Friday, October 16, 2026

ইসরায়েলের কড়া সমালোচনা করে ফিলিস্তিনের পক্ষ নিলেন বারাক ওবামা

মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা যায় না। ফিলিস্তিনিদের প্রতি কোনো ছাড় না দেওয়ার অবস্থান ইসরায়েলের নৈতিক অবস্থানকে দুর্বল করছে। খবর আনাদোলু এজেন্সির।

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ ও গভীর বিভাজন থেকে সহিংসতার এই ধ্বংসাত্মক চক্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করেন ওবামা। একই সঙ্গে তিনি বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অবিচারের শিকার হয়েছেন।

ওবামা বলেন, এটি অস্বীকার করার উপায় নেই। এটিও অস্বীকার করা যায় না যে তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং বাড়াবাড়ি করেছে। ফলে ওই মানুষরা স্বাভাবিকভাবেই বলেছেন, এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই।

সহিংসতার চক্র ভাঙতে তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি বলে মনে করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, শুধু সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করে সংঘাত নিরসনে উদ্যোগী হতে হবে।

ওবামা বলেন, ইসরায়েলের মনোভাব যদি এমন হয় যে, এখন আমরা সবচেয়ে শক্তিশালী এবং এ অঞ্চলে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত; তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমরা যা প্রয়োজন মনে করি তা-ই করা এবং যা চাই তা-ই নেওয়ার ওপর, কারও প্রতি কোনো ছাড় না দেওয়ার ওপর, তাহলে তা স্বল্পমেয়াদে তা কাজ করতে পারে। কিন্তু এমন অবস্থান নিলে আপনি নৈতিক অবস্থান হারিয়েছেন।

ইসরায়েলের বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বলে মনে করেন ওবামা। তিনি বলেন, ওই সরকারকে স্বীকার করতে হবে যে, লাখ লাখ ফিলিস্তিনি এ অঞ্চল ছেড়ে চলে যাবেন না।

ওবামার মতে, আমি বলব, ইসরায়েলের বর্তমান সরকার এমন অবস্থানই নিয়েছে বলে মনে হচ্ছে। তাদের বুঝতে হবে, ৭০ লাখ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না।

তিনি আরও বলেন, তাদের ওপর এমন কোনো পরিস্থিতি চাপিয়ে দেওয়া টেকসই নয়, যা কেউ নিজের জন্য মেনে নেবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

গাজার বেইট লাহিয়া। পুরোনো ছবি
গাজার বেইট লাহিয়া। পুরোনো ছবি >> ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা জোরদার হয়েছে। রাতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলার মধ্যে একটি পরিবারের বাড়ির একাংশ ধসে পড়েছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর গাজার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, হামলার কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। শুক্রবার ফিলিস্তিনি সাংবাদিকদের প্রকাশ করা একটি ভিডিও যাচাই করেছে আলজাজিরা। ভিডিওতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পরিবারের বাড়ির সামনের অংশের একাংশ ধসে পড়তে দেখা যায়। এতে ভবনটির সামনের দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ ও ইটপাথর পাশের দোকানগুলোর সামনের ফুটপাতে ছড়িয়ে থাকতে দেখা গেছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। ওই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সূত্র: আলজাজিরা

মাদক সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। এ সময় তার তত্ত্বাবধানে থাকা এক শিশু খালি পায়ে রাস্তার পাশে খেলছিল। এ ঘটনায় শিশুর প্রতি অবহেলার দায় স্বীকার করেছেন ৩২ বছর বয়সি মাহরা।

ঘটনাটি নিয়ে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মামলা হয়। মঙ্গলবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন তিনি। আবুধাবির রাজবধূ মাহরা মাসে ৮ হাজার পাউন্ড ভাতা পান।

আদালতে শুনানিতে বলা হয়, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় অচেতন এক ব্যক্তির পাশে মাহরাকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাছেই খালি পায়ে একটি শিশু খেলছিল। পরে পুলিশ না আসা পর্যন্ত পথচারীরাই শিশুটির দেখাশোনা করেন বলে জানিয়েছে দ্য টাইমস।

আদালতের তথ্য অনুযায়ী, জ্ঞান ফেরার পর মাহরা বলেন, ‘এটা কোনো কসাইখানা নয়, আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন? এত উদ্বিগ্নই বা কেন?’

মামলার আইনজীবী রিও পাহলাভানপুর আদালতকে বলেন, পথচারীরা দেখতে পান, শিশুটি জুতা ছাড়াই রাস্তার ওপর স্কুটার নিয়ে একা রয়েছে। শিশুটি চলন্ত যানবাহনের খুব কাছাকাছি থাকায় তারা হস্তক্ষেপ করেন।

তল্লাশির সময় মাহরার কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি। বর্তমানে তিনি মাদকাসক্তির চিকিৎসার জন্য ইংল্যান্ডের সারেতে ওকিংয়ের প্রিওরি ক্লিনিকে ভর্তি রয়েছেন।

মাহরার আইনজীবী স্টিফেন ভুলো কিংস কাউন্সেল আদালতকে বলেন, যেদিন তাকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, সেদিন তিনি মাদক সেবন করেননি। তবে এর আগের কয়েক দিন কোকেন সেবন করায় তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন।

আইনজীবী আরো বলেন, নিজের আসক্তি কাটিয়ে ওঠার বিষয়ে মাহরার মধ্যে অনুশোচনা ও দৃঢ় সংকল্প—দুটিই দেখা গেছে।

রায় ঘোষণার সময় বিচারক মিস্টার জাস্টিস জনসন কিংস কাউন্সেল বলেন, অপরিচিত ব্যক্তিরা এগিয়ে না এলে শিশুটির গুরুতর আহত হওয়া বা আরো ভয়াবহ পরিণতির শিকার হওয়ার আশঙ্কা ছিল।

আদালত মাহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার দিয়েছেন। এর আওতায় তাকে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে। পাশাপাশি তাকে মোট ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।

মাদক সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ
ছবি: সংগৃহীত

সৌদিতে কীভাবে এত কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথিরা গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালিয়েছে। এসব হামলায় স্পষ্ট হয়ে উঠেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা । একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও তেলনির্ভরতা কমানোর সৌদি পরিকল্পনাও ঝুঁকিতে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের সহায়তায় হুথিদের উন্নত অস্ত্র তৈরি ও ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত কমে যাওয়া এবং দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা-এই তিনটি বিষয় হুথিদের হামলা কার্যকর করে তুলছে।

ইরানের সহায়তায় অস্ত্র তৈরির সক্ষমতা

এক দশকেরও বেশি সময় ধরে হুথিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছে ইরান। তবে তেহরান জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হুথিদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর সদস্যরা প্রথমদিকে হুথিদের ক্ষেপণাস্ত্র পরিচালনা ও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেয়। বর্তমানে স্থানীয় প্রকৌশলী ও প্রশিক্ষিত বিশেষজ্ঞদের সহায়তায় হুথিরা নিজেরাই ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে।

ইরানের সাবেক এক উপদেষ্টার মতে, তেহরান হুথিদের শুধু অস্ত্র দেয়নি; বরং অস্ত্র তৈরির কৌশলও শিখিয়েছে। ফলে ইরান থেকে সরাসরি অস্ত্র সরবরাহ বন্ধ হলেও হুথিদের সামরিক সক্ষমতা পুরোপুরি দুর্বল করা কঠিন হবে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, তারা হুথিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং তাদের ১২৭টি অস্ত্রের গুদাম ও উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, আঞ্চলিক পক্ষগুলোর সহায়তায় হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরকবাহী দ্রুতগতির নৌযানসহ উন্নত সামরিক প্রযুক্তি অর্জন করেছে।

অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহে বিকল্প উৎস

হুথিদের আরেকটি বড় সুবিধা হলো, অস্ত্র তৈরির জন্য তারা শুধু ইরানের ওপর নির্ভরশীল নয়। সংঘাতবিষয়ক গবেষণা সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে পাঠানো যন্ত্রাংশ ব্যবহার করে মাঝারি পাল্লার উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে হুথিরা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ ধরনের একটি চালান জব্দ করেছে।

বিশেষজ্ঞদের মতে, চীন বাণিজ্যিক যন্ত্রাংশের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। অন্যদিকে, সামরিক প্রযুক্তি, বিশেষজ্ঞ সহায়তা এবং বাণিজ্যিকভাবে সহজে পাওয়া যায় না—এমন যন্ত্রাংশ সরবরাহে ইরানের ভূমিকা রয়েছে।

অস্ত্রের কার্যকারিতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করছে হুথিরা । এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক গত মাসে জানিয়েছে, উত্তর ইয়েমেনে সক্রিয় একদল ব্যক্তি তাদের ক্লড এআই সহকারীর সাহায্যে নিয়ন্ত্রিত রকেট, দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক প্রযুক্তিযুক্ত ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরির চেষ্টা করেছে।

ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত কমেছে

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। নিজেদের ঘাঁটি, ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র ব্যবহার করেছে। এতে সৌদি আরবসহ কয়েকটি দেশের প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ফারজান সাবেতের মতে, সামরিক প্রযুক্তি ও সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দিক থেকে সৌদি আরব এখনো ইসরাইল বা ইউক্রেনের পর্যায়ে পৌঁছায়নি। দেশটির বিশাল আয়তনের কারণে আকাশপথে হামলা ঠেকানোও তুলনামূলক কঠিন।

যুদ্ধের অভিজ্ঞতায় আরো দক্ষ হুথিরা

২০১৪ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াই করছে হুথিরা। ২০২২ সালে সংঘাতটি অনিশ্চিত যুদ্ধবিরতিতে গড়ায়। তবে ২০২৩ সালে গাজায় ইসরায়েলের হামলার পর হুথিরা ইসরাইল লক্ষ্য করে রকেট ছোড়া এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোর আঞ্চলিক সংঘাত হুথিদের সামরিক অভিজ্ঞতা বাড়িয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার সময়ের মধ্যে তাদের অস্ত্রের সক্ষমতাও বেড়েছে।

ফারজান সাবেত বলেন, হুথিরা বসে থাকেনি; তারা অস্ত্র সংগ্রহের উৎস বৈচিত্র্যময় করেছে এবং যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অস্ত্রের প্রযুক্তি আরো উন্নত করেছে।

সব মিলিয়ে, ইরানের প্রযুক্তিগত সহায়তা, বিকল্প উৎস থেকে যন্ত্রাংশ সংগ্রহ, স্থানীয়ভাবে অস্ত্র তৈরির সক্ষমতা এবং সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার ওপর বাড়তি চাপ—এই সমন্বিত পরিস্থিতিই হুথিদের হামলাকে আরো কার্যকর করে তুলছে।

সৌদিতে কীভাবে এত কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা
ছবি: রয়টার্স

ছয় সপ্তাহেই রাশিয়ার নতুন ড্রোন ঘাঁটি নির্মাণ, স্যাটেলাইট চিত্রে বিস্ময়কর অগ্রগতি

ইউক্রেনের কাছে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ড্রোন উৎক্ষেপণের জন্য বড় একটি নতুন ঘাঁটি নির্মাণ প্রায় শেষ করেছে মস্কো। মাত্র ছয় সপ্তাহে ফাঁকা মাঠ থেকে বিশাল এই স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গত ৩১ আগস্ট রাশিয়ার রোস্তভ অঞ্চলে যে জায়গাটি ফাঁকা মাঠ ছিল, সেখানে এখন প্রায় ১২৬টি ফুটবল মাঠের সমান একটি বিশাল স্থাপনা গড়ে উঠেছে। প্ল্যানেট ল্যাবস ও এয়ারবাসের সরবরাহ করা বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জেটচালিত হামলাকারী ড্রোনের ব্যবহার বাড়ার মধ্যেই নতুন ঘাঁটিটি নির্মাণ করা হলো। ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এসব দ্রুতগতির ড্রোন প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

পূর্ণমাত্রার রুশ-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর প্রেক্ষাপটে আসন্ন শীতকালে জেটচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ।

বেসরকারি গোয়েন্দা সংস্থা ড্রোনসেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইক মন্নিক বলেন, স্যাটেলাইট চিত্রে দেখা নতুন ঘাঁটিটি রাশিয়ার সর্বশেষ মডেলের জেটচালিত ড্রোন ‘গেরান-৪’ ও ‘গেরান-৫’ উৎক্ষেপণে সক্ষম হবে।

তার মতে, স্থাপনাটির পশ্চিম প্রান্তে ড্রোন উৎক্ষেপণের রেলযুক্ত আটটি প্ল্যাটফর্ম দেখা গেছে। ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার আগে থেকেই অন্তত ১১টি স্থায়ী ড্রোন উৎক্ষেপণকেন্দ্র রয়েছে। নতুন ঘাঁটিটি দেশটির বিদ্যমান হামলা পরিচালনার সক্ষমতা আরও বাড়াবে।

মন্নিক বলেন, এত দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হওয়া দেখায় যে রাশিয়া এখন প্রতিষ্ঠিত আক্রমণাত্মক সামরিক সক্ষমতা অল্প সময়ের মধ্যেই কার্যকর করতে পারছে।

তিনি আরও বলেন, ঘাঁটিটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি পুরোপুরি চালু হতে পারে, এমনকি তারও আগে কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে।

নতুন এই ঘাঁটি চালু হলে ইউক্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলার সক্ষমতা আরও বাড়তে পারে। বিশেষ করে দ্রুতগতির জেটচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় কিয়েভের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

রাশিয়ার নতুন ড্রোন ঘাঁটি। ২১ সেপ্টেম্বর, ২০২৬/ ছবি: রয়টার্স
রাশিয়ার নতুন ড্রোন ঘাঁটি। ২১ সেপ্টেম্বর, ২০২৬/ ছবি: রয়টার্স

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর নেতাকে উপপ্রধানমন্ত্রী করল ইরাক

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী আসাইব আহল আল-হকের জ্যেষ্ঠ নেতা লাইথ আল-খাজালিকে উপপ্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে ইরাকের পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা এই গোষ্ঠীর নেতাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলার সময় এ সিদ্ধান্ত নিল বাগদাদ।

বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে তিন উপপ্রধানমন্ত্রী ও ১১ জন মন্ত্রীর নিয়োগ অনুমোদিত হয়। তাদের মধ্যে নায়েফ আল-শাম্মারি প্রতিরক্ষামন্ত্রী এবং ইয়াসির আল-মালিকি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন উপপ্রধানমন্ত্রী লাইথ আল-খাজালি আসাইব আহল আল-হকের নেতা কাইস আল-খাজালির ভাই। ২০২০ সালে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। একই সঙ্গে দুই ভাইকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে ওয়াশিংটন। ২০০৭ সালে পাঁচ মার্কিন সেনা নিহত হওয়ার একটি হামলাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে গোষ্ঠীটির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র।

এর আগে ২০১৯ সালে ইরাকে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লাইথ ও কাইস আল-খাজালির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী আল-জাইদি বলেছেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের কারণে ইরাক নজিরবিহীন অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত দেশটি। এই তেল রপ্তানি থেকে সরকারের মোট রাজস্বের প্রায় ৯০ শতাংশ আসত।

যুদ্ধের প্রভাবে তেল রপ্তানি ও রাজস্ব আয়ে চাপ তৈরি হওয়ায় সরকারি কর্মচারীদের বেতন পরিশোধের অর্থ জোগাড় করতে ইরাকি মুদ্রা দিনারের অবমূল্যায়ন করেছেন আল-জাইদি। মার্কিন ডলারের বিপরীতে দিনারের মূল্য প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে।

এদিকে, দেশের বাইরে থেকে পরিচালিত নয়, এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিরস্ত্রীকরণ এবং ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করারও অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

ইরাকের মানচিত্র। ছবি: সংগৃহীত
ইরাকের মানচিত্র। ছবি: সংগৃহীত

ইয়েমেনের মারিবে সৌদি ড্রোন ভূপাতিতের দাবি হুতিদের

ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির হুতি সশস্ত্র বাহিনী।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, সৌদি আরবের ড্রোনটি মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক তৎপরতা’ চালাচ্ছিল।

ইয়াহিয়া সারির দাবি, হুতি বাহিনী উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভূপাতিত ড্রোনটি চীনের তৈরি উইং লুং টু মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন বলে দাবি করেছে হুতি বাহিনী।

তবে এ ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আলজাজিরা

ভিন্ন ঘটনার ছবি: এপি
ভিন্ন ঘটনার ছবি: এপি

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব বলেন। এ বরাতে শুক্রবার সংবাদ প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।

ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি ট্রাম্প সমর্থন জানাবেন কি না, তা নিয়ে সম্প্রতি তাকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। এবারও ইসরায়েলের নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চলছে।

নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলি কর্মকর্তারা চান, তিনি যেন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে যুক্ত হন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘তারা চান আমি যুক্ত হই। হ্যাঁ, তারা চান।’

তবে নির্বাচনী প্রচারে তিনি সরাসরি অংশ নেবেন কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ট্রাম্প।

নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের মধ্যে ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতার প্রসঙ্গ টেনে তিনি দুই দেশের ‘অত্যন্ত সফল সামরিক অংশীদারত্বের’ কথাও তুলে ধরেন।

নেতানিয়াহুর প্রতি ব্যক্তিগত আস্থা নিয়ে প্রশ্ন উঠলেও তার সঙ্গে সম্পর্ক এবং দুই দেশের সামরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

অপারেশনের ২০ দিন পরে শুটিংয়ে জসীমকে ঘুষি আহমেদ শরীফের, কী হয়েছিল এফডিসিতে

মাসের বেশির ভাগ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন জসীম। সেই জসীমই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। অবস্থা এতটাই গুরুতর হয় যে তাঁর হার্টের অপারেশন করতে হয়। একদমই বিশ্রামে ছিলেন। শুটিং বন্ধ। প্রযোজক পরিচালক সবাই চাইছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠে শুটিং শুরু করুক। কিন্তু সবাইকে চমকে দিয়ে অপারেশনের মাত্র ২০ দিন পরেই লাইট ক্যামেরার সামনে দাঁড়ান এই জনপ্রিয় নায়ক।

সেই শুটিংয়ের শুরুটা ছিল মারপিটের দৃশ্য দিয়ে। এমনকি সিনেমার একটি ক্লাইমেক্স দৃশ্য জমিয়ে তুলতে হবে। সেই সময় পরিচালকসহ টিমের অন্যরাও জসীমকে তাড়াহুড়া না করে সময় নিয়ে শুটিং করতে বলেন। কিন্তু শিডিউল জটিলতা ও বসে থেকে একঘেয়েমি কাটানোর জন্য জসীম শুটিংকেই বেছে নেন।

সেই ঘটনা নিয়ে সম্প্রতি ‘ঠিকানা’ নামের একটি আয়োজনে আহমেদ শরীফ বলেন, ‘আমি তো জসীমের শুটিংয়ের কথা শুনে চমকে উঠেছিলাম। জসীমকেও বললাম সে কথা। সে বলল, তাঁর সমস্যা হবে না। পরে দেখি ক্লাইমেক্স দৃশ্যের সেট ফেলেছে। টানা চার দিন চলবে এই শুটিং। সবকিছু প্রস্তুত। জসীম আমাকে বলল, আপনি যেভাবে আমাকে ঘুষি দিতেন সেভাবেই দেবেন। আমি বললাম ঠিক আছে।’

শুরু থেকে জসীমের হার্টের অপারেশন নিয়ে ভয় পাচ্ছিলেন আহমেদ শরীফ। তিনিই ছিলেন সিনেমার প্রধান খলচরিত্রের অভিনেতা। তাঁর সঙ্গে সবচেয়ে বেশি দৃশ্য ছিল। শুটিং নিয়ে আহমেদ শরীফ জানান, ভয় লাগছিল যদি কোনোভাবে জসীম আঘাত পায় তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। ‘এসব চিন্তায় স্বাভাবিকভাবেই আমি মন খুলে অভিনয় করতে পারছিলাম না। তবু মনে হলো চেষ্টা করি। শুরুতে আমাদের ফাইটিং। জসীমকে ঘুষি মারতে হবে। একটা দুইটা ঘুষির পরে মোটামুটি একটু হালকাভাবে জসীমের পেটে একটা ঘুষি দিই। ঘুষিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জসীম বলল, “এই কাট কাট।”’

এই শুটিংয়ের পরে কিছুটা ঘাবড়ে গেলেন আহমেদ শরীফ। ঘুষি জোরে লাগল কি না, জসীম অসুস্থ হলো কি না, এমনটাই ভাবছিলেন। এমন সময় কাছে এসে জসীম; আহমেদ শরীফকে চমকে দেয়। ৯০ দশকের সেই ঘটনা প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, ‘“জসীম কাছে এসে আমাকে বলে, আজকে কি আপনার শুটিংয়ের মুড নাই। না থাকলে পেকআপ করে দিই।” জসীমের কথা শুনে ঘাবড়ে গেলাম। পরে সে জানাল, আমি যে ঘুষি দিয়েছি এটা এতটাই আস্তে ছিল যে জসীমের কাছে মনে হয়েছে গায়ে বাতাসও লাগে নাই। আমরা তো আসলে সিরিয়াস ফাইট করতাম। অনেক জোরে জোরে ঘুষি, লাথি গায়ে লাগত। পরে বললাম, কদিন আগে তোমার অপারেশন হলো। কি হয় না হয়, মারতে খারাপ লাগছে।’

