Monday, May 29, 2017

ষোড়শ সংশোধনী সংবিধান পরিপন্থী : ড. কামাল হোসেন

অন্যতম সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী সংবিধান পরিপন্থী। তিষোড়শ সংশোধনী স্বাধীন বিচার বিভাগকে ক্ষুণ্ণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে ঝুঁকি ও অবৈধ হস্তক্ষেপের মুখে ফেলেছে। আইনের শাসনকে বিপন্ন করেছে।
সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানিতে ড. কামাল হোসেন এ মত দেন।
আজ সোমবার নবম কার্যদিবসের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে আজ অ্যামিকাস কিউরি হিসেবে ড. কামাল হোসেন, এএফ হাসান আরিফ, আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট এম আই ফারুকী ও ড. আবদুল ওয়াদুদ ভূঁইয়া বক্তব্য রাখেন।
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন শুনানিতে বলেন, ষোড়শ সংশোধনীর মত সংশোধনী স্বাধীন বিচার বিভাগকে ক্ষুণ্ণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যা দেশের বিচার বিভাগকে ঝুঁকি ও অবৈধ হস্তক্ষেপের মুখে ফেলেছে। আইনের শাসনকে বিপন্ন করেছে। একারণেই হাইকোর্ট ষোড়শ সংশোধনীকে বাতিল ও অবৈধ বলে যে রায় দিয়েছেন তা পুরোপুরিভাবে সমর্থন করছি। আপনারা এটি অবৈধ ও অসাংবিধানিক হিসেবে বাতিল করে দিন।
তিনি বলেন, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, হংকং, জার্মানি, সুইডেন, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইসরাইল, জাম্বিয়া, ত্রিনিদাদ ও টোবাকো, নিউসাউথ ওয়েলসসহ বিভিন্ন দেশে বিচারক অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অথবা এরকম পদ্ধতি রয়েছে।
তিনি বলেণ, অষ্টম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে গণতন্ত্র, প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতার পৃথকীকরণ, স্বাধীন বিচার বিভাগ, মৌলিক অধিকার হলো সংবিধানের মৌলিক কাঠামো। শুধুই এটি নয়, আরো বেশ কয়েকটি রায়ে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ।
তিনি বলেন, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ২২ অনুচ্ছেদকে বলা হয়েছে সংবিধানের মৌলিক নীতির একটি। এখানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে, যা থাকবে রাষ্ট্রের অন্য দু’টি অঙ্গের হস্তক্ষেপ মুক্ত।
তিনি বলেন, ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ১৯৭২ সালের আদি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে প্রত্যাহার করে নেয়া হয়। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দিলেও এই ব্যবস্থা রেখে দিয়েছে। ওই রায়ে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি স্বচ্ছ পদ্ধতি।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য হবে যদি নিজ দলের বিপক্ষে ভোট দেন। একারণে বিচারক অপসারণের ক্ষেত্রে সংসদ সদস্যরা নিরপেক্ষ ও স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন কিনা সে প্রশ্ন ওঠে। রাজনৈতিক হস্তক্ষেপ ও চাপের দ্বারা প্রভাবিত হয়ে সংসদের মাধ্যমে বিচারক অপসারণের ক্ষমতা দেওয়ায় বিচার বিভাগকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
এ এফ হাসান আরিফ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতায় ওপর হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের নিজেদের প্রয়োজনে নয়। জনগণের অধিকার রক্ষা করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের একটি অপরিহার্য অংশ। অর্থাৎ বেসিক স্ট্রাকচার বলে একটি রায়ও দিয়েছেন আদালত। ভারতে এ ধরণের অনেক রায় হয়েছে। যেখানে বিচার বিভাগের স্বাধীনতাকে বেসিক স্ট্রাকচার বা সংবিধানের বেসিক পিলার বলা হয়েছে।
এ এফ হাসান আরিফ আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতা শুধু বেসিক স্ট্রাকচার নয়, এটি মৌলিক অধিকারও বটে। জনগণের মৌলিক অধিকার যেন, বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে। কেউ যদি আদালতের সামনে উপস্থিত হন, আদালত যেন স্বাধীনভাবে বিচার করতে পারে। সংসদ বা নির্বাহী বিভাগের চাঁপে পড়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ণ না হয়। সেভাবে যেন বিচার করতে পারেন।
তিনি আরো বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতায় ওপর হস্তক্ষেপ করা হয়েছে। কারণ এর মাধ্যমে বিচার বিভাগকে সংসদের কাছে জবাবদিহীতা করতে হয়। আর সংসদ ও সরকার এক।
তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদের ক্ষমতা নিয়ে নেয়া হয়েছিলো, চতুর্থ সংশোধনীতে ইমপিচমেন্টের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেয়া হয়েছিল। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনা হয়েছিলো। পরবর্তীকালে অষ্টম সংশোধনী মামলায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখা হয়। তারই ধারাবাহিকতায় পঞ্চদশ সংশোধনীতেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখা হয়।
তিনি বলেন, দুই বার আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এ ব্যবস্থা। তাই এটা সংশোধন করার এখতিয়ার সরকারের নেই।
আজমালুল হোসেন কিউসি
আজমালুল হোসেন কিউসি শুনানিতে বলেন, সংসদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা দিয়ে যে সংশোধনী আনা হয়েছে এটি কার্যকর সংশোধনী। এ ষংশোধনীর মাধ্যমে আদি সংবিধানে ফিরে যাওয়া হয়েছে। এই সংশোধনী অবশ্যই আইনত বৈধ। ষোড়শ সংশোধনী নিয়ে যে প্রশ্ন উঠেছে বিচার বিভাগকে উপলব্ধি করতে হবে এর সাথে তাদের নিজেদের স্বার্থের বিষয়টি সরাসরি জড়িত। তাই সংসদের হাতে বিচারক আপসারণের যে ক্ষমতা দেয়া হয়েছে তার পরিবর্তনের দরকার নেই।
এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ কখনও বিচারকদের স্বার্থে রায় দেয় না। রায় দেয়া হয় জনগণ ও বিচার বিভাগের স্বার্থে। সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রাখতেই রায় দেয়া হয়। এখানে বিচারকদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। তবে এই মামলার রায় কি হবে আমরা জানি না। এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। উদাহরণ টেনে তিনি বলেন, পিতামাতা ও ছেলেমেয়েদের ভালবাসার মধ্যে পার্থক্য আছে কি? আমি বলবো অবশ্যই আছে। কারণ পিতামাতা তার সন্তানকে নিঃশর্তভাবে ভালবাসে।
আজমালুল হোসেন কিউসি বলেন, কিভাবে বিচারক অপসারণ করা হবে সে বিষয়টি এই মামলার সাথে জড়িত। যা একটি মৌলিক প্রশ্নের সৃষ্টি করেছে।
তিনি বলেন, বিচারক অপসারণের পদ্ধতি কে নির্ধারণ করবে? তার উত্তর হচ্ছে, অবশ্যই সংসদ। এরপর প্রশ্ন হচ্ছে কে এই পদ্ধতির আইনগত বৈধতা দিবে? উত্তর হচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একজন বিচারক নিজের মামলার বিচার কি নিজেই করবে? তাই এ মামলায় সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিচারক অপসারণটা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। কিন্তু অপসারণের পদ্ধতিটা মৌলিক কাঠামোর অংশ না।
ড. আবদুল ওয়াদুদ ভূঁইয়া
ড. আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ক্ষমতা প্রধান বিচারপতির হাতে থাকতে হবে। যদি এটা সংসদের হাতে দিয়ে দেয়া হয় তাহলে ভারসাম্য নষ্ট হবে।

রমজানে বিবাহবিচ্ছেদে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের শরিয়া আদালত রমজানে বিবাহবিচ্ছেদ অনুমোদন না করার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছেন। ওই আদালতের প্রধান রোববার এ নির্দেশ দেন। বিচারক মাহমুদ হাবাশ বলেন, রোজা রেখে ধূমপান করতে না পেরে অনেকে মেজাজ হারিয়ে ফেলেন এবং চড়া গলায় কথা বলেন। এ থেকে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হয়। মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত বাজে সিদ্ধান্ত নিয়ে নেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের হিসাবে ২০১৫ সালে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় প্রায় ৫০ হাজার বিয়ে নিবন্ধন করা হয়। ওই বছর বিবাহবিচ্ছেদের সংখ্যা ছিল আট হাজারের মতো। ফিলিস্তিনে বিয়ে ও বিবাহবিচ্ছেদ কেবল শরিয়া আদালতের মাধ্যমেই সম্পন্ন করতে হয়।

সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে : মির্জা ফখরুল

সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমরা নির্বাচনে যাবো। তবে নিরপেক্ষ সরকার ছাড়া তা হবে না। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। সবার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সবার জন্য সমান সুযোগ দিতে হবে। সহায়ক সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আজ সোমবার দুপুরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, উন্নতির শিখরে ওঠার জন্য জাতির লড়াইয়ের সেনাপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান।
তার মৃত্যুতে দেশের কোটি কোটি মানুষ সেদিন কেঁদেছিল জানাজা নামাজে। যখন জানাজার নামাজে ইমাম সাহেব দোয়া করেছিলেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। তখনই লাখো মানুষ ডুঁকরে কেঁদেছিলেন। মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেন শহীদ জিয়া। বিএনপি মহাসচিব বলেন, যখন সমগ্র জাতি কিংকর্তব্যবিমূঢ় তখনই সেই অখ্যাত মেজর জিয়াউর রহমানের কণ্ঠে দেশের মানুষ স্বাধীনতার ঘোষণা শুনতে পান। তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরপরই আওয়ামী লীগ একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। আজকে তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে খাটো করতে চায়। কারণ তিনি যুদ্ধ করেছিলেন। আর আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। মির্জা ফখরুল দেশের উন্নয়নের জিয়াউর রহমানের অবদান প্রসঙ্গে বলেন, শহীদ জিয়ার অবদান ছিল অসংখ্য। যেখানেই যান তার অবদান রয়েছে। কোনদিকে তাকাবেন? সবখানে তাকে পাবেন। নারী ও শিশু মন্ত্রণালয় তার সৃষ্টি। চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র তার দেয়া, ঈশ্বরদীতে সুগার রিসার্চ ইন্সটিটিউট তার দেয়া, খামার বাড়িতে গবেষণা কেন্দ্র তার সৃষ্টি। এমনিভাবে অসংখ্য জায়গায় তার নামফলক রয়েছে। শহীদ জিয়াকে মিতব্যয়ী আখ্যা দিয়ে তিনি বলেন, জিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকার বেশি কখনোই থাকতো না। নিজের একটু জমিও নেই তার। মৃত্যুর পর তার একটা ভাঙ্গা স্যুটকেস পাওয়া গেছিল। এখানেই অনন্য তিনি। সাবেক এই মন্ত্রী বলেন,
আজকে আওয়ামী লীগ দেশে পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করেছে। তারা প্রথম আঘাত এনেছে রাজনীতিতে। এভাবে সর্বস্তরে তারা ধ্বংস করছে। প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে। সরকার সমগ্র মানুষকে প্রতারিত করছে। এখন প্রবৃদ্ধি হচ্ছে শুধু আওয়ামী লীগের নেতা নেত্রীদের। সবই মিথ্যাচার করছে সরকার। বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরি, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসাইন, যুবদলের সাইফুল আলম নীরব, স্বেচ্ছা সেবকদলের শফিউল বারী বাবু, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, মহানগর উত্তরের বজলুল বাসিত আনজু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, রফিক সিকদার, আমিনুল হক, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আব্দুল মালেক, শাহ নেছারুল হকসহ বহু নেতাকর্মী। এছাড়া সভায় যোগ দিতে আসা খিলগাঁও থানা যুবদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানানো হয়। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ জিয়া মাত্র ১০ বছরে বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নেন তার অনন্য গুণাবলী দ্বারা। তিনি দিশেহারা মানুষের মাঝে অকুতোভয় চিত্তে দেশের স্বাধীনতার ঘোষণা দেন। এমনকি নিজেও যুদ্ধ করেন, সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধে নেতৃত্ব দেন। আমাদের জাতিসত্তার পরিচয়টা দিয়ে গেছেন।
সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করেন। এটা মুছে ফেলা যাবে না। শহীদ জিয়া আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আজকে গায়ের জোরে ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। কারণ তাদের জনভিত্তি নেই। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তিনটি বিশেষগুণে শহীদ জিয়া রাষ্ট্রনায়ক। তিনি একটি দর্শন দিয়েছেন, স্বপ্ন দিয়েছেন এবং দর্শন বাস্তবায়নে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জমির আইলে আইলে হেটে হেটে মানুষের সাথে সম্পর্ক গড়েছেন। সরকারি কর্মকর্তারা সাথে ছিলেন। তিনি বলেন, একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণকে সক্রিয় করেছিলেন। জিয়াউর রহমানের ইমেজ ছিল ক্লিন। যতই ষড়যন্ত্র আর ইতিহাস বিকৃতি করেন না কেনো, তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি অমর হয়ে থাকবেন। মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে ঠিকই কিন্তু তারা নিজেরাই তা মানে না। এখন ভোট পাওয়ার জন্য হেফাজতের সঙ্গে সম্পর্ক করছে। এসব করে লাভ নেই। অতীতে খেলাফতে মজলিসের সাথে ৫ দফা চুক্তি করেছিল ভোটের জন্য। আজকের পরিস্থিতি বিবেচনায় মনে হয় আওয়ামী লীগ সুবিধাবাদী দল। বহু বছর হয়েছে দেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়। মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন। যখন গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছিল। আজো গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে। তারা বলতে পারে না, লিখতে পারে না। আমি মনে করি এই সরকারই শেষ সরকার নয়। আসুন আমরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। নজরুল ইসলাম খান বলেন, দেশকে সমৃদ্ধকরণের জন্য যা দরকার তার সবই করেছিলেন শহীদ জিয়া। স্বাধীনতার পর একটি ভঙ্গুর দেশকে তলাবিহীন ঝুড়ির খেতাব ঘুচিয়েছিলেন। শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে নারীর কর্মসংস্থান করেছিলেন।
বেকারদের কর্মসংস্থানের জন্য বিদেশে কর্মসংস্থান তৈরি করেছিলেন। ১৯৭৬ সালে সাড়ে ৮ হাজার লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়ে শ্রমবাজার প্রতিষ্ঠা করেন। কৃষকের কাছে গিয়ে মাঠে কাজ করেছেন, খোঁজ নিয়েছেন। এটা দূরদর্শী মনোভাব না হলে হয়না। আজকে ক্ষমতাসীন সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আসুন আরেকটিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করি। আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, জিয়া কখনোই মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেননি। এখান থেকে বহু দূরে ছিলেন তিনি। অথচ বর্তমান সরকার তা করছে। এখানেই জিয়া সারাবিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, দেশ স্বাধীনের পর জাতি যখন পরিচয় সঙ্কটে ভুগছিলেন তখনই শহীদ জিয়া জাতির পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের পরিচয়টা দিয়েছিলেন। আজকে রেইনবো জাতির ভিত্তি হলো সেই বাংলাদেশি জাতীয়তাবাদ। এরমাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছিলেন। বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে রেমিনট্যান্সের মূল নায়ক হলেন জিয়াউর রহমান। কৃষির জন্য সেচ ব্যবস্থা চালু করেছিলেন। এসময় জিয়াউর রহমান জীবনের ওপর অনেককিছু তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

মিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে এবং পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।  আজ সোমবার ঢাকার ১নং বিশেষ জজ আদালতের বিচারক মো: আতাউর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা। এছাড়া খালাস দেয়া হয়েছে তিনজনকে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এ সময় তারা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়। ওই ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মামলা দায়ের করেন মিশুর বাবা নুর উদ্দিন। ২০০৭ সালের ৪ এপ্রিল মামলার চার্জশিট জমা দেন ডিবি পুলেশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা

রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস পেরিয়ে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ধানবাদ শাখার ট্রেন চলাচল স্তব্ধ। সোমবার সকালে এই ঘটনা ঘটে। ধানবাদ শাখার করমাবাদ রেললাইনে হয় এই বিস্ফোরণ। এদিনই ঝাড়খণ্ড হরতালের ডাক দিয়েছে মাওবাদীরা। তার আগে রোববার রাত সাড়ে ১২টা নাগাদ কর্মাবাদ হল্ট স্টেশনের কাছে ডাউন লাইন উড়িয়ে দেয় তারা। এর জেরে রাঁচি-পটনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই জমুইয়ে লক্ষ্মীপুরের কাছে আনন্দপুর গ্রামে উড়িয়ে দেওয়া হয় একটি মোবাইল টাওয়ার। এরপর গিরিডির মধুবন থানার ধাবাটাঁড়ের কাছে ডুমরি-গিরিডি রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। ভোরে বিরনি থানার গারাগুরুতে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রেও আগুন ধরিয়ে তারা। পরপর হামলার পরে ঝাড়খণ্ডজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কর্মাবাদে রেল লাইনে মাওবাদী হানার জেরে গতকাল রাত থেকে দিল্লি-হাওড়া রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। কোডারমা স্টেশনে দাঁড়িয়ে ডাউন যোধপুর এক্সপ্রেস। হাজারিবাগ স্টেশনে দাঁড়িয়ে ডাউন কালকা মেল। রফিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ডাউন আনন্দবিহার বাই উইকলি। গুজহান্ডি স্টেশনে দাঁড়িয়ে ডাউন শিপ্রা এক্সপ্রেস। গয়া থেকে ছাড়ল রাজধানী এক্সপ্রেস। অনুগ্রহ নারাণপুর রোড থেকে ছাড়ল মুম্বই মেল।

ভারতে নামাজ পড়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলা, হতাহত ৩

ভারতের উত্তর প্রদেশে তারাবিহ নামাজ পড়ে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু'জন। নিহতের নাম পাপ্পু মিস্ত্রি। এ নিয়ে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের গোণ্ডার সাহেবগঞ্জ এলাকায় রোববার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। একটি সূত্রে প্রকাশ, পাপ্পু মিস্ত্রি, আরমান ও অন্য এক ব্যক্তি মসজিদ থেকে তারাবিহ নামাজ পড়ে ফিরছিলেন। এসময় সাহেবগঞ্জ ঘোসিয়ানা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের উপর তলোয়ার নিয়ে হামলা চালালে তারা ঘাড়ে গুরুতর আঘাত পান।
পাপ্পু মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মারা যান। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনার পরে হাসপাতাল এবং ঘোসিয়ানায় মানুষজন সড়কে নেমে আসেন। পুলিশের এসপি উমেশ কুমার সিং এবং সিও জেলা হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোণ্ডা সফরের কয়েক ঘণ্টার মধ্যেই ওই হামলার ঘটনা ঘটায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে বলরামপুর এবং গোণ্ডা সফর করে অন্য বিষয়ের সাথে আইনশৃঙ্খলা পরস্থিতিও পর্যালোচনা করেন। সম্প্রতি উত্তর প্রদেশের অমরোহার সাকতপুরে মুসলিমদের মসজিদে নামাজ পড়তে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এবার মসজিদ থেকে তারাবিহ নামাজ পড়ে ফেরার পথে মুসলিমদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এলো। সূত্র : ওয়েবসাইট

যে কারণে যুবরাজ এত বিখ্যাত

নাম যুবরাজ। ৯ বছর বয়সী মুরা প্রজাতির এই মহিষ দিনে ২০ লিটার দুধ খায়। দারুণ চনমনে এই মহিষের শুক্রানু থেকে এতদিনে প্রায় ২ লাখ শাবকের জন্ম হয়েছে, এবং ভবিষ্যৎ তো রয়েছেই। যুবরাজের পাশাপাশি আরও একটি মহিষের নামডাক চারিদিকে ছড়িয়েছে, সে হল সুলতান। যুবরাজের চেয়ে সুলতানের শুক্রানুর পরিমাণ বেশি। ফলে তার মালিকের আয় আরও বেশি বলে জানা গেছে। সম্প্রতি ভারতের রাজস্থানের কোটায় গ্লোবাল রাজস্থান এগ্রিটেক মিলনমেলা হয়। সেখানে যুবরাজ বা সুলতানের মতো মহিষদের নিয়ে এসে কৃষকদের উতসাহিত করা হয়। গতবছরে হরিয়ানায় মহিষদের নিয়ে হওয়া এক মেলায় যুবরাজকে ৯ কোটি টাকা দিয়ে একজন কিনতে চেয়েছিল। তবে যুবরাজের মালিক করমবীর সিং রাজি হননি। কুরুক্ষেত্রের বাসিন্দা করমবীর জানান, ৭ বছর আগে ৫৪ হাজার টাকা দিয়ে যুবরাজকে কেনেন তিনি। তার সাহায্যে লাখ লাখ টাকা রোজগার হয়।
তাছাড়া মানসিকভাবেও যুবরাজের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন তিনি। তাই যেকোনও মূল্যে তিনি মহিষ বেচবেন না। একই অবস্থা সুলতান নামে মহিষের মালিকের নরেশ বেনিওয়ালের। তিনি গতবছরে সুলতানের জন্য ২১ কোটি টাকা অফার পান। তাও সুলতানকে অন্যের হাতে তুলে দেননি। সুলতান যেখানে ৬ বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে, সেখানে যুবরাজ জয়ী ২৪ বার। দুই মহিষের একবার বীর্যের স্খলনে ৬০০টি ডোজ তৈরি হয়, যার এক একটির দাম ২৫০ টাকা। যুবরাজ বছরে এরকম ৪৫ হাজার ডোজ তৈরি করে। এবং সুলতান ৫৪ হাজার ডোজ তৈরি করে। এদের ব্রিড থেকে যে মহিষের জন্ম হয় তারা প্রতিদিন ২০ লিটার করে দুধ দেওয়ার ক্ষমতা রাখে। আর এভাবেই যুবরাজ ও সুলতান সকলের নয়নের মণি হয়ে রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া

পিরোজপুরে কলেজশিক্ষককে কুপিয়ে জখম

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রধান সদানন্দ গাইনকে (৫২) কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। আজ সোমবার সকালে পিরোজপুর শহরের পার্শবর্তী পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে নির্মানাধীন জেলা কারাগারের সামনে এই হামলার ঘটনা ঘটে। পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। সদানন্দের ভায়রা স্বপন কুমার জানান, প্রতিদিনের ন্যায় তিনি শহরের পালপাড়ার বাসা থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তিনি নির্মাণাধীন জেলখানার সামনে পৌঁছার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তিনি ডাক-চিৎকার শুরু করলে হামলাকারী পালিয়ে যায়। তবে হামলাকারীকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুমুর রহমান বিশ^াস।

গভীর সমুদ্রে শতশত ট্রলার, আতঙ্কে স্বজনরা

বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’। এ কারণে গভীর সমুদ্রে চট্টগ্রাম ও কক্সবাজার নৌবন্দরে ৭ নম্বর ও মংলা এবং পায়রা বন্দনে ৫ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় পাথরঘাটা উপকুলীয় এলাকায় আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। এদিকে গভীর সমুদ্রে শতশত মাছধরা ট্রলার থাকায় স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ আবহাওয়া প্রতিকূলে যাওয়া এবং গভীর সমুদ্রে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’য় রূপ নেয়ায় সাগরে থাকা জেলে ও ট্রলার নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে উপকূলীয় ট্রলার মালিক। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, হঠাৎ আবহাওয়া খারাপ এবং গভীর সমুদ্র উত্তাল হওয়ায় সাগরে থাকা জেলেদের আগাম কোনো খবর দিতে না পারায় ট্রলারগুলো নিরাপদে আসতে পারেনি।
এ কারণে সাগরে থাকা অন্তত ৪ শতাধিক ট্রলার ও জেলেদের নিয়ে শঙ্কিত আছি আমরা। তিনি আরও বলেন, সুন্দরবন, বলেশ্বর ও বিষখালী নদীর কাছাকাছি ট্রলারগুলোতে আবহাওয়ার খবর পাঠাতে সক্ষম হলেও গভীর সমুদ্রের ট্রলারগুলোকে খবর পাঠাতে পারিনি। অরপদিকে ঘূর্ণিঝড় পূর্বপ্রস্তুতি সভা আহ্বান করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে ৪টায় পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাথরঘাটা উপজেলার সিপিপির টিম লিডার অলিউল ইসলাম বাবুল বলেন, প্রান্তিক জনপদে মাইকিং করা হচ্ছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: কামরুল হুদা বলেন, বিকেল ৪টায় জরুরি সভা ডাকা হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আমরা সতর্ক আছি।

ষোড়শ সংশোধনী বিষয়ে আপিল শুনানিতে মতামত দিচ্ছেন এমিকাস কিউরিগণ

উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র সুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে আজ নবম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিষয়টির ওপর মতামত তুলে ধরছেন আদালত নিযুক্ত এমিকাস কিউরিগন। বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা ষোড়শ সংশোধনীকে সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানিতে আজ এমিকাস কিউরির মতামত দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. কামাল হোসেন বলেন, সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। সেখানে কার কি ক্ষমতা তা নির্ধারণ করা আছে। বিচার বিভাগ, এর দায়িত্ব হলো সবাই নিজে নিজের সীমারেখার মধ্যে থাকছে কিনা, যদি সীমা লঙ্ঘন করে থাকে, তখন বিচার বিভাগ বলে যে, না এখানে সীমা লঙ্ঘিত হয়েছে। বিচারক অপসারণে কি বিধান থাকা উচিৎ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটা ছিল সেটাই সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। ষোড়শ সংশোধনী না থাকলে আমাদের যেটা ছিল সেটাই থাকবে। সেটার উপর সর্বোচ্চ আদালতের রায়ও আছে। আজ মতামতে এমিকাস কিউরি হিসেবে এম আই ফারুকী বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের রায়ে সুপ্রিমকোর্ট সামরিক শাসনামলে জারি করা সব ফরমান বাতিল করলেও সুপ্রিম জুডিসিয়াল ব্যবস্থাকে রেখে দিয়েছে। এরপর সরকারও পঞ্চদশ সংশোধনীতে এ ব্যবস্থা রেখে দেয়। তারপর সংবিধানের ষোড়শ সংশোধনী করে। এই ষোড়শ সংশোধনী স্বাধীন বিচার বিভাগ ও গণতন্ত্রের মৌলিক কাঠামোর লঙ্ঘন। বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত হতে হবে বিচারকদের দিয়েই, রাজনীতিবিদদের দিয়ে নয়। এম আই ফারুকী ছাড়া মতামত উপস্থাপন করেন ড. কামাল হোসেন, এএফ হাসান আরিফ, আব্দুল ওয়াদুদ ভূইয়া। এর আগে এমিকাস কিউরি হিসেবে বিষয়টির ওপর মতামত তুলে ধরেন সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ, টিএইচ খানের পক্ষে তার ছেলে আফজাল এইচ খান। এছাড়াও এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষে যুক্তি পেশ করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবদনকারী পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ।
গত ৮ ফেব্রুয়ারি বিষয়টির ওপর মতামত দিতে ১২ বিশিষ্ট আইনজীবীকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগ পাওয়া সিনিয়র ও বিশিস্ট আইনজীবী হচ্ছেন- টিএইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিষ্টার রফিক-উল হক, ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিষ্টার শফিক আহমেদ, এ এফ হাসান আরিফ, আজমালুল হোসেন কিউসি, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ, এম আই ফারুকী, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিষ্টার ফিদা এম কামাল। উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের ১৬৫ পৃষ্ঠার পূর্নাঙ্গ রায় গত বছর ১১ আগস্ট প্রকাশ করা হয়। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বৃহত্তর বেঞ্চ গতবছর ৫ মে বিষয়টির ওপর সংক্ষিপ্ত রায় দেয়। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন- বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল। রায়টি লিখেছেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি কাজী রেজাউল হক। তবে বেঞ্চের কণিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আরেকটি রায় দিয়েছেন। উচ্চ আদালতের রুলস অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেয়া হয়, সেটাই চূড়ান্ত হবে। এক রিটের পরিপ্রেক্ষিতে কেনো ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করা হবে এ মর্মে রুল নিষ্পত্তি করে এ রায় দেয় হাইকোর্ট। এ মামলায় পাঁচ বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসিকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয় আদালত। এরই মধ্যে বিশিষ্ট আইনজীবী মাহমুদুল ইসলাম মৃত্যুবরণ করেন। বিষয়টির ওপর এমিকাস কিউরিগণের মধ্যে অপর চারজন তাদের মতামত আদালতে তুলে ধরেন। সংবিধানের ষোড়শ সংশোধনীর আলোকে বিচারপতি অপসারণের জন্য একটি খসড়া আইন প্রস্তত করা হয়েছে। অসদাচারণের জন্য সুপ্রিমকোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট বিচারক (তদন্ত) আইন’-এর খসড়ার গতবছর ২৫ এপ্রিল মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়। সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। পরে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন-২০১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী রিট আবেদনটি করে। সূত্র : বাসস

জন্মের পরই হাঁটছে শিশু!

