Showing posts with label শরীয়তপুর. Show all posts
Showing posts with label শরীয়তপুর. Show all posts

Friday, August 2, 2024

বুলেটের আঘাত কেড়ে নিলো মাহমুদের পরিবারের হাসি by খলিলুর রহমান

নিদারুণ ভাতের কষ্ট আর দারিদ্র্যকে মাড়িয়ে সবেমাত্র এক যুগ হলো সুখের মুখ দেখেছিলেন ব্যাংক কর্মকর্তা দুলাল মাহমুদ (৩৮)। ঘর করার জন্য গ্রামে কিনেছিলেন এক টুকরো জমিও। বাবা-মা, স্ত্রী আর দুই ফুটফুটে সন্তানকে নিয়ে পেতেছিলেন সুখের সংসার। তবে সেসব আজ শুধুই স্মৃতি। বুলেটের আঘাত কেড়ে নিয়েছে গোটা পরিবারটির হাসি। ছেলে আর বাড়ি ফিরবে না, ডাকবে না মা বলে। এই কথা মনে করতেই ডুকরে কেঁদে উঠেন মা জলেখা বিবি। বিচার চান ছেলে হত্যার। খোঁজ নিয়ে জানা যায়, দুলাল মাহমুদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার চরখাগুটিয়া চৌকিদার কান্দি এলাকায়। সিদ্দিক খালাসী ও জলেখা বিবির ৭ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ছোটবেলা থেকেই দারুণ অর্থকষ্টে দিন কেটেছে তাদের।

একদিকে বাবা কুষ্ঠুরোগী আর অন্যদিকে গরিব  হওয়ায় ছোটবেলা থেকে কাজ শুরু করেন দুলাল। পড়াশোনা চালিয়ে যেতে কখনো চালিয়েছেন ভ্যান, আবার কখনো দিয়েছেন কৃষাণ। ২০০১ সালে পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন তিনি। পরে ভাতের অভাবে গ্রাম ছেড়ে পাড়ি জমান মুন্সীগঞ্জ জেলায়। সেখানে একটি বাড়িতে লজিং থেকে শেষ করে উচ্চ মাধ্যমিক ও কলেজ জীবন। এরপর ঢাকায় শুরু করেন চাকরির সন্ধান। ১৪ বছর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি হয় তার। আস্তে আস্তে সুদিন ফিরে আসে। ৮ বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার সংসারে ৭ বছরের আদিয়াত ও সাড়ে তিন বছরের আরিশা নামের দুটি সন্তান রয়েছে।
গত ১৮ই জুলাই বিকাল থেকেই ঢাকার আজিমপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এদিন অফিস শেষ করে বাসায় ফিরছিলেন দুলাল মাহমুদ। তিনি বাসার সামনে গলির মাথায় আসতেই হঠাৎ করে এক ঝাঁক রাবার বুলেট এসে বিদ্ধ করে তার হাত আর পেটের অংশে। মুহূর্তে সব শেষ। মাটিতে লুটিয়ে পড়েন দুলাল। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে স্থানীয়রা ছুটে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর পরের দিন চিকিৎসাধীন অবস্থায় চিরদিনের মতো ঘুমিয়ে পড়েন তিনি। পরে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।
সরজমিন দুলাল মাহমুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার কিনে রাখা একখণ্ড জমির পাশে তাকে কবর দেয়া হয়েছে। মা জলেখা বিবি তজবিহ জপে ছেলের জন্য দোয়া করছেন। ছেলের শোকে পাথর হয়ে বসে আছেন বাবা সিদ্দিক খালাসীও। সন্তান দুলাল মাহমুদের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না মা জলেখা বিবি। তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তার।
জলেখা বিবি বলেন, ‘ছোটবেলা থিকা পোলারে দুইডা টাকা দিতে পারি নাই। নিজে বদলা দিয়া, মানুষের দোকানে কাম কইরা পড়ালেহা করছে। এহন সে চাকরি পাইছে। কিন্তু আমার নির্দোষ পোলাডারে মাইরা ফেললো। আমার বুক খালি কইরা, আমার নাতি-নাতকুর দুইডারে এতিম বানাইয়া দিলো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’ ছোট ভাই জসিম খালাসী বলেন, টাকার অভাবে আমরা ভাইরা আর কেউ পড়াশোনা করতে পারি নাই। দুলাল ভাই নিজে পড়াশোনার জন্য ভ্যান চালাইছে, মানুষের বাড়িতে কাম করেছে। তিনিই আমাগো দেইখা রাখতো। আজ তিনি আর নাই। আমাদের একটাই দাবি, ভাইয়ের পরিবারটির পাশে যেন সরকার দাঁড়ায়।
কোয়েল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, দুলাল ভাই কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি বেশি মানুষের ভিড় কিংবা আড্ডা পছন্দ করতেন না। আমরা শুনেছি, ওনি অনেক কষ্ট করে এই অবস্থানে এসেছেন। তাদের বাড়ি থেকে বর্ষায় রাস্তায় আসতে পানি পড়ে। তিনি গামছা পরে পানি পাড় হয়ে, জামাকাপড় পরিবর্তন করে স্কুলে যেতেন। খুব মেধাবী ছিলেন। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।
পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, আমরা ওকে কখনো দেখিনি রাজনীতি করতে বা কারও সঙ্গে উচ্চবাক্যে কথা বলতে। ভীষণ গরিব পরিবারের সন্তান ছিল দুলাল। আমাদের স্কুল থেকে পাস করার পর একপর্যায়ে শুধু ভাতের অভাবে, পড়াশোনার জন্য মুন্সীগঞ্জে চলে যায়। সেখানে লজিং মাস্টার থেকে পড়াশোনা শেষ করে এখন একটা ভালো অবস্থানে এসেছিল। হঠাৎ করে এমন ঘটনা আমাদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। আমরা চাই সরকার পরিবারটির পাশে দাঁড়াক। জাতীয় মানবাধিকার কমিশন শরীয়তপুরের প্যানেল আইনজীবী রওশনআরা বলেন, জাজিরার দুলাল মাহমুদ ঢাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় গুলিতে নিহত হয়েছেন। তার পরিবারে বৃদ্ধ মা-বাবা আর দুটি সন্তান ও স্ত্রী রয়েছে। এই অবস্থায় কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি বিপাকে পড়েছেন। আমরা চাই সরকার পরিবারটির পাশে দাঁড়াক।

