Saturday, July 23, 2011

মিসরের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন

মিসরের পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্যরা গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘মিনা’ এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র ও অর্থসহ অর্ধেকের বেশি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে হাজেম বেবলাওবির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সংস্কারবাদী হিসেবে পরিচিত।
তবে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচারমন্ত্রীকে অপসারণ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মানসুর আল এশায়ি ও বিচারমন্ত্রী আবদেল আজিজ আল-গিন্দি সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের ঘনিষ্ঠজন বলে পরিচিত।
দেশে রাজনৈতিক সংস্কার ও হোসনি মোবারকের বিচারের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারের বিক্ষোভের জের ধরেই মন্ত্রিসভা পুনর্গঠনে বাধ্য হন প্রধানমন্ত্রী এশাম শরাফ।

গাড়ি চালিয়ে ফেঁসে গেছেন সৌদি নারী

নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর অভিযোগে সৌদি আরবের এক নারীকে বিচারে দাঁড় করানো হবে। ওই নারী দাবি করেছেন, হাসপাতালে যাওয়ার জরুরি প্রয়োজনে গাড়ি চালাতে বাধ্য হয়েছিলেন তিনি।
সৌদি আরবের পত্রিকা ওকাজ গত বুধবার এক খবরে এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ৩৫ বছর বয়সী ওই নারীকে জেদ্দা শহরে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাবার জিম্মায় মুক্তি দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, ওই দিন তিনি অসুস্থ বোধ করছিলেন। হাসপাতালে যাওয়ার মতো গাড়ি পাচ্ছিলেন না। তাঁর নিজের গাড়ির চালকও ছিল না। তাই হাসপাতালে নিজেই গাড়ি চালিয়ে যান।
বিশ্বের মধ্যে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ।
এ নিষেধাজ্ঞা ভাঙার দাবিতে গত ১৭ জুন সৌদি আরবের একদল নারী আন্দোলনের ডাক দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সৌদি নারীদের আন্দোলন সমর্থন করে বলেন, তাদের এ দাবি ন্যায়সংগত।

‘আমরা শান্তি রক্ষায় মোতায়েন রয়েছি’

পিপলস লিবারেশন আর্মির সদস্যরা এই কুচকাওয়াজের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে দেখিয়েছেন যে আমরা শান্তি রক্ষায় মোতায়েন রয়েছি।’ গতকাল বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকদের কাছে এ কথা বলেন চীনের উচ্চপর্যায়ের সেনা ইউনিট পিপলস লিবারেশন আর্মির জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল লিও শিজু।
চীনের সেনা ঘাঁটির খবরাখবর নেওয়া বিদেশি সাংবাদিকদের জন্য দুরূহ বিষয়। দেশটি বরাবরই তাদের সামরিক শক্তি সম্পর্কে রাখঢাক করে আসছে। এর মধ্যে গতকাল বিদেশি সাংবাদিকদের সামনে এই বিশেষ সেনাদলের কুচকাওয়াজ ও সহাস্যে শুভেচ্ছা বিনিময় একটি অবাক করার ঘটনা। বিশ্লেষকেরা অনেকে ভাবছেন, এটি চীনের সামরিক শক্তি সম্পর্কে জানান দেওয়ারই অংশ। কিন্তু চীনা কর্মকর্তারা তা বলেননি।
চীনের ভাষ্য, তাদের সামরিক শক্তি সম্পর্কে প্রতিবেশীদের স্বচ্ছতার অভাবের অভিযোগের কারণে এই আয়োজন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গেং ইয়ানশেং ওই ঘাঁটিতে সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পিপলস লিবারেশন আর্মির কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে এ বাহিনীর চিন্তাভাবনা জনগণ বুঝতে পারবে। এভাবেই স্বচ্ছতার দিকে আমরা এগোচ্ছি।’

ইয়েমেনের আল-কায়েদা প্রধান সাবানি নিহত

ইয়েমেনের আল-কায়েদাপ্রধান আয়াদ-আল সাবানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। দেশটির জঙ্গিনিয়ন্ত্রিত আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবার এলাকায় গত মঙ্গল ও বুধবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর এ সংঘর্ষ হয়। গতকাল বৃহস্পতিবার সেনাসূত্র এ কথা জানায়।
সেনাসূত্র জানায়, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইয়েমেনভিত্তিক সংগঠন ‘আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা’র (একিউএপি) নেতা সাবানিসহ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে ১০ জন সেনাসদস্যও নিহত হন। আহত হয়েছেন অপর ৩৩ জন সেনাসদস্য।
সামরিক হাসপাতালের এক চিকিৎসক জানান, গত বুধবার রাতে তাঁরা নয়জন সেনাসদস্যের মৃতদেহ এবং ১৫ জন আহত সেনাকে গ্রহণ করেন। এডেনের অন্য একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, সেনাবাহিনীর ৩১তম ব্রিগেডের ১৯ জন আহত সেনা সেখানে ভর্তি হন। পরে তাঁদের একজন মারা যান।
সেনা সূত্র জানায়, জিঞ্জিবারের দক্ষিণে সেনারা জঙ্গিদের দ্বারা আক্রান্ত হলে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে সেনারা হামলার পাল্টা জবাব দিয়ে তাদের প্রতিহত করেন। পরে ৩১তম ও ১১৯তম ব্রিগেডের সেনারা সংঘর্ষে যোগ দিয়ে আল-কুদ এলাকায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করলে অনেক জঙ্গি নিহত হয়।
এডেন হাসপাতালে চিকিৎসাধীন এক সেনাসদস্য বলেন, ‘আমরা সম্মুখযুদ্ধে আল-কায়েদার বেশ কিছু জঙ্গিকে হত্যা করেছি। এ সময় জঙ্গিদের গুলিবর্ষণে আমাদের কয়েকজন সেনা নিহত ও আহত হন।’
সরকারি বার্তা সংস্থা ‘সাবা’ এর আগে জানায়, আল-কায়েদার দুই শীর্ষ নেতা আয়াদ-আল সাবানি ও আওয়াদ মোহাম্মদ সালেহ আল-সাবানি সংঘর্ষে নিহত হয়েছেন।
এর আগে গত ১৫ জানুয়ারি ইয়েমেন সরকার দাবি করেছিল, সাবানিসহ পাঁচ শীর্ষ আল-কায়েদার নেতা বিমান হামলায় নিহত হয়েছেন।

প্রবাসী ব্রিটিশ তরুণী হত্যার দায়ে জাপানি যুবকের যাবজ্জীবন

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে জাপানের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ২০০৭ সালে জাপানের ইচিকাওয়া শহরে ব্রিটিশ স্কুলশিক্ষক লিন্ডসে হকারকে (২২) হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার রায়ে টোকিওর একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
রায় ঘোষণার সময় হকারের বাবা, মা ও দুই বোন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ পাওয়া তাতসুয়া ইচিহাশি (৩২) আড়াই বছর ধরে লুকিয়ে ছিলেন। গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পাল্টান তিনি। এরপরও ২০০৯ সালের নভেম্বরে ইচিহাশিকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণের কথা স্বীকার করলেও তিনি হত্যার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে তিনি বলেন, দুর্ঘটনাক্রমে ব্রিটিশ স্কুলশিক্ষক লিন্ডসে হকার (২২) খুন হন।
ইচিকাওয়া শহরে ইচিহাশি ও হকার প্রতিবেশী ছিলেন। লিন্ডসে হকার নোভা ল্যাংগুয়েজ স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দিতে ২০০৬ সালের অক্টোবরে জাপান যান। ২০০৭ সালে ইচিহাসির বাড়িতে বালুভর্তি একটি বাথটাবের ভেতর থেকে হকারের লাশ উদ্ধার করা হয়।

সার্বিয়ার জন্য ইইউর সদস্য হওয়া সহজ হতে পারে

ক্রোয়েশিয়া যুদ্ধের শেষ পলাতক সন্দেহভাজন যুদ্ধাপরাধী গোরান হাদজিচকে (৫২) গ্রেপ্তারের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে সার্বিয়া। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ ইইউর সদস্য হতে পারবে দেশটি।
স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাসিচ বৃহস্পতিবার বলেন, ‘২০ বছর পর সার্বিয়া বন্দিশালা থেকে মুক্তি পেল। সার্বিয়াকে আর ব্ল্যাকমেইল করা ঠিক হবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে নতুন শর্ত আরোপের আর কোনো কারণ নেই।’
গোরান হাদজিচকে গত বুধবার বেলগ্রেডের উত্তরের পার্বত্য এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইইউর সদর দপ্তর ব্রাসেলস এ গ্রেপ্তারের প্রশংসা করে বলেছে, এর ফলে ১৭ জাতি জোটটিতে সার্বিয়ার অন্তর্ভুক্তির পথ অনেক প্রশস্ত হলো।
ইইউর প্রেসিডেন্ট হার্মান ভান রমপুই ও ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারাসো এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে সার্বিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
কুখ্যাত বসনীয় সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের গ্রেপ্তারের দুই মাসের মধ্যে গোরান হাদজিচকে গ্রেপ্তার করা হলো।

ফ্রান্সের কাছে অস্ত্র চেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা

লিবিয়ার বিদ্রোহীরা ফ্রান্সের কাছে অস্ত্র-সহায়তা চেয়েছে। বিদ্রোহীরা বলেছে, সহায়তা পেলে কয়েক দিনের মধ্যেই রাজধানী ত্রিপোলি দখল করে নেওয়া সম্ভব।
বিদ্রোহীদের একজন প্রতিনিধি জানান, গত বুধবার প্যারিসে এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কাছে অস্ত্র-সহায়তা চেয়ে আবেদন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল রামাদান জারমুহ, কর্নেল আহমেদ হাশেম, কর্নেল ইব্রাহিম বেতাল মাল, মিসরাতার জনপ্রতিনিধি সুলেমান ফরতিয়া প্রমুখ।
বৈঠক শেষে জনপ্রতিনিধি ফরতিয়া সাংবাদিকদের বলেন, ‘সামান্য সহযোগিতা পেলেও আমরা শিগিগর ত্রিপোলি দখলে সক্ষম হব। সেই কাজ কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনা করতেই আমরা ফ্রান্সে এসেছি।’
ফ্রান্স প্রথম দেশ হিসেবে লিবিয়ার বিদ্রোহী অন্তর্বর্তী জাতীয় পরিষদকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। লিবিয়ায় ন্যাটো বাহিনীর সম্মিলিত হামলায়ও অংশ নিয়েছে তারা। এ ছাড়া লিবিয়ার নাফুসা পর্বত, ত্রিপোলির দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করেছে ফ্রান্স। মিসরাতায়ও একই ধরনের সহায়তা চাইছে বিদ্রোহীরা। ত্রিপোলির ১২৫ মাইল পূর্বে অবস্থিত মিসরাতা গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী গেরার্দ লোঙ্গে জানান, বিদ্রোহীরা তেলসমৃদ্ধ শহর ব্রেগা, মিসরাতা ও নাফুসা পর্বত এলাকার নিয়ন্ত্রণ নেওয়ায় গাদ্দাফি তেল সরবরাহের ওপর নিয়ন্ত্রণ হারাতে চলেছেন।

শিশুদের ভেড়াতে আল-কায়েদার কার্টুন ছবি!

