Saturday, October 1, 2011

দুর্গোৎসবের সাজ সাজ রব

শুরু হচ্ছে বাঙালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা । সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজাকে ঘিরে নানা প্রস্তুতি। সাড়ম্বরে পূজা উদযাপনের জন্য সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার সারাদেশে প্রায় ২৮ হাজারেরও বেশি পূজামণ্ডপে পূজা হচ্ছে। এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার। রাজধানীতে এবার ১৯৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। মৃৎশিল্পীরা শহর-গ্রাম আর চা বাগানে প্রতিমা তৈরির কাজ ও সাজসজ্জা শেষ করে ফেলেছেন। আগামী কাল ২ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা এবং ৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

এবার মা দুর্গা গজে অর্থাৎ হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন। আর কৈলাশে ফিরবেন দোলায় চড়ে। গজ হল মায়ের পবিত্র বাহন। প্রতিবছর মা দুর্গা কোন না কোন বাহনে করে মর্ত্যে আগমন করেন। এবং যেকোন বাহনে চড়ে কৈলাসে ফেরেন। দেবীর আগমন ও গমন নিয়ে এই পৃথিবীতে নানা ঘটনা ঘটে থাকে বলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। দেবীর গজে আগমনের অর্থই হল- এই বসুন্ধরা এবার শস্যপূর্ণ হবে। আর দোলায় গমন অর্থই হল পৃথিবীতে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, ধ্বংস-প্রলয় আর মড়কের ইঙ্গিত।
মা দুর্গার গজ ও দোলা ছাড়া আরও দুটি বাহন আছে। তাহল ঘোড়া ও নৌকা। দেবীর ঘোড়ায় চড়ে আসার অর্থ হল- যুদ্ধ, খরা আর দুর্ভিক্ষ। আর নৌকায় করে কৈলাসে ফেরার ইঙ্গিত দেয় বন্যা। দেবীর প্রত্যেক বাহনের মর্ত্যে আগমন আর কৈলাসে ফেরার প্রাকৃতিক ঘটনাবলীর যোগসূত্র খুঁজে পেয়েছেন জ্যোতিষীরা। এগুলোই যদি দেবীর মর্ত্যে আগমন আর কৈলাসে ফেরার বাহন হয়- তবে সিংহ গেল কোথায়। কেননা হিন্দু ধর্মাবলম্বীরা জানেন দেবীর বাহন হচ্ছে সিংহ।
নানা আয়োজনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, মহাখালী, মিরপুর বিভিন্নস্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- আগামী কাল ২ আক্টোবর রোববার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে ষষ্ঠ্যাদি কল্পারাম্ভ, ছায়াকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। ৩ অক্টোবর সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা আরম্ভ ও বস্ত্র বিতরণ। ৪ আক্টোবর মঙ্গলবার সকাল ৭টা ৩০মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী পূজা আরম্ভ ও মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ। সন্ধিপূজা রাত্রি ১টা ২১ মিনিট থেকে ২টা ৯ মিনিটের মধ্যে পূজা সমাপন করতে হবে। ৫ অক্টোবর বুধবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহানবমী বিহিত পূজা আরম্ভ এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন। স্বেচ্ছায় রক্তদান দুপুর ১২ টায়। বিজয় শোভাযাত্রা বিকেল ৪ টায়। পূজা শেষে প্রতিদিন সকালে প্রত্যেক পূজা মণ্ডপে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ ও আরতি অনুষ্ঠিত হবে।

কন্যাহারা পিতার শোকের নিদর্শন পরী বিবির সমাধি by নওশাদ জামিল

বাংলার সুবাদার শায়েস্তা খাঁর আদরের কন্যা ছিলেন ইরান দুখত রহমত বানু। তবে এ নামে খুব কম লোকেই তাঁকে চিনত বা চেনে। পরীর মতোই সুন্দর ছিলেন বলেই হয়তো পরী বিবি নামে তিনি পরিচিত সবার কাছে। অপরূপা এ রাজকন্যার অকালমৃত্যু বৃদ্ধ পিতা শায়েস্তা খাঁর কাছে ছিল অসহনীয়। বুঝিবা শেল বিঁধেছিল বুকে। প্রিয় কন্যার মৃত্যুতে শায়েস্তা খাঁর হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ। ক্ষোভে-দুঃখে লালবাগ কেল্লাকে তিনি 'অপয়া' ভাবলেন, বন্ধ করে দিলেন এর নির্মাণকাজ। কন্যার মৃত্যুর কিছু দিন আগেই তিনি শুরু করেছিলেন লালবাগ কেল্লা নির্মাণ। পরে ওই কেল্লার ভেতরই সমাহিত করা হয় পরী বিবিকে। তঁাঁর অন্তিম শয্যার ওপর যে সৌধ নির্মাণ করেছিলেন অগাধ স্থাপত্যজ্ঞানের অধিকারী পিতা, সেটি ঢাকার অন্যতম সেরা সৌন্দর্যময় এক মুঘল স্থাপত্যের নিদর্শন।

রাজনৈতিক দলের কাছেই অনুমতি চাইছে ইসি by কাজী হাফিজ

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অর্থ-সম্পদের পরিমাণ ও আয়-ব্যয়ের হিসাব প্রকাশের জন্য দলগুলোর কাছেই অনুমতি চাইছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার এ-সংক্রান্ত চিঠি চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল রবিবার ওই চিঠি দলগুলোর কাছে পাঠানো হবে। চিঠি পাওয়ার পর দলগুলো যদি অনুমতি না দেয়, তাহলে তাদের ওই আর্থিক হিসাব আগের বছরের মতো কমিশন সচিবালয়ের ফাইলে বন্দি থেকে যাবে। জনসাধারণ এ বিষয়ে কিছুই জানতে পারবে না।

আইজি প্রিজনসের সাফাইয়ের চেষ্টা by ওমর ফারুক

সিলেট কারাগারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে প্রবেশের অনুমতি না দেওয়ার এক দিন পরই আইজি প্রিজনস নিজের পক্ষে সাফাই বাড়ানো এবং নিজের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্যোগ নেন। তিনি দেশের ৬৭টি কারাগারের কর্মকর্তাদের নির্দেশ দেন, তাঁকে বন্দিরা আইজি প্রিজনস হিসেবে দেখতে চায় কি না তা মৌখিকভাবে জানাতে। এ ছাড়া একটি বেসরকারি টিভিতে 'জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ড. মিজানুর রহমানকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ঢুকতে দেওয়া হয়নি_আপনি কি কারা কর্তৃপক্ষের এ আচরণ সমর্থন করেন?' এমন প্রশ্ন দিয়ে চালানো জরিপে 'হ্যাঁ' অর্থাৎ 'সমর্থন করি'তে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভোট করার নির্দেশ দেওয়া হয়।

অননুমোদিত বই পড়ালে ছয় মাসের কারাদণ্ড by অভিজিৎ ভট্টাচার্য্য

প্রাথমিক স্তরে শিক্ষার সব ধারায় (সাধারণ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ধর্ম শিক্ষা, নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, পরিবেশ পরিচিতি, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বাধ্যতামূলকভাবে পড়তে হবে। প্রাথমিক শিক্ষা হবে আট বছর মেয়াদি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন করবে। পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষাক্রমের অতিরিক্ত বিষয় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে সংযোজন করা যাবে না। একই সঙ্গে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সাধারণ, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম, মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।

বুড়িগঙ্গার ঘাটে ঘাটে চলছে চাঁদাবাজি by আপেল মাহমুদ

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝির অন্যতম চরিত্র কুবের মাঝি। মৎস্যজীবী এ চরিত্রটি লেখক সৃষ্টি করেছিলেন বিক্রমপুরের পদ্মা নদীর তীর থেকে। চরিত্রটির ওপর মহাজনের যে বঞ্চনার চিত্র পাওয়া যায়, সেটা পুরো জেলে সমাজের প্রতীক হয়ে ওঠে। কুবের মাঝি পদ্মা থেকে ইলিশ ধরে বিক্রি করতে গিয়ে মহাজনের কাছ থেকে ন্যায্য দাম পাননি। তেমনি বুড়িগঙ্গার মাঝিরা সারা দিন যে আয় করেন, তার সিকিভাগও ভোগ করতে পারেন না। আয়ের বেশির ভাগ টাকাই চলে যায় মহাজনরূপী চাঁদাবাজদের পকেটে। সরকার আসে সরকার যায়। ক্ষমতার পালাবদল শেষ হলেও, বুড়িগঙ্গার মাঝিদের বঞ্চনার দিন যেন শেষ হতে চায় না।

সৌরবাতিতে আলোকিত হবে রাজধানী by অমিতোষ পাল

রাতের বেলায় রাজধানীর সড়ক আলোকিত রাখতে এবার সূর্যের আলো ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। রাজপথে সংযোজন করা হচ্ছে সৌরবাতি (সোলার স্ট্রিট লাইট)। এই বাতি ব্যবহার করলে ৯ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, যা দিয়ে একটি জেলার বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। শিগগিরই শুরু হতে যাচ্ছে রাজপথে সোলার স্ট্রিট লাইট সংযোজনের কাজ। এ জন্য এরই মধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। বর্তমানে চলছে দরপত্র জমাদানের কার্যক্রম।

তরুণ পররাষ্ট্রমন্ত্রী হিনাকে ঘিরে কৌতূহল by সৈয়দ আবদাল আহমদ

হিনা রব্বানি খার। পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে কমবয়সী অর্থাত্ মাত্র ৩৪ বছর বয়সে তিনি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞতা মাত্র আড়াই মাসের। এরই মধ্যে সবার দৃষ্টি কেড়েছেন হিনা। শুধু বিশ্বরাজনীতিই নয়, বিশ্বমিডিয়ার দৃষ্টিও তার ওপর। পররাষ্ট্রমন্ত্রী হয়ে এক সপ্তাহের মধ্যেই ভারত সফরে গিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। এরপর সফর করেন চীন ও তুরস্ক। বর্তমানে তিনি জাতিসংঘের ৬৬তম অধিবেশনে পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাক লাগানো ভাষণ দেন পাকিস্তানের এই তরুণ পররাষ্ট্রমন্ত্রী। শুধু তা-ই নয়, হাক্কানি নেটওয়ার্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের পর হিনা হুশিয়ারি উচ্চারণ করেন। তার এই হুশিয়ারির কারণে যুক্তরাষ্ট্রের সুর এখন নরম। সিএনএন, বিবিসি, আলজাজিরাসহ বিশ্বমিডিয়া কভার করেছে তার বক্তৃতা।