জন্মেছে কয়েক মিনিটও হয়নি। অথচ ছোট্ট ছোট্ট তুলতুলে পায়ে দিব্যি হাঁটছে সে। ফেসবুকে পোস্ট করা এই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নার্স ধরে আছেন শিশুটিকে। কিন্তু সে রীতিমত কুস্তি করছে নিজে নিজে হাঁটার জন্য। ২৬ তারিখ সম্ভবত ব্রাজিল থেকে পোস্ট হয়েছে এই ভিডিও। বাচ্চাটা কোথাকার, সে ছেলে না মেয়ে- কিছুই জানা যায়নি। তবে ৫ কোটির ওপর মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন, শেয়ার হয়েছে ১৩ লাখের মত।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর ভরসা করতে পারে না ইউরোপ : মের্কেল

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সতর্ক করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রেক্সিটের পর বিভক্ত ব্রিটেন এখন আর ইউরোপের নির্ভরশীল অংশীদার নয়। মিউনিখে একটি নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি একথা বলেন। তিনি বলেন, দুটি দেশের সাথেই তিনি ভাল সম্পর্ক চান, তবে ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদেরই লড়াই করতে হবে। ইউরোপিয়দের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নেয়ার বিষয়ে মিজ মের্কেল যখন বক্তব্য দেন, তখন তার হাজার-হাজার সমর্থক করতালিতে ফেটে পড়ে। তিনি বলেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে ভাল সম্পর্ক রাখলেও তাদের ওপর আর ভরসা করা যায় না। সিসিলিতে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনকে তিনি 'খুব কঠিন' এবং 'খুবই অসন্তোষজনক' হিসেবে বর্ণনা করেন।"যখন আমরা অন্যদের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারতাম,
সেই সময় পেরিয়ে গেছে। গত কয়েক দিনে আমি তা বুঝতে পেরেছি। সেজন্যেই আমি বলছি, ইউরোপিয়ানদের ভবিষ্যৎ নিজেদের হাতেই তুলে নিতে হবে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এমনকি রাশিয়ার সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু ভবিষ্যতের লড়াই আমাদেরই করতে হবে। আপনাদের সাথে আমি সেটাই করতে চাই"- বলেন জার্মান চ্যান্সেলর। জি সেভেন সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে সমর্থন জানাতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দেশে ফিরে মিজ মের্কেল এমন মন্তব্য করলেন। ছয়টি দেশ এতে সম্মত হলেও ট্রাম্প বলেন, তিনি দেশে ফিরে এবিষয়ে সিদ্ধান্ত নেবেন। ব্রাসেলসে নেটোর সম্মেলনেও তিনি ইউরোপের নিরাপত্তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যাক্ত না করে বরং সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরো ব্যয় বাড়াতে বলেন। বিবিসির ইউরোপ সম্পাদক কাটিয়া অ্যাডলার বলেন, মূলত: জার্মান ভোটারদের প্রতি আকর্ষণ করতেই মের্কেল এসব কথা বলছেন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জনমত জরিপে মিজ মের্কেল এগিয়ে রয়েছেন। নির্বাচিত হলে তিনি চতুর্থবারের মত চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন। সূত্র : বিবিসি

শ্রীলংকায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শ্রীলংকায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া বেশ কয়েকজনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়ালো। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) একথা জানিয়েছে। শুক্রবারের প্রবল বৃষ্টিপাতের কারণে দ্বীপটিতে ১৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে শ্রীলংকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রায় পাঁচ লাখ মানুষের বাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়ায় তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। খবর এএফপি’র। ডিএমসি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে এখনো ১০৪ জন নিখোঁজদের তালিকায় রয়েছে এবং আরো ৮৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় দক্ষিণাঞ্চলীয় বাদ্দেগামা এলাকায় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে জানান, ‘হেলিকপ্টারটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ প্রাণ হারায়নি।’ দুর্গত অঞ্চলগুলোতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারের জন্য বিমান বাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করেছে। সরকার জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত থেমে যাওয়ায় সপ্তাহান্তে ত্রাণ অভিযান জোরদার করা হয়। যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার আরো বৃষ্টিপাত হতে পারে। এতে ত্রাণ তৎপরতা বিঘ্নিত হতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রতনপুরা ও কালুতারা জেলায় বন্যার পানি কমেছে। প্রাকৃতিক দুর্যোগটিতে প্রায় দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ভারতে বৃষ্টি ও বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রপাতে কমপক্ষে ২৩ জন মারা গেছেন। সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। আটটি জেলায় বজ্রপাতে ১৮ জন প্রাণ হারিয়েছে। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বজ্রপাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচজন, জামুই জেলায় চারজন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের,
ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালি ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।’ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরো পাঁচজন প্রাণ হারিয়েছেন। রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

আল-আকসা মসজিদের নিচে ইসরাইলের বৈঠক উস্কানিমূলক

মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের তলদেশে খোঁড়া টানেলে প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেছে ইসরাইল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও স্বশাসন কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘উস্কানি’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে। মক্কার মসজিদুল হারাম এবং মদীনার মসজিদে নববীর (সাঃ) পর মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ। দখলদার ইসরাইলের মন্ত্রিসভা পূর্ব জেরুজালেম আল-কুদস দখলের ৫০তম বার্ষিকীতে রোববার এই মসজিদের পশ্চিম দেয়ালের নিচের ভূগর্ভস্থ টানেলে নিজের সাপ্তাহিক বৈঠক করেছে। বৈঠকে পূর্ব জেরুজালেমে খনন ও নির্মাণকাজে অতিরিক্ত বাজেট বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক জেরুজালেম সফরের পর এই ধৃষ্ঠতা দেখানোর সাহস পেয়েছে দখলদার ইসরাইল। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, আল-আকসার তলদেশে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক একটি বিপজ্জনক ও উস্কানিমূলক পদক্ষেপ এবং এ থেকে প্রমাণ হয়,
গোটা জেরুজালেম আল-কুদসকে ইহুদিকরণ করতে চায় তেল আবিব। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে মুসলিম ও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই ধৃষ্ঠ ইসরাইলের সাথে যদি স্বশাসন কর্তৃপক্ষ ফের কোনো আলোচনায় বসে তাহলে তা হবে মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা ও ক্ষমার অযোগ্য অপরাধ। ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল-কুদস দখল করে নেয়। এই পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ অবস্থিত। অবৈধভাবে দখলের পর থেকেই এই মসজিদের তলদেশে অসংখ্য টানেল খননের পাশাপাশি এই এলাকায় বহু অবৈধ বসতি স্থাপন করেছে তেল আবিব। ইসরাইলি মন্ত্রিসভার রোববারের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে স্বশাসন কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা সায়েব এরিকাত বলেছেন, “ইসরাইল আল-আকসা মসজিদের তলদেশে সাপ্তাহিক বৈঠক করে যে উস্কানি দিয়েছে আমরা কঠোরতম ভাষায় তার নিন্দা জানাচ্ছি।” সায়েব এরিকাত আরো বলেন, “দখলদারিত্বের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য পবিত্র মাহে রমজানকে বেছে নিয়েছে ইসরাইল। এর মাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণকে এই সুস্পষ্ট বার্তাটি দিয়েছেন যে, পদ্ধতিগত উপায়ে তাদের অকাট্য অধিকার লঙ্ঘনের ধারা অব্যাহত থাকবে।” ফিলিস্তিনি এই কর্মকর্তা আরো বলেন, ইসরাইল যে ফিলিস্তিনি ভূমি ও জনগণের ওপর তার দখলদারিত্ব, নিপীড়ন ও সাম্রাজ্যবাদকে বৈধতা দিতে চায় আল-আকসা মসজিদের তলদেশে বৈঠক করে তাই প্রমাণ করল নেতানিয়াহুর মন্ত্রিসভা। সূত্র : ওয়েবসাইট

‘প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবে আমেরিকা’

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ কথা বলেছেন মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান স্কট প্রিউইটের কাছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্প এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে জ্বালানি কোম্পানি ও বড় বড় কর্পোরেশনগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করবেন। এদিকে, শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, প্যারিস চুক্তি নিয়ে তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী সপ্তাহে। ইতালির সিসিলি দ্বীপে শিল্পোন্নত জি-সেভেনের বৈঠকে বৈঠক শেষ হওয়ার দিন তিনি টুইটারে এ বার্তা দিলেন। বৈশ্বিক উষ্ণতা কমানোর বিষয়ে প্যারিস জলবায়ু চুক্তি করা হয়েছিল কিন্তু ট্রাম্প সে চুক্তি বাস্তবায়নের বিষয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ব্যর্থ হওয়ায় মিত্র দেশগুলো হাতাশা ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় প্যারিস চুক্তি হয়েছিল।

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়লো জাপান সাগরে

উত্তর কোরিয়া আজ সোমবার আরেকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। স্কাড শ্রেণির ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার আকাশে ওড়ার পর জাপান সাগরে গিয়ে পড়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এর আগের দুটি পরীক্ষা ছিল মধ্যম ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলোর পরীক্ষা সফল হওয়ার দাবি করেছে দেশটি। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় কমান্ড বলেছে, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে নিক্ষিপ্ত হয়ে ছয় মিনিট আকাশে ওড়ার পর জাপান সাগরে পড়েছে। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেছেন, ক্ষেপণাস্ত্রটি তার দেশের ‘সাদো’ এবং ‘ওকি’ দ্বীপের মধ্যবর্তী বিশেষ অর্থনৈতিক এলাকায় পড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার উঁচুতে উঠেছিল।
এ ছাড়া, উত্তর কোরিয়া আজ একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকতে পারে বলেও সিউল জানিয়েছে। উত্তর কোরিয়া একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালানোর খবর ছবিসহ প্রকাশ করার পরদিন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর দিল দেশটির তিন শত্রুদেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। গতকালের পরীক্ষার যে ছবি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা প্রকাশ করেছে তাতে দেশটির নেতা কিম জং-উনকে হাস্যোজ্জ্বল মুখে পরীক্ষাটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। উত্তর কোরিয়ার কাছে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাওয়া স্বল্প-পাল্লার স্কাড ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জাতিসঙ্ঘ উত্তর কোরিয়াকে সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করলেও তা লঙ্ঘন করে এসব পরীক্ষা চালাচ্ছে দেশটি। পর্যবেক্ষকরা মনে করছেন, ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎপাদনে ধীরে ধীরে সাফল্য পাচ্ছে উত্তর কোরিয়া।

‘তুলে নেয়া’ ছেলেকে ফিরিয়ে দিতে পরিবারের আকুতি

রেজওয়ান হোসেন (২০) নামে এক কলেজছাত্রের খোঁজ চেয়েছে তার পরিবার। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজনই গত বছর তাকে তুলে নিয়ে যায়। তবে, পুলিশ এই দাবি অস্বীকার করছে। আজ রোববার দুপুরে যশোর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবা মিজানুর রহমান, মা সেলিনা বেগম, বড়ভাই রিপন হোসেন বলেন, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে রেজওয়ানকে বেনাপোল ভূমি অফিসের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। নিখোঁজ রেজওয়ান যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বারোপোতা এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি বাগআঁচড়া ডা. আফিলউদ্দিন ডিগ্রি কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালে ‘অপহৃত’ হন। রেজওয়ান ছাত্রশিবিরের আদর্শের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি,
বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলমের নেতৃত্বে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।’ সংবাদ সম্মেলনে বলা হয়, সেদিনই পোর্ট থানায় যোগাযোগ করা হয়। কিন্তু থানা পুলিশ রেজওয়ানকে আটকের বিষয়টি অস্বীকার করে। এমনকি পরদিন একটি জিডি করতে গেলেও তা নেয়নি পুলিশ। নিখোঁজ রেজওয়ানের মা ছেলের সন্ধান দাবি করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তান যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে প্রচলিত আইনে তার বিচার করা হোক। কিন্তু তাকে যেন এক নজর দেখতে পাই সেই ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ চাইছি।’ এক প্রশ্নের জবাবে রেজওয়ানের বড়ভাই রিপন হোসেন জানান, তার ভাই ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু পরিবারটির অন্য কেউ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।