শিশুদের দলে ভেড়াতে বিখ্যাত কার্টুন ছবির নির্মাতা ডিজনির ধাঁচে অ্যানিমেটেড কার্টুন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আল-কায়েদা। আল-কায়েদার একটি সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। আরবি ভাষার জিহাদি ওয়েবসাইট আল-শামুকে এ ধরনের কার্টুন ছবির ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।
সাবেক জিহাদিদের নিয়ে গঠিত লন্ডনভিত্তিক কুইলিয়াম ফাউন্ডেশন গত বুধবার এ তথ্য জানায়। কুইলিয়াম জানায়, ধারণা করা হচ্ছে, এ কর্মকাণ্ডে আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনস্যুলা ও তাদের সহযোগী জঙ্গিগোষ্ঠী আবু আল-লাইথ আল-ইয়েমেনের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রচারণায় দেখা গেছে, যুদ্ধের পোশাক পরা কম বয়সী শিশুরা হত্যা, সন্ত্রাসী অভিযান ও ষড়যন্ত্রে অংশ নিচ্ছে। মাল্টিমিডিয়া ব্যবহার করে শিশুদের দলে ভেড়াতে এটি ওই সন্ত্রাসী সংগঠনের নতুন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় বিশ্বশান্তি ও নিরাপত্তা এখন হুমকির মুখে। গত বুধবার নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বিতর্ক চলাকালে তিনি এ কথা বলেন।
কিন্তু জলবায়ু পরিবর্তন সরাসরি বিশ্বশান্তির জন্য হুমকি কি হুমকি নয়, তা নিয়ে একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। এই মতভেদকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বান কি মুন বলেন, এ ক্ষেত্রে উন্নত বিশ্বকেই নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে বলে জানান জাতিসংঘের মহাসচিব।
জলবায়ু পরিবর্তন বিষয়ে নিরাপত্তা পরিষদের বিতর্কে বান কি মুন বলেন, ‘ধনী ও দরিদ্র উভয় দেশেই প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এতে শুধু প্রাণহানির ঘটনা ঘটছে না, একই সঙ্গে অবকাঠামোর ক্ষতি ও বাজেটেও ঘাটতি হচ্ছে। সব মিলিয়ে এক অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, যা নিরাপত্তা শূন্যতার হুমকি সৃষ্টি করতে পারে।’
বান কি মুন আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু বিশ্বশান্তি ও নিরাপত্তার হুমকি বাড়িয়ে দিচ্ছে না, এটি স্বয়ং শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।’
নিরাপত্তা পরিষদ একটি প্রেসিডেন্সিয়াল বিবৃতি প্রকাশ করেছে। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বর্তমান হুমকি আরও বাড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রশান্ত মহাসাগরের উন্নয়নশীল ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর অনুরোধ সত্ত্বেও ওই বিবৃতিতে জলবায়ু পরিবর্তনকে সরাসরি হুমকি বলে অভিহিত করা হয়নি।
বৈঠকে মালদ্বীপ ও সিসিলির মতো দ্বীপ রাষ্ট্রগুলোর পক্ষে কথা বলেন নাউরুর প্রেসিডেন্ট মার্কাস স্টিফেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া সমুদ্রে পানির স্তর বেড়ে অনেক দ্বীপ দেশ চিরতরে বিলীন হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, ‘পরিষদের সদস্যরা যেহেতু নিরাপত্তা হুমকির বিষয়টি অনুধাবন করতে পেরেছেন, সেহেতু শুধু সান্ত্বনার বাক্যই এখন আর যথেষ্ট নয়।’
স্টিফেন আরও বলেন, জলবায়ু পরিবর্তনকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে।
জাতিসংঘে চীনের দূত ওয়াং মিন বলেন, জলবায়ু পরিবর্তন নিরাপত্তার জন্য হুমকি হতে পারে কিন্তু একই সঙ্গে এটা প্রয়োজনীয় টেকসই উন্নয়নেরও বিষয়। আর তা মোকাবিলার মতো সম্পদ নিরাপত্তা পরিষদের নেই।
রাশিয়ার দূত ভিতালি চুরকিন বলেন, সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপ রাষ্ট্রগুলো যে উদ্বেগে আছে তার দেশও তা মনে করে। আর এই সমস্যা মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশন কাজ করছে। কাজেই নিরাপত্তা পরিষদে বারবার জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় রাশিয়া সন্ধিগ্ধ।
চীন ও রাশিয়ার এই অবস্থানের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের দূত বলেন, সুস্পষ্ট তথ্যপ্রমাণ সত্ত্বেও নিরাপত্তা পরিষদ জলবায়ু পরিবর্তনকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করতে পারল না। এটা চরম হতাশার বিষয়। এটা দুঃখজনক, দৃষ্টিভঙ্গির ঘাটতি এবং খোলাখুলি বললে এটা দায়িত্বহীনতা।

গ্রিসকে সহায়তা প্যাকেজ প্রশ্নে ফ্রান্স ও জার্মানির মতৈক্য

ঋণে জর্জরিত দেশ গ্রিসকে সহায়তা দেওয়ার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে ইউরোপের দুই বড় অর্থনীতির দেশ ফ্রান্স ও জার্মানি। গতকাল বৃহস্পতিবার ইউরো জোনের ১৭টি দেশের নেতাদের জরুরি বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে মতৈক্যে পৌঁছেন জার্মানি ও ফ্রান্সের নেতারা।
চরম অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (্আইএমএফ) কাছ থেকে গত বছরের মে মাসে এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজ পায় গ্রিস। এর সম্পূরক হিসেবে আরও সহায়তা আশা করছে দেশটি। এ বিষয়টিই গতকাল ব্রাসেলসে ইউরো জোনের নেতাদের বৈঠকে আলোচিত হওয়ার কথা। ওই বৈঠকে অভিন্ন অবস্থান নেওয়ার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে ফ্রান্স ও জার্মানি।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জার্মানির সঙ্গে মতৈক্যে পৌঁছার কথা জানানো হয়। এতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বুধবার রাতে বার্লিনে বৈঠক করেন। প্রায় সাত ঘণ্টা বৈঠকের পর দুই নেতা গ্রিসকে নতুন সহায়তা প্যাকেজ দেওয়ার ব্যাপারে ব্রাসেলসের বৈঠকে একই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট জঁ ক্লঁদ ত্রিশেতও ওই বৈঠকে অংশ নেন। বৈঠকের ব্যাপারে আর বিস্তারিত কিছু বলা হয়নি।
এর আগে গ্রিসের লোকসানের ভাগ নেওয়ার জন্য দেশটিকে ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিল জার্মানি। তবে এমন অবস্থান নিলে ইতালি ও স্পেনের মতো দেশগুলো সংকটে পড়বে বিবেচনা করে এর বিরোধিতা করে ফ্রান্স।
ব্রাসেলসের বৈঠকে ইউরো জোনের ১৭টি দেশের নেতা ছাড়াও ওই অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর প্রধানের অংশ নেওয়ার কথা। বৈঠকে গ্রিসকে নতুন করে ঋণ প্যাকেজ দেওয়া এবং নতুন সম্ভাব্য ঋণ কাঠামোয় বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে জার্মান চ্যান্সেলর মেরকেল এই বৈঠক নিয়ে খুব বেশি আশাবাদী না হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দিয়েছেন। গতকাল বৈঠকে অংশ নেওয়ার লক্ষ্যে ব্রাসেলসে পৌঁছে তিনি অবশ্য বলেন, ‘আশা করি বৈঠকে আমরা গ্রিসের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব, যা দেশটির মূল সমস্যা মোকাবিলায় সহায়তা করবে।’
গত বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো বলেন, গ্রিসের পরিস্থিতি নিয়ে উদাসীন থাকার অবস্থা নেই। দেশটি সাংঘাতিক পরিস্থিতির মুখে।
এদিকে আইএমএফ গ্রিসের সংকট মোকাবিলায় দ্রুত একটি ‘গঠনমূলক’ সিদ্ধান্তে পৌঁছার জন্য ইউরো জোনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে দেরি হলে বিশ্ব অর্থনীতিকে অনেক মূল্য দিতে হতে পারে।

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় কংগ্রেসের চার কর্মী নিহত

ভারতের ছত্তিশগড়ে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় ক্ষমতাসীন কংগ্রেস দলের চারজন কর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার ছত্তিশগড়ে কংগ্রেসের একটি গাড়িবহরে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য দিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ছত্তিশগড়ের মাওবাদবিরোধী অভিযানের প্রধান রামনিওয়াস এএফপিকে বলেন, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১৭৯ কিলোমিটার পুবদিকে বুধবার বিকেলে মাওবাদীরা এ হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বিবিসির খবরে বলা হয়েছে, মাওবাদী বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটিয়ে ছত্তিশগড়ের একটি সেতু উড়িয়ে দিয়েছে। কংগ্রেস নেতা-কর্মীদের গাড়িবহর ওই বিস্ফোরণের ক্ষয়ক্ষতি থেকে অল্পের জন্য রক্ষা পায়। পরে বিদ্রোহীরা দুটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি সভা শেষে ফেরার পথে রাজ্যের কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেলের গাড়িবহরে এ হামলা হয়।

আগামী নির্বাচনে ওবামার জয়ী হওয়ার সম্ভাবনা কমছে

আগামী ২০১২ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জয়ী হওয়ার সম্ভাবনা কমছে। গত বুধবার জরিপ সংস্থা দ্য পাবলিক পলিসি পোলিংয়ের (পিপিপি) প্রকাশিত এক জরিপ থেকে এমনই সতর্ক আভাস পাওয়া গেছে।
সংস্থাটির মাসিক জাতীয় নির্বাচনী জরিপে দেখা গেছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে রিপাবলিকান প্রার্থী মিট রমনের চেয়ে পিছিয়ে আছেন বারাক ওবামা। এতে ওবামার পক্ষে ৪৬ শতাংশ এবং বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছে। তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নন—ওবামার প্রতি এমন স্বাধীন ভোটারদের সমর্থন ৪৯ শতাংশ থেকে ৪৪ শতাংশে নেমে এসেছে।
জরিপ সংস্থাটি তার ওয়েবসাইটে জানিয়েছে, যতটা দেখা যাচ্ছে, ওবামার জনপ্রিয়তায় ধস নেমেছে তার চেয়ে বেশি।
এদিকে এনবিসি নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল-এর চলতি সপ্তাহে প্রকাশিত আরেকটি জরিপে দেখা গেছে, ওবামা ও রমনের জনপ্রিয়তার অনুপাত যথাক্রমে ৪৮ শতাংশ ও ৪১ শতাংশ।

