Monday, May 20, 2013

ইউরোভিশনের সেরা ডেনমার্কের এমিলি

চলতি বছরের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডেনমার্কের ২০ বছর বয়সী শিল্পী এমিলি ডি ফরেস্ট।গত শনিবার রাতে সুইডেনের মালমো শহরে অনুষ্ঠিত জমকালো চূড়ান্ত প্রতিযোগিতায় ডি ফরেস্ট পরিবেশন করেন তাঁর জনপ্রিয় ‘ওনলি টিয়ার ড্রপস’ শিরোনামের গানটি। এই গান গেয়েই তিনি বিজয়ের মুকুট ছিনিয়ে নেন। গতকাল রোববার ডেনমার্কে ডি ফরেস্টকে নিয়ে মেতে উঠেছিলেন সবাই। টিভিতে তাঁর বিজয়ী হওয়ার দৃশ্য দেখেছে লাখ লাখ দেশবাসী। ২৮১ নম্বর পেয়ে বিজয়ী হওয়া ডি ফরেস্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী আজারবাইজানের প্রতিযোগী পেয়েছেন ২৩৪ নম্বর।

এভারেস্টের চূড়ায় প্রথম পাকিস্তানি নারী

রথম পাকিস্তানি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন ২১ বছর বয়সী সামিনা বেগ। তাঁর বড় ভাই মির্জা আলী এ অভিযানে সঙ্গী হিসেবে ছিলেন। পর্বতারোহণে অভিজ্ঞ মির্জা বিভিন্নভাবে নির্দেশনা ও সমর্থন দিয়েছেন বোনকে। তাঁরা পাকিস্তানের হাঞ্জা উপত্যকার শিমশাল গ্রামের বাসিন্দা। নেপালের পর্বতারোহণ বিভাগের কর্মকর্তা তিলক পান্ডে জানান, ৩৫ জন বিদেশি নাগরিক এভারেস্ট অভিযান সম্পন্ন করেন। সামিনা গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে চূড়ায় পৌঁছান। গত শনিবার সকালেই প্রথম সৌদি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন রাহা মোহাররাক (২৫)।

কুশায়ের শহরে হামলার নিন্দা

মধ্য সিরিয়ার কুশায়ের শহরে সরকারি বাহিনীর হামলায় ১১ বিদ্রোহীসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। গতকাল রোববার চালানো এই হামলাকে ওই এলাকায় প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীর স্থল অভিযান শুরুর প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। হোমস প্রদেশের কুশায়ের শহর বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করছে বাশার বাহিনী।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, লেবাননের কট্টরপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর সহায়তা নিয়ে এই হামলা চালায় বাশারের বাহিনী। কুশায়ের শহরে সরকারি এই হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের হামলা সিরিয়ায় রক্তপাত বন্ধে রাশিয়ার প্রস্তাবিত শান্তি সম্মেলনকে ‘অর্থহীন’ করে তুলতে পারে। আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় ওই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এই সম্মেলনের ব্যাপারে প্রেসিডেন্ট বাশার ও তাঁর বিরোধীরা উভয়েই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বলেন, বাশার বাহিনী কুশায়ের শহরে অভিযান শুরু করেছে। শহরের সব প্রবেশমুখে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বাশার বাহিনী ট্যাংক নিয়ে শহরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। বিদ্রোহীরা তাদের বাধা দিচ্ছে। আবদেল রহমান অভিযোগ করেন, এই অভিযানে বাশার বাহিনীর অন্যতম মিত্র হিজবুল্লাহর সদস্যরা মূল ভূমিকা পালন করছেন। তিনি বলেন, এটা কুশায়ের শহরে স্থল অভিযান শুরুর প্রস্তুতি।  সিরিয়ার ভেতর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহকারী সংগঠন সিরিয়ান রেভল্যুশন জেনারেল কমিশন বলছে, কুশায়ের শহরে বৃষ্টির মতো মর্টার শেল ছোড়া হয়েছে। একই সঙ্গে গুলিও চালানো হয়েছে। কয়েক সপ্তাহ ধরে কুশায়ের শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। অবস্থানগত কারণে শহরটি বেশ গুরুত্বপূর্ণ। এটি রাজধানী দামেস্ক থেকে ভূমধ্যসাগর উপকূলে পৌঁছার অন্যতম পথ।

