Saturday, June 18, 2011

বার্গার খেয়ে ফ্রান্সে ছয় শিশু ই. কোলাইতে আক্রান্ত

ফ্রান্সে ই. কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার মাংসের তৈরি বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। প্রস্তুতকারকেরা বলছেন, বার্গারের মাংস জার্মানি থেকে আমদানি করা হয়েছে। এর আগে জার্মানিতে ই. কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছে।
ই. কোলাইয়ে আক্রান্ত শিশুদের মধ্যে ২০ মাস বয়সী এক শিশু ফ্রান্সের এসইবি কোম্পানির তৈরি হ্যামবার্গার খেয়েছিল। এসইবি বলছে, জার্মানিতে জবাই করা পশুর মাংস ফ্রান্সে প্রক্রিয়াজাত করে ওই বার্গার তৈরি করা হয়েছে।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় লিলের রিজিওনাল হেলথ এজেন্সির (এআরএস) এক মুখপাত্র জানান, ‘আক্রান্ত শিশুদের অবস্থা গুরুতর। তবে উদ্বিগ্ন হওয়ার মতো নয়। তাদের সবার জীবন বিপদমুক্ত।’ এখানেই ই. কোলাইয়ে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, আক্রান্ত শিশুদের ই. কোলাই ব্যাকটেরিয়াটি বিরল প্রজাতির এবং জার্মানির ই. কোলাই ব্যাকটেরিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এর পরও এসইবি দাবি করছে, ওই মাংসের উৎসস্থল জার্মানিতে।
এসইবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ‘বার্গারটি জার্মানি থেকে এসেছে। জার্মানিতে জবাই করার পর আমাদের কোম্পানি ওই পশুর মাংস আমদানি করেছে।’
এআরএসের কর্মকর্তারা জানান, ই. কোলাইজনিত অসুস্থতায় আক্রান্ত শিশুরা রক্ত-ডায়রিয়ায় ভুগছে। জার্মানির ই. কোলাইয়ে আক্রান্ত লোকেরাও এ ধরনের রক্ত-ডায়রিয়ায় ভুগেছে। ধারণা করা হচ্ছে, সবজির অঙ্কুর থেকে জার্মানিতে ই. কোলাই ছড়িয়েছে।

গৃহকর্মীদের জন্য সনদ পাস করল আইএলও

বিশ্বের প্রায় পাঁচ কোটি ২৬ লাখ গৃহকর্মীর অধিকার রক্ষায় গতকাল বৃহস্পতিবার একটি যুগান্তকারী সনদ পাস করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (্আইএলও)।
নতুন সনদে গৃহকর্মীদের অন্যান্য শ্রমিকের মতোই অধিকার দেওয়া হয়েছে। এ সনদ অনুযায়ী গৃহকর্মীদের সঙ্গেও এখন থেকে লিখিত চুক্তি করতে হবে। এ ছাড়া সপ্তাহে এক দিন ছুটি দিতে হবে এবং বার্ষিক ছুটি ও অন্যান্য ছুটির দিনগুলোতে তাঁদের গৃহকর্তার বাড়িতে থাকতে হবে না।
এই সনদের পক্ষে ভোট পড়ে ৩৯৬টি, আর বিপক্ষে ১৬টি। ৬৩ ভোটার ভোটদান থেকে বিরত থাকে। দুটি দেশ অনুসমর্থন করলে সনদটি কার্যকর হবে। দেশ দুটি হলো ফিলিপাইন ও উরুগুয়ে। তবে দেশ দুটি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এই সনদ সমর্থন করবে।
উপসাগরীয় অঞ্চলের সবগুলো দেশ এ সনদে সমর্থন দিয়েছে। ওই দেশগুলোর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এক প্রতিনিধি বলেন, ‘আইএলওর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং আমরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে যাচ্ছি।’
আইএলওর তথ্য অনুযায়ী, ২০১০ সালে সারা বিশ্বে গৃহকর্মী ছিল কমপক্ষে পাঁচ কোটি ২৬ লাখ। বিভিন্ন দেশের জাতীয় জরিপ থেকে আইএলও এ তথ্য পেয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, গৃহকর্মীর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তাঁদের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে। কেননা, অনেক দেশ সঠিকভাবে হিসাব করেনি।
যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশ এই সনদকে সমর্থন দিলেও যুক্তরাজ্য এর পক্ষে ভোট দেয়নি। দেশটি বলেছে, তারা ভোট দেয়নি, কারণ নিকট ভবিষ্যতেও তা বাস্তবায়ন করা সম্ভব নয়। কেননা, বাড়িতে বাড়িতে কর্মরত গৃহকর্মীদের জন্য এত নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না।

কংগ্রেসের অনুমোদন ছাড়া লিবিয়া অভিযান বেআইনি হয়নি

লিবিয়া অভিযানে মার্কিন অংশগ্রহণের বৈধতা নিয়ে আইন পরিষদ কংগ্রেসের সমালোচনা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি গত বুধবার বলেছেন, এই অভিযানের ফলে দেশের আইন লঙ্ঘিত হয়নি।
কংগ্রেসে পাঠানো ৩২ পৃষ্ঠার একটি প্রতিবেদনে হোয়াইট হাউস বলেছে, মুয়াম্মার গাদ্দাফিকে দমনে ন্যাটো নেতৃত্বাধীন চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ব্যাপারে কংগ্রেসের অনুমোদনের দরকার নেই। কেননা এই অভিযানে যুক্তরাষ্ট্র কেবল সহায়ক ভূমিকা পালন করছে।
ভিয়েতনাম যুদ্ধের সময়কার একটি মার্কিন আইনে বলা আছে, ৬০ দিনের বেশি দীর্ঘ বৈরিতার ক্ষেত্রে সরকারকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ওয়ার পাওয়ার্স রেজুলেশন নামে ওই আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে অনুমোদন নিতে ব্যর্থ হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে।
হোয়াইট হাউসের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ অনুমোদিত এই অভিযানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা এমন কোনো সরাসরি যুদ্ধের পর্যায়ে যায়নি, যে কারণে ১৯৭৩ সালের ওই আইনের আওতায় আইনপ্রণেতাদের অনুমোদন নিতে হবে। লিবিয়ার বেসামরিক লোকজনকে রক্ষা, সেখানে উড্ডয়ন-নিষিদ্ধ অঞ্চল প্রতিষ্ঠা এবং অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতেই কেবল এই অভিযান চালানো হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহুজাতিক এই অভিযানে মার্কিন বাহিনী বাধ্য হয়ে সহায়ক ভূমিকা পালন করছে।
অনুমোদনের জন্য ৯০ দিনের বর্ধিত সময় চলে গেলেও আগামী রোববারের পর যুক্তরাষ্ট্রের লিবিয়া অভিযান অবৈধ হবে বলে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বোয়েনার প্রেসিডেন্ট ওবামাকে কড়া ভাষায় চিঠি দিয়েছিলেন। এরপর হোয়াইট হাউসের তরফ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
রিপাবলিকান দল হোয়াইট হাউসের করা প্রতিবেদনটি বিশ্লেষণ করছে। তারা বলেছে, প্রতিবেদনটিতে নতুন কিছু যুক্তি উপস্থাপিত হয়েছে। ফলে এগুলো আরও বিশ্লেষণ করার দরকার আছে।
উভয় দলের কয়েকজন কংগ্রেস সদস্য একজোট হয়ে অনুমোদন ছাড়া লিবিয়ায় সামরিক অভিযানে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলাও করেছেন। এতে ‘কোনো মার্কিন প্রেসিডেন্টের এককভাবে দেশকে যুদ্ধে জড়িত করতে পারার’ নীতিকে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও এ মামলার বিবাদী।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় চলতি বছরের গোড়ার দিকে রাজনৈতিক সংকট শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকারের এ পর্যন্ত সামরিক অভিযানসহ অন্যান্য খাতে মোট ৭১ কোটি ৫০ লাখ ডলার খরচ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ডলার।
ত্রিপোলিতে ন্যাটোর গোলাবর্ষণ: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাব আল-আজিজিয়া সামরিক ব্যারাকের কাছে গতকাল বৃহস্পতিবার ভোরে গোলাবর্ষণ করেছে ন্যাটো বাহিনী। ব্যারাকটি গাদ্দাফির মূল বসবাসের জায়গা। ভোর পাঁচটার আগে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করে ন্যাটো। এতে একটি হোটেল ধ্বংস হয়ে যায়। এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। লিবিয়া সরকার এই অভিযানের ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে ত্রিপোলির পথে অগ্রসরমাণ বিদ্রোহীরা পশ্চিমাঞ্চলীয় আরও তিনটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে আফগানিস্তান যাবেন প্রিন্স হ্যারি

আফগানিস্তানে আবার তালেবানবিরোধী লড়াইয়ে অংশ নেওয়ার ইচ্ছা পূরণ হবে প্রিন্স হ্যারির। আগামী বছর অ্যাপাচি হেলিকপ্টারের পাইলটের দায়িত্ব নিয়ে দেশটিতে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যোগ দেবেন তিনি। তবে এর আগে তাঁকে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ২০০৮ সালে তালেবানবিরোধী লড়াইয়ে গিয়েছিলেন প্রিন্স হ্যারি। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে শেষমেশ তাঁকে সেখান থেকে ফেরত নেওয়া হয়। আগামী বছর আবার তাঁর স্কোয়াড্রন আফগানিস্তান যাবে। যুক্তরাজ্যের ক্লেয়ারেন্স হাউস বলেছে, আগামী বছর প্রিন্সকে তাঁর প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে। কেবল তখনই আফগানিস্তানসহ যেকোনো স্থানে অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েনের প্রয়োজন পড়লে প্রিন্সকে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে, আগামী গ্রীষ্মের শেষ দিকে প্রিন্স ও তাঁর স্কোয়াড্রন আফগান মিশনে ফিরে যাবে। এবার তিনি আর কনিষ্ঠ কর্মকর্তা হিসেবে নয়; বরং চার কোটি পাউন্ড মূল্যের হেলিকপ্টার চালাবেন।
যুদ্ধের ময়দানে অ্যাপাচি হেলিকপ্টারের অস্ত্রচালনার ওপর বর্তমানে আট মাসের একটি কোর্স করছেন প্রিন্স। তিনি আফগান লড়াইয়ে যাবেন—এ নিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস ও তাঁর প্রেমিকা চেলসি ডেভি উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ইচ্ছা পূরণে অনড় প্রিন্স হ্যারি।

পাঁচ মাস পর হাসপাতাল ছাড়লেন কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস হাসপাতাল ছেড়েছেন। বন্দুকধারীর গুলিতে আহত হয়ে প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত বুধবার তিনি হাসপাতাল ছাড়েন।
গত জানুয়ারিতে অ্যারিজোনার টুসনে সভা চলার সময় একজন বন্দুকধারী গুলি ছুড়লে গিফোর্ডস আহত হন। এর পর থেকে তিনি হিউস্টনের টিআইআরআর হারম্যান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা জেরার্ড ফ্রান্সিসকো এক বিবৃতিতে জানান, গ্যাব্রিয়েল গিফোর্ডসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। দিন দিন তাঁর উন্নতি হচ্ছে। গিফোর্ডসের আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই।
হাসপাতাল থেকে টেক্সাসের লিগ সিটিতে স্বামী মহাকাশযান এনডেভরের অধিনায়ক মার্ক কেলির বাড়িতে যাওয়ার কথা গিফোর্ডসের।
টুসনে ৮ জানুয়ারির গুলিবর্ষণের ঘটনায় একজন বিচারক ও নয় বছরের একটি শিশুসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।

অবশেষে পদত্যাগ করলেন কংগ্রেসম্যান ওয়েইনার

ইন্টারনেট যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া মার্কিন কংগ্রেসম্যান অ্যান্টনি ওয়েইনার গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। গত ২৮ মে তিনি ইন্টারনেটে সিয়াটলের এক নারীর কাছে অশোভন ছবি পাঠান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনার ঝড় ওঠে।
এ ঘটনার পর ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি কংগ্রেসম্যান ওয়েইনারকে (৪৬) পদত্যাগের জন্য প্রকাশ্যে জোরালো আহ্বান জানান। পেলোসি তাঁকে চিকিৎসকের সহায়তা নিতেও বলেন।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওয়েইনার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি বলেন, তিনি সিয়াটলের কোনো নারীর কাছে কোনো ছবি পাঠাননি। তিনি দাবি করেন, তাঁর টুইটারের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। কিন্তু গত ৬ জুন ওয়েইনার স্বীকার করেন, তিনি মিথ্যাচার করেছেন। তিনি আরও ছয় নারীর সঙ্গে এ ধরনের ছবি আদান-প্রদান করেছেন। তবে সে সময় ওয়েইনার দোষ স্বীকার করলেও পদত্যাগে অস্বীকৃতি জানান এবং কংগ্রেস থেকে ছুটি নিয়ে তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন ও চিকিৎসার জন্য পরিকল্পনা নেন।
ওয়েইনার বিয়ে করেছেন এক বছরও হয়নি। তাঁর স্ত্রী হুমা আবেদীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের অন্যতম সহযোগী। গত বছরের জুলাই মাসে তাঁদের বিয়ের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।

পদ টিকিয়ে রাখতে লড়ছেন জেনারেল আশফাক কায়ানি

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এখন তাঁর পদ টিকিয়ে রাখার জন্য লড়ছেন। ওসামা বিন লাদেন হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এতে সেনাবাহিনীর ওপর জনরোষ ক্রমে বাড়ছে। অবস্থান টিকিয়ে রাখতে তিনি যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা একেবারে বন্ধের নির্দেশও দিতে পারেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী মূলত শীর্ষ পর্যায়ের ১১ জন অধিনায়কের মতৈক্যের ভিত্তিতে পরিচালিত হয়। সম্মিলিতভাবে তাঁরা কোর কমান্ডার্স বলে পরিচিত। এর মধ্যে বেশির ভাগ কর্মকর্তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল কায়ানির সম্পর্ক খুব বেশি জটিল আকার ধারণ করেছে। এমনকি সম্পর্ক চুকেও যেতে পারে।
পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কট্টর অবস্থান জেনারেল কায়ানিকে আত্মরক্ষামূলক অবস্থানে নিয়ে গেছে। এ চাপের মুখে তিনি যদি স্থানচ্যুত হন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক মার্কিনবিরোধী সেনাপ্রধানের মুখোমুখি হতে পারে, যিনি হবেন আরও আপসহীন।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পাকিস্তানি সেনাবাহিনীর নিয়মিত মাসিক বৈঠকের পর যে দীর্ঘ বিবৃতি দেওয়া হয়, এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁদের ফুঁসতে থাকা মনোভাবের আভাস পাওয়া গেছে। অবশ্য যুক্তরাষ্ট্র এখনো পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। পাকিস্তানি সেনাবাহিনীকে বার্ষিক সহায়তা হিসেবে তারা কমপক্ষে ২০০ কোটি ডলার দিচ্ছে।
সেনাবাহিনীর ভেতর ও জনতার মধ্যে সমর্থন আবার ফিরিয়ে আনার লক্ষ্যে দেওয়া এ বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে মার্কিন প্রশিক্ষণ বরাবরই ন্যূনতম পর্যায়ে ছিল। এখন এর অবসান ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, উপজাতীয় এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সিআইএ পরিচালিত ড্রোন হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। নিজের পদ ধরে রাখতে ড্রোন হামলা বন্ধ করার কড়া নির্দেশও দিতে পারেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক রজার্স বলেছেন অ্যাবোটাবাদের নিরাপদ আবাসে আল-কায়েদা নেতা ওসামাকে পাকিস্তানের কিছু সেনা ও গোয়েন্দা কর্মকর্তা সহায়তা দিয়েছেন।
রজার্স বলেন, গোপন গোয়েন্দা নথি ঘেঁটে তিনি যে তথ্য পেয়েছেন, সে অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনী ও শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কিছু কর্মকর্তা অ্যাবোটাবাদের বাড়িতে ওসামার নিরাপদে বাস করার ব্যাপারে সহযোগিতা করেছেন।

খানজাহান আলী পাওয়ার ও স্ট্যানচার্টের মধ্যে চুক্তি

যশোরের নওয়াপাড়ায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডকে পাঁচ বছর মেয়াদে দুই কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব ওসিসি ভেঙ্কটরামানন আনন্দরমন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার হেড অব গ্রোথ মার্কেটস নিরকুট সাপরু; হেড অব রিজিওনাল স্ট্রাকচারড ট্রেড ফিন্যান্স অ্যান্ড ফিন্যান্সিং সল্যুশন্স মিলন মেহরা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও জিম ম্যাককেইব, হেড অব অরিজিনেশন অ্যান্ড ক্লায়েন্ট কাভারেজ আবরার আনোয়ার, হেড অব সিটিএ মাহ্ফুজুর রহমান, পরিচালক-সিটিএ আরিফ আইনুল সুমন ও ফিন্যান্সিয়াল মার্কেট সেলসের সহযোগী পরিচালক সৈয়দ শাদমান রহিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহ্মুদ রাজা, খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক কে এম আহ্সান শামীম এবং সামিট গ্রুপের অর্থ পরিচালক আয়েশা আজিজ খান ও পরিচালক জাফর উম্মিদ খান উপস্থিত ছিলেন।

জিপিএইচ ইস্পাত ও সেনা হোটেল ডেভেলপমেন্টের মধ্যে পণ্য সরবরাহ চুক্তি

দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড ও সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের (র‌্যাডিসন হোটেল) মধ্যে সম্প্রতি একটি পণ্য সরবরাহ চুক্তি হয়েছে।
এই চুক্তি অনুযায়ী, চট্টগ্রামে সেনা হোটেল ডেভেলপমেন্টের নির্মাণাধীন নতুন হোটেল প্রকল্পে (র‌্যাডিসন বে ভিউ হোটেল) দুই হাজার মেট্রিক টন স্টিল (রড) সরবরাহ করবে জিপিএইচ ইস্পাত।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেনা হোটেল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এ সময় জিপিএইচ ইস্পাতের পরিচালক আলমগীর কবির, আলমাস শিমুল ও সহকারী মহাব্যবস্থাপক কাজী রুহুল কুদ্দুস এবং সেনা হোটেল ডেভেলপমেন্টের পরিচালক কর্নেল নজরুল ইসলাম ও প্রধান প্রকৌশলী শরীফ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সপ্তাহের শেষ দিনেও বাজারে দরপতন

দরপতন দিয়েই পুঁজিবাজারে সপ্তাহটি শুরু হয়েছিল। আর শেষও হয়েছে দরপতন দিয়ে। এর ফলে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই দরপতন ঘটেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণার পর পুরো সপ্তাহটি ছিল বেশ আলোচিত। প্রথম কার্যদিবস রোববারই বাজেট-পরবর্তী বিনিয়োগকারীদের হতাশার প্রতিফলন ঘটে বাজারে। ওই দিন বড় ধরনের দরপতন ঘটে বাজারে। রোববার ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৩১৩ পয়েন্ট কমে যায়। এরপর সোমবার সেখানে সূচকের কিছুটা উল্লম্ফন দেখা যায়। তবে পরের তিন কার্যদিবসের প্রতিদিনই সূচক একটু একটু করে কমেছে।
সপ্তাহের শেষ দিনে এসে গতকাল বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৭৭৬ পয়েন্টে। যদিও দিনভর ডিএসইর সাধারণ সূচক বেশ কয়েক দফা ওঠানামা করেছে। লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৫৫ পয়েন্টে। সেটিই ছিল সূচকের গতকালের সর্বোচ্চ অবস্থান।
সূচক কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, নতুন বাজেটে শেয়ারবাজারের জন্য আলাদা কোনো ঘোষণা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। সপ্তাহজুড়ে এর প্রতিফলনও বাজারে পড়েছে।
তবে সপ্তাহের চার কার্যদিবসে বাজারে দরপতনের সুযোগ নিয়েছেন অনেক বিনিয়োগকারী। বাজেট ঘোষণার আগে যেসব বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নিয়েছিলেন, পতনের কারণে তাঁরা আবারও নতুন করে বিনিয়োগের সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
এদিকে গতকাল দুই বাজারেই লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে এ দিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রামে তা কমেছে।
ডিএসইতে গতকাল ২৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১২৬টিরই দাম কমেছে, বেড়েছে ১১১টির আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে স্টক এক্সচেঞ্জটিতে ৪৮৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
সিএসইতে গতকাল ১৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৯৮টিরই দাম কমেছে, বেড়েছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।
বাজারচিত্র থেকে দেখা যায়, দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সূচকের উত্থান-পতন ঘটলেও শেষ দুই ঘণ্টায় মূল্যসূচক ছিল নিম্নমুখী।

মাশুলের বিষয়ে ১৫ দিনের মধ্যে মতামত জানাবে অর্থ মন্ত্রণালয়

দেশের চারটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের জন্য প্রদেয় মাশুলের বিষয়ে ১৫ দিনের মধ্যে মতামত জানাবে অর্থ মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। খবর ইউএনবির।
অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোন কোম্পানিগুলোর তরঙ্গ বরাদ্দের মাশুলের বিষয়ে একটি সিদ্ধান্ত টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ১৫ দিনের মধ্যে জানানো হবে। তবে প্রস্তাবিত মাশুল কমানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয়ের মতামত টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে জানানোর পর তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে অর্থমন্ত্রী জানান।
দেশের চারটি মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রধান নির্বাহীরা অ্যামটবের (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) ব্যানারে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
অ্যামটবের সভাপতি ও সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় গ্রামীণফোনের সিইও টোরে জনসন, বাংলালিংকের সিইও আহমেদ আবু দোমা ও রবির সিইও মাইকেল কুয়েনার উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, মাশুলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরেকবার আলোচনা করার সুযোগ থাকবে।
মুহিত আরও বলেন, দেশে মোবাইল ফোনের প্রায় সাত কোটি গ্রাহক রয়েছে, যা নিঃসন্দেহে বিরাট। তাই এই খাতের গুরুত্বও অনেক।
অর্থমন্ত্রী আরও জানান, বৈঠকে মূলত তরঙ্গ বরাদ্দ মাশুলের উচ্চহার ছাড়াও লাইসেন্স নবায়ন দিকনির্দেশনার বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়েছে।
তবে আন্তর্জাতিক বাজারে লাইসেন্স নবায়ন মাশুলের সঙ্গে তুলনা করেই বাংলাদেশের জন্য মাশুল নির্ধারণের সুপারিশ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
বর্তমানে মোবাইল ফোন কোম্পানিগুলোতে যে হিসাব নিরীক্ষা চালানো হচ্ছে, সেই নিরীক্ষা নিয়ে নানা সমস্যার কথা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা অর্থমন্ত্রীকে জানিয়েছেন।
বৈঠকে অবশ্য তাঁরা বাজেটে সিম কার্ডের ওপর কর কমানোয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।
চারটি মোবাইল ফোন প্রতিষ্ঠান সরকারের খসড়া টেলিকম নীতিমালা পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়ে আসছে। তারা বলছে, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্য চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। একসঙ্গে এত টাকা দিলে তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে।
অন্যতিকে গত এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের জানান, লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের মাশুলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যে খসড়া নীতিমালা তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দিয়েছে, তাতে লাইসেন্স নবায়নের জন্য অপারেটরগুলোর আবেদন করার সময়সীমা দেওয়া হয়েছিল ১০ মে পর্যন্ত। পরে তা আরও দুই মাস বাড়ানো হয়।
সরকারের খসড়া নীতিমালায় বলা হয়েছে, এবার লাইসেন্স দেওয়া হবে ১৫ বছরের জন্য। একই সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের এখন থেকে বেতার তরঙ্গ কিনে ব্যবহার করতে হবে।

ফুটবল দলকে ভারতের আমন্ত্রণ

আগামী ৭ জুলাই দিল্লিতে বাংলাদেশের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায় ভারত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবুজ সংকেত দিলেই সামনে এগোবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে বাফুফেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে।
বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার প্রস্তুতি হিসেবে ভারতীয় জাতীয় দল বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ৭ জুলাই দিল্লিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায়। ৩ জুলাই লাহোরে পাকিস্তানের সঙ্গে খেলে আসার পথে বাংলাদেশ দলকে দিল্লিতে ম্যাচটা খেলার অনুরোধ করেছে ভারত।’ আর্থিক বিষয়টা নিয়েই বাফুফে যা একটু ভাবছে, তবে টাকার সংস্থান হলে বাফুফে এই ম্যাচ খেলার পক্ষে—এমনই আভাসই দিয়েছেন বাদল রায়।
রজনী ও মতিউর মুন্নার ‘না’: পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচের প্রাথমিক তালিকায় ছিল তাঁদের দুজনের নাম। বিদায়ী কোচ রবার্ট রুবচিচ অভিজ্ঞ হিসেবে এই দুজনকে ডেকেছিলেন। কিন্তু অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা দুই খেলোয়াড় রজনীকান্ত বর্মণ ও মতিউর মুন্না ফিরবেন না বলে বাফুফেকে জানিয়ে দিয়েছেন। জাতীয় দলে খেলার অনিচ্ছা থাকলেও রুবচিচের ডাকে সাড়া দেবেন বলে জানিয়েছিলেন তাঁরা। তবে রুবচিচ চলে যাওয়ায় বর্তমান পরিস্থিতিতে তাঁরা ফিরবেন না জাতীয় দলে।

খেলার ছবির প্রদর্শনী ও প্রতিযোগিতা

খেলার ছবি নিয়ে ‘ছবিতে বাংলাদেশের ক্রীড়া ঐতিহ্য শীর্ষক’ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। অলিম্পিক ডে উদ্যাপনের অংশ হিসেবে ২৪-৩০ জুন বিওএ ভবনে চলবে প্রদর্শনী। এতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা পাবেন অংশ নেওয়া আলোকচিত্রীরা। আগ্রহী শৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের ২০ জুনের মধ্যে বিওএ কার্যালয়ে ছবি জমা দিতে হবে। একজন সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন। প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা।

মোহামেডান থাকবে তো সুপার কাপে?

দুই বছর আগে আট দলের প্রথম সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মোহামেডান। অথচ দ্বিতীয় সুপার কাপে মোহামেডান থাকবে কি না, নিশ্চিত নয়। কাল বাফুফে জানিয়েছে, এবার টুর্নামেন্ট হবে ছয় দল নিয়ে।
২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন পঞ্চম স্থানে। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এরপর ব্রাদার্স। ২০ ম্যাচে ২৪ পয়েন্ট রহমতগঞ্জের। শেখ জামাল, মুক্তিযোদ্ধা, আবাহনী ও শেখ রাসেল নিশ্চিত। পরের দুটি স্থানের জন্য লড়ছে মোহামেডান, ব্রাদার্স ও রহমতগঞ্জ।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম অবশ্য আশাবাদী। কাল শেখ জামালের কাছে হারের পরও বললেন, ‘সুপার কাপ আশা করছি খেলব। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছি না।’
দুই কোটি টাকার এই আলোচিত টুর্নামেন্টটি গত বছর হয়নি। এবারও অনিশ্চয়তা ছিল। কয়েক দিন আগে বাংলাদেশ লিগের পরই সুপার কাপ হবে বলে নিশ্চিত করে বাফুফে। কাল জানানো হয়েছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটা হবে।

জুভেন্টাসে যাচ্ছেন না অ্যাগুয়েরো

এবারের দলবদলের মৌসুমেই আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমাবেন বলে শোনা যাচ্ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য ২২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল জুভেন্টাস। কিন্তু খুব শিগগির তিনি মাদ্রিদ ছাড়বেন না বলে জানিয়েছে তাঁর এজেন্ট হার্নান রেগুয়েরা।
স্প্যানিশ সংবাদপত্র এএসকে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যাগুয়েরোর এজেন্ট বলেছেন, ‘অ্যাগুয়েরো পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে চায়, এটা ঠিক। কিন্তু সে জন্য তিনি দলবদলের কথা ভাবছেন না। আপাতত আমরা তাঁর সামনে বিকল্প পথগুলোর কথা ভাবছি। চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অনেক কিছু ভাবতে হবে। তবে এ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে একটা সফল কোপা আমেরিকা মিশনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন অ্যাগুয়েরো।’
জুভেন্টাস ছাড়াও চেলসি, ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য উদগ্রীব হয়ে আছে।