আদালতে যাওয়ার পথে স্কুলছাত্রীর মৃত্যু, লাশ দিতে টালবাহানা

বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে ইজিবাইকের যন্ত্রণাংশে ওড়না পেচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমির (১০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সকালে সুমি সদর উপজেলার চৌগাছা গ্রাম থেকে ইজিবাইকে করে চাচার সাথে মামলা সংক্রান্ত কাজে নড়াইলের আদালতে যাচ্ছিল। আজ সোমবার সকাল ১০টার দিকেও সুমির লাশ হাসপাতাল থেকে নিতে পারেননি তার স্বজনেরা। এক শ্রেণির লোক ‘ময়নাতদন্ত’ এর নামে সুমির লাশ থেকে সুযোগ নিতে চায় বলে অভিযোগ পাওয়া গেছে। সুমির চাচা জানান, আদালতে যাওয়ার পথে তালতলা এলাকায় সকাল ৯টার দিকে সুমির গলায় ওড়না পেচিয়ে যায়। ‘সুমি ওরে কাকা বলে চিৎকার দেয়।’
ধর্ষণ চেষ্টা মামলায় শুনানির জন্য সুমিকে নিয়ে আদালতে যাচ্ছিলেন তার চাচা। গত ৩১ মার্চ বেলা ১১টার দিকে সুমিকে বাড়ির পাশের ধানক্ষেতে চৌগাছা গ্রামের ইলমাত শেখ (৩৫) ধর্ষণের চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইলমাতকে গত ১২ এপ্রিল বিকেলে চৌগাছা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইলমাত বর্তমানে কারাগারে আছেন। এদিকে সুমির লাশ হাসপাতাল থেকে এখনো নিতে পারেনি তার স্বজনরা। তার চাচা জানান, ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করতে চান পরিবার। তবে, হাসপাতালে এক শ্রেণির সুবিধাভোগী লোক নানা সমস্যার কথা বলে ময়নাতদন্ত ছাড়া লাশ বাড়িতে নিতে দিবে না বলে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আমে লোভনীয় রঙ মানেই কেমিক্যালের কারসাজি

লোভনীয় রঙ না দেখলে ক্রেতারা পছন্দ করেন না। এতে বেচাকেনাও কম হয়। তাই ক্রেতা আকৃষ্ট করতেই আমে ক্ষতিকর কেমিক্যাল মেশানো হচ্ছে বলে জানিয়েছে রাজধানীর আম ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে গতকাল কথা বলে এ তথ্য জানা গেছে। বাদামতলীর একজন আম ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজারে সুন্দর রঙের আমের চাহিদা বেশি। কেমিক্যাল নিয়ে যত চিৎকার করা হোক কোনো লাভ হবে না। বাগান থেকে পরিপক্ব আম নিয়ে এলেও তা লোভনীয় রঙ না হওয়ায় ক্রেতারা পছন্দ করে না। ফলে বাধ্য হয়েই আমে কেমিক্যাল মেশাতে হচ্ছে। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, বাহারি আমের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। আমগুলোর রঙ অত্যন্ত লোভনীয়। দেখেই জিভে পানি এসে যায়। নানান জাত ও সাইজের আম। কাওরান বাজারের এক বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আম পাকানোর জন্য কার্বাইড মেশানো হয়। অপরিপক্ব আমে কার্বাইড না মেশালে পাকার আগেই পচন ধরে। যেখান থেকে আম আসে সেখানেই মেশানো হয়। গাছ থেকে আম পাড়ার পরপরই তারা কেমিক্যাল মেশান। এক্ষেত্রে তাদের কোনো হাত নেই বলেও দাবি করেন। ফলে কেমিক্যাল মেশানোর ভয়াবহতা সম্পর্কে ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা: আতিকুর বলেন, কার্বাইড, ফরমালিনসহ যেকোনো কেমিক্যাল ক্ষতিকর। কেমিক্যালযুক্ত ফল খাওয়ার কারণে দেহের এমন কোনো অঙ্গ নেই যেটা ক্ষতিগ্রস্ত হয় না।
তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার ও কিডনি। মানুষ জটিল সব রোগে আক্রান্ত হন। এসব কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার কারণে এখন যুবক বয়সেই মানুষ কিডনি ও লিভারের রোগে  আক্রান্ত হচ্ছেন। অনেক সময় ক্যান্সারও হয়। বর্তমানে কিডনি বিকল হয়ে রোগী মৃত্যুর ঘটনা বেশি ঘটছে বলেও জানান তিনি। যেভাবে চিনবেন কেমিকলমুক্ত আম : ফল গবেষকদের মতে কেমিকেল মুক্ত আম চেনার উপায়গুলো হচ্ছেÑ আম গাছে থাকা অবস্থায় বা গাছপাকা আম হলে লক্ষ করে দেখবেন যে আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর। কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছপাকা আমের ত্বকে দাগ পড়বেই। গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়। হিমসাগর ছাড়াও আরো নানান জাতের আম আছে যা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর। আম নাকের কাছে নিয়ে ভালো করে ঘ্রাণ নিয়ে দেখুন। গাছপাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে। ওষুধ দেয়া আমে কোনো গন্ধ থাকবে না।

ভিয়েনার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুদিনের সরকারি সফরে ভিয়েনার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ অন্যান্যের মধ্যে বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি আজ স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। পরে শেখ হাসিনাকে হোটেল ইমপেরিয়ালে নিয়ে যাওয়া হবে। দুদিনের সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেল প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান এবং ইফতারে যোগ দেবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ৩১ মে সকালে দেশে ফিরবেন।

বিচারকদের শৃংখলাবিধি প্রকাশে আরো ২ সপ্তাহ সময়

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশ করতে আরো দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষে আনা সময়ের আবেদন গ্রহণ করে আজ এ সময় দিয়ে (এডজরন্ড ফর টু উইকস) আদেশ দেয়। বিষয়টি আজ সোমবার আপিল বিভাগে উত্থাপিত হলে এটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে আবেদন করেন। আদালত দুই সপ্তাহ সময় দিয়ে বিষয়টি মূলতবি রাখে। মাসদার হোসেন মামলায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়। রায়ে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়া হয় রায়ে। ওই রায়ের আলোকে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। রায়ের নির্দেশনার অনুযায়ি গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী বলে জানায় আপিল বিভাগ। পরে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার সংশোধন করে গেজেট প্রকাশে সরকারকে নির্দেশ দেয় আপিল বিভাগ। তা প্রকাশে ইতোমধ্যে কয়েকদফা সময় নেয় রাষ্ট্রপক্ষ।

ধেয়ে আসছে 'মোরা', ৭ নম্বর বিপদ সঙ্কেত

দক্ষিণে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি ধীরে-ধীরে আরো শক্তিশালী হচ্ছে। আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্র বন্দরের জন্য সাত নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং চাঁদপুর অঞ্চলের দ্বীপ এবং চর সমূহ সাত নম্বর বিপদ সঙ্কেতের আওতায় থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে 'ঘূর্ণিঝড় মোরা'। আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬২ কিলোমিটার। দমকা ও ঝড়ো হাওয়ার আকারে এটি ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। মঙ্গলবার সকাল নাগাদ এ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া-বিদ শাহীনুর ইসলাম  জানিয়েছেন, "এটি এখনো অতি তীব্র ঘূর্ণিঝড় নয়। এটি এখনো মাঝারি ধরণের ঘূর্ণিঝড়। যেহেতু এটি সমুদ্রে অবস্থান করছে, সেজন্য সন্ধ্যা নাগাদ এর শক্তি বেড়ে যেতে পারে।" তিনি আরো জানান, জলবায়ুগতভাবে বাংলাদেশে এপ্রিল-মে মাস ঘূর্ণিঝড়ের মৌসুম।

রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই চলছে লোডশেডিং

বাংলাদেশ ব্যাংকের আওয়ামী লীগ সমর্থিত অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন জাহাঙ্গীর হোসেন খান। তিনি বর্তমানে অবসর জীবন মিরপুর-১২ এ পরিবার নিয়ে কাটাচ্ছেন। তিনি গতকাল ক্ষোভ প্রকাশ করে নয়া দিগন্তকে জানান, ইফতারের ঠিক ১৫ মিনিট আগে মিরপুর এলাকায় বিদ্যুৎ চলে গেছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে গ্যাসের চুলা। ইফতারিসামগ্রী প্রস্তুত করার জন্য সব কিছু আনা হয়েছে। কিন্তু গ্যাস না থাকায় ইফতারি তৈরি করতে পারছেন না। বিদ্যুৎ না থাকায় অন্ধকারেই বসে আছেন। দিনের অন্য সময়ে লোডশেডিং করে অন্তত ইফতারের সময় বিদ্যুৎ থাকলে সারা দিনের রোজা শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা একটু স্বস্তিতে ইফতার করতে পারেন। অথচ ঠিক ইফতারের আগ মুহূর্তেই বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। তিনি ক্ষোভের সাথে প্রশ্ন করেন, আসলে বিদ্যুৎ বিভাগ কারা চালাচ্ছেন? বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন। একসময়ের দাপুটে এ ব্যাংক কর্মকর্তা ও নেতার মতো গতকাল অনেকেই ইফতারের আগে নয়া দিগন্তকে ফোন করে তাদের এ কষ্ট ও ক্ষোভের কথা জানান।
শুধু ইফতারের সময় নয়, তারাবির ও সেহরি খাওয়ার সময়ও অনেক এলাকায় বিদ্যুৎ থাকে না। লোডশেডিং করা হয় এমনই গুরুত্বপূর্ণ সময়ে। যশোর থেকে এক গ্রাহক গতকাল ফোন করে নয়া দিগন্তকে জানান, শনিবার পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) থেকে প্রতি মসজিদের ইমামদের চিঠি দেয়া হয়েছে। চিঠির বক্তব্য শনিবার প্রথম তারাবির আগে মসজিদে ইমাম সাহেব মুসল্লিদের পড়ে শোনান। তাতে লেখা আছে বিদ্যুতের লোডশেডিং ধৈর্যসহকারে মোকাবেলা করতে হবে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। মসজিদে ইমাম আরইবির এ চিঠি পড়ে শোনানো মাত্রই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারেই তীব্র গরমের মধ্যে মুসল্লিরা তারাবির নামাজ শেষ করেন। বিদ্যুৎ আসে প্রায় দুই ঘণ্টা পড়ে। বিদ্যুতের এ ভোগান্তি কী শহর, কী গ্রাম সব জায়গায়ই একই অবস্থা।  সবচেয়ে বেকায়দায় আছেন ইট পাথরে ঘেরা শহুরে জীবনে। রাজধানীসহ দেশের বড় বড় শহরে প্রায় প্রতিটি মসজিদেই একটু আরামে ইবাদত বন্দেগি করার জন্য এসি বসানো হয়েছে। ফলে জানালা-দরজা বন্ধ থাকে ওই সব মসজিদে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করে থাকেন মুসল্লিরা। সারা দিনের রোজা শেষে এমনিতেই শরীর দুর্বল হয়ে যায়। এর ওপর তারাবির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় দরজা-জানালা বন্ধ অবস্থায় মসজিদগুলোতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েন মুসল্লিরা। অনেকেই গরমে ঠিকতে না পেরে নামাজ শেষ না করেই বেরিয়ে পড়েন। এমনিই কষ্টের কথা জানিয়েছেন ডেমরা এলাকায় বসবাসকারী এক ব্যাংক কর্মকর্তা। শুধু তারাবি ও ইফতারের সময়ই নয়, সেহরির সময়ও কোনো কোনো এলাকায় বিদ্যুৎ থাকে না।
ফলে অন্ধকারেই প্রথম রমজানে সেহরি খেয়েছেন অনেকেই। বিদ্যুতের এ সাতকাহনের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী নয়া দিগন্তকে জানিয়েছেন, শনিবার পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৪১৮ মেগাওয়াট। কিন্তু উৎপাদন করা হয়েছিল ৯ হাজার ৪৭১ মেগাওয়াট। গতকাল বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ১০ হাজার ৯০ মেগাওয়াট। কিন্তু চাহিদা রয়েছে ৯ হাজার ৮০০ মেগাওয়াট। তবে রাত ১০টার পর বোঝা যাবে উৎপাদন ও লক্ষ্যমাত্রার বাস্তব অবস্থা। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলে লোডশেডিং করা হচ্ছে কেনÑ এমন প্রশ্নে বিদ্যুৎ বিভাগের আরেক কর্মকর্তা জানান, সঞ্চালন লাইনের ক্যাপাসিটি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা সর্বোচ্চ ক্যাপাসিটি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছি। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় বিদ্যুৎসচিব ড. আহমদ কায়কাউস ঘোষণা করেন, রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় লোডশেডিং থাকবে না। লোডশেডিং করতে হলে আগে থেকেই সংশ্লিষ্টদের জানাতে হবে এবং এর শিডিউল করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রয়োজনে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। গত বৃহস্পতিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে আরো দুই দিন লাগবে। তবে রমজানে পুরোপুরি লোডশেডিং মুক্ত থাকবে না বলে তিনি ঘোষণা করেন।

বৃষ্টিতে ভিজল ভারতের জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ গেমে রোববার নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারাল ভারত। ফর্মে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি। দুর্দান্ত খেললেন শামি ও ভুবনেশ্বর কুমার। চ্যাম্পিয়নের বিক্রম বজায় রেখেই ওয়ার্ম আপ গেমে কিউয়িদের উড়িয়ে দিল বিরাট কোহলির ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৪ ওভারে ১৮৯ রান তুলে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দুরন্ত ফর্মে ফিরলেন মহম্মদ সামি (৩/৪৭ ৮ ওভার)। সঙ্গী ভুবনেশ্বর কুমারও (৩/২৮ ৬ ওভার) কিউয়িদের ত্রাস হয়ে দেখা দিলেন। জবাবে ২৬ ওভারে ভারতের রান দাঁড়ায় ১২৯/৩। বৃষ্টির কারণে এই সময় খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লিউইস নিয়মে স্বচ্ছন্দে ম্যাচ পকেটে পোরে টিম ইন্ডিয়া।
বেশ কিছু দিন খরার মধ্যে কাটানোর পরে এই ম্যাচে ফের বিরাট কোহলির ব্যাটে রানের ফুলঝুরি দেখা গেল। ৫৫ বলে ৫২ রানের ইনিংসে বেশ কিছু অসামান্য স্ট্রোক উপহার দিলেন কোহলি। দর্শকদের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে মুগ্ধ করলেন এম এস ধোনিও। ৫৯ বলে ৪০ রান করে ফর্মে ফিরলেন শিখর ধাওয়ান। এদিন দ্বিতীয় উইকেট জুটিতে ধাওয়ান ও কোহলি যোগ করেন ৬৮ রান। তবে চূড়ান্ত ফ্লপ অজিঙ্ক রাহানে (৭)। কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে নজর কাড়লেন লিউক রঞ্চি। ৬৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস সেজে উঠল ৬টি বাউন্ডারি এবং দু'টি বিশাল ছক্কায়। এদিনের ম্যাচে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী।

