Thursday, September 23, 2010

রুবচিচেও মুগ্ধ ফুটবলাররা

আমি সৃজনশীল কিছু করতে ভালোবাসি’, ঢাকায় এসে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন বরার্ট রুবচিচ।
কোচ শুধু পরিকল্পনাই করতে পারেন, মাঠে খেলবেন ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলাররা কোচের পরিকল্পনা মাঠে কতটা বাস্তবায়ন করতে পারেন, সেটা সময়ই বলবে। অতীতে অনেক ভালো কোচ এসেছেন। কিন্তু মাঠে ফুটবলাররা ৯০ মিনিট খেলতে না পারলে কোচ আর কী করবেন!
কোচ আসেন, কোচ যান। সব কোচেই মুগ্ধ থাকেন খেলোয়াড়েরা। অন্তত শুরুতে ‘এই কোচের মতো ভালো অনুশীলন আর কেউ করায়নি’ জাতীয় কথা অনেক শোনা যায় ফুটবলারদের মুখে। নিকট অতীতে ক্রুসিয়ানি, জর্জেভিচ, ডিডো কাজ করে গেছেন বাংলাদেশে। তাঁদের উত্তরসূরি হয়ে আসা রুবচিচ কেমন কোচ? ক্রোয়েশিয়ান এই কোচকে দিন সাতেক দেখার পর কী মনে হচ্ছে বিকেএসপির ক্যাম্পে থাকা বাংলাদেশের ফুটবলারদের?
স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বললেন, ‘রুবচিচের অনুশীলন অনেকটা জর্জেভিচের মতো। ইউরোপিয়ান ধাঁচ আছে। অনুশীলনে কোনো একঘেঁয়েমি নেই। ডিডো যেমন কক্সবাজার নিয়ে গিয়ে অনেক দিন শুধু রানিং করিয়েছেন, এই কোচ ওসবে বেশি জোর না দিয়ে সবকিছুই বলের ওপর করান। ছোট ছোট পাস তাঁর পছন্দ, সঙ্গে পাওয়ার। আমরা যেন ৯০ মিনিট খেলতে পারি, এটাই তিনি নিশ্চিত করতে চান। আর মিটিং-টিটিং বেশি করেন না। কথা বলেন খুব কম। ঠান্ডা মেজাজের মানুষ। খেলোয়াড়দের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান সব সময়।’
মাত্র সাত দিনে পূর্ববর্তী কোচদের সঙ্গে এই কোচের পার্থক্য খুঁজে নিতে রাজি নন এনামুল। তবে নতুন কোচ কী চান, সেটা ভালো করেই ধরতে পেরেছেন এই স্ট্রাইকার, ‘রুবচিচ ওয়ান টাচের ওপরই বেশি জোর দিচ্ছেন। অনুশীলনে মূলত এটাই দেখাচ্ছেন। তাঁর মূল কথা, অহেতুক বল পায়ে রাখা যাবে না। দ্রুত বল ছাড়তে হবে। সেটা ওয়ান টাচ হলেই সবচেয়ে ভালো।’
রুবচিচ এখন দল তৈরি করছেন নভেম্বরের এশিয়ান গেমসের জন্য। এটি অবশ্য অনূর্ধ্ব-২৩ দল। যেখানে গোলরক্ষক আমিনুলসহ সিনিয়র খেলোয়াড় আছেন চারজন। অনেক দিন পর জাতীয় ক্যাম্পে যোগ দেওয়া ডিফেন্ডার সুজন চূড়ান্ত দলে থাকবেন কি থাকবেন না, সেটা আপাতত মাথায় না এনে অনুশীলন করে যাচ্ছেন একাগ্রতায়, ‘আমরা সবাই মন দিয়ে অনুশীলন করছি। কী অনুশীলন করছি, সেটা এখন বুঝতেই পারছি না। শেষ হলে বুঝব, শরীর কী অবস্থায় আছে। তবে এখন সবকিছু ভালো লাগছে। নতুন কোচের গেম প্ল্যান ভালো। একটা টিমকে কীভাবে খেলাতে হয়, সেটা তিনি ভালো করে জানেন মনে হচ্ছে।’
ঘরোয়া ফুটবলের জন্য খেলোয়াড়দের আপাতত ছেড়ে দিতে হচ্ছে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। ক্লাবে যাওয়ার আগে রুবচিচের ক্লাস থেকে কী শিখে যাচ্ছেন খেলোয়াড়েরা?
তরুণ ডিফেন্ডার ফয়সাল কাল ফোনে বললেন, ‘এখন শুধু গেম সিচুয়েশন দেখাচ্ছেন কোচ। খুব ভালো লাগছে আমাদের। ক্লাবে গেলে এটা কাজে লাগবে অনেক। আমরা খুবই উপভোগ করছি নতুন কোচের অনুশীলন। খুবই সিরিয়াস তিনি। মনে হচ্ছে, খুব ভালো একজন মানুষ পেয়েছি আমরা। তাঁর আচার-ব্যবহারও আমাদের মুগ্ধ করছে।’
দায়িত্ব নেওয়ার আগেই ক্রোয়েশিয়ান কোচ একরকম ঘোষণার সুরে বলেছেন, ‘এক বছর পর ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশকে ৩০ ধাপ এগিয়ে নিতে চাই।’ গত সপ্তাহে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৭ ধাপ এগিয়ে গিয়েছে (১৪৫)। তবে রুবচিচের বড় চ্যালেঞ্জটা মাঠে নামার পরই।
ঠিক এ কথাটাই মনে করিয়ে দিলেন রুবচিচের সহকারী হিসেবে থাকা স্থানীয় কোচ সাইফুল বারী (টিটু)। ‘উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ যেমন হওয়ার কথা, তেমনই রুবচিচ। যখন মাঠে দল নামবে, তখনই তাঁর আসল পরীক্ষা। তবে তাঁর প্রধান গুণ হচ্ছে, খেলোয়াড়দের কার কী সমস্যা, সেটা ভালো করে বুঝতে পারেন। কথা কম বলেন আর খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন বেশি’, বললেন সাইফুল বারী।
বিকেএসপির অনুশীলন-মাঠ পছন্দ রুবচিচের। তাঁর পছন্দ অনুযায়ী গুলশানে ফ্ল্যাট দেওয়া হয়েছে। কাল বাফুফে ভবনে এসে মুখে হাসি ছড়িয়ে বলে গেলেন, ‘এখন পর্যন্ত সবই ভালো লাগছে, শুধু রাস্তার ট্র্যাফিক ছাড়া।’
হাসিটা শেষ পর্যন্ত থাকবে তো?