শেষ ওয়ানডেতে সহজ জয় উইন্ডিজের

প্রথম তিনটি ম্যাচ হেরে সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গেলেও শেষ দুটি ওয়ানডে জিতে কিছুটা সম্মান নিয়ে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকেরা পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। ভারতের বেঁধে দেওয়া ২৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথম সাত ওভারের মধ্যেই দুই ভারতীয় ওপেনার পার্থিব প্যাটেল ও শেখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে শুরুটাও ভালোভাবেই করেছিলেন উইন্ডিজ বোলাররা। তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা কিছুটা সামলে নিয়েছিলেন বিরাট কোহলি ও মনোজ তিওয়ারি। ১৬তম ওভারে পোলার্ডের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিওয়ারি। এরপর ১১০ রানের অসাধারণ এক জুটি গড়ে ভারতকে কিছুটা শক্ত অবস্থান এনে দেন কোহলি ও রোহিত শর্মা। দলীয় ১৮৯ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউটের ফাঁদে পড়েন কোহলি। মাত্র ৬ রানের জন্য তিনি করতে পারেননি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১০৪ বলে ৯৪ রানের চমত্কার এক ইনিংস খেলে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৫৭ রান। শেষ মুহূর্তে ইউসুফ পাঠানের ৩০ রানের ইনিংসটির সুবাদে ভারতীয় ইনিংস শেষ হয় ২৫২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে আনার জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি উইন্ডিজ ব্যাটসম্যানদের। পঞ্চম ওভারেই লেন্ডি সিমন্সের উইকেট হারালেও রামনরেশ সারওয়ান ও ড্যারেন ব্রাভোর দুর্দান্ত ব্যাটিংয়ে খুব সহজেই জয় তুলে এনেছে স্বাগতিকেরা। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেছিলেন ১০৩ রান। ৮৬ রান করে অমিত মিশ্রর শিকারে পরিণত হয়েছিলেন ব্রাভো। ৭৫ রান এসেছে সারওয়ানের ব্যাট থেকে। বাকি কাজটা নির্বিঘ্নেই সেরে ফেলেন মারলন স্যামুয়েলস ও কাইরন পোলার্ড। চতুর্থ উইকেটে ৪২ রানের অপরাজিত ঝোড়ো জুটি গড়ে ৮ বল বাকি থাকতেই জয় তুলে আনেন এ দুই ব্যাটসম্যান।

লড়াই চালিয়ে যাবেন কলিংউড

যাঁর আরেক নাম ‘ফাইটার’, তিনি কি আর এত সহজে লড়াইয়ে হার মানতে পারেন? টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর হতাশাটা গোপন করেননি। কয়েক দিন আগে বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন। কিন্তু কাল পল কলিংউড বললেন, এখনই অবসর নয়। ওয়ানডে দলে জায়গা টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাবেন।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত অ্যাশেজ সিরিজে। আর ওয়ানডের একাদশে জায়গা হারিয়েছেন গত বিশ্বকাপে। হাঁটুতে অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন এ মাসেই, ডারহামের হয়ে খেলছেন টি-টোয়েন্টি কাপে। ৩৫ বছর বয়সে ঘোষণা দিলেন নতুন লড়াইয়ের, ‘ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভালোবাসি। জাতীয় দলে খেলার অনুভূতি অসাধারণ। গত ১০ বছর যে স্বপ্নের মাঝে আমার বিচরণ, সেটির স্বাদ আরও পেতে চাই। বয়স হলে বাড়তি চাপ কিছু থাকবেই, কিছু হলেই লোকে বয়সের প্রসঙ্গ তুলবে। কিন্তু আমি নিজেকে এখনো ফিট ও ক্ষিপ্র মনে করি।’

উস্টারের জয়ে সাকিবের ১ উইকেট

ওয়েস ডার্সটনের যেন বিশ্বাসই হচ্ছিল না। বলটা যেখানে পিচ করেছে, সেখানে একবার তাকালেন। এরপর ঘাড় ঘুরিয়ে তাকালেন স্টাম্পের দিকে। ডার্বিশায়ার ওপেনার বুঝতেই পারেননি, লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল প্যাড-ব্যাটকে ফাঁকি দিয়ে অফ স্টাম্পে কীভাবে লাগল। বোলার সাকিব আল হাসানের উদ্যাপনে উচ্ছ্বাস নেই। এ আর এমন কী!
ওই ১টি উইকেটই পেয়েছেন সাকিব, ৪ ওভারে রান দিয়েছেন ২৩। তবে পরশু তাঁর প্রথম বলটিই হয়তো ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল ডার্বিশায়ার ব্যাটসম্যানদের। খণ্ডকালীন স্পিনার মঈন আলীও পেয়ে গেলেন ২ উইকেট, এরপর টানা ৪ উইকেট মিডিয়াম পেসার ক্রিস হুইলান। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ডার্বিশায়ার গুটিয়ে গেল মাত্র ১০৬ রানে। ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় পেল উস্টারশায়ার, পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। ব্যাট হাতে অবশ্য আবারও ব্যর্থ সাকিব। আগের দুই ম্যাচে ৩ ও শূন্য রানের পর পরশু করেছেন ৮।
পরশুই গ্লস্টারশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন কেন্টের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। গ্লস্টার অবশ্য তারপরও ১৬৬ রান তুলেছিল। কিন্তু আরেক পাকিস্তানি আজহার মেহমুদের সেঞ্চুরিতে (৫৭ বলে ১০৬*) কেন্ট জিতে যায় ৮ উইকেটে।