Monday, May 10, 2010

বিএনপি হরতাল চায়, সরকার কী চায় by এ কে এম জাকারিয়া

২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের মে মাস—প্রায় সাড়ে তিন বছর। এত দীর্ঘ সময় হরতাল ছাড়া থাকার সুযোগ দেশবাসী আর পায়নি। দেশবাসী না হয় এক মহা ‘সুযোগ’ ভোগ করেছে, কিন্তু যাঁরা হরতাল ডাকেন, তাঁরা তো দীর্ঘদিন হরতাল ডাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। হরতাল ছাড়া আর কত দিন! বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ হরতাল ডাকার ‘সুযোগ’ থেকে বঞ্চিত মাত্র সাড়ে তিন বছর। কিন্তু বর্তমান বিরোধী দলের অবস্থা তো আরও খারাপ। তারা ক্ষমতায় থাকাকালে (২০০১-০৬) পাঁচ বছর, এরপর আরও সাড়ে তিন বছর—সব মিলিয়ে সাড়ে আট বছর কোনো হরতাল ডাকতে পারেনি। ক্ষমতায় থাকার ‘মজা’ হরতাল ডাকার ‘মজা’র চেয়ে অনেক বেশি। তাই ক্ষমতায় থাকলে হরতাল ডাকার দরকার পড়ে না। কিন্তু বিরোধী দলে থাকা ও হরতাল না ডাকা—দুটি তো একসঙ্গে যেতে পারে না! বর্তমান বিরোধী দল বিএনপি ও এর নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলে থেকে প্রায় দেড় বছর অপেক্ষা করেছেন, হরতাল ডাকেননি। আর কত!
রাজশাহীতে গত বুধবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা অনুমান করছি, হরতাল আসছে। কিন্তু খালেদা জিয়ার মনে সংশয়, হরতাল সফল হবে তো! কর্মীদের কাছ থেকে তাই তিনি প্রতিশ্রুতি চেয়েছেন। জানতে চেয়েছেন, ‘হরতাল দিলে সফল করতে পারবেন তো?’ অনুমান করা যায়, এই সংশয়ের পেছনে গত সোমবার নির্বাচন কমিশন অভিমুখে বিএনপির পদযাত্রার অভিজ্ঞতা কাজ করেছে। এই পদযাত্রা নিয়ে প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল ‘বাংলামোটরে থেমে গেল বিএনপির “বাধাহীন” পদযাত্রা।’ প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশন অভিমুখে বিএনপির এই পদযাত্রায় বাধা দেওয়ার কেউ ছিল না। না পুলিশ, না সরকারি দলের কর্মী। এর পরও মিছিল কেন বাংলামোটরে এসে থেমে গেল? ‘সমাবেশ শেষে বিকেল সোয়া চারটার দিকে মুক্তাঙ্গন থেকে কয়েক হাজার নেতা-কর্মীর বিশাল মিছিলটি নির্বাচন কমিশন অভিমুখে রওনা হয়। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কিছু দূর যেতে না যেতেই মিছিলের আকার ছোট হতে থাকে। কেন্দ্রীয় কয়েকজন নেতাও মিছিল ছেড়ে চলে যান। একপর্যায়ে সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেল পাঁচটার দিকে মিছিলটি বাংলামোটর এসে পৌঁছালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।’ গরমের কাছে সব পরাজিত!
ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল, পুনর্নির্বাচন ও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য দুই কমিশনারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির যে পরিণতি হয়েছে, তাতে দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার চিন্তিত হওয়ারই কথা। রাজশাহীর সমাবেশে উপস্থিত কর্মীদের কাছ থেকে খালেদা জিয়া সে কারণেই হরতাল ডাকলে তা সফল করার প্রতিশ্রুতি চেয়েছেন। পত্রপত্রিকার খবর অনুযায়ী, কর্মীরা খালেদা জিয়াকে সে প্রতিশ্রুতি দিয়েছেন। অতএব হরতাল আসছে! বিএনপি যদি প্রথমে পরীক্ষামূলকভাবে আধাবেলা হরতালের ডাক দেয়, তার অর্থ দাঁড়াচ্ছে ছয় ঘণ্টার কর্মসূচি। দেড় ঘণ্টার মিছিলে যদি দলের কেন্দ্রীয় নেতা ও কর্মীরা ক্লান্ত হয়ে মিছিল ছেড়ে চলে যেতে শুরু করেন, তবে ছয় ঘণ্টার কর্মসূচি সফলের ভরসা কই? আগামী অক্টোবর-নভেম্বরের আগে তো গরম কমবে না! বিএনপি কী তবে হরতাল ডাকার জন্য সামনের শীত পর্যন্ত অপেক্ষা করবে? এতে কর্মীদেরও সুবিধা। আর হরতালের সময় যাঁরা হেঁটে কর্মস্থলে যান, তাঁদের কষ্টও কিছুটা কমবে। বিএনপি শেষ পর্যন্ত কী করবে, তা জানার জন্য ১৯ মে ঢাকার মহাসমাবেশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
হরতালের অভিজ্ঞতা আমাদের অনেক। যারা বা যে দল হরতাল ডাকে, হরতাল শেষ হওয়ার পর তারা ‘হরতাল সফল’ করার জন্য জনগণকে ধন্যবাদ জানায়। আর সরকার বা সরকারি দল হরতালে ‘সাড়া’ না দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানায়। মানে হরতাল ‘সফল’ করা বা হরতালে ‘সাড়া’ না দেওয়া—দুটোর কৃতিত্বই জনগণের। কিন্তু খালেদা জিয়া আমাদের এই দীর্ঘ দিনের ‘বিশ্বাসে’ চিড় ধরিয়ে দিলেন। তিনি তাঁর কর্মীদের কাছে জানতে চাইলেন ‘হরতাল দিলে সফল করতে পারবেন তো?’ কর্মীরা যেহেতু আশ্বাস দিয়েছেন, তাই অনুমান করতে পারি বিএনপি যদি শেষ পর্যন্ত হরতালের ডাক দেয়, তা ‘সফল’ করতে কর্মীদের ভূমিকাই বেশি থাকবে। সরকারি দল আওয়ামী লীগ কী করবে কে জানে! বিএনপির হরতালের ‘সফলতা’ ঠেকাতে ‘জনগণের’ ওপর ভরসা না করে তারাও যদি কর্মীনির্ভর হয়ে পড়ে, তবে জনগণ যে বড় বিপদে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
বিএনপি এরই মধ্যে আজ রোববার বগুড়ায় আধাবেলা হরতাল ডেকেছে। রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা ও বিএনপির এক নেতা নিহত হওয়ার ঘটনায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে। পত্রপত্রিকার খবর বলছে, এই হামলার জন্য সরকারি দল ও তাদের ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা দায়ী। যুক্তির বিচারে এ ঘটনায় বিএনপির ডাকা হরতালের দায়টাও তাই সরকারি দল আওয়ামী লীগের। রোববার বগুড়ায় ডাকা হরতাল তাই ‘আওয়ামী লীগের হরতাল’। খালেদা জিয়ার রাজশাহী মহাসমাবেশের পর সামনে আরও হরতালের যে আশঙ্কা আমরা করছি, তা কার হরতাল হবে? বিএনপির না আওয়ামী লীগের? বগুড়ার মতো ‘আওয়ামী লীগের হরতাল’ হলে হরতাল নিয়ে খালেদা জিয়ার দুশ্চিন্তা অনেক কমে যাবে। হরতাল নিয়ে বিরোধী দলের নেত্রীর দুশ্চিন্তা কমাতে চাইলে সরকারি দল বগুড়ার মতো দেশের বিভিন্ন স্থানে বিএনপির গাড়িবহর বা মিছিল-সমাবেশে হামলা বাড়িয়ে দিতে পারে! নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির সমর্থকদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা আরও বাড়িয়ে দিতে পারে!
বিরোধী দল হরতাল ডাকতে চায়। কিন্তু সরকার কী চায়? হরতাল ডাকার কাজে বিরোধী দলকে সহায়তা করতে, না কাজটি কঠিন করে দিতে?
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
akmzakaria@gmail.com

‘আফগানিস্তানে বিদেশিদের ওপর হামলা চালানো হবে’

আফগানিস্তানে অবস্থানরত বিদেশি ও তাদের সহযোগীদের ওপর হামলা চালানোর ব্যাপারে নতুন করে ঘোষণা দিয়েছে তালেবান। গতকাল শনিবার তারা এই ঘোষণা দেয়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গুরুত্বপূর্ণ ওয়াশিংটন সফরের প্রাক্কালে তালেবান এই ঘোষণা দিল।
বিভিন্ন সংবাদ মাধ্যমে ই-মেইল-এ পাঠানো এক বিবৃতিতে তালেবান জানায়, ১০ মে থেকে তাদের এই হামলা শুরু হবে। আফগানিস্তানে অবস্থানরত বিদেশি কূটনীতিক সেনা, আফগান পার্লামেন্টের সদস্য ও বিদেশি ঠিকাদারেরা এ হামলার শিকার হবেন।

পাকিস্তানকে হুঁশিয়ারি হিলারির

নিউইয়র্কে ব্যর্থ হওয়া বোমা হামলার মতো ষড়যন্ত্রে পাকিস্তানের কোনো যোগসূত্র পাওয়া গেলে এর পরিণাম হতো ভয়াবহ। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সেখানকার টিভি চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। আজ রোববার এক ঘণ্টার এই সাক্ষাৎকারের অনুষ্ঠানটি প্রচার করা হবে। খবর বিবিসি ও এএফপির।
তবে সাক্ষাৎকারে হিলারি স্বীকার করেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে সহযোগিতা বাড়িয়েছে পাকিস্তান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে আরও সহযোগিতা প্রত্যাশা করে।
হিলারি ক্লিনটন পাকিস্তানের সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘টাইমস স্কয়ারে বোমা হামলা যদি সফল হতো এবং যদি দেখা যেত যে এই ষড়যন্ত্রের উৎপত্তি পাকিস্তানে, তাহলে এর পরিণতি হতো ভয়াবহ।’ তিনি বলেন, ‘ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের মনোভাবের বিরাট পরিবর্তন হয়েছে। আগের চেয়ে সহযোগিতা বাড়িয়েছে তারা। তবে আমরা আরও সহযোগিতা চাই।’
এক সপ্তাহ আগে টাইমস স্কয়ারে একটি বড় ধরনের বোমা হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় মার্কিন পুলিশ। ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে গ্রেপ্তার করা হয়। তিনি পাকিস্তানেই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেন, ফয়সাল শাহজাদ সম্পর্কে যুক্তরাষ্ট্র যে তথ্য দিয়েছে, পাকিস্তান তা খতিয়ে দেখছে।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি দল গত শুক্রবার পাকিস্তান পৌঁছেছে। সম্ভাব্য ওই হামলায় বিদেশি সন্ত্রাসীরা অর্থের জোগান দিচ্ছে কি না, এ ব্যাপারে তদন্ত করবেন গোয়েন্দা সদস্যরা।

পাকিস্তানে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

পাকিস্তান গতকাল শনিবার দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি পরমাণু ও প্রচলিত ওয়্যারহেড বহন করতে এবং ভারতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ উপলক্ষে সৈন্যদের উদ্দেশে এক ভাষণে বলেছেন, নিজেদের পরমাণু শক্তি বিশ্বের সামনে তুলে ধরার সময় এসে গেছে।
আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের প্রশিক্ষণ মহড়ার শেষ দিনে গতকাল সশস্ত্র বাহিনী ৬৫০ কিলোমিটার পাল্লার শাহীন-১ ও ২৯০ কিলোমিটার পাল্লার গজনবী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
ক্ষেপণাস্ত্র দুটির উৎক্ষেপণকালে প্রধানমন্ত্রী গিলানি উপস্থিত ছিলেন। তিনি সৈন্যদের বলেন, বিশ্ববাসীর সময় এসে গেছে পাকিস্তানকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার। তিনি বলেন, পাকিস্তান আইএইএর অধীনে পরমাণু জ্বালানি সরবরাহে সক্ষম। গত মাসে ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলনে এই সক্ষমতার কথা জানানো হয়েছে।

