Monday, June 27, 2011

সহজ জয় শ্রীলঙ্কার

এক ম্যাচে দুই দলের অধিনায়কেরই অধিনায়কত্বের অভিষেকের ঘটনা বিরলই। কাল ব্রিস্টলে এই বিরল ঘটনাই ঘটল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেন স্টুয়ার্ট ব্রড। তিলকরত্নে দিলশানের চোটের কারণে শ্রীলঙ্কার হয়ে অধিনায়কত্বের অভিষেক হলো থিলিনা কান্দাম্বির।
ব্রডের অধিনায়কত্বের শুরুটা হলো হার দিয়ে। কান্দাম্বির শুরুটা জয়ে। অবশ্য শ্রীলঙ্কার ৯ উইকেটের জয়ে তাঁর অবদান দলকে নেতৃত্ব আর ফিল্ডিংয়েই সীমাবদ্ধ। বোলিং করেন না। ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি।
ইংল্যান্ডের ৯ উইকেটে ১৩৬ রানের জবাবে ৪০ রানেই সনাৎ জয়াসুরিয়াকে (৮) হারায় শ্রীলঙ্কা। এরপর সাবেক দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৫৭ বলে ৭২*) আর কুমার সাঙ্গাকারার (৩৯ বলে ৪৩*) অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।
ইংল্যান্ডের ১৩৬ রানের মধ্যে এউইন মরগান (৩২ বলে ৪৭) ও কেভিন পিটারসেন (২৭ বলে ৪১) মিলে করেন ৮৮, দলের বাকি সবাই মিলে মাত্র ৪৮। তৃতীয় উইকেটে ৫৩ বলে ৮৩ রানের জুটি গড়েন পিটারসেন-মরগান।

তাঁরও নায়ক ম্যারাডোনা

কোপা লিবার্তোদোরেস ফাইনালের ফিরতি লেগ ছিল বলে এক দিন পরে এসেছেন। আর্জেন্টিনায় পা রাখা মাত্রই নেইমারকে ঘিরে ধরেছেন সাংবাদিকেরা। সান্তোসের ১৯ বছর বয়সী এই উঠতি তারকা প্রথম সুযোগেই স্যালুট জানিয়ে দিলেন আর্জেন্টিনার সেকালের মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা আর একালের মহাতারকা লিওনেল মেসিকে।
ম্যারাডোনা তাঁকে অভদ্র বলেছিলেন বলে খবর রটেছিল। এর পরদিনই অবশ্য ম্যারাডোনা তাঁর নাতির দিব্যি কেটে জানান, এ ধরনের কোনো মন্তব্যই তিনি করেননি। আর নেইমারও সাংবাদিকদের জানিয়ে দিলেন, এ নিয়ে অহেতুক জল ঘোলা করার দরকার নেই, ‘এ নিয়ে আমি আগেই আমার ওয়েবসাইটে একটা নোট দিয়েছি। এটা এখন অতীত। ম্যারাডোনা শুধু আমার নয়, পুরো বিশ্বেরই একজন নায়ক। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। তাঁর সঙ্গে তোলা একটা ছবিও আছে আমার।’
ইদানীং অনেকে মেসি বনাম নেইমার দ্বৈরথের ছবি আঁকছেন। কিন্তু সেই চারা গাছকে আর বাড়তে দিতে রাজি নন নেইমার। জানিয়ে দিলেন, ‘আমি সব সময়ই বলেছি, দরকার পড়লে হাজারবার বলব, মেসি বাকি সবার চাইতে এক ধাপ ওপরে।’
কিন্তু বয়সের তুলনায় যথেষ্ট পরিণতও মনে হয় তাঁকে, ‘সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি তাতে উচ্ছ্বসিত। আমি কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছি এতে ভালোই লাগে। কিন্তু ব্রাজিল দলে আমি স্রেফ আরেকজন খেলোয়াড়, যে কি না দলের লক্ষ্য অর্জনে কাজ করছে, এর বেশি কিছু নয়।’