কিন্তু সে–কথা কর্ণপাত করেননি জসীম। তাঁর একটাই কথা ছিল, শুটিংয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি যে অপারেশন করেছেন, সেটা আহমেদ শরীফকে ভুলে যেতে বললেন। এরপর খুব জোরে ঘুষ মারতে বলেন জসীম। আহমেদ শরীফ বলেন, ‘জসীম কখনো কাজে ছাড় দেয়নি। আমি আগের মতো ফাইটিং শুরু করলাম। আমাকে শ্বশুর বলে ডাকত। পরে সে বলল, “শ্বশুর এখন ঠিক আছে।” জোরে ঘুষি মারায় জসীম খুশি হলো। এতটা সিনেমার অন্তঃপ্রাণ মানুষ ছিলেন জসীম। আমাদের অনেক ভালো বোঝাপড়া ছিল। যে কারণে আমাদের জুটির প্রায় সব সিনেমাই দর্শক পছন্দ করে।’ সিনেমায় নায়ক হয়ে ঢালিউডে নাম লেখান আহমেদ শরীফ। পরে তিনি হয়ে যান খলনায়ক। অন্যদিকে খল অভিনেতা থেকে নায়ক হন জসীম। তাঁদের দুজনের জুটি সব সময়ই প্রশংসায় থাকত। ‘ঠিকানা’ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ঢালিউড নায়ক জায়েদ খান।

আহমেদ শরীফ ও জসিম। ছবি: ফেসবুক থেকে
আহমেদ শরীফ ও জসিম। ছবি: ফেসবুক থেকে

গল্প- সিক্স-বি by মোহাম্মদ কামরুজ্জামান

বাড়িঅলা যখন দেখলেন, গ্রাম থেকে আমার বাসায় যত বার আমার ভাইবোন-ভাস্তেভাস্তিরা বেড়াতে আসে, তত বার খেজুরের পাটালি, তালের পিঠা, মটরশুঁটির শাক, বেতের আগা, তালশাঁস, মেটে আলু তার ঘরে চলে যায়‒তিনি জুনের এক তারিখ থেকে ভাড়া ৩০০ টাকা বাড়িয়ে দিলেন, আর গ্যাস ওনার ভেতরে ছিল, আমার ভেতরে দিয়ে দিলেন, বললেন, ‘কেডায় কইব, বাজেটের আলোচনা হুইনা ইলিশের ব্যাপারি থিকা পটলের আড়ৎদার, টিভির শোরুম থিকা দাঁতনের ক্যানভাসার‒সবাই হঠাৎ ক্ষেইপা উঠব? বিপদ আফনেরও, বিপদ আমারও। এখুন তো আর কইতে পারি না, ‘মনির ভাই, যান গিয়া, আফনের কষ্ট অইব এইহানে। কষ্ট করলে দুই ভাই একলগেই করুম। কী কন্?’ আমি বলতে চাচ্ছিলাম, ‘গ্যাসটা আপাতত আপনার ভেতরেই থাক।’ কথাটা মুখ দিয়ে বেরিয়েছিল কি না নিশ্চিত করে বলতে পারব না‒বাড়িঅলার হঠাৎ আর্তনাদে আমার কান বন্ধ হয়ে গিয়েছিল, অথবা তিন সেকেন্ড স্মৃতিলিখন হয়নি। উনি ডান হাত দিয়ে দুই চোখ ঢেকে আর্তনাদ করে উঠলেন, ‘ওরে, মাইচ্চে রে, মাইচ্চে!..আইচ্চা থাউক, আফনের কষ্ট অইলে আমার এক টেকাও লাগত না। আমি এক বেলা নাহয় খামু না; মিনিকেট খাইতাম, পাইজাম খামু। তবু নিজের ভাইরে কষ্ট দিমু না।’ সে মাসে বাড়িঅলা দুই বার ভাড়া চাইতে এলেন‒দুই বার ভাড়া চাওয়ার পর দুই বার ভুল স্বীকার করলেন, দুই বার ভুল স্বীকার করে দুই বার মাফ চাইলেন। অথচ উনি জানেন, আমি মাসের প্রথম বৃহষ্পতিবার সন্ধ্যায় আগের মাসের ভাড়া দেই। সাত বছর আগের কথা বলছিলাম। দীপের বয়স তখন ছয় বছর। অক্ষর জোড়া দিয়ে শব্দ লিখতে শিখেছে কেবল, সেই বিদ্যা দিয়েই ক্লাশের বইয়ের পাশাপাশি কমিক্স পড়ে ফেলত।

সাত বছর আগে এই ছোট্ট এপার্টমেন্টটায় ওঠার আগে, মতি, জয়গুন, রাফেজা, সালামত ভাই, মজিদ চাচাদের সাথে শেওড়াপাড়ায় একটা টিনশেড বাড়ির দুই রুম নিয়ে থাকতাম। সকালে মজিদ চাচা সামনের প্যাসেজে হেঁটে হেঁটে দাঁতন করত, খক খক করে কফ ফেলত, দুপুরে আওয়াজ দিত রাফেজা-সালামতরা, আর রাতে হিস্ হিস্ করত মতি-জয়গুনরা। ছেলেকে নিয়ে এপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকব বলে অফিস বন্ধের দিনগুলোতে বাসা খুঁজতে শুরু করলাম। প্রতি বন্ধের দিনে ঘর থেকে বেরুতে দেখে দীপ একদিন জানতে চাইল, ‘ফ্রাইডেতে তুমি কোথায় যাও, বাবা?’
‘বাসা খুঁজতে যাই।’
‘আমাকেও নিয়ে যাও।’
‘রোদের ভেতর ঘুরে ঘুরে তোর জ্বর হবে।’
‘হোক। জ্বর হলে ভালোই হবে। ঘরে শুয়ে থাকতে পারব।’
‘ঘরে শুয়ে শুয়ে কী করবি?’
‘হিটলু বিটলু পড়ব।’
‘আচ্ছা, তাহলে শুয়ে শুয়ে হিটলু বিটলু পড়্, আমি বাসা খুঁজে আসি।’

