Tuesday, May 2, 2017

পাহাড়ে ভেঙে পড়ল বিমান, সব আরোহী নিহত

কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় পাহাড়ে সোমবার সামরিক বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ তার টুইটারে জানান, ‘বিমান বিধ্বস্তে নিহত আটজনের প্রিয়জনদের আমরা সমবেদনা জানাচ্ছি।’ স্থানীয় গভর্নর জর্জ এমিলিও রে বলেন, বোগোটার পশ্চিমে ফাসাট্যাটিভ ও জিপাকনের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেসনা ক্যারাভান এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটির ধারণক্ষমতা ১৪ জন। বিমানটি রাজধানীর গুয়াইমারাল বিমান ঘাঁটি থেকে তোলেমাইদা যাচ্ছিল। এটি আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিশরে বন্দুকধারীদের হামলায় ৩ পুলিশ নিহত

মিশরের রাজধানী কায়রোর কাছাকাছি রাস্তায় অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশের একটি বহরে হামলা চালিয়ে তিন পুলিশকে হত্যা করেছে। বন্দুকধারীদের হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হযেছে। মঙ্গলবার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে সশস্ত্র হামলাকারীরা দুটি গাড়িতে করে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরে হামলা চালায়।
বহরটি প্রথম রিং রোড দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। রিং রোডটি কায়রোকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। খবর এএফপি’র। হামলাকারীদের লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। পুলিশ তাদের পাকড়াও করার জন্য ধাওয়া করছিল। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, শিগগিরই সংগঠনটির পরবর্তী নেতার নাম ঘোষিত হবে। হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়া বলেছেন, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচনের ফলাফল ‘আগামী কয়েকদিনের মধ্যে’ ঘোষণা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৫ মে’র আগেই নতুন নেতৃত্বের নাম ঘোষিত হবে। তিনি বলেন, নতুন নেতা হিসেবে হানিয়ার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তিনি দুইবারের নেতা খালেদ মিশালের স্থলাভিষিক্ত হবেন। ২০০৬ সালে অনুষ্ঠিত ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে হামাস বিপুলভোটে জয়ী হয় এবং ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
হামাস ইসরাইলকে স্বীকৃতি দিতে অসম্মতি জানানোয় তখন থেকে পশ্চিমা দেশগুলো এই সংগঠনের সাথে কোনোরকম আলোচনায় বসতে রাজি হয়নি। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০০৭ সালে হানিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। এরপর গাজা উপত্যকায় নিজের শাসন প্রতিষ্ঠা করে হামাস। হামাসের সিনিয়র কর্মকর্তারা রোববার মাহমুদ আব্বাসকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ দায়ে অভিযুক্ত করেন। আব্বাস গত মাসে বলেছিলেন, গাজা উপত্যকাকে হামাসের কাছ থেকে ছিনিয়ে স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার জন্য তিনি ‘নজিরবিহীন’ পদক্ষেপ নেবেন। এর প্রতিক্রিয়ায় ইসমাইল হানিয়া বলেছেন, আব্বাস ‘দিবাস্বপ্ন’ দেখছেন। তিনি বলেন, “যদি কেউ ভেবে থাকেন গাজাকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে তবে তিনি ঘোরের মধ্যে রয়েছেন। কারণ, প্রতিরোধ, আত্মত্যাগ ও শাহাদাতের কারণে গাজা উপত্যকা ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সূত্র : ওয়েবসাইট

হামাসের নতুন নীতি : 'ইসরাইলকে স্বীকৃতি দেয়া হবে না'

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল ঘোষণা করেছেন, তার সংগঠন ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নিলেও কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেবে না। সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে হামাসের নতুন নীতি ঘোষণা করেন তিনি। মিশাল বলেন, “হামাস সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার নীতিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ইসরাইলকে স্বীকৃতি না দিয়ে কিংবা কোনো অধিকার ত্যাগ না করেই ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে রাজি আছে।” তিনি স্পষ্ট করে বলেন, নতুন নীতিতে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কোনো সুযোগ রাখা হয়নি। মিশাল বলেন, “আমরা আমাদের নীতিকে হালকা করতে চাই না, তবে আমরা উদার হতে চাই। আমরা আশা করছি নতুন নীতি ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো আমাদের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে।” হামাস নেতা ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের চলমান অনশন ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করেন। খালেদ মিশালের পক্ষ থেকে ঘোষিত হামাসের নতুন নীতিতে সব ফিলিস্তিনি শরণার্থীকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার আহ্বানে অটল থাকার পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, মসজিদুল আকসা মুসলমানদের সম্পদ এবং এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। হামাস হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের অন্যতম প্রধান প্রতিরোধ আন্দোলন। ইসরাইল ২০০৭ সাল থেকে হামাসের নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ওপর তিন দফা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ২০১৪ সালের জুলাই মাসে গাজায় ইসরাইলের সর্বশেষ আগ্রাসন শুরু হয়। প্রায় ৫০ দিনের ওই যুদ্ধে ২,২০০ ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হন। সূত্র : ওয়েবসাইট

কিমের সাথে দেখা সম্মানের বিষয় বলছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দেখা হলে তিনি সম্মানিত বোধ করবেন, অবশ্য যদি সেটা সঠিক সময়ে হয়। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে মি. ট্রাম্প বলছেন, ‘তার সঙ্গে (কিম জং-উন) দেখা করার ব্যাপারটি যদি আমার জন্য যৌক্তিক হয়, তাহলে অবশ্যই আমি দেখা করবো। এটা আমার জন্য সম্মানেরও হবে।’ আগের দিনই মি. কিমকে তিনি ‘যথেষ্ট চালাক ব্যক্তি’ বলে বর্ণনা করেছিলেন। মি. ট্রাম্পের নতুন এই মন্তব্য এমন সময় এলো, যখন উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কর্মসূচী নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা চলছে। তবে মি. ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। সেখানে বলা হয়েছে, ‘দুই নেতার মুখোমুখি কোন সাক্ষাৎ করতে হলে হলে, উত্তর কোরিয়াকে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে।’ এখনো সে রকম পরিবেশ তৈরি হয়নি বলে বলছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র শেন স্পাইসার বলেছেন, বিশেষভাবে তারা দেখতে চান যে, অতিসত্বর উত্তর কোরিয়া তাদের উস্কানিমুলক আচরণ বন্ধ করেছে। রবিবার সিবিএস টেলিভিশনে দেয়া একটি সাক্ষাৎকারে কিম জং-উনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘অনেকে বলে, তিনি কি একটি শয়তান?
সে বিষয়ে আমার কোন ধারণা নেই। তবে যখন তার বাবা মারা যায়, তখন তিনি ২৬/২৭ বছরের একজন তরুণ। অবশ্যই অনেক কঠিন মানুষজনের সাথে তার কাজ করতে হয়, বিশেষ করে জেনারেলদের সঙ্গে। যাদের অনেকেই হয়তো ক্ষমতায়ও ভাগ বসাতে চায়। যাদের মধ্যে হয়তো তার ফুপা বা অন্য কেউ থাকতে পারে। এসবের মধ্যেও তিনি ক্ষমতা ধরে রেখেছেন। সুতরাং, তিনি অবশ্যই বেশ চালাক একজন ব্যক্তি।’ মি. ট্রাম্প যখন এসব কথা বলছেন, কোরিয়া উপদ্বীপে তখন উত্তেজনা বেড়েই চলেছে। উত্তর আর দক্ষিণ কোরিয়া, উভয় দেশই সামরিক মহড়া শুরু করেছে। আর যেকোনো সময় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তারা যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে, তা এখন পুরোপুরি কার্যক্ষম হয়েছে। সূত্র: বিবিসি

