Sunday, February 27, 2011

মিয়ানমারে পাঁচ ভিন্নমতাবলম্বীর কারাদণ্ড

সামরিক জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত পাঁচ ভিন্নমতাবলম্বীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ভিন্নমতাবলম্বী বিদেশে অবস্থানরত সংগঠনগুলোকে সহযোগিতা করাসহ আইন লঙ্ঘনের অপরাধে তাঁদের ১১ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। এক আইনজীবী গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
একটি উৎসবে বোমা হামলাকারী সন্দেহে ২০১০ সালের এপ্রিলে ইয়াঙ্গুনে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ

আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচনে গতকাল শুক্রবার ভোট গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টের ১৬৫ আসনের বিপরীতে মোট ৫৬৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পূর্ণাঙ্গ ফল পেতে আজ শনিবার রাত পর্যন্ত সময় লেগে যেতে পারে।
অর্থনৈতিক মন্দা কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে গত নভেম্বরে সাড়ে ১১ হাজার কোটি ডলার প্যাকেজ ঋণ গ্রহণের পর দেশটিতে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে এই বিষয়টিই ভোটারদের মধ্যে প্রভাব ফেলছে বলে ধারণা বিশ্লেষকদের।
গতকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১০টা পর্যন্ত তা চলে। সারা দেশে ছয় হাজার বুথে ভোট গ্রহণ করা হয়। আজ সকাল নয়টায় ভোট গণনা শুরু হবে। রাত নাগাদ ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি হবে আয়ারল্যান্ডের ৩১তম পার্লামেন্ট। আগামী ৯ মার্চ এই পার্লামেন্ট অধিবেশন বসবে।

নিউজিল্যান্ডে এখনো ২০০ জন নিখোঁজ

নিউজিল্যান্ডে ভূমিকম্পের ঘটনায় এখনো ২০০ জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি ধসে পড়া ভবনের নিচে কমপক্ষে ১২২ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের পুলিশ জানায়, ভূমিকম্পে নিহত ১১৩ জনের মধ্যে প্রথমবারের মতো চারজনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুজন পূর্ণবয়স্ক এবং পাঁচ ও নয় মাস বয়সী দুটি শিশু রয়েছে। গত বুধবারের পর ভূমিকম্পের ঘটনায় আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে তাঁরা হলো: জেইম রবার্ট ম্যাকডোয়েল গিলবার্ট (২২), জোসেফ টেহাউ পোহিও (৪০), বাক্সটার গোউল্যান্ড (পাঁচ মাস) ও জেয়দেন হারিস (নয় মাস)।
উদ্ধারকর্মীরা জানান, নিহত ব্যক্তিদের নামের তালিকা করার ক্ষেত্রে কঠোর সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ক্রাইস্টচার্চের করোনার সু জনসন পরিবারগুলোকে তাদের নিখোঁজ স্বজনদের শনাক্তকরণ চিহ্ন জানাতে অনুরোধ করেছেন। এতে উদ্ধারের পর তাদের শনাক্ত করা সম্ভব হবে।

ভারতে সন্তান জন্মদানের পর ১২ নারীর মৃত্যু

দূষিত স্যালাইন পুশ করায় ভারতের একটি সরকারি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পরপরই ১২ জন নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। রাজস্থান রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরের উমায়েদ হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অপর তিন নারীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের মধ্যে ওই ১২ জন নারীর মৃত্যু হয়।
যোধপুরের সহকারী পুলিশ সুপার স্বরুপ শর্মা জানান, পুলিশ কর্মকর্তারা স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও তাঁর সরবরাহকারী প্রতিষ্ঠান জড়িত কি না, তার তদন্ত শুরু করেছে। হাসপাতালের পরীক্ষায় স্যালাইনগুলোতে ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। তিনি জানান, উমায়েদসহ তিনটি সরকারি হাসপাতাল থেকে ওই স্যালাইন উৎপন্নকারী প্রতিষ্ঠানের ১০ হাজার বোতল স্যালাইন জব্দ করা হয়েছে।
চিকিৎসক নরেন্দ্র চাঙ্গানি জানান, মৃত্যুর আগে ১২ জন নারীর ১১ জনই নিরাপদে সন্তান জন্ম দিতে পেরেছেন। এর মধ্যে এক নারীর সন্তানের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে গাদ্দাফির কোটি কোটি পাউন্ডের সম্পদ জব্দ করা হবে

যুক্তরাজ্যে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির রাখা শত শত কোটি পাউন্ডের সম্পদ খুব শিগগিরই জব্দ করা হবে। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
সরকারবিরোধী বিক্ষোভের কারণে লিবিয়ায় আটকে পড়া অন্তত ৫০০ জন ব্রিটিশ নাগরিক দেশটি ত্যাগ করতে সক্ষম হয়েছেন। ব্রিটিশ সামরিক বিমান ও নৌবাহিনীর যুদ্ধজাহাজে করে তাঁরা লিবিয়া ত্যাগ করেন।
টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে গাদ্দাফির শত শত কোটি পাউন্ড থাকতে পারে। এ ছাড়া বাণিজ্যিক সম্পত্তি এবং লন্ডনে তাঁর এক কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। ব্রিটিশ সরকার দেশটিতে গাদ্দাফির সম্পদ অনুসন্ধানে একটি দল গঠন করেছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর যুক্তরাজ্যে গাদ্দাফির সম্পদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাজ শুরু হয়েছে।

নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয়

জর্ডানের রাজধানী আম্মানে গতকাল শুক্রবার রাজনৈতিক সংস্কারের দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। জর্ডানভিত্তিক মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্টের সঙ্গে মিলে অন্যান্য বিরোধী দল এ বিক্ষোভ করে।
বিক্ষোভের সময় প্রচুরসংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতি চোখে পড়ে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থেকে উল্টো বিক্ষোভকারীদের পানি ও জুসের বোতল সরবরাহ করে। দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন নেতা মাইসারা মালাস বলেন, ‘আমরা আজ আমলাতান্ত্রিক গোষ্ঠীর বিরুদ্ধে ও সরকারে সংস্কারের দাবিতে বিক্ষোভ করছি। আমরা সত্যিকার অর্থেই একটি সংসদীয় ব্যবস্থা চাই।’
ইসলামিক অ্যাকশন ফ্রন্টের প্রধান হামজা মানসুর সমবেত জনতাকে বলেন, সংস্কার অবশ্যম্ভাবী, এটা এড়ানো যাবে না।

ব্রিটিশদের ফিরিয়ে নিতে দেরি হওয়ায় ডেভিড ক্যামেরনের দুঃখ প্রকাশ

সরকারবিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠা লিবিয়ায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারি নির্দেশে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্ভাব্য সব কিছুই করবে সরকার। দেশটিতে এখনো ২০০ জন ব্রিটিশ নাগরিক আটকা পড়ে আছেন।
ওমানের মাস্কট থেকে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে তাঁর সরকারের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ক্যামেরন ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে নেওয়া হয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সকে জানিয়েছেন।

রাশিয়ার ৬৫ হাজার কোটি ডলারের বিপুল সমরসজ্জার উদ্যোগ

রাশিয়া ২০২০ সালের মধ্যে তার সামরিক খাতকে বিপুল আধুনিক সরঞ্জামে সজ্জিত করার উদ্যোগ নিয়েছে। এ সময়ের মধ্যে তারা সামরিক বিভাগে আরও আটটি পরমাণু সাবমেরিন, ৬০০ জঙ্গি বিমান এবং এক হাজার হেলিকপ্টার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ খাতে তাদের ব্যয় হবে ৬৫ হাজার কোটি ডলার।
এর বাইরে রাশিয়ার ১০০ যুদ্ধজাহাজ ও দুটি হেলিকপ্টারবাহী রণতরী কেনার কথা রয়েছে। এর মধ্যে ফ্রান্স থেকে রাশিয়া দুটি হেলিকপ্টারবাহী রণতরী কেনার আলোচনা সেরেছে।
কর্মকর্তারা বলেন, যেসব সাবমেরিন কেনার কথা রয়েছে, সেগুলো রাশিয়ার নিজের তৈরি বুলাভা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হবে।
প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলেন, উচ্চাকাঙ্ক্ষী এ পদক্ষেপে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, মান্ধাতা আমলের সামরিক ব্যবস্থাকে নবায়ন করে রাশিয়া আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হতে চায়।
একটি বার্তা সংস্থা জানায়, সামরিক বাহিনীর অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে এর মধ্যে রাশিয়াকে বিপুল জনবল ছাঁটাই করতে হয়েছে। অস্ত্র কেনার খরচ জোগাতে সশস্ত্র বাহিনী থেকে প্রায় দুই লাখ কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে। প্রতি দশটি সেনা ইউনিটের মধ্যে নয়টিকেই ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিশ্লেষকেরা বলছেন, পরিকল্পনামতো রাশিয়া যদি এসব সরঞ্জাম সামরিক খাতে যোগ করতে পারে, তাহলে সাবেক সোভিয়েত আমলের পুরোনো অস্ত্রভান্ডারের ওপর মস্কোর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে।
পাভেল ফেলজেনহাওয়ের নামের একজন সামরিক বিশ্লেষক এপিকে বলেন, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতে পাওয়ার পর সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে রাশিয়ার একটি পেশাদারি নন-কমিশনড্ অফিসার কর্পস নিয়োগ করতে হবে। যেসব বিশেষজ্ঞ এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিচালনা করবেন, তাঁদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়াই হবে ওই অফিসার কর্পসের কাজ।
গত সপ্তাহে রাশিয়ার অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন বলেন, রাশিয়ার বর্তমান প্রতিরক্ষা ব্যয় মোট জাতীয় প্রবৃদ্ধির ০৫ শতাংশ। আগামী বছর থেকে এ ব্যয় তিন গুণ করে ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হবে। গত বৃহস্পতিবার মস্কোয় রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পোপোভকিন প্রতিরক্ষা ব্যয়ের খসড়া বিস্তারিতভাবে উপস্থাপন করেন। পোপোভকিন বলেন, ‘সশস্ত্র বাহিনীর আধুনিকায়নকেই এ মুহূর্তে আমরা আমাদের প্রধান কাজ বলে মনে করছি।’ তিনি জানান, নৌবাহিনীর উন্নয়নে প্রস্তাবিত ব্যয়ের বেশির ভাগ অর্থ ব্যয় করা হবে। সাবমেরিনের পাশাপাশি ৩৫টি করভেট (দ্রুতগামী রণতরী) এবং ১৫টি ফ্রিগেট (সমরাস্ত্রবাহী বিশেষ রণতরী) কেনা হবে।
রাশিয়া ফ্রান্সকে যে দুটি রণতরী সরবরাহের ফরমায়েশ দিয়েছে তা কয়েক শ সেনা ও কয়েক ডজন সাঁজোয়া যান নিয়ে বিদেশি ভূখণ্ডে অভিযান চালাতে সক্ষম হবে। এস-৫০০ ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাসম্পন্ন সামরিক বাহিনীর ১০টি ডিভিশন দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
এপি বলেছে, নতুন যেসব এয়ারক্র্যাফট রুশ বাহিনীতে যোগ হতে যাচ্ছে সেগুলো হলো, এসইউ-৩৪ ও এসইউ-৩৫ যুদ্ধবিমান, এমআই-২৬ পরিবহন বিমান এবং এমআই-৮ গানশিপ হেলিকপ্টার।