Showing posts with label বিদ্যুৎ ও জ্বালানি. Show all posts
Showing posts with label বিদ্যুৎ ও জ্বালানি. Show all posts

Friday, October 2, 2026

সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা by জিয়াউল হক মিজান

দোকানে লাইন ধরে সাজানো এলপিজি সিলিন্ডার। বিক্রেতার দাবি, বেশির ভাগই খালি। কিছুতে গ্যাস থাকলেও সেগুলো বিক্রির জন্য নয়; অর্ডারের মাল, শুধু ডেলিভারির অপেক্ষা। তবে প্রতি সিলিন্ডারে ৫০০ থেকে হাজার টাকা বাড়তি দিলেই পাঁচ মিনিটে মিলছে গ্যাসভর্তি সিলিন্ডার। পাশের গুদাম থেকে এনে রিকশায় তুলে দেওয়া হচ্ছে ক্রেতার হাতে।

অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলছেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। আমদানিকারকেরাও মন্ত্রীর সঙ্গে বৈঠকে সরবরাহে ঘাটতি নেই বলে জানিয়েছেন। ফলে গৃহস্থালি ও রান্নার অন্যতম প্রধান জ্বালানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে বাজারে একধরনের লুকোচুরি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমদানিকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তার প্রতিফলন নেই। একদিকে পাইপলাইনের গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে বোতলজাত গ্যাসের বাজারে এই অরাজকতাÑসব মিলিয়ে রান্নার জ্বালানি নিয়ে চরম সংকটে পড়েছেন কোটি কোটি গ্রাহক। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডারে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে।

বিইআরসি নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজির একেকটি সিলিন্ডার ১,৫৮৫ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বিক্রি হচ্ছে ২,২৫০ থেকে ২,৫০০ টাকায়। কোনো কোনো দোকানে ৩ হাজার টাকা চাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। খুচরা দোকানে ৩৫ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ৫,৩৫০ থেকে ৫,৮০০ টাকায়। যদিও সরকার নির্ধারিত দাম ৪,৬২৪ টাকা। ৫,৯৪৫ টাকার ৪৫ কেজির সিলিন্ডার দোকানিরা বিক্রি করছেন ৬,৭৫০ থেকে ৭,০০০ টাকায়। ১,৯৮২ টাকা নির্ধারণ করে দেওয়া ১৫ কেজির একেকটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫৫০ থেকে ৩,০০০ টাকায়। খুচরা বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, বাড়তি দামে এলপিজি বিক্রির বিষয়টি সবপক্ষই জানেন কিন্তু মুখে স্বীকার করছেন না। সরকারের বিরাগভাজন হওয়ার ভয়ে আমদানিকারকরা বলছেন, আমদানি ও সরবরাহে ঘাটতি নেই। অথচ অনেক আমদানিকারক এলপিজি আমদানির সিডিউলই নিশ্চিত করতে পারছেন না।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে এলপিজি আমদানিতে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে কয়েকগুণ বেড়েছে জাহাজ ভাড়া। ফলে বেশি দাম দিয়েও অনেক ক্ষেত্রে এলপিজি কার্গো পাওয়া যাচ্ছে না। ফলে বেশকিছু আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি বন্ধ রেখেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক আমদানিকারক বলেন, এলপিজির মূল্য নির্ধারণের সময় বিইআরসি টনপ্রতি ১৬০ ডলার প্রিমিয়াম ধরে হিসাব করেছিল। বর্তমানে তা বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে উঠেছে। বাড়তি ব্যয় সমন্বয় করতে না পারায় কেউ কেউ আমদানি কমিয়ে দিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ নৌপথে একই সময়ে জটিলতা তৈরি হওয়ায় পর্যাপ্ত কার্গো পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা প্রতিষ্ঠানগুলোরও কেউ কেউ চুক্তির পুরো পরিমাণ পণ্য পাচ্ছে না।

তবে গত সোমবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় এলপিজি অপারেটররা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। আশ্বাসের পক্ষে গতকাল তারা একটি বিবৃতিও দিয়েছেন। যদিও এ বিষয়ে কথা বলতে চাইলে ফোন ধরেননি কোনো নেতা।

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। বিদ্যুৎমন্ত্রীর সভাপতিত্বে সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, গত আগস্টে এক লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে এক লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি আমদানি করা হয়। আমদানিকারক ও অপারেটররা দেশের জোগান ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন।

দেশে প্রায় এক কোটি গ্রাহক এলপিজি ব্যবহার করেন। এর প্রায় ৮০ শতাংশই যায় গৃহস্থালির রান্নায়। পরিবহন ও শিল্পকারখানায়ও এর ব্যবহার রয়েছে।

এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজির দাম ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরো ২১২ টাকা বাড়ানো হয়। তবে জুন ও জুলাইয়ে টানা দুই মাস দাম কমানো হয়। চলতি মাসের দাম নির্ধারণ করা হয় গত ২ সেপ্টেম্বর।

সংশ্লিষ্টদের আশঙ্কা, যেকোনো সময় বিইআরসি দাম পুনর্নির্ধারণ করতে পারে। এ আশঙ্কায় খুচরা বিক্রেতাদের কেউ কেউ বিক্রির চেয়ে মজুতের দিকে বেশি ঝুঁকছেন বলে সূত্র জানিয়েছে।

এদিকে, বাড়তি দামে এলপিজি বিক্রির বিষয়টি জানলেও এখনই কঠোর অভিযান চালাতে ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিইআরসির কর্মকর্তারা। তাদের আশঙ্কা, অভিযান চালানো হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিতে পারেন। এতে সরবরাহ আরো কমে সংকট বাড়তে পারে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, কয়েক দিন ধরে বাজারে এলপিজির বাড়তি দামের অভিযোগ পাওয়া যাচ্ছে। সংকটের সময় অভিযান চালানোর ঝুঁকি রয়েছে। খুচরা বিক্রেতারা দোকান বন্ধ করে দিলে সরবরাহ আরো কমতে পারে। আমদানি অব্যাহত রাখা নিয়েও শঙ্কা রয়েছে।

বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা

এদিকে দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক রয়েছে জানিয়ে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, পর্যাপ্ত সরবরাহের পরও বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি বা অবৈধ মজুত করা হলে সরকারের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক।

লোয়াব জানায়, গত সেপ্টেম্বর মাসে ১.৫৬ লাখ টন এবং আগস্ট মাসে ১.৫৮ লাখ টন এলপিজি আমদানি করা হয়েছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করেন বা নিয়মবহির্ভূতভাবে মজুত করেন, তবে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিং করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা বজায় রাখবে।

সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা
সিলিন্ডার

Sunday, July 12, 2026

রাতের তাপমাত্রা ব্যবহার করে তৈরি হবে বিদ্যুৎ by জাহিদ হোসাইন খান

রাতের আকাশ মানেই তারার ঝলক। রাত মানেই যেন পৃথিবীর বিশ্রাম। পরিষ্কার রাতে পৃথিবী নিঃশব্দে দিনের বেলা গ্রহণ করা সূর্যের তাপ মহাকাশে নির্গত করে। যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা পৃথিবীর স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া থেকে স্থিতিশীল শক্তি প্রবাহ তৈরি করার পরীক্ষায় সাফল্য পেয়েছেন। তাদের তৈরি করা একটি ছোট আউটডোর ইঞ্জিন রাতের আকাশকে একটি ঠান্ডা জলাধার হিসেবে ব্যবহার করে। যন্ত্রটি সারারাত ধরে উষ্ণ ও শীতল অংশের মধ্যে তাপমাত্রার একটি শক্তিশালী পার্থক্য বজায় রাখতে পারে। সেখান থেকে একটি ছোট পাখা চালানোর মতো বিদ্যুৎ সরবরাহ করা যায়।

এই যুগান্তকারী কাজের নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের বিজ্ঞানী জেরেমি ম্যান্ডে। সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়েছে। সাধারণভাবে রাতে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে তরঙ্গদৈর্ঘ্যের একটি স্বচ্ছ ব্যান্ড বরাবর তাপ মহাকাশে লিক হতে থাকে। এই ব্যান্ডটিকে প্রায়শই বায়ুমণ্ডলীয় জানালা বলা হয়। সেখানে বাতাস সবচেয়ে স্বচ্ছ থাকে। বিজ্ঞানীদের তৈরি যন্ত্রের নিচের প্লেটটি মাটির উষ্ণতাকে অনুসরণ করে।

যন্ত্রটিতে কয়েকটি প্লেট আছে। উষ্ণ ও শীতল প্লেটের মধ্যে প্রায় ১৮ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের একটি স্থির তাপমাত্রার পার্থক্য দীর্ঘ সময়ের জন্য থাকলে ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে প্রায় একবার ঘোরে। এতে উন্নত উপাদান ব্যবহার করে প্রতি বর্গমিটারে বেশ কয়েক ওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একটি পরীক্ষায় দেখা যায়, যন্ত্রটি সরাসরি একটি পাখা ঘোরাতে পারে। এ ছাড়া একটি ছোট মোটর যুক্ত করে পরিমিত বৈদ্যুতিক প্রবাহও তৈরি করতে পারে যন্ত্রটি। বিজ্ঞানী ম্যান্ডে বলেন, এই ইঞ্জিন খুব কার্যকর হয় যখন শুধু তাপমাত্রার পার্থক্য থাকে। যদি আপনি এটিকে কোন টেবিলের ওপর রাখেন, তবে এটি নিজে থেকে কোনো শক্তি উৎপাদন করবে না।

এই প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্টার্লিং ইঞ্জিন নামের একটি যন্ত্র। এটি বাহ্যিক তাপ ইঞ্জিন, যা আবদ্ধ গ্যাস ব্যবহার করে তাপমাত্রার পার্থক্যকে গতিতে রূপান্তরিত করে। দুটি পিস্টন ও একটি তাপ সঞ্চয়কারী রিজেনারেটর ব্যবহার করে উষ্ণ ও শীতল অঞ্চলের মধ্যে গ্যাস আদান-প্রদান করা হয় যন্ত্রটিতে। এর ফলে গ্যাস প্রসারিত হয়, তারপর সংকুচিত হয়। তখন ফ্লাইহুইল নামের বিশেষ চাকা ঘুরিয়ে শক্তি উৎপাদিত হয়। ভবিষ্যতে বিজ্ঞানীরা এই প্রযুক্তি গ্রিনহাউস বা ভবনে রাতের বেলা স্থিতিশীল বায়ু চলাচলের মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে ব্যবহার করতে আগ্রহী।

সূত্র: আর্থ

রাতের আকাশ
রাতের আকাশ। ছবি: আর্থ ডটকম

Thursday, February 5, 2026

মহেশখালীর মাতারবাড়ী: সিঙ্গাপুর বানানোর স্বপ্নের আড়ালে ভিন্ন গল্প by আবুল কালাম আজাদ

তেপ্পান্ন হাজার কোটি টাকার প্রকল্পের সীমানাদেয়ালের পাশে আক্ষরিক অর্থেই বস্তিতে পরিণত করা মহেশখালীর মাতারবাড়ী দ্বীপের পুষ্টিহীন রোগাক্রান্ত শিশুদের নির্লিপ্ত অসহায় চোখের দিকে তাকালে মনে হয়, এই মেগা প্রকল্প জনগণের অর্থের যথেচ্ছ অপচয়।

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের শুরুতে তৎকালীন প্রধানমন্ত্রীসহ সরকারের বড় বড় রাজনৈতিক নেতা বিরাট বিরাট প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ বলেছেন, মাতারবাড়ী হবে সিঙ্গাপুর, কেউ বলেছেন মালয়েশিয়া, কেউ বলেছেন সুইজারল্যান্ড। বিশেষ করে সিঙ্গাপুরের স্বপ্ন দেখানোর বিষয়টি বেশ উচ্চারিত হয়েছে। বলা হয়েছে, মাতারাবাড়ীর সবাই কাজ পাবেন, ভালো বেতনে কাজ পাবেন। আর লবণ চাষ করতে হবে না, চিংড়ি–কাঁকড়ার চাষ করতে হবে না, নদী-সাগরে মাছ ধরতে হবে না। ২১ ধরনের ক্ষতিপূরণের আওতায় সবাই ক্ষতিপূরণ পাবেন। মাতারবাড়ীতে গরিব থাকবে না।

এরপর মাতারবাড়ীর পশ্চিম উপকূলে গোল সূর্য বঙ্গোপসাগরের নীল জলে অপার সৌন্দর্য ছড়িয়ে বহুবার অস্তমিত হয়েছে। আর অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয়ে নেমে এসেছে মাতারবাড়ীর ঘরে ঘরে।

মাতারবাড়ী সত্যিই সিঙ্গাপুর হয়ে গেছে! মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের চার লেনের মসৃণ সংযোগ সড়ক দিয়ে নতুন ব্রিজ পার হয়ে সেলফি পয়েন্টে দাঁড়িয়ে কয়লাবিদ্যুৎকেন্দ্রের চিমনি থেকে বের হওয়া ধোঁয়া পেছনে রেখে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটা সিঙ্গাপুরসুলভ অনুভূতি পাওয়া যায়।

কোহেলিয়া নদী ভরাট করে চার লেনের চকচকে সড়কে এক-দেড় শ মাইল গতিতে গাড়ি চালিয়ে সুইজারল্যান্ডের অনুভূতি লাভ করা যায়। কয়লা জেটির পাশের কোনো দোকানে বসে চা–কফিতে চুমুক দিতে দিতে কয়লা খালাসকারী জাহাজ বা ক্রেন দেখে হয়তো কারও কারও মনে মালয়েশিয়ার অনুভূতি খেলা করতে পারে। কিন্তু মাতারবাড়ীর এক লাখ অধিবাসীর জীবনে এগুলো অভিশাপের মতো। কারণ, উন্নয়ন প্রকল্পের কারণেই তাঁদের জীবনে বস্তি নেমে এসেছে, দুনিয়ার নিকৃষ্টতম বস্তি। কাজ নেই, খাবার নেই, সম্মান নেই, জীবনের নিরাপত্তা নেই।

ডিসেম্বর মাস, লবণ চাষের ভরা মৌসুমে মাতারবাড়ীর মানুষের কোনো কাজ নেই। শুকনা মুখে অবসরের ক্লান্তি। অথচ দক্ষিণ-পূর্ব উপকূলের লবণ উৎপাদনকারী জনগোষ্ঠী এখন ভীষণ ব্যস্ত। লবণমাঠ প্রস্তুত করা থেকে শুরু করে নিয়মিত পরিচর্যা, লবণ জমিতে সাগরের পানি তোলা, এক প্লট থেকে আরেক প্লটে পানি সরবরাহ, লবণ স্তূপ করা, ওজন করা, বহন করে নৌকায় বা গোডাউনে নিয়ে যাওয়া, নৌকায় করে মোকামে নেওয়াসহ হাজার রকম কাজ। নারীদেরও এ সময় অবসর থাকে না—লবণমাঠের চাষির জন্য খাবার প্রস্তুত করা, মাঠে পৌঁছে দেওয়া, চাষের উপকরণ তৈরি করা ও মেরামত করা, লবণ বহনের ঝুড়ি বোনাসহ অনেক অনেক ব্যস্ততা।

অথচ লবণের মৌসুমে একসময় বাইরে থেকে শ্রমিক আসত মাতারবাড়ীতে কাজ করার জন্য। মাতারবাড়ী হিন্দুপাড়ার রমা দাসের (ছদ্ম নাম) স্বামী বছরখানেক আগে কক্সবাজারে একটি আবাসিক হোটেলে কাজ নিয়েছেন। কারণ, এখানে কোনো কাজ নেই। রমা দাস জানালেন, তাঁদের পরিবারের কোনো সদস্য এই প্রথম মাতারবাড়ীর বাইরে কাজের জন্য গিয়েছেন। বলতে বলতে লজ্জায় মুখ ঢাকলেন!

মাতারবাড়ী থেকে অভিবাসী হওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ সাময়িক কাজের সন্ধানে যাচ্ছেন, কেউ স্থায়ীভাবে মাতারবাড়ী ছেড়ে শহরের বস্তি, দূরের পাহাড় বা অন্য কোনো এলাকায় গিয়ে আশ্রয় নিচ্ছেন, কপর্দকশূন্য শ্রম বিক্রি করতে।

কক্সবাজার জেলার অপার সুন্দর পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার একটি ছোট্ট দ্বীপ মাতারবাড়ী। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই দ্বীপের লক্ষাধিক অধিবাসী বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী কোহেলিয়া নদীতে মৎস্য আহরণ, শুকনা মৌসুমে লবণ উৎপাদন, বর্ষাকালে চিংড়ি, কাঁকড়া ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি দ্বীপের ভেতরে ধান, সবজি ও অন্যান্য ফসলের চাষ তো হতোই। আর সব দ্বীপের মতোই এখানেও প্রচুর গবাদিপশু হতো। ফলে মাতারবাড়ী ছিল অর্থনৈতিকভাবে একটি স্বয়ংসম্পূর্ণ দ্বীপ এবং এখানকার অধিবাসীরা ছিলেন তুলনামূলকভাবে সচ্ছল।

মাতারবাড়ী দ্বীপ ইতিমধ্যেই দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র ও বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কারণে। তৎকালীন সরকার মাতারবাড়ী দ্বীপটিকে একটি পাওয়ার (বিদ্যুৎ) হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দিয়ে এই হাব গড়ে তোলা হবে। এরই অংশ হিসেবে ১২০০X২=২৪০০ মেগাওয়াট মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র ও ১৩২০ মেগাওয়াট কোহেলিয়া কয়লাবিদ্যুৎকেন্দ্রের নামে দুটি বৃহৎ কয়লাবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।

এই প্রকল্প দুটি বাস্তবায়ন করার জন্য প্রায় তিন হাজার একর ভূমি অধিগ্রহণ করা হয়। পাশাপাশি এই দ্বীপে একটি গভীর সমুদ্রবন্দর ও একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্যও বিপুল পরিমাণ ভূমি অধিগ্রহণ করা হয়। অবশ্য যে প্রক্রিয়ায় এসব জমি অধিগ্রহণ করা হয়, তাকে অধিগ্রহণ না বলে জবরদখল বলাই উত্তম। এসব জমি ছিল মাতারবাড়ীর মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস। লবণ, চিংড়ি ও কাঁকড়া চাষের জমি। পার্শ্ববর্তী কোহেলিয়া নদী ছিল মাছের আধার, জীবন-জীবিকার আরেক উৎস এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। পাশাপাশি অবারিত সাগরে মৎস্য আহরণ চলত ১২ মাস।

২০২১ সালে সরকার কোহেলিয়া কয়লাবিদ্যুৎকেন্দ্রটি বাতিল করে দেশের আরও ১০টি পরিকল্পনাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রের সঙ্গে। কিন্তু মাতারবাড়ী ২৪০০ মেগাওয়াটের মধ্যে প্রথম পর্যায়ের ১২০০ মেগাওয়াটের নির্মাণকাজ চলতে থাকে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আর্থিক ও কারিগরি সহায়তায় ছিল জাপানি আর্থিক প্রতিষ্ঠান জাইকা। নির্মাণকাজে জড়িত ছিল আরেক জাপানি প্রতিষ্ঠান সুমিটোমো করপোরেশন।

প্রকল্পটির মালিকানায় কয়লাবিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের লক্ষ্যে গঠিত, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। ২০২২ সালে দ্বীতিয় পর্যায়ের ১২০০ মেগাওয়াট প্রকল্পটিতে অর্থায়ন করতে অপারগতা প্রকাশ করে জাইকা। একই সঙ্গে সুমিটোমো করপোরেশন দরপত্রে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। ফলে এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ১২০০ মেগাওয়াট আর আলোর মুখ দেখেনি। কিন্তু এই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা প্রায় ১ হাজার ৫০০ একর ভূমি পুরোটাই ব্যবহার করছে ১২০০ মেগাওয়াটের মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রটি।

২০১৪ সালে মাতারবাড়ী প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্পের জমি অধিগ্রহণের আগে স্থানীয় মানুষের সঙ্গে যথাযথভাবে পরামর্শ করা হয়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়গুলোও তুলে ধরা হয়নি। সে সময় স্থানীয় মানুষ জমি অধিগ্রহণের বিরোধিতা করেছেন, আন্দোলন করেছেন। নারীরা ঝাড়ু হাতে মিছিল করেছেন, ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে।

প্রকল্পের মাটি ভরাটের কাজ শুরু হলে এই দ্বীপের পানি ব্যবস্থাপনায় ব্যবহৃত সব কটি (১১টি) স্লুইচগেট বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দ্বীপের ভেতরের প্রাকৃতিক পানি প্রবাহের সব ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। ২০১৭ সালের বর্ষাকাল থেকেই দ্বীপে জলাবদ্ধতা শুরু হয়। ২০১৮ সালে জলাবদ্ধতা চরম রূপ নেয়। সে সময় ১০ হাজারের বেশি পরিবার প্রত্যক্ষভাবে এবং পুরো দ্বীপের জনগোষ্ঠী পরোক্ষভাবে জলাবদ্ধতার কারণে ক্ষতির সম্মুখীন হন।

মাতারবাড়ী মূল সড়কটি পানির নিচে চলে যাওয়ার কারণে, মাতারবাড়ীবাসী একরকম বন্দিদশায় পর্যবসিত হন। স্থানীয় লোকজনের দাবির মুখে রাঙ্গাখালী খাল—যেটা কোহেলিয়া নদীর সঙ্গে দ্বীপের মূল পানিপ্রবাহের পথ—তার মুখে পাইপ বসিয়ে সাময়িক জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়। সুবিশাল কোহেলিয়া নদী এখন একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে।

মাতারবাড়ী প্রকল্পের নির্মাণকাজ শুরুর পর থেকেই কোহেলিয়া নদীতে মৎস্য আহরণ এবং ওই পথে সাগরে যাওয়ার ওপর বাধা প্রদান করতে শুরু করে প্রকল্প কর্তৃপক্ষ। নির্মাণকাজের বর্জ্যে নদী ভরাট হতে থাকে। পরবর্তী সময়ে নদীর ওপর দিয়ে নির্মাণ করা হয় প্রকল্পের সংযোগ সড়ক।

কোহেলিয়া নদীর ওপর নির্ভরশীল কয়েক হাজার জেলে পরিবার এখন বেকার, অস্তিত্বের সংকটে জীবন্মৃত। পাশাপাশি নদীকেন্দ্রিক মানুষের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই প্রক্রিয়ায় প্রথমেই মাতারবাড়ী দ্বীপের শক্তিশালী ও স্বতন্ত্র পানি ব্যবস্থাপনা ভেঙে দেওয়া হয়। যা মাতারবাড়ীর মতো দ্বীপের মানুষ ও প্রকৃতির টিকে থাকার প্রধান শর্ত। মাতারবাড়ীতে ভূগর্ভস্থ মিঠাপানির কোনো সংকট ছিল না। স্থানীয় মানুষ বলছেন, কয়লাবিদ্যুৎকেন্দ্র হওয়ার পর পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।

অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের অর্থ পেতে ভূমিমালিকদের কয়েক বছর লেগে গিয়েছিল। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে প্রকাশ পায় যে ক্ষতিপূরণের টাকা তোলার জন্য মাতারবাড়ী থেকে কক্সবাজার ভূমি অফিসে যাওয়া-আসা, রাতে থাকা, ফাইল এগোনোর জন্য নিয়মিত ঘুষ দিতে গিয়ে তাঁদের প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থের ৩০ শতাংশই অপচয় হয়েছে। আপত্তি মামলা থাকায়, এখনো কিছু ভূমিমালিক তাঁদের ক্ষতিপূরণের অর্থ পাননি।

প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হওয়া ৪০–৫০টি পরিবার তাদের পুনর্বাসনের বাড়ী পেয়েছেন উচ্ছেদ হওয়ার ছয়–সাত বছর পরে। এই পরিবারগুলোকে প্রকল্পে স্থায়ী কাজ দেওয়ার কথা থাকলেও কেউ তেমন কোনো কাজ পাননি। মাতারবাড়ীর মাত্র ১ হাজার ১০০ শ্রমিককে চিহ্নিত করে তাঁদের সামান্য কিছু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। সে টাকাও তাঁরা পেয়েছিলেন প্রকল্প শুরুর পাঁচ–ছয় বছর পর।

প্রকল্পের নির্মাণকাজ চলার সময়, বাইরের শ্রমিকের পাশাপাশি মাতারবাড়ীর লোকজনও এখানে শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটা চাহিদার তুলনায় ছিল নগণ্য। তার চেয়ে বড় কথা, প্রকল্পে যে ধরনের কাজে তাঁদের নিয়োগ দেওয়া হয়, সে ধরনের কাজে তাঁদের অভিজ্ঞতা ছিল না। প্রকল্পের নির্মাণকাজ শেষে, আবার তাঁরা বেকার হয়ে পড়েছেন। ভূমি ও কাজ হারানো মাতারবাড়ীর হাজার হাজার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মাতারবাড়ীর মানুষ তাঁদের জীবন–জীবিকার মূল উৎস ভূমি হারিয়েছেন কয়লাবিদ্যুৎ প্রকল্পে। মাথাগোঁজার ঠাঁই অবশিষ্ট জমিও এখন আর নিরাপদ নয়, বড় বড় কোম্পানি নানান ছলচাতুরী করে তা–ও কুক্ষিগত করছে।

মাতারবাড়ীর মানুষ ভয়ংকর বিপদে পড়েছেন। তাঁদের কোনো কাজ নেই। জীবিকার জমি হারিয়েছেন। কোহেলিয়ায় মাছ নেই, সাগরে মাছ ধরতে যেতে পারেন না, কয়লাবিদ্যুৎকেন্দ্র ও বন্দর কর্তৃপক্ষের বাধার কারণে। অনেক ঘুরে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার মতো বড় নৌকা তাঁদের নেই।

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র ২০২৪ সাল থেকে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। চিমনি দিয়ে অবিরাম কয়লা পোড়া ধোঁয়া নির্গত হয়। চিমনির নিচে লক্ষাধিক মানুষের জীবন অনিরাপদ রেখে, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে পৃথিবীর আর কোথাও এমন ঘনবসতিপূর্ণ এলাকায় এ রকম কয়লাবিদ্যুৎকেন্দ্র পাওয়া যাবে না।

পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে, জ্বালানি হিসেবে কয়লার যুগ শেষ হতে চলেছে। সম্পূর্ণরূপে আমদানিনির্ভর কয়লায় চালিত মাতারবাড়ী প্রকল্পও হয়তো, মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে। প্রকল্পটি ইতিমধ্যে কয়লা সরবরাহ না থাকায় ও যান্ত্রিক ত্রুটির কারণে একাধিকবার বন্ধ থেকেছে। চূড়ান্তভাবে পরিত্যক্ত হওয়ার আগে এই প্রকল্প মাতারবাড়ী প্রাণ-প্রকৃতি, জীবন–জীবিকা ও জাতীয় অর্থনীতির যা ক্ষতি করার, তা করে যাবে।

পরিহাস্যকর ব্যাপার হলো, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির কোনো মজুত না থাকা সত্ত্বেও জ্বালানি খাত গড়ে তোলা হয়েছে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিভিত্তিক। অন্যদিকে বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি উৎস থাকা সত্ত্বেও সেদিকে সরকারের তেমন নজর নেই।

মাতারবাড়ীর বাতাস এখন ভারী হয়ে উঠছে, অনিরাপদ হয়ে উঠছে খাওয়ার পানি, মিশে যাচ্ছে কয়লা পোড়া ছাই, সিসার মতো প্রাণঘাতী ভারী ধাতু। কোহেলিয়া পাড়ের বৃদ্ধ জেলে মোহাম্মদ আলী (ছদ্ম নাম) বলেন, ‘আমরা আর বেশি দিন এই দ্বীপে থাকতে পারবে না। বাপ-মা, দাদা-দাদির স্মৃতি ফেলে রেখে অচিরেই অজানার উদ্দেশ্যে পালাতে হবে।

* আবুল কালাম আজাদ, পরিবেশ ও উন্নয়নকর্মী
- মতামত লেখকের নিজস্ব

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের এই সড়কটি সাজানো হয়েছে নান্দনিকভাবে। যদিও এ সড়কের অতিরিক্ত নির্মাণব্যয় নিয়ে প্রশ্ন তৈরি হয়।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের এই সড়কটি সাজানো হয়েছে নান্দনিকভাবে। যদিও এ সড়কের অতিরিক্ত নির্মাণব্যয় নিয়ে প্রশ্ন তৈরি হয়। ছবি: প্রথম আলো

Saturday, January 17, 2026

জ্বালানি খাত: সংকট কাটাতে এলপিজি আমদানি করতে চায় বিপিসি by সুজয় চৌধুরী

সংকট কাটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ জন্য অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, এলপিজির পুরো বাজার বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটে সরকারের হস্তক্ষেপের সুযোগ সীমিত।

এলপিজি আমদানির অনুমতি চেয়ে ১০ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান। চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের এলপিজি বাজারে সরবরাহ–ঘাটতি ও মূল্যবৃদ্ধি ঘটেছে। তাতে কোথাও কোথাও নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তাৎক্ষণিকভাবে বাজার স্থিতিশীল করার সরকারি কোনো হাতিয়ার নেই। এ বাস্তবতায় নীতিগত অনুমোদন পেলে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ করবে।

এ বিষয়ে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান প্রথম আলোকে বলেন, ‘এলপিজির বাজারটা কার্যত বেসরকারি নিয়ন্ত্রণে। সরকারিভাবে কিছু আমদানি করা গেলে বাজারে ভারসাম্য আসবে। তাই আমরা আমদানির অনুমতি চেয়েছি।’ মো. আমিন উল আহসান জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান নানা জটিলতায় এলপিজি আমদানি করতে পারছে না। বিপিসি আমদানি করে প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করতে চায়। এতে সংকট দূর হবে।

তবে বিশেষজ্ঞরা বলছে, বেসরকারি খাতকে সরবরাহ করলে একই পরিস্থিতি থাকবে। বেসরকারি খাতে এলপিজির দাম প্রতি মাসে নির্ধারণ করে দেয় বিইআরসি। তবে সেই দামে এলপিজি বিক্রি হয় না বাজারে। তাই আমদানি করে বিপিসি সরাসরি ভোক্তার কাছে বিক্রি না করলে বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না। আগেও এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল সরকার, তবে তা বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘দেশে সরকারিভাবে এখনো এলপিজি আমদানি হয় না। তবে আমরা সরকার থেকে সরকার পর্যায়ে আমদানির সম্ভাব্যতা যাচাই করছি। আমদানি করা গেলে বাজারে ভারসাম্য আসবে। সংকট দূর হবে। ভবিষ্যতে গ্রাহকেরা জিম্মি হবেন না। তবে এখন সরকার কেবল আমদানি করবে। সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণে আপাতত জড়িত হবে না।’

বিপিসির চিঠিতে বলা হয়, দেশের এলপিজি আমদানির জন্য বিপিসির নিজস্ব পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো এ মুহূর্তে নেই। তবে বেসরকারি অপারেটররা কুতুবদিয়া গভীর সমুদ্র এলাকায় এলপিজিবাহী বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাস করে নিজেদের টার্মিনালে নিয়ে গিয়ে সংরক্ষণ ও বিতরণ করে থাকে। বিপিসিও একই পদ্ধতিতে বেসরকারি অপারেটরদের সুবিধা ব্যবহার করে আমদানি করা এলপিজি খালাস ও বণ্টন করতে পারে।

এ ক্ষেত্রে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সঙ্গে আলোচনা করে আগ্রহী প্রতিষ্ঠানের তালিকা, আমদানির পরিমাণ, মূল্য পরিশোধ পদ্ধতি, খালাস ও বণ্টনপ্রক্রিয়া—এসব নির্ধারণের প্রস্তাবও রয়েছে চিঠিতে।

বিপিসির আমদানির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি প্রথম আলোকে বলেন, নানা কারণে এলপিজিখাতে সংকট চলছে। এখন বিপিসি আমদানি করে পরিস্থিতি ভালো করতে পারলে ভোক্তারা উপকৃত হবেন।

সরাসরি ভোক্তার কাছে বিক্রি

দেশে সরকারি ও বেসরকারি—দুভাবে এলপিজি বাজারে আসে। সরকারি পর্যায়ে সীমিত এলপিজি সরবরাহ করে বিপিসির তিনটি অঙ্গপ্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানি। গত ২০২৪-২৫ অর্থবছরে সরকারিভাবে এলপিজি বিক্রি হয়েছে ১৯ হাজার টন।

সরকারি এই বিক্রির বিপরীতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোই চাহিদার বড় অংশ জোগান দেয়। লোয়াব ও বিপিসি সূত্র বলছে, দেশে ২৩টি কোম্পানির আমদানি সক্ষমতা আছে। তবে বড় পরিসরে আমদানি করে মূলত পাঁচ–ছয়টি কোম্পানি। গত বছর আমদানি হয়েছে প্রায় সাড়ে ১৮ লাখ টন। বেসরকারি পর্যায়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের ঘোষিত দাম ১ হাজার ৩০৬ টাকা। তবে বাজারে এ দামে সিলিন্ডার বিক্রি হয় না। বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সংকট ও সরবরাহের চাপে বাজারে সিলিন্ডারের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।

রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস ও বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এলপিজির চাহিদা বছরে প্রায় ১৭ লাখ টন। ব্যবহৃত এলপিজির প্রায় ৮০ শতাংশ খরচ হয় রান্নায়, বাকি ২০ শতাংশ শিল্পকারখানা ও যানবাহনে। প্রতিবছর এলপিজির চাহিদা বাড়ছে। রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস লিমিটেডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালে দেশে এলপিজির চাহিদা বছরে প্রায় ৩০ লাখ টন ছাড়াতে পারে। সরকারি উৎস থেকে জোগান দাঁড়াতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টন, যা চাহিদার তুলনায় অতি সামান্য।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, বিগত সরকারগুলো এলপিজি খাতকে পুরোপুরি বাণিজ্যিক করে ফেলেছে। তাই ভোক্তাবান্ধব সিদ্ধান্ত দরকার। প্রয়োজনে সরকারিভাবে আমদানি করে সরবরাহ বাড়াতে হবে।

এলপিজি
এলপিজি। প্রতীকী ছবি

Wednesday, November 12, 2025

পারমাণবিক সক্ষমতার দিকে নজর মিয়ানমারের

রাশিয়ার সহযোগিতায় পরমাণু কর্মসূচির দিকেই এখন দৃষ্টি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। একদিকে দেশজুড়ে যুদ্ধ, দারিদ্র্য ও ক্ষুধা বাড়ছে, অন্যদিকে জান্তাপ্রধান মিন অং হ্লাইং ‘পারমাণবিক উন্নয়ন’কে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানায়, গত সেপ্টেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরাম ২০২৫-এ অংশ নেন মিন অং হ্লাইং।

সেখানে তিনি দাবি করেন, রাশিয়ার সহায়তায় মিয়ানমার ‘পরমাণু উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছে। এ সহযোগিতা মূলত রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে করা চুক্তির অংশ।

এর আগে, গত ১৫ আগস্ট মিয়ানমার সরকার ‘ ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব নিউক্লিয়ার এনার্জি’ গঠন করে। এই কমিটিতে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা রয়েছেন।

রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মিয়ানমারে ইতোমধ্যে একটি ‘নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার’ স্থাপন করা হয়েছে। পাশাপাশি দেশটিতে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে। দেশটির সামরিক প্রশাসন দাবি করছে, এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে।

তবে, ইতিহাস অন্য কথা বলে। মিয়ানমারের জুন্টা সরকার এর আগেও উত্তর কোরিয়ার সঙ্গে গোপন পরমাণু সহযোগিতার চেষ্টা করেছিল। নিজ জনগণের বিরুদ্ধে ধারাবাহিক দমননীতি ও যুদ্ধের প্রেক্ষাপটে এই ‘শান্তিপূর্ণ’ পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

জান্তাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার পাশাপাশি চীন ও ভারতের সঙ্গেও পারমাণবিক প্রযুক্তি সহযোগিতার বিষয়ে আলোচনা চালাচ্ছেন।

তার দাবি, এ সহযোগিতা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

তবে পর্যবেক্ষকরা মনে করছেন, মিয়ানমারের সামরিক শাসক নিজের শাসন টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে পরমাণু কর্মসূচিকে ব্যবহার করবেন।

১৯৬২ সাল থেকে শুরু হওয়া সামরিক শাসনের দীর্ঘ ইতিহাসে মিয়ানমার বহুবার ‘উন্নয়ন’ ও ‘আধুনিকীকরণ’-এর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেশটি দারিদ্র্য, গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ফাঁদেই আটকে আছে। এবার ‘পরমাণু উন্নয়ন’-এর নাটক সেই পুরোনো প্রচারণারই নতুন সংস্করণ বলে মনে করছেন অনেকে।

বর্তমানে সংঘাত, অর্থনৈতিক পতন ও মানবাধিকার লঙ্ঘনের চাপে মিয়ানমার যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন সামরিক সরকারের এই পরমাণু উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে আরও বিপজ্জনক অজানার দিকে ঠেলে দিতে পারে।

পারমাণবিক সক্ষমতার দিকে নজর মিয়ানমারের

Sunday, October 19, 2025

নবায়নযোগ্য জ্বালানির যুগ কড়া নাড়ছে দরজায় by আন্তোনিও গুতেরেস

জ্বালানিশক্তির হাত ধরেই মানবসভ্যতা এগিয়ে চলেছে। আগুনের ব্যবহার আয়ত্ত করা থেকে শুরু করে বাষ্পশক্তির ব্যবহার, পরমাণু বিভাজনের মতো মাইলফলক অর্জন—সবই জ্বালানিশক্তির অবদান।

আজ আমরা এক নতুন যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে উঁকি দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানির এক অপার সম্ভাবনা।

গত বছর নতুন করে যে বিদ্যুৎ যুক্ত হয়েছে, তার প্রায় সবটাই এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যা জীবাশ্ম জ্বালানির চেয়ে ৮০০ বিলিয়ন ডলার বেশি।

সৌর ও বায়ুশক্তি এখন পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুতের উৎস, নবায়নযোগ্য খাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, ত্বরান্বিত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন। অথচ জীবাশ্ম জ্বালানির জন্য এখনো অনেক বেশি ভর্তুকি দেওয়া হয়।

যেসব দেশ জীবাশ্ম জ্বালানি আঁকড়ে ধরে আছে, তারা তাদের অর্থনীতিকে সুরক্ষা তো দিচ্ছেই না; বরং ক্ষতিগ্রস্ত করছে। কারণ, তারা প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করছে।

নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো মানে জ্বালানি সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানির বাজারমূল্য অনিশ্চিত, এর সরবরাহে বিঘ্ন ঘটা এবং কিংবা ভূরাজনৈতিক অস্থিরতার কবলেও পড়তে হতে পারে, যেমনটি আমরা দেখেছি রাশিয়া কর্তৃক ইউক্রেনে আগ্রাসনের সময়; কিন্তু সূর্যালোকের বেলায় মূল্যবৃদ্ধির কোনো আশঙ্কা নেই, বাতাসের ওপরও কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না এবং প্রায় প্রতিটি দেশেই এত নবায়নযোগ্য সম্পদ আছে যে প্রত্যেকেই চাইলে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে।

সর্বোপরি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত লাখোকোটি মানুষের কাছে দ্রুত, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ পৌঁছে দেবে নবায়নযোগ্য জ্বালানি। বিশেষত অফ-গ্রিড ও ছোট ছোট সৌরবিদ্যুৎ প্যানেলগুলো এ ক্ষেত্রে মূল ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এ মুহূর্তে অপ্রতিরোধ্য; কিন্তু এই রূপান্তর এখনো যথেষ্ট গতিশীল বা সবার জন্য সহজলভ্যও নয়। উন্নয়নশীল দেশগুলো এ ক্ষেত্রে পিছিয়ে আছে।

জ্বালানি খাতে এখনো জীবাশ্ম জ্বালানির আধিপত্য বিরাজ করছে, এবং কার্বন নিঃসরণ এখনো তার ঊর্ধ্বগতি বজায় রেখেছে। অথচ জলবায়ু–সংকটের সবচেয়ে ভয়াবহ পরিণতি এড়াতে চাইলে এগুলো হ্রাস করা ছাড়া উপায় নেই। এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের ছয়টি ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রথমত, রাষ্ট্রগুলোকে নবায়নযোগ্য জ্বালানি–নির্ভর ভবিষ্যতের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ হতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে, প্রতিটি দেশ নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা জমা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যা জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) নামে পরিচিত।

এনডিসিতে পরবর্তী দশকের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এ পরিকল্পনাগুলো অবশ্যই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেখানে সব ধরনের কার্বন নিঃসরণ ও সব খাতকে পর্যালোচনায় রাখতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট রূপরেখা হাজির করতে হবে।

জি–২০ দেশগুলো, যারা বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী, তাদেরই এর গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

দ্বিতীয়ত, আমাদের জ্বালানিব্যবস্থা গড়ে তুলতে হবে একবিংশ শতাব্দীর উপযোগী করে। আধুনিক গ্রিড ও স্টোরেজ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি তার পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে পারবে না; কিন্তু নবায়নযোগ্য উৎসে বিনিয়োগ করা প্রতি ডলারের মধ্যে মাত্র ৬০ সেন্ট ব্যয় হয় গ্রিড ও স্টোরেজ বাবদ। এ অনুপাতটিকে ১/১-এ উন্নীত করতে হবে।

তৃতীয়ত, রাষ্ট্রগুলোকে অবশ্যই বিশ্বের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করতে হবে। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও নিজ নিজ ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

২০৩০ সালের মধ্যে পৃথিবীর সব ডেটা সেন্টারগুলোর সম্মিলিত বিদ্যুৎ খরচ পুরো জাপানের বর্তমান বিদ্যুৎ খরচের সমান হবে। কোম্পানিগুলোর উচিত এ ডেটা সেন্টারগুলোর পরিচালনায় নবায়নযোগ্য উৎস কাজে লাগানোর অঙ্গীকার করা।

চতুর্থত, আমাদের জ্বালানি রূপান্তরে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এর অর্থ হলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে নবায়নযোগ্য জ্বালানি–নির্ভর আগামীর জন্য প্রস্তুতি গ্রহণে সহায়তা প্রদান নিশ্চিত করা; এবং সেই সঙ্গে জরুরি খনিজ সরবরাহ-শৃঙ্খল সংস্কার করা।

এ মুহূর্তে এগুলো অধিকার হরণ ও পরিবেশ ধ্বংসের কারণে জর্জরিত এবং উন্নয়নশীল দেশগুলো মূল্য-শৃঙ্খলের তলানিতে বন্দী হয়ে আছে। অবশ্যই এর অবসান ঘটাতে হবে।

পঞ্চমত, আমাদের বাণিজ্যকে জ্বালানি রূপান্তরের সহায়ক হাতিয়ার হিসাবে কাজে লাগাতে হবে। নবায়নযোগ্য জ্বালানি সরবরাহের শৃঙ্খলটি অত্যন্ত কেন্দ্রীভূত এবং এ মুহূর্তে বৈশ্বিক বাণিজ্য আর এককেন্দ্রিক থাকছে না। নতুন জ্বালানিব্যবস্থার যুগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর উচিত সরবরাহে বৈচিত্র্য আনতে কাজ করা, নবায়নযোগ্য উৎসের পণ্যে শুল্ক কমানো এবং বিনিয়োগ চুক্তি আধুনিকীকরণ করা যাতে তারা এই রূপান্তরকে এগিয়ে নিতে পারে।

ষষ্ঠত ও শেষত, আমাদের উচিত উন্নয়নশীল দেশগুলোর দিকে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া। আফ্রিকা গত বছর নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের মাত্র ২ শতাংশ পেয়েছে, যদিও বিশ্বের সেরা সৌর শক্তির ৬০ শতাংশ উৎস এ মহাদেশে রয়েছে। আমাদের কিছু আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে—যাতে ঋণ পরিশোধ করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোর বাজেটে টান না পড়ে এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো যাতে তাদের ঋণদান ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে এবং অনেক বেশি বেসরকারি অর্থায়ন নিশ্চিত করতে পারে।

আমাদের ক্রেডিট রেটিং এজেন্সিগুলো ও বিনিয়োগকারীদের ঝুঁকি মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে, যাতে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি, জলবায়ু সংকটের ক্ষতিপূরণ এবং জীবাশ্ম জ্বালানি সম্পদ বিকল হয়ে পড়ার ঝুঁকির আর্থিক ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়।