আমেরিকাই কোরিয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের কাছাকাছি নিয়ে গেছে

উত্তর কোরিয়া বলেছে, কোরিয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আমেরিকাই দায়ী। একইসঙ্গে নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারকে ‘সর্বোচ্চ গতিতে’ সমৃদ্ধ করারও প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ নৌমহড়ার কথা উল্লেখ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দেশটির সঙ্গে আমেরিকার সংঘাত গত অর্ধশতকেরও বেশি সময় ধরে চললেও সাম্প্রতিক মহড়ার পর থেকে কোরিয় উপদ্বীপ পরমাণু যুদ্ধের যত কাছাকাছি পৌঁছেছে এর আগে কখনো ততটা পৌঁছেনি।
ওই মুখপাত্র বলেন, পিয়ংইয়ং-এর উপর আমেরিকার অব্যাহত চাপ প্রয়োগের প্রেক্ষাপটে উত্তর কোরিয়া সর্বোচ্চ গতিতে নিজের পরমাণু অস্ত্র শক্তিশালী করবে। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার কাছে ‘শক্তিশালী পরমাণু অস্ত্র’ থাকার কারণেই অন্যান্য দেশে আমেরিকা যে আগ্রাসন চালায় তা দেশটিতে চালাতে পারেনি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকাকে ‘আগ্রাসন ও যুদ্ধের হোতা’ এবং ‘শান্তি ভঙ্গকারী’ হিসেবে অভিহিত করেন। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মার্কিন সরকার বহুবার বলেছে, পিয়ংইয়ং-এর বিরুদ্ধে ‘সব ধরনের ব্যবস্থা নেয়ার’ পথ খোলা রাখা হয়েছে। অন্যদিকে আক্রান্ত হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সূত্র : ওয়েবসাইট

রাজবাড়ীতে ভাংচুর-লুটপাট : মামলা করতে না দেয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সস্ত্রাসী হামলায় বাড়িঘর ও দোকানপাট ভাংচুর, লুটপাটের ঘটনায় মহিলাসহ ৬ আহত হওয়ার পাঁচদিন পরও বিচার না পেয়ে পুনরায় হামলার আতঙ্কে ক্ষতিগ্রস্তরা। পুরুষ সদস্যরা রাতে বাড়ি থাকতে পাড়ছে না। ফলে মহিলারা ভীত-সস্ত্রস্ত হয়ে পড়েছেন। ঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্তরা থানায় মামলা করতে চাইলেও এলাকার প্রভাবশালী কিছু রাজনৈতিক ব্যক্তি ঘটনার বিচারের আশ্বাসে মামলা করতে দিচ্ছে না বলে অভিযোগ। ওই ঘটনার পর বিচারের আশ্বাস প্রদানকারী আওয়ামী লীগ নেতা সাধন মিয়া শালিসের দিন দুই বার পাল্টানোর ফলে হামলাকারী কালু মন্ডল ও আব্দুর রহিম পুনরায় সস্ত্রাসী তান্ডব চালানোর পরিকল্পনা করছে বলে ক্ষতিগ্রস্তরা সাংবাদিকদের কাছে গতকাল সোমবার দুপুরে অভিযোগ করেন। উল্লেখ্য, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে হামলা চালিয়ে ৪টি বাড়ি ও ১টি দোকান ভাংচুর করাসহ হামলায় মহিলাসহ ছয়জন আহত হয়েছেন। সস্ত্রাসীদের হামলায় হাসেম মোল্যা (৬৫),
আর্জিনা বেগম (৩৫), আতিকুল মোল্যা (২৭), আয়শা বেগম (২৪), ইমামুল (২৩) ও সেহেল মোল্লা (২২) গুরুতর আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে প্রকাশ। হামলার খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন স্থানীয়রা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা হাসাতালে নিয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফির্সাস ইনচার্জ জাহিদুল ইসলাম পিপিএম বলেন, ঘোরামারার সস্ত্রাসী হামলায় পুলিশ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে পুলিশ আইনী ব্যবস্থা নিবে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের পৃথক বজ্রপাতের ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হন। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ ও গোমোস্তাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার অধীন চাকদৌলতপুর গ্রামের রূপচাঁদ আলীর স্ত্রী ছবি বেগম (৩০), বিনোদপুর ইউনিয়নের আরামারী গ্রামের আবদুর রশিদের স্ত্রী মাসুমা বেগম (২৫) এবং গোমোস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আসাদুল ইসলাম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ছবি বেগম ও মাসুমা বেগম একটি আম বাগানে কাজ করার সময় এবং একই সময়ে অপর একটি আমবাগানে আসাদুল ইসলাম বজ্রপাতের শিকার হন। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

ঝালকাঠিতে শ্রমিকদলের শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড

মহান মে দিবস উপলক্ষে ঝালকাঠিতে শ্রমিক দলের শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশি ব্যারিকেডের মধ্যেই সমাবেশ করে জেলা শ্রমিক দল। জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান অভিযোগ করেন, গতকাল সোমবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কিছুদূর গেলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পন্ড হয়ে যায় শোভাযাত্রাটি। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হন।
এ সময় পুলিশি ব্যারিকেডের মধ্যেই সমাবেশ করে শ্রমিক দল। জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। বক্তারা শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি জানান।

