Sunday, August 28, 2011

বিমানযাত্রীর কাণ্ড!

এক নারী বিমানযাত্রীর অশ্লীল নাচের জন্য রওনা হওয়ার পর আবার বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে রাশিয়ার মস্কো থেকে লন্ডনগামী একটি বিমান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
পরিবহন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বলেছে, রাশিয়ার তাতারস্তান অঞ্চলের ওই নারী ছিলেন মদ খেয়েমাতাল। তাঁর কর্মকাণ্ডে যাত্রীরা বিব্রতকর অবস্থায় পড়ে যান। তিনি যাত্রীদের দিকে গ্লাস ছুড়ে ফেলছিলেন। নগ্ন শরীরে নাচছিলেন। এরপর ক্রুরা বাধ্য হয়ে বিমানটি আবার মস্কো ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন। ওড়ার পর বিমানটি মাত্র ১৫ মিনিট আকাশে ছিল। দমোদেদভো বিমানবন্দরে ৩৯ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

ডেনমার্কের সাধারণ নির্বাচন ১৫ সেপ্টেম্বর হতে পারে

ডেনমার্কের সাধারণ নির্বাচন ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী লার্স লোয়েক্কি রাসমুসেনের গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়ার কথা।
ড্যানিশ সম্প্রচার মাধ্যম ডিআর ও টিভিটু এবং বার্তা সংস্থা রিতজাউ এই তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী রাসমুসেন গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় হঠাৎ এক সংবাদ সম্মেলন ডাকার পর গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
ডেনমার্কের সাধারণ নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছে। এ থেকে আগেই ধারণা করা হয়েছিল, ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট সরকারের প্রধান রাসমুসেন যেকোনো সময় নতুন নির্বাচনের ঘোষণা দিতে পারেন।
প্রধানমন্ত্রী রাসমুসেন তাঁর পূর্বসুরি অ্যান্ডার্স ফগ রাসমুসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। ফগ রাসমুসেন বতর্মানে ন্যাটোর মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন।
ডেনমার্কে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরবর্তী নির্বাচন চলতি বছরের ১২ নভেম্বরের আগে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
রাসমুসেনের লিবারেল পার্টি ও এর শরিক দল কনজারভেটিভ পার্টি ২০০১ সাল থেকে ক্ষমতায় আছে। জোটের প্রতি সমর্থন আছে চরম ডানপন্থী ও অভিবাসনবিরোধী দল ড্যানিশ পিপলস পার্টির।
কনজারভেটিভ পার্টি গত বৃহস্পতিবার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানায়। দলের মুখপাত্র কারিনা ক্রিসটেনসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে সুপরামর্শ দেওয়ার ব্যাপারে সবারই যত্নবান হওয়া উচিত।’

২৫ সেপ্টেম্বরের উপনির্বাচনে লড়ছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দুটি শূন্য আসনে আগামী ২৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে। আসনগুলো হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর ও উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর আসন। এ দুটি আসনের মধ্যে ভবানীপুর আসনে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই আসনের বিধায়ক ও রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত বকশী মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়ার সুযোগ দিতে আসনটি ছেড়ে দেন। আর বসিরহাট উত্তর আসনটির সিপিএম বিধায়ক মোস্তফা বিন কাসেম গত মে মাসে আত্মহত্যা করলে আসনটি শূন্য হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভার কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সংবিধান অনুযায়ী মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর পদটি ধরে রাখতে হবে। সেই লক্ষ্যে মমতা ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৮ সেপ্টেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

রাশিয়ার মালবাহী মহাকাশযান বিধ্বস্ত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নভোচারীদের জন্য তিন টন মালামাল ভর্তি রাশিয়ার মনুষ্যবিহীন একটি মহাকাশযান গত বুধবার বিধ্বস্ত হয়েছে। সয়্যুজ রকেটে করে ওই মহাকাশযান পাঠানো হচ্ছিল। দুর্ঘটনার পর রকেটটি অবতরণ করানো হয়।
রাশিয়ার কেন্দ্রীয় মহাকাশ সংস্থার (রসকোমস) থেকে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে সয়্যুজ রকেট উৎক্ষেপণ করা হয়। কিন্তু এর ৩২০ সেকেন্ড পর এতে ত্রুটি ধরা পড়ে। কেননা রকেট দিয়ে প্রগ্রেস এম-১২এম মালবাহী মহাকাশযানটি সঠিক কক্ষপথে পাঠানো হয়নি। কিছুক্ষণ পর উৎক্ষেপণস্থল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে দেশটির আলতাই প্রদেশে আছড়ে পড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। পরে সয়্যুজকে অবতরণ করানো হয়।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো রকেট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হলো। ১৮ আগস্ট একটি টেলিযোগাযোগের কৃত্রিম উপগ্রহ ভুল কক্ষপথে পাঠানো হয়েছিল।
রাশিয়ার টেলিভিশন আরটির খবরে বলা হয়, বুধবারের দুর্ঘটনার ফলে রাশিয়ার মহাকাশ কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা মহাকাশে যুক্তরাষ্ট্রের মালামাল পাঠানো কার্যক্রম বন্ধ করার পর একমাত্র রাশিয়ার সয়্যুজ রকেট দিয়ে আইএসএসে মালামাল ও মানুষ পাঠানো হচ্ছিল।