এক নতুন জ্বালানি সম্ভাবনার যুগ আমাদের হাতছানি দিচ্ছে—এমন এক যুগ যেখানে সাশ্রয়ী, নবায়নযোগ্য, প্রাচুর্যময় জ্বালানি এক অর্থনৈতিক সম্ভাবনাময় সমৃদ্ধিশালী পৃথিবীকে শক্তি জোগাবে, যেখানে রাষ্ট্রগুলোর জ্বালানি স্বয়ংসম্পূর্ণতার নিশ্চয়তা থাকবে এবং বিদ্যুৎসেবা থাকবে সব নাগরিকের হাতের মুঠোয়।

ঠিক এ মুহূর্ত আমরা চাইলেই বৈশ্বিকভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরকে ত্বরান্বিত করতে পারি। আসুন, আমরা এই সুযোগকে কাজে লাগাই।

* আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘের মহাসচিব  আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স

Saturday, September 13, 2025

৫০০ মানুষের সার্ক দ্বীপে বিশ্বের ‘সর্বোচ্চ’ বিদ্যুৎ বিল কেন

উত্তর আটলান্টিক মহাসাগরে ইংলিশ চ্যানেলের মাঝামাঝি অংশে অবস্থিত ছোট্ট দ্বীপ সার্ক। এই দ্বীপে বাস করছেন ৫০০ জনের কম মানুষ। এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের অংশ হলেও এর নিজস্ব সরকার রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকলেও দ্বীপটির মানুষদের মন ভালো নেই। কারণ, এখানকার মানুষ এমন পরিমাণে বিদ্যুতের দাম দিচ্ছেন, যা বিশেষজ্ঞদের মতে বিশ্বের সর্বোচ্চ। সর্বশেষ গত দুই সপ্তাহে দ্বীপটিতে এক কিলোওয়াট ঘণ্টা, অর্থাৎ বিদ্যুতের এক ইউনিটের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। খবর বিবিসির

বাংলাদেশের চেয়ে ১৮ গুণ বেশি

দ্বীপটিতে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ১ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮৬ টাকা (প্রতি পাউন্ড ১৬৪ টাকা ৪০ পয়সা ধরে)। এটি বাংলাদেশের বিদ্যুতের দামের তুলনায় অনেক বেশি। যেমন ঢাকায় গড় বিদ্যুৎ খরচ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ থেকে ১০ টাকার মধ্যে।

সার্ক দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করে সার্ক ইলেকট্রিসিটি লিমিটেড (এসইএল) নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক অ্যালান উইটনি-প্রাইস জানান, দ্বীপে বিদ্যুতের দাম বাড়ার পেছনে মূল কারণ হলো সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ এবং কোম্পানির সেই আইনি প্রক্রিয়া মোকাবিলার ব্যয়ভার।

সার্কের স্থানীয় সরকারকে বলা হয় চিফ প্লিয়াজ। এটি ১৮ জন নির্বাচিত সদস্য, ১ জন প্রেসিডেন্ট ও ১ জন উত্তরাধিকারী লর্ড নিয়ে গঠিত। সরকার চাইলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি জোরপূর্বক ক্রয়ের জন্য আদালতে যেতে পারে।

ইউনিভার্সিটি অব ডান্ডির অর্থনীতির প্রভাষক দিলীপ জেনা বলেন, ‘বিদ্যুৎ বিল এতটা বাড়ার পরে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল “এটি অত্যধিক”। এমন ছোট দ্বীপেও এ রকম দাম হওয়া উচিত নয়।’ দিলীপ জেনা আরও জানান, এটি তাঁর দেখা সর্বোচ্চ বিদ্যুতের দাম।

বেসরকারি প্রতিষ্ঠান কেমব্রিজ এনার্জি ইকোনমিস্টের সহপ্রতিষ্ঠাতা টম মিলারও জানান, এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বিদ্যুতের দাম। মিলার বলেন, ‘আমি বিশ্বের বিভিন্ন উচ্চমূল্যের বিদ্যুৎ পরিস্থিতি দেখেছি। কিন্তু সার্ক দ্বীপের বিদ্যুতের দাম দেখে সত্যিই অবাক হয়েছি।’

মূল্যবৃদ্ধির কারণ

দ্বীপে কম জনসংখ্যার কারণে সার্ক ইলেকট্রিসিটি লিমিটেডের (এসইএল) তেমন কোনো মুনাফা বা আর্থিক সুবিধা নেই। এ ছাড়া গত দুই দশকে দ্বীপটির গ্রিডে প্রায় কোনো ধরনের বিনিয়োগ হয়নি। ফলে ডিজেল জেনারেটরে নির্ভরতা তৈরি হয়েছে। সেই ডিজেল জ্বালানি প্রথমে পার্শ্ববর্তী গার্নসির দ্বীপে নেওয়া হয়, তারপর তা সার্কে আনা হয়। এসব কারণে বিদ্যুতের দাম বাড়তি। সেই সঙ্গে যোগ হয়েছে প্রশাসনিক জটিলতা।

জ্বালানি–বিশেষজ্ঞরা সার্ক দ্বীপের বর্তমান বৈদ্যুতিক অবকাঠামোকে ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘জীবনকাল অতিক্রান্ত’ বলে বর্ণনা করেছেন।

যেভাবে সংকটের শুরু

সার্ক দ্বীপে অধিবাসীদের সঙ্গে বিদ্যুৎ কোম্পানির (এসইএল) সাম্প্রতিক যে উত্তেজনা চলছে, তা নতুন কিছু নয়। ২০১০ সালে প্রথমবারের মতো বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টি সার্ক সরকারের টেবিলে আসে। এরপর সার্কের চিফ প্লিয়াজ ও এসইএলের মধ্যে ছয় বছরের দর-কষাকষির পরে একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠিত হয়, যার নাম সার্ক ইলেকট্রিসিটি প্রাইজ কন্ট্রোল কমিশনারের কার্যালয়।

২০১৮ সালে নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬৬ পেন্স (ব্রিটিশ মুদ্রা, পাউন্ডের ভগ্নাংশ মূল্য) নির্ধারণ করে। ওই বছরেই এসইএল কোম্পানির অন্যতম মালিকানা অংশীদার ডেভিড গর্ডন-ব্রাউন সার্কে বিদ্যুৎ বন্ধ করার হুমকি দেন। তাঁর দাবি ছিল, বিদ্যুতের যে দাম নির্ধারণ করা হয়েছে, তা কোম্পানির ব্যয় মেটাতে যথেষ্ট নয়। এরপর দুই পক্ষ এক বৈঠকের মাধ্যমে বিষয়টির একটি সমাধানে আসে। আর সেটি হলো, সার্কের সরকার কোম্পানিটি কিনে নেবে। কিন্তু সাত বছর ধরে এই কেনাবেচার প্রক্রিয়া ঝুলে আছে।

এসইএলের আগের মালিক ডেভিড গর্ডন-ব্রাউন ২০১৯ সালে মারা গেলে কোম্পানিটি কিনে নেন অ্যালান উইটনি-প্রাইস নামের একজন। এসইএলের বর্তমান মালিক উইটনি-প্রাইস অবশ্য কেনাবেচার ধীরগতিতে সন্তুষ্ট নন। তিনি এই সময়ক্ষেপণের আর্থিক ক্ষতি মেটাতে ‘আইনি প্রক্রিয়ায়’ বাড়তি শুল্ক যোগ করেন। অর্থাৎ এর মাধ্যমে ক্রয়প্রক্রিয়া চলাকালে তাঁর বাড়তি ব্যয়গুলো যেন মেটানো যায়। মূলত এটিই দ্বীপটিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সর্বশেষ কারণ।

এদিকে বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে দ্বীপের ব্যবসা কার্যক্রমে প্রভাব পড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের খোলার সময় পরিবর্তন করছে। যেমন টাইম অ্যান্ড টাইড নামের দ্বীপের একটি রেস্তোরাঁ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তাদের বিদ্যুৎ বিল প্রায় তিন গুণ বেড়েছে। এ জন্য তারা এখন প্রতি সপ্তাহে রেস্তোরাঁ খোলার সময় পর্যালোচনা করবে।

‘আমি বাড়তি দাম দেব না’

সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জবাবে সার্কের বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ–বিষয়ক কমিশনার শেইন লিঞ্চ বলেছেন, নতুন দামটি ‘ন্যায্য বা যুক্তিসংগত নয়’। অন্তত অক্টোবরের আগে তিনি বিদ্যুতের দাম কমানোর জন্য কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে পারবেন না।

সাবেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা টনি লে লিভরে সেই বাসিন্দাদের একজন, যিনি বলছেন যে উচ্চতর বিদ্যুতের দাম তিনি দিতে পারবেন না। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে অধিকাংশ বাসিন্দাও একই কাজ করবে (বাড়তি দাম দেবে না)।’ বরং এসইএল কীভাবে এত বড় মূল্যবৃদ্ধিকে যৌক্তিক মনে করতে পারে, সেটি ভেবে বিস্ময় প্রকাশ করছেন টনি লে।

একটি গেস্ট হাউসের মালিক হেলেন লে পোয়েডভিন বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় সম্প্রতি দ্বীপের প্রায় ৮০ জন বাসিন্দাকে নিয়ে একটি সভার আয়োজন করেছেন। সেখানে তাঁরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ওই সভায় তিনি বলেন, ‘আমি রাগান্বিত। আমরা এখন টিভি চালাতে পারি না, আমাদের যা করণীয়, তা সব সময় ভেবে নিতে হচ্ছে। আমি এ পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন।’

এসইএল কেনায় কতটা এগিয়েছে চিফ প্লিয়াজ

চিফ প্লিয়াজ (সার্ক সরকারের অংশ) যখন ঘোষণা করেছিল, তারা বিদ্যুৎকেন্দ্রটি কিনতে চায়, তখন থেকে ক্রয়প্রক্রিয়ায় খুব ধীরগতিতে অগ্রগতি হয়েছে। অর্থাৎ তারা কেন্দ্রটি কিনতে চাইলেও সে জন্য অনেক সময় নিচ্ছে।

অন্যদিকে এর মধ্যেই সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে সার্ক দ্বীপের জন্য একটি নতুন শক্তি (বিদ্যুৎ) ব্যবস্থার নকশা করতে, যা নবায়নযোগ্য শক্তির ওপর ভিত্তি করে হবে। এই নতুন পদ্ধতিতে ব্যয় হতে পারে ৮৬ লাখ পাউন্ড।

পাশাপাশি চিফ প্লিয়াজ সরকার একটি আইন পাস করেছে, যা তাদের বাধ্যতামূলক ক্রয় করার অনুমতি দেয়। সরকার অবশ্য আশা করছে, এসইএলের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করতে হবে না। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করতে হলেও হতে পারে।

চিফ প্লিয়াজের পক্ষে দ্বীপের বিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে কাজ করা কমিটির কাউন্সেলর মাইক লক সর্বশেষ মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় বলেন, এটি আমাদের কমিউনিটির সংবেদনশীল সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেছে। তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে এবং ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এটি গ্রহণযোগ্য নয়।

সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। যেমন সম্প্রতি সার্কে স্থানান্তরিত একজন অধিবাসী বলেন, যাদের ছোট পরিবার আছে, তারা এত ব্যয়বহুল পরিস্থিতির মধ্যে কেন সার্কে বসবাস করবে? কেন বিনিয়োগ করবে?

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-09-07%2Fhle75xmk%2FShark-1.JPG?rect=223%2C0%2C729%2C486&w=622&auto=format%2Ccompress&fmt=avif
সার্ক দ্বীপের সরকারি ওয়েবসাইটের সৌজন্যে

Saturday, March 1, 2025

৬০,০০০ বছরের জন্য সীমাহীন জ্বালানির সন্ধান পেয়েছে চীন

সীমাহীন এক জ্বালানির উৎসের সন্ধান পেয়েছে চীন। এই জ্বালানি দিয়ে তারা ৬০ হাজার বছর চলতে পারবে। বেইজিংয়ে ভূবিজ্ঞানীরা এমন দাবি করেছেন।  এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে পাওয়া গেছে পর্যাপ্ত পরিমাণ থোরিয়াম। এটা এতটা বেশি যে, তা দিয়ে চীনাদের প্রতিটি বাড়িতে ‘চিরদিনের চাহিদা মেটানো সম্ভব।

উল্লেখ্য, থোরিয়াম হালকা মাত্রার একটি তেজষ্ক্রিয় পদার্থ। এটা দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এর নাম হবে মল্টেন-সল্ড রিঅ্যাকটর। তা থেকে আসবে অসীম পরিমাণ বিদ্যুৎ। বিজ্ঞানীরা বলছেন, যদি ওই খনি থেকে পুরোটা থোরিয়াম উত্তোলন করা যায় তাহলে তার পরিমাণ হবে ১০ লাখ টন। দ্য সাউথ চায়না পোস্ট প্রকাশিত হয়ে পড়া একটি রিপোর্ট উল্লেখ করে এ তথ্য দিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ওই খনিতে থোরিয়ামের উৎস এখন পর্যন্ত অস্পৃশ্য অবস্থায় আছে। এটা যথাযথভাবে উত্তোলন করা গেলে তা সারাবিশ্বের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ইতি ঘটাবে। গবেষকরা আরো দাবি করেছেন যে, ইনার মঙ্গোলিয়ার একটি লোহার আকরিকের খনি থেকে ৫ বছরে যে বর্জ্য হিসেবে খনিজ পাওয়া যাবে, তাতে যে পরিমাণ থোরিয়াম থাকবে, তা দিয়ে যুক্তরাষ্ট্রের কমপক্ষে এক হাজার বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। উল্লেখ্য, এই খবরটি এমন এক সময়ে এলো যখন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ পাওয়ার সোর্স সন্ধান করছে। গবেষণায় পুরো চীনে ২৩৩ টি থোরিয়াম সমৃদ্ধ অঞ্চলের সন্ধান মিলেছে। যদি এ কথা সত্য হয়, তাহলে চীনে যে পরিমাণ থোরিয়াম জমা আছে, তা আগের হিসাবকে অনেকটাই ছাড়িয়ে যাবে। প্রচলিত পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম-২৩২। তার চেয়ে কমপক্ষে ৫০০ গুণ বেশি থোরিয়াম জমা আছে। ফলে চীনের মুখে হাসির রেখা দেখা দিয়েছে।

