Showing posts with label সুনামগঞ্জ. Show all posts
Showing posts with label সুনামগঞ্জ. Show all posts

Sunday, February 15, 2026

যাদুকাটা নদীর তীরে শিমুলবাগানে আজ বসন্ত উৎসব by খলিল রহমান

‘বসন্তের ফুল যত, যাবো মোরা দুজনে কুড়াতে...’। আজ পয়লা ফাল্গুন, বসন্তকাল। শিমুলগাছ ফুলে ফুলে লাল হয়ে আছে। ঝরা ফুলে লাল হয়ে আছে সবুজ ঘাসের জমিন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলবাগানের এমন দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে। বসন্তকে বরণ করে নিতে এখানে আজ দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে মানিগাঁও এলাকায় এই শিমুলবাগানের অবস্থান। যাদুকাটা নদীর তীর ঘেঁষে থাকা এই বাগান এখন অনেকের কাছে প্রিয় পর্যটনকেন্দ্র। এখানে এলে একই সঙ্গে হাওর, নদী, পাহাড়ের দেখা মেলে। জেলা শিল্পকলা একাডেমি ২০২৩ সাল থেকে সুনামগঞ্জের চোখজুড়ানো এই শিমুলবাগানে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে।

জেলা সংস্কৃতি কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী জানালেন, বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে সই গো...’ গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এবার উৎসবে সুনামগঞ্জের প্রায় ২০০ শিল্পী অংশ নিয়েছেন। সংগীত, নৃত্য, কবিতা, আদিবাসী ও পাহাড়ি নৃত্য, বাউল গানসহ লোক–ঐতিহ্যের সব আয়োজন জমে উঠেছে উৎসবে।

বসন্তবরণে শিমুলবাগান সেজেছে নতুন রূপে। বাগানজুড়ে গাছের ডালে থোকা থোকা ফুল, পাখির কলরব। পাশেই নদীর কলতান। ফুল, পাখি আর বসন্তের হাওয়ায় মন উদাস হয়ে ওঠে। শিমুলবাগানে ফুল ফোটার অপেক্ষায় থাকেন অনেকে। কেউ কেউ অপেক্ষায় থাকেন পয়লা ফাল্গুনের। বাসন্তী সাজে ছুটে আসেন যাদুকাটা নদীর তীরের এই শিমুলবাগানে। কেউ আসেন পরিবার নিয়ে, কারও সঙ্গে থাকে প্রিয় মানুষ। কেউবা আবার একা এসে নিজেকে খোঁজেন প্রকৃতির মধ্যে।

বিশেষ এই দিন ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসেন। বাগানে ঘুরে বেড়ান, ছবি তোলেন। তরুণেরা দল বেঁধে গানে মাতেন। শাহ আবদুল করিম, হাছন রাজা, দুর্বিন শাহের গানের সুর ছড়িয়ে পড়ে বাগানজুড়ে। কেউ কেউ গাছের ছায়ায় প্রিয় মানুষের হাত ধরে উদাস হন। কেউ আবার নিরিবিলি বসে সময় কাটান, ঝরে পড়া ফুল কুড়ান। ভালোবাসার গল্পে কাটে তাঁদের সকাল-দুপুর। শুধু বড়রা নন, শিশুরাও আসে শিমুলবাগানে। আনন্দে মাতে তারা। দৌড়াদৌড়ি, ঘোড়ায় চড়া, দোলনায় দোল খাওয়া, পাহাড় দেখা—সবই চলে।

স্থানীয় বাসিন্দা, কবি ও আলোকচিত্রী অমিয় হাসান জানালেন এই বাগান গড়ে ওঠার কথা। ২০০১ সালে এই বাগান গড়ে তোলেন এলাকার একজন বৃক্ষপ্রেমী, সমাজকর্মী প্রয়াত জয়নাল আবেদীন। তাঁর উত্তরসূরিরা এই বাগানের নাম দিয়েছেন ‘জয়নাল শিমুল বাগান’। ৩০ একর জায়গাজুড়ে এই বাগানে রয়েছে প্রায় তিন হাজার গাছ। বলা হয়, এটি দেশের সবচেয়ে বড় শিমুলবাগান। ফেব্রুয়ারির শুরু থেকেই ফুল ফুটতে থাকে। মাসজুড়েই গাছে ফুল থাকে। এরপর ধীরে ধীরে ঝরে পড়ে। একসময় গাছে নতুন পাতা গজায়, তখন সবুজ হয়ে ওঠে বাগান।

প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে রাখাব উদ্দিন জানান, বাগানে এ সময় অনেক পর্যটক আসেন। তাঁদের সুবিধার জন্য এখানে ক্যানটিন চালু করা হয়েছে, বিশ্রামের ব্যবস্থাও আছে। উপজেলা প্রশাসন থেকেও এখানে একটি গেস্টহাউস করা হয়েছে। বাগানের সৌন্দর্যবর্ধনসহ তাঁদের আরও কিছু কাজের পরিকল্পনা আছে।

বসন্ত উৎসবে সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করছেন একদল শিল্পী। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলবাগানে
বসন্ত উৎসবে সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করছেন একদল শিল্পী। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলবাগানে। ছবি: প্রথম আলো

Sunday, February 23, 2025

আওয়ামী লীগ স্বনামে একই নেতৃত্বে ফিরতে পারবে না: শিশির মনির

আওয়ামী লীগ স্বনামে কিংবা একই নেতৃত্বে আর ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই। চলমান অপারেশন ডেভিল হান্টে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে দৃষ্টি রাখতে আহ্বান জানান তিনি। শুক্রবার রাত ৮টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিশির মনির আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন। তিনি বলেন, আমি দিরাই-শাল্লার পুরনো সিস্টেম ভেঙে দিতে চাই। দিরাই-শাল্লায় উন্নয়নের নামে বিগত দিনে অনেক লুটপাট হয়েছে। এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নতুন এক দিরাই-শাল্লা উপহার দিতে চাই। তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। আল্লাহ আমাকে আর্থিক সচ্ছলতা এবং ইজ্জত-সম্মান দান করেছেন। আমার এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার মানুষদের প্রতি আমার  দায়িত্ববোধ, ভালোবাসা থেকেই বারবার এখানে ছুটে আসি। এখানে কেউ যাতে বিগত দিনের ন্যায় লুটপাট করতে না পারে, সাধারণ মানুষকে বেকায়দায় না ফেলে, তাদের সরল বিশ্বাসে আঘাত দিয়ে প্রশাসনের সঙ্গে আঁতাত করে সেবার নামে ব্যবসা খুলতে না পারে সেই সিস্টেমটা চালু করতে চাই। তবে এজন্য এখানকার মানুষের সহযোগিতা দরকার। তারা চাইলেই আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত। মতবিনিময় সভায় দিরাই প্রেস ক্লাবের আহ্বায়ক সোয়েব হাসান, সদস্য জিয়াউর রহমান লিটন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
mzamin

Thursday, September 12, 2024

সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগানবাড়ি by এমএ রাজ্জাক

ফারহানা মোজাম্মেল। তিনি অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের স্ত্রী। তার আনন্দ প্রোপার্টিজ লিমিটেডের নামে ৫ কোটি টাকা মূল্যের পাহাড়ি এলাকায় বিতর্কিত  ৫০ একর ভূমিসহ অতিরিক্ত খাস জায়গা রয়েছে। এসব জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে চলছে দ্বন্দ্ব ও হাঙ্গামা।

সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ‘হাসাউড়া ও সোলেমানপুর’ মৌজায় ৪ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার জমি পাওয়ার অব অ্যাটর্নি মূলে ক্রয় করেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রায় ৩ বছর পর এই জমি ‘আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নামে রেজিস্ট্রি করে দেন তিনি। এই প্রতিষ্ঠানের এমডি করা হয় তার স্ত্রী ফারহানা মোজাম্মেল হককে। এ ছাড়াও বিভিন্ন সময় এ বাগানের আশপাশের পাহাড়ে ও সমতলে আরও ৫০ শতাংশ জমি ক্রয় এবং খাশ জায়গা দখল করেন একই প্রতিষ্ঠানের নামে। এ জমিতে ৩ বছর ধরে কমলা, মাল্টা, লিচু, আমলকিসহ বিভিন্ন জাতের কাঠের গাছও লাগানো হয়।
এলাকাবাসী জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি ও নিরীহ মানুষের জমি দখল করে রিসোর্ট গড়তে উদ্যোগ নেন ডিআইজি মোজাম্মেল হক। একপর্যায়ে এলাকার মানুষ সেটি রুখে দেয়। গত রোববার সংঘবদ্ধভাবে স্থানীয়রা বাগানবাড়িটি দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় কয়েকশ’ গাছের মাল্টা, বেশকিছু গাছ ও স্থাপনাও ভাঙচুর করেন তারা। এ বিষয়ে উন্নয়নকর্মী সালেহীন শুভ বলেন, ডিআইজি মোজাম্মেল স্থানীয় একটি সিণ্ডিকেটের মাধ্যমে বেশ কয়েকটি মৌজায় ৫০ একরের বেশি জমি প্রভাব খাটিয়ে সমতলে ও পাহাড়ে নামমাত্র মূল্যে ক্রয় করেছেন। এসব জমিতে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. নামে একটি ভুয়া সমবায় সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। গেল কয়েক বছর ধরে তার জমি সুরক্ষায় পুলিশ এবং পেটোয়া বাহিনী দিয়ে এলাকার নিরীহ মানুষকে বহু অত্যাচার, নির্যাতন করে আসছেন তিনি। মানুষ এখন তার বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিবাদ জানিয়েছে।
রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক ওয়ারিশান বের করে মানুষের দখলে থাকা জমি কিনে নিয়েছেন। এসব জমি দখলে নেয়ার নামে বহু মানুষ নির্যাতিত হয়েছেন। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডর কেয়ারটেকার আদম আলী জানান, এলাকার কিছু মানুষ রোববার সকাল থেকে সারাদিন স্যারের বাগানবাড়িতে লুটপাট করেছে। তারা ৪৪০টি গাছের মাল্টা নিয়ে গেছে। ১০টি ভালো কাঠের গাছ কেটেছে। কাঁটাতারের বেড়া উপড়ে ফেলেছে। থাকার ঘর, টিউবওয়েল ও পানির ট্যাংকি ভেঙেছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ হাউজিংয়ের ক্রয় কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ জানান, এটি পুলিশ হেড কোয়ার্টারের কোনো সম্পদ নয়। এটি কয়েকজন পুলিশ কর্মকর্তার পরিবারের সম্পদ।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান, আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. নামে সীমান্তের হাসাউড়া এলাকায় পুলিশের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই। ওখানে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা হচ্ছে শুনেছি। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, কয়েকজন উন্নয়নকর্মী ফোন দিয়ে জানান, হাসাউড়ায় পাহাড় কাটা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার বাগানবাড়ি জোর করে দখল নিয়ে মাটি কেটে নিচ্ছে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, কিছু জমি দু’পক্ষ দখল করতে চাইছেন। কিছু গাছও তারা কাটতে চাচ্ছেন। প্রশাসনের লোকজন তাদেরকে গাছ কাটতে নিষেধ করে এসেছেন।