সরকারে স্থান পাওয়ার মূল্য

একসঙ্গে মিলে সরকার গঠনের জন্য লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রতি ‘বড়, উন্মুক্ত ও সমন্বিত’ প্রস্তাব দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। গত শুক্রবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তাঁর দল সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়ার পর তিনি এই প্রস্তাব দেন। এ ব্যাপারে লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা নিক ক্লেগের সঙ্গে ক্যামেরন বৈঠকও করেছেন। ক্যামেরনের প্রস্তাব নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে লিব ডেম শিবিরে।
ডেভিড ক্যামেরন যখন প্রস্তাব দিলেন, তাঁরা লিবারেল ডোমোক্র্যাটস দলের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন নীতি বাস্তবায়ন করবেন, তখন নিশ্চয়ই লিব ডেম নেতারা খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাঁদের সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, বিভিন্ন বিষয়ে ভালো ভালো কথা বললেও ক্যামেরন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করার ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি।
নির্বাচনী প্রচার চলার সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি কী করবেন। জবাবে ক্লেগ বলেছিলেন, সবচেয়ে বেশি আসনে যারা জিতবে এবং সবচেয়ে বেশি ভোট পাবে, তাদেরই সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত।
শুক্রবারও ক্লেগ বলেছেন, ‘কনজারভেটিভ পার্টি প্রমাণ করেছে, জাতীয় স্বার্থে দেশ পরিচালনার দায়িত্ব চাওয়ার অধিকার তাদের রয়েছে।’ এই বক্তব্যের অর্থ দাঁড়ায়, কনজারভেটিভ পার্টিকে তিনি আহ্বান জানাচ্ছেন, যাতে সরকার গঠনের জন্য আলোচনায় বসার ব্যাপারে ক্যামেরন তাঁকে প্রস্তাব দেন।
এ ক্ষেত্রে গর্ডন ব্রাউনের অবস্থান কী হবে? নির্বাচনের পরপরই ব্রিটেনের প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, তাঁর পদত্যাগ করার পরিকল্পনা নেই। শুক্রবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ভাষণ দেওয়ার সময় তিনিও জোট সরকার গঠনের জন্য নিক ক্লেগের প্রতি প্রস্তাব দেন। তিনি অর্থনীতি ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে লিবারেল ডেমোক্র্যাটস ও লেবার পার্টির একই ধরনের দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করেন।
ক্যামেরনের সঙ্গে ক্লেগের সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে ফুল হাতে লিবারেল ডেমোক্র্যাটসদের দরজায় কড়া নাড়তে প্রস্তুত ব্রাউন। সঙ্গে থাকছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকার গঠনের পরপরই আইন করার প্রতিশ্রুতি। তবে ব্রাউনের এখনো কড়া নাড়ার সুযোগ আসেনি। টোরি আর লিব ডেমদের মধ্যে আলোচনা চলছে।
নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে কনজারভেটিভ পার্টির নেতা একটি পর্যালোচনা কমিটি করার প্রস্তাব দিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাটস দল যা চায়, এই প্রস্তাব তার তুলনায় অপর্যাপ্ত। টোরি দলের নেতারা নিশ্চয়ই ভুলে যাননি, লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ভোটিং পদ্ধতি পরিবর্তন করার জন্য জেনকিংস কমিশন স্থাপন করেছিলেন। কিন্তু ওই কমিশনের প্রতিবেদন ও সুপারিশ আলোর মুখ দেখেনি।
তবে দুই দলের মধ্যে বেশ কিছু বিষয়ে মতৈক্য রয়েছে। দুই দলই পরিচয়পত্রসংক্রান্ত পরিকল্পনা বাতিল করতে চায়। এ ছাড়া ধনী ও গরিবের বৈষম্য কমাতে ইংল্যান্ডে ‘পিউপিল প্রিমিয়াম’ (শিক্ষার্থী ভাতা) চালু করার কথাও রয়েছে দুই দলের নির্বাচনী ইশতেহারে। তবে করনীতি নিয়ে উভয় দলের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। এ ব্যাপারে আরও আলোচনা করার কথা বলেছেন ক্যামেরন।
সবশেষে বলা যায়, নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। জনগণ তাঁদের রায় জানিয়েছেন। এখন সময় হয়েছে রাজনীতিকদের জবাব দেওয়ার।—বিবিসির রাজনৈতিক প্রতিবেদক সিন কারানের বিশ্লেষণ

নেপালে মাওবাদীদের ধর্মঘট প্রত্যাহার

নেপালে মাওবাদীরা অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট গত শুক্রবার প্রত্যাহার করে নিয়েছে। ছয় দিন পর সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ধর্মঘট প্রত্যাহার করল। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের চাপ অব্যাহত থাকবে বলে মাওবাদীরা জানিয়েছে। কয়েক দিন ধরে চলা ধর্মঘটে সে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অচল হয়ে পড়ে। ধর্মঘটের কারণে প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যায়।
মাওবাদীদের প্রধান পুষ্প কমল দহল প্রচণ্ড গত শুক্রবার পার্টির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সংবিধানের খসড়া প্রণয়নের সময়সীমা ২৮ মে পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব।’
মাওবাদীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তাদের নেতৃত্বে একটি নতুন জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়ে এ ধর্মঘটের ডাক দেয়। এর মাধ্যমে প্রায় এক বছর পর মাওবাদীরা পুনরায় ক্ষমতায় ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, নেপালের ৬০১ আসনবিশিষ্ট পার্লামেন্টে মাওবাদীদের আসন সবচেয়ে বেশি। পার্লামেন্টের ৪০ শতাংশ আসন তাদের দখলে।
এদিকে ধর্মঘট প্রত্যাহারের ফলে নেপালে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। দোকানপাট পুনরায় খুলেছে ও রাস্তায় যানবাহন চলাচল শুরু করেছে। কিছু ব্যাংক গতকাল শনিবার থেকেই লেনদেন শুরু করে দিয়েছে। রাজধানী কাঠমান্ডুতে মানুষজন বাজারে গিয়ে শাকসবজি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনেছে।