নাইজেরীয় সেনাবাহিনীর ঘোষণা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান ‘যত দিন পর্যন্ত প্রয়োজন তত দিন’ অব্যাহত থাকবে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস ওলুকোলাদে নামের ওই মুখপাত্র বলেন, নাইজেরিয়ার অখণ্ডতা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। দেশের প্রতিটি অংশ থেকে জঙ্গিদের বিতাড়িত করতে যত দিনই লাগুক না কেন, অভিযান চলবে। নাইজেরিয়ায় সক্রিয় ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত মাইদুগুরি শহরে সম্প্রতি ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। সেখান থেকে ৬৫ জন ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যে জঙ্গিদের অব্যাহত হামলার পর (বোর্নো, আদামাওয়া ও ইয়োব) গত সপ্তাহের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ ছাড়া বোর্নোর রাজধানী মাইদুগুরি শহরের ১২টি এলাকায় স্থায়ী কারফিউ বহাল থাকবে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। সরকারি কর্মকর্তারা জানান, উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের বেশ কয়েকটি প্রশিক্ষণ শিবিরে গত শুক্রবার হামলা চালানো হয়। একটি যুদ্ধবিমানে জঙ্গিরা গুলি করলেও সেটি নিরাপদে ফিরে আসে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নাইজেরিয়ার সেনাবাহিনীকে সংযত হতে বলেছেন। তিনি জঙ্গি দমন অভিযানে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়ায় ২০১০ সাল থেকে সহিংসতায় এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অধিকাংশ মৃত্যুর জন্য বোকো হারামকে দায়ী করা হয়। সংগঠনটির নামের মানে হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’। নাইজেরিয়ার সরকারকে উৎখাত করে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। অন্যান্য দেশে সক্রিয় আল-কায়েদার জঙ্গিদের সঙ্গে বোকো হারামের যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হয়।

মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে পাকিস্তানকে

আগামী বাজেটের প্রস্তুতির জন্য সময় বেশি না থাকায় পাকিস্তানের নির্বাচনে বিজয়ী দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) দ্রুতই জাতীয় পরিষদের অধিবেশন করতে চাইছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, বিজয়ী দলকে ক্ষমতা গ্রহণের জন্য চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে পিএমএল-এনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আহসান ইকবাল গত শনিবার বলেছেন, নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের আকার ছোট হবে। বিধান অনুযায়ী, নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে বিজয়ী প্রার্থীদের বিজ্ঞপ্তি দেবে নির্বাচন কমিশন। এরপর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ১ জুনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করবেন। নির্বাচন কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংবিধান অনুযায়ী বিজয়ী প্রার্থীদের ১০ দিনের মধ্যে তাঁদের নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিল করতে হবে। একজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করার আগে এটা করা বাধ্যতামূলক। তিনি বলেন, বিজয়ীদের নাম ঘোষণার পর স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য তিন দিনের সময় দেওয়া হবে। অন্যথায় এককভাবে নির্বাচিত প্রার্থীরা পরবর্তী পাঁচ বছরে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই বিবেচিত হবেন। স্বতন্ত্র প্রার্থীদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হবে। এর জন্য সময় লাগবে আরও তিন-চার দিন। এরপরই কেবল পরিষদের অধিবেশনের সূচনা হতে পারবে। নতুন সরকার ছোট হবে জানিয়ে আহসান ইকবাল বলেন, এর ফলে  মূল্যবান জাতীয় সম্পদের অপচয় রোধ করা সম্ভব হবে। আজ ২০ মে লাহোরে দলের পার্লামেন্টারি কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