Thursday, October 24, 2019

ওই দেখা যায় হাওর-পাহাড়-মেঘ by হিমাদ্রি শেখর ভদ্র

মেঘালয় পাহাড় (ছবি– প্রতিনিধি)
ছোট ও মাঝারি হাওর-বাঁওড়। এর দু’পাশ জুড়ে সবুজ ধানক্ষেত। মেঘালয়ের নীল-সবুজ পাহাড়। আর মেঘের তটরেখার সঙ্গে আশ্চর্য জলরাশি। এর নাম সুনামগঞ্জ; যাকে হাওর আর পাহাড়ের ‘দেশ’ বলেন পর্যটকেরা।
গাঢ় সবুজের তল না দেখা অতল জলের প্রকৃতির রূপসুধা পান, ভাটি অঞ্চলের বাউলদের দরাজ গলার গান শোনা, চনমনে রোদ বা মুষলধারে হওয়া বৃষ্টিতে ঘোর লাগা স্বপ্নের মতো সময় কাটানো, খাসিয়া-জৈন্তা পাহাড়ের ওপর নীল আকাশ বা পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা স্বচ্ছ সবুজরঙা পাহাড়ি নদী দেখতে চাইলে সুনামগঞ্জের জুড়ি মেলা ভার।
যাদুকাটা নদী (ছবি– প্রতিনিধি)
যাদুকাটা নদী (ছবি– প্রতিনিধি)
এ জেলার টাঙ্গুয়ার হাওর, শনি মাটিয়ান হাওর, বারিকটিলা, যাদুকাটা নদী, এশিয়ার বৃহত্তম শিমুলবাগান, শহীদ সিরাজ লেকসহ নানা দৃষ্টিনন্দন পর্যটন এলাকা পর্যটকদের আনাগোনায় মুখর থাকে সারা বছরই; যা দুই ঈদে ভিন্ন মাত্রা পায়। কোরবানির ঈদ উপলক্ষে এবারও পর্যটনদের আনাগোনা প্রত্যাশা ছাড়াবে বলেই মনে করছে প্রশাসন। তাই পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
জেলা প্রশাসন সূত্র জানায়, এক দশক আগেও সুনামগঞ্জের পর্যটন এলাকাগুলো দেশবাসীর কাছে এতটা পরিচিত ছিল না। তাই পর্যটকদের আনাগোনাও ছিল কম। তবে এখন আর সে অবস্থা নেই। বর্তমানে এ জেলার প্রকৃতির রূপ-সৌন্দর্য দেশের সীমানা পেরিয়ে বিদেশেও যথেষ্ট পরিচিতি লাভ করেছে। তাই দুর্গম যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত হোটেল-মোটেল না থাকার কষ্ট মেনেও হাওর রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন পর্যটকরা।
যাদুকাটার জলরাশি (ছবি– প্রতিনিধি)
যাদুকাটার জলরাশি (ছবি– প্রতিনিধি)
জেলা সদর থেকে ২৮ কিলোমিটার দূরত্বে ভাটির জনপদ তাহিরপুরের অবস্থান। এখানকার টাঙ্গুয়ার হাওরে রয়েছে দিগন্তবিস্তৃত জলে ভাসা সারি সারি হিজল-করচ। নানান বনজ লতাপাতা ও জলজ উদ্ভিদে সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওর যেন এক প্রাকৃতিক অ্যাকুয়ারিয়াম। হাওরের মধ্যভাগে স্থাপিত গোলাবাড়ী এলাকার সুউচ্চ ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে পুরো হাওরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। টাওয়ারের নিচে ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ পর্যটকদের অন্য জগতে নিয়ে যায়। অন্যদিকে সবুজাভ জলরাশি দু’চোখে এনে দেয় প্রশান্তি।
সীমান্ত সংলগ্ন মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টেকেরঘাট। এখানে রয়েছে তিনটি শুল্ক স্টেশন, যা দিয়ে ভারতের মেঘালয় থেকে কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়। টেকেরঘাট বাংলোর পেছেনে রয়েছে মুক্তিযুদ্ধে সম্মুখসমরে নিহত শহীদ বীরবিক্রম সিরাজের সমাধি। পরিত্যক্ত খনি প্রকল্পের পূর্বদিকে রয়েছে মাটির টিলা।
বারিক টিলা (ছবি– প্রতিনিধি)
বারিক টিলা (ছবি– প্রতিনিধি)
লাকমাছড়া এলাকায় গেলে ছোট-বড় পাথরের বিচালি দেখা যাবে। বৃষ্টি নামলে এসব বিচালির ওপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলধারা অন্য এক রূপ ধারণ করে। এছাড়া, পাশে থাকা বারিক টিলার চাঁনপুর জলধারায় পাহাড়ের গাঘেঁষে নেমে আসা হিমশীতল স্বচ্ছ পানির প্রবাহ উপভোগ করা যাবে।
মেঘালয় পাহাড়ের বুক চিরে বের হয়ে এসেছে রূপের নদী যাদুকাটা। যাদুকাটার স্বচ্ছ শীতল জলে গা ভেজালে মিলবে অন্যরকম সুখানুভূতি। এ নদীতে বালু পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আশপাশের এলাকার হাজার হাজার হতদরিদ্র মানুষ। মেঘালয় থেকে ভেসে আসা বালি-পাথর সংগ্রহ করেন তারা।
গাঢ় সবুজ বারিক টিলা (ছবি– প্রতিনিধি)
গাঢ় সবুজ বারিক টিলা (ছবি– প্রতিনিধি)
বারেকটিলার পর রয়েছে আদিবাসী পল্লি। সেখানে বেড়াতে গেলে জানা যাবে কঠোর সংগ্রাম করে বেঁচে থাকা আদিবাসী মানুষের ইতিহাস। টিলার অপর প্রান্তে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ জয়নাল আবেদীন শিমুল বাগান। এখানে রয়েছে সারি সারি শিমুল ও লেবু গাছ; যার বর্তমান গাঢ় সবুজ বসন্তে হয়ে যায় রক্তলাল।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সদর থেকে ভাড়ার মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা-মাইক্রোবাস ও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পর্যটনকেন্দ্রগুলোতে যাওয়া যাবে। মাইক্রোবাস ও নৌকা ভাড়া তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। তবে তাহিরপুর ও সুনামগঞ্জ জেলা সদর ও বড়ছড়া বাজার ছাড়া অন্য কোথাও কোনও আবাসিক হোটেল নেই।
শহীদ সিরাজ লেক (ছবি– প্রতিনিধি)
শহীদ সিরাজ লেক (ছবি– প্রতিনিধি)
পর্যটক নিরাপত্তার ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, এখানকার পর্যটন এলাকাগুলোতে নির্বিঘ্নে পর্যটকরা ভ্রমণ করতে পারেন। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন কেন্দ্রগুলোতে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
শহীদ সিরাজ লেকে পাহাড় (ছবি– প্রতিনিধি)
শহীদ সিরাজ লেকে পাহাড় (ছবি– প্রতিনিধি)
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানিয়েছেন, পর্যটন কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন হওয়ায় দিনরাত বিজিবির টহল দল থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পর্যটক বরণ ও নিরাপত্তায় তারা প্রস্তুত। পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

Wednesday, October 16, 2019

বাবার কোলেই ঘুমন্ত তুহিনকে জবাই করে চাচা

সুনামগঞ্জে দিরাই উপজেলার কেজাউরা গ্রামে শিশু তুহিন খুনের নৃশংস ঘটনায় তার বাবা, তিন চাচা ও চাচতো ভাই জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আলোচিত এ খুনের ঘটনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে ঠাণ্ডা  মাথায় বাবা-চাচারা মিলে খুন করে ৫ বছর বয়সী শিশু তুহিনকে। ঘুমন্ত শিশুটিকে বাবা আব্দুল বাছির কোলে করে বাড়ির বাইরে নিয়ে যান। বাবার কোলেই ঘুমন্ত অবস্থায় শিশু তুহিনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে চাচা নাসির উদ্দিন। তিনি জানান, এ সময় নাছিরকে সহযোগিতা করেছিল শিশু তুহিনের চাচা মছব্বির, জমসের ও চাচাতো ভাই শাহরিয়ার। পরে প্রতিপক্ষের নাম খোদাই করা দুটি ছুরি ঢুকিয়ে দেয় শিশু তুহিনের পেটে। এর আগে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  ১৬৪ ধারা জবানবন্দিতে খুনের ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে শিশু তুহিনের চাচা নাসির উদ্দিন ও চাচতো ভাই শাহরিয়ার।
ঘটনায় জড়িত বাবা আব্দুল বাছির, চাচা মছব্বির আলী ও জমসের আলীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে, ময়নাতদন্ত শেষে রাতেই তুহিনের মরদেহ দাফন করা হয়েছে গ্রামের বাড়িতে।  নৃশংস এই হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ সুনামগঞ্জ জেলা। ছোট ওই শিশুকে হত্যার পর তার শরীরে নারকীয় অত্যাচারের ঘটনায় হতবিহ্বল বিবেকবান মানুষ। গতকাল সকাল থেকে সুনামগঞ্জ ও দিরাই উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। এর আগে সোমবার রাতে দিরাই থানায় তুহিনের বাবা আবদুল বাছির, চাচা জমশেদ আলী, আব্দুল মোছাব্বির, নাসির, জাকির, চাচাতো ভাই শাহারুল, চাচাতো বোন তানিয়া, চাচী খায়রুন বেগম, প্রতিবেশী আজাদুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ হত্যাকাণ্ডে পরিবারের সদস্যরা সম্পৃক্ত জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছেন বলে জানান পুলিশ সদস্যরা।
গতকাল দুপুরে দিরাই থানা পুলিশের একটি বিশেষ টিম তুহিনের বাবা আবদুল বাছির, চাচা জমশেদ আলী, আবদুল মোছাব্বিরকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসে। বিকাল সাড়ে ৪টায় ওই ৩ জনকে আদালতে তোলা হয়। দিরাই থানা পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের জন্য সন্দেহভাজন বাবা ও দুই চাচার ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল খালিক। 
ওদিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় গতকাল সকাল সাড়ে ৮টায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তুহিনের মা। পরে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাবার বাড়ি একই ইউনিয়নের জকিনগর গ্রামে যান তিনি। এ সময় তুহিনের মাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলেও তিনি কিছু বলেননি। তুহিনের মামা নুরুজ্জামান জানান, তুহিনের মা অসুস্থ। হত্যাকাণ্ড বিষয়ে তিনি পরে কথা বলবেন।
এ হত্যাকাণ্ডে প্রতিবাদমুখর হয়ে উঠেছে সুনামগঞ্জ। জেলা শহর ও দিরাইয়ে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনগুলো। ‘খেলাঘর চায় না শিশুদের কান্না’ এই স্লোগানে শিশু তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ ও দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক এনাম আহমদ, রবিউল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক সোরাজু আহমেদ প্রমুখ।
তুহিনের মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না দিরাই উপজেলার কোনো আইনজীবী। আইনজীবীরা তুহিনের পক্ষে বিনা খরচে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জস্থ দিরাই কল্যাণ সমিতি আয়োজিত এক মানববন্ধনে।
গতকাল দুপুর একটায় সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে দিরাই কল্যাণ সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট শহীদুল হাসমত খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস, অধ্যক্ষ রবিউল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, অ্যাডভোকেট  আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল আহাদ, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট ওবায়দুর রশিদ চৌধুরী মিটু প্রমুখ।
উল্লেখ্য, ১৩ই অক্টোবর রাতে সুনামগঞ্জের দিরাইয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ সময় তুহিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার পেটে দুটি ছুরি ঢোকানো ছিল, দুটি কান কাটা, এমনকি যৌনাঙ্গটিও কেটে ফেলা হয়।