মার্কিন কূটনীতিককে সু চির সঙ্গে বৈঠকের সুযোগ দেবে জান্তা

যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্র-মন্ত্রী কার্ট ক্যাম্প-বেল তিন দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। সফর-কালে সে দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ করে দিতে পারে জান্তা সরকার। জান্তার এক মুখপাত্র গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, শুধু সু চি ও তাঁর দলের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হলেই মিয়ানমার সফর করবেন ক্যাম্পবেল।
নাম প্রকাশ না করার শর্তে জান্তার ওই মুখপাত্র জানান, ক্যাম্পবেল মিয়ানমার সফরকালে আগামীকাল সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নয় সদস্যের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া একই দিন সু চি ও তাঁর সদ্য বিলুপ্ত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্যাম্পবেল। ওই মুখপাত্র জানান, তবে সরকার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি।
মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী গত বৃহস্পতিবারের মধ্যে পুনরায় নিবন্ধন না করায় এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা।
এনএলডির ভাইস চেয়ারম্যান টিন উ বলেছেন, ক্যাম্পবেলের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁদের জানানো হয়েছে।

জাপানে মার্কিন সামরিক ঘাঁটি বিরোধী বিক্ষোভ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাগোশিমায় মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের সরকারি পরিকল্পনার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা মঙ্গলবার ওকিনাওয়ার ফুতেনমা থেকে মার্কিন সামরিক ঘাঁটিটি সরিয়ে নিয়ে কাগোশিমায় স্থানান্তরের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর পরই কাগোশিমার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে।
হাতোইয়ামা সরকার ফুতেনমা থেকে এক হাজার মার্কিন মেরিন সেনা ও তাদের বিমান বহর কাগোশিমার প্রত্যন্ত দ্বীপ তকুনোশিমায় স্থানান্তরের চিন্তাভাবনা করছে। ওকিনাওয়া থেকে মার্কিন সেনাদের চাপ কমানোর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে হাতোইয়ামা নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।

কেন্দ্রে সরকার বদল হলেই রাজ্যপাল বদল করা যাবে না

ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার বদল হলেই বিভিন্ন রাজ্যে নিয়োজিত রাজ্যপাল বদল করা যাবে না। গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন।
২০০৪ সালে ্র বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতনের পর কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীলমোর্চা (ইউপিএ) সরকার। এরপর ইউপিএ সরকার উত্তর প্রদেশ, হরিয়ানা এবং ওড়িশায় রাজ্যপাল বদল করে। এরই বিরুদ্ধে তৎকালীন বিজেপি সাংসদ বি পি সিংহল সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।
সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেন, কেন্দ্রে সরকার বদল হলেই রাজ্যপাল বদল করা যাবে না। রাজ্যপালের পাঁচ বছরের মেয়াদ শেষ হলেই কেবল বদল করা যাবে। তবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অসদাচরণ প্রমাণিত হলে, সে ক্ষেত্রে রাজ্যপালকে সরানো যাবে।

ফয়সালের সঙ্গে জৈশের যোগ খতিয়েদেখা হচ্ছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি-বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদের সঙ্গে পাকিস্তানি মাওলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের (জেইএম) মধ্যে যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা।
জঙ্গি সংগঠনের সঙ্গে ফয়সালের যোগসূত্র তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের দৃষ্টি পড়েছে করাচির নিকটবর্তী বাথা মসজিদ ও একটি মাদ্রাসার দিকে। যা একসময় জেইএমর প্রাদেশিক সদর দপ্তর ছিল। জঙ্গি নেতা মাসুদ আজহার একসময় ওই মসজিদ পরিদর্শন করেছিলেন। ছিনতাই হওয়া একটি ভারতীয় বিমান ছেড়ে দেওয়ার বিনিময়ে ১৯৯৯ সালে মাসুদ আজহারকে ভারতের একটি জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়।
জেইএম’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত মসজিদটি এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিরাপত্তা ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, ফয়সালের মসজিদ পরিচালনার সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, মসজিদ থেকে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর একটি সূত্র জানায়, কয়েক বছরে পাকিস্তান সফরের সময় ফয়সালের গতিবিধির তথ্য সংগ্রহ করতে গিয়ে সম্ভাব্য সম্পর্কের বিষয়টি বেরিয়ে এসেছে।
সূত্র জানায়, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নিষিদ্ধঘোষিত সংগঠনটির সঙ্গে ওই মসজিদের লোকজনের সম্পর্ক রয়েছে।
গত শুক্রবার টাইমস স্কয়ারে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার পর কিছুক্ষণের জন্য ওই এলাকার একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।
টাইমস স্কয়ারে সন্দেহজনক প্যাকেট
গত শুক্রবার টাইমস স্কয়ারে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার পর ওই এলাকার সেভেনথ এভিনিউর বেশ কয়েকটি ব্লক প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পরে বোমা স্কোয়াডের সদস্যরা সাদা বাক্সটি পরীক্ষা করে দেখেন। বাক্সের ভেতরে একটি পানির বোতল পাওয়া যায়। সেখানে বিপজ্জনক কোনো কিছু পায়নি বোমা স্কোয়াড।
নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র পল ব্রাউনে জানান, ওয়েস্ট ফর্টিসিক্সথ স্ট্রিট ও ব্রডওয়ের মলে টহলরত একজন পুলিশ কর্মকর্তা বাক্সটি দেখতে পান।