কাজের খোঁজে গ্রিস ছাড়ছেন তাঁরা

২৩ বছরের গ্রিক তরুণী আইওয়ানা গিয়ানোপুলু পেশায় একজন প্রোগ্রামার। জুতসই চাকরির জন্য কয়েক মাস ধরে রাজধানী এথেন্সের বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে ঘুরেছেন তিনি। কিন্তু চাকরি যেন সোনার হরিণ। নিরুপায় হয়ে তল্পিতল্পা গোছাতে শুরু করেছেন তিনি। জীবিকার খোঁজে পাড়ি জমাবেন ফ্রান্সে।
শুধু আইওয়ানা নন, তাঁর মতো হাজার হাজার গ্রিক তরুণ-তরুণী এমন বেকারত্ব-সংকটে ভুগছেন। ঋণগ্রস্ত মাতৃভূমিতে জীবিকা চালানোর মতো কাজ না পেয়ে তাঁরা বিদেশে যাওয়ার কথা ভাবছেন। অর্থনৈতিক মহামন্দার পাশাপাশি বেকারত্ব নিরসনে সরকারের ঢিলেমিই এর প্রধান কারণ।
ইউনিভার্সিটি অব মেসিডোনিয়ার ইকোনমিক জিওগ্রাফার লুইস লামব্রিয়ানিদিস জানান, অর্থনৈতিক মন্দার কারণে ২০০৯ সালের মে থেকে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৯ শতাংশ গ্রিক স্নাতক বিদেশে পাড়ি জমিয়েছেন।
সংকট মোকাবিলায় গ্রিক সরকার নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করেছে। ১৩৫টি পেশার ওপর থেকে কড়াকড়ি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২ জুলাই থেকে যে যেমন পারছেন, বিভিন্ন পেশায় ঢুকে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। এর পরও পরিস্থিতির উন্নতি হয়নি। স্থিতিশীল পরিবেশ ফিরে আসেনি চাকরির বাজারে। কারণ, সরকারি নির্দেশনা সত্ত্বেও এখনো অনেক ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ট্যাক্সিচালকদের মতো কিছু শক্তিশালী ইউনিয়নের দাবির কাছে সরকার জিম্মি হয়ে আছে।
গবেষণা প্রতিষ্ঠান আইওবিইর প্রধান ইয়ানিস স্তুনারাস বলেন, পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য বেলে নাচের মতো কিছু ক্ষেত্র উন্মুক্ত করে দেওয়া হলেও প্রকৌশল, ওষুধ উৎপাদন ও আইনের মতো পেশাগুলোতে এখনো জটিলতা রয়েছে। এগুলো থেকে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়নি।
স্তুনারাস বলেন, সমস্যা হচ্ছে বাস্তবায়নে। পার্লামেন্ট যে পেশাটি উন্মুক্ত করে দিয়েছে, বাস্তবে গিয়ে দেখা গেছে, জটিল নিয়মনীতির কারণে এখনো সেই কাজটি করা যাচ্ছে না।

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি না হলে পরিস্থিতি হবে ভয়ানক

