Sunday, October 11, 2026

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না: এসলামি

বহিরাগত হুমকি, রাজনৈতিক চাপ কিংবা সামরিক হামলা চালিয়েও ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।

ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতিকে দেশটির বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় অর্জিত জাতীয় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদেশি শক্তিগুলোর অতিরিক্ত দাবিও প্রত্যাখ্যান করেন এসলামি।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সমালোচনা করেন তিনি। এসলামির দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে ওয়াশিংটন দেশটির প্রযুক্তিগত অগ্রগতি ঠেকাতে নিজেদের অক্ষমতাই প্রকাশ করছে।

এসলামি বলেন, ‘জাতিসংঘের মঞ্চ থেকেই ইরানের পারমাণবিক স্থাপনায় কৌশলগত অস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রকাশ্য হুমকি এবং ইরানের প্রাচীন সভ্যতা ধ্বংসের কথা তাদের অসহায়ত্বই প্রকাশ করে। বিজ্ঞান, জ্ঞান ও প্রযুক্তির ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত একটি অগ্রসর জাতির মুখোমুখি হয়েই তারা এমন অবস্থান নিয়েছে।’

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হতে পারে বলে এর আগে একাধিকবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে মতবিরোধের মধ্যেই এসলামির এ বক্তব্য সামনে এলো।

তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দেশটির নিজস্ব বিজ্ঞানী ও গবেষকদের বহু বছরের শ্রমের ফল। বাইরের চাপ প্রয়োগ করে এ সক্ষমতা নির্মূল করা সম্ভব নয়।

এসলামি আরও বলেন, ‘পারমাণবিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন তরুণ ইরানি গবেষক ও বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও ত্যাগের ফল। এটি একটি দেশীয় ও জাতীয় অর্জন, যা কখনোই হুমকি, চাপ কিংবা নির্বিচার হামলায় থামানো যাবে না।’

বিদেশি শক্তিগুলোর অতিরিক্ত দাবির কাছে ইরান মাথা নত করবে না বলেও জানান তিনি।

তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

এসলামির বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, ইরান তার পারমাণবিক সক্ষমতাকে দীর্ঘমেয়াদি জাতীয় অর্জন হিসেবে দেখে এবং হুমকি বা সামরিক পদক্ষেপের মাধ্যমে তা ভেঙে ফেলা যাবে না বলে মনে করে।

সূত্র : মিডল ইস্ট আই

ইরানের পরমাণু শক্তি সংস্থা পরিদর্শনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মোহাম্মদ এসলামি। ছবি : এএফপি
ইরানের পরমাণু শক্তি সংস্থা পরিদর্শনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মোহাম্মদ এসলামি। ছবি : এএফপি

একের পর এক ভুলে ইয়েমেন যুদ্ধে আবার জড়াল সৌদি আরব

সিএনএনের বিশ্লেষণঃ বহু বছর ধরে ইয়েমেনের সংঘাত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও আবারও দেশটির যুদ্ধে জড়িয়ে পড়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বিরোধ, হুতিদের হামলা মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা; একের পর এক ভুলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের লক্ষ্য, দেশটিকে পর্যটক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলা। কিন্তু নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় সেই পরিকল্পনা আবারও ঝুঁকিতে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল স্থাপনায় আঘাত হেনেছে।

আঞ্চলিক সংঘাতের কারণে কয়েকটি বড় প্রকল্প বাতিল হয়েছে। পাশাপাশি কনসার্ট, চলচ্চিত্র উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের সম্পৃক্ততা ১১ বছরের। শুরুতে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করলেও পরে তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে রিয়াদ। বিদ্রোহীদের সমর্থক ইরানের সঙ্গেও সম্পর্ক পুনঃস্থাপন করে দেশটি। কিন্তু এখন আবারও সংঘাতের কেন্দ্রে চলে এসেছে সৌদি আরব।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল র‌্যাটনি সিএনএনকে বলেন, নিজেদের রূপান্তর পরিকল্পনায় মনোযোগ দিতে ইয়েমেনের সংঘাতকে সীমান্ত থেকে যতটা সম্ভব দূরে রাখতে চেয়েছিল রিয়াদ।

তিনি বলেন, ‘হুতিরা যাতে তাদের রূপান্তর পরিকল্পনায় বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য সংঘাতকে যতটা সম্ভব নিজেদের থেকে দূরে রাখাই ছিল তাদের লক্ষ্য। এখন তারা নিজেরাই সংঘাতের মাঝখানে পড়ে গেছে।’

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছে সৌদি আরব ও ইউএই। কিন্তু দেশটির ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের পরিকল্পনায় মতবিরোধ দেখা দেয়। ইউএই সমর্থন দেয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি), যারা দক্ষিণ ইয়েমেনকে পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সৌদি আরব এর বিরোধিতা করে।

গত বছর ইউএইর পাঠানো সামরিক যানবাহী একটি চালানে সৌদি যুদ্ধবিমান হামলা চালানোর পর বিরোধ আরও তীব্র হয়। ওই যানগুলো এসটিসির জন্য পাঠানো হয়েছিল বলে জানা যায়। এ ঘটনার মধ্য দিয়ে ইয়েমেন নিয়ে দুই দেশের অংশীদারত্বের অবসান ঘটে। নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় ইউএই, ফলে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব অনেকটাই সৌদি আরবের ওপর পড়ে।

দক্ষিণ ইয়েমেনের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমিরাতিরা চলে যাওয়ার পর দায়িত্ব হস্তান্তরের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।’ তার মতে, নিজেদের বাহিনী পরিচালনায় ইউএইর সুসংগঠিত ব্যবস্থা ছিল, কিন্তু সৌদি আরব সেই ব্যবস্থার বিকল্প তৈরি করতে পারেনি।

ইয়েমেনে হুতিদের নতুন করে হামলা শুরু হলে সৌদি আরবের সংকট আরও বাড়ে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এর আগে সৌদি আরবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল হুতিরা। তবে জুলাইয়ে ইরান হুতি নেতাদের বহনকারী একটি বিমান খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে পাঠালে পরিস্থিতির অবনতি ঘটে। বিমানটি ইয়েমেনে আকাশপথে চলাচল নিয়ে সৌদি আরবের আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করেছিল।

এরপর বিমানটির অবতরণ ঠেকাতে হুতিদের নিয়ন্ত্রণাধীন সানার বিমানবন্দরে হামলা চালায় সৌদি আরব।

জবাবে সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে দেশটির জাহাজ চলাচলে অবরোধ ঘোষণার কথা জানায় হুতিরা। পরে ইয়েমেনের উপকূলীয় এলাকায় নতুন অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করে তারা। আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

এরপর সৌদি আরবের তেল স্থাপনা ও পাইপলাইনে হামলা চালায় হুতিরা। জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেনবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক আহমেদ নাগি সিএনএনকে বলেন, ‘সৌদিরা বেশ কিছু ভুল করেছে এবং ব্যর্থ হয়েছে। হুতিদের অভিযানের জন্য রিয়াদ প্রস্তুত ছিল না। ইউএইর কাছ থেকে পাওয়া মিত্র ইয়েমেনি বাহিনীগুলোর সঙ্গে সমন্বয়েরও ঘাটতি ছিল।’

সৌদি আরবের আরেকটি বড় দুর্বলতা হলো সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা।

গত বছর ওয়াশিংটনের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করে রিয়াদ। একই সময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ন্যাটোর বাইরের প্রধান মিত্রের মর্যাদা দেয়। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তায় মার্কিন সহায়তা কমে যাচ্ছে বলে মনে করছে সৌদি নেতৃত্ব।

সিএনএনের উদ্ধৃত সূত্রগুলোর দাবি, গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা কথা বলেন। তিনি হুতিদের বিরুদ্ধে হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট তাতে রাজি হননি। এর পরিবর্তে নিজেদের যুদ্ধবিরতি চুক্তি সুরক্ষিত রাখতে ওমানে হুতিদের সঙ্গে আলোচনা করে ওয়াশিংটন।

হুতিরা জানায়, তাদের লড়াই সৌদি আরবের বিরুদ্ধে। একই সঙ্গে লোহিত সাগর দিয়ে মার্কিন জাহাজ চলাচল অব্যাহত রাখার অনুমতি দেয় তারা।

বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। গত মাসে মিসরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেন যুবরাজ মোহাম্মদ। পরে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইউএইর ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদকে রিয়াদে আমন্ত্রণ জানান তিনি।

ফ্রান্স সামরিক সদস্যসহ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাতে সম্মত হয়েছে। সৌদি যুদ্ধবিমানগুলোতে জ্বালানি সরবরাহে সহায়তার জন্য একটি উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টাও সৌদি আরবে অবস্থান করছেন।

রিয়াদে জরুরি বৈঠকের পর মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

ইউরোপিয়ান ইনস্টিটিউট অব পিসের ইয়েমেনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিশাম আল-ওমেইসি সিএনএনকে বলেন, বিভিন্ন গোষ্ঠীকে একসঙ্গে কাজ করতে হবে এবং নিজেদের বিরোধ মেটাতে হবে।

তিনি বলেন, ‘তাদের কমান্ড সেন্টারগুলোকে একীভূত করতে হবে এবং গোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যকার সমস্যার সমাধান করতে হবে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার যদি দখল করা এলাকাগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তাহলে সেসব এলাকা দখলের কোনো মূল্য থাকবে না।’

সূত্র : সিএনএন

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : রয়টার্স
সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : রয়টার্স

ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল

ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি ডেটা সেন্টারের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার (১১ অক্টোবর) মস্কোর পূর্বে ভ্লাদিমির শহরে অবস্থিত স্থাপনাটিতে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ক্ষয়ক্ষতি মূল্যায়নের পাশাপাশি নিজেদের সিস্টেম পুনরায় চালুর উপায় খুঁজছে ইয়ানডেক্স। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কয়েকটি সেবা ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায়।

টেলিগ্রামে প্রকাশিত এক জরুরি বার্তায় ইয়ানডেক্স জানায়, ডেটা সেন্টারটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। জরুরি ব্যবস্থায় সীমিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও সতর্ক করে জানায়, বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা অনিশ্চিত এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কারিগরি সহায়তা সেবাও ব্যাহত হতে পারে।

গত এক সপ্তাহে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে এটি তৃতীয় হামলার ঘটনা। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে প্রতিষ্ঠানটির আরেকটি ডেটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় স্থাপনাটির কিছু অংশ অকার্যকর হয়ে পড়ে।

এর এক দিন আগে মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভোতে ইয়ানডেক্সের ডেটা হাবে হামলায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রে প্রতিষ্ঠানটির এআই মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাসোভোর হামলার পর বলেন, রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টারগুলোতে হামলা চালিয়ে আসছে, এর জবাবও দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

গত এক মাসে রাশিয়াও ইউক্রেনের একাধিক ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকার স্থাপনাও রয়েছে। এসব হামলার ফলে দুই দেশের প্রযুক্তিগত অবকাঠামো, ডিজিটাল যোগাযোগ ও বাণিজ্যিক সেবা ক্রমেই সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে

সূত্র: আল জাজিরা

ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সাসোভোতে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে ধোঁয়া। গত ০৮ অক্টোবরের ছবি: রয়টার্স
ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সাসোভোতে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে ধোঁয়া। গত ০৮ অক্টোবরের ছবি: রয়টার্স

ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ, অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। শনিবার (১০ অক্টোবর) মার্কিন ক্যাপিটল ভবনের বাইরে এ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর তিন বছর পূর্তিকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্টসহ কয়েকটি ফিলিস্তিনপন্থি সংগঠন এতে অংশ নেয়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন। তাদের হাতে থাকা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের অবসান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানানো হয়। কেউ কেউ যুদ্ধের ব্যয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নিত্যপণ্যের উচ্চমূল্য ও কম মজুরির বিষয়টিও তুলে ধরেন।

ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্টের নওহাদ আক্কার বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনতে চান তারা।

তার ভাষায়, ‘আমরা এই গণহত্যাকে স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত হতে দেব না।’ গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে তিনি গণহত্যা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের পূর্ণ মুক্তি ও বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তনের দাবিও জানান।

আক্কার আরও বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে সরকারি বিনিয়োগ প্রত্যাহার করা উচিত। এ লক্ষ্যে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অবসরভাতা তহবিলে সংশ্লিষ্ট অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ৩৯ কোটি ৪০ লাখ ডলারের বেশি বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে প্রচার চালাচ্ছে তার সংগঠন।

ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের ইসাবেলা জাভিদান বলেন, গাজা, লেবানন ও ইরানে সামরিক তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার অভিযোগ, মার্কিন আইনপ্রণেতা ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকেরা এ সহিংসতাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইহুদি-আমেরিকান এরিক ডব্লিউ বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ইহুদিবিদ্বেষ মোকাবিলায় সহায়তা করে না। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের নামে কোনো গণহত্যা নয়।’

আয়োজকরা জানান, আসন্ন মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনতেই এ কর্মসূচি। সূত্র: আনাদোলু এজেন্সি

ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি মানুষ। ছবি: আনাদোলু এজেন্সি
ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি মানুষ। ছবি: আনাদোলু এজেন্সি

যে কারণে সৌদির বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করছে হুতিরা

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় এখনো স্বীকার করেনি ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র। তবে সৌদির বিমানবন্দরগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু হবে বলে আগেই জানিয়েছিল গোষ্ঠীটি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই কৌশলেরই প্রতিফলন দেখা যাচ্ছে। খবর আল জাজিরার।

সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হওয়ার পর রোববার এ সতর্কবার্তা দেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

হুতিদের মতে, তাদের ‘অবরোধের বদলে অবরোধ’ এবং ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতির অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা এবং তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রদেশে সৌদি বিমান হামলার জবাব দিতেই তারা এ কৌশল নিয়েছে।

প্রতিশোধের অংশ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে হুতিরা। এর মধ্যে রয়েছে দেশটির তেল স্থাপনা আরামকো এবং রাজধানী রিয়াদের বিমানবন্দর, যা সৌদি আরবের অন্যতম প্রধান বিমান চলাচলকেন্দ্র।

সৌদি আরব পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেও ইয়েমেনে দেশটির চালানো একাধিক বিমান হামলার কথা উল্লেখ করেছে হুতি গোষ্ঠী। তাদের বক্তব্য, এসব হামলার পরও সৌদি আরবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা ধরে রেখেছে তারা।

এদিকে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, তা শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি খতিয়ে দেখব। হামলার খবর আমরা মাত্রই জেনেছি। তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

সূত্র : আল জাজিরা

হুতি যোদ্ধারা ইয়েমেনের সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। ছবি: রয়টার্স
হুতি যোদ্ধারা ইয়েমেনের সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। ছবি: রয়টার্স

ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত ও বিতর্কিত প্রার্থী বাছাইয়ের কারণে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারাতে পারে রিপাবলিকান পার্টি। এর আগে ২০২০ ও ২০২২ সালের নির্বাচনেও ট্রাম্পের ভূমিকা দলটির পরাজয়ের ঝুঁকি বাড়িয়েছিল।

টেক্সাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

টেক্সাসে সিনেটর জন কর্নিনের পরিবর্তে অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে সমর্থন করে ট্রাম্প বিতর্কের জন্ম দিয়েছেন। প্যাক্সটনের বিরুদ্ধে অভিশংসন ও ফৌজদারি অভিযোগসহ নানা বিতর্ক রয়েছে। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর কাছে তার পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। ফলে আসনটি ধরে রাখা রিপাবলিকানদের জন্য কঠিন হতে পারে।

নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতেও উদ্বেগ

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের সমালোচনার পর রিপাবলিকান সিনেটর থম টিলিস অবসরের সিদ্ধান্ত নেন। এতে ডেমোক্র্যাটদের সাবেক গভর্নর রয় কুপারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি হয়। অন্যদিকে, জর্জিয়ায় ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থী মাইক কলিন্সের বিরুদ্ধে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রিপাবলিকানদের চাপে ফেলেছে।

সাউথ ক্যারোলাইনায়ও বাড়ছে চাপ

ট্রাম্পের সমর্থনে সিনেটর ডারলিন গ্রাহামকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্যটিতে রিপাবলিকানদের জয় নিয়ে বড় আশঙ্কা না থাকলেও প্রার্থী নির্বাচন ও নির্বাচনি কৌশল নিয়ে দলকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। এ পরিস্থিতিতে আসনটি ধরে রাখতে দলটি ৫০ লাখ ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে।

অতীতের ভুলের পুনরাবৃত্তি

২০২০ সালের জর্জিয়ার সিনেট নির্বাচনেও ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ট্রাম্পের প্রচার রিপাবলিকান ভোটারদের একটি অংশকে নিরুৎসাহিত করেছিল বলে তিনি পরে স্বীকার করেন। ২০২২ সালেও তার সমর্থন পাওয়া কয়েকজন বিতর্কিত প্রার্থী নির্বাচনে হেরে যান।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালেও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে রিপাবলিকানরা। আর এমন পরিস্থিতি তৈরি হলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নও কঠিন হয়ে পড়বে।

ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা
ছবি: সিএনএন

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

আল-জাজিরাঃ ইয়েমেনের তাইজ শহর অবরোধ করে রেখেছে হুথিরা। এতে হাসপাতালগুলোতে ওষুধ, চিকিৎসাসামগ্রী ও জ্বালানির মজুত প্রায় শেষ হয়ে এসেছে। জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার, ডায়ালাইসিস ও নবজাতকের সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি চলতে থাকলে শহরটিতে ‘আসন্ন স্বাস্থ্য ও মানবিক বিপর্যয়’ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

দেশটির জনস্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, তাইজের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধ, শিরায় দেওয়ার তরল, চিকিৎসাসামগ্রী ও জ্বালানির মজুত প্রায় শেষ। এতে রোগী, আহত ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের জীবন তাৎক্ষণিক ঝুঁকিতে পড়েছে।

জ্বালানির অভাবে হাসপাতালের বিদ্যুৎ জেনারেটর, অ্যাম্বুলেন্স এবং ওষুধ ও টিকা সংরক্ষণের শীতলীকরণব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি এড়ানো সম্ভব এমন মৃত্যুর ঝুঁকিও বাড়বে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অবিলম্বে অবরোধ তুলে নেওয়া, সরবরাহের পথ খুলে দেওয়া এবং রোগী, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে ইয়েমেন সরকার। জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতি তাইজের হাসপাতালগুলোতে ওষুধ, অক্সিজেন, চিকিৎসাসামগ্রী ও জ্বালানি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি বিলম্বে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়া ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

অবরোধে বিচ্ছিন্ন তাইজ

ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথিরা আনসার আল্লাহ নামেও পরিচিত। ২০১৪ সালে তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। বর্তমানে দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল তাদের নিয়ন্ত্রণে।

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাইজে হুথিদের অবরোধে শহরের কেন্দ্রস্থলের একটি এলাকায় ইয়েমেন সরকারের বাহিনী আটকা পড়েছিল। ২০১৬ সালে অবরোধের প্রধান অংশ ভাঙা সম্ভব হলেও অন্য প্রবেশপথগুলোতে আংশিক অবরোধ বজায় রাখে হুথিরা।

২০২৪ সালে পূর্ব দিকের একটি সড়ক খুলে দিতে সম্মত হয়েছিল তারা। তবে নতুন করে লড়াই শুরু হলে সড়কটি আবার বন্ধ হয়ে যায়। চলতি অক্টোবরের শুরুতে তাইজে নতুন করে অবরোধ জোরালো হয়।

গত সেপ্টেম্বরে তাইজ প্রদেশের লোহিত সাগর উপকূল ধরে অভিযান শুরু করে হুথিরা। তারা বন্দরনগরী মোখা দখল করে। ৪ অক্টোবরের মধ্যে আত তুরবাহ শহরও তাদের নিয়ন্ত্রণে আসে। এতে তাইজ শহরের সঙ্গে সরকার-নিয়ন্ত্রিত অন্য এলাকাগুলোর সংযোগকারী সর্বশেষ প্রধান সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর জবাবে অক্টোবরের শুরুতে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারের বাহিনী পাল্টা অভিযান শুরু করে।

পেট্রলের দাম তিন গুণ

তাইজ প্রদেশে ইয়েমেন সরকারের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের মহাপরিচালক নাবিল জামিল আল-জাজিরাকে বলেন, ২০১৫ সালের অবরোধের তুলনায় এবারের অবরোধ আরো ব্যাপক এবং এর প্রভাবও বেশি গুরুতর।

জামিলের হিসাবে, প্রদেশটির সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রায় ২৮ লাখ মানুষ বসবাস করেন। সাম্প্রতিক সময়ে আরো প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অবরোধের কারণে জ্বালানির সংকট তীব্র হয়েছে। কালোবাজারে ২০ লিটার পেট্রলের দাম ৩০ হাজার ইয়েমেনি রিয়াল (১৯ ডলার) থেকে বেড়ে ৯০ হাজার রিয়ালে (৫৮ ডলার) দাঁড়িয়েছে।

জামিল বলেন, ‘আমরা এখনো কোনো সাড়া বা মাঠপর্যায়ে হস্তক্ষেপের অপেক্ষায় আছি।’

এদিকে লড়াইয়ে ইয়েমেনের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা আরো বিপর্যয়ের মুখে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাস্টিস ফর রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান ও আইনজীবী নাবিল শারিয়ান বলেন, ‘কোনো সংঘাতে বেসামরিক মানুষকে কখনোই চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজের একটি বাজার। ৮ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিবিয়ায়

হাফেদ আল-ঘওয়েল এর নিবন্ধঃ লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্টে দীর্ঘ ১২ বছর পর নেতৃত্বের পরিবর্তন দেশটির ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন স্পিকার হিসেবে আল-সালেহিন আবদুন নবী আল-আবিদির নির্বাচিত হওয়াকে পূর্বাঞ্চলের সামরিক কমান্ডার খলিফা হাফতারের প্রভাব আরো সংহত হওয়ার সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে এ পরিবর্তন দেশটির বিভক্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে একীভূত করা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আরো জটিল করে তুলতে পারে।

১২ বছরের নেতৃত্বের অবসান

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রতিনিধি পরিষদের স্পিকার আগুইলা সালেহ ২০১৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি পার্লামেন্টের সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকারদের মেয়াদ সর্বোচ্চ ১২ মাসে সীমিত করার বিধান অনুমোদন করেন। এর পরদিন নতুন স্পিকার নির্বাচিত হন আল-সালেহিন আবদুন নবী আল-আবিদি।

তবে আগুইলা সালেহ নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে আইনগতভাবে অবৈধ বলে চ্যালেঞ্জ করেছেন। তার বিরোধীরা অভিযোগ করেছেন, তিনি আইনপ্রণেতাদের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিতেন। কয়েক সপ্তাহ আগে পার্লামেন্টের সদর দপ্তরে প্রবেশাধিকার বাধাগ্রস্ত করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল।

নেতৃত্ব পরিবর্তনের পেছনে পার্লামেন্টের অভ্যন্তরীণ অসন্তোষ কাজ করে থাকতে পারে। তবে নতুন নিয়মে স্পিকারের মেয়াদ সীমিত হওয়ার ফলে পদটির স্বাধীনতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে, বিশেষ করে পূর্বাঞ্চলের সামরিক নেতৃত্বের প্রভাবের প্রেক্ষাপটে।

হাফতারের প্রভাব বলয়ে নতুন স্পিকার

লিবিয়ার পূর্বাঞ্চলে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান আরব আর্মড ফোর্সেসের ব্যাপক সামরিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে। নতুন স্পিকার আল-আবিদির নিয়োগকে এই ক্ষমতাকাঠামোর সঙ্গে পার্লামেন্টের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাব্য ইঙ্গিত।

আল-আবিদি ও আগুইলা সালেহ—দুজনই ওবেইদাত গোত্রের সদস্য। পূর্বাঞ্চলের সাইরেনাইকা অঞ্চলে এই গোত্রের উল্লেখযোগ্য সামাজিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে; তবরুক এলাকায় তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। লেখকের বিশ্লেষণ অনুযায়ী, একই গোত্র থেকে নতুন স্পিকার নির্বাচনের ফলে স্থানীয় ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং গোত্রভিত্তিক অসন্তোষ এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

তবে নেতৃত্বের পরিবর্তনের তাৎপর্য শুধু গোত্রীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। আল-আবিদি অতীতে লিবিয়া-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ কমিটির চেয়ারম্যান ছিলেন। ফলে তুরস্কের সঙ্গে তার যোগাযোগ পূর্বাঞ্চলের নেতৃত্বকে আঙ্কারার সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় সহায়তা করতে পারে।

তুরস্ক দীর্ঘদিন ধরে পশ্চিম লিবিয়ার রাজনৈতিক ও সামরিক শক্তিগুলোকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে মিসর ও সংযুক্ত আরব আমিরাত পূর্বাঞ্চলের হাফতারপন্থী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ অবস্থায় নতুন স্পিকারের কূটনৈতিক যোগাযোগ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনায় কতটা কার্যকর হয়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জাতীয় ঐক্যের উদ্যোগে নতুন অনিশ্চয়তা

লিবিয়ার রাজনৈতিক সংকটের কেন্দ্রীয় সমস্যা হলো, দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক কর্তৃপক্ষ ও সশস্ত্র শক্তির প্রভাব বজায় রয়েছে। পশ্চিমাঞ্চলের ত্রিপোলিভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলের রাজনৈতিক-সামরিক কাঠামোর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতা, বৈধতা ও রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে।

আগস্টে জাতিসংঘের মধ্যস্থতায় একটি সমঝোতার মাধ্যমে ২৪ মাসের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের রূপরেখা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ৫ অক্টোবর ত্রিপোলিভিত্তিক উচ্চ পরিষদ ওই সমঝোতার ফলাফল প্রত্যাখ্যান করে।

এমন পরিস্থিতিতে পূর্বাঞ্চলের পার্লামেন্টে নেতৃত্ব পরিবর্তন জাতীয় সমঝোতার প্রক্রিয়ায় নতুন প্রশ্ন তৈরি করেছে। পূর্বাঞ্চলের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি সামরিক নেতৃত্বের প্রভাববলয়ে আরও কেন্দ্রীভূত হয়, তাহলে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া কঠিন হতে পারে।

তবে নেতৃত্ব পরিবর্তন নিজে থেকেই জাতীয় ঐক্যের সম্ভাবনা শেষ করে দেয় না। নতুন স্পিকার যদি পার্লামেন্টের স্বাধীনতা বজায় রাখতে পারেন এবং নির্বাচনের রূপরেখা নিয়ে অন্য রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে কার্যকর আলোচনা এগিয়ে নিতে পারেন, তাহলে সমঝোতার সুযোগও তৈরি হতে পারে।

তেলসম্পদ ও রাষ্ট্রীয় অর্থের নিয়ন্ত্রণ

লিবিয়ার রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ গভীরভাবে যুক্ত। দেশটির অর্থনীতি তেল ও গ্যাসনির্ভর। জিডিপির প্রায় দুই-তৃতীয়াংশ, রপ্তানির ৯০ শতাংশের বেশি এবং সরকারি রাজস্বের ৯৫ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে।

তাই বাজেট অনুমোদন, উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এবং রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের ওপর প্রভাব বিস্তার করা রাজনৈতিক শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট আইন প্রণয়ন ও বাজেট অনুমোদনের মাধ্যমে এসব সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

তবে ত্রিপোলিভিত্তিক লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকই রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনা ও অর্থপ্রদানের প্রধান কর্তৃপক্ষ হিসেবে কাজ করছে। ফলে পূর্বাঞ্চলের পার্লামেন্টে নেতৃত্ব পরিবর্তন হলেই জাতীয় কোষাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বদলে যায় না। তা সত্ত্বেও বাজেট অনুমোদন এবং নির্দিষ্ট প্রকল্পে বরাদ্দের সিদ্ধান্ত পূর্বাঞ্চলের রাজনৈতিক ও সামরিক ক্ষমতাকাঠামোর অবস্থানকে শক্তিশালী করতে পারে।

নতুন স্পিকার যদি সামরিক নেতৃত্বের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হন, তাহলে প্রতিরক্ষা ব্যয় ও উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্তে পার্লামেন্টের স্বাধীন নজরদারি দুর্বল হয়ে পড়তে পারে।

পুনর্গঠন প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

লিবিয়ার পূর্বাঞ্চলে পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নও ক্ষমতার ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। খলিফা হাফতারের ছেলে বেলকাসেম হাফতার লিবিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন ফান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তহবিলটি পূর্বাঞ্চলের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত।

তহবিলটির আর্থিক তদারকি এবং পূর্বাঞ্চলীয় প্রশাসনের বৃহত্তর ব্যয়ব্যবস্থার সঙ্গে এর সম্পর্ক নিয়ে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন। বেলকাসেম হাফতার অবশ্য তহবিলের নিরীক্ষাব্যবস্থার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষ অনুমোদিত জাতীয় বাজেটের বাইরে ব্যয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এই পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে স্বাধীন নিরীক্ষা, চুক্তি প্রকাশ এবং পার্লামেন্টারি তদারকির গুরুত্ব বেড়েছে। সামরিক, আইনপ্রণয়ন ও উন্নয়নসংক্রান্ত কর্তৃত্ব যদি পরস্পর-ঘনিষ্ঠ রাজনৈতিক নেটওয়ার্কের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে জবাবদিহি দুর্বল হওয়ার ঝুঁকি থাকে।

নতুন স্পিকারের সামনে তাই গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে—পার্লামেন্ট উন্নয়ন প্রকল্পের চুক্তি যাচাই করতে পারে কি না, সরকারি অর্থ বরাদ্দের বিষয়ে প্রশ্ন তুলতে পারে কি না এবং সামরিক নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয়ের স্বাধীন পর্যালোচনা নিশ্চিত করতে পারে কি না।

মিসর-তুরস্কের আঞ্চলিক প্রতিযোগিতা

লিবিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মিসর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে নিজের সীমান্ত নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বলে বিবেচনা করে। অন্যদিকে তুরস্ক পশ্চিম লিবিয়ার রাজনৈতিক ও সামরিক পক্ষগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রেখেছে।

পূর্বাঞ্চলের পার্লামেন্টের সঙ্গে আরও পূর্বানুমানযোগ্য সম্পর্ক মিসরের জন্য সুবিধাজনক হতে পারে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে আল-আবিদির পূর্ববর্তী সংসদীয় যোগাযোগ আঞ্চলিক সম্পর্ক পরিচালনায় নতুন সুযোগ তৈরি করতে পারে।

তবে এসব সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে নতুন স্পিকার কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং লিবিয়ার বৃহত্তর রাজনৈতিক সমঝোতার জন্য কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন তার ওপর।

নেতৃত্ব পরিবর্তনের প্রকৃত পরীক্ষা

লিবিয়ার নতুন পার্লামেন্টারি নেতৃত্বের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে নতুন স্পিকার নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্ক, পার্লামেন্টের স্বাধীনতা বজায় রাখা, রাষ্ট্রীয় অর্থের স্বচ্ছ ব্যবহার এবং জাতিসংঘ-সমর্থিত নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।

শুধু নিয়মিত পার্লামেন্ট অধিবেশন আয়োজন করলেই প্রতিষ্ঠানটির কার্যকর স্বাধীনতা প্রমাণিত হবে না। বরং বাজেট ও পুনর্গঠন প্রকল্পের ব্যয় যাচাই, চুক্তি প্রকাশ, নিয়মের ধারাবাহিক প্রয়োগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়েই নতুন নেতৃত্বের প্রকৃত ভূমিকা মূল্যায়ন করা সম্ভব।

লিবিয়ার সংকট দীর্ঘায়িত হওয়ার পেছনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ এবং সেখান থেকে পাওয়া আর্থিক ও রাজনৈতিক সুবিধার বড় ভূমিকা রয়েছে। নতুন স্পিকারের উত্থান পূর্বাঞ্চলের ক্ষমতাকাঠামোকে আরো সংহত করবে, নাকি পার্লামেন্টকে জাতীয় সমঝোতার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলবে—তা এখনো নিশ্চিত নয়।

শেষ পর্যন্ত আল-আবিদির নেতৃত্বের সাফল্য নির্ভর করবে তিনি সামরিক-রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে পার্লামেন্টের স্বাধীনতা রক্ষা করতে পারেন কি না এবং বিভক্ত লিবিয়ার জন্য গ্রহণযোগ্য নির্বাচনী ও রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে পারেন কি না, তার ওপর। >> আরব নিউজ

জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিবিয়ায়

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

আল-জাজিরাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ রাখার ঘটনায় পাঁচটি টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। নেটওয়ার্কগুলো ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন বা প্রতিযোগিতাবিরোধী আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত মাসে হোয়াইট হাউস তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করার পর টেলিভিশন নেটওয়ার্কগুলো প্রেসিডেন্টের সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছিল।

বিচার বিভাগের মুখপাত্র এমিলি কনভিংটন গত শনিবার এ তদন্তের কথা জানান। তদন্তের আওতায় রয়েছে এবিসি, সিবিএস, সিএনএন, এনবিসি ও ফক্স নিউজ।

তিনি বলেন, বাণিজ্যিক প্রতিযোগীদের মধ্যে সম্মিলিতভাবে কোনো প্রতিষ্ঠানকে বর্জন করা হলে তা শেরম্যান অ্যাক্টের লঙ্ঘন হতে পারে। এই আইন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে।

কনভিংটন বলেন, এসব সংবাদমাধ্যম অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে কি না, তা নির্ধারণ করতেই বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগ তদন্ত করছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বড় সংবাদমাধ্যমগুলোর চলমান বিরোধের মধ্যে এ তদন্ত নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্প নিয়মিত মূলধারার সংবাদমাধ্যমগুলোকে ‘ভুয়া খবর’ বলে আক্রমণ করেন। সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সংবাদ সম্মেলন ও সরাসরি আলাপেও তাকে প্রায়ই বিরোধে জড়াতে দেখা যায়।

এ তদন্তের ফলে প্রশাসনের সঙ্গে মতবিরোধ থাকলেও প্রেসিডেন্টের সংবাদ প্রচার চালিয়ে যাওয়ার জন্য সংবাদমাধ্যমগুলোর ওপর আইনি চাপ তৈরি হতে পারে। এর পাশাপাশি আর্থিক ঝুঁকিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তদন্তের ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট টেলিভিশন নেটওয়ার্কগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত মাসে হোয়াইট হাউস সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের সুযোগ থেকে বাদ দেয়। এর প্রতিবাদে পাঁচটি সম্প্রচারমাধ্যমের সমন্বয়ে গঠিত টেলিভিশন পুল প্রেসিডেন্টের সংবাদ প্রচার বন্ধ করে দেয়।

গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস বলেছিল, প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের সুযোগ কোনো অধিকার নয়, বরং একটি ‘সুযোগ’। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, সাংবাদিকদের বাদ দিয়ে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করেছে। পাশাপাশি প্রশাসনের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের কারণে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করে তারা।

সিএনএন ছাড়াও এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি হোয়াইট হাউসের প্রধান টেলিভিশন সংবাদ সংগ্রহকারী দলের অংশ। এই পাঁচটি নেটওয়ার্ক প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের ব্যয় ভাগাভাগি করে। তারা পালাক্রমে সংবাদ সংগ্রহের আয়োজন করে এবং সংগৃহীত ভিডিও ফুটেজ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেয়।

হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে প্রবেশাধিকার হারানোর প্রতিবাদে পাঁচটি নেটওয়ার্কই একযোগে প্রেসিডেন্টের সংবাদ প্রচার স্থগিত করে। এমনকি অন্য কোনো সংবাদমাধ্যমের মাধ্যমে বিকল্প ফুটেজ সরবরাহ করতেও তারা অস্বীকৃতি জানায়। এই পাঁচ নেটওয়ার্কের মধ্যে ট্রাম্পের প্রতি তুলনামূলকভাবে অনুকূল অবস্থানের জন্য পরিচিত ফক্স নিউজও ছিল।

পরে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক টিমোথি কেলি সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রায় দেন। তিনি প্রশাসনকে অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার ফিরিয়ে দিতে এবং পুনর্বহাল করতে নির্দেশ দেন। এর পর ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সাংবাদিকদের সেই প্রবেশাধিকার ফিরিয়ে দেয়।

তবে প্রেসিডেন্টের নির্দিষ্ট অনুষ্ঠানগুলোতে সাংবাদিকদের প্রবেশ এবং সংবাদ সংগ্রহের দায়িত্ব বণ্টন নিয়ে বিরোধ পুরোপুরি মেটেনি।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) আমেরিকা অঞ্চলের পরিচালক হোসে জামোরা শনিবার বিচার বিভাগের তদন্তের সিদ্ধান্তের সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, সংবাদমাধ্যমগুলো সংবাদ সংগ্রহের সুযোগ রক্ষায় অবস্থান নিলে তাদের ভয় দেখানোর জন্য সরকারের অ্যান্টিট্রাস্ট তদন্ত ব্যবহার করা উচিত নয়। জনগণের জানার অধিকার এই প্রবেশাধিকারের ওপর নির্ভর করে।

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি

আল-জাজিরাঃ গাজায় ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের হত্যা, আটক ও নির্যাতন এবং হাসপাতাল ধ্বংসের ঘটনায় ইসরাইলি চিকিৎসক সমিতির বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগে বিশ্ব চিকিৎসা সমিতি (ডব্লিউএমএ) থেকে ইসরাইলি মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সদস্যপদ স্থগিতের দাবি জানিয়েছেন শত শত চিকিৎসক।

শনিবার নেদারল্যান্ডসের রটারডামে ডব্লিউএমএর সম্মেলনস্থলের বাইরে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ৮১ জন স্বাস্থ্যকর্মী তাদের চিকিৎসকদের পোশাক খুলে রেখে দেন। প্রতিটি পোশাকে লেখা ছিল ইসরাইলের বেআইনি আটকাদেশে থাকা একজন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীর নাম। ‘আইএমএ আউট!’ জোটের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর নির্যাতন ও গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের ঘটনায় নীরব থেকে আইএমএ চিকিৎসা নীতিমালা লঙ্ঘন করছে।

চিকিৎসক মেজরেম আহমেতাজ বলেন, তার সহকর্মীদের কারাগারে নয়, রোগীদের পাশে থাকার কথা। তার এ বক্তব্যে আটক ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের মুক্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠে আসে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে ১ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে প্রায় সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র। ‘আইএমএ আউট!’ জোটের অভিযোগ, ফিলিস্তিনের স্বাস্থ্যব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হলেও আইএমএ এর নিন্দা জানায়নি। বরং সংগঠনটি ইসরায়েলের হামলাকে সমর্থন করেছে এবং এ বিষয়ে নিন্দা প্রস্তাব ঠেকানোর চেষ্টা করেছে বলে দাবি করেছে জোটটি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক চিকিৎসক, চিকিৎসা খাতের নেতা ও মানবাধিকারকর্মীরা এক বৈঠকে ফিলিস্তিনের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস এবং এ পরিস্থিতিতে আন্তর্জাতিক চিকিৎসা সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দেওয়া বক্তব্যে চিকিৎসক জোনাথন ফ্লাক্সম্যান বলেন, ফিলিস্তিনি চিকিৎসকদের হত্যা ও কারাবন্দি করা হচ্ছে। তাদের অনাহারে রাখা ও নির্যাতন করা হচ্ছে। হাসপাতাল ধ্বংস করা হচ্ছে; রোগীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় আইএমএ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

ফ্লাক্সম্যানের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে আইএমএর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ায় সংগঠনটি জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এখন জাতীয় চিকিৎসক সংগঠন ও ডব্লিউএমএর উচিত এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়া, আইএমএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং সংগঠনটির সদস্যপদ স্থগিত করা।

‘আইএমএ আউট!’ জোট জানিয়েছে, তাদের আবেদনে ৬ হাজার ৫০০-এর বেশি স্বাস্থ্যকর্মী স্বাক্ষর করেছেন। সেই আবেদন ডব্লিউএমএর কাছে জমা দেওয়া হয়েছে। ইসরাইলি চিকিৎসকদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখা, নির্যাতন এবং চিকিৎসা না দেওয়ার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানিয়েছে জোটটি।

বিক্ষোভকারীরা গাজার কামাল আদওয়ান হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিও জানান। তাকে বেআইনিভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাকে অল্প সময়ের জন্য ইসরাইলের সেদে তেইমান আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে তার ওপর নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগও উঠেছে।

হুসাম আবু সাফিয়ার ছেলে ইলিয়াস বলেন, চিকিৎসা নীতিমালা ও হিপোক্রেটিক শপথ অনুযায়ী সব ফিলিস্তিনি বন্দীর চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। কার জীবন বেশি মূল্যবান বলে বিবেচিত হচ্ছে, তার ভিত্তিতে চিকিৎসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না।

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি
ছবি: আল-জাজিরা

শাহরুখ–পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী

প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৫ঃ আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ নিয়ে যখন চারদিকে আলোচনা, তখনই আলোচনায় এসেছেন অভিনেত্রী অন্যা সিং। সিরিজে তিনি সান্যার চরিত্রে অভিনয় করেছেন, যিনি ছিলেন সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা লক্ষ্যর ম্যানেজার। কাহিনির মূলে রয়েছে এক বহুল আলোচিত তিন ছবির চুক্তি—যা কারও জন্য সৌভাগ্যের টিকিট, আবার কারও জন্য দমবন্ধ করা ফাঁদ। মজার বিষয় হলো, অন্যা নিজেও একসময় একই ধরনের চুক্তির ফাঁদে আটকে পড়েছিলেন। তবে সিরিজে তাঁর অভিনয়ের প্রশংসার পাশাপাশি আলোচনায় রয়েছে একটি বিতর্কিত চুম্বন দৃশ্যও।

যশ রাজের নতুন মুখ থেকে হারিয়ে যাওয়া নায়িকা
২০১৬ সালে যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) তাঁকে নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তিন ছবির চুক্তিতে সইও করানো হয়। ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

ফলে বাকি দুটি ছবি আর আলোর মুখ দেখেনি। ধীরে ধীরে অন্যা হয়ে ওঠেন প্রান্তিক চরিত্রের অভিনেত্রী। প্রায় এক দশক শিল্পে সক্রিয় থাকলেও তাঁকে দেখা গেছে ছোটখাটো ভূমিকায়—যেমন ‘খো গয়ে হাম কাহাঁ’ কিংবা সাম্প্রতিক ‘স্ত্রী ২’-এ।

নতুন আলোয় অন্যা
‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর সাফল্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি। দর্শক-সমালোচকেরা বলছেন, অন্যা এবার নিজের অভিনয়প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু ব্যর্থ নায়িকার তকমায় আটকে থাকার মতো নন।

সিরিজে নিজের অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়া নিয়ে অন্যা বলেন, ‘আমি অভিভূত। সবকিছুই এখন পর্যন্ত দারুণ। খুব ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকে আমাকে চুম্বনের দৃশ্যটি নিয়ে প্রশ্ন করেছেন। মোটের ওপর দর্শকেরা বেশ মজা পেয়েছেন, হাসি পেয়েছে তাঁদের। আমি ভীষণ খুশি।’ দৃশ্যটি মজাচ্ছলে তুলে ধরা হলেও অভিনেত্রী মনে করেন, সংবেদনশীল বিষয় তুলে ধরার জন্য এটাই ভালো উপায়। তাঁর ভাষায়, ‘কমেডি অনেক সময় বার্তা পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম। সরাসরি বলা যায়, কিন্তু সেটা সেভাবে গ্রহণ হয় কি না, সন্দেহ আছে। হাস্যরসের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বলা যায়। এতে কারও ক্ষতি হয় না, আবার মানুষও ভালোভাবে গ্রহণ করে। এটা আসলে ব্যক্তিগত পছন্দ এবং সেই পছন্দকে সম্মান জানানো জরুরি।’

দৃশ্যের আগে নার্ভাস অন্যা
সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী স্বীকার করলেন, দৃশ্যটি শুট করার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন। কয়েকবার পরিচালক আরিয়ান খানকে জিজ্ঞেসও করেছেন, দৃশ্যটি আদৌ দরকারি কি না। অন্যা বলেন, ‘যেকোনো ঘনিষ্ঠ দৃশ্যই একজন অভিনেতার জন্য দারুণ নার্ভাস করার মতো ব্যাপার। যতবারই করবেন, প্রতিবারই একটা অস্বস্তি থাকে। সহশিল্পীরও আলাদা নার্ভাসনেস থাকে।’

সহশিল্পীর ভরসা
তাঁর সহশিল্পী ছিলেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি আগে কখনো ক্যামেরার সামনে এমন দৃশ্যে কাজ করেননি। অন্যা স্মরণ করেন, ‘আমি ভীষণ ভয়ে ছিলাম, কিন্তু যখন দেখি সে কাঁপছে আমি বরং ওকে সামলাতে শুরু করি। সেই মুহূর্তে আমার ভয়টা কেটে যায়।’

নিরাপদ সেটে স্বস্তি
অন্যা কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেটের নিরাপদ পরিবেশের জন্য। ‘যেকোনো সেটে এমন পরিবেশ থাকা জরুরি, যেখানে অভিনেতা নিরাপদ মনে করে কাজ করতে পারেন। সেটাই সবচেয়ে বড় বিষয়। আমরা সেটে খুব স্বচ্ছন্দে ছিলাম, তাই দৃশ্যটা ভালোভাবে করতে পেরেছি,’ বলেন তিনি।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-09-25%2Ff7al5kho%2Fanyasinghofficial17071409483296059627374665122522366401.jpg?rect=142%2C0%2C1215%2C810&w=622&auto=format%2Ccompress&fmt=avif
অন্যা সিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দেওয়ার পর প্রাণীটির হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার পর ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, খাঁচায় ঢোকার পর বাঘটি ওই ব্যক্তির ওপর হামলা চালায় এবং গুরুতর আহত করে। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে খাঁচার ভেতরে বাঘটিকে ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। তবে পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুরোধ, হামলার এসব দৃশ্য কেউ যেন আর ছড়িয়ে না দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর বাঘটি আহত হয়নি এবং খাঁচার ভেতরেই ছিল। এ ঘটনায় চিড়িয়াখানার অন্য দর্শনার্থীদের জন্যও কোনো ঝুঁকি নেই।

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক এক বিবৃতিতে জানিয়েছে, খাঁচার ভেতরে একটি গুরুতর ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে জরুরি ব্যবস্থা চালু করা হয় এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

২০০৯ সালে চালু হওয়া এই চিড়িয়াখানায় ২০১১ সালে ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামে বাঘের জন্য বিশেষ এলাকা খোলা হয়। প্রায় দুই একর আয়তনের এই সংরক্ষিত এলাকায় বিপন্ন আমুর প্রজাতির বাঘ রাখা হয়। বন্য পরিবেশে এই প্রজাতির প্রায় ৫০০ বাঘ টিকে আছে বলে ধারণা করা হয়।

ইয়র্কশায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং একজন চিকিৎসকসহ জরুরি সেবার একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক খালি করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ছবি: চার্লি অ্যাটকিনস/এসডব্লিউএনএস
যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক খালি করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ছবি: চার্লি অ্যাটকিনস/এসডব্লিউএনএস

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিত পথে বের হওয়ার চেষ্টা করার সময় সাগরের মাইনে আঘাত লেগে একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, ট্যাংকারটি চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্ত করার নেভিগেশন ও অবস্থান নির্ধারণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। তবে জাহাজটির নাম, মালিকানা বা অন্য কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার আইআরজিসি সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে চলা জাহাজ চলাচলকারী কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তেহরান যেসব নৌপথকে অননুমোদিত বলে বিবেচনা করে, সেসব পথে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেয় তারা।

হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ওই জলপথের কাছে তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা, হামলার চেষ্টা বা হয়রানির অন্তত ১২টি ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। গত ২৩ জুলাইয়ের পর এক দিনে এটিই ছিল সবচেয়ে কম জাহাজ চলাচলের ঘটনা।

যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন প্রায় ২৬ শতাংশ কমে দৈনিক ১ কোটি ১০ লাখ ব্যারেলের কাছাকাছি নেমে এসেছে।

সূত্র: শাফাক নিউজ

ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া
ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি রয়েছেন।

শনিবার এক বিবৃতিতে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে আরও রয়েছেন একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানীয়, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক। ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় বড় আঘাত হেনেছে। রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসার কেন্দ্রে পরিণত করতে চান তিনি।

এসব হামলায় আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আল-বুখাইতি বলেন, হুতিরা এই হামলা চালিয়েছে ‘যেন বিশ্ব বুঝতে পারে ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিয়ের অনুষ্ঠান ও শোকসভার হল, হাসপাতাল এবং বাজার বেসামরিক স্থাপনায় হামলা চালানো বা ক্ষতি করা উচিত নয়। ইয়েমেনের এসব স্থাপনার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, বিশ্বের অন্য কোথাও একই ধরনের স্থাপনার ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য হতে হবে।’

হামলার বিষয়ে সৌদি আরবের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে দ্য নিউইয়র্ক টাইমস-এর একজন প্রতিবেদক বিমানবন্দরের দিকে অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন। এ সময় পুলিশ বিমানবন্দরে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল।

তথ্যসূত্র : আলজাজিরা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তেল আমদানি: এবার ট্রাম্পের ভরসা পুতিন

ইউক্রেনে হামলার কারণে একদিকে রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, অন্যদিকে আমেরিকায় জ্বালানির দাম হু হু করে বাড়ছে। এমন এক পরিস্থিতির মধ্যেই মার্কিন রাজনীতিতে বড় একটি ঘটনা ঘটে গেল। সামনে নভেম্বরের নির্বাচনকে ঘিরে চাপের মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমেরিকা ও বিশ্ববাজারে ডিজেল পাঠাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়া; কিন্তু বিশ্বরাজনীতির এই মারপ্যাঁচে আসল জয় কার? জ্বালানির এই বিপুল ঘাটতি কি সত্যিই মিটবে, নাকি এর নেপথ্যে রয়েছে শুধুই ভোটের রাজনীতির মারপ্যাঁচ? মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এবং অন্যদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত; এই দুই আন্তর্জাতিক সংঘাত মিলে পুরো বিশ্বকে এক অভূতপূর্ব জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ প্রায় স্তব্ধ হওয়ার জোগাড়।

সংকটের আঁচ সবচেয়ে তীব্রভাবে গিয়ে পড়েছে মার্কিন অর্থনীতিতে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম রেকর্ড ৬ দশমিক ৫২ ডলারে গিয়ে ঠেকে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। আর এতেই ট্রাম্প প্রশাসনের ওপর নেমে এসেছে তীব্র রাজনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রে কৃষিকাজ ও পণ্য পরিবহনের মূল চালিকাশক্তি হলো ডিজেল। মূল্যস্ফীতি আর জ্বালানির চড়া দামে সাধারণ আমেরিকানদের ক্ষোভ যখন তুঙ্গে, তখন আগামী নির্বাচনে রিপাবলিকান ঘাঁটিতেও হারের সুর বাজছে।

ভোটের লড়াইয়ে টিকতে ট্রাম্পের দ্রুত একটি সমাধান দরকার ছিল। ফলে হোয়াইট হাউসে বসে ইউক্রেনের হামলা বন্ধের আকুতি জানানোর পাশাপাশি ট্রাম্প হাত বাড়ালেন মস্কোর দিকে।

সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, পুতিনের সঙ্গে এক সফল আলোচনার পর রাশিয়া অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে রাজি হয়েছে। পর্যায়ক্রমে আরও লাখ লাখ টন ডিজেল পাঠাবে মস্কো। ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে ট্রাম্প বেশ খোলামেলাই স্বীকার করেন, আমাদের দেশে প্রচুর তেল দরকার, আর এটি ঠিক সেই ডিজেল যা আমরা চেয়েছিলাম।

যেখানে আমেরিকা বছরের পর বছর ধরে রাশিয়াকে একঘরে করার নীতি ছড়িয়েছে, সেখানে ট্রাম্পের এই আকস্মিক সমঝোতা বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে। ফ্লরিডায় যখন যুদ্ধ থামানোর বিষয়ে ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক চলছিল, ঠিক তখনই এই ঘোষণা আসে।

সংবাদটি শোনার পরই ক্ষোভ উগরে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সমঝোতাকে ‘শক্তিশালী অংশীদারদের এক দুর্বল সিদ্ধান্ত’ উল্লেখ করে তিনি সতর্ক করেন, এটি রাশিয়ার হাতকেই শক্তিশালী করবে এবং ইউক্রেনে তাদের রক্তক্ষয়ী যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।

অন্যদিকে, ইউরোপীয় দেশগুলো বিগত চার বছর ধরে নিজেদের রাশিয়ান তেলের নির্ভরতা থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। ফলে নৈতিকতার জায়গা থেকে ইউরোপ আদৌ এই রুশ ডিজেল গ্রহণ করবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রশ্ন তৈরি হয়েছে।

চুক্তি হলেও এর বাস্তবতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার নিজস্ব তেল শোধনাগারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে খোদ রাশিয়াকেই জুলাই মাস থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে হয়েছিল। এমনকি গত কয়েক মাসে রাশিয়াকে অন্য দেশ থেকে জ্বালানি আমদানি পর্যন্ত করতে দেখা গেছে।

এবার ট্রাম্পের ভরসা পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি।

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলারও সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট আরও বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর বিষয়ে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে বৈশ্বিক ডিজেল সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কায় রুশ তেল শোধনাগারগুলোতে হামলা না চালাতে কিয়েভকে বারবার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ‘ঐতিহাসিক’ ও ‘তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেন। তার মতে, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দেবে।

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধের অন্যতম কারণ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এসব হামলা বন্ধ করতে ওয়াশিংটন একাধিকবার কিয়েভকে অনুরোধ করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার কারণে দেশটিতে জ্বালানির দাম বাড়ছে।

এর মধ্যেই রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। ৯ অক্টোবর জারি করা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাধারণ লাইসেন্স ১৩৫ অনুযায়ী, রাশিয়ায় উৎপাদিত ডিজেল কেনাবেচাসংক্রান্ত লেনদেন ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত অনুমোদিত হয়েছে।

সূত্র: শাফাক নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়

প্রকাশ ০১ ডিসেম্বর ২০২৫ঃ ‘তুমি বরুণা হলে হব আমি সুনীল’ দিয়ে মূলধারায় আত্মপ্রকাশ আর শ্রোতৃপ্রিয়তা। ‘মেঘ হয়ে কাঁদো বলে’, ‘মালিক রব্বানা’ কিংবা ‘কত কাছে তোমার’ গানগুলোও পরে সাড়া ফেলেছে। দীর্ঘদিন অনিয়মিত থাকার পর নতুন উদ্যমে ফিরছেন মাহাদী ফয়সাল। বছর শেষে আসছে নতুন গান, নজরুলসংগীত নিয়েও রয়েছে পরিকল্পনা। তাঁর আরও খোঁজখবর করলেন নাজমুল হক

১৯৯৫ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ভক্তিমূলক গানে জাতীয় পর্যায়ে তৃতীয় হন মাহাদী। পরের বছর জাতীয় শিক্ষা সপ্তাহে লোকগীতে প্রথম। ২০০৫ সাল বন্ধু ও শিক্ষকদের উৎসাহে ‘ক্লোজআপ ওয়ান’-এ নাম লেখান। একে একে বেশ কটি পর্ব পেরিয়ে জায়গা করে নেন সেরা এগারোতে। যদিও সেরা দশে থেমে গিয়েছিল যাত্রা, তবে তত দিনে দেশজুড়ে পরিচিতি পেয়ে যান মাহাদী। নিজ শহরে পোস্টারিং, ভক্তদের উচ্ছ্বাস—এসবই ছিল জীবনের স্মরণীয় মুহূর্ত।

কাভার গান নিজের গান
‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার পর শুরু হয় কনসার্ট নিয়ে ব্যস্ততা। ২০০৭ সালে গানচিল মিউজিক থেকে প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘বন্দনা’। আসিফ ইকবালের লেখা ও প্রিন্স মাহমুদের সুরে ‘সুনীল-বরুণা’ তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ‘ক্লোজআপ ওয়ানে পরিচিতি এসেছিল গান কাভার করে, কিন্তু “সুনীল-বরুণা” আমাকে নিজের গান দিয়েই পরিচিত করেছে,’ বলেন মাহাদী।

২০০৯ সালে এলিটার সঙ্গে ডুয়েট অ্যালবাম অন্তহীন। ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো দিয়ে মাহাদী-এলিটা জুটি জনপ্রিয়তা অর্জন করে। কনসার্টেও ব্যস্ততা বাড়তে থাকে। ২০১১ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘অন্যরকম’, আর ২০১৫ সালে এলিটার সঙ্গে ‘চল অন্তহীন’।

গান থামেনি
আস্তে আস্তে অডিও ইন্ডাস্ট্রি বদলে যায়, কমতে থাকে অ্যালবামের সংখ্যা। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একক ট্র্যাক প্রকাশ করতে শুরু করেন মাহাদী। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ব্যানারে একের পর এক গান প্রকাশিত হতে থাকে। করোনাকালেও থেমে থাকেননি তিনি। প্রায় তিন শ তারকাকে নিয়ে ‘এসো সবাই’ শিরোনামের মোটিভেশনাল গানে কণ্ঠ দেন। গানটির নির্বাহী প্রযোজকও তিনি। গানচিলের ব্যানারে আসে ‘যখন যুদ্ধে আছি’। এরপর প্রকাশ পায় ‘কেউ বোঝে তো কেউ বোঝে না’, যা লিখেছেন আসিফ ইকবাল, সুর দিয়েছেন মিনার রহমান। ইমন চৌধুরীর সুর ও আসিফ ইকবালের কথায় চলতি বছর প্রকাশ পেয়েছে নতুন গান ‘কত কাছে তোমার’।

মাহাদী বলেন, ‘অনেকে ভাবেন আমি বিরতিতে ছিলাম, আসলে সব সময়ই কাজ করেছি। তবে সংখ্যার চেয়ে ভালো গানের দিকেই মনোযোগ দিয়েছি। শ্রোতাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা ছিল সব সময়।’

কেমন আছেন
গানের ভুবনের বাইরে মাহাদী একজন পুরোদস্তুর করপোরেট চাকরিজীবী। ২০১০ সালে আরিফা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা যুয়েনা ফাতিহা। বর্তমানে পরিবার নিয়ে ঢাকাতেই আছেন মাহাদী ফয়সাল।
চলতি বছরের শেষ নাগাদ আরও একটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। সব প্রস্তুত, কেবল রেকর্ডিং বাকি। পাশাপাশি নজরুলসংগীত নিয়ে কয়েকটি নতুন প্রকল্পেও ব্যস্ত সময় যাচ্ছে। নতুন গান, পুরোনো অভিজ্ঞতা আর নিজস্ব ছন্দ—এবার সত্যিই ফিরছেন মাহাদী।

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-11-30%2F70vjfj49%2FA63I9740.JPG?rect=472%2C0%2C3266%2C2177&w=622&auto=format%2Ccompress&fmt=avif
মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন