Wednesday, April 20, 2011

পিটারসেনের চোখ অধিনায়কত্বে

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবেই খেলতে এসেছিল অস্ট্রেলিয়ার কাছ থেকে ২৪ বছর পর অ্যাশেজ ছিনিয়ে নেওয়া ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের কাছে হেরে ভাগ্যগুণে কোয়ার্টারে গিয়েই বিদায় ঘণ্টা শুনেছে দলটি। বিশ্বকাপ ব্যর্থতার পরপরই গুঞ্জন উঠেছিল অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে নিজের খেলায় মন দেবেন। এমনকি তিনি ছেড়ে দিতে পারেন ওয়ানডে ক্রিকেটও। ব্যাপারটি এখনো গুঞ্জনের মধ্যেই রয়েছে। পরিষ্কারভাবে জানা যায়নি স্ট্রাউস আদৌ ওয়ানডে অধিনায়কত্ব ছাড়বেন কি না।
এরই মধ্যে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কত্বের প্রতি নিজের আগ্রহটা চেপে রাখতে পারেননি হার্নিয়া সমস্যার কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে যাওয়া কেভিন পিটারসেন। তিনি বলেছেন, ‘যদি সুযোগ আসে, তাহলে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্ব গ্রহণে আমার কোনো সমস্যা নেই।’
২০০৮-০৯ মৌসুমে কিছুদিন ইংলিশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন পিটারসেন। অধিনায়ক হিসেবে সে সময়টার কথা মনে করে তৃপ্তিই বোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা সে সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ করেছিলাম। কিন্তু চেন্নাইয়ের একটি টেস্টে শচীন টেন্ডুলকারের দুর্দান্ত সেঞ্চুরি ইংল্যান্ডকে একটি বিখ্যাত টেস্ট জয় থেকে বঞ্চিত করেছিল।’
পিটারসেনের মতে, ‘নতুন করে সুযোগ আসলে আমি খুব একটা খারাপ করব না বলে আশা রাখি।

পুঁজিবাজার: শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষে নিম্নমুখী

ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও শেষ হয় নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। এ নিয়ে পুঁজিবাজারে টানা চার দিন নিম্নমুখী ধারা অব্যাহত থাকল। আজ দুই স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে, তবে লেনদেন কিছুটা বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড অনুমোদনের পর বাজারে এর প্রভাব পড়ে। ফলে লেনদেনের শুরুতে বাজারে চাঙাভাব লক্ষ করা যায়। তবে শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা আর থাকেনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড নামের একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড অনুমোদন করে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ১৫০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক কিছুটা কমলেও বেলা একটা ১০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮.৬০ পয়েন্ট বেড়ে ৬৩৪৬.৮৩ পয়েন্টে দাঁড়ায়। তবে দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮.২৩ পয়েন্ট বেড়ে ৬২৫০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেষ পর্যন্ত বেড়েছে ৩০টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম।
আজ স্টক এক্সচেঞ্জটিতে মোট ৭৯১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বোক্সিমকো, বেক্সটেক্স, তিতাস গ্যাস, ডেসকো, মালেক স্পিনিং, আফতাব অটো, বিএসআরএম স্টিল, লংকাবাংলা ফিন্যান্স, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে জনতা ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু জুটেক্স, এনটিসি, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১, জেমিনি সী ফুড, অষ্টম আইসিবি, শমরিতা হাসপাতাল, ইসলামী ব্যাংক, ফেডারেল ইনস্যুরেন্স ও চতুর্থ আইসিবি দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে ফিডেলিটি অ্যাসেটের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, আনলিমা ইয়ার্ন, ষষ্ঠ আইসিবি, সোনারগাঁও টেক্সটাইল, এমবি ফার্মা, ইস্টার্ন ইনস্যুরেন্স রেকিট বেনকিজার ও পূরবী জেনারেল ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৩.৪৬ পয়েন্ট কমে ১৭৬০৬.৮১ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩০টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে।

এমআই সিমেন্টের তালিকাভুক্তি অনুমোদন করেনি ডিএসই

প্রাথমিক শেয়ারে অতিরিক্ত মূল্য নির্ধারণ করায় এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির আবেদন নাকচ করা হয় বলে এসইসি সূত্রে জানা যায়।
১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৩৪ কোটি টাকা সংগ্রহ করেছে এমআই সিমেন্ট। ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়ামসহ এই কোম্পানির প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয় ১১১ টাকা ৬০ পয়সা। গত ৯-১৩ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারী এবং ২২ জানুয়ারি পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে আইপিও আবেদন গ্রহণ করা হয়। পরে ৯ ফেব্রুয়ারি লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী ২১ এপ্রিল এমআই সিমেন্টের তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে। ওই সময়ের মধ্যে তালিকাভুক্ত হতে ব্যর্থ হলে কোম্পানিকে আইপিওর টাকা ফেরত দিতে হবে। তবে একই ধরনের সমস্যায় তালিকাভুক্তি আটকে যাওয়ার পর এসইসিতে আবেদন করে দুই দফা সময় বাড়িয়ে নিয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড।

অস্বাভাবিক দাম বাড়ায় তিন কোম্পানির লেনদেন বন্ধ

অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার লেনদেন আজকের জন্য বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
কোম্পানি দুটি হলো—মুন্নু জুটেক্স, জেমিনি সি ফুড ও মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড।
আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয় প্রতিষ্ঠানগুলোর দাম বৃদ্ধির কারণে তাদের লেনদেন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ডিএসই কোম্পানি তিনটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা by সাইফুদ্দীন চৌধুরী

জাতীয় পর্যায়ে উদ্যাপিত গত বছর রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, দেশে কবিগুরুর নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
আর মাত্র কদিন পরই কবির সার্ধশততম জন্মোৎসব উদ্যাপিত হবে। ১৪১৮ বঙ্গাব্দে কবির জন্মদিন উভয় বাংলায় সাড়ম্বরে পালিত হবে—এমন আয়োজন চলছে। কিছু অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত যৌথভাবে পালন করবে। এ দিন কলকাতা থেকে কবির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘সংস্কৃতি’ নামে কলকাতা-ঢাকা স্মারক ট্রেন চালু করা হবে। জন্মজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। কদিন আগেও এ-সংক্রান্ত সভায় যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন সরকারের একজন সচিবের নেতৃত্বে দেশের কজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী। এতে স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে কবির জন্মোৎসব পালনের সব ধরনের আয়োজনই চলছে।
এ মুহূর্তে দেশের রবীন্দ্র-অনুরাগীদের প্রবল কৌতূহলের উদ্রেক করেছে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ ও কার্যক্রম শুরুর বিষয় নিয়ে। গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত জনমত থেকে বোঝা যাচ্ছে, কবিগুরুর নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কবির স্মৃতিধন্য শাহজাদপুরেই প্রতিষ্ঠার পক্ষে বেশির ভাগের মত রয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় শাহজাদপুর থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিয়েছে। কবির অন্যতম জমিদারি এই শাহজাদপুর ওই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপযোগী জায়গা। চমৎকার এখানকার ভৌগোলিক অবস্থান। পাশ দিয়ে চলে গেছে ঢাকা-বগুড়া মহাসড়ক। উত্তরাঞ্চলের প্রবেশপথ বঙ্গবন্ধু সেতুতে যেতে সময় লাগে আধঘণ্টা। দুই থেকে আড়াই ঘণ্টায় পৌঁছা যায় রাজধানী ঢাকা মহানগরে। শাহজাদপুর থেকে আট কিলোমিটার উত্তরে গেলেই উল্লাপাড়া রেলস্টেশন।
শাহজাদপুর গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। গত শতাব্দীর প্রথম দিকে প্রখ্যাত ব্রিটিশ সিভিলিয়ান ডব্লিউ ডব্লিউ হান্টার তাঁর স্ট্যাটিসটিক্যাল অ্যাকাউন্টস অব বেঙ্গল গ্রন্থে উল্লেখ করেছিলেন, সিরাজগঞ্জের পরই হুরা সাগরপারের শাহজাদপুর একটি বড় ব্যবসাস্থল। ব্যবসা-বাণিজ্যের জায়গা হওয়ায় স্বাভাবিকভাবে আর্থিক দিকে অনেকটাই সচ্ছল এখানকার মানুষ। শিক্ষা-দীক্ষায়ও অনেক এগিয়ে। বিস্মিত হতে হয়, এখানকার সাধারণ মানুষেরও রবীন্দ্রনাথ সম্পর্কে প্রবল আগ্রহ দেখে। আলাপ করে জানা যায়, এখানকার লোকেরা সবাই চায় কবির নামে বিশ্ববিদ্যালয় শাহজাদপুরেই প্রতিষ্ঠা করা হোক।
শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সবচেয়ে বড় সুবিধা হলো, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি পাওয়া যাচ্ছে। ৬০০ বিঘা খাসজমি রয়েছে, যার পুরোটাই ছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। শাহজাদপুরের অদূরে বাঘাবাড়ী নৌবন্দরে ঢাকা-বগুড়া সড়কে স্থাপিত সেতু থেকে সোজা পশ্চিমে তাকালে এক কিলোমিটার দূরেই দেখা যায়, বড়াল ও ধরলা নদীর মধ্যবর্তী জায়গার ওই জমি। এখানে ছিল কবির গো-খামার ও গো-চারণভূমি (বাথান)। এই গো-খামারের জন্য রবীন্দ্রনাথ পাঞ্জাবের শাহিওয়াল থেকে উন্নত জাতের ষাঁড় গরু এনে স্থানীয় গাই গরুর সঙ্গে ‘ক্রস’ করে ‘পাবনা ব্রিড’ নামের এক নতুন জাতের গো-প্রজাতি উদ্ভাবন করেছিলেন। কবির এই গো-পালন কার্যক্রমে সহায়তা করেছিল নিকটবর্তী রাউতারা গ্রামের ঘোষ পরিবার। এসব তথ্য কবির লেখা থেকেই জানা যায়। পতিসরের ঠাকুর জমিদারির সর্বশেষ ম্যানেজার ধীরেন্দ্রনাথ সর্বাধিকারীর লেখা একটি সূত্র থেকে জানা যায়, ১৯৫১ সালে বিশ্বভারতীর উপাচার্য নিযুক্তির সামান্য কিছুদিন আগেও কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ওই গো-খামার দেখতে গিয়েছিলেন। কবির গো-পালন কার্যক্রম সম্পর্কে আর কোনো তথ্য কোথাও অদ্যাবধি পাওয়া যায়নি। এখানেই মনোরম পরিবেশে শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে পারে। ঠাকুর জমিদারির এই গো-পালন কার্যক্রমের খাসজমি একেবারে নিষ্কণ্টক, আবাদি জমিও নয়, বসতভিটাও নয়। এই জমি অধিগ্রহণ করতে সরকারকে কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ারও নাকি সম্ভাবনা নেই। কিছুদিন আগে বঙ্গবন্ধুর নামে মুন্সিগঞ্জের অদূরে আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন। জানা গেছে, এই জমি অধিগ্রহণ করতে গেলে তেমন কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। অধিকন্তু একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় জনগণই এসব জমি কবির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারকে দিতে আগ্রহী।
সব দিক বিবেচনা করে সাংস্কৃতিক বিভাগগুলো (ফোকলোর, নাট্যকলা, চারুকলা, সংগীত ইত্যাদিকে) প্রাধান্য দিয়ে পূর্ণাঙ্গ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শাহজাদপুরই সবচেয়ে উপযুক্ত স্থান বলে ধরে নেওয়া যায়। প্রসঙ্গত উল্লেখ করতে হয়, পতিসরের নিজস্ব জমিদারিতে যাওয়ার আগে শাহজাদপুরই ছিল কবির প্রিয় জায়গা। ইউসুফ শাহী পরগনার ডিহি শাহজাদপুর অর্ধবঙ্গেশ্বরী রানি ভবানীর কাছ থেকে কিনেছিলেন কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সেই ঠাকুর জমিদারি তদারকির জন্য ১২৯৭ থেকে ১৩০৪ বঙ্গাব্দ পর্যন্ত সময়ে রবীন্দ্রনাথ বহুবার এসেছেন এই শাহজাদপুরে। এখানে বসে রচনা করেছেন অসাধারণ কিছু গান, কবিতা, ছোটগল্প, নাটক, প্রবন্ধ এবং স্বজনদের উদ্দেশে তথ্যনিষ্ঠ বেশ কিছু চিঠি; যা তাঁর সৃষ্ট সাহিত্যকে ভিন্ন এক মর্যাদা দান করেছে। রবীন্দ্র-অনুরাগীরা মনে করছেন, প্রধানমন্ত্রী কবিগুরুর সার্ধশততম জন্মোৎসব পালনের মাহেন্দ্রক্ষণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়ে তাঁর অভিভাষণে নিশ্চয় উল্লেখ করবেন। দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে বিশেষ ঘোষণা দেবেন।
কবি শাহজাদপুর থেকে শেষযাত্রার সময় ১৩০৪ বঙ্গাব্দের আশ্বিন মাসে ‘বিদায়’ কবিতায় লিখেছিলেন, ‘এবার চলিনু তবে/ সময় হয়েছে নিকট, এখন/ বাঁধন ছিঁড়িতে হবে’। কিন্তু শাহজাদপুরের মানুষ কবির সঙ্গে বাঁধনছেঁড়া নয়, বরং সেই বাঁধন আর দৃঢ়বদ্ধ করতে চায়, তাঁর নামে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে।
ড. সাইফুদ্দীন চৌধুরী: গবেষক, অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
pr_saif@yahoo.com