কাসাবের জল্লাদ হতে চান মম্মু সিং

মৃত্যুদণ্ডের আসামিকে ফাঁসিতে ঝোলানোর বিষয়টিকে একটি শিল্প মনে করেন মম্মু সিং। জীবনে আরেক দফা এই শিল্পের নিদর্শন রাখতে চান তিনি আজমল আমির কাসাবের ফাঁসি কার্যকর করে। ৬৫ বছর বয়সী মম্মু সিং ভারতের মীরাট কেন্দ্রীয় কারাগারের জল্লাদ।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত আসামি পাকিস্তানি নাগরিক কাসাবকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত।
মম্মু সিং বলেন, ‘কাসাবের জন্য আমি ফাঁস তৈরি করতে চাই। চাই তাঁর মৃত্যু দেখতে। কাসাবকে ফাঁসিতে ঝোলানোর আমন্ত্রণ যেন পাই, এ জন্য সর্বশক্তিমানের কাছে আমি প্রার্থনা করে যাচ্ছি।’
টিভিতে কাসাবের মৃত্যুদণ্ডাদেশের খবর শোনার পর থেকেই তাঁকে ফাঁসি দেওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন মম্মু।
জল্লাদ হিসেবে মম্মু সিংয়ের পারিবারিক ঐতিহ্য রয়েছে। তাঁর বাবা কাল্লু সিং ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুই হত্যাকারী কেহার সিং ও সতবন্ত সিংয়ের ফাঁসিতে জল্লাদের ভূমিকা পালন করেন। মম্মুর অভিজ্ঞতাও কম নয়। গত চার দশকে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে মৃত্যুদণ্ড পাওয়া ১০ জন আসামির ফাঁসি তাঁর হাতে হয়েছে।
মম্মু সিং বলেন, ‘ফাঁসি দেওয়া একটি শিল্প। ফাঁসির কাজটা সহজ করতে ফাঁস তৈরির জন্য কয়েকটি ধাপ পেরোতে হয়।’
মম্মু বলেন, কাউকে ফাঁসিতে ঝোলানোর আগে জুতসই দড়ি তৈরি করতে হয়। এ জন্য সাবান ও ঘিসহ আরও কিছু জিনিস লাগে। এসব মেখে দড়িটা মসৃণ করা হয়। এ ছাড়া ফাঁসি দেওয়ার সময় আসামিকে সঠিকভাবে দাঁড় করাতেও হয়।
মীরাটের শিব হরি মন্দির কলোনির বাসিন্দা মম্মু বলেন, ফাঁসি দেওয়ার জন্য প্রচুর সাহস ও মানসিক দৃঢ়তা প্রয়োজন। তবে মানসিকভাবে নিজেকে তৈরি করাই সবচেয়ে কঠিন কাজ। আর তিনি এ জন্য পুরোপুরি তৈরি। এত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার জন্য দায়ী কাসাবকে ফাঁসিতে লটকে বেশ আত্মতৃপ্তি পাবেন বলেও নিঃসংকোচে জানিয়েছেন তিনি।

থাইল্যান্ডে গুলি ও গ্রেনেড হামলায় দুই পুলিশ নিহত, আহত ১২

থাইল্যান্ডে গত শুক্রবার রাতে পৃথক দুটি হামলার ঘটনায় পুলিশের দুজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাঁদের মধ্যে সেনা ও পুলিশের সদস্যও রয়েছেন। কর্মকর্তারা জানান, দুটি হামলার ঘটনাই সরকারবিরোধী বিক্ষোভকারীদের শিবিরের পাশে ঘটেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।
চলমান অচলাবস্থা নিরসনে সরকার ও বিক্ষোভকারীদের পক্ষ থেকে মীমাংসার সর্বাত্মক চেষ্টার প্রাক্কালে এ ঘটনা ঘটল। সরকার ও বিক্ষোভকারীদের তরফ থেকে বলা হয়েছে, যারা দেশে স্থিতিশীলতা চায় না, তারাই এই হামলার ঘটনা ঘটিয়েছে।
পুলিশ জানায়, রাজধানী ব্যাংককের একটি পার্কের পাশে স্থাপিত চেকপয়েন্টের সামনে শুক্রবার রাতে তিনটি গ্রেনেড হামলা চালানো হয়েছে। এতে পুলিশের একজন কর্মকর্তা মারা যান। এ ঘটনায় পুলিশের আরও পাঁচজন ও সেনাবাহিনীর তিন সদস্য আহত হন। এর আগে ব্যাংককের বাণিজ্যিক এলাকা সিলোমে এক বন্দুকধারীর হামলায় পুলিশের আরও একজন কর্মকর্তা মারা যান। এই হামলার ঘটনায় পুলিশের দুজন সদস্যসহ মোট চারজন আহত হন। মোটরসাইকেলে করে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া চলমান সংকট নিরসনে সম্প্রতি পাঁচ দফার একটি রোডম্যাপ ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে সেপ্টেম্বরে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং ১৪ নভেম্বর আগাম নির্বাচন। তবে লালশার্ট বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানিয়েছে।
শুক্রবার রাতের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লালশার্ট বিক্ষোভকারীরা। তারা দাবি করেছে, এসব হামলার ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। বিক্ষোভকারীদের পক্ষে ওয়েং তাজিরাকার্ন বলেন, ‘এই হামলার ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা হামলাকারীদের নিন্দা জানাই।’
এই হামলা ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর সরকারি মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন জানান, বৈঠকে বিক্ষোভকারীদের শিবিরের পাশে পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
ওয়াত্তানায়াগর্ন বলেন, চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়ার ঘোষিত শান্তিপ্রক্রিয়া বানচাল করে দিতে এই হামলা চালানো হয়েছে। কেউ কেউ চান না যে এই সংকটের সমাধান হোক। তিনি বলেন, এই পরিস্থিতিতে লালশার্ট বিক্ষোভকারীদের উচিত সরকারের শান্তিপ্রক্রিয়ার আহ্বানে দ্রুত সাড়া দেওয়া। অন্যথায় আরও প্রাণহানির ঘটনা ঘটবে। দুর্বৃত্তরা ফের হামলা চালানোর সুযোগ পাবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিক্ষোভের অবসান হওয়া উচিত, যাতে করে দেশের ভেতরকার বিভক্তির অবসান হয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় হয়।
ব্যাংককে কর্মরত বিবিসির সাংবাদিক বলেছেন, নতুন করে এই রক্তপাতের ঘটনায় বিক্ষোভকারীদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছে যে সরকার আবার তাদের ওপর দমন-পীড়ন শুরু করতে পারে।

উদ্বেগে মার্কিন আইন প্রণেতারা by ইব্রাহীম চৌধুরী

অভিবাসী মুসলমানদের মধ্যে জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয়টি মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসূত্র পাওয়া গেলে নাগরিকত্ব বাতিলসংক্রান্ত প্রস্তাব তারা কংগ্রেসে উত্থাপন করেছেন। সম্প্রতি বেশ কিছু জঙ্গি তৎপরতাসংশ্লিষ্ট ঘটনা এই আইন প্রণয়নের প্রেক্ষাপট সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন আইনপ্রণেতাদের কেউ কেউ মনে করছেন, অভিবাসনসূত্রে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাই জঙ্গি-সংশ্লিষ্টতার জন্য বেশি ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মুসলিম দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশি।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে গত সপ্তাহে ব্যর্থ গাড়িবোমা হামলার অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি বংশোদ্ভূত ফায়সাল শাহজাদ অভিবাসনসূত্রে মার্কিন নাগরিক। এর আগে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আফিফা সিদ্দিকী। পাকিস্তানি বংশোদ্ভূত এই বিজ্ঞানীও অভিবাসনসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছর টেক্সাসে সেনাঘাঁটিতে এলোপাতাড়ি গুলি চালিয়ে সেনাসদস্যদের হত্যার নায়ক ছিলেন মেজর নাদেল হাসান। তিনিও অভিবাসনসূত্রে মার্কিন নাগরিক। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতা আনোয়ার আল আওলাকি। ইয়েমেনের ধর্মীয় এই নেতাও অভিবাসনসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।
কানেকটিকাট থেকে নির্বাচিত সিনেটর জোসেফ লিবারম্যান ও ম্যাসাচুসেটস থেকে সদ্য নির্বাচিত সিনেটর স্কট ব্রাউন সম্প্রতি যৌথভাবে ‘টেররিস্ট এক্সপার্টিয়েশন অ্যাক্ট’ নামে একটি প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, আল-কায়েদাসহ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে অভিবাসনসূত্রে পাওয়া মার্কিন নাগরিকত্ব বাতিল করা যাবে। স্কট ব্রাউন বলেন, ‘যুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। নাগরিকত্ব গ্রহণ করার পরও যদি কেউ যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে জোটবদ্ধ হয়, তাহলে তার নাগরিকত্ব বাতিলে আমাদের সাহায্য করা উচিত।’
পেনসিলভানিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যাসন আলটমায়ার ও রিপাবলিকান চার্লিডেন্ট পৃথক একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা যাবে। যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ নিষিদ্ধ এবং সামরিক আদালতে তাদের বিচার করা যাবে।
এসব প্রস্তাব নিয়ে প্রভাবশালী আইনপ্রণেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পেনসিলভানিয়া বলেছেন, মার্কিন নাগরিকত্ব একটি ‘প্রাপ্তি’, ‘অধিকার নয়’। তিনি বলেন, নাগরিকত্ব গ্রহণ করার সময় নেওয়া শপথ ভঙ্গকারীদের ব্যাপারে রাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে পারে। স্পিকার ন্যান্সি পেলোসি সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নাগরিকত্ব বাতিলের জন্য আইনের বিস্তারিত বিবরণী পরীক্ষা করে দেখতে হবে।
ওহাইও থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা জন এ বয়েনার বলেছেন, নাগরিকত্ব বাতিলের প্রস্তাব সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে কি না, তা দেখতে হবে। ব্যক্তি গুরুতর দণ্ডে দণ্ডিত না হওয়া পর্যন্ত নাগরিকত্ব বাতিলসংক্রান্ত আইন প্রণয়ন সংবিধান অনুযায়ী কঠিন হয়ে পড়বে।
ইয়েল ইউনিভার্সিটির আইনের অধ্যাপক পিটার চাক বলেন, মার্কিন সুপ্রিম কোর্ট এ ক্ষেত্রে হয়তো একটি পদক্ষেপ নিতে পারে।

আরামবাগের ‘বঙ্গবন্ধু জয়’

মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে ৭ ম্যাচ পর জয় পেল আরামবাগ। এই জয়ে তাদের অবনমন শঙ্কা দূর হয়েছে অনেকটা। অন্যদিকে আগের ম্যাচেই অবনমন এড়ানো প্রায় নিশ্চিত করে ফেলা মুক্তিযোদ্ধা আবার বিশৃঙ্খল হয়ে পড়েছে। এদিন মাঠে থাকলেও দল সাজানো নিয়ে মুক্তিযোদ্ধার কোচের কোনো ভূমিকা ছিল না!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকালের আগ পর্যন্ত এবারের লিগে কোনো জয় পায়নি আরামবাগ। এক অর্থে কাল তারা বঙ্গবন্ধু স্টেডিয়াম জয় করল। ১১তম ম্যাচে শুকতারাকে হারানোর ৭ ম্যাচ পর এল এই জয়, যেটা ফিরতি পর্বে তাদের প্রথম।
দুটি গোলই তৈরি করে দিয়েছেন মিডফিল্ডার মলয়। ৪৯ মিনিটে তাঁর থ্রু পাসে নাইজেরিয়ান স্ট্রাইকার সুবেয়ার মোহাম্মদ প্রথম গোল করেন (১-০)। ৫৩ মিনিটে আলফাজের সৌজন্যে স্কোরলাইন হয় ২-০। পোড় খাওয়া এই স্ট্রাইকারও দারুণ গোল করেছেন মলয়ের থ্রু পাসে (লিগে এটি আলফাজের দশম গোল)। ৬৭ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে একটি গোল শোধ করেন রাফায়েল।
১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে এখন নবম স্থানে আরামবাগ। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা আছে সপ্তম স্থানে।
প্রতীক্ষিত জয় পেয়ে আরামবাগ শিবিরে ছিল বাড়তি উল্লাস। মাঠেই কেঁদে ফেললেন ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (খোকন)। কোচ ওয়াজেদ গাজীর চোখেও চিকচিক করছিল আনন্দাশ্রু। জোরালো গলায় বললেন, ‘ত্রিশ বছরের কোচিং জীবনে কখনো কোনো দল আমার হাতে রেলিগেটেড হয়নি। এবারও হবে না ইনশাআল্লাহ।’
ওদিকে মুক্তিযোদ্ধায় চলছে বিশৃঙ্খলা, যা বোঝা গেল কোচ আতিকুর রহমানের কথায়, ‘কয়েকজন সিনিয়র খেলোয়াড় আমার সমালোচনা করছে নিজেদের সীমা লঙ্ঘন করে। ব্যাপারটা এমন, যেন তাদের মনমতো যেন চলতে হবে আমাকে। এই অবস্থায় আমি মাঠে থাকলেও দল এদিন সাজাইনি। পরাজয়ের দায় আমি নেব না।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ক্যাম্প

বিকেএসপিতে ১১ মে থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের তিন দিনব্যাপী অনুশীলন ক্যাম্প। ডাক পাওয়া ২৮ ক্রিকেটারকে ক্যাম্প শুরুর আগের দিন বিকেল ৫টার মধ্যে বিসিবির গেম ডেভেলপমেন্ট লজিস্টিক কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে রিপোর্ট করতে হবে।

আগে নেমে পড়াটাই কাল হলো মুরালির

টি-টোয়েন্টি বিশ্বকাপেই আর খেলতে পারবেন কি না, শঙ্কা ছিল তা নিয়ে। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে মুত্তিয়া মুরালিধরন তাই অবাকই করে দিয়েছিলেন সবাইকে। তবে এমন আগেভাগে ফেরাটা কালই হয়ে দাঁড়াল শ্রীলঙ্কান এই অফ স্পিনারের জন্য। আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। এই চোট যে কবে সারবে, সেটা এখন আর বলা যাচ্ছে না।
ঊরুর চোটে ভুগতে থাকা মুরালিধরনকে এত দ্রুত মাঠে নামানোর জন্য জবাবদিহি করতে হচ্ছে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসকে। তিনি অবশ্য দায় এড়ালেন এই বলে, ‘আপনি তো খেলোয়াড়ের কথাই শুনবেন। মুরালি ভেবেছিল সে ঠিক আছে। তার মতো একজন খেলোয়াড় যদি বলে খেলতে পারবে তাহলে...! সে তো ফিট আর আনফিটের ব্যাপারটা বোঝে।

শেষ রাউন্ডে গেল রিয়াল বার্সার শিরোপা লড়াই

দুই মিনিটের একটা ঝড় ক্ষনিকের জন্য চমকে দিয়েছিল বার্সেলোনাকে। চমকে দেওয়া পর্যন্তই। ০-৩ গোলে পিছিয়ে পড়া সেভিয়া ৬৯ ও ৭১ মিনিটে কানুটে ও ফ্যাবিয়ানোর দুই গোলে ম্যাচে ফিরেছিল। কিন্তু লিওনেল মেসি, বোজান কিরকিচ ও পেদ্রোর গোল ৩-২ ব্যবধানে জিতিয়ে দেয় বার্সেলোনাকে।
ওদিকে নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও রামোস, করিম বেনজামা ও মার্সেলোর গোল স্প্যানিশ লিগের শিরোপা লড়াইটা নিয়ে গেল শেষ রাউন্ডে।

জিপি-বিসিবি একাডেমির সিরিজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল জিপি-বিসিবি একাডেমি দল, দ্বিতীয়টা দক্ষিণ আফ্রিকা একাডেমি। বিকেএসপির শেষ ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল। আসিফ আহমেদের সেঞ্চুরির সৌজন্যে কাল তাতে সফরকারীদের ৬৭ রানে হারিয়ে সিরিজটাই জিতে নিয়েছে জিপি-বিসিবি একাডেমি দল।
দলের ৪০ রানে ওপেনার আনামুল হক আউট হয়ে গেলেও আরেক ওপেনার রনি তালুকদার ও আসিফ দ্বিতীয় উইকেটে যোগ করেন ৮৩ রান। ষষ্ঠ উইকেটে আসিফ ও নাসির হোসেনের ৫৪ রানে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বিসিবি একাডেমি দল। পুরো ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান করে তারা। একটি ছক্কা আর চারটি বাউন্ডারিতে ১২০ বলে ১০৭ রান করে আসিফ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যান অব দ্য সিরিজ নাসির হোসেন।
ব্যাট হাতে ৩৮ রান করার পর কাল বল হাতেও সফল অফ স্পিনার নাসির—৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলামও। ৪৬.৩ ওভারে ২৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের পক্ষে অ্যাডায়ার করেন সর্বোচ্চ ৪৭ রান।
দেশে ফেরার আগে আগামীকাল ও পরশু বিকেএসপিতেই বিসিবি একাডেমি দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল।

সেমিফাইনাল দেখছে ইংল্যান্ড

সুপার এইটে টানা দ্বিতীয় জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ইংল্যান্ড। ব্রিজটাউনের দ্বিতীয় ম্যাচে কাল দক্ষিণ আফ্রিকাকে ৩৯ রানে হারিয়েছে তারা।
দলের মাত্র ৪ রানের সময় ওপেনার মাইকেল লাম্বকে হারালেও ক্রেইগ কিসওয়েটার-কেভিন পিটারসেনের ৯৪ রানের দ্বিতীয় উইকেট জুটির সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। কিসওয়েটার ৪২ বলে ৪১ ও পিটারসেন ৩৩ বলে ৫৩ রান করেন। দুটি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোথা, মরকেল ও লেঙ্গেভেল্ট। জবাবে এক ওভার বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জাঁ পল ডুমিনি করেন সর্বোচ্চ ৩৯ রান। ইংল্যান্ডের সাইডবটম ও সোয়ান নিয়েছেন ৩টি করে উইকেট।

ইংল্যান্ডে আজ মাঠে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হেরে গত বুধবারই শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাকিব আল হাসানের দল তাই ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড চলে গেছে দুই টেস্টের সিরিজ খেলতে। তার আগে আজ থেকে কেনসিংটন ওভালে তারা প্রথম তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সারের বিপক্ষে।
দলের সঙ্গে ইংল্যান্ডে না যাওয়া চার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, সৈয়দ রাসেল ও মোহাম্মদ সোহরাওয়ার্দী ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন কালই। নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিন বিশ্রামের পর ১১ মে ঢাকায় ‘এ’ দলের চলমান ত্রিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচটি খেলবেন মাশরাফি। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেছেন, তার আগেও দীর্ঘদিন ছিলেন খেলার বাইরে। মাশরাফিকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতেই তাই এই সিদ্ধান্ত। সম্ভাবনা আছে ইংল্যান্ড থেকে ফেরা অন্য ক্রিকেটারদেরও এ ম্যাচে খেলার।
ওদিকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে এর মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন জুনায়েদ সিদ্দিক, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম ও নতুন মুখ রবিউল ইসলাম। ২৭ মে লর্ডসে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। এর আগে ১৪ মে থেকে চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে আরেকটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ হবে। ১৯ মে থেকে ডার্বিতে ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ড ‘এ’) বিপক্ষে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে সাকিবের দল।

ভারত-উইন্ডিজের অস্তিত্বের লড়াই

টুর্নামেন্টে এসেছিল তারা অন্যতম ফেবারিট হিসেবে। গ্রুপ পর্যায়ের দুই ম্যাচে খেলেছেও ফেবারিটের মতো। সুনীল গাভাস্কার তো ঘোষণাই করে দিলেন, টুর্নামেন্টের সেরা দল ভারত। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই ফিরে এল গত বিশ্বকাপের জুজু। ইংল্যান্ডেও দুই ম্যাচ জিতে শেষ আটে ওঠা ভারতের তরুণ ব্যাটসম্যানরা নাকাল হয়েছিলেন প্রতিপক্ষের শর্ট পিচ বোলিংয়ে। গত পরশু অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে, একই অস্ত্রে ভারতকে ঘায়েল করা যায় এবারও। মহেন্দ্র সিং ধোনির দলের জন্য এখন তাই চ্যালেঞ্জ শুধু টুর্নামেন্টে টিকে থাকারই নয়, ‘শর্ট বোলিংয়ে ভঙ্গুর’ অপবাদ ঘোচানোরও।
ভারতের আজকের ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনাতেও থাকছে শর্ট বল। তবে এর অতি ব্যবহারের ব্যাপারে সতর্ক ক্রিস গেইল, ‘শর্ট বল আমরা করব, তবে এটাও মাথায় রাখতে হবে যে মাঠটা বেশ ছোট। তা ছাড়া ওদের ব্যাটসম্যানরা দ্রুতই নিজেদের মানিয়ে নিতে পারেন। তবে এটা নিশ্চিত, শর্ট বল আমাদের পরিকল্পনায় ভালোমতোই আছে।’ টেইট-ন্যানেস-জনসনের মতো বোলিং আক্রমণ না থাকলেও উইন্ডিজেরও আছে কেমার রোচের মতো দ্রুতগতির বোলার, গত ম্যাচে ছয় মাস পর ক্রিকেটে ফিরেছেন জেরম টেলর, আছেন স্যামি-ব্রাভোরাও।
ধোনির প্রথম চাওয়া আজ ওপেনারদের কাছ থেকে ভালো একটা সূচনা। তিন ম্যাচে ভারতের সবচেয়ে বড় উদ্বোধনী জুটি ১৯ রানের। বীরেন্দর শেবাগের জায়গায় সুযোগ পেয়ে আইপিএলের ফর্মটা জাতীয় দলে বয়ে আনতে পারেননি মুরালি বিজয়। গম্ভীর তো আইপিএল থেকেই আছেন নিজের ছায়া হয়ে। ধোনি তাকিয়ে থাকবেন যুবরাজ সিংয়ের ব্যাটের দিকেও, যুবরাজের বড় ইনিংস মানেই তো ভারতের জয়! গত ম্যাচে দুই পেসার নিয়ে খেললেও আজ দেখা যেতে পারে তিন পেসার। সে ক্ষেত্রে অভিষেক হয়ে যাবে রঙ্গনাথ বিনয় কুমার অথবা প্রাভিন কুমারের ইনজুরিতে দলে আসা উমেশ যাদবের। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে নিয়মিত ১৪০-১৪৫ কিমি গতিতে বোলিং করে নজর কেড়েছেন উমেশ। দু দলই প্রথম ম্যাচ হারায় আজকের ম্যাচে হারা দলের সেমিফাইনালের আশা কার্যত শেষই হয়ে যাবে।
আজকের অন্য ম্যাচের দু দল সুপার এইটে উঠেছে দুভাবে। অস্ট্রেলিয়া দুই গ্রুপ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে, আর শ্রীলঙ্কা প্রথম ম্যাচ হেরে পরের ম্যাচ ডাকওয়ার্থ-লুইসে জিতে। তবে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ যখন মুখোমুখি হবে তারা, দু দলের আত্মবিশ্বাসই উত্তুঙ্গে থাকার কথা। আগের ম্যাচটায় যে দু দলই উড়িয়ে দিয়েছে নিজ নিজ প্রতিপক্ষকে! তার পরও অস্ট্রেলিয়াকে সামান্য হলেও এগিয়ে রাখবে তাদের দুই উদ্বোধনী জুটি। ব্যাট হাতে বিস্ফোরক সূচনা এনে দিয়ে ওয়াটসন-ওয়ার্নার এবং বল হাতে শুরুতেই প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়ে টেইট-ন্যানেস এখন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত জুটি। শ্রীলঙ্কাকে জিততে হলে এই দুই জুটি থামানোটাই জরুরি। এই ম্যাচে জয়ী দলের শেষ চার নিশ্চিত অনেকটাই।