আরেকদিন ও আমাকে আটকে ফেলল‒দুই হাত দুই দিকে মেলে ধরে পথের উপর দাঁড়াল, বলল, ‘আজ আমাকে নিয়ে যাও, বাবা।’ আমি বললাম, ‘ঘরে শুয়ে শুয়ে হিটলু বিটলু পড়্। কাল থেকে তো আবার স্কুলে যেতে হবে।’ ও দুই পা নাচাতে নাচাতে বলল, ‘হিটলু বিটলু সব শেষ করে ফেলেছি।’
‘তাহলে এখন রিভাইজ দে।’
‘রিভাইজ দিয়ে রেখেছি।’
ও দৌড় দিয়ে ওঘরে চলে গেল, ডেস্ক থেকে একটা হিটলু বিটলু নিয়ে এল। পাতা খুলে একটা ডায়লগ বক্সের উপর আঙুল রেখে একটা ইংরেজি শব্দ দেখাল, ‘ফাইট‒ফাইট মানে লড়াই করা।’ তারপর বই বন্ধ করে দৌড়ে গিয়ে ডেস্কে রেখে এল। কমিকসের কোনো নতুন বই পেলে, এক বসায় পড়ে ফেলে, প্রথম বার পড়ার সময় মাথা তোলে না, কারোর সাথে কথাও বলে না। দ্বিতীয় বার পড়ার আগে মারুফার কাছ থেকে অজানা শব্দগুলোর মানে জেনে নেয়।

ওর হিটলু বিটলু সব পড়া শেষ। অগত্যা ওকে সাথে করে নিয়ে বেরুতে হলো সেদিন। কাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে বেশ ভেতরে, যেখানে বাড়িগুলো বাড়ির গায়ে গা লেগে উঠেছে, ড্রইং রুমের জানালা খুলে প্রতিবেশীদের বেডরুমে পাওয়া যায়, বেডরুমের জানালা খুলে হাত বাড়িয়ে বেলকনির তারে কাপড় নাড়তে হয়‒দরজা দিয়ে ঢুকে বেলকনিতে দাঁড়ানো যায় না, পানের পিক মুখে নিয়ে ঘোরার পরামর্শ যেখানে দেওয়া হয় না‒সিঁড়িতে খালাস করে শান্তি লাভের সুযোগ দেওয়া হয়‒তেমন একটি এলাকার তেমন একটি বাসায় টু-লেট দেখে ঢুকেছিলাম।

শীতল কালো বর্ণের মাঝবয়েসি এক লোক চাবি হাতে নিয়ে ছয়তলা দালানের ছয় তলার দক্ষিণ-পশ্চিম পাশের খালি হওয়া ফ্ল্যাটটা খুলে দিয়েছিলেন। ঢোকার সময় চোখ পড়ল দরজার চৌকাঠে সাঁটা টিনের নম্বর প্লেটের উপর‒সিক্স-বি‒মাঝ বরাবর একটিমাত্র পেরেক ঠোকা।  এপার্টমেন্টের নম্বর থাকে। ভদ্রলোক পেছনে নীরবে দাঁড়িয়ে থেকে দেখছিলেন, আমি ঠিকমতো দেখেশুনে নিচ্ছি কি না, আর তিন তলায় এনে তার দীর্ঘকাল বন্ধ থাকা ড্রইং রুমের ঠান্ডা সোফায় বসে আমাকে দেখেশুনে নিচ্ছিলেন‒দেখেশুনে তিনি বুঝেছিলেন, বাসা পছন্দ হয়েছে, আর আমি বুঝেছিলাম, আমার পোষাবে। লেবুর সরবত দেখিয়ে দীপকে বললেন ‘খাও, মিস্টি লাগব।’ তারপর দীপের কাছে ওর স্কুলের গল্প শুনলেন।

এ চেহারার মানুষ আমি এর আগেও দেখেছি। এদের মুখণ্ডল একটি চ্যাপ্টা পান পাতার মতো। পান পাতার যে জায়গাটাতে পত্রশীর্ষ সরু হয়ে নেমে গেছে, সে জায়গায় এদের একগুচ্ছ দাড়ি মোচড় দিয়ে থুতনির নিচে নেমে গেছে, থুতনি ধরে ঝুলে পড়েনি, ঝুলে পড়ার ভয়ে মাঝে মাঝে হাত দিয়ে ডলে নিচে পরিপাটি করে রেখে দেয় এরা‒এ ধরণের লোকরা খুব বাকসংযত হয়‒কথার তাৎক্ষণিক অর্থ, স্বল্পমেয়াদি অর্থ আর দীর্ঘমেয়াদি অর্থ‒তিনটাই আলাদা করে জানে। মুখের চামড়া অভিজ্ঞতার আঁচে পুড়িয়ে পাকা করা‒মনের ভাব বোঝা যায় না। ভাবশূন্য একজন মানুষের সাথে আমার ভাব হওয়ার কথা না, কিন্তু হয়ে গেল, রীতিমতো ভালোবাসাই হয়ে গেল, উনি যখন বললেন, ‘আপনার ছেলেটারে খুবই ভালা লাগল, ম্যাথমেটিক্যাল ব্রেইন।’ আমি একটু চমকে উঠেছিলাম। উনি ‘ম্যাথ’ শব্দটা জানেন।

এপার্টমেন্টে থাকব বলে বাসাটা নিয়ে নিয়েছিলাম। সাত বছর ধরে দীপকে নিয়ে সেখানেই আছি। সাত বছরে বাসার দেয়ালের সিমেন্ট-চুনকাম খসে পাতলা হয়ে গেছে, বাথরুমে শাওয়ার বিকল হয়ে ঝুলে পড়ে আছে সেই কবে থেকে, বেসিনের কল ঘুরাতে গেলে সহজে হাতের ভেতরে আসে না‒দুই পাশে মাথা নাড়িয়ে না বলে দেয়‒ম্যালা টাকার কাজ জমে গেছে‒আর বাসাভাড়া নিয়মিত-অনিয়মিতভাবে বেড়ে দ্বিগুনে ঠেকেছে। এত টাকার কাজ একসাথে জমানোর জন্য আমিই দায়ী। ভালোবাসার কারণেই সময়ে-অসময়ে বিরক্ত করিনি। ফলে যেদিন একটু বিরক্ত করতে গেলাম, অনেক দিনের ভালোবাসার বিপরীতে জমানো অনেক বিরক্তি সালেক ভাই একসাথে ঝেড়ে ফেললেন, আমি ঝড়ের মতো উড়ে গেলাম, বিশ্বাস আর আত্মবিশ্বাসের সবগুলো ভিত নড়ে উঠল, কটাদিন দীপকে ডাকতে গেলেও গলা ছেড়ে আওয়াজ করতে পারতাম না। গেল মাসে আমি শুধু বলেছিলাম, ‘পানির একটা ব্যবস্থা করেন, সালেক ভাই, বালতিতে পানি ধরে আর কয়দিন? দীপের টাইফয়েড। ছাদে সিক্স-বি-এর চাবিটা মোচড় দিয়ে রাখা হয়েছে, আমি তা জানি, দীপও জানে‒সাত বছরে ওর এটা জেনে ফেলা স্বাভাবিক। কিন্তু হাশেম চাচা নিচে মোটর ছাড়লে ছাদে উঠে ঘুরিয়ে দেয়নি ও কখনও‒চাপ খেয়ে যতটুকু পানি আসে, তা-ই বালতিতে ধরে রাখে, হাশেম চাচা ছাদে উঠে মোচড় দিয়ে বাকিটা বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত। সালেক ভাই একদিন সুবিচারের কথা বলছিলেন, ‘পানি কম আসে লাইনে। যা আসে সবাইরে সমান ভাগ কইরা নিতে হইব। কেউ বেশি খাইব, কেউ পাইবই না‒এইটা কোনো বিচার হইল?’ তার কথা আমি মেনেছিলাম। কিন্তু আরেক দিন যখন দীপের অসুখের কথা বারবার বললাম, তিনি বুঝলেন, তার কথা আমি বিশ্বাস করিনি, সহে নিয়েছিলাম মাত্র। আমার মনোভাব প্রকাশিত হলে সালেক ভাই যারপর নাই বিরক্ত হলেন, শুকনো চোখে তাকিয়ে শুধু বললেন,  ‘দেখি।’

আমি ভালো ব্যবহার সম্পর্কে অনেক আগেই একবার বলেছিলাম, এটা অন্যের কাছ থেকে সুবিধা বের করে আনার কৌশল, একবার তা বেরিয়ে আসলে কৌশলের আর দরকার পড়ে না‒মাছ ধরা পড়লে বড়শি তুলে ফেলা হয়‒পানিতে ফেলে রেখে বসে থাকে না কেউ।

দীপের জ্বর বাড়ছে। মহল্লার ডাক্তারের কাছে সন্ধ্যায় কয়েক দিন বসে থেকেছি। ডাক্তার বলেছে প্রচুর পানি খেতে। ওকে মারুফার কাছে একা ফেলে রেখে অফিসের কাজে মনোযোগ দিতে পারছি না। মারুফা রান্নায়-কান্নায়-ভালো গোছের মেয়ে, একটা রুটিনমাফিক কাজ আর অন্যটা মর্জিমাফিক। কান্নার মর্জি হলে কাঁদে, না হলে অস্থির হয়ে ওঠে‒খানিক্ষণ চোখের সামনে বই ধরে চোখ ভিজিয়ে নেয়। এর বাইরেও অনেক কিছু আছে‒ও জানে না, ওর হাজবেন্ড জানত, তাই বেচারা বাইরে বাইরে ঘুরত; কিন্তু কতকাল আর বাইরে বাইরে ঘুরবে? একদিন ঘরে এসে ওকেই বাইরে বের করে দিল।

জিএম স্যার সেদিন ডাকলেন। খুব সংক্ষেপে ধমকালেন, ‘আমার আগেই বোঝা উচিত ছিল, আপনার মতো একজন লোককে একাউন্টসের দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। ঘরে সমস্যা করে রাখলে, অফিসের হিসাব মিলাবেন কী করে? এমডি স্যারের কাছে যান, উনি বোধহয় আপনাকে কিছু বলবেন।’ এমডি স্যারের চেম্বারে গেলাম। ‘মনির সাহেব, আমি আপনার বড়ভাই হিসাবে বলছি‒কথাগুলো অন্যভাবে নেবেন না‒মানুষ সোশ্যল জীব, তাছাড়া ফিজিক্যাল নিড বলে একটা বিষয় আছে। আপনার কাজে অমনোযোগের বিষয়টা নতুন নয়‒অনেক দিন ধরেই বলব বলব করে বলিনি‒আপনি আবার কীভাবে নেন‒লাইফে অনেক কিছুই হয়‒তাই বলে সব থেমে থাকে না‒আবার একবার চেষ্টা করে দেখেন। আমরা আপনাকে হারাতে চাই না,’ এমডি স্যার তার বিশাল শরীর নিয়ে চেয়ারের ভেতরে গেড়ে বসে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললেন। আমি বললাম, ‘স্যার, আমি কি এখন যাব?’ স্যার বললেন, ‘যান, কাজগুলো মোসাব্বিরকে বুঝিয়ে দেন। অর্ডারটা কিছুক্ষণের ভেতরে হাতে পাবেন। আমরা আর আপনাকে একাউন্টসের কাজ দেখতে দিচ্ছি না‒ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আপনি বরং লজিস্টিক্স এন্ড সেনিটেশনটা দেখেন। মকবুল সাহেবের কাছে যান, উনি সব বুঝিয়ে দেবেন।…বেচারা মকবুল সাহেবের বয়স হয়েছে। কুড়ি বছর একই ডেস্কে একই পোস্টে থাকতে থাকতে লেথার্জিক হয়ে গেছেন। ভাবছি ওনাকে এজিএম করে রিটায়ারমেন্টে পাঠাব‒ম্যানেজমেন্টের তেমনই মত।’ আমি ডেস্কে এসে কিউবিকলের সেল্ফ থেকে লুকা প্যাসিওলির প্ল্যাস্টার-অব-প্যারিসের আবক্ষ মূর্তিটা তুলে নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম। মোসাব্বির আশেপাশের ডেস্কে ঘোরাঘুরি করছে, এর ওর সামনে গিয়ে বসছে, অসংলগ্নভাবে কথা বলছে‒ডাকলেই এদিকে চলে আসবে। একাউন্টসের কাজে ওর খুব কৌতূহল। সময় পেলেই পাশে এসে বসে, জিজ্ঞাসা করে, কী করছি। একদিন অবসরে ম্যানেজমেন্ট একাউন্টিং বোঝাচ্ছিলাম ওকে। সবশুনে দাঁত-দুপাটি বের করে বলল, ‘ওসব ফালতু হিসেব নিকেশ, ওভাবে প্রোফিট-লস ক্যালকুলেট করা যায় না।’ তারপর ডেস্কের উপর থেকে টিএ-ডিএর ভাউচারগুলো হাতে নিয়ে বিড়বিড় করে খানিক্ষণ পড়ল, তারপর ধন্যবাদ দিয়ে চলে গেল।

অনেক দিন স্কুলে যায় না দেখে, দীপের বন্ধুরা স্কুল থেকে ফেরার পথে ওকে দেখতে এসেছিল। আমি ছিলাম না। দীপ চাবি হাতে করে ছয়তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে ওদের সাথে দেখা করে গেছে। দারোয়ান হাশেম চাচার দিবানিদ্রায় ব্যাঘাত হওয়ায়, পাশ ফিরতে ফিরতে হাক দিয়েছিল, ‘সাবধান! সাবধান! দেখতাছি কইলাম।’ দীপের খুব লেগেছিল কথাটা। এ মাসে ভাড়া দেবার সময়, দীপের অসুখের বিষয়টা আবার বললাম। সালেক ভাই সেদিনের মতো শুকনো চোখে একবার তাকালেন। বেরিয়ে আসার সময় শুনি সালেক ভাই বিড়বিড় করছেন, ‘বন্ধুগো নিয়া বাসার সামনে খাড়াইয়া গপ করে দেখি!…আবার কয় জ্বর!’