Saturday, July 13, 2019

‘চারদিন না খেয়ে ছোট একটা নৌকায় ভাসার পর চিৎকার করে সাগরে লাফিয়ে পড়ি’ by হিমাদ্রি শেখর ভদ্র

শিপন আহমেদ
‘সবকিছু বিক্রি করে টাকা তুলে দিয়েছিলাম দালালের হাতে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দুবাই, মিসর হয়ে লিবিয়ার বেনগাজি শহরে পৌঁছাই। বেনগাজির একটি ক্যাম্পে আটকে রেখে আমাদের ওপর চলে অবর্ণনীয় শারীরিক নির্যাতন। কয়েক দফায় টাকা দেওয়ার পর বেনগাজি থেকে ত্রিপোলি হয়ে ভূমধ্যসাগরে একটা ছোট নৌকায় তুলে দেয়। ওঠার পরই নৌকার তেল শেষ হয়ে যায়। চারদিন ওখানেই না খেয়ে সাগরের উত্তাল ঢেউয়ে ভেসেছিলাম আমরা। পরে তিউনেসিয়ার একটি জাহাজ দেখে বাঁচাও বাঁচাও চিৎকার দিয়ে ১৫ জন আমরা সাগরের হিমশীতল পানিতে লাফিয়ে পড়ি। কিছুক্ষণ পর ওই জাহাজ থেকে রশি সাগরে ছাড়লে আমরা কোনোভাবে জাহাজে উঠি। পরে তিউনিসিয়া থেকে আমাদের দেশে পাঠানো হয়।’
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের চক্রবনপাড়া এলাকার তরুণ শিপন আহমেদ এই কথাগুলো বলছিলেন। শিপন পেশায় ছিলেন সিএনজি অটোরিকশা চালক। পরিবারের আর্থিক সংকটের কারণে প্রাথমিকেই থেমে যায় লেখাপড়া। কয়েক বছর বেকার থাকার পর স্বজনদের সহযোগিতায় একটি ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশা কিনে গোবিন্দগঞ্জ-বোকারভাঙ্গা-সিলেট-সুনামগঞ্জ রুটে চালিয়ে ভালোই আয়-রোজগার করছিলেন শিপন। সিএনজি চালিয়ে প্রতিমাসে তিনি গড়ে ১৫ হাজার টাকা আয় করতেন।
হঠাৎ একদিন রাতে পাশের মায়েরকোল গ্রামের লিবিয়া প্রবাসী দালাল লুৎফুর রহমান তাকে ফোন দিয়ে কথা বলে, ইতালি যাওয়ার স্বপ্ন দেখায়। কিন্তু দালালের সঙ্গে কথা ছিল ইতালি যাওয়ার পর আর্থিক লেনদেন করা হবে। তবে সে কথা রাখেনি দালাল। শিপন বলেন, ‘অভাবের সংসারে সুখ সমৃদ্ধি আসবে এই আশায় দালালের কথা বিশ্বাস করে কিছু কৃষিজমি নিকট আত্মীয়দের কাছে বন্দক রেখে, তিনটি গরু বিক্রি করে, স্বজন ও ভাইদের কাছ থেকে তিন লাখ টাকা ধার করে মোট পাঁচ লাখ টাকা জোগাড় করে দালালের প্রতিনিধির হাতে তুলে দেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করি।’
তিনি জানান, ‘লিবিয়ার বেনগাজিতে একটি ক্যাম্পে খুব নির্যাতন করা হয়েছে আমাদের ওপর। এক দালাল মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে বলে, বাংলাদেশ থেকে সাড়ে ৪ লাখ টাকা দ্রুত নিয়ে আসো, না হয় হত্যা করা হবে। পরে বাড়িতে বাবাকে ফোন দিয়ে সবকিছু জানাই। বাবা আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ করে সাড়ে চার লাখ টাকা তাদের কথামতো লিবিয়ায় থাকা পাশের গ্রাম মায়েরকোলের লুৎফুরের বাবা জমির আলীর হাতে তুলে দেন। টাকা দেওয়ার পর বেনগাজি থেকে দালালরা আমাদের নিয়ে যায় ত্রিপোলি। সেখানে নিয়ে যাওয়ার সময়ও অনেক মারধর করে। একপর্যায়ে বললো, আরও দুই লাখ টাকা দিতে হবে, না হয় তোদের ইতালি যাওয়ার গেইমের ঘরে নিয়ে যাবো না। পরে আমার কাছে থাকা কিছু টাকা এবং লিবিয়ায় থাকা আমার এক বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে বাংলাদেশি টাকায় দুই লাখ টাকা দেই তাদের।’
শিপন বলেন, ‘এপ্রিল মাসে সবাইকে নিয়ে গেইমের ঘরে ঢোকায়। জেলখানার মতো ছোট্ট একটি ঘর। ৬৪ জনকে ওখানে ঢোকায়। কোনও দিন একবার খাওয়া দিতো, কোনও দিন দিতো না। সিলেটি ১৪ জন ওখানে ছিলাম আমরা। তখন রমজান মাস ছিল। রোজা তো রাখতেই পারিনি, একপর্যায়ে সবাইকে ভূমধ্যসাগর পাড়ে নিয়ে যায়। কথা ছিল আমাদের বড় জাহাজে তুলে দেবে। কিন্তু তুলে দেয় কয়েকটি প্লাস্টিকের বোটে। ৭৩ জন ছিলাম ওই বোটে।’
দুঃসহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘দালালদের পরিকল্পনা ছিল আমরা যেন সাগরের মাঝখানে ডুবে যাই। প্রত্যেকটা দিন আমরা চিৎকার করে কাঁদতাম। কিন্তু এই কান্না শোনার মতো কেউ ছিল না। দুই সপ্তাহ বলতে গেলে আমরা কিছুই খাইনি। চিন্তা করতাম আর কোনও দিন হয়তো মায়ের কাছে ফিরে আসতে পারবো না। বড় ভুল করেছি সেটাও ভাবতাম। ওই সময়ে আল্লাহর কাছে বিচার চাইতাম, আল্লাহ যেন ওই দালালদের বিচার করেন।’
তিনি জানান, চারদিন সাগরে ভাসার পর তিউনিসিয়ার একটি জাহাজ দেখে বাঁচাও বাঁচাও চিৎকার দিয়ে ১৫ জন হিমশীতল পানিতে লাফিয়ে পড়েন। পরে ওই জাহাজ থেকে রশি ফেলে তাদের জাহাজে তোলা হয়। অন্যদেরও উদ্ধার করে বোটে রাখে তিউনিসিয়ার ওই জাহাজকর্মীরা। তারাই পরে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে আমাদের অবস্থার কথা জানায়।
শিপনের মা মিনারা বেগম বলেন, ‘আমার সব বিক্রি কইরা, জমি বন্ধক দিয়া ছেলেরে বিদেশে পাঠাইছিলাম। কিন্তু দালালরা আমার ছেলেরে মারার চেষ্টা করছে। এতো টাকা নিয়া গেছে, আমারে ঠকাইসে, আমি এর বিচার চাই।’
শিপনের বাবা হেলাল মিয়া বলেন ‘গত মার্চ মাসে শিপনকে লিবিয়া নেওয়ার কথা বলে টাকা নেয় দালাল লুৎফুর রহমান ও তার বাবা জমির আলী। পরে শিপনকে লিবিয়া নিয়ে আটকে রেখে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়। পরে ইতালি নেওয়ার কথা বলে গত ২১ মে আরও তিন লাখ টাকা চেয়ে নেয় লুৎফুরের বাবা জমির আলী। টাকা নেওয়ার পর লুৎফুর আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর থেকে ছেলের কোনও খোঁজ পাইনি। পরে টিভিতে খবরে জানলাম আমার ছেলে উদ্ধার হয়েছে।’

Friday, July 12, 2019

ভাগ্য খুলছে সুনামগঞ্জের কয়লা ব্যবসায়ীদের by এমএ রাজ্জাক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের (বড়ছড়া, চারাগাঁও, বাগলী) তিন শুল্কস্টেশনের ৬শ’ কয়লা ব্যবসায়ীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। গত ৩রা জুলাই ভারতের উচ্চ আদালত শর্ত সাপেক্ষে কয়লা উত্তোলনের পক্ষে আদেশ দেয়ায় ব্যবসায়ীদের মধ্যে এই আশার সঞ্চার হয়। এই তিন শুল্কস্টেশনের কয়লা ব্যবসায়ীরা জানান, এলসিকৃত ভারতে আটকে থাকা শত কোটি টাকা এবার পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের যেসব ইটভাটায় টাকা পাওনা রয়েছে তারাও পরিশোধ করে নতুন করে কয়লা নেবেন বলে মনে করেন ব্যবসায়ীরা।
তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার জানান, ভারতের রপ্তানিকারকদের পক্ষ থেকে তাদেরকে উচ্চ আদালতের রায়ের এই আদেশের কথা জানানো হয়েছে। তবে, অফিসিয়ালি এই সংক্রান্ত কোনো চিঠি এখনো তাদেরকে দেয়নি। তিনি বলেন, মেঘালয়ের রপ্তানিকারকরা তাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন, গত ৩রা জুলাই ভারতের সুপ্রিম কোর্ট কয়লানীতি অনুসরণ করে কয়লা উত্তোলনের আদেশ দিয়েছেন। আদেশের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- পরিবেশ দূষণ না করে বৈজ্ঞানিক পন্থায় কয়লা উত্তোলন করা, উপজাতিদের জমিতে কয়লা খনি থাকলে তারাই এটির মালিক হবেন। ফলে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কর্তৃক নিষিদ্ধ করা নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট বাতিল করেছেন।
তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার জানান, এখন বৃষ্টির মৌসুম, বৃষ্টি মৌসুমে ভারতে কয়লা উত্তোলন হয় না। আগামী অক্টোবর-নভেম্বর মাসে আবার কয়লা উত্তোলন শুরু হবে। তখন মেঘালয়ের রপ্তানিকারকদের কাছ থেকে বড়ছড়া, চারাগাঁও, বাগলীর আমদানিকারকরা কয়লা আমদানি করতে পারবেন।
প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার তিন শুল্কস্টেশন দিয়ে প্রায় ৬শ’ আমদানিকারক কয়লা আমদানি করেন। শুল্কস্টেশনগুলো চালু থাকলে এখানে প্রায় ৫০ হাজার কয়লা শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। ২০১৪ সালের পর থেকে এখান দিয়ে কয়লা আমদানি প্রায় সময় বন্ধ থাকায় উপজেলা ও শহরে অর্থনৈতিক প্রভাব পড়ে।
ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠনের আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৭ই এপ্রিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। এরপর থেকেই বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়।

Thursday, January 24, 2019

জামিন পেলেন প্রতিবন্ধী তারা মিয়া

হতদরিদ্র তারা মিয়ার বয়স ৪৫। ডান হাত অস্বাভাবিক চিকন, কোনো চেতনা নেই। বাঁ হাতেও সমস্যা। কোনো কাজ করতে পারেন না। পাঁচ সদস্যের সংসার চালান ভিক্ষা করে। অথচ রামদা, হকিস্টিক ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি তিনি।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ভান্ডা গ্রামের বাসিন্দা তারা মিয়া। আগাম জামিন নিতে গেল সপ্তাহে ঢাকায় আসেন তিনি। বুধবার হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি। বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। ছয় সপ্তাহের মধ্যে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তাঁর ভাই সামছু মিয়াসহ আরও ৪৯ জন এই মামলায় জামিন পেয়েছেন।
স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তারা মিয়ার সংসার। জন্ম থেকেই তাঁর ডান হাতটি চিকন। এই হাত দিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। ভিক্ষা করে ও মানুষের সাহায্যে চলে সংসার।
বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় বলা হয়, গত ২৮ ডিসেম্বর পুলিশ খবর পায় উপজেলার ভীমখালি ইউনিয়নের মল্লিকপুর বাজারের মধ্যবাজার গলিতে কিছু লোক জড়ো হয়ে পঞ্চগ্রাম মাদ্রাসা ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনা করছেন। পুলিশ গিয়ে দেখতে পায়, আসামিরা রামদা, হকিস্টিক, লোহার রড, লাঠি ও ইটপাটকেল নিয়ে ধানের শীষ প্রতীকের নামে মিছিল করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। পরে আসামিরা পুলিশের ওপর হামলা চালায়। পরদিন পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলাটি করে।
বুধবার বেলা আড়াইটায় তারা মিয়াসহ অন্যদের জামিন আবেদন শুনানির জন্য ডাকা হয়। তাঁদের আইনজীবী মোহাম্মদ আবিদুল হক ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ প্রকাশিত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। পত্রিকাটি হাতে নিয়ে আদালত বলেন, এর মাধ্যমে কী বোঝাতে চাইছেন? তখন আবিদুল হক বলেন, জামিন আবেদনকারীকে (তারা মিয়া) নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁর এক হাত সম্পূর্ণ অকেজো, তাঁর পক্ষে কি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করা সম্ভব? এই অভিযোগ যে সাজানো ও ষড়যন্ত্রমূলক, তার প্রমাণ এই মামলা। পরে আদালত আদেশ দেন।
জামিন পাওয়ার পর তারা মিয়া প্রথম আলোকে বলেন, ‘চলতে-ফিরতেই আমার সমস্যা অয়, এক হাত অবশ, আরেক হাত দিয়া তেমন কোনো কাম করতাম পারি না। আমি পুলিশরে কি-লা রামদা দিয়া মারমু। ইতা সব মিছা।’
তবে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘তারা মিয়া ওই মামলার এজাহার নামীয় আসামি। তিনি ঘটনাস্থলে ছিলেন। আমরা জেনে-বুঝেই তাঁকে আসামি করেছি। তাঁর এক হাতে সমস্যা থাকলেও অন্য হাত দিয়ে সব কাজ করতে পারেন।’
আইনজীবী মোহাম্মদ আবিদুল হক প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশে সারা দেশে গায়েবি মামলা হচ্ছে, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রতিবন্ধী তারা মিয়াও তার শিকার হলেন।

Thursday, November 22, 2018

ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন সামাদ আজাদপুত্র ডন

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে নির্বাচন করবেনই আজিজুস সামাদ ডন। শেষ পর্যন্ত যোগ দিতে পারেন ঐক্যফ্রন্টেও। এমন গুঞ্জনে সরব সুনামগঞ্জ ও সিলেটের ভোটের মাঠ। কোন বলয় থেকে নির্বাচন করবেন এ ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানাননি ডন। জানান- ‘সময়ই বলে দেবে। তবে- সামনে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই।’ এদিকে- আগামী দুদিনের মধ্যে সিদ্বান্ত নেবেন ডন। আর এক ভাই নজরুল ইসলাম ইতিমধ্যে ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে। নজরুলের কাছ থেকেও আমন্ত্রণ আছে ডনের।
ফলে ডন ধানের শীষ প্রতীকের প্রার্থী হলে সিলেটের রাজনীতিতে অবাক করার কিছুই নেই।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে এবার নৌকার মার্কার মনোনয়ন চেয়েছিলেন আজিজুস সামাদ চৌধুরী ডন। কিন্তু গতকাল সন্ধ্যায় প্রায় নিশ্চিত হয়ে গেছেন তিনি মনোনয়ন পাচ্ছেন না। আজিজুস সামাদ ডন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বড় ছেলে। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেন আবদুস সামাদ আজাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পররাষ্ট্রমন্ত্রী হন আবদুস সামাদ আজাদ। ২০০৫ সালে মারা যান বর্ষীয়াণ জননেতা সামাদ আজাদ। বাবার মৃত্যুর পর আজিজুস সামাদ আজাদ ডন উপনির্বাচন করতে চাইলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করেননি তিনি। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে মনোনয়ন দেয়া হয় সাবেক যুগ্ম সচিব আবদুল মান্নানকে। আজিজুস সামাদ আজাদ ডনকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। ২০১৪ সালেও এমএ মান্নানকে মনোনয়ন দেয়া হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয় এমএ মান্নানকে।
এদিকে, মাঠ গোছাতে থাকেন আজিজুস সামাদ ডন। দলীয় হাইকমান্ড থেকে আশ্বস্ত করা হয় এবার মনোনয়ন দেয়া হবে। কিন্তু এবারো মনোনয়ন বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। অনেকেই বলেন, সকল জাতীয় নেতার সন্তানদের পদ পদবী দিলেও সামাদ আজাদের পরিবারকে বারবার অবজ্ঞা করা হচ্ছে। ১৪ বছর ধরে এলাকায় মাটি ও মানুষের সাথে মিশে আছেন আাজিজুস সামাদ ডন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া বলেন, ‘সব জরিপে আজিজুস সামাদ ডন এগিয়ে থাকলেও মনোনয়ন না দেয়া কোনো ভাবেই মেনে নেয়া যায় না। গ্রামের পর গ্রাম হেঁটে ডন সামাদ সংগঠনকে শক্তিশালী করেছেন জনবিচ্ছিন্ন কেউ এসে ফল ভোগ করুক আমরা চাই না।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল্লা বলেন, ‘আজিজুস সামাদ আজাদ ডনকে নিয়ে আমরা মানুষের দুয়ারে-দুয়ারে গিয়েছি। নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছি। দল মনোনয়ন না দিলেও নির্বাচন আমাদের করতে হবে। আজিজুস সামাদ ডন মনোনয়ন না পাওয়ায় অনেকেই আজ আওয়ামী লীগ থেকে মুখ সরিয়ে নেবে।’ জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আবাব মিয়া বলেন, ‘স্বতন্ত্র হোক আর ঐক্যফ্রন্ট হোক নির্বাচন ছাড়া আমাদের আর কোনো গতি নেই।’ দক্ষিণ সুনামঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের মার্কা ‘ডন’ । আজিজুস সামাদ ডনকে ভোট দেয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। নির্বাচন ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই।’ এ ব্যাপারে আজিজুস সামাদ ডন বলেন, ‘মনোনয়ন না পাওয়ার ইঙ্গিত পেয়ে মানুষের চাপ বাড়ছে। কান্নায় ভেঙ্গে পড়েছে সবাই। আমার নির্বাচনী এলাকারই শুধু নয় সিলেটের বিভিন্ন এলাকার মানুষ বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো সবার চাপে ইলেকশন করতে হতে পারে।’

Saturday, July 28, 2018

বরসহ একই পরিবারে ৭ লাশ বিয়ে বাড়িটি যেন মৃত্যুপুরী

বরসহ একই পরিবারে ৭ লাশ। একসঙ্গে তিন পুত্র হারিয়ে বারবার সংজ্ঞা হারাচ্ছেন বৃদ্ধ মা। শোকের মাতম গোটা এলাকায়। দোয়ারাবাজারের ওই বিয়েবাড়ি পরিণত হয়েছে এখন মৃত্যুপুরীতে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিলেন। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের বটেরতল এলাকায় বরসহ যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। এতে বর, শিশু ও নারীসহ ৭ জন নিহত হয়। এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকালে নিহতদের লাশ বাড়িতে নিয়ে আসা হলে চারদিকে স্বজন হারানোদের কান্নায় গ্রামের বাতাস ভারি হয়ে ওঠে। মৃত তিন পুত্রের সারিবদ্ধ লাশ জড়িয়ে হতভাগিনী মা তাজিরুন নেছা সন্তানদের ফিরিয়ে দিতে বিলাপ করতে থাকেন। বারবার সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
প্রতিবেশীরাও তখন হাউমাউ করে কাঁদতে থাকেন। নিহতরা হলেন- মুকিরগাঁও গ্রামের মৃত জমির আলীর ছেলে আনসার আলী (বর) (২৬), আমীর আলী (৩৫) ও আরব আলী (২০), তাদের ভগ্নিপতি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মিরাস আলী (৩৫), বরের নিকটাত্মীয়ের স্ত্রী তিন সন্তানের জননী পারভীন আক্তার (২৭) ও তার শিশু কন্যা জাহানারা বেগম (৫), ফুফাতো ভাই আনফর আলী (২৬)। অপরদিকে দুর্ঘটনায় গুরুতর আহত বরের আপন চাচা আব্দুল খালেক ও ফকির আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বর আনসার আলী নোয়াখালীর একটি মসজিদে গত তিন বছর ধরে ইমামতি করে আসছিলেন। সেই সুবাদে আনসার আলীর বিয়ে ঠিক হয় সেখানে। তার দুই ভাই আগেই গিয়েছিলেন কনের বাড়িতে শাড়ি ও স্বর্ণালঙ্কার নিয়ে। বৃহস্পতিবার বিকালে রওনা হয়ে রাতে সেখানে পৌঁছে পরের দিন শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। সেই আশা আর পূরণ হলো না তাদের।
নিহত বরের আপন দুই ভাইকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। অন্য নিহতদের মধ্যে বরের অপর ভাই আমীর আলী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ভগ্নিপতি মিরাস আলীকে ছাতকের মির্জাপুরে, নিকটাত্মীয় পারভীন আক্তার ও তার শিশু কন্যা জাহানারা বেগমের লাশ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা চৌদ্দগ্রামে দাফন করার কথা। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেছেন, তিনজনের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। অন্যদের লাশ নিজ নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে।
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলার সর্বত্র এখন শোকের ছায়া নেমে পড়েছে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ছাতক-দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাপার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম অহিদ কনা মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাপার সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম, দোয়ারাবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ নিহতদের আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Saturday, May 26, 2018