পাকিস্তানে গভর্নরকে হত্যার পর এবার ছেলেকে অপহরণ

দেহরক্ষীর গুলিতে নিহত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাসিরকে অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার লাহোর শহর থেকে একদল বন্দুকধারী তাঁকে অপহরণ করে।
লাহোর পুলিশের জরুরি বিভাগের কর্মকর্তা সৈয়দ মুমতাজ বলেন, ‘শহরের গুলবার্জ এলাকায় একটি বিপণিবিতানের কাছে চার বন্দুকধারী একটি গাড়ি নিয়ে শাহবাজের গাড়ির গতি রোধ করে। এরপর বন্দুকের মুখে তাঁকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।’
কর্মকর্তারা জানান, শাহবাজকে উদ্ধার করতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
চলতি বছরের ৪ জানুয়ারি ইসলামাবাদে একটি কফি হাউসের বাইরে নিজের নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন ব্লাসফেমি আইনের বিরোধী সালমান তাসির। দেহরক্ষী মুমতাজ কাদরি পরে বলেন, ব্লাসফেমি আইনের সমালোচনা করায় সালমানকে হত্যা করা হয়েছে।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, কাদরির বিরুদ্ধে করা মামলা তুলে নিতে সালমান তাসিরের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল।
লাহোরের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা রেজ্জাক চিমা জানান, গতকাল শাহবাজ তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ও জিপে আরোহী কয়েকজন বন্দুকধারীরা একটি ট্রাফিক মোড়ে তাঁর গাড়ির গতি রোধ করে। এরপর তাঁকে তুলে নিয়ে বন্দুকধারীরা তাঁদের অস্ত্র ফেলে চলে যায়।

নিজেদের সমস্যার সমাধান করা উচিত নিজেদেরই

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সফররত কাতারের আমিরকে বলেছেন, এই অঞ্চলের সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত। পশ্চিমা হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলতে পারে।
গতকাল শুক্রবার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা সমাধান করতে পারে।’
আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার জন্য কাতারের আমির গত বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার জন্য ইরানে যান। বৈঠকে শেখ হামাদ প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে বলেন, ‘যারা তাদের জনগণের দাবি পূরণ করতে পারে না এবং সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করতে পারে না, তারা তাদের দেশ, জনগণ এবং পুরো অঞ্চলকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে।’
বাহরাইন ও সিরিয়ার বিক্ষোভসহ আঞ্চলিক সংকট নিয়ে ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর শাসকেরা নিজেদের মধ্যে সরাসরি আলোচনা করছেন না। এ নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলাপ হয়েছে কি না, সে ব্যাপারে ওয়েবসাইটে কিছু বলা হয়নি।
আরব দেশগুলো সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চরম দমন-পীড়নের নিন্দা জানিয়েছে। তবে তেহরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। আবার আঞ্চলিক অন্য সহযোগী দেশগুলোর সংস্কারে সুপারিশ করছে। বিশেষ করে সুন্নিশাসিত বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভে শিয়াদের প্রতি সমর্থন দিচ্ছে তেহরান। অন্যদিকে আরব দেশগুলো ইতিমধ্যে বাহরাইন সরকারকে সমর্থন দিয়েছে, এমনকি সামরিক সহায়তাও দিয়েছে।
কুদস দিবস উপলক্ষে মিছিল
‘কুদস দিবস’ উপলক্ষে অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে গতকাল তেহরানে প্রায় এক লাখ মানুষ মিছিল করেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেখা যায়, তেহরানের বড় বড় শহরে বিপুল লোক মিছিলে ‘ইসরায়েল ধ্বংস হোক’ ও ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ লেখা ব্যানার বহন করে। প্রেসিডেন্ট আহমাদিনেজাদও মিছিলে অংশ নেন।

নাইজেরিয়ায় জাতিসংঘ ভবনে বোমা হামলা, নিহত ১৮

নাইজেরিয়ায় জাতিসংঘ কার্যালয়ে গতকাল শুক্রবার গাড়ি বোমা হামলায় ১৮ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। হামলায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় রেডক্রসের কর্মীরা এ খবর নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার রেডক্রস কর্মকর্তা উমর মাইরিগা নিহত মানুষের সংখ্যা ১৬ জন নিশ্চিত করে বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ধর্মীয় উগ্রবাদী সংগঠন বোকো হারাম টেলিফোনে বিবিসিকে জানায়। তারাই হামলা চালিয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, যারা অন্যদের সাহায্যে নিজেদের উৎসর্গ করছে, এটা তাদের বিরুদ্ধে হামলা।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাজধানী আবুজায় অবস্থিত ওই জাতিসংঘ কার্যালয়ে বিস্ফোরকভর্তি একটি গাড়ি প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় হামলাকারী ভবনটির ফটকের পাশে অভ্যর্থনাকক্ষের কাছে বোমার বিস্ফোরণ ঘটায়।
ভবনটিতে জাতিসংঘের প্রায় ৪০০ জন কর্মরত ছিলেন। ভবনে অবস্থিত ইউনিসেফ কার্যালয়ের কর্মকর্তা মাইকেল অফিলাজি জানান, তিনি অনেকের মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন।
স্থানীয় জাতিসংঘ মুখপাত্র হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে হাসপাতালের একজন কর্মকর্তা জানান, তাঁরা এ পর্যন্ত কমপক্ষে ৪০ জন আহত ব্যক্তিকে ভর্তি করেছেন। নিকটবর্তী ন্যাশনাল হাসপাতালের মুখপাত্র পাইয়ো হাসট্রাপ বলেন, আটটি মৃতদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বলেন, তাঁদের বিশ্বাস, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। তিনি হামলার নিন্দা জানান।
আবুজা পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আমি নিশ্চিত, সেখানে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর আমরা সেখানে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সদস্যদের মোতায়েন করেছি।’
জেনেভায় জাতিসংঘের মুখপাত্র আলেসান্দ্রা ভেল্লুসি বলেন, নাইজেরিয়ার লেগোসে জাতিসংঘের তথ্যকেন্দ্রের একজন কর্মকর্তা ওই বোমা হামলার খবর নিশ্চিত করেছেন।

পৃথিবীতে ৮৭ লাখ প্রজাতির বাস

পৃথিবীতে ৮৭ লাখ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়ার দাবি করে বিজ্ঞানীরা বলেছেন, এখনো ৯০ শতাংশ প্রাণী ও উদ্ভিদ আবিষ্কার বা শ্রেণীবিন্যাস করা বাকি। গবেষণায় জড়িত বিজ্ঞানীরা দাবি করেছেন, প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন প্রজাতিবিষয়ক এটাই সবচেয়ে নিখুঁত পরিসংখ্যান।
বিজ্ঞানীদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ গত বুধবার পিএলওএস বায়োলজি সমায়িকীতে প্রকাশিত হয়। এতে পৃথিবীতে প্রাণের অস্তিত্ববিষয়ক যে প্রাচুর্য রয়েছে, তার ব্যাপক বি্স্তৃতি ঘটেছে।
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ লাখের বেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদের নাম ও তথ্য আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। চলমান আবিষ্কার ও তথ্যানুসন্ধানের ধারায় অন্য প্রাণী ও উদ্ভিদের প্রজাতিগুলোর বিষয়ে তালিকাভুক্তির কাজ সম্পন্ন করতে এক হাজার বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।
গবেষকদলের অন্যতম সদস্য ডেরেক টিটেনসর বলেন, ‘আমরা এ ব্যাপারটি নিয়ে কয়েক বছর ধরে ভাবছি, নানা উপায়ে আমরা গবেষণা করে দেখেছি, কিন্তু সফলতা পাইনি।’ তিনি বলেন, ‘তাই এটা হচ্ছে আমাদের জন্য শেষ সুযোগ। শেষবারের মতো আমরা চেষ্টা করেছি। মনে হচ্ছে, এবার কাজ হয়েছে।’
নতুন আবিষ্কৃত ৮৭ লাখ প্রজাতির মধ্যে বেশির ভাগই হচ্ছে প্রাণী। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ছত্রাক, চারা, প্রটোজোয়া (এককোষবিশিষ্ট প্রাণী) ও শৈবাল। তবে এই হিসাবের বাইরে রাখা হয়েছে ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব।
যে কৌশল অবলম্বন করে এই হিসাব করা হয়েছে, তা হলো ১৭৫৮ সালে সুইডিশ জীববিজ্ঞানী কার্ল লিনেয়্যুস উদ্ভাবিত পদ্ধতি। কার্লের শ্রেণীবিন্যাস কৌশল আরও আধুনিকায়ন করে বিজ্ঞানীরা নানা প্রজাতি ও উপপ্রজাতির পারস্পরিক সম্পর্ক অনুসন্ধান করে এই সংখ্যা বের করেছেন। বিজ্ঞানীরা বলেন, এই পরিসংখ্যানে বড়জোর ১০ লাখ প্রজাতি এদিক-সেদিক হতে পারে।

ন্যাটোর অভিযান এড়াতে যোগাযোগ করেন গাদ্দাফি

লিবিয়ায় সামরিক জোট ন্যাটোর অভিযান এড়াতে জোর তৎপরতা চালিয়েছিলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। এ জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাশ্চাত্য নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
সংঘাতবিক্ষুব্ধ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পাওয়া গোপন নথির বরাত দিয়ে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করে।
গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর অভিযান এড়াতে ‘শান্তি মিশনের’ আওতায় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য ডেনিস কুসিনিচকে লিবিয়া সফরের আহ্বান জানানো হয়। এ জন্য মার্কিন এ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগও করা হয়। কুসিনিচ মার্কিন কংগ্রেসে ভোটাভুটির সময় লিবিয়া অভিযানের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ইরাক যুদ্ধেরও বিরোধিতা করেন তিনি।
গত ২২ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক লিবিয়ার লবিস্ট (তদবিরকারী) সুফিয়ান ওমেইস লিবিয়ার প্রধানমন্ত্রী আল বাগদাদি আল-মাহমুদির কাছে চিঠি পাঠান। এতে বলা হয়, ত্রিপোলিতে গেলে নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিতে পারে বলে মনে করতেন কংগ্রেসম্যান কুসিনিচ। তাই ত্রিপোলির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে লিবিয়ার বাইরে বৈঠকে আগ্রহী তিনি। গাদ্দাফিসহ লিবিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল কুসিনিচের।
লিবিয়া থেকে যোগাযোগের কথা স্বীকার করেছেন কুসিনিচ। তিনি গার্ডিয়ানকে বলেন, ‘আমি লিবিয়া যুদ্ধ এড়াতে চেয়েছিলাম। লিবিয়ার প্রধানমন্ত্রীসহ অনেকের কাছ থেকে লিবিয়া সফরের অনুরোধ পেয়েছিলাম। কিন্তু আমি তাঁদের স্পষ্টভাবে জানিয়েছি, এ ব্যাপারে আমি প্রশাসনের পক্ষে মধ্যস্থতা করতে পারি না। লিবিয়া প্রসঙ্গে কংগ্রেসম্যান হিসেবে কথা বলেছি এবং তাঁরা কী বলতে চায় তা শোনার ইচ্ছা ছিল। কিন্তু এর মধ্যে লিবিয়ায় ন্যাটোর অভিযান শুরু হয়ে গেল।’
গত ৩১ মার্চ লিবিয়া অভিযানের দায়িত্ব নেয় পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। গত বৃহস্পতিবার ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর থেকে তারা লিবিয়ায় ২০ হাজারের বেশি বার বিমান হামলা চালায়।

গাদ্দাফিকে হত্যা না করতে জাতিসংঘের সতর্কবাণী

লিবিয়ার আত্মগোপনে থাকা নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান। লিবিয়ায় জরুরি মানবিক সাহায্য ও অন্যান্য সেবা চালু করতে যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা লিবিয়ার ১৫০ কোটি মার্কিন ডলার অর্থছাড় দিতে গতকাল শুক্রবার রাজি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
মৃত বা জীবিত অবস্থায় গাদ্দাফিকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ দিনার পুরস্কার দেওয়া হবে বলে বিদ্রোহীরা ঘোষণা দেওয়ার পর অনেকে এখন গাদ্দাফির খোঁজে বেরিয়ে পড়েছে। তারা গাদ্দাফিকে হত্যা করতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
সব ধরনের হত্যাকাণ্ডই আইনবহির্ভূত জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের প্রধানের মুখপাত্র রুপার্ট কলভিল বলেন, ‘আইনের শাসন খুবই প্রয়োজন। তা গাদ্দাফিসহ যে কারও জন্য প্রযোজ্য।’
লিবিয়ার বিদ্রোহীরা গত মঙ্গলবার ত্রিপোলি দখলের পর বুধবার ঘোষণা দেয়, গাদ্দাফিকে মৃত বা জীবিত ধরিয়ে দিতে পারলে ২০ লাখ দিনার (প্রায় ১৭ লাখ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে গাদ্দাফির ঘনিষ্ঠ কেউ তাঁকে ধরিয়ে দিলে তার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন বিদ্রোহীদের নেতা মুস্তাফা আবদুল জলিল।
কালভিল বলেন, সবচেয়ে ভালো হতে পারে গাদ্দাফিকে জীবিত অবস্থায় আটক করা। এরপর তাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে তুলে দেওয়া। একই সঙ্গে গাদ্দাফির পতনের পর লিবিয়ায় যাতে কোনো দমন-পীড়ন ও নির্যাতন না হয় সে জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
লিবিয়ায় জরুরি মানবিক সাহায্য ও অন্যান্য সেবা চালু করতে যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা লিবিয়ার ১৫০ কোটি মার্কিন ডলার অর্থ ছাড় দিতে গতকাল রাজি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই অর্থ ছাড় দিতে নিরাপত্তা পরিষদে গত বৃহস্পতিবার প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু দক্ষিণ আফ্রিকা এতে বাধা দিয়ে বলে, লিবিয়ার বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) সে দেশের বৈধ কর্তৃপক্ষ হিসেবে আফ্রিকান ইউনিয়ন স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই অর্থ তাদের হাতে দেওয়া যাবে না। পরে এই নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সমঝোতা হয়।
স্বীকৃতি দিচ্ছে আফ্রিকান ইউনিয়ন: দক্ষিণ আফ্রিকা সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল জানান, এনটিসিকে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। ওই কর্মকর্তা বলেন, এইউ আজকের মধ্যে এনটিসিকে স্বীকৃতি দিতে পারে এমন জোর সম্ভাবনা রয়েছে। তবে তারা লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারে গাদ্দাফি আমলের লোকজনকে রাখার আহ্বান জানিয়েছে। লিবিয়ার বিষয়ে আলোচনার জন্য গতকাল ইথিওপিয়ায় বৈঠকে বসার কথা ছিল এইউর শান্তি ও নিরাপত্তা পরিষদের। আফ্রিকার ৫৪টি দেশের সংস্থা এইউ গঠনে অন্যতম ভূমিকা ছিল গাদ্দাফির।
লিবিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি জিম্বাবুয়ের: হারারেতে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত তাহের এলমাগরাহি এনটিসিকে লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ বলে ঘোষণা দেওয়ার পর তাঁকে বহিষ্কারের হুমকি দিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ে বিমহা বলেছেন, তারা যদি মনে করে এনটিসিই বৈধ কর্তৃপক্ষ, তাহলে তার অর্থ এই যে তারা আর জিম্বাবুয়েতে লিবিয়া সরকারের প্রতিনিধিত্ব করতে পারবে না।

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আইরিন

ঘূর্ণিঝড় ‘আইরিন’ প্রচণ্ড বেগে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে। গত বৃহস্পতিবার বাহামায় আঘাত হেনেছে আইরিন। এরপর ঘণ্টায় ১১৫ মাইল গতিতে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে ধেয়ে যাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। এ জন্য ছয়টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে নিম্নাঞ্চলের লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, স্থানীয় সময় আজ শনিবার বিকেল থেকে কাল রোববার পর্যন্ত নিউইয়র্ক ও নিউজার্সি এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব থাকতে পারে। এসব অঙ্গরাজ্যের গভর্নররা সংবাদ সম্মেলনে বলেন, গত ১০০ বছরের ইতিহাসে এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা নেই নিউইয়র্ক ও নিউজার্সির মানুষের। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে নিউইয়র্কসহ বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। জনগণকে খাদ্য ও পানি মজুদ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝড়ে বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নিউইয়র্কসহ মহানগরগুলোয় গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার আগাম ঘোষণা দেওয়া হয়েছে।
অবকাশে থাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোর জন্য কেন্দ্রীয় জরুরি বিভাগগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
আগুয়ান ঘূর্ণিঝড়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলো হচ্ছে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউজার্সি, নিউইয়র্ক, ডেলাওয়ার, কানেটিকাট ও নর্থ ক্যারোলাইনার উপকূলীয় এলাকা। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে রাজধানী ওয়াশিংটন ডিসিতেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
নিউইয়র্কসহ অন্যান্য নগরকেন্দ্রে সার্বক্ষণিক হট লাইনে জনগণকে নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি গতি পরিবর্তন করতে পারে। উপকূলে পৌঁছে ঘূর্ণিঝড়টির শক্তি কমে গেলেও ঘণ্টায় ১০০ মাইল বেগে জনপদে আঘাত হানার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১০ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে দেখা দিতে পারে বন্যা।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে শক্তিশালী ঘূর্ণিঝড় সামাল দেওয়ার কোনো সাম্প্রতিক অভিজ্ঞতা নেই। এতে রাজ্য সরকার থেকে শুরু করে নগরের জরুরি বিভাগ পর্যন্ত আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

মেসিদের মাসকটরা

ঈদের কেনাকাটা করতে ব্যস্ত ধানমন্ডি লেকহেড গ্রামার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম। চাচার সঙ্গে বিপণিবিতানে এসে দারুণ খুশি ১০ বছর বয়সী কিশোর। নতুন জামা পাওয়ার আনন্দ ছাপিয়ে আরাফাতের মনের ভেতরে এখন আরও বড় আনন্দ অপেক্ষা করছে। ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মেসিদের হাত ধরে মাঠে ঢোকার সুযোগ পাওয়া ‘মাসকটের’ একজন হতে পারে সেও।
আরাফাতের পাশে এই তালিকায় আছে আরামবাগ রয়েল একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র ইব্রাহিম আলিফ, পল্লীমা সংসদ একাডেমির নার্সারির ছাত্র ইসরাক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান জয়ের ছেলে খান জিনেদিন ইয়াজিদ জিদান, মেয়ে সাউদা খান জয়িতা, আরেক ফুটবলার মাসুদ রানার ছেলে নাফিস আহমেদ প্রমুখ। কাল বিকেলে বাফুফে ভবনে ইসরাক এসেছিল সাবেক ফুটবলার বাবা ইকবাল হোসেনের হাত ধরে। প্রিয় খেলোয়াড় মেসির হাত ধরেও সে এভাবেই ঢুকতে চায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সঙ্গে বোনাস হিসেবে নেওয়ার চেষ্টা করবে মেসির অটোগ্রাফ। খুশিতে গদগদ হয়ে ইসরাক বলছিল, ‘মেসির খেলা আমার খুবই ভালো লাগে। একটা অটোগ্রাফ নেব মেসির।’ মেসির খেলা ভালো লাগে আরাফাতেরও। এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছে আরাফাত। বলল, ‘আমার ঘুম হচ্ছে না।’ যদিও আরাফাতের প্রিয় খেলোয়াড় জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। মাস্টার মাইন্ডের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আর্জেন্টিনা-ভক্ত জিদান বলল, ‘মেসিদের সঙ্গে মাঠে ঢোকার সুযোগ পেতে পারি, এটা ভাবতেই খুব ভালো লাগছে।’
মেসিদের হাত ধরে যেসব ছেলেমেয়েরা মাঠে ঢুকবে তাদের পরনে থাকবে সাদা জার্সি ও নীল শর্টস। ২২ জন মাসকটের মধ্যে ১৭ জনকে বাছাই করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো। বাকি পাঁচজন থাকবে বাফুফের পছন্দের।

ওয়ানডেতে বিশ্রামে পিটারসেন

ভারতের বোলারদের জন্য বড় স্বস্তির খবর, ওয়ানডে সিরিজে বোলিং করতে হবে না কেভিন পিটারসেনকে। টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীকে (১০৬.৬০ গড়ে ৫৩৩) বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে সিরিজে। দলে নেই কোনো নতুন মুখ। টিকে গেছেন পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার বেন স্টোকস। আঙুলের চোটের কারণে অবশ্য বোলিং করতে পারবেন না স্টোকস, শুধু ব্যাটিংয়ের কারণেই ঢুকে গেছেন দলে। বাদ পড়েছেন আয়ারল্যান্ড ম্যাচে অভিষিক্ত বাকি দুজন—স্কট বর্থউইক ও জেমস টেলর।
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে অবশ্য খেলবেন পিটারসেন। টি-টোয়েন্টি দলে নতুন মুখ আছে দুটি—ওপেনার অ্যালেক্স হেলস ও উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার। দুজনই আক্রমণাত্মক ব্যাটসম্যান। চলতি ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫৪৪ রান করেছেন নটিংহামশায়ারের হেলস। ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা ওপেনার ভালো ফর্মে আছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে টুর্নামেন্টেও। চোটের কারণে দলে নেই ওপেনার মাইকেল লাম্ব ও অলরাউন্ডার লুক রাইট। ৩১ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে হবে টি-টোয়েন্টি ম্যাচটি, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৩ সেপ্টেম্বর। ওয়েবসাইট।
ওয়ানডে দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জেড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, এউইন মরগান, সামিত প্যাটেল, বেন স্টোকস, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, জেড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, এউইন মরগান, সামিত প্যাটেল, কেভিন পিটারসেন, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, গ্রায়েম সোয়ান।

আরেকটা রিয়াল-বার্সা লড়াই?

বিবেচ্য যদি হয় সুন্দর ফুটবল, তাহলে স্প্যানিশ লিগকেই ইউরোপের সেরা বলতে হয়। অথচ ইউরোপের আর সব লিগের তুলনায় এই স্প্যানিশ লিগেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা সবচেয়ে কম।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই চলে চার-পাঁচটি দলের মধ্যে। সিরি ‘আ’র লড়াইয়েও গোটা চারেক দল থাকে। প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ আছে জার্মান বুন্দেসলিগায়ও। কিন্তু স্প্যানিশ লিগের লড়াইটা এক দশক ধরেই কেবল রিয়াল আর বার্সার দ্বৈরথ। ভ্যালেন্সিয়া, দেপোর্তিভো লা করুনিয়া, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ—নামগুলো শুনতে ভালো লাগে। কিন্তু লিগের মাঝপথেই শিরোপা দৌড় থেকে ‘নাই’ হয়ে যায় তারা।
ধর্মঘটের কারণে এক সপ্তাহ পিছিয়ে আজ শুরু হচ্ছে স্প্যানিশ লিগের নতুন মৌসুম। আবারও রিয়াল-বার্সা দ্বৈরথের রণডঙ্কা বাজিয়ে। মৌসুম সূচক সুপার কাপই দিয়েছে প্রমাণ। এবার মুখোমুখি হয়েছিল দুই স্প্যানিশ ‘দৈত্য’। ফুটবল রোমাঞ্চের বেশি উত্তেজনা ছড়ানো দুই লেগের লড়াইয়ে জিতেছে বার্সেলোনা।
আজ লিগের শুরুর দিনে মাঠে নেই রিয়াল-বার্সা। রিয়ালের প্রথম ম্যাচ আগামীকাল, খেলবে গিয়ে রিয়াল জারাগোজার মাঠে। পরদিন বার্সেলোনা নিজেদের মাঠে মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। আজ দল দুটি মাঠে থাকবে না। কিন্তু স্প্যানিশ লিগের পূর্বকথনে ওই বার্সেলোনা-রিয়ালেরই জয়গান গাইতে হয়। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা নতুন মৌসুম শুরু করছেন পূর্বসূরি ইয়োহান ক্রুইফের অর্জন ছোঁয়ার হাতছানি নিয়ে। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর চ্যালেঞ্জ হবে গার্দিওলা বা বার্সেলোনার সাফল্যে ছেদ টানা।
খেলোয়াড় গার্দিওলাকে ক্রুইফের কাতারে কোনো দিন রাখবে না কেউ। তবে কোচ হিসেবে ক্রুইফকে সব দিক দিয়েই ছাড়িয়ে যাওয়ার পথে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার। কাল পোর্তোর বিপক্ষে উয়েফা সুপার কাপ জিতে থাকলে ক্রুইফকে (১১টি শিরোপা) ছাড়িয়ে বার্সার হয়ে সর্বোচ্চ শিরোপাজয়ী কোচ হয়ে গেছেন গার্দিওলা।
আর লিগ জিততে পারলে আরেক দিক দিয়ে ছুঁয়ে ফেলবেন ক্রুইফকে। খেলোয়াড় হিসেবে ৬টি স্প্যানিশ লিগ জেতা গার্দিওলা কোচ হিসেবে জিতেছেন ৩টি শিরোপা। এবার জিতলেই বার্সার কোচ হিসেবে ক্রুইফের ৪টি স্প্যানিশ শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।
ক্রুইফকে ছোঁয়ার স্বপ্ন পূরণে লিওনেল মেসির সঙ্গে গার্দিওলা বিশ্বাস রাখছেন স্পেনভিত্তিক খেলোয়াড়দের ওপরও। জাভি, ইনিয়েস্তা, পেদ্রোরা তো আছেনই; অনেক চেষ্টায় সেস ফ্যাব্রিগাসকেও এবার পেয়ে গেছেন।
এমনিতেই ‘অন্য গ্রহের ফুটবল’ খেলতে থাকা বার্সা দলে ফ্যাব্রিগাস যোগ হওয়ায় এ মৌসুমে শক্তি আরও বাড়বে। গার্দিওলা বলেছেন আশায় বসতি গড়ার সময় এটাই, ‘তিন বছরে আমরা যা পেয়েছি এবং এই খেলোয়াড়েরা যে অসাধ্য সাধন করেছে তাতে আশাবাদী না হওয়ার কারণ নেই। এখন যদি আমরা আত্মবিশ্বাসী না হতে পারি, তাহলে আর কখন হব!’
আত্মবিশ্বাস রিয়াল মাদ্রিদ দলেও। রিয়াল কোচ আত্মবিশ্বাসের মূলে প্রাক-মৌসুম প্রস্তুতির ভালো ফল, ‘এই গ্রীষ্মে অনেক পরিশ্রম করেছি আমরা। প্রাক-মৌসুম প্রস্তুতিতে ভালোও করেছি।’ জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল বলেছেন, ‘সমর্থকেরাও আমাদের সঙ্গে আছে এবং গত দুই বছরের চেয়ে আমরা এবার ভালো অবস্থায় আছি। আমরা এবার শিরোপা জিততে পারব।’

বোল্টের মঞ্চটা যেন সাজানো

২০০৮ বেইজিং অলিম্পিকের পর ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ—শ্রেষ্ঠত্বের মশাল জ্বেলে দুটি টুর্নামেন্টই নিজের করে নিয়েছিলেন উসাইন বোল্ট। বেইজিং-বার্লিনের মতো দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপও কি বোল্টেরই হবে? আজ শুরু হওয়া দক্ষিণ কোরিয়ার দেগু চ্যাম্পিয়নশিপের মঞ্চটা যেন সেভাবেই সাজানো!
ঊরুর চোটের কারণে টাইসন গে নেই, ডোপের পাপে বোল্টের স্বদেশি স্টিভ মুলিংসও বাদ। এর পরও ট্র্যাকে যাঁর কাছ থেকে বড় চ্যালেঞ্জটা আসতে পারত, এ বছর সেরা সময় করা বোল্টের স্বদেশি আসাফা পাওয়েলও ১০০ মিটার থেকে গত পরশু নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কুঁচকির চোটের কারণে শেষ মুহূর্তে এসে সরে দাঁড়িয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়েল। বোল্টের ময়দান যেন ফাঁকা! এ অবস্থায় ইতিহাসের দ্রুততম মানবকে বরণ করে নেওয়াটাই তো হবে দেগু চ্যাম্পিয়নশিপের সার্থকতা!
২৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর—৯ দিনব্যাপী টুর্নামেন্টের আজ উদ্বোধনী দিনেই ট্র্যাকে নামবেন জ্যামাইকান বজ্রবিদ্যুৎ। তবে গলায় পদক ঝোলানোর প্রথম উপলক্ষটি আসতে পারে রোববার। ওই দিন সন্ধ্যায়ই হবে ১০০ মিটারের ফাইনাল। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪–১০০ মিটার রিলে—বেইজিংয়ের অলিম্পিক এবং বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টেই সোনা জিতেছিলেন। দেগুতেও বোল্ট দৌড়াবেন তিন ইভেন্টেই। বোল্টের প্রত্যাশা, স্বদেশি ইয়োহান ব্লেক, যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ডিক্স এবং চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা জাস্টিন গ্যাটলিনরা চ্যালেঞ্জ জানাবেন ঠিকই।
পাদপ্রদীপের আলো তাই বোল্টের ওপরই। নয়তো দেগুতে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হবে ১১০ মিটার হার্ডল। এই প্রথম মুখোমুখি হচ্ছেন ১১০ মিটার হার্ডলসের সর্বকালের সেরা তিন তারকা বিশ্ব রেকর্ডের মালিক ডেরন রোবলেস, সাবেক বিশ্ব রেকর্ডের মালিক চীনাদের নয়নমণি লিউ শিয়াং এবং আমেরিকার ডেভিড অলিভার। কিউবার রোবলেসই যেমন বলছেন, ‘একটি ভুল করলেই আপনার শেষ। প্রত্যেকেই এখানে জিততে এবং দ্রুত দৌড়াতেই আসবে।’ তাঁর ১২.৮৭ সেকেন্ডের রেকর্ডটি অক্ষত থাকবে নাকি ভেঙে যাবে, সে ব্যাপারে নিশ্চিত নন রোবলেস। তবে বুঝতে পারছেন, লড়াইটা হবে কঠিন।
উদ্বোধনী দিনে সোনার নিষ্পত্তি হবে মাত্র দুটি ইভেন্টে—মেয়েদের ১০ হাজার মিটার এবং ম্যারাথনে। তবে পুরুষদের ৮০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী কেনিয়ার ডেভিড রুডিশাও ট্র্যাকে নামবেন প্রথম দিনেই। মেয়েদের ২০০ মিটারে এবারও মূল আলোটা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যালিসন ফেলিক্সের ওপর। ৪০০ মিটারেও দৌড়াবেন তিনি। যেখানে তাঁর মূল প্রতিপক্ষ স্বদেশি স্যানিয়া রিচাডর্স-রোস। জ্যামাইকান ত্রয়ী রোসমেরি হুইট, নোভলিন উইলিয়ামস-মিলস এবং ২০০৯ বার্লিনে রোপাজয়ী শেরিকা উইলিয়ামসরাও প্রস্তুত।
আলোর উল্টো পিঠেই অন্ধকার। বোল্ট, রুডিশা, লিউ শিয়াংরা যদি আলোর ছবি হন, তবে দেগুতে হতাশার খবর টাইসন গে, পুরুষদের ৮০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার এমবুলেনি মুলাদজি, রাশিয়ার উচ্চ লম্ফ তারকা ইয়ারোস্লাভ রিবাকোভরা। চোটের কারণে দেগুতে নেই তাঁদের কেউই।