যুক্তরাষ্ট্রে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড় ও টর্নেডোর আঘাতে ৪৫ জনের প্রাণহানির পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।এরই মধ্যে নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অঙ্গরাজ্যটিতে ৬২ বার টর্নেডো আঘাত হেনেছে। সেখানে নিহত হয়েছে ২১ জন।এ ছাড়া ওকলাহোমা, আরকানস, মিসিসিপি, টেক্সাস, আলাবামা, জর্জিয়া ও ভার্জিনিয়াতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছ নর্থ ক্যারোলাইনায়।ঝড়ের কারণে কোথাও কোথাও আকস্মিক বন্যা দেখা দেয়। এ ছাড়া কোনো কোনো জায়গায় কমলালেবুর আকৃতির শিলাপিণ্ড পড়েছে বলেও জানা গেছে।গত বৃহস্পতিবার ওকলাহোমায় প্রথম ঝড় আঘাত হানে। এরপর তা পূর্ব দিকে এগিয়ে যায়। তিন দিনে ২৪০টির বেশি টর্নেডো আঘাত হেনেছে বলে খবরে বলা হচ্ছে।ক্যারোলাইনার ব্ল্যাডেন কাউন্টিতে চারজন এবং বারটিতে নিহত হয়েছে ১১ জন।
গত রোববার নর্থ ক্যারোলাইনার দুই লাখ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ ছিল না।

নিলামে উঠছে চার্চিলের চিত্রকর্ম

১৯৪৫ সালের ৫ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পর রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী স্যার উইন্সটন চার্চিল। ওই সময় তিনি এঁকেছিলেন ভিলা অন দ্য নিভেল নামের চিত্রকর্মটি। আগামী ২৬ মে তাঁর আঁকা সেই ছবিটি নিলামে উঠছে। চিত্রকর্মটির দাম তিন লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণ নির্বাচনের পর চার্চিল ফ্রান্সের বাস্ক অঞ্চলে অবকাশে যান। ২৬ জুলাই নির্বাচনের ফলাফল ঘোষণা করা পর্যন্ত তিনি অবকাশে ছিলেন। ওই নির্বাচনে লেবার পার্টির কাছে তাঁর দল অপ্রত্যাশিতভাবে হেরে যায়।
অবকাশে তাঁর সঙ্গে স্ত্রী ক্লেমেনটাইনও ছিলেন। তখন সেখানকার আরেক অতিথি বোরডিউক্সের ব্রিটিশ কনসাল ব্রাইস নারিনের স্ত্রী মার্গারেট নারিন চার্চিলকে আবারও তুলি হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেন। তখনই চার্চিল ছবিটি আঁকেন। আগামী ২৬ মে নিলামকারীপ্রতিষ্ঠান ক্রিস্টিস লন্ডনে চিত্রকর্মটি নিলামে তুলবে। ২০০৭ সালে চার্চিলের বাড়ির চিত্রকর্ম ‘চার্টওয়েল ল্যান্ডস্কেপ উইথ শিপ’ ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত

সিরিয়ার হমস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছে। অধিকারকর্মীরা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দামেস্কের ১৬০ কিলোমিটার উত্তরে হমস শহরের বাব বা এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে সাতজন মারা যায়।
এক সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি গত শনিবার নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার খবর প্রকাশের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর লোকজন বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার তালবিশে শহরের কাছে এক শোক মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এদিন সিরিয়ার ৬৫তম স্বাধীনতাবার্ষিকীতে বিরোধী দল বিক্ষোভের ডাক দেয়। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি প্রত্যাখ্যান করে তারা এই বিক্ষোভ আহ্বান করে।

মিসরের সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে

মিসরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিবসহ সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী ও অর্থমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে। বিচার বিভাগীয় এক সূত্র গত রোববার এ কথা জানায়।
বিচার বিভাগীয় ওই সূত্র জানায়, জনগণের তহবিলের অপব্যবহার ও দেড় কোটি ডলার আত্মসাতের জন্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব, সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী হাবিব আল-আদলি ও সাবেক অর্থমন্ত্রী ইউসেফ বুট্রোস ঘালির বিচার করা হবে। জার্মানির এক ব্যবসায়ীসহ এই তিনজনকে বেআইনিভাবে নতুন গাড়ির নম্বরপ্লেট আমদানি করার ঘটনায়ও অভিযুক্ত করা হয়। তাঁরা বেআইনিভাবে টেন্ডার ছাড়া সরাসরি এবং বাজারদরের চেয়ে বেশি দামে ওই নম্বরপ্লেটগুলো আমদানি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ওই সব ব্যক্তির বিরুদ্ধে এ বিচার বর্তমান সামরিক কাউন্সিলের অধীনে চলমান দুর্নীতিবিরোধী তদন্ত অভিযানের অংশ। উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের ফলে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সামরিক কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। সরকারবিরোধী এ আন্দোলনে ৮০০ জনের প্রাণহানি ঘটে।
উল্লেখ্য, মোবারক গত জানুয়ারি মাসে গণ-আন্দোলন প্রশমনে ব্যর্থতার অভিযোগে মন্ত্রিসভা বিলুপ্ত করেন। নাজিবকে ১০ এপ্রিল রিমান্ডে পাঠানো হয়। অপরদিকে বহুল সমালোচিত সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী আদলিকে ইতিমধ্যেই জালিয়াতির অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। তাঁকে বিদ্রোহীদের ওপর গুলি করার জন্যও অভিযুক্ত করা হবে বলে জানা যায়। এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালির ভ্রাতুষ্পুত্র সাবেক অর্থমন্ত্রী ইউসেফ এখন দেশের বাইরে আছেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের দুই ছেলেকে গত রোববার পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাইপ্রাস ও যুক্তরাজ্যে বেআইনি অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য মোবারকের দুই ছেলে আলা ও গামালকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে বিদ্রোহীদের হত্যার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ আনা হয়েছে। তাঁরা দুজন রাজধানীর তোরা কারাগারে বন্দী আছেন।
প্রসঙ্গত, গত শনিবার মোবারকের রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেন মিসরের সুপ্রিম কোর্ট। মোবারককেও সরকারবিরোধী আন্দোলনে বিদ্রোহীদের নিহত হওয়ার ঘটনায় রিমান্ডে পাঠানো হয়েছে।