তালেবানের সঙ্গে পশ্চিমাদের আলোচনা চললেও আফগানিস্তানে সম্প্রতি রেকর্ড মাত্রায় তালেবান হামলা চলছে। এ অবস্থায় প্রধান প্রধান শহরের নিয়ন্ত্রণ স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে সেখান থেকে সরে আসছে ন্যাটো বাহিনী। বিশ্লেষকদের আশঙ্কা, তালেবানের সঙ্গে শান্তিচুক্তি না হলে সেখানকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
গতকাল বৃহস্পতিবারও হেরাত শহরের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে সরে গেছে ন্যাটো বাহিনী। একই দিন তালেবান যোদ্ধাদের পক্ষ নেওয়ার অভিযোগে আফগানিস্তান থেকে দুই ব্রিটিশ সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। আফগান গোয়েন্দা সংস্থা বিবিসিকে বলেছে, হেরাতের একটি হোটেল থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ওই দুই সেনার পরিচয় প্রকাশ করা হয়নি।
এএফপির একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে জার্মানি ও কাতারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা তালেবান প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। তা সত্ত্বেও আফগানিস্তানে মার্কিন বাহিনীর স্থায়ী ঘাঁটি ও স্থাপনা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। টানা ১০ বছর চলা যুদ্ধের অবসান ঘটাতে এসব আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি।
চলতি সপ্তাহে আফগানিস্তানের সাতটি গুরুত্বপূর্ণ শহরের নিরাপত্তার দায়িত্ব ন্যাটো বাহিনী আফগান নিরাপত্তাকর্মীদের হাতে ছেড়ে দিয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে হাজার দশেক ন্যাটো সেনার সে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে।
বিশিষ্ট আফগানিস্তান বিশেষজ্ঞ গিলেস ডরোনসরো বলেছেন, ২০১২ সালের গ্রীষ্মকেই কার্যত শান্তিচুক্তির সময়সীমা হিসেবে তাঁরা মনে করছেন। তিনি বলেন, এ সময়ের মধ্যে আফগানিস্তানে ন্যাটো সেনার সংখ্যা ও সেখানে বরাদ্দ করা ন্যাটো তহবিল এক-তৃতীয়াংশে এসে ঠেকবে। তাই তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করার এত বেশি প্রয়োজনীয়তা এর আগে কখনো তাঁরা মনে করেননি। তিনি বলেন, এ সময়সীমার পর তালেবানের চাপে শান্তিচুক্তিতে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়বে।
গিলেস ডরোনসরো বলেন, ন্যাটো বাহিনী সরে আসার পর তালেবান হামলা অনেক বেশি বেড়ে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া আফগান সরকারের পক্ষে দুষ্কর হয়ে পড়বে।
গিলেস আরও বলেন, তালেবানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। তবে তিনি বলেন, প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে তালেবান আলোচনায় যেতে চাইবে না। কারণ, বিদেশি সেনাবাহিনীর উপস্থিতিই হলো তাদের আপত্তির মূল বিষয়। তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি থাকার বিষয়টিও আলোচনার মূল প্রতিপাদ্য।
তবে অন্য বিশ্লেষকেরা বলেছেন, পশ্চিমাদের সঙ্গে তালেবান যোদ্ধাদের আলোচনার কথা শোনা গেলেও সম্প্রতি তালেবান যেভাবে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাতে শান্তিপ্রক্রিয়ার অগ্রগতির সম্ভাবনা খুবই ক্ষীণ।
গত মাসে ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা সাংবাদিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ আহমেদ রশিদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ২০১০ সালের নভেম্বরে জার্মানির মিউনিখ শহরে প্রথমবারের মতো পশ্চিমাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের মুখোমুখি বৈঠক হয়।

আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা পাহাড়, জঙ্গল, সিঙ্গুর জয় করেছি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্ষমতায় গেলে সিঙ্গুর, জঙ্গলমহল ও দার্জিলিং সমস্যার সমাধান করব। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি।’
গতকাল বৃহস্পতিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সমাবেশে মমতা এসব কথা বলেন। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা এতে লাখো মানুষের সমাগম ঘটে।
সমাবেশে মমতা বলেন, ‘সিঙ্গুরের জমি এখন রাজ্য সরকারের হাতে। মামলা নিষ্পত্তির পর তা তুলে দেওয়া হবে অনিচ্ছুক কৃষকদের হাতে। দার্জিলিং-সমস্যার সমাধান হয়েছে। জঙ্গলমহলের সমস্যা সমাধানের জন্য আমরা পৌঁছে গেছি জঙ্গলমহলে।’
১৯৯৩ সালের ২১ জুলাই মমতার রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেসের কর্মী নিহত হন। ওই সময় রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা।
সেই ২১ জুলাইয়ের স্মরণে প্রতিবছর মমতা পালন করেন শহীদ দিবস। শহীদ দিবসের সঙ্গে এবার তিনি পালন করেছেন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার বিজয় উৎসবও।
এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর মমতা ঘোষণা দিয়েছিলেন, ২১ জুলাই বিজয় উৎসব উদ্যাপন করা হবে। গতকালের বিজয় উৎসবের এ অনুষ্ঠানে তাঁর আমন্ত্রণে মঞ্চে হাজির হয়েছিলেন কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ছিলেন। মমতার উদ্যোগে এসব ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।

‘জেন মাস্টার’ নন মরিনহো

মাত্র দুটি ম্যাচ। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে দুটি প্রদর্শনী ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ, এতেই শুরু হয়ে গেছে হইচই। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে এনবিএর অন্যতম সফল দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের সঙ্গে। আর কোচ হোসে মরিনহোকে তুলনা করা হচ্ছে কিংবদন্তি বাস্কেটবল কোচ ফিল জ্যাকসনের। কিন্তু এই তুলনায় আঁতকে উঠেছেন মরিনহো। জানিয়ে দিয়েছেন, এই দুই খেলার যেমন তুলনা চলে না, তেমনি তাঁরও তুলনা চলে না জ্যাকসনের সঙ্গে।
রিয়াল দুটো ম্যাচই খেলেছে ক্যালিফোর্নিয়ায়। প্রথমটিতে ডেভিড বেকহামের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে হারিয়েছে ৪-১ গোলে, পরশু রাতে মেক্সিকোর চিভাস গুয়াদালহারাকে হারিয়েছে ৩-০ গোলে। তুলনা এসেছে এরপরই। নিজেকে যেমন ‘স্পেশাল ওয়ান’ বলেন, তেমনি জ্যাকসনকেও ‘স্পেশাল’ বলেছেন মরিনহো। কিন্তু তুলনায় যেতে রাজি নন, ‘না, না, না...আমি ‘‘জেন মাস্টার’’ নই। বাস্কেটবল জগতে তিনি বিশেষ কিছু, কিন্তু তুলনা করা অসম্ভব। অবশ্যই আমি তাঁকে চিনি, তিনি অনেক বড়। আর বাস্কেটবল বাস্কেটবল, ফুটবল হলো ফুটবল।’
খেলোয়াড় ও কোচ হিসেবে এনবিএর ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী জ্যাকসনকে ডাকা হয় ‘জেন মাস্টার’ নামে। তুলনার শেষ এখানেই নয়। পরশু হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলনা করা হচ্ছে এনবিএ তারকা কোবি ব্রায়ান্টের সঙ্গে। এই তুলনাতেও মরিনহোর প্রতিক্রিয়া আগের মতোই, ‘ক্রিস্টিয়ানো হলো ক্রিস্টিয়ানো। সব সময়ই খুশি, সব সময়ই অনুপ্রাণিত, সব সময়ই গর্বিত, তা যেখানেই তাকে খেলানো হোক, চীন, জাপান বা যুক্তরাষ্ট্রে। ভালো খেলা বা গোল করার ব্যাপারে ও নিজেই নিজেকে অনুপ্রাণিত করে।

