Saturday, September 10, 2011

শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের সঙ্গে রোববার ডিএসইর বৈঠক

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে লেনদেনের শীর্ষে থাকা ৩০টি ব্রোকারেজ হাউসের সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আগামী রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা এই বৈঠক করবেন। বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও ওই বৈঠকে আলোচনা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইতে সাড়ে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। একই সঙ্গে দুটি স্টক এক্সচেঞ্জে আজ বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচকও কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ২৪১ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ২০৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ হিসাবে আজকের লেনদেন বিগত সাড়ে সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া গত ২৩ আগস্ট ২৮৫ কোটি টাকা এবং ২১ আগস্ট ৩০৩ কোটি টাকার লেনদেন হয়।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থার সংকট সৃষ্টি হওয়ায় বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে। ঈদের পর বাজারের অবস্থা এখনো ভালো না হওয়াই বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টির অন্যতম কারণ। তাঁদের প্রত্যাশা ছিল ঈদের পর বাজার ভালো হবে। কিন্তু বাস্তবে এর উল্টা চিত্র দেখা গেছে। ঈদের ছুটি শেষে গত রোববার পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পর তিন দিনই দরপতনের ঘটনা ঘটে। আর গতকাল সূচক সামান্য বাড়লেও লেনদেন বেশ কমে যায়। আর এসব কারণেই বাজারে লেনদেনের পরিমাণ কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮.২২ পয়েন্ট কমে ৬০৭৭.৩১ পয়েন্টে দাঁড়ায়।
আজ ডিএসইতে লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে। ১০ মিনিটের মাথায় সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়ে আধা ঘণ্টা শেষে ৩ পয়েন্ট কমে যায়। এভাবে কয়েকবার ওঠানামা করে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮০টির, কমছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের দাম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, ইউসিবিএল, বেক্সিমকো, যমুনা অয়েল, এনবিএল, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ওয়ান ব্যাংক ও সিএমসি কামাল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৬৮.১০ পয়েন্ট কমে ১৭,১৯৮.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩৩টির দাম, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।

সৌদি আরবকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

প্রচণ্ড গরম ও দীর্ঘ বিমানযাত্রার ধকলে ক্লান্ত ছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের এশিয়া অঞ্চলের তৃতীয় পর্বের ম্যাচে তাই ফেবারিট ছিল স্বাগতিক সৌদি আরবই। কিন্তু পরশু দাম্মামে অনুষ্ঠিত ডি গ্রুপের ম্যাচে সকারুরা ৩-১ গোলে জিতল। এ জয়টি অস্ট্রেলিয়াকে গ্রুপের শীর্ষে তুলে দিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে ওমানকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থাইল্যান্ড (২ ম্যাচে ৩ পয়েন্ট)। সৌদি আরব ও ওমানের পয়েন্ট ১।
‘সি’ গ্রুপে জাপান উজবেকিস্তান থেকে ভাগ্যক্রমে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে। অসংখ্য গোলের সুযোগ মিস করেছে স্বাগতিকেরা। ৮ মিনিটে উজবেকরা এগিয়ে গেলেও ৬৫ মিনিটে সমতায় ফেরে জাপান। দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে। এই গ্রুপের অন্য খেলায় তাজিকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পয়েন্ট ৩, তাজিকিস্তানের ০।
ব্রাজিলিয়ান কোচ জিকোর অধীনে প্রথম জয়ের দেখা পেয়েছে ইরাক। ইরাকিরা ২-০ গোলে জিতেছে সিঙ্গাপুরের বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে জর্ডান নিজেদের মাঠে চীনকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে। ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ৩-১ গোলে হেরে গেছে আরব আমিরাত। কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। ‘ই’ গ্রুপে কাতারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান ও ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাহরাইন।
এশিয়া অঞ্চলের পাঁচটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপরা যাবে চতুর্থ রাউন্ডে। সেখানে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপরা সরাসরি চলে যাবে বিশ্বকাপে। আর তৃতীয় দুই দলের প্লে-অফে জয়ী দল খেলবে মহাদেশীয় প্লে-অফ।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪ নিরাপত্তারক্ষী নিহত, আহত ৭