পারমাণবিক চুল্লি তেজষ্ক্রিয় পদার্থকে ফিশন বা বিগলন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি সৃষ্টি করে। এই প্রক্রিয়াকালে ওই তেজষ্ক্রিয় পদার্থ ভেঙে টুকরো টুকরো হয়, অধিক স্থিতিশীল পদার্থে পরিণত হয়। তার সঙ্গে প্রচুর তাপশক্তি সৃষ্টি করে। এই তাপশক্তিকে ব্যবহার করে স্টিম টার্বাইন চালানো যায়। নিজে থেকে থোরিয়াম বিগলনযোগ্য নয়। এর অর্থ হলো ফিশন প্রক্রিয়ায় একে ব্যবহার করা যায় না। তবে ফিশন বিক্রিয়ার ভিত্তি হিসেবে তা ব্যবহার হয়। এর কারণ হলো থোরিয়াম হলো ‘উর্বর’। এর অর্থ হলো যখন নিউট্রনের সঙ্গে সংঘর্ষে বোমার মতো আচরণ করে তখন থেরিয়াম পরিবর্তিত হয়ে ইউরেনিয়াম- ২৩৩’তে পরিণত হতে পারে। মল্টেন-সল্ড রিঅ্যাকটরে থোরিয়াম মিশ্রিত হয় আরেকটি রাসায়নিক লিথিয়াম ফ্লোরাইডের সঙ্গে এবং তা প্রায় ১৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়। এই মিশ্রণ তারপর নিউট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটায় যতক্ষণ না কিছু থোরিয়াম পরিবর্তন হয়ে ইউরেনিয়াম-২৩২’তে পরিণত হওয়া শুরু করে। এটা একটি ফিশন বিক্রিয়া। ক্ষয় প্রক্রিয়ায় এই ইউরেনিয়াম তখন অধিক পরিমাণে নিউট্রন তৈরি করে। তা অতিরিক্ত থোরিয়ামের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে জ্বালানিতে পরিণত হয়। এই প্রক্রিয়া চলাকালে পারমাণবিক চুল্লি অসীম পর্যন্ত শক্তি উৎপন্ন করে। 

mzamin

Sunday, December 8, 2024

বিদ্যুৎ ও গ্যাসে বছরে মাথাপিছু ভর্তুকি তিন হাজার টাকা: উপদেষ্টা

বিদ্যুৎ খাতে বছরে ৩২ হাজার কোটি ও গ্যাসে ২০ হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাসে বছরে মাথাপিছু ভর্তুকি দিতে হচ্ছে তিন হাজার টাকা। এ অবস্থার কারণ খুঁজতে হবে। কারা চুক্তি করেছে, কেন করেছে, কেন তারা এটা চাপিয়ে দিয়েছেন- ব্যবসায়ীদেরও অনুশোচনা করা উচিত।

‘অনুমেয় জ্বালানি মূল্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে ডিসিসিআই এ সেমিনারের আয়োজন করে।
জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস সরবরাহে ১০০ কোটি ঘনফুটের বেশি ঘাটতি আছে। ভোলায় ছয় থেকে সাত কোটি ঘনফুট গ্যাস উদ্বৃত্ত আছে। আগে একটি কোম্পানিকে এ গ্যাস সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছিল। এখন উন্মুক্ত হচ্ছে, যে কেউ চাইলে গ্যাস কিনতে পারবে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, আগের সরকার দরজা-জানালা বন্ধ করে রেখেছিল। একটা দম বন্ধের পরিস্থিতি ছিল। এখন সব দরজা জানালা খুলে দেয়া হয়েছে।
প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। এখন যে কেউ ব্যবসা করতে পারবেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ৪০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ধাপে ধাপে দরপত্র আহ্বান করা হচ্ছে।
বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি বিদ্যুৎকেন্দ্র আইপিপি থেকে সরকার সরে আসছে উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। বিদ্যুৎকেন্দ্র তৈরি করে ব্যবসায়ীরা নিজেদের নির্ধারিত দামে বিদ্যুৎ বিক্রি করবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) দামটা জানিয়ে দেবে তারা। এসব কেন্দ্র থেকে ১০-২০ শতাংশ সরকার কিনে নিতে পারে।
ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেন, দেশে গ্যাসের অভাব নেই; বরং সম্ভাবনা অনেক। তাই জ্বালানির জন্য হাহাকারের কোনো অর্থ হয় না। দেশের সম্ভাবনা কাজে লাগাতে অনুসন্ধান করা হয়নি। আমদানির দিকে ঝোঁক বেশি। এ দেশে গ্যাস না থাকাটাই অস্বাভাবিক। তাই বাংলাদেশে জ্বালানি সংকট হওয়ার কোনো কারণ নেই। আমদানি না করে বরং গ্যাস রপ্তানির দিকে যেতে পারে বাংলাদেশ।
সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম। তিনি বলেন, জ্বালানি সংকট উত্তরণের পথ হলো- দেশে গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো। আমদানি করে পরিস্থিতি সামাল দেয়া কঠিন। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের যে অবস্থা, তাতে আগামী পাঁচ বছর বর্তমান হারে উৎপাদন ধরে রাখা কঠিন।
নিবন্ধে বলা হয়, আসলে জ্বালানির মূল্য আগে থেকে পূর্বাভাস করা সম্ভব নয়। কিছু অনুমান করা যেতে পারে। পাঁচ বা ১০ বছরের যেসব অনুমান করা হয়, সেটি কখনোই ঠিক হয় না। ২০৩০ সাল নাগাদ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ হয়তো ১২ টাকার মধ্যেই থাকবে। জ্বালানি তেলের দাম সামনে আরও কমে যাবে। এতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমবে। কম দামে এলএনজি কিনে মজুত করে রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা পাঁচ বছরের বেশি হওয়া উচিত নয় বলেও মত দেয়া হয় এতে।
নিবন্ধে বলা হয়, শীতে চাহিদা কমায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়। এসব বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে কেন্দ্র ভাড়া দিতে হয়। এসব কেন্দ্র বাতিলের চিন্তা করা যেতে পারে। শীতের সময় তেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকে। গরমের সময় এসব বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎ থেকে চাহিদা মেটানো যায়। এ ছাড়া শীত ও গ্রীষ্মে অফিসের আলাদা সূচি করা যেতে পারে। এতে জ্বালানি সাশ্রয় হবে।
নিবন্ধে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়, ভারত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যে বিদ্যুৎ আসছে, তা সাশ্রয়ী; কিন্তু আদানির সঙ্গে চুক্তিটি অস্বাভাবিক। রাজনৈতিক প্রভাব ছাড়া আদানির সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হওয়ার কথা নয়। এটি পর্যালোচনা করে অন্তত কয়লার দাম কমানো উচিত।
বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের খরচ নির্ভর করে ডলারের ওপর। ডলারের দাম বাড়লে খরচ বাড়বেই। ডলারের দাম কমার তেমন সম্ভাবনা নেই। তাই বাংলাদেশ জ্বালানির উচ্চ দামের মধ্যে বসবাস করবে। আবার গ্যাস সরবরাহের অভাবে উৎপাদন ধরে রাখতে না পারলে শিল্প খাতে ডলার আয় কমে যাবে।
সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গত সরকারের সময় অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়ে পেছনের সময় থেকে কার্যকর করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষে দাম বাড়িয়ে তা ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে। গ্যাসের দাম বাড়িয়েও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়নি। নতুন সরকারের কাছেও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার দাবি তাদের। একই সঙ্গে দাম বাড়িয়ে আর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ যেন না হয়; সেটিই তাদের আহ্বান।
সেমিনারে সূচনা বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূরুল আকতার, বিএসআরএমের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি প্রমুখ।
নিবন্ধে সংকট উত্তরণে দ্রুত সিদ্ধান্ত নিতে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাপেক্সের পাশাপাশি অন্য কোম্পানিকে স্থলভাগের গ্যাস অনুসন্ধানে যুক্ত করা যেতে পারে। এছাড়া সরবরাহ বৃদ্ধির জন্য এলএনজি রূপান্তরের নতুন টার্মিনালের ব্যবস্থা করা, গ্যাসের আবাসিক গ্রাহকদের মিটার সরবরাহ, আদানির চুক্তি পর্যালোচনা ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের সুপারিশ করা হয়।

mzamin

Thursday, November 14, 2024

জলবিদ্যুৎ ভাগ করার জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ ভাগ করে নেয়ার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয় দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা অব্যবহৃত রয়ে গেছে। নেপালের কর্মকর্তারা বলেছেন যে, দেশটির ৪০,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র ৪০ মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎও সস্তা হবে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে।

জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বন্যারোধে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে, পানির সর্বোত্তম ব্যবহার করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যাতে এটি প্রকৃতিকে সমর্থন করে।

অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়েছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সরকার জানুয়ারিতে তরুণদের জন্য একটি উৎসবের আয়োজন করবে। যখন দেশের ক্রিকেট বোর্ড তার বার্ষিক টি-টোয়েন্টি বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট করবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং আইওসি প্রেসিডেন্ট টোমাস বাখ উৎসবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। নারী ফুটবলের জন্য একটি টুর্নামেন্টেরও পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, আমরা দেশের সব জায়গায় উৎসব করার চেষ্টা করছি।

অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সম্পর্কেও কথা বলেন, যা শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ বর্বর স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। তিনি কপ২৯-এর মূল বিষয় এবং কার্বন ক্রেডিট নিয়ে বাংলাদেশের বর্তমান আলোচনার বিষয়েও কথা বলেছেন।

mzamin

Monday, November 4, 2024

বকেয়া পরিশোধে বাংলাদেশকে সময় বেঁধে দেওয়া হয়নি : আদানি গ্রুপ

বাংলাদেশের কাছ থেকে পুরো বকেয়া পেতে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার।

একটি পিআর ফার্মের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার জানিয়েছে, আদানি সাত দিনের মধ্যে ৮০ থেকে ৮৫ কোটি ডলারের পূর্ণ পেমেন্ট দাবি করেনি। বিষয়টির সমাধানে আদানি বাংলাদেশের পিডিবির সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

রোববার (০৩ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি।

এর আগে টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে দাবি করে, আদানি গ্রুপ বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। তারা বাংলাদেশের কাছে ৮৫০ মিলিয়ন ডলার পাবে। যা বাংলাদেশি অর্থে ১০ হাজার কোটি টাকার সমান।

সম্প্রতি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড। সময়মতো বকেয়া বিল না পেয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয় রণধীর জয়সওয়ালের কাছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যকার ইস্যুতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। এটি একটি বেসরকারি সংস্থা ও বাংলাদেশ সরকারের মধ্যকার চুক্তি। তাই এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আদানি প্ল্যান্ট অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ১ হাজার ৪৯৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে একটি ইউনিট থেকে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, যা জাতীয় উৎপাদনকে প্রভাবিত করেছে। এর আগে তারা বিদ্যুৎ সচিবকে চিঠি দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৩১ অক্টোবরের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে বলেছিল।

বর্তমানে আদানি পাওয়রের কাছে বাংলাদেশ প্রায় ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া রেখেছে। ৩১ অক্টোবরের মধ্যে এই পাওনা পরিশোধ এবং ভবিষ্যতের সরবরাহকৃত বিদ্যুতের অর্থপ্রাপ্তির নিশ্চয়তা হিসেবে ১৭০ মিলিয়ন ডলারের একটি লেটার অফ ক্রেডিট (এলসি) জমা দেওয়ার শর্ত দেয়। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি খোলার উদ্যোগ নেয়। কিন্ত তা চুক্তিমতো হয়নি বলে দাবি করা হয়।

এর আগে ১১ অক্টোবর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসরকারি প্রতিষ্ঠান ‘আদানি পাওয়ার’সহ আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার কাছে বাংলাদেশের মোট বকেয়ার পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই অর্থের কিছুটা এখনই পরিশোধ না করা গেলে দেশে বিদ্যুৎ সরবরাহ আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এমন উদ্বেগকে পাশে রেখে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি রাখতে পারে বাংলাদেশ।

বিগত আওয়ামী লীগ সরকার আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তিগুলো কতটুকু যৌক্তিক এবং জাতির স্বার্থের কথা কতটুকু চিন্তা করেছে, তা খতিয়ে দেখতে একটি প্যানেল নিয়োগ দিয়েছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিশেষ করে দ্রুত আইনের অধীনে যে প্রকল্পগুলো শুরু করা হয়েছিল, সেগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রকল্পগুলোও খতিয়ে দেখা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত তাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে থাকে

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এক কর্মকর্তা ২০২৩-২৪ অর্থবছরের সর্বশেষ অডিট রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আদানি পাওয়ারের বাংলাদেশে প্রতি ইউনিট প্রায় ১২ টাকা খরচ হয়, যা ভারতের অন্যান্য বেসরকারি উৎপাদকদের তুলনায় ২৭ শতাংশ বেশি এবং ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্ল্যান্টের তুলনায় ৬৩ শতাংশ বেশি।

বিগত চুক্তির অধীনে, বাংলাদেশ ২০২৩ সালের এপ্রিল থেকে আদানি এবং অন্যান্য ভারতীয় প্ল্যান্ট থেকে প্রায় ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

ভারতের গোড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত
ভারতের গোড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত



Sunday, November 3, 2024

লোডশেডিং বাড়ছে কয়লার অভাবে: পিডিবির লক্ষ্য আগামী গ্রীষ্ম মৌসুম

দেশে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সাধারণত বিদ্যুতের চাহিদাও কমে আসে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। তাপমাত্রার কারণে চাহিদা কমে গেলেও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। গ্যাস সংকটের কারণে এমনিতেই অনেক কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে বা কমে গেছে। এই অবস্থায় কম দামে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের একমাত্র ভরসা ছিল কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলো। কিন্তু কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর বিল বকেয়া থাকার কারণে অর্থের তীব্র সংকটে পড়েছে। অর্থের অভাবে কয়লা আমদানি করতে না পারায় এসব কেন্দ্রের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ফলে দিনেরাতে রাজধানীসহ সারা দেশে লোডশেডিং বেড়ে গেছে। চলতি মাসজুড়ে এই লোডশেডিংয়ের যন্ত্রণা গ্রাহকদের সইতে হবে। ডিসেম্বরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বলছেন, শীতের বিদ্যুৎ পরিস্থিতির চেয়েও বেশি জোর দেওয়া হচ্ছে আগামী গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে। এজন্য শীত মৌসুমে সব কয়লাভিত্তিক কেন্দ্রে কয়লার পর্যাপ্ত মজুত করা হবে। যাতে গ্রীষ্মে কয়লাভিত্তিক সবকটি কেন্দ্র পূর্ণমাত্রায় চালানো যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়লার অভাবে গত ২৫ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র। একই সংকটের কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এসএস পাওয়ার, আদানি পাওয়ার এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি করে ইউনিট চালু করা যাচ্ছে না। কেন্দ্রগুলোর একটি করে ইউনিট চালু থাকলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এ ছাড়া পায়রা বিদ্যুৎকেন্দ্র দুটি ইউনিট চালু থাকলেও আর এক সপ্তাহের কয়লা মজুত আছে।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, আমাদের বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে দায় ৩২ হাজার কোটি টাকার বেশি। সরকারের ভর্তুকি আটকে আছে। যে কারণে আমরা বিল পরিশোধ করতে পারছি না। ফলে বর্তমানে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। চলমান পরিস্থিতি আগামী মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি। তিনি বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আগামী গ্রীষ্মকাল। ওই সময় যাতে লোডশেডিং না হয়, তার আগেই আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য কয়লার মজুত গড়ে তুলতে চাই।

বকেয়া বিল নিয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম বলেন, আদানির বকেয়া ৮ হাজার কোটি টাকা। এ ছাড়া অন্য কেন্দ্রগুলোর কোনোটি ৫ হাজার, কোনোটি ৪ হাজার আবার কোনোটি আরও কম টাকা বকেয়া রয়েছে। আমরা পরিশোধের চেষ্টা করছি এবং করাও হচ্ছে।

এ সময় পিডিবির চেয়ারম্যান আরও জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা আসছে। আগামী ১০ নভেম্বরের পর দুটি ইউনিট চালু হবে। মাতারবাড়ী কেন্দ্রের জন্য কয়লার দরপত্র চূড়ান্ত করা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে কেন্দ্রটির উৎপাদন শুরু হবে। এসএস পাওয়ার আজ (গতকাল) রাত থেকে দুটি ইউনিট চালু করার কথা জানিয়েছে। এ ছাড়া ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বকেয়া বিল নিয়ে আলোচনা চলছে।

পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত ২৮ অক্টোবর ভারতের ঝাড়খন্ডে স্থাপিত ১৬শ মেগাওয়াট ক্ষমতার আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ বন্ধ করার কথা জানিয়েছে আদানি কর্তৃপক্ষ। প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকার বকেয়া বিল বাকি। আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেডের প্রতিনিধি ও যৌথ সমন্বয় কমিটির সভাপতি এমআর কৃষ্ণ রাও ওই চিঠিতে উল্লেখ করেন, ‘বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিসি) বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৭০ দশমিক শূন্য ৩ মিলিয়ন ডলারের জন্য প্রয়োজনীয় এলসি প্রদান করেনি এবং ৮৪৬ মিলিয়ন ডলারের (১০ হাজার ৮৬ কোটি টাকা) বকেয়া পরিমাণও মেটায়নি। সময়মতো এলসি না দেওয়া এবং বকেয়া পরিমাণ পরিশোধ না করার ফলে পাওয়ার পচেজ অ্যাগ্রিমেন্টের আওতায় ‘মেটেরিয়াল ডিফল্ট’ ঘটেছে, যা আদানি পাওয়ারের সরবরাহ বজায় রাখতে বাধা দিচ্ছে।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘বহু বকেয়া পরিশোধ ও এলসির অভাবে আমরা কয়লা সরবরাহকারী এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ কন্ট্রাক্টরদের জন্য কাজের মূলধন নিরাপদে রাখতে পারছি না। আমাদের ঋণদাতারাও সহায়তা প্রত্যাহার করছে।’

এদিকে গতকাল আদানি এই কেন্দ্র থেকে ৭৩১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এস আলম গ্রুপের ১ হাজার ২২৪ মেগাওয়াট ক্ষমতার বাঁশখালী এসএস পাওয়ার এদিন সরবরাহ করেছে ৪১৫ মেগাওয়াট। এই কেন্দ্রের বিপরীতে বকেয়ার পরিমাণ ২ হাজার কোটি টাকা। পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানির ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির একটি ইউনিট গত ৩১ অক্টোবর থেকে দুই মাসের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরে পিডিবির অনুরোধে তা পেছানো হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএম খোরশেদুল আলম জানিয়েছেন, এই কেন্দ্রের বিপরীতে পিডিবির কাছে ৫ হাজার ৮০০ কোটি টাকা বকেয়া। কয়লা সংকটের কারণে ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগে করা ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এ ছাড়া পিডিবির মালিকানাধীন আড়াইশ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গতকাল ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের চিত্র থেকে দেখা যায়, গতকাল দুপুর ১২টায় পর থেকে লোডশেডিং বাড়তে থাকে। পিজিসিবির তথ্যানুযায়ী, শনিবার দুপুর ১টায় ১১ হাজার ৭০০ মেগাওয়াটের বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ১১ হাজার ৩৫৫ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৩২৯ মেগাওয়াট। দুপুর ২টায় ১১ হাজার ৮০০ বিপরীতে ১১ হাজার ৩২২ মেগাওয়াট সরবরাহ হয়েছে। ঘাটতি ৪৫৬ মেগাওয়াট। বিকেল ৩টায় ১১ হাজার ৮৫০ বিপরীতে ১১ হাজার ১২৪ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৬৯৩। বিকেল ৪টায় ১১ হাজার ৫০০-এর বিপরীতে সরবরাহ হয়েছে ১০ হাজার ৯০১ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৫৭২ এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ বিকেল ৫টায় ১১ হাজার ৯০০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ হয়েছে ১১ হাজার ২৫৬ মেগাওয়াট। লোডশেডিং হয়েছে ৬১৫ মেগাওয়াট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বাড়তে থাকে। এর আগের দিন শুক্রবার সারা দেশে ১৬ হাজার ৮৫ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। বৃহস্পতিবার লোডশেডিং হয়েছে ১ হাজার ৫৭৬ মেগাওয়াট।

পিডিবির হিসাব অনুযায়ী, গতকাল বিকেল ৫টা পর্যন্ত গ্যাস থেকে ৫ হাজার ৩৮ মেগাওয়াট, তেল থেকে ১ হাজার ৭৪৬, কয়লা থেকে ২ হাজার ১৩৩, জলবিদ্যুৎ থেকে ১৭৩ ও নবায়নযোগ্য জ্বালানি থেকে ১১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এ ছাড়া আদানি থেকে ৭৩১, ত্রিপুরা থেকে ৫০ এবং ভেড়ামারা এইচভিডিসি দিয়ে ভারত থেকে ৯১৯ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছে। গতকাল সারা দেশে চাহিদা ধরা হয়েছে ১৩ হাজার ৯০০ মেগাওয়াট।

লোডশেডিং বাড়ছে কয়লার অভাবে

Monday, October 28, 2024

নবায়ন হচ্ছে না কুইক রেন্টাল: অর্থ পাচার অনিয়মের তদন্ত হচ্ছে by ফরিদ উদ্দিন আহমেদ

নতুন করে কুইক রেন্টাল চুক্তি নবায়ন করা হচ্ছে না। এসব বিদ্যুৎকেন্দ্রের নামে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। আর এ কাজটি করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একটি বড় সিন্ডিকেট। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিদ্যুৎ  ও  জ্বালানি বিভাগের চুক্তিসমূহ পর্যালোচনা সংক্রান্ত জাতীয় রিভিউ কমিটি এই নিয়ে মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকও করেছে।

এ প্রসঙ্গে কুইক রেন্টালের চুক্তি প্রসঙ্গে-কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম মানবজমিনকে বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তি বাতিল করতে হবে। কোনো নবায়ন করা চলবে না। কারণ এধরনের অবৈধ চুক্তি যারা করেছেন, তারা ফৌজদারি অপরাধ করেছেন। যারা সুবিধা নিয়েছেন সেসব ব্যবসায়ী এবং যারা সুবিধা তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে ভোক্তা অধিকার রক্ষার এই সংগঠনটি।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরই দ্রুত বিদ্যুৎ চাহিদা মেটাতে ছোট ও মাঝারি বেশকিছু রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রের লাইসেন্স দেয় আওয়ামী লীগ সরকার। তিন বছরের জন্য এসব বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দেয়া হলেও তা চলেছে আট থেকে ১০ বছর। কোনোটি চলেছে আবার ১২ থেকে ১৫ বছর। এসব কেন্দ্রের ক্যাপাসিটি চার্জও নির্ধারণ করা হয় অতি উচ্চ হারে। এতে বিনিয়োগের প্রায় সাড়ে চারগুণ বা ৪৫০ শতাংশ পর্যন্ত ক্যাপাসিটি চার্জ তুলে নিয়েছে কোনো কোনো কোম্পানি। ঘোড়াশালে এগ্রিকো ইন্টারন্যাশনালের নির্মিত ১৪৫ মেগাওয়াট দ্বৈত জ্বালানিভিত্তিক (গ্যাস ও ডিজেল) বিদ্যুৎকেন্দ্রটি। এ কেন্দ্রটি উৎপাদন শুরু করে ২০১০ সালের ২৩শে আগস্ট। প্রথমে ডিজেলে ১৮ মাস চললেও পরে তা গ্যাসে উৎপাদন শুরু করে। উৎপাদন শুরুর সময় কুইক রেন্টাল এ বিদ্যুৎকেন্দ্রের প্রতি কিলোওয়াটের জন্য প্রতি মাসে ক্যাপাসিটি চার্জ ধরা হয়েছিল ২১ ডলার। এতে বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি মাসে ৩০ লাখ ৪৫ হাজার ডলার ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হতো। এগ্রিকো’র ঘোড়াশাল ১৪৫ মেগাওয়াট কেন্দ্রের জন্য এ হারে বছরে ক্যাপাসিটি চার্জ পড়তো তিন কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার। তিন বছরের জন্য কুইক রেন্টাল এ বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দেয়া হয়েছিল। আর এগ্রিকো বিনিয়োগ করেছিল ১০ কোটি ডলার বা ৫৬০ কোটি টাকা। এতে তিন বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতো ১০ কোটি ৯৬ লাখ ২০ হাজার ডলার।

পিডিবি’র কর্মকর্তারা বলেন, ২০০৯ থেকে ২০১১ সালে বিদ্যুতের ঘাটতি ছিল সবচেয়ে বেশি। আর ঘাটতির এ সুযোগকে দুর্নীতির জন্য কাজে লাগানো হয়েছে বেশি হারে। এজন্য ওই সময়ে কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দেয়া হয়েছিল বিনা দরপত্রে। তারা আরও জানান, পরবর্তী সময়ে দরপত্র আহ্বানের মাধ্যমে দ্বৈত জ্বালানিভিত্তিক বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দেয়া হয়েছিল। ওই কেন্দ্রগুলোয় কিলোওয়াটপ্রতি মাসিক ক্যাপাসিটি চার্জ দিতে হয় ১০ থেকে ১২ ডলার। অর্থাৎ ঘাটতির সুযোগের আড়াই থেকে তিনগুণ হারে ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছিল বিনা দরপত্রের বিদ্যুৎকেন্দ্রগুলোয়। এতে প্রচুর অর্থ গচ্চা গেছে। যদিও এসব ক্যাপাসিটি চার্জও ভাগ-বাটোয়ারা হয়েছে বলেই জানা গেছে।

সূত্র মতে,  কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। আর এ কাজটি করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। এ সিন্ডিকেট বিশেষ আইনে, বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুবিধা দেয়। বছরের পর বছর এই বিদ্যুৎকেন্দ্রগুলো গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ চালানো হলেও ক্যাপাসিটি চার্জের নামে এগুলোর মালিকরা হাজার হাজার কোটি টাকা পকেটে ভরেন। ক্যাপাসিটি চার্জের টাকায় ফুলেফেঁপে ওঠা এই বিদ্যুৎ ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে দেন। যারা এ কাজে তাদের সহযোগিতা করেন সেই সিন্ডিকেটের প্রভাবশালীরাও বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে দিয়েছেন। এ প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকার তাদের প্রিয় লোকদের আবদার পূরণে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জ দিয়েছে। এর বিনিময়ে তৎকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের সুবিধাভোগী বিদ্যুৎ ব্যবসায়ীরা অর্থ সুবিধা দিয়েছেন। তাদের মতে, বিদ্যুৎ দেয়া ছাড়াই ক্যাপাসিটি চার্জের নামে বিল নেয়ার মতো মারাত্মক অনিয়ম আর কিছু নেই। ক্যাপাসিটি চার্জের নামে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। কারণ, এ টাকা দেশের নাগরিকদের। তারা আরও বলেন, কোনো ধরনের টেন্ডার ছাড়া এসব রেন্টাল আর কুইক রেন্টালের লাইসেন্স তুলে দেয়া হয় দেশের প্রভাবশালী কোম্পানিগুলোর কাছে।  মূলত আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে দায়মুক্তি আইনের আওতায় একসময়ে উচ্চমূল্যের রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল। ২০১০ সালে বলা হয়েছিল, এসব বিদ্যুৎকেন্দ্র আপৎকালীন চাহিদা মেটানোর জন্য। কিন্তু গত দেড় দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি।

অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র। তখন বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেয়া হয়। এসব উচ্চমূল্যের বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা। এর সিংহভাগই গেছে নসরুল হামিদ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে। এরই মধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক  প্রকৌশলী বিডি রহমত উল্লাহ মানবজমিনকে বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করতে হবে। কুইক রেন্টালের নামে ডলারে বিদেশে ৬২ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব টাকা উদ্ধার করতে হবে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য বছরে ২০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ (রেন্টাল ভাড়া) হিসেবে দিতে হচ্ছে। বিদ্যুৎ দরকার নেই কিন্তু টাকা চলে যাচ্ছে। উদ্দেশ্য এই টাকা ভাগাভাগি করা। তিনি আরও বলেন, বিদ্যুতের চাহিদা ছিল না। অথচ কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করেনি গত জনবিরোধী আওয়ামী লীগ সরকার। বিদ্যুতের চাহিদা না থাকা সত্ত্বেও কেন এগুলোর মেয়াদ বাড়ানো হয়েছিল- এমন প্রশ্ন রাখেন এই বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ। তিনি বলেন, এগুলো প্রথমে ৩ বছরের জন্য চুক্তি ছিল। পরে তা নবায়ন করে ১৫ বছর চলেছে অনেক বিদ্যুৎকেন্দ্র।

গত ১৯শে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নতুন করে কুইক রেন্টাল চুক্তি নবায়ন করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে করা চুক্তিগুলো দু’টি কমিটি পর্যালোচনা করছে। কমিটির পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করবো। একটু ধৈর্য ধরুন। কমিটির প্রতিবেদন আসুক। তারপর দেখুন আমরা ব্যবস্থা নিই কিনা। এ বিষয়ে যথাযথ চিন্তা করেই পিডিবিকে সিদ্ধান্ত বলে দিয়েছি। এসব বিদ্যুৎকেন্দ্রের কারণে দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

mzamin

Wednesday, October 23, 2024

সিলেটের ৭ নম্বর কূপে দিনে মিলছে ৮ মিলিয়ন গ্যাস by ওয়েছ খছরু

সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপে ধীরে ধীরে গ্যাসের চাপ কমে এসেছিলো। লাইনে গ্যাসের চেয়ে পানির মাত্রা ছিল বেশি। এ কারণে এই কূপকে পুনঃখননের উদ্যোগ নিয়েছিল সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। পুনঃখনন কাজ শুরুর তিন মাসের মাথায় এসে মিলেছে ফলাফল। এ কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। আগামী তিন সপ্তাহের মধ্যে এ কূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে জানিয়েছে কূপ কর্তৃপক্ষ। সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপটি অনেক পুরাতন। ১৯৮৬ সালে তেল উৎপাদনের মধ্যদিয়ে এ কূপের যাত্রা শুরু হয়। দেশের অন্যতম উৎপাদিত তেল ক্ষেত্র হিসেবে এ কূপটি পরিচিত। পরবর্তীতে ২০০৫ সাল থেকে এ কূপে আনুষ্ঠানিক গ্যাস উত্তোলন শুরু হয়। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে- গত বছর থেকে এ কূপে উত্তোলিত গ্যাসের চাপ কমতে শুরু করে। চলতি বছরের শুরুতে দেখা যায় গ্যাসের চেয়ে পানির মাত্রা বেশি আসে। তবে; জরিপ বলছিলো ভিন্ন কথা। এ গ্যাস কূপে পর্যাপ্ত গ্যাস মজুত থাকার বিষয়টি জানা গিয়েছিল। এ কারণে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ একই গ্যাস কূপে আরেকটি জোনে কূপ পুনঃখননের উদ্যোগ নেয়। গত জুলাই মাস থেকে তারা কূপ খনন শুরু করে। সিলেট গ্যাস ফিল্ডের এমডি মো. মিজানুর রহমান গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- পরীক্ষামূলক খননের একপর্যায়ে ১০ই অক্টোবর এক হাজার মিটার গভীরে এ কূপ থেকে ৬ দশমিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর গতকাল সকালে ১২০০ মিটার গভীরে গেলে এই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। তিনি জানিয়েছেন- এখন পরীক্ষামূলক উত্তোলন করা হচ্ছে। এবং উত্তোলিত গ্যাস ফ্লো-আউট করা হচ্ছে।

এভাবে এক সপ্তাহ পরীক্ষামূলক উত্তোলন করার পর কমপ্রেসারের কাজ করা হবে। আগামী ২১ দিনের মধ্যে এই কূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন তিনি। জানান- এই গ্যাস কূপে পরীক্ষা করলে জানা যাবে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে তা গ্যাস পরীক্ষা করতে আরও তিন-চারদিন সময় লাগতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সিলেটে আনার প্রস্তুতি চলছে। তিনি এলে আনুষ্ঠানিকভাবে সবকিছু বলা যাবে। এ বছরের ২৪শে মে খননকাজ শেষে সিলেটের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮নং কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার যায়। এর আগে গত ২৭শে জানুয়ারি সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন রশিদপুরের ২নং কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মেলে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট। সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপটি উৎপাদনের জন্য প্রস্তুত। ইতিমধ্যে গ্যাস উত্তোলনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন চলছে গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ। এ কূপ থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উৎপাদনে থাকা কূপগুলো থেকে এখন প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় ১০০ মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস। চলতি বছরের মধ্যে আরও কয়েকটি প্রকল্পের কাজ শেষ করে তারা সেই উৎপাদনকে ১৫০ মিলিয়ন ঘনফুটে নিয়ে যেতে চায়। আর সরকারের বেঁধে দেয়া সময় অনুযায়ী ২০২৫ সালের মধ্যে সব কাজ শেষ করতে পারলে শুধু এই কোম্পানি থেকেই প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। সেজন্য গ্যাস উত্তোলন, ওয়ার্কওভারের পাশাপাশি গ্যাস অনুসন্ধানও চলছে।

mzamin

Saturday, October 12, 2024

ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমুল হুদা

অবৈধ অটোরিকশার নগরে পরিণত হয়েছে ঢাকা। লাখ লাখ অটোরিকশা সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এসব অটোরিকশা চার্জ দিতে ঢাকায় কয়েক হাজার চার্জিং স্টেশন রয়েছে। এসব স্টেশনে দৈনিক চার্জ দেয়া হয় এসব অটোরিকশা। গ্যারেজে গড়ে ওঠা চার্জিং স্টেশনের বাইরেও অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট ছড়িয়ে-ছিটিয়ে আছে শহরের আনাচে কানাচে। মানুষের বাসা-বাড়িতেও চার্জ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু  ঢাকাতেই এসব অবৈধ অটোরিকশা চার্জ করতে দৈনিক অন্তত ৩০০-৪০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। সারা দেশে দৈনিক খরচ হচ্ছে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। যা ঢাকা জোনের পিক আওয়ারে খরচ হওয়ার বিদ্যুতের এক তৃৃতীয়াংশ।

খিলগাঁও থানার সাহেরনবাগ রিকশা গ্যারেজ মো. উজ্জ্বলের। সেখানে ৫০-৬০টা রিকশা রাখা যায়। প্রতিদিন ১০-১২টি অটোরিকশা তার গ্যারেজে চার্জ করা হয়। এতেই প্রত্যেক মাসে তার ২৫-২৬ হাজার টাকার বিদ্যুৎ বিল চলে আসে বলে জানান তিনি। বলেন, কেউ এখন প্যাডেল রিকশা চালাতে চায় না। অটোরিকশা চালায়। এগুলো চার্জ দেয়ার চাহিদাও অনেক। আমার এখানে ১০-১২টার চার্জ দেই প্রতিদিন। জায়গা থাকলে আরও চার্জ দেয়া যেতো। শুধু উজ্জ্বলের গ্যারেজই নয়, ঢাকায় ছোট-বড় এমন কয়েক হাজারের অধিক গ্যারেজে চার্জিং স্টেশন রয়েছে। তবে ২০২১ সালে ট্রাফিক পুলিশের একটি তালিকায় ৭৫২ স্টেশনের নাম রয়েছে। এরমধ্যে ট্রাফিকের ওয়ারি, তেজগাঁও, মতিঝিল, লালবাগ, গুলশান ও উত্তরা বিভাগে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সড়কে প্রায় ৪০ লাখ অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশা ৫-১০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে। যদি ৫০ শতাংশ অটোরিকশাও দৈনিক সড়কে চলাচল করে সে হিসাবে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে। গ্যারেজে গড়ে ওঠা চার্জিং স্টেশন ছাড়াও আবাসিক সংযোগ দিয়েও রিকশা ব্যাটারি চার্জ করা হচ্ছে। এতে সরকারও রাজস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার লোডশেডিং-এর ওপর চাপ পড়ছে। বর্তমানে ঢাকার অটোরিকশার চিত্র তুলে ধরে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান মানবজমিনকে বলেন, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ২ হাজার অটোরিকশা চলছে। পুরো ঢাকায় ৬-৭ লাখ অবৈধ অটোরিকশা রয়েছে। তারা দৈনিক ৩০০-৪০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ করছে। চার্জিং স্টেশন ছাড়াও অনেকে বাসা থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জ করে। তিনি বলেন, এত বড় গ্যারেজ এটা চোখের সামনে দেখা যায়। অবৈধভাবে বিদ্যুৎ খাচ্ছে। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না। বিদ্যুৎ বিভাগের অসাধুরাও এখানে জড়িত রয়েছে।
অটোরিকশাগুলো রাতে ১০-১২ ঘণ্টা চার্জে রাখা হয়। অনেকে দিনেও চার্জ করেন। বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের পরিচালক (ম্যানেজমেন্ট) শেখ মুনির আহমেদ মানবজমিনকে বলেন, এই রিকশাগুলো সাধারণত মধ্যরাতে চার্জ হয়। আগে মধ্যরাতে আমাদের বিদ্যুতের চাহিদা তেমন ছিল না। কিন্তু এখন মধ্যরাতে চাহিদা বেড়ে যায়। ওই সময় এই লোডটা এখান (ব্যাটারি চার্জ) থেকে আসে। আগে রাত ১২টা থেকে ৩টার দিকে অফ পিক আওয়ার ছিল। এটা কিন্তু এখন অফ পিক আওয়ারের প্যাটার্নে নাই। এই সময়ে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে।

অটোরিকশায় সয়লাব ঢাকার সড়ক, বিশৃঙ্খলা, যানজট:
হাসিনা সরকার পতনের পর থেকেই ঢাকায় অস্বাভাবিক হারে বেড়েছে অটোরিকশা। পাড়া-মহল্লার আনাচে কানাচে ছড়িয়ে-ছিটিয়ে এসব অটোরিকশা। সড়ক, মহাসড়ক এমনকি ফ্লাইওভারেও দাপিয়ে বেড়াচ্ছে। এতে সড়কের গতিরোধ সৃষ্টি হয়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ব্যাটারিচালিত এসব রিকশার হটস্পট ওয়ারি, মতিঝিল, তেজগাঁও, লালবাগ, গুলশান ও উত্তরার জোনগুলো। লাখ লাখ অটোরিকশা এসব এলাকায় দেদারছে ঘুরে বেড়াচ্ছে। তুলনামূলক ভাড়া কম ও দ্রুত চলায় এই রিকশাগুলোতে করে প্রধান সড়কে ওঠার ক্ষেত্রে যাত্রীদের সায়ও রয়েছে। এসব রিকশার কারণে গতি হারাচ্ছে বাস, ট্রাক, প্রাইভেট ও মোটরবাইকের মতো উচ্চ গতির যানবাহনগুলো। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়ে যানজট বাড়ছে।

mzamin

আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ: রয়টার্সের প্রতিবেদন

মূল্য নির্ধারণ নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ। দেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আইনি জটিলতার ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি আপাতত বাতিল করছে না অন্তর্বর্তী সরকার। ঘনিষ্ঠ সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের করা চুক্তিগুলো জাতির স্বার্থে করা হয়েছিল কিনা তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে। বিশেষ করে যেসব প্রকল্প ত্রুটিযুক্ত তাতে স্বচ্ছতা যাচাই করতে এই কমিটি গঠন করা হয়েছে।

২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে একটি চুক্তি করে আওয়ামী সরকার। যার মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ থেকে ২৫ বছরের জন্য বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করে বাংলাদেশ। এক্ষেত্রে বিদ্যুৎ ক্রয়ের মূল্য সঠিক ছিল কিনা সেটা যাচাই-বাছাই করছে অন্তর্বর্তী সরকারের গঠিত বিশেষ ওই কমিটি।

প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুতের চাহিদার প্রায় এক-দশমাংশ পূরণ করে, তাই আদানি চুক্তিটি সরাসরি বাতিল করা কঠিন হবে বলে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ তথ্য দিয়েছে এই বিষয়ের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি। একটি সূত্র জানিয়েছে শক্তিশালী প্রমাণ ছাড়া এই চুক্তি বাতিল করলে আন্তর্জাতিক আদালতে আইনি চ্যালেঞ্জ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই চুক্তি থেকে বের হওয়া সম্ভব না হয় তাহলে এর একমাত্র সম্ভাব্য বিকল্প হবে শুল্ক কমানোর লক্ষ্যে পারস্পরিক চুক্তি করা।

এ বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান রয়টার্সকে বলেন, কমিটি বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে, এক্ষেত্রে অগ্রিম মন্তব্য করা উচিত হবে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা ২০২৩-২৪ অর্থবছরের সর্বশেষ অডিট রিপোর্টের উদ্ধিৃত দিয়ে বলেছেন, আদানি পাওয়ারের কাছ থেকে বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে ব্যয় করছে ১২ টাকা। যা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল্যের তুলনায় ২৭ শতাংশ বেশি। এছাড়া ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী যে কোনো প্রতিষ্ঠানের তুলনায়ও ওই মূল্য ৬৩ শতাংশ বেশি।

চুক্তির অধীনে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত আদানি পাওয়ারের কাছ থেকে মোট ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করেছে বাংলাদেশ। আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ এই চুক্তি পুনর্বিবেচনা করবে এ বিষয়ে এখনও কোনো ইঙ্গিত পায়নি তারা। তা ছাড়া বকেয়া বেড়ে যাওয়ার পরও আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে, যাতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখপাত্র।

আদানি পাওয়ারের পাওনা ৮০ কোটি ডলার পরিশোধে কিছুটা হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এ ছাড়া সব মিলিয়ে ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলো বাংলাদেশের কাছে ১০০ কোটি ডলার পায়। বাংলাদেশে ডলার সংকটের কারণে এই বকেয়া পরিশোধে জটিলতা তৈরি হচ্ছে। আদানি পাওয়ারের ওই মুখপাত্র বলেন, বকেয়া বেড়ে যাওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি, যা বেশ উদ্বেগের বিষয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মুখপাত্র বলেছেন, বাংলাদেশ অতি শীঘ্রই আদানি পাওয়ারের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে।

mzamin

Wednesday, September 25, 2024

জ্বালানি তেলের দাম নির্ধারণ হবে বিইআরসিতে by ফরিদ উদ্দিন আহমেদ

আগামী অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম কোন প্রক্রিয়ায় হবে তা এখনো নির্ধারণ হয়নি। চলতি মাসে জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের  সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়েছিল। তবে উড়োজাহাজের জ্বালানি তেল (জেট ফুয়েল) ও ফার্নেস অয়েলের দাম এখন থেকে নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ১৮ই সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিইআরসি’র সূত্র বলছে, অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণের প্রস্তাব এখনো পায়নি। তবে তারা প্রস্তুত রয়েছেন। দাম নির্ধারণের প্রস্তাব আসা মাত্রই প্রক্রিয়া শুরু করবেন।
অক্টোবরে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হবে কিনা জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম মানবজমিনকে বলেন, জ্বালানি তেলের দাম নির্ধারণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বাইরে আছেন। আসলে সিদ্ধান্ত হবে।

এতদিন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েল ও ফার্নেস অয়েল নির্ধারণ করে আসছিল। অক্টোবর মাস থেকে এটি কার্যকর হবে। জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম এখন থেকে নির্ধারণ করবে বিইআরসি। তবে অন্য জ্বালানির বিষয়ে এখনো মন্ত্রণালয় সিদ্ধান্ত দেয়নি।

উল্লেখ্য, বিইআরসি আইনে সকল ধরনের জ্বালানির নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেয়া হয়েছে। তবে বিধিমালা অনুমোদন না হওয়ার অজুহাতে এতদিন জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে আসছিল বিপিসি। ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাসের মাধ্যমে নিরপেক্ষ ও আধা-বিচারিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়। গ্যাস ও বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলোর জবাবদিহিতা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিইআরসি মূলত ২০০৯ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ১৩টি প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে। আর ১২টি প্রবিধানমালা এক যুগেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় ঝুলিয়ে রাখা হয়েছে। আইনে সকল ধরনের জ্বালানির দাম নির্ধারণের এখতিয়ার দেয়া প্রবিধানমালা ঝুলে থাকায় শুধুমাত্র গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করে আসছিল বিইআরসি। ২০২৩ সালে হঠাৎ করেই আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম সমন্বয় (কম/বেশি) করার বিধান যুক্ত করা হয়। তারপর থেকে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করায় কার্যত বেকার হয়ে পড়ে আধা-বিচারিক প্রতিষ্ঠানটি। বিইআরসি গণশুনানির মাধ্যমে দাম চূড়ান্ত করায় ইউটিলিটিগুলোর নানা রকম অসঙ্গতি সামনে আসতো।
গত ২৭শে আগস্ট নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের আইন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের একক ক্ষমতা ফিরে পায় বিইআরসি। গেজেটে বিইআরসি আইনে ৩৪ (ক) ধারা সংযোজন করে নির্বাহী আদেশে দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় নির্বাহী বিভাগকে। গেজেটে ৩৪ (ক) ধারা বিলুপ্ত করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম  করপোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আমিন-উল আহসান মানবজমিনকে বলেন, ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)তে পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে মন্ত্রণালয় থেকে এখনো ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণের নির্দেশনা আসেনি।

কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর  জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম মানবজমিনকে বলেন, আইন অনুযায়ী এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সব জ্বালানি তেলের দাম নির্ধারণ করবে। আগামী মাস থেকে বিইআরসি’র মতামতের ভিত্তিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ না হলে আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, চলতি মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণের ফলে জনগণ কোনো সুবিধা পায়নি। বাজারে কোনো প্রভাবও পড়েনি। এতে শুধু ব্যবসায়ীরা লাভবান হয়েছে। আমরা অন্তত ৩ বছরের মধ্যে দেশে বিদ্যুৎ-জ্বালানির দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছি। বিগত সরকার নির্বাহী আদেশের মাধ্যমে বিইআরসি’র আইনকে শুধু খর্ব করেছে বললে ভুল হবে, বিইআরসি’র ক্ষমতাকে খর্ব করা হয়েছে। তাই বিইআরসিকে তার প্রকৃত শক্তি ফিরিয়ে দিতে হবে।

ক্যাব বলছে, বিইআরসি আইনের সংশোধনী ৩৪ ক বাতিল হয়েছে। ২০১২ সালে বিইআরসি প্রস্তাবিত পেট্রোলিয়ামজাত পণ্যের (পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল, কেরোসিন ইত্যাদি) মূল্যহার নির্ধারণ সংক্রান্ত তিনটি প্রবিধানমালা কার্যকর দেখতে চাই ক্যাব। ক্যাব’র পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের নিরাপত্তায় ১১ দফা দাবি জানানো হয়। অন্যায় ও অযৌক্তিক ব্যয় রোধ করে ঘাটতি সমন্বয় ও পণ্য মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং সংকট মোকাবিলা করার লক্ষ্যে ৩ বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির মূল্যহার বৃদ্ধি না করার দাবি জানানো হয়। বিইআরসি’র আওতায় বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪-এর আলোকে জ্বালানি খাত সংস্কার প্রস্তাব প্রণয়নের জন্য একটি ‘জ্বালানি খাত সংস্কার কমিশন’-এর কথা বলা হয়েছে। কস্ট প্লাস নয় কস্ট বেসিসে লুণ্ঠনমুক্ত মুনাফাবিহীন সরকারি জ্বালানি সেবা দাবি ক্যাব’র।

mzamin

Tuesday, September 24, 2024

বাংলাদেশের অস্থিরতার মধ্যে গোড্ডা প্ল্যান্টকে ভারতীয় পাওয়ার গ্রিডের সঙ্গে যুক্ত করতে চাইছে আদানিরা

বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আদানি পাওয়ার ভারতের মধ্যে বিদ্যুৎ বিক্রির বিকল্পগুলো মূল্যায়ন করছে। সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট মোতাবেক, ঢাকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আদানিদের সাথে   ২০১৭ সালের চুক্তি পর্যালোচনা করা হতে পারে এমন ইঙ্গিতের মধ্যে নতুন এই খবর সামনে এসেছে। বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রটি সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। ১৬০০ মেগাওয়াট প্ল্যান্টটি বিহারের লক্ষীসরাইয়ের একটি সাবস্টেশনের মাধ্যমে ভারতীয় গ্রিডের সাথে সংযোগের জন্য একটি অনুমোদন পেয়েছে। ভারতীয় গ্রিডের সাথে সংযোগ করার জন্য কোম্পানিকে প্রথমে ১৩০-কিমি ট্রান্সমিশন লাইন তৈরি করতে হবে যা আদানি পাওয়ারের মতে যথেষ্ট সময় সাপেক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অব ইন্ডিয়া লিমিটেড (সিটিইউআইএল) বাঙ্কায় একটি সাবস্টেশনের মাধ্যমে দ্রুত সংযোগের জন্য আদানি পাওয়ারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সিটিইউআইএল ট্রান্সমিশন পরিকল্পনার জন্য জাতীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ২১ আগস্টের বৈঠকের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, মুহাম্মদ  ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন পর কেন্দ্র ১০ আগস্ট গোড্ডা প্ল্যান্টের জন্য সংযোগের সুপারিশ করেছিল, সেখানে বাংলাদেশে পরিবর্তিত ভূ-রাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে পেমেন্ট বকেয়ার কথা জানানো হয়েছিল। তার চার দিন আগে আদানি পাওয়ার বিদ্যুৎ মন্ত্রককে জানিয়েছিল যে কম চাহিদা বা ভূ-রাজনৈতিক সমস্যা বাংলাদেশকে প্রভাবিত করার সময় ভারতে বিদ্যুৎ সরবরাহ করা লাভজনক হবে।১২ অগস্ট বিদ্যুৎ মন্ত্রক বিদ্যুতের আমদানি/রপ্তানি (ক্রস বর্ডার) জন্য নির্দেশিকা সংশোধন করে দেশীয় প্ল্যান্টগুলোকে একচেটিয়াভাবে প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ সরবরাহ করার অনুমতি দেয়, বর্তমানে শুধুমাত্র আদানির গোড্ডা প্ল্যান্ট বিদ্যুৎ বিক্রি করতে পারে। এটি নিয়ন্ত্রক সংস্থাগুলোকে এই জাতীয় প্ল্যান্টগুলোতে সংযোগ দেওয়ার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছে।

সিটিইউআইএল ২১ আগস্ট আদানির গোড্ডা প্ল্যান্টের সাথে লক্ষীসরাই সাবস্টেশনের সংযোগ প্রস্তাব অনুমোদন করেছে, যাতে কোম্পানির প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ হয়। একই বৈঠকে আদানি পাওয়ার হাইলাইট করে যে, এই প্রস্তাবটি বাস্তবায়ন করতে ‘যথেষ্ট সময়’ লাগবে এবং কাছাকাছি বাঙ্কা সাবস্টেশনের সাথে একটি অন্তর্বর্তী সংযোগের পরামর্শ দেওয়া হয়েছিল যা প্রত্যাখ্যান করা হয়। গোড্ডা প্ল্যান্ট ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এর আগে আদানি পাওয়ার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল যে, প্ল্যান্ট থেকে তার ৫০০ মিলিয়ন ডলার বকেয়া আছে।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

mzamin

Friday, September 13, 2024

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ সরকার

আদানি গ্রুপসহ বাংলাদেশে ভারতীয় যেসব ব্যবসা প্রতিষ্ঠান কাজ করছে তাদের সঙ্গে করা চুক্তি পরীক্ষা করে দেখবে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ২০১৭ সালের একটি চুক্তির অধীনে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ওই চুক্তিগুলোর শর্ত জানতে চায়। যাচাই করে দেখতে চায় বিদ্যুতের জন্য যে মূল্য দেয়া হচ্ছে তা যথার্থ কিনা। অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক শুভজিৎ রয়। তার দাবি, এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, আদানির ব্যবসার মতো ভারতীয় ব্যবসাগুলোর বিষয়ে যাচাই বাছাই করা হবে। দেখা হবে কি জাতীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। তাতে কি কি শর্তাবলী আছে। দেশের আইন না মানা কোনো বিদেশি কোম্পানি থাকতে পারে না। এ জন্যই এসব তদন্ত করা হবে। ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব করা হবে না। এখানে তারা কী করছে তা যাচাই করে দেখা হবে। দেখা হবে বাংলাদেশ কতোটা মূল্য পরিশোধ করছে। সেটা ন্যায্য কিনা। এসব প্রশ্নই সামনে আসবে।

উল্লেখ্য, ১৪৯৬ মেগাওয়াট (নিট পরিমাণ) বিদ্যুৎ কেনা বিষয়ক ২৫ বছর  মেয়াদি পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেড (এপিজেএল) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্বাক্ষর করে। এর অধীনে এজেপিএলের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের শতভাগ কেনার কথা বাংলাদেশের। এই বিদ্যুৎকেন্দ্রটি শতভাগ আমদানি করা কয়লা দিয়ে চলে। ২০১৯ সালের মার্চে এই বিদ্যুৎ উৎপাদন ইউনিটকে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা দেয় ভারত সরকার। বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের এপ্রিল-জুনে পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম চালায়। এ সময়ে তারা বাংলাদেশভিত্তিক লোডের শতকরা ৭ থেকে ১০ ভাগ সরবরাহ করে। ২০২৩-২০২৪ সালে তারা প্রায় ৭৫০৮ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করে। এ সময়ে বাংলাদেশে ভারত মোট বিদ্যুৎ রপ্তানি করে ১১,৯৩৪ মিলিয়ন ইউনিট। তার মধ্যে আদানি রপ্তানি করে শতকরা প্রায় ৬৩ ভাগ। মূল্যের দিক দিয়ে বাংলাদেশে ভারতের বিদ্যুৎ রপ্তানি ছাড়িয়ে যায় ১০০ কোটি ডলার। প্রতিবেশী দেশগুলোতে ভারত মোট যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করে তার মধ্যে এই পরিমাণ শতকরা প্রায় ১০ ভাগ।

চুক্তি নিয়ে বাংলাদেশ নতুন করে যাচাই বাছাই করার যে তথ্য প্রকাশিত হয়েছে তা নিয়ে আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেছেন, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) বাংলাদেশ সরকারের পর্যালোচনা করার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সত্যিকার অংশীদারিত্বের চেতনায়, আমাদের কাছে বাংলাদেশের বিপুল বকেয়া সত্ত্বেও তাদের অব্যাহতভাবে আমরা বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছি। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের অব্যাহত যোগাযোগ রয়েছে। তাদেরকে আমরা বকেয়া পরিশোধের অনুরোধ করেছি। কারণ, তা নাহলে আমাদের অপারেশন টেকসই হবে না।

ওদিকে ৯ই সেপ্টেম্বর দ্য ফিন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আদানি কমপক্ষে ৫০ কোটি ডলার বকেয়া পাওনা পরিশোধের জন্য সতর্ক করেছে। এই অর্থ পরিশোধ না করার ফলে তাদের কর্মকাণ্ড অস্থিতিশীল হয়েছে। এ রিপোর্টে বাংলাদেশের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, ৩.৭ বিলিয়ন ডলারের মোট বিদ্যুতের দায়বদ্ধতার মুখে বাংলাদেশ। আদানিকে ৪৯২ মিলিয়ন ডলার পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। তাদের কাছে বাংলাদেশের মোট বকেয়া ৮০০ মিলিয়ন ডলার।

২০১৮ সালের একটি রেজ্যুলেশন ১২ই আগস্ট সংশোধন করেছে সরকার। এই রেজ্যুলেশনের মাধ্যমে আদানির মতো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ঝুঁকিমুক্ত করা হয়েছিল এবং ভারতীয় গ্রিডের সঙ্গে এই বিদ্যুৎ স্টেশনের সংযোগের অনুমতি দেয়া হয়েছিল। এমন অবস্থায় নন-শিডিউলের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বা আংশিক সক্ষমতায় ভারতে বিদ্যুৎ বিক্রি করার সুযোগ দেয়া হয়। অর্থাৎ, যদি পাওনা পরিশোধে বিলম্ব করা হয় তাহলে দেশের ভেতরেই বিদ্যুৎ বিক্রির পথ পরিষ্কার রাখা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বিষয়ক বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২২-২০২৩ (জুলাই-জুন) সময়ে ভারতীয় কোম্পানিগুলোর কাছ থেকে আমদানি করা বিদ্যুতের গড় দাম পড়ে ইউনিট প্রতি ৮.৭৭ টাকা।

তবে তা কোম্পানি থেকে কোম্পানিতে ভিন্ন হয়। এনভিভিএল লিমিটেডের ক্ষেত্রে প্রতি ইউনিটের মূল্য ছিল ৪.২২-৮.৪৫ টাকা। পিটিসি ইন্ডিয়া লিমিটেডের প্রতি ইউনিটের দাম ছিল ৯.০৫ টাকা। সেমক্রোপ এনার্জি ইন্ডিয়ার মূল্য প্রতি ইউনিট ছিল বাংলাদেশি টাকায় ৯.৯৯৫ টাকা এবং এপিজেএল প্রতি ইউনিটের মূল্য ছিল ১৪.০২ টাকা।

এমন অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিস্তারিতভাবে ওই কর্মকর্তা বলেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা একটি স্থিতিশীল সম্পর্ক চাই। একটি নিরপেক্ষ সম্পর্ক চাই। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় একটি সমস্যা হয়েছে। প্রথমত, আমরা দেখেছি তিনি সেখানে কিছু সময়ের জন্য রয়েছেন। কিন্তু এখন তাকে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হচ্ছে। শেখ হাসিনার বিবৃতির উল্লেখ করে তিনি এ কথা বলেন। প্রফেসর ড. ইউনূস যে অর্থনীতির দিকে দৃষ্টি দিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রশাসনকে পচিয়ে ফেলে, অর্থনীতিকে পচিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। দুর্নীতি ভয়াবহ ছিল তার সময়ে। পিয়ন পর্যায়ের লোকের বিশাল এক কোটি টাকার সম্পদ রয়েছে। তিনি আরও বলেন, আমরা সবেমাত্র ইঞ্জিন চালু করেছি। এটাকে কাজ করতে দিন। তারপর সামনে এগুবো। 

mzamin

Wednesday, September 11, 2024

হঠাৎ কেন এত লোডশেডিং

হঠাৎ করে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সক্ষমতা থাকলেও প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।  বিতরণ কোম্পানিগুলো বলছে, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না। তাই লোডশেডিং বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হচ্ছে। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেয়া হয়নি। ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎকেন্দ্র। দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে। সরকারের দায় বেড়েছে। অথচ তিন বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই। ফলে বেড়েছে লোডশেডিং। সোমবার গড়ে ২ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে।

বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ওয়েবসাইটের তথ্য বলছে, সোমবার বেলা ৩টায় ১ হাজার ৮৭৪ মেগাওয়াট লোডশেডিং হয়। গত রোববারও দেশে গড়ে ১ হাজার ২৯১ মেগাওয়াট লোডশেডিং হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৩ হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ আছে। জ্বালানি সংকটে দেশে ৬ হাজার ২৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতে প্রতিদিন গড়ে ৮৮ কোটি ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল ১৩৫ কোটি ঘনফুট।
বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় সুবিধাভোগী ছিল সামিট গ্রুপ। এ গ্রুপটির এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। এতে বড় সংকট তৈরি হয়েছে।  

জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘণ্টায় ১৬০ মেগাওয়াটের স্থানে ৬০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি-বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে ৮৮০ মেগাওয়াট। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকেও ৫০০ মেগাওয়াট কম আসছে। পিজিসিবি’র তথ্যমতে, গতকাল দুপুর ৩টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৭৫০ মেগাওয়াট। আর বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াটের বেশি।

ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল ৪০০ মেগাওয়াট। পরিস্থিতি সামলাতে ডেসকোকে অঞ্চলভেদে ৩ থেকে ৪ বার লোডশেডিং করতে হয়। ডিপিডিসি’র এলাকায় দুই থেকে তিনবার লোডশেডিং হয়। বিদ্যুৎ বিক্রয় বাবদ বকেয়া অর্থ আদায়ে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিচ্ছে ভারতের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। গ্রুপের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের কাছে তাদের পাওনা বর্তমানে প্রায় ৫০ কোটি ডলার।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল (সামিটের মালিকানাধীন) তিন মাস ধরে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট। বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না। কারণ, তারাও অনেক টাকা পাবে। তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে।

কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে ১১০ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭শে মে থেকে বন্ধ। এতে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে দৈনিক ৬০ কোটি ঘনফুট। পিডিবি’র কর্মকর্তারা বলেন, গ্যাসের সরবরাহ কম, বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধে ব্যবস্থা নিয়েছে সরকার। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

mzamin