ভাগ্যতরীতে চেপে ফাইনালে প্যারাগুয়ে

একটাও ম্যাচ না জিতে কি টুর্নামেন্টের ফাইনালে ওঠা সম্ভব? খুবই সম্ভব। সেটাই দেখিয়ে দিল প্যারাগুয়ে। এখন পর্যন্ত কোপায় পাঁচ ম্যাচ খেলে একটিতেও জয় নেই। গ্রুপ পর্বে তিন ম্যাচ ড্র করার পর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তারা হারিয়েছিল ব্রাজিলকে। এবার সেমিফাইনালেও ১২০ মিনিট গোলশূন্য থাকার পর সেই টাইব্রেকারেই ৫-৩ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে ৩২ বছর পর ফাইনালে উঠে গেল প্যারাগুয়ে। দুবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ে রোববার মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের।
ভাগ্যদেবী যেন এবার প্যারাগুয়ের ফাইনাল-নিয়তি নির্ধারণ করেই রেখেছিল। না হলে ভালো খেলেও কেন হেরে যাবে ভেনেজুয়েলা, কেন তিন-তিনবার গোলপোস্টে গিয়ে লাগবে বল, কেন বাতিল হয়ে যাবে ভেনেজুয়েলার একটা গোল! শেষ ১৮ মিনিট ১০ জন নিয়ে খেলেও ঠিকই গোলপোস্ট অরক্ষিত রাখল প্যারাগুয়ে। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে আসা ভেনেজুয়েলার প্রথমবার ফাইনালে যেতে না পারা তাই নেহাতই দুর্ভাগ্য। অবশ্য এ জন্য নিজেকে দুষতে পারেন ফ্রাঙ্কলিন লুসেনা। টাইব্রেকারে ভেনেজুয়েলার হয়ে নেওয়া তাঁর তৃতীয় শটটি ঠেকিয়ে দিয়েছেন ব্রাজিল ম্যাচের হিরো, প্যারাগুয়ে গোলরক্ষক জাস্টো ভিলার।
কোপার গত ছয় ম্যাচের তিনটিই নির্ধারিত হলো টাইব্রেকারে। লাল কার্ডের ধারা বজায় থাকল এই ম্যাচেও। বরং রেফারি একটা লাল কার্ড কমই দেখিয়েছেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই প্যারাগুয়ের দারিও ভেরন ঢুঁস মেরেছিলেন নিকোলাস ফেদরকে। মেক্সিকান রেফারি অবশ্য শুধু হলুদ কার্ডই দেখিয়েছেন ভেরনকে। এই ভেরনই শেষ পর্যন্ত জয়সূচক পেনাল্টি শটটা নিয়েছেন প্যারাগুয়ের পক্ষে। লাল কার্ড অবশ্য প্যারাগুয়ে তিনটিই দেখেছে। রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। মজার ব্যাপার, কয়েক মিনিট পর ডাগ-আউটে মার্টিনোর স্থলাভিষিক্ত সহকারীকেও লাল কার্ড দেখিয়ে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন রেফারি।
সবকিছু মিলিয়ে পরিস্থিতি একটু উত্তপ্তই হয়ে উঠেছিল। যেটির রেশ ধরে ম্যাচ শেষে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষে নিরাপত্তাকর্মী আর পুলিশকে এসে পরিস্থিতি ঠান্ডা করতে হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলা কোচ সিজার ফারিয়াস উত্তেজনা ছড়ানোর দায় প্যারাগুয়ের ওপরেই চাপিয়ে দিলেন, ‘আমরা কখনোই কোনো অঘটনকে উসকে দিই না।’ ফাইনালে যেতে না পারলেও দক্ষিণ আমেরিকার নতুন ফুটবল শক্তি হিসেবে ভেনেজুয়েলার উত্থানটাই তাঁর কাছে তৃপ্তির হয়ে থাকল, ‘আমরা এখানে এসেছিলাম এই আত্মবিশ্বাস নিয়ে, আমাদের পক্ষে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা কাউকেই আর ভয় পাই না। মাথা উঁচু করেই আমরা দেশে ফিরব। ফাইনালে যেতে না পারায় কাউকেই আমরা দুষছি না। আমরা অভিজ্ঞ প্রতিপক্ষের কাছেই হেরেছি।’
তবে ফারিয়াস এটাও মনে করিয়ে দিয়েছেন, ভাগ্যটাই হয়ে দাঁড়িয়েছে বড় নির্ধারক, ‘আমি ওদের কৃতিত্ব খাটো করে দেখছি না। তার পরও বলতে হচ্ছে, প্যারাগুয়ে আজ (গতকাল) খুবই ভাগ্যবান ছিল। আমাদের একটা গোল বাতিল হয়েছে। তিনবার গোলপোস্টে বল লেগেছে। আমরা ওদের চেয়ে বেশি সুযোগও তৈরি করেছিলাম।’
ভাগ্যের পক্ষপাত পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন প্যারাগুয়ের গোলরক্ষক ও অধিনায়ক জাস্টো ভিলারও, ‘এমন নয় আমরা বেশি করে পেনাল্টির অনুশীলন করেছি। আমরা বরং সৌভাগ্যবান ছিলাম।’
সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে আগামীকাল পেরুর মুখোমুখি হবে ভেনেজুয়েলা। ১৯৫৩ ও ১৯৭৯ কোপার চ্যাম্পিয়ন প্যারাগুয়ের সামনে তৃতীয়বারের মতো শিরোপা জেতার সুযোগ। তবে রেকর্ড ১৫ নম্বর শিরোপা জয়ের অপেক্ষায় থাকা উরুগুয়ে-বাধা কঠিনই হবে তাদের জন্য। যদি না এবারও ভাগ্য তাদের পক্ষেই যায়!

লিভারপুলকে হুমকি ভাবছেন রুনি

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা খুব একটা ভালো কাটেনি লিভারপুলের। পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে থেকে মৌসুম শেষ করেছিল অল রেডরা। কিন্তু এবারের মৌসুমে তাদেরকে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি।
গত জানুয়ারিতে ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোলকে দলে ভেড়ানোর পর নতুন মৌসুম শুরুর আগে দুই মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও চার্লি অ্যাডামের সঙ্গেও চুক্তি করেছে লিভারপুল। নতুন এ খেলোয়াড়েরা পরবর্তী মৌসুমে লিভারপুলকে অনেক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন রুনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমার মনে হয় লিভারপুলে এবার অনেক পরিবর্তন আসবে। এবারের মৌসুমে তাদের শিরোপা জয়ের অনেক সম্ভাবনা আছে। তারা বেশ কিছু ভালো ফুটবলারকে দলে ভিড়িয়েছে। আর আমার ধারণা, কেনি ডাগলাসের অধীনে তারা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো খেলতে পারবে।’
তবে নতুন মৌসুমেও প্রিমিয়ার লিগ শিরোপাটা নিজেদের কাছে রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রুনি। তিনি বলেছেন, ‘আবারও প্রিমিয়ার লিগ শিরোপা জেতাটাই আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু আমরা কোনো প্রতিযোগিতাকেই অগ্রাহ্য করতে চাই না। আমরা সবকিছুই জিততে চাই। আর সেটা আমরা শুরু করতে পারব কমিউনিটি শিল্ড শিরোপাটা দিয়েই।’
আগামী ৭ আগস্ট কমিউনিটি শিল্ড শিরোপা জয়ের লক্ষ্যে ওয়েম্বলিতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যান ইউ।

ফাইনালে নিষিদ্ধ প্যারাগুয়ে কোচ

উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডাগ আউটে থাকতে পারবেন না প্যারাগুয়ের কোচ জেরার্ডো মার্টিনো। সেমিফাইনালে ভেনেজুয়েলার কোচ সিজার ফারিয়াস ও রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্য তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন। এ ছাড়া প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা—দুই দলকেই ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
সেমিফাইনালে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পর পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ম্যাচ শেষে হাতাহাতি শুরু করে দিয়েছিলেন দুই দলের খেলোয়াড়েরা। পরে নিরাপত্তাকর্মী ও পুলিশকে এসে পরিস্থিতি ঠান্ডা করতে হয়। শাস্তিস্বরূপ দুই দলকেই ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন। প্যারাগুয়ের সহকারী কোচ জর্জ পাউটাসোকেও নিষিদ্ধ করা হয়েছে কোপা আমেরিকার ফাইনালের জন্য। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আরও কঠোর শাস্তির হুমকিও দেওয়া হয়েছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলাকে।

বার্সেলোনায় নতুন মুখ সানচেজ

ইউরোপিয়ান ফুটবলের পরবর্তী মৌসুমে বার্সেলোনায় নতুন মুখ হিসেবে দেখা যাবে চিলির তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেজকে। প্রায় ৩৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে তাঁকে ন্যু ক্যাম্পে নিয়ে এসেছে বার্সেলোনা।
২০০৩ সালে চিলির ক্লাব কোব্রেলোয়ায় যোগ দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন সানচেজ। তাঁকে অনেকেই ডাকা শুরু করে ‘বিস্ময় বালক’ বলে। ২০০৬ সালে তাঁকে দলে ভেড়ায় উদিনেস। ২০০৮-০৯ মৌসুম থেকেই তিনি খেলতে শুরু করেন প্রথম একাদশে। আর গত মৌসুমে ৩১ ম্যাচে ১২টি গোল করার পর তাঁকে ইতালিয়ান লিগের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে লা গেজেত্তা ডেলা স্পোর্টস। এখন ন্যু ক্যাম্পে তাঁর অন্তর্ভুক্তি ইউরোপিয়ান শিরোপাজয়ী বার্সেলোনাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করছেন অনেকেই। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দেবেন সানচেজ। তবে তিনি এখনই লিওনেল মেসি, ডেভিড ভিয়া, পেদ্রোদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বার্সেলোনার প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান