪ লাখ ৩২ হাজার টাকা। ট্রানজিট ভাতা (২৪ ঘণ্টা করে ২টি) ৮ হাজার ৩১২ টাকা। টার্মিনাল চার্জ (৩টি) ৪ হাজার ৯৮৭ টাকা। অন্যান্য ভাতা ৬৬ হাজার ৪৯৮ টাকা। পরবর্তী সফরে বিমান ভাড়া দাবি করা হয় ১৬ লাখ ১৪ হাজার ৭২৬ টাকা। ট্রানজিট ভাতা ১৬ হাজার ১৮০ টাকা। টার্মিনাল চার্জ (৪টি) ৬ হাজার ৪৭২ এবং অন্যান্য ভাতা ১৬ হাজার ১৮০ টাকা। প্রথমবার ৬ দিন কানাডা অবস্থান করে ভ্রমণ-ভাতা দাবি করেন ৫ লাখ ১১ হাজার ৭৯৮ টাকা। দ্বিতীয়বার ৪ দিন অবস্থান করলেও বিল করেন ১৬ লাখ ৫৩ হাজার ৫৫৮ টাকা।
বর্তমান আইনমন্ত্রীর অস্বাভাবিক ভ্রমণ-ভাতা দাবিকে অনিয়ম আখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, যেহেতু অডিট আপিত্ত উঠেছে তাই আনিসুল হকের উচিত হবে দাবিকৃত ভ্রমণ বিলের সঙ্গে পর্যাপ্ত প্রমাণাদি দাখিল করা। এটি যদি এয়ারলাইন্স কিংবা টিকিট-মূল্যের তারতম্যের কারণে হয়ে থাকে তাহলে বিষয়টি খোলাসা করে ব্যাখ্যা দেয়া প্রয়োজন। না হলে এটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে। দুদকের একজন আইনজীবী হিসেবে যা তার কাছে প্রত্যাশিত নয়।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. সহিদুজ্জামান যুগান্তরকে বলেন, অডিট আপত্তি থাকায় বিলটি পরিশোধ করা হয়নি। ফাইল না দেখে বিলের সঠিক অঙ্কটি বলতে পারছি না। আমাদের বাজেটও প্রায় শেষ। এ কারণেই হয়তো পরিশোধ সম্ভব হয়নি।
ভ্রমণ-ভাতার বিলের বিষয়ে জানতে শনিবার বিকালে ফোন করলে আইনমন্ত্রী আনিসুল হকের ফোন বন্ধ পাওয়া যায়। তার সহকারী একান্ত সচিব রাশেদুল কাওসার জীবন বলেন, স্যার একাধিকবার মৌখিকভাবে দুদককে বিলটির জন্য তাগিদ দিয়েছেন বলে জানি। তবে স্যারই ভালো বলতে পারবেন। তিনি এখন বিমানে, লন্ডন যাচ্ছেন।

খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটাবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠন এবং তা আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাই কোর্টে রিট করেন। হাইকোর্ট ওই রিট খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে ৩টি লিভ টু আপিল দায়ের করেন।