শুটিং দক্ষতা কাজে লাগিয়ে অপহরণকারীদের ঘায়েল করলেন এ শুটার

শুটিং রেঞ্জের মতোই দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইয়েও অসাধারণ দক্ষতা দেখালেন ভারতের জাতীয় স্তরের শুটার আয়িশা ফলক। তিনি অপহরণকারীদের গুলিতে আহত করে তার স্বামীকে রক্ষা করলেন। আয়িশার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ পুলিশকর্মীরা। আয়িশার বোনের স্বামী  আসিফ মাঝেমধ্যে ট্যাক্সি চালান। সেই ট্যাক্সি চালাতে গিয়েই তিনি অপহৃত হন। যাত্রী সেজে দিল্লির দরিয়াগঞ্জ থেকে আসিফের ট্যাক্সিতে ওঠে রফি ও আকাশ নামে দুই দুষ্কৃতী। এরপর তারা আসিফকে ভজনপুরার দিকে ট্যাক্সি নিয়ে যেতে বলে। আসিফের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে ২৫ হাজার টাকা দাবি করে। আয়িশা ও তার স্বামী পুলিশে খবর দেন। অপহরণকারীদের কথা অনুযায়ী তারা পুলিশকে নিয়ে শাস্ত্রী পার্কে যান। পুলিশকর্মীদের উপস্থিতির কথা বুঝতে পেরে অপহরণকারীরা সেখান থেকে চলে যায়। এরপর তারা আয়িশাদের ভজনপুরায় যেতে বলে। সেখানেও আয়িশাদের সঙ্গে পুলিশকর্মীরা ছিলেন। তারা যখন অপহরণকারীদের ধরতে যান, তখন তারা পালানোর চেষ্টা করে। ২০১৫ সালে নর্থ জোন শুটিংয়ে ব্রোঞ্জ জেতা আয়িশা .৩২ বোরের পিস্তল নিয়ে গিয়েছিলেন। সেই পিস্তল থেকেই তিনি অপহরণকারীদের লক্ষ্য করে গুলি চালান। একজনের পায়ে এবং অপরজনের কোমরে গুলি লাগে। এরপর তাদের ধরে ফেলে পুলিশ।

আফগান টি-২০ লিগে তামিম-ইমরুল

ক্রিকেটবিশ্বে নতুন শক্তি আফগানিস্তান। আইপিএলে রশিদ খানের দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। তাই এবার নিজ দেশে জামজমকভাবে টি-২০ টুর্নামেন্টের আয়োজন করছে আফগানরা। এতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েরস। এটি শাপাগিজা টুর্নামেন্ট লিগ নামে পরিচিত। এবার পঞ্চমবারের মতো এর আয়োজন করা হচ্ছে। আগামী জুলাইতে টুর্নামেন্ট শুরু হবে। ছয়টি দল এতে অংশ নিবে। স্পিনগার টাইগার দলের হয়ে খেলবেন তামিম। আর বুস্ট ডিফেন্ডারসের হয়ে খেলবেন ইমরুল। এই দুই টাইগার ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন পাকিস্তানের বাবার আজম, উমর আকমল, কামরান আকমলসহ আরো কয়েকজন। আছেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজাও। সূত্র : ক্রিকইনফো

বাবা ট্রফি জেতায় ক্ষুদে মেসির অভিনব সেলিব্রেশন

কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে বাবার দল৷ ডিপার্টিভো অ্যালাভেসকে হারিয়ে ক্লাবকে কাপ এনে দিয়েছেন লিও মেসি৷ সেরা হওয়ার জন্য কাপ? সেটা আবার কী! কাপ মানে তো যে পাত্রে পানীয় ঢেলে পান করা হয়! হ্যাঁ৷ কাপ বলতে লিও মেসির ছোট ছেলে মাতেও আপাতত এতটুকুই বোঝে৷ আর সেই কাপ হাতে পেয়ে মিষ্টি মাতেও যা করল, সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ পাঁচ বছর পর লা লিগা হাতছাড়া হয়েছে বার্সেলোনার৷ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিল দল৷ তাই সমর্থকদের মুখে হাসি ফোটাতে কোপা দেল রে-তেই নজর ছিল মেসিরা৷ শনিবার রাতে সেই লক্ষ্যপূরণ হয়৷ অ্যালাভেসকে ৩-১ গোলে হারিয়ে ২৯ বারের জন্য টুর্নামেন্টের খেতাব ঘরে তোলে বার্সা৷ গোল করে প্রথমেই দলকে এগিয়ে দিয়েছিলেন এলএম টেন৷ বাকি দুটি গোল নেইমার এবং প্যাকোর৷ গত তিন বছরে ক্লাবকে এই নিয়ে মোট নটি ট্রফি এনে দিয়ে বিদায় জানালেন কোচ লুই এনরিকে৷
জয়ের পর কোচের মুখে শোনা গেল মেসির প্রশংসা৷ এনরিকে জানান, “লা লিগা হাতছাড়া হওয়ার পর দলকে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন আর্জেন্টাইন তারকাই৷ মেসির সেরা সময়টায় ক্লাবের সাথে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে আমার৷ ওর এমন পারফরম্যান্সে আমি আপ্লুত৷” তবে মাঠে এলএম টেন নজর কাড়লেও ট্রফি জয়ের পর সব ক্যামেরা ঘুরে গেল আরেকজনের দিকে৷ তিনি খুদে মেসি৷ মেসির খেলা দেখতে ভিসেন্তে ক্যাল্ডেরনে দুই ছেলে নিয়ে পৌঁছে গিয়েছিলেন গার্লফ্রেন্ড অ্যান্তোনেলা৷ ম্যাচ শেষে পরিবারের সাথে জয়ের সেলিব্রেশনে মাতেন বার্সা সুপারস্টারও৷ দুই ভাই থিয়াগো এবং মাতেও মাঠে নেমে পড়ে৷ সেই সময়ই থিয়াগো একটি কাপ বাড়িয়ে দেয় ভাইয়ের হাতে৷ যে কাপ হাতে পেতেই সোজা তাতে মুখ লাগিয়ে বসে মাতেও৷ ঠিক বাড়িতে যেভাবে গ্লাস বা কাপে চুমুক দিয়ে পান করতে অভ্যস্ত সে৷ ছুটে গিয়ে বাবাকেও দেখায় যে ভাই একটি কাপ দিয়েছে তাকে৷ তার দুষ্টু মিষ্টি কাণ্ড এখন ভাইরাল।

লন্ডনে পৌঁছেছে মাশরাফিরা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ১ জুন থেকে টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচগুলো শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওভালে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে মাশরাফিরা। আগামী ৩০ মে একই ভেন্যুতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ২ উইকেটের পরাজয়ের পর ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতিম ম্যাচ খেলতে পরের দিনই লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেয় মাশরাফি বাহিনী। ওই দিন দলের অধিকাংশ ক্রিকেটাররাই রোজা রাখেন। পূর্ব লন্ডনের সময় ২.১৫ এর আশাপাশে হোটেলে অবস্থান করে ক্রিকেটাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস

দেখতে দেখতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বয়স প্রায় বিশ বছর হতে চলল। এবার আমরা মর্যাদাকর এ টুর্নামেন্টের ইতিহাসে চোখ বুলাবো। ক্রিকেটের উন্নয়নে তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের প্রাথমিক নাম ছিল ‘মিনি বিশ্বকাপ’। ঢাকায় ১৯৯৮ সালে টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়। লন্ডনের ওভালে ১ জুন বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ইংল্যান্ডের মাটিতে ১-১৮ জুন তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাকর এ টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিতে পারছে না এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ। যা দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জার বিষয়। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলে থাকতে না পেরে টুর্নামেন্টে অংশগ্রহণের অযোগ্য হয়ে পড়ে ক্যারিবিয়রা। পক্ষান্তরে ২০০৬ সালের পর বাংলাদেশ প্রথমবার অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গত সাত আসরের চিত্র :
সাল: ১৯৯৮
আয়োজক : বাংলাদেশ
৫০ ওভারের টুর্নামেন্টটির প্রথম দুই আসরের নাম ছিল ‘আইসিসি নকআউট’। উদ্বোধনী আসরের আনুষ্ঠানিক নাম ছিল ‘উইলস ইন্টারন্যাশনাল কাপ।’
ঢাকায় ২৪ অক্টোবর-১ নভেম্বর অনুষ্ঠিত প্রথম আসরের শিরোপা জয় করে দক্ষিণ আফ্রিকা। যা এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ও শেষ আইসিসি ইভেন্টের শিরোপা জয়। হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন প্রোটিয়ারা সেমিফাইনালে বৃষ্টি আইনে শ্রীলঙ্কেকা ৯২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এরপর জক ক্যালিসের অলরাউন্ড নৈপুণ্যে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উদ্বোধনী আসরের শিরোপা জয় করে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে ১৬৪ রান ও ৮ উইকেট শিকার করে ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করে ক্যালিস।
বিশেষভাবে উল্লেখযোগ্য:
টুর্নামেন্ট সেরা ইনিংস-অস্ট্রেলিয়ার বিপক্ষে শচিন টেন্ডুলকারের ১৪১ রান। মাইকেল ক্যাচপ্রোভিচের নেতৃত্বাধীন অসি বোলিং আক্রমণের বিপক্ষে তার খেলার ধরনটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। তার ইনিংসটিতে ১৩ চার ও ৩টি ছক্কার মার ছিল।
সাল: ২০০০
আয়োজক: কেনিয়া
এক নাগারে দ্বিতীয়বার ভারাতের প্রথম ম্যাচ ছিল অধিনায়ক স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের হয়ে অভিষেক হওয়া যুবরাজ সিংয়ের ৮০ বলে ৮৪ রানের এক দুর্দান্ত ইনিংসে ভর করে অপ্রত্যাশিতভাবে ২০ রানের জয় পায় টিম ইন্ডিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় করে। সেমিফাইনালে নতুন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ১৪১ রানের (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) সুবাদে ফাইনাল নিশ্চিত করে ভারত। অপর সেমিতে শেন ও’কনর ও রজার টুজের অসাধারণ নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। ফাইনালে সৌরভ গাঙ্গুলির ১১৭ রানের একটি ঝলমলে ইনিংসের পর ক্রিস কেয়ার্নসের অপরাজিত ১০২ রানের সুবাদে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের শিরোপা জয় করে কিউইরা। টুর্নামেন্ট চলাকালে কিউইদের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ইনজুরিতে পড়ায় এ শিরোপা জয় নিউজিল্যান্ড দলে ভিন্ন মাত্র এনে দেয়। ইনজুরির কারণে কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টরি এবং ডিওন ন্যাশ সেমিফাইনাল খেলতে পারেননি। তবে অন্যরা ঠিকই দাঁড়িয়েছেন যে কারণে তাদের শিরোপা জয়।
সাল: ২০০২
আয়োজক: শ্রীলঙ্কা
গ্রুপ পর্বে দারুণ ফর্মে ছিল শ্রীলঙ্কা দল এবং সেমফিাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট জয়ের হাতছানি ছিল উপমহাদেশের দলটির সামনে। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডকে হারানোর পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল দ্বিতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মোকাবেলা করে ভারত। কিন্তু ফাইনালে বিঘ্ন ঘটায় বৃষ্টি। নির্ধারিত দিনের পর রিজার্ভ দিনেও বৃষ্টির কারণে শেষ র্পন্ত ভারত- শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইসিসি। ভারতের বীরেন্দার শেবাগ টুর্নামেন্টের সর্বোচ্চ ২১ রান করেন। পক্ষান্তরে টুর্নামেন্টের সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন।
সাল: ২০০৪
আয়োজক : ইংল্যান্ড
১২টি দলের অংশ গ্রহণে ১৫ ম্যাচের আসরটি চলে ১৫ দিন। ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়। মার্কাস ট্রেসকোথিকের ১০৪ এবং এ্যাশলে গাইলসের ৩১ রানের সুবাদে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২১৭। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট হারাতে থাকে এবং এক পর্যায়ে ১৪৭ রান তুলতেই ৮ উইকেট হাি রয়ে ফেলে। এমন অবস্থায় দলের ত্রাতা হয়ে দাঁড়ান কোর্টনি ব্রাউন ও ইয়ান ব্র্যাডশ। তাদের অপরাজিত ৭১ রানের জুটিতে সাত বল হাতে রেখেই মাইকলে ভনের নেতৃত্বাধীন ইংলিশদের হারিয়ে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের শিরোপা জয়টা ক্যারিবিয় ক্রিকেটের জন্য ছিল একান্ত প্রয়োজনীয়। যে ফর্ম নিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল তাতে শিরোপার আশা ছিল তাদের জন্য সুদুর পরাহত।
সাল: ২০০৬
আয়োজক: ভারত
তাদের ভরপুর ট্রফি কেবিনেটে না থাকা একমাত্র পুরস্কার জয় করে অস্ট্রেলিয়ানরা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করার পর রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দলটি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি লাভ করে অস্ট্রেলিয়া। বল হাতে ২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৫৭ রান করে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পান শেন ওয়াটসন। টুর্নামেন্ট ছিল বিতর্কে ঢাকা। নিষিদ্ধ ঘোষিত শক্তি বর্ধক মাদক ব্যবহারের কারণে টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকে নিষিদ্ধ করা হয়। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয় মঞ্চে তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান শারদ পাওয়ারকে ধাক্কা মারার অভিযোগ ওঠে চ্যাম্পিয়ন অস্ট্রে

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ : সুজন

শুরু হতে যাচ্ছে ক্রিকেট অন্যতম বড় আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। ইংল্যান্ড ছাড়াও ওই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই তিন শক্তিশালী দলকে টপকে সেমি-ফাইনালে কোয়ালিফাই করা সহজ হবে না বাংলাদেশের জন্য, তবে গ্রুপ পর্ব উতরে সেমি-ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী খালেদ মাহমুদ সুজন। রোববার মিডিয়াদের সাথে কথা বলার সময় এমনটা জানান তিনি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান বলেন, 'আমার মতে, আমাদের সেমি-ফাইনাল খেলা উচিত।
অন্যদের মতো, আমিও বলবো কঠিন গ্রুপেই পড়েছি আমরা। তবে আমি মনে করি এটা আমাদের সেরা সুযোগ।' 'তবে এটা ঠিক ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাদের গ্রুপেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে অন্যদিকে, এদের তুলনায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ড সম্মিলিত গ্রুপ একটু বেশিই কঠিন।' 'আসলে, বর্তমানে আমরা বড় দলের কাতারেই। আমরা র‍্যাঙ্কিংয়ের ৭ থেকে ৬ নম্বরে উঠে এসেছি। তাই আমাদেরও সেরা দলগুলোর বিপক্ষে খেলতে হবে। আমার মতে, এখানে কোন ধরণের অব্যাহতি দেয়া চলবে না। আমাদের চ্যাম্পিয়ন দলের সাথেই খেলতে হবে। যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব।'

ভুল ব্যাখ্যা দিচ্ছে আইন মন্ত্রণালয়: প্রধান বিচারপতি

আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। সোমবার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধিমালার গেজেট প্রকাশের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধান বিচারপতি বিচার বিভাগকে বিক্ষুব্ধ না করার বিষয়েও সাবধান করে দেন। এদিন গেজেট প্রকাশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান। গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে- প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, 'গেজেট রাষ্ট্রপতির কাছে আছে।' পরে প্রধান বিচারপতি বলেন, 'আমরা হাসব, না কাঁদব? অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।' এরপর আদালত শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে আরও দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, 'বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারও কিছু করার থাকবে না। বিচারকদের ডেপুটেশনে দিয়ে সরকারের সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করতে হাত বাড়িয়ে দিয়েছি। ১৮৯৭ সালের সেকশন ২১ দেখেন।
আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।' ১৭ বিচারকের বিদেশ গমন নিয়ে মন্ত্রণালয় ও সুপ্রিমকোর্টের সারকুলার বিষয়ে আদালত বলেন, 'পত্রিকায় বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে সরকারের দ্বন্দ্ব। আপনার মিনিস্ট্রিকে বলবেন, জেনারেল ক্লজ অ্যাক্টের ২১ পড়তে। সরকারকে বলবেন, যেসব বিচারক প্রেষণে আছেন তারা সরকারি কর্মচারী নন।' গত ২২ মে বিচারিক আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন সুপ্রিমকোর্ট। আদেশে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ না করে ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আদালত হুশিয়ার দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচারকেরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। 'রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, 'করবেন', তখন তিনি 'হ্যাঁ' বলেন। আর 'না' বললে, 'না' বলেন'- উল্লেখিত বিষয়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, 'এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো।' তিনি আরও বলেন, 'আইন না জেনে মন্ত্রণালয় ব্যবধান সৃষ্টি করছে। তারা যদি মনে করে, আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।'

ওমরাহ পালনে মক্কায় পগবা

মুসলিমদের পবিত্র মাস রমজানের শুরুতেই ওমরাহ পালনে সৌদি আরব গেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা। ওমরাহ পালনে ফরাসি এ ফুটবল তারকা বর্তমানে মক্কায় অবস্থান করছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার কাবা শরিফের পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেন পগবা। সেখানে তিনি লিখেছেন, 'আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।' এছাড়া রমজানের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট বার্তাও করেন তিনি। পগবা এর আগেও একবার হজ করেছিলেন। ২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্মে ১১৪ মিলিয়ন ডলারে কিনে নেয় ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লীগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচের পর পগবা তার সুটকেসের একটি ছবি শেয়ার করে লেখেন, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন।

সাফাতদের বিরুদ্ধে প্রতিবেদন ১৯ জুন

বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাফাত আহমেদসহ ৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ১৯ জুন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন নির্ধারণ করেন। আজ এই মামলার প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা প্রতিবেদন দাখিল করেননি। তিনি প্রতিবেদন দাখিলে আদালতের কাছে সময় আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আগামী ১৯ জুন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। গত ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী।
আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই দুই তরুণীকে হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেয়। এরপর তাদের হোটেল কক্ষে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার এক তরুণী গত ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- পিকাসো রেস্তোরাঁর মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম), গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত)। মামলায় অভিযুক্ত পাঁচ আসামিকেই গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ ও বিল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে গ্রেফতার সব আসামিই কারাগারে আটক রয়েছে।

শিবচরে বাসচাপায় গৃহবধূ নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় আকলিমা (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকালে  ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। আকলিমা উপজেলার মাদবরেরচর এলাকার মতিয়ুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, খুলনা থেকে কাঁঠালবাড়ী ঘাটগামী সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস পাঁচ্চরের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তা পার হতে গেলে চাপা পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিরোজপুরে কলেজশিক্ষককে কুপিয়ে জখম

পিরোজপুর সদর উপজেলায় কলেজ শিক্ষক সদানন্দ গাইনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৬টার দিকে প্রাতঃভ্রমণে বের হলে পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের নতুন জেলখানা সড়কের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। সদানন্দ গাইনকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সদানন্দ সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাড়ি উপজেলার শহরের নতুন জেলখানা এলাকায়। সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বের হন সদানন্দ। উক্ত স্থানে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

সালিশে আ'লীগের দু'গ্রুপে সংঘর্ষ, নিহত ২

নরসিংদী রায়পুরায় সালিশ বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় রহিম ধরের ছেলে আবদুল কাদের (৪২) ও অলফত আলীর ছেলে ভুট্টো মিয়া (৫০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরেই চাঁনপুরের আব্দুল্লাহ বাড়ি ও খান্না বাড়ির প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এক বছর আগে খান্না বাড়ির সামছু হাজির ছেলে খোরশেদ মিয়াকে (৩৫) মেরে হাত-পা ভেঙে পঙ্গু করে দেয় আব্দুল্লাহ বাড়ির লোকজন।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা কবির মিয়াসহ ২০/২৫ জনকে আসামি মামলাও করা হয়। কয়েকদিন আগে বাড়িতে এসে কুয়েত প্রবাসী লিয়াকত এ ঘটনা মীমাংসার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে। সেখানে দু'একজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সামছু হাজির লোকদের ওপর হামলা চালানো হয়। এতে কাদির মিয়া ঘটনাস্থলে এবং নবীনগর হাসপাতালে নেয়ার পথে ভুট্টো মিয়া মারা যান। এ ঘটনায় আহত ২০ জনকে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। রায়পুরা থানার ওসি আজগারুল ইসলাম বলেন, এলাকাটি অত্যন্ত চরাঞ্চল। আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হেজবুল্লাহ কমান্ডার হত্যার পর ফের অশান্ত কাশ্মীর

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা সাবজার আহমেদ ভাট নিহত হওয়ার পর রাজধানী শ্রীনগরে ফের কারফিউ জারি করা হয়েছে। এছাড়া শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। শ্রীনগর জেলার ৭টি থানায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি অনন্তনাগ, পুলওয়ামা ও সোপিয়ানেও বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। পরিস্থিতি বিবেচনা করে সোমবার প?র্যন্ত শ্রীনগর জেলার সব স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণের ট্রুল এলাকায় শনিবার ভোরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ভাট।
পাশাপাশি এদিন ১০ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে সেনারা। এর ২৪ ঘণ্টা পার না হতেই ফের উত্তাল হয়ে ওঠে কাশ্মীর। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হন। এমন পরিস্থিতিতে শ্রীনগরের নৌহাট্টা, রেইনাওয়ারি, খানইয়ার, এমআর গুঞ্জ, সাফা কাদাল, কারালহুদ ও মাইসুমা থানায় কারফিউ জারি করা হয়েছে। এসব এলাকায় সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়। এছাড়া শ্রীনগর শহরের সবখানে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে সবজার ভাটের মৃত্যু নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের অভিযোগ, ভারতীয় সেনার গুলিতে সবজারের মৃত্যু বিচারবহির্ভূত ঘটনা। এক বিবৃতিতে সারতাজ আজিজ বলেন, এ ঘটনা সম্পূর্ণ মানবাধিকারবিরোধী। এর ফলে কাশ্মীরের জনমনে পরিবর্তন আসতে পারে। অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা উচিত জাতিসংঘের।
ভবিষ্যতে যাতে এমন না ঘটে সে দিকেও নজর দিতে হবে। কাশ্মীরে হিজবুল সংগঠন মুজাহিদিন সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে এ গোষ্ঠীসহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করছে। এ সংগঠনটির শীর্ষ নেতা বুরহান ওয়ানি গত বছরের জুলাই মাসে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তরুণ ভাটই দলটির নেতৃত্ব গ্রহণ করেন।  অন্যদিকে, কাশ্মীরের কেরান সেক্টরে রোববার পাকিস্তান সেনাদের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন। জম্মুর সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ভারতীয় সেনা কর্মকর্তারা বলছেন, এটি কাপুরুষোচিত হামলা। কেরান সেক্টরের শ্রমিকদের টার্গেট করে পাক বাহিনী এ হামলা চালিয়ে আবারও অস্ত্রবিরতি চুক্তির লংঘন করেছে।

পোর্টল্যান্ডের সেই যুবক পাচ্ছেন বীরের মর্যাদা

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে কমিউটার ট্রেনে দুই মুসলিম তরুণীকে হয়রানির হাত থেকে বাঁচাতে গিয়ে মুসলিমবিদ্বেষী এক ব্যক্তির ছুরিকাঘাতে নিহত প্রতিবাদকারীরা এখন বীরের মর্যাদা পাচ্ছেন। শুক্রবারের ওই ঘটনায় দু’জন নিহত হন। এদের মধ্যে একজনের মা বলেন, সে ছিল একজন হিরো এবং সে হিরো হয়েই থাকবে। ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডের এ ঘটনায় ২৩ বছরের তরুণ তালিয়েসিন মিরদিন নামকাই মেচে এবং রিকি জন বেস্ট নামের দুই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন। ৫৩ বছর বয়সী জন বেস্ট একজন সেনা সদস্য ও চার সন্তানের জনক। এ ঘটনায় ২১ বছরের মিকাহ ডেভিড-কোল ফ্লেচার নামে আরও একজন ব্যক্তি আহত হন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। সাউথইস্ট পোর্টল্যান্ডের বাসিন্দা তালিয়েসিনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর। অর্থনীতিতে ডিগ্রি নেয়ার পর তিনি একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, শুক্রবার বিকালে একসঙ্গে দুই তরুণী ওই ট্রেনে ওঠেন; তাদের মধ্যে একজনের মাথা হিজাবে ঢাকা ছিল। তাদের দেখার পর ওই ট্রেনের যাত্রী জোসেফ ইসলামবিদ্বেষী মন্তব্য করতে শুরু করেন। দুই তরুণীর মধ্যে একজনের মা ডিজুয়ানা হাডসন বলেন, সে বলছিল, সব মুসলমানের মরে যাওয়া উচিত।’ পুলিশ সার্জেন্ট পিট সিম্পসন বলেন, গ্রেফতার ওই ব্যক্তি এমন সব কথা বলছিল, যা ‘বিদ্বেষমূলক মন্তব্যের’ পর্যায়ে পড়ে। ওই সময় তিন যাত্রী ওই দুই তরুণীর পক্ষে দাঁড়ান। তাদের একজন জোসেফকে বলেন, এই ভাষায় কথা বলা তার উচিত হচ্ছে না। তাতে ক্ষুব্ধ হয়ে জোসেফ ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হন। নিহত তরুণ তালিয়েসনের মা ফেসবুকে লিখেছেন, ‘সে ছিল একজন হিরো এবং মৃত্যুর পরও সে হিরো হয়েই থাকবে। উজ্জ্বল দ্যুতি ছড়ানো তারকা আমার ছেলে, আমি তোমাকে সবসময় ভালোবাসি।’

ট্রাম্পদের প্রতি আস্থা নেই মেরকেলের

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল সতর্ক করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রেক্সিটের পর থেরেসা মের নেতৃত্বে বিভক্ত ব্রিটেন এখন আর ইউরোপের নির্ভরশীল অংশীদার নয়। মিউনিখে একটি নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি একথা বলেন। খবর বিবিসির। মেরকেল জানান, দুটো দেশের সঙ্গেই তারা ভাল সম্পর্ক চান। তবে ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদেরই লড়াই করতে হবে। ইউরোপিয়দের ভবিষ্যত নিজেদের হাতে তুলে নেয়ার বিষয়ে মেরকেলের বক্তব্যের সময় হাজার হাজার সমর্থক করতালিতে ফেটে পড়ে। তিনি আরও বলেন, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাল সম্পর্ক রাখলেও তাদের ওপর আর ভরসা করা যায় না। সিসিলিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনকে মেরকেল 'খুব কঠিন' এবং 'খুবই অসন্তোষজনক' হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, 'অন্যদের ওপর সম্পূর্ণ ভরসার সময় পেরিয়ে গেছে। গত কয়েক দিনে আমি তা বুঝতে পেরেছি। সেজন্যই আমি বলছি- ইউরোপিয়ানদের ভবিষ্যৎ নিজেদের হাতেই তুলে নিতে হবে।' সমর্থকদের উদ্দেশে জার্মান চ্যান্সেলর বলেন, 'যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি রাশিয়ার সঙ্গেও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু ভবিষ্যতের লড়াই আমাদেরই করতে হবে। আপনাদের সঙ্গে আমি সেটাই করতে চাই।' জি-৭ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে সমর্থন জানাতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দেশে ফিরে মেরকেল এসব মন্তব্য করলেন। ছয়টি দেশ এতে সম্মত হলেও ট্রাম্প জানান, দেশে ফিরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনেও ট্রাম্প ইউরোপের নিরাপত্তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত না করে বরং সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়াতে বলেন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জনমত জরিপে মের্কেল এগিয়ে রয়েছেন। নির্বাচিত হলে তিনি চতুর্থবারের মত চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

উ.কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ক্ষুব্ধ জাপান

উত্তর কোরিয়া আবারও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সোমবার এই পরীক্ষা চালানো হয়। এ নিয়ে চলতি মাসে উত্তর কোরিয়া তিনবার সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। খবর বিবিসি ও রয়টার্সের। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, সোমবার উত্তর কোরিয়ার স্কুড ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে আঘাত হেনেছে। জাপানের দাবি, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ অর্থনৈতক জোনে আঘাত হেনেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন,
এক মাসের মধ্যে তিনবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রের সক্ষমতাকেই নির্দেশ করছে। উত্তর কোরিয়ার সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কার্যক্রমের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপক্ষো একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর কোরিয়া স্বল্পপাল্লার স্কুড ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে মজুদ গড়ে তোলে। পরিমার্জিত স্কুড ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

দেশে ফিরলেন ‘গাঞ্জা রানী’

ইন্দোনেশিয়ায় দীর্ঘ নয় বছরের কারাবাস এবং তিন বছরের প্যারোলে মুক্তি শেষে ব্রিসবেনে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার মাদক পাচারকারী চ্যাপেলে করবি। সাবেক এই বিউটি থেরাপিস্ট ২০০৪ সালে বালি এয়ারপোর্টে গ্রেফতার হন মাদক বহনের দায়ে। সে সময় তার কাছে চার কেজির বেশি মারিজুয়ানা লুকানো অবস্থায় পাওয়া যায়। পরের বছর তার বিচারের রায় দেয়া হয়। তার মামলাটিকে ঘিরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তার শাস্তিকে ‘অতিরিক্ত কঠোর’ মন্তব্য করে অস্ট্রেলিয়া। ১৩ বছর আগে তিনি যখন গ্রেফতার হন তখন সেটি তার দেশে জাতীয় ইস্যুতে পরিণত হয়। প্যারোলে মুক্তির পর গত তিন বছর তিনি ইন্দোনেশীয় ছেলেবন্ধুর সঙ্গে বসবাস করছিলেন। করবির প্রস্থানের সময় সহায়তার জন্য শত শত পুলিশ নিয়োজিত করা হয়। বিবিসি।

মহাকাশে মনুষ্যবাহী রকেট পাঠানোর স্বপ্ন-দুয়ারে ভারত

প্রথমবারের মতো মহাকাশে মনুষ্যবাহী রকেট পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) দেশীয় প্রযুক্তিতে এ রকেট বানিয়েছে। সব কিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে এ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। আর এ পরীক্ষা সফল হলে মহাকাশে মানুষ পাঠানোর প্রকল্পে বড় সফলতা অর্জন করবে দেশটি। খবর এনডিটিভির। জুনের প্রথম সপ্তাহে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিএসএলভি এমকে-৩ নামের রকেটটি মহাকাশে পরীক্ষামূলক যাত্রা করবে। রকেটটি বানাতে প্রায় ৩০০ কোটি রুপি ব্যয় হয়েছে। আইএসআরও চেয়ারম্যান এএস কিরণ কুমার বলেন, ‘এটা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে বানানো একটি রকেট।
এর মধ্য দিয়ে ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ হবে।’ এ প্রকল্পের আওতায় ‘ভারতীয় মাটি থেকে ভারতীয় প্রযুক্তির রকেটে ভারতীয় নভোচারী পাঠানোর’ স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন তিনি। এ রকেটে নভোচারী প্রেরণের আগে অন্তত ৬ বার পরীক্ষা চালানো হবে বলে তিনি জানান। আর প্রথম নভোচারী হিসেবে ভারতের মাটি থেকে একজন নারী মহাকাশে যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন কিরণ কুমার। মহাকাশে মানুষ পাঠানোর জন্য ৪০০ কোটি ডলারের বড় পরিকল্পনা হাতে নিয়েছে আইএসআরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ প্রস্তাব অনুমোদন করলেই কাজ শুরু করবে সংস্থাটি। আর এ পরিকল্পনা বাস্তবায়িত হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পরে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে নিজেদের রকেটে মানুষ পাঠাবে ভারত।

‘তিনজন নারীকে ধর্ষণ করলে দায় আমার’

সামরিক শাসনের অধীনে ফিলিপিনো সেনাদের ধর্ষণের লাইসেন্স দিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মিন্দানাও দ্বীপে সামরিক শাসনের পক্ষে কথা বলতে গিয়ে তিনি কৌতুক করে বলেন, তার সামরিক শাসনের অধীনে সেনারা নারীদের ধর্ষণ করতে পারবে। তিনি বলেন, একজন সেনা তিনজন নারীকে ধর্ষণ করতে পারবে। এর দায় তিনি কাঁধে নেবেন। খবর রয়টার্সের। দুতের্তে বলেন, সামরিক শাসনের অধীনে যদি কোনো সেনা সদস্য নিয়ম ভঙ্গ করে তাহলে তার দায় তিনি নেবেন। এমনকি নারীকে ধর্ষণ করলে তার দায়ভার ব্যক্তিগতভাবে নিজের কাঁধে নেয়ার আশ্বাস দেন। তবে মনে করা হচ্ছে তিনি কৌতুকছলে একথা বলেছেন। একইসঙ্গে তিনি একথাও বলেছেন যে কোনো নির্যাতন বা আইন লঙ্ঘনকে তিনি সহ্য করবেন না। প্রেসিডেন্ট দুতের্তে বলেন, যদি আপনি নিন্মমুখী হন, আমিও নিন্মমুখী হব। এই সামরিক আইন, সামরিক আইনের পরিণতি ও সামরিক আইনের অধীনে সব কিছুর দায়ভার আমি নেব। আপনারা শুধু আপনাদের কাজ করুন। বাকিটা দেখব আমি। তিনি আরও বলেন, আপনাদের হয়ে প্রয়োজনে জেলে যাব আমি। জোর দিয়ে তিনি বলেন, যদি কোনো সেনা সদস্য তিনজন নারীকে ধর্ষণ করে আমি এর দায় স্বীকার করব, আমিই।
শনিবার মিন্দানাও দ্বীপে সেনা সদস্যদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন তিনি। ওই দ্বীপে তিনি মঙ্গলবার সামরিক আইন জারি করেছেন। উদ্দেশ্য, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত বিদ্রোহীদের দমন করা। ওই বিদ্রোহীরা শহরটির দক্ষিণাংশ সেনাবাহিনীর কাছ থেকে দখলে নেয়ার পর সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। রয়টার্স লিখেছে, ধর্ষণ নিয়ে এবারই প্রথম কৌতুক করলেন না দুতের্তে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি ধর্ষণ নিয়ে মন্তব্য করেন। ওই সময় ১৯৮৯ সালে জেলে দাঙ্গায় একজন অস্ট্রেলিয়ান মিশনারি হত্যার বিষয়ে মন্তব্য করেন তিনি। ওই নারীকে অন্য বন্দিরা গণধর্ষণ করেছিল। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দুতের্তে বলেছেন, ওই ধর্ষিতা ছিলেন খুবই সুন্দরী। সুযোগ পেলে ধর্ষকদের সারিতে তিনিই থাকতেন সবার আগে। পরে অবশ্য এমন মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি নারী ও ধর্ষিতাদের অসম্মানিত করতে চাননি। রাস্তায় রাস্তায় যুদ্ধ, নিহত ১৯ : এদিকে মিন্দানাও দ্বীপের মারাবিতে ইসলামী জঙ্গিদের সঙ্গে রাস্তায় রাস্তায় যুদ্ধে অবতীর্ণ হয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে রোববার জানিয়েছে সামরিক বাহিনী। এ দিয়ে এক সপ্তাহের লড়াইয়ে অন্তত ৮৫ জন মারা গেছে।

যমুনার ভাঙন রোধ প্রকল্পে নানা শর্ত

যমুনা নদীর ভাঙন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্প অনুমোদনে নানা শর্ত দিয়েছে পরিকল্পনা কমিশন। এছাড়া প্রস্তাবিত বিভিন্ন ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘যমুনা নদীর ভাঙন হতে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার খুদবান্দি, সিংড়া ও শুভগাছা এলাকা সংরক্ষণ’ শীর্ষক এ প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় কমানোসহ ১০ ধরনের শর্ত দিয়েছে। শুধু তাই নয়, প্রকল্পের আওতায় অহেতুক অর্থ ব্যয় কমাতে বিভিন্ন সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের প্রস্তাবও বাদ দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, দুটি জিপগাড়ি, ডাবল কেবিন পিকআপ, স্পিডবোট, অফিস ভবন মেরামত খরচ, সার্ভে যন্ত্রপাতি ক্রয়, এয়ারকুলার ক্রয় এবং বাঁধের ঢাল সংরক্ষণ খাতে ব্যয় বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শর্তগুলো পূরণ সাপেক্ষে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করে পুনরায় পরিকল্পনা কমিশনে পাঠানোর পর তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে। গত মাসে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম যুগান্তরকে বলেন, ইদানীং বিভিন্ন প্রকল্পে দেখা যাচ্ছে মূল কাজের চেয়ে গাড়ি-ঘোড়া ক্রয়, অফিস সাজানো ইত্যাদি বিষয়ে বেশি মনোযোগ থাকে। এক্ষেত্রে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ বাড়ানো উচিত। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬৩৮ কোটি ৯২ লাখ ১১ হাজার টাকা। চলতি বছর থেকে ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। গত ৪ এপ্রিল পরিকল্পনা কমিশনের কৃষি,পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগে পিইসি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিভাগের সদস্য এ.এন.শামসুদ্দিন আজাদ চৌধূরী।
গত ১৩ এপ্রিল পিইসি সভার কার্যবিবরণী জারি করা হয়েছে। অতিরিক্ত ব্যয় প্রসঙ্গে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি,পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য যুগান্তরকে বলেন, পরিকল্পনা কমিশনের কাজই হচ্ছে ব্যয় যৌক্তিক করা। আমরা প্রস্তাব পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করি। যাচাই-বাছাই করে যদি দেখি অপ্রয়োজনীয় ব্যয় থাকে সেগুলো বাদ দেয়ার সুপারিশ করি। শুধু এ প্রকল্পেই নয়, এ রকম অনেক প্রকল্পেই পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পিইসি সভায় প্রকল্পের ৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাবদ মোট ২৪১ কোটি ৭৫ লাখ, ৮০ হাজার টাকার সংস্থান রাখা হয়। পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে এ খাতের ব্যয়ের বিস্তারিত জানতে চাওয়া হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ব্যাখ্যায় জানান, সেখানে কাজের কোনো ক্ষতি না করে শুধু সিসি ব্লক ও জিও ব্যাগের ব্যবহার এবং স্টক পাইলের কম-বেশি করেই এ খাতে ব্যয় নামিয়ে আনা হয় ২০৭ কোটি ১৩ লাখ টাকা। বেঁচে যায় প্রায় ৩৫ কোটি টাকা। এছাড়া নদী ড্রেজিং খাতে ৩২০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়। এ খাতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ২২৫ কোটি ৫৪ লাখ টাকায় ব্যয় নামিয়ে আনা হয়। ফলে কমানো সম্ভব হয়েছে ৯৫ কোটি টাকা। স্পার পুনর্বাসন খাতে ২৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। পরবর্তীতে ব্যাপক আলোচনার পর প্রকল্পের স্পার নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। শেষ পর্যন্ত অত্যাবশ্যকীয় দুটি স্পারের সংস্কার বাবদ ব্যয় ১৩ কোটি ৯১ লাখ টাকা ধরা হয়।
এ খাতেও কমে যায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় দুটি জিপ ক্রয়ের জন্য দেড় কোটি টাকা, একটি ডাবল কেবিন পিকআপ কেনা বাবদ ৫০ লাখ টাকা এবং একটি স্পিডবোট ক্রয় বাবদ ১০ লাখ টাকার প্রস্তাব করা হয়। কিন্তু এসব ব্যয় অপ্রয়োজনীয় মনে হওয়ায় প্রকল্প থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অফিস ভবন মেরামত বাবদ ২০ লাখ টাকা, সার্ভে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ৩০ লাখ টাকা, বেথিমেট্রিক ও ব্যাংকলাইন সার্ভে বাবদ ৩০ লাখ টাকা, অফিস ফার্নিচারের জন্য ১০ লাখ টাকা, এয়ারকুলারের জন্য ২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হলে এসব ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে পরিকল্পনা কমিশন। পরবর্তীতে এসব ব্যয় বাদ দেয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের শর্ত : প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে পরিকল্পনা কমিশন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- প্রকল্পটি যেহেতু মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) ভুক্ত না হওয়ায় প্রকল্পের অর্থায়নের বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে। নদী ড্রেজিংয়ের ড্রেজিং করা বালি ড্রেজিং পয়েন্ট থেকে কত দূরত্বে এবং কীভাবে সংরক্ষণ করা হবে তার বিস্তারিত বিবরণ পুনর্গঠিত ডিপিপিতে উল্লেখ করতে হবে। পিইসি সভায় যেসব খাতে ব্যয় কমানো হয়েছে সেসব ব্যয় কমিয়ে ডিপিপি পুনর্গঠন করতে হবে। প্রকল্পে প্রস্তাবিত জনবল নিয়োগে অর্থ বিভাগের জনবল নিয়োগ কমিটির সুপারিশ পুনর্গঠিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করতে হবে।

সরকারকে ফের ২ সপ্তাহ সময়

বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আবারও দুই সপ্তাহ সময় পেল সরকার। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ নিম্ন আদালতের বিচারকদের এ সংক্রান্ত গেজেট প্রকাশে এই সময় বেধে দেন। আজ বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের ধার্য দিন ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময় বৃদ্ধির আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নিয়েছিল সরকার। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করে এর উপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। নির্দেশ অনুসারে তা প্রণয়ন না করায় গত বছরের ১২ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করে আপিল বিভাগ। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

অস্ট্রিয়া গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে ঢাকা ছেড়েছেন। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসস'র। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও জাতিসংঘের ভিয়েনা অফিসের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হবে হোটেল ইম্পেরিয়ালে, যেখানে সফরকালে তিনি অবস্থান করবেন। দিনের শেষভাগে প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আগামীকাল মঙ্গলবার 'আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মে সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা, সাগরে ৭ নং বিপদ সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে 'মোরা'। এটি আরও ঘণীভূত এবং উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর পুনঃ ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর  স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৫ নম্বর পুনঃ ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও উপকূলীয় বেশ কয়েকটি জেলাকে ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে। সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ৯ নম্বর বিশেষ বুলেটিনে এসব কথা বলা হয়। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মোরা' আরও সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায়  অবস্থান করছিল। এটি আজ সকাল ৯ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৪  নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭  নম্বর পুনঃ ৭  নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত পুনঃ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। এদিকে মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর  স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৫ নম্বর পুনঃ ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপদ সংকেত পুনঃ ৫ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় 'মোরা'-এর প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় 'মোরা' অতিক্রমকালে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নদীবন্দর সমূহের জন্য আজ দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার বিশেষ বার্তা বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমুহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১নম্বর পুন: ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মান্নান খান দম্পতির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ১৬ জুলাই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ (অভিযোগ) গঠনসংক্রান্ত আদেশের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার মান্নান খান দম্পতির বিরুদ্ধে করা পৃথক দুই মামলায় চার্জ গঠনসংক্রান্ত আদেশের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করলেও আদালত চার্জ গঠনের আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেন। ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি ওই দুই মামলায় চার্জ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন তদন্ত কর্মকর্তার বড় গাফিলতিতে চার্জ গঠন সম্ভব হয়নি। আদালত ওই দিনই তদন্ত কর্মকর্তাকে দুই মামলায় জব্দ করা সব নথিপত্র আদালতে দাখিলের নির্দেশ দেন। ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
মামলা দায়েরের তিন দিনের মাথায় ২৪ আগস্ট মান্নান খান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে কমিশন। এর দু’দিনের মাথায় ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন হাসিনা সুলতানা। এরপর শুরু হয় মামলার তদন্ত। আর এ তদন্ত শেষ করতে দুদক প্রায় এক বছর সময় নেয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এতে মান্নান খানের অবৈধ সম্পদের পরিমাণ বেড়ে যায়। তাতে দেখা যায়, তার আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা এবং তিনি সম্পদের তথ্য গোপন করেছেন ৩১ লাখ ৪৫ হাজার টাকার। তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

পানির জন্য হাহাকার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রীষ্মের দাবদাহ ও রমজানের কারণে পানির চাহিদা বেড়েছে। কিন্তু পানির সরবরাহ বৃদ্ধির পরিবর্তে কমেছে। অনেক এলাকায় রান্না, ধোয়ামোছাসহ জরুরি কাজ কিছুই ঠিকভাবে হচ্ছে না। কোনো কোনো এলাকায় মসজিদেও পানির সংকট তৈরি হয়েছে। মুসল্লিরা অজু করতে গিয়ে সমস্যায় পড়ছেন। মহল্লায় মহল্লায় পানির জন্য হাহাকার চলছে। পানির দাবিতে বিক্ষোভ মিছিল ও পাম্প ঘেরাও করছে বিক্ষুব্ধ জনতা। এ সুযোগে ওয়াসার একশ্রেণীর অসাধু কর্মচারী পানি বাণিজ্য শুরু করেছে। এক গাড়ি পানির দাম ৫শ’ টাকা হলেও দেড় হাজার টাকা নেয়া হচ্ছে কোনো কোনো এলাকায়। পানি না পেয়ে অনেকে মিনারেল বোতলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অনেকেই গোসলসহ প্রয়োজনীয় কাজ সেরে আসছেন আত্মীয়র বাসা থেকে। হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন পুকুর এবং লেকেও গোসল করতে দেখা গেছে অনেককে। পানির এমন সংকটের কারণে রাজধানীবাসীর অসন্তোষ বাড়ছে। ঢাকা ওয়াসার কাছে পানি সংকটের সমাধান না পেয়ে প্রায় প্রতিদিনই নগরীতে বিক্ষোভ, রাস্তা ও পানির পাম্প অবরোধ এবং ভাংচুরের মতো ঘটনা ঘটছে। অন্যদিকে অনেক এলাকায় দিনে দু’একবার পানি সরবরাহ হলেও তাতে দুর্গন্ধ ও ময়লা থাকায় পান করা যাচ্ছে না। পানির এমন পরিস্থিতিতে অনেকে ডায়রিয়াসহ নানাবিধ পেটের পীড়ায় ভুগছেন। পানি নিয়ে এমন নাকাল অবস্থা চললেও সংকট স্বীকার করতে রাজি নন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, চাহিদার তুলনায় বর্তমান সরবরাহ বেশি। দৈনিক রাজধানীতে চাহিদা ২৩০ কোটি লিটার। কিন্তু উৎপাদন সক্ষমতা ২৪৫ কোটি লিটার। লোডশেডিং, জেনারেটরের অকার্যকারিতা এবং পানির স্তর নেমে গেলে কখনও কখনও অবশ্য উৎপাদন কমে। তবে বর্তমানে উৎপাদন চাহিদার তুলনায় বেশি। যেসব এলাকায় সংকট সেখানে সরবরাহ ব্যবস্থায় সমস্যা আছে। তাই পানি যাচ্ছে না। তবে আমরা গাড়িতে করে পানি সরবরাহ করে পরিস্থিতি সামাল দিচ্ছি। তিনি এই সমস্যাকে ‘সামান্য’ হিসেবে মনে করেন। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, রাজধানীতে চাহিদার ৭৮ শতাংশ পানি ভূগর্ভস্থ। বাকি ২২ শতাংশ পানি রাজধানীর পাশের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী থেকে নিয়ে শোধন করে কিছু কিছু এলাকায় সরবরাহ করা হয়। সায়েদাবাদ-১, সায়েদাবাদ-২ ও চাঁদনীঘাটে তিনটি শোধনাগার এবং ৭৩০টি গভীর নলকূপ দিয়ে মোট চাহিদার পানি উৎপাদন করা হয়। বর্তমান শুষ্ক মৌসুমে নদী দুটির পানির স্তর নিচে নেমে যাওয়ায় দূষণের মাত্রা বেড়েছে। তাই শোধন করার ক্ষমতা কমেছে। বিদ্যুৎ সমস্যার কারণে পানি উত্তোলনে সমস্যা হচ্ছে।
এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ দিয়ে পানি উত্তোলনও কমেছে। ফলে চাহিদার সঙ্গে প্রাপ্তির বিশাল ব্যবধান তৈরি হয়েছে। যে কারণে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। তবে তার এই বক্তব্যের সঙ্গে খোদ ওয়াসার অন্য কর্মকর্তারাই একমত নন। নাম প্রকাশ না করে আরেকজন কর্মকর্তা বলেন, ২৩০ কোটি লিটার পানির চাহিদা হলেও ২০৫ থেকে ২১০ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে। বাকি ২০ কোটি লিটার পানির ঘাটতি আছে। এর সঙ্গে সিস্টেম লস যোগ করলে ঘাটতির পরিমাণ আরও বেশি। রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, বনশ্রী, মুগদা, মাদারটেক, মানিকনগর, মাণ্ডা, যাত্রাবাড়ী, নয়াপল্টন, রাজারবাগ, শান্তিনগর, মগবাজার, চামেলীবাগ, টিকাটুলি, হাজারীবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা, মিরপুরের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমণ্ডি, কলাবাগান, বাড্ডা, কুড়িল, শাহজাদপুর, পুরান ঢাকার গেণ্ডারিয়ার দীননাথ সেন রোড, সতীশ সরকার লেন, মুরগিটোলা, মিরহাজীরবাগ, জুরাইন, পোস্তগোলা, সুরিটোলা, শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ বিভিন্ন এলাকায় ১৫ দিন থেকে প্রায় এক মাস ধরে চলছে তীব্র পানি সংকট। খিলগাঁওয়ের (বি ব্লক) বাসিন্দা ওয়াহিদুজ্জামান জানান, প্রায় এক মাস ধরে তার এলাকায় পানির তীব্র সংকট চলছে। পানির জন্য ওয়াসার স্থানীয় অফিসে গিয়েও প্রতিকার পাওয়া যায়নি। অফিস থেকে বলা হয়, বেশির ভাগ গাড়ি নষ্ট। এই সংকট দেখিয়ে ৫শ’ টাকার এক গাড়ি পানির দাম দেড় হাজার টাকা নেয়া হয়। এছাড়া কখনও বলা হয়, ভিআইপিদের পানি দিতেই শেষ হয়ে যাচ্ছে। আগে গভীর রাতে এক-দেড় ঘণ্টার জন্য সামান্য সরবরাহ হতো। কিন্তু তিন-চার দিন ধরে তাও বন্ধ হয়ে গেছে। কিছু বাড়িতে দু’দিক থেকে পানির লাইন নেয়া আছে। সেসব বাড়িতেও পানির সংকট আছে বলে জানা গেছে। এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উত্তর শাহজাহানপুরের উত্তরা ব্যাংক গলির বাসিন্দা ওবায়দুল হক বলেন, অন্তত ২৫টি বাড়িতে প্রায় এক মাস ধরে পানি নেই। পানির জন্য ওয়াসার ৬ নম্বর মডস জোনে গেলে বলা হয়, বিদ্যুৎ সংকট এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় সমস্যা হচ্ছে। তিনি জানান, টাকা দিয়ে গাড়িতে করেও ওয়াসা থেকে পানি মিলছে না। পানির সংকটের কারণে তিন দিনে একদিন গোসল করতে হচ্ছে। রান্না আর বাচ্চার গোসলের জন্য বোতলের পানির ওপর নির্ভর করতে হচ্ছে। হাজারীবাগের বাসিন্দা হুমায়ুন আহমেদ মন্টু জানান, ১৫ দিন ধরে পানির সংকটের কারণে ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় রোববার কয়েকশ’ মানুষ কলস-বালতি নিয়ে মিছিল বের করে। এটি হাজারীবাগ বোরহানপুর ১০নং গলি থেকে শুরু হয়ে হাজারীবাগ পার্কের পাম্প অফিস ঘেরাও করে। তিনি বলেন, ওই এলাকায় হাজারীবাগ ও কালুনগর পাম্প থেকে পানি সরবরাহ করা হয়। কিন্তু উভয় পাম্পই বর্তমানে নষ্ট। এ কারণে হাজারীবাগের মনেশ্বর ২য় লেন, কাজীরবাগ, কুলাল মহল, বাড্ডা নগর লেন, কালুনগর, এনায়েতগঞ্জ, হাজারীবাগ রোড, নিলাম্বর সাহা রোড, ভাগলপুর এলাকায় ১৫ দিন যাবৎ পানি পাওয়া যাচ্ছে না। এভাবে রাজধানীর অন্যান্য এলাকা থেকেও বাসিন্দারা টেলিফোনে পানির সংকট নিয়ে নিজেদের ক্ষোভ ও অসন্তোষের কথা জানিয়েছেন। মিরহাজীরবাগ এলাকার বাসিন্দা কাজী এমাদউদ্দিন বলেন, এক মাসের বেশি সময় ধরে পানির সমস্যা হচ্ছে। সারাদিনে এক বেলা পানি পাওয়া যায়। মিরবাগের বাসিন্দা মোহাম্মদ হোসেইন রবিন বলেন, এক মাস ধরে পানির সংকটে আছি। গাড়িতে করেও ওয়াসার সরবরাহ যথেষ্ট নয়। যখন গাড়ি আসে, কাউকে এক বালতি বা কলসের বেশি পানি দেয়া হয় না। এ অবস্থায় এই এলাকার অনেকেই হাতিরঝিলের মধুবাগ ব্রিজের কাছে গিয়ে গোসল সেরে আসে। মিরপুরের মনিপুরিপাড়ার বড়বাগ এলাকার বাসিন্দা আসাদুজ্জামান পলাশ বলেন, কয়েকদিন আগে একটানা তিন দিন পানি সরবরাহ বন্ধ ছিল। বলা হয়েছিল, পাম্প নষ্ট। পরে ঠিক করেছে। কিন্তু পানি প্রচণ্ড দুর্গন্ধযুক্ত।

এলজিআরডিমন্ত্রীর সাবেক এপিএস ফের গ্রেফতার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস সত্যজিৎ মুখার্জিকে ফের গ্রেফতার করা হয়েছে। রোববার ফরিদপুরের আদালত প্রাঙ্গণ থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। এর আগে ২১ মে সন্ধ্যায় ফরিদপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে সত্যজিৎ মুখার্জি আদালতের কার্যক্রম শেষ করে ফেরার পথে  কয়েকজন তরুণ তাকে ঘিরে রাখে। বেলা আড়াইটার দিকে কোতোয়ালি থানা পুলিশ সত্যজিৎকে থানায় নিয়ে যায়। রোববার সত্যজিৎ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে তার বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে এসেছিলেন। এ সময় তিনিসহ তার সঙ্গে থাকা ৭ সমর্থককে পুলিশ আটক করে।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিসেফের কনসালটেন্ট নিহত

বগুড়া শহরতলির শাকপালা দীঘিরপাড়া এলাকায় মহাসড়কে রোববার বিকালে ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিকশায় থাকা ইউনিসেফের রাজশাহী বিভাগীয় কনসালটেন্ট আবুল হায়াত মাহমুদ হোসেন রনি (৩৬) মারা গেছেন। এ সময় সিএনজি চালকসহ দু’জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিস জানান, ঢাকার শ্যামলী এলাকার আবুল বাশারের ছেলে ও ইউনিসেফের রাজশাহী বিভাগীয় কনসালটেন্ট আবুল হায়াত মাহমুদ হোসেন রনি রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ছিলিমপুর এলাকা থেকে সিএনজি অটোরিকশায় রানীরহাটের দিকে যাচ্ছিলেন। শাকপালা দীঘিরপাড়া এলাকায় পৌঁছলে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কনসালটেন্ট রনি মারা যান। আহত হন সিএনজি চালক ও আরেক যাত্রী। আহত দু’জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ জানান, নিহত ইউনিসেফের কনসালটেন্ট'রমরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।