Monday, December 25, 2017

শরীয়তপুরে জেএসসি ফল প্রত্যাশীর আত্মহত্যা

শরীয়তপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রত্যাশী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। তবে আত্মহত্যার কোনো কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। সখিপুর থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ডিএম খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডিএম খালী মাঝিকান্দি গ্রামের বাবুল মাঝির মেয়ে মারিয়া (১৪) একই এলাকার চর ভয়রা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আগামী ৩০ ডিসেম্বর জেএসসি’র ফল প্রকাশ হবে। মারিয়া ভোর ৬টার দিকে অজানা কারণে বসতঘরের পার্শ্ববর্তী একটা পরিত্যক্ত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সখিপুর থানা ওসি তদন্ত এক এম শামিম বলেন, এক জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় লাশ উদ্ধার করে মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

Wednesday, June 10, 2015

বন্ধুদের নিয়ে স্ত্রীকে ধর্ষণের পর হত্যা!

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরজালালপুর এলাকায় রিনা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী বন্ধুদের নিয়ে ধর্ষণ শেষে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মেঘনা নদীর তীরবর্তী টেকপাড় খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী কাদের সরদারের (২৫) বাবা ও এক বন্ধুকে পুলিশ আটক করেছে। রিনা কাদেরের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
কাদেরের বন্ধুর বরাত দিয়ে গোসাইরহাট থানা-পুলিশ জানায়, কাদের সরদার জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া মাস্টারকান্দি গ্রামের জালাল সরদারের ছেলে। সে ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করত। একই কারখানায় কাজ করতেন রিনা আক্তার (১৮)। তাঁরা গত জানুয়ারিতে বিয়ে করেন। দুই মাস আগে কাদের স্ত্রীকে নিয়ে গোসাইরহাটের চরজালালপুর আশ্রয়ণ প্রকল্পে এসে বসবাস শুরু করেন।
পুলিশ জানায়, গত রোববার ঢাকায় যাওয়ার কথা বলে কাদের স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়। রাতে কাদের ও তার তিন বন্ধু রিনাকে মেঘনা নদীর তীরে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে রিনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়।
কাদের ও তার বন্ধুদের গতিবিধি সন্দেহজনক হলে সোমবার গ্রামের মানুষ রিনার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায়। টের পেয়ে তারা এলাকা ছাড়ে। পালিয়ে যাওয়ার সময় কাদেরের বন্ধু রুবেল সরদারকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট থেকে আটক করে পুলিশ। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল দুপুরে গোসাইরহাট থানার মেঘনা নদীর তীরবর্তী টেকপাড় খাল থেকে রিনার লাশ উদ্ধার করা হয়।
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার সুমন দেব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে কাদেরের বন্ধু রুবেল। লাশ গুম করার জন্য শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে নদীতে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য কাদেরের বাবা জালাল সরদারকে আটক করা হয়েছে। অন্য অপরাধীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য রিনার লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বাবার বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, কাদেরের প্রথম স্ত্রী ভেদরগঞ্জে থাকেন। কাদের ঢাকায় চাকরির সময় প্রেম করে রিনাকে বিয়ে করে। রিনার টাকাপয়সা হাতিয়ে নিয়ে কয়েক মাস আগে কাদের ভেদরগঞ্জে আসে। খোঁজ নিয়ে রিনাও চলে আসেন। এ অবস্থায় কাদের কৌশলে রিনাকে নিয়ে গোসাইরহাটের আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করে। ধারণা করা হচ্ছে, পালিয়ে এসেও রিনাকে বিচ্ছিন্ন করতে না পেরে তাঁকে হত্যার পরিকল্পনা করে কাদের।