ইউরোপ নিয়ে দলের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ক্যামেরন

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের সাবেক মন্ত্রী লর্ড হাও বলেছেন, দলনেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপ বিষয়ে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। ব্রাসেলসের সঙ্গে পুনরায় আলোচনার কথা বলায় বোঝা যাচ্ছে যে দলের পেছনের সারির নেতাদের ভয় পাচ্ছে টরি নেতৃত্ব। অবজারভার পত্রিকায় লেখা এক নিবন্ধে লর্ড হাও এ কথা বলেছেন। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, প্রস্তাবিত গণভোটের ভিত্তিতে যুক্তরাজ্য যদি ইইউ ত্যাগ করে, তাহলে বিশ্বের ওপর দেশটির কর্তৃত্বে তা মারাত্মক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠজন ইইউ গণভোটের জন্য কনজারভেটিভ দলের তৃণমূল পর্যায়ের দাবিকে ‘পাগলামি’ অভিহিত করেছেন বলে পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর লর্ড হাও এ কথা বললেন। তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কেউ এমন মন্তব্য করেননি। অবজারভার-এ লর্ড হাও লিখেছেন, প্রধানমন্ত্রী ক্যামেরন রাজনৈতিক এক ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছেন। মনে হচ্ছে ইইউর সঙ্গে দেশের সম্পর্ক নিয়ে তিনি তাঁর নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। ইউরো-সংশয়বাদের একমুখী প্রভাব এখন এত বেশি ছড়িয়ে পড়েছে যে কনজারভেটিভ নেতৃত্বকেও দলের পেছনের সারির নেতাদের ভয় পেতে হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং মার্গারেট থ্যাচার আমলের উপপ্রধানমন্ত্রী লর্ড হাও আরও লিখেছেন, ‘ইউরোপ নিয়ে কনজারভেটিভ দলের বিচলিত অবস্থা দীর্ঘদিনের এবং তা এখনো অব্যাহত আছে। এটা এখন তাদের একটি সমস্যা এবং জাতীয় সমস্যা হয়ে গেছে।’লর্ড হাওয়ের মতে, এখন প্রয়োজন সুস্পষ্ট চিন্তা-ভাবনার সমন্বয়, শক্তিশালী নেতৃত্ব এবং দলীয় সুবিধাবাদের বদলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া।
 এ ছাড়া বিবিসি রেডিও ফাইভকে দেওয়া এক সাক্ষাৎকারেও সাবেক মন্ত্রী একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন, ‘গণভোটের ফলাফল যদি এমন হয় যে ইইউ থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হচ্ছে, তাহলে তার প্রভাব হবে খুবই খারাপ। কেননা, ইইউর সঙ্গে থাকার অর্থ সারা বিশ্বে আমাদের প্রভাব বজায় থাকা।’ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার সপক্ষে প্রচারণা চালাচ্ছে ইনডিপেনডেন্ট পার্টি। চলতি মাসের প্রথম দিকে স্থানীয় নির্বাচনে বেশ ভালো করেছে দলটি। এতে উৎসাহিত হয়ে কনজারভেটিভ দলের অনেক নেতা এখন প্রধানমন্ত্রী ক্যামেরনকে চাপ দিচ্ছেন ইইউ সদস্যপদ নিয়ে গণভোট আয়োজনের জন্য।

অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হবে

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই চলতি সপ্তাহে নির্ধারিত ভারত সফরকালে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। পাকিস্তানের সঙ্গে সীমান্ত (ডুরান্ড লাইন) ও জঙ্গি হামলা নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে আফগান প্রেসিডেন্ট নয়াদিল্লি যাচ্ছেন। কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, আফগানিস্তান ইতিমধ্যে ভারতের সঙ্গে একটি কৌশলগত চুক্তি সম্পাদন করেছে। ওই চুক্তির ভিত্তিতে আফগানিস্তানকে সামরিক খাতসহ বিভিন্ন ব্যাপারে ভারত সহযোগিতা করছে। সামরিক ঘাটতির ব্যাপারে ভারতের সাহায্য চাওয়া হবে।

আবারও ক্ষেপণাস্ত্র্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

উত্তর কোরিয়া গতকাল রোববার তার পূর্ব উপকূলে আবারও স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া সরকার এ কথা জানিয়েছে। এ নিয়ে গত দুই দিনে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গতকাল বিকেলে পূর্ব সাগরে (জাপান সাগর) উত্তর কোরিয়া একটি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগে শনিবার একই স্থানে তিনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সমাজতান্ত্রিক রাষ্ট্রটি। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হাইয়ুং-সিওক গতকাল বলেন, এর কারণে এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়বে। অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করা উচিত। তিনি আরও বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে উত্তর গতকালের (শনিবার) নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মতো উসকানিমূলক কাজ বন্ধ করেনি।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার সামরিক মহড়া নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। তবে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না

রাহুল গান্ধী বUntitled-8লেছেন, ভারতে কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না। বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও খাদ্য অধিকার কর্মসূচি বাস্তবায়ন করবে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। ইউপিএ জোটের প্রধান দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গত শনিবার কেরালা সফরকালে এ মন্তব্য করেন। তিরুবনন্তপুরমে এক সমাবেশে রাহুল বলেন, ‘দেশের কোনো গরিব মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। এটাই সরকারি কর্মসূচির লক্ষ্য।’ রাহুল বলেন, সরেজমিন সফরে তাঁর মনে হয়েছে, দরিদ্র জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে দূরত্ব বাড়ছে। এখন দরিদ্র ও তরুণদের বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাদের বিভিন্ন অভিযোগ-দুর্দশার প্রতিকার করা উচিত। কেরালা রাজ্যের দ্রুত উন্নতির জন্য অবকাঠামো ও উচ্চশিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাহুল। রাজ্যের মুখ্যমন্ত্রী ওম্মেন চান্ডির প্রশংসা করেছে তিনি বলেন, চান্ডি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণমানুষের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখেন। তাঁর এই দৃষ্টান্ত অনুকরণীয়।