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একজন বন্দুকধারীর হামলায় চারজন জাতীয় নিরাপত্তারক্ষী নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
নেভাদা অঙ্গরাজ্যের কারসন শহরের প্যানকেক নামের একটি রেস্তোরাঁয় ওই নিরাপত্তারক্ষীরা গত মঙ্গলবার সকালে নাশতা করছিলেন। এ সময় এডুয়ার্ডো সেনসিয়ন নামের ওই বন্দুকধারী একটি একে-৪৭ রাইফেল নিয়ে তাঁদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং বাকিরা আহত হন। পরে আহতদের একজন মারা যান।
কারসন শহরের শেরিফ কেন ফারলং বলেন, ঘটনার সময় জাতীয় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ওই রেস্তোরাঁয় অনির্ধারিত বৈঠক করছিলেন। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলটি ছাড়াও দুটি অব্যবহূত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এডুয়ার্ডো নিরাপত্তারক্ষীদের হত্যার পরে নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত এডুয়ার্ডোকে প্রথমে জীবিত উদ্ধার করা হলেও পরে মারা যায়।

নিজের পোষা কুকুরের পেটেই সাবাড়!

নিজের পোষা কুকুরের পেটেই সাবাড় হয়েছেন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের এক বাসিন্দা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্দ্রে লুমবোগা নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো ধরনের খাবার বা পানির ব্যবস্থা না করেই তাঁর পোষা সাতটি কুকুরকে বাড়িতে রেখে বেড়াতে গিয়েছিলেন। এ অবস্থায় ১৪ দিন অভুক্ত থেকে কুকুরগুলো হিংস্র হয়ে ওঠে। পরে আন্দ্রে যখন বাড়িতে ফিরে আসেন, সম্ভবত তখন কুকুরগুলো হিংস্র হয়ে তাঁকে আক্রমণ করে।
আন্দ্রের বাড়ির সামনে ব্যাগ-স্যুটকেস পড়ে থাকতে দেখে পাশের বাড়ির এক নিরাপত্তারক্ষী কৌতূহলী হয়ে সেখানে গিয়ে বিকট গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির রান্নাঘর থেকে আন্দ্রের মাথার খুলি এবং বাড়ির সামনে থেকে তাঁর দেহের অংশবিশেষ উদ্ধার করে।
সুলাওয়েসি দ্বীপের অধিবাসীদের অন্যতম প্রিয় খাবার হচ্ছে কুকুর, বাদুড় ও বন্য ইঁদুরের মাংস।

মায়াবতীকে একহাত নিলেন অ্যাসাঞ্জ

ঢিল মারলে যে পাটকেলটি খেতে হয়, ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর বোধহয় জানা ছিল না। তাই তো তিনি উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যে ক্ষুব্ধ হয়ে জুলিয়ান অ্যাসাঞ্জকে আগ্রার পাগলা গারদে পাঠানোর কথা বলেছেন। খেপা মানুষ অ্যাসাঞ্জও কম যান না। তাঁকে নেওয়ার জন্য মায়াবতীকে যুক্তরাজ্যে বিমান পাঠাতে বলেছেন। ভারতে আসার সময় মায়াবতীর জন্য ভালো জুতাও আনবেন বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। মায়াবতীর ব্যাপারে মার্কিন কূটনৈতিক একটি গোপন তারবার্তা ফাঁস করে উইকিলিকস একটা বোমাই ফাটিয়েছিল। ২০০৮ সালের ২৩ অক্টোবরের ওই তারবার্তায় বলা হয়, যখন মায়াবতীর নতুন স্যান্ডেলের দরকার হয়, তখন পছন্দের ব্র্যান্ডের স্যান্ডেল আনতে তাঁর ব্যক্তিগত বিমান মুম্বাইয়ে উড়ে যায়।
শুধু তা-ই নয়, তারবার্তায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীকে (৫৫) প্রধানমন্ত্রী হওয়ার ভাবনায় আচ্ছন্ন ‘প্রথম শ্রেণীর অহং-সর্বস্ব’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
উইকিলিকসে প্রকাশিত তারবার্তায় বলা হয়, দলের সদস্য, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ ডলার উপহার নেওয়ার মাধ্যমে প্রতিবছর জন্মদিন পালন করেন দলিত সম্প্রদায়ের মায়াবতী। জন্মদিন পালনের সময় তাঁকে কেক খাওয়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয় কর্মকর্তাদের মধ্যে। তারবার্তায় বলা হয়, মায়াবতী নিজের বাড়ি থেকে অফিস পর্যন্ত একটি ব্যক্তিগত সড়ক নির্মাণ করেছেন।
উইকিলিকসে প্রকাশিত ওই তারবার্তার তথ্যের প্রতিক্রিয়ায় মায়াবতী ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মানসিক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত বলে মন্তব্য করেন। মায়াবতী বলেন, ‘উইকিলিকসপ্রধান হয় পাগল হয়ে গেছেন অথবা আমাদের বিরোধীদের সমর্থন করছেন।’ তিনি অ্যাসাঞ্জকে আগ্রার মানসিক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়ার প্রস্তাব দেন।
মায়াবতীর এ মন্তব্যের কয়েক ঘণ্টা পরই উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ ব্যাপারে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান। অ্যাসাঞ্জ বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে, এই দলিলগুলো মার্কিন দূতাবাসের। এই দলিল বিশ্বব্যাপী প্রমাণিত। এমনকি ওয়াশিংটন কর্তৃকও।’
মায়াবতীর উদ্দেশে অ্যাসাঞ্জ বলেন, ‘হিলারির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতদের যোগাযোগে মায়াবতীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। তাঁর যদি এ বিষয়ে কোনো অভিযোগ থাকে, তা নিয়ে হিলারির সঙ্গে কথা বলা উচিত। আমি তাঁকে তাঁর ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
অ্যাসাঞ্জ আরও বলেন, ‘তিনি যদি তা করতে ব্যর্থ হন, তবে আমাকে যুক্তরাজ্য থেকে নিয়ে যেতে তাঁর ব্যক্তিগত বিমান পাঠানোকে স্বাগত জানাই, আমি যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে ২৭২ দিন ধরে গৃহবন্দী আছি। ভারতে আশ্রয় গ্রহণ করে আমি আনন্দিত হব, দেশটিকে আমি ভালোবাসি। ভারতে যাওয়ার সময় আমি মায়াবতীর জন্য যুক্তরাজ্যের সবচেয়ে ভালো জুতা নিয়ে যাব।

স্পেনের সম্মানজনক পুরস্কার পেলেন ফুকুশিমার কর্মীরা

জাপানের ফুকুশিমার দাইচি কেন্দ্রের পারমাণবিক বিদ্যুৎ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া রুখতে কাজ করা তিনটি গ্রুপের কর্মীরা স্পেনের সম্মানজনক ‘প্রিন্স অব অসটুরিয়াস কনকর্ড’ পুরস্কার জিতেছেন। পুরস্কার ঘোষণার জন্য গঠিত জুরি বোর্ড গতকাল বুধবার এ ঘোষণা দেন।
জুরি বোর্ডের সদস্যরা ওই তিনটি গ্রুপের কর্মীদের ‘হিরোস অব ফুকুশিমা’ আখ্যায়িত করেন। তাঁরা হলেন দাইচি প্রকল্পে কর্মরত টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির ৫০ জন স্বেচ্ছাসেবক কর্মচারী, চুল্লি ঠান্ডা করতে কাজ করা দমকল বাহিনীর সদস্য ও সংকট নিরসনে কাজ করা সশস্ত্র বাহিনীর সদস্যরা।
পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার ইউরো, একটি করে ভাস্কর্য, সনদ ও সম্মানসূচক পদক পাবেন। উত্তর স্পেনের ওভিইদো শহরে চলতি বছরের শেষের দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিন্স অব অসটুরিয়াস প্রিন্স ফিলিপ।
উল্লেখ্য, গত ৯ মার্চ ৯ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের শীতলীকরণ পদ্ধতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সরকারের প্রতি প্রতিশ্রুতি পূরণের আহ্বান বান কি মুনের

মিয়ানমারের সেনাসমর্থিত সরকারকে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
গত সোমবার তৈরি করা ওই প্রতিবেদনটি গতকাল ইয়াঙ্গুনে জাতিসংঘের কার্যালয় থেকে প্রকাশ করা হয়। এতে বান কি মুন বলেন, নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পর নামমাত্র বেসামরিক নতুন সরকারের ক্ষমতায় আসা ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে মিয়ানমার অগ্রগতির পথে যাত্রা শুরু করে।
জাতিসংঘের মহাসচিব বলেন, প্রেসিডেন্ট থেইন সেইন মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ইতিবাচক। তবে সরকারের উচিত, প্রতিশ্রুতি পূরণ করা।
বান কি মুন বলেন, মিয়ানমারে এখনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ছাড়া দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে। এসব সমস্যা সমাধান করে সংস্কার সাধনে নতুন সরকারের ক্ষমতা ও সদিচ্ছা আছে কি না, তা এখনো দেখার বিষয়।
বান বলেন, মিয়ানমারের বিভিন্ন কারাগারে এখনো বহু রাজনৈতিক বন্দী রয়েছেন। ধারণা করা হয়, এ সংখ্যা দুই সহস্রাধিক। জাতিসংঘের মহাসচিব বলেন, এই বন্দীদের ব্যাপারে জাতিসংঘ উদ্বিগ্ন।
বান বলেন, এসব বন্দীকে মুক্তি না দিলে সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে আস্থা সৃষ্টি হবে না; বরং দেশটির সরকারের নানা প্রচেষ্টায় ছায়া ফেলবে। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, সু চির চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ কিংবা তাঁর নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করা হলে তা বিশ্বের কাছে ভুল বার্তাই পাঠাবে।

গাদ্দাফি লিবিয়াতেই আছেন

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াতেই আছেন। সম্প্রতি তাঁর সঙ্গে কথাও হয়েছে। সিরিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল অ্যারাই ওরুবার মালিক গত মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির কাছে এই দাবি করেন।
গত সোমবার লিবিয়া থেকে সাঁজোয়া যানের একটি বহর নাইজারে প্রবেশ করে। এ থেকে ধারণা করা হয়, গাদ্দাফি নাইজারে পালিয়ে গেছেন। এই গাড়িবহরের নাইজারে প্রবেশ সম্পর্কে ওয়াশিংটন জানায়, ওই বহরে গাদ্দাফির ঘনিষ্ঠ জ্যেষ্ঠ নেতারা থাকতে পারেন। তবে গাদ্দাফি ওই বহরে ছিলেন বলেন মনে হয় না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টরিয়া নুলান্ড বলেন, গাদ্দাফি লিবিয়ার বাইরে গেছেন—এই মুহূর্তে এমন কোনো তথ্য-প্রমাণ আমাদের হাতে নেই।
নাইজারের সামরিক সূত্র এর আগে জানিয়েছিল, লিবিয়া থেকে সাঁজোয়া যানের একটি বহর নাইজারে প্রবেশ করে। ওই বহরে গাদ্দাফি থাকতে পারেন বলে জানানো হয়েছিল।
গত ২৫ আগস্ট লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির প্রধান আশ্রয়স্থল বাব আল আজিজিয়ার পতনের পর থেকে তাঁর অডিও বার্তা প্রচার করে আসছে অ্যারাই ওরুবা টেলিভিশন। এই টেলিভিশন চ্যানেলের মালিক ও ইরাকের সাবেক এমপি মিসান আল জুবুরি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, সম্প্রতি গাদ্দাফির সঙ্গে কথা হয়েছে আমার। তিনি লিবিয়াতেই আছেন। মানসিকভাবে দারুণ শক্ত রয়েছেন গাদ্দাফি। তাঁর কথায় মনে হয়েছে, দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মারা গেলে তিনি সুখী হবেন।’ তিনি আরও বলেন, গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামও লিবিয়াতেই আছেন। তাঁর মানসিক দৃঢ়তাও গাদ্দাফির মতোই।
কীভাবে গাদ্দাফির সঙ্গে যোগাযোগ করছেন?—বার্তা সংস্থা এএফপির এমন প্রশ্নের জবাবে মিসান আল জুবুরি বলেন, ‘আমরা কথা বলার প্রয়োজন হলে গাদ্দাফির কাছে বার্তা পাঠাই। আবার যখন তাঁর কোনো বার্তা প্রকাশের প্রয়োজন হয়, তখন তিনি নিজেই আমার সঙ্গে যোগাযোগ করেন।’
এদিকে বিদ্রোহীদের সংগঠন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) পক্ষে প্রধান আলোচক আবদুল্লাহ কেনসিল বলেছেন, বানি ওয়ালিদ শহরের উপজাতি নেতাদের সঙ্গে সফল আলোচনা হয়েছে। বানি ওয়ালিদ শিগগিরই এনটিসির অধীনে আসবে।
আবদুল্লাহ কেনসিল বলেন, ‘আলোচনা সফল হয়েছে। আমরা এখন এনটিসির সবুজ সংকেতের অপেক্ষায় আছি।’ তিনি জানান, বানি ওয়ালিদের উপজাতি নেতাদের সঙ্গে গত মঙ্গলবার তাঁর বৈঠক হয়েছে। তাঁরা গাদ্দাফিবিরোধী বিপ্লবে যোগ দিয়েছেন। ওই নেতাদের অনেকেই এখনো ত্রিপোলিতে আছেন। যাঁরা বানি ওয়ালিদে ফিরেছেন, তাঁরা গাদ্দাফি-অনুগত সেনাদের প্রতিরোধের মুখে পড়েন বলে জানান তিনি।
আবদুল্লাহ কেনসিল বলেন, গাদ্দাফি অনুগত সেনারা বানি ওয়ালিদের উপজাতি নেতাদের ওপরও হামলা-নির্যাতন চালান। এতে সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেছে।
এই সফল আলোচনা আবার আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বানি ওয়ালিদের বিভিন্ন স্থানে গাদ্দাফি-অনুগত বাহিনী এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই এখানে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিআইএর প্রধান হিসেবে পেট্রাউসের শপথ গ্রহণ