এবার তার বেপরোয়া গতির শিকার স্বজনরাই

মানিকছড়ির তুলাবিল গ্রামের যুবক মো: শাহাজালাল (৩২) পেশায় মোটরসাইকেল চালক। শত কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোই ছিল তার পছন্দের বিষয়। অভিযোগ রয়েছে, এ জন্য গত ৫ বছরে কয়েক ডজন যাত্রী পঙ্গুসহ অর্ধশত দুর্ঘটনা সে ঘটিয়েছে। সর্বশেষ গতকাল সোমবার সকালে তার মোটরসাইকেলে করে তার জেঠা মো: মোক্তার হোসেন (৭০) ও পিতা মো: মীর হোসেনকে (৬৫) নিয়ে ব্যক্তিগত কাজে ফেনীর ছাগলনাইয়া যায় সে। বিকাল সোয়া ৪টায় ফেরার পথে হেয়াঁকো বাজারের অদূরে (কড়ই বাগান) মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তার জেঠা এবং চমেক হাসপাতালে পিতার মৃত্যু ঘটে।
গুরুতর আহত শাহাজালালও চিকিৎসাধীন। দুই সহোদরের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  শাহাজালালের পারিবারিক সূত্র থেকেই এ দুর্ঘটনা ও তার এ ধরনের কর্মকা- সম্পর্কে জানা গেছে। জানা গেছে, গত ৫/৬ বছরে অন্তত অর্ধশত বার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়েছে সে। এতে প্রায় ১৫ ব্যক্তি পঙ্গুত্ববরণসহ অসংখ্য হাঁস-মুরগি, গরু-ছাগল, কুকুর-বিড়াল দুর্ঘটনার শিকার হয়েছে।