শুক্রবার সকালে গ্যারেজে চ্যাঁচামেচি দেখে সিঁড়ি বেয়ে নেমে দেখি পুরো বিলডিংয়ের পুরুষ মানুষরা সবাই নিচে, আর দোতলার সাবু ভাইয়ের বাসার পুরুষ মহিলা শিশুরা সবাই। হাশেম চাচাকে পিঠমোড়া করে বেঁধে রেখেছে। আমি বললাম, ‘কী হয়েছে?’ সাবু ভাই কড়া দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তারপর দারোয়ানের দিকে ঘাড় ঘুরিয়ে ধমকের সুরে বললেন, ‘কী হইব আর!’ চারতলার ভাড়াটিয়া আশিক ভাইয়ের দিকে তাকালাম। উনি বললেন, ‘রাতে দোতলার সাবু ভাইয়ের মোটর সাইকেল বের করে নিয়ে গেছে।’ সাবু ভাই বাইং হাউজে আছেন। মাঝে মাঝে অনেক রাতে ফিরতে হয় বলে মোটর সাইকেল কিনে নিয়েছেন। আমি বললাম, ‘হাশেম চাচা ছিলেন না?’ জিপারঅলা গোলাপি পায়জামার পকেটে দুই হাত গুঁজে দিয়ে পাঁচতলার মতি ভাই রসিয়ে রসিয়ে জবাব দিলেন, ‘দারোয়ান আবার থাকে নাকি? একরাতে থাকে ভাসানট্যাক বস্তিতে, অন্য রাতে শান্তির ছাপড়ায়। আরেক রাতে…।’ আশিক ভাই আর বলতে দিলেন না, কথার মাঝখানে মন্তব্যের গোঁজ ঢুকিয়ে দিলেন, ‘কিন্তু ফজরের ওয়াক্তে তো পানির মোটর ছাড়তে শুনি।’ মতি ভাই বিরক্ত হয়ে বললেন, ‘আহা বুঝেন না! ফজরের আগ দিয়া আইসা পড়ে।’

সালেক ভাই সব দেখে হতভম্ব হয়ে গেছেন। তার ট্যান পড়া চামড়ায়ও বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাশেম চাচার বুকের উপর নারিকেলের ছোবড়ার দড়ি শক্ত করে বসে ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সালেক ভাই হাশেম চাচার সামনে গিয়ে বসলেন। দুই হাত দিয়ে দড়িটা টেনেটুনে একটু আলগা করে দিয়ে উঠে এলেন। বাড়িঅলা নতুন ভাড়াটিয়া সাবু ভাইয়ের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করেন না, কোনো কথায় দ্বিমত করেন না, আবার ‘ঠিক আছে’-ও বলেন না।

বেচারি সাবু ভাবির সাথে আজ দুবার চোখাচুখি হলো‒উনি নির্লিপ্ত চোখে আমার দিকে তাকালেন। এই বিল্ডিংয়ে নতুন এলেও ওই ভাবিকে আমি চিনি। মতি ভাই একদিন দোতলার সিঁড়িতে আমাকে পেয়ে গলা চড়িয়ে বলছিলেন, ‘এইখানে আর থাকন যাইব না।’ আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘কেন?’
‘কেন‒বুঝেন না?’
‘সালেক মিঞা নতুন ভাড়াটিয়া তুলব।’
‘আমরা কি ভাড়া দিচ্ছি না?’
‘দিতাছেন, নতুন ভাড়া দিতাছেন না, পুরান ভাড়া দিতাছেন।’
‘পুরান-ভাড়া নতুন ভাড়া‒এসব কী বলছেন?’
‘ভাড়াটিয়া রাখলে পুরান ভাড়া, ভাড়াটিয়া নামাইলে নতুন ভাড়া।’
‘কই, উনি তো কিছু বললেন না।’
‘কয় নাই‒কইব। আর কইলেও আফনে বুঝেন নাই। যাগো বুঝনের হ্যারা ঠিকই বুঝছে।’
‘আপনার কথা কিছুই বুঝতে পারছি না।’
‘দোতলার কাদের ভাই…’
‘কাদের ভাই! কাদের ভাই তো তিন মাস আগেই চলে গেছেন।’
‘বুঝছে দেইখা চইলা গেছে।’

আমি বুঝব না দেখে মতি ভাই আমার সাথে আর কথা বাড়ালেন না। মনে হলো বাকি কথাগুলো নিজের সাথে বললেন‒গলা আরেকটু চড়ালেন‒সামনে দাঁড়ানো মানুষের সাথে এত জোরে কথা বলে না কেউ। মতি ভাই চ্যাঁচাচ্ছিলেন, ‘দ্যাখতাছেন না, দোতলার বাইং-হাউজ ভাই পরিবেশ নষ্ট করতাছে! এডভান্স সিস্টেম আছিল না‒তিনি আইসা চালু কইরা দিলেন‒ছয় মাসের এডভান্স দিয়ালাইছেন। দেয়াল ঘইষা একটুন চুন লাগাইয়া দিছে, কলের নাট বল্টু দুই খান প্যাঁচাইয়া দিছে, ভাইজানের মন গইলা পানি হইয়া গ্যাছে‒দুইগুন ভাড়া চাইছে, দুইগুনেই সই।’ মতি ভাই সিঁড়ি বেয়ে ধুপধাপ উপরে উঠে গেলেন। সিঁড়ির উপর ধুপধাপ পায়ের আওয়াজ আর কর্কশ হাকাহাকি শুনে, দোতলার নতুন ভাড়াটিয়া সাবু ভাইয়ের মিসেস আস্তে করে ড্রইং রুমের দরজা খুলে দেখে নিলেন। আমি ওনার দিকে একবার তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম।

সালেক ভাই সবার দিকে একবার চোখ ঘুরিয়ে নিয়ে বললেন, ‘আফনেরা যান। আফনেগো এহেনে কী কাম? আফনেগো তো কিছু চুরি অয় নাই।’ ‘হইতে কতক্ষণ!’ মতি ভাই অন্য দিকে তাকিয়ে বললেন। সালেক ভাই সেদিকে কান দিলেন না, সাবু ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ‘মেয়েছেলেরা যান। পুলিশ আসতাছে।’ মতি ভাই স্পিরিংয়ের মতো পা ফেলে সিঁড়ি বেয়ে এক নিমিষে উধাও হয়ে গেলেন। সাবু ভাবি এক হাতে সিঁড়ির রেলিং আর অন্যহাতে ছেলের হাত ধরে সিঁড়ি বেয়ে উঠে গেলেন। একে একে অন্যরাও সিঁড়ির পথ ধরলেন। সাবু ভাই দারোয়ানের দিকে শ্যেন দৃষ্টি হেনে দাঁড়িয়ে থাকলেন। আমি উপরে উঠলাম না, এগিয়ে গিয়ে সালেক ভাইয়ের পাশে দাঁড়ালাম। আমি সবচেয়ে পুরোনো ভাড়াটিয়া। সালেক ভাই আমার দিকে তাকালেন‒দুদিন আগের সেই শুকনো চাহনি। দুদিন চোখের পাতা ফেলেও যে চোখ ভেজেনি, দুরাত ঘুমিয়ে যে চাহনি মিলায়নি, সে চাহনি অনেক শক্তিশালী‒যে কাউকে ঠেলে সরিয়ে দিতে পারে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, সিঁড়ির রেলিং ধরে ধীর পায়ে উঠে এলাম।

সাবু ভাইয়ের মোটর সাইকেল পাওয়া গেছে কি না, জানি না। দীপের টাইফয়েড বাড়ছে। সারা দিন অফিস করি, সন্ধ্যায় মহল্লার ডাক্তারের চেম্বারে লাইনে বসে থাকি; না হলে প্যাথলজিকার টেস্টের জন্য ঢাকা প্যাথের রুমে রুমে দৌড়োই, নয়তো দীপের মাথাটা কাঁধের পরে নিয়ে লবিতে বসে অপেক্ষা করি। বাড়িঅলার সাথে কদিন আর দেখা হয় না। মতি ভাইয়ের সাথে একদিন গ্যারেজে দেখা। উনি বললেন, ‘সালেক মিঞার সাথে কথা হয়েছে?’ আমি বললাম, ‘না!’ উনি বললেন, ‘পুলিশের লোকজন কিছু জিগাইছে?’ আমি বললাম, ‘না!’ উনি বললেন, ‘পোলা ক্যামুন আছে?’ আমি বললাম, ‘ভালো না।’ উনি আর কিছু বললেন না, গেট খুলে বাইরে চলে গেলেন। পকেট গেট দিয়ে মাথা নিচু করে বেরুবার আগে, আমার দিকে আরেক বার তাকালেন।

ডাক্তার ওষুধ দিচ্ছে। মারুফা জলপট্টি দিচ্ছে। দীপ জ¦রের ভেতরে প্রলাপ বকছে, ‘এফেকশন‒এফেকশন মানে ভালোবাসা… এফেকশন‒এফেকশন মানে ভালোবাসা…।’ আমি অফিস বন্ধ করে দিয়েছি। ডাক্তার বলেছে, টাইফয়েড এমনিতেই সেরে যায়, একটু সেবা শুশ্রুষা করলে। তবে শরীরে র‌্যাশ উঠলে একটু সাবধান থাকতে হবে। সকাল থেকে ওর র‌্যাশ উঠতে শুরু করেছে।

ওইদিনই সন্ধ্যায় সালেক ভাই এলেন। হাতে এক জোড়া সবুজ ডাব, কিন্তু মুখ নারকেলের ছোবড়ার মতো শুকনো। বসতে বসতে বললেন, ‘ছেলের অবস্থা কী?’
আমি বললাম, ‘ভালো না। জ¦র কমছে না।’
‘ডাক্তার কী বলে?’
‘ওষুধ দেয়।’
‘কিছু বলে না?’
‘বলে।’
‘কী বলে?’
‘প্রচুর পানি খেতে।’
সালেক ভাই উত্তর শুনে মুখ কালো করে ফেললেন, ‘সে কথা না।’
আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার চোখের দিকে তাকালাম। উনি জবাব দিলেন, ‘সারতে আর কয়দিন লাগবে‒সেই কথা।’ মারুফা লেবুর শরবত নিয়ে ড্রইং রুমে ঢুকল, ‘স্লামালাইকুম ভাইয়া।’ সালেক ভাই মাথা নেড়ে সালাম গ্রহণ করলেন, তারপর  আমার দিকে তাকিয়ে বললেন, ‘আমি মহল্লার সিক্যুরিটিগুলারে ধমকাইছি। ব্যাটা, কারে দেখতে কারে দেখছস্‒উল্টাপাল্টা কথা কবি না!’ আমি বুঝলাম, উনি সেদিনের মোটর সাইকেল চুরির কথা বলছেন। এ বিষয়ে আলাপ করার বিন্দুমাত্র আগ্রহ আমার নাই। তবুও কথা চালাবার জন্য বললাম, ‘ওরা কী বলছে?’
‘ওরা তো কয়, ওই রাতে দীপরে দ্যাখা গেছে, গেট খুইলা দ্ইু বন্ধুরে নিয়া বাড়ির ভিতরে হান্দাইছে।’

দেশেই সম্ভব গ্লুকোমার আধুনিক চিকিৎসা, বিস্তারিত জানুন by অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির

গ্লুকোমা এমন একটি রোগ, যা চোখের অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে ধীরে ধীরে অপটিক নার্ভ নষ্ট করে। এর ফলে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার ঝুঁকি তৈরি হয়। অনেক সময় ওষুধ, লেজার বা অস্ত্রোপচার করেও যখন চোখের চাপ নিয়ন্ত্রণে আসে না, তখন রোগীরা তীব্র ব্যথায় ভোগেন। এ ধরনের ‘পেইনফুল রিফ্র্যাকটরি গ্লুকোমা’ বা মাঝারি থেকে গুরুতর গ্লুকোমার চিকিৎসা দীর্ঘদিন ধরেই ছিল অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। কিন্তু বর্তমানে দেশে অত্যাধুনিক ডায়োড লেজার সাইক্লোফোটোকোঅ্যাগুলেশন পদ্ধতি সাশ্রয়ী মূল্যে চালু হয়েছে, যা সাধারণ মানুষের নাগালে এনে দিল গ্লুকোমা চিকিৎসার নতুন দিগন্ত।

ডায়োড লেজার সাইক্লোফোটোকোঅ্যাগুলেশন কী

এটি একটি আধুনিক, নিরাপদ ও স্বল্প সময়ের লেজার চিকিৎসা। এ পদ্ধতিতে চোখের সিলিয়ারি বডির ওপর লেজারের মাইক্রোপালস প্রয়োগ করে অতিরিক্ত তরল উৎপাদন বন্ধ করা হয়। ফলে চোখের ভেতরের চাপ কমে, ব্যথা উপশম হয় ও চোখের কার্যকারিতা বজায় থাকে।

এর সুবিধা

- কাটাছেঁড়ার দরকার পড়ে না।

- ১০-১৫ মিনিটের বেশি সময় লাগে না।

- রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

- ব্যথাহীন ও নিরাপদ একটি পদ্ধতি।

- দরকার পড়লে আবার করা যায়।

কারা এই চিকিৎসা নিতে পারবেন

- মাঝারি থেকে গুরুতর গ্লুকোমা রোগী।

- দীর্ঘদিন ওষুধ বা ড্রপ ব্যবহার করেও যাঁদের চোখের চাপ কমছে না।

- যাঁদের আগে একাধিক অস্ত্রোপচার ব্যর্থ হয়েছে।

- যাঁরা তীব্র চোখের ব্যথায় ভুগছেন।

- যাঁদের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে, কিন্তু ব্যথা দূর করা জরুরি।

সতর্কতা

গ্লুকোমা নীরবে দৃষ্টিশক্তি কেড়ে নেয়। গ্লুকোমা হলে সাধারণ চোখের সমস্যা ভেবে বসে থাকবেন না। যদি চোখে চাপ, ব্যথা, ঝাপসা দেখা, আলোতে কষ্ট হয় বা পরিবারের কারও গ্লুকোমার ইতিহাস থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

* অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির, গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা

বর্তমানে দেশে গ্লুকোমার অত্যাধুনিক চিকিৎসা চালু হয়েছে, যা সাধারণ মানুষের নাগালে এনে দিল গ্লুকোমা চিকিৎসার নতুন দিগন্ত
বর্তমানে দেশে গ্লুকোমার অত্যাধুনিক চিকিৎসা চালু হয়েছে, যা সাধারণ মানুষের নাগালে এনে দিল গ্লুকোমা চিকিৎসার নতুন দিগন্ত। ছবি: পেক্সেলস