সাবেক মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে শপথ নিয়েছেন।
ডেভিড পেট্রাউস (৫৮) লিও প্যানেট্টার স্থলাভিষিক্ত হলেন। ৩৭ বছর দায়িত্ব পালনের পর এক সপ্তাহ আগে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
হোয়াইট হাউসে পেট্রাউসকে শপথবাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘দায়িত্ব, সম্মান ও দেশ। যেদিন আপনার সঙ্গে আমার আফগানিস্তানে দেখা হয়েছিল, সেদিন এই শব্দগুলো আমার মনে এসেছিল। জেনারেল, সত্যিই আপনার ক্যারিয়ার ছিল সম্মানিত।’
ভার্জিনিয়ার ল্যাংলিতে সিআইএর সদর দপ্তরের বদলে হোয়াইট হাউসে শপথ অনুষ্ঠান হয়। কারণ হিসেবে বাইডেন বলেন, আক্ষরিক অর্থে নষ্ট করার মতো কোনো সময় নেই। তাই শপথ অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসকে বেছে নেওয়া হয়।
অতীতে বিভিন্ন বিষয় নিয়ে পেট্রাউসের সঙ্গে পরিষ্কার বিরোধ ছিল বাইডেনের।
পেট্রাউস বলেন, ‘একজন বুড়ো সৈনিকের ওপর আস্থা রাখায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ।’
শপথ গ্রহণের পর পেট্রাউস প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সিআইএর সদর দপ্তরে যান।

ককপিটে ইঁদুর বিমানের যাত্রা বাতিল

হংকং বিমানবন্দর থেকে ৮৪ জন যাত্রী নিয়ে নেপালের উদ্দেশে উড়াল দেবে একটি বিমান। সব ঠিকঠাক। কিন্তু শেষ মুহূর্তে বিমানটির ককপিটে একটা ইঁদুরকে ঘুরঘুর করতে দেখা যায়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিমানটির যাত্রা বাতিল করা হয়। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ গতকাল বুধবার এই তথ্য জানায়। নেপাল এয়ারলাইনসের মহাব্যবস্থাপক সীতা গুরাং গতকাল বিকেলে এএফপিকে বলেন, শেষ মুহূর্তে বিমানের চালকেরা ইঁদুরটির উপস্থিতি শনাক্ত করেন। ইঁদুরটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইঁদুরটি ধরা পড়েনি। জোর চেষ্টা চলছে। যাত্রীদের মঙ্গলবার রাতে হংকংয়ের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। শিগগিরই ইঁদুরটিকে পাকড়াও করা সম্ভব না হলে যাত্রীদের অন্য কোনো বিমানে কাঠমান্ডু পাঠানো হবে।

টেক্সাসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে গত মঙ্গলবার বাতাসের গতিবেগ কমে আসায় আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে কিছুটা আশাবাদের সৃষ্টি হয়। এদিকে দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। মারা গেছে আরও দুজন। এ নিয়ে দাবানলে মোট চারজন মারা গেল।
সবচেয়ে বড় দাবানলের ঘটনা ঘটেছে বাস্ট্রোপ কাউন্টিতে। দাবানলে সেখানে ধ্বংস হয়েছে ৬০০ বাড়ি।
স্থানীয় শেরিফ জানান, বাস্ট্রোপে দাবানলে দুজন প্রাণ হারিয়েছে।
১৯৫০-এর দশকের পর এখন সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে টেক্সাস।
টেক্সাসের গভর্নর রিক পেরি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, অন্তত ৫৭টি দাবানলে টেক্সাসের এক লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড বলেন, দাবানলের কারণে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে।
জাতীয় আবহাওয়া সার্ভিস জানায়, মঙ্গলবার বাতাসের গতিবেগ ঘণ্টায় পাঁচ মাইলে নেমে আসে। দিনের বাকি সময় বাতাসের গতিবেগ কম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়। এক দিন আগেও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ মাইল।
দাবানলের কারণে মঙ্গলবার বাস্ট্রোপের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। একই দিন গভর্নর পেরি দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।