মে দিবস যাদের কাছে অর্থহীন

ইটভাটার বৃদ্ধা শ্রমিক জমিলা বেগমের বয়স ৬০ পেরিয়েছে বছরখানেক আগেই। পুখুরিয়া এলাকায় থাকেন অন্যের দয়ায় এক পরিত্যক্ত ভিটেবাড়িতে। স্বামী মানিক মিয়া বহু আগে তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে সংসার করছেন। দুই মেয়ে ও এক শিশু ছেলেকে নিয়ে জমিলার দুঃখের উপাখ্যানে একটিবারের জন্যও শামিল হয়নি তার পাষন্ড স্বামী। সহায়তার হাত এসে স্পর্শ করেনি তার দুঃখী জীবনে। সূর্য ওঠার আগেই শুরু হয় তার কাজ; সূর্য ডোবার পরও যেন তা শেষ হয় না। এমনি করে কেটে গেছে জীবনের ৩০টি বছর। ছেলে এখন বিয়েশাদী করে ঢাকার আশুলিয়ার থাকে, স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে। খোঁজ নেয় না দুঃখিনী মায়ের। বৃদ্ধা জমিলার ঠিকানা এখন এন.বি. ব্রিক্সের তপ্ত ভাটায়। বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো শক্তি-সামর্থ্য নেই। তবুও পেটের তাগিদে তার জীবনযুদ্ধ যেন ফুরায় না। বৈশাখের খরতাপ আর চুলার আগুনে যেন ঝলসে গেছে তার শরীর। ‘ও খালা শ্রম দিবস কি? জানেন কি না’- প্রশ্ন শুনেই, বললেন তা তো জানি না বাপু। মে দিবস কী জানেন না তিনি। দেশের রাজনীতি নিয়েও তার কোনো ভাবনা নেই।
কাজ করেন, আর বেঁচে থাকার জন্য দুমুঠো খান। সকাল গড়িয়ে রাত আবার সকাল। মে দিবসেও কাজ কর”ম। কাজ না করলে টেকা পামু কই। টেকা না পাইলে তো না খাইয়া মরতে অইব।’ এই বয়সে কেন এই আগুনের পাশে এত কষ্ট করে কাজ করছেন? পাশে বসে জিজ্ঞেস করতেই ধুলো-কালি মাখা গাল বেয়ে তরতর করে জল বেরিয়ে ভিজে গেল জমিলার বয়সী ঝাপসা চোখদুটো। শিশুদের মতো হাউমাউ করে কেঁদে ওঠে বললেন, ‘৩ জন পোলাপান রাইখা স্বামী চইলা গেছে। ভাবছিলাম এই পয় পুলাপান (সন্তানাদী) বড় অইয়া (হইয়া) কাম কাইজ কইরা আমার দুঃখ ঘুচাইবো। হেইডাও কপালে সইলো না। মায়ের পরিচয় দিতে খুব লজ্জা লাগে পোলার। তবুও দোয়া করি আল্লায় যেন ওদের সুখে রাখে।’ জমিলা বেগম বলেন, ‘আগুনের পাড়ে ১৫০ টাকা রোজের কাম (কাজ) করি। এই বয়সে আর শরীরে কুলায় না। এমন কপাল যেন আল্লায় আর কারেও না দেয় . .।’ জমিলার মতো এমন হাজারো শ্রমিকে জানেন না যে, মে দিবস বা শ্রম দিবস কি?
ওরা বোঝে একদিন কাজ না করলেই না খেয়ে থাকতে হবে। নিতান্তই পেটের তাগিদে ইটভাটার আগুনে ঝলসানো ওদের ভাগ্য। মে দিবস তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ দিন নয় বলেই পেটের তাগিদে এদিনেও তারা কাজে ব্যস্ত থাকেন। জীবিকার টানে জীবনযুদ্ধে ভাটার আগুনের সঙ্গে সংগ্রাম করছে নাম না জানা হাজারো নারী শ্রমিক। লক্ষ্য একটাই- সারা দিন রোদে পুড়ে হাড়ভাঙা খাটুনির পর একমুঠো চাল নিয়ে বাড়ি ফেরা। পথের পানে চেয়ে থাকে তাদের পঙ্গু স্বামী আর সন্তানেরা। তবে এদের বেশিরভাগই বিধবা, না হয় স্বামী পরিত্যক্তা। জেলার বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় বেরিয়ে এসেছে তাদের দুঃখ-দুর্দশার এমনই সব কাহিনী। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটার দূরেই পাঁচটি ইটভাটা। এখানে রয়েছে প্রায় শতাধিক নারী শ্রমিক। পুরষের পাশাপাশি এই ইটভাটায় নারীরা কাঠফাটা রোদে হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন প্রতিদিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম কাজ করছেন তারা। নারী বলে ন্যায্য মজুরিও জুটছে না তাদের কপালে। তারপরও এ বিষয়ে উচ্চস্বরে কেউ কোন শব্দ তুলছে না। কথা হয় আতা ব্রিকসের নারী শ্রমিক ফুলজান, পাখি, সূর্য বেগম, মরিয়ম, সমীরন, খোদেজা, রূপজান, রেখার মতো প্রায় ২৫ জন নারী শ্রমিকের সঙ্গে। এদের একজন ফুলজান বেগম। বয়স ৫০-এর কাছাকাছি। সদর উপজেলার উকিয়ারা গ্রামের শহিদ উদ্দিনের মেয়ে ফুলজানের স্বামী হাকিম উদ্দিন ৭ বছর আগে দুর্ঘটনায় মারা যান। রেখে যান ৪ সন্তান।স্বামীর মৃত্যুর পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সন্তানদের মুখে দু’বেলা খাবার তুলে দিতে ঘর ছেড়ে বেড়িয়ে পড়েন কাজের সন্ধানে। কখনও মাটি কাটার কাজ, কখনও ইটভাটায় কয়লা ভাঙার কাজ আবার কখনও রাজমিস্ত্রির জোগান দিয়েছেন। ফুলজানের চেহারা রোদ ও আগুনের তাপে পুড়ে বিবর্ণ হয়ে গেলেও এতটুকু বিশ্রাশের অবকাশ নেই তার। হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কথা বলার এক ফাকে দু’চোখের কোণে পানি টলমল করছিল।
বারবার কাপড়ের আঁচল দিয়ে পানি মোছার চেষ্টা করলেও ব্যর্থ হন। এক পর্যায়ে কেঁদে ওঠেন হাউমাউ করে। শুধু বলেন, ‘আমাগোর মতো মানুষের কষ্টের কথা আপনে লেইখ্যা কি করবেন।’ কথা হয় সদর উপজেলার গড়পাড়া ঘোনা গ্রামের নাজমা বেগমের সাথে। তিনি জানালেন, ‘ইটভাটায় কাজ করা আর জাহান্নামের আগুনে পুড়া সমান কথা। সন্তানদের মুখের দিকে তাকাইয়া আগুনে পুড়ে কাজ করতে অয়।’ শ্রম দিবস কি এ সম্পর্কে তার কোনো ধারণা নেই। শুধু জানালেন, এক দিন কাজ বন্ধ থাকলে সেদিন না খেয়ে থাকতে হবে। আরেক নারী শ্রমিক মরিয়ম বেগম। স্বামী ইমান আলীর মাথায় সমস্যা থাকায় অনেক আগেই স্ত্রী-সন্তানদের ফেলে বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় আছেন কেউ জানেন না। তিন সন্তানকে লালন পালন করতেই তিনি ইটভাটায় নারী শ্রমিক হিসেবে হাড়ভাঙা কাজ করে চলেছেন। মাটি কাটার আরেক নারী শ্রমিক রাহেলা বেওয়া বলেন, রোদে পুড়ে কাজ করি। কিন্তু উচিত ট্যাহা পাই না। বেটা মাইনষে (পুরুষরা) যদি ৩০০ ট্যাহা পায় তাইলে আমরা কেন ১৭০ ট্যাহা পামু? এই বৈষম্য কি কোনোদিন দূর হবে না?- প্রশ্ন রাহেলার। এরকম মাটির কাটার মাঠে, হোটেলের রান্নাঘরে কিংবা ইটভাটায় কয়েক হাজার নারী শ্রমিক রোদে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। তাদের এই কষ্টের মূল্য কেউ দিচ্ছে না। এছাড়া বিভিন্ন এলাকা ঘুরে মাটি কাটা নারী শ্রমিকদের সঙ্গে কথা হয়। তারা জানান, মে দিবসে তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ দিন নয়। এ দিবসের তাৎপর্য কি তা বেশিরভাগ নারী শ্রমিকই জানেন না। তাই তো মে দিবসেও তারা পেটের তাগিদে কাজ করে থাকেন। তাদের ভাষ্য, একদিন কাজ না করলে ঘরে ছেলে সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। সিমেন্টের চাক-খুঁটি নির্মাণ শ্রমীক রেনু বালা ও আরতী রাজবংশী বলেন, মে দিবস আছে হুনছি (শুনছি) কিন্তু ওই দিন কি অয় (হয়), কেন অয়? তা জানি না বাপু। আমরা গরীব মানুষ, কাম (কাজ) না করলে পেটে দানা পানি পড়ে না। কথা হয় ঘিওর উপজেলা বানিয়াজুরী-বাঠুইমুড়ি বেড়িবাঁধের ওপর বসবাসরত মাটি কাটার কাজে নিয়োজিত নারী শ্রমিক শেফালি সরকার, গীতা রানী সরকার ও ঝর্না রাজবংশীর সঙ্গে। এরা তিনজনই বিধবা। স্বামীর মৃত্যুর পর সন্তানদের লালন পালন করতে কেউ ২০ বছর, কেউ ১০ কিংবা ৮ বছর ধরে মাটি কাটার কাজ করে যাচ্ছেন। তিনজনই জানালেন, জীবনসংগ্রাম করে অনেকটা পথ পার করতে হয়েছে তাদের। জীবনের শেষদিকে এসেও কষ্ট তাদের পিছু ছাড়ছে না। আর শ্রম দিবস নিয়ে তাদের নেই কোনো মাথাব্যথা। তাদের কথা একটাই- একদিন কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নারী নেত্রী লক্ষী চ্যাটার্জী বলেন, দেড় শ’ বছর আগে থেকে মহান মে দিবস পালিত হয়ে আসলেও শ্রমিকরা তাদের ন্যয্য অধিকার থেকে এখনো বঞ্চিত বরং নির্যাতন আর নিষ্পেষণের যাঁতাকলে পিষ্ট তারা। শ্রমিক অধিকার আদায়ের আন্দোলনের এই প্রতীকও শ্রমিকদের ন্যয্য অধিকার আদায় করতে পারেনি। শ্রমিকসমাজ মুক্তি পেতে পারে এমন একটি কল্যাণধর্মী সমাজ ব্যবস্থা যে সমাজ শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মুজুরি দিয়ে দিতে নির্দেশ দেয়, যে সমাজ শ্রমিকদের মানব সম্পদ হিসেবে মূল্যায়ন ও মর্যাদা প্রদান করে, যে সমাজ ব্যবস্থা নিজে যা খাব শ্রমিককেও তা খাওয়াতে বলে, নিজে যা পরবো শ্রমিককেও তা পরতে দিতে বলে এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সকলে শামিল হলে শুধুমাত্র শ্রমিক সমস্যার সমাধানই নয় বরং গোটা মানবসমাজের মুক্তি নিশ্চিত করা সম্ভব।

জামালগঞ্জে এবার কবুতরে মড়ক?

জামালগঞ্জের হাওরের বাঁধ ভেঙ্গে ফসলডুবির ঘটনার কদিন পর থেকেই হাওরে মাছ ও হাঁসের মড়কের পর এবার কবুতর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস এর ভিন্ন কারণ বললেও কৃষক পরিবার ও খামারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খামারে পালন করা কবুতরগুলো সরবরাহ করা খাবারের পাশাপাশি হাওরের বিভিন্ন স্থানে গিয়ে খাবার আহরণ করে থাকে। গত রোববার দুপুরে সরেজমিনে সাচনা বাজার ইউনিয়নের পোস্ট অফিস সংলগ্ন রিপন মিয়ার খামারে গিয়ে দেখা যায়, ১৫টি মৃত কবুতর পড়ে আছে। গেল বৃহস্পতিবার একদিনেই ৩০টি কবুতর মারা গেছে বলে জানান খামারী রিপন মিয়া। পরবর্তী ৪ দিনে পর পর আরো শতাধিক কবুতর মারা গেছে। অবশ্য উপজেলা প্রাণীসম্পদের দায়িত্বরত কর্মকর্তা বলেছেন, রানীক্ষেত রোগের কারণেই কবুতরের মড়ক হয়েছে। খামারী রিপন মিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে গত রোববার দুপুরেই জামালগঞ্জ উপজেলা প্রাণীসম্পদের ভেটেনারী সার্জন সরেজমিন পরির্দশন করে আলামত জব্দ করে প্রাথমিকভাবে পরীক্ষার পর মৃত কবুতর গুলোকে পরিক্ষা নিরীক্ষার জন্য উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। এ ব্যাপারে কবুতরের খামারী মো: রিপন মিয়া জানান, তার খামারের কবুতরগুলোকে নিজে খাবার দেবার পাশাপাশি উন্মুক্ত হাওরের বিভিন্ন স্থানে গিয়ে খাবার আহরণ করতো। তিনি আরো জানান, মড়কে সব মিলিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছেন তার। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন ও থেরিওজেনোলজি ডা: মো: মুমিনুর রহমান বলেন, মৃত কবুতরগুলোকে ময়নাতদন্ত করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, রানীক্ষেত রোগের কারণে সম্ভবত মারা গেছে। উল্লেখ্য, পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে বৃহত্তর সিলেট অঞ্চলের হাওরাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। এরপরই সেখানে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এরপর সে মাছ খেয়ে অনেক হাঁসের মৃত্যুর ঘটনা ঘটে। এবার কবুতর মৃত্যুর ঘটনা সে বিষয়ের সাথে যুক্ত কি-না পরীক্ষার চূড়ান্ত ফলাফলেই তা পরিষ্কার হবে।

পদ্মায় নৌকাডুবি : ৫ জনের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ লাশগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে ২ শিশুও রয়েছে। গত রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে রাজশাহী নগরীর দরগাপাড়া সংলগ্ন এলাকায় এ নৌকাডুবির ঘটনার ৩৫ ঘণ্টা পর তাদের লাশ পাওয়া গেলো। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক নুরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে তালাইমারী ফুলতলা ঘাটে ভেসে ওঠা দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর চর সাতবাড়িয়া এলাকা থেকে দুজনের এবং টাঙ্গন এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস বড়কুঠি ঘাটে নিয়ে এসে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে পুলিশ লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে সোমবার দিনভর নিখোঁজদের সন্ধানে পদ্মায় তল্লাশি চালিয়েও কারো সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে আবারো তল্লাশি শুরু করার কথা ছিল ডুবুরিদের। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখীর ঝড় শুরু হলে চরাঞ্চল থেকে ফেরার পথে পদ্মায় নৌকাডুবিতে পাঁচজন নিখোঁজ হয়। এরা হলেন, শাহ মখদুম মাদ্রাসা ছাত্র আবদুল আহাদ (১০), তামিম (১০), নৌকার মাঝি রফিক, আসাদুল ও চটপটি বিক্রেতা রবিন। তাদের মধ্যে আবদুল আহাদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। আসাদুলের বাড়ি পদ্মার মধ্যচরে। অন্য তিনজন নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা।

আইসিসি র‍্যাংকিং : দক্ষিণ আফ্রিকা ১, বাংলাদেশ ৭

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একদিনের ক্রিকেটে সর্বশেষ র‍্যাংকিং তালিকা প্রকাশ করেছে। এতে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে নিজেদের ৭ নম্বর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে আগের থেকে ১ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। এদিকে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির বার্ষরিক র‍্যাংকিং তালিকা সম্পাদনের আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ৯২। ২০১৬-২০১৭ মৌসুমে ১১ টি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে তিনটি করে ও সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে ২ টি (তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল) ম্যাচ খেলে বাংলাদেশ। এই ১১ ম্যাচে ৭ টি পরাজয়ের বিপরীতে জয় এসেছে ৪ ম্যাচে। এদিকে বাংলাদেশের উপরে থাকা শ্রীলংকা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট।
বাংলাদেশ থেকে মাত্র দুই রেটিং পয়েন্ট বেশি শ্রীলংকার। তাদের সংগ্রহ ৯৩। অন্যদিকে বাংলাদেশের পরেই আছে পাকিস্তান, তাদের সংগ্রহ ৮৮ রেটিং পয়েন্ট। পাকিস্তানের পরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং পয়েন্ট ৭৯। দশ নাম্বার অবস্থানে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫২। এদিকে ওয়ানডে র‍্যাংকিং এর শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১২৩। এর পরেই আছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১১৮। অস্ট্রেলিয়ার থেকে ১ রেটিং কম নিয়ে ভারতের অবস্থান তিন নাম্বারে। র‍্যাংকিং এর ৪ নাম্বার অবস্থানে আছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১৫। অন্যদিকে পাঁচ নাম্বারে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৯ রেটিং পয়েন্ট। উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বর্তমান ওয়ানডে র‍্যাংকিং এর অবস্থান
১। দক্ষিণ আফ্রিকা (+৪)
২। অস্ট্রেলিয়া ১১৮ (+-)
৩। ভারত ১১৭ (+৫)
৪। নিউজিল্যান্ড ১১৫ (+২)
৫। ইংল্যান্ড ১০৯ (+১)
৬। শ্রীলংকা ৯৩ (-৫)
৭। বাংলাদেশ ৯১ (-১)
৮। পাকিস্তান ৮৮ (-২)
৯। ওয়েস্ট ইন্ডিজ ৭৯ (-৪)
১০। আফগানিস্তান ৫২ (+-)
১১। জিম্বাবুয়ে ৪৬ (-২)
১২। আয়ারল্যান্ড ৪৩ (+১)।

দেশে ফিরছেন সাকিব

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। তবে বোনের বিয়ে উপলক্ষ্যে দেশে ফিরছেন তিনি। বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। এখন পর্যন্ত এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। বাকি ম্যাচগুলোতে বসে ছিলেন ডাগআউটে। তবে দেশে ফিরে আর আইপিএলে ফেরত যাচ্ছেন না তিনি। ৪ মে বোনের বিয়ে শেষে দিবাগত রাতে ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন সাকিব। ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চতে সাকিবের বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে অনুষ্ঠিত হবে।

আজহার-শেহজাদে বড় স্কোরের সম্ভাবনায় পাকিস্তান

আজহার আলী আর আহমদ শেহজাদের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় স্কোরের ভিত তৈরি করেছে পাকিস্তান। বার্বাডোসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান করেছে ৩ উইকেটে ১৭২ রান। তারা এখনো স্বাগতিক দলের চেয়ে ১৪০ রানে পিছিয়ে আছে। তবে হাতে আছে আরো ৭ উইকেট। আজহার আলী ৮১ এবং অধিনায়ক মিসবাহ উল হক ৭ রানে ক্রিজে আছেন। আহমদ শেহজাদ ৭০ রান করে আউট হয়েছেন।
তবে ব্যর্থ হয়েছেন ইউনিস খান। তিনি ০ রানে বিদায় নিয়েছেন। বাবর আজমও আউট হয়েছেন ০ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৩১২ রানে তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে শুরু করে তারা খুব বেশি এগুতে পারেনি। চেজ করেছেন সর্বোচ্চ ১৩১ রান। এছাড়া ডরউইচ করেন ৫৮ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৪টি, মোহাম্মদ আমির ৩টি উইকেট নিয়েছেন।

স্টোকসের সেঞ্চুরিতে ‘লায়ন্স বধ’ সুপারজায়েন্টের

১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন সুপারজায়েন্টকে জেতালেন স্টোকস৷ সোমবার আইপিএল ম্যাচে ১৬২ রান তাড়া করে এক বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় পুণে৷ ৬৩ বলে হাফ-ডজন ছক্কা ও ৭টি বাউন্ডারি মারেন স্টোকস৷একক প্রচেষ্টায় ম্যাচ জিতিয়ে ম্যাচের সেরা ‘জায়েন্ট’ স্টোকস৷ ১০ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চার নম্বরে উঠে এলো রাইজিং পুণে সুপারজায়েন্ট৷ সেই সঙ্গে প্লে-অফের দৌড় চলে এল পুণে৷ বুধবার ইডেনে নাইটদের মুখোমুখি সুপারজায়েন্ট৷

বৃষ্টিতে বিফলে গেল মুশফিকের রাজসিক সেঞ্চুরি

ডিউক অব নোরফক ক্লাবের বিরুদ্ধে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের ইনিংসের পর ব্যাট করতে নেমে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বেশ ঝড়ই বইয়ে দিয়েছিলেন। তারা ১৮ ওভারে করেছেন বিনা উইকেটে ১০১ রান। এর পরই নামে বৃষ্টি। ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এর আগে চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছিল বিসিবি একাদশ। অধিনায়ক মুশফিকুর রহীমের অপরাজিত ১৩৪ রানের সাথে সৌম্য সরকারের ৭৩ এবং ইমরুল কায়েসের ৪৪ রানের ওপর ভর করে এই চ্যালেঞ্চিং স্কোর করে বাংলাদেশ।
৫০ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৩৪৫ রান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। আর এ সময় নিজেদের ঝালিয়ে নিতে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা তার একটি এখন হচ্ছে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের। পুরনো পিঠের ব্যাথা বেড়ে যাওয়ায় তামিম আজ বিশ্রামে রয়েছেন। আর অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফেরায় মাশরাফির পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।

বন্ধ হচ্ছে ফরাক্কা সেতু

ব্যারেজ হিসাবে ফরাক্কা এখনও ভারতের মধ্যে বৃহত্তম। বর্তমান ব্যারেজের উপর দিয়েই গঙ্গার উপর দীর্ঘ সেতুই মুর্শিদাবাদ ও মালদহের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী গাড়ি এই সেতু পেরিয়েই উত্তরবঙ্গে যায়। সেই সেতুটিই এবার বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। তবে তাতে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যাহত হবে না। কারণ, বর্তমান ফরাক্কা ব্যারেজ থেকে কিছুটা পূর্বদিকে গঙ্গার উপর নতুন ছয় লেনের ব্রিজ তৈরি হবে।
৩৪ নম্বর জাতীয় সড়কের এক্সপ্রেসওয়ে নতুন ব্রিজের মাধ্যমে সংযুক্ত করবে দুই বঙ্গকে। রাজ্যের পূর্ত সচিব ইন্দিবর পাণ্ডে জানিয়েছেন, ফরাক্কা থাকবে ব্যারেজ হিসাবেই। ভারী যান চলাচল করতে আর দেয়া হবে না। পরিকল্পনা চূড়ান্ত। নকশা তৈরি হচ্ছে। গ্লোবাল টেন্ডার ডেকে কাজটি হবে। তিনি বলেন, ‘ফরাক্কা ব্যারেজ থেকে কিছুটা দূরে গঙ্গার উপর নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই সেতু হলে যান চলাচলের সমস্যা কেটে যাবে। বর্তমান ব্রিজটি আরও বড় করা যাবে না। তাই নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমরা।' প্রসঙ্গত, ১৯৬১ সালে ফারাক্কা প্রকল্পের কাজ হাতে নেয়া হয়। ১৯৭৫ সালে ফরাক্কা ব্যারেজ নির্মাণের কাজ শেষ হয়।

কিমের সঙ্গে সাক্ষাৎ হবে সম্মানের: ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করা সম্মানের হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে ট্রাম্প বলেন, ‘কিম জং-উনের সঙ্গে দেখা করার ব্যাপারটি যদি আমার জন্য যৌক্তিক হয়, তাহলে অবশ্যই আমি দেখা করবো। এটা আমার জন্য সম্মানেরও হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, 'দুই নেতার মুখোমুখি কোনো সাক্ষাৎ করতে হলে, উত্তর কোরিয়াকে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে।' তবে এখনো সে রকম পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র শেন স্পাইসার বলেছেন, বিশেষভাবে তারা দেখতে চান যে, অতিসত্বর উত্তর কোরিয়া তাদের উসকানিমূলক আচরণ বন্ধ করেছে।
একদিন আগেই কিমকে তিনি 'যথেষ্ট চালাক ব্যক্তি' বলে বর্ণনা করেছিলেন। ট্রাম্পের নতুন এই মন্তব্য এমন সময় এলো, যখন উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কর্মসূচি নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা চলছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা চলছে। আর যেকোনো সময় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তারা যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে, তা এখন পুরোপুরি কার্যক্ষম হয়েছে।

ইসরায়েল নিয়ে নমনীয় হচ্ছে হামাস!

ফিলিস্তিনি সংগঠন হামাস প্রকাশিত নতুন নীতিতে ইসরায়েল সম্পর্কে নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সনদের পর এটিই তাদের প্রকাশিত প্রথম কোনো নীতিমালা যেখানে তারা ১৯৬৭ সাল- পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নিয়েছে, তবে বরাবরের মতোই তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনের গাজা অঞ্চল শাসন করা হামাস সশস্ত্র পন্থায় এতদিন ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে এসেছে। কিন্তু ১৯৮৮ সালের সনদে পরিবর্তন এনে প্রথমবারের মতো ইসরায়েলের প্রতি সুর কিছুটা নরম করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। নতুন ঘোষিত নীতিমালায় বলা হচ্ছে তারা ইহুদিদের বিরুদ্ধে নয়, তবে তারা সেই ইহুদিবাদের বিপক্ষে যা কি না ভূমধ্যসাগর এবং জর্ডান নদীর মধ্যবর্তী এলাকা দখল করে আছে। হামাস সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজী হামাদ বলেন, তারা স্বাধীনতার জন্যে লড়ছেন। তিনি বলন, 'এখন থেকে হামাস পুরো বিশ্বকে বোঝাতে পারবে যে তারা প্রতিদিনই তাদের স্বাধীনতা এবং সম্মানের জন্যে লড়ছে।
আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছি এই জন্যে নয়, যে তারা ইহুদি, বরং আমরা লড়ছি তাদের দখলদারিত্বের বিরুদ্ধ, তাদের আগ্রাসী শক্তির বিরুদ্ধে।' হামাসের নতুন নীতিকে একেবারেই বিশ্বাস করছে না ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন বলছেন, 'এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী, এদের একমাত্র লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস। তাদের বক্তব্য ইসরায়েলের পাশাপাশি কোনো রাষ্ট্র গড়ার কথা বলে না, বরং ইসরায়েলকে তা পুরোপুরি সরিয়ে দিতে চায়। এটি খুবই দুঃখজনক। আমরা তাদের নতুন সনদটি গ্রহণ করতে পারছি না।' মিশরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সখ্যতা না রাখার বিষয়েও উল্লেখ করা হয়েছে হামাসের নতুন নীতিমালায়। পশ্চিমা বিশ্ব, উপসাগরীয় আরব দেশগুলো এবং মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যেই হামাসের এই উদ্যোগ বলে জানানো হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

পদ্মায় নৌকাডুবি: শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে পদ্মায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট ও চারঘাটের টাঙ্গন এলাকা থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকৃতরা হলেন- নগরীর দরগাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, আজাহার উদ্দিনের ছেলে রবিন, আসাদুল ইসলাম ও দুই শিশু দরগাপাড়ার রুবনের ছেলে তামিম ইকবাল (১২) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঝিকড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আহাদ আলী (৮)। তামিম ও আহাদ দরগাপাড়া মাদ্রাসার ছাত্র। এর আগে রোববার সন্ধ্যার কালবৈশাখীর কবলে পড়ে পদ্মায় এক ডিঙ্গি নৌকা ডুবে গেলে দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন তলিয়ে যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, রোববার লাশগুলো খুঁজে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার সকালে নগরীর জাহাজঘাট এলাকায় পদ্মায় লাশ চারটি ভেসে উঠে। আরও একটি লাশ পাওয়া যায় টাঙ্গনে।
সকাল সাড়ে ৭টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। নগরীর দরগাপাড়া জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাৎ আলী জানান, মাদ্রাসার দুই ছাত্র তামিম ও আহাদ চরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নৌকায় করে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে। নৌকাডুবির পর থেকে তারা নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে দুই শিশুর লাশ উদ্ধার হয়। বাকি তিনজনও একই নৌকায় পদ্মার চর থেকে নগরীতে ফিরছিল। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে ওই পাঁচজনের লাশের ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করা হয়। পরে আদালতের অনুমতি সাপেক্ষে লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি প্রধান আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় একথা জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেফতার আশফাকুর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয় খুদে বার্তায়। প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে ২০১৫ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমকে (এবিটি) নিষিদ্ধ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, এবিটি আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে। সংগঠনটির হামলার মূল লক্ষ্য মুক্তচিন্তার অনুসারী, ব্লগার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ভালুকায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, আম, কাঁঠাল, লিচু বাগান ও রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে হালকা ঝড়ো হাওয়া ও পরে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বড় বড় শিলা বৃষ্টি হয়। দু'দফায় দুই থেকে তিনশ' গ্রাম ওজনের শিলা বৃষ্টিতে মানুষের ঘরের টিনের চালা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। শিলাবৃষ্টিতে বড়চালা হোসাইনা দাখিল মাদ্রাসার পাঁচশ' হাত লম্বা টিনের বাউণ্ডারীর বেড়ার টিন উড়িয়ে নিয়ে গেছে। এমনকি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাঁচ পর্যন্ত ভেঙে গেছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ ও সমাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর, বড় কাশর, গৌরীপুর, সিডস্টোর, পাড়াগাঁও, আওলাতলীসহ বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি বয়ে গেছে। ঝড় ও শিলাবৃষ্টির সময় ভয়ে মানুষকে আজান দিতে শোনা যায়। এক ঘণ্টায় দু'দফা প্রায় টানা ৩০ মিনিট ঝড় ও শিলা বৃষ্টি হয়।
এতে উঠতি বোরো ধান, আম, কাঁঠাল, লিচু বাগানের পাশাপাশি বেগুন, শসাসহ সবজি বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকদিন পূর্বে এই উপজেলায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে বন্যায় নিচু এলাকার উঠতি বোরো ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার শিলা বৃষ্টিতে উঁচু জমির বোরো ধানক্ষেত নষ্ট হয়ে গেছে। কৃষকরা বলছে, শিলাবৃষ্টিতে ক্ষেতের পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনো কোনো ধান ক্ষেতে কাঁচি লাগানোর পরিবেশ নেই। কাশর গ্রামের বাসিন্দা জিয়া জানান, ঘণ্টাব্যাপী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এক একটা শিলার ওজন হবে দুই থেকে তিনশ' গ্রাম। শিলাবৃষ্টিতে এলাকার বোরো ধানসহ আম, কাঁঠাল ও লিচু বাগান ব্যাপক ক্ষতি হয়েছে। একই গ্রামের খোরশেদ আলম জানান, শিলা ও ঝড়ো হওয়ার ভয়ে মানুষ আজান দিতে শোন গেছে। বড়চালা হোসাইনা দাখিল মাদ্রাসার সুপার শেখ আবুল বাশার জনান, আগের বন্যায় বোরো ধান ডুবে গেছে। আর ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হলো। ভেঙে গেছে অনেক কাচা ঘর-বাড়ি। তবে, তাৎক্ষণিকভাবে উপজেলার সব এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পাকিস্তানের হামলায় ভারতীয় ২ সেনা নিহত

ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (সীমান্ত) পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখা বরাবর উদমপুরে সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুই সেনার অঙ্গচ্ছেদ ও মরদেহ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ২২ শিখ রেজিমেন্টের একটি টহল দল কৃষ্ণা ঘাটি সেক্টরের দুটি সীমান্ত চৌকির মধ্যে সোমবার সকালে টহল দিচ্ছিল। নয় সদস্যের ওই টহলদার দলকে লক্ষ্য করে নিয়ন্ত্রণ রেখার ওপার হামলা চালানো হয়। এতে রকেট, মর্টার এবং অন্যান্য ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার এবং বিএসএফের এক হেড কনস্টেবল নিহত হন। আহত হন আরও এক সেনা।

যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোরে মণিরামপুর উপজেলায় আতাউর রহমান (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার বাড়িয়ালি নামক স্থান থেকে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতাউর মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, ভোর রাতে বাড়িয়ালি নামক স্থান থেকে পুলিশ আতাউরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। ওসি আরও জানান, স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্বে দু’বছর আগে ওই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার আসামি ছিলেন আতাউর।
হত্যাকাণ্ডের পর আতাউর যশোর শহরে থাকতেন। সম্প্রতি তিনি গ্রামে আসেন। সোমবার রাত ৮টার দিকে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র’র বাড়িতে যান। ঝড়বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে বাড়িয়ালি নামক স্থানে দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

ঝড়-বৃষ্টির কারণে বিমান চলাচলে বিঘ্ন

ঝড়-বৃষ্টির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বেশ কয়েকটি বিমান শিডিউল মেনে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। সোমবার সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এরপর প্রচুর বৃষ্টিপাত হয়। জানা গেছে, বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। আবার নির্ধারিত সময়ে অবতরণও করতে পারেনি বেশ কিছু ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট রাত ৯টা ২০ মিনিটে অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময় তা অবতরণ করতে পারেনি।
পাশাপাশি ব্যাংকক থেকে দুটি ফ্লাইট এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে পৃথক দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এছাড়া রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার কথা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি সোয়া ৯টায় ছেড়ে যায়। ঢাকা থেকে মাস্কাটগামী একটি ফ্লাইট ছাড়ে সোয়া এক ঘণ্টা দেরিতে। ঝড়-বৃষ্টির কারণে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও শিডিউল মেনে বিমান উড্ডয়ন ও অবতরণ করানো যায়নি বলে রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে।

যে পানীয় পানে ওজন কমবে ৩০ দিনে!

হঠাৎ ওজন বেড়ে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। এতে নিজের সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমন শরীরে বাসা বাঁধতে শুরু করে  জটিল সব রোগ। আর ব্যস্ত জীবনে শরীরচর্চা ও সঠিকভাবে ডায়ের্ট চার্ট মেনে চলাও আপনার পক্ষে কষ্টকর। এতে সামাজিক এবং মানসিক, সব দিক থেকেই জীবন হয়ে ওঠে দুর্বিষহ।আর এমন জীবন নিশ্চয় আপনি চান না! তাহলে এখন? তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সমস্যা সমাধানে একটি আয়ুর্বেদিক পানীয়ের কথা বলেছেন। তারা দাবি করেছেন, এ পানীয়টি প্রতিদিন রাতের খাবার খাওয়ার ৩০ মিনিট পরে টানা ১ মাস  পান করলেই আপনার ওজন কমবে চোখে পড়ার মতো। আর এটি বানাতেও তেমন একটা কষ্ট হয় না। তাহলে অপেক্ষা কিসের। চলুন জেনে নেয়া যাক ওই ঘরোয়া ওষুধ তৈরির প্রস্তুত প্রণালী।
বিস্তারিত নিম্নে দেয়া হলো-
উপকরণ: পানি- ১ গ্লাস, ধনেপাতা ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামুচ, ভিনিগার ১ চা চামুচ, আদা কুচোনো ১ চা চামচ, দারুচিনি পাউডার ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী: উপরের সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে ব্লান্ড করুন। তবে পানীয়টি যেন বেশি ঘন না হয়ে যায়। ঘন হলে একটু পানি মিশিয়ে নিন।
ওষুধটি খাওয়ার নিয়ম: এটি রাতের খাওয়া শেষ করার ৩০ মিনিট পরে পান করতে হবে। টানা কয়েকদিন খাওয়ার পরেই দেখবেন ওজন হ্রাস হতে শুরু করেছে!
উপকার: ধনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফলে এক কাপ ধনে শাক খেলেই পেট ভরে যায়। তেমনি শরীরও চাঙ্গা হয়ে ওঠে। এক কথায় বলা যেতে পারে ফাইবার কোনো একটা কাজে নয়, বরং একই সঙ্গে নানাভাবে শরীরের উপকারে আসে। এক কাপ পার্সলে শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং আয়রণ, যা শরীরে প্রদাহ বা জ্বালা কমানোর পাশাপাশি রক্তকে পরিশুদ্ধ করতে এবং শরীরে পানি জমা আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধনে পাতা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর পাশাপাশি কিডনিকে সুস্থ রাখে। ব্লাডার ইনফেকশনও কমায় এ শাকটি। এতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা স্ট্রেস লেভেল কমানোর পাশাপাশি একাধিক রোগের হাত থেকেও রক্ষা করে।

ভাতের পরিবর্তে কী খাবেন

ভাত শর্করা জাতীয় খাবার এবং এটি আমাদের প্রধান খাদ্য। আমাদের প্রতিদিনের ক্যালরি চাহিদায় ৫-৬০ ভাগ শর্করা থাকতে পারে। আমরা মেইন মিল বা প্রধান খাবার ভাত খেতে অভ্যস্ত। সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) বেশি তাই এটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়ায়। তাই যাদের ওজন বেশি ও ডায়াবেটিস আছে তারা ভাত খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। ডায়াবেটিক রোগীদের চিকিৎসক বা ডায়েটিসিয়ানদের নির্দেশ মোতাবেক ভাত খাওয়া উচিত। শুধু তাই নয়, সাদা ভাতে গ্লুটেন থাকে ফলে পেটে গ্যাস হওয়ার আশঙ্কা থাকে। তাই ভাতের বিকল্প কী হতে পারে, তা জানা দরকার। লাল চালের ভাতে গ্লাইসেমিক ইনডেক্স কম।
তাই এটি রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে বাড়ায়। ভাতের বিকল্প হিসেবে চিড়া, মুড়ি, খই, ভুট্টা, ওটস, কনফ্লেক্স খাওয়া স্বাস্থ্যকর। পাস্তা ও নুডলসে কিন্তু শর্করা বেশি থাকে। গ্রামে অনেকে ভাতের বদলে মিষ্টি আলু সিদ্ধ করে খান। এ আলু শর্করা হলেও প্রচুর আঁশ থাকায় জিআই কম। ভাতের পরিবর্তে সমপরিমাণ ক্যালরি হিসেবে যে কোনো বিকল্প শর্করা খাওয়া যাবে। যে শর্করা যত দ্রুত রক্তে মিশে, তত খারাপ। এজন্য সাদা ভাত, সাদা ময়দার তৈরি যে কোনো খাবার, আলু, পাউরুটি ইত্যাদি রক্তে তুলনামূলকভাবে দ্রুত শোষিত হয়। তাই এ জাতীয় খাবার না খাওয়াই শ্রেয়।
ডা. আলমগীর মতি
হারবাল গবেষক ও চিকিৎসক
মর্ডান হারবাল গ্রুপ
মোবাইল : ০১৯১১৩৮৬৬১৭