Sunday, July 3, 2011

মোনাকোর প্রিন্সের বিয়ে

মোনাকোর রাজপরিবার প্রিন্স দ্বিতীয় অ্যালবার্টের বিয়েতে প্রজাদের দাওয়াত করেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ রাজকীয় বিয়েটি হওয়ার কথা। এ উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রিন্স অ্যালবার্টও ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের পথ অনুসরণ করে রাজপরিবারের বাইরে দক্ষিণ আফ্রিকার সাঁতারু ৩৩ বছর বয়সী শার্লিন উইটস্টককে বিয়ে করছেন। মোনাকোর ৫৩ বছর বয়সী এ যুবরাজের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তাঁর দেশবাসী।

‘নেরপা’ ভারতের কাছে হস্তান্তর

রাশিয়া অবশেষে পারমাণবিক ডুবোজাহাজ (সাবমেরিন) ‘নেরপা’কে ভারতের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। রুশ নৌবাহিনীর প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ডুবোজাহাজটি এর আগে ২০০৮ সালে হস্তান্তরের সময় সমুদ্রে মহড়া চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে জাহাজটির ভেতরে বিষাক্ত গ্যাস জমে ২০ জন নাবিক ও জাহাজশ্রমিক নিহত হন। এরপর একাধিকবার সেটি হস্তান্তরের চেষ্টা হলেও ত্রুটি থাকায় নয়াদিল্লি তা রাশিয়ার কাছে ফেরত পাঠায়।
রুশ নৌ কমান্ডার ভ্লাদিমির ভেসোস্তকি বলেন, ‘চলতি বছরের শেষে আমরা অবশ্যই ডুবোজাহাজটিকে ভারতের কাছে হস্তান্তর করব। এ লক্ষ্যেএকজন ভারতীয় নাবিককে প্রশিক্ষণ দিয়ে এটি গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।’

খুন করার ফি এক লাখ রুপি!

ভারতীয় মুদ্রায় এক লাখ রুপি দিলে মানুষ খুন করেন তিনি। এর মধ্যে ৫০ হাজার রুপি আগাম দিতে হয়। বাকি অর্থ দিতে হয় কাজ সারার পর। এভাবে ১৫ জনকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। তবে পুলিশের নথিতে পাঁচটি খুনের মামলায় তালিকাভুক্ত তিনি।
এই ভাড়াটে খুনির নাম প্রভাস ঢালি। বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায়। প্রভাস পুলিশের কাছে স্বীকার করেছেন, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় ১৫টি খুন করেছেন তিনি। তাঁর ভাষ্য, নেতারাও তাঁকে হত্যায় ব্যবহার করেছেন।
প্রভাসের ভাষ্য, চুরির ঘটনার মধ্য দিয়ে অপরাধ জগতে তাঁর প্রবেশ। এরপর চাঁদা আদায়, অপহরণ, মাদকদ্রব্য পাচার—এসব অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়েন। ২০০৩ সালে তিনি খুনের অভিযোগে গ্রেপ্তার হন। দমদমের কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার পর গত ২২ জুন জামিনে ছাড়া পান। ২৯ জুন পুলিশ তাঁকে আগ্নেয়াস্ত্রসহ আবার গ্রেপ্তার করে।

বনভূমি রক্ষায় ‘ট্রিবোট’

বনাঞ্চল রক্ষায় চীন এবার শুঁয়োপোকার আদলে ক্যামেরাসম্পন্ন এক ধরনের রোবট প্রস্তুত করেছে। এসব রোবট গাছ বেয়ে আনাচ-কানাচে পৌঁছে বনভূমির সার্বিক পরিস্থিতি তুলে আনতে সক্ষম। হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির অধ্যাপক জু ইয়াঙশেঙ পরিবেশবান্ধব এ রোবটটি প্রস্তুত করেন। এর নাম দেওয়া হয়েছে ‘ট্রিবোট।
অধ্যাপক ইয়াংশেং জানান, প্রকৃতির কাছ থেকেই তিনি এ ধরনের একটি রোবট তৈরির অনুপ্রেরণা পেয়েছেন। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তিনি দেখেছেন, কীভাবে ছোট ছোট পোকামাকড় পিলপিল করে বিশাল সব গাছের মাথায় পৌঁছে যায়। এসব পোকার চলাচলের কৌশল দেখে রোবটটি তৈরি করেন তিনি। ইয়াংশেং জানান, বনাঞ্চলগুলোতে যেভাবে অগ্নিকাণ্ডের মতো নানা বিপর্যয় ঘটছে, তা থেকে বনভূমি রক্ষায় এ রোবটটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
৬০০ গ্রাম ওজনের রোবটটি নিজের চেয়েতিনগুণ বেশি ওজন বহনে সক্ষম। সূর্যের আলো থেকে প্রয়োজনীয় শক্তি ক্ষমতা থাকায় এটি রিচার্জের ঝামেলামুক্ত।

চীনা কমিউনিস্ট পার্টির জন্মস্থান ইয়ানান

চীনের শানজি প্রদেশের ছোট্ট শহর ইয়ানান। চীনা কমিউনিস্টদের কাছে এই শহরের গুরুত্ব অনেক। চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শহরটি।
এই ইয়ানান থেকে চীন শাসনের পরিকল্পনা প্রণয়ন করেছিল কমিউনিস্ট পার্টি। গুরুত্বপূর্ণ এই শহরটি দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছে পর্যটকেরা।
বিশ্বজুড়ে কমিউনিস্টরা সাধারণত ধর্ম পরিহার করে চলে। তবে ইয়ানান সফরকারী পর্যটকদের দেখতে তীর্থযাত্রীর মতো মনে হয়। যেন তারা কোনো পবিত্র স্থান পরিদর্শন করছে।
ইয়ানানের যে গুহায় মাও থাকতেন, সেই গুহা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিপ্লবী এই নেতা যে কক্ষে থাকতেন, যে কক্ষে বসে কাজ করতেন, সেগুলো ঘুরে বেড়ানোর সুযোগ পান পর্যটকেরা।
মাওয়ের শয়নকক্ষ যেন আগের মতোই আছে। যে সময় মাও সেখানে থাকতেন, আগের মতোই পড়ে আছে একটি ডেক-চেয়ার। কক্ষের দেয়ালে ঝুলছে মাওয়ের পারিবারিক ছবি। ছবিতে মাওকে তাঁর চতুর্থ স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁদের এক সন্তান।
গুহার বাইরে দেখা যায়, পর্যটকেরা দলবদ্ধভাবে ছবি তুলছে। পর্যটকদের অনেকেই পুরোনো কায়দার সামরিক পোশাক পরিহিত।
ঝু জুনচুন নামের এক পর্যটক বলেন, এ ধরনের কঠিন অবস্থার মধ্যে থেকেও তাঁদের পুর্বসূরি জাতি সম্পর্কে ভেবেছিলেন—বিষয়টি তাঁকে স্পর্শ করেছে।

সাড়ে সাত লাখ কর্মচারী কাজে যাননি

যুক্তরাজ্যে প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মচারী গতকাল শুক্রবার কাজে যোগ না দিয়ে ধর্মঘট করেছেন। ২৪ ঘণ্টার ধর্মঘটে সে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ স্থল, নৌ ও বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়। এ সময় পুরোপুরি বন্ধ ছিল অনেক প্রতিষ্ঠান।
অবসর-ভাতা সংস্কার পরিকল্পনার বিরোধিতা করে সরকারি কর্মচারীরা গত বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করেন।
শিক্ষা বিভাগের দেওয়া তথ্যমতে, ইংল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তিন ভাগের এক ভাগ পুরোপুরি বন্ধ ছিল, এক ভাগ প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং এক ভাগ স্বাভাবিক কার্যক্রম চালিয়েছে।
যুক্তরাজ্যের পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন (পিসিএস) এবং তিনটি শিক্ষাসংশ্লিষ্ট ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ওই তিনটি ইউনিয়ন হলো: ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স (এনইউটি), অ্যাসোসিয়েশন অব টিচার্স অ্যান্ড লেকচারার্স (এএলটি) এবং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ)।
বিবিসি বলেছে, সরকার মনে করছে, প্রতি পাঁচজন সরকারি চাকরিজীবীর মধ্যে একজন ধর্মঘটে যোগ দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি রেল, বিমানসহ বিভিন্ন জরুরি বিভাগের কর্মীরাও ধর্মঘটে যোগ দেন।
ধর্মঘট আহ্বানকারীদের অভিযোগ, সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মচারীদের বেশি খাটানো হবে। এ ছাড়া তাঁদের আগের চেয়ে বেশি কর দিতে বাধ্য করা হবে। এরপর কর্মজীবন শেষে বর্তমানের তুলনায় কম অবসর-ভাতা দেওয়া হবে। তাঁরা সরকারের পরিকল্পনা বাতিলের দাবি জানান।

বিজেপির সঙ্গে বৈঠক করলেন হাজারে, আজ সোনিয়ার সঙ্গে

ভারতের সমাজকর্মী আন্না হাজারে গতকাল শুক্রবার দেশটির প্রধান বিরোধী দল বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে লোকপাল বিলের খসড়া নিয়ে আলোচনা হয়।
আজ শনিবার ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন আন্না।
সমাজকর্মী আন্না ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলন করছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গত এপ্রিলে প্রথমবার নয়াদিল্লিতে অনশন করেন তিনি। এর পরও অনশন করেন আন্না। সরকার দুর্নীতি বন্ধে আইন করার প্রতিশ্রুতি দিলে তিনি অনশন ভাঙেন।
সেই আইন প্রণয়নের লক্ষ্যে লোকপাল বিল নিয়ে আলোচনা করতে গতকাল বিজেপির নেতা এল কে আদভানি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, এম এম জোশি প্রমুখ নেতার সঙ্গে দলের নয়াদিল্লির সদর দপ্তরে বৈঠক করেন আন্না। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।
বিজেপির প্রধান মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘আমরা ওই খসড়ার কিছু অংশ পরিবর্তনের আহ্বান জানিয়েছি। আমরাও কার্যকর লোকপাল আইন চাই।’
আন্নার নেতৃত্বে একটি দল আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁরা লোকপাল বিল বিষয়ে সুশীল সমাজের অবস্থান ব্যাখ্যা করবেন। আগামীকাল রোববার বিলটি সর্বদলীয় বৈঠকে উত্থাপন করা হবে।

সিরিয়ায় সংস্কারের সময় ফুরিয়ে যাচ্ছে: হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের সময় ফুরিয়ে যাচ্ছে। সংস্কার না হলে সরকারকে আরও সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলনের মুখে পড়তে হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি গতকাল শুক্রবার লিথুয়ানিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিশ্বজুড়ে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত সংগঠন কমিউনিটি অব ডেমোক্রেসিসের দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে গত বৃহস্পতিবার লিথুনিয়া পৌঁছান হিলারি।
এদিকে গতকাল সিরিয়ার আলেপ্পো শহরে সরকারবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। জাবাল আল-জায়িয়াহর উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী অভিযানে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। উপকূলীয় শহর লাতাকিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সিরিয়া সরকারবিরোধীদের ওপর দমন-পীড়নের কঠোর সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, সিরিয়া থেকে সংগতিপূর্ণ কোনো বার্তা আসছে না। সরকারবিরোধীদের দামেস্কে শুধু একটি সভা করতে দেওয়ার অনুমতি দেওয়াই যথেষ্ট নয়।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রাইব্যসকেইটের সঙ্গে বৈঠকের পর ওই সংবাদ সম্মেলনে হিলারি বলেন, ‘আলেপ্পো শহর ও সীমান্ত এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে—এমন খবর শুনে আমি হতাশ হয়েছি। সেখানে সরকারবিরোধীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। সরকার-সমর্থক সংঘবদ্ধ চক্র ও নিরাপত্তা বাহিনী ছুরি নিয়ে সরকারবিরোধীদের ওপর আক্রমণ করেছে। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে সিরিয়া সরকারের সময় ফুরিয়ে এসেছে। সরকার সত্যিকার অর্থে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া শুরু না করলে আরও সংঘবদ্ধ আন্দোলনের মুখে পড়বে।’ হিলারি বলেন, ‘সিরিয়ায় প্রাণহানি ও সহিংসতার জন্য আমাদের আফসোস হচ্ছে। আমরা অনেক দেখেছি, এবার সরকারের কথা নয়, কাজ দেখতে চাই।’
সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটসের রামি আবদেল রহমান বলেন, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত হন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আল-বারা এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিম গ্রামে অপর ব্যক্তি নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে অপর এক ব্যক্তি জানান, রামল আল সামালির লাটাকিয়া জেলায় শুক্রবার সকালে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ট্যাংক নিয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে ১০ ব্যক্তি নিহত হয়।
সিরিয়ায় প্রায় তিন মাস ধরে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি লোক নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মানুষকে। আন্তর্জাতিক সম্প্রদায় এ ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের তীব্র সমালোচনা করেছে এবং বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

নতুন আইনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পাস করা ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন বিল’ আইনের বিরুদ্ধে গত বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে।
সিঙ্গুরের কৃষকদের পক্ষে কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটি করেন। আদালত ১৯ জুলাই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য সরকার যে নতুন আইন করেছে, তা সংবিধানবিরোধী। এই আইন করে কৃষকদের একাংশের মধ্যে জমি ফেরত দেওয়ার উদ্যোগ নিয়ে সরকার সিঙ্গুরের কৃষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা নির্মাণে বিগত সরকার টাটাকে ৯৯৭ দশমিক ১৭ একর জমি ইজারা দেয়।

মুক্তির পর প্রথম সফরে যাচ্ছেন অং সান সু চি

মুক্তির পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো ইয়াঙ্গুনের বাইরে যাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তবে এটি রাজনৈতিক সফর নয়। গতকাল শুক্রবার দলীয় সূত্র এ কথা জানায়।
সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, সু চি আগামী সোমবার ব্যক্তিগত সফরে ছেলে কিম অ্যারিসসহ প্রাচীন নগর বাগানে যাবেন।
এনএলডির এই সদস্য তাঁর নাম প্রকাশ করেননি। কারণ, সু চির এই সফরের কথা প্রকাশ করা হবে না।
এনএলডির ওই সদস্য বলেন, মুক্তির পর এটাই হবে সু চির প্রথম ব্যক্তিগত সফর। তিনি জানান, সু চি ও তাঁর ছেলে প্রায় পাঁচ দিন সেখানে থাকবেন। এই সদস্য আরও জানান, সু চির রাজনৈতিক সফরের পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।
এর আগে সু চি রাজনৈতিক সফর শুরুর পরিকল্পনা নেওয়ার পর তাঁর দলকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দেয় সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, সু চি যদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে ‘নৈরাজ্য ও হাঙ্গামা’ দেখা দিতে পারে।
এদিকে সমর্থন দেওয়ার জন্য গত বৃহস্পতিবার গণতান্ত্রিক দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন সু চি। তিনি বলেন, তাঁর দেশ গণতান্ত্রিক দেশগুলোর পাশে জায়গা করে নেবে বলে তিনি আশা করছেন।

দ্বিতীয় মেয়াদে এখনই নিষ্প্রভ ভারতের ইউপিএ জোট

২০০৪ সালে ভারতে আট বছর পর ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। এর পেছনে তিনটি বিষয় কাজ করেছিল। মনমোহন সিংয়ের সততা, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সর্বজনীন কল্যাণ স্কিম ও তরুণদের আইকন রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রথম সরকার ছিল অনেক বেশি দক্ষ।
এ কারণেই ২০০৯ সালে ইউপিএ জোট পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। শুধু তা-ই নয়, লোকসভায় কংগ্রেস আগেরবারের চেয়ে ৫০টি আসন বেশি পায়। অন্য দিকে কংগ্রেসের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি ও বামপন্থী দলগুলো পায় প্রত্যাশার চেয়ে কম আসন।
সফলতার প্রতিমূর্তি সেই ইউপিএ জোট দুই বছরের মধ্যেই উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে অনেকটা। দুর্নীতি ও অপশাসনের অভিযোগ এবং জনগণের আস্থাহীনতায় দ্বিতীয় ইউপিএ জোট সরকার এখন জেরবার।
বর্তমান অবস্থার জন্য দায়ী করা হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের। সরকারের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০১৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কংগ্রেস নেতাদের আশঙ্কা, মনমোহন এখনো চুপ করে থাকলে এবং তাঁর ‘রাজনীতিবিমুখ’ অবস্থান অব্যাহত রাখলে দল ক্ষতিগ্রস্ত হতে পারে।
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী কখনো প্রধানমন্ত্রী মনমোহনের সমালোচনা করেননি। ‘শতভাগ’ ব্যক্তিগত সততার জন্য দল মনমোহনকে ধন্যবাদ দেয়। তবে দলের কিছু জ্যেষ্ঠ নেতা তাঁর মন্ত্রিসভার কিছু সদস্য এবং কর্মকর্তার সক্ষমতা ও নিজ নিজ পদে উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস নেতারা মনে করেন, টেলিকমমন্ত্রী এ রাজা জোট রাজনীতির বাধ্যবাধকতায় মন্ত্রিত্ব পেয়েছিলেন। দলে বড় ধরনের প্রভাবের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছিলেন সুরেশ কালমাদি। দুজনই দুর্নীতির কালিমায় কলঙ্কিত হয়েছেন। কিন্তু এঁরা ছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক জায়গায় অনেককে নিয়োগ দেওয়া হয়, যাঁরা দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছেন।
পরিসংখ্যানমন্ত্রী এম এস গিল, বি এস লালি (রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেন), প্রধান ভিজিল্যান্স কমিশনার পি জে থমাস, পদুচেরির রাজ্যপাল ইকবাল সিং, অরুণাচলের রাজ্যপাল জে জে সিং ও পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান মোনটেক সিং আহলুওয়ালিয়া প্রধানমন্ত্রী মনমোহনের লোক বলেই পরিচিত।
কংগ্রেসের নেতারা মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ‘রাজনীতি-জ্ঞানের ঘাটতি’তেও হতাশ। একজন নেতা বলেন, এ রাজার টুজি টেলিকম কেলেঙ্কারিতে কোনো ক্ষতি হয়নি—মন্ত্রীদের এমন মন্তব্য তাঁদের রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় বহন করে। কংগ্রেসের আরও একটি দুর্বলতা রয়েছে এখন। ইউপিএ জোটের প্রথম সরকার বামপন্থীদের নিরন্তর নজরদারিতে লাভবানই হয়েছে। কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে ওই ধরনের কিছু ঘটেনি।

২৪ ও ২৫ সেপ্টেম্বর লন্ডনে বাংলাদেশি পণ্যের বাণিজ্য মেলা

আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশি পণ্যের বাণিজ্য মেলা ‘বাংলাদেশ এক্সপো-২০১১’। যুক্তরাজ্যভিক্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোজিশন লিমিটেড প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে।
বাংলাদেশ এক্সপো-২০১১-এর ইভেন্ট কো-অর্ডিনেটর ইকবাল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দিনব্যাপী এ মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ও সেবা প্রতিষ্ঠানের ৮১টি স্টল ও ছয়টি প্যাভেলিয়ন থাকবে। এসব পণ্য ও সেবাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফ্যাশন হাউস, আবাসন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, পর্যটন ও সেবাধর্মী প্রতিষ্ঠান।
এ ছাড়া মেলার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরে ফ্যাশন শো, নাচ-গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের সুন্দরবনের পক্ষে ভোট চাওয়া হবে এবং প্রচার চালানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ এক্সপো-২০১১-তে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৫০ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
এক্সপোতে চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক সেবা সংগঠন পেইন্টেড চিলড্রেন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা।
এক্সপোতে বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। আগ্রহী প্রতিষ্ঠানকে ৩০ জুলাইয়ের মধ্যে নিবন্ধন করতে হবে।

সাকিবের ১ উইকেট, তামিমের অভিষেক

ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান। লিস্টারশায়ারের বিপক্ষে কাল ১০ রান করে আউট হলেন সাবেক ইংল্যান্ড পেসার ম্যাথু হগার্ডের বলে। টি-টোয়েন্টি কাপে এই নিয়ে ৮ ইনিংসে বাংলাদেশ অধিনায়কের রান ৫৬। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে পেয়েছেন প্রদিপক্লে সর্বোচ্চ স্কোরার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের উইকেট (৫৩)। উস্টারশায়ারের পরাজয় অবশ্য রুখেতে পারেননি। উস্টার্সের ১৩০ রান লিস্টার টপকে গেছে ১৫ বল আগেই, জিতেছে ৬ উইকেটে।
নটিংহামশায়ারের হয়ে কাল কাউন্টি অভিষেক হয়েছে তামিম ইকবালের। টস জিতে প্রথমে ব্যাট করছিল প্রতিপক্ষ ডার্বিশায়ার, ২০ ওভারে করেছে ১৭০।

কোপার মাঝেও রিভার প্লেট!

আজ ভোরে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে কোপা আমেরিকা। মেসি-তেভেজদের নৈপুণ্যের একটা ঝলক এরই মধ্যে হয়তো দেখে ফেলেছেন। আগামীকাল মাঠ আলো করবে রবিনহো-নেইমারদের জাদু। স্বাগতিক আর্জেন্টিনায় এখন ফুটবল উৎসব। কিন্তু এই উৎসব শুরুর আগের দিনটিতেও আর্জেন্টিনার বাতাসে ছিল এক বিষণ্ন সুর। ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের অবনমনের দুঃখটা যেন সমর্থকেরা ভুলতেই পারছে না।
২৪ জুলাই এই মহাদেশীয় ফুটবলযজ্ঞের ফাইনাল। হয়তো আগামী ২৪ দিন কোপা নিয়েই পড়ে থাকবে আর্জেন্টাইনরা। তবে কাল পর্যন্ত আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও কোপার সঙ্গে শিরোনামে ছিল রিভার প্লেট।
‘রাষ্ট্রীয় প্রশ্ন’—এই শিরোনামে আর্জেন্টাইন দৈনিক ক্লারিন পরশু প্রতিবেদন ছেপেছে রিভার প্লেট নিয়ে। প্রতিবেদনের বক্তব্য, লজ্জাজনক পরাজয়ের পর সমর্থক-সহিংসতার কারণে রিভার প্লেটকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছেন রাজনীতিকেরা। প্রিমিয়ার ‘বি’-এর দল বেলগ্রানোর কাছে প্রথম লেগে ২-০ গোলে হারা রিভার প্লেট নিজেদের মাঠে দ্বিতীয় লেগটা জয় দূরে থাক, ড্র করে ১-১-এ। ১১০ বছরের ইতিহাসে প্রথম অবনমনের খড়গে কাটা পড়ে রিভার প্লেট। আর এতে মনুমেন্টাল স্টেডিয়ামে দক্ষযজ্ঞ বাধায় সমর্থকেরা। সহিংস ঘটনায় ৭০ জন আহত হয়, পুলিশের হাতে গ্রেপ্তার হয় শখানেক মানুষ। ক্রীড়া দৈনিক ওলের কাছেও পরশু পর্যন্ত কোপার চেয়ে এই খবরটিই ছিল বড়।

ডোপপাপী ছয় ভারতীয় অ্যাথলেট

ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ছয় ভারতীয় অ্যাথলেট, যাঁদের পাঁচজনই মহিলা। তাঁদের মধ্যে আছেন গত কমনওয়েলথ ও এশিয়ান গেমসে ৪–৪০০ মিটার রিলেতে সোনাজয়ী দলের সদস্য মনদীপ কাউর ও সাইনি জোসেও। নমুনা ‘বি’-এর ফলও পজিটিভ হলে কমপক্ষে দুই বছরের জন্য নিষিদ্ধ হবেন তাঁরা। তাঁদের ডোপ পরীক্ষা হয়েছিল গত মাসে বেঙ্গালুরুতে হওয়া জাতীয় অ্যাথলেটিকস মিটের সময়। এ ঘটনায় কাউর ও জোসেকে ঘিরে ভারতের অলিম্পিক পদকের স্বপ্ন বড় একটা ধাক্কা খেল।

ধোনিদের দুষেছেন হার্পার

ড্যারিল হার্পারের সরে দাঁড়ানোর কারণ যে ‘অন্যায় সমালোচনা’, পরশুই নিশ্চিত করেছিলেন আইসিসির মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসন। অস্ট্রেলিয়ান আম্পায়ার কাল নিজেই মুখ খুললেন। ভারতীয় টিভি চ্যানেল হেডলাইনস টুডেকে লেখা এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেটারদের একহাত নিয়েছেন হার্পার। সমালোচনা কতটা অন্যায় ছিল, বুঝিয়ে দিয়েছেন পরিসংখ্যান দিয়ে।
জ্যামাইকায় প্রথম টেস্টের পর হার্পারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই কড়া সমালোচনা করেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভারতীয় ক্রিকেটারও জানিয়েছিলেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অভিমানে সিরিজের তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ান ৫৯ বছর বয়সী আম্পায়ার। ডমিনিকা টেস্টটাই হওয়ার কথা ছিল অভিজ্ঞ এই আম্পায়ারের শেষ টেস্ট। গত মে মাসেই বাদ পড়েছেন আইসিসির এলিট প্যানেল থেকে। পাকিস্তানের আসাদ রউফের সঙ্গে এখন ডমিনিকা টেস্ট পরিচালনা করবেন রিচার্ড কেটেলবরো। ৩৮ বছর বয়সী এই ইংলিশ হার্পারের জায়গাতেই ঢুকেছেন এলিট প্যানেলে।
বিবৃতিতে হার্পার লিখেছেন, ‘ওই ম্যাচটা বছরে আমার সেরা ম্যাচ হয়তো নয়, কিন্তু ম্যাচ রেফারি জেফ ক্রো, যিনি ম্যাচের প্রতিটি বল দেখেছেন, হিসাব করে দেখেছেন যে আমার ৯৪ শতাংশ সিদ্ধান্তই ছিল সঠিক। আমাদের দুবাই অফিসের প্রধান কার্যালয়ও এটা নিশ্চিত করেছে।’ দুটি ভুল অবশ্য স্বীকার করেছেন তিনি, ‘ডিআরএস থাকলে হরভজনের এলবিডব্লু সিদ্ধান্তটা পাল্টে যেত। একটি নো বলও ধরতে পারিনি, যেখানে বিশুর পেছনের পা রিটার্ন ক্রিজ ছুঁয়েছিল (যেটিতে আউট হন ধোনি), কিন্তু এ ধরনের নো বল খুবই বিরল।’
৯৫ টেস্ট ও ১৭৪ ওয়ানডে পরিচালনা করা আম্পায়ার ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে শঙ্কিত, ‘আবেদনের সময় ভারতীয়রা যেভাবে আম্পায়ারের দিকে তেড়ে যায়, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এতে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছিল। ওদের আচরণ খেলাটার চেতনাবিরোধী।’ ধোনির সঙ্গে বারবার কথোপকথন নিয়ে হার্পারের প্রতিক্রিয়া, ‘সুখকর কোনো কথা হয়নি।’
১৯৮৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট ও ১৯৯৪ সালে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষিক্ত হার্পার সব মিলিয়ে পরিচালনা করেছেন ৮৩০টি ম্যাচ।

নিরাপত্তাবলয়ে ফুটবল দল

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল কাল সন্ধ্যায় লাহোর পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরে চার ঘণ্টা বিলম্বে করাচির উড়ান ধরে সকাল সাড়ে সাতটায় করাচিতে নেমেছে বিপ্লবের দল। সেখান থেকে বিকেল সোয়া তিনটায় বিমানে উঠেছে লাহোরে নেমেছে সন্ধ্যা সোয়া ছয়টায়।
লাহোর থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ছাইদ হাসান কানন জানালেন, বিমানবন্দরে দলের জন্য ছিল বাড়তি নিরাপত্তা। হোটেলে যাওয়ার পথে গাড়ির সামনে-পেছনেও ছিল নিরাপত্তাবেষ্টনী। হোটেলেও নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। যাত্রাপথে থাকায় কাল অনুশীলন করতে পারেনি দল। আজ সকালে পাঞ্জাব স্টেডিয়ামে অনুশীলন করবে। এই মাঠেই আগামীকাল ম্যাচ। গত বুধবার প্রথম লেগে বাংলাদেশ ৩-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে।

কয়েক দিনের মধ্যেই রিপোর্ট

সালাম মুর্শেদী বারবার বলেন, ‘অপেক্ষা করুন, পাতানো ম্যাচের ব্যাপারে শক্ত একটা রিপোর্টই আমরা দেব।’ বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান এই কথা কাল আবারও বলছেন। তবে সবকিছু প্রকাশ্যে আনার কাজটা শেষ করে এনেছেন। কাল জানালেন, ‘আমাদের রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ।’
রিপোর্ট তৈরিতে চলছে কঠোর গোপনীয়তা। কারণ, লিগ কমিটি মনে করে, অভিযুক্ত শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো ম্যাচের তদন্ত এবং এর ফলাফল বাফুফে সভাপতিকে দেওয়ার আগ পর্যন্ত গোপনই রাখতে হবে। সে জন্য বাফুফে অফিসে নয়, রিপোর্টে তৈরির কাজটা হচ্ছে সালাম মুর্শেদীর নিজস্ব ব্যবসায়িক অফিসে।
লিগ কমিটির কয়েকটি সূত্র থেকে আগেই জানা গেছে, ভিডিও দেখে কমিটির মনে হয়েছে, ১১ জুন শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটা পাতানোই ছিল। সে কথাই লেখা থাকবে রিপোর্টে। সালাউদ্দিন জানিয়ে রেখেছেন, লিগ কমিটির রিপোর্ট ফেডারেশনের সভায় উপস্থাপন করবেন এবং যা সিদ্ধান্ত নেওয়ার ফেডারেশনের নির্বাহী কমিটি নেবে।
যদি এটিই সত্য হয়, তাহলে বাংলাদেশের ফুটবলে ঝড়ের আভাস দিচ্ছে এই সপ্তাহটা। চূড়ান্ত রিপোর্টে কী থাকছে না-থাকছে সে ব্যাপারে সালাম মুর্শেদী জানিয়েছেন, তিনি ‘অন রেকর্ড’ কিছু বলবেন না। তবে এটুকু অন্তত তিনি নিশ্চিত করেছেন, ‘আমরা আগামী সোমবার লিগ কমিটির সভায় বসে চূড়ান্ত রিপোর্টে সবার অনুমোদন নিতে চাই। আশা করছি ওই দিনই রিপোর্টটা ফেডারেশনের সভাপতি সাহেবের কাছে দিতে পারব।’
তবে কমিটির অন্যতম সদস্য হাসানুজ্জামান বাবলু জানাচ্ছেন ভিন্ন তথ্য। তাঁর কথা, ‘কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল সাহেব ফুটবল দলের সঙ্গে লাহোর থেকে ফিরবেন ৪ জুলাই। কাজেই তিনি না এলে তো রিপোর্টে সবার স্বাক্ষর থাকবে না। কাজেই আমার ধারণা, বাবুল সাহেব এলেই রিপোর্ট চূড়ান্ত হবে এবং সভা করে জমা দিতে আরও দু-একদিন সময় লাগবে।’
যেদিনই দেওয়া হোক, এ সপ্তাহেই কাজটা শেষ করবে কমিটি। আর বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে, এই রিপোর্টের অভিযুক্ত কর্মকর্তা এবং খেলোয়াড়কে শাস্তি দেওয়া হবে। থাকবে জরিমানার সুপারিশও। তবে পয়েন্ট কাটার ব্যাপারে সূত্র কিছু বলতে চায়নি।

এবার আসল লড়াই

কথার লড়াই অনেক হয়েছে। এবার আসল লড়াইয়ের পালা। আজ জার্মানির হামবুর্গে বক্সিং রিংয়ে নেমে পড়ছেন ডাবল চ্যাম্পিয়ন (আইবিএফ ও ডব্লুবিও) ভ্লাদিমির ক্লিচকো আর ডব্লুবিএ চ্যাম্পিয়ন ডেভিড হায়ে। ইউক্রেনের ক্লিচকো ভাইদের ছোটজনের কাছে থাকা দুটি বেল্টই কেড়ে নিতে চান ব্রিটিশ বক্সার হায়ে। আর ক্লিচকো বেল্টের সংখ্যা বাড়িয়ে নিতে চান তিনে। যিনিই জিতুন, তিনি হবেন হেভিওয়েট বক্সিংয়ের অবিসংবাদিত চ্যাম্পিয়ন।
বক্সিংয়ে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইটা অনেক দিনই চার ভাগে বিভক্ত হয়ে গেছে—ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন (ডব্লুবিএ), ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডব্লুবিসি), ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন (আইবিএফ) ও ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশন (ডব্লুবিও)। চার সংস্থার তিনটি শিরোপাই আবার ক্লিচকো ভাইদের দখলে। অনেকে অবশ্য এই বলে সমালোচনা করেন, প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক দুর্বলদেরই নাকি বেছে নেন ক্লিচকো ভাইয়েরা।
ক্লিচকো ভাইদের কাছে তিনটি বেল্টই থাকা ঠিকমতো হজম করতে পারছেন না হায়েও। ২০০৮-এ হেভিওয়েটে পা রাখার দিন থেকেই রিংয়ে ক্লিচকো ভাইদের রক্তাক্ত দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। ২০০৯ সালেই প্রথমবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সে সময় তাঁর পরনের টি-শার্টটি আলোচনায় এসেছিল। যে টি-শার্টে আঁকা ছবিতে দেখা গিয়েছিল বক্সিং রিংয়ে উন্মত্ত বিজয়োল্লাসে মেতে ওঠা হায়ের দুই হাতে ধরা দুই ক্লিচকো ভাইয়ের দুটো কাটা মুণ্ডু, দুই ভাইয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে ক্যানভাসে।
বক্সিং বরাবরই বড় বড় কথার খেলা। সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর কোচ অ্যাঞ্জেলো ডান্ডি সেই কবেই অমৃতবচনের জন্ম দিয়েছেন—বক্সিংয়ে চুপ করে থাকাই অপরাধ। তবে হায়ে ব্যাপারটাকে একটু বেশিই কদর্য পর্যায়ে নিয়ে গেছেন। নিজেকে হেভিওয়েট বক্সিংয়ের স্বঘোষিত ত্রাতা ঘোষণা করা হায়ের মুখে কথার খই ফুটছে অনেক দিন থেকেই। ক্লিচকোকে ‘বিচকো’, ‘প্রতারক’, ‘ইউক্রেনের রোবট’—কী বলে গাল দেননি! সংবাদ সম্মেলনে ক্লিসকোর সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, লড়াইয়ের পরদিন হাসপাতালে যাবেন ক্লিচকোর সঙ্গে হাত মেলাতে!
হায়ের মতো এত ঝাঁজালো ভাষায় না হলেও পাল্টা জবাব ক্লিচকোও দিয়েছেন। ‘ডক্টর স্টিলহ্যামার’ নামে পরিচিত ৩৫ বছর বয়সী বলেছেন, ৫০তম নকআউট জয়টা তিনি হায়েকে দিয়েই সম্পন্ন করতে চান। ২০০৯ সালে শেষ পর্যন্ত যে পিঠের চোটের কারণে হায়ে চ্যালেঞ্জ থেকে সরে দাঁড়ালেন, সেটা নিয়েও কম খোঁচা দেননি।
এ জন্যই বলা হচ্ছে—কথার লড়াই অনেক হলো, এবার আসল লড়াই হোক। আর এই লড়াইয়ে জিততে পারলে লেনক্স লুইসের পর প্রথম ব্রিটিশ বক্সার হিসেবে একাধিক বেল্ট থাকবে হায়ের দখলে।

ইশান্ত-স্যামুয়েলসের প্রত্যাবর্তন

বয়সের ব্যবধান ৮ বছর। খেলার ধরন বা ক্যারিয়ারের গতিপথেও মিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না। তবে একটা জায়গায় দুজনের দারুণ মিল। দুজনই প্রতিভাবান, সেই প্রতিভার ঝলক দেখিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে দুজনেরই শুরু এবং একসময় দুজনেরই পথ হারিয়ে ফেলা। তবে বারবাডোজ টেস্টের তৃতীয় দিনে দুঃসময়কে পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন দুজনই। আরেকটি বৃষ্টিবিঘ্নিত দিনে আলো ছড়িয়েছেন ইশান্ত শর্মা ও মারলন স্যামুয়েলস।
২০১ রানের পুঁজি নিয়েও ভারত লিড পেয়েছে ইশান্তের আগুনে-বোলিংয়ে। ইতিহাসের পঞ্চম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে শততম উইকেট ছোঁয়ার দিনে করেছেন ক্যারিয়ার সেরা বোলিংও। ঝড়ের মুখে শক্ত হাতে উইন্ডিজ ইনিংসের হাল ধরেছিলেন স্যামুয়েলস। দলকে লিড এনে দিতে পারেননি, পারেননি তিন অঙ্ক ছুঁতেও। তবে হার মানেননি লড়াইয়ে, অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।
আগের দুই দিনের মতো বৃষ্টিতে কালও খেলা শুরু হয়েছে দেরিতে। দিনের শুরুতেই মুরালি বিজয়কে ফিরিয়ে দেন রবি রামপল। দ্বিতীয় উইকেটে দ্রাবিড়ের সঙ্গে ৬৩ রানের জুটির পর ফিরে গেছেন অভিনব মুকুন্দ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ১৩৭। প্রথম ইনিংসের ১১ রান মিলিয়ে মোট লিড ১৪৮।
২০০৮ সালের অস্ট্রেলিয়া সফর, রিকি পন্টিংকে নাকানি-চুবানি খাওয়ানো। শুরুর সেই প্রতিশ্রুতি পরে খুব কমই পাওয়া গেছে ইশান্তের বোলিংয়ে। মাঝেমধ্যে বিচ্ছিন্ন দু-একটি স্পেলে সেসব মনে করিয়ে দিয়েছেন, কিন্তু ধারাবাহিকতা ছিল না। অনেকে মনে করেন, রাতারাতি তারকা হয়ে যাওয়া, প্রথম আইপিএলে প্রায় মিলিয়ন ডলার পেয়ে যাওয়া—এসবের সঙ্গে তাল মেলাতে না পারাই এ জন্য দায়ী। ১০০ উইকেট পেতে তাই লেগে গেল ৩৩ টেস্ট, সেই দ্বিতীয় টেস্টের (২০০৭ সালে) পর আরেকবার ৫ উইকেট পেলেন পরশু।
কারণ যা-ই হোক, দুঃসময়কে আপাতত পেছনে ফেলতে পেরে ইশান্তের কণ্ঠে ধরা পড়ল স্বস্তি। সেই দিনগুলোর কথা মনে পড়ল তাঁর, ‘সবাই আমাকে বলত, সব খেলোয়াড়ের জীবনেই উত্থান-পতন আসে। বয়সটা আমার পক্ষে আছে। শুধু বোলিং আর ফিটনেসটা নিয়ে কাজ করতে হবে। সেটাই আমি করেছি। সে সময়টা সবচেয়ে কঠিন ছিল, কেউ কিছু জিজ্ঞেস করত না, কোনো খোঁজখবর রাখত না। পরিবারের সমর্থনটাই সে সময় গুরুত্বপূর্ণ ছিল।’
পরশু স্যামিকে নিয়ে উইন্ডিজকে লিড এনে দেওয়ার পথেই এগোচ্ছিলেন স্যামুয়েলস। কিন্তু ৬ বলের মধ্যে স্যামি, রামপল ও এডওয়ার্ডসকে ফিরিয়ে ইনিংস শেষ করে দিয়েছেন ইশান্ত। শেষ উইকেট দুটি নিয়েছেন টানা দুই বলে, পরের ইনিংসে সুযোগ আছে হ্যাটট্রিকের।
সঙ্গীর অভাবে তিন অঙ্ক ছোঁয়া হয়নি। তবে নির্বাচকদের মুখ রক্ষা আর নিজের জন্য আত্মবিশ্বাসের জোগান—দুটোই করতে পেরেছেন স্যামুয়েলস। ম্যাচ পাতানোর অভিযোগে দুই বছর বাইরে থাকার পর আস্তে আস্তে যেন ফিরে পাচ্ছেন নিজেকে। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে রান পেয়েও এই সিরিজের প্রথম টেস্টে বাইরে বসে থাকতে হয়েছিল। এটাই তাতিয়ে দিয়েছিল তাঁকে, ‘দুই বছর পর প্রথম টেস্ট খেলে ৫৫ করার পরও জ্যামাইকায় পরের ম্যাচে বাদ দেওয়া হয়েছিল। আমার ভেতরের আগুনে এটা আরও ঘি ঢেলেছে। এখন সুযোগ পেয়েছি, দুই হাতে লুফে নিতে চাই। পথের প্রতিবন্ধকতাগুলোকে এখন আমি গ্রহণ করে নিই। ওই বাধাগুলো পেরোতেই করি পরিকল্পনা।’

বোল্টকে পাওয়েলের সতর্কবার্তা

চোট বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের স্বপ্ন কেড়ে নিয়েছে টাইসন গের। দক্ষিণ কোরিয়ার দেগুতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে আসাফা পাওয়েলকেই তাই ধরা হচ্ছে অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী উসাইন বোল্টের বড় চ্যালেঞ্জ হিসেবে। আগস্টের এই টুর্নামেন্ট সামনে রেখে স্বদেশি বোল্টের প্রতি আক্ষরিক অর্থেই পরশু একটা সতর্কবার্তা পাঠালেন পাওয়েল।
পরশু ডায়মন্ড লিগের লুসান মিটে এই জ্যামাইকান ১০০ মিটার জিতেছেন বছরের সেরা সময় ৯.৭৮ সেকেন্ডে। চোটের কারণে গে তো অনুপস্থিতই। ছিলেন না বোল্টও। দুই চ্যাম্পিয়নের অনুপস্থিতির সুবিধাটা দারুণভাবেই লুফে নিয়েছেন ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা তিন বছর বিশ্ব রেকর্ডের মালিক পাওয়েল। দৌড় শেষ করেছেন অনেকটাই এগিয়ে থেকে। পাওয়েলের চেয়ে দশমিক এক শূন্য সেকেন্ড বেশি, অর্থাৎ ৯.৮৮ সেকেন্ড সময় করে দ্বিতীয় আরেক জ্যামাইকান মাইকেল ফ্রেটার। দমকা বাতাস ও ঠান্ডা আবহাওয়ায় বাজে শুরুর পরও তৃতীয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্রিস্টোফ লিমেইত্রে।
চোট থেকে ফেরার পর এ বছর ১০০ মিটারে বোল্ট সেরা সময় করেছেন ৯.৯১ সেকেন্ড। ২০০৯ সালে এই ইভেন্টেই বোল্ট বিশ্ব রেকর্ড গড়েন ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে। ১০০ মিটারে পাওয়েলের সেরা সময় ৯.৭২ সেকেন্ড। এ নিয়ে অষ্টমবার ৯.৮০ সেকেন্ডের কমে দৌড় শেষ করলেন ২৯ বছর বয়সী এই স্প্রিন্টার। আর লুসানে এটি তাঁর চতুর্থ সোনা, ২০০৪ সালের পর প্রথম।
অ্যাথলেটিক ট্র্যাকে পাওয়েলের কীর্তি কম নেই। তবে চির আক্ষেপের কারণ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকে কখনো ১০০ মিটারে সোনা জিততে পারেননি। দেগুতে সেই শূন্যতা কি তিনি ঘুচিয়ে দেবেন?
আগামী ২৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তার আগে ট্র্যাকে নিজের উন্নতিতে পাওয়েল তৃপ্ত, ‘আদর্শ আবহাওয়া পাইনি। একটু ঠান্ডা ছিল। তার পরও ভালো দৌড়েছি। পুরোটা দৌড়েই এগিয়ে থাকতে পেরেছি। ৯.৮০ সেকেন্ডের নিচে যেকোনো সময় করাটাই দারুণ। এটা মৌসুমে আমার দ্বিতীয় দৌড়। কাজেই মৌসুম যত এগোবে, আমি আরও ভালো করতে থাকব। অনুশীলনের মধ্যে থাকা এবং দ্রুত দৌড়ানোই আমার লক্ষ্য।’
গত মৌসুমে ৮০০ মিটারে দুবার রেকর্ড ভাঙা ডেভিড রুডিশা দারুণভাবে ফিরলেন ট্র্যাকে। চোট থেকে ফিরে মৌসুমে নিজের প্রথম বড় টুর্নামেন্টেই ৮০০ মিটার জিতেছেন ২২ বছর বয়সী এই কেনিয়ান। সময় করেছেন ১ মিনিট ৪৪.১৫ সেকেন্ড। বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বুলেনি মুলাউজি হয়েছেন অষ্টম!

চেনা মঞ্চে শারাপোভাচেনা মঞ্চে শারাপোভা

এক কাঁধে আর কত বইবেন প্রত্যাশার চাপ! মারিয়া শারাপোভা সত্যিই কাঁধের ইনজুরিতে পড়লেন ২০০৮ সালে। শল্যবিদের ছুরির নিচেও যেতে হলো। কিন্তু অস্ত্রোপচারের পর কোর্টে ফিরলেও ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ‘শারাপোভা’ আর ফিরলেন না।
এতটাই ঝঞ্ঝাক্ষুব্ধ একসময় এল যে, চলে গেলেন র‌্যাঙ্কিংয়ের ১০০-এর বাইরে। চারদিক থেকে ধেয়ে এল সমালোচনার চাবুক। শারাপোভা এত দিন পর জানালেন, সেই দুঃসময়ে নিজেই নিজের ওপর আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছিলেন!
‘আমাকে নিয়ে সংশয় দেখা দিতে শুরু করল। কারণ, আমার ওপর প্রত্যাশা ছিল অনেক বেশি। আমি নিজেও সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছিলাম। সত্যি বলতে কি, সেগুলো একদমই পূরণ হয়নি। এটা ছিল খুবই হতাশার। এ ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে গেলে নিজের ওপর আস্থা কমে যায়, তার ওপর যদি জানেন খুব বেশি খেলোয়াড় এ ধরনের অস্ত্রোপচারের পর পুরো ফিট হয়ে ফিরে আসতে পারেনি’—ফাইনালে ওঠার পর বলেছেন শারাপোভা।
আসলেই কী টালমাটাল সময়ই না গেছে শারাপোভার। ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে বাদ পড়লেন, উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে। এরপর ২০০৮ ইউএস আর ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেনে অংশই নিলেন না। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল, উইম্বলডনের দ্বিতীয় আর ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে বাদ পড়ে শেষ করলেন ২০০৯। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে বাদ পড়ে বছরের সূচনা। এরপর ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় আর উইম্বলডন-ইউএস ওপেনে বাদ পড়লেন চতুর্থ রাউন্ডে।
ধীরে ধীরে র‌্যাঙ্কিংয়ের উন্নতি হলেও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলোতে খালি হাতেই ফিরতে হচ্ছিল। কিন্তু এ বছর শুরু থেকে শারাপোভা যেন ফিরে পেতে শুরু করেন ছন্দ। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন, উইম্বলডনের ফাইনালেই উঠলেন। আজ ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। সুযোগ দুঃসময়ের মেঘ তাড়িয়ে সুদিনের সূর্যটাকে উদ্ভাসিত করার।
প্রচণ্ড জেদি শারাপোভা জানালেন, ‘আমি মোটেও হাল ছাড়ার মানুষ নই। যত কঠিন পরিস্থিতির ভেতর দিয়েই যাই না কেন, শেষ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রেখেছি। আমার দলেরও (কোচ-ট্রেনার) অনেক অবদান আছে এতে।’ শিরোপার ক্ষুধাটা আসলেই তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে!
কেভিতোভা পারবেন এই ক্ষুধার্ত শারাপোভাকে সামলাতে?

মুখ খুললেন ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান দ্বন্দ্বে এত দিন মুখ বন্ধ করেই ছিলেন ক্রিস গেইল। আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও উইন্ডিজ ক্রিকেটের দুর্যোগপূর্ণ মুহূর্তে তাঁকে দলে জায়গা দেননি নির্বাচকেরা। দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে খেলার প্রতি তাঁর কোনো আগ্রহ নেই, এ ধরনের কথাবার্তা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। বরং অনেকবার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাঁকে কোনো সুযোগই দেয়নি বলে অভিযোগ করেছেন গেইল।
গতকাল এক বিবৃতির মাধ্যমে গেইল বলেছেন, ‘আমি এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি, যেখানে আমাকে বলতে হচ্ছে যে যথেষ্ট হয়েছে। উইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাকে চায় না। আলাপ-আলোচনার নামে যা কিছু এ পর্যন্ত হয়েছে সবই ছিল প্রহসন। এত দিন পরে আমার এ তিক্ত উপলব্ধিটা হয়েছে। তারা সবাইকে দেখাতে চেয়েছে যে আমাকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য তারা খুবই আন্তরিক। আসলে সবকিছুই ছিল ওয়েস্ট ইন্ডিজের মানুষ ও দুনিয়ার অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্টদের বোকা বানানোর একটা প্রচেষ্টা।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে ও চলমান টেস্ট সিরিজে দলে সুযোগ পাননি দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক এ বাঁহাতি ব্যাটসম্যান। এবারের এ বিবৃতির পর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারটা আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। তবে এত কিছুর পরও পুনরায় দলে ফেরার আশা ছাড়তে পারছেন না গেইল। তিনি বলেছেন, ‘সবকিছুর পরও আমি আশা করছি যে কখনো হয়তো বোর্ড কর্মকর্তাদের শুভবুদ্ধির উদয় ঘটবে। এবং অদূর ভবিষ্যতে আমি আবার আমার দেশের হয়ে খেলতে পারব। আমি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই যে এখনই অবসরে যাওয়ার কোন পরিকল্পনা আমার নেই। আমি সব সময়ই ওয়েস্ট ইন্ডিজ বা জ্যামাইকার পক্ষ হয়ে খেলার জন্য প্রস্তুত আছি। যদিও কোনো কিছুই এখন আর আমার হাতে নেই।

কলম্বিয়া কোচের হুমকি

কলম্বিয়া কোপা আমেরিকার গ্রুপ পর্ব অতিক্রম করতে না পারলে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে হুমকি দিয়েছেন হার্নান দারিও গোমেজ।
লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরে সর্বশেষ পাঁচটি আসরে একমাত্র কলম্বিয়াই ব্রাজিলের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে। ২০০১ সালে নিজেদের মাঠে দলটি শিরোপাও জিতেছে। এবারের প্রতিযোগিতায় কলম্বিয়ার সঙ্গে একই গ্রুপে খেলছে বলিভিয়া, কোস্টারিকা ও শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। আপাতত এ শক্ত গ্রুপে আর্জেন্টিনার পরের স্থানটি অক্ষুণ্ন রেখে পরের রাউন্ডে যাওয়াই লক্ষ্য কলম্বিয়ার।
এ ব্যাপারে কোচ গোমেজ বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, যদি আমি দলকে পরের রাউন্ডে নিয়ে যেতে না পারি, তাহলে আমার এই পদ ধরে রাখার কোনোই মানে নেই। তা ছাড়া, তখন আমি যদি দলের কোচের পদটা আঁকড়ে ধরেও রাখতে চাই, লাভ নেই। কর্তৃপক্ষই আমাকে বরখাস্ত করবে।’
কলম্বিয়া দলটি নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই দল আলোকিত করেছেন পোর্তোর তারকা ফ্যালকাও ও ফ্রেডি গুয়ারিন। তবে একটা ব্যাপারে চিন্তিত হতে পারেন কোচ গোমেজ, রোববার দলের প্রথম ম্যাচে তিনি পাচ্ছেন না তারকা গোলরক্ষক ডেভিড ওসপিনাকে। অনুশীলনের সময় মুখে আঘাত পাওয়ার কারণে তিনি খেলবেন না।

রিয়াল মাদ্রিদও চায় ফেব্রিগাসকে!

স্প্যানিশ স্ট্রাইকার সেস ফ্যাব্রিগাসকে নিয়ে অনেক দিন ধরেই দ্বিমুখী লড়াই চালাচ্ছে আর্সেনাল ও বার্সেলোনা। ২০১০ বিশ্বকাপের পর থেকেই তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে মাঝমাঠের প্রধান ভরসা অধিনায়ক ফেব্রিগাসকে সহজে ছাড়তে চায় না আর্সেনাল। দীর্ঘদিন এ অবস্থা চলার পর এবার বোধহয় এই রশি টানাটানিতে যোগ দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদও। ইউরোপের অন্যতম ধনী এই ক্লাবটিও ফ্যাব্রিগাসকে বার্নাবুতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বলে রিপোর্ট করেছে স্কাই স্পোর্টস নিউজ।
আর্সেনাল অধিনায়ক সেস ফেব্রিগাসকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল বার্সেলোনা। দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা অনেক দূর অগ্রসরও হয়েছে বলে জানা গিয়েছিল। কিন্তু ফেব্রিগাসের জন্য আর্সেনাল যে পরিমাণ ট্রান্সফার ফি দাবি করছে, সেটাতেই একমত হতে পারছে না বার্সেলোনা। সভাপতি আন্দ্রে রাসেল স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে, ফেব্রিগাসের জন্য খুব বেশি অর্থ খরচ করতে পারবেন না তারা। এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ নাকি ফেব্রিগাসকে পাওয়ার জন্য ৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিতে যাচ্ছে আর্সেনালকে। যা গানারদের দাবির অনেকটাই কাছাকাছি যায়।
১৯৯৭ সালে বার্সেলোনার যুবদলের হয়েই ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্যাব্রিগাস। ২০০৩ সালে তিনি নাম লেখান আর্সেনালে। এখন এত দিন পর আবার স্পেনে ফিরলেও বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে তিনি যাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। তবে রিয়াল কোচ হোসে মরিনহো নাকি ফেব্রিগাসের মতো একজন ভালোমানের মিডফিল্ডারের চাহিদার কথা অনেক দিন ধরেই ক্লাব কর্তৃপক্ষকে বলে আসছিলেন। স্প্যানিশ এই মিডফিল্ডারের খেলাও নাকি তিনি খুব পছন্দ করেন। গত মৌসুমে মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠার জন্য জাবি আলোনসোর ওপরই অনেকাংশে ভরসা করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তাই এবারের মৌসুমে ফেব্রিগাস, রিয়াল মাদ্রিদের পারফরমেন্সে অনেক পরিবর্তন আনতে পারবেন বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।

ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণশক্তির ভারত

বীরেন্দর শেবাগ এখনো ফিট নন। তবে ইংল্যান্ড সফরে পূর্ণশক্তির ভারতীয় দল নিশ্চিত করতে ‘আনফিট’ এই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে রেখেছেন ভারতীয় নির্বাচকেরা। ঝুঁকি এড়াতে অবশ্য শেবাগকে সফরের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
শেবাগ ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফেরার তালিকাটা বেশ দীর্ঘ—গৌতম গম্ভীর, যুবরাজ সিং, জহির খান ও শ্রীশান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ইংল্যান্ড সফরের চার ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন মুরালি বিজয় ও বিরাট কোহলি। পার্থিব প্যাটেলকে দলের বাইরে পাঠিয়ে ‘রিজার্ভ’ উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে। ১৫ জুলাই তিন দিনের ওয়ার্মআপ ম্যাচ দিয়ে শুরু ভারতের ইংল্যান্ড সফর। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ২১ জুলাই, লর্ডসে। সফরে ১টি টি-টোয়েন্টি ও ৫টি এক দিনের ম্যাচেও অংশ নেবে ভারত। ওয়েবসাইট।
টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, সুরেশ রায়না, অভিনব মুকুন্দ, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, অমিত মিশ্র, জহির খান, শ্রীশান্ত, মুনাফ প্যাটেল, ইশান্ত শর্মা ও প্রাভিন কুমার।