ভারতে সার্কাসে শিশু নিয়োগ নিষিদ্ধ

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল সোমবার ভ্রাম্যমাণ সার্কাস দলে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করেছেন। একই সঙ্গে আদালত সার্কাস দলে নিয়োজিত শিশুদের উদ্ধারে সরকারকে অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন। ‘সেভ দ্য চাইলডহুড মুভমেন্ট’ নামের শিশু অধিকারবিষয়ক একটি বেসরকারি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ রায় দেন। সংগঠনটি ভারতে শিশুশ্রম আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য দাবি জানিয়ে আসছে। সার্কাস দলগুলো প্রতিনিয়তই শিশুশ্রম আইন লঙ্ঘন করে থাকে।
সেভ দ্য চাইলডহুড মুভমেন্টের আইনজীবী কলিন গঞ্জালভেস বলেন, ‘আদালত ১৪ বছরের নিচের সব শিশুকে উদ্ধারের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আদালত এসব শিশু পুনর্বাসনে একটি পুনর্বাসন নীতিমালা প্রণয়নের জন্যও নির্দেশ দিয়েছেন।’
উল্লেখ্য, ভারতের সার্কাসগুলোতে দর্শক মনোরঞ্জনের জন্য শিশুদের উঁচু দড়ির ওপর শারীরিক কসরতসহ নানা ধরনের ঝুঁকিপূর্ণ খেলা শেখানো হয়। এ ব্যাপারে সার্কাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের যুক্তি হচ্ছে, সার্কাসের বিভিন্ন খেলায় দক্ষতা অর্জনে শৈশব থেকেই প্রশিক্ষণ দরকার। এ প্রসঙ্গে তাঁরা ইউরোপের সার্কাসগুলোর উদাহরণ দিয়ে বলেন, সেখানে সার্কাস দলে শিশুটির সঙ্গে তার বাবা অথবা মা, যে কেউ একজন সঙ্গে থাকলে এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ থাকলেই কেবল শিশুটি সার্কাস দলে অন্তর্ভুক্ত হতে পারে।
গুজরাটের জেমিনি সার্কাসের প্রশিক্ষক এনভি চন্দ্রান বলেন, ‘শৈশব থেকে কঠোর প্রশিক্ষণ না দেওয়া হলে কারও পক্ষেই শারীরিক কসরত শেখা সম্ভব নয়।’

নাইজেরিয়ার নির্বাচনে এগিয়ে গুডলাক জোনাথন, ভোট জালিয়াতির অভিযোগ

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন জয়ের পথে রয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মাদু বুহারির চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট জালিয়াতির অভিযোগে জোনাথন-বিরোধীরা দেশটির উত্তরাঞ্চলে বিক্ষোভ করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভে বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ৩৫টিতে ভোট গণনা করা হয়েছে। এতে দেখা গেছে, জোনাথন পেয়েছেন দুই কোটি ২০ লাখ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদু বুহারি পেয়েছেন এক কোটি ২০ লাখ ভোট।
নাইজেরিয়ায় বেশ কয়েকটি রাজ্যে জোনাথন বিপুল ভোট পেয়েছেন। এর মধ্যে আকওয়া ইবোম রাজ্যে তিনি মোট ভোটের ৯৫ শতাংশ, আনামব্রায় ৯৯ শতাংশ এবং নিজ রাজ্য বায়েলসায় ৯৯ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। বিশ্লেষকেরা নির্বাচনের দিন ভোট সুষ্ঠু হয়েছে বললেও এ ধরনের একচেটিয়া ফলাফলের বিষয়ে তাঁরা শঙ্কা প্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে পর্যবেক্ষকেরাও ভোট সুষ্ঠু হয়েছে বলে জানান। কিন্তু নাইজেরিয়ার উত্তরের রাজ্যগুলো থেকে জোনাথনের একচেটিয়া ভোট পাওয়ার খবরে রোববার রাতে বিরোধীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে ভোট জালিয়াতির অভিযোগে উত্তরের বেশ কয়েকটি জায়গায় জোনাথন-বিরোধীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভে বাধা দেন। ফলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
উত্তরাঞ্চলীয় কাদুনা শহরের একাংশে বিক্ষুব্ধ লোকেরা টায়ারের ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়। এ সময় গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ ছাড়া কানো শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা চাবুকাঘাত করেন। জারিয়া শহরের এক বাসিন্দা জানান, একটি গির্জায় আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আমিরের প্রাসাদের ফটকে বিরোধীদের সংঘর্ষ থামাতে সেনা মোতায়েন করা হয়।
সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের জিবরিন ইব্রাহিম বলেন, ‘একটি দলের ৯৫ শতাংশ বা এর বেশি ভোট পাওয়ার ঘটনা ভোট জালিয়াতিকে ইঙ্গিত করে। আর নির্বাচনের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন হওয়ায় আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন।’
জোনাথনের মূল প্রতিদ্বন্দ্বী ও সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি উত্তরের কয়েকটি এলাকায় বিজয়ী হয়েছেন। তবে কোথাও জোনাথনের মতো একচেটিয়া ভোট তিনি পাননি। আর নির্বাচনের দিন বুহারি ভোট কারচুপির অভিযোগ করেছিলেন।
বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচনের এ ফলাফল নাইজেরিয়ার জাতীয় বিভেদকে আরও বাড়িয়ে দেবে। এতে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে।
ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভ এনজিওর চিদি ওদিনকালু বলেন, ‘নাইজেরিয়ার জন্য ভালো সংবাদ হচ্ছে, আমরা প্রকৃত ভোট গণনা করছি এবং মানুষ এ গণনার ব্যাপারে আগ্রহী। আর খারাপ সংবাদ হচ্ছে, দেশটি উত্তর আর দক্ষিণ—এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।’
ইলেকটোরাল কমিশন রোববার রাতে ২৮টি রাজ্যের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বাকি আটটি রাজ্যের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

টুইটারে নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে ভক্তরা এখন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে পাবেন। রিচার্ড মিলিংটন নামের একজন ব্রিটিশ নাগরিক টুইটারে ম্যান্ডেলার নামে একটি অ্যাকাউন্ট খোলেন। তবে ম্যান্ডেলার ফাউন্ডেশন ‘নেলসন ম্যান্ডেলা সেন্টার অব মেমোরি’ ওই অ্যাকাউন্টটি তাদের দিয়ে দিতে অনুরোধ জানালে তিনি সম্মত হন। গতকাল সোমবার ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।
ম্যান্ডেলা ফাউন্ডেশনের মুখপাত্র সেলো হাতাঙ্গ বলেন, ‘গত সপ্তাহে আমরা মিলিংটনের সঙ্গে যোগাযোগ করি। টুইটারে খোলা তাঁর অ্যাকাউন্টটি আমাদের দেওয়ার অনুরোধ জানালে তিনি নির্দ্বিধায় রাজি হন। গত শুক্রবার থেকে নেলসন ম্যান্ডেলা সেন্টার অব মেমোরি এটি ব্যবহার করছে। তার পর থেকে টুইটারের এ পেজে ম্যান্ডেলা ফাউন্ডেশনের লোগো ব্যবহার করা হচ্ছে।

উদ্বাস্তু তরুণীকে আমন্ত্রণ

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে শোজনা নামের এক উদ্বাস্তু তরুণীকে আমন্ত্রণ জানানো হয়েছে। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ২৯ এপ্রিল অনুষ্ঠেয় বিয়ের অনুষ্ঠানে খ্যাতিমান তারকা ও বিদেশি প্রথম শ্রেণীর অতিথিদের সঙ্গে শোজনাকেও দেখা যাবে। তাঁকে এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন স্বয়ং উইলিয়াম। গত রোববার ডেইলি মেইল-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা উদ্বাস্তুদের সহযোগিতায় ছিলেন সোচ্চার। তরুণ বয়সে উদ্বাস্তুদের জরুরি আশ্রয় দেওয়া সেবায় ‘সেন্টার পয়েন্ট’ আশ্রয়কেন্দ্রের পৃষ্ঠপোষকতা করেন ডায়ানা। তাঁর মৃত্যুর পর উইলিয়ামও মায়ের পদাঙ্ক অনুসরণ করেন। তিনিও পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেন।
উদ্বাস্তুদের প্রতি সহমর্মিতা জানিয়ে উইলিয়াম দুই বছর আগে প্রচণ্ড শীতের রাতে বাইরে ঘুমান।
সেন্টার পয়েন্টে আশ্রয় পাওয়া হতদরিদ্র শোজনার করুণ কাহিনি গত গ্রীষ্মে উইলিয়ামের কানে আসে। তিনি জানতে পারেন, হূৎপিণ্ডের অস্ত্রোপচারের পর শোজনার নিঃস্ব হয়ে পড়ার মর্মস্পর্শী কাহিনি। উদ্বাস্তু এই তরুণীর পথে পথে দিনযাপনের কাহিনি উইলিয়ামের মনে গভীর দাগ কাটে। তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে, রাজকীয় প্রটোকল ভেঙে ছুটে গিয়ে শোজনাকে আলিঙ্গন করেন।
সেই শোজনাকে এবার নিজের বিয়েতে আমন্ত্রণ জানাতে ভুল করেননি উইলিয়াম। আমন্ত্রণ পেয়ে শোজনার আনন্দ আর ধরে না। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শোজনা বলেন, ‘আমি বলতে চাই, প্রিন্স উইলিয়াম, আপনাকে স্বাগত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। কোনো মানুষ একা নয়, সে এই পৃথিবীরই অংশবিশেষমম—এই বোধ জাগ্রত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা, দুই সেনা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতকাল সোমবার আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে দুই আফগান সেনা নিহত ও সাতজন আহত হয়। সামরিক পোশাক পরা এক ব্যক্তি আকস্মিভাবে মন্ত্রণালয়ে ঢুকে গুলি ছুড়তে শুরু করলে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। তালেবান জঙ্গিরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তালেবান জানিয়েছে, আফগানিস্তান সফরকারী ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জেরা লোঙ্গে ও আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদাকে হত্যাই ছিল এ হামলার উদ্দেশ্য। তাদের ধারণা ছিল, ফরাসি মন্ত্রী ওই সময় মন্ত্রণালয়ে থাকবেন। তবে আফগানিস্তানে ফরাসি বাহিনীর মুখপাত্র লে. কর্নেল দে লাপরসলে জানান, ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর ওই সময়ে আফগান প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও তিনি ঘটনাস্থলে ছিলেন না।
এদিকে, আফগানিস্তানে অবস্থান করা ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জেরা লোঙ্গেকে হত্যার উদ্দেশ্যেই হামলাটি হয়েছিল কি না, সে ব্যাপারে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই। কাবুল মন্ত্রণালয় সূত্রও জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদা নিরাপদে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তাকর্মী জানিয়েছেন, হামলাকারী শরীরের সঙ্গে বেঁধে বিস্ফোরকও বহন করছিলেন। সামরিক পোশাক পরা হামলাকারী তালিকাভুক্ত কোনো সেনা নাকি জঙ্গি, তা-ও তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।

আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা, দুই সেনা নিহত

মহাত্মা গান্ধী আজ ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত। কিন্তু তিনিই একসময় একটি শহরের পৌর কাউন্সিলর হয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। ভারতের ইতিহাসবিদ রিজওয়ান কাদরি এমনটাই দাবি করেছেন।
১৯৪৪ সালে প্রকাশিত গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু হরিপ্রসাদ দেশাইয়ের লেখা একটি বইয়ের সূত্র ধরে রিজওয়ান কাদরি বলেছেন, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার এক বছর পরই ১৯১৬ সালে গান্ধী আহমেদাবাদের পৌরসভা নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন।
রিজওয়ান বলেছেন, গান্ধী তখন শহরতলীতে অবস্থিত দেয়ালঘেরা কোচরব আশ্রমে বাস করতেন। ওই আশ্রমের বাসিন্দাদের কেউ তখন ভোটার হতে পারত না। নির্বাচনে দাঁড়ানোর জন্য গান্ধী ভোটার তালিকায় তাঁর নাম তুলতে চেয়েছিলেন। আর এ জন্য তিনি যে ওই এলাকার বাসিন্দা, সেটি বোঝাতে রায়পুরে বন্ধু হরিপ্রসাদ দেশাইয়ের ক্লিনিকের বাইরে ‘এম কে গান্ধী, ব্যারিস্টার’ লেখা নেমপ্লেটও তিনি ঝুলিয়ে দিয়েছিলেন।
দেশাই তাঁকে পৌর নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু গান্ধী তাঁকে বলেছিলেন, পূর্ণ স্বরাজের আসল লক্ষ্যে পৌঁছাতে হলে আগে স্থানিক স্বরাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি ইচ্ছা পোষণ করেছিলেন, নির্বাচিত হওয়ার পর নিজের হাতে রাস্তায় ঝাড়ু দেওয়া হবে তাঁর প্রথম কাজ।
তবে শেষ পর্যন্ত তাঁর ভোটে দাঁড়ানো হয়নি। এর আগেই তিনি সত্যাগ্রহ আন্দোলনে জড়িয়ে পড়েন।

২১ বছর চুল কাটেননি তিনি!

সর্বশেষ ১৯৯০ সালে চুল কেটেছেন জিয়াং আইজিউ। এরপর কেটে গেছে ২১ বছর। কিন্তু এর মধ্যে একবারও তাঁর চুলে কাঁচি পড়েনি। বড় হতে হতে তাঁর চুল এখন লম্বায় ৩ দশমিক ৬ মিটারে গিয়ে ঠেকেছে।
জিয়াং আইজিউর বাড়ি চীনের হেনান প্রদেশের ফুশুনে। এত দিন পর্যন্ত চুল না কাটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তিনি চুল কাটাতে গেছেন। কিন্তু নাপিত তাঁকে চুল না কাটানোর পরামর্শ দেন। নাপিতের মতে, তাঁর চুল দেখতে খুবই সুন্দর ও ভালো।
তবে জিয়াং কখনই ভাবেননি, তাঁর চুল এত দ্রুত বাড়বে এবং এত লম্বা হয়ে যাবে। তিনি বলেন, চুল লম্বা করার জন্য তিনি বিশেষ কিছু খাননি এবং কোনো বিশেষ শ্যাম্পুও ব্যবহার করেননি।
প্রতিবছর জিয়াংয়ের চুল সর্বোচ্চ ২০ সেন্টিমিটার করে বেড়েছে। এত লম্বা চুল রাখতে গিয়ে তাঁকে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে। জিয়াং জানান, তিনি একসঙ্গে চুল পরিষ্কার করতে পারেন না। তাঁকে ধাপে ধাপে চুল পরিষ্কার করতে হয়। তিনি জানান, সব চুল পরিষ্কার করতে তাঁর প্রায় দুই ঘণ্টা লেগে যায়।
জিয়াংয়ের এই লম্বা চুল কেনার জন্য ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে দাম উঠে গেছে ১০ হাজার ইউয়ান পর্যন্ত। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
এত বছর পর্যন্ত চুল না কাটলেও শেষ পর্যন্ত চুলের মায়া কাটাতে যাচ্ছেন জিয়াং। তিনি এখন তাঁর লম্বা চুল ছোট করার পরিকল্পনা করছেন। কারণ, চিকিৎসকেরা জিয়াংকে বলেছেন, তাঁর লম্বা চুল মাথা থেকে অনেক বেশি পুষ্টি শুষে নিচ্ছে। যা তাঁর স্বাস্থ্যের জন্য ভালো নয়

ইন্টারে মরিনহো?

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা চার বছরের। কিন্তু চারদিকে গুঞ্জন, এক মৌসুম শেষেই মাদ্রিদ ছাড়তে পারেন হোসে মরিনহো। স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নিলে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে চান, এটাও আর গোপন নয়। এবার শোনা যাচ্ছে নতুন খবর, যেখান থেকে এসেছিলেন, মরিনহো নাকি ফিরছেন সেই ইন্টার মিলানেই। খবরের সূত্র একটি তথ্য, ইন্টারের কোচ থাকার সময় মরিনহোর দুই ছেলে যে স্কুলে পড়ত, আবারও নাকি তাদের সেই স্কুলে ভর্তি করা হয়েছে!
সুইজারল্যান্ডের লুগানো ইন্টারন্যাশনাল স্কুলে পড়ত হোসে জুনিয়র ও মাটিল্ডে জুনিয়র, ইন্টারের ট্রেনিং কমপ্লেক্স থেকে যেটা গাড়িতে মাত্র খানেকের রাস্তা। সেই স্কুলেই আবার তাদের ভর্তি করা হয়েছে জানিয়ে গাজেত্তা দেল্লো স্পোর্ত লিখেছে, ‘সংকটে ইন্টার: ফিরছেন মো?’ সর্বশেষ পাঁচবারের চ্যাম্পিয়ন ইন্টার এবার ৫ ম্যাচ বাকি থাকতেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে।
সত্যিই যদি মরিনহো ইন্টারে ফেরেন, তাহলে রিয়ালের হাল ধরবেন কে? দৃশ্যপটে এবার মার্সেলো লিপ্পি। ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো কোচ সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই বেকার। ৬৩ বছর বয়সী কোচ রাই স্পোর্টকে জানিয়েছেন, ‘ফুটবলে ফেরার ইচ্ছা আমার প্রবল, তবে একটা ব্যাপার নিশ্চিত, কোনো ইতালিয়ান দলের দায়িত্ব নেব না। কোনো ক্লাব বা জাতীয় দলের উপযুক্ত প্রস্তাবের অপেক্ষা করছি আমি। কিছু প্রস্তাব পেয়েছি, তবে মনঃপূত হয়নি। প্রিমিয়ার লিগে যেতে পারলে দারুণ হয়। ধরুন রিয়াল মাদ্রিদ, কে না সেখানে যেতে চাইবে? আমি তো দৌড়ে যাব।’

ইন্টারের সাম্রাজ্যে মিলান!

টানা পাঁচ মৌসুমে লিগ শিরোপা, গত মৌসুমে ঐতিহাসিক ‘ট্রেবল’। ইতালিয়ান ফুটবলে চলছিল ইন্টার মিলানের রাজত্ব। কিন্তু এই মৌসুমের মাঝপথেই ইন্টার মিলান সাম্রাজ্য হারানো দিগ্ভ্রান্ত পথিক। জার্মান ক্লাব শালকের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। হাতে থাকা টানা পাঁচবারের লিগ শিরোপাটাও ফসকে যাওয়ার পথে।
ইন্টারের সামনে রয়েছে শুধু কোপা ইতালিয়া জয়ের সম্ভাবনাটাই। এখানেও লড়াইটা তীব্র। সেমিফাইনালে প্রতিপক্ষ রোমা। রোমার বাধা টপকাতে পারলে ফাইনালে এসি মিলান অথবা পালের্মো।
কঠিন এই লড়াইটা ইন্টারকে শুরু করতে হচ্ছে আজই। সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচটি খেলতে আজ তারা যাচ্ছে রোমার মাঠে। অন্য সেমিফাইনালের প্রথম লেগ খেলতে আজই মিলান যাচ্ছে পালের্মোর মাঠে।
ইন্টারের হারানো সাম্রাজ্যের চাবি উঠতে যাচ্ছে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের হাতে। ইতালিয়ান কাপের দৌড়ে তো তারা আছেই, সবচেয়ে সিরি ‘আ’ শিরোপা প্রায় মিলানের হাতের মুঠোয়। সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে মিলান শীর্ষস্থান নিশ্চিত করে রেখেছিল আগের দিনই। পরশু রাতে নাপোলি নিজেদের মাঠে উদিনেসের কাছে ২-১ গোলে হেরে মিলানকে শিরোপা জয়ের পথে এগিয়ে দিল অনেকটাই। ৩২ ম্যাচ শেষে এসি মিলানের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে নাপোলির ৬৫, ইন্টারের ৬৩।
লিগে বাকি আর ৬ ম্যাচ। সাত বছর পর স্কুডেট্টো জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে মিলান শিবির। সাম্পদোরিয়ার বিপক্ষে মিলানের জয়ের নায়ক রবিনহোই যেমন বলছেন, ‘আমি ঠিক জানি না ইন্টার শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে কিনা। তবে স্কুডেট্টো জয়ের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগোলাম আমরা।’
নাপোলিও শিরোপা দৌড়ে ভালোভাবেই ছিল। কিন্তু পরশু উদিনেসে অনেকটাই বিবর্ণ করে দিয়েছে তাদের স্বপ্ন। যদিও এখনো আশা ছাড়েননি নাপোলি কোচ ওয়াল্টার মাজ্জারি, ‘কেউই বলতে পারবে না যে শিরোপা জয়ের সম্ভাবনা আমাদের আর নেই।’

দিলশানের কাঁধেই শ্রীলঙ্কা

আলোচনায় ছিলেন দুজন। তবে পাল্লাটা হেলে ছিল তাঁর দিকেই। শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হয়েছেন সেই তিলকরত্নে দিলশানই। অধিনায়ক তিনি তিন ধরনের ক্রিকেটেই, তবে শুধুই ইংল্যান্ড সফরের জন্য। নতুন সহ-অধিনায়কের নাম এখনো ঘোষণা করা হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেটের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সম্ভাব্য কয়েকজন ইনজুরিতে থাকায় আসন্ন সফরে অনিশ্চিত, নির্বাচকেরা তাই আপাতত সহ-অধিনায়কের নাম ঘোষণা করছেন না।’
এই ঘোষণায় কুমার সাঙ্গাকারার অধিনায়কত্বের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। গত ৫ এপ্রিল অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সাঙ্গাকারা। তবে সঙ্গে এটাও বলেছিলেন, বোর্ড যদি মনে করে নতুন অধিনায়ককে একটু সময় দেওয়া প্রয়োজন, তাহলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে শুধু টেস্টে নেতৃত্ব দিতে তিনি রাজি আছেন। বোঝাই যাচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেট মনে করছে নতুন অধিনায়ক প্রস্তুত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা নিজেও তাঁর উত্তরসূরি হিসেবে দিলশান আর অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম বলেছিলেন। সঙ্গে যোগ করেছিলেন, ‘যদি মনে করা হয় অ্যাঞ্জি (ম্যাথুস) এখনো তরুণ, তাহলে দিলশানকে দায়িত্ব দেওয়া যেতে পারে। কারণ ও যেখানে হাত দেয়, সেখানেই সাফল্য পেয়ে যায়।’
সরাসরি না বললেও শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি থেকে পরিষ্কার, সহ-অধিনায়ক হিসেবে উঠে এসেছে ম্যাথুসের নামই। পায়ের চোটে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। পুনে ওয়ারিয়র্স ৯ লাখ ৫০ হাজার ডলারে তাঁকে কিনলেও খেলতে পারছেন না আইপিএল।
সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের বিশ্রামে গত মে-জুনে জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছিলেন দিলশান। টুর্নামেন্টের আরেক দল ছিল ভারত। অধিনায়কত্বের ৫ ওয়ানডেতে ১ সেঞ্চুরি, ৩ ফিফটিতে ১০৯.৩৩ গড়ে তাঁর রান ৩২৮। এ ছাড়া ২০০৮ ও ২০০৯ সালে দুটি টি-টোয়েন্টিতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মেও আছেন দিলশান, সদ্যসমাপ্ত বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০০ রান করে হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক।
ইংল্যান্ড সফরে দুটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেও। প্রধান নির্বাচক দিলীপ মেন্ডিস জানিয়েছেন, সফরের দল ঘোষণা করা হবে আইপিএল থেকে দিলশান দেশে ফেরার পর। ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য ৫ মের মধ্যে আইপিএল খেলতে থাকা সব ক্রিকেটারকে দেশে ফিরতে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

আজ সিডন্সের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ থেকে বিদেশি কোচদের ফেরাটা বেশির ভাগ সময়ই সুখকর হয় না। সেদিক থেকে জেমি সিডন্স ভাগ্যবান। ইচ্ছে ছিল বাংলাদেশেই থেকে যাওয়ার। সেটা হয়তো হয়নি, কিন্তু বিদায়বেলায় অন্তত তিক্ত অভিজ্ঞতা নিয়ে যেতে হচ্ছে না অস্ট্রেলীয় কোচকে। বরং বিসিবি আজ তাঁকে দিচ্ছে বিদায় সংবর্ধনা। আজ বেলা একটায় বিসিবি কার্যালয়েই এই সংবর্ধনা অনুষ্ঠান।
সিডন্সের সংবর্ধনা ছাড়াও আজ গুরুত্বপূর্ণ এক বোর্ড সভায় বসছেন বিসিবির কর্তারা। আলোচনার মুখ্য বিষয় নতুন নির্বাচক কমিটি। শোনা যাচ্ছে, নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান নির্বাচকদের একজন আকরাম খান। নতুন নির্বাচক কমিটিতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আসতে পারেন বলে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। কিন্তু শেষ পর্যন্ত হাবিবুল নির্বাচক কমিটিতে আসবেন কি না নিশ্চিত নয়। তাঁর বিকল্প হিসেবে উঠে এসেছে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদের নাম।

ডেসমন্ড হেইন্স হচ্ছেন উইন্ডিজের ব্যাটিং কোচ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সেই আশির দশকের সোনালি প্রজন্মেরই দ্বারস্থ হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সাবেক কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সকে। আর কয়েক দিনের মধ্যেই হয়তো দলের মূল কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ শুরু করবেন ১১৬টি টেস্ট খেলে সাত হাজার ৪৮৭ রান করা হেইন্স।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক বিবৃতিতে হেইন্স বলেছেন, ‘আমি সব সময়ই বলেছি, আমি উইন্ডিজ ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমার পক্ষে যেটুকু করা সম্ভব, সেটা করতে চাই। ব্যাটিং কোচের ভূমিকাটা তরুণ ক্রিকেটারদের অগ্রগতির জন্য কাজ করার একটা চমত্কার সুযোগ হতে পারে। আমরা আবারও আমাদের সেই সুবর্ণ সময়টা ফিরিয়ে আনতে চাই।’
কোচ হিসেবে হেইন্স এর আগে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ওপেনার হারশেল গিবস ও স্বদেশি ড্যারেন ব্রাভোর সঙ্গে কাজ করেছেন। তাঁর উপস্থিতি উইন্ডিজ ব্যাটসম্যানদের আরও অনুপ্রাণিত করবে ও মানসিক শক্তি জোগাবে বলে মনে করছেন অনেকে। হেইন্সের পাশাপাশি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে আরেক সাবেক ব্যাটসম্যান রিচি রিচার্ডসনকে।
বিশ্বকাপের পর এ মাসেই পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ২১ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের উইন্ডিজ সফর।

ডেকানের কাছে দিল্লির হার

বিশ্বকাপটা অসাধারণ কেটেছে। কিন্তু আইপিএলে সময়টা ভালো কাটছে না বীরেন্দর শেবাগের। চার ম্যাচের তিনটিতেই যে হারের মুখ দেখতে হলো দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ককে!
আইপিএলে দিনের প্রথম খেলায় সানি সোহালের ৬২ আর অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৪৯ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৬৮ রান তোলে ডেকান চার্জার্স। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ৫১ রানের ইনিংসের পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তুলতে সক্ষম হয় দিল্লি। শেবাগের দলের হার ১৬ রানে।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচে দুই জয়ে ডেকান চার্জার্সের অর্জন ৪ পয়েন্ট। আর চার ম্যাচে এক জয়ে দিল্লি ডেয়ারডেভিলসের খাতায় আছে ২ পয়েন্ট।

‘এল ক্লাসিকো’র আগে দোমনা মরিনহো

লা লিগায় দুদিন আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। আগামীকাল কিংস কাপের ফাইনালে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। বার্সা-রিয়ালের ধ্রুপদি লড়াইয়ের দিকে এমনিতেই গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। আর আগামীকালের ‘এল ক্লাসিকো’টা আরও উত্তেজনাপূর্ণ হবে, এমন আশাই করছেন সবাই। কারণ লড়াইটা যে এবারের মৌসুমের প্রথম শিরোপা জয়ের।
দীর্ঘদিন ধরে শিরোপাখরায় ভুগতে থাকা রিয়ালের ট্রফি কেসটা আবার ভরিয়ে দেওয়ার মিশন নিয়েই স্পেনে এসেছেন ফিফা বর্ষসেরা কোচ হোসে মরিনহো। স্প্যানিশ লিগে বার্সেলোনার চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আগামীকাল তিনি নিশ্চিতভাবেই চাইবেন নিজের ‘শিরোপা বিশেষজ্ঞ’ অভিধাটিকে সার্থক করে তুলতে। তবে কাজটা যে খুব সহজ হবে না সেটা নিশ্চয়ই গত ম্যাচেই বেশ ভালোমতো টের পেয়েছেন মরিনহো। আগামীকালের ম্যাচটা জেতার জন্য যে রণকৌশল নিয়ে অনেক ভাবতে হবে, সে বিষয়ে মরিনহোকে সজাগ করে দিয়েছেন রিয়াল কিংবদন্তি ডি স্তেফানো। তিনি বলেছেন, ‘লা লিগার গত ম্যাচটা নিয়ে অনেক চিন্তাভাবনা করা দরকার। কোথায় কোথায় ভুল ছিল, সেগুলো খুঁজে বের করা দরকার। কারণ বার্সেলোনা এখন অসাধারণ একটা দল।’
গত শনিবারের ম্যাচে মরিনহো দলে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন। জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলকে বসিয়ে রেখে সেন্টার ব্যাক পেপেকে খেলিয়েছিলেন মাঝমাঠে। অবশ্য দ্বিতীয়ার্ধের পর মাঠে নেমে ওজিল যেভাবে খেলেছিলেন, তাতে আগামীকালের ম্যাচে হয়তো তাঁকে প্রথম একাদশেই রাখবেন মরিনহো। গত ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার রাউল আলবিওল। তার মানে হয়তো রিয়াল রক্ষণ ভাগে সার্জিও রামোসের সঙ্গে দেখা যেতে পারে রিকার্ডো কারভালহোকে।