মহিলা দল নিয়ে অব্যবস্থাপনা

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে কাল যখন বাংলাদেশের মেয়েরা অনুশীলন করছিল, সন্ধ্যা নেমে এসেছে তখন। এর আগেই অন্ধকার ভর করেছে বাংলাদেশের মেয়েদের মুখে। ভয়, নাকি দুশ্চিন্তা?
এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্বের গ্রুপ ম্যাচে আগের দিন জর্ডানের কাছে ৬ গোল হজম করেছে বাংলাদেশ। আজ শক্তিশালী ইরানের বিপক্ষে কী হবে? গোল না আরও বেশি হয়ে যায়! এমন অজানা শঙ্কা দেখা গেল বাংলাদেশ দলের খেলোয়াড়দের চোখে-মুখে।
সঙ্গে যোগ হয়েছে অব্যবস্থাপনা। খেলা শুরুর এক দিন আগে কোচ গোলাম রব্বানী ছোটন কোর্স করতে চলে গেলেন কলম্বোয়। পর্যাপ্ত অনুশীলন তো হয়ইনি, এমনকি প্রস্তুতি ম্যাচও খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের।
পরশু ম্যাচ শুরুর আগে দলের জার্সি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। শেষ মুহূর্তে পাওয়া যায় জার্সি। কারও গায়েই ঠিকমতো মিলছিল না জার্সি। কারোরটা বেশি লম্বা, কারোরটা খাটো। জর্ডানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র গোলটি যিনি করেছেন, সেই সাবিনার জার্সিতে তো নাম ও নম্বরই ছিল না। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে আবারও নাম-নম্বর লাগিয়ে আনা হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, ‘জার্সি নিয়ে যতবার কথা বলেছি, ততবারই ফেডারেশন থেকে বলা হয়েছে, সময়মতো সব হয়ে যাবে।’ জানা গেছে, নিয়মিত যে টেইলার্স থেকে জার্সি বানানো হয়, এবার সেটা হয়নি। বাফুফের এক কর্মকর্তার পছন্দে চকবাজার থেকে এগুলো বানানো হয়েছে। তাই এগুলোর গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে, অন্য দলগুলো টিম হোটেলে থাকলেও বাংলাদেশের মেয়েরা কেন ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, সেটা নিয়েও হচ্ছে সমালোচনা।
এতসব সমস্যা মাথায় নিয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। কোচ মাহমুদ আলম বাবু জানালেন, ‘আগের ম্যাচে অনেক গোল খেয়েছি বলে স্বভাবতই মানসিকভাবে ভেঙে পড়ার কথা। তবে ভয় নেই, মেয়েরা চাঙা আছে। আজ জিতব, সেটা বলব না। তবে গোল যত কম হয়, সেদিকে খেয়াল রাখব।’ মাত্রই মাস দেড়েকের প্রস্তুতি, তাই কোচের তেমন প্রত্যাশা নেই, ‘আমাদের মেয়েরা এখনো পরিণত হয়নি। যা শিখিয়ে দিই, মাঠে প্রয়োগ করতে পারে না। বেশ কজন তো প্রথম ফ্লাডলাইটে খেলল। একটু নার্ভাস হওয়াই স্বাভাবিক।’
এদিকে ভারতকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ইরান। কাল সকালে অনুশীলনের কথা থাকলেও নির্ভার ইরান দল বিকেলে অনুশীলন করল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কোচ মাহনাজ বলছিলেন, ‘বাংলাদেশকে নিয়ে চিন্তার কিছু নেই। আমরা চাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে।’

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৬৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে নগদ ৩৫ ও বোনাস শেয়ার ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর বাজারে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোম্পানির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী হারুনুর রশীদ ও কে এম সাইফুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক এম সেকান্দার আলী, কোম্পানি সচিব খন্দকার হাবিবুজ্জামান এবং অডিটর বি কে ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট মুনাফা, নিট মুনাফা (করসহ) ও নিট মুনাফা (কর ছাড়া) হয় যথাক্রমে ৪৯০ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা, ২৮২ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা ও ২০৮ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানির নিট বিক্রি ও নিট মুনাফা যথাক্রমে ১৬ দশমিক ৭২ শতাংশ ও ১০ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।
একই বছর স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পণ্য রপ্তানি আগের বছরের ৩৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকায় উন্নীত হয়েছে।
এ ছাড়া আলোচ্য বছর স্কয়ার ফার্মাসিউটিক্যালস রাষ্ট্রীয় কোষাগারে ২৭৭ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছে।
সভায় যেসব কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফলে উল্লিখিত মুনাফা অর্জন সম্ভব হয়েছে তাঁদের কোম্পানির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), স্টক এক্সচেঞ্জ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রভৃতি সংস্থার প্রতিও তাদের সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করা হয়।

মঙ্গলের চাঁদের সৃষ্টি বড় বিস্ফোরণ থেকে

মঙ্গল গ্রহের চাঁদ ফোবোস
নতুন তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়ে একদল বিজ্ঞানী বলেছেন, মঙ্গল গ্রহের সবচেয়ে বড় চাঁদ ফোবোসের জন্ম হয়েছে বড় ধরনের বিস্ফোরণ থেকে। এ ব্যাপারে তাঁরা নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছেন। ইতালির রোমে সম্প্রতি একটি সম্মেলনে এ ব্যাপারে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। মঙ্গল গ্রহের চাঁদ ফোবোস ও ডিমোসের সৃষ্টির কারণ নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই ধন্দে রয়েছেন।
বিজ্ঞানীরা জানান, আগে ধারণা করা হতো, মঙ্গলের দুটি উপগ্রহই আগে গ্রহাণু ছিল এবং অন্যান্য গ্রহাণুর সঙ্গে মহাকাশে বিচরণ করত। মঙ্গলের কাছাকাছি আসার পর এর অভিকর্ষশক্তি ওই গ্রহাণু দুটিকে আটকে ফেলে এবং এরা মঙ্গলের উপগ্রহ হিসেবে রয়ে যায়। কিন্তু নতুন তথ্যপ্রমাণ থেকে জানা গেছে, মঙ্গলের পৃষ্ঠে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মার্স এক্সপ্রেস নভোযানের পাঠানো তথ্যপ্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। এ ব্যাপারে প্রকাশিত গবেষণাপত্রের সহলেখক ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক মার্কো গিউরানা বলেন, ‘ফোবোসের পৃষ্ঠে আমরা প্রথমবারের মতো ফাইলোসিলিকাটেস নামের এক ধরনের খনিজ পদার্থের সন্ধান পেয়েছি। এ ধরনের খনিজ মঙ্গলের পৃষ্ঠেও পাওয়া গেছে। ধারণা করা হয়, পানি সহযোগে এই খনিজ গঠিত হয়।’
বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, ফোবোসে অন্য যেসব খনিজের সন্ধান পাওয়া গেছে, তার সঙ্গে মঙ্গলে পাওয়া খনিজের মিল বেশি। সুতরাং ফোবোস মঙ্গলের উপাদান দিয়ে গঠিত, এমন সিদ্ধান্তে আসাই যুক্তিযুক্ত বলে মত দিয়েছেন তাঁরা।
মহাকাশের কোনো বড় আকারের পাথরখণ্ড আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায় এবং এ থেকেই ফোবোসের সৃষ্টি হয় অথবা ফোবোস সম্ভবত মঙ্গলের আগের কোনো উপগ্রহের ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয়েছে। আগের ওই উপগ্রহটি সম্ভবত অভিকর্ষশক্তির প্রভাবে মঙ্গলের পৃষ্ঠে আছড়ে পড়ে ধ্বংস হয়। যেটাই ঘটুক, ফোবোসের সৃষ্টি মঙ্গলের পৃষ্ঠের উপাদান দিয়েই।

পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে চীন

চীনের প্রধান পরমাণু বিদ্যুৎ কোম্পানি পাকিস্তানে একটি এক গিগাওয়াট পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দেশটির সঙ্গে আলোচনা করছে। একটি পত্রিকার খবরে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি) এরই মধ্যে পাঞ্জাব প্রদেশের চশমায় একটি বেসামরিক পরমাণু চুল্লি নির্মাণে পাকিস্তানকে সহায়তা করেছে। এ ছাড়া দ্বিতীয় আরেকটি পরমাণু চুল্লির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন তারা আরও দুটি চুল্লি নির্মাণের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

ইরানের বন্দী বিনিময়ের প্রস্তাব নাকচ যুক্তরাষ্ট্রের

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বন্দী বিনিময়ের প্রস্তাব নাকচ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে সফররত আহমাদিনেজাদ গত রোববার এক সাক্ষাৎকারে সে দেশে বন্দী আট ইরানিকে মানবিক কারণে মুক্তি দেওয়ার আহ্বান জানান। বিনিময়ে তিনি ইরানে বন্দী অন্য দুই মার্কিন পরিব্রাজককে মুক্তি দেবেন বলে অঙ্গীকার করেন। গত সোমবার যুক্তরাষ্ট্র আহমাদিনেজাদের এই প্রস্তাব নাকচ করে বলেছে, ইরানি বন্দীদের সঙ্গে দুই পরিব্রাজক বিনিময় সঙ্গতিপূর্ণ নয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরের শুরুতে মার্কিন পরিব্রাজক সারাহ শোর্ডকে মুক্তি দেওয়ার প্রসঙ্গ তুলে আহমাদিনেজাদ বলেন, ইরানি বন্দীদের যুক্তরাষ্ট্র মুক্তি দিলে অন্য দুই মার্কিন বন্দীকেও তিনি মুক্তি দেবেন।
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু এ টুকুই বলব যে দুই পক্ষের এই বন্দী বিনিময়ের ক্ষেত্রে কোনো সমতা নেই। ইরানি বন্দীদের মধ্যে কেউ কেউ অভিযুক্ত হয়েছেন, অন্যরা অভিযুক্ত হবেন কি না, তা আদালতে প্রক্রিয়াধীন। পরিব্রাজকদের বিষয়টি হচ্ছে, তাঁরা অচিহ্নিত সীমান্ত পার হয়ে ইরানে ঢুকে পড়েন।
টোনার বলেন, তাঁর জানা মতে, ইরান তাদের বন্দীদের কোনো তালিকাও দেয়নি। ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র প্রায় ১২ জন ইরানিকে আটক রেখেছে। তাদের অনুরোধে অন্যান্য দেশেও ইরানি নাগরিকদের আটক রাখা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে তাদের সুর চড়া করেছে। কিছু মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানি নেতাকে মানসিকভাবে দুর্বল করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে কাল

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে স্বামী ও সৎ ছেলেকে হত্যার দায়ে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। সুপ্রিম কোর্ট থেকে কোনো বাধা না এলে আগামীকাল বৃহস্পতিবারই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হবে। গত প্রায় ১০০ বছরের মধ্যে ভার্জিনিয়ায় এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।
মৃত্যুদণ্ড পাওয়া ওই নারীর নাম তেরেসা লুইস। বয়স ৪১ বছর। ১৯১২ সালে সর্বশেষ ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ভার্জিনিয়া ক্রিশ্চিয়ান নামে ১৭ বছর বয়সী এক মেয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে তেরেসার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তেরেসা বলেন, ২০০২ সালে তিনি তাঁর স্বামী ও সৎ ছেলের জীবন বিমার তিন লাখ ৫০ হাজার ডলার হাতিয়ে নেওয়ার জন্য স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রুডনি ফুলার ও ম্যাথিউ শ্যালেনবার্গার নামে দুই লোককে ভাড়া করেন। তাঁরা তেরেসার স্বামী ও সৎ ছেলেকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ফুলারকে যাবজ্জীবন কারাদণ্ড ও তেরেসাকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার অপর আসামি শ্যালেনবার্গার ২০০৬ সালে আত্মহত্যার আগে খুনের সব দায়িত্ব স্বীকার করে যান।

নিউইয়র্কে পাতালরেলে আরও ৫০০ নিরাপত্তা ক্যামেরা স্থাপন

সন্ত্রাসী হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পাতালরেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আরও ৫০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ গত সোমবার এ কথা জানিয়েছেন।
ম্যানহাটনে নিরাপত্তা ক্যামেরার সংখ্যা এক হাজার ১৫৯ থেকে বাড়িয়ে তিন হাজার করার ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। এরই অংশ হিসেবে টাইমস স্কয়ার, পেন স্টেশন এবং গ্রান্ড সেন্ট্রাল পাতাল স্টেশনে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাদ্দ করা ১২ কোটি মার্কিন ডলারের তহবিল থেকেই এসব ক্যামেরা স্থাপনের বেশির ভাগ অর্থের জোগান দেওয়া হয়েছে।
এ ছাড়া মহানগর পরিবহন কর্তৃপক্ষও গত ছয় মাসে এক হাজার ৪০০ ক্যামেরা চালু করেছে।
নিউইয়র্কে এ পর্যন্ত দুটি সন্ত্রাসী হামলা হয়েছে। ১৯৯৩ সালে বিশ্ববাণিজ্যকেন্দ্রে বোমা হামলা এবং ২০০১ সালে নাইন-ইলেভেনের হামলা। এর পর থেকে এখন পর্যন্ত ১১টি হামলার ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১ মে টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনার দায় স্বীকার করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ।
এক বছর আগে নিউইয়র্কে পাতাল স্টেশনে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা চালান আফগান অভিবাসী নাজিবুল্লাহ জাজি। তিনিও দোষ স্বীকার করেছেন।
মেয়র ব্লুমবার্গ বলেন, ‘টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা থেকে প্রমাণিত হয়েছে, আমাদের নজরদারি ব্যবস্থা আরও বাড়াতে হবে।

দিল্লিতে পর্যটকদের বাসে গুলির ঘটনা সম্ভবত সন্ত্রাসী হামলা

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক জামা মসজিদের কাছে পর্যটকদের বাসে গুলির ঘটনা ছিল সম্ভবত সন্ত্রাসী হামলা। হামলার ধরন দেখে তেমনটাই মনে হয়। জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদীন হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তাদের মতে, কমনওয়েলথ গেমসের সময় হামলার হুমকি দিয়ে ইন্ডিয়ান মুজাহিদীন বিবিসিকে একটি ই-মেইল পাঠানোয় এই ধারণা আরও পোক্ত হয়েছে। বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় এবং কমনওয়েলথ গেমস সামনে রেখে এই হামলার চেষ্টা চালানো হতে পারে।
ই-মেইল পাঠানোর অভিযোগে মুম্বাইয়ে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি মুঠোফোন থেকে ওই ই-মেইল পাঠানো হয়েছে। মুম্বাইয়ের একটি সূত্র জানিয়েছে, ভুয়া নাম ও পরিচয় দিয়ে ওই মুঠোফোন ও সিমকার্ড কেনা হয়েছে।
গত রোববারের ওই হামলার পরপরই বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে একটি ই-মেইল পাঠানো হয়। এতে আসন্ন কমনওয়েলথ গেমসের সময় হামলার হুমকি দেওয়া হয়। জামা মসজিদের কাছে পর্যটকদের বাসে হামলার বিষয়ে ই-মেইলে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়, ‘আল্লাহর কসম, আতিফ আমিন ও মোহাম্মদ সাজিদের প্রতি শ্রদ্ধা জানাতেই হামলা।’ আমিন ও সাজিদ দুজনই ২০০৮ সালে দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
জানা গেছে, পর্যটকদের বাসে হামলাকারীরা একটি পিস্তল থেকেই গুলি ছুড়েছে। তাদের কাছে কোনো ভারী অস্ত্র ছিল না। এ ধরনের হামলায় ভারী অস্ত্র ব্যবহার করা তাদের পক্ষে সম্ভবও ছিল না। কেননা তারা একটি মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এ হামলাকে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল করা হবে। এতে হয়তো শুধু তাইওয়ানের দুই নাগরিক আহত হয়েছেন, কেউ নিহত হননি; কিন্তু আরও বেশি হতাহত পারত। সূত্রমতে, সন্ত্রাসীরা হয়তো ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল, যাতে করে উত্তেজনা সৃষ্টি হয়।
আগামী ৩ থেকে ১৪ অক্টোবর দিল্লিতে কমনওয়েলথ গেমসের সময় লস্কর-ই-তাইয়েবা এবং ইন্ডিয়ান মুজাহিদীন সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করছে বলে সরকারের কাছে খবর রয়েছে। তার পরও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার না করায় অবাক হতে হয়। জামা মসজিদের পাশে যখন পর্যটকদের বাসে হামলা হয়েছে তখন তার আশপাশে পুলিশ ছিল। তা সত্ত্বেও এ ঘটনা ঘটেছে।
দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমসের নিরাপত্তার দায়িত্ব দিল্লি পুলিশকে দেওয়া হলেও নিরাপত্তা নিশ্ছিদ্র করার সামর্থ্য তাদের আছে বলে মনে হচ্ছে না। কাজেই এ কাজে ন্যাশনাল সিকিউরিটি গার্ডস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সসহ অন্যান্য বাহিনীকেও নিযুক্ত করা দরকার বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এমন একটি বড় আয়োজনের জন্য আরও বেশি নিরাপত্তার প্রস্তুতি প্রয়োজন।
সন্ত্রাসী ও সন্দেহভাজনদের প্রতিটি পর্যায়ে শনাক্ত করা নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে সম্ভব নয়। এমন একটি বড় ক্রীড়া আয়োজনের আগে পুলিশকেও এ কাজে সম্পৃক্ত করা প্রয়োজন।
কমনওয়েলথ গেমসে অংশগ্রহণে বিদেশিদের মধ্যে ভীতির সঞ্চার করতেই এ হামলা চালানো হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদি তা-ই হয় সরকারের জন্য এটি আরও হামলার সতর্কসংকেত।

অনিয়মের অভিযোগ তিন হাজারেরও বেশি

আফগানিস্তানে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে তিন হাজারেরও বেশি অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচনী অভিযোগকেন্দ্র (ইইসি) এ তথ্য জানিয়েছে। এসব অভিযোগের মধ্যে এক হাজার ৩৮৮টি অভিযোগ সুনির্দিষ্টভাবে করা হয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ ওলেসি জিরগার ২৪৯টি আসনের বিপরীতে আড়াই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির মোট ৩৪টি প্রদেশের মধ্যে বেশির ভাগ প্রদেশের ভোট গণনা শেষ হয়েছে। আজ বুধবার প্রাথমিক ফলাফল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ফল প্রকাশের পর পরাজিত প্রার্থীদের অনেকেই নতুন করে অভিযোগ তুলবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এদিকে এরই মধ্যে জমা পড়া অভিযোগগুলো খতিয়ে দেখাই ইইসির পক্ষে কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
আফগান বিশ্লেষক ও কাবুলের একটি আসনের প্রার্থী হারুন মীর জানান, তিনি নিজেও ইইসিতে অনেক অভিযোগ তুলতে পারেন। বিশেষ করে ভোট গণনা নিয়ে সমস্যার বিষয়টি তুলে ধরার কথা উল্লেখ করেন তিনি। তবে হারুন মীর এও বলেন, ইইসিতে যে পরিমাণ অভিযোগ জমা পড়েছে, তা খতিয়ে দেখা কঠিন।
আফগানিস্তানের প্রধান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফাউন্ডেশন (এফইএফএ) জানায়, জাল ভোট, কম বয়সীদের ভোট দেওয়া, নির্বাচনকর্মীদের পক্ষপাতিত্বসহ হাজার হাজার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া অমোচনীয় কালি নিয়ে সমস্যা, দেরি করে ভোটকেন্দ্র খোলাসহ বিভিন্ন সমস্যা দেখা গেছে। অনেক স্থানে তাদের পর্যবেক্ষকদেরও বাধা দেওয়া হয়েছে।
ইইসির কমিশনার ও মুখপাত্র আহমাদ জিয়া রাফাত জানান, নির্বাচনের দিনের বিভিন্ন অনিয়ম সুনির্দিষ্টভাবে তুলে ধরে এক হাজার ৩৮৮টি অভিযোগ তাঁদের কাছে জমা পড়েছে। আরও প্রায় এক হাজার ৭০০ অভিযোগ করা হয়েছে ভোট গ্রহণ শুরুর আগের বিভিন্ন সমস্যা নিয়ে।
তালেবানের শক্ত অবস্থান রয়েছে এমন প্রদেশগুলোতে এক ব্যক্তির একাধিক ভোট দেওয়ার ঘটনা বেশি ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। ইইসির কর্মকর্তারা জানান, কান্দাহার, হেলমান্দ, উরুজগান ও জাবুলে এমন ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।
আফগানিস্তানের জাতিসংঘের মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচন প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা নিয়ে সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে এসব প্রতিষ্ঠানের স্বাধীন থাকা জরুরি।
ইইসি সূত্র জানায়, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর পার্লামেন্টের নিম্নকক্ষের দ্বিতীয় নির্বাচনে ৪০ লাখেরও বেশি ভোটার ভোট দেন।

রুশ জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভাকে বিয়ে করছেন পুতিন?

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ফের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। স্ত্রী লুদমিলার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এবার সে দেশের অত্যন্ত জনপ্রিয় এক জিমন্যাস্টের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধছেন। তাঁর নাম অ্যালিনা কাবায়েভা (২৭)। মস্কোর গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার একটি ওয়েবসাইটের দাবি, মস্কোর একটি রেস্তোরাঁয় সম্প্রতি পুতিন (৫৮) ও কাবায়েভাকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে।
এর আগে স্থানীয় গণমাধ্যম জানায়, রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেছে। পুতিন এখন কাবায়েভাকে বিয়ের জন্য তৈরি হচ্ছেন।

বিদ্যালয়ে যাওয়ার পরিস্থিতি নেই সোমালিয়ায়

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। দুই দশকের বেশি সময় চলতে থাকা গৃহযুদ্ধ দেশটির এই পরিস্থিতি করেছে। সোমালিয়া বিশ্বের চারটি দেশের মধ্যে একটি, যেখানে ৭০ শতাংশের বেশি লোক নিরক্ষর।
গত সোমবার প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী শিক্ষাসংকট মোকাবিলায় এগিয়ে আসা সংস্থা গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন (জিসিই) জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য সম্মেলনের পাশাপাশি এই প্রতিবেদন প্রকাশ করে। সাহায্য সংস্থা অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যাকশন এইড এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করে।
জিসিইর প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানী মোগাদিসুর গোলযোগপূর্ণ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সে দেশে যেসব সাহায্য সংস্থা কাজ করছে তাদের অভিযোগ, যুদ্ধবাজ নেতারা জোর করে শিশুদের নিজ দলে ভেড়াচ্ছেন। এতে তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চলমান সংঘর্ষ, অস্থিতিশীলতা ও নাজুক পরিস্থিতি সোমালিয়ার শিক্ষা খাতে বিপর্যয় ডেকে এনেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেখানে প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১০ শতাংশ শিশুর নাম তালিকাভুক্ত রয়েছে। শিক্ষা ক্ষেত্রে অবনতির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে গরিব ৬০টি দেশের মধ্যে একদম নিচে সোমালিয়ার স্থান।

জাপানের সঙ্গে সীমানা নির্ধারণী আলোচনা প্রত্যাখ্যান চীনের

জাপানের সঙ্গে সীমানা-নির্ধারণী বৈঠকে বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে চীন সরকার। গতকাল মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ এ কথা জানান। একজন চীনা ট্রলার ক্যাপ্টেনকে জাপানে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নিয়েছে চীন। এই ঘটনা নিয়ে ‘অতিরিক্ত জাতীয়তাবাদী’ মনোভাব প্রদর্শনের ব্যাপারে চীনকে হুঁশিয়ার করেছে জাপান।
৭ সেপ্টেম্বর পূর্ব চীন সাগরের একটি বিরোধপূর্ণ এলাকায় জাপানের নৌবাহিনী ক্যাপ্টেন ও ক্রুসহ চীনের একটি ট্রলার আটক করে। পরে ক্রুদের ও ট্রলারটি ছেড়ে দেওয়া হলেও ক্যাপ্টেনকে আটকে রাখা হয়। জাপানের আইন অনুযায়ী রোববার ওই ক্যাপ্টেনের আটকাদেশের মেয়াদ ১০ দিন বাড়ানো হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এই টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।
ট্রলারের ক্যাপ্টেনকে আটকের ঘটনায় ইতিমধ্যে জাপানের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ স্থগিত করেছে চীন। পাশাপাশি ‘সাংহাই এক্সপো’ পরিদর্শনের জন্য জাপানের এক হাজার শিশুর আমন্ত্রণও বাতিল করেছে তারা।
সীমানা-নির্ধারণী আলোচনা প্রত্যাখ্যানের ব্যাপারে গতকাল জিয়াং ইউ বলেন, ‘নিশ্চিতভাবেই এখনকার পরিস্থিতি এ ধরনের বৈঠকের অনুকূল নয়।

সুইডেনে নির্বাচনে কট্টর ডানপন্থীদের সাফল্যে বিক্ষোভ

সুইডেনে সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের সাফল্যের বিরোধিতা করতে রাজধানী স্টকহোমে গত সোমবার কয়েক হাজার নাগরিক বিক্ষোভ করেছে। এবারই প্রথম নির্বাচনে কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত সুইডেন ডেমোক্র্যাটস ২০টি আসনে জয়ী হয়। তাদের এই সাফল্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী প্রধানন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ডের নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী জোট।
সুইডেন ডেমোক্র্যাটদের বিরোধিতা করে ব্যানার প্রদর্শন ও স্লোগান দেয় বিক্ষোভকারীরা। স্থানীয় এক পুলিশ সদস্য জানান, শহরের কেন্দ্রস্থলে সরকারি ভবনগুলোর সামনে সন্ধ্যা নাগাদ কমপক্ষে ছয় হাজার বিক্ষোভকারী জড়ো হয়। তারা স্লোগান দেয় ‘বর্ণবাদের বিরুদ্ধে না বলুন’। বিক্ষোভকারীদের একজন পার ব্রানেফিশ জানান, এটা প্রকাশ করা জরুরি যে সুইডেনের বেশির ভাগ নাগরিক সুইডেন ডেমোক্র্যাটদের মতো কট্টর ডানপন্থীদের সঙ্গে নেই।
স্থানীয় সংবাদ কর্মীরা জানান, এই কর্মসূচির আয়োজকেরা বিক্ষোভকারীদের জড়ো করতে মূলত ফেসবুক ও টুইটারের মতো বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট ব্যবহার করে। একই ইস্যুতে গোটেনবার্গ শহরেও ছোটখাটো বিক্ষোভ হয়েছে।
এদিকে গত শনিবারের নির্বাচনে জয়লাভের পরপরই প্রধানমন্ত্রী রাইনফেল্ড জানিয়েছেন, সরকার গঠনের জন্য তিনি বামপন্থী গ্রিন পার্টির সমর্থন চাইবেন। গ্রিন পার্টি মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন জোটের সঙ্গে রয়েছে। নির্বাচনে তারা ২৫টি আসন পেয়েছে। গ্রিন পার্টির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বামপন্থীদের জোট ভাঙতে চায় না তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাশ্মীরে আন্দোলন চলবে

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভারতশাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা। গতকাল মঙ্গলবার শীর্ষস্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের কট্টরপন্থী অংশের নেতা সৈয়দ আলী শাহ গিলানি বলেন, তাঁদের দাবির মধ্যে রয়েছে কাশ্মীরকে একটি আন্তর্জাতিক বিরোধপূর্ণ অঞ্চল ঘোষণা, ওই অঞ্চল থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার ও জরুরি অবস্থা প্রত্যাহার। এগুলো বাস্তবায়িত না হলে আন্দোলন বন্ধ করা হবে না।
চলমান সংকটের সমাধান নিয়ে আলোচনার জন্য ওই অঞ্চলে সফররত ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা গতকাল সেখানকার শীর্ষস্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজন নেতার সঙ্গে বৈঠক করেন। গিলানি তাঁদের অন্যতম।
প্রতিনিধিদলের সদস্যরা বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) নেতা ইয়াসিন মালিক এবং হুরিয়াত কনফারেন্সের তুলনামূলক মধ্যমপন্থী অংশের নেতা মিরওয়াইজ ওমর ফারুকের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধিরা ওই তিন নেতাকেই বলেছেন, কাশ্মীর ভারতের অংশ। কাজেই এ প্রশ্নে কোনো ছাড় নয়। তবে অন্য সব বিষয়ে আলোচনা হতে পারে।
কাশ্মীরে জুন থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। বর্তমানে সেখানে কারফিউ বলবৎ রয়েছে। কিন্তু স্থানীয় লোকজন কারফিউ উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনীও নিয়মিতভাবে স্থানীয় জনতার প্রতি গুলি ছুড়ছে। গত সোমবার সোপোর শহরের বাইরে সেনাসদস্যদের সঙ্গে সর্বশেষ সহিংসতায় পাঁচজন আহত হয়।
সংকট সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে গত সোমবার কাশ্মীরে একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠায় সরকার। প্রধান বিরোধী দল বিজেপিসহ বিভিন্ন দলের ৩৭ জন আইনপ্রণেতা আছেন এই দলে। প্রথম দিন এই দলের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানান গিলানি, ইয়াসিন মালিক ও মিরওয়াইজ ওমর ফারুক।
গতকাল প্রতিনিধিদলের পাঁচ সদস্যের একটি দল গৃহবন্দী গিলানির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে গিলানি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তিনি চান ভারত সরকার কাশ্মীরকে একটি আন্তর্জাতিক বিরোধপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করুক। একই সঙ্গে সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার, জরুরি অবস্থা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিও জানান তিনি।
এদিকে প্রতিনিধিদলের কয়েকজন সদস্য গতকাল শ্রীনগরের প্রধান হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। রোগীদের আত্মীয়স্বজন ও হাসপাতালের কর্মীরা এ সময় ভারতবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করলে তাঁরা তড়িঘড়ি সেখান থেকে চলে যেতে বাধ্য হন। বিক্ষোভে আহত ব্যক্তিদের দেখতে তাঁরা ওই হাসপাতালে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, হাসপাতালের ভেতরের লোকজন দিল্লির শাসনবিরোধী স্লোগান দিতে শুরু করে। ফলে প্রতিনিধিদলের সদস্যরা মাত্র ১০ মিনিট হাসপাতালে থেকে চলে যান।
প্রতিনিধিদলের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম হাসপাতালে যাননি। তিনি তাংমার্গ শহর পরিদর্শন করেন। গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে সেখানে বিক্ষোভকারীদের পাঁচজন নিহত হয়।

উত্তর কোরিয়ায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন ২৮ সেপ্টেম্বর

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন হবে ২৮ সেপ্টেম্বর। কয়েক দশকের মধ্যে এটি হচ্ছে দলটির সবচেয়ে বড় সম্মেলন। গতকাল মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক বিবৃতিতে এ কথা বলা হয়। ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ে ক্ষমতা বদলের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই সম্মেলনকে।
সম্মেলনে উত্তর কোরীয় নেতা কিম জং ইলের ছোট ছেলে কিম জং উনকে পার্টির উচ্চতর পদে উন্নীত এবং তাঁর বাবার উত্তরাধিকার করার বিষয়টি নিশ্চিত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থার বিবৃতিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টির শীর্ষ পর্যায়ে নেতা নির্বাচনে ২৮ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে সম্মেলন হবে। এ সম্মেলনকে বার্তা সংস্থা ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করে। এ মাসের শুরুতে এই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই তা স্থগিত করা হয়।
তিন দশকের মধ্যে উত্তর কোরিয়ায় এটিই হবে প্রথম বড় ধরনের সম্মেলন। এর আগে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার বড় ধরনের সম্মেলন হয়েছিল ১৯৮০ সালে। ওই সময় উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে ক্ষমতা লাভ করেন বর্তমান নেতা কিম। বর্ষীয়ান নেতা কিম ২০০৮ সালের আগস্টে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ। তাঁর কিডনিতেও সমস্যা রয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, এই সম্মেলনে যে শুধু কিম জং উনের ক্ষমতা লাভের পথ পরিষ্কার হবে, তা নয়। তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাও দলের শীর্ষ পদ পাবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে একজন হলেন কিমের ঘনিষ্ঠ আত্মীয় জাং সং থায়েক।
এ ব্যাপারে উত্তর কোরিয়া সম্পর্কে বিশেষজ্ঞ সিউল বিশ্ববিদ্যালয়ের ইয়াং মু জিন বলেন, কিম জং উনকে উত্তরাধিকার হিসেবে ক্ষমতার আসনে বসানোর পথে এগিয়ে যেতে উত্তর কোরিয়ার প্রশাসন এখন প্রস্তুত।

মূল ব্যবসার আয়ের ভিত্তিতে পিই অনুপাত নির্ধারিত হবে

শেয়ারের বিপরীতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউস থেকে ঋণসুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রচলিত বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এর ফলে এখন থেকে ঋণ বিতরণের জন্য শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) নির্ধারণের সময় সংশ্লিষ্ট কোম্পানির কেবল প্রধান ব্যবসা থেকে অর্জিত আয়কে বিবেচনায় নিতে হবে।
অর্থাৎ, কোম্পানির মূল ব্যবসার বাইরে অন্যান্য খাত বা অপ্রধান ব্যবসা থেকে অর্জিত আয় পিই গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার মানে, কোনো কোম্পানি স্থায়ী সম্পদ বা মালিকানায় থাকা অন্য কোম্পানির শেয়ার বিক্রি করে যে আয় করবে, তা দিয়ে পিই গণনা করা যাবে না। এ ছাড়া কোম্পানি রাইট বা বোনাস শেয়ার দিলে শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) সঙ্গে তা সমন্বয় করতে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গবার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এতে ঋণসুবিধার ক্ষেত্রে শেয়ারের প্রকৃত সম্পদের মূল্যভিত্তিক (এনএভি) সূত্র প্রয়োগের বিষয়েও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনা অনুযায়ী, শেয়ারের বিপরীতে প্রাপ্য ঋণের পরিমাণ নির্ধারণে কোম্পানির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের (ত্রৈমাসিক/ অর্ধবার্ষিক/ বার্ষিক) এনএভির তথ্য ব্যবহার করতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রতি বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারের সমাপনী মূল্য ও প্রকাশিত এনএভির ভিত্তিতে ঋণের সুবিধাপ্রাপ্ত বা বহির্ভূত কোম্পানির তালিকা প্রকাশ করবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো পরবর্তী এক সপ্তাহ এই তালিকা অনুযায়ী তাদের গ্রাহকদের ঋণ দেবে।
তবে কোনো কোম্পানি সম্পদ পুনর্মূল্যায়ন করলে অতিরিক্ত সম্পদের মূল্য এই হিসাবে আসবে না। অর্থাৎ, আগের সম্পদের মূল্য অনুযায়ী ঋণসুবিধা হিসাব করা হবে।
বাজারে তারল্য প্রবাহ কমাতে এসইসি গত ২৪ আগস্ট ঋণ বিতরণ ও ব্যবস্থাপনায় একটি সূত্র বেঁধে দিয়েছে। এই সূত্র অনুযায়ী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তাদের গ্রাহকদের কোম্পানির এনএভির সঙ্গে বাজারমূল্য যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফলাফল পাওয়া যাবে, তার সমানুপাতিক হারে ঋণ দিতে পারবে।
কিন্তু এভাবে ঋণের হিসাব নির্ধারণ কঠিন উল্লেখ করে মার্চেন্ট ব্যাংকগুলো নিয়মটি বাতিলের দাবি জানায়। তবে এসইসি তা বাতিল না করে ডিএসইকে ঋণের হিসাব করার দায়িত্ব দেয়।
এদিকে পিই গণনার ক্ষেত্রে নতুন নিয়মের ফলে নতুন করে আরও কিছু কোম্পানির শেয়ার ঋণসুবিধার বাইরে চলে যাবে।
উল্লেখ্য, বর্তমানে যেসব কোম্পানির পিই ৪০ পয়েন্টের নিচে, সেই সব কোম্পানিই কেবল ঋণসুবিধা পেয়ে থাকে।

‘দশ’ পেরোলেন মরিনহো

দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকত। তবে মুখে যা-ই বলুন, মরিনহো অন্তরে কিন্তু বর্ষীয়ান অ্যালেক্স ফার্গুসনকে শ্রদ্ধাই করেন। খানিকটা হয়তো অনুকরণও করেন। ডাগআউটে বসে নীরবে-নিশ্চুপে চুইংগাম চিবোনো ফার্গুসনীয় ট্রেডমার্ক। ইদানীং লক্ষ করা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের ডাগআউটে একইভাবে মুখ নড়ছে স্পেশাল ওয়ানেরও!
ফার্গুসন এখনো ম্যানইউতেই আছেন। মরিনহো সেই ২০০৭-এ চেলসি ছেড়ে ইন্টার মিলান হয়ে এখন রিয়ালে। দুজনের তাই যোজন দূরত্বে বাস। ভিন্ন দুটি দেশে ভিন্ন দুটি লিগের দুই কোচের ডাগআউটের দৃশ্য একবিন্দুতে মেলানো কঠিন। সমস্যা নেই। এবার মরিনহো নিজেই নিজেকে মেলালেন ফার্গুসনের সঙ্গে। পরশু পেশাদার কোচ হিসেবে ১০ বছর পূর্তি হলো এই পর্তুগিজের। আর এই শুভক্ষণে নিজের ভবিষ্যৎ চাওয়া হিসেবে মরিনহো জানালেন, তিনি হতে চান ‘ফার্গুসন’। কোচ হিসেবে ফার্গির মতোই লম্বা আয়ু চান, ‘আমার ধারণা, আমি হয়তো ফার্গুসন হতেই পছন্দ করব। বয়স যখন ৭০ বছর হবে, কোচিংয়ের প্রতি অনুরাগটা থাকবে একই রকম।’
স্যার ফার্গুসন ম্যানইউতেই আছেন ২৫ বছর ধরে। এই ২৫ বছরে জিতেছেন ৩০টিরও বেশি ট্রফি। দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। তবে মরিনহো ফার্গুসনের লম্বা ক্যারিয়ারটাই শুধু অনুসরণ করতে চান, সাফল্যে ছাপিয়ে যেতে চান তাঁকেও। ৪৭ বছর বয়সী মরিনহো এই ১০ বছরেই ভিন্ন তিনটি ক্লাবের হয়ে জিতেছেন ছয়টি লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা! পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে এখন এসেছেন রিয়াল মাদ্রিদে। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি গড়ার সুযোগ তাঁর সামনে।
নিজের এই এক দশকের দিকে তাকিয়ে মরিনহো বলেছেন, ‘এই ১০টি বছর খুব দ্রুতই কেটে গেল। ১০ বছর আগে কোচিংয়ের প্রতি যেমন অনুরাগ ছিল, আমি মনে করি, সামনের ১০ বছরও সেই একই রকম আগ্রহ থাকবে।’ রিয়াল সম্পর্কে বলেছেন, ‘এই দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব এটা। এরা শীর্ষ থেকে শীর্ষে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমি এখানে এখনো কিছু জিতিনি। দেখা যাক, গল্পের শেষটা কেমন হয়। এটা এমন একটা গল্প, যেটা আমিও নির্মাণ করতে চাই।

নতুন নিলামে ক্ষুব্ধ টেন্ডুলকার

সনাৎ জয়াসুরিয়া মুম্বাইয়ের খেলোয়াড়, মাইক হাসি চেন্নাইয়ের, শেন ওয়ার্ন ও গ্রায়েম স্মিথ রাজস্থানের। এখন আর সমর্থকদের খোঁজখবর নিতে হয় না। তিন মৌসুম ধরে এসব দলে খেলায় বিদেশি খেলোয়াড়দের আইপিএল ঠিকানাও নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু এবার ব্যতিক্রম। অনেকের ঠিকানাই নাকি বদলে যেতে পারে টুর্নামেন্টটির চতুর্থ আসরে।
এবার বিদেশি খেলোয়াড়দের সবার নামই নিলামে নতুন করে উঠবে। নিলামের আগে প্রতিটি দল তাদের চারজন পুরোনো খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, তার মধ্যে তিনজন ভারতীয় হতে হবে। মানে, একটি দল একজন মাত্র পুরোনো বিদেশি খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। বাকি সবাই উন্মুক্ত নিলামে উঠবেন। সেখানে যে দল যাঁকে কিনতে পারে।
নতুন ধরনের নিলামের খবরে খুব চটেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক শচীন টেন্ডুলকার। তিনি বলছেন, তিন বছর ধরে যে দলীয় একতা তাঁরা গড়ে তুলেছেন, এই ধাক্কায় সেটি ধসে যাবে, ‘আমরা এই দলটা গড়ে তুলতে, একত্রিত হতে অনেক কষ্ট করেছি। গত মৌসুমে আমরা দুবার ক্যাম্প করেছি। যেখানে ক্রিকেট-বিষয়ক কোনোকিছুই ছিল না, শুধু পুনর্মিলনী হয়েছে। এসব কিছুই করেছি আমরা দলীয় চেতনা বাড়াতে। আমাদের ম্যানেজমেন্ট ও মালিকেরাও খেলোয়াড়দের একত্র করতে কষ্ট করেছেন। কিন্তু এখন আমরা জানতে পারছি, দলটা বদলাতে হবে। এটা মেনে নেওয়া কঠিন।’
অবশ্য সবাই টেন্ডুলকারের মতো করে চিন্তা করছেন, তা নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বলছেন, নিয়মটা উপকারী। কারণ, নতুন দুটি দল আইপিএলে আসায় নতুন করে নিলাম না হলে প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে, ‘আমরা প্রিমিয়ার লিগের (ইংলিশ) মতো একটা পরিস্থিতিতে পৌঁছাতে চাই না, যেখানে তিন থেকে চারটি দলই শিরোপার জন্য লড়াই করবে। এখানে লড়াইটা সমানে সমানে হওয়া উচিত। সবার ভালো করার এই সুযোগ তৈরি করে দেওয়ার চিন্তার সঙ্গে আমি একমত।’

জাতীয় মহিলা ক্রিকেট

আগামী নভেম্বরে এশিয়ান গেমসে খেলার আগে প্রস্তুতির দারুণ উপলক্ষই পেল বাংলাদেশের মেয়েরা। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগই এনে দিয়েছে প্রস্তুতির এমন সুযোগ। উদ্বোধনী ম্যাচে খুলনা বিভাগ মুখোমুখি হবে রাজশাহীর। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খুলনা, রাজশাহী ছাড়াও অংশ নিচ্ছে ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগীয় দল। ফাইনাল ৬ অক্টোবর।

লর্ডসে খেলতে চাননি আফ্রিদিরাও

ইজাজ বাটের পাল্টা অভিযোগের পর ইংলিশ ক্রিকেটাররা পরশুর ম্যাচটা খেলতে চাননি, এটা পুরোনো খবর। নতুন খবর হলো, পাকিস্তানও নাকি খেলতে চায়নি লর্ডস ওয়ানডে! শুধু তা-ই নয়, ওয়াহাব রিয়াজের মুখে প্যাড দিয়ে আঘাত করায় জোনাথন ট্রটের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার কথাও ভাবছিল পাকিস্তান। শহীদ আফ্রিদির দাবি, তাঁরা ‘উদার’ বলেই পার পেয়ে গেছেন ট্রট।
প্রথমে শোনা গিয়েছিল, পরশুর ম্যাচের আগে গা গরমের সময় নার্সারি প্রান্তের নেটে বচসায় জড়িয়ে পড়েছিলেন রিয়াজ-ট্রট। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ঘটনার পর আফ্রিদিরা প্রথমে ম্যাচ খেলতে চাননি, পরে ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’ খেলতে রাজি হয়েছেন। ইসিবি দাবি করেছিল, ব্যাপারটা গুরুতর কিছু নয় এবং ম্যাচের আগেই চুকেবুকে গেছে। কিন্তু পাকিস্তানের জিয়ো টেলিভিশনকে আফ্রিদি যা বলছেন, তাতে ব্যাপারটা গুরুতরই, ‘গা গরমের পর রিয়াজ ফিরে আসছিল, তখন ট্রট তাকে ‘‘ম্যাচ-ফিক্সার, তুমি ক্রিকেটকে ধ্বংস করছ’’ বলে মুখে প্যাড দিয়ে আঘাত করে। আমরা পুলিশকে জানাতে পারতাম। কারণ, কাউকে আঘাত করা অপরাধ। তবে আমরা অনেক উদার বলেই অভিযোগ করিনি।’ ওয়েবসাইট।
আফ্রিদিরা উদার হলেও উদার হচ্ছে না ইসিবি। মন্তব্যের জন্য ইজাজ বাটকে কাল ক্ষমা চাইতে বলেছেন ইসিবির প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার, না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকবে ইসিবি। পাকিস্তানের জন্য আরও দুঃসংবাদ শুনিয়েছেন কোলিয়ার। জানিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তান আর ইংল্যান্ডে ‘হোম’ ভেন্যুর সুবিধা পাবে না।
বাটের মন্তব্যে কিন্তু দোষের কিছু খুঁজে পাননি যুক্তরাজ্যে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ সামিউল হাসান। সাম্প্রতিক বিতর্ক দুদেশের সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন না তিনি, ‘মি. বাট খুবই সরল একটা মন্তব্য করেছেন। তিনি স্রেফ বলেছেন, পাকিস্তান হারলেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তাহলে পাকিস্তান জিতলেও প্রতিপক্ষের বিপক্ষে একই অভিযোগ উঠতে পারে। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে। রাতারাতি এটা পাল্টে যাবে না।’

সোবার্সের চোখে গুপ্তেই সেরা

শেন ওয়ার্ন ক্রিকেটে আসার আগ থেকেই স্যার গ্যারি সোবার্স বলে আসছেন, ‘আমার দেখা সেরা লেগ স্পিনার সুভাষ গুপ্তে।’ নব্বইয়ের দশকের শুরু থেকে প্রায় ১৫ বছর ধরে বিশ্ব ক্রিকেট দেখেছে ওয়ার্নের জাদু। কিন্তু বদলায়নি সোবার্সের ধারণা। সর্বকালের সেরা অলরাউন্ডারের কাছে এখনো ওয়ার্নের আগে গুপ্তে। শুধু তা-ই নয়, ওয়ার্ন সম্পর্কে সোবার্স বলছেন, ‘অতিমূল্যায়িত’।
পরিসংখ্যানের বিচারে দুজনের তুলনাই চলে না। ১৯৫২ থেকে ১৯৬১ পর্যন্ত ভারতের হয়ে ৩৬টি টেস্ট খেলে ১৪৯ উইকেট পেয়েছেন গুপ্তে। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট ওয়ার্নের, মুরালিধরনের পর টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। কিন্তু একজন লেগ স্পিনারকে শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করতে চান না সোবার্স। পাঁচ টেস্টে সোবার্সকে একবারই আউট করতে পেরেছিলেন গুপ্তে। ইন এ লিগ অব দেয়ার ওন: হানড্রেড ক্রিকেট লিজেন্ডস সিলেক্ট দেয়ার ওয়ার্ল্ড ইলেভেন নামের বইয়ে তবুও ক্যারিবিয়ান গ্রেট সেরা বলেছেন গুপ্তেকেই।
ওয়ার্নকে নিয়ে সোবার্সের সবচেয়ে বড় আপত্তি গুগলিতে দক্ষতা না থাকা, ‘শেন ওয়ার্নকে আধুনিক ক্রিকেটের গ্রেট বলা হয়, কিন্তু এ নিয়ে আমার আপত্তি আছে। সে গ্রেট, ঠিক আছে, কিন্তু আমি ঠিক নিশ্চিত নই অন্য স্পিনারদের সঙ্গে তুলনায় সে কোথায় থাকবে। সে জীবনে ভালো একটা গুগলি করেছে কি না সন্দেহ, এমন একজনকে লোকে একটু বেশিই মূল্যায়ন করে। আমার কাছে ওয়ার্ন গ্রেট ‘‘টার্নার’’। আমি ওর আক্রমণাত্মক মানসিকতা পছন্দ করি, ব্যাটসম্যানকে যেভাবে আক্রমণ করত এর জন্য ওকে শতভাগ নম্বরও দিতে পারি, কিন্তু মানসিকতাই সবকিছু নয়। আমার বিবেচনায় সুভাষ গুপ্তে ছিল আরও ভালো লেগ স্পিনার।’ গুগলিতে ওয়ার্নের দুর্বলতা অবশ্য সবারই জানা, কাঁধের অস্ত্রোপচারের পর বলতে গেলে গুগলি করতেনই না সাবেক এই অস্ট্রেলিয়ান লেগি।
ওয়ার্ন-সোবার্স দুজনই ছিলেন উইজডেন-এর শতাব্দী-সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায়। ৯৬ টেস্টে ৮০৩২ রান, ২৩৫ উইকেট ও ১১০টি ক্যাচ নিয়েছেন সোবার্স। তীর্যক সব মন্তব্য করতে যাঁর জুড়ি মেলা ভার, বইয়ে সেই জিওফ বয়কটেরও সমালোচনা করেছেন সোবার্স, ‘জিওফ্রে তার নিজের ব্যাটিং স্টাইলের গ্রেট ক্রিকেটার। সে তার সীমাবদ্ধতা অনুযায়ী খেলত এবং ভালো, এমনকি অর্ধেক ভালো বলেও কোনো ঝুঁকি নিত না। গ্রেট ব্যাটসম্যানরা ভালো বলকেও বাজে বল বানিয়ে ছাড়ে, জিওফ্রে মনে হয় কখনোই সেটা করতে পারেনি।

ম্যারাডোনা নন, বেন্টো

কার্লোস কুইরোজের রেখে যাওয়া শূন্যস্থানটা পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু ডিয়েগো ম্যারাডোনাকে নয়, জাতীয় দলের কোচ হিসেবে পর্তুগাল বেছে নিল পাওলো বেন্টোকে। ৪১ বছর বয়সী এই সাবেক পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডারই হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোদের পরবর্তী কোচ। ২০১২ ইউরো পর্যন্ত দায়িত্ব পাচ্ছেন তিনি। হোসে মরিনহো শেষ পর্যন্ত আপৎকালীন কোচ হতে না পারায় অনেকটা তড়িঘড়ি করেই বেন্টোকে নিয়োগ দিতে হয়েছে। আগামী মাসে ইউরো বাছাইপর্বে ডেনমার্ক আর আইসল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।