অপহরণ নিয়ে সংলাপের জন্য উ. কোরিয়ায় জাপানি দূত

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সহযোগীর আকস্মিক উত্তর কোরিয়া সফর নিয়ে অবশেষে মুখ খুলেছে টোকিও। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারবিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সহযোগী ইসাও লিজিমার এই সফরে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জাপানি নাগরিকদের অপহরণ নিয়ে আলোচনা হয়েছে।প্রতিমন্ত্রী আকিরা আমারি রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান এনএইচকের এক আলোচনা অনুষ্ঠানে বলেন, ‘এ অপহরণের ঘটনা জাপানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্য দেশগুলোর স্বার্থের সঙ্গে এর সম্পর্ক নেই। এটা এমন একটি ব্যাপার যা জাপান নিজের মতো করেই সমাধান করতে চাইছে।’ ২০০২ সালে উত্তর কোরিয়া প্রথম আনুষ্ঠানিকভাবে জাপানি নাগরিকদের অপহরণের কথা স্বীকার করে। তবে সে সময় অপহূতদের ব্যাপারে বিস্তারিত তথ্য না দেওয়ায় জাপান ক্ষুব্ধ হয়। এর ফলে দুই দেশের সম্পর্কোন্নয়নের আলোচনার পথও ব্যাহত হয়।উত্তর কোরিয়ায় চার দিনের সফর শেষে গত শনিবার চীনের রাজধানী বেইজিং হয়ে দেশে ফেরেন লিজিমা। এনএইচকের খবর অনুযায়ী, বেইজিংয়ে সাংবাদিকেরা তাঁকে পিয়ংইয়ং সফরের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে লিজিমা বলেছিলেন, তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। উত্তর কোরিয়া সম্প্রতি পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর দেশটির সঙ্গে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। উদ্বেগ সৃষ্টি হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্র জাপানেও। এই পরিস্থিতির মধ্যে লিজিমার পিয়ংইয়ং সফরকে অনেকে জাপানের সঙ্গে দেশটির সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হিসেবে দেখছেন। তবে দক্ষিণ কোরিয়া এ সফর পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেছে। আর ওয়াশিংটন প্রকাশ করেছে বিস্ময়।

ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং গতকাল রোববার ভারতে পৌঁছেছেন। এই সফরে তিনি দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত ইস্যু ও বাণিজ্য ভারসাম্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকেই বেছে নিয়েছেন কেকিয়াং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কেকিয়াংয়ের সঙ্গে একটি বড় আকারের প্রতিনিধিদলও রয়েছে। আজ সোমবার কেকিয়াংয়ের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ তাঁর সরকারের শীর্ষ পর্যায়ের নেতা ও দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও পৃথক বৈঠক করার কথা রয়েছে চীনের প্রধানমন্ত্রীর। নয়াদিল্লিতে নেতাদের সঙ্গে বৈঠকের পর কাল মঙ্গলবার ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে যাবেন কেকিয়াং। সেখানে ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত সফর শেষে পাকিস্তান হয়ে সুইজারল্যান্ড ও পরে জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে চীনের প্রধানমন্ত্রী কেকিয়াংয়ের। এ সফরে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলোই প্রাধান্য পাবে বলে জানা গেছে। বিদ্যুৎ খাতের দুটি বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা কেকিয়াঙের সফরসঙ্গীহিসেবে রয়েছেন। ভারতের বিদ্যুৎ খাতে আরও বেশি সরঞ্জাম বিক্রির চেষ্টা করছে চীন। চীনের ওপর নির্ভরশীলতা বেড়ে যাওয়ার ভয়সত্ত্বেও ভারত দৃশ্যত এতে আগ্রহী। বিশেষ করে অমীমাংসিত সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। এর জেরে ১৯৬২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়। এরপর ১৫ দফা আলোচনার পরও সীমান্ত-সমস্যা অমীমাংসিতই থেকে গেছে। ভারত ও চীনের মধ্যে গত বছর দুই হাজার ৯০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। বেইজিংয়ের সঙ্গে দিন দিন বাণিজ্য-ঘাটতি বেড়েই চলেছে নয়াদিল্লির।

আগরতলায় পত্রিকার কার্যালয়ে ঢুকে তিনজনকে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় দুষ্কৃতকারীরা স্থানীয় দৈনিকগণদূত পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে এসে ওই পত্রিকার মালিক/সম্পাদক সুশীল চৌধুরীকে হত্যার জন্য কার্যালয়ে ঢোকে। কিন্তু ভুল করে তারা মালিক/সম্পাদকের পরিবর্তে পত্রিকাটির ম্যানেজার রণজিত্ চৌধুরীকে সম্পাদক ভেবে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর ওই সংবাদপত্র অফিসের এক সম্পাদনা সহকারী সুজিত ভট্টাচার্য (৩২) ও গাড়িচালক বলরাম ঘোষকে (৪০) হত্যা করে দ্রুত পালিয়ে যায়।