Thursday, September 22, 2016

হিলারিকে ভালোভাবে ঘুমানোর পরামর্শ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর ৫০ দিনও বাকি নেই। তিনদিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রধান দুই প্রার্থীর প্রেসিডেন্সিয়াল বিতর্ক। সেই টেলিভিশন বিতর্কের আগেই ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে খোঁচা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের আগে হিলারিকে ভালোভাবে ঘুমিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে হিলারিকে পরামর্শ দেয়া হয়েছে বিতর্কে ট্রাম্পকে বেশি কথা বলার সুযোগ দেয়ার জন্য। কেননা ট্রাম্প যতই কথা বলবেন ততই হিলারির লাভ হবে। খবর পলিটিকো অনলাইনের। স্থানীয় সময় মঙ্গলবার হিলারিকে কোনো প্রচারণায় যোগ দিতে দেখা যায়নি। এতে ৬৮ বছর বয়সী হিলারিকে ব্যঙ্গ করেন ৭০ বছরের ট্রাম্প। ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ‘আজ তার (হিলারির) ছুটির দিন।’ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে হিলারিকে স্বাস্থ্য নিয়ে খোঁচা দেয়ার কোনো সুযোগই হাতছাড়া করছেন না ট্রাম্প। অসুস্থতার দিকে ইঙ্গিত করেই এবার ঘুমানোর পরামর্শ দিলেন তিনি। হিলারি তার প্রচারণার নির্দিষ্ট সময়সূচি থেকে গতকাল ছুটি নিয়েছেন জানতে পেরে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘হিলারি ক্লিনটন আবারও ছুটি নিয়েছেন,
তার বিশ্রামের প্রয়োজন। ভালো করে ঘুমাও হিলারি- বিতর্কে দেখা হবে।’ মার্কিন নির্বাচনের আগে তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রথম সিরিজ ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হবে। আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে এ তিনটি বিতর্কে একজন প্রার্থীর উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পকে বেশি কথা বলার সুযোগ দিতে হিলারিকে পরামর্শ দিয়েছেন ডেমোক্রেট নেতারা। তাদের মতে, ‘এর মাধ্যমে ট্রাম্প নিজেই নিজের স্ক্রু ঢিলা করবেন।’ ট্রাম্প যত কথা বলবেন, ততই হিলারির লাভ। কেননা তার অধিকাংশই কথাই বিতর্কিত ও বেফাঁস। ডেমোক্রেটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান জন টেসার বলেন, ‘তিনি (ট্রাম্প) শুধু আজেবাজেই কথাই বলতে যাচ্ছেন, তাকে সুযোগ দিন।’ টেসারের মতে, তিক্ত মেজাজের ট্রাম্প বিতর্কের সময় তার টেলিপ্রোম্পটারের ওপর নির্ভর করে থাকতে পারবেন না। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নিজের টেলিপ্রোম্পটার সরিয়ে রেখে বারাক ওবামার জন্মস্থান নিয়ে আন্দাজে বক্তব্য দিয়েছিলেন। প্রসঙ্গত রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক বৈঠক, কোনো বিতর্ক বা সম্মেলনে স্ক্রিপ্ট বক্তব্যের পাশাপাশি টেলিপ্রোম্পটারের সাহায্য নিয়ে থাকেন, যেখানে কোনো আলোচনা উঠলে কম্পিউটারের মাধ্যমে তাকে তথ্য দিয়ে সহায়তা করেন বিশেষজ্ঞ কর্মকর্তারা। স্ক্রিনে সেটি দেখে নিতে হয়।

জাপানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

জাপানের ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। খবর সিএনএন'র। দেশটির কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে জানায়, কাদেনার এয়ারবেইজ থেকে উড্ডয়নের পর মার্কিন ফাইটার জেট বিমানটি ওকিনাওয়ার পূর্বতীরে আছড়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে জাপানিজ কোস্টগার্ড কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওকিনাওয়ার দক্ষিণাংশে মার্কিন সামরিক বাহিনীর একটি বৃহৎ অংশের অবস্থান রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী আটক

তথাকথিত ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক বাংলাদেশীসহ চারজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার। আটকদের মধ্যে বাংলাদেশী ওই ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি ছিল। তাকে ২ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আটক বাকি তিনজনের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক। আর বাকি দু'জন নেপালি ও মরক্কোর নাগরিক। তাদেরও নিজ দেশে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের আইজি খালিদ আবু বকর জানিয়েছেন, আটক বিদেশীদের সবাইকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত দু'জনের আইএস সম্পৃক্ততা পাওয়া গেছে। আটক বাংলাদেশীর বয়স ৩৭ বছর।
তিনি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সন্দেহভাজন অস্ত্র পাচারকারী। গত ১৯ আগস্ট তাকে আটক করা হয়। খালিদ আবু বকর বলেন, আটক বাংলাদেশী নাগরিক একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। গত ২ সেপ্টেম্বর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপর দুই বিদেশী নাগরিকের একজন নেপালি ও অপরজন মরক্কোর নাগরিক। নেপালি নাগরিক মালয়েশিয়ায় বিনোদন সংক্রান্ত ব্যবসা পরিচালনা করতেন। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের জন্য ভ্রমণ সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়। আর ২৬ বছর বয়সী মরক্কোর নাগরিককে জঙ্গি সংগঠন আইএসের সদস্য সন্দেহে আটক করা হয়েছে। তিনি এরআগে সিরিয়ায় প্রবেশের অপচেষ্টার দায়ে তুরস্কে আটক হয়েছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার পর গত মে মাসে মালয়েশিয়ায় আসেন। ২ আগস্ট আটকের পর ২১ সেপ্টেম্বর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আটক ৩৪ বছরের মালয়েশীয় নাগরিক একজন ব্যবসায়ীর গাড়িচালক ছিলেন। তিনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে আইএসের পক্ষে প্রচারণা চালাতেন।

খালেদা জিয়ারও বিচার হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগুন সন্ত্রাসীদের বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকারী এবং তাদের হুকুমের আসামিদেরও বিচারের সম্মুখীন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে স্থানীয় গ্রান্ড হায়াৎ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। খবর বাসস। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের হত্যার বিচার চলছে, কাজেই আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সকল হত্যাকাণ্ডের বিচার আমরা করবো। আগুন সন্ত্রাসীদেরও বিচার বাংলার মাটিতে হবে।’ হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকেও একদিন বাংলার মাটিতে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনীতিবিদ ভুল করলে তার ভুলের খেসারত কে দেবে। ট্রেন যদি চলে যায় তাহলে পরের ট্রেনের জন্য তো অপেক্ষা করতেই হবে। তিনি বলেন, এখন তারা (বিএনপি) আবার রাজনীতিতে স্পেস চায়। খালেদা জিয়ার নেতৃত্বে টানা ৯২ দিনের আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, মানুষের জানমালের ক্ষতির জন্য যদি দেশীয় আইনে কারো বিরুদ্ধে মামলা হয়, তো হতেই পারে। তাকে রাজনৈতিক মামলা বলা যায় কি-প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আসলে স্পেস নয়, কৃত অপরাধের জন্য তাদের জেলে যাওয়া উচিত। তখন অ্যারেষ্ট করা হয়নি সেটাই তার ভাগ্য (খালেদা জিয়ার)। তবে, একদিন এই অপরাধে খালেদা জিয়ার বিচারও বাংলার মাটিতে হবে। প্রধানমন্ত্রী এ সময় প্রবাসীদেরকে দেশের বিরুদ্ধে বিরোধী মহলের অপপ্রচার সম্পর্কে সোচ্চার হবার আহবান জানিয়ে বলেন, যে যেই স্থানেই থাকেন সেখানকার জনপ্রতিনিধিদের কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বাস্তব চিত্রটা তুলে ধরবেন। এটা করার জন্য আমি আপনাদের সকলের প্রতি আহবান জানাচ্ছি। তাহলে আর কেউ আমাদের দেশ সম্পর্কে ভুল তথ্য দিয়ে আর দেশের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারবে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিত-ই-এলাহী চৌধুরী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি উপস্থিত ছিলেন।