দোয়ারাবাজারে রসালো লিচু ডালে ডালে by মুহামম্মদ হাবীবুল্লাহ হেলালী

ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দেশীয় লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচুর গ্রাম মানিকপুর ও দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া, পরশ্বেরীপুর, বীরসিংহ, সুরমা ইউনিয়নের টেংরাটিলা আলীপুরে প্রত্যন্ত এলাকায় ডালে ডালে রসালো লিচুর সমাহার। প্রতি দিন গড়ে ছাতক বাজারসহ কয়েকটি বাজারে  লক্ষাধিক টাকার লিচু বিক্রি হচ্ছে। এবছর ভালো ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। লাভজনক লিচু চাষে জড়িয়ে থাকা ওইসব এলাকার অন্তত শতাধিক চাষি এখন স্বাবলম্বী হয়েছেন। ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর, গোদাবাড়ী, চানপুর, কচুদাইড়, বড়গল্লা, রাজারগাঁওসহ কয়েকটি গ্রামের বাড়িতে চোখ রাখলে দেখা যায় গাছে গাছে ঝুলে থাকা লিচুর অপরূপ দৃশ্য। প্রতি বছর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত এলাকার লিচু চাষিরা অন্তত কোটি টাকার লিচু বিক্রি করে থাকেন। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ছাতকের নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজার। গ্রামীণ এ মেঠোপথ ধরে একটু এগিয়ে গেলে চোখে পড়বে মানিকপুর ও লামাসানিয়া গ্রাম। যেখানে প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় ছোট-বড় লিচু বাগান রয়েছে। প্রতিটি লিচু গাছে এখন শোভা পাচ্ছে দেশি জাতের রাসালো লিচু। জমিদার আমল থেকে মানিকপুর ও আশপাশের গ্রামের টিলায় লিচু চাষাবাদ শুরু হয়। এ দৃশ্য দেখার জন্য ছাতক-দোয়ারা তথা সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-দর্শনার্থীরা ভিড় জমান এখানে। লিচু বাগানগুলোতে বাদুড়ের উপদ্রব ঠেকাতে ইতোমধ্যে সরকারিভাবে সোলার সিস্টেম প্রদান করা হয়েছে।  স্থানীয় লিচু চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটিশ জমিদার আমলে গৌরীপুরের জমিদার হরিপদ রায় চৌধুরী ও তার ভাই শান্তি পদ রায় চৌধুরীর কাচারী বাড়ি ছিল মানিকপুর গ্রামে। জমিদারের লোকজন পরীক্ষামূলকভাবে ৩০টি লিচু গাছ রোপণ করেন। বর্তমানে শতবর্ষী এসব লিচু গাছ এখনোও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরই ধারাবাহিকতায় নোয়ারাই ইউনিয়নের মানিকপুরসহ ৮টি গ্রাম ও ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর ও কুমারদানী গ্রামে নওসাদ মিয়ার বাগানবাড়িতে এবং দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা, লামাসানিয়া, লাস্তবেরগাঁওয়ে বিস্তার লাভ করে। বর্তমানে প্রতিটি গ্রামের নারী-পুরুষ সবাই লিচু বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছে। এমন কোনো বাড়ি নেই যার আঙিনায় ৪-৫টি লিচু গাছ নেই। বাগানভেদে ২৫-৩০ হাজার থেকে ২ লক্ষাধিক টাকা আয় হবে বলে চাষিরা জানায়। আগত রমজানে প্রত্যন্ত এলাকায় লিচুর চাহিদা বেশি থাকবে বলে তখন আশাতীত মূল্য পাওয়ার আশা করছেন চাষিরা।  কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে স্থানীয় লিচু চাষি শুকুর আলী, আবদুর রহিম, হারুনুর রশীদ, জামাল উদ্দিন, সাইদুর রহমান, ডাক্তার ওসমান গনী, রোস্তম আলী, কেরামত আলী, আরব আলী, সুন্দর আলী, জয়নাল আবেদীন, মতিউর রহমান, বাদশা মিয়া, ফুল মিয়া, সিদ্দিক মিয়া, মাসুক মিয়া, মো. আব্দুল্লাহ, মজলু মিয়া, মানিক মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল হান্নান, জজ মিয়া, নাজির হোসেন, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহররম আলী, মিলন মিয়া, স্বপন মিয়া, আকাশ মিয়া, ফারুক আহমদ, জসিম উদ্দিন, কাজী নিজাম উদ্দিন, হোসেন মিয়া, আলী আহমদ, কুদ্দুছ মিয়া সহ অসংখ্য চাষী লিচু চাষে এলাকায় চমক সৃষ্টি করেছেন।
বর্তমানে বাজারে প্রতি হাজার লিচু ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ইতিমধ্যে মানিকপুরের লিচু চাষি মানিক মিয়া ও মানিকপুর জামে মসজিদের লিচুর বাগান প্রায় দুই লাখ টাকায় নিলাম হয়েছে। এখানকার চাষীরা বলেছেন এ বছর অন্যান্য বছরের তুলনায় ফলন তেমন ভালো হয়নি। তাই চাষীরাও তেম দাম পাচ্ছেন না। তবে পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া ও পার্শ্ববর্তী এলাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে দোয়ারাবাজার উপজেলার প্রত্যেক লিচু চাষিরা অভিযোগ করে বলেছেন, মানিকপুরে লিচুর বাগানগুলোতে সরকারিভাবে সোলার প্যানেল প্রদান করা হলেও লামাসানিয়া ও আশেপাশের লিচু চাষিদের পাখি ও বাদুড়ের উপদ্রব ঠেকাতে সোলার প্যানেল প্রদান করা হয়নি। পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকায় চাষিরা রাত-দিন কঠোর পরিশ্রম করেও বাদুড়ের উপদ্রুব ঠেকাতে পারছেন না।

Friday, May 18, 2018

দোয়ারাবাজারে বেপরোয়া পাথরখেকো সিন্ডিকেট by মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

দোয়ারাবাজার উপজেলা সীমান্তে বাঁশতলা-হকনগর পর্যটন এলাকায় ফের বেপরোয়া হয়ে ওঠেছে পাথর খেকো সিন্ডিকেট। প্রতিনিয়িত পাথর কোয়ারি থেকে লুট হচ্ছে পাথর। গাছপালা উজাড় করে অবাধে পাথর উত্তোলনের কারণে এলাকাজুড়ে হুমকির মুখে রয়েছে পরিবেশের। শহীদ স্মৃতিসৌধ এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এখন সৌন্দর্র্য হারাতে বসেছে উপজেলার একমাত্র নান্দনিক ওই পর্যটন এলাকার। যেখানেই চোখ পড়ে সেখানেই পাথরে স্তূপ চোখে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রশাসনের নজর ফাঁকি দিয়ে স্থানীয়  প্রভাবশালী মহল সীমান্তরক্ষীর (বিজিবি) যোগসাজশে অবৈধভাবে কোয়ারি এলাকা হতে পাথর উত্তোলন ও বিক্রি করছে।
সরজমিন গিয়ে দেখা গেছে, অসাধু পাথর ব্যবসায়ীরা স্থানীয় শ্রমিক নিয়োগ করে ট্রলি, টাক্টর, ছোট ট্রাক দিয়ে পরিবহনের মাধ্যমে জুমগাঁও, হকনগরবাজার, চৌধুরী বাজার ও বাংলাবাজার এলাকায়পাথর ড্রাম্পিং করা হচ্ছে। ড্রাম্পিং করা লাখ লাখ টাকার পাথর ছাতকসহ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সরকারি অনুমোদন বা কোনো প্রকার লিজ ছাড়াই চিহ্নিত একটি চক্র বহুদিন ধরে এখান থেকে অবাদে পাথর উত্তোলন ও বিক্রি করে নিজেদের পকেট ভারি করছেন। সম্প্রতি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিন-রাত পাথর উত্তোলন করে বিভিন্ন এলাকায় ড্রাম্পিং করা হচ্ছে। আর এরই সুবাদে ওই এলাকায় সক্রিয় হয়ে ওঠেছে চোরাই সিন্ডিকেট। নিজেদের সুবিধার্থে শহীদ স্মৃতিসৌধ এলাকায় গড়ে উঠেছে বেশ ক’টি দোকান ও অস্থায়ী রেস্তরাঁ। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কিছু প্রভাবশালীর নেতৃত্বাধীন পাথর লুটপাটের মহোৎসব চলে। আর পাথর উত্তোলন করে অব্যাহত লুটপাটের কারণে বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকায় পরিবেশ ভারসাম্যের মারাত্মক ধস নেমেছে। এছাড়া স্থানীয় হকনগরবাজারের নিকটে মৌলা নদীতে  কোটি টাকা ব্যয়ে নির্মিত স্লুইস গেটটি রয়েছে হুমকির মুখে। বালি খুঁড়ে পাথর উত্তোলনের কারণে কোয়ারি এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এখন একটু বৃষ্টি হলেই পানি জমে পুকুরে পরিণত হয়। এছাড়া সীমান্তের একেবারে জিরো পয়েন্টে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিনিয়ত পাথর উত্তোলন করে শ্রমিকরা। স্থানীয় বাসিন্দা হাসিব উদ্দিন মেম্বার, নজরুল মেম্বার, আবদুল আহাদ, মানিক মাস্টার, জুয়েল, ফজলু মিয়া, বশির উদ্দিন, আবদুল মজিদ, বিএসএফের সোর্স সামছু মিয়াসহ বেশ কিছু লোকের ছত্রছায়ায় এখানে পাথর উত্তোলন ও বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে অন্তত তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পাথর খেকো সিন্ডিকেট গড়ে ওঠেছে বলে জানা যায়। ইতিপূর্বে নানা কারণে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাসহ একাধিক মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ সুনামগঞ্জ বিজিবির সিও লে. কর্নেল নাছির উদ্দিন পিএসসি বদলি হওয়ার পর থেকে ফের সক্রিয় হয়ে ওঠে পাথর খেকো সিন্ডিকেট। তবে হাসিব উদ্দিন মেম্বার জানিয়েছেন তিনি পাথর উত্তোলনের সঙ্গে এখন জড়িত নেই। বর্তমানে কেউ কেউ এখান থেকে পাথর উত্তোলন করছেন। ঊশির উদ্দিন ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, বর্তমানে কিছু সংখ্যক লোক স্থানীয় বিজিবি জওয়ানদের ম্যানেজ করে পাথর উত্তোলন ও বিক্রি করলেও তিনি আপাতত জড়িত নন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার বলেন, আমি শুনেছি ইদানীং পাথর উত্তোলন শুরু হয়েছে। গতকাল বিজিবি কর্তৃপক্ষকে এখান থেকে পাথর উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলে দিয়েছি। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, প্রশাসনের নজর ফাঁকি দিয়ে পাথর উত্তোলন বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাথর খেকো সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sunday, May 13, 2018

‘তাল চারার দরকার নাই, আমরার আর্জেন্ট দরকার ঠাডার খুঁটি’ by হিমাদ্রি শেখর ভদ্র

‘আমরা হুনছি সরকার ঠাডা ফিরাইবার লাইগা হাওরে তাল গাছের চারা লাগাইতো।  তাল গাছ আমরার পইর দাদা লাগাইয়া খাইতো পারছে না। এই তাল তাইলে আমরা ক্যামনে খাইয়াম। তাল চারার দরকার নাই, আমরার আর্জেন্ট দরকার ঠাডার খুঁটির ( বজ্র নিরোধদণ্ড ), আমরা হেইডা চাই। মানুষ ঠাডা পইড়া মরতাছে এই তাল গাছ কোন দিন বড় অইবো আর কুনদিন আমরা বাঁচবাম? ঠাডায় মরা আর সহ্য হয় না।’ বজ্রপাত রোধে তাল গাছের চারা লাগানোর বিষয়ে এভাবেই প্রতিক্রিয়া জানালেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের গড়েরগাঁও গ্রামের রুবেল মিয়া।
হাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশিহাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশি
বজ্রপাত রোধে তাল গাছ লাগানোর সরকারি উদ্যোগের ওপর ভরসা রাখতে পারছেন না সুনামগঞ্জের কৃষকরা। তাদের ভাষ্য,  তাল গাছ বড় হতে অনেক সময় লাগে। এর মধ্যে অনেকে মারা যাবেন। এজন্য তারা গাছের পরিবর্তে বজ্র নিরোধক দণ্ড লাগানোর দাবি জানিয়েছেন।
বাগবের গ্রামের তৌফিক উল্লাহ বলেন, ‘বর্ষায় হাওরে ফানি (পানি) আর ফানি। এই ফানির  তলে কি ছোডছোড তালের চারা বাঁচবো। আমরা অখন ক্ষেত ধান কাডি (কেটে) পুরা বাইশা আইলে জাল দড়ি লইয়া হাওরে মাছ ধরতে যাইয়াম। ধান কাটলে ঠাডা পড়ে, মাছ ধরলেও ঠাডা পড়ে। আমরা যে কিমুন (কেমন) একটা মুছিব্বতে পরছি আল্লা ছাড়া আর কেউ কইতে পারে না। হাওরে তালের চারা বড় অইতে অইতে মানুষ মইরা সাফ হইয়া যাইবো।  আমরার সরহারের (সরকার) কাছে ইডাওই আবেদন ঠাডা ফিরাইতে হাওরে ঠাডা খুঁটি লাগানো হোক।’
হাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশিহাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশি
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর গ্রামের ওসমান আলী বলেন, ‘একটা তালের চারা বড় গাছ হইতে কমপক্ষে ২০-৩০ বছর সময় লাগে। এই সময় কি মাইনসের উপরে ঠাডা পরতো না? ইডা কি বাঁচনের না মরণের প্রকল্প অইলো হিডাইতো বুঝলাম না।’
বাঘবের গ্রামের হযরত আলী বলেন, ‘সরকারে কইতাছে হাওরে তাল গাছের চারা লাগাইতো। একটা তাল গাছের চারা লাগাইলে তিরিশ বছর পরে বুলে বড়ো হয়। বাপে লাগাই থুইলে পুতে (ছেলে) খাইতো পারে না, নাইতে (নাতি) খায়। অনে এই তালগাছ লাগাইয়া আমরা বাছাম ক্যামনে? কুন বালা বড়ো অইবো আর কুনবালা ঠাডা ফিরাইবো ইডার লাইগা কী আমরা বার চাইয়া বইয়া থাকলে অইবো। এর লাইগা আমরার ঠাডার খুঁটি জরুরি দরকার।’
হাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশিহাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশি
তিনি আরও বলেন, ‘আমরা গুরিব (গবির) মানুষ। আমরা আর ঠাডা পইরা মরতে চাই না। গেরামের (গ্রাম) মানুষ জঙ্গল বরাবর চলাফেরা করে কুনদিন তালগাছ বড়ো অইবো আর কুনদিন আমরা বাছাম।’
রাধানগর গ্রামের এমদাদ উল্লাহ বলেন, ‘বড়ো লোকরা ঠাডা পইরা মরে না গবির মরে। ধান কাটতে, মাছ ধরতে, আঙিনায় ধান শুকাইতে ঠাডা পইরা মানুষ মরে। আমরা গরিবরা ও মানুষ আমরারও বাঁচনের অধিকার আছে।’
একই গ্রামের রহমত আলী বলেন, ‘ইডা কেমন বিষয় যে, তালের চারা বড়ো হইলে হাওরের ঠাডা ফিরাইবো। গরিব মাইনসের জান লইয়া সরকার কী শুরু করছে?’
জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ থেকে ৯ মে পর্যন্ত  বজ্রাঘাতে ২০ জন লোক মারা গেছেন। তবে বেসরকারি হিসাবে বজ্রাঘাতে ২১ জন ধান কাটার শ্রমিক, একজন ছাত্রী, তিনটি শিশুর মৃত্যু হয়েছে।
হাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশিহাওরে গাছ না থাকায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেশি
হাওরে ধান কাটার শ্রমিকরা জানান, একটি তালগাছ বড়ো হতে অনেক সময় লাগে। এছাড়া বছরের ৬-৮ মাস হাওরে পানিতে ভরপুর থাকে। তাই হাওরের সর্বত্র তালগাছ লাগানো সম্ভব নয়। তাদের দাবি, হাওরে বজ্র নিরোধক দণ্ড লাগানোর।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, হাওরে বজ্রাঘাতে আকস্মিক মৃত্যু প্রতিরোধের জন্য হাওরে বজ্রনিরোধক দণ্ড বসাতে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তবে স্থায়ীভাবে বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য বিগত এক বছরে তালগাছ রোপণ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলায় ৪২ হাজার ৫০০টি তাল গাছ রোপণ করা হয়েছে। তালগাছগুলো বড় হলে বজ্রাঘাতে মৃত্যু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু তা সময় সাপেক্ষ।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, হাওরে বজ্রপাত রোধে সাড়ে ৪২ হাজার তাল গাছ লাগানো হয়েছে। দ্রুত সমস্যার মোকাবিলা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বজ্রনিরোধ দণ্ড স্থাপনের জন্য চিঠি দিয়েছে।
তিনি আরও বলেন, হাওর এলাকার কৃষকদের বজ্রপাত থেকে রক্ষার জন্য কৃষিবিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে। কৃষি বিভাগের মাঠ দিবসের কর্মসূচিতে বজ্রপাত সম্পর্কে সচেতন করে তুলতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

Saturday, May 12, 2018

ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত কৃষক by মোশাহিদ আহমদ

ধানের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু কত বেড়েছে এ সমপর্কে ধারণা নেই দক্ষিণ সুনামগঞ্জের কৃষকদের। তবে, তাদের লোকসান হচ্ছে এটাই মূল কথা।
স্থানীয় সূত্র জানায়, এ বছর এক কিয়ার (৩০ শতাংশ) জমিতে ধান চাষ করতে ব্যয় হয়েছে ১২ হাজার ৫শ’ টাকা। এক বিঘা জমির বিচালির মূল্য দুই হাজার টাকা বাদ দিলে খরচ এসে দাঁড়ায় ১০ হাজার ৫শ’ টাকা। এক কিয়ার (৩০ শতাংশ) জমির গড় ফলন ২০ মণ হলে এক মণ ধানের উৎপাদন খরচ এসে দাঁড়ায় ৫২৫ টাকা। অথচ এখন বাজার মূল্য ৬৫০ থেকে ৭শ’ টাকার মধ্যে। অর্থাৎ প্রতিমণ ধান উৎপাদন করে কৃষকের ১২৫ থেকে ১৭৫ টাকা লাভ হচ্ছে। অথচ সরকার প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করে দিয়েছে ১ হাজার ৪০ টাকা। সরকার ঘোষিত মূল্য যদি ন্যায্যমূল্য হয় তাহলে প্রতিমণ ধানে কৃষকের লোকসান হচ্ছে ৩৯০ টাকা থেকে ৩৪০ টাকা। ধান চালের বাজার মন্দা দেখিয়ে ব্যবসায়ীরা কৃষকদের কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য করছে। সরকার ধানের যে মূল্য নির্ধারণ করেছে, তা এক সময়ে কার্যকর হবে বা ওই মূল্য ছাড়িয়ে ১২শ’ টাকা মণ দরেও ধান বিক্রি হবে। ততদিনে কৃষকের গোলায় ধান থাকবে না। লাভের সবটুকু রস লুট করবে ব্যবসায়ীরা। সরকার ধান-চালের ক্রয় মূল্য নির্ধারণ করেছে। তবে কৃষকদের কাছ থেকে ধান না কিনে মিল মালিক বা ডিলার নিয়োগের মাধ্যমে ধান চাল কিনে থাকে। আর এ কারণে লোকসানের শিকার হয় কৃষক আর মুনাফা লুটে নেয় মধ্যস্বত্ত্বভোগীরা। এভাবে লোকসান গুনে ধান চাষ করতে করতে একপর্যায়ে কৃষক দেউলিয়া হবে। তখন হয়তো ধান চাষে আগ্রহ হারাবে কৃষক। সরকার ধান-চালের যে মূল্য নির্ধারণ করেছে তা কৃষকের জন্য লাভজনক না হলেও এটি সহনশীল মাত্রার মূল্য বলে ধরে নিয়েছে কৃষক। তবে, মূল্য ঘোষণার পর থেকে যথাযথ কার্যকর হচ্ছে কি না তা তদারকি আবশ্যক।
উপজেলার ছয়হারা গ্রামের আলা উদ্দিন জানান,  চলতি বছর তিনি ছয় কিয়ার জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে তিন কিয়ার তার নিজের বাকি তিন কিয়ার লিজ নেয়া। ধান চাষ করতে গিয়ে গত তিন মাসে সারের দোকানে বাকি হয়েছে ১৫ হাজার টাকা, এ সময় সংসার চালাতে দোকানে বাকি পড়েছে ১৩ হাজার টাকা। আবার কৃষি শ্রমিকের পারিশ্রমিক দিতে গিয়ে ধারও করেছেন পাঁচ হাজার টাকা। অর্থাৎ এই ৩৩ হাজার টাকা তাকে এখনই পরিশোধ করতে হবে। দেনা পরিশোধ করতে তাকে এখনই অর্ধেক ধান বিক্রি করতে হবে। বাকি অর্ধেক ধান দিয়ে আগামী চার মাস কিভাবে সংসার চালাবেন।
উপজেলার কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, ধান চালের মূল্য নিয়ে সরকারের মাথাব্যথা নেই। তা থাকলে ব্যবসায়ীরা এভাবে কৃষকদের ঠকাতে পারত না। সরকার ধান-চালের বাজার নির্ধারণ করে দিয়েছে। সরকার ঘোষিত মূল্যে কৃষক তার ফসলের মূল্য পাচ্ছে কি না তা খতিয়ে দেখার দায়িত্ব বাজার মনিটরিং কর্মকর্তাদের। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতার কারণে কৃষকদের যাঁতাকলে নিষ্পেষিত করছে ব্যবসায়ীরা।

Sunday, April 22, 2018

ধানের শীষে ছত্রাক রোগ, কৃষক দিশাহারা by এম এ রাজ্জাক

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে উচ্চ ফলনশীল ব্রি-২৮ ধানের শীষে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। ধানের শীষ বের হলেই রোগে আক্রান্ত হচ্ছে ধান গাছ। হাওরের জমিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এ রোগটি। আক্রান্ত জমির ধান গাছে কৃষকরা বালাইনাশক ব্যবহার করেও ধানের চারা রোগ মুক্ত করতে পারছেন না।
তাহিরপুর উপজেলায় গত বছর আগাম পাহাড়ি পানি এবং অতিরিক্ত শিলা বৃষ্টিতে হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়েকদিনের মধ্যেই ব্রি-২৮ ধান কাটা শুরু হওয়ার কথা থাকলেও এমন অবস্থায় কৃষকরা এখন দিশাহারা হয়ে পড়েছেন। কৃষকরা জানিয়েছেন, জমিতে চাষ করা ব্রি-২৮ ধানের শীষ বের হওয়ার পরই শীষ হলুদ রং ধারণ করে সাদা হয়ে যাচ্ছে। আর শীষের নিচের অংশের গিঁটের ভেতর কালো রং ধারণ করছে। কৃষকরা জানায়, এ বছর ফসল রক্ষা বাঁধের কাজ ভালো হয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। নদীতে পানির চাপ নেই। হাওরে ধানের অনেক ভালো ফলন হয়েছে। কিন্তু ধান রোগাক্রান্ত হওয়ায় তাদের সব শ্রম আর স্বপ্ন ভেঙে যেতে বসেছে।
উপজেলার মাটিয়ান হাওরে গিয়ে দেখা যায়, কৃষকরা জমিতে স্প্রেয়ার দিয়ে ছত্রাকনাশক দিচ্ছেন। আর স্প্রে করতে তাদের সহযোগিতা করছেন পরিবারের নারী ও শিশুরা। জমিতে ছত্রাকনাশক ছিটানোর কাজে নিয়োজিত রমিজ উদ্দিন (৪৮) জানান, ফজরের আজানের পর থেকেই এ কাজ করছেন। বৃদ্ধ বাবা ধলাই মিয়া (৭২) ও মা পুলকজান (৬০) প্রয়োজনীয় পানির জোগান দিচ্ছেন। রমিজ উদ্দিন জানান, ৫ কিয়ার জমির রোগ সারাতে তিনি ১২০০ টাকার ওষুধ কিনেছেন। তিনি বলেন, মনকে বুঝাতে টাকা আর পরিশ্রম করছি। বিষ দিয়ে কেউ ধান রক্ষা করতে পারছে না। পুলকজান বলেন, গেল দু‘বছর ধান পাইছি না। আমার পুতের ১৪ কিয়ার (১ কিয়ার=৩০ শতক) জমির ধানের মধ্যে ৫ কিয়ার জমির পুরো ধান নষ্ট অইয়া গেছে। বাকি ধানের জমিনেও রোগ অইছে। রোগ সারাতে টেকা আর শ্রম দিয়েও ধান রক্ষা হচ্ছে না। কৃষকরা আরো বলেছেন, আগাম জাতের ধান হিসাবে কৃষকরা এ বছর ব্রি-২৮ ধানের চাষ করেছেন। হাওরের ৮০ ভাগ জমিতেই এই ধানের চাষ হয়েছে। কিন্তু জমির ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। রোগ সারাতে ধানের জমিতে কৃষকরা ছত্রাকনাশক ন্যাটিভো বা ট্রুপার স্প্রে করছেন। কিন্তু রোগমুক্ত হচ্ছে না ধান গাছ। এ অবস্থায় নিরুপায় হয়ে পড়েছেন রোগাক্রান্ত জমির কৃষকরা।
মাটিয়ান হাওরের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, গত বছর পানিতে ফসল ডুবেছে। এর আগের বছর গেল শিলাবৃষ্টিতে। এ বছর ফসলরক্ষা বাঁধের কাজের পরিমাণ ও মান খুব ভাল। কিন্তু ধানের ব্লাষ্ট রোগ সব অর্জন শেষ করে দিচ্ছে।
মাটিয়ান হাওরপাড়ের জামলাবাজ গ্রামের কৃষক আব্দুল হক (৭৫) বলেন, হাওরের ধান কোনদিন রোগাক্রান্ত হয়নি। বাপ-দাদার আমল থেকে কোনোদিন ধানের রোগ সারাতে বিষও দিইনি। কিন্ত এ বছর বিষ দিয়েও ধানের ফলন রক্ষা করতে পারছি না।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম এ বিষয়ে বলেন, সীমিত আকারে হাওরের ব্রি-২৮ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তারা এ রোগ থেকে ধান রক্ষায় সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। তার দাবি তাহিরপুরে এ বছর ধানের ক্ষতির পরিমাণ পাঁচ থেকে ছয় হেক্টরের বেশি হবে না।

Wednesday, April 4, 2018

দোয়ারাবাজারে সড়ক নদীতে বিচ্ছিন্ন দুই উপজেলা

দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ভাঙনে আবারো বন্ধ হয়েছে ছাতক দোয়ারাবাজারে একমাত্র যোগাযোগ সড়ক। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছাতকের সঙ্গে দোয়ারাবাজারের যোগাযোগ। গত বৃহস্পতিবার ঢাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এদিকে শনিবার সকালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
গত এক সপ্তাহ ধরে নদীর ভাঙনে একটু একটু করে সড়কটি নদীগর্ভে চলে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ নেয়া হয়নি। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে মংলারগাঁও গ্রামের পাশের মাস্টারপাড়া এলাকায় সড়কের বড় অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর আগে বিলীন হয়েছে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কটি।
এদিকে ভাঙনে মংলারগাঁও, মাজেরগাঁও, মুরাদপুর, পূর্ব মাছিমপুর, পশ্চিম মাছিমপুরের প্রায় শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। প্রায় অর্ধশতাধিক পরিবার রাস্তার পাশে ঘর তৈরি করে কোনোরকম দিন কাটাচ্ছেন।
উপজেলার মাজেরগাঁও গ্রামের সমুজ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবার রেখে যাওয়া এই বাড়ির ভিটে ছাড়া আর কিছুই নেই। আমদের ভিটের অর্ধেক অংশ এখন নদীগর্ভে। বাকি অংশটুকু যদি নদীগর্ভে চলে যায় তাহলে আমাদেরও অন্যদের মতো রাস্তায় আশ্রয় নিতে হবে।’
নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘ইতিপূর্বে আমরা কয়েকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ নেয়া হয়নি। সরকারের নীরব ভূমিকায় আমরা হতাশ।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ‘গত বৃহস্পতিবার ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি ভিত্তিতে বরাদ্দ দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলেছেন। এই মুহূর্তে উপজেলা পরিষদের পর্যাপ্ত বরাদ্দ নেই। তাই আমাদের পক্ষ থেকে কিছু করা যাচ্ছে না।’

Tuesday, March 27, 2018

মন ছুঁয়ে যায় সোনালী চেলার মোহনায় by মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

সোনালী চেলা নদীর মোহনা। বর্ষায় উত্তাল তরঙ্গ আর শুষ্ক মৌসুমে চারদিকে বিশাল চর। এ যেন নদী নয় ধু-ধু মরুভূমি। উত্তরে দাঁড়িয়ে আছে ভারতের সুউচ্চ কালো পাহাড়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ওই নদী দোয়ারাবাজার উপজেলার বুক চিরে ছাতক উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে। পড়ন্ত বিকালে সোনালী চেলার মোহনার নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের আরো প্রাণবন্ত করে তোলে। জমিদার আমলে ওই নদীর তীরে ছোট-বড় টিলায় প্রচুর কমলা লেবু চাষাবাদ হতো। কালের বিবর্তনে কমলা লেবুর চাষ ও বাগানের বিলুপ্তি ঘটে। শীত মৌসুমে বালির চরে গজে উঠে কাশফুলের বাগান। উত্তরের পাহাড়ি উত্তাল হাওয়ায় কাশফুলের দোলনায় মন ছুঁইয়ে যায় এখানে আসা পর্যকদের।
ভোরে দুই দেশের সীমান্ত ওই এলাকায় পাহাড়ি পাখ-পাখালির কিচির মিচির শব্দ আর বারকী নৌকার লগি-বৈঠার আওয়াজে এখানকার বাসিন্দাদের ঘুম ভাঙে। সারি সারি বারকী নৌকার যাওয়া-আসার দৃশ্য পর্যটকদের নজর কাড়ে। প্রতিনিয়ত ওই নদী দিয়ে শত শত বারকী নৌকায় করে ভারত থেকে আনা হয় চুনা পাথর। আমদানীকৃত চুনাপাথর দিয়ে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড এর সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ওই সব চুনাপাথর দিয়ে ছাতকের বিভিন্ন চুল্লিতে (কোম্পানি) উৎপাদিত হয় চুন। সোনানী চেলায় বারকী নৌকা চলাচল শুরু হয় সম্ভবত ব্রিটিশ আমলে। বারক লি নামক জনৈক ইংরেজ ব্যক্তি এখানকার প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী সর্বপ্রথম ভারতের পাহাড় থেকে চুনাপাথর এনে সুরমা নদীর পাড়ে সিমেন্ট তৈরিসহ একাধিক চুল্লি প্রতিষ্ঠিত করে চুন তৈরি করতেন। সেই থেকে আজ অবধি ওই নদী দিয়ে বারকী নৌকায় পরিবহন করা হয় চুনাপাথর।
সোনালী চেলায় শুষ্ক মৌসুমে পানির স্তর কমে গেলে স্থানীয়রা নুড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। এছাড়া ভোর হতে মধ্যরাত পর্যন্ত নদীতে শখের বশে মাছ আহরণ করেন স্থানীয়রা। বর্ষায় প্রচণ্ড শ্রোত প্রবহমান থাকে সোনালী চেলায়। উভয় তীরে নদী ভাঙন ও শুষ্ক মৌসুমে বালি ও পলিমাটি ভরাট হয়ে চর গজে উঠায় নাব্য সংকটে রয়েছে ওই নদী।
সোনালী চেলার উভয় তীরে নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ ও খনন করা হলে দু’দেশের একেবারে জিরো পয়েন্টের সোনালী চেলার মোহনা হয়ে উঠবে উপজেলার অন্যতম একটি আকর্ষণীয় ও নান্দনিক দর্শনীয় স্থান।

তাইজুদ্দিনের মানবেতর জীবন by মুহাম্মদ হাবিবুল্লাহ হেলালী

১৯৭১ সালে দীর্ঘ সাড়ে চার মাস মরণপণ যুদ্ধ করেও তাইজুদ্দিনের স্বীকৃতি মিলেনি আজো। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের বাসিন্দা। একাত্তরে দেশ-মাতৃকার উদ্ধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১লা সেপ্টেম্বর ভারতের আগরতলায় যমুনা ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে সেখান থেকে দেশে ফিরে অক্টোবর মাসে ৩০৩ রাইফেল পরিচালনায় দক্ষ প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেন। তৎকালে ১১ নং সেক্টরের অধীনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার চতুল এলাকায় গ্রুপ কমান্ডার রিয়াজ উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বাধীন কোম্পানিতে মরণপণ যুদ্ধ করেন। স্বাধীনতার পর রিয়াজ উদ্দিন ভুঁইয়া আমেরিকা চলে যাওয়ায় তার হাতে কোনো কাগজপত্র ছিল না। এছাড়া যুদ্ধ পরবর্তী সময়ে কটিয়াদী এলাকা হতে তিনি সপরিবারে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে চলে আসায় ওইসব কাগজপত্রের আর কোনো সন্ধানও পাননি তিনি। দীর্ঘ কয়েক বছর পর সুদূর আমেরিকা হতে মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার রিয়াজ উদ্দিন ভুঁইয়া সেখান থেকে নোটারী পাবলিকের মাধ্যমে তার যুদ্ধকালীন বিবরণ সংবলিত একটি ইংরেজিতে লেখা সনদপত্র প্রদান করলেও অদ্যাবধি অন্যান্য তালিকার কোনো হদিস পাননি তিনি। আজ তিনি বয়সের ভারে ন্যুব্জ। যুদ্ধ করেও স্বীকৃতি না পেয়ে আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই এখন তার।
মুক্তিযোদ্ধা তাইজউদ্দিন কান্নায় ভেঙে পড়ে বলেন, একাত্তরের অক্টোবর মাসে সকাল ৮টায় স্থানীয় চাঁদপুর গ্রামে আগুন দেয় পাক সেনারা। তৎক্ষণাত এন ইসলামসহ সঙ্গীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিরোধ করতে যাই। নিজের পরিবার পরিজন ছেড়ে জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ি মুক্তিযুদ্ধে। এভাবে দীর্ঘ সাড়ে চার মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাইনি। আমি ভাতার জন্য নয় মৃত্যুর আগে একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেখে মরতে চাই।

Sunday, March 25, 2018

সুনামগঞ্জের দিরাইয়ে ২২৯ বস্তা ভিজিএফ এর চাল জব্দ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চেয়ারম্যানের বাসভবনে রাখা ভিজিএফ এর ২২৯ বস্তা চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার রাত ১২টায় জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের নির্দেশে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মইন উদ্দিন ইকবাল ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার হারনপুর গ্রামে চেয়ারম্যানের বাসভবনে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। এসময় তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ তার নিজ বাসভবনে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আজ সকালে চোরাই হেফাজতে রাখা চালের বস্তাগুলো উপজেলা খাদ্যগুদামে জমা দেয়ার জন্য চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আব্দুল কদ্দুছ বলেন, আমি এর আগেও আমার নিজের বাসায় চাল রেখে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে বিতরণ করেছি। গত ১৭ই মার্চ একই উদ্দেশ্যে চালগুলো খাদ্যগুদাম হতে উত্তোলন করে আমার নিজ বাড়িতে রেখেছি। ব্যক্তিগত বাসভবনে সরকারী ভিজিএফ এর চাল জমা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কোন পূর্বানুমতি নিয়েছিলেন কিনা জানতে চাইলে চেয়ারম্যান কোন সদুত্তর দিতে পারেননি।
ভিজিএফ এর চাল বিতরনের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রণধীর রায় বলেন, বিনা অনুমতিতে ব্যক্তিগত বাসভবনে সরকারী ভিজিএফ এর চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চেয়ারম্যান আব্দুল কদ্দুছ এর বাসভবনে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মইন উদ্দিন ইকবাল বলেন,এ ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর জব্দকৃত চালের ব্যাপারে সিদ্বান্ত নেয়া হবে।

Wednesday, March 21, 2018

দুই পরিবারেই আটকে আছে সুনামগঞ্জের মেয়র নির্বাচন by চৌধুরী মুমতাজ আহমদ

সুনামগঞ্জ শহরের রাজনীতি যেন আটকে আছে দুটো পরিবারের মাঝেই। বৃত্ত ভেঙে কেউই উঠে আসতে পারছেন না স্থানীয় রাজনীতিতে। পৌর নির্বাচনে আগেরবার দুই পরিবারের বাইরে থেকে একজন উঁকি দেয়ার চেষ্টা করলেও এবার তিনিও ক্ষান্ত দিয়েছেন। সুনামগঞ্জ ফিরে এসেছে ‘রাজা-বখত’-এ দুই ঘরের লড়াইয়ে। সুনামগঞ্জ পৌরসভার
মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী এসেছে এ দুই পরিবার থেকেই। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা নিয়ে লড়ছেন প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত। স্বতন্ত্র হিসেবে লড়াইয়ে আছেন মরমি কবি দেওয়ান হাছন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। সালাদীনের ভাই প্রয়াত
মমিনুল মউজদীনও ছিলেন সুনামগঞ্জের মেয়র। নির্বাচনী লড়াইয়ে আছেন সালাদীনের চাচাতো ভাই দেওয়ান সাজাউর রাজা সুমনও। তিনি লড়ছেন বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে।
সুনামগঞ্জ শহরের কর্তার চেয়ারটি ঘুরেফিরে দখলে রয়েছে ‘রাজা-বখত’ পরিবারের মাঝেই। নাদের বখতের বড় দুই ভাইই ছিলেন সুনামগঞ্জ পৌরশহরের অভিভাবক। তাদের দশ ভাইয়ের পরিবারটি সুনামগঞ্জ শহরে প্রভাব বিস্তারকারী একটি পরিবার। সে প্রভাবেই মনোয়ার বখত নেক ১৯৮৫ সালে সুনামগঞ্জ পৌরসভার কর্তৃত্বও হাতের মুঠোয় নিয়েছিলেন। ১৯৮৮ সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে অনেক ঘটনা, অনেক গল্পের পর আরেক ভাই আয়ুব বখত জগলুল সে চেয়ারের দখল পান। ২০১১ সাল থেকে মৃত্যুর পর্ব পর্যন্ত টানা দুবার তিনিই ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র। গত ১লা ফেব্রুয়ারি তার আকস্মিক মৃত্যুতে মেয়রের পদটি শূন্য হয়। আর এজন্যই আবার সুনামগঞ্জ পৌরসভায় ভোটের আয়োজন।
সুনামগঞ্জের মেয়র পদে নৌকার হয়ে লড়তে আরো ৪ প্রার্থীর নাম জমা পড়েছিল কেন্দ্রে। এর মধ্যে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমনের বড় ভাই ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পিপি ড. খায়রুল কবীর রুমেন, দেওয়ান হাছন রাজার প্রপৌত্র জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক দেওয়ান এমদাদ রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাশ, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু। তবে সবাইকে ছাপিয়ে মনোনয়ন পান নাদের বখত।
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের বাকি দুই প্রার্থী একই পরিবারের সদস্য। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ও বিএনপি প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন সম্পর্কে চাচাতো ভাই। দেওয়ান আনোয়ার রাজার ছেলে হচ্ছেন গণিউল সালাদীন আর আনোয়ার রাজার সৎভাই দেওয়ান জোহায়ের রাজার ছেলে হচ্ছেন সাজাউর রাজা সুমন।
১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে সুনামগঞ্জের টানা তিনবারের মেয়র মমিনুল মউজদীনের ছোট ভাই গণিউল সালাদিন। সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন নিহত হওয়ার পরই নির্বাচনে মেয়র হয়েছিলেন আয়ুব বখত জগলু। মমিনুল মউজদীনকে আদর্শ ধরেই নির্বাচনী মাঠে নেমেছেন সালাদীন। সালাদীনদের সবচেয়ে বড়ভাই দেওয়ান সামসুল আবেদীন জিয়াউর রহমানের আমলে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। দল পাল্টে পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেন। তারপর যোগ দেন হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে। সালাদিনের আরেক ভাই সুনামগঞ্জ পৌরসভারই সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।
সর্বশেষ নির্বাচনেও গণিউল স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী আয়ুব বখত জগলু ও বিএনপি প্রার্থী শেরগুল আহমদের বিপক্ষে। শেরগুল এবার লড়াইয়ের মাঠ থেকে নিজেকে সরিয়ে নেয়ায় সুযোগ পেয়েছেন সাজাউর রাজা।
শুধু শহরকেন্দ্রিক রাজনীতি নয় পুরো সুনামগঞ্জের রাজনীতি আটকে আছে বিভিন্ন পারিবারিক বলয়ে। রাজা-বখত পরিবারের বাইরে বিস্তৃত্ব রাজনীতিও আটকে আরো কিছু পরিবারের মাঝে। তাই তৃণমূলের নেতাদের কোথাও কোনো সুযোগ মিলছে না। এ নিয়ে তাদের ক্ষোভও রয়েছে। সুনামগঞ্জের জেলা পর্যায়ের রাজনীতিতে দাপট রয়েছে মুকুট পরিবার, ইমন পরিবারসহ বেশ কিছু পরিবারের। জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের ভাই খায়রুল হুদা চপল সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমনের বড় ভাই খায়রুল কবীর জেলা আওয়ামী লীগে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি হিসেবে, যিনি পৌর নির্বাচনে মেয়র পদে লড়তে চেয়েছিলেন। বড় আরো এক ভাই ফজলুল কবীর আছেন সদস্য হিসেবে। জেলা সভাপতি মতিউর রহমানের ছেলে আছেন কমিটিতে সদস্য হিসেবে। সহসভাপতি আপ্তাব উদ্দিনের মেয়েরও জায়গা হয়েছে সদস্য হিসেবে। জেলার যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম চৌধুরীর ভাই শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদকের পদ। কৃষিবিষয়ক সম্পাদক করুণাসিন্ধুর ছোট ভাই পেয়েছেন একই